ব্লু উইংস – ১০

১০

যে হাওয়াটা দিচ্ছে, সেটা শীতের হাওয়া নয়। এদিকে শীত পড়ে না বললেই চলে।

রাতের দিকে বালি ঠান্ডা হলে গায়ে একটা চাদর দিলেই হয়।

বিয়ার নিয়ে চুপচাপ বসে আছে তথাগত। প্ল্যান—সারাদিন বিয়ার খাবে, যখন ইচ্ছে স্নান করবে, যখন ইচ্ছে হোটেলের রুমে এসে ঘুমিয়ে পড়বে।

চারদিন ছুটি নিয়েছে। এই চারদিনে ছুটিটা সুদে আসলে উসুল করে নিতে হবে।

নির্জন বিচ বলা হল বটে, তবে সাহেব মেম আছে খানকয়েক। তারা খালি গায়ে গরম বালির মধ্যে শুয়ে শুয়ে বই পড়ছে। কী করে পারছে, কে জানে! তাকে ছাতার তলায় বসতে হয়েছে।

সে সরাসরি রোদ নিতে পারে না। এরা গাছের মতো। রোদের আলো নেবার জন্য সবসময় তৈরি হয়ে আছে।

বিচের রেস্তোরাঁগুলোকে শ্যাক বলে। শ্যাকের বেয়ারাদের কাছে ভারতীয়রা সেকেন্ড ক্লাস সিটিজেন। এরা আগে বিদেশিদের খাবার দেবে, তারপর দয়া হলে ভারতীয়দের দেবে।

পাঁচ-ছ’বার বলার পরে বিয়ার জোগাড় করতে পারল। মাছ ভাজা দেবার কথা আছে। কখন দেবে বোঝা যাচ্ছে না।

বিয়ারের নেশা একটু একটু করে চড়ছে। তথাগতর যেই মনে পড়ল এয়ারপোর্টে সারারাত কাটিয়েছে, জেগে থাকতে হয়েছে, ঘুম পেয়ে গেল। শ্যাকের পাশেই তার হাট। শ্যাকের ছেলেটাকে বিলের কথা বলল, ছেলেটা পাত্তাও দিল না। এখন বিদেশিদের খিদমত খাটতে ব্যস্ত। বিদেশিরা প্রচুর টিপস দেয় বলে এরা দেশিদের পাত্তাই দেয় না।

তথাগত ‘ধুত্তোর’ বলে নিজের কুটিরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল।

ঘুম থেকে উঠতে উঠতে বিকেল হয়ে গেল। নেশা নেমে গেছে। ঘর থেকে বেরিয়ে ঘরে তালা দিল। ছোট্ট তালার ছোট্ট চাবি। চাবি হারিয়ে যাবার চান্স বেশি। হারালে তালা ভাঙতে হবে।

বেরোতেই শ্যাকের বেয়ারাটা তার দিকে কটমটে চোখে তাকাল।

সে হাই তুলে ওকে হিন্দিতে জিগ্যেস করল, ‘কী হল? বিল নেবে? না এখনও ইচ্ছে নেই?’

বেয়ারাটা এবার আর অন্য কোনও বিদেশির পেছনে দৌড়ল না। গম্ভীর গলায় বলল, ‘ওয়ান সিক্সটি রুপিস’।

মাছটা আদৌ ভেজেছিল কিনা আর জিগ্যেস করল না সে। পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলল ‘কিপ দ্য চেঞ্জ’।

ব্যাটা একটুও ভাও না দিয়ে টাকাটা পকেটে ভরে নিল। বিচের দিকে এগোল সে। কয়েকটা বিদেশি খালি গায়ে ডিসকাস থ্রো করছে। দেশিরা শীতকালে যেমন পিকনিকে গিয়ে ব্যাডমিন্টন খেলে, অনেকটা সেরকম এনার্জি নিয়ে এরা ডিসকাস থ্রো করছে।

পশ্চিম দিকে সমুদ্র। সূর্যাস্ত হবে একটু পরে। আকাশের রং পাল্টাতে শুরু করেছে। সে বালির উপর চপ্পল পেতে বসে পড়ল।

সমুদ্রের শব্দ বাদে আর কোনও শব্দ পাওয়া যাচ্ছে না। তার পাশে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে।

নেশাটা আর একেবারেই নেই। চুপ করে বসে থাকতে ভালো লাগছে।

গোয়ায় এখন লোক কম আসে। কীসব ঝামেলা হয়েছে। তার উপর এই বিচ এমনিতেই নির্জন। এখন মনে হচ্ছে আরও শান্ত।

আকাশে মায়াবী রং ছড়িয়ে দিয়ে সূর্য একটু একটু করে অস্তে চলে গেল।

সূর্যাস্ত হবার পরেও অবশ্য পুরো অন্ধকার হয়নি। লাল আভা ছড়িয়ে আছে চারদিকে। এক সাহেব তার মেমসাহেবকে জড়িয়ে ধরে আদর করছে।

তথাগত যে ঘরটায় আছে, সেটায় একবারে কিছুই নেই। একটা ঘর আর একটা বাথরুম। গোটা ব্যাপারটা বালির উপরে। এত কম দামে আর কিছু পাওয়া যাবে না।

সে লো বাজেট খুঁজেছিল। লো বাজেটই পেয়েছে। যথেষ্ট।

হাঁটতে হাঁটতে আবার এই বিচের একমাত্র শ্যাকে গিয়ে বসল সে। বিদেশিগুলো বকবক করে যাচ্ছে। কী খাওয়া যায় এখন? হুইস্কি? না না, ওতে মাথা ধরবে।

মদ খেতেই হবে, এরকম তো ব্যাপার নেই। থাক, আজকে আর খাবে না।

আবার মনে হল, অফবিট জায়গার সমস্যা একটাই, রাত কাটতে চায় না। বাজার টাজার থাকলে সেখানে ঘুরে সময় কেটে যায়। এখানে একটা গোটা রাত কাটাতে হবে। সেটা নেশার ঘোরে কাটানোই ভালো।

ফোনটা বেজে উঠল।

স্ক্রিনে যে নামটা দেখাচ্ছে, সেটা দেখেই তথাগতর ভ্রু কুঁচকে গেল। ধরল, ‘হুঁ’।

‘এক ঘণ্টার মধ্যে ওখান থেকে বেরো। রাত দশটায় ডাবোলিম থেকে ফ্লাইট আছে। টিকেট কেটে দিয়েছি। সিকিউরিটি করতে হবে না, অথরিটিকে বলা আছে। বেরো’।

শ্বাস ছাড়ল সে। উফ! ছুটি দেবে না এরা তাকে!…

.

এয়ারপোর্ট তার পছন্দের জায়গা। এয়ারপোর্টে তিন চারশো টাকায় কফি পাওয়া যায়।

কোনও কোনও নেতাকে রেইড করতে গিয়ে গাদা গাদা টাকা পাওয়া যায়। সে টাকা থাকলে অবশ্য তিনশো টাকার কফি খাওয়াই যায়।

আপাতত তথাগতর কাছে অত টাকা নেই। তবে তাকে শ্রীবাস্তব কফি খাওয়াচ্ছে। সেই সকালে বিয়ার খেয়েছে, আশা করা যায় পেটে গিয়ে বিয়ারের সঙ্গে কফি মিলিত হবে না। পেটের ব্যাপারটা আনকন্ট্রোলেবল ব্যাপার। আর সে বাঙালি বলে তার পেট মাঝে মাঝেই খারাপ হয়। আসলে সামলাতে পারে না। ভালো খাবার দেখলে তার নোলা বেড়ে যায়। তারপর পেট জবাব দিয়ে দেয়।

হেড অফিস থেকে শ্রীবাস্তবকে তার প্লেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। তথাগতকে প্লেনে তুলে ওর মুক্তি। প্লেন লেট করেছে। তারা লবিতে বসে হাই তুলছে। তথাগতকে সিকিউরিটি করতে হয়নি। সে জানলা দিয়ে প্লেন ওড়া দেখছে।

শ্রীবাস্তব সিরিয়াস মানুষ। তিনবার গিয়ে খোঁজ নিয়ে এসেছে, প্লেন কখন ছাড়বে। তথাগত জানতে চায় না কোনওকালেই। যখন ছাড়বে, তখনই যাবে নীতিতে বিশ্বাসী। তবে দিল্লি সে নীতিতে বিশ্বাসী না। অনেকবার ফোন এসে গেছে। প্লেন বেশি লেট করলে তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা হতে পারে।

সে শ্রীবাস্তবকে বলল, ‘কখনও কোনও প্রাণীর বলি হবার আগে তাকে ভালো করে খাওয়া দাওয়া করানো হয়। আমার সেই অবস্থা। আমাকে আদর করা হচ্ছে। কোথায় পাঠানো হবে, সেটা দেখতে হবে’।

শ্রীবাস্তব হাসল। হেসেই গম্ভীর হয়ে গেল। তথাগত বলল, ‘একবার উপরে খবর নিয়ে নিলে হতো না? মিডল ইস্টে যেতে হলে দিল্লির পরিবর্তে মুম্বই থেকে গেলেই তো হতো’।

শ্রীবাস্তব আঁতকে উঠে চারদিকে ভালো করে দেখে নিয়ে বলল, ‘দয়া করে চুপ করুন। স্যার বলে দিয়েছেন এ প্রসঙ্গে আলাপ করা যাবে না’।

তথাগত কাঁধ ঝাঁকাল, ‘তা ঠিক। ছুটিটা নষ্ট করে এসব ভালোই চলছে।’

শ্রীবাস্তব বলল, ‘আপনার জায়গায় আমি থাকলে খুশি হয়ে যেতাম স্যার। আপনাকে দেখে অতটা খুশি বলে মনে হচ্ছে না। দেশের কাজের জন্য যাচ্ছেন। ইউ শুড বি থ্যাঙ্কফুল’।

তথাগত শুকনো মুখে বলল, ‘হে-হে, তা তো ঠিক’, মনে মনে বলল, ‘বাবাসাহেব, আটত্রিশ দিন লাহোরে ঠেলাগাড়িতে পরোটা বেচলে বুঝতে কেমন থ্যাঙ্কফুল লাগে’।

অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। লোকজন পাগলের মতো গেটের দিকে দৌড়চ্ছে। এদের কেউ বোঝাক, বাপ আমার, তোকে ছাড়া প্লেন উড়বে না। চাপ নিস না বাপ। কে বোঝাবে? কেউ বোঝানোর নেই। এর ওর ঘাড়ে উঠে পড়ছে।

তথাগত শ্রীবাস্তবের সঙ্গে হ্যান্ডশেক করে বিদায় নিয়ে ম্যাদামারা মুখে গেটের দিকে এগোল। কে জানে, দিল্লি কী ‘সুসংবাদ’ নিয়ে তার জন্য অপেক্ষা করে আছে!

রাতের ফ্লাইট। উঠে ঘুমিয়ে পড়বে ভাবতে ভাবতে সিটে বসতে গিয়ে দেখল, রিমি এই ফ্লাইটের ফ্লাইট অ্যাটেনডেন্ট। রিমি তার প্রাক্তন। দু’বছর মুম্বইতে লিভ ইন করে একদিন বুঝতে পেরেছিল দু’জনের দ্রুতগতির জীবনে একসঙ্গে থাকাও হচ্ছে না, থেকে লাভও হচ্ছে না। অবশ্য তখন তার মাসকট যাবারও কথা ছিল। কত আর মিথ্যে বলে চালানো যায়?

ফলে ব্রেক আপ অনিবার্য ছিল। তবে আজ তাকে দেখে রিমি সত্যিকারের খুশি হল। কাছে এসে বলল, ‘গোয়া ঘুরতে এসেছিলে নাকি?’

তথাগত বলল, ‘হ্যাঁ। কিন্তু একা একা কি আর ঘোরা যায়?’

রিমি বলল, ‘তা ঠিক। পরে কথা বলছি। বোর্ডিং কমপ্লিট হলে এসে কথা বলব’।

সে ঘাড় নাড়ল, ‘ওকে। তাই হোক’।

তথাগতর একটু মন খারাপ হল। রিমির সঙ্গে দেখা না হলেই ভালো হতো। রিমি না থাকলে দিব্যি ঘুমানো যেত। এখন প্রাক্তন সিনেমার প্রসেনজিতের মতো মুখ করে থাকতে হবে।

১১

ফয়সলাবাদ, পাকিস্তান।

সন্ধে নেমেছে। জায়নাব জেনারেল হাসপাতাল থেকে বেরোলেন সার্জেন রিজভি। সারাদিন ডিউটি করেছেন। ক্লান্ত চোখ মুখ।

হাসপাতালের ডাক্তারদের গাড়ি পার্ক করার জায়গাটা নির্জন। রোজকার মতন ডাক্তার রিজভি গাড়িতে ওঠামাত্র কাচে দুটো নক হল। রিজভি দেখলেন, দু’জন যুবক দাঁড়িয়ে আছে। কাচ নামিয়ে বললেন, ‘বলুন’?

দুটো রিভলভার ডাক্তারবাবুর দিকে তাক করল দু’জনে। রিজভি বললেন, ‘কী হল?’

‘গাড়ির লক খুলুন। আপনাকে একটা জায়গায় যেতে হবে’।

ডাক্তার রিজভি বিনা বাক্যব্যয়ে গাড়ির লক খুলে দিলেন। দুজনে পেছনের সিটে বসে বলল, ‘শাহাবুদ্দিন চক চলুন’।

রিজভি গাড়ি স্টার্ট দিয়ে বললেন, ‘কী বিষয় বলা যাবে?’

‘চলুন, কথা কম বলুন’। একজন ধমক দিয়ে উঠল।

রিজভির এমন অভিজ্ঞতা নতুন নয়। চুপ করে গাড়ি চালিয়ে শাহাবুদ্দিন চক থেকে দু’জনের দেখানো পথে চকের পার্কিং-এ গাড়ি দাঁড় করিয়ে ছোট গলি বরাবর হাঁটার পর একটা বাড়িতে গিয়ে কলিং বেল চাপলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল।

ভেতরের ঘরে এক যুবক শুয়ে আছে। হাত থেকে রক্ত পড়ছে। কোনওমতে একটা ব্যান্ডেজ দিয়ে হাত বেঁধে রাখা আছে।

রিজভি বুঝে গেলেন, যা বোঝার। শ্বাস ছেড়ে বললেন, ‘আগে বললেই হতো। রাস্তা থেকে দরকারি জিনিসগুলো কিনে আনা যেত। যা বলছি, তাড়াতাড়ি নিয়ে আসুন’।

রিজভি বলে গেলেন। ছেলেগুলো শুনে বেরিয়ে গেল। পেশেন্টের বয়স বেশি না। মাথার কাছে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। রিজভি বললেন, ‘এভাবে আনার দরকার ছিল না’।

বৃদ্ধ বললেন, ‘ওরা নতুন। আমিই আপনাকে আনতে বলেছিলাম। ভয় পেয়ে গেছিল মনে হয়। খুব দুর্ব্যবহার করেছে?’

রিজভি হাসলেন, চেয়ার টেনে বসে বললেন, ‘নাহ্‌। নভিস ছেলেপুলে। এ কে?’

বৃদ্ধ বললেন, ‘নাতি। হাতে ছুরি লেগেছে’।

ছেলেটা একটু ককিয়ে উঠল। রিজভি বললেন, ‘ছুরি মেরেছে কেউ? তারপরেও এভাবে চুপ করে শুয়ে আছে? ব্রেভ এনাফ’।

বৃদ্ধের চোখ জ্বলে উঠল, ‘বাঘের বাচ্চা, দেখতে হবে না সাব? ওর বাবা কি কম ছিল?’

রিজভি ছেলেটার হাতের ক্ষত পরীক্ষা করে দেখতে দেখতে বললেন, ‘প্ল্যান কী করেছিলেন? হাতির মাথা কাটার প্ল্যান করছিলেন নাকি?’

বৃদ্ধ বললেন, ‘শুধু নজর রাখার জন্য বিসমিল্লাপুরে গেছিল। কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কখন ঢুকছে। ওর সাগরেদের সন্দেহ হয়। ছুরি নিয়ে তাড়া করেছিল, ওখান থেকেই লেগেছে’।

রিজভি বললেন, ‘আর সেই সাগরেদ এখন?’

বৃদ্ধ হাসলেন, ‘জাহান্নামে পৌঁছে দিয়ে এসেছে’।

ছেলে দু’জন রিজভির প্রেসক্রাইব করা সামগ্রী নিয়ে এসে হাজির হল। রিজভি প্রয়োজনীয় ট্রিটমেন্ট করে বৃদ্ধকে বাইরের ঘরে ডেকে নিয়ে বললেন, ‘এভাবে হবে না। আমি কিন্তু আপনাকে আগেই সতর্ক করেছিলাম। হাতির লোকের অভাব নেই’।

বৃদ্ধ বললেন, ‘আপনিই বলুন ডাক্তারসাব। কী করলে আমি আমার প্রতিশোধ নিতে পারব? আমার ছেলেকে মেরেছে ওরা। এই জীবদ্দশায় কি আমি সফল হব?’

রিজভি বৃদ্ধের কাঁধে হাত রেখে বললেন, ‘হবেন। এই দেশের দুর্দশার পেছনে যাদের হাত আছে, তাদের শেষ আপনি আপনার জীবদ্দশাতেই দেখবেন, আমি কথা দিচ্ছি’।

বৃদ্ধ কেঁদে ফেললেন।

ডাক্তারবাবু বেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে এসে চুপ করে বসে রইলেন। ফোন বের করে একটা মেইল করে বসে রইলেন। মিনিট পাঁচেক পরে তার দ্বিতীয় ফোনে একটা ডেটা কল এল। ডাক্তারবাবু ফোন ধরে বললেন, ‘কোথায় তুমি?’

‘মুজফফরাবাদে’।

‘ওকে। আমার মনে হয় সাগিরকে দলে নেওয়া যেতে পারে’।

‘নেগেটিভ। স্বপ্নেও ভাববেন না। দলে নেওয়াটা খুব কঠিন শব্দ। এই মুহূর্তে এত বিশ্বাস আমরা কাউকে করতে পারব না’।

‘সাগিরের নাতি ওদের উপর রেইকি করছিল। ছুরি খেয়েছে। মেরেও এসেছে একজনকে। ইফ দে ক্যান ফিনিশ আসলাম, ইট উইল বি ফ্রুটফুল ফর আস’।

‘ওদের কি কিছুর অভাব আছে? আর্মস চাই?’

‘আছে’।

‘তাহলে আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনি এত তাড়াহুড়ো করতে চাইছেন কেন বলুন তো? পাকিস্তান আর পোষাচ্ছে না?’

রিজভি হাসলেন। দেখলেন একজন বাচ্চা মেয়েকে কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছে তার বাবা। বললেন, ‘পাকিস্তান আমার দেশ। পোষাবে না, এরকম কিছু না’।

‘তবে?’

‘আল মাসুদ কত লোকের পরিবারকে শেষ করেছে। পাকিস্তান সরকার তার পরেও ওকে রাষ্ট্রীয় নিরাপত্তায় এখানে সযত্নে রেখে দিয়েছে। তোমার কি মনে হয়, আমি ঈশ্বর? মানুষ নই?’

‘অপেক্ষা ডক। প্লিজ ওয়েট। আপনি আমাদের ভরসা। আপনার কিছু হলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। অপেক্ষা করুন, প্লিজ। ডোন্ট ডু এনিথিং সিলি’।

ফোন কেটে গেল। রিজভি গাড়ি স্টার্ট করলেন। শহর ছেড়ে গাড়ি বিসমিল্লাপুরের রাস্তায় এসে দাঁড়াল। রাস্তা গমের খেতের কাছে যেখানে শেষ হচ্ছে, তার পর থেকে বিস্তীর্ণ অঞ্চল দশ ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আল মাসুদের মুক্তাঞ্চল’।

‘ইট উইল বি এ টাফ জব, ভেরি টাফ জব’। নিজের মনেই ফিসফিস করে বললেন ডাক্তার রিজভি।…

.

‘তুমি এখন কোথায় থাকো?’

রিমির কাছে যেতেই রিমি প্রথম প্রশ্ন ছুড়ে দিল। সব প্যাসেঞ্জাররা নাক ডেকে ঘুমোচ্ছে। এরা কি তবে ঘুমের জন্য তাড়াহুড়ো করছিল? এদের সিভিক সেন্সের ট্রেনিং দেওয়া দরকার আগে। দেশের বেশির ভাগ লোক পাবলিক প্লেসে বাথরুম ইউজ করতে শেখেনি এখনও। ওটা না শিখলে সব মেধাবী ছাত্র ছাত্রীদেরকেও ফেল করিয়ে দেওয়া উচিত।

রিমির মুখে পাউডারের পুরু প্রলেপ। তথাগত বলল, ‘ট্রান্সফারেবল জব এখন। যেখানে কাজ থাকে, সেখানেই ছুটতে হয়। স্থায়ী আস্তানা নেই কোনও। তোমার কী খবর? বিয়ে করলে?’

রিমি বলল, ‘না। বিয়ে ইস নট মাই কাপ অফ টি। কিছুদিন প্রান্তিক মেহেরা নামে এক পাইলটকে ডেট করেছিলাম। ভাইব ম্যাচ হয়নি। কেটে গেছে’।

টিং টং। রিমির ডাক পড়েছে। রিমি দৌড়ল। কিছুক্ষণ পর প্লেনের মধ্যে চারশো টাকার ম্যাগী বিক্রি করতে বেরোবে। উড়ন্ত ফেরিওয়ালা।

এটা বললে রিমি রেগে যেত! এখনও নিশ্চয়ই রেগে যাবে শুনলে। থাক। বলবে না। মেয়েটা একটা কাজে আছে। কোনওদিন আড্ডা মারলে তখন পেছনে লাগা যাবে। রিমি ভালো মেয়ে। আদর্শ গৃহবধূ হতে পারত। তাদের দু’জনেরই সংসার করার মতো অবস্থা ছিল না।

রিমি বরাবর বলেছিল, নিজের পায়ে না দাঁড়িয়ে কিছু করবে না। সে কথা ও রেখেছে। তথাগতর এই মাঝরাতে হঠাৎ করেই ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল।

প্যাসেঞ্জারকে জল খাইয়ে ফিরে এল রিমি। বলল, ‘এখানে কথা হবে না। পরে কথা বলব। তুমি আমাকে তোমার নাম্বার দিও। কতদিন আমাদের কথা হয় না। কেউ কাউকে না পেলে আমরা আবার একসঙ্গে থাকতে পারি না?’

রিমিকে কেমন বিধ্বস্ত মনে হল তার। বলল, ‘থাকব। তুমি ভেবো না। আমি সিটে গিয়ে বসি বরং। নইলে তোমার অসুবিধে হতে পারে’।

রিমি মাথা নাড়ল, ‘ঠিক আছে। যাও। তোমার নাম্বার…’

তথাগত পকেট থেকে তার কার্ড বের করে রিমিকে দিয়ে বলল, ‘ফোন কোরো। কথা বলা যাবে’।

রিমি ঘাড় নাড়ল।

আর পাঁচটা সাধারণ মানুষের জীবন হলে রিমিকে নিয়ে সে এখন কলকাতার ভালো একটা পাড়ায় থাকতে পারত। অফিস থেকে ফেরার পর দু’জনে সেজেগুজে সিনেমা দেখতে যেত। দুঃখের বিষয়, এসব কিছুই হবে না। রিমিকে সারাজীবন ঘোস্টিং করে কাটাতে হবে তাকে। সে আগেই বুঝতে পেরেছিল, এ মেয়ে তাকে ছাড়া কাউকে কোনওদিন ভালোবাসতে পারবে না। কিন্তু তার ডিকশনারিতে ভালোবাসা শব্দ থাকলে হবে না। তাকে সচেতনভাবে অবজ্ঞা করে যেতে হবে।

তথাগত সিটে ফিরে চোখ বোজার আগে বুঝতে পারছিল, রিমি তার দিকেই তাকিয়ে আছে। ওর দু’চোখ জলে ভর্তি হয়ে আছে। বেচারি! সবাই দিনের শেষে ঘরে ফিরতে চায়। রিমির ফেরা হবে না কোনওদিন।

ঘুমিয়ে পড়েছিল সে। রিমিই তুলে দিল। টাচ ডাউনের সময় প্যাসেঞ্জারদের দেখভাল করার ছুতো করে এসে তাকে ঠেলে দিয়ে গেল।

প্লেন নামবার প্রস্তুতি নিচ্ছে। লোকজন ঘুম থেকে উঠে নাড়াচাড়া দিচ্ছে। আবার ঝাঁপিয়ে পড়ে এ ওর ঘাড়ে ওঠার জন্য তৈরি হয়ে নিচ্ছে আর কী!

সে সোজা হয়ে বসল। শ্রীবাস্তব বলে দিয়েছে, দিল্লি নেমে তাকে হেইলি রোড পৌঁছতে হবে। হেইলি রোডের একটা ফ্ল্যাটে তার জন্য বস অপেক্ষা করছেন।

এখন মাঝরাতের থেকে একটু বেশি। সে এয়ারপোর্টের বাইরে থেকে একটা ক্যাব নিল। ভোর চারটে নাগাদ হেইলি রোডের ঠিকানার সামনে এসে হাই তুলল সে। ফোন বেজে উঠল। ধরতেই ওপ্রান্ত থেকে ভেসে এল, ‘সেভেন্থ ফ্লোর, অরুণ শর্মার ফ্ল্যাটে ঢুকে যা’।

বিল্ডিংয়ে গটগট করে ঢুকতে যেতেই সিকিউরিটি ছুটে এল। সে বলল, ‘অরুণ শর্মাজির রুমে যাব। আমার আত্মীয়’।

সিকিউরিটি বলল, ‘এন্ট্রি করে যান’।

সে নিজের নাম লিখল ‘জীবনানন্দ দাশ’।

সিকিউরিটি কিছুই বুঝল না।

সে গটগট করে হাঁটতে হাঁটতে লিফটের সামনে গিয়ে দাঁড়াল। জীবনানন্দ কি তাকে ক্ষমা করবেন!

১২

‘প্রায় দুশো একর জমির মুক্তাঞ্চলে বিসমিল্লাপুর মাদ্রাসা। ফয়সলাবাদ লাগোয়া জমিতে চলছে ট্রেনিং ক্যাম্প। এখানে ফয়সলাবাদ এবং তার সংলগ্ন এলাকা থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে ট্রেনিং দেওয়া হয়। বিদ্বেষমূলক ভিডিও দেখানো হয়’।

স্যাটেলাইট ইমেজের পিপিটি দেখাচ্ছেন খান। চিফ, তুষার এবং মাথুর ছাড়া ঘরে কেউ নেই।

চিফ বললেন, ‘আল মাসুদ এখানে আছে?’

খান বললেন, ‘হ্যাঁ। এখানেই আছে। ও বিশেষ নড়ে চড়ে না। ফয়সলাবাদে মেয়র আছে, রাজনৈতিক দল আছে, সেগুলোর নেতা আছে, কিন্তু আসলে আল মাসুদই এলাকা চালায়। একাধারে মাফিয়া এবং মসীহা’।

তুষার বললেন, ‘মসীহার কী করল?’

খান বললেন, ‘মসীহা হতে উপমহাদেশে কী করতে হয় স্যার? গরীবদের টাকা আর কম্বল বিলোলেই এখানে মসীহা হওয়া যায়। গরিব যত গরিব হবে, তত এদের লাভ। চূড়ান্ত বেকারি, অশিক্ষা, দারিদ্র, সবকিছু এক দিকেই নিয়ে যায়। এদের শেখানো হয় ধর্ম বিপন্ন হয়ে গেছে, সবাই তাদের মারতে উদ্যত হয়ে পড়েছে। এবং তারপরে এরা এক একটা কাসভ তৈরি হয়। মরতে ভয় পায় না, মারতে ভয় পায় না, পঙ্গপালের মতো সীমান্তে জড়ো হয়, কয়েকটা মরে, কয়েকটা ঢুকে আসে। একশোটা কেসের মধ্যে একটা সফল হলেও আমাদের ক্ষতি’।

মাথুর বললেন, ‘মিসাইল মেরে দিক’।

খান হাসলেন, ‘ক’টা মিসাইল মারবে? পাকিস্তানের প্রতিটা শহরে, গ্রামে এরকম ক্যাম্প আছে। মাদ্রাসার নামে ব্রেইন ওয়াশিং চলে। শিক্ষাহীন শিক্ষাদানের চেষ্টা বলতে পারো। আল মাসুদের তত্ত্বাবধানেই দশ থেকে বারোটা ক্যাম্প চলে’।

‘তাহলে আল মাসুদকেই মেরে দাও’। তুষার বললেন।

খান বললেন, ‘আল মাসুদের টিকি পাওয়া বেশ কঠিন। দশ বারোটা ছেলে সব সময় ঘিরে থাকে। ওর রিক্রুটমেন্ট পলিসি ভেরি টাফ, নাগাল পাওয়াও’।

চিফ বললেন, ‘স্নাইপার? ওর সঙ্গে সংসার করতে কে যাচ্ছে? গতিবিধি খোঁজ নাও, উড়িয়ে দাও।’ পরক্ষণেই চিফ হাত দিয়ে নিজের কথা নিজেই উড়িয়ে দেবার ভঙ্গি করলেন, ‘নট পসিবল’।

খান বললেন, ‘আল মাসুদের একটা পাস্ট আছে। গোষ্ঠীদ্বন্দ্বের সময় নব্বইয়ের দশকে ও ফয়সলাবাদেরই একটা মসজিদে বোম বিস্ফোরণ করিয়েছিল। অস্বীকার করলেও গোটা এলাকার লোক জানে, ওটা আল মাসুদই করিয়েছিল। সাগিরদের একটা আন্ডার গ্রাউন্ড সংগঠন আছে, যারা ওকে মারতে চায়। তবে তাদের সংগঠন দুর্বল, পাঁচ-ছ’জনের বেশি নেই। অত ক্ষমতা নেই’।

তুষার বললেন, ‘হুঁ, পাঁচ-ছ’জনের কম্মো নয়’।

খান বললেন, ‘আল মাসুদ আমাদের কাছে একটা মারাত্মক থ্রেট স্যার। যে তিনটে সংগঠন থেকে বর্ডারের ঘাঁটিগুলোতে সেনা যাচ্ছে, সেগুলোর মধ্যে সব থেকে বেশি ছেলে পাঠায় আল মাসুদ’।

চিফ তুষারের দিকে ফিরে বললেন, ‘উড়ান স্টার্ট করো তুষার। আমাদের আর অপেক্ষা করার মতো সময় নেই। ইসলামাবাদের কাছে অনেকবার আমরা আল মাসুদকে চেয়েছি, ওরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। ওরা যে দেবে না, তা আমাদের থেকে ভালো কেউ জানে না’।

তুষার মাথা নাড়লেন, মাথুরকে বললেন, ‘রুট ম্যাপের প্ল্যানটা চিফকে দাও’।

মাথুর একটা কাগজ এগিয়ে দিলেন চিফের দিকে। চিফ দেখে বললেন, ‘পারফেক্ট। একদম ঠিক আছে’।

তুষার খানকে বললেন, ‘তুমি তোমার কাজ শুরু করে দাও’।

খান বললেন, ‘ওকে স্যার’।

চিফ বললেন, ‘তোমরা দু’জন বাইরে অপেক্ষা করো। আমি তুষারের সঙ্গে কিছু কথা বলব’।

খান এবং মাথুর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন।

চিফ বললেন, ‘মৌলানা কাল জন্নতবাসী হচ্ছে। সৈকত পারমিশন চেয়েছিল, আমি গ্র্যান্ট করেছি’।

তুষার হেসে উঠলেন, ‘তোমার পারমিশন চাইছে আজকাল? ইন্টারেস্টিং!’ পরক্ষণেই গম্ভীর হয়ে বললেন, ‘ও নিজে থাকবে না তো’?

চিফ বললেন, ‘না। বালোচ সুইসাইড স্কোয়াড দায়িত্ব নিয়েছে। ও ধারেকাছে থাকবে না। ওর দেশলাই হবার দরকার ছিল, সে কাজে ও সাকসেসফুল’।

তুষার বললেন, ‘এতজন এজেন্ট একসঙ্গে পাকিস্তানে থাকবে! এটাই আমার চিন্তার কারণ’।

চিফ মাথা নাড়লেন, ‘যা বলেছ! ঠিক আছে, আগে তথাগত আসুক আজ, তারপর দেখা যাবে’।

.

হেইলি রোড শান্ত জায়গা। ফ্ল্যাটগুলো আরও শান্ত। অরুণ শর্মার নেমপ্লেট দেওয়া ফ্ল্যাটের দরজার সামনে এসে সে কলিং বেল বাজাল।

ভীষ্ম দরজা খুলে দিল। ভীষ্ম একজন বাউন্সার। সাড়ে ছ’ফুট লম্বা। মুখভর্তি দাড়ি। ভীষণ সন্দেহবাতিক। তার পেছনে কেউ আছে নাকি গলা বাড়িয়ে দেখে নিয়ে ভিতরে ঢুকতে ইশারা করল।

সে ঢুকে দাঁড়িয়ে রইল। এরকম আগেও হয়েছে। এখন ভীষ্ম তার তল্লাশি করবে। কিছু নিয়ে এসেছে নাকি। রিভলভার থাকলে অসুবিধে নেই। যেতে দেয়। ভীষ্ম অন্য কিছু খোঁজে। কী খোঁজে, জিগ্যেস করলে উত্তর দেয় না।

তথাগত বলল, ‘কেমন আছ ভীষ্ম?’

ভীষ্ম তার প্যান্টের পকেট টিপে টিপে দেখে ঘরের ভেতরে যাবার ইশারা করল। কোনও কথা বলল না। সে বলল, ‘এটা কিন্তু ঠিক না। তোমার কিছু অন্তত বলা উচিত। একেবারে কথা না বলে কী করে থাকো?’

ভীষ্ম এবারে কথা বলল, ‘বাজে না বকে ভিতরে যাও’।

তথাগত কাঁধ ঝাঁকিয়ে ঘরের ভেতরে ঢুকল।

ঘরের ভেতরে যে তিনজন বসে আছেন, তাদের কিছু হলে এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যেতে পারে।

তুষার রঙ্গনাথন। আই বি চিফ।

বিদুর কাপুর। ডেজিগনেশন জানে না সে। বলেন না কোনওদিন।

অতুল আস্থানা। ডেজিগনেশন জানা নেই। জানার পারমিশন নেই।

তাকে দেখে তুষার হাসিমুখে বললেন, ‘আয়, বোস’।

তথাগত সোফায় বসে ব্যাজারমুখে বলল, ‘স্যার, চারদিন ছুটি পেয়েছিলাম। গোয়াতে একটু রেস্ট নিতাম। সেটুকু সুযোগও দিলেন না। খুব জরুরি কিছু ব্যাপার?’

তুষার কফি খাচ্ছিলেন। বললেন, ‘কফি নিয়ে আয় আগে’।

তথাগত বলল, ‘আর কফি খাব না স্যার। তিনশো টাকার কফি খেয়েছি, আর দরকার নেই’।

অতুল বললেন, ‘কোনও মানে হয়? টাকা বেশি হয়ে গেছে নাকি? এই জন্য লোকজনের বিয়ে করা দরকার। ব্যাচেলর ছেলেমেয়েগুলো হাত খুলে খরচ করে, আর আমরা সেগুলো দেখে জ্বলে পুড়ে মরি। আমি তো এয়ারপোর্টে গেলে বউয়ের থেকে দূরে দূরে থাকি। কী জানি, কী খরচা করিয়ে দেবে!’

তথাগত চোখ বড় বড় করে বলল, ‘স্যার আপনি এই কথা বলছেন? আপনি?’

অতুল বললেন, ‘হ্যাঁ, আমি বলছি। আমি নিশ্চিত তুষার আর বিদুরেরও একই হাল’।

দুজনেই হাত তুললেন, ‘ইয়েস, সেম সিচুয়েশন’।

সে বলল, ‘আপনাদের জন্যই আমার আর বিয়ে হবে না স্যার। তাই আমাকে দেখে জ্বলে যান আপনারা। বলুন, আমার কথা মনে পড়ল কেন? কী এমন কাজ পড়ল যে আমার এত কষ্টের ছুটিটা আপনারা বরবাদ করে দিলেন!’

তুষার বললেন, ‘কাজ একটু জটিল’।

‘কেমন জটিল স্যার?’

বিদুর জোরে একটা নিঃশ্বাস নিয়ে বললেন, ‘জটিল, কারণ এই কাজটার জন্য আমাদের প্রথম যার কথা মনে হয়েছে, সে তথাগত। তুই আমাদের প্রথম এবং শেষ অপশন। তোর ছুটি শেষ হবার অপেক্ষা করলে দেরি হয়ে যেত’।

তথাগত তুষার স্যারের দিকে তাকাল। সে সাধারণত উত্তেজিত হয় না, এখন হচ্ছিল। সে যেটা ভাবছে, যদি সেটা হয়…

তুষার তার কাঁধে হাত রেখে বললেন, ‘লেভেল ফোর মিশন তথাগত’।

সে বুঝল, তার সন্দেহই ঠিক। লেভেল ফোর মিশনে স্লিপার সেলগুলোকে ঘুম থেকে তোলা হয়। কিন্তু সেটা কোনও ফোন বা ইমেলের মাধ্যমে হয় না। এই কোড এতটাই স্পর্শকাতর হয় যে এজেন্সি থেকে একজনকে অন্তত সশরীরে উপস্থিত থাকতে হয়।

বিদুর বললেন, ‘আমাদের এজেন্সির ইতিহাসে ১৯৭১-এর পর এই প্রথম কোনও লেভেল ফোর মিশন হবে। তোকে স্বয়ং তুষার রঙ্গনাথন সিলেক্ট করেছেন’।

তথাগতর চোখে জল চলে এল। বেঁচে আছে কী করতে? এই দিনটা দেখার জন্যই তো!

দিল্লিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এ বছর। রুম হিটার থাকা সত্ত্বেও শীত লাগছিল। বলল, ‘মিনিস্ট্রি পারমিশন এসে গেছে?’

তুষার বললেন, ‘সব এসে গেছে। রুল নাম্বার ওয়ান, গোটা সময়ে তুই আমাদের কারও সঙ্গে যোগাযোগ করবি না…’

সে তুষার স্যারকে থামিয়ে বলল, ‘আর ধরা পড়লে আপনারা আমার কেউ না’।

তুষার চুপ করে গেলেন।

অতুল তার পকেট থেকে একটা চিরকুট বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘নাম আর লোকেশন মুখস্ত করে আমাকে এটা ফেরত দিয়ে দে’।

সে চিরকুটটা নিয়ে পড়তে শুরু করল। গোটা ঘরে অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এল।

১৩

কোয়েটা।

মৌলানা শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছে বরকত খান। বরকত খানকে বাইরের ঘরে বসিয়ে রাখা হয়েছে। মৌলানার সশস্ত্র প্রহরীরা টহল দিচ্ছে।

বরকত রুমাল বের করে ঘাম মুছল। গরম আছে। কোত্থেকে এত গরম আসছে বোঝা যায় না। কোয়েটার অবস্থা অবশ্য কিছুদিন ধরে বেশ গরম। বালোচ বিদ্রোহীরা সেনার গাড়িতে গুলি চালিয়েছে। পাকিস্তান আর্মির সাতজন জওয়ান নিহত হয়েছে। ইসলামাবাদ সিদ্ধান্ত নিয়েছে, বালোচিস্তানে আরও বেশি সেনা মোতায়েন করবে।

‘ভেতরে যান’।

মৌলানার একজন নিরাপত্তারক্ষী বরকতকে বলল।

বরকত শশব্যস্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল।

ছোট একটা ঘর। মৌলানা বসে বসে টিভি দেখছে। বরকতকে দেখে বলল, ‘কী ব্যাপার? আপনাকে ইসলামাবাদ থেকে এখানে আসতে হল? ফোন করলে কাজ হতো না?’

বরকত বলল, ‘জনাব, হেড অফিস থেকে নির্দেশ আছে, আমি যেন আগে আপনার সঙ্গে এসে দেখা করি। আপনার জন্য জরুরি খবর আছে’।

মৌলানা বলল, ‘আমার জন্য জরুরি খবর? বলুন’।

চারদিকে তাকাল বরকত, এখনও দরজার কাছে দুজন নিরাপত্তারক্ষী আছে। মৌলানাকে ইশারায় জানাল, ঘর ফাঁকা হলে ভালো হয়।

মৌলানা নিরাপত্তারক্ষীদের ঘরের বাইরে পাঠিয়ে দিয়ে বলল, ‘এবার বলুন’।

বরকত বলল, ‘জনাব, আমাদের একটা সোর্স মারফত খবর পেয়েছি, বালোচরা আপনাকে মারবে ঠিক করেছে। ওদের কাছে আপনার এই ঠিকানাটা আছে। সব থেকে ভালো হয় আপনি যদি অন্য কোনও গোপন ডেরায় চলে যান’।

মৌলানা কয়েক সেকেন্ড হাঁ করে বরকতের দিকে তাকিয়ে হো-হো করে হেসে উঠল, ‘কে মারবে? বালোচরা? মানে ওই কুত্তার বাচ্চাগুলো? আর তার জন্য আমাকে চুহার গর্তে গিয়ে ঢুকতে হবে? ছি ছি ছি, আই এস আই-এর কী দশা হয়েছে! শেষে কিনা বালোচদের ভয় পেতে শুরু করেছে। তোবা তোবা! বালোচদের সাহস আছে? আপনার কি কোনও ধারণা আছে আপনি কী বলছেন?’

বরকত চুপ করে বসে রইল। মৌলানা বলল, ‘আপনি যেতে পারেন। এই নিশ্ছিদ্র নিরাপদ জায়গায় বালোচদের এত বড় সাহস হবে না। কী হয়েছে কি মিয়াঁ? আপনার কি শরীরের শক্তি কমে গেছে? নাহ্‌, আপনাকে আর দোষ দিয়ে কী হবে? পাকিস্তানের সেনারই তো সব হাওয়া বেরিয়ে গেছে। ইন্ডিয়ানদের আপনারা যা ভয় পান…’

মৌলানা হেসে যেতে লাগল।

বরকত উঠে দাঁড়াল, ‘আমাকে অনুমতি দিন মৌলানা। আমি ইসলামাবাদে ফিরব এখন’।

মৌলানা মাথা দুলিয়ে দুলিয়ে বলল, ‘ঠিক ঠিক ঠিক। আমাদের এজেন্ট সাহাব ইসলামাবাদে ফিরবেন। ইসলামাবাদ থেকে কোয়েটা এসেছেন আমাকে ভয় দেখাতে। এই, তোরা এজেন্ট সাহেবকে গেট অবধি নিয়ে যা। উহুঁ, তোরা কেন যাবি? আমি নিজেই যাব। চলুন বরকত সাহেব, চলুন’।

বরকতের কান, মাথা গরম হয়ে গেছিল। সে ঘরের বাইরে বেরোল। মৌলানা তার পেছন পেছন বেরোল। চিৎকার করে বলল, ‘শোন রে সবাই, বরকত সাহাব সেই ইসলামাবাদ থেকে আমাকে সাবধান করে দিতে এসেছেন। বালোচরা এত রাস্তা পাড়ি দিয়ে কোয়েটা এসে নাকি আমাকে মারবে? কোয়েটা! বরকত সাহাব আজকাল গাঁজা টানে মনে হয়। কোত্থেকে আসে গাঁজা? আমাকেও দেবেন, আমিও টেনে দেখব’।

সবাই হাসতে শুরু করল। বরকত তার গাড়ির দিকে এগোল। মৌলানা হো হো করে হেসেই যাচ্ছে। যেন খুব মজা পেয়েছে। দরজা খুলে গাড়িতে উঠে বসতে না বসতেই চারদিক কাঁপিয়ে একটা ‘দুম’ করে শব্দ!

বরকত দেখল, মৌলানার শরীরটা গড়িয়ে পড়ে গেল। সবাই ছুটে যাচ্ছে মৌলানার কাছে। বরকত বোঝার চেষ্টা করল কোত্থেকে গুলি চলেছে। মৌলানার বিল্ডিংয়ের উলটোদিকে একটা ছ’তলার বিল্ডিং নির্মীয়মান অবস্থায় আছে। বরকত সে দিকেই দৌড়ল। গেটের বাইরে গিয়ে বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে একবারে ছ’তলা অবধি উঠে হাঁফ ধরে গেল তার। কাউকে পাওয়া গেল না। মৌলানার সাঙ্গপাঙ্গরা মৌলানাকে ঘিরে ধরেছে।

একটা কালো রঙের পুরোনো মারুতি এস্টিম দ্রুত গতিতে রাস্তা দিয়ে চলে গেল।

বরকত গাড়িটার নাম্বার দেখার চেষ্টা করল। পারল না।

হতাশায় মেঝেতে পা ঠুকল সে।

ফোন বের করে রফিক আহমেদকে ফোন করল। রফিক ফোন ধরে বলল, ‘কোয়েটায় পৌঁছলে?’

বরকত ভাঙা গলায় বলল, ‘জি জনাব। একটা দুঃসংবাদ আছে’।

১৪

‘স্যার’।

খান মন দিয়ে ফয়সলাবাদের ম্যাপ দেখছিলেন। পীযূষের গলা শুনে বললেন, ‘বলো’।

পীযূষ বললেন, ‘একটা লিড আছে। কাজ করা যেতে পারে’।

খান পীযূষের দিকে ফিরলেন, ‘কী লিড?’

পীযূষ ট্যাব নিয়ে এসেছিলেন। খানের দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘আমানুল লতিফ। পেশোয়ারে বাড়ি। আই এস আই এজেন্ট। বেশ কিছুদিন ধরে ট্র্যাক রাখা হয়েছিল। আমরা পরিচয় দিইনি ভারতীয় এজেন্ট বলে। ওকে বলা হয়েছিল ফ্রি মার্কেটে ইনফরমেশন বেচতে হবে। প্রায় দু’সপ্তাহ ঝুলিয়ে রেখেছিল। আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। এখন কনসেন্ট পাঠিয়েছে। ক্রিপ্টো ট্রানজাকশন করা যায়’।

খান পীযূষের ট্যাবটা হাতে নিয়ে গোপন কোডে লেখা দুজনের কথোপকথন পড়লেন। শেষের দিকে তার মুখে হাসি ফুটল, ‘গুড। ওর আই এস আই যোগের প্রমাণ?’

পীযূষ পকেট থেকে তার ফোন এগিয়ে দিল, ‘এই যে’।

খান পীযূষের পিঠ চাপড়ে দিলেন, ‘ফাটিয়ে দিয়েছ! চলো তুষার স্যারকে বলি, দেখা যাক স্যার কী বলেন’।

পীযূষ বললেন, ‘স্যারের ঘরের বাইরে লাল আলো জ্বলছে। এখন যাওয়া যাবে না’।

খান বললেন, ‘তাই? কেউ এসেছেন?’

পীযূষ বললেন, ‘বিদূর স্যার এসেছেন’।

খান বললেন, ‘ওকে। তাহলে পরে যাব। তুমি বলো, ঠিক কী কী পাওয়া যাবে এই লতিফের থেকে?’

পীযূষ বললেন, ‘শুরুতে এমন কিছু ইনফো চাওয়া যাক, যেগুলো আমরা গুগলেই পাব। ইনফোর জন্য একটা প্রাইস অফার করা যেতে পারে। ধরুন, জিগ্যেস করলাম ইসলামাবাদের সুপ্রিম কোর্টের খোলার সময় কত। এর জন্য ওকে পঞ্চাশ হাজার টাকা অফার করলাম। এমন কিছু টাকা অফার করা হবে না, যার জন্য ওর সন্দেহ হবে। আবার এমন কিছু ইনফো চাওয়া হবে না যাতে ওর সন্দেহ হয়। জাল বিছানোর সময় যদি ঠিক করে জাল বিছানো যায়, যদি কমিউনিকেশন ঠিক করে করা যায়, তাহলে ওর লোভ বাড়তে থাকবে। এই লোভের অ্যাডভান্টেজটা আমরা নিতে পারব’।

খান খুশি হলেন, ‘এই ফাঁদে ফেলার প্রশ্নগুলো আমি তোমাকে বলে দেব। তবে পীযূষ, লতিফ ডাবল এজেন্টের কাজ করবে। ডাবল এজেন্টদের ক্ষেত্রে থাম্ব রুলগুলো তোমরা মেনে চলবে। এক, অন্ধের মতো ওর সব কথা বিশ্বাস করা যাবে না। দুই, আমাদের এজেন্টদের কোনও তথ্য ওর সঙ্গে শেয়ার করবে না। একটা সময়ে এসে ও ঠিক জানতে পারবে আমরা ভারতীয়। তখন যেন ওর কর্তব্যবোধ জেগে না ওঠে। তার আগেই যেন ওর লোভ ওকে শেষ করে দেয়। এক কাজ করো, সায়ক এর পরে যখন কন্ট্যাক্ট করবে, লতিফের সম্পর্কে যা যা তথ্য আছে, তার সবটা ওকে জানাবে। সায়কের কনফার্মেশন এলে আমরা এগোতে পারি’।

পীযূষ বললেন, ‘হ্যাঁ স্যার, আমরা এগোতে পারি। কিন্তু বাজেটের জন্য একটা সময়ের পরে গিয়ে আমরা সমস্যায় পড়তে পারি’।

খান বললেন, ‘ওকে আমাদের সীমিত সামর্থ্য দিয়েই ট্র্যাপে ফেলে দেব। লতিফ আই এস আইয়ে কাজ করে থাকলে একটা সময়ের পর ও আই এস আই সম্পর্কেও তথ্য দেওয়া শুরু করবে। আই এস আই কী প্ল্যান করছে, কাশ্মীরে কোন কোন লাইনে ইনফিলট্রেট করছে, এই প্রশ্নগুলো তখন করতে হবে’।

পীযূষ বললেন, ‘বাংলাদেশ থেকেও একটা থ্রেট আসছে স্যার। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই ওদেশে গিয়ে হানি ট্র্যাপড হচ্ছে। এর মধ্যে ইন্টেলেকচুয়ালরাও আছেন। আমার কাছে বেশ কয়েকজনের লিস্ট আছে। আমাদের দ্রুত স্টেপ নিতে হবে’।

খান বললেন, ‘কলকাতা অফিসে ইন্সট্রাকশন পাঠাও। আই নিড স্ট্রিক্ট সারভেইলেন্স। প্রয়োজনে দে ক্যান মনিটর এভরি কমিউনিকেশন’।

পীযূষ মাথা নাড়লেন, ‘অলরেডি স্টার্টেড স্যার। বাংলাদেশ নিয়ে বাঙালিদের অনেক আবেগ কাজ করে। দেশভাগ ব্যাপারটাই তেমন। কখন আই এস আই এদের মগজ দখল করে নেয়, এরা নিজেরাও জানে না’।

খান বললেন, ‘দেখো তো, তুষার স্যারের চেম্বারের আলোর কী খবর? লতিফের ব্যাপার আপডেট করাটা সবার আগে দরকার’।

পীযূষ বললেন, ‘ঠিক আছে স্যার। এখনই দেখে বলছি’।

খানের চেম্বার থেকে বেরোতেই পীযূষ দেখলেন তুষার হাসিমুখে তাদের দিকেই আসছেন। পীযূষকে দেখামাত্র তার কাঁধে হাত রেখে উল্লসিত কণ্ঠে বললেন, ‘ভালো লাড্ডু আনাও পীযূষ, কোয়েটার মৌলানা এই মাত্র উপরে চলে গেছে!’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *