৭০
ইসলামাবাদ।
দুপুরবেলা।
অমল পরোটা মাংস জোগাড় করে এনেছে। রাণা গোগ্রাসে গিলছিল।
তৃপ্ত কণ্ঠে বলল, ‘মাইরি অমলদা, তোমাকে গাদাখানেক চুমু খেলাম। কী যে বাঁচালে! আরেকদিন ম্যাগি খেলে আমি পাগল হয়ে যেতাম!’
অমল বলল, ‘আমার মনে হয় না খাওয়া নিয়ে কোনও সমস্যা হবে। ইসলামাবাদ স্বাভাবিক আছে। তবে সেটা বাইরে থেকে মনে হল। সিসিটিভি ক্যামেরা বাঁচিয়ে থাকাটাই নিরাপদ’।
রাণা বলল, ‘দিল্লি কী বলছে? আমরা বেরোব না থাকব?’
অমল বলল, ‘ফোন করেছিলাম। নিরাপদ জায়গায় থাকার অর্ডার আছে। আমার এই বাড়িটাই নিরাপদ লাগছে। ধারেকাছে কেউ নেই। এই চত্বরে কোথাও ক্যামেরা নেই। এক প্রকার পরিত্যক্ত হয়েই আছে’।
রাণা বলল, ‘আসগর আলির মতো আর কোনও মাল নেই কাছেপিঠে? ঠুকে দিয়ে আসা যেত!’
অমল বলল, ‘থাকবে না কেন? পাকিস্তান হল জঙ্গিদের স্বর্গরাজ্য। কত সংগঠন আছে জানো? আমি যদ্দুর জানি, অন্তত বারোটা সংগঠন এখানেই আছে। হরকত উল আনসার, আল বদর, জামাত উল মুজাহিদিন, লস্কর এ জব্বর, আল বারক, তেহরিক ই মুজাহিদিন… আরও… নাম মনে পড়ছে না। মুজফফরাবাদে অসংখ্য সংগঠন অপারেট করছে। এরা, এদের ব্রাদার অর্গানাইজেশন, সিস্টার অর্গানাইজেশন, কী নেই! পাকিস্তান এদের সরাসরি পোষে। পৃথিবীকে দেখায় ওরা কিছুই জানে না। আদতে এদের মতো মিথ্যেবাদী দেশ খুব কম আছে। টেরর ফান্ডিংয়ের সঙ্গে সবাই যুক্ত। তবে আমেরিকা বুঝেছিল লাদেনদের পোষার ফল কী হতে পারে। যতদিন না পৃথিবীর সব দেশ এদের ভয়াবহতা বুঝতে পারবে, ততদিন সমস্যা থাকবেই। অনেক দেশ পুষেছে, তারপর এরা ওদের মাথায় চেপে বসেছে। কে নেই এই দলে?’
রাণা বলল, ‘হ্যাঁ, মানবিকতার খাতিরে সহানুভূতি মারাতে গেছিল। তারপর নিজেরাই মাড়িয়েছে’।
অমল হাসল, ‘ইয়েস। ব্যাপারটা সেরকমই। তুমি যেটা চাইছ, সেটা দমদম জংশনের পাখি সাইজের মশা মারার মতো। ঘরের মধ্যে গাদাগাদা ঢুকে বসে আছে, অন্ধকার ঘরে একটাকে মারলে, বাকিগুলো থেকেই যাবে’।
রাণা বলল, ‘তোমার কী প্ল্যান?’
অমল বলল, ‘রাতে ভালো বিরিয়ানি জোগাড় করা’।
রাণা উত্তেজিত হয়ে বলল, ‘আর এই জন্তুগুলো এভাবে খোলা মাঠে ঘুরে বেড়াবে? আমরা কিছু করতে পারব না?’
অমল বলল, ‘আমাদের কাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কাজ হল এভাবে অপেক্ষা করা। সেটা করা যাক। তোমাকে তো আমি রোজ বোঝাচ্ছি রাণা। এটাও কাজের একটা পার্ট’।
রাণা বলল, ‘হুঁ। ঠিক আছে। অপেক্ষা করা যাবে। কিন্তু তুমি তুষার স্যারকে জানিয়ে দিও আমি তৈরি’।
অমল বলল, ‘হ্যাঁ, তবে আসগর আলির মতো ফাঁকা মাঠ আর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ওরা সতর্ক’।
রাণা বলল, ‘তুমি এখন টার্গেট করতে হলে কাকে করতে?’
অমল বলল, ‘লাভ নেই। আমার টার্গেট এখানে থাকে না’।
রাণা বলল, ‘কে?’
অমল বলল, ‘সময় হলে বলব। এই লোকগুলো ঠান্ডা মাথায় নিরীহ মানুষদের খুন করে। আর যা যা করে…’ অমল উঠে দাঁড়াল, ‘আমি একটু বেরোচ্ছি। একজনের ডেরা এখনও ওই একই জায়গায় আছে নাকি দেখে আসি’।
রাণা বলল, ‘রাস্তায় যদি ক্যামেরা থাকে?’
অমল বলল, ‘বুঝে নেব। তবে তুমি বেরিও না’।
রাণা বলল, ‘হঠাৎ কী এমন হল যে এখনই বেরোনোর কথা মনে পড়ল?’
অমল হাসল, বলল, ‘কিছু কিছু পুরোনো হিসেব থাকে, যার কথা হঠাৎ মনে পড়ে। ধরে নাও এটা সেই’।
রাণাও হাসল, ‘ফিরবে তো? নাকি মেরেটেরে ওখানেই পড়ে থাকবে? তাহলে আমি কী করব?’
অমল তৈরি হতে শুরু করল, ‘কিছু করবে না। যে কোনও পরিস্থিতিতে ফোন থেকে ওই নাম্বারে একটা মেল করবে। তার দরকার হবে না। আমি ওরকম কোনও কিছুতে যাচ্ছি না। ইসলামাবাদ যেখানে টেররিস্টদের রাখে, সেখানে ক্যামেরা থাকে না। আর সেগুলো তারা চোখের সামনেই রাখে’।
রাণা বলল, ‘যন্তর কিছু নেবে?’
অমল বলল, ‘দরকার হবে না। আবার বলছি, এখানেই থাকবে, বেরোবে না। ক্লিয়ার?’
রাণা বলল, ‘ক্লিয়ার’।
৭১
খাইবার পাখতুনখোয়ার কথা মাহি জানেন না, এমন নয়। কিন্তু মাঝরাতে যখন একের পর এক গুলির শব্দ আসতে শুরু করে, তখন ভয়ে বুক শুকিয়ে যায় তার। আজকাল হাত পা কাঁপে। শরীর খারাপ হয়। বমি করে ফেলেন যখন তখন। সকাল বিকেল শুধু খাবার দেয়। নোংরা অপরিচ্ছন্ন বাথরুম। মাঝে মাঝে আশেপাশের ঘর থেকে কোনও বাচ্চা ছেলে বা মেয়ের চিৎকার শোনা যায়। এরা পুস্তু ভাষায় কথা বলে। নিজেদের মধ্যে আস্তে কোনও কথা বলতে পারে না। মাঝে মাঝে উচ্চস্বরে হাসাহাসি করে। মাঝরাতে চটুল গান চালিয়ে নাচানাচি করতে করতে আকাশে গুলি চালায়। যখন ইচ্ছে হয়, মেয়েদের তুলে নিয়ে আসে। সেই মেয়েদের কান্নাকাটির শব্দ আসে। মাহি কানে হাত দিয়ে বসে থাকেন।
যেদিন আবু ইব্রাহিম আসে, সেদিন লোলচর্ম বৃদ্ধ জিভ দিয়ে তার শরীর
চাটে, আদর করে। শক্ত বিছানায় তার শরীরের উপর আবু ইব্রাহিমের ভারী শরীরটা চেপে বসে। আজকাল আর বাধা দেন না মাহি। বাধা দিয়ে বিশেষ কোনও লাভ হয় না।
একদিন আমান এল। মাহি তখন শুয়ে ছিলেন। দরজা খুলতে রোদ এসে পড়ল ঘরের ভেতর। আমান বলল, ‘মাহি বালোচ, সব ঠিক আছে?’
মাহি উঠলেন না। পড়ে রইলেন।
আমান বলল, ‘কত সৌভাগ্যবতী হলে আবু ইব্রাহিমের সঙ্গে এক খাটে শোয়া যায়! শুধু আপনার জন্য অ্যাবোটাবাদ থেকে পেশোয়ারে এসে থাকছেন। মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছেন।’
মাহি বললেন, ‘তাহলে তোর আম্মিকে নিয়ে এসে শোয়া’।
আমান হাসতে হাসতে বলেছিল, ‘আমার আম্মি এখানেই ছিল। বেঁচে থাকলে তোর সঙ্গে পরিচয় করাতাম’।
মাহি মুখ ফিরিয়ে শুয়ে আছেন।
আমান বলল, ‘ইন্ডিয়ান কুত্তা ভালো লাগে তোর তাই না? ওই নাইট পার্টি, মোটা মোটা মাড়োয়ারি প্রোডিউসারগুলো যখন তোর গায়ে উঠেছিল, তখন খুব ভালো লেগেছিল, তাই না?’
মাহি বলেছিলেন, ‘আমার গায়ে কোনও মাড়োয়ারি প্রোডিউসার ওঠেনি’।
আমান হেসেছে। বলেছে, ‘সে কথা কি তুই আর এখন স্বীকার করবি? তোরা ইন্ডিয়াতে কেন যাস? সিনেমা করতে তো যাস না। তোরা যাস শুধুমাত্র ওখানকার লোকেদের সঙ্গে শুতে। এখন দেখ, আমাদের হিরোদের সঙ্গে শুতে কেমন লাগে। আবু ইব্রাহিম ইন্ডিয়ানদের আজরাইল। নিজের গুনাহ এভাবেই মেটাতে হবে তোকে’।
মাহি উত্তর দিলেন না। আমানের প্রতিটা শব্দে তীব্র ঘৃণা ফুটে বেরোচ্ছে।
আমান বলল, ‘যাই হোক, যে কারণে আমি এখানে এলাম, কাল সকালে তোর একটা ভিডিও রেকর্ড হবে। সবাইকে জানাবি ভুল পথ ছেড়ে আবু ইব্রাহিমের বলে দেওয়া মুক্তির পথে তুই কত ভালো আছিস। এই দেশের সবাই যেন তোর পথে চলে। একসময় যে পাপের কাজ করেছিস, সে পথ ছেড়ে তুই পুণ্যের পথে এসেছিস। আগের ভিডিওতে তুই যেমন ক্ষমা চেয়েছিলি, সেরকম আবার ক্ষমা চাইবি, বলবি আবু ইব্রাহিমরা যেভাবে দেশ চালাতে চায়, সেভাবেই পাকিস্তান একদিন পৃথিবীর মধ্যে এক নম্বর শক্তি হয়ে উঠবে। ঠিক আছে?’
মাহি বললেন, ‘আমি কোনওদিন এই ভিডিও করব না’।
আমান হাসল, ‘তোর চোদ্দোগুষ্টি করবে। তোকেই করতে হবে। এখানে থেকে বেরোতে চাস না? নাকি সারাজীবন এখানেই পচে মরার ইচ্ছে আছে? ভিডিও বানা। তারপর আমি কথা বলব’।
মাহি বললেন, ‘মিথ্যে কথা’।
আমান বলল, ‘বলে দেখ’।
আমান দরজা বন্ধ করে চলে গেল। মাহি পড়ে রইলেন একইভাবে। রাতে আবু ইব্রাহিম এল। দুর্গন্ধময় শরীরটা আবার তাকে পিষতে শুরু করল। যাওয়ার আগে বলল, ‘আমান ভিডিও করার কথা বলেছে?’
মাহি বললেন, ‘জি’।
আবু ইব্রাহিম বলল, ‘ভিডিওটা আমাদের দরকার। কাল সকালেই দরকার’।
মাহি উত্তর দিলেন না।
আবু ইব্রাহিম বলল, ‘আমি বলে দিলে লাহোরের সব হাউজ তোকে আবার কাজ দেবে। কাজ করার ইচ্ছে নেই?’
