১৩৫
সন্ধে নেমেছে।
শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বেলেছেন পারভেজ। আগুন ঘিরে বসে আছেন চারজন। পারভেজের স্ত্রী রান্না বসিয়েছেন। দুপুরে বেশ ভারী খাওয়া-দাওয়া হয়েছে। ঘুমিয়েও নিয়েছে সবাই একচোট। সন্ধে নামতেই পারভেজের স্ত্রী আবার রান্না বসিয়েছেন। ফরিদ বলেছিলেন রাতে অত ঝামেলা না করতে, ভদ্রমহিলা কর্ণপাত করেননি।
শান্ত প্রকৃতি। কোথাও কোনও শব্দ নেই।
পারভেজ বললেন, ‘বহাওয়ালপুরে যখন থাকতাম, ফরিদভাই খুব সুন্দর বাঁশি বাজাতেন। এখন বাজান?’
ফরিদ দুঃখের সঙ্গে মাথা নাড়লেন, ‘নাহ। আমার দমের ঘাটতি হয় আজকাল। ওসব কবে বন্ধ হয়ে গেছে। তুমি বরং একটা গান ধর পারভেজ। গান শোনা যাক’।
পারভেজ একটা স্থানীয় লোকগীতি গাইলেন। ফরিদ মুগ্ধ কণ্ঠে বললেন, ‘বাঃ! পরিবেশটাই বদলে গেল। জীবনের এত সমস্যা, সব মিথ্যে মনে হয়’।
ঘরের ভেতর থেকে ফোনের রিংটোন ভেসে এল।
পারভেজ উঠে দাঁড়িয়ে বললেন, ‘দাঁড়ান, আমি একটু আসছি’।
ঘরের ভেতরে চলে গেলেন পারভেজ।
ফরিদ নিচু গলায় বললেন, ‘আজ রাতেই গাড়ি আসবে। খেয়ে উঠে বেরিয়ে যাব আমরা। মরুভূমির ভেতর থেকে বর্ডার পার করিয়ে দেবে তোমাদের’।
নুসরত বলল, ‘আপনি যাবেন না?’
ফরিদ মাথা নাড়লেন, ‘নাহ। আমি আর যাব না। আমার ভিড়ে মিশে যাওয়া অভ্যাস আছে’।
পারভেজের ঘরের ভেতর থেকে এসে বসলেন। বললেন, ‘বহাওয়ালপুরে তো অনেক ঝামেলা হয়েছে কাল। আমি কিছুই জানতাম না’।
ফরিদ মাথা নাড়লেন, ‘তাই নাকি? আমরা অবশ্য ভোরবেলা এসেছি। আমরাও তো তেমন কিছু শুনলাম না পথে! তবে হ্যাঁ, পুলিশ চেকিং হয়েছিল। এই অবধিই’।
পারভেজ বসে বললেন, ‘জি, খুব ঝামেলা হয়েছে। দৌলতভাইকে কারা যেন মেরে দিয়েছে। আবার আর্মির লোকেদেরও মেরেছে’।
তিনজনেই অবাক হবার ভান করলেন।
হঠাৎ তাদের চমকে দিয়ে পারভেজ একটা রিভলভার বের করে ফরিদের দিকে তাক করলেন, ‘আমি ভাবতে পারছি না ফরিদভাই, আপনি একজন গদ্দার! আপনার সঙ্গে আমি এতদিন থাকলাম, আর শেষে আপনি কিনা… আপনি কী ভেবেছিলেন, আমি কিছুই বুঝব না? আমার কাছে খবর এসে গেছে। এই দু’জনের ছবিও আমার কাছে এসে গেছে। ওরা আসছে। চলুন, ঘরের মধ্যে চলুন’।
ফরিদ হতভম্ব কণ্ঠে বললেন, ‘কী আজেবাজে কথা বলছ পারভেজ? আমি গদ্দার হতে যাব কেন?’
পারভেজ পকেট থেকে তার ফোন বের করে ফরিদের দিকে এগিয়ে দিলেন, ‘দেখুন, আপনাদের ভিডিও, আর্মিকে গুলি করছেন আপনি। দেখুন দেখুন! কী ভেবেছিলেন, আমার কাছে কোনও খবর আসে না? আমি আজীবন ইউসুফ আজহারের নুন খেয়েছি, আর আপনি আমাকে দিয়ে এত বড় পাপ কাজ করাচ্ছিলেন, ছি-ছি!’
মিজান একটুও অপেক্ষা না করে পারভেজের উপর ঝাঁপিয়ে পড়ল। পারভেজ কিছু বুঝে ওঠার আগেই মিজান পারভেজের হাত থেকে রিভলভারটা নিয়ে পারভেজের মাথায় পর পর দুটো গুলি করল। পারভেজ ওখানেই পড়ে গেলেন।
পারভেজের স্ত্রী আর্তনাদ করে ছুটে এলেন। ফরিদ মাথায় হাত দিয়ে মিজানকে বললেন, ‘এ কী করলে তুমি?’
নুসরত হতবুদ্ধি হয়ে পারভেজের স্ত্রীকে সামলাতে যাচ্ছিল। মিজান তার সর্বশক্তি দিয়ে পারভেজের স্ত্রীকে হাত ধরে টেনে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, ‘চলুন, এখনই চলুন’।
ফরিদ বললেন, ‘কিন্তু…’
মিজান ফরিদের হাত ধরে টেনে বলল, ‘চলুন’।
তিনজনেই দৌড়ল। গাছতলায় গাড়িতে বসে ফরিদ গাড়ি স্টার্ট দিতে গিয়ে ফরিদের পা কাঁপতে শুরু করল।
মিজান বলল, ‘আপনি সরুন। আমি চালাচ্ছি’।
ফরিদকে সরিয়ে ড্রাইভিং সিটে বসল মিজান।
ফরিদ কেঁদে ফেলে বললেন, ‘কী হয়ে গেল, কী ভয়ংকর একটা কাণ্ড হয়ে গেল!’
ভাঙা রাস্তায় যতটা সম্ভব জোরে গাড়ি চালাচ্ছিল মিজান। বলল, ‘সমস্ত কিছু মাথা থেকে সরান, আমাদের হাতে কিচ্ছু নেই। শুধু বলুন গাড়ি কোথায় আসছে?’
ফরিদ তার ফোনটা নুসরতের দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘জিগ্যেস করো। আমার হাত পা কাঁপছে, আমি কিছু ভাবতেই পারছি না’।
নুসরত লাস্ট ডায়াল নাম্বারটাতে ফোন করল। ওপ্রান্ত ফোন ধরতেই নুসরত বলল, ‘গাড়ি কোথায়?’
‘অপেক্ষা করছে। গ্রামের রাস্তা যেখানে বড় রাস্তায় পড়ছে, সেই চৌমাথায় আসুন’।
ফোন কেটে দিল নুসরত, মিজানকে ক্লান্ত কণ্ঠে বলল, ‘চৌমাথায় চলো। ওখানেই গাড়ি অপেক্ষা করছে। পারভেজ বলেছিলেন কাদের খবর দিয়েছেন। আমরা পৌঁছনোর আগে ওরা এসে না পড়লেই হল’।
মিজান গাড়ির গতি আরও বাড়িয়ে দিল।
১৩৬
পেশোয়ার।
চারজনই মেঝেয় কার্পেটের উপর শুয়ে আছে। মোটা মোটা দুটো কম্বল দেওয়া হয়েছে। প্রবল ঠান্ডায় সেগুলোই গায়ে জড়িয়ে রেখেছে ওরা। রাণা গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করছে।
দরজায় নক হল। সায়ক উঠে দরজা খুলল।
বৃদ্ধ হাদি আহমেদ ঘরে ঢুকলেন। মেঝেতেই বসে বললেন, ‘আফগানিস্তান যাবার চারটে উইন্ডো পাওয়া গেছে। বর্ডারে অন্তত চারটে জায়গা আছে যেখান থেকে আফগানিস্তানে যাওয়া যেতে পারে, কোনওপক্ষই বিশেষ সেনা রাখে না। ১০% এরও কম ঝুঁকি আছে। ওপারে যদি যোগাযোগ করে রাখেন, তাহলে অত সমস্যাও হবে না’।
তথাগত বলল, ‘তোরখাম বর্ডার দিয়ে?’
