ব্লু উইংস – ৩০

৩০

ভোর চারটে। রাওয়ালপিন্ডি শহরের প্রবেশ পথের খানিকটা আগে গাড়ি দাঁড় করিয়ে দিলেন নুর। তথাগত ঘড়ি দেখল, ‘ঠিক সময়ে এসেছি আমরা। আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন’।

নুর অসহায় কণ্ঠে বললেন, ‘নামিয়ে দেব। কিন্তু আপনি আমাকে কি আশার কথা শোনাতে পারবেন না?’

তথাগত তার ব্যাগ থেকে একটা ফোন বের করে নুরের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘মুজফফরাবাদ থেকে ঢোকা সম্ভব না। আপনি পেশোয়ার পৌঁছে এই ফোনটা অন করবেন। আফগানিস্তানে আপনাকে নিয়ে চলে যাবে আমাদের লোক। কাবুল হাইকমিশন আপনার ইন্ডিয়া ফেরার ব্যবস্থা করে দেবে’।

নুর ফোন নিয়ে পকেটে রাখলেন। তথাগত বলল, ‘গাড়ি স্টার্ট করুন। দয়া করে নিজের কাজ করুন। ইন্ডিয়া আপনাকে সংসার করতে পাঠায়নি পাকিস্তানে। আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আপনি সাফল্যের সঙ্গে সেটা পাশ করেছেন। এরপরে এ দেশে যেটা শুরু হবে, তখন আপনার পাকিস্তানে থাকাটা নিরাপদ হবে না। দুটো বছর অপেক্ষা করবেন। লাহোর থেকে গ্রিন সিগনাল পেলে আবার চলে আসবেন’।

নুর বললেন, ‘আমার বিবি বাচ্চা দু’বছর কী করবে?’

তথাগত বলল, ‘রাওয়ালপিন্ডি স্টেশনের পার্কিং-এ গাড়িটা রেখে গাড়ির সিটে চাবি রেখে যাবেন’।

নুর বললেন, ‘তারপর?’

তথাগত বলল, ‘তারপর ভাগ্য ভালো থাকলে আপনার স্ত্রী আপনার জন্য দু’বছর অপেক্ষা করবেন’।

নুর চুপ করে বসে রইলেন। মাথা নেড়ে বললেন, ‘চলুন, আপনাকে নামিয়ে দিয়ে আসি’।

তথাগত বলল, ‘চলুন’।

রাওয়ালপিন্ডির মূল বাস স্টপে গাড়ি দাঁড় করালেন নুর। কিছুক্ষণ পর ভোর হবে। তথাগত নুরের পিঠে হাত দিয়ে বলল, ‘দ্বিধার জায়গা নেই নুর। আই এস আই জেনে যাবে আপনি আমাকে পৌঁছে দিয়েছিলেন। বুঝুন। আমরা ঝুঁকি নিতে পারব না’।

নুর মাথা নাড়লেন, ‘বেস্ট অফ লাক’।

গাড়ি থেকে নেমে গেল তথাগত।

নুর গাড়ি স্টার্ট করে খানিকটা গিয়ে দাঁড়িয়ে পড়লেন। পরক্ষণেই বেরিয়ে চলে গেলেন। তথাগত কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে ইসলামাবাদের বাসে উঠে পড়ল। সাত আটজন লোক হয়েছে। বাস চালক উত্তেজিত হয়ে হর্ন বাজাতে শুরু করেছে। তথাগত বিড় বিড় করে বলল, ‘পিছনে তাকাবার সময় নেই, আমাদের আছে শুধু এগিয়ে চলার মন্ত্র’।

আকাশ লাল হয়ে উঠছে। সূর্যোদয় হচ্ছে। বাস চলতে শুরু করেছে। তথাগত ফোন বের করে মেসেজ করল। আধ ঘণ্টার মধ্যে বাস ইসলামাবাদ বাস আড্ডায় পৌঁছল।

একটার পর একটা লাক্সারি বাস দাঁড়িয়ে আছে। দেশের বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাসগুলো যায়।

তথাগত ফোনে আসা বাসের নাম্বারের সঙ্গে মিলিয়ে গুজরানওয়ালার বাসে উঠল। ছ’নম্বর সিট তার। সাত নম্বর সিটে একজন এসে বসল। কুর্তা পাজামা পরিহিত এক যুবক।

বাস আটটায় ছাড়বে। এই মুহূর্তে বাস একবারে ফাঁকা। তথাগত পকেট থেকে ছোট নোটবুকটা বের করে পাশের জনের হাতে দিয়ে বলল, ‘আমার কাজটি ফুরোল, নটে গাছটি মুড়োলো’।

যুবক বলল, ‘তুষার স্যারের সঙ্গে কবে দেখা হবে?’

তথাগত বলল, ‘তিন চার দিনের মধ্যে। কিছু বলতে হবে?’

যুবক একটু ভেবে বলল, ‘না। কিছু বলতে হবে না’।

তথাগত বলল, ‘বীরেন ভালো আছে এটা তো বলা যায়?’

বীরেন হাসল, ‘বলবেন। আমি ভালো আছি এখানে’।

আচমকা বাইরে থেকে পুলিশ জিপের শব্দ শোনা যাচ্ছে। রাস্তার উপরে একটা জিপ দাঁড়িয়ে গেছে। তথাগত উঁকি মেরে দেখল জিপ থেকে জাহাঙ্গীর নেমেছে। পুলিশের একটা দল লাহোর থেকে আসা বাসগুলোর তল্লাশি করছে।

সে বলল, ‘শিট’!

বীরেন বলল, ‘কী হল?’

তথাগত বলল, ‘কী হল আমি এখন বোঝাতে পারব না বীরেন, আমাকে এখন বেরোতে হবে। তুমি কীসে এসেছ?’

বীরেন বলল, ‘আমার সঙ্গে যাবেন?’

তথাগত বলল, ‘কোনও উপায় নেই। বাইক কোথায়?’

বীরেন বলল, ‘দূরে আছে। এখন বেরোবেন?’

তথাগত বলল, ‘হ্যাঁ। উপায় নেই। হয় ধরা পড়ব, নয়… তুমি আগে যাও। আমি ফলো করছি। বাসের আড়ালে আড়ালে যাবে, পুলিশ যেন দেখতে না পারে’।

বীরেন ঘাড় নেড়ে নেমে গেল।

তথাগত খানিকটা দূরত্ব রেখে বীরেনের পেছনে হাঁটতে শুরু করল। পুলিশের জিপের থেকে অনেকটা দূরে চলে এসেছিল ওরা। বীরেন বাইকে উঠে স্টার্ট দিতেই তথাগত বীরেনের পেছনে বসে পড়ল। বাস আর গাড়ির ভিড়ে পুলিশের চোখে ধুলো দিয়ে বাস আড্ডা ছাড়তে বিশেষ বেগ পেতে হল না বীরেনকে।

মিনিট দশেক পরে ফতিমা জিন্না পার্কের কাছে বাইক দাঁড় করাল বীরেন। তথাগত শ্বাস ছেড়ে বলল, ‘আমি এতবড় ভুল এ জন্মে করিনি। নিজেকেই লাথি মারতে ইচ্ছে করছে এখন’।

৩১

‘জাহিদা পরভীন?’

‘জি জনাব’।

‘বাংলাদেশে ভ্লগ করেন আপনি?’

‘জি’।

‘চ্যানেল লিংক দিন’।

‘ফুডি জাহিদা’।

‘ওকে। লেট মি চেক। সাতাশ হাজার সাবস্ক্রাইবার। তিরিশটা ভিডিও। থাইল্যান্ড গেছেন’।

‘সিঙ্গাপুরেও জনাব’।

‘ও হ্যাঁ হ্যাঁ। বাঃ, আপনি হিজাব আর মাস্ক পরে ভ্লগ করেন। নতুন প্রজন্মের কাছে খুব ভালো উদাহরণ আপনি। ভালো লাগল। একা ঘুরবেন?’

‘জি। ইসলামাবাদে আমার ফুপু থাকেন। আগে ওর কাছে যাব। তারপর ফুপার ফ্যামিলির সঙ্গে ঘোরার প্ল্যান আছে’।

‘ওকে। আপনার ফুপুর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে লিখে দিন। পাকিস্তানে কোথায় কোথায় যাবার প্ল্যান আছে?’

‘জি ইসলামাবাদ, কাশ্মীর, লাহোর, আর করাচি’।

‘হরপ্পা মহেঞ্জোদারো?’

‘এখন অবধি প্ল্যানে নেই জনাব’।

‘ফাইন। ইউ মে গো নাও। ওয়েলকাম টু পাকিস্তান’।

‘শুকরিয়া জনাব’।

ইসলামাবাদে বেশ গরম। জাহিদা গেট ঠেলে বাইরে বেরিয়ে দেখল তার নামে বোর্ড ধরে শরমিন দাঁড়িয়ে আছেন। সে ছুটে গিয়ে শরমিনকে জড়িয়ে ধরল। শরমিন ফিসফিস করে বললেন, ‘গুড। এখানে আই এস আইয়ের লোক তোর উপর নজর রাখছে। একটু কেঁদে ফেলার চেষ্টা কর’।

জাহিদা চোখ মোছার অভিনয় করল। চোখে জল এল না। পার্কিং লটে নিয়ে গিয়ে গাড়ির পেছনের সিটে বসলেন দু’জনে। শরমিন ড্রাইভারকে বললেন, ‘চলো’।

গাড়ি চলতে শুরু করল। শরমিন বলল, ‘ফ্লাইট ঠিক ছিল তো? কোনও নড়চড় হয়নি মাঝপথে?’

জাহিদা মাথা নাড়ল, ‘না না। একদম ঠিক ছিল’।

গাড়ি রাস্তায় উঠল। শরমিন ড্রাইভারকে বললেন, ‘সেক্টর সেভেন চলো’।

ড্রাইভার সেক্টর সেভেনের রাস্তা নিল। শরমিন বললেন, ‘তোর ফুপার অফিসে যাওয়া যাক’।

জাহিদা বলল, ‘জি, ঠিক আছে’।

শরমিন পেছনে ফিরে দেখলেন একটা কালো গাড়ি পিছু নিয়েছে। জাহিদাকে ইশারায় দেখালেন। জাহিদা দেখে বলল, ‘আজ খুব গরম ফুপু’।

শরমিন বললেন, ‘ক’দিন ধরে এই হচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে পাওয়ার কাট। এত লোডশেডিং হয় যে কী বলব। এই তো তোর ফুপার অফিস এসে গেছে। চল’।

সাত তলা বিল্ডিংয়ের সামনে গাড়ি দাঁড়াল। শরমিন জাহিদাকে নিয়ে অফিসের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করে বললেন, ‘এখনই একটা ভ্লগ আপডেট কর। এখনই ইসলামাবাদে পৌঁছেছিস, ফুপার অফিসে এসেছিস। লাইভ কর’।

জাহিদা লাইভ করল। শরমিন সোফায় বসলেন। জাহিদা লাইভ শেষ করে এসে বসল, ‘হয়ে গেছে’।

শরমিন বললেন, ‘এবার ওরা অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। তোর ঢাকার অ্যাড্রেসেও খবর নিতে পারে’।

জাহিদা বলল, ‘নিক। প্ল্যান?’

শরমিন হাসলেন, ‘তোর অপেক্ষা করছিলাম। তুই এসে গেছিস। প্ল্যান এ সফল হয়ে গেছে’।

জাহিদা বলল, ‘ফুপার সঙ্গে দেখা করতে যাবে না?’

শরমিন বললেন, ‘না। এখন আমরা এখানকার রেস্তরাঁয় যাব। পেট ভরে খাব, ফুপার সঙ্গে আর দেখা করব না। মায়া বাড়ালে কষ্ট হয়। মায়া বাড়াতে নেই এই জন্য’।

জাহিদা বলল, ‘আর কোনওদিন দেখা করবে না?’

শরমিন মাথা নাড়লেন, ‘নাহ, আর দেখা হবে না। চল’।

জাহিদাকে নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করলেন তিনি। ফোন বাজতে শুরু হল তার। নাহিদ ফোন করছেন। শরমিনের চোখে জল দেখল জাহিদা। বলল, ‘কথা বলে নাও। কী হবে?’

শরমিন বললেন, ‘থাক। এখন ফোন ধরলেই মনে হবে, এখানে আসতে বলি। এলে আরেক জটিলতা’।

জাহিদা বলল, ‘তোমার ভয় লাগে না?’

শরমিন মাথা নাড়লেন, ‘না। ভয় পেয়ে কী হবে? নর্থ ওয়েস্টের দিকে যাবি, আফগানিস্তানের দিকে যাবি, এরা মেয়েদের মানুষ বলেই মনে করে না। এখানেও করে না, তবে এখনও অনেক পরিশীলিত। আমি আর ভয় পাই না। বিরিয়ানি বলে দিচ্ছি। খেয়ে নে’।

জাহিদা বলল, ‘ঠিক আছে। বাকিরা কোথায়?’

শরমিন বললেন, ‘নো আইডিয়া। এখন আর কিছু বলা হবে না’।

জাহিদা বলল, ‘কেন? ধরা পড়লে সব উগরে দেব বলে?’

শরমিন বললেন, ‘তাই হবে। ছ’মাসের সংসার আমার আজ শেষ হল। অথচ সে জানতেও পারল না’।

শরমিন হাসলেন। জাহিদা কিছু বলল না আর…।

৩২

ইসলামাবাদ।

‘জনাব’।

ঢাকার ব্রিফিং নিয়ে রফিক সবে ফোন রেখেছে, আকবর দরজায় নক করল।

‘এসো। কী হল আবার?’

আকবর বলল, ‘বেশ কয়েকদিন ধরে ডার্ক ওয়েবে একটা সাসপেক্টেড অ্যাকাউন্ট থেকে পাকিস্তানি কমিউনিকেশন চ্যানেলগুলোতে একটা লেখা আসছে’।

রফিক বলল, ‘কী লেখা?’

‘ইটস টাইম টু ফ্লাই। এটুকুই’।

রফিক বলল, ‘টাইম টু ফ্লাই কীসের কোড হতে পারে?’

আকবর বলল, ‘কোনও স্লিপার সেল জাগানোর জন্য হতে পারে’।

রফিক হেসে ফেলল, ‘ইন্ডিয়ান স্লিপার সেল? পাগল হয়ে গেছ? আমরা যতই আন্তর্জাতিক মিডিয়ায় বলে বেড়াই ইন্ডিয়া মৌলানাকে মেরেছে, আসল সত্যিটা তুমিও জানো। এটা বালোচ লিবারেশনের কাজ। র খুব বেশি হলে ওদের হাওয়া দিতে পারে। এছাড়া আর কিছু করার ক্ষমতা নেই।

আকবর বলল, ‘তাহলে জনাব ইন্ডিয়া ছাড়া অন্য কোনও দেশ হতে পারে’।

রফিক বলল, ‘নজর রাখো। সেরকম কিছু হলে জানাবে’।

আকবর বলল, ‘জি জনাব’।

রফিক চেম্বার থেকে বেরোল। আকাশে মেঘ করেছে। রাস্তার অপর প্রান্তে একটা গাড়ি এসে দাঁড়াল। বরকত নামল গাড়ি দেখে। রফিক হাত নাড়ল।

রাস্তা পেরিয়ে তার কাছে আসতেই রফিক সহাস্যে বলল, ‘কী হে বরকত মিয়াঁ, তুমি গেলে আর মৌলানা নেই হয়ে গেল? তুমিই এর পেছনে নেই তো?’

বরকত মুখ কাঁচুমাচু করে বলল, ‘জি না জনাব। আপনি হালকাভাবে কথাটা বললেও ব্যাপারটা এত হালকা না। মৌলানার খুনের পরে এখন কোয়েটার হালচাল অনেকটাই পালটে গেছে। মৌলানার বিপক্ষ গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ দায় স্বীকারও করেনি। কেউ যদি দায় স্বীকার না করে, তাহলে বুঝতে হবে এই কাণ্ডের পেছনে র-এর হাত আছে’।

রফিক হো হো করে হেসে উঠল, ‘তুমি, আকবর এরা সবাই হঠাৎ করে র খুঁজতে শুরু করলে কোত্থেকে বলো তো? তোমার কী মনে হয় ইন্ডিয়া থেকে র মৌলানাকে মারতে আসবে? এর কোনও যুক্তি আছে?’

বরকত বলল, ‘জি আছে জনাব। দিল্লি বাসস্ট্যান্ড বোমাকাণ্ডে মৌলানার হাত ছিল। হতেই পারে র সেটার জন্যই মৌলানাকে টার্গেট করেছিল’।

রফিক হাত নেড়ে বরকতের কথা উড়িয়ে দেবার ভঙ্গি করে বলল, ‘ওসব কিছু না। বালোচরা আছে এর পেছনে। মৌলানা থাকলে বালোচ মুভমেন্টের অসুবিধা হচ্ছিল। মৌলানা বালোচদের শাসন করত। ওদের অনেকদিন ধরেই টার্গেট ছিল। এখন সাহস বেড়েছে। সেদিন দূরে নেই, যখন বালোচরা দেশের সর্বত্র সন্ত্রাসবাদী হামলা শুরু করবে। আমাদের এখন এদের শক্ত হাতে শাসন করতে হবে’।

বরকত বলল, ‘জি জনাব। তা তো করা হবে। কিন্তু তাও বলব এখানে র কোনওভাবে ইনভলভ আছে নাকি, যদি যাচাই করার সুযোগ থাকে, তাহলে দেখে নেওয়া উচিত’।

রফিক ভ্রু কুঁচকাল, ‘কেন বলো তো? তোমার কি কোনওভাবে মনে হচ্ছে এখানে ওরা আছে?’

বরকত বলল, ‘বাংলাদেশী ট্রাভেল ভ্লগারের নামে একজন এদেশে ঢুকেছিল। ঢোকার পর থেকে তাকে ট্রেস করা যাচ্ছে না। যার ঠিকানা দিয়েছিল, খোঁজ নিয়ে জানা গেছে তার স্ত্রী নিখোঁজ।’

রফিক বলল, ‘বাংলাদেশি ট্রাভেল ভ্লগারের বাড়িতে খোঁজ নাও। যে ঠিকানা দেওয়া আছে দেখো। একদিন লাগবে খুব বেশি হলে। ভেরিফাই করো। জহিরের খবর কী?’

বরকত বলল, ‘জনাব, জহির এখন কোয়েটায় গেছে, আপনারই ইন্সট্রাকশন ছিল’।

রফিক খানিকটা উত্তেজিত হয়ে অফিসে ঢুকল, সরাসরি আকবরের কাছে গিয়ে বলল, ‘প্রত্যেকটা এয়ারপোর্টের ক্যামেরা মনিটরিং করার নির্দেশ দিয়ে দাও। দেশের যেখানে যেখানে যাকে র এজেন্ট বলে সন্দেহ হবে, তুলে নেবার অর্ডার পাঠাও’।

আকবর অবাক হল। রফিক বলল, ‘ওরকম মুখ করার কিছু হয়নি। আমি এখনও বলব মৌলানার পেছনে বালোচদেরই হাত আছে। এটা একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে দেখো। পাকিস্তানে র কোনও অ্যাকশন না নিলেও ওদের এজেন্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমরা একটা মিশন লঞ্চ করতে পারি। নাম দেওয়া যেতে পারে মিশন সাফাই। দেশের যেখানে যেখানে র এজেন্ট আছে, তাদের খুঁজে এলিমিনেট করতে হবে। একইসঙ্গে বাংলাদেশেও একটা প্রচার চালানো যেতে পারে। তুমি বাংলাদেশে আমাদের এজেন্টদের খবর পাঠাও, ওরা যেন প্রচার করতে শুরু করে দেশের সবখানে র এজেন্ট ভর্তি হয়ে গেছে। পলিটিকাল ঝামেলা তো আছেই, এর ফলে ওরা ওদের সংখ্যালঘু এলিমেন্টদের টার্গেট করবে, ফলে দেশে কমপ্লিট ক্যাওস তৈরি হবে। ইট উইল বি গুড ফর আস। স্টার্ট ইট’।

আকবর বলল, ‘জি জনাব। এখনই করছি’।

৩৩

সারাদিন কেটেছে একেবারে ছোট্ট একটা ঘরে। রাত বারোটা নাগাদ বীরেন এসে বসল, ‘সায়কদা জানাল জাহাঙ্গীর আন্ডার কভার অফিসার। হায়দ্রাবাদে অপারেশনে গেছিল। আপনার ভাগ্য ভালো, ট্রেনে ওর কোনওরকম সন্দেহ হয়নি’।

তথাগত বলল, ‘টাউন পার্কে ওকে আসতে দেখে আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে সাবধান করে দিলেও কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে জাহাঙ্গীরের অন্য কোনও পরিচয় থাকতে পারে। মানতেই হবে, হি ইজ এ প্রো এজেন্ট। কিন্তু ও ইসলামাবাদে এল কী করে? নুর বলেছে?’

বীরেন মাথা নাড়ল, ‘জানি না। নুর আজকে রাতে আফগানিস্তান চলে যাবে। ওখানেই ওকে জিগ্যেস করা হবে’।

তথাগত বলল, ‘নুর ছাড়া কেউ জানে না আমি ইসলামাবাদে আসব। আবার নুর যদি বলবে তাহলে তো রাস্তাতেই ধরিয়ে দিতে পারত। উফ, হিসেব মিলছে না কিছুতেই’।

বীরেন বলল, ‘এখন আর এসব ভেবে লাভ নেই। আপনাকে এখানেই থাকতে হবে আগামী এক মাস। কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না। এয়ারপোর্ট, স্টেশন, বাস স্ট্যান্ড সর্বত্র হাই অ্যালার্ট জারি করা আছে। আপনার ছবি দেওয়া আছে’।

তথাগত বলল, ‘আমার আপত্তি নেই। দেশে ফিরেই বা কী করব? প্ল্যান বি-তে চলে গেলেই হয়। তোমার প্ল্যান কী?’

বীরেন বলল, ‘আসগর আলি। মুজফফরাবাদ থেকে সবে ফিরেছে। বাড়িতে বিশ্রাম করছে এখন। সাধারণত আসগর মর্নিংওয়াক করে। সাড়ে পাঁচটা নাগাদ বেরোয়, সাতটা অবধি হাঁটে। শুরুর দিকে আসগরের সঙ্গে ওর সিকিউরিটি দু’জন থাকে। পরে কেউ থাকে না। আধঘণ্টা হাঁটার পরে পার্কের বেঞ্চে ঢুকে বিশ্রাম করে। বাকি সময়টা আসগর একা থাকে’।

তথাগত বলল, ‘আসগর আলির সম্পর্কে তুমি কী জানো বীরেন?’

বীরেন বলল, ‘লস্করের কম্যান্ডার, আজাদ কাশ্মীরে লঞ্চ প্যাডের প্ল্যানিং সবথেকে ভালো করে। কাশ্মীর ওর নখদর্পণে’।

তথাগত মাথা নাড়ল, ‘আরও আছে। আসগর একজন ঠান্ডা মাথার খুনি। অনন্তনাগের রাস্তায় বোম ব্লাস্ট করে পঞ্চাশ জন কাশ্মীরি বাচ্চাকে খুন করেছিল। ওদের দোষ ছিল, ওরা ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল। দিল্লি মেট্রোতে ব্লাস্ট করার প্ল্যান করেছিল। যাদের পাঠিয়েছিল, তারা ধরা পড়ায় সব কিছু রক্ষা পেয়েছিল। নইলে আরও একটা ভয়াবহ ইতিহাসের সাক্ষী থাকতে হতো সবাইকে’।

বীরেন ম্লান হাসল, ‘আগে হলে আমি বিশ্বাস করতাম না যে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। এখন জানি, ওরা সব পারে। এখানে অনেক দয়ালু মানুষ দেখেছি যারা ভিখারিদের খাবার দেয়, গরিবদের সাহায্য করে। আবার এরাই যে কতটা নৃশংস হতে পারে, তা এদের না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না’।

তথাগত বলল, ‘হ্যাঁ। ওরা সব পারে। শয়তান ওদের কাছে হাঁটু গেড়ে কাজ শিখতে পারে। কেউ যত বিশ্বস্ত হোক, যত বন্ধুত্বপূর্ণ হোক, কোনওভাবেই তাকে বিশ্বাস করা যাবে না। আমি অনেক সতর্কতাই নিয়েছিলাম, জাহাঙ্গীর আমাকে ঠিকই চিনে ফেলল। সম্ভবত ট্রেন থেকে নামার পর ও কিছু একটা সন্দেহ করেছিল’।

বীরেন বলল, ‘আপনি খেয়ে নিন। কালকে আমরা এখানে থাকলেও পরশুদিন ডেরা চেঞ্জ করব’।

বীরেন তথাগতর জন্য খাবার এনেছিল। তথাগত খেতে শুরু করার আগে থমকে গেল, ‘তুমি খেয়েছ?’

বীরেন বলল, ‘খেয়ে নেব। আপনি খান’।

তথাগত ভ্রু কোঁচকাল, ‘না খেয়ে থাকবে?’

বীরেন বলল, ‘না। আপনি খেয়ে নিন। আমার জন্য রুটি রেখে দিয়েছি’।

তথাগত বলল, ‘আমার সঙ্গে খাও’।

বীরেন অপ্রস্তুত হল, ‘আপনি খেয়ে নিন। আমার খিদে নেই’।

তথাগত রুটি ভাগ করে বীরেনের দিকে এগিয়ে দিল, ‘না খেয়ে থেকো না। খালি পেটে বুদ্ধি কাজ করে না। আমি একটা কথা ভেবেই খুশি হচ্ছি। আমার এ দেশে আসা সফল হয়েছে। আমার তিনটে শহরে সেল অ্যাক্টিভেট করার অ্যাসাইনমেন্ট ছিল, তিনটে সেলই অ্যাক্টিভেট হয়ে গেছে, ইসলামাবাদ অ্যাক্টিভেটেড তো বীরেন?’

বীরেন বলল, ‘হ্যাঁ’।

তথাগত খুশি হল, ‘গুড। ভেরি গুড। আর চিন্তার কিছু নেই। এখন তো শুধু আমাদের লুকিয়ে থাকার পালা। এ দেশে থেকে কতগুলো মনুষ্যরূপী জন্তুর মরা মুখ দেখব, আমার কতদিনের শখ!’

বীরেনও রুটিতে কামড় দিল। সে ভুলে গেছিল সারাদিন কাজের চক্করে তার কিছু খাওয়াই হয়নি।

৩৪

‘ভারতীয়দের আটকাতে কতগুলো আনকালচার্ড, ভিখারি, আর চোরেদের সঙ্গে বন্ধুত্ব করে বসে আছি’। পাক প্রধানমন্ত্রী শাহবাজ আলম সখেদে কথাগুলো বললেন।

রফিক হুইস্কি নিয়ে বসেছিল। হেসে উঠল, ‘জনাব কি বাংলাদেশীদের কথা বলছেন?’

শাহবাজ বললেন, ‘আর কাদের কথা বলব? ওদের খিদে মেটাতে মেটাতেই দিন চলে যাচ্ছে। এর থেকে দেশটা আরেকবার দখল করে শাসন করলে কম টাকায় হয়ে যেত। তুমি শুনেছ ওদের ওই নেতাটা… নাক টিপলে দুধ বেরোয়, ছাত্রনেতা না কী, এখন বলছে চিকেন নেক আমরা নিয়ে নেব, তিন লাখ ডলারের ব্যবস্থা করুন। মানে? তিন লাখ ডলার? ডু দে হ্যাভ এনি ফাকিং আইডিয়া তিন লাখ ডলার মানে কত টাকা?’

রফিক হাসতে হাসে বলল, ‘জনাব চিন্তা করবেন না। এদের আমি বুঝে নেব। কোথায় যাবে? সব আমাদের পায়ে এসেই পড়বে’।

শাহবাজ বললেন, ‘হ্যাঁ, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক থেকে বার বার আজাদ কাশ্মীরের জঙ্গিঘাঁটির লোকেশন পাঠিয়ে ব্যবস্থা নিতে বলছে। এর উত্তর কী দেব?’

রফিক বলল, ‘বলে দিন, আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি’।

শাহবাজ বললেন, ‘তাহলে তো স্বীকার করে নেওয়া হবে। সেটা কি ঠিক হবে?’

রফিক গ্লাসে চুমুক দিল, ‘তাহলে উত্তর দেবার দরকার নেই। আজমত ভাই আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইছিল। কাশ্মীরে কয়েকজন মেহমান পাঠাতে হবে’।

শাহবাজ চুপ করে নিজের ড্রিংক শেষ করলেন। রফিক বলল, ‘কী বলব আজমত ভাইকে?’

শাহবাজ বললেন, ‘ওটা আমি ডিল করব না। আই এস আই করুক। কোনও ধরনের ছবি মিডিয়ায় লিক হলে সেটা পাকিস্তানের জন্য ভালো হবে না’।

রফিক বলল, ‘মানিটারি লিবার্টি পুরোপুরি আই এস আই এর কাছে থাকলে আমিই বুঝে নিতাম জনাব। কিন্তু আমার কাছে সেটা নেই। কোনও কোনও সিদ্ধান্ত আপনারও নেবার দরকার আছে’।

শাহবাজ বললেন, ‘আমি কনসেন্ট দিয়ে দেব। দেশ তো ভিক্ষায় চলে। ভিক্ষার ডলার কোথায় যাবে, সেটা আপনি আমি বুঝব না?’

রফিক বলল, ‘ভিক্ষার দান হলেও দেশের নিরাপত্তার বিষয়টা আমাদের টপ প্রায়োরিটি দেওয়া উচিত’।

শাহবাজ বললেন, ‘হুঁ, তা ঠিক। রফিক সাহেব… আপনার সুইজারল্যান্ডে কতটা জমি কেনা আছে?’

রফিক শাহবাজের প্রশ্নে খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, ‘আমার সুইজারল্যান্ডে জমি নেই তো!’

শাহবাজ বললেন, ‘ওহ, আমিই ভুল করেছি তাহলে। রফিক নামটা শুনে আপনার কথাই ভেবেছিলাম। ভিয়েনায় গিয়ে এরকম কিছু একটা শুনেছিলাম আর কী! পাকিস্তানের কোনও সরকারি আধিকারিক… রফিক নামই ছিল, সুইজারল্যান্ডে অনেকটা জমি কিনেছে। আমিও কেনার কথা ভাবছিলাম’।

রফিক জোরে জোরে মাথা নাড়ল, ‘ভুল হয়েছে কোথাও। আমি নই, তবে আমার কয়েকজন বন্ধু আছে, তাদের কন্ট্যাক্টস আপনাকে দিয়ে দেব। চাইলে আপনি ওদের সঙ্গে কথা বলে জমি কিনে নিতে পারেন’।

শাহবাজ বললেন, ‘গুড। আর আজমতকে আপনি দেখে নেবেন তাহলে?’

রফিক বলল, ‘বেশ। আমি বুঝে নেব। আজমতরা আজাদ কাশ্মীরে আমাদের সেনাবাহিনীকে অনেক সাহায্য করে। এই মুহূর্তে কাশ্মীরিদের সাহায্য করার জন্য আজমতকে আমাদের প্রয়োজনীয় ইনপুটস দেওয়ার দরকার আছে’।

শাহবাজ বললেন, ‘সেটা তো করতে হবেই। আপনি ডিল করুন। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। কোয়েটাতে যদিও আই এস আই ফেল করেছে… ইন্টেল ছিল না তাদের কাছে’।

রফিক বলল, ‘না জনাব। আমাদের কাছে ইন্টেল আসামাত্র আমি বরকতকে কোয়েটায় পাঠিয়েছিলাম। মৌলানা ওভার কনফিডেন্ট ছিলেন। একদিকে অবশ্য ভালো হয়েছে। মৌলানার ঘটনার পর বাকিরা সতর্ক হয়ে গেছে’।

শাহবাজ বললেন, ‘সতর্ক হলেই ভালো। এরকম ঘটনা বেশি ঘটলে আমেরিকা আমাদের সবরকম সাহায্য করা বন্ধ করে দেবে। তখন বাকি জীবনটা সুইজারল্যান্ডে কাটাতে হবে। আমাদের আর এ দেশে ফেরা হবে না’।

রফিক বলল, ‘আমরা একটা মিশন স্টার্ট করছি জনাব। মিশন সাফাই। দেশে আমরা কোনও র এজেন্ট রাখব না। স্লিপার সেল থেকে শুরু করে সন্দেহজনক যা যা দেখব, প্রত্যেককে বিশেষ ট্রিটমেন্ট দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আপনাকে এর ব্রিফিং দিয়ে দেব। আপনি প্রেস কনফারেন্স করে অপারেশন সাফাই সম্পর্কে একটা ঘোষণা করবেন। আশা করি এক্ষেত্রে আপনার কোনও অসুবিধা হবে না’।

রফিকের কথার শেষটায় সামান্য শ্লেষ ছিল। শাহবাজ সেটাকে অস্বীকার করে বললেন, ‘সেন্ড মি ব্রিফিং। আমি এটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় অ্যানাউন্স করব। গুড ইনিশিয়েটিভ। আমি আপনাকে সাপোর্ট করব এই বিষয়ে’।

রফিক হাসল, ‘থ্যাঙ্ক ইউ জনাব’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *