প্রবল বল শীতের ভোর। আলো ফুটছে ধীরে ধীরে। সার সার তাঁবুর সামনে গত রাতের জ্বালানো অগ্নিকুণ্ডগুলো এখনও জ্বলছে। যতদূর চোখ যায়, শুধু সার সার ছোট-বড় তাঁবু। অন্য দিন ভোরের আলো ফুটলেই ঘোড়ার দল সওয়ারিকে পিঠে নেওয়ার জন্য চঞ্চল হয়ে ওঠে, হাঁক-ডাক শুরু করে। বহু মাইল দূর থেকে শোনা যায় তাদের সম্মিলিত হ্রেষারব। কিন্তু আজ যেন তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে।
সত্যিই এমন শীত এর আগে দেখেনি কেউ। কাজাখের এ জায়গার নাম ওতবার। এই শুষ্ক ভূমি থেকে পথ এগিয়েছে সোজা চীনের দিকে। কাজাখের রেশম পথ। এ পথেই চীনের রেশম ব্যবসায়ীরা যাওয়া আসা করে। এই বিশাল অশ্বারোহী সেনাদলের গন্তব্যও চীন। সারা মধ্য এশিয়াকে পদানত করার পর আমীরের লক্ষ এবার মিং রাজবংশের ছত্রছায়ায় চীন অধিকার করা। তাই এই সামরিক অভিযান।
আমীর তাঁর অভিযানের জন্য সাধারণত বসন্তকালকেই বেছে নেন। কিন্তু, এবারের চীন অভিযানের জন্য তিনি শীতকালকে নির্বাচন করলেন কেন তা অনেকেরই বোধগম্য হচ্ছে না।
যুদ্ধ আর আমীর—এদুটো শব্দ সমার্থক। তাঁর মতো যুদ্ধের অভিজ্ঞতা, হত্যার অভিজ্ঞতা, অন্য দেশ জয়ের অভিজ্ঞতা চেঙ্গিজের পর পৃথিবীতে কারো নেই। হয়তো তাঁর অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে সম্রাট হংকুই-এর চীনকে আক্রমণ করার জন্য উপযুক্ত সময় এই শীতকাল। আবার এ-ও হতে পারে যে, আমীরের শরীরে প্রবাহিত তাঁর যাযাবর পূর্বপুরুষদের রক্ত তাঁকে বেশিদিন এক জায়গায় স্থির থাকতে দেয় না।
রক্তের ডাক উপেক্ষা করা বড় কঠিন। তার ওপর আমীরের আড়ালে কেউ কেউ বলেন যে, রক্ত না দেখে নাকি বেশিদিন স্থির থাকতে পারেন না তিনি। আমীর তাঁর এই সত্তর বছরের জীবনকালে নিজের হাতে একাই অন্তত দশ হাজার মানুষকে হত্যা করেছেন, আর তাঁর বাহিনী হত্যা করেছে দু-কোটির বেশি মানুষকে। হয়তো বা এই হত্যার নেশাতেই আর বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে চাননি তিনি। তবে আমীর হয়তো অনুমান করতে পারেননি এ পথে এমন শীত। তিনি নিজেও শীতের প্রকোপে বেশ কাবু হয়ে পড়েছেন। বুকে ঠান্ডা বসেছে।
ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে সেনারা। তবে তারা বুঝতে পারছে না আজ তাঁবু গুটিয়ে আবার পথ চলা শুরু হবে কিনা! চীন সীমান্ত এখনও বেশ কিছুদিনের পথ। এই প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে কীভাবে এগোবে আমীরের সেনাবাহিনী? তাঁবুর মধ্যে থাকা কিছু সেনার ঘুম আর কোনওদিন ভাঙবে না। গত রাতের প্রবল ঠান্ডা চিরদিনের মতো তাদের ঘুম পাড়িয়ে রাখল এই জনহীন প্রান্তরে। আগামীতে আরও অনেকের ভাগ্যেই একই ঘটনা ঘটার সম্ভাবনা নিশ্চিত। কিন্তু আমীরের ইচ্ছাই শেষ কথা। অন্য তাঁবুগুলোর থেকে আমীরের তাঁবুর বিশেষ কিছু পার্থক্য নেই।
একইরকম ছাগলের চামড়ায় প্রস্তুত সেটা। আকারে সামান্য বড় শুধু। আর তার মাথায় উড়ছে আমীরের পতাকা।
আর সেই তাঁবুকে ঘিরে রয়েছে তাঁর সেনাপতি, অন্য পার্শ্বচরদের তাঁবু। তেমনই একটা তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলেন একজন। তাঁর নাম পীর মহম্মদ শা। আমীরের পরই বাহিনীতে তাঁর স্থান। কারণ, ইতিমধ্যেই আমীর ঘোষণা করে দিয়েছেন, তাঁর মৃত্যু পর তাঁর পুত্ররা নন, আমীরের বিশাল সাম্রাজ্যের অধিকারী হবেন ওই পীর মহম্মদ শা৷
পীর মহম্মদ তাঁবুর বাইরে বেরিয়ে প্রথমে তাকালেন আমীরের তাঁবুর দিকে। তারপর আশপাশের তাঁবুর বাইরে দাঁড়ানো অন্যদের দিকে। সবারই হাত-পা যেন ঠান্ডায় জমে গেছে। পোশাকের ভিতর যথাসম্ভব নিজেকে আবৃত রেখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সবাই। শিরস্ত্রান আর পাগড়ির আড়াল থেকে তাদের চোখ দুটোই শুধু দেখা যাচ্ছে। আর তাতে জেগে আছে প্রবল উৎকণ্ঠার ছাপ।
উৎকণ্ঠা পীর মহম্মদের মনেও। আমীর কী সিদ্ধান্ত নেবেন আজ? সম্যক পরিস্থিতি উপলব্ধি করতে পারছেন পীর মহম্মদ। কিন্তু, আমীরকে পরামর্শ দেবার সাহস তাঁর তো দূরস্থান, পুত্র শাহরুকেরও নেই।
পীর মহম্মদ দেখতে পেলেন আমীরের ব্যক্তিগত চিকিৎসকও তাঁবুর বাইরে এসে দাঁড়িয়েছেন। চুঘাই নামের ওই বৃদ্ধ চিকিৎসক আমীরের বহু অভিযানের সঙ্গী। আমীর তাঁকে বেশ ভরসা করেন।
আমীর একমাত্র তাঁর দেওয়া ওষুধই নির্দ্বিধায় মুখে তোলেন। চুঘাই প্রত্যহ একবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন।
পীর মহম্মদ ইশারায় ডেকে নিলেন চুঘাইকে। তারপর তাঁকে নিয়ে এগোলেন আমীরের তাঁবুর দিকে। তাঁবুতে প্রবেশ করার আগে চাপাস্বরে তিনি চুঘাইকে বললেন, হয়তো আপনিই একমাত্র পারবেন আমীরের মত পরিবর্তন ঘটাতে।
আমীরের তাঁবুর ভিতরে বেশ কয়েকটা কক্ষ আছে। সে সব কক্ষ অতিক্রম করে তারা দুজন এসে দাঁড়ালেন আমীরের শয়ন কক্ষের সামনে। পর্দার ফাঁক দিয়ে কক্ষের ভিতরটা দেখা যাচ্ছে। একটা বড় তামার পাত্রে কাঠকয়লার আঁচ জ্বলছে। তার লাল আভা ছড়িয়ে পড়েছে সে কক্ষে।
আমীর উঠে বসেছেন মেঝেতে পাতা গালিচার ওপর। তাঁর গায়ে একটা চিতা বাঘের চামড়ার শাল জড়ানো। কোলে রাখা খাপসমেত বিখ্যাত তলোয়ার। তলোয়ারটা কোলে নিয়ে সেটার দিকে তাকিয়ে আছেন তিনি। তাঁদের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালেন আমীর।
অভ্যন্তরে ঢুকে শাসকের উদ্দেশে কুর্নিশ করলেন তাঁরা। পীর মহম্মদের মনে হল আমীরের চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। যেন মৃদু মৃদু দুলছেন। চুঘাই তাঁকে প্রশ্ন করলেন, আজ আপনি কেমন বোধ করছেন?
মুখে কোনও জবাব না দিয়ে তিনি তাঁর একটা হাত প্রসারিত করলেন। চিকিৎসক চুঘাই কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে আমীরের হাত স্পর্শ করলেন, নাড়ি দেখার জন্য। আমীরের বাহু স্পর্শ করেই তিনি বুঝতে পারলেন, তিনি প্রবল জ্বরে আক্রান্ত। আর নাড়ির গতিও সুবিধার নয়।
চুঘাই বেশ কিছুক্ষণ ধরে আমীরকে পরীক্ষা করার পর বললেন, “আপনার বুকে শ্লেষ্মার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জ্বরও এসেছে। সুস্থ হবার জন্য শীত থেকে আপনার দূরে থাকা দরকার।”
চিকিৎসকের কথা শুনে নিশ্চুপভাবে কয়েক মুহূর্ত কী যেন ভাবলেন, তারপর ঘড়ঘড়ে কণ্ঠে পীর মহম্মদকে প্রশ্ন করলেন, “সৈন্যরা যাত্রা শুরুর জন্য প্রস্তুত হচ্ছে তো?”
না বললে পাছে আমীর ক্রুদ্ধ হন পীর মহম্মদ বললেন,“হ্যাঁ, জাঁহাপনা।”
চুঘাই এবার আসল কথাটা পাড়লেন আমীরের কাছে। তিনি বললেন, “তিন দিন আগে রেশম ব্যবসায়ীদের যে মাটির দুর্গটা আমরা পিছনে ফেলে এসেছি, সেখানে ফিরে গেলে শীতের প্রকোপ থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন।”
কিন্তু, কথাটা শুনেই আমীর বলে উঠলেন, “সামান্য জ্বরের কারণে তুমি কি আমাকে পিছু হটতে বলছ?”
চিকিৎসক একটু আমতা আমতা করে বললেন, “আপনার শরীরের কারণেই সেটা বলা। সামনে ঠান্ডা ক্রমশ বাড়বে…।”
আমীরের ঘোলাটে চোখ দুটো কয়েক মুহূর্তের জন্য দপ করে জ্বলে উঠল। তিনি বললেন, “না, আমি পিছনে ফিরব না। মানুষ হোক বা প্রকৃতি, কেউ আমাকে পিছু হঠাতে পারেনি, আজও পারবে না। চীনের মাটিতে কাঁপন ধরাবে আমার ঘোড়ার খুরের শব্দ। সম্রাট হংকুই-এর ভবিষ্যৎ লিখে ফেলেছি আমি। ইসপাহান জয় করার পর আমি যেমন সেখানকার বাসিন্দাদের কাটা মুন্ডু দিয়ে মিনার বানিয়েছিলাম, তেমনই চৈনিকদের কাটা মুণ্ডু দিয়ে মিনার বানাব।”
পীর মহম্মদের উদ্দেশে বললেন, “যাও, আমার ঘোড়া প্রস্তুত করো।”
এরপর আর কথা চলে না। তাই তাঁবু ছেড়ে বাইরে বেরিয়ে এলেন তাঁরা। অপেক্ষারত সৈনিকদের পীর মহম্মদ জানিয়ে দিলেন,“কাফেলা সামনে এগোবে। তাঁবু গোটাও।”
তাঁবুর বাইরে বেরিয়ে আসছেন আমীর। যখন তিনি ঘোড়ার দিকে এগোলেন, তখন যেন হাঁটার গতিবেগ শ্লথ বলে মনে হল পীর মহম্মদের। আমীরের মনের জোর যতই থাকুক না কেন তাঁর শরীর ধুকছে বিশালাকৃতির ধূসর ঘোড়ার পিঠে উঠে বসেছেন। আবার যাত্রা শুরু হল। পিছনে পড়ে রইল বেশ কিছু সৈনিকের হিমশীতল মৃতদেহ।
বেলা বাড়তে লাগলেও সূর্যের তেজ নেই। যত পথ তাঁরা এগোতে লাগলেন, ঠান্ডা ততই বাড়তে লাগল। তীব্র শিসের মতো শব্দ করে প্রবাহিত হতে লাগল কনকনে ঠান্ডা বাতাস। তবু তারই মধ্যে এগিয়ে চললেন শাসক। অনেকটা যেন যন্ত্রের মতোই।
তাঁর এক পাশে ঘোড়ার পিঠে পীর মহম্মদ, অন্য পাশে পুত্র শাহরুক। প্রবল শীতে তাঁদের আঙুলগুলো জমে যাচ্ছে। কোনও মতে লাগাম ধরে আছেন তাঁরা। কেবলমাত্র আমীরই অবিচল, তিনি চেয়ে আছেন সামনের যাত্রাপথের দিকে৷
দুপুর গড়িয়ে বিকাল হল এক সময়। সারাটা পথ আমীর কারো সঙ্গে একটাও কথা বলেননি। পীর মহম্মদ ভাবতে লাগলেন, কখন এবার আমীর নিজের ঘোড়ার লাগাম টেনে হাত ওপরে তুলে এদিনের মতো যাত্রা স্থগিত করার নির্দেশ দেন। কারণ, অন্ধকার নামার আগেই তাঁবু ফেলা, অগ্নিকুণ্ড জ্বালানো, সৈন্য ও পশুদের খাবারের ব্যবস্থা সম্পন্ন করতে হয়। কিন্তু অন্য দিনের মতো বাহিনীকে থামার নির্দেশ না দিয়ে তিনি এগিয়েই চললেন।
ব্যাপারটাতে অনেকেই বেশ অবাক হলেও আমীরকে থামতে বলার মতো স্পর্ধা কারো নেই। তাই তাঁর সঙ্গে এগিয়ে চলল সকলে। ধীরে ধীরে আলো কমে আসতে লাগল।
সহসা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন পীর মহম্মদ। আমীর কখন যেন ছেড়ে দিয়েছেন ঘোড়ার লাগাম। আমীরের বাম হাতটা কাঁধ থেকে মাটির দিকে ঝুলছে। আমীরের ঘোড়াটা আসলে সামনের দিকে হেঁটে চলেছে তার অভ্যাস মতো। পীর মহম্মদ দ্রুত এগিয়ে গিয়ে আমীরের ঘোড়ার লাগাম টেনে ধরলেন।
ঝাঁকুনি দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল ঘোড়াটা। আমীর তাঁর ঘোড়া থেকে মাটিতে পড়ে যাচ্ছিলেন। পীর মহম্মদ কোনওক্রমে তাঁর শরীরটাকে ধরে ফেললেন। তারপর চিৎকার করে সবাইকে আসার নির্দেশ দিলেন। পীর মহম্মদ আর শাহরুক আমীরকে ধরাধরি করে ঘোড়া থেকে নামিয়ে মাটিতে শুইয়ে দিলেন। ছুটে এলেন হেকিম চুঘাই। তিনি পরীক্ষা করে বুঝতে পারলেন আমীরের অবস্থা সংকটজনক, দ্রুত শুশ্রূষার প্রয়োজন।
দ্রুত তাঁবু খাটিয়ে ফেলা হল। আমীরের শরীরকে তুলে নিয়ে গিয়ে তাঁবুর পুরু গালিচার ওপর শোয়ানো হল। বেশ কয়েকটা বড় তামার পাত্রে কাঠকয়লার আগুন জ্বালিয়ে তাঁবুর ভিতরটা যথাসম্ভব গরম রাখার চেষ্টা শুরু হল।
বাইরে অন্ধকার নেমে গেছে। অজানা অচেনা প্রান্তরে তাঁবুর ভিতর আমীরের জ্ঞান ফেরাবার, তাঁকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলেন বৃদ্ধ চিকিৎসক চুঘাই আর তাঁর সঙ্গে পীর মহম্মদ আর আমীর পুত্র শাহরুক। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও এক সময় তাঁরা তিনজন বুঝতে পারলেন তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। ক্রমশ শীতল, আরও শীতল হয়ে চলেছে আমীরের শরীর। মৃত্যু গ্রাস করে নিচ্ছে আমীরকে।
শেষবারের জন্য একবার চোখ মেললেন আমীর। তাঁর মুখের ওপর ঝুঁকে পড়লেন তাঁরা তিনজন। আমীরের চোখে এক অপার্থিব দৃষ্টি। সেই দৃষ্টির সামনে মুহূর্তের জন্য কেঁপে উঠলেন তিনজন।
ঠোঁট ফাঁক করলেন আমীর। স্পষ্ট স্বরে বললেন, “আমার ঘুম পেয়েছে। আমার ঘুম সেদিন ভাঙবে যেদিন আবার কেঁপে উঠবে পৃথিবী। যেই আমার কবর খুঁডুক না কেন, সে ডেকে আনবে আমার চেয়ে অগ্রাসী এক শত্রুকে।” কথাটা বলার পর একদম স্থির হয়ে গেল আমীরের দেহ। বাইরের তীব্র বাতাসে থরথর করে কেঁপে উঠল তাঁবুটা। কাফেলার ঘোড়াগুলো কোন অজানা কারণে রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে একসঙ্গে অদ্ভুতভাবে ডেকে উঠল। কোন অজানা আতঙ্কে তাঁবুর ভিতর তাঁরা তিনজনও কেঁপে উঠলেন। তারপরই সব কিছু ফের নিস্তব্ধ। এমনকী থেমে গেল বাইরের বাতাসের শব্দও। এক অসীম নিস্তব্ধতা তাঁবুর ভিতরে। বিশ্বত্রাস আমীরের চোখদুটো শুধু চেয়ে রইল আকাশের দিকে। পীর মহম্মদ খেয়াল করলেন, আমীরের ঠোঁটের কোণে ফুটে আছে এক অদ্ভুত রহস্যময় হাসি !
ভবিষ্যৎ পৃথিবীর জন্য সম্রাটের সাবধান বাণী যেন সারারাত ধরেই ভেসে বেড়াতে লাগল তাঁবুর ভিতর। তবে সব রাতেরই যেমন শেষ হয়, এ রাতেরও শেষ হল এক সময়। আমীরের ইচ্ছানুসারে তাঁর ফেলে যাওয়া সাম্রাজ্যের শাসক হলেন পীর মহম্মদ।
ভোরের আলো ফোটার পর তিনি বাইরে এসে সকলকে আমীরের মৃত্যু সংবাদ জানালেন। এও জানালেন প্রয়াত আমীরের মৃতদেহ নিয়ে এবার ফিরতে হবে রাজধানীতে, দেহকে সমাধিস্থ করার জন্য।
কস্তুরী তেল আর গোলাপ জলে আমীরের শরীরকে সিক্ত করে রেশম বস্ত্রে জড়িয়ে ভরা হল কালো কফিন বাক্সের মধ্যে। তারপর পীর মহম্মদের নেতৃত্বে সেনাদল আবার যাত্রা শুরু করল রাজধানী সমরখন্দের উদ্দেশে।
সমরখন্দে ফিরে পূর্ণ মার্যাদায় সমাধিস্থ করা হল বিশ্ববিজেতার দেহ। আমীর চাইতেন তাঁর কবরে যেন কোনও বাহুল্য না থাকে। তাই তাঁর কবরের ওপর কোন সৌধ নির্মাণ হল না। তবে কবরের গায়ে ভবিষ্যৎ পৃথিবীকে সাবধান করার জন্য বিশ্বত্রাস তৈমুর লঙ-এর শেষ কথাগুলো লিখে দিলেন নতুন শাসক পীর মহম্মদ। তারপর কেটে গেল প্রায় পাঁচশো বছর…।
