নির্দিষ্ট সময়েই অফিসে এলেন গেরাসিমভ। তিন রাত ধরে ঘুম হচ্ছে না। নিজের চেয়ারে বসার পর কেয়ারটেকার লোকটা সরকারি মোহর লাগানো একটা চিঠি দিয়ে গেল। খামটা খুললেন গেরাসিমভ। স্তালিনের অধীনস্থ সামরিক বিভাগের চিঠি। তাতে গেরাসিমভকে জানানো হয়েছে, “এই যুদ্ধের পরিস্থিতিতে সামরিক বাহিনীর লোকেরা সাহায্যের জন্য এলে গেরাসিমভ যেন তাদের প্রয়োজনীয় সাহায্য করেন।” কী সাহায্য তা অবশ্য বলা নেই চিঠিতে।
চিঠিটা পাঠ করার পর চেয়ারেই বসেছিলেন। বেশ কয়েক দিন প্রায় বিনিদ্র রজনী যাপন করছেন গেরাসিমভ। তাই দিনের বেলাতে অবসন্ন লাগছে শরীর। একটু ঝিমুনি এসে গেছিল তাঁর। এমনসময় কেয়ারটেকার এসে দাঁড়াল তাঁর সামনে। সে বলল, “আপনাকে একটা কথা জানাবার ছিল। হয়তো ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন বোধ করছি।
গেরাসিমভ ঈষৎ তন্দ্রাচ্ছন্ন চোখে প্রশ্ন করলেন, “কী ব্যাপার?”
কেয়ারটেকার জবাব দিল,“কিছুদিন ধরে মাঝ রাতে একটা লোককে এ বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখছি। লোকটার পরনে অদ্ভুত পোশাক যদিও উঁচু প্রাচীর টপকে এ বাড়িতে প্রবেশ করা কঠিন, সারা রাত আমি জেগেও থাকি, তবুও আমি ব্যাপারটা আপনাকে জানালাম।”
গেরাসিমভ জানতে চাইলেন, “কেমন দেখতে লোকটাকে?”
কেয়ারটেকার বলল, “লোকটার পরনে আলখাল্লার মতো পোশাক, খালি পা, চাঁদের আলোতে দেখে মনে হয়েছে বুড়ো লোক।”
চমকে সোজা হয়ে বসলেন গেরাসিমভ। তবে কি তিনি ঠিক দেখেছিলেন সেদিন? লোকটা কি তৈমুরের মরদেহের খোঁজে সুদূর সমরখন্দ থেকে হাজির হয়েছে এখানে?
কিছুক্ষণ ভেবে নিয়ে গেরাসিমভ তাঁর কর্তব্য স্থির করে নিলেন। কেয়ারটেকারের দেখা লোকটা যদি সেই বৃদ্ধই হয়ে থাকে তবে সে কী উদ্দেশ্য নিয়ে এতদূর ছুটে এসেছে তা জানা প্রয়োজন। গেরাসিমভ কেয়ারটেকারকে বললেন, “আজ সদর দরজা খোলা রাখবে। লোকটা যদি প্রবেশ করে তবে তাকে বাধা দেবে না। তোমার চিন্তা নেই, আজ আমি রাতে ল্যাবরেটরিতে থাকব। আমি দেখতে চাই লোকটা কী উদ্দেশ্য নিয়ে ফরেনসিক ল্যাবরেটরির সামনে ঘোরাঘুরি করছে।”
গেরাসিমভ ল্যাবরেটরিতে গিয়ে ঢুকলেন। যে টেবিলে কাচের আধারে তৈমুরের দেহাবশেষ আছে, সেই টেবিলটাকে তিনি টেনে নিয়ে গিয়ে জানলার কাছে এমন জায়গা রাখলেন, যাতে ঘর অন্ধকার থাকলেও চাঁদের আলোয় দেখা যায়। নিজের বসার আসনটা তিনি ঘরের এক কোণে এমনভাবে রাখলেন, যেখানে চাঁদের আলো পৌঁছবে না।
শীত আর তুষারে আচ্ছন্ন ‘ব্ল্যাক অউট’ মস্কো শহরে একসময় দিনের আলো নিভে গিয়ে রাত নামল। কিছুটা সময়ের জন্য অন্ধকারে ডুবে গেল সব কিছু। তারপর যখন ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করল, তখন নিজের চেম্বার ছেড়ে ল্যাবরেটরি রুমের অন্ধকার কোণে গিয়ে বসলেন গেরাসিমভ।
জানলা দিয়ে আসা চাঁদের আলোতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে কাচের শবাধার। দেখা যাচ্ছে একদা পৃথিবী কাঁপানো শাসক তৈমুরের মাথার খুলি আর হাড়গোড়। সেদিকে চেয়ে কেউ আসবে বলে প্রতীক্ষা করছেন গেরাসিমভ। বাইরে তুষারপাত শুরু হল। সে শব্দ আর মাঝে মাঝে টহলদার সাঁজোয়া গাড়ির শব্দ ছাড়া আর কোনও শব্দ নেই।
তখন মধ্যরাত। একটা অস্পষ্ট পায়ের শব্দ প্রথমে ঘরে ঢুকল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর সেই পায়ের শব্দ গিয়ে দাঁড়াল সেই কাচের কফিনের সামনে। গেরাসিমভ এবার তাকে স্পষ্ট দেখতে পেলেন। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। হ্যাঁ, এই সেই উজবেক বৃদ্ধ! সে একদৃষ্টিতে চেয়ে আছে তৈমুরের দেহাবশেষের দিকে।
বৃদ্ধ নিজেকে পরিচয় দিয়েছিল তৈমুরের বংশধর বলে। ব্যাপারটা সত্যি কিনা গেরাসিমভের জানা নেই। তবে গেরাসিমভের অভিজ্ঞ চোখ বুঝতে পারল, শবাধারে থাকা তৈমুরের খুলির সঙ্গে লোকটার খুলির একটা গঠনগত সাদৃশ্য আছে। বৃদ্ধ লোকটা এরপর কী করে তা দেখার জন্য গেরাসিমভ অন্ধকারে নিশ্চুপ হয়ে রইলেন।
কিছুক্ষণ কাচের বাক্সটার দিকে তাকিয়ে থাকার পর বৃদ্ধ একবার ঘরের চারপাশে দৃষ্টি ফেলল, কেউ আছে কিনা দেখার জন্য। অন্ধকারে ডুবে থাকা গেরাসিমভকে সে দেখতে পেল না৷
মনে হয় বৃদ্ধ নিশ্চিত হল, ঘরে কেউ নেই ভেবে। লোকটার পিঠে একটা কাগজের বড় থলে। সেটা সে পিঠ থেকে এক হাতে নিল। তারপর অন্য হাত দিয়ে কাচের বাক্সের ডালাটা খোলার চেষ্টা করতে লাগল। কিন্তু চাবি দেওয়া আছে বাক্সে, ডালা খুলল না।
ব্যাপারটা বুঝতে পেরে বৃদ্ধ এরপর হাত দিয়ে আঘাত করতে লাগল কাচের বাক্সটা ভাঙার জন্য। এত জোরে বৃদ্ধ সেই বাক্সর গায়ে আঘাত করছিল যে গেরাসিমভের মনে হল বাক্সটা এবার সত্যিই ভেঙে যাবে। কাজেই এবার আর তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না। আত্মপ্রকাশ করলেন বৃদ্ধের সামনে।
বৃদ্ধ থেমে গেল। তবে তার বলিরেখাময় মুখমণ্ডলে ভাবান্তর হল না। সে শুধু তাকিয়ে রইল গেরাসিমভের দিকে। গেরাসিমভ তাকে প্রশ্ন করলেন, “তুমি কীভাবে এখানে এসেছ? কেন এসেছ?”
বৃদ্ধ জবাব দিল, “সমরখন্দ থেকে পায়ে হেঁটে। আমার পূর্ব পুরুষের দেহ আমি নিয়ে যেতে এসেছি। এই কঙ্কাল আমাকে দাও। আমিই আজই সমরখন্দের পথে রওনা হব। তারপর আমীরের দেহকে সমাধিস্থ করব।”
গেরাসিমভ তার কথা শুনে বললেন, “এটা তো আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এই কঙ্কাল এখন সরকারি সম্পত্তি। তাই তোমার হাতে তৈমুরের দেহাবশেষ আমি এভাবে তুলে দিতে পারি না।”
বৃদ্ধ এবার ক্ষুব্ধ স্বরে বলল, “কেন তুমি বুঝতে পারছ না এই খুলি, এই হাড়গোড় তুমি কবর থেকে তুলে এনেছিলে বলেই যুদ্ধ শুরু হয়েছে? আমীরের কবরে লেখা ভবিষ্যদ্বাণী মিথ্যা হতে পারে না। তুমি আমার কথা শুনলে না। আমীরের ভবিষ্যদ্বাণীর মতোই তুমি তাঁর চেয়েও ভয়ঙ্কর শত্রুকে ডেকে আনলে এ দেশের বুকে। কত মানুষের মৃত্যু হল তার জন্য। এখনও সময় আছে এ বিপদ থেকে রক্ষা পাবার।”
গেরাসিমভ জানতে চাইলেন, “কীভাবে?”
বৃদ্ধ বললেন,“কঙ্কালটা আমাকে দিয়ে দাও। আমি ওটা নিয়ে গিয়ে পূর্বের জায়গায় সমাধিস্থ করব। আমীর আবার ঘুমিয়ে পড়বেন, সব বিপদ কেটে যাবে।”
গেরাসিমভ হেসে বললেন, “বিপদ যে কেটে যাবে তার নিশ্চয়তা কী?” বৃদ্ধের কথা এখনও ক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
বৃদ্ধ বলল, “তুমি একবার খুলিটা, হাড়গুলো আমাকে দিয়েই দেখো না তারপর কী হয়।”
গেরাসিমভ বললেন, “বললাম তো এটা এখন সরকারি সম্পত্তি। তোমাকে দেওয়া যাবে না।”
লোকটা এবার কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বলল,“বুঝতে পারছি তুমি এখনও আমার কথা বিশ্বাস করছ না। বিশ্বাস করছ না আমীরের ভবিষ্যদ্বাণী। তাহলে দেখো এবার আমীর তোমার জন্য কী উপহার পাঠান। তারপর যদি তোমার মনে হয় তবে আমীরের দেহটা তাঁর কবরে ফিরিয়ে দিও। আর যদি না দাও তবে জানবে ভবিষ্যতে প্রতিটা মৃত্যু, প্রতিটা বীভৎস ঘটনার জন্য দায়ী থাকবে তুমি।”
বৃদ্ধ আর একটাও কথা বলল না। থলেটা মাটি থেকে তুলে নিল। তারপর ঘর ছেড়ে বেরোবার জন্য রওনা হল। গেরাসিমভ তার পিছন পিছন সদর দরজা পর্যন্ত এলেন। বৃদ্ধ যখন বাড়ি ছেড়ে রাস্তায় নামতে যাচ্ছে তখন গেরাসিমভ তাকে প্রশ্ন করলেন, “তোমার নাম কী?”
লোকটা বলল, “আমার নাম জেনে কী হবে? শুধু আমার কথাগুলো মনে রেখো।” নেমে তুষারপাতের মধ্যে হারিয়ে গেল বৃদ্ধ।
