১৫
রফিক আহমেদ তার চেম্বারে চুপ করে বসে আছে। সে যে রেগে আছে, তাকে দেখে বোঝা যাচ্ছে না। তবে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে।
দরজায় নক হল। রফিক বলল, ‘কাম ইন’।
আকবর ঢুকল, ‘জনাব…প্রেসিডেন্ট সাহেব ফোন করেছেন’।
রফিক বলল, ‘কানেক্ট কর’।
ফোন বেজে উঠল। রফিক ফোন ধরে সেলাম দিল, ওপ্রান্ত থেকে প্রেসিডেন্টের গলা ভেসে এল, ‘খবরটা সত্যি?’
রফিক বলল, ‘জি জনাব। খবরটা সত্যি। আমাদের কাছে ইন্টেল ছিল। কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে, জানা ছিল না’।
‘কারা করেছে?’
‘বালোচরা’।
‘আমার তো মনে হয় না, বালোচরা একা করেছে’।
রফিক চুপ করে গেল। তার চোয়াল শক্ত হয়ে গেছে।
প্রেসিডেন্ট বললেন, ‘যদি আমার সন্দেহ সত্যি হয়, তাহলে আই এস আইয়ের উপর থেকে শুধু আমার না, গোটা পাকিস্তানের ভরসা উঠে যাবে’।
রফিক বলল, ‘জনাব, আমাদের উপর ভরসা ওঠার কোনও কারণ নেই। আমি নিশ্চিত করছি ওখানে র ইনভলভড ছিল না। শুধু বালোচরাই করেছে’।
‘গুড। গুড। সেটাই প্রেসকে ব্রিফ করা হবে। আর কোনও খবর পেলে জানাবেন’।
ফোন কেটে গেল। হাতের কাছে একটা পেপারওয়েট ছিল। রফিক কাচের দরজায় ছুড়ে মারল। আকবর শব্দ শুনে দৌড়ে এল, ‘জনাব, সব ঠিক আছে?’
রফিক বলল, ‘কী ঠিক আছে? কীভাবে ঠিক আছে? কতগুলো র এজেন্ট দেশের ভিতরে আছে? জানেন কিছু?’
আকবর বলল, ‘খুব বেশি হবে না জনাব’।
রফিক জোরে জোরে মাথা নাড়ল, ‘আমি কিছু শুনতে চাই না। আজ সন্ধের মধ্যে বালোচ আর র রিলেটেড সব ফাইল যেন আমার কাছে চলে আসে। যা যা সম্ভব, সব। আর ওই ছেলেটা, ওই… বাজ… ও এখন কোথায় আছে?’
আকবর বলল, ‘বাজ ইন্ডিয়ায় আছে জনাব’।
রফিক বলল, ‘ইন্ডিয়ায় আছে? তুমি শিওর?’
আকবর বলল, ‘জি জনাব। শেষবার ওকে দুবাই থেকে দিল্লির ফ্লাইটে দেখা গেছিল। এই মুহূর্তে পাকিস্তানে ঢোকার ঝুঁকি বাজ নেবে না। আপনি নিশ্চিন্ত থাকুন’।
রফিক বলল, ‘নিশ্চিন্ত থাকব? নিশ্চিন্ত থাকার উপায় আছে? কালকেও সি আই এ-কে আমি জানিয়েছিলাম শাহাবুদ্দিন কোয়েটায় নেই। তিন মাস আগে বাকু চলে গেছে। এবার আমি ওদের কী জবাব দেব?’
আকবর বলল, ‘আপনি বলে দেবেন, সবে ফিরেছিল। বা অন্য কিছু বলে দেবেন। আমাকে আরেকটু ইন্টেল জোগাড় করতে দিন। বেশিক্ষণ লাগবে না স্যার। এরা যেখানেই থাকুক, পাকিস্তানের বাইরে এত তাড়াতাড়ি যেতে পারবে না’।
রফিক বলল, ‘তাড়াতাড়ি যেতে পারুক আর না পারুক, মৌলানার জন্য আমার… ঠিক আছে। আপনি এখন যান’।
আকবর ‘জি জনাব’ বলে বেরিয়ে গেল। রফিক নাম্বার ডায়াল করল, ও প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, ‘সেলাম ওয়ালাইকুম’।
‘আসসালাম ওয়ালাইকুম জনাব’।
‘তারপর? আপনার দেশ এখন র-এর দখলে চলে গেল, তাই তো?’
‘এ দেশ দখল নেবার আগে র-কে আমার লাশের উপর দিয়ে যেতে হবে’।
‘আপনার লাশ তো তৈরি হয়েই গেছে, শুধু বুকে একটা গুলি খাবার অপেক্ষা’।
রফিকের মুখ ফ্যাকাসে হয়ে গেল, পরক্ষণেই হাসার চেষ্টা করল, ‘জনাব কি আমাকেই শেষ করে দিতে চাইছেন?’
‘না। চাইছি না। আমি জানি শাহাবুদ্দিন একটা বুরবক। ওকে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে অনেক আগেই বারণ করেছিলাম। শুনল না। আফসোস ছাড়া আমাদের আর কিছু করার নেই। করার আছে কি?’
‘না জনাব’।
‘হুঁ। আমার এক লাখ ডলার লাগবে। ব্যবস্থা করুন’।
‘ব্যবস্থা হবে জনাব। আমাকে এক সপ্তাহ সময় দিন’।
‘কাল লাগবে। আপনার অফিসে, সকাল এগারোটা’।
‘জি জনাব, এত তাড়াতাড়ি অত ডলারের ব্যবস্থা করা যাবে না’।
‘করতে হবে। দরকার। জেহাদের জন্য দরকার। কতবার বলেছি আমাদের আর জেহাদীদের মাঝখানে আসবেন না। আপনাকে আমি অনেকবার বলেছি আমাকে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি লিস্টে আবু ইব্রাহিম নামটা যেন এক নম্বরে থাকে। আপনি কি ভুলে গেছেন?’
ফোন কেটে গেল।
রফিক উঠে দাঁড়াল। পায়চারি করতে করতে পকেট থেকে তার মোবাইল বের করে অস্থির হয়ে বিভিন্ন নম্বর ডায়াল করতে শুরু করে দিল। সবার ফোন বিজি বলতে শুরু করেছে।
ইন্ডিয়ান মিডিয়াতেও মৌলানার খবর দেখানো শুরু করেছে। রফিক রেগে গিয়ে অফিসের দেওয়ালে সজোরে একটা লাথি কষাল।
১৬
দিল্লি এক রহস্যময় শহর। দূষণের জন্য গোটা শহর কুয়াশায় ঢেকে রয়েছে। একটু একটু করে অটো এগোচ্ছে এয়ারপোর্টের দিকে।
সকাল আটটা বাজে এখন। এয়ারপোর্টে গিয়েও নিশ্চয়ই আবিষ্কার করা যাবে বেশিরভাগ ফ্লাইট হয় দেরি করছে, নয় ক্যান্সেল হয়েছে।
তথাগত হাই তুলল। হেইলি রোডের ফ্ল্যাটে তার জন্য রাতে ঘুমানোর ব্যবস্থা করা ছিল। অনেকখানি ঘুমিয়ে নিলেও এখন হাই উঠছে।
এবারে ইচ্ছে ছিল পাঞ্জিমে একটা ক্যাসিনোতে জুয়া খেলবে। ছোটবেলায় বাবা মার সঙ্গে গিয়ে দেখেছিল। ঠিক করেছিল বড় হয়ে খেলবে। এবারেও হল না। যা বোঝা গেল, জুয়া খেলা তার কপালে নেই। আগে কাঠমান্ডুতেও একবার সুযোগ এসেছিল। খেলা হয়নি।
অটো এয়ারপোর্টে নামিয়ে দিল তাকে। আধঘণ্টার রাস্তা দেড় ঘণ্টায় পেরোল। এয়ারপোর্টে পৌঁছেই মেসেজ এল ফ্লাইট দু’ঘণ্টা দেরিতে ছাড়বে।
শ্বাস ছাড়ল সে। আগে জানলে আরেকটু ঘুমানো যেত।
এয়ারপোর্টে ঢুকে সিকিউরিটি কমপ্লিট করে খবরের কাগজ নিয়ে বসল। খেলার খবর পড়তে শুরু করল। খানিকটা পড়ার পর বুঝল কাগজে মন দিতে পারছে না। অস্বস্তি হচ্ছে। কাগজটা পেপার স্ট্যান্ডেই সাজিয়ে রেখে আবার চেয়ারে বসে চোখ বুজল।
জাহিরের কথা মনে পড়ল। সে যখন করাচিতে ছিল, বেশ কিছুদিন জাহিরের পিছু নিয়েছিল। জাহিরের বয়স এখন ষাট পেরিয়েছে। সুঠাম চেহারা। সব চুল এখনও পাকেনি। দাড়িতে মেহেন্দি করা।
মহল্লায় বাচ্চারা যখন ক্রিকেট খেলে, জাহির ওদের ধমকে ধামকে ব্যাট হাতে নিয়ে কয়েকটা বল খেলে। ফুলটস বলে ছয়ও মারে।
জাহিরকে দেখলে কারও পক্ষে বোঝা সম্ভব না, এই সেই লোক যে ভারতের ইতিহাসে ভয়ঙ্করতম প্লেন হাইজ্যাকিং-এর অন্যতম মাথা ছিল। আর পাঁচটা সাধারণ মানুষের মতো জাহির এখন পাকিস্তান সরকার থেকে পেনশন নিয়ে দিন কাটায়।
পাকিস্তান এমন একটা দেশ, যারা ভয়ঙ্কর সব জঙ্গিদের টাকা দিয়ে পুষে রাখে, তাদের পেনশন দেয়। তাদের সেনাবাহিনী এই ধরনের ভাড়াটে সৈন্যদের উপর পুরোপুরি নির্ভরশীল। আর্মস থেকে শুরু করে ফান্ডিংয়ে সাহায্য, এরা সব করে।
তবে জাহির যে পুরোপুরি অবসরযাপন করে তাও নয়। প্রতিবছর মে থেকে জুলাই মাস জাহির মুজফফরাবাদে জঈশের ট্রেনিং ক্যাম্পে ছোট ছোট বাচ্চা ছেলেদের ট্রেনিং করায়। যে লোকটা জাহিরকে করাচিতে দেখবে, সে বিশ্বাস করতে পারবে না এই কড়া ট্রেনারটাই সেই শান্তশিষ্ট লোকটা।
ছোট ছোট বাচ্চাদের মনে সেই ছোটবেলা থেকে তীব্র ঘৃণার বীজ বপন করা হয়। ফিজিক্যাল ট্রেনিং-এর পরে এদের ভিডিও দেখানো হয়। ষোল সতেরো বছর বয়সেই এরা একেকজন ভয়ঙ্কর সব মিলিট্যান্ট তৈরি হতে শুরু করে।
পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে কী করে ভারতে প্রবেশ করতে হয়, জাহির সে সমস্ত রাস্তা সম্পর্কে এদের শিক্ষিত করে।
জাহির যে কতটা ধূর্ত, তার প্রমাণও সে পেয়েছিল হাতেনাতে। তার আরও চার মাস পাকিস্তানে থাকার কথা ছিল।
নাসিম জৈশের উঠতি কম্যান্ডার। তুষারদের ধারণা ছিল নাসিম জাহিরের সঙ্গে ঠিক দেখা করতে আসবে। প্ল্যানমাফিক জিন্না রোডের বিলাল মিয়াঁর রঙের দোকানে কাজ নিয়েছিল সে। সকালে উঠে দোকান খুলত। দোকানের সামনের পার্কের পেছনের গলিতেই জাহিরের আস্তানা। দোকান খোলার অছিলায় সকাল সকাল জাহিরের আস্তানার সামনে টহল দিত।
বাড়ির সামনে কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে চলে আসত সে।
সেদিনও তাই করছিল। শুনশান গলিতে হাঁটতে হাঁটতে থেমে গেছিল। মন দিয়ে দেখছিল জাহিরের ঘরে ঢোকার রাস্তা কোনটা হতে পারে।
হঠাৎ যেন মাটি ফুঁড়ে তার সামনে জাহির দাঁড়িয়ে পড়ল।
ওর কড়া পড়া ডান হাত দিয়ে শক্ত করে তার হাত ধরে বলেছিল, ‘কী চাস তুই?’
তার ভেতরটা ঠান্ডা হয়ে গেছিল। সে কোনওদিন এত ভয় পায়নি। কোনওমতে সালাম করে বলল, ‘আমি বিলাল মিয়াঁর দোকানে কাজ করি জনাব’।
জাহির কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে হাত ছেড়ে বলেছিল, ‘যা। এখানে দাঁড়াবি না’।
সে বুঝতে পেরেছিল জাহির কিছু একটা সন্দেহ করছে। সেদিন সে দোকান খুলে কিছুক্ষণ বসে তখনই সিদ্ধান্ত নিয়ে করাচি থেকে পালিয়ে এসেছিল। জাহিররা সুযোগ দেয় না। ওদের মাথার পেছনে আরেকটা চোখ থাকে।
তবে স্বস্তির ব্যাপার একটাই, মাথার পেছনের চোখটা তাদেরও থাকে।
বোর্ডিং কল শুরু হয়েছে, উঠে দাঁড়াল।
প্লেনে উঠে আবার রিমির সঙ্গে দেখা হয়ে গেল।
কাকতালীয় ব্যাপার একেই বলে!
.
‘দুবাই যাবে, সেটা কাল বললে না কেন?’
রিমির কাছে যেতে প্রথমেই এই প্রশ্নটা ধেয়ে এল। তথাগত ভেবে রেখেছিল কী বলবে, ‘কথায় কথায় বলা হয়নি রিমি। ভালোই হল। তোমার সঙ্গে দেখা হয়ে গেল’।
রিমিকে ভাবলেশহীন হয়ে থাকা অভ্যাস করতে হয়। মেঘের দেশে ভাসতে ভাসতে তাদের আবেগহীন হতে হয়। তবু সে তার অভিমান কিছুতেই ঢাকতে পারছিল না।
তথাগতর ইচ্ছে করছিল রিমির হাত ধরতে। ধরল না। সে আবেগশূন্য হবার চেষ্টা করে যাচ্ছিল। রিমি বলল, ‘তুমি কি কিছু ভাবলে?’
তথাগত বলল, ‘আমাদের আবার একসঙ্গে থাকার ব্যাপারে?’
রিমি অল্প হাসল, ‘হ্যাঁ। আমার কিছু সেভিংস হয়েছে। আমি জব ছেড়ে দিতে পারি’।
এই হাসির মধ্যে কত সহস্র বছরের ঘর বাঁধার ইচ্ছে আছে তা তথাগত জানে। ছোটবেলা থেকে দার্জিলিঙের স্কুলে বড় হওয়া রিমি, বাবা মার থেকে দূরে থাকা, ঘর নামের সুখের থেকে দূরে থাকা রিমি। মনে পড়ে গেল, ঘণ্টার পর ঘণ্টা তার বুকে মুখ গুঁজে বসে থাকত মেয়েটা। বাবার ব্যবসার ভরাডুবি, একার হাতে সব সামলে বাড়িতে টাকা পাঠানো, তার গল্পটার মধ্যে রিমির বাড়ি অনেকখানি জুড়ে ছিল।
নিজেকে অপরাধী মনে হচ্ছিল। তার এই গোটা পৃথিবী ঘুরে বেড়ানোর প্ল্যানে রিমিকে কোনওদিন সে রাখেনি। রাখা উচিত ছিল।
তথাগত বলল, ‘ছেড়ে দিও। চাকরি করার দরকার নেই। কিন্তু আমি যখন ঘরে থাকব না, তুমি কী করবে? বোর হবে না?’
রিমি বলল, ‘হব না। আমি আর দৌড়ে দৌড়ে পারছি না। আমার এবার বিশ্রাম দরকার’।
টার্বুলেন্স এসেছে। তথাগত আর কথা না বলে সিটে গিয়ে বসল। আচ্ছা, এই মিশন কমপ্লিট করে একটা চাকরি পাওয়া যাবে না? দশটা পাঁচটার স্বাভাবিক চাকরি?
সে বোধহয় পারবে না। অ্যাড্রিনালিন রাশ না হলে তার অস্বস্তি হয়। যত দৌড়বে, তত ভালো ঘুম হয়। আবার সতর্কও থাকতে হয়।
তাদের ট্রেনিং-এর সময় স্মৃতি শক্তিশালী করার জন্য বিভিন্ন টাস্ক করানো হতো। লক্ষ্য ছিল, প্রবল কঠিন সময়েও যেন তারা কিছুতেই দরকারি তথ্য ভুলে না যায়।
মানুষের মস্তিষ্কের যে প্রকোষ্ঠে তুষার রঙ্গনাথনের দেওয়া তথ্য বিশ্রাম নিচ্ছে, সেখানে রিমির সঙ্গে থাকা প্রতিটা সময়ের স্মৃতিরাও থাকবে। ভবিষ্যতের প্ল্যানিংও থাকবে। জাহির, তনবীররাও থাকবে।
তনবীর আলম… মুম্বই হামলার দিন করাচি থেকে মুম্বইতে নির্দেশ দিয়ে গেছে। টিভিতে দেখে আপডেট দিয়ে যেত। মাঝবয়সী লোকটা কমবয়সী ছেলেদের জন্নতের স্বপ্ন দেখিয়ে, তাদের ব্রেইন ওয়াশ করে ভারতে পাঠিয়ে দিয়েছিল। এমারাল্ড মলে এখন ড্রাই ফ্রুটসের দোকান চালায়। দিনের শেষে রুপি গোনে। অটো ধরে নেপিয়ার রোডে ওর বাঁধা মহিলা তবসসুমের কাছে রাত কাটায়। তবসসুমের বয়স হলেও তনবীর ওকে ছেড়ে অন্য কারও কাছে যায়নি। এদিক থেকে ওকে ভদ্রলোক বলা যায়। কিন্তু মনুষ্যত্বের সবরকম পরীক্ষায় ও ফেল করে গেছে। লস্করে থাকাকালীন চার মাসের শিশুর শরীরে বোম্ব জ্যাকেট বেঁধে ও শ্রীনগরে ব্লাস্ট করিয়েছিল।
তনবীরের বুকের মধ্যে তীব্র ভারত বিদ্বেষ। পৃথিবীর অন্য কোনও দেশকে, এমনকী আমেরিকাকেও ও ততটা ঘৃণা করে না, যতটা ভারতকে করে। একটা সময় অবধি র ভেবেছিল তনবীর পুরোপুরি বসে গেছে। এখন অবসর কাটাচ্ছে। সে ধারণা পরে ভুল প্রমাণিত হয়েছে। তনবীর ভারত-বাংলাদেশ সীমান্তের একটা স্লিপার সেল চালাত করাচি থেকে। বাংলাদেশে ভারত বিরোধী যত রকম প্রোপাগান্ডা, তার সবটা তনবীরের মস্তিষ্কপ্রসূত।
অবসর জীবনটা ওর বাইরের লোকের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই না। আন্তর্জাতিক আদালতে ইসলামাবাদ এখন তনবীরকে পলাতক আসামী হিসেবেই দেখায়। দিল্লি যখন তার পাঠানো ছবিগুলো প্রকাশ করে, ইসলামাবাদ সরাসরি অস্বীকার করে জানিয়ে দেয় সে সব ছবি নাকি কম্পিউটারের মাধ্যমে সুপার ইমপোজ করা।
অবশ্য পাকিস্তানের স্বরূপ গোটা পৃথিবী জানে। নতুন করে তাদের সম্পর্কে বলার কোনও মানে হয় না।
রিমি অ্যানাউন্স করছে, আর কিছুক্ষণের মধ্যেই প্লেন দুবাইয়ের মাটি ছোঁবে, বাইরের তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি…
রিমির চোখ আর তার চোখ মিলে যাচ্ছে বারে বারে।
আর কি কোনওদিন রিমির সঙ্গে দেখা হবে?
কে জানে!
১৭
ফয়সলাবাদ।
বিসমিল্লাপুরে আল মাসুদের ডেরা।
সকাল দশটায় দুটো ট্রাকে ছেলেগুলোকে গাদাগাদি করে তোলা হয়েছে। ছেলেগুলোর বয়স তেরো থেকে সতেরোর মধ্যে। আল মাসুদ নিজের হাতে বাছাই করেছে ওদের। ছেলেগুলোর চোখ মুখ উত্তেজনায় জ্বলজ্বল করছে। মাঝে মাঝেই আল মাসুদ আর পাকিস্তানের জয়ধ্বনি করছে।
একটা মাইকের ব্যবস্থা করা হয়েছে। আল মাসুদ তার বক্তৃতা শুরু করল, ‘আমার ছাত্র ও অনুগতরা, তোমরা জানো, ভারত কীভাবে প্রতিদিন আমাদের লোকেদের উপর নিপীড়ন চালাচ্ছে। কীভাবে ওদের দমন করছে, মারছে, ওদের সংসার নষ্ট করছে। উপরওয়ালা সবাইকে সুযোগ দেন না। তোমাদের দিয়েছেন এই দমন পীড়নের বদলা নেবার। তোমরা তৈরি তো?’
সমস্বরে সবাই ‘জি হুজুর’ বলে চেঁচিয়ে উঠল।
আল মাসুদ বেশ কিছু ধর্মীয় স্লোগান আউড়ে বলল, ‘যাও, আমার সেনারা তৈরি। ওদের নিয়ে যাও’।
পাকিস্তানী ফোর্স সেনাবাহিনী কনভয় করে ট্রাক দুটো নিয়ে বেরিয়ে গেল।
আল মাসুদ তার বাগানে গিয়ে বসল। রফিককে ফোন করল। ওপ্রান্তে একবার রিং হতেই রফিক ফোন করে সালাম দিয়ে বলল, ‘কেমন আছেন আল মাসুদ? সব খবর ভালো তো?’
আল মাসুদ বলল, ‘আমি আমার কথা রেখেছি রফিক সাহাব। আমার সেরা যোদ্ধাদের পাঠিয়ে দিয়েছি। এবার কী করবেন, আপনারা ঠিক করুন’।
রফিক বলল, ‘শুকরিয়া জনাব। আমি জানতাম, পারলে আপনিই পারবেন। আবু ইব্রাহিম কিংবা তনবীরের যে সে ক্ষমতা নেই, তা আমার থেকে ভালো আর কে জানবে’!
আল মাসুদ খুশি হলেও সেটা প্রকাশ করল না, ‘তা তো বটেই। আমার ছেলেদের আমি সবরকম ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। ওদের মৃত্যুভয় নেই, নিজের ধর্ম রক্ষার জন্য ওরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে’।
রফিক বলল, ‘সেটা আমার থেকে ভালো আর কে জানে জনাব? আপনারা আছেন বলেই পাকিস্তান বেঁচে আছে। ওই যে মানবাধিকার কর্মী রুহান খান না কী নাম, আপনার প্রপার্টির নামে সুপ্রিম কোর্টে কেস করেছে, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওটা আমি দেখে নেব। আপনার নতুন রিক্রুটমেন্ট কেমন চলছে?’
আল মাসুদ বলল, ‘মাশাল্লাহ, খুব ভালো চলছে। আপনার সঙ্গে সি আই এ-র মিটিং কেমন হল?’
রফিক থতমত খেয়েও চটপট সামলে নিল, ‘তেমন গুরুত্বপূর্ণ কিছু না। বালোচ বিদ্রোহ দমন করতে হয়তো আমরা ওদের সাহায্য নিতে পারি। আপনি তো জানেন বালোচিস্তানে আমাদের ঠিক কী অবস্থা হয়ে আছে। অত বড় এলাকা! পাকিস্তান আর্মির একার পক্ষে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে’।
আল মাসুদ কড়া গলায় বলল, ‘পাকিস্তানের সি আই একে দরকার আছে? এর থেকে পাকিস্তানের নেতাদের মরে যাওয়া উচিত। আমরা কী করতে আছি? এতগুলো সংগঠন আছে, এত এত ছেলে তৈরি করা হচ্ছে, তারা পাকিস্তানের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়ে আছে, আর আপনারা পড়ে আছেন সি আই এ-কে নিয়ে। আমেরিকার নজর চিরকাল পাকিস্তানের উপরে আছে। আফগানিস্তানে ওদের মুখ পুড়েছিল। পাকিস্তান নিয়ে ওরা কোনও ঝুঁকি নেবে না’।
রফিক হাসল, ‘না জনাব। আপনি বেকার ভয় পাচ্ছেন। আমি যতদিন আছি, কোনও আমেরিকান আমাদের দেশের ভিতর ঢুকতে পারবে না। তবে আপনি জানেন, আমরা ওদের থেকে অনেক অস্ত্র কিনি, ওদের নিজেদেরও গরজ আছে’।
আল মাসুদ বলল, ‘ঠিক আছে। আপনারা উঁচু পদে আছেন। আপনারা দেখবেন এ দেশে যেন আমেরিকান পাপেরা না আসে। ওরা বন্ধু সেজে আসে, যাওয়ার সময় গোটা দেশের সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যাবে। আমরা কোনওভাবেই আমেরিকার সাজানো ঘুঁটি হব না’।
রফিক বিনয়ী কণ্ঠে বলল, ‘আমারও তাই বক্তব্য। আমরা আমেরিকানদের মাথায় তুলব না, কিছুতেই তুলব না। খোদা হাফেজ’।
ফোন কাটতে পেরে রফিক যেন বাঁচল।
আল মাসুদ ফোনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তার প্রাসাদপ্রতিম বাড়ির দিকে রওনা হল। মাথা গরম হয়ে আছে। এখন স্নান করবে সে। বাড়ির সঙ্গে লাগোয়া স্কুলবাড়ি। এখানে আল মাসুদের পছন্দের বিষয় পড়ানো হয়। মহসিন ক্লাসরুমে কয়েকটা বাচ্চাকে পড়াচ্ছিল। আল মাসুদ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ানো দেখে আবার রওনা দিল।
রফিক কি ভরসা করার মতো? কেন জানে না, আজকাল তার আর রফিককে সহ্য হয় না।
সাত আট বছরের কতগুলো ছেলে মাঠের চারপাশে দৌড়চ্ছে। আল মাসুদ আবার দাঁড়িয়ে তাদের দেখতে শুরু করল। আজ অনেক কাজ হয়ে গেল। রাতে আমিনপুর বাজার থেকে কাউকে আনার ব্যবস্থা করতে হবে…।
.
‘পাকিস্তানের ভেতরে অমানবিক কাজকর্ম চলছে জনাব। এখানে পাকিস্তানের আম নাগরিকদের নিরাপত্তা, কিছু মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আমি বিসমিল্লাপুরের প্রপার্টি নিয়ে যে পিটিশন দাখিল করেছি, আপনি দেখুন, কীভাবে আল মাসুদের মতো আন্তর্জাতিক অপরাধী সে জমি দখল করে চলেছে দিনের পর দিন। আমাদের প্রশাসনকে বার বার লিখিত অভিযোগ জানিয়েও কিছু লাভ হয়নি। আমি পাকিস্তানের উন্নতি দেখতে চাই। আমার কেসটা গ্রহণ করার আবেদন জানাচ্ছি মি লর্ড’।
রুহান খান মন খারাপ করে সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন। কোর্ট তার আবেদন গ্রহণ করেনি। আবেদনের পদ্ধতিতে ভুল আছে বলে জানিয়েছে।
তাঁর বয়স কম। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে দেশে ফিরেছেন মাস ছয়েক হল। বেশ কয়েকটা কাগজে দেশ কীভাবে উন্নতির পথে যাবে, তা নিয়ে দীর্ঘ আর্টিকেল পাঠিয়েছিলেন। প্রথম দিকে কিছুই ছাপা হতো না। গত মাসে কী করে যেন একটা আর্টিকেল প্রকাশ পেয়ে গেছে। তারপর থেকে রুহান বেশ কয়েকটা হুমকি ফোন পেয়েছেন। মাঝে মাঝেই তার মনে হয়, দেশ ছেড়ে আবার আমেরিকায় চলে যাবেন। পরক্ষণেই দেশের দুর্দশা দেখে মনে হয় লড়াইটা এখনই ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে।
ইত্তেফাকের সাংবাদিক রুবিনা রুহানের জন্য অপেক্ষা করছিলেন। তাকে কোর্ট থেকে বেরোতে দেখেই এগিয়ে এলেন, ‘কিছু লাভ হল না, তাই না?’
রুহান হাসলেন, ‘নাহ্। আমার নাকি পিটিশন ফাইলিং ঠিক করে হয়নি। আরও কী সব টেকনিকাল কারণ দেখিয়ে দিল। এখানে কি সবাই এত আইন কানুন মেনে কেস করে নাকি?’
রুবিনা বললেন, ‘না। তবে আপনার কেসটা যে নেওয়া হবে না এদেশে, তা জানতে জ্যোতিষী হবার দরকার ছিল না। আমি আপনাকে আগেই বলেছিলাম’।
রুহান ম্লান হাসলেন, ‘আপনারাই ভরসা এখন। কাগজে লিখবেন, দেশটা জঙ্গিদের দখলে চলে যাচ্ছে’।
রুবিনা বললেন, ‘আমি লিখব, ছাপবে না। দেশের বেশিরভাগ মানুষ জঙ্গিদেরই সমর্থন করে। এখানে আপনি বিশেষ সুবিধা করতে পারবেন না’।
রুহান উত্তেজিত হয়ে গেলেন, ‘আপনি বুঝতে পারছেন না কী ভয়াবহ অবস্থায় চলে গেছে পাকিস্তান। রাস্তা থেকে শিশুদের তুলে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। জিহাদের পাঠ পড়ানো হচ্ছে। কীসের জিহাদ? কোন জিহাদ শিখিয়েছে মানুষকে পশু হতে হবে? ভাবতে পারছেন? আমি রাতে ঘুমোতে পারি না। এইভাবে দিনের পর দিন একটা দেশকে শেষ করে দিল এরা। কোনও দেশ এভাবে ধর্মের অন্ধকারে থেকে উন্নতি করতে পারে না। প্রতিবেশী দেশকেই দেখুন। ওরা কত এগিয়ে আছে’।
রুবিনা বললেন, ‘প্রতিবেশী দেশেও ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে রুহান’।
রুহান বললেন, ‘হোক। কিন্তু সেখানে এই অবস্থা না। আমরা ওদের দেখব কেন? নিজেদের জন্য কিছুই করব না?’
রুবিনা বললেন, ‘ঠিক আছে। আপনি খুব উত্তেজিত হয়ে গেছেন। মাথা ঠান্ডা করুন। চলুন কোনও কাফেতে বসে কফি খাওয়া যাক। আর আপনি যেটা ভেবেছিলেন, সেটাই করুন। ফিরে যান ও দেশে। দরকার নেই এখানে থাকার। উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল’।
রুহান থমকে দাঁড়ালেন। চোখ জলে ভরে এসেছে তার। রুবিনা ফিসফিস করে বললেন, ‘ইউ পুওর ইমোশনাল বাস্টার্ড। এ দেশে থেকো না। এই দেশ তোমার জন্য না’।
ফুটপাথে একটা বাচ্চা জুতো পালিশ করছে। রুহান তাকে দেখামাত্র বললেন, ‘এই দেখুন। এই আমাদের দেশ। ঝকঝকে রাস্তাঘাটের আড়ালে মানুষের জীবন বলে কিছু আছে? দেখি’।
এগিয়ে গেলেন রুহান। বাচ্চাটার সঙ্গে কথা বলতে শুরু করেছেন। রুবিনা ফোন বের করে রুহানের ছবি তুলছেন। এডিটর আজ না হোক, একদিন ঠিক রুহানের খবর করবেন। পাকিস্তানে ভিন্নমত প্রকাশ হবেই। তারা স্বপ্ন না দেখলে, আর কে দেখবে?
তিনটে ছবি তুলেছিলেন রুবিনা। ক্লোজ আপ তোলার জন্য এগোচ্ছেন, হঠাৎ প্রবল জোরে বিস্ফোরণ হল। রুবিনা মাটিতে ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান যখন ফিরল, তখন অ্যাম্বুলেন্সের শব্দ, মানুষের হাহাকার আর পায়ে তীব্র ব্যথার মধ্যে চোখ খুলে যতটুকু দেখতে পেলেন, তাতে বুঝলেন দেশটাকে পালটানোর কথা ভাবতে থাকা পাগলটার দেহ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে…
১৮
করাচি একটা অদ্ভুত শহর। একদিকে সংস্কার হওয়া নতুন করাচির ঝকঝকে রাস্তাঘাট, অন্যদিকে ক্রমশ হারিয়ে যাওয়া একটা শহরের ইতিহাস। একদিকে জমজমাট অলিগলি, অন্যদিকে যে-কোনও সময়ে সন্ত্রাসের আশঙ্কা।
হিলাল পার্কে দুপুর থেকে এসে বসে আছে সে। ঘণ্টা দুয়েক আগে পাকিস্তানে ঢুকেছে। কয়েকদিন দুবাইতে ছিল তার পাকিস্তানি বন্ধু সিরাজের ফ্ল্যাটে। সিরাজ দুবাইতে বহুদিন ধরে কাজ করে। সিরাজ তথাগতকে আজম নামে চেনে, যে লাহোরে থাকে। সিরাজের বাড়ি করাচি।
তথাগত সিরাজকে বলেছিল, তার বোনের বরের ব্যাপারে খবর নিতে করাচি যেতে হবে। সিরাজ তার করাচির ফ্ল্যাটেই তথাগতকে থাকার ব্যবস্থা করে দিয়েছে।
তথাগতর মাঝে মাঝে খারাপ লাগে। লোকের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের ব্যবহার করতে অস্বস্তি হয়। কিন্তু কিছু করার নেই। তার কাজটাই এমন। শত্রুকে বন্ধু বানিয়ে তাকে ব্যবহার করে নেওয়াটাই তার কাজ।
পার্কে বসে সে রোদের দিকে তাকিয়েছিল। এখানকার রোদ আর গোয়ার সেই বিচের রোদ একই রকম। এখানে আরেকটু বেশি রোদ লাগছে।
বিকেল হচ্ছে। বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা পার্কে ঢুকছে। তথাগত পকেট থেকে সিগারেট বের করে ধরাল। সিগারেটে সময় কাটে কিছুটা।
‘জনাব, এখানে স্মোক না করলেই ভালো হয়। বাচ্চারা আছে। এটা ওদের জন্য খারাপ দৃষ্টান্ত হতে পারে’।
একজন মহিলার কণ্ঠস্বর। ভদ্রমহিলা হিজাব পরে আছেন। তাকে উদ্দেশ করেই কথাটা বলা হয়েছে।
তথাগত সিগারেটটা পায়ের তলায় ফেলে দিয়ে বলল, ‘দুঃখিত ম্যাডাম। ধন্যবাদ সতর্ক করে দেবার জন্য’।
মহিলা বললেন, ‘ইন্ডিয়ান ব্র্যান্ড নিয়ে পাকিস্তানে ঢুকেছেন! আপনার সাহস তো কম না?’
তথাগত বলল, ‘গুস্তাখি মাফ ম্যাডাম। আর হবে না’।
‘চিফের কোনও আপডেট আছে? আমি এখানে থাকতে পারছি না। এ জায়গাটা ঢাকার থেকেও খারাপ’।
‘আপাতত একটা কথা বলে বিদায় নেব। আপডেট যা থাকবে, ঠিক সময়ে পেয়ে যাবেন’।
‘বলুন’।
‘উড়ান সেভেন নাইন টু। নোটবুক আমি এখানেই রেখে গেলাম, আপনি পরে নিয়ে নেবেন’।
সামনের নারীমূর্তি একটু কেঁপে উঠল। তথাগত বলল, ‘আপনি এবার যান। আর ঝুঁকি নেওয়া যাবে না’।
‘জি। চিফ সাহেবকে জানাবেন আমার কথা’।
‘জানাব’।
ভদ্রমহিলা ধীরপায়ে পার্ক থেকে বেরিয়ে গেলেন। আরও কিছুক্ষণ বসে রইল তথাগত। সন্ধে নামছে।
সে যখন বেরিয়েছে, রাস্তার আলো জ্বলে উঠেছে। পার্কের বাইরে থেকে অটো নিয়ে সিরাজের ফ্ল্যাটে ঢুকল। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা আটকেছিল। সে সিরাজকে ফোন করল। সিরাজ নিরাপত্তারক্ষীকে জানিয়ে দিল আজম তার বন্ধু। আর আটকায়নি। এই কমপ্লেক্সে ঢুকলে মনে হয় না, এত ঘিঞ্জি আর নোংরা কোনও শহর।
ঝকঝকে আলো, লিফট, সুইমিং পুল, সব আছে। এখানকার বাসিন্দারা বড় বড় বিদেশি ইমপোর্টেড গাড়ি চালায়। এদের দেখলে বোঝা যায় না পাকিস্তানে এত গরিবি আছে।
ফ্ল্যাটে ঢুকে এসি চালিয়ে সে খাটে শুয়ে রইল কিছুক্ষণ। করাচির এজেন্ট অ্যাক্টিভেট হয়েছে। তার আজকে রাতেই করাচি ছাড়া উচিত।
কিন্তু ইচ্ছে করছে না। ক্লান্ত লাগছে। করাচির মতো শহরে পরিচয় গোপন করে একজন মহিলার থাকার মতো কঠিন ব্যাপার আর কী হতে পারে?
মেয়েটা থাকছে। অস্বস্তিও হচ্ছে ওর জন্য। হওয়া উচিত না। তাদের আবেগ বর্জিত হতে হয়। সে হতে পারছে না। ইদানীং এই সমস্যা হয়েছে। আগে যেসব ব্যাপার নিয়ে ভাবত না, ভাবার প্রয়োজন আছে বলেই মনে হতো না, আজকাল সে সব ভাবনা মাথায় আসছে। এখন শুধু মনে হচ্ছে, মেয়েটাকে কেউ যদি আজকেই মেরে ফেলে, তাহলে কী হবে?
টিভি চালাল তথাগত। বসে বসে কিছুক্ষণ টিভি দেখল। সিরাজ ঘর গোছাতে ভালোবাসে। দুবাইয়ের ফ্ল্যাটেও বিভিন্ন স্মারক দিয়ে ঘর সাজিয়েছে। এই ফ্ল্যাটে অত কিছু নেই। সিরাজের বাবা মা দু’জনেই মারা গেছেন। সিরাজ নিজেই বলে সে ‘এতিম’ বা অনাথ।
সিরাজ ভালো ছেলে। বন্ধুবৎসল।
তথাগত ভারতীয় জানলে কী করবে? এত বন্ধুবৎসল থাকবে? কে জানে!
দুই দেশের নাগরিকদের মনে পরস্পরের প্রতি এখন ঘেন্না ছাড়া আর কিছু নেই। তথাগত টিভি বন্ধ করে তৈরি হতে শুরু করল। লাহোরের ট্রেন ধরতে হবে। আর দেরি করে লাভ নেই।
.
স্টেশন চত্বরে স্থানীয় পুলিশ ভিড় করে রেখেছে। কড়া চেকিং করে স্টেশনে ঢুকতে দিচ্ছে। প্রায় ছ’ফুট দুই ইঞ্চি লম্বা একজন পুলিশ তাকে আটকাল, ‘এত তাড়া কীসের জনাব? আই কার্ড দেখান, টিকেট দেখান, ব্যাগটা ওখানে চেকিং-এ দিন’।
তথাগত হাসিমুখে আই কার্ড এগিয়ে দিয়ে বলল, ‘আমার দেশ তার নিরাপত্তার ব্যাপারে এত চিন্তিত দেখে খুবই ভালো লাগছে জনাব। অবশ্যই আমি চেকিং-এ সহায়তা করব। কোনও সমস্যা আছে কি?’
‘তা আছে। উপর থেকে অর্ডার আছে। এসি বিজনেস ক্লাসের টিকিট। অনেক দাম টিকিটের। আরামে যাবেন। আপনি কি ব্যবসায়ী?’
‘না জনাব। দুবাইয়ে চাকরি করি। বোনের বিয়ের ব্যাপারে করাচি এসেছিলাম। এখন লাহোর যাব। দেশ উন্নতি করছে দেখে খুবই নিরাপদ বোধ করছি’।
পুলিশ হাই তুলে বলল, ‘যান, ট্রেনে উঠুন। উন্নতি করছে না ছাই। বাইরে আছেন বলে বেঁচে গেছেন। দেশে থাকলে বুঝতেন কেমন উন্নতি করছে’।
ট্রেন প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। সাড়ে ন’টায় ছাড়বে। তথাগত ধীর পায়ে ট্রেনে উঠল।
দু’জনের ক্যুপ। তার সঙ্গে যে যাবে, সে এখনও আসেনি। বিজনেস এসি ক্লাসে টিভিও আছে।
ট্রেন ছাড়তেই ডিনারে বিরিয়ানি দিল। তথাগত খেয়ে মুখ হাত ধুয়ে শুয়ে পড়ল। সাড়ে এগারোটা নাগাদ ট্রেন হায়দ্রাবাদ স্টেশনে দাঁড়াল। তথাগত জানলার পর্দা সরিয়ে দেখল, স্টেশন প্রায় ফাঁকা। সে ক্যুপের দরজায় ছিটকিনি দিয়ে শুয়েছিল। দরজায় নক হতে উঠে দরজা খুলে দেখল তারই বয়েসি এক যুবক দাঁড়িয়ে আছে। হাসি মুখে তাকে সালাম দিয়ে বলল, ‘আপারটা আমার’।
তথাগতও প্রত্যুত্তরে সালাম জানিয়ে দরজা থেকে সরে দাঁড়াল।
ছেলেটা ভালো বকবক করতে পারে। বিছানা করতে করতে বকতে শুরু করল, ‘আর বলবেন না জনাব, দেশের অবস্থা খুব খারাপ। আমি আমার ফুপার সঙ্গে দেখা করতে এসেছিলাম হায়দ্রাবাদে। ফুপা বার বার করে বলেছিল বাবা জাহাঙ্গীর, তুই কারাকোরাম এক্সপ্রেসে যা, আরামে পৌঁছতে পারবি, কিন্তু আমি তখন শুনিনি। আমি সব কিছুতেই অতিরিক্ত বুঝি। এই জন্য আমার ভাইয়েরা সব আমেরিকায় সেটল হয়ে গেছে, আর আমি এখনও লাহোরে পচে মরছি। মনে হল বাজারে ঘুরে নিই, রাতের ট্রেনে ফিরব। ব্যস, হয়ে গেল। স্টেশনে আসার পথে আরেকটু হলেই ছিনতাই হয়ে যাচ্ছিল মিয়াঁ। স্টেশনের বাইরে তিনজন মুখে মাস্ক পরে দাঁড়িয়েছিল। আমি গাড়ি থেকে নেমেই বুঝেছি। পুলিশের দিকে দৌড়ে গেছিলাম ভাগ্যিস, নইলে আজ আমার খবর হয়ে যেত!’
তথাগত একটু বিস্মিত হবার ভান করে বলল, ‘হায়দ্রাবাদে ছিনতাই শুরু হয়েছে?’
জাহাঙ্গীর বলল, ‘শুরু হয়েছে মানে? চিরকাল ছিল। আমার নসিব ভালো ছিল যে এখন সব স্টেশনে পুলিশি পাহারা শুরু হয়েছে। নইলে আজকেই আমার যা হবার হয়ে যেত। আমার খুদা বাঁচিয়েছে আমায়’।
তথাগত বলল, ‘ঠিকই। খুব চিন্তার ব্যাপার এটা। এই জন্যই দেশে আর কেউ থাকতে চাইছে না’।
জাহাঙ্গীর বলল, ‘দেশের নেতারাই দেশে থাকতে চাইছে না, আমাদের কথা তো ছেড়েই দিলাম। তবু লাহোরের শান্তি শৃঙ্খলা আগের থেকে ভালো হয়েছে… যদি না আবার দেশের শাসক পালটায়! তাহলে তো গেল’।
তথাগত বলল, ‘শাসক পালটায় মানে? আবার আর্মি থেকে নড়াচড়া শুরু হয়েছে নাকি?’
জাহাঙ্গীর বলল, ‘কেন জনাব? তুমি কি কিছুই জানো না?’
তথাগত সেই একই কথা বলল, ‘আমি দুবাইতে থাকি। এখানে বোনের বিয়ের জন্য এসেছি’।
জাহাঙ্গীরের মুখটা ছোট হয়ে গেল, ‘এই জন্যই, তোমারও নসিব ভালো মিয়াঁ। আমরাই এখানে গরু গাধার মতো পড়ে আছি। আমিও এবার চলে যাব। আর এ দেশে থাকব না’।
তথাগত বলল, ‘তা ঠিকই। আচ্ছা ওই শাসক পালটানোর কথাটা কী বলছিলে মিয়াঁ?’
জাহাঙ্গীর বলল, ‘কথা আবার কী? জেনারেল এখন অনেক শক্তিশালী। যেকোনও সময় সরকার ফেলে দেবে। পি এমের কোনও পারসোনালিটিই নেই। টিভিতে দেখো না?’
তথাগত মেনে নিল, ‘তা ঠিক। পি এমের কোনও পারসোনালিটি নেই’।
কথা বলতে বলতে জাহাঙ্গীর ঘুমিয়ে পড়ে নাক ডাকতে শুরু করে দিল।
তথাগত দরজার ছিটকিনি দিয়ে দিল আবার। পাকিস্তানে কাউকে বিশ্বাস করা যায় না। ছিনতাইকারীরা এসি কামরাতেই বেশি হানা দেয়…
১৯
পাক প্রধানমন্ত্রী শাহবাজ আলম পার্লামেন্ট থেকে বেরোতেই একটার পর একটা প্রশ্ন আসা শুরু হল, ‘স্যার রুহান খানকে যেভাবে হত্যা করা হল, আপনার কি মনে হয় সেটা বাইরের বিশ্বের কাছে পাকিস্তানের প্রকৃত ছবি তুলে ধরল?’
‘স্যার, আপনি কি অস্বীকার করতে পারেন পাকিস্তানে দিনের পর দিন জঙ্গিঘাঁটির সংখ্যা বেড়ে যাচ্ছে?’
শাহবাজ আলম বিরক্তমুখে বললেন, ‘আমাকে বলতে দিন। আপনারাই বলে গেলে আমি কী করে কথা বলব?’
শাহবাজ বললেন, ‘দেখুন, রুহান খানের অভিযোগ সম্পর্কে আমরা অনেক আগে থেকেই তদন্ত করা শুরু করেছি। রুহান একজন মেধাবী ছাত্র ছিলেন, আমি ওর ইন্তেকালের খবর শুনে স্তম্ভিত হয়ে গেছি। আমরা যথাযথ তদন্তের মাধ্যমে ওর খুনিদের শাস্তি দেব’।
শাহবাজ গাড়িতে উঠে পড়লেন।
চিফ এবং তুষার খবরটা দেখছিলেন। চিফ বললেন, ‘অ্যাজ এক্সপেক্টেড। আল মাসুদের থেকে আর কী আশা করা যায়’।
তুষার বললেন, ‘আল মাসুদ সি আই এর লিস্টেও ছিল তো। পাকিস্তান আবার সি আই একে সামলে নিয়েছে তবে?’
চিফ হাসলেন, ‘আল মাসুদ কার তৈরি তুষার? কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করতে কারা আল মাসুদকে তৈরি করেছিল?’
তুষার বললেন, ‘অল ইজ ফেয়ার ইন ওয়্যার আমরাই বলি। কী আর করা যাবে?’
চিফ বললেন, ‘হ্যাঁ, এবার যাদের পোষ্য করেছিলে, তারাই লাদেন হয়ে তোমার এগেইন্সটে যুদ্ধ ঘোষণা করবে একদিন। মিডল ইস্ট অশান্ত করে আমেরিকা ভেবেছিল, তাদের গায়ে কোনও আঁচ লাগবে না। একদিন ঠিক শিক্ষা হয়। আই এস আই আল মাসুদকে পুষছে। আসগর আলিকে পুষছে। ওদের কবে শিক্ষা হয়, তার জন্য আমাদের বসে থাকলে চলবে না। উই হ্যাভ টু অ্যাক্ট’।
তুষার মাথা নাড়লেন, ‘নিঃসন্দেহে। আল মাসুদ আমাদের জন্য খুব বড় একটা থ্রেট। কাল পুঞ্চে দুটো বাচ্চা ছেলেকে আটক করা হয়েছে। বয়েস খুব বেশি হলে পনেরো ষোলো হবে। ওরা ফয়সলাবাদে ছিল। দু’জনেই অনাথ। আল মাসুদ ওকে ওখানে খাইয়ে পরিয়ে বড় করেছে, তারপর এ দেশে নাশকতা করতে পাঠিয়ে দিয়েছে। কাসভের বয়েস কত ছিল? এদের কাছে কাসভ নেতাজী সুভাষচন্দ্র বোস, ভগত সিংয়ের মতো নেতা। ওদের বিন্দুমাত্র লজ্জা নেই। চোখদুটো পাথরের হয়ে গেছে। আবেগ নেই, শুধু মকসদ আছে। রায়ের একটা সিনেমা আছে—হীরক রাজার দেশে। মগজ ধোলাই করার একটা যন্ত্রের কথা বলে গেছেন রায়। এরা যেন সেই মগজ ধোলাই যন্ত্র থেকে উঠে এসেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ওদের সঙ্গে লড়াই করতে হলে সহানুভূতি, মানবতা শব্দগুলো আমাদের ভুলে যেতে হবে। আমাদের কিছু করার নেই’।
চিফ ভেঙ্কটকে ফোন করে ডাকলেন। ভেঙ্কট চেম্বারে প্রবেশ করলে বললেন, ‘বিসমিল্লাপুরে মাসুদের সাম্রাজ্যের স্লাইডটা দাও তো’।
ভেঙ্কট প্রোজেক্টর অন করে বিসমিল্লাপুরে আল মাসুদের ডেরার স্যাটেলাইট ইমেজ স্ক্রিনে ডিসপ্লে করলেন।
চিফ বললেন, ‘ঠিক আছে ভেঙ্কট, তুমি যেতে পার’।
ভেঙ্কট বেরিয়ে গেলে চিফ বললেন, ‘দেখো, তুমি যদি এর এলাকায় ঢুকে একে মারতে চাও, তা এক প্রকার অসম্ভব। এত বড় ঘেরা এলাকার ঠিক মাঝখানে আল মাসুদের ডেরা। ভৌগোলিক অবস্থান মাসুদের ফেবারে যাচ্ছে। প্রাচীরের ভেতরে এক কিলোমিটার পরে ওই বাচ্চাদের ক্যাম্পগুলো শুরু হচ্ছে। আর তারপর ওর নিজস্ব সিকিউরিটি। একবারে নিশ্ছিদ্র ব্যবস্থা বলা যেতে পারে’।
তুষার বললেন, ‘বাদ দাও। আল মাসুদ আল মাসুদ করে মাথাটা খারাপ হয়ে গেছে আমার। কফি করতে বলো। কফি খাই। দুপুরে ঘুমাব। ঘুম থেকে উঠে আবার কফি খাব। তারপর দেখছি, কী করা যায়’।
চিফ প্রোজেক্টর অফ করে বললেন, ‘ঠিক। আমি তোমার সঙ্গে একমত। আর ভাবব না। যখন যা মাথায় আসবে, একে অপরকে মেসেজ করব। তবে এখন না। ঘুম থেকে উঠে। দাঁড়াও, ভালো ফিল্টার কফি খাওয়াব তোমাকে’।
তুষার বললেন, ‘হ্যাঁ। চলো খেলা দেখি। মাথাটা অন্যদিকে ঘোরানোর ব্যবস্থা করতে হবে। কোহলি লাস্ট ম্যাচে কত করল যেন?’
