নারী, সমুদ্র, নাবিক – ২

কক্ষ সংলগ্ন উন্মুক্ত অলিন্দে এসে দাঁড়ালেন নীল নয়না সুন্দরী। দিন শেষের আলো তাঁর বাদামি কেশগুচ্ছে যেন স্বর্ণরেণু ছিটিয়ে দিল। তাঁর পরনে সোনার সুতোয় বোনা লেসের গাউন। যে পরিচারিকা তাঁর পোশাকের প্রান্তদেশ দু-হাতে ধরে রানির সঙ্গে এল, তাকে হাতের ইশারায় চলে যেতে বললেন। রানির আদেশ মেনে পরিচারিকা অন্তর্হিত হল কক্ষের ভেতর।

অলিন্দের সামনের অংশটা শ্বেত পাথরের সূক্ষ্ম কারুকাজ করা রেলিং দিয়ে ঘেরা। রানি প্রথমে সেই রেলিঙে ভর দিয়ে নিচের দিকে তাকালেন। প্রাকার-বেষ্টিত রানির এই ব্যক্তিগত প্রাসাদের সম্মুখভাগে সবুজ ঘাসের গালিচা বিছানো বেশ অনেকটা উন্মুক্ত স্থান আছে। মর্মর পাথরের মূর্তি-শোভিত ফোয়ারা আর কিছু ঋজু গাছও আছে সেখানে।

রানি কখনও কখনও পদচারণা করেন সেখানে। পাথর বিছানো রাস্তা প্রাসাদ থেকে সেই বাগানকে দ্বিখণ্ডিত করে গিয়ে থেমেছে প্রাকারের গায়ে সুবিশাল তোরণের সামনে। প্রাসাদে প্রবেশের জন্য অথবা বহির্গমনের জন্য সে তোরণ অতিক্রম করতে হয়। তোরণের স্তম্ভের গায়ে প্রোথিত দণ্ডের মাথায় উড়ছে নীলবর্ণের রাজার পতাকা। নাকি তাকে রানির পতাকা বলাই ভালো।

খণ্ড খণ্ড রাজ্যগুলো একত্রিত হয়েছে ওই একটি মাত্র নীল পতাকার নিচে। একত্রিত করার ক্ষেত্রে, এক অখণ্ড দেশ হিসাবে স্পেনকে রূপদান করতে সম্রাট ফার্দিনান্দের ভূমিকা আর কতখানি? দেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করেন এ দেশের রূপকার হলেন রানি। শুধু জন্মসূত্রে নয়, বরং তার চেয়েও অনেক বেশি কর্মসূত্রে। অর্থাৎ নিজের বুদ্ধিমত্তা ও পরিশ্রমের মাধ্যমে ঐক্যবদ্ধ স্পেনের জন্ম দিয়েছেন রানি। খুব বেশি হলে সম্রাট ফার্দিনান্দ এই কৃতিত্বের সামান্য অংশই দাবি করতে পারেন মাত্র।

রানি ওপর থেকে তাকিয়ে দেখলেন, প্রাসাদের প্রবেশ তোরণের দু’পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে রাজকীয় পোশাকে সজ্জিত অস্ত্রধারী দ্বাররক্ষী ও ঘোড়সওয়ার সৈনিকরা। ঠিক যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে থাকার কথা, তেমন ভাবেই তারা দাঁড়িয়ে। স্থির, অচঞ্চল, পাথরের মূর্তির মতো একদল মানুষ। তাদের ঘোড়াগুলো যদি মাঝে মাঝে লেজ না নাড়াত, তবে তাদের পাথরের মূর্তির মতো মনে হতো।

রানি আসলে নিচে তাকিয়ে দেখার চেষ্টা করলেন একজনকে। মাঝে মাঝে সে ঘোড়ার পিঠে চেপে বাগানে ঘুরে বেড়ায়। বহুক্ষণ হল তাকে প্রাসাদের নিচের কক্ষে রেখে ওপরে উঠে এসেছেন, একলা সময় কাটাবার জন্য। তবে রানি নিচের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। রানি অনুমান করলেন, সে তবে প্রাসাদের অভ্যন্তরেই ভৃত্যদের তত্ত্বাবধানেই আছে। রানি এরপর মাথা তুলে তাকালেন সামনের দিকে। সুউচ্চ প্রাসাদের শীর্ষদেশের এই অলিন্দ থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। দেখা যায় বন্দর আর সমুদ্র। সেই সমুদ্রের মতো নীল আর গভীর রানির দু’চোখের তারা দুটো। সমুদ্রের বুকে বন্দরের গা থেকে কিছুটা তফাতে দাঁড়িয়ে থাকা জাহাজের বিশাল বিশাল মাস্তুলগুলো দেখতে পাচ্ছেন তিনি। কয়েকটা জাহাজের মাস্তুলে পাল খাটানো হয়ে গেছে। যাত্রা শুরুর জন্য প্রস্তুত হচ্ছে তারা। ওগুলি বাণিজ্যপোত। প্রতিদিন এমন বহু বাণিজ্যপোত যাওয়া-আসা করে স্পেনের এই বন্দরে।

সূর্য ইতিমধ্যেই ঢলতে শুরু করেছে। বিদায়ী সূর্যের আভাতে ঈষৎ রক্তিম দেখাচ্ছে জাহাজের সাদা পালগুলি। সিগাল, সমুদ্রের পাখিরদল শেষবারের মতো পাক খেতে শুরু করেছে আকাশে। তাদের পালকেও বেলাশেষের রঙ। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যপট ভেসে আসছে রানির নীল চোখে। কিন্তু এদৃশ্য রানির মনে কোনও মনোরম অনুভূতির সৃষ্টি করল না। বরং ঠিক এই মুহূর্তে রানির মুখমণ্ডলে কেউ যদি তাকাত, তবে সে দেখতে পেত তাঁর চোখে জেগে আছে স্পষ্ট বিষণ্ণতার ছাপ। তাঁর চোখ দুটো যেন বদ্ধ জলাশয়ের মতো দেখতে লাগছে। স্থির অচঞ্চল। সমুদ্রের নীল জলরাশির কিছুটা অংশ কোনও কোনও সময় যেমন বালুতটে আটকে পড়ে, ঠিক তেমনই দুটি চোখে যেন আটকে পড়েছে।

রানি অবশ্য দূরে সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখার চেষ্টা করলেন, স্পেনের পতাকা শোভিত কোনও নৌবহর বন্দরের দিকে ফিরে আসছে কিনা? নাবিককে নিয়ে আসবে নৌবহর। রানির নির্দেশেই নৌবহর বন্দিকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য রওনা হয়েছিল। এবার তাদের ফিরে আসার কথা। আর তারপর? রানিকে দাঁড়াতে হবে সম্ভবত তাঁর জীবনের সর্বাপেক্ষা কঠিন পরীক্ষার সামনে। যে-কোনও দিন যে-কোনও সময় এক বলি?

বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন রানি। শৈশব থেকে নানান কঠিন পরীক্ষার ধাপ পেরিয়ে আজ তিনি স্পেনের সম্রাজ্ঞীর পদে অধিষ্ঠিত। রানির যখন জন্ম হয়, তখন বর্তমানের স্পেন কয়েকটি খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। পোপের নির্দেশ ক্যাথেলিক খ্রিস্টান প্রভাবিত রাজ্যগুলো মেনে চলত। প্রতি রাজ্যের ছিল আলাদা আলাদা শাসক। পতাকা থেকে শাসন ব্যবস্থা, নানান ভিন্নতা ছিল তাদের মধ্যে।

গ্রানাডা নামে রাজ্যের শাসক আবার ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। ঐক্যবদ্ধ স্পেনের চেহারা তখন ছিল না। মাঝে-মাঝেই রাজ্যগুলির মধ্যে রক্তক্ষয়ী লড়াইও হতো রাজ্যের সীমানা বা বাণিজ্যিক বিষয়কে কেন্দ্র করে। তেমনই এক রাজ্য ছিল কাস্টেলো। তার রাজা ছিলেন জন, রানির পিতা। মা পর্তুগাল বংশীয়া নারী। এক সহোদর ভাইও ছিল রানির। তার নাম আলফানসো। রানির বয়স যখন মাত্র তিন বছর, আর আলফানসোর সবে এক, তখন মারা গেলেন জন। কাস্টেলোর সিংহাসন আরোহণ করলেন, রানির বৈমাত্রেয় দাদা হেনরি। হেনরি সিংহাসনে আরোহণের পর স্ত্রীর প্ররোচনায় তাঁর বিমাতাকে, শিশুকন্যা ও পুত্রসহ কাস্টেলোর প্রাসাদ থেকে দূরে, পর্তুগালের আরেভালোতে পাঠিয়ে দিলেন। ভরণপোষণের দায়িত্ব পর্যন্ত নিলেন না। জ্ঞান হওয়ার পর থেকেই রানিকে লড়াই করতে হয়েছিল চরম অর্থকষ্টের মধ্যে। তবে তারই মধ্যে তিনি চালিয়ে গেছিলেন দর্শন শাস্ত্র, ধর্ম, রাজনীতি, সাহিত্য সংক্রান্ত পঠনপাঠন।

আরেভালোর এক সুহৃদয় শিক্ষক তাঁকে নানান বিদ্যায় শিক্ষিত করে তুলেছিলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, এই কন্যা শুধু অভিজাত বংশীয়াই নয়, সে মেধাবী আর বুদ্ধিমতী। ভবিষ্যতে স্পেনের কাণ্ডারী হতে পারে। নিদারুণ অর্থকষ্টে কিছু সহৃদয় মানুষের সাহায্যকে অবলম্বন করে বাল্যকাল অতিক্রম করার পর রানি যখন কৈশোরে পদার্পণ করলেন তখন আবার তাঁদেরকে কাস্টেলোয় ফিরিয়ে আনলেন হেনরি।

এর পেছনে বিশেষ এক কারণ ছিল। সে সময় কিছু অভিজাত লোকজন ও গির্জার একদল যাজক রাজা হেনরির বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল। হেনরি আশঙ্কা করেছিলেন তারা তাঁর সৎ ভগ্নী ও ভ্রাতার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দিয়ে ভবিষ্যতে সিংহাসনের দাবি জানাতে পারে। কারণ হেনরির কোনও ঔরসজাত সন্তান জন্মায়নি। তাঁর যে কন্যা আছে সে পালিতা কন্যা। তার নাম জোয়ানা। আসলে সে হেনরির এক বান্ধবীর কন্যা। তাই রাজকীয় রক্তের দাবিকে সামনে রেখে হেনরির পিতার ঔরসজাত পুত্র-কন্যারা জোয়ানার পরিবর্তে সিংহাসন দাবি করতে পারে। আর এই চক্রান্ত রুখতে হলে সৎ ভ্রাতা-ভগ্নীকে তাঁর চোখের সামনে রাখাই ভালো। তাই তিনি তাঁদেরকে ফিরিয়ে আনলেন কাস্টেলোয়। লোকজনের সামনে তিনি এমন ভাব দেখাতে শুরু করলেন, যেন তিনি তাঁর সৎ ভাইবোনের প্রবল হিতাকাঙ্ক্ষী।

রাজপ্রাসাদে না হলেও অন্য একটি প্রাসাদে ভাইবোনের থাকার ব্যবস্থা করলেন হেনরি। কিন্তু সেসময় হেনরির বিরোধীদের সংখ্যা ক্রমশই বাড়ছিল। ভাইবোনকে কাছে এনেও তাঁদের ওপর ভরসা করতে পারলেন না হেনরি। বাইরের লোকদের তিনি ওই প্রাসাদে প্রবেশ করতে না দিলেও, যাজকদের গতিরুদ্ধ করার ক্ষমতা রাজার নেই। তিনি ভয় পেলেন যদি কোনও যাজক গিয়ে তাঁদের কুমন্ত্রণা দিয়ে আসে। হেনরি তাই সিদ্ধান্ত নিলেন, তাঁর সৎ ভাইবোনকে দেশ থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে, যাতে নিষ্কণ্টক হয় পালিত কন্যা জোয়ানার সিংহাসন আরোহণ।

একটি কৌশল অবলম্বন করলেন হেনরি। সেসময় প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল কাস্টেলোয়। হেনরি, তাঁর সৎ ভাই আলফানসোকে নিজের প্রাসাদে এনে রাখলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই মৃত্যু হল আলফানসোর। রাজপ্রাসাদ থেকে জানানো হল প্লেগে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কীভাবে যেন একটা খবর ছড়িয়ে পড়ল, প্লেগ নয়, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে আলফানসোর। সেদিনের রাজকুমারী অবশ্য বিশ্বাস করতে চাননি কথাটা। তবে আজকের রানি মনে করেন তেমনই কিছু ঘটেছিল। প্রাণাধিক প্রিয় ভাইয়ের মৃত্যুতে সেসময়ে শোকে, বেদনায় মুহ্যমান হয়ে পড়েছিলেন রাজকুমারী।

আলফানসোকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর হেনরি সিদ্ধান্ত নিলেন এবার সরাতে হবে সৎ ভগ্নীকে। তবে তাঁকেও যদি খুন করা হয় তবে সন্দেহের তিরে সরাসরি বিদ্ধ হবেন হেনরি। তাই তিনি বিবাহের মাধ্যমে রাজকুমারীকে অন্যত্র সরিয়ে দেবার চেষ্টা করলেন। ইংল্যান্ডের সিংহাসনের ভাবি রাজা যুবরাজ তৃতীয় রিচার্ডকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন সৎ ভগ্নীকে। কাস্টেলোর রাজকুমারী অসাধারণ সুন্দরী, শিক্ষিতা, রুচিসম্পন্না। তাই যুবরাজ রিচার্ডও সম্মত ছিলেন এই প্রস্তাবে। সৎ বোনের প্রতি রাজা হেনরির এই অনুরোধ ক্রমশ চাপে পরিণত হল। রাজকুমারী এবার অনুমান করতে পারলেন, হেনরির অভিসন্ধি। কিন্তু সে মুহূর্তে কী করবেন রাজকুমারী! প্রবল অসহায় অবস্থা তাঁর। ঠিক সেসময়ে তাঁর পরিচয় হল, স্পেনের বর্তমান রাজা, রানির স্বামী ফার্দিনান্দের সঙ্গে।

ফার্দিনান্দ তখন আরাগানের রাজ্যভ্রষ্ট যুবরাজ। আরাগানের রাজা দ্বিতীয় জন তাঁকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করলেও, সিংহাসনে দখল নিয়েছে তাঁর জ্ঞাতিভ্রাতা। প্রাণ রক্ষার জন্য তিনি তখন পালিয়ে এসে আশ্রয় গ্রহণ করেছেন পার্শ্ববর্তী রাজ্য কাস্টেলোয়। আত্মপরিচয় গোপন করার জন্য তিনি পরিচারকের কাজ নিয়েছেন, কাস্টেলোর রাজা হেনরির কাছে।

হেনরি রাজকুমারীর জন্য প্রাসাদে যেসব পরিচারক নিয়োগ করেছিলেন, ফার্দিনান্দ ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাঁকে দেখে রানির মনে হতো এ লোকটা যেন অন্য পরিচারকদের থেকে আলাদা। তাঁর চোখেমুখে যেন অভিজাত রক্তের ছাপ আছে। তাঁকে বেশ ভালো লাগত রাজকুমারীর। একদিন তিনি ফার্দিনান্দকে সরাসরি তাঁর পরিচয় জিগ্যেস করাতে ফার্দিনান্দ তাঁর আসল পরিচয় ব্যক্ত করলেন। কিশোরী রাজকুমারীর সেদিন মনে হয়েছিল, এই মানুষটিকে অবলম্বন করে হয়তো বাঁচা যাবে। হয়তো-বা ফার্দিনান্দেরও একই কথা মনে হয়েছিল। তাই দুজনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই গড়ে উঠেছিল বিশ্বাস আর ভালোবাসার সম্পর্ক। অন্তত রাজকুমারীর দিক থেকে তো বটেই।

ওদিকে হেনরির ক্রমশ চাপ বৃদ্ধি করছিল। এরপর একদিন হেনরি তাঁর বোনকে জানালেন, তিনি তার জন্য প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছেন। জাহাজ প্রস্তুত হচ্ছে। কিন্তু রাজকুমারীর নামে আসা উড়ো চিঠি জানিয়ে দিল রাজা হেনরির গোপন অভিসন্ধির কথা। রাজকুমারীকে নিয়ে ওই প্রমোদ তরী সোজা নিয়ে যাবে লন্ডনের বন্দরে। যুবরাজ রিচার্ড তাঁর জন্য সেখানে অপেক্ষা করে থাকবেন।

চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাজকুমারী। প্রত্যেক রাজকীয় প্রাসাদেই একটা চার্চ বা উপাসনা কক্ষ থাকে। এক পাদ্রির সহায়তায় সেই প্রাসাদের চার্চে মাতা মেরিকে সাক্ষী রেখে গোপনে ফার্দিনান্দকে বিবাহ করলেন তিনি। আর সেই রাতেই কাস্টেলো ত্যাগ করে ছদ্মবেশে পালালেন অন্য রাজ্যে। শুরু হল তাদের সংঘর্ষময় কঠিন জীবন। নতুন দেশে কখনও রুটি বিক্রি করে, কখনো-বা সূচিকর্ম বিক্রি করে গুজরান করতেন তাঁরা। একজন রাষ্ট্রভ্রষ্ট যুবরাজ, আর অন্যজন রাষ্ট্রভ্রষ্টা রাজকুমারী। কিন্তু মাথার ওপর তাঁদের কোনও ছাদ নেই। কখনো কোনও চার্চের অতিথিশালাতে, আবার কখনো কোনও আস্তাবলে, এমনকী চারণভূমিতে খোলা আকাশের নীচে পশুপালকদের সঙ্গে তাঁরা রাত্রিবাস করতেন।

সে সময় রাজকন্যার সম্বল ছিল, কেবল স্বামী ফার্দিনান্দের প্রতি বিশ্বাস আর মাতা মেরির প্রতি ভরসা। মাতা মেরি নিশ্চয়ই একদিন তাঁর আশীর্বাদ বর্ষণ করবেন। ফিরিয়ে দেবেন সব কিছুই। হ্যাঁ, মাতা মেরির আশীর্বাদ এরপরে নেমে এসেছিল তাঁদের ওপর। বছরখানেক পর রাজকুমারী সংবাদ পেলেন, কাস্টেলোর রাজা হেনরির মৃত্যু হয়েছে। তিনি তাঁর উত্তরাধিকারি হিসাবে মনোনীত করে গেছেন তাঁর প্রেমিকার কন্যা জোয়ানাকে।

এই ঘটনাটা হেনরির বিরুদ্ধাচরণকারী যাজক, অভিজাতরা মেনে নিতে পারলেন না। রাজকন্যা কোথায় আছেন সে খবর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করলেন। রাজকন্যাকে কাস্টেলোর সিংহাসনে আরোহণের প্রস্তাব দিলেন। তবে একটা শর্ত দিলেন যাজকরা। সিংহাসন আরোহণের পর চার্চের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তাঁকে।

আজকের রানি সম্মত হলেন তাঁদের প্রস্তাবে। তবে স্বামী ফার্দিনান্দের প্রতি গভীর অনুরক্ত রাজকুমারী পাদ্রিকেও একটা উল্টো প্রস্তাব দিলেন। শুধু তাঁকে কাস্টেলোর রানির আসনে অধিষ্ঠিত করলেই হবে না, ফার্দিনান্দকেও রাজা বলে ঘোষণা করতে হবে। রাজা-রানি দুজনে সমান ক্ষমতার ভাগীদার হয়ে দেশ শাসন করবেন। ফার্দিনান্দকে কাস্টেলোর রাজা হিসাবে ঘোষণা করার ক্ষেত্রে অভিজাতদের কিছুটা আপত্তি থাকলেও শেষ পর্যন্ত তাঁরা মেনে নিলেন টরাজকন্যার প্রস্তাব।

এরপর শুরু হল জোয়ানা আর আজকের সম্রাজ্ঞীর সমর্থকদের মধ্যে তুমুল গৃহযুদ্ধ। সে বড় কঠিন সময়। যে-কোনও মুহূর্তে রাজকন্যার ওপর নেমে আসতে পারত কঠিন মৃত্যু। কিন্তু মাতা মেরি তাঁর আশীর্বাদ থেকে বঞ্চিত করলেন না রাজকন্যাকে। একদিন সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটল। কাস্টেলোর সিংহাসনের অধিকার পেলেন রাজকুমারী। চার্চ তাঁকে ঘোষণা করল কাস্টেলোর রানি হিসাবে। আর ফার্দিনান্দকে রাজা হিসাবে।

ফার্দিনান্দ কাস্টেলোর রাজা ঘোষিত হওয়ার পর তাঁর ভাগ্য প্রসন্ন হল। কাস্টেলো ছিল আশপাশের রাজ্যগুলোর মধ্যে সবচাইতে শক্তিধর। ফার্দিনান্দের নিজ রাজ্য আরাগনের রাজা ভয়ে পেয়ে তাঁর সিংহাসন তুলে দিলেন ফার্দিনান্দের হাতে। আরাগান মিশে গেল কাস্টেলোর পতাকার সঙ্গে।

ঐক্যবদ্ধ স্পেন সাম্রাজ্য গঠনের লক্ষ্যে একের পর এক পার্শ্ববর্তী রাজ্যগুলোকে দখল করলেন সম্রাজ্ঞী। লড়াই করতে হল দেশের কিছু অভিজাতদের সঙ্গেও। তাঁরা নারীর কর্ত্রীত্ব মানতে চাননি। কিংবা মানতে চাননি আরাগন বংশোদ্ভূত ফার্দিনান্দকে কাস্টেলো তথা স্পেনের শাসক হিসাবে।

শুধু কি বাইরের লড়াই, তাঁর ঘরের ভেতরও এসে হানা দিয়েছিল এক মানসিক যুদ্ধ। রানি জানতে পেরেছিলেন তাঁর স্বামীর গোপন প্রেমের কথা। মাগদলিয়া নামের তাঁর এক শয্যাসঙ্গিনীর কথা। ফার্দিনান্দের প্রতি ভালোবাসার বিশ্বাস ভেঙে খানখান হয়ে গেছিল সেদিন। ভ্রাতা আলফানসোর মৃত্যুর পর এত বড় মানসিক আঘাত পাননি রানি। ব্যাপারটাকে তিনি উপেক্ষা করলেন। লড়াই, লড়াই আর লড়াই। নানান কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে স্পেন সম্রাজ্ঞীর জীবন। কিন্তু রানি আজ যে পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন, তা সবচেয়ে কঠিন।

সমুদ্রের দিকে চেয়ে রানি ভাবতে লাগলেন, তাঁকে এমন কঠিন পরিস্থিতির সামনে ঈশ্বর কেন দাঁড় করালেন? কেন এমন মানসিক যন্ত্রণার মধ্যে অবতীর্ণ হতে হচ্ছে তাঁকে? ইতিপূর্বে ভ্রাতার মৃত্যুতে বা স্বামীর গোপন প্রেমের সন্ধান পাওয়ার পরও এমন যন্ত্রণা তিনি পাননি। দুঃসহ এক যন্ত্রণা, যা ক্ষতবিক্ষত করে দিচ্ছে রানির মনকে। এ যন্ত্রণার পরিমাণ আরও বাড়বে, যখন রানিকে ঘোষণা করতে হবে বন্দির শাস্তি। আমৃত্যু রানিকে বহন করতে হবে সেই যন্ত্রণা।

রানি ভাবতে লাগলেন, কেন তার ওপর নেমে এল এই যন্ত্রণা? কোনও পাপের কারণে কি? একটা ঘটনা নিয়ে অবশ্য রানি সবার অলক্ষ্যে কিছুটা অপরাধবোধে ভোগেন। তা হল তাঁর গ্রানাডা অধিকারের ব্যাপারটা।

হাজার বছর ধরে গ্রানাডা ছিল মুসলিমদের অধিকারে। গ্রানাডার শাসক ছিলেন মুসলিম। গ্রানাডাকে স্পেনের পতাকাতলে আনার জন্য অভিযানের নির্দেশ দিয়েছিলেন রানি। রক্তপাত এড়াতে গ্রানাডার বাদশা আমীর আবদুল্লা এক সন্ধির প্রস্তাব পাঠান রানির কাছে। তিনি সেই সন্ধি প্রস্তাবে বলেন যে, বিনা যুদ্ধে গ্রানাডার সিংহাসন স্পেন সম্রাজ্ঞীর হাতে তুলে দেবেন। কিন্তু রানিকে কথা দিতে হবে যে, গ্রানাডার মুসলিম নাগরিকদের হত্যা করবেন না। তাঁদের সম্পদ লুঠ বা জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করবেন না। রানি মেনে নিলেন তাঁর শর্ত। স্পেনের রানি ও গ্রানাডার বাদশার মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পর বাদশা আবদুল্লা ছেড়ে দিলেন তাঁর সিংহাসন। কিন্তু স্পেনের রানি তাঁর কথা রাখতে পারেননি।

তিনি তা পারেননি গির্জা, পাদ্রি আর যাজকদের চাপে তাঁদের বিরোধিতা করার ক্ষমতা রানির ছিল না। হয়তো আজও নেই। গ্রানাডা স্পেনের পতাকার নীচে নিজেকে সমর্পণ করার পর সেখানে গিয়ে ধর্মান্তকরণের জন্য ঝাঁপিয়ে পড়েছিল ক্যাথেলিক যাজকরা। বহু মানুষকে তারা ভয় বা লোভ দেখিয়ে ধর্মান্তরিত করল। যারা ধর্মান্তরিত হতে চায়নি, তাদের হত্যা বা বিতাড়িত করেছিল পাদ্রিদের অনুগত লোকেরা। তাদেরকে বাধা দিতে পারেননি রানি। তবে কি গ্রানাডার সেই সব নিরীহ নরনারীর অভিসম্পাতই বর্ষিত হচ্ছে আজ রানির ওপর? এ ঘটনার দায় তো তাঁর ওপরও বর্তায়।

এরপর আরও একটা কথা ভাবতে লাগলেন রানি। রাজা ফার্দিনান্দ কি কিছু আঁচ করেছেন? কোনও সন্দেহ কি জেগেছে তাঁর মনে? তিনি কি কৌশলে রানিকে শাস্তি দিতে চাইছেন? চার্চের সর্বময় কর্তা ফাদার পিরেজের মনেও কি কোনও আশঙ্কা দানা বেঁধেছে। তিনি কি দেখতে চাইছেন রানি ক্যাথেলিক চার্চের প্রতি আগের মতোই অনুগত কিনা? তাই কি ফার্দিনান্দ আর ফাদার পিরোজ, নিজেরা নাবিকের বিচার ভার গ্রহণ না করে তুলে দিলেন রানির হাতে? রানিকে প্রকারান্তরে বাধ্য করলেন, নাবিককে গ্রেপ্তার করে স্পেনে ফিরিয়ে আনার নির্দেশ দিতে?

সমুদ্রের দিকে তার্কিয়ে এসব কথাই ভাবতে লাগলেন রানি। না, কোনও নৌবহরকে তিনি বন্দরে ফিরে আসতে দেখতে পেলেন না। এরপর সমুদ্রের বুকে সূর্য ডুবে সন্ধ্যা নামার প্রস্তুতি শুরু হল, তখনও রানি চেয়ে রইলেন সমুদ্রের দিকে।

একইভাবে একই স্থানে দাঁড়িয়ে ছিলেন রানি। সূর্য ডুবে গেল। প্রাসাদ তোরণে মশালের আলো জ্বালিয়ে দিতে শুরু করল তার রক্ষীরা। হঠাৎ রানির চিন্তার জাল ছিন্ন হল, তাঁর গাউনে পেছন থেকে মৃদু টান পড়ল৷ রানি দেখলেন, তাঁর কাছে এসে দাড়িয়েছে শিশুপুত্র ডন। সন্ধ্যা নামতে শুরু করায় মায়ের খোঁজে ওপরে উঠে এসেছে সে। মাত্র সাত বছর বয়স তাঁর। সে দীর্ঘ সময় মায়ের অদর্শনে থাকতে চায় না।

রানি তাকালেন ডনের মুখের দিকে। নিষ্পাপ এক বালকের মুখ। ডন তার ছোট্ট বাম হাতটা নিজের বামদিকের কপাল সংলগ্ন কেশ রাশির ওপর একবার বুলিয়ে নিল। রানি খেয়াল করেছেন এ কাজটা তাঁর পুত্র আজকাল প্রায়সই করে থাকে। অমনভাবে মাথায় হাত দেয়। নিজের মাথায় হাত বোলাবার পর ডন রানির কোমর জড়িয়ে প্রশ্ন করল, ‘তুমি একলা দাঁড়িয়ে কী করছ মাঃ”

রানি মৃদু হেসে জবাব দিলেন, ‘সমুদ্র দেখছিলাম।’

ডন এরপর বলল, “সেই ইতালির নাবিক কবে ফিরবে মা? সে যে বলেছিল, আমার ঘোড়ার জন্য রেড ইন্ডিয়ানদের ঈগল পাখির সাজ আনবে৷ সে আসবে তো?”

পুত্রর কথা শুনে মৃদু চমকে উঠলেন রানি। তিনি তাকে জিগ্যেস করলেন, “নাবিক যে ফিরে আসছে সে কথা কে বলেছে?”

ডন জবাব দিল, ‘ভৃত্যরা আলোচনা করছিল, কক্ষের দরজার বাইরে দাঁড়িয়ে। সে কথা আমি শুনেছি।’

রানি জানতে চাইলেন, “তুমি আর কী শুনেছ?”

ডন উত্তর দিল, ‘তারা বলছিল, নাবিকের নাকি বিচার হবে। তুমি তাঁর বিচার করবে!’ এ কথা বলে সে একটু থেমে মাকে জিগ্যেস করল, ‘কীসের বিচার হবে মা? কীসের বিচার করবে তুমি?’

অবোধ এই বালকের রাজনীতি জানা নেই। জানা নেই চার্চের ধর্মীয় অনুশাসনের কথা, তার মাতার মনের কথা, পারস্পরিক সম্পর্কের কথা। তাই বালক পুত্রের প্রশ্নের জবাবে রানি কী উত্তর দেবেন তা বুঝে উঠতে পারলেন না। আলোচনার প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি ডনকে বললেন, ‘তোমাকে আজ বিকেলে বাগানে দেখলাম না কেন? ফ্রেডরিক তোমাকে পিঠে নেওয়ার সময় দুষ্টুমি করেছে নাকি?’

ফ্রেডরিক হল ডনের টাট্টু ঘোড়ার নাম। ডন জবাব দিল, ‘না, আমি আজ তার পিঠে চাপিনি। স্টুয়ার্ট আন্দ্রেনিওর কাছে গল্প শুনছিলাম।’ আন্দ্রেনিও নামের এক বৃদ্ধ প্রাক্তন নাবিক ডনের পরিচর্যার কাজে নিয়োজিত আছে। ডন তার কথাই মাকে বলল।

কথাটা শুনে রানি জানতে চাইলেন, ‘কী গল্প?’

ডন জবাব দিল, “সমুদ্রের গল্প। আমিও বড় হয়ে সমুদ্র অভিযানে যাব।”

পুত্রের কথা শুনে রানি এবার যেন মৃদু চমকে উঠলেন। অন্ধকার নামছে সমুদ্রের বুকে। সেদিকে একবার তাকিয়ে নিয়ে পুত্রকে আলিঙ্গন করে অলিন্দ ত্যাগ করে রানি কক্ষে প্রবেশ করলেন।