জাগিও না, আমায় জাগিও না – ৩

অচেনা উজবেক বৃদ্ধ চলে যাবার পর দরজা বন্ধ করে আবার টেবিলে এসে বসলেন মিখাইল গেরাসিমভ। লোকটার আগমন তাঁকে একধারে যেমন বিস্মিত করেছে তেমনই রোমাঞ্চিত করেছে। এখন তিনি নিশ্চিত যে ওই কবরের মধ্যেই শুয়ে আছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক তৈমুর লঙ। ভাগ্যিস গেরাসিমভ পরদিন মস্কোতে না ফিরে কবর খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বৃদ্ধের নামটা জানা হল না গেরাসিমভের। তবে বৃদ্ধকে কিন্তু স্তালিনের নাম করে মিথ্যা বলেননি তিনি। সাতমাস আগে সত্যিই রাশিয়ার সর্বাধিনায়ক যোসেফ স্তালিন ডেকে পাঠিয়েছিলেন নৃতত্ত্ববিদকে। কমরেড স্তালিন তাঁকে বলেছিলেন, “খুঁজে বার করতে হবে তৈমুর লঙের সমাধি। তৈমুরের কোনও ছবি বা মূর্তি কোথাও পাওয়া যায় না। কবরের মধ্যে যদি পাঁচশো বছরের প্রাচীন সেই সামরিক শাসকের দেহাবশেষ পাওয়া যায়, তবে তা দিয়ে তাঁর প্রতিকৃতি নির্মাণ করতে হবে।”

স্তালিন দেখতে চান তৈমুর কেমন দেখতে ছিলেন। তবে রাশিয়ার সর্বাধিনায়কের হঠাৎ এই আগ্রহের পিছনে কী কারণ আছে তা স্পষ্টভাবে গেরাসিমভের জানা নেই। হয়তো এমনও হতে পারে স্তালিনের মতো তৈমুর কঠিন হৃদয়ের লৌহ পুরুষ ছিলেন বলে হয়তো তৈমুরের প্রতিকৃতি দেখার আগ্রহ জেগেছে তাঁর মনে। যাই হোক স্তালিনের ইচ্ছা বা নির্দেশেই সোভিয়েত রাশিয়ার বর্তমান শেষ কথা। কাজটার মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপারও ছিল। পরদিন থেকেই তৈমুর সম্পর্কে বইপত্র দলিল দস্তাবেজ ঘাটতে শুরু করেছিলেন গেরাসিমভ। তারপর একদিন মস্কো থেকে রওনা হয়েছিলেন উজবেকিস্তানের সমরখন্দের উদ্দেশে। সমরখন্দে যে তৈমুরকে সমাধিস্থ করা হয়েছিল তা ইতিহাস বইয়ের পাতায় লেখা আছে। কিন্তু সেটা যে সমরখন্দের কোথায় তা জানা ছিল না।

শুধু একটা বইয়ে গুল-ই আমীর গ্রামটায় তৈমুরের কবর থাকলেও থাকতে পারে বলে সামান্য একটু আভাস ছিল। রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি-র এক অফিসার গেরাসিমভকে জানান যে এই গুল-ই আমীর গ্রামে বেশ কিছু প্রাচীন কবর আছে। স্থানীয় উজবেক উপজাতির লোকেরা নাকি ভয়ে এড়িয়ে চলে কবরখানা।

জীবিত হোক বা মৃত, তৈমুর নাম ভীতিপ্রদ। তাঁর কবরটা এড়িয়ে চলাই স্বাভাবিক। প্রাথমিক অবস্থায় অঙ্ক কিছুটা মিলে যাওয়াতে গেরাসিমভ তাঁর সঙ্গীদের নিয়ে চলে এসেছিলেন এখানে। তারপর—

গেরাসিমভের মনে হচ্ছিল তাঁর সহযোগীদের ডেকে নিয়ে তখনই ছুটে যান ওই কবর খোঁড়ার জন্য। কিন্তু তা তো সম্ভব নয়। এরপর বাতি নিভিয়ে গেরাসিমভ শুয়ে পড়লেন। কিন্তু সারা রাত উত্তেজনায় ভালো করে তাঁর ঘুম এল না। জানলার কাচের ফাঁক দিয়ে যখন ভোরের আবছা আলো ঘরে প্রবেশ করল তখনই বিছানা ছেড়ে উঠে পড়লেন তিনি।

অবশ্য আরও বেশ খানিকটা সময় তাঁকে অপেক্ষা করতে হল সঙ্গীদের জন্য। ব্রেকফাস্টের টেবিলে তিনি তাঁর সঙ্গীদের কাছে ব্যক্ত করলেন গত রাতের সেই বৃদ্ধের কথা। শুনে তাঁর সঙ্গীরাও বেশ উত্তেজিত। কোনওরকমে ব্রেকফাস্ট সাঙ্গ করে কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে গাড়ি করে তাঁরা রওনা হয়ে গেলেন কিছু দূরে যেই কবরস্থানের দিকে। উত্তেজনায় সবাই টগবগ করে ফুটছে। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাপিয়ে গেরাসিমভ যেন > শুনতে পাচ্ছেন তার হৎপিণ্ডের লাব ডুব শব্দ। ক্যালেন্ডারের পাতায় দিনটা ২১ জুন ১৯৪১।

জায়গাটায় পৌঁছে গেলেন তাঁরা। গতকাল ছ’ফুট মতো গর্ত খুঁড়েও কোনও কিছু পাওয়া যায়নি। এদিন উৎসাহ নিয়ে সে গর্তে নেমে পড়লেন সকলে। সূর্য উঠলেও আকাশ আজ মেঘলা। রোদের তেজ নেই। কবর আরও খোঁড়ার কাজ শুরু হল। অতি সাবধানে, ধীরে ধীরে। মাটির নীচে যদি কোনও কিছু থেকে থাকে তবে তা কোদাল, বেলচা বা কার্নিকের আঘাতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য।

সময় এগিয়ে চলল। আকাশেও মেঘ জমতে শুরু করল। অথচ এ সময়ে বৃষ্টি হবার কথা নয়।

কয়েক ঘণ্টা কেটে গেছে কাজ শুরু হবার পর। গতদিন আর এদিন মিলিয়ে অস্তত বারো ফুট গর্ত খোঁড়া হয়ে গেছে। হঠাৎ কার্নিকের আঘাতে ঠং করে একটা শব্দ হল। মাটির তলা থেকে আবিষ্কৃত হল একটা পাথরের পাটাতন। ধরাধরি করে সেটা ওপরে তোলা হল। তারপর আবার মাটি। তবে, নৃতত্ত্ববিদরা নিশ্চিত হয়ে গেলেন অত নীচে পাথরের পাটাতন যখন আছে তবে নিশ্চিতভাবে তার নীচের মাটিতে কিছু আছে।

আবার কাজ শুরু হল। এবারে বেশি খুঁড়তে হল না। হাত খানেক খুঁড়তেই বেরিয়ে এল দ্বিতীয় পাটাতন। সেটাকেও ওপরে তোলা হল। তার নীচে আবারও মাটি।

উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে সকলের। খনন কাজ চলছে। বাতাসে গুমোট ভাব, ঘাম ঝরছে। তবু উৎসাহের বিরাম নেই। বেশ খানিকটা খোঁড়ার পর আত্মপ্রকাশ করল তৃতীয় একটা পাথরের স্ল্যাব। কঠিন গ্রানাইট পাথরের পাটাতনটা বেশ চওড়া আর ভারী। কিছুতেই নড়তে চায় না।

অনেকক্ষণ সময়ের পরে সম্মিলিত প্রচেষ্টায় একপাশে সেটা সরিয়ে ফেলা গেল। গেরাসিমভের রিস্ট ওয়াচে তখন বারোটা বাজে।

গ্রানাইট পাথরের পাটাতনটা পাশে সরিয়ে ফেলতেই তার নীচে থেকে আবিষ্কৃত হল পাথরের ঢাকনা সমেত একটা কফিন বা শবাধার! উল্লাসে চিৎকার করে উঠলেন নৃ-বিজ্ঞানী মিখাইল গেরাসিমভ আর তার সঙ্গীরা। নিশ্চয়ই এটা তৈমুরের কফিন। নইলে এভাবে মাটির তলায় কফিনটা লুকোনও থাকত না!

একটা বড় ব্রাশ দিয়ে কবরের ঢাকনার ওপর সাবধানে ধুলো মোছার কাজ শুরু হল। কিছুক্ষণ পর সে কাজ সম্পূর্ণ হতেই পাথরের ডানার ওপর আত্মপ্রকাশ করল কিছু খোদিত অক্ষর। গেরাসিমভ শুধু বিজ্ঞানীই নন, বেশ কয়েকটা ভাষায় তিনি দক্ষও। দেখলেন, লেখাটা ফার্সি। তিনি লেখাটা পাঠও করে ফেললেন। বেশ অবাকও হলেন। কফিনের ডালায় লেখা আছে “আমার ঘুম যেদিন ভাঙবে, সেদিন আবার কেঁপে উঠবে সারা পৃথিবী।”

কিছুটা কাকতালীয়ভাবেই যেন লেখাটা পাঠ করার সঙ্গে সঙ্গেই আকাশে মেঘের গর্জন শোনা গেল। বৃষ্টি নামার পূর্বাভাস। গেরাসিমভ আর তাঁর সঙ্গীরা বুঝতে পারলেন এবার তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে।

গাইতির ফলা দিয়ে অতি সাবধানে চাড় দিয়ে এরপর সরিয়ে ফেলা হল কফিনের ডালা। প্রত্যাশা মতোই গেরাসিমভ আর তাঁর সঙ্গীরা দেখতে পেলেন কফিনের মধ্যে শায়িত রয়েছে একটা কঙ্কাল। সময়ের প্রভাবে কঙ্কালটা টুকরো টুকরো হয়ে গেলেও করোটি থেকে শরীরের সব হাড়ই বর্তমান। ভালোভাবে কঙ্কালটাকে দেখার জন্য কফিনের ভিতর ঝুঁকে পড়তেই একটা অদ্ভুত সুগন্ধ এসে লাগল গেরাসিমভের নাকে। চমকে উঠলেন গেরাসিমভ। এত প্রাচীন কবরের ভিতর এখনও সুগন্ধ!

তৈমুরের কবর অনুসন্ধানের কাজে নামার পর তাঁকে নিয়ে অনেকটা পড়াশোনা করেছেন গেরাসিমভ। গন্ধটা পেয়ে চমকে গেলেও তাঁর মনে পড়ে গেল ক্লোয়েন্টস মাথনের লেখায় তিনি পড়েছিলেন যে, তৈমুরের মৃত্যুর পর তাঁর দেহ কস্তুরী আর গোলাপ জলে ধৌত করে আবলুস কাঠের কফিনে ভরে সমরখন্দে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কস্তুরী তেলের গন্ধ শত শত বছর টিকে থাকে।

গেরাসিমভ বুঝতে পারলেন, যে গন্ধটা তাঁর নাকে আসছে সেটা তবে কস্তুরীর গন্ধই হবে। নৃতত্ত্ববিদ শবাধারের মধ্যে থাকা নর করোটিটার দিকে তাকিয়ে রোমাঞ্চিত হয়ে ভাবলেন, এই সেই মানুষ, যে একদিন সম্রাট আলেকজান্ডার, চেঙ্গিজের মতো সারা দুনিয়া জয়ের স্বপ্ন দেখতেন। যিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে একদা নিজের ঘোড়ার খুরের নীচে পদানত করেছিলেন। যে কারণে ওই সমরবিদকে তাঁর সঙ্গীরা সম্রাট বলে সম্বোধন করত। এই সেই মানুষের করোটি, যিনি ইতিহাসের পাতায় কুখ্যাত হয়ে আছেন তাঁর সামরিক নিষ্ঠুরতার জন্য। যাঁর বাহিনি হত্যা করেছিল দু-কোটি মানুষকে। পৃথিবীকে তাঁর নাম সম্পর্কে আতঙ্কিত করার জন্য যিনি নির্দেশ দিয়েছিলেন পরাজিত শত্রুসেনাদের খুলি কেটে আনতে, আর তা দিয়ে তিনি সত্যিই মিনার নির্মাণ করেছিলেন। এমন ভয়ঙ্কর ঘটনার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই সেই ঘোড়ার পিঠে বিশ্ববিজেতা, বিশ্বত্রাস তৈমুর লঙের মাথার খুলি। তৈমুর শব্দের অর্থ লোহা। ঠিক লোহার মতোই শক্ত ছিল লোকটার হৃদয়। সেখানে কোনও মায়া-মমতা ক্ষমার স্থান ছিল না। পাষাণের থেকেও কঠিন হৃদয়।

গেরাসিমভ ও তাঁর সঙ্গীরা বেশ কিছুক্ষণ নির্বাক চেয়ে রইলেন কঙ্কালটার দিকে। পর পর বেশ কয়েকবার বজ্রপাতের শব্দ শোনা গেল। তা শুনে সম্বিত ফিরল গেরাসিমভের। তিনি সঙ্গীদের নির্দেশ দিলেন, তাড়াতাড়ি কঙ্কালটাকে উঠিয়ে নাও। বৃষ্টি নামবে।”

একটা স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে অতি সাবধানে প্রায় ভঙ্গুর কঙ্কালের টুকরোগুলোকে ভরতে লাগলেন গেরাসিমভের সঙ্গীরা। এইসময় তাঁরা খেয়াল করলেন, শবাধারের মধ্যে একটা ছোট পাথরের ফলকও রাখা আছে। তারা সেটা ধুলো ঝেড়ে গেরাসিমভের হাতে দিতেই তিনি অবাক হয়ে গেলেন ফলকটা দেখে। ফার্সি ভাষায় ফলকের গায়ে লেখা “যে-ই আমার কবর খুলুক না কেন, সে আমার চেয়েও আগ্রাসী একজন লোককে ডেকে আনল।”

চকিতের জন্য গেরাসিমভের মনে পড়ে গেল গতরাতের লোকটার বলা কথাগুলো। তিনি ভেবেছিলেন, লোকটা নিছকই ধর্ম ভাবনা অথবা কুসংস্কারের বশে তাঁকে কবর খুঁড়তে নিষেধ করেছিল। বৃদ্ধ নিজেকে তৈমুরের বংশধর বলে দাবি করেছিল। তৈমুরের পত্নী ও উপপত্নীর সংখ্যা ছিল অগুনতি। বৃদ্ধ সত্যিই তৈমুরের বংশধর কিনা তা জানা নেই গেরাসিমভের। তবে দ্বিতীয় ফলকটা দেখে তাঁর একটা কথা মনে হল, সম্ভবত বৃদ্ধ লোকটা বংশ পরম্পরায় জানে যে তৈমুরের কবরে এমন কিছু কথা লেখা আছে। যে কারণে সে কবর খুঁড়তে নিষেধ করেছিল।

প্লাস্টিকের ব্যাগে ভরে প্রাচীন শাসকের দেহাবশেষ ওপরে তোলা হল। ঠিক সেই সময় সূর্য প্রায় মেঘের আড়ালে ঢেকে গিয়ে মুহুর্মুহু বজ্রপাত শুরু হল। দেহাবশেষ সমেত প্লাস্টিকের ব্যাগটাকে এরপর একটা স্টিলের ট্রাঙ্কে পুরে সবাই সেটা নিয়ে এগোলেন গাড়ির দিকে। তাঁরা গাড়ির কাছে পৌঁছতে না-পৌঁছতেই বড় বড় ফোটায় তুমুল বৃষ্টি নামল। তার সঙ্গে শুরু হল প্রচণ্ড ঝোড়ো বাতাস।

ট্রাঙ্ক সমেত ছুটতে ছুটতে কোনওক্রমে তারা সেটা নিয়ে উঠিয়ে ফেলল গাড়ির পিছনের অংশে ক্যানভাসের ছাউনির নীচে। ড্রাইভার উঠে বসল তার আসনে। গেরাসিমভ ও তাঁর সঙ্গীরাও উঠে পড়লেন গাড়ির পিছনে। এত জোরে বাতাস বইছে যে মনে হচ্ছে গাড়ির ছাউনিটাই উড়ে যাবে!

থরথর করে কাঁপছে গাড়ি। গাড়ির ইঞ্জিন চালু করল ড্রাইভার। ঠিক সেই সময় পিছনে তাকিয়ে গেরাসিমভ দেখতে পেলেন একজনকে। গাড়ি আর শূন্য কবরটার মধ্যবর্তী ফাঁকা জমিতে অঝোর বর্ষণের মধ্যে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে সেই বৃদ্ধ।

গাড়ির দিকে তাকিয়ে সে চিৎকার করে গেরাসিমভের উদ্দেশে বলল,“মনে রাখবে, তুমিই কবর থেকে ওকে তুলে নিয়ে গিয়ে এক ভয়ঙ্কর মানুষকে ডেকে আনলে। যা ঘটবে তার জন্য তুমিই দায়ী থাকবে।”

গাড়ি চলতে শুরু করল। লোকটা এরপর আরও কিছু যেন বলল। গেরাসিমভের কান পর্যন্ত পৌঁছল না। দ্রুত গেরাসিমভের দৃষ্টিপথের আড়ালে হারিয়ে গেল সেই উজবেক বৃদ্ধ।

প্রবল দুর্যোগের মধ্যে কোনওক্রমে দেহাবশেষ ভরা সিন্দুক নিয়ে ফিরে এলেন তাঁরা। তবে দুর্যোগ কিছুতেই কমছে না। বরং বেড়েই চলল। দিন কেটে গিয়ে রাত্রি নামল, তবু ঝড় বৃষ্টি আর বজ্রপাতের বিরাম নেই। বাতাসের দাপট এতটাই যে মনে হতে লাগল ঘরের শার্সির কাচগুলো যেন এখনই ভেঙে পড়বে। চাইখানার বড় ঘরটায় সারা রাত স্টিলের ট্রাঙ্ক ঘিরে বসে রইলেন গেরাসিমভ আর তাঁর সঙ্গীরা। গেরাসিমভের কানে বার বার বাজতে লাগল কথাগুলো, “যা ঘটবে তার জন্য তুমিই দায়ী থাকবে।”

পরদিন ভোরের আলো ফোটার পর যখন ধীরে ধীরে দুর্যোগ থামল তখন সেই চাইখানা ছেড়ে বিশ্বত্রাস তৈমুরের দেহাবশেষ সঙ্গে করে গেরাসিমভ আর তাঁর সঙ্গীরা রওনা হয়ে গেলেন মস্কো ফেরার জন্য। তাঁদের গাড়িটা যখন গ্রামের সীমানা অতিক্রম করছে, তখন এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। বেশ কিছু গ্রামবাসী এসে উপস্থিতি হয়েছে গ্রামের সীমানাতে। রাস্তার দু-পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। তাদের দেখে প্রাথমিকভাবে গেরাসিমভের মনে হল, হয়তো বা তারা তাঁদের বাধা দেবার জন্য দাঁড়িয়ে আছে।

সরকারি নিরাপত্তা কর্মী সার্ভিস রিভলভার বার করলেন লোকগুলোকে দেখে। কিন্তু তেমন কোনও ঘটনা ঘটল না। গাড়িগুলোকে বাধা দিল না উজবেক উপজাতিরা। শুধু তারা ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইল।