সিলেট অঞ্চলে দেশীয় রাজ্য জৈন্তাপুরের রাজধানী, নিজপাট। এ জায়গাটাকে ছবির মতো সুন্দর বলে মনে হয় ক্যাপ্টেন হকিন্সের। খাসিয়া আর জয়ন্তী পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে গড়ে উঠেছে ক্ষুদ্রাকৃতি নগরী, নিজপাট তার কেন্দ্রস্থলে রয়েছে পাথর আর কাষ্ঠনির্মিত, সুউচ্চ প্রাচীর ঘেরা জৈন্তাপুর রাজ্যের রাজপ্রাসাদ। পাহাড়ের ঢালে অথবা সমতলে কোথাও একত্রিত, কোথাও বা ছড়িয়ে ছিটিয়ে আছে এ অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি।
আকাশ এখানে ঘন নীল, পাহাড়ের ঢাল ও উপত্যকা টিয়া পাখির পালকের মতো সবুজ। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা যেন নৃত্যরত তরুণীর মতো। দূর থেকে তাদের দেখলে মনে হয় প্রকৃতিদেবী যেন ঘড়া ঘড়া দুধ ঢেলে দিচ্ছেন পাহাড়ের গায়ে। আর সেই দুগ্ধফৈনিভ জলধারাগুলো সমতলে নেমে সৃষ্টি করেছে এক নদীর, তার নাম“মেটং’। কাকচক্ষু সেই নদী, তার পাড়ে দাঁড়ালে নদীর তলদেশের নুড়ি-পাথর ও মৎসকুলের সন্তরণ দৃশ্যমান হয়। কাজেই এ স্থান সম্পর্কে ব্রিটিশ রাজপুরুষ হকিন্সের ভাবনার মধ্যে যথেষ্ট সত্যতা বর্তমান।
হকিন্সের বাসস্থানটি ছোট্ট নগরীর পূর্বপ্রান্তে পাহাড়ের ঢালে অবস্থিত। পাথরের দেওয়াল আর ঢালু কাঠের ছাউনি দেওয়া ব্যারাকের মতো বাড়িটা এক সময় জৈন্তাপুরের সেনাদের চেকপোস্ট ছিল। আর এখন সেটা কোম্পানিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। কোম্পানির পলিটিকাল এজেন্ট হিসাবে এখানেই নিয়োগ করা হয়েছে হকিন্সকে। তেমন পরিশ্রমের কাজ নেই। তাঁর কাজ হল এ জায়গা সম্পর্কে খোঁজ খবর রাখা, সে সম্বন্ধে কলকাতায় কোম্পানির সদর দপ্তরে খবর পাঠানো, এবং যদি কখনও প্রয়োজন হয় তখন স্থানীয় শাসকদের সঙ্গে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের সেতুবন্ধনের কাজে সাহায্য করা।
উত্তর-পূর্ব ভারতে জৈন্তাপুরের মতো অনেক পাহাড়ি রাজ্য আছে। কোম্পানি এই সব রাজ্যগুলোয় তাদের বিজয়কেতন না ওড়ালেও নানাভাবে চাপ সৃষ্টি করে তাদের বাধ্য করেছে কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি সম্পন্ন করতে। এই মৈত্রী চুক্তিগুলোর অন্যতম শর্ত হল কোম্পানি এধরনের রাজ্যগুলোয় তাদের প্রতিনিধি অর্থাৎ পলিটিকাল এজেন্ট নিয়োগ করবে। পলিটিকাল এজেন্টের অধীনে প্রয়োজনবোধে সেনাদল থাকবে, শান্তিরক্ষার্থে উক্ত পলিটিকাল এজেন্ট শাসন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবে…ইত্যাদি।
অর্থাৎ কোম্পানির লক্ষ্য হল পলিটিকাল এজেন্ট নিয়োগের মাধ্যমে দেশের দূরপ্রান্তের এসব রাজ্যের ওপর নজরদারি করা, আংশিক কর্তৃত্বও প্রতিষ্ঠা করা, যাতে তারা কোম্পানির স্বার্থবিরোধী কাজে লিপ্ত না হতে পারে। নিজপাট বা জৈন্তাপুর শুধু ছবির মতো সুন্দরই নয়, শান্তও বটে। তাই ক্ষেত্রবিশেষে অন্যরাজ্যের কোম্পানির প্রতিনিধিদের হয়, তার সম্মুখীন এ পর্যন্ত ঝামেলা-ঝঞ্ঝাট পোহাতে হতে হয়নি হকিন্সকে।
জৈন্তাপুর রাজ্যের একটা বিশেষত্ব আছে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত এ রাজ্যে। এখানে একজন রাজা আছেন ঠিকই, যাঁর নাম রাজা ভাস্কর সিংহ। কিন্তু তিনি আনুষ্ঠানিক রাজা মাত্র। বিলাসব্যসনে নিয়োজিত থেকে রাজসুখ গ্রহণ করা ছাড়া অন্য কোনও কাজ তাঁকে করতে হয় না। জৈন্তাপুর রাজ্য পরিচালনা করেন ভাস্কর পত্নী মহারানি ইরাবতী। কোম্পানির নথিপত্র আর স্থানীয় লোকমুখে রানি ইরাবতী সম্পর্কে হকিন্স যা জেনেছেন তা হল জৈন্তাপুরের পূর্বতন শাসক জয়ন্তনারায়ণের কোনও কন্যা সন্তান ছিল না। তিনি খাসিয়া জনজাতির অনাথা কন্যা ইরাবতীকে দত্তক নেন ও মৃত্যুর পূর্বে তাঁর হাতেই এ রাজ্যের শাসনভার অর্পণ করে যান। রানি ইরাবতী ও রাজা ভাস্কর সিংহের একজন বালক পুত্রসন্তানও আছে।
জৈন্তাপুরের কোম্পানির পলিটিকাল এজেন্টের দায়িত্ব গ্রহণ করে নিজপাটে আসার পর একবার নিয়ম অনুসারে হকিন্স রাজপ্রাসাদে গিয়েছিলেন, রানি ও রাজার সঙ্গে সাক্ষাৎ করতে। রাজা ভাস্কর সিংহের বয়স পঞ্চাশের অধিকই হবে বলে মনে হয়েছে হকিন্সের। সকাল বেলায় তাঁর মদিরালিপ্ত চোখ ও বাক্যের প্রগলভতা দেখে হকিন্সের অনুমান ভোগবিলাস ছাড়া অন্য কোনও কাজে তিনি নিয়োজিত থাকেন না।
অপর দিকে রানি ইরাবতীকে দেখে ঠিক তার বিপরীত ধারণা সৃষ্টি হয়েছে হকিন্সের মনে। রানি ইরাবতীর বাস সম্ভবত রাজার অর্ধেক হবে। অর্থাৎ পঁচিশ কি ছাব্বিশ। ইরাবতীর গাত্রবর্ণ শুভ্র, শরীর মেদহীন, ধনুকের ছিলার মতো, মসৃণ কেশদাম, ওষ্ঠধার রক্তিম। সুন্দর, সেই মুখমণ্ডলে যেন লুকিয়ে আছে কাঠিন্য ও বুদ্ধি।
রানি ইরাবতীকে দেখে ও তাঁর সঙ্গে বাক্যালাপ করে রাজ্য চালনার জন্য তাঁকে হকিন্সের উপযুক্ত বলেই মনে হয়েছে। তবে সেদিন রাজা ও রানির সঙ্গে সাক্ষাৎ হলেও রাজকুমারকে দেখার সৌভাগ্য হয়নি। কারণ এই রাজপরিবারের প্রচলিত নিয়ম অনুসারে যতক্ষণ না রাজপুত্র বা রাজকন্যা দশম বর্ষে পদার্পণ করছে, ততদিন তাদের প্রাসাদের নিভৃত স্থানে রাখা হয়। পিতামাতা আর দু-একজন বিশ্বস্ত দাসী ভিন্ন অন্য কেউ তাদের দেখতে পায় না।
হকিন্স শুনেছেন, রাজপুত্র মেঘশঙ্করের বয়স এখন আট। রাজা-রানির আর সন্তান না জন্মালে তাদের এই সন্তানই ভবিষ্যৎ জৈন্তাপুর রাজ্যের উত্তরাধিকারী। হকিন্স একা নন, তাঁর বেশ কয়েকজন সঙ্গীও আছে। তাদের মধ্যে দশজন হল দেশীয় সৈন্য। জাতিতে তারা গোর্খা। পাহাড়ি অঞ্চলের লোক। কোম্পানির সেনাবাহিনীতে ভাড়াটে সেনা হিসেবে তারা নিযুক্ত। এই ছোট্ট শান্ত রাজ্যে কোম্পানির পলিটিকাল এজেন্টের জন্য এর থেকে বেশি সৈন্যর প্রয়োজন নেই। এমনকী সৈন্যরা না থাকলেও হকিন্সের সমস্যা হত না! এ ছাড়াও হকিন্সের আরও দুজন সঙ্গী আছে। প্রথমজন খামরি নামের একজন মাঝবয়সি লোক। স্থানীয় মানুষ, খাসি জনজাতির লোক। সে হকিন্সের ভৃত্যের কাজ করে।
দ্বিতীয় লোকটি হলেন এক বাঙালি ব্রাহ্মণ, রামচন্দ্র চক্রবর্তী। বলা যেতে পারে রামচন্দ্র হলেন এদেশে নবাগত হকিন্সের অনেকটা অন্ধের যষ্ঠীর মতো৷ কোম্পানির পুরোনো কর্মচারী। কোম্পানি তাঁকে নিয়োগ করেছে হকিন্সের পরামর্শদাতা, আপ্তসহায়ক হিসাবে। কোম্পানির কর্মচারী হিসাবে নানান জায়গায় বিভিন্ন সময় ঘুরেছেন বাবু রামচন্দ্র। তার সঙ্গে সঞ্চয় করেছেন প্রভূত অভিজ্ঞতা। জাতিতে ব্রাহ্মণ লোকটার নিজধর্ম বিষয়ে প্রভূত জ্ঞান রয়েছে। পুরাণ, ধর্মীয় কাহিনি তিনি এখনও নিয়মিত পাঠ করার চেষ্টা করেন। ধীর স্থির প্রকৃতির বুদ্ধিমান এই বাঙালি। ইতিপূর্বে তিনি পার্শ্ববর্তী কামরূপ রাজ্যেও কোম্পানির কাজে বেশ কিছুদিন যুক্ত ছিলেন। পাহাড়ি জনজাতিদের সমাজ-ইতিহাস সম্পর্কেও তাঁর বেশ জ্ঞান আছে।
হকিন্স তাঁর সঙ্গে পরামর্শ করেই নিজের কার্য সম্পাদন করেন। আর তাঁর থেকে শোনেন এ-দেশের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে নানান কাহিনি। যার মাধ্যমে এ-দেশ সম্পর্কে আইরিশ হকিন্সের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়।
হকিন্সের কাছে বড় অদ্ভুত, বিচিত্র লাগে এ-দেশ। কত ধরনের জাতির মানুষ এ-দেশে। যাদের ভাষা, সংস্কৃতির মধ্যে, ধর্মাচরণের মধ্যে কোনও মিল নেই। হকিন্স যখন ধর্মাচরণের নামে এ-দেশে নরবলি, সতীদাহ, গঙ্গায় সন্তান বিসর্জনের কাহিনি শোনেন তখন তাঁর মনে হয় যে এ-দেশ সম্পর্কে, এ-দেশের মানুষদের সম্পর্কে তাঁর সতীর্থদের ধারণাই ঠিক—এ-দেশ সভ্য হয়নি। আবার যখন তিনি বাবু রামচন্দ্রর মুখে এ-দেশের প্রাচীন ইতিহাস শোনেন, দর্শনের কথা শোনেন, জ্ঞান-বিজ্ঞানের কথা জানেন, তখন আবার হকিন্সের মনে হয় এ-দেশ যখন এ-সব চর্চায় শীর্ষস্থানে ছিল তখন ইউরোপ তো এ-দেশের তুলনায় ঘুমন্ত শিশু ছিল। কী বৈপরীত্যে ভরা বিচিত্র দেশ এই ভারতবর্ষ।
