৯৫
‘মুজফফরাবাদ চলে গেল নাকি সায়ক?’
সকালে ঘুম থেকে উঠেই অমল বলল। সায়ক রাতে ফেরেনি।
তথাগত উঠে চুপ করে বসেছিল। অমলের কথার উত্তরে বলল, ‘যেতে পারে। হাতের তালুর মতো দেশটাকে চিনে ফেলেছে। আমি যখন ছিলাম, তখনও এত ভালোভাবে চিনতাম না। আমার ভয় ছিল, সায়কের ভয়ডর নেই’।
অমল বলল, ‘ভয়ডর থাকা ভালো। সায়কের জন্য আমার চিন্তা হচ্ছে’।
তথাগত বলল, ‘ভাবিস না। সায়কের কিছু হবে না’।
অমল বলল, ‘রাণার জন্যও। কাজ না থাকলে রাণা রেস্টলেস হয়ে যায়। ও হল বাচ্চাদের মতো। এক জায়গায় বসে থাকলে রাণাকে সামলাব কী করে ভেবে যাচ্ছি’।
তথাগত জানলার বাইরে দেখার চেষ্টা করল। এ জায়গাটায় কেউ আসে না। পাহাড়ের মধ্যে একটা ভাঙা বাড়ি। ওপারে হলে ভারতীয় আর্মি এরকম ফাঁকা বাড়ি দেখলে হয়ত বারবার হানা দিত। এপারে পাকিস্তান আর্মির ভয়টা কম। আত্মবিশ্বাস বেশি। ভারতের দিক থেকে জঙ্গি হানা হয় না। তাদের চিন্তা করতে হয় না। উলটে তারা জঙ্গি সংগঠনগুলোর জন্য বিভিন্ন জায়গা আলাদা আলাদা করে বেছে তাদের উপহার দিয়েছে। সেখানে তাদের আলাদা করে নজরদারি করার দরকার নেই। সায়ক অনেক চিন্তা ভাবনা করেই এ জায়গাটা বেছে নিয়েছে।
তথাগত বলল, ‘একইরকম লাগে সব, তাই না?’
অমল হাসল, ‘হ্যাঁ। আমার কিছুই আলাদা লাগেনি। একটা সময় ভিক্ষা করেছি লাহোরে। কতবার এমন হয়েছে রাতে রেস্তোরাঁ থেকেই খাইয়েছে। এখানে কোনওদিন খাবারের অভাব হয়নি। শুধু কখন যে এদের মাথার পোকাটা নড়ে, তা কেউ জানে না’।
তথাগত বলল, ‘নড়ে বা কেউ নড়ায়। ঝামেলা কমে গেলে অনেক লোকেরই দোকান বন্ধ হয়ে যাবে। সংগঠনগুলোর জন্য ফান্ড আসবে না’।
রাণা ঘুম ভেঙে উঠে বসেছে। বলল, ‘সায়কদা এসেছে?’
অমল বলল, ‘না। আসেনি। তুমি আবার ঘুমাও। জেগে থাকলেই আমার মাথা খাবে’।
রাণা উঠে জলের বোতল নিয়ে মুখ ধুয়ে নিল। বলল, ‘টয়লেট পেপার দিয়ে আমার ঠিক হয় না। এরপরে আমি বিদ্রোহ করব’।
অমল বলল, ‘সেটা পাচ্ছ ভাগ্য ভালো বলে’।
রাণা বলল, ‘তা ঠিক, আমাদের ভাগ্য খুব ভালো। পাকিস্তানের জেলের কী সিস্টেম আছে?’
তথাগত বলল, ‘খুবই ভালো ব্যবস্থা। আগে ছাল ছাড়াবে, তারপর নুন মাখাবে, তারপর তোমাকে শীতের মধ্যে টাঙিয়ে রেখে দেবে’।
রাণা বলল, ‘অত ঝামেলায় যাব না। যন্তরটা নিয়েই তো ঘুরছি। ধরা পড়ার চান্স থাকলে নিজেকেই উড়িয়ে দেব। ধরা আমি পড়ব না’।
গাড়ি আসার শব্দ হল।
তারা তিনজনই সতর্ক হল। তথাগত জানলা দিয়ে উঁকি মেরে আশ্বস্ত হল, ‘যাক, এসেছে। সে এসেছে’।
সায়ক দরজায় নক করল, তথাগত দরজা খুলে দিল।
সায়ক হাতে দুটো বড় ব্যাগ নিয়ে এসে ঘরে ঢুকল। তথাগত বলল, ‘কী আনলি?’
সায়ক বলল, ‘খাবার’।
রাণা হতাশ গলায় বলল, ‘যাহ্! অটোমেটিক মেশিনগান আনলে না?’
সায়ক ব্যাগ মেঝেয় নামিয়ে রেখে একটা জলের বোতল নিয়ে অনেকটা জল খেয়ে বলল, ‘অন্ন, বস্ত্র, বাসস্থান—বেসিক নিড ফুলফিল না হলে অস্ত্র হাতে তোলা যাবে না’।
অমল বলল, ‘গেছিলি কোথায়? জানা যাবে?’
সায়ক মাথা নাড়ল, ‘জানার দরকার নেই। তবে এ দেশের পুকুরের জল আর স্থির নেই। প্রবলবেগে উথালপাথাল শুরু হয়ে গেছে। রফিকের খবর বেরোনোর সঙ্গে সঙ্গে ওর লবি লস্করের এক হ্যান্ডলারকে মেরে দিয়েছে। রহমান নাম। আমাদের লিস্টে ছিল’।
তথাগত বলল, ‘যা বোঝা যাচ্ছে, আমরা না মারলেও এরা নিজেদের মধ্যে মারপিট করেই শেষ হয়ে যেত’।
সায়ক বলল, ‘কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। কিন্তু ওদের ইউনিটি মারাত্মক। ওরা বিপদের গন্ধ পায়নি এখনও’।
তথাগত বলল, ‘অর্থাৎ ওরা এখনও আমাদের কোনও থ্রেট বলে মনে করছে না। সেটা ভালো না খারাপ?’
রাণা বলল, ‘খুবই খারাপ। আমার কাজে আমি স্বীকৃতি পাব না, সেটা একটা কথা হল?’
সায়ক বলল, ‘সুইসাইডাল কথা বোলো না রাণা। কলকাতা যেতে ইচ্ছে করে না?’
রাণা বলল, ‘আমার এই লাইফটাই ভালো লাগছে। নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন জীবন আমার পোষায় না’।
সায়ক বলল, ‘গুড। আজ রাতে সালগ্রান গ্রামে মেলা হবে। দেখতে যাবে? বড় মাছ ঘোরাফেরা করবে আজ’।
রাণা উত্তেজনায় সায়কের হাত চেপে ধরল, ‘অ্যাকশান? বাঁচালে’!
অমল বলল, ‘প্ল্যান?’
সায়ক বলল, ‘বলছি’।
৯৬
‘স্যার, রিজভির থেকে এখনও পজিটিভ কিছু আপডেট পাচ্ছি না। আমার মনে হয় না রিজভি কাজটা করতে চাইছেন’। খান তুষারের ঘরে ঢুকেই কথাটা বললেন।
তুষার তার ল্যাপটপ খুলে চুপ করে বসেছিলেন। খানের কথা শুনে বললেন, ‘আমারও মুড সুইং হচ্ছে আজকাল খান। অফিস আসার পথে বৃষ্টি হচ্ছে, কালো পিচের উপর জল পড়তে দেখে মন এত ভালো হয়ে গেল, সবকিছু কেমন মিথ্যে বলে মনে হচ্ছে। সবকিছুই অর্থহীন মনে হয়। তারপরেই আসাদুরের আপডেট আসে। আবু ইব্রাহিমদের আপডেট আসে। বুঝতে পারি আমাদের হাত পা বাঁধা, আর কিছু করার নেই। আমরা যত চুপ করে থাকব, আমাদের চুপ করে থাকাটাই ওরা ওদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কী করব বলো?’
খান বললেন, ‘রিজভির সঙ্গে কথা বলব?’
তুষার বললেন, ‘বলার দরকার নেই। উই নিড আল মাসুদ। সেটা রিজভি না করলে অন্য কেউ করবে। রিজভি যদি বেরিয়ে আসতে চান ওদের নিয়ে, সেটার ব্যবস্থা করে দিও’।
খান বললেন, ‘কিন্তু স্যার, গোটা প্ল্যানটা তো ওরই ছিল। রিজভি বলেছিলেন বলেই আমরা এতকিছু সেটআপ করলাম। এ যুগে কারো কভার বানানো কি এত সোজা? ইউটিউব চ্যানেল করে দেওয়া, ভ্লগার বানানো… আর শরমিন…’
তুষার পেপারওয়েট নিয়ে খেলতে শুরু করলেন, ‘কিন্তু মিশনটা অলমোস্ট সুইসাইডাল মিশন আশরফ। ভুলে যেও না। আমরা আইসিস না যে কারও মতের বিরুদ্ধে একটা জ্যাকেট পরিয়ে তাকে ভিড়ে ছেড়ে দেব। ডাক্তারবাবু না করতে চাইলে মেনে নিতে হবে’।
খান বললেন, ‘শরমিন যদি চান? আমরা শরমিনের সঙ্গে আলাদাভাবে কথা বলব?’
