ময়নাগড়ের মহারানী আনন্দময়ীর কথাটা কিন্তু মিথ্যা নয়। সত্যিই এই জমিদার বংশের রক্তে সংগীত মিশে আছে। এবং তা কিন্তু শুধু নাচঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ বংশের অনেক পুরুষই রীতিমতো উস্তাদপণ্ডিত সংগীতজ্ঞদের কাছে সংগীত শিক্ষা করেছেন। সব থেকে বড় কথা এ বংশের ময়নাগড়ের জমিদারি লাভ, বাহুবলেন্দ্র উপাধি লাভ, এর পেছনেও আছে এ রাজবংশ বা জমিদার বংশের প্রতিষ্ঠাতা পুরুষ গোবর্ধন বাহুবলেন্দ্রর সংগীতপ্রেম। ময়নাগড়ের লোককাহিনী, প্রচলিত ইতিহাস অন্তত সে কথাই বলে। সে ঘটনা বেশ আকর্ষণীয়—
বহু শত বছর পূর্বে সিংভূম ও গোপভূমের সামন্ত রাজা ছিলেন কর্ণসেন। সম্পর্কে তিনি ছিলেন গৌরেশ্বরের শ্যালিকার স্বামী। কর্ণসেনের দ্বিতীয় পত্নী ছিলেন গৌরের মহারানীর সহোদরা।
এ বঙ্গেরই আর এক সামন্তরাজ ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে কর্ণসেন গৌড়রাজের কাছে আশ্রয় প্রার্থনা করলে তিনি তার আবেদনে সাড়া দিয়ে পালবংশীয় পরাজিত সামন্তরাজকে ময়নাচৌরা নামক এই জনবেষ্টিত দুর্গ ও হলদি নদীর সংলগ্ন ত্রিশটি গ্রাম প্রদান করেন। কর্ণসেন ও তার পত্নী কংকাবতীর পুত্র হলেন লাউসেন। ইছাই ঘোষ আবারো এ স্থান দখল করতে চাইলে অজয় নদীর তীরে ভেপুর গড়ের যুদ্ধে ইছাই ঘোষকে পরাজিত ও নিহত করে পিতার রাজ্য উদ্ধার করেন এবং সিংভূমে ফিরে যান। সাময়িকভাবে পরিত্যক্ত হয়ে যায় এই ময়নাগড় বা ময়নাচৌরা দুর্গ।
তারপর কেটে যায় আরো পাঁচশ বছর। ময়নাচৌরার দুর্গ প্রায় খন্দহরে পরিণত হয়। কিন্তু এ অঞ্চলের দুর্গমতার কথা খেয়াল করে সেই ভগ্নদুর্গে আশ্রয় নেয় শ্রীধর নামের এক দুর্ধর্ষ জলদস্যু। তার কাজ ছিল সমুদ্র উপকূলাঞ্চলে দস্যুবৃত্তি করা আর লুণ্ঠিত সম্পদ এনে এ স্থানে সঞ্চিত করা।
আর এর পরই ময়নাগড়ের ইতিহাসে সেই চমকপ্রদ ঘটনার সূচনা হয়। এ অঞ্চল তখন ছিল উৎকল নৃপতি মুকুন্দ হরিচন্দনের রাজ্যের অন্তর্গত। জলদস্যু শ্রীধরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে তিনি গোবর্ধন সামন্ত নামের তার এক সামন্তকে ময়নাগড়ে পাঠান তাকে দমন করার জন্য। এই কালীদহের বুকেই এক প্রচণ্ড যুদ্ধে জলদস্যু শ্রীধর ভূঁইয়াকে পরাজিত ও নিহত করেন গোবর্ধন। উৎকলরাজ খুশি হয়ে গোবর্ধনকে করের বিনিময়ে এ স্থানের জায়গির প্রদান করেন। কিন্তু কিছু দিনের মধ্যেই তাদের দুজনের সম্পর্কের অবনতি ঘটে। উৎকলরাজকে কর পাঠানো বন্ধ করে দেন গোবর্ধন সামন্ত। আর এ ঘটনার সঙ্গেই সংযুক্ত হয়ে আছে বর্তমান মহারাজ রাধেশ্যামানন্দর পূর্বপুরুষের এই জমিদারি লাভের ইতিহাস।
গোবর্ধন সামন্তকে বারবার কর প্রদানের নির্দেশ দেয়ার পরও যখন তিনি তা পাঠালেন না, তখন ক্ষুব্ধ উৎকল নৃপতি মুকুন্দদেব বিশাল সেনা পাঠালেন ময়নাচৌরা দখল করার জন্য। স্বাভাবিক কারণেই একজন সত্যিকারের মহারাজার বিশাল বাহিনীর সঙ্গে লড়াই করার মতো প্রয়োজনীয় রসদ গোবর্ধনের ছিল না। কলিঙ্গবাহিনীর কাছে পরাজিত হলেন তিনি। ময়নাগড়েরই কারাগারে নিক্ষেপ করা হলো গোবর্ধনকে। কলিঙ্গ সৈন্যাধ্যক্ষ অপেক্ষা করতে লাগলেন কলিঙ্গ নৃপতি বন্দির ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করেন তার জন্য। একই প্রতীক্ষা করতে লাগলেন গোবর্ধনও।
কিন্তু বন্দিদশায় গোবর্ধনের সময় আর কাটে না, কথা বলার লোক পর্যন্ত নেই। গোবর্ধন একসময় এক গুরুজির কাছে সংগীত শিক্ষা করেছিলেন, সময় কাটানোর জন্য গোবর্ধন তার শেখা সেই গানগুলো কারাগারে বসে গাইতে শুরু করলেন। এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর একদিন কলিঙ্গরাজ মুকুন্দদের সৈন্য-সামন্ত নিয়ে নিজেই এসে হাজির হলেন ময়নাচৌরাতে। তার উদ্দেশ্য দুটো—প্রথমত তিনি ময়নাগড়ে পাকাপাকিভাবে একটা সৈন্য আবাস নির্মাণ করবেন, আর দ্বিতীয়ত অবাধ্য সামন্তর মৃত্যুদণ্ড ঘোষণা করে তা কার্যকর হওয়ার পর কলিঙ্গ রাজধানীতে ফিরে যাবেন।
ময়নাগড় প্রাসাদ তখন তত বড় না হলেও এ প্রাসাদেরই এক কক্ষে মহারাজের রাত্রিবাসের ব্যবস্থা করা হলো। ময়নাচৌরা পৌছতে কলিঙ্গ নরেশের বিকাল হয়ে গেছিল। নিজ কক্ষে প্রবেশের পর সেদিন আর কক্ষ ত্যাগ করলেন না তিনি। অন্ধকার নামার পর পথশ্রমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন মহারাজ।
হঠাৎই মাঝরাতে দূর থেকে ভেসে আসা একটা শব্দে কীভাবে যেন ঘুম ভেঙে গেল তার। গবাক্ষর বাইরে সুবিশাল কালীদহের বুকে চাঁদের প্রতিবিম্ব। এক সুমধুর সংগীতধ্বনি ভেসে বেড়াচ্ছে চন্দ্রালোকিত জলাশয়ের বুকে। কে যেন গেয়ে চলেছে আপন মনে! মুকুন্দদের এক রক্ষীকে ডেকে ব্যাপারটা সম্পর্কে জিজ্ঞেস করতেই সে জানাল, কালীদহের পাড়েই কারাগার। বন্দি গান করছে! তার কণ্ঠই ভেসে বেড়াচ্ছে কালীদহের জলে!
রক্ষীর কথা শুনে কলিঙ্গরাজ কক্ষ ত্যাগ করে কয়েকজন দেহরক্ষীকে নিয়ে উপস্থিত হলেন কারাগারের কাছে। তবে পাছে বন্দি গান বন্ধ করে দেয় সেজন্য তিনি তাকে দর্শন দিলেন না। বন্দিরও জানা ছিল না কলিঙ্গ নরেশ এসে উপস্থিত হয়েছেন, তাই আপন খেয়ালে একটার পর একটা গান গেয়ে যেতে লাগলেন তিনি। কী ভরাট কণ্ঠ তার, কী মাধুর্য! কলিঙ্গ রাজসভায় সংগীতজ্ঞদের অভাব নেই। মহারাজ নিজেও একজন সংগীতের সমঝদার, কিন্তু তার মনে হতে লাগল, এমন সুমধুর সংগীত যেন তিনি এর আগে কখনো শোনেননি! বিমোহিত হয়ে তিনি শুনে যেতে লাগলেন বন্দির কণ্ঠ। সে কণ্ঠ থামল যখন তখন শুকতারা ফুটে উঠেছে।
পরদিন মহারাজের নির্দেশে বন্দি গোবর্ধনকে হাজির করানো হলো তার সামনে। ততক্ষণে যা সিদ্ধান্ত নেয়ার নিয়ে ফেলেছেন কলিঙ্গপতি মুকুন্দ হরিচন্দন। যার কণ্ঠে এত জাদু তাকে কি নিছক একটা জল-জঙ্গল গড়ের জন্য শাস্তি দেয়া যায়? তিনি গোবর্ধনকে মুক্ত বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, তিনদিন পর কলিঙ্গ নৃপতি তার প্রাক্তন সামন্ত গোবর্ধনকে ময়নাচৌরার স্বাধীন নৃপতি বলে ঘোষণা করে তাকে বাহুবলেন্দ্র উপাধি প্রদান করে সিংহাসন, রাজছত্র, চামর, ডংকা উপহার দিলেন। তারপর কলিঙ্গ নরেশ মুকুন্দদের ফিরে গেলেন নিজের রাজধানীতে। আর সেই থেকে ময়নাগড় বা ময়নাচৌরায় রাজা হলেন বাহুবলেন্দ্ররা।
কলিঙ্গ নরেশের থেকে গোবর্ধন বাহুবলেন্দ্রর জমিদারি লাভের পর বেশ কয়েক শতক ও বহু পুরুষ কেটে গেলেও এখনো প্রজন্মর পর প্রজন্ম ধরে ময়নাগড়ের রাজাদের রক্তে মিশে আছে সংগীত। এ বংশের সবাই হয়তো নিজেরা গাইতে পারতেন না। কিন্তু গুরুজি, উস্তাদ, নর্তকীবাইজির উপস্থিতিতে নিজেদের সংগীতপ্রীতিকে বহন করে চলেছেন।
বর্তমান ভূস্বামীও এর ব্যতিক্রম নন, তিনি নিজে তেমন গাইতে না পারলেও সংগীতরসিক। তার সংগীতপিপাসা মেটানোর জন্য বেতনভুক্ত নিজস্ব গায়ক, বাদ্যকাররা তো আছেনই, এ ব্যতীত তার আমন্ত্রণে মোটা পারিতোষিকের বিনিময়ে দেশের নানান প্রান্ত থেকে শাস্ত্রীয় সংগীতে পণ্ডিত ব্যক্তিরা, উস্তাদ, বাইজিরা এসে তাকে তাদের সংগীত মূর্ছনায় ভাসিয়ে দিয়ে যায়।
তেমনই একজন একদিন এসে উপস্থিত হয়েছে এখানে। রাধেশ্যামানন্দ অবশ্য এখনো দেখেননি তাকে। কিছু দিবস আগে তিনি তার কথা শুনেছিলেন বালেশ্বরের ভূস্বামীর কাছ থেকে। বালেশ্বর জমিদারের প্রজা সে। তার কণ্ঠ নাকি অতি সুমধুর। বালেশ্বর নৃপতির নাচঘরে সংগীত পরিবেশন করে সে। ময়নাগড়ের ভূস্বামী এ কথাটা জানা মাত্রই আগ্রহ প্রকাশ করেছিলেন সেই সংগীতশিল্পী সম্পর্কে। বলেছিলেন তাকে ময়নাগড়ে পাঠিয়ে দিতে। কথা রেখেছেন বালেশ্বর নৃপতি। সতীর্থর মনোরঞ্জনের জন্য তিনি তাকে পাঠিয়ে দিয়েছেন ময়নাগড়ে। আজই সে এসে পৌঁছেছে এখানে।
ভূস্বামী রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্রর কাছে যখন তার আগমন বার্তা পৌঁছল তখন তিনি নায়েব কৃষ্ণকিশোরের সঙ্গে জমিদারিসংক্রান্ত ব্যাপারে দলিল-দস্তাবেজ নিয়ে আলোচনায় মগ্ন ছিলেন। অবশ্য সে যে আসবে এমন ধারণা তার ছিল। সে জন্য তিনি আগাম ব্যবস্থা হিসেবে তার জন্য বার মহলের নাচঘরসংলগ্ন অতিথি মহল প্রস্তুত রাখতে বলেছিলেন। খবরটা পেয়ে তিনি তার কর্মচারীদের অতিথিকে যথাস্থানে তার থাকার, আহারাদির বন্দোবস্ত করার নির্দেশ দিলেন। জমিদারের ভৃত্য-পাইকরা সে নির্দেশ পালন করল।
জমিদার রাধেশ্যাম তার নায়েবের সঙ্গে এমন জটিল বৈষয়িক কাজে নিয়োজিত ছিলেন যে, বিকাল হওয়ার আগে সে কাজ থেকে নিজেকে নিবৃত্ত করতে পারলেন না। তিনি যখন সে কাজ থেকে নিষ্কৃতি পেলেন, তখন সূর্য পশ্চিমে অনেকটাই ঢলে পড়েছে। কাছারিবাড়ি ছেড়ে তিনি রওনা হলেন নাচমহলসংলগ্ন অতিথিশালার দিকে। এ গড়-প্রাসাদের চারপাশই কালীদহের পরিখা দিয়ে ঘেরা। কিন্তু নাচমহল বা নাচঘর এবং তৎসংলগ্ন অতিথি নিবাস একেবারে কালীদহের গায়ে অবস্থিত। গ্রীষ্মকালেও যাতে কক্ষে শীতলতা বজায় থাকে তাই এ গৃহ দুটির এমন অবস্থান। আগন্তুককে একবার চাক্ষুস করার জন্য দুজন পাইককে সঙ্গে নিয়ে তিনি সোজা গিয়ে উপস্থিত হলেন অতিথি ভবনে। অলিন্দে এক দাসী দাঁড়িয়েছিল। এ রাজবাড়িরই দাসী। জমিদার মশাই তাকে বললেন, ‘যে এসেছে তাকে গিয়ে বল, আমি এসেছি।’
নির্দেশ পেয়ে ব্যস্তসমস্তভাবে চাকরানি চলে গেল যথাস্থানে সে সংবাদ পৌঁছে দেয়ার জন্য। পাইক দুজন বাইরেই রইল। অলিন্দে উঠে গৃহের ভেতর প্রবেশ করলেন জমিদার রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র। গালিচা বিছানো কক্ষ। কিছু আসবাবও আছে উপবেশনের জন্য। শেষ বিকালের আলোয় আলোকিত ঘর। জানালার নিচেই কালীদহের জল এসে মৃদুমন্দ আঘাত হানছে। ছলাৎছল শব্দ হচ্ছে তাতে। পদ্মবনের ওপর ঘুরে বেড়াচ্ছে মধুসন্ধানী মৌটুসী পাখির দল। জমিদার মশাই একটা আরামকেদারায় উপবেশন করে গবাক্ষর বাইরে কালীদহর শোভা উপভোগ করতে লাগলেন। কিন্তু বেশিক্ষণ তাকে প্রতীক্ষা করতে হলো না। ছম্ ছম্ নূপুরের শব্দ শুনে ঘরের অন্য প্রান্তের দরজার দিকে তাকিয়ে সোজা হয়ে বসলেন তিনি। অতিথি নিবাসের অন্দর মহল থেকে সে শব্দ ক্রমে কাছে এগিয়ে আসতে লাগল। সেই ছম ছম শব্দ এসে কয়েক মুহূর্তের জন্য থামল সেই দরজার ভারী পর্দার আড়ালে। পর্দার নিচের অংশের ফাঁক দিয়ে তার সুন্দর, শুভ্র, রঞ্জিত নখসমৃদ্ধ পদযুগল দৃশ্যমান হলো।
ঘোড়ার যেমন দাঁত দেখে বিচক্ষণ ব্যক্তিরা তার বয়স, স্বভাব ইত্যাদি অনুমান করতে পারেন, ঠিক তেমনই অনেকে নারীদের হস্তপদযুগল দেখে তার বয়স অনুমান করতে পারেন। উত্তরাধিকার সূত্রে জমিদার রাধেশ্যামেরও এ ক্ষমতা কিছুটা আছে। সেই পদযুগল দেখে তিনি অনুমান করলেন, এই রমণীর বয়স বিশ বৎসর হবে। আর এর পরই পর্দা ঠেলে ঘরে প্রবেশ করল সেই নারী। তার পরনে জরিদার ঘাগরা, ঊর্ধ্বাঙ্গে একটা পশমিনা শাল জড়ানো। আর মুখমণ্ডল একটা স্বচ্ছ সাদা কাপড়ে আবৃত। ঘরের ভেতর প্রবেশ করে কয়েক পা এগিয়ে দাঁড়িয়ে পড়ে বুকের কাছে দু-হাত জড়ো করে মাথা ঝুঁকিয়ে জমিদার রাধেশ্যামানন্দকে প্রণাম জানাল বাইজি।
কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে রইলেন ময়নাগড়ের রাজা। মুখমণ্ডলের স্বচ্ছ আবরণের ভেতর থেকে সুন্দরীর মুখমণ্ডল যতটুকু প্রতিভাত হচ্ছে তা দেখে রাধেশ্যামানন্দর মনে হলো তার অনুমানই ঠিক, এই নারীর বয়স ওই বিশ-বাইশই হবে। বন্ধুবর বালেশ্বরের সামন্ত রাজার কাছ থেকে এই সুন্দরী বাইজি সম্পর্কে কিছু কথা শুনেছেন, তবু তিনি তাকে বাজিয়ে দেখার জন্য জানতে চাইলেন, ‘নাচ-গানের তালিম কোথা থেকে নিয়েছ?’
সে জবাব দিল, ‘গান শিখেছি কটকে গুরুজি সদানন্দ মহারাজের কাছে। আর নাচ শিখেছি আমার মায়ের কাছে।’
জমিদার মশাইয়ের আগমন হেতু সেই দাসী এরপর একটা রুপোর গড়গড়া নিয়ে প্রবেশ করে তা রাধেশ্যামানন্দর আরামকেদারার পাশে এনে রাখল। রাধেশ্যামানন্দ এই দুর্গ-প্রাসাদের যেসব স্থানে আরামআয়েশের বা বিশ্রাম লাভের জন্য যান, সেসব স্থানে তার জন্য এমন রুপোর গড়গড়ার ব্যবস্থা করা আছে। সেটা পেয়ে খুশি হলেন তিনি। গড়গড়ার নলটা মুখে তুলে বার কয়েক তা টানার পর নবাগতাকে তিনি প্রশ্ন করলেন, ‘সেও তোমার মতোই নর্তকী বুঝি?’
বাইজি বলল, ‘হ্যাঁ, তবে সে ছিল লিঙ্গরাজ মন্দিরের দেবদাসী। তার থেকে কত্থক নৃত্য শিখেছি।’
যুবতীর উত্তর শুনে রাধেশ্যামানন্দ বুঝতে পারলেন এ মেয়ের রক্তে নাচ আছে। এবার তিনি প্রশ্ন করলেন, ‘আর গান কী জানো?’
সে নারী জবাব দিল, ‘রাগ সংগীত-ধ্রুপদ-খেয়াল। তাছাড়া ঠুমরি, টপ্পা, একটু-আধটু কীর্তন গাইতেও পারি।’
‘তাহলে মোটামুটি তুমি সবই পারো দেখছি।’ এ কথা বলে তিনি বাইরের দিকে তাকালেন। সূর্য এবার দ্রুত ঢলতে শুরু করছে কালীদহের জলে। জলজ পক্ষীরা উড়তে শুরু করেছে নিজেদের বাসায় ফেরার জন্য। তা দেখে বাহুবলেন্দ্রর মনে হলো, এবার তাকেও এ স্থান ত্যাগ করতে হবে। দুদিন তার রানী মহলে যাওয়া হয়নি। নিজের মহলে ফিরে স্নান করে রানী মহলে যাবেন তিনি। জমিদার রাধেশ্যামানন্দ তাই এরপর গড়গড়াতে বেশ কয়েকটা লম্বা টান দিয়ে কেদারা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ‘অনেকটা পথ পেরিয়ে এসেছ তুমি। তাই আজকের দিনটা বিশ্রাম নাও। নাচ মহলে সবকিছু প্রস্তুত হয়েই আছে। সেখানে কাল রাতে আমি তোমার গান শুনব।’
জমিদার মশাইয়ের কথা শুনে মাথা ঝাঁকিয়ে প্রণাম জানিয়ে সম্মতি প্রকাশ করল বাইজি। রাধেশ্যামানন্দ দরজার কাছে গিয়ে বাইরে বেরোতে গিয়েও হঠাৎই একবার পেছনে তাকিয়ে বললেন; ‘হ্যাঁ, তোমার নামটা যেন কী?’
বাইজি জবাব দিল, ‘রাজলক্ষ্মী বাই। বালেশ্বরের নাচঘরে আমাকে ডাকা হতো চম্পা বাই নামে।’
ময়নাগড়ের রাজাবাবু আর এরপর তার সঙ্গে কোনো কথা বললেন না। সেখান থেকে বেরিয়ে তিনি রওনা হলেন নিজের মহলে ফেরার জন্য।