মাহি চুপ করে বসে রইলেন।
৭২
করাচি।
তবসসুম বেগম সকাল দশটা নাগাদ বাজারে বেরোল। এই সকালেই রোদ উঠে পুড়িয়ে দিচ্ছে। কিছুদিন পর একটা পরব আসছে। চারদিকে তার তোড়জোড় চলছে। বাজারে লাল সবুজ কাগজ কেটে কেটে সাজানো হয়েছে।
তবসসুম হাঁটতে হাঁটতে কসমেটিক্সের দোকানের সামনে গিয়ে দাঁড়াল। আজ মেয়েদের ভিড় একটু বেশি। সে একটা কাগজ দোকানদারের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘এগুলো দিয়ে দিন ভাইজান’।
চারদিকে তাকিয়ে ভালো করে দেখে নিল। না, আগের দিনের মেয়েটা কোথাও নেই।
দোকানদারের থেকে জিনিসগুলো নিয়ে সে তার পুরোনো মহল্লার দিকে রওনা দিল। সকালের দিকে লোক কম থাকে, এইসময় মেয়েরা সবাই ঘুমায়, সারারাত জেগে তারা ক্লান্ত হয়ে থাকে। মহল্লার দালাল, একসময়ে তাকে গালাগাল দিয়ে ডাকত, আর এখন তাকে দেখে সালাম করছে। তবসসুম পাত্তা দিল না।
পুরোনো দিনের বিল্ডিং, ইট খসে পড়ছে। টুনি লাইট জ্বালিয়ে চকচকে করার প্রাণপণ প্রচেষ্টা চলে রাতে। এখন যেন আরও বেশি করে মহল্লার কঙ্কাল বেরিয়ে আসছে।
রাবেয়া বেগম তার কোঠিতে বসে রান্নার তদারকি করছিল। তবসসুম সরাসরি তার কাছে গিয়ে সালাম দিল।
রাবেয়া বেগম খুশি হয়ে বলল, ‘আয় আয়। আজ সূর্য কোনদিকে উঠেছে? ওরে আমার মেয়েরা, এসে দেখে যা কে এসেছে’!
মুহূর্তের মধ্যে কোঠির সব মেয়েরা এসে তবসসুমকে ঘিরে ধরল। কত ছোট ছোট মেয়ে, আট ন’ বছরের মেয়েও আছে। ওদের দেখে তবসসুমের নিজের কথাই মনে পড়ে গেল। চোখ ভিজে উঠল।
তবসসুম রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বলল, ‘কেমন আছ বেগম?’
বেগম বলল, ‘ভালো নেই। কত রোগ আমার। ক’দিন বেঁচে থাকব কে জানে! একদিন সকালে উঠে খবর পাবি আমি আর নেই। তখন কাঁদবি আমার জন্য?’
তবসসুম সত্যি সত্যি কেঁদে ফেলল, অনেক কান্না জমেছিল তার। বেগম তবসসুমের মাথায় হাত বুলিয়ে বলল, ‘কী হয়েছে তোর?’
তবসসুম বলল, ‘জায়নাবকে ডেকে দাও বেগম। ওর সঙ্গে আগের দিন বাজারে দেখা হয়েছিল, কোথায় ও?’
বেগম বলল, ‘জায়নাবকে? আচ্ছা ডাকছি। এই দেখ তো তোরা জায়নাব কোথায় আছে’!
বেগমের কথা শেষ হবার আগেই মেয়েরা দৌড়ে গিয়ে একটা বাচ্চা মেয়েকে ধরে নিয়ে এল। বেগম বলল, ‘এই তো জায়নাব। কিছুদিন আগে আমার কাছে এসেছে। এর কথা জানলি কী করে?’
তবসসুম বলল, ‘জানি। আমি শুধু দেখতে এলাম। ওর সঙ্গে আমার বাজারে দেখা হয়নি। অন্য কারো সঙ্গে হয়েছিল’।
বেগম অবাক হল, ‘অন্য কেউ মানে? আমি তো একজন জায়নাবকেই চিনি’।
তবসসুম বলল, ‘ছাড়ো। ও কিছু না। তোমার কথা বলো’।
বেগম বলল, ‘আমি রান্নাটা দেখে আসছি। তুই মেয়েদের সঙ্গে কথা বল’।
তবসসুম তাই করল। সব মেয়েদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলল।
কেউ ছোটবেলায় এখানে এসেছে, কাউকে অন্য মহল্লা থেকে দালালরা কিনে নিয়ে এসেছে। রাবেয়া বেগমের কোঠি সবসময় গমগম করে। এই মেয়েদের কাছে সে একটা বিস্ময়। মহল্লা থেকে বেরিয়ে আলাদা থাকে সে। আবার ইচ্ছে করলে মহল্লায় ঘুরতেও আসতে পারে। এত ক্ষমতা আর কার থাকতে পারে?
প্রায় এক ঘণ্টা পর রাবেয়া বেগম বাকি মেয়েদের তাড়িয়ে তবসসুমের হাত ধরে তাকে তার ঘরে নিয়ে গেল। বলল, ‘এবার সত্যি করে বল, তুই কেমন আছিস?’
.
তবসসুম বলল, ‘আমার নিকাহ হবে বেগম। ও আমাকে বিয়ে করবে বলেছে’।
রাবেয়া বেগম হাসি হাসি মুখে বসে রইল।
তবসসুম অধীর হয়ে বলল, ‘কী হল তোমার?’
রাবেয়া বলল, ‘তোর মুখে, হাতে কালশিটে পড়ে গেছে। গলার কাছটায় ছুরি চালিয়েছিল নাকি?’
তবসসুম ফ্যাকাসে মুখে বলল, ‘জি’।
রাবেয়া বলল, ‘বিয়ের পরেও এভাবেই মারবে তোকে। তারপর একদিন মেরেই ফেলবে। তুই নিজেও জানিস, তাই না?’
তবসসুম শিউরে উঠল, ‘এমন কথা বলছ কেন বেগম? ও আমাকে ছাড়া অন্য কোনও মেয়ের দিকে তাকায়ও না’।
রাবেয়া হাসল। বলল, ‘পান খাবি?’
তবসসুম মাথা নাড়ল, ‘না, খাব না’।
রাবেয়া বলল, ‘মদ?’
তবসসুম আবার মাথা নাড়ল, ‘না’।
রাবেয়া হাসল, ‘আমাকে বিশ্বাস করিস তুই? তোর মা তোকে ফেলে রেখে চলে গেছিল হতভাগী, আমি তোকে বড় করেছি। এই পাপের দুনিয়ায় নিয়ে এলেও তোকে আমিই রক্ষা করেছি প্রতিবার। ওই শয়তানের হারেমে কতদিন রাখবে তোকে? তোর বয়স হচ্ছে। আর রেখে লাভ আছে ওর?’
তবসসুম মাথা নিচু করল। সেও জানে, বুড়ি মিথ্যা বলছে না। তবু মন উতলা হয়ে যাচ্ছে।
রাবেয়া বলল, ‘জানলা দিয়ে নীচের দিকে দেখ। একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখবি। ওকে তনবীর তোর পেছনে পাঠিয়েছে। তুই কোথায় যাস দেখার জন্য। দেখ’।
তবসসুম উঠে দাঁড়িয়ে জানলা থেকে উঁকি মারল। সত্যিই একটা ছেলে দাঁড়িয়ে আছে।
রাবেয়া বেগম বলল, ‘ও তোকে বিশ্বাস করে না। অথচ তুই ওকে কেমন অন্ধবিশ্বাস করিস’।
তবসসুম রাগী গলায় বলল, ‘তুমি আমাকে ওর বিরুদ্ধে উসকে যাচ্ছ কেন বেগম? তোমার উদ্দেশ্য কী?’
বলল, ‘তোর ধারণা তনবীরের জীবনে তুই একাই মেয়ে তাই না? এই দেখ, আমার লোকেরা মোবাইলে ছবি পাঠিয়েছে। তোর তনবীর জিনাতের কোঠিতে প্রায়ই যায়। তুই জানিস না, সেটা অন্য কথা। ওখানেও একটা মেয়ে আছে ওর। তোকে এখানে যেমন রাখত, ওকে তেমন রাখা হয়। কোনও খদ্দের ওর কাছে যায় না। একা একা থাকে মেয়েটা। কোনদিন দেখবি তোর ফ্ল্যাটেও ওকে নিয়ে তুলেছে। যদি ততদিন অবশ্য তোকে বাঁচিয়ে রাখে’।
তবসসুম চমকে উঠে রাবেয়ার হাত থেকে ওর মোবাইল নিয়ে ছবিগুলো দেখতে শুরু করল। ঠিকই তো। তনবীর জিনাত বেগমের কোঠিতে ঢুকছে, ফটোতে তারিখ আর সময়ও দেওয়া আছে। অথচ তাকে বলে দোকানে যাচ্ছে। কোনওদিন বলেছে কাজ আছে হায়দ্রাবাদে যাচ্ছে। দু’রাত তো ফেরেওনি।
তার দু’চোখ দিয়ে জলের ধারা পড়তে শুরু করল। দিনের পর দিন এত মার খেয়েছে, এত কিছু করেছে একটাই কারণে। সে জানত আর যাই করুক, তনবীর আসলে তাকে ভালোবাসে। আর কাউকে কোনওদিন ভালোবাসতে পারে না। এই ছবিগুলো যেন তার পৃথিবী শেষ করে দিচ্ছিল। সব স্বপ্ন মিথ্যে করে দিচ্ছিল। কাল রাতে এত স্বপ্ন দেখেছিল সে, আসলে সব মিথ্যে?
রাবেয়া বলল, ‘আম্মু আমার, আমার কথা শুনবি? আমার কাছে এসে থাকবি, আমি দেখব তোকে। শুধু আমি যা বলি, তাই মেনে চল’।
তবসসুম বলল, ‘মেনে চলব বেগম। আমার জীবনটাই তো মিথ্যে হয়ে গেছে। আর ওকে বিশ্বাস করতে পারব না’।
রাবেয়া বেগম বলল, ‘তুই আমার কথা শুনবি? সত্যি?’
তবসসুম মাথা নাড়ল, ‘জি। কী করতে হবে আমাকে?’
রাবেয়া বেগম হাতে তালি দিল।
ঘরের মধ্যে আগের দিনের বাজারে দেখা মেয়েটা এসে উপস্থিত হল।
তবসসুম উত্তেজনায় রাবেয়ার হাত ধরে ফেলল। রাবেয়া শান্ত কণ্ঠে বলল, ‘ওকে ধরতেই তনবীর তোকে বিয়ের টোপ দিয়েছে আম্মু’।
৭৩
মাদ্রাসা ক্যাম্প, খাইবার পাখতুনখোয়া।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তবু খোদ পাকিস্তানের বাসিন্দারাও এখানে আসতে ভয় পায়। আইনের শাসন বলে কিছু নেই। মেয়েদের বাড়ি থেকে বেরোনোর বিষয়ে গাদা গাদা বিধিনিষেধ। পাহাড়ের গায়ে গড়ে উঠেছে বিভিন্ন ক্যাম্প। আবু ইব্রাহিমই এ অঞ্চলের একচ্ছত্র সম্রাট। খাইবার পাখতুনখোয়ায় তার ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না। পাকিস্তান সেনাবাহিনীর সদ্য জয়েন করা কিছু সেনাদেরও এখানকার কোনও কোনও ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং নেবার জন্য পাঠানো হয়। একদিকে আই এস আই, অন্যদিকে তেহরিক ই তালিবানের অসংখ্য শিক্ষানবিশ এখান থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়।
ভোরবেলা ঘুম থেকে উঠে আবু ইব্রাহিম আগে মাদ্রাসা ক্যাম্পে গেল। দাঁড়িয়ে থেকে ক্যাম্পের ছেলেগুলোর আর্মস ট্রেনিং দেখল। ছেলেগুলোর নিশানা দেখে খুশি হল। কয়েকটা ছেলে তাকে দেখে অতিরিক্ত উৎসাহিত হয়ে পড়ল। ক্যাম্পগুলোতে আবু ইব্রাহিমের ভাষণ শোনানো হয় ওদের উজ্জীবিত করার জন্য। সে লোকটাকে সামনাসামনি দেখার ফলে স্বভাবতই তারা খুবই খুশি হয়েছে।
আবু ইব্রাহিম কয়েকজনকে কাছে ডেকে বলল, ‘উপরওয়ালা সবাইকে জিহাদ বাস্তবায়িত করার জন্য নির্বাচিত করেন না। খুব কম মানুষকে করেন। তোমরা আনন্দিত হও। নিজেদের আত্মবলিদানের জন্য প্রস্তুত হও। আমি আবার আসব। দেখে যাব তোমাদের ট্রেনিং কেমন চলছে’।
আবেগে চোখে জল এল সবার। আবু ইব্রাহিম খুশি হল। সবকিছু তবে ঠিক পথেই চলছে।
নিজের মনে বলল, ‘মাশাল্লাহ, অ্যাবোটাবাদের ছেলেদের থেকে এখানকার ছেলেরা কোনও অংশে কম যায় না। ওরা আমাদের নাম উজ্জ্বল করবে’। একজন সাগরেদকে প্রশ্ন করল, ‘বাংলাদেশের ছেলেটা কোথায়?’
সে বলল, ‘ওকে আপনি আলাদা বিল্ডিংয়ে রাখতে বলেছিলেন জনাব। ওকে সেভাবেই রাখা হয়েছে।’
আবু ইব্রাহিম তার মেহেন্দি করা দাড়িতে হাত বুলিয়ে বলল, ‘কোথায় রাখা হয়েছে?’
‘আসুন জনাব’।
মাদ্রাসার মূল বিল্ডিং-এর বাইরে ছোট একটা বিল্ডিং। আবু ইব্রাহিমকে সেই বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হল। বাইরে থেকে তালা দেওয়া একটা বাড়ি। তালা খুলে দিল ওরা। আবু ইব্রাহিম বিল্ডিংয়ে ঢুকল। ভেতরে গিয়ে দেখা গেল বিল্ডিংটার মাঝের মাঠে ছেলেটা একা একা দৌড়চ্ছে।
তাকে দেখে ছেলেটা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ছুটে এসে তার পায়ে পড়ল, ‘মালিক’।
আবু ইব্রাহিম বলল, ‘কেমন আছ আসাদুর?’
আসাদুর বলল, ‘জি ভালো আছি জনাব’।
আবু ইব্রাহিম বলল, ‘তুমি তৈরি?’
আসাদুর বলল, ‘জি জনাব’।
আবু ইব্রাহিম বলল, ‘তোমার মকসদ কী?’
আসাদুর পাখি পড়ার মতো বলে চলল, ‘হিন্দুস্তানের বরবাদী আমার মকসদ। আমি নিজে মরব, কিন্তু হিন্দুস্তানের যে ক’জন দুশমনকে হাতের সামনে পাব, তাদের আমি শেষ করে মরব। আমার হাত থেকে কেউ বাঁচবে না। কেউ না’।
আবু ইব্রাহিমের মুখ হাসিতে উদ্ভাসিত হল, ‘মাশাল্লাহ। আমি যেমন চেয়েছিলাম, তুমি তেমন তৈরি হয়েছ। তুমি আজ রওনা দেবে। তোমার রুট ম্যাপ কী হবে আসাদুর?’
আসাদুর একইভাবে বলল, ‘কাঠমান্ডু থেকে বীরগঞ্জ হয়ে রক্সৌল, সেখান থেকে কলকাতা। কলকাতা থেকে দিল্লি জনাব’।
আবু ইব্রাহিম আসাদুরের মাথায় হাত রেখে বিড়বিড় করে মন্ত্র পড়ে বলল, ‘তৈরি হয়ে নাও’।
আসাদুর ঝুঁকে কদমবুসি করল। বলল, ‘জি জনাব’।
আবু ইব্রাহিম বিