ময়নামতির নথ – ৯

বছরের শেষের ঠিক আগের দিন মধ্যাহ্নে অবশেষে ময়নাগড়ের জমিদারির বার্ষিক হিসাব করার কাজ সম্পন্ন হলো। নায়েব মশাই দলিল-দস্তাবেজগুলো দড়ি বেঁধে সিন্দুকে তুলে রাখার পর হাসি ফুটে উঠল জমিদার রাধেশ্যামানন্দের মুখে। ওঃ, কী পরিশ্রমটাই না কদিন ধরে গেল তার। মন চাইলেও এ কয় দিনের মধ্যে ময়নামতির কাছে যেতে পারেননি তিনি। ভেতরে ভেতরে গান শোনার জন্য মন আকুল হয়ে আছে তার। প্রথমে তিনি ভাবলেন, সন্ধ্যায় নাচ মহল খোলার নির্দেশ দেবেন। কিন্তু পরবর্তী সময়ে তার মনে হলো ময়নার বাড়িতেই একাকী অনেক নিবিড়ভাবে সংগীতের রসাস্বাদন করতে পারবেন তিনি। বহু দিন পর মুক্তির আনন্দে উৎফুল্ল জমিদার নায়েব ও দুই বয়স্যকে উৎফুল্লভাবে বলেই ফেললেন, ‘আজ আমি ময়নাবাইয়ের কাছে গান শুনতে যাব। দেখবে, কোনো কাজের অছিলাতে কেউ যেন আমাকে বিরক্ত করতে না যায়।’

যদিও তার বয়স্য দুজনের প্রবল ইচ্ছা ছিল ময়নামতির সংগীতসুধা পানের, কিন্তু মুখে তারা সে কথা বলতে পারল না। তারা জমিদারের উদ্দেশ্যে বলল, ‘আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা খেয়াল রাখব যাতে সে স্থানে গিয়ে কেউ আপনাকে বিরক্ত না করে।’

জমিদার রাধেশ্যামানন্দ এরপর কাছারিবাড়ি ছেড়ে নিজের মহলের দিকে রওনা হলেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নায়েব কৃষ্ণকিশোরও সে স্থান ত্যাগ করলেন। সে স্থানে রয়ে গেলেন শুধু জমিদারের দুই বয়স্য ফনীলাল ও ব্রজমাধব। তাদের তেমন কোনো কাজ ছিল না। শূন্য হয়ে যাওয়া কাছারিবাড়িতে বসে তারা ময়নাবাই আর রাধেশ্যামানন্দের সম্পর্ক নিয়ে কল্পিত, চটুল আলোচনা করতে লাগল। তাদের বদ্ধ ধারণা ময়নাবাই ও ময়নাগড়ের জমিদারের মধ্যে আদিরসের সম্পর্ক তৈরি হয়েছে। সে কারণে রানী মহলে আর তেমন যাচ্ছেন না রাধেশ্যামানন্দ। এসব কথাই চলছিল তাদের দুজনের মধ্যে। ঠিক এমন সময় কাছারিবাড়িতে এসে উপস্থিত হলো একজন লোক। ফনীলাল তার পরিচয় জিজ্ঞেস করতেই লোকটা তার হাতে ধরা একটা ছোট রেশমের পুটুলি দেখিয়ে বলল, ‘আমাকে নীলমনী কর্মকার এই জিনিসটা দেবার জন্য পাঠিয়েছেন।’

ব্ৰজমাধব জানতে চাইল, ‘কী আছে ওতে?’

কর্মকারের লোক বলল, ‘একটা সোনার নথ। জমিদারবাবু গড়াতে দিয়েছিলেন। কিন্তু সিন্দুক তো বন্ধ। নায়েব কাছারিবাড়ি ত্যাগ করার সময় তাতে চাবি দিয়ে চলে গেছেন। নথটা নিয়ে এখন কোথায় রাখা যায়। এর উপায় খুঁজতে লাগল দুই বয়স্য। হঠাৎ একসময় ব্রজমাধব চাপা হেসে সঙ্গীকে বলল, ‘এ নথ নিশ্চয় ময়নাবাইয়ের জন্যই গড়তে দেয়া হয়েছিল। তার কাছেই এটা পাঠিয়ে দিলে হয় না?’

কথাটা ফনীলালের মনে ধরল। তাহলে আর এই নথ নিয়ে এই দুপুরবেলাতে তাদের ঝামেলায় পড়তে হয় না। সে বলল, ‘হ্যাঁ, এ নথ যে পরবে তার কাছেই পাঠিয়ে দিই ওকে।’ দেউড়িতে একজন পাইক দাঁড়িয়ে ছিল। তারা দুজন তাকে ডেকে স্বর্ণকারের লোকটাকে দেখিয়ে

বলল, ‘ওকে ময়নাবাইয়ের কাছে নিয়ে যাও।’ আর কর্মকারের লোককে বলা হলো জিনিসটা ময়নাবাইয়ের হাতে দিয়ে দেয়ার জন্য।

কাছারিবাড়িতে বসা কর্তা ব্যক্তিরা যখন ওই নির্দেশ দিচ্ছেন, তখন কর্মকারের কর্মচারীও ব্যাপারটার মধ্যে সমস্যাজনক কিছু দেখল না। পাইকের সঙ্গে সে চলল যথাস্থানে অলংকারটা পৌঁছে দেয়ার জন্য।

নির্জন দুপুর। নিজের ঘরের জানালার সামনে দাঁড়িয়ে ময়নামতি চেয়ে ছিল কালীদহের দিকে। এক অদ্ভুত নিস্তব্ধতা যেন বিরাজ করছে ময়নাগড়ের প্রাসাদকে বেষ্টন করে দাঁড়িয়ে থাকা জলাশয়ের বুকে। মাঝে মাঝে কোথা থেকে যেন একটা ডাহুকের ডাক ভেসে আসছে। সে ডাক যেন চারপাশের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলছে। বেশ অনেক দিনই হয়ে গেল ময়নামতি রয়ে গেছে ময়নাগড়ে। বছর শেষ হতে আর একদিন বাকি। তারপর কি রাজাবাবু তাকে বিদায় দেবেন, নাকি ধরে রাখবেন? তিনি অবশ্য বলেছেন ময়নাবাই যতদিন ইচ্ছা থাকতে পারে এখানে।

ময়নাগড় জায়গাটা মন্দ লাগেনি ময়নাবাইয়ের। রাজাবাবু তার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য কোনো কার্পণ্য করছেন না। এখানে আরো অনেকদিন থেকেই যেতে পারে ময়নামতি। কিন্তু কয়েকদিন ধরে একটা প্রশ্ন তার মাথার মধ্যে মাঝে মাঝেই উঁকি দিচ্ছে। রানীমা তার আর রাজাবাবুর সম্পর্ক নিয়ে কী ভাবছেন? ময়নামতির স্বাছন্দ্যের জন্য যে সব দাসীকে নিযুক্ত করা হয়েছে, ময়না তাদের মুখ থেকে শুনেছে মহারানী আনন্দময়ী নাকি একজন সুন্দরী, পতিব্রতা নারী। যদিও তাকে দর্শন করার সৌভাগ্য হবে না ময়নার। কারণ সে এ কথাও জেনেছে ময়নাগড়ের রাজপরিবারের নারীরা কোনো দিন, কোনো অবস্থাতেই নারী মহলের বাইরে পা রাখতে পারে না। কঠোর অনুশাসন মেনে চলতে হয় তাদের।

সাধারণ নিয়মে মহারানীকে নিয়ে ভাবার কোনো কারণ ছিল না ময়নার। বাইজিরা এসব নিয়ে ভাবেও না কখনো। কারণ, তাদের একটাই লক্ষ্য নাচ-গান-দেহের বিনিময়ে পুরুষের মনোরঞ্জনের মাধ্যমে অর্থ উপার্জন করা। তা নিয়ে অন্য কে কী ভাবল তা অপাঙ্ক্তেয় বাইজিদের কাছে। ময়নামতিও হয়তো এ নিয়ে ভাবত না। যদি না রাধেশ্যামানন্দের আচরণ ব্যবহার মুগ্ধ করত তাকে। রাজা-জমিদার তো এর আগে অনেক দেখেছে ময়নামতি। কিন্তু সে এই প্রথম একজনকে দেখল, যে সংগীতের প্রকৃত সমঝদার। তিনি ময়নামতির সংগীতের মায়াজালেই ভেসে থাকতে চান। তার দেহের মায়াজালে নয়।

এ ব্যাপারটাই রাধেশ্যামানন্দের প্রতি সম্ভ্রম, ভালোবাসা জাগিয়ে তুলেছে ময়নার মনে। আর তার সঙ্গে সঙ্গে তার রানীর প্রতিও কৌতূহল মিশ্রিত শ্রদ্ধা সৃষ্টি হয়েছে ময়নার মনে। মহারাজ রাধেশ্যামানন্দ আর তার রানী আনন্দময়ী যেন সর্বতোভাবে ভালো থাকেন, সে কামনাই করছে ময়নার মন। তার উপস্থিতি এই চরিত্রবান বাহুবলেন্দ্র জমিদার ও তার স্ত্রীর মধ্যে কোনো মেঘ ঘনিয়ে আনবে না তো? এ কথাই ভাবছিল ময়না। এমন সময় তার কাজে নিয়োজিত দুলি নামের একজন দাসী এসে জানাল, একজন কর্মকারের লোক এসেছে তার কাছে। সে লোক বসার ঘরে প্রবেশ করার পর পর্দার আড়ালে দাঁড়িয়ে তাকে তার আগমনের কারণ জিজ্ঞেস করতে লোকটা বলল, ‘সে একটা অলংকার নিয়ে এসেছে। কাছারিবাড়ি থেকে জিনিসটা তার হাতে তুলে দেয়ার জন্য পাঠানো হয়েছে। রাজাবাবুই গড়তে দিয়েছিলেন সেটা।’

তার কথা শুনে ময়নার মনে পড়ে গেল শেষ রাতে রাজাবাবু তাকে বলেছিলেন একটা উপহার দেবেন। তবে এটাই নিশ্চয় সেই উপহারই হবে। লোকটার কথা শুনে দুলি দাসীকে দিয়ে রেশমের থলেটা গ্রহণ করাল ময়না। কর্মকারের লোক চলে যাওয়ার পর ময়না সেই রেশমের পুঁটুলি খুলে দেখল তার মধ্যে রয়েছে রক্তবিন্দুর মতো চুনি পাথর বসানো একটা সোনার নথ! রাজাবাবুর উপহার! ময়না বেশ খুশি হলো উপহারটা পেয়ে। এর কিছুক্ষণের মধ্যেই এক পাইক এসে দাসীকে খবর দিয়ে গেল যে আজ রাতে ময়নাগড়ের জমিদার এ স্থানে পদার্পণ করবেন।

নিজের মহলে ফিরে এসে মধ্যাহ্নভোজ সেরে ঘুমিয়ে পড়েছিলেন রাধেশ্যামানন্দ। একটানা পরিশ্রমের ক্লান্তিতে শরীরটা একটু বেশি শিথিল হয়ে গেছিল তার। তাই এ দিন একটু বেশি দেরিতেই রাধেশ্যামানন্দের ঘুম ভাঙল। বহুক্ষণ আগে সূর্যাস্ত হয়ে গেছে। রাধেশ্যামজিউর মন্দিরে সন্ধ্যারতি শেষ হয়ে গেছে। কালীদহের মাথার ওপর চাঁদও উঠতে শুরু করেছে। তবে ঘুম ভাঙার পর বেশ চনমনে ভাব অনুভব করলেন রাজাবাবু। তার মনে হলো সব ক্লান্তি যেন কেটে গেছে। চাকর ভৃত্যের দল তৈরি হয়েই ছিল। রাজাবাবুর নিদ্রাভঙ্গ হওয়ার পর তারা তার শরীরে সুগন্ধি তেল মর্দন করে তাকে স্নান করিয়ে দিল, নতুন পরিচ্ছদও পরিয়ে দেয়া হলোহতাকে। অবশেষে আতরের গন্ধ মেখে, ছড়ি হাতে নিজ মহল ছেড়ে ময়নামতির বাসস্থানের দিকে রওনা হলেন তিনি।

ময়নাগড়ের রাজাবাবুর জন্য প্রতীক্ষা করেই বসে ছিল ময়না। রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র প্রবেশ করলেন তার গৃহে। ঘরের ভেতর প্রবেশ করার পর তাকে আপ্যায়নের জন্য প্রথমে শরবতের পাত্র নিয়ে উপস্থিত হলো ময়না । আরামকেদারায় বসে সেই শরবতের পাত্রে চুমুক দিতে দিতে চারপাশে তাকালেন বাহুবলেন্দ্র। আজ এ ঘর অনেক বেশি উজ্জ্বল। অন্যদিনের চেয়ে আরো বেশ কয়েকটা বড় প্রদীপ জ্বালিয়েছে ময়না। তাছাড়া ময়নামতির মুখমণ্ডলও যেন আজ বেশি সুন্দর দেখাচ্ছে বলে মনে হলো রাজাবাবুর।

তৃপ্তি করে শরবত পান করার পর রাধেশ্যামানন্দ ময়নাবাইকে বললেন, ‘তোমার গান না শুনে আমি হাঁফিয়ে উঠেছিলাম। এখন আর আমার জমিদারির কাজের চাপ নেই, আজ সারা রাত আমি তোমার গান শুনব।’

ময়ানামতি বলল, ‘সে তো আমার সৌভাগ্য। এই কয়দিন আমি প্রতি সন্ধ্যায় আপনাকে গান শোনাবার জন্য প্রতীক্ষা করেছি। তবে ইতিমধ্যে বেশকিছু নতুন গান কণ্ঠে তুলেছি আমি। সেই সব নতুন গান শোনাব আপনাকে।’

বাহুবলেন্দ্র বললেন, ‘এ তো অতি উত্তম খবর। এবার শুরু করো তবে?’

রাধেশ্যামানন্দের পদতলে কিছুটা তফাতে হাঁটু মুড়ে বসল ময়নাবাই। প্রদীপের আলোতে তার নাকের নথটা যেন ঝিলিক দিয় উঠল। গান শুরু করল ময়নাবাই। ধীরে ধীরে তার কণ্ঠের সুরের জাদুতে ডুবে যেতে লাগলেন রাধেশ্যামানন্দ। বাইরে বেড়ে চলল রাত। একসময় একটা একটা করে নিভতে থাকল ময়নাগড়ের প্রাসাদের নানা মহলে জ্বলতে থাকা প্রদীপগুলো।

দেখতে দেখতে সময় পৌছে গেল মধ্যরাতে। একসময় রাজাবাবু খেয়াল করে দেখলেন একটানা গাইতে গাইতে ময়নামতির মুখমণ্ডল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তা দেখে জমিদারবাবু তাকে বললেন, ‘তুমি এবার কিছু সময়ের জন্য বিশ্রাম নাও, তারপর আবার গান ধরো।’ তার নির্দেশ মতো থামল ময়না।

রাধেশ্যামানন্দ চেয়ে আছেন ময়নার মুখমণ্ডলের দিকে। লম্বা লম্বা শ্বাস নিচ্ছে ময়না। তার নাকের পাটা আর নাকছাবিটা কেঁপে কেঁপে উঠছে। ময়নামতির দিকে তাকিয়ে একসময় রাধেশ্যামানন্দ বলেই ফেললেন, ‘তোমার মুখমণ্ডল আজ কেমন জানি একটু অন্য ধরনের সুন্দর বলে মনে হচ্ছে! কেন বলো তো?’

ময়নামতি কথাটা শুনে হেসে বলল, ‘সে তো আপনার উপহারের জন্যই রাজাবাবু। আমি যে এত সৌভাগ্যবতী, তা আমি ধারণা করতে পারিনি।’

ময়নামতির কথা বুঝতে না পেরে রাধেশ্যামানন্দ বললেন, ‘আমার উপহার মানে?’

ময়নামতি হেসে বলল, ‘শেষবার আপনি যখন এসেছিলেন, তখন আপনি আমাকে উপহার দেবেন বলেছিলেন। সে উপহার যে এত সুন্দর হবে আমার জানা ছিল না! আজ দুপুরে স্যাঁকড়ার লোক এসে নথটা আমাকে দিয়ে গেছে। এই যে সেই নথ। সে কারণে আমার মুখমণ্ডল আপনার চোখে আজ অন্য রকম লাগছে।’ এই বলে সে নথটা নাড়াল।

ময়নামতির কথা শুনে নথটার দিকে তাকিয়ে চমকে উঠলেন রাজাবাবু। হ্যাঁ, সেই চুনি পাথর বসানো সোনার নথ! মহারানী আনন্দময়ী যে নথের নকশা পছন্দ করার পর তিনি সে নথ গড়তে দিয়েছিলেন। সে নথ কর্মকারের লোকের পৌঁছে দিয়ে যাওয়ার কথা ছিল। আগামীকাল সে নথ তিনি রানীকে দেবেন বলে কথা দিয়েছেন।

রাধেশ্যামানন্দ বুঝতে পারলেন কোনোভাবে তার কর্মচারী বা কর্মকারের লোক বড় ভুল করে ফেলেছে। নথ এসে পৌঁছেছে ময়নামতির কাছে। আর ময়নামতিও নথটাকে রাজাবাবুর উপহার হিসেবে আনন্দের সঙ্গে গ্রহণ করে নাকে পরেছে! কিন্তু এখন কী হবে? ময়নামতির নাক থেকে তো আর নথ খুলে ফেলা যায় না? কাল যদি রানী তাকে নথের কথা জিজ্ঞেস করেন, তবে তাকে কী উত্তর দেবেন রাধেশ্যামানন্দ?

ময়নামতি একটু বিশ্রাম নিয়ে আবার তার গান শুরু করল। কিন্তু তার গান যেন আর রাজাবাবুর কর্ণকুহরে প্রবেশ করতে পারল না। রাত আরো বেড়ে চলল আর রাধেশ্যামানন্দ ভেবে চললেন সংকট থেকে পরিত্রাণের উপায় কী? বিশেষত ভবিষ্যতে আনন্দময়ী যদি কোনওক্রমে জানতে পারেন যে এ নথ তার স্বামী ময়নামতিকে দিয়েছেন, তবে স্বামীর সম্পর্কে সে কী ধারণা পোষণ করবে, তা সহজেই অনুমেয়।

সমাধান সূত্র ভাবতে ভাবতে হঠাৎই একটা আলোকরেখা দেখতে পেলেন ময়নাগড়ের জমিদার। হ্যাঁ, একটা পথ খোলা আছে। সে পথ হলো তমলুকে নীলকণ্ঠ কর্মকারের বসতবাটিতে গিয়ে এমন একটা নথ গড়িয়ে আনতে হবে দিনের মধ্যেই। রাজাবাবু নিজে গিয়ে তার কাছে উপস্থিত হলে সে নিশ্চয় কাজটা করে দেবে। এ সিদ্ধান্তই নিয়ে নিলেন রাজাবাবু।

রাত তখন শেষের দিকে হাঁটতে শুরু করেছে। ময়নাবাইয়ের একটা গান শেষ হতেই রাধেশ্যামানন্দ তাকে থামিয়ে দিয়ে বলল, ‘আজ এ পর্যন্তই থাক।’

ময়নামতি মৃদু বিস্ময় প্রকাশ করে বলল, ‘রাত তো এখনো বেশ খানিকটা আছে। আমার নতুন গান শোনানোও অনেকটা বাকি।’

রাজাবাবু বললেন, ‘ও গানগুলো আমি পরে শুনব। বিশেষ কারণবশত আমাকে এখন ফিরতে হবে।’

ময়নামতির কাছ থেকে এরপর মহলে ফিরে কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফোটার আগেই কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এ ব্যাপারে কাউকে না জানিয়ে দুজন দেহরক্ষীকে নিয়ে নৌকাতে কালীদহের জলে ভেসে পড়লেন ময়নাগড় ত্যাগ করার জন্য। দহ অতিক্রম করার পর তমলুক নদীপথে অনেকটাই পথ। যত দ্রুত কর্মকারের কাছে পৌঁছানো যাবে ততই মঙ্গল। দিনের আলো ফোটার পর সকাল হলে অনেকে জানলই না ময়নাগড়ের জমিদার ময়নাগড় থেকে নিরুদ্দেশ হয়েছেন। অনেকেই ভাবল তিনি তার প্রাসাদেই দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম নিচ্ছেন। তবে এদিন সকাল থেকেই রানী মহলে ব্যস্ততা শুরু হয়ে গেল। আজ বছরের শেষ দিনে রাজাবাবু রানীমার হাতের রান্না খেতে আসবেন যে! আনন্দময়ীর নির্দেশমতো তার প্রস্তুতিস্বরূপ দাসীরা নিয়োজিত হয়ে পড়ল নানান কাজে।

এদিন সূর্য ঠিক মাথার ওপরে যখন উঠল, তখন সৌদামিনীর ঘরে ভেজা কাঠ নিয়ে হাজির হলো দুলি বাগদী। কাঠের বোঝা নামিয়ে রেখে সে বলল, “আজ একটা খবর আছে গো।’

‘কী খবর?’ জানতে চাইল সৌদামিনী।

চোখ বড় বড় করে বাগদী বউ বলল, ‘রাজাবাবু ময়নাবাইকে একটা নথ গড়িয়ে দিয়েছেন।’

সৌদামিনী তাকে প্রশ্ন করল, ‘সে খবর তুই জানলি কীভাবে?’

বাগদী বউ বলল, “ওমা, কাল দুপুরে স্যাঁকড়ার লোক যখন নথটা ময়নাবাইকে দিতে গেছিল, তখন আমিই তো নথটা নিয়ে তাকে দিলাম। কী সুন্দর সোনার নথ! তাতে আবার একটা লাল পাথর বসানো! সেটা নাকে দিলে কী সুন্দর দেখাচ্ছে ময়নাবাইকে!’

এ কথা বলার পর সে আরো বলল, ‘শুনলাম রাজাবাবু নাকি কাল সারা রাত ওখানেই ছিলেন।’

সংবাদ দিয়ে চলে গেল দুলি বাগদী। সৌদামিনী দুলি বাগদীর কথা শুনে ভাবতে লাগল, তবে কি ওই বাইজির ওপর থেকে মোহ এখনো যায়নি রাজাবাবুর? আজ সন্ধ্যায় তো রানীমার কাছে থাকার কথা তার। দেখা যাক কী হয়?