হাদি ঘাড় নাড়লেন, ‘জি’।
সায়ক বলল, ‘তোরা চলে যা। হাদি বুড়ো এসব ব্যাপারে এক্সেলেন্ট লোক। এর আগে নুরকেও এই রাস্তা দিয়েই পার করিয়েছিল। কোনও সমস্যা হবে না’।
রাণা বলল, ‘তুমি?’
সায়ক বলল, ‘বীরেনকে একা ছেড়ে আমার যাওয়াটা ঠিক হবে না’।
তথাগত বলল, ‘সেটা তো ঠিক আছে। কিন্তু তোর সিদ্ধান্ত এতবার পাল্টাচ্ছে কেন? কী নিয়ে এত চিন্তা করছিস?’
সায়ক বলল, ‘ওরা ফতেগড় ব্রিজের ঠিকানা পেয়ে গেছে। এটাই আমাকে ভাবাচ্ছে। ইসলামাবাদে ওটাই আমাদের একমাত্র সেফ হাউজ ছিল। এখন অনেক গ্রাউন্ড ওয়ার্ক আছে’।
তথাগত বলল, ‘সেটা তুষার স্যার ভাববেন। আমি এখানে তোকে রাখার ঝুঁকি নিতে পারছি না। তোকে সবাই চিনে গেছে। ওরা তোকে একবার পেলে কী হতে পারে বুঝতে পারছিস?’
অমল বলল, ‘সেরকম হলে আমি থেকে যাব। তুই চলে যা’।
সায়ক দুঃখিত মুখে মাথা নাড়ল, ‘ভুল হয়ে গেল। আমাদের উচিত ছিল বীরেনকেও নিয়ে বেরিয়ে যাওয়া। ওকে একা রাখাটা ঠিক হল না’।
হাদি বললেন, ‘সাহেব, আপনাদের ভাষা আমি বুঝতে পারছি না। তবে আমার পরামর্শ হল আপনারা বেরিয়ে যান। এখানে থাকার দরকার নেই। পাকিস্তান সেনার চিন্তা আমার উপর ছেড়ে দিন। ওদের আমরা সামলে নেব। আপনি শুধু আফগানদের বলে দিন’।
সায়ক বলল, ‘ঠিক আছে। আমি কথা বলছি। আজ রাতেই বেরিয়ে যাব আমরা’।
হাদি বেরিয়ে গেলেন।
সায়ক বলল, ‘অন্তত ছ’মাস বীরেন বেরোতে পারবে না। চিন্তা হচ্ছে’।
অমল বলল, ‘দেখ সায়ক, রাওয়ালপিন্ডিতে আমি বেশ কয়েক বছর ছিলাম। রাওয়ালপিন্ডির অন্তত তিনটে নিরাপদ জায়গা আমি জানি। বীরেনের জন্য আমার থেকে যাওয়াটাই ঠিক হবে’।
রাণা বলল, ‘আমি থাকতে পারি না?’
অমল বলল, ‘না। স্যার ঠিক বুঝলে তখন দেখা যাবে’।
রাণা চুপ করে গেল।
সায়ক চিন্তিত মুখে পায়চারি করতে শুরু করল। তথাগত বলল, ‘আমার মনে হয় অমল ঠিক বলেছে। তোর এ দেশে থাকাটা কোনও দিক থেকেই ঠিক হবে না’।
অমল বলল, ‘আমি থাকব। বীরেনের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি’।
সায়ক অমলকে বলল, ‘কারও সঙ্গে কোনও যোগাযোগ করবি না এই সময়টা। পুরোটা সময় তোকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে কিন্তু’।
অমল বলল, ‘হ্যাঁ, আমি বুঝে নেব। তোরা বেরোনোর ব্যবস্থা কর। তুষার স্যারকে জানা’।
সায়ক তুষারকে ফোন করল। তুষার ধরতেই বলল, ‘স্যার প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে’।
তুষার বললেন, ‘বলো’।
সায়ক বলল, ‘অমল থাকবে। বীরেনকে একা রাখা ঠিক হবে না’।
তুষার থমকে গেলেন। একটু সময় নিয়ে বললেন, ‘বীরেনের একা থাকাটা কোনও সমস্যা হবে না। ও পারবে। তুমি বেরিয়ে যাও। অমলকে নিয়েই বেরিয়ে যাও’।
‘কিন্তু স্যার…’
‘কোনও কিন্তু না। এটা ফাইনাল অর্ডার। আজ রাতে বেরোনোর প্ল্যান আছে?’
‘হ্যাঁ স্যার’।
‘বেরিয়ে যাও। হাদি পকেটগুলো চেনে। খান কাবুল দেখে নিয়েছে। কাবুলে পৌঁছে গেলে আর চিন্তা নেই’।
‘ওকে স্যার’।
ফোন কেটে গেল।
অমল বলল, ‘কী হল?’
সায়ক বলল, ‘স্যার সবাইকে বেরিয়ে যেতে বললেন’।
তথাগত বলল, ‘সেটাই ঠিক হবে। বীরেনকে নিয়ে চিন্তা করিস না’।
সায়ক বলল, ‘হ্যাঁ। আর কোনও উপায় নেই এখন। ঠিক আছে। আর কিছু ভাবছি না। হাদি বুড়ো জিন্দাবাদ। বাকিটা সৈকতের কথা মতো, যা হবে হবে, কী আছে জীবনে, আম কাঠ পেছনে’।
সবাই হেসে উঠল…
১৩৭
সকাল এগারোটা।
সারারাত ফয়সলাবাদের বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে খুঁজে বেরিয়েছেন রিজভি। আমিনপুর বাজার গেছেন। বিসমিল্লাপুরেও গেছেন। কোথাও ওদের দেখা পাননি। একটা সময় মেসেজ করতে বাধ্য হলেন, ‘অ্যাসেট ননট্রেসেবল’।
‘জানি। আপনি ভাববেন না। ব্যাক টু নর্মাল লাইফ’।
‘মানে? আমি ওদের নিয়ে ভাবব না?’
‘ভাবার দরকার নেই। ওরা আপনার কাছে কোনওভাবেই আর আসবে না। ধরা পড়লে কেউ আপনার নাম বলবে না’।
‘উফ, আপনি বুঝতে পারছেন না, এটা আমার চিন্তার বিষয় না। ওরা যেন অদৃশ্য হয়ে গেল’।
‘আপনার না জানাই ভালো ডাক্তার রিজভি। এভাবেই কত মেয়ে বাতাসে অদৃশ্য হয়ে যায়। আপনাদের দেশে, আমাদের দেশে। মায়া বাড়াবেন না’।
‘আমার ওটাই সমস্যা। আমি একটা কমপ্লিট ফেইলিওর’।
‘না, আপনি একজন ভালো মানুষ। আপনি কোথাও খুঁজতে যাবেন না। স্বাভাবিক জীবনযাপনেই ফিরে যান’।
রিজভি উত্তর দিলেন না। ফোনটা রেখে কোয়ার্টারের দিকে রওনা দিলেন। এতক্ষণে মনে পড়ল আসার সময় দরজা বন্ধ করে আসেননি।
গাড়ির গতি বাড়ালেন। কোয়ার্টারের সামনে পৌঁছে থমকে গেলেন। তার কোয়ার্টারের সামনে একটা জিপ দাঁড়িয়ে আছে। রিজভি চলে গেলেন না। গাড়িটা রেখে ঘরে ঢুকলেন।
সোফার মধ্যে ভ্যাগাবন্ড ছেলেটা বসে টিভি দেখছে। তাকে দেখামাত্র বলে উঠল, ‘আসুন আসুন রিজভি সাহেব। চলে আসুন’।
রিজভি চমকাতে গিয়েও চমকালেন না। চেয়ার টেনে বসলেন, ‘বলুন কী বলবেন?’
ছেলেটা পকেট থেকে একটা আই কার্ড বের করে তার দিকে এগিয়ে দিল। আই কার্ডটা দেখে রিজভি বললেন, ‘বলুন আদিল সাহেব। কী জানতে চান’।
আদিল বলল, ‘সিগারেটের অভ্যাস আমাকে শেষ করে দিল রিজভি সাহেব। ঠিক যে সময়টা আপনি বাজার গেলেন, আমিও সিগারেট কিনতে গেলাম, ফিরে এসে দেখি পাখি ফুড়ুত’।
রিজভি চুপ করে রইলেন।
আদিল বলল, ‘আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ। পাকিস্তান আপনার জন্য গর্ব বোধ করে। দেশের সঙ্গে গদ্দারিটা কেন করলেন রিজভি সাহেব?’
রিজভি বললেন, ‘আপনি নিশ্চিত? পাকিস্তান আমার জন্য গর্বিত বোধ করে?’
আদিল বলল, ‘নিশ্চয়ই। পাকিস্তান আপনার মতো সন্তান পেয়ে গর্বিত ছিল। কেন গদ্দারি করতে হল আপনাকে?’
রিজভি বললেন, ‘মার্কেটে ফায়ারিং-এর পরে আল মাসুদ গ্রেফতার হল না কেন, বলতে পারেন?’
আদিল বলল, ‘আপনি জানেন আল মাসুদ দেশের জন্য কত কুরবানি দেন? ইন্ডিয়ার সঙ্গে আমাদের যুদ্ধটা কি শুধু বর্ডারে হয়? অত বড় শক্তিশালী একটা দেশের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের নিজেদের স্ট্র্যাটেজি নিতেই হতো। আল মাসুদ সেই সিস্টেমের অংশ’!
রিজভি বললেন, ‘যে শিশুটা জন্ম নেবার পর তার গায়ে জ্যাকেট পরিয়ে নিরীহ মানুষদের খুন করতে নিয়ে যাওয়া হয়, সেটা কোনও সুস্থ সিস্টেমের অংশ হতে পারে না। আল মাসুদ শুধু না, আপনারা প্রত্যেকে এই দেশটাকে প্রতিদিন শেষ করেছেন, যত দিন গেছে, পাকিস্তান বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে গেছে। এখন পাকিস্তানকে গোটা পৃথিবী একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে চেনে। আপনাদের এই সিস্টেমের আমি ধ্বংস চাই’।
আদিল পকেট থেকে রিভলভার বের করে বলল, ‘চলুন। আপনাকে আমাদের কাছে নিয়ে গিয়ে বোঝানোর সময় হয়ে এল। আপনার জন্য আমি একাই কাফি। চলুন, চলুন’।
রিজভি উঠে দাঁড়ালেন। বললেন, ‘আমার হারানোর কিছু নেই। আপনারা গোল্লায় গেছেন, তার সঙ্গে আমাকেও নিয়ে যাবেন আর কী! চলুন’।
রিজভি ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন। ড্রাইভিং সিটে আদিল বসল, ‘কোথাকার কোন দুটো মেয়ে, তাদের জন্য দেশের ক্ষতি করে কেউ? এল? কেউ আপনাকে বাঁচাতে এল…’ আদিলের কথা শেষ হল না, আদিল একটা শব্দ করে নেতিয়ে পড়ল।
রিজভি অবাক হয়ে দেখলেন একটু দূরেই রিভলভার হাতে জাহিদা দাঁড়িয়ে আছে। তাকে চিৎকার করে বলল, ‘চলে আসুন! তাড়াতাড়ি করুন! ওরা ফোর্স ডেকেছে কি না জানি না। হয়তো এখনই এসে পড়বে’।
রিজভি হতভম্ব হয়ে জাহিদার দিকে দৌড়লেন। জাহিদা বলল, ‘সামনের গাড়িটায় উঠুন। তাড়াতাড়ি’।
একটা পুরোনো মডেলের মারুতি এস্টিম। রিজভি কিছু না ভেবে গাড়িটায় উঠে বসে দেখলেন শরমিন ড্রাইভিং সিটে বসে রয়েছেন। তাকে দেখে বললেন, ‘আপনি জনাব দেবদাসকেও হার মানাবেন’।
গাড়ি স্টার্ট দিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলেন শরমিন।
১৩৮
ইরানের জাহেদান সীমান্তের কাছে একটা গ্রামের বাড়িতে জায়ানকে আটকে রাখা হয়েছে। মীরান দরজার বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করল।
‘জায়ান বালোচ। চিনতে পারছিস?’
মীরান ডাকল জায়ানকে। জায়ানকে মাটিতেই শুইয়ে রাখা হয়েছে। তার চোখ বন্ধ। মীরান জায়ানের মুখে জলের ছিটে দিল।
জায়ান চোখ খুলল।
মীরান বলল, ‘কী খবর দোস্ত? চিনতে পারছিস?’
জায়ান বলল, ‘ওহ। তুই! এত কিছু তুই করলি?’
মীরান বলল, ‘হ্যাঁ। আমি করলাম। তোকে দরকার আছে’।
জায়ান বলল, ‘আমি যতক্ষণ এই উর্দি পরে আছি, ততদিন দেশের সঙ্গে কোনওরকম গদ্দারি করব না। আমাকে এমন কোনও কথা বলবি না যেটা আমি শুনতে পারব না’।
মীরান বলল, ‘জানি। তুই খুব কঠিন এক অফিসার। তোর সামনেই পাক সেনারা তোর বোনদের তুলে নিয়ে যায়। তুই তাদের কিচ্ছু বলিস না। পারলে নিজের বোনকেও ওদের হাতে তুলে দিস, তুই এমনই অফিসার’।
জায়ান ভীষণ রেগে গেল, ‘মীরান! এত বড় সাহস তোর?’
মীরান তার হাতের মেশিনগানটা জায়ানের দিকে তাক করে বলল, ‘একদম গলা নামিয়ে কথা বল। তোর গরম শোনার জন্য তোকে এখানে তুলে আনা হয়নি। এখানেই মেরে রেখে দিয়ে যাব তোকে’।
জায়ান বলল, ‘তা মার না! তোকে কে বলেছে আমাকে বাঁচিয়ে রাখতে? কী ভেবেছিস, বেশিদিন পালিয়ে বাঁচতে পারবি? ঠিক একদিন তোকে ওরা মেরে ঝুলিয়ে দেবে। তখন বুঝতে পারবি’।
মীরান বলল, ‘গদ্দারদের মুখে এত কথা আমি শুনতে চাই না’।
জায়ান রেগে গিয়ে বলল, ‘আমি গদ্দার না, বার বার একটা কথা বলবি না। আমি পাকিস্তানের নাগরিক, আমি আমার দেশকে ভালোবাসি’।
মীরান বলল, ‘তোর সঙ্গে আমি পাকিস্তান আর বালোচিস্তান নিয়ে কোনও তর্ক করতে চাই না’।
জায়ান বলল, ‘তাহলে এখানে আটকে রেখেছিস কেন? নিশ্চয়ই কোনও ধান্দা আছে তোর! যেটা আছে, বলে ফ্যাল!’
মীরান ফিক ফিক করে হাসতে লাগল।
জায়ান বলল, ‘কী হল?’
মীরান বলল, ‘তোকে আমি এখানেই আটকে রাখব। আমাদের ছেলেদের তোরা অনেক জ্বালিয়েছিস। তুইও দেখ, কিছুদিন নিরুদ্দেশ থাকলে তোর পেয়ারের দেশ কীভাবে তোকে বিশ্বাসঘাতক বানিয়ে দেয়!’
জায়ান বলল, ‘ওহ, এটা দেখানোর জন্য আমাকে তুই আটকে রাখবি?’
মীরান হাই তুলল, ‘থাক কিছুদিন, বুঝে যাবি। তোকে একটা কথা বলে রাখি, তোর কলিগ হায়দারের উপর অর্ডার আছে তোকে নজরে রাখার। উপরওয়ালাদের নির্দেশ অনুযায়ী হায়দার তোর উপর নজর রাখছে’।
জায়ান গর্জে উঠল, ‘মিথ্যে কথা’।
মীরান পকেট থেকে ফোন বের করে রেকর্ডিং চালিয়ে দিল। জায়ান বলল, ‘তোরা ট্যাপ করেছিস?’
মীরান বলল, ‘শোন, ওরা কী বলছে’।
জায়ান চুপ করে শুনল পুরোটা।
মীরান বলল, ‘শুনলি?’
জায়ান বলল, ‘শুনলাম’।
মীরান বলল, ‘এবার বল’।
জায়ান বলল, ‘আমি কিছুই বলব না। তোর সঙ্গে এই বিষয়ে কথা বলার কোনও ইচ্ছে নেই আমার। তোর যদি মনে হয় আমাকে মারবি, আমাকে মেরে দে’।
মীরান কয়েক সেকেন্ড চুপ করে জায়ানকে দেখে বেরিয়ে এল।
অন্য একটা ঘরে সৈকত ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে ছিল। মীরান ঘরে ঢুকে একটা বোতল থেকে অনেকটা জল খেয়ে নিয়ে বলল, ‘কোনও লাভ হয়নি। ওকে দলে নেওয়া যাবে না’।
সৈকত বলল, ‘নিতে হবে না। ওকে ছেড়ে দাও’।
মীরান দুঃখিত কণ্ঠে বলল, ‘তাহলে তুমি বর্ডার পেরোবে কী করে?’
সৈকত বলল, ‘পেরিয়ে যাব। আমি জায়ানকে তোমাদের জন্য তুলতে বলেছিলাম। ওকে দিয়ে আমার কোনও কাজ হবে না। সেনা চৌকিগুলোতে খবর চলে গেছে। জায়ানকে কেউ বিশ্বাস করবে না’।
মীরান অবাক হল, ‘তা তো ঠিক। তাহলে?’
সৈকত তার ফোন বের করে মীরানের দিকে এগিয়ে দিল, ‘দেখো’।
মীরান ফোনটা দেখে চমকে উঠল, ‘খুব ঝুঁকি হবে দোস্ত। আমারই ভয় লাগছে’।
সৈকত হাসল, ‘কী আছে জীবনে… ঝুঁকি ছাড়া কেউ বাঁচতে পারে নাকি? ভেবো না। রাতে বেরোব। আমি পৌঁছে ফোন করলে তবেই জায়ানকে ছাড়বে’।
মীরান দুঃখিত মুখে মাথা নাড়ল, ‘ঠিক আছে দোস্ত’।
১৩৯
সব কিছু সামলে ইবাদতের লোকেশনে পৌঁছতে দেরি হল।
সুমেইরা অপেক্ষা করছিলেন। ইবাদত পৌঁছলে বললেন, ‘কী ব্যাপার? তোমাকে তো কখনও দেরি করতে দেখিনি! গোপন কোনও মাশুকা জুটিয়েছ নাকি?’
ইবাদত হেসে ফেললেন, ‘নাহ! সে সৌভাগ্য হয়নি’।
সুমেইরা বললেন, ‘আমি কিন্তু সব নজর রাখি। কাল শ্যুটের শেষেই পালালে। ফোন এসেছিল, চায়ের দোকানে গেলে, তারপর শ্যুটের শেষে তোমাকে আর পেলাম না। কী হয়েছিল?’
ইবাদত সতর্ক চোখে চারদিকে দেখে গলা নামিয়ে বললেন, ‘মাহি’।
সুমেইরা চমকে উঠলেন, ‘মানে?’
ইবাদত সবটা বললেন। সুমেইরা গালে হাত দিয়ে বললেন, ‘কী ভয়ংকর! অন্য কোথাও সরানো হয়নি?’
ইবাদত বললেন, ‘আজকেই সরানো হবে। ব্যবস্থা হয়ে গেছে। আজ তাড়াতাড়ি করে নেব। আমাকে একটু কভার করো’।
সুমেইরা বললেন, ‘নিশ্চয়ই। ভেবো না’।
ইবাদত তাড়াহুড়ো করতে চেয়েছিলেন। পারলেন না। উলটে টেনশনের চোটে এক একটা শট বার বার রিটেক হতে শুরু করল। ডিরেক্টর রেগে গিয়ে বললেন, ‘কী হয়েছে ইবাদত? কনসেনট্রেট’!
ইবাদত ঘামছিলেন। ব্রেকের সময়ে সুমেইরা তার কাছে এসে বসলেন, ‘মাহিকে তুমি ভালোবাসো, তাই না?’
ইবাদত বললেন, ‘তুমি সবটা জানো। তোমাকে আমি কোনওদিন কিছু লুকোইনি’।
সুমেইরা বললেন, ‘আমিও তোমাকে ভালোবাসি ইবাদত। দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে হলে তুমি কাকে বাছতে?’
ইবাদত একটু চমকাল। অপ্রস্তুত হাসি হেসে বলল, ‘তোমার সঙ্গে এতদিন করাচিতে শ্যুট করলাম, তুমি তো কোনওদিন আমাকে এই কথাটা বলোনি! তাছাড়া তোমার হাজব্যান্ড…’
সুমেইরা বললেন, ‘হাজব্যান্ড চুলোয় যাক। অকর্মার ঢেঁকি একটা লোক, কোনও কাজ করবে না, শুধু ঘরে বসে আমার টাকায় খাবে। তুমি শুধু বলো মাহি আর আমার মধ্যে কাকে বাছবে?’
ইবাদত বললেন, ‘মাহিকে বাছার কিছু নেই সুমেইরা। মাহি শেষ হয়ে গেছে। ওরা মাহির যা হাল করেছে, তাতে মাহি বেঁচে থাকলেও মৃতের মতোই বেঁচে থাকবে’।
সুমেইরা ইবাদতের হাত ধরল, ‘আমিও তোমাকে ভালোবাসি ইবাদত। কিন্তু আমি জানি, তুমি চিরকাল মাহিকেই ভালোবাসতে। যাই হোক, আমি তোমার একটা সাহায্য করে দেব। আমার দাদা আর্মিতে আছে। তুমি দেখেছ ওরা আমাকে ওদের গাড়ি করেই এখানে পৌঁছে দেয়। গদার পোর্ট থেকে অনেক ট্রাক চীনে যায়। ওদের ট্রাকগুলো গ্রিন করিডোরে করে চীনের পথে রওনা দেয়। মাহিকে আমি চীনে পাঠানোর ব্যবস্থা করে দেব। তবে মাহিকে একা পাঠানো ঠিক হবে না। তুমিও মাহির সঙ্গে যাবে। আজ রাতের মধ্যে আমি ব্যবস্থা করে দেব। কাল শ্যুট শেষে তোমরা বেরিয়ে যাও। তবে আজ রাতে মাহিকে আমার ফ্ল্যাটে এনে রেখো। তোমার ঠিকানায় মাহিকে রাখা বিপজ্জনক হতে পারে’।
ইবাদত অবাক হয়ে বললেন, ‘তুমি আমার জন্য এতটা করবে?’
সুমেইরা বললেন, ‘করব। তোমার জন্যই করব। কিন্তু তুমি আমাকে একটা কথা দিও’।
ইবাদত বললেন, ‘বলো’।
সুমেইরা বললেন, ‘তুমি আমাকে একটু হলেও কোনওদিন ভালোবাসবে’।
ইবাদত হেসে ফেললেন, ‘আমি কোনওদিন ভাবিনি তোমার মধ্যে এরকম কিছু ছিল। বিশ্বাস করো, কল্পনাতেও ভাবিনি’।
সুমেইরা বললেন, ‘তুমি ভাবোনি না, তুমি দেখতে পাওনি। যেদিন থেকে এখানে এসেছ, সেই প্রথম থেকেই তোমার উদাস মুখ, অন্যমনস্ক হয়ে যাওয়া থেকেই আমি বুঝতাম তুমি সর্বক্ষণ মাহির কথা ভেবে গেছ। মাঝে মাঝে কথায় কথায় বলেও ফেলেছ। মাহি জানে না। মাহি তোমাকে বন্ধু হিসেবেই দেখে’।
ইবাদত মাথা নিচু করলেন, ‘কিন্তু চীনে গিয়েই বা কী করব?’
সুমেইরা বললেন, ‘ব্যবস্থা হয়ে যাবে। ভেবো না’।
ইবাদত কৃতজ্ঞ কণ্ঠে বললেন, ‘অনেক ধন্যবাদ তোমাকে’।
সুমেইরা বললেন, ‘ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি ইবাদত’।
ইবাদতের ফোন বাজছিল। ইবাদত দেখলেন আনিস ফোন করছে। সঙ্গে সঙ্গে ধরলেন, ‘বলো’।
আনিস হাঁফাচ্ছিল। কোনওমতে বলল, ‘আপনার ফ্ল্যাটে রেইড হচ্ছে। নিশ্চয়ই ওদের কেউ খবর দিয়েছে’।
ইবাদত চমকে উঠলেন। সুমেইরা শট দিতে উঠে গেছেন। ইবাদত সুমেইরাকে ডাকলেন। সুমেইরা হাসিমুখে বললেন, ‘এসো, শট শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি এসো’।
