রক্তের দাগ – ৫

জৈন্তাপুরে নিযুক্ত হকিন্স সাহেবের এই এক রোগ, তাঁর মাথায় কোনও প্রশ্ন একবার ঢুকে গেলে যতক্ষণ না তার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ব্যাপারটার পিছনে তিনি ছুটে বেড়ান। এক্ষেত্রেও তাঁর স্বভাবের ব্যতিক্রম হয়নি।  তিনি বাবুকে সঙ্গী করে ঘোড়ার পিঠে বেরিয়ে পড়লেন।

সাহেব প্রথমে রওনা হলেন বৈকুণ্ঠপুরের দিকে। রাজধানী নিজপাট থেকে বৈকুণ্ঠপুরের দূরত্ব পাঁচ মাইল। হকিন্স সাহেব পথ চলতে চলতে কথার ফাঁকে বাবুর কাছে জানতে চাইলেন, “তুমি বলছ বৈকুণ্ঠপুরের লোকেরা বাঙালি। আবার বলছ ওরা জাতে বৈষ্ণব। ব্যাপারটা কী?”

রামচন্দ্র বুঝিয়ে বললেন,“ওদের ভাষা হল বাংলা। আর ওরা ধর্মে বৈষ্ণব।”

—“তবে কি ওঁরা হিন্দু নয়?”

রামচন্দ্র বললেন, “ব্যাপারটা ঠিক তা নয়। বৈষ্ণবকে হিন্দু ধর্মের একটা শাখা বলা যেতে পারে। তারা দেবতা শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর সেবক। তাই তাদের বৈষ্ণব নামে ডাকা হয়। যেমন দেবতা শিবের উপাসকদের শৈব বলে। শক্তিরূপা দেবীর উপাসকরা শাক্ত।”

রামচন্দ্রের মুখে হকিন্স সাহেব শুনেছেন হিন্দু ধর্মে নাকি তেত্রিশ কোটি দেবদেবী! তাদের আবার এত শাখা-প্রশাখা। ব্যাপারটা বড় বিস্ময়কর।”

সাহেব জানতে চাইলেন, “বৈষ্ণব ধর্মেও কি বলি প্রথা আছে? নরবলি?”

বাবু বললেন, “না, নেই। তারা অধিকাংশই নিরামিষ ভক্ষণ করে। সব জীবকে তারা কৃষ্ণের সন্তান মনে করে, তাই পশুহত্যা করে না।”

আলোচনা করতে করতে দুজনে একসময় বৈকুণ্ঠপুর পৌঁছে গেল। বৈকুণ্ঠপুর খুব বড় গ্রাম নয়, পঁচিশ-তিরিশ ঘর লোকের বাস। এগোতে এগোতেই কয়েকটা ঘর থেকে খোল-করতাল-খঞ্জনী সহযোগে কৃষ্ণনাম কানে এল।

গ্রামের ঠিক মাঝখানে একটা ছোট মন্দির। রাধাকৃষ্ণের যুগল মূর্তি শোভা পাচ্ছে সেখানে। তার পাশে মাটির দাওয়া, মাথায় খড়ের চালা দেওয়া একটা জায়গা। সম্ভবত সেখানে দেবতার উদ্দেশে নামগান করা হয়। সেই মন্দির আর চালার সামনে সাহেব আর তার সহকারী ঘোড়া থেকে নামলেন। তাঁদের দেখতে পেয়ে কয়েক মিনিটের মধ্যে গ্রামের নারী-পুরুষ-শিশুরা জড়ো হয়ে গেল। চালার নীচে মাটির দাওয়াতে মাদুর বিছিয়ে তাতে বসানো হল হকিন্স সাহেবকে।

যারা সেখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে নিখোঁজ হওয়া ছেলেটার বাবাও আছেন। লোকটার শরীর একদিনে যেন আরও শীর্ণ হয়ে গেছে। তার কোটরগত চোখ জানান দিচ্ছে, তার সন্তান ঘরে ফেরেনি। অপর আর একজন

লোক উৎসুকভাবে প্রশ্ন করল, “সাহেব, ছেলেটার কোনও খবর পেলে?”

হকিন্স জবাব দিলেন, “না, কোনও খবর পাইনি। তবে আমি নিজে তার সন্ধান করতে বেরিয়েছি। দেখা যাক এবার কী হয়?”

প্রশ্নকর্তা বলল, “আমরা তো অনেক খোঁজ করেও তাকে পেলাম না। গত বছর একই সময় আমার ছেলে নিখোঁজ হয়েছিল। আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি।”

লোকটার পাশ থেকে একজন বৃদ্ধ লোক বলল, “হ্যাঁ, সাহেব। তার আগের বছর আমার নাতিটা। কাঁদতে কাঁদতে ওর মা-টা মরে গেল, কিন্তু নাতিটা ঘরে ফিরল না। এবার তুমিই আমাদের শেষ ভরসা সাহেব।”

হকিন্স সাহেব সম্মিলিত জনতার দিকে তাকিয়ে দেখলেন, তাদের প্রত্যেকের মুখমণ্ডলেই বিষাদের ছায়া, তারা অদ্ভুত প্রত্যাশা নিয়ে চেয়ে আছে তাঁর দিকে। বৃদ্ধের কথা যেন প্রতিধ্বনিত হচ্ছে তাঁর চোখে “—তুমিই আমাদের শেষ ভরসা সাহেব।”

দোভাষীর কাজ করছেন বাবু রামচন্দ্র। তাঁর মাধ্যমে সাহেব জানতে চাইলেন, “শুধু তোমাদের গ্রাম থেকেই কি ছেলেরা নিখোঁজ হয়েছে, নাকি আশেপাশের গ্রাম থেকেও এর আগে এমনভাবে নিখোঁজ হয়েছে বাচ্চা ছেলেরা?”

জনতার মাঝ থেকে একজন জবাব দিল, “না, তেমন কোনও খবর আমরা শুনিনি। হলে তারাও নিশ্চয়ই আমাদের গ্রামে বাচ্চাকে খুঁজতে আসত।”

সাহেব বললেন, “একটা সত্যি কথা বলো তো? তোমাদের গ্রামের সঙ্গে কি অন্য কোনও জাত বা গ্রামের ঝগড়া বা শত্রুতা আছে? যে কারণে তারা বাচ্চাগুলোকে চুরি করে তোমাদের ক্ষতি করার, কষ্ট দেবার চেষ্টা করতে পারে? নইলে একই গ্রাম থেকে বার বার ছেলে নিখোঁজ হচ্ছে কেন?”

সাহেবের এ প্রশ্ন শুনে একজন তিলককাটা দলপতি গোছের লোক বলল, “সাহেব আমরা নিরীহ বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ। পথে পথে কৃষ্ণনাম করে দু-মুঠো অন্ন পাই, কেউ আবার কৃষিকাজ করি। আমাদের সঙ্গে কারো ঝগড়া বিবাদ নেই। রাধামাধব শুধু মানব প্রেম নয়, জীব প্রেমের কথা বলেন। তাঁরই নির্দেশ আমরা পালন করে চলি।”

হকিন্স সাহেব জানতে চাইলেন, “তোমাদের গ্রামে বাইরের লোকের যাওয়া আসা কেমন?”

নিখোঁজ এক সন্তানের পিতা বলল, “তেমন বেশি নয়। তবে জন্মাষ্টমীর সময় আমাদের গ্রামের এ জায়গায় তিন দিন ধরে মেলা বসে। কৃষ্ণ নাম-সংকীর্তন, পালা হয়, তখন সেসব দেখতে-শুনতে বহু মানুষ এখানে আসে।”

লোকগুলোর থেকে নিখোঁজ বালকদের সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করলেন হকিন্স সাহেব। তাদের কেউ খেলতে যাচ্ছে বলে ঘর ছেড়েছিল, কেউ মাঠের কাজে গেছিল, আবার কেউ-বা কোনও কিছু না বলেই ঘর থেকে বেরিয়েছিল। সাহেব আরও জানলেন, যারা নিখোঁজ হয়েছে তাদের সঙ্গে পরিবারের কোনও অশান্তি হয়নি। কাজেই রাগ বা অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক খাটছে না।

নানান কথার মধ্যে সাহেব একবার জিগ্যেস করলেন, “তিনজন বালকই প্রায় সমবয়সি। এছাড়া তাদের মধ্যে অন্য কোনও মিল আছে?”

কিছুক্ষণ ভাবার পর একজন বলল, “হ্যাঁ, একটা মিল আছে। ওদের তিনজনেরই গানের গলা খুব সুন্দর। কণ্ঠ তো জন্মাষ্টমীর পালায় কৃষ্ণ সেজে গান গেয়ে সবার মন ভরিয়ে দিয়েছিল। অন্য যে দুজন হারিয়ে গেছে তারাও খুব ভালো নাম-গান করত। মেলায় যারা আসত তারা ওদের গান শুনে মুগ্ধ হত।”

এদিন হকিন্স সাহেব অনেকটা সময় অতিবাহিত করলেন গ্রামে। তারপর যথাসাধ্য চেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে রওনা হলেন ফেরার জন্য। পরদিন থেকে হকিন্স সাহেবের অনুসন্ধান জোরকদমে শুরু হল। বাবুকে নিয়ে তিনি রোজ কাছে বা দূরের একটা করে গ্রামে যান, কণ্ঠ নামের এই নিখোঁজ ছেলেটি ছাড়াও যে দুই বালক হারিয়ে গেছে তাদের সম্পর্কে খোঁজখবর নেবার চেষ্টা করেন। কোনও গ্রামে সাদা চামড়ার সাহেবকে দেখার জন্য লোকজনের ভিড় জমে যায়, সাহেব ভালো করে খোঁজখবর করার সুযোগ পান, আবার কোনও গ্রামের লোকজন কোম্পানির সাহেব এসেছে জানতে পেরে দরজাই খুলতে চায় না। তবে এই সূত্রে হকিন্সদের গ্রামগুলো চেনা হয়ে যাচ্ছিল। কতরকম জাত, কতরকম মানুষের গ্রাম রয়েছে জৈন্তাপুরের রাজধানী নিজপাটকে ঘিরে।

হকিন্স একদিন এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন, যে গ্রামের লোকদের মুখমণ্ডল দেখেই সাহেব বুঝতে পারলেন এদের চেহারার মধ্যে একটা দুধর্ষ প্রকৃতি লুকিয়ে আছে। বাবুর মুখ থেকে তাদের সম্পর্কে সাহেব জানতে পারলেন, এরা নাকি জাতিতে মগ। আরাকান-চট্টগ্রাম ছিল এদের পূর্বপুরুষদের বাসস্থান। এদের সেই দুর্ধর্ষ পূর্বপুরুষদের কাজ ছিল জলদস্যুবৃত্তি ও লুঠতরাজ করা। যার মধ্যে অন্যতম বীভৎস কাজ হল দূর দেশে ক্রীতদাস হিসাবে বিক্রি করার জন্য বালকদের অপহরণ করা। অত্যন্ত জঘন্যভাবে সে কাজ করা হত।

অপহৃত বালকদের সার বেঁধে দাঁড় করিয়ে তাদের হাতের তালুর মধ্যে ফুটো করে বেত ঢুকিয়ে দিত। এইভাবে তাদের জাহাজে তোলা হত। জৈন্তাপুর রাজ্যসহ যেসব জায়গায় নরবলি দেওয়া হত, সেখানে নাকি এদের পূর্বপুরুষরাই বলির জন্য মানুষ সরবরাহ করত।

এক সময় জৈন্তাপুরের সেনাদলে ভাড়াটে সেনা হিসাবে কাজ করতে এসেছিল কিছু মগ। তারপর কোনও কারণে তারা দেশে না ফিরে এখানেই রয়ে গেছিল স্থানীয় নারীদের বিয়ে করে। এ গ্রামের বাসিন্দারা তাদেরই উত্তরপুরুষ।

সেই গ্রামের বাসিন্দাদের পূর্বপুরুষদের ছেলে চুরির অতীত আছে কিনা জানতে হকিন্স সাহেব গ্রামটায় দীর্ঘক্ষণ কাটালেন, কথা বললেন বাসিন্দাদের সঙ্গে। জানার চেষ্টা করলেন অপহৃত বালক বা বালকদের সম্পর্কে তাদের কাছে কোনও সংবাদ আছে কিনা। কিন্তু এ সম্পর্কে কোনও খবরই পাওয়া গেল না। উপরন্তু গ্রামের লোকগুলোকে সাহেবের সহজ সরলই মনে হল। তাদের পূর্বপুরুষরা যে কাজই করে থাকুক না কেন, এখন তারা কৃষিকাজ করে, স্ত্রী-সন্তানদের নিয়ে আর পাঁচটা গ্রামের মানুষের মতনই সরল গার্হস্থ জীবনযাপন করে। আশেপাশের গ্রামগুলোতেও মগদের গ্রাম সম্পর্কে জিগ্যেস করেও বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল না।

খবরটা যথারীতি মহারানি ইরাবতীর কাছেও পৌঁছল। এক মগ ভৃত্য একদিন বিলম্বে রানি মহলে উপস্থিত হওয়াতে রানি যখন তাকে বিলম্বের কারণ জিগ্যেস করলেন, ভৃত্য তাঁকে জানাল, “আমাদের গ্রামে আজ কোম্পানির সাহেব গেছিল। গ্রামের লোকদের জড় করে সে জিজ্ঞাসাবাদ করছিল। তাই আসতে দেরি হল।”

ব্যাপারটা শুনে রানি ইরাবতী ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, “সাহেব কেন গ্রামে গেছিল? কী জিগ্যেস করছিল।”

ভৃত্য বলল, “কিছুদিন আগে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে একটা ছোট ছেলে হারিয়ে গিয়েছে। তার খোঁজ করতেই গ্রামে গিয়েছিল সাহেব।”