তুষার বললেন, ‘ও যোগাযোগ করলে তবেই বলবে। নিজে থেকে কিছু করতে যাবে না। আমাদের রিজভির উপরে ভরসা রাখতে হবে। আসাদুর আর কিছু বলেছে?’
খান মাথা নাড়লেন, ‘না। আরেকজনের কাছে ওর ব্যাগ ছিল এটুকু বেরিয়েছে। আদৌ কিছু ছিল নাকি তা জানি না। দিল্লি আসার প্ল্যান ছিল। এর আগে যে ছেলেটাকে আমরা চেন্নাই থেকে ধরেছিলাম, শ্রীলংকা থেকে এসেছিল, তারও দিল্লি আসারই প্ল্যান ছিল। আপাতত এয়ারপোর্ট আর স্টেশনগুলোতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সন্দেহজনক জায়গাগুলোতে তল্লাশি শুরু হয়েছে, তেমন কিছু পেলে আমাদের জানাতে বলে দিয়েছি’।
তুষার বললেন, ‘বাংলাদেশের ছেলে, পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দিচ্ছে! কোন লেভেলে ব্রেন ওয়াশ করলে এরা এত কিছু করার জন্য তৈরি হয়! অবশ্য এদের ব্রেন ওয়াশ করার অনেকগুলো স্তর আছে। ছোট থেকেই এদের মাথায় সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়। এইজন্য আমি আই এস আইকে কোনওদিন ক্ষমা করতে পারব না। এরা যে কত মানুষের শৈশব নষ্ট করে দিয়েছে। রফিককে নিয়ে কী করবে কিছু বোঝা যাচ্ছে?’
খান হাসলেন, ‘দরদাম করবে এখন। যদি দরে পোষায়, তাহলে রাখবে। নইলে জেলেই পচিয়ে মারবে’।
তুষার বললেন, ‘কাল রাতে মন্ত্রীজি হাসতে হাসতে বলছিলেন, শাহবাজ আলম আমাদের কাছে সাহায্য চেয়ে মেইল করেছিলেন আসগর আলি খুনের পরে। উনি জানতেন দেশে সেনা অভ্যুত্থান হবে। দেশটার অবস্থা ভাবো, সর্বক্ষণ ভেবে যাচ্ছে কীভাবে আমাদের ক্ষতি করা যায়, আর যখন পাঁকে পড়ছে, সেই আমাদের কাছ থেকেই সাহায্য চাইছে’।
খান বললেন, ‘কোনও প্রশ্নই ওঠে না স্যার। আসগর আলিকে সরাসরি সাহায্য করতেন শাহবাজ। আমাদের কত জওয়ান শহিদ হয়েছেন আসগরের জন্য’।
তুষার বললেন, ‘আঃ, তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? দিল্লি সে মেইলের উত্তর দেবারও প্রয়োজনীয়তা বোধ করেনি। আপাতত আমাদের লক্ষ্যই হল ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল ঘরে তোলা। আমাদের ছেলেমেয়েগুলো কাজ সেরে নির্বিঘ্নে ঘরে ফিরে আসুক। আমি আর কিছু চাই না’।
মাথুর নক করলেন। তুষার বললেন, ‘এসো’।
মাথুর একটা কাগজ তুষারের দিকে এগিয়ে দিলেন। সাংকেতিক ভাষায় কিছু লেখা আছে। তুষার মন দিয়ে কাগজটা দেখে বললেন, ‘গো অ্যাহেড, দাও’।
মাথুর বললেন, ‘ওকে স্যার’।
৯৭
‘ডাক্তারবাবু কী ভীষণ হ্যান্ডসাম, তাই না?’
জাহিদা আর শরমিন শুয়েছিল। জাহিদা ফিসফিস করে শরমিনকে বলল।
শরমিন বললেন, ‘তুই বিয়ে করবি? কথা বলব?’
জাহিদা বলল, ‘ধুস। আমি তো তোমার জন্য বললাম। আমাকে কেউ কেন বিয়ে করবে? আমি তো নষ্ট মেয়ে’।
শরমিন বলল, ‘কেউ নষ্ট না। ফালতু কথা বলবি না। আমি আমার বরটার কথা ভাবছি, কোথায় গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে কে জানে!’
জাহিদা বলল, ‘তোমার বর তোমার সম্পর্কে এতক্ষণে সব জেনে গেছে’।
শরমিন কিছু বললেন না। মন খারাপ করছে। দুপুরগুলো মন খারাপ করার কারণ। এই সময়গুলোতে মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু করতে পারলে ভালো হতো। আবার সব প্রথম থেকে। ইউনিভার্সিটির সেই দিনগুলো, বন্ধুরা… কিংবা সারাজীবন একাই থাকতেন… বিয়ে করার দরকার হতো না।
জীবন শুধু এগিয়েই যায়। ফিরে দেখার জায়গাই নেই, কোনও রিসেট বোতাম নেই।
রিজভি বেরিয়েছিলেন। ফিরে এসেছেন। গাড়ি পার্ক করার শব্দ পাওয়া যাচ্ছে।
শরমিন উঠলেন, ‘ফিরেছেন। দেখি কী বলছেন’।
জাহিদা বলল, ‘অভ্যাস?’
শরমিন থমকে গেলেন, ‘মানে?’
জাহিদা বলল, ‘তোমার হাজব্যান্ড ফিরলে এভাবেই দরজায় চলে যেতে, তাই না?’
শরমিন হাসলেন, ‘ঠিক। এভাবেই যেতাম’।
জাহিদা বলল, ‘তুমি শিওর ছিলে? তুমি পারতে এত কিছু করতে?’
শরমিন জাহিদার কথার উত্তর না দিয়ে জাহিদার দিকে শুধু একবার তাকিয়ে বাইরে বেরোলেন।
রিজভি পিজা নিয়ে এসেছেন। বললেন, ‘জাহিদাকে ডাকুন। ওর পিজা নিয়ে এসেছি’।
শরমিন জাহিদাকে ডেকে আনলেন। জাহিদার চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল।
রিজভি বললেন, ‘মিথ্যে বলে ছুটি নিয়েছি, চোরের মতো নিয়ে এলাম। আশা করি হাসপাতালের কেউ দেখেনি’।
জাহিদা রিজভির দিকে একটা স্লাইস এগিয়ে দিল, ‘নিন’।
রিজভি মাথা নাড়লেন, ‘না না। আমি খাব না। তোমরা খাও। আমার ভালো লাগে না’।
শরমিন বললেন, ‘নিন ডাক্তারবাবু। মেয়েটা বলছে যখন, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা’।
রিজভি নিলেন। জাহিদা পিজায় কামড় দিয়ে বলল, ‘কতদিন পর। কী ভালো!’
রিজভি বললেন, ‘আমি আবারো নিয়ে আসব। তুমি ভেবো না। ওই পাগলটা কিন্তু আজ আর আসেনি। আমি যখন ছিলাম না তখন কেউ জানলায় ধাক্কা মারেনি তো?’
শরমিন বললেন, ‘নাহ। আজ কেউ আসেনি’।
রিজভি বললেন, ‘তাহলে স্থানীয় চোরগুলোই হবে। ফাঁকা কোয়ার্টার দেখে চুরির ধান্দায় এসেছিল’।
শরমিন বললেন, ‘তাই হবে। আপনি কি তাহলে কাল থেকে আবার হাসপাতালে যাবেন?’
রিজভি বললেন, ‘জি। এ অঞ্চলের লোকেরা অনেক কষ্টে আছে ম্যাডাম। রাজনীতি আর সন্ত্রাসবাদের বাইরেও একটা পৃথিবী আছে। যেখানে গরিব মানুষ থাকে। যাদের চিকিৎসা করার জন্য টাকা থাকে না। যতদিন পারব, তাদের চিকিৎসা তো করতেই হবে’।
জাহিদা পিজা খেতে খেতে বলল, ‘তারপর সেই মানুষই যখন জানবে আপনি আল মাসুদকে মারতে চান, তারাই আপনাকে পিটিয়ে মেরে ফেলবে’।
রিজভি বিস্মিত হলেন। বললেন, ‘তোমার এরকম ধারণা হল কেন?’
জাহিদা বলল, ‘আমি দেখেছি। নিজের লোক ছাড়া বাকি কারও জন্য বেশি করতে নেই। কেউ বিন্দুমাত্র দাম দেয় না। আপনি মিলিয়ে নেবেন’!
রিজভি বললেন, ‘জীবন সম্পর্কে তোমার রিভিউ বেশ নেগেটিভ’।
জাহিদা বলল, ‘তা নেগেটিভ। আমার মায়ের পেটের ভাই আমাকে নিষিদ্ধপল্লীতে বেচে দিয়ে এসেছিল। কীভাবে পজিটিভ রিভিউ আসবে বলুন তো?’
রিজভি বললেন, ‘জীবনটাকে অন্যদিক থেকে দেখলে ঠিক আসবে। সবসময় টেনশন, মার খাবার ভয়, মরে যাবার ভয় না থাকলে সে জীবনটাও আনন্দময় হতে পারে। আমাদের দুর্ভাগ্য, আমরা পাকিস্তানে জন্ম নিয়েছিলাম। কখন কোন পরিস্থিতির সামনে পড়তে হয়, আমরা কেউ আগাম জানি না। অথচ এমনটা হবার কথা ছিল না। একটা সময় আমরা স্বাধীনতার পরে খুব ভালো শুরু করেছিলাম। তারপরেই আমরা পশ্চিমি দেশগুলোর খেলনায় পরিণত হলাম। কখন নিজেদের মাথা বিক্রি করে দিয়েছে, নিজেরাও বুঝতে পারেনি। পাকিস্তানের কোণে কোণে আল মাসুদের মতো গর্ভস্রাব তৈরি হয়ে আছে’।
শরমিন বললেন, ‘অথচ আপনি আমাদের কিছু করতে দিচ্ছেন না’।
রিজভি বললেন, ‘আপনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এই দেশে আপনাদের থাকতে হবে না’।
শরমিন অবাক হলেন, ‘মানে?’
রিজভি বললেন, ‘মানে আপনারা ফেরত যেতে পারবেন’।
শরমিন বললেন, ‘এর মানে তো আপনি পরাজয় স্বীকার করে নিলেন! লড়াইয়ের চেষ্টাটুকু করব না?’
রিজভি বললেন, ‘সেটা দেখা যাবে। আপাতত আপনাদের জীবন বিপন্ন করার ঝুঁকি আমি নিতে পারব না’।
শরমিন বললেন, ‘আপনি হোপলেসলি রোম্যান্টিক। সত্যিই কোনওদিন কাউকে ভালোবাসেননি?’
রিজভি বললেন, ‘বেসেছিলাম তো! তাকেও আল মাসুদ মেরে দিয়েছিল’।
শরমিন আর জাহিদা দু’জনেই চমকে উঠল।
৯৮
ইসলামাবাদ।
পঁয়ত্রিশ তলা বিল্ডিং-এর ত্রিশ তলায় মাঝরাতে নিয়ে আসা হয়েছিল তাকে। দামি আসবাবপত্র। টিভি থেকে শুরু করে সবই আছে।
আবু ইব্রাহিম শুয়ে আছে। কিছুক্ষণ আগে উত্তেজিত কণ্ঠে কারও সঙ্গে কথা বলছিল। কথা শেষে ফোন দেওয়ালে ছুড়ে মেরে তাকে কাছে ডেকে তার শরীরের উপরে রীতিমতো অত্যাচার করে তাকে ফেলে রেখে শুয়েছে। মাহি আর কাপড় পরেননি। মেঝেয় বসে আছেন।
মাথা কাজ করছে না তার। ফ্লোরের সর্বত্র আবু ইব্রাহিমের লোকেরা ঘোরাফেরা করছে। পালানোর উপায় যে নেই মাহি তা বুঝতে পেরেছেন। অবশ্য চিন্তা করার মতো অবস্থা তার নেই।
শরীরের বিভিন্ন অংশে আবু ইব্রাহিমের নখ এবং কামড়ের দাগ বসে গেছে। রাস্তায় আবু ইব্রাহিম বলছিল মেয়েরা পৃথিবীতে কেন এসেছে? বংশবৃদ্ধি করার জন্য এসেছে। খিদমত খাটার জন্য এসেছে।
মাহির পাপ আরও বেশি। পৃথিবীকে তিনি নিজের শরীর দেখিয়েছেন, মুখ দেখিয়েছেন। এই পাপ তখনই লাঘব হবে যদি তিনি আবু ইব্রাহিমের দেখানো পথে চলেন। মাহির ইচ্ছে হচ্ছিল লোকটাকে জোর করে ঘুম থেকে তুলে জিগ্যেস করেন, এখন আপনি যে অত্যাচার করলেন, সেটা কীসের মধ্যে পড়ে? পাপ না পুণ্য?
তার শরীরে আর শক্তি নেই। যে চিন্তাটা তিনি কোনওদিন করেননি, সেই চিন্তাটাই ধীরে ধীরে মস্তিষ্ক দখল করতে শুরু করেছে।
এরপর হয়তো নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।
আমান এল কিছুক্ষণ পরে। দরজায় নক করে আবু ইব্রাহিমের এক সাগরেদ খবর দিল। আবু ইব্রাহিম নক হওয়া মাত্র উঠে বাইরের ঘরে চলে গেল। মাহি মেঝেতেই বসে রইলেন।
আমান ফ্ল্যাটে ঢুকে আবু ইব্রাহিমকে বলল, ‘আপনার ব্যবস্থাপনা পছন্দ হয়েছে জনাব? এখানে আপনার কোনও সমস্যা হবে না’।
আবু ইব্রাহিম বলল, ‘আমি এখানে থাকতে আসিনি। আমার ছাত্ররা আমার জন্য অপেক্ষা করে আছে। তবে তোমার ব্যবস্থাপনায় আমি খুশি হয়েছি। দেশের খবর কী?’
আমান বলল, ‘মাশাল্লাহ, খুবই ভালো খবর জনাব। কোথাও তেমন কোনও বিদ্রোহের খবর পাওয়া যায়নি। বরং রফিক আহমেদের উপরেই দেশের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। তবে… আসাদুর…’
আবু ইব্রাহিম গম্ভীর হল, ‘জানি। মকসদ ব্যর্থ হয়েছে’।
আমান বলল, ‘এবার জনাব?’
আবু ইব্রাহিম বলল, ‘আমি চাইলে এক হাজার আসাদুর তৈরি করে রোজ ওই নাপাক দেশে পাঠাতে পারি। কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কবে থেকে এত উন্নত হয়ে গেল, আমি সেই চিন্তা করছি’।
আমান বলল, ‘ওদের নসিব ভালো ছিল জনাব। উন্নত অনুন্নত হবার কোনও বিষয় নয়। এবার নসিব ভালো ছিল। পরের বার হবে না। কাশ্মীরে আজও ব্লাস্ট করিয়েছি আমরা। আজ কাশ্মীরে হয়েছে, কাল অমৃতসরে হবে, পরশু দিল্লিতে হবে’।
আবু ইব্রাহিম বলল, ‘আসাদুরকে যেভাবে পাঠানো হয়েছিল, সেটা কবে হবে?’
আমান একটু হকচকিয়ে গেল, ‘জনাব, আপনি যেভাবে বলবেন, আমরা সেভাবে চলব’।
আবু ইব্রাহিম বলল, ‘তোমার হানি ট্র্যাপের খবর কী? কী কী জানা গেছে?’
আমান বলল, ‘আমরা এক অফিসারকে টার্গেট করেছি… চণ্ডীগড়ে…’
আবু ইব্রাহিম ঠান্ডা গলায় বলল, ‘এবং ক্লাসিফায়েড ইনফরমেশনে তার কোনও অ্যাক্সেস নেই। একগাদা ডলার এসব লোকের উপর খরচা করে কী হবে?’
আমান বলল, ‘তিন মাস সময় দিন জনাব। আমরা ঠিক পারব’।
আবু ইব্রাহিম বলল, ‘তোমার যে মেয়েটা দু’বছর ধরে বম্বেতে কাজ করেছে, সে এখন কোথায় আছে?’
আমান বলল, ‘বলিউডের একটা বি গ্রেড সিনেমা করছে জনাব। প্রোডিউসারের সঙ্গেই থাকে। অনেক নেতার সঙ্গে ওই প্রোডিউসারের ওঠবোস আছে। আমার মনে হয় না, আমাদের বেশিদিন অপেক্ষা করতে হবে’।
আবু ইব্রাহিম বলল, ‘ফালতু! বি গ্রেড সিনেমার নায়িকার পক্ষে অত কিছু বের করা সম্ভব না’।
আমান বলল, ‘কিন্তু জনাব, মাহি…’
আবু ইব্রাহিম পা নাচাতে শুরু করল, ‘মাহিকে দিয়ে হবে না। ওর জন্য অন্য কাজ আছে। ও এখানেই থাক। সময় হলে ওকে করাচি নিয়ে যাবে’।
আমান বলল, ‘জি জনাব। আপনি যেমন বলবেন’।
আবু ইব্রাহিম বলল, ‘রফিক আহমেদকে এই ফ্ল্যাটে নিয়ে এসো কাল। ওর সঙ্গে আমার কিছু কথা আছে’।
আমনের চোখ কপালে উঠল, ‘এখানে?’
আবু ইব্রাহিম বলল, ‘কেন? সমস্যা কোথায়?’
আমান শ্বাস ছাড়ল, ‘কোনও সমস্যা নেই জনাব। আমি নিয়ে আসব’।
আবু ইব্রাহিম বলল, ‘আজ রাতেই’।
আমান বলল, ‘জি জনাব’।
৯৯
একটা বাড়ি। বিকেলে তারা গাড়ি নিয়ে বেরোবে। কে ড্রাইভ করবে? সে না রিমি?
নাহ্! তথাগত একজন ড্রাইভার রাখবে। তারা পেছনের সিটে বসবে। পরস্পরের হাত ধরে থাকবে।
দেশে ফিরেই তুষার স্যারকে সে বলে দেবে, আর না। অনেক হয়েছে। এবার রিটায়ারমেন্ট নেবে। অনেক সেভিংস হয়েছে। এবার সেগুলোকে ওড়ানোর পালা।
সায়ক গাড়ি চালাচ্ছে। সন্ধে সাতটা এখন। সবে সূর্যাস্ত হয়েছে। রাস্তার পাশ থেকে নীলম নদী তাদের সঙ্গে চলেছে। তারা কাশ্মীরি পোশাক পরেছে। সালগ্রানে নদীর উপত্যকায় স্থানীয়দের পরব আছে।
এই ছোট গ্রাম থেকেই উত্থান হয়েছিল আসিফ রেজার। জইশের কমান্ডার ছিল, এখন অবসর নিয়েছে।
ভুল, এরা অবসর নেয় না। এরা অবসরের ভান করে। এক একটা আসিফ রেজা, এক একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রের সমান। কাশ্মীরে অশান্তির মূল কারণ ওদের মতো লোক। ক্রমাগত উস্কানি দিয়ে যাওয়া, স্থানীয়দের মনে বিষ ঢুকিয়ে সাধারণ ট্যুরিস্টদের মেরে ফেলে এলাকায় আতঙ্ক ছড়ানো ওদের মূল কাজ।
পাহাড়ের বাঁক পেরোতেই ঝলমলে আলো দেখা গেল। উপত্যকায় মেলা বসেছে। অমল বলল, ‘বাঃ, অনেকদিন পর মেলা দেখব’।
সায়ক হাসল, ‘মেলায় যাব না বন্ধু। আমাদের কি অত সৌভাগ্য আছে?’
অমল কপট হতাশ হল, ‘যা বলেছ! আমাদের অত সৌভাগ্য নেই। ফাঁকা রাস্তায় বসে অপেক্ষা করাই আমাদের ভাগ্যে আছে’।
তথাগত বলল, ‘রেজা এই রাস্তা দিয়ে ফিরবে? নাকি মেলার দিকে যাবে?’
সায়ক বলল, ‘যাবে। রেজা আর ওর ভাই’।
তথাগত বলল, ‘থ্যাঙ্ক গড, মহিলা থাকবে না’।
সায়ক বলল, ‘হ্যাঁ। সেটা কনফার্ম করেই এসেছি। ওর স্ত্রী বা কেউ থাকলে ঝুঁকি নিতাম না। রেজার ফ্যামিলি আগেই সালগ্রানে পৌঁছে গেছে’।
রাণা বলল, ‘এত ভদ্রভাবে চিন্তা ভাবনা করে এদের মারে নাকি? এরা কখনও ফ্যামিলির কথা চিন্তা করে?’
সায়ক হাসল, ‘আমরা মরাল হাই গ্রাউন্ডে থাকার চেষ্টা করছি’!
রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দিল সায়ক। এখান থেকে রাস্তা দু’দিকে চলে যাচ্ছে। একটা রাস্তা মুজফফরাবাদে যাচ্ছে, আরেকটা সালগ্রানের দিকে নেমে যাচ্ছে। মাইকের শব্দ ভেসে আসছে গ্রাম থেকে। সায়ক গাড়ি থেকে নেমে ঘড়ি দেখল। অমলও নামল। সায়ক ফোন বের করে ফোন করল। মিনিট খানেক কথা বলে ফোন রেখে বলল, ‘দশ মিনিট। দু’জনই আসছে’।
অমল বলল, ‘ফোন ট্যাপ করেছিস আসিফের, তাই না?’
সায়ক বলল, ‘হ্যাঁ, ওর গাড়ির লোকেশনও আছে’। ফোন এগিয়ে দিল অমলের দিকে।
অমল দেখে চমৎকৃত হল, ‘পাকা কাজ। তুই করেছিস?’
সায়ক হাসল, ‘না, বীরেন। আসিফকে গত পনেরোদিন ধরে বীরেনই ট্র্যাক করেছে। আসিফ কখনও একা থাকে না। রাওয়ালপিন্ডি বাজারে বসে, সাত আটজন সবসময় থাকে। ওর বউ আগে সালগ্রানে চলে এসেছিল ছেলেদের নিয়ে। আসিফ আজ আসবে ভাইকে নিয়ে। ওখানে আজ থেকে কাল ফেরার কথা। আমাদের আজকের থেকে বেটার সুযোগ আর কোনওদিন আসবে না’।
একটা পাক জওয়ান ভর্তি ট্রাক মুজফফরাবাদের দিকে চলে গেল। রাস্তা দিয়ে ট্রাকগুলো বেরোচ্ছে এখন। রাতের দিকে ট্রাকের সংখ্যা বাড়ে।
রাণা আর তথাগতও গাড়ি থেকে নামল।
সায়ক বলল, ‘তোদের সবার জন্য আমি একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছি। ২০১৭, পুঞ্চ। হাইওয়েতে প্যাট্রোলিং ডিউটি ছিল আমাদের পাঁচ জওয়ানের। সারাদিন ব্যস্ত ডিউটির পর আমাদের জওয়ানেরা যখন ক্যাম্পে ফিরছিল, আসিফ তার ছেলেদের পাঠায় আমাদের জওয়ানদের উপর হামলা করার জন্য। প্রথমে ওরা জওয়ানদের ওপর গ্রেনেড চার্জ করে। তারপর টানে গুলি চালিয়ে আমাদের পাঁচজন জওয়ান খুন করে। শুধু পুঞ্চ কেন? ২০১৫-য় লালচকে পাঁচজন নিরীহ কাশ্মীরিকে এই আসিফ খুন করেছিল। সেই পাঁচজনের মধ্যে দু’জন শিশুও ছিল। তাদের একমাত্র দোষ ছিল, তারা প্রজাতন্ত্র দিবসে লালচকে ভারতের জাতীয় পতাকা তুলেছিল। সেই আসিফ রেজা এতদিন ধরে এদেশে আরামে, আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তোদের কারো ওর প্রতি করুণা জাগছে?’
রাণা গর্জে উঠল, ‘শুয়োরের বাচ্চাটা কোথায়?’
সায়ক আঙুল তুলে দেখাল, ‘ওই যে, আসছে’।
একটা টয়োটা গাড়ি, তাদের দিকে এগিয়ে আসছে। বাঁকটা সবে পেরিয়েছে। তাদের মধ্যে খুব বেশি হলে কুড়ি মিটারের দূরত্ব। রাণা গাড়ির সিট থেকে অটোমেটিক মেশিনগান বের করে এগিয়ে সরাসরি গাড়ির চাকায় গুলি করল। ড্রাইভিং সিটে বসা আসিফ রেজার ভাই ব্রেক কষেছিল। সে কিছুই বুঝতে পারেনি। চাকা চুপসে গেল। রাণা ছুটে গিয়ে গুলি চালানো শুরু করল। দশ থেকে কুড়ি সেকেন্ড। আসিফ এবং তার ভাই কিছু বুঝে ওঠার আগেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। সায়ক টর্চ মারল আসিফের মুখে। দূর থেকে গাড়ি আসার শব্দ পাওয়া যাচ্ছে। সায়ক সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়ল, ‘ওঠ, সবাই ওঠ’।
তথাগত আর অমল গাড়িতে উঠে বসল। সায়ক গাড়ি ঘুরিয়ে রাণার কাছে নিয়ে গিয়ে বলল, ‘ওঠো, এখনই’।
রাণা কাঁপছিল।
অমল সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে রাণার হাত ধরে রাণাকে গাড়ির মধ্যে ঠেলে দিয়ে নিজেও উঠে পড়ল। আরেকটা পাক সেনাবাহিনীর ট্রাক আসছে সামনে। সায়ক অ্যাক্সিলারেটরে চাপ দিল। গাড়ির গতি বাড়ছে। রাণা পেছনে বসে কাঁপতে কাঁপতে বলতে শুরু করেছে, ‘শুয়োরের বাচ্চা… শুয়োরের বাচ্চা!’
আসিফের মুখটা মনে পড়তে তথাগতর বমি পেয়ে গেল। সে গাড়ির মধ্যে বমি করে দিল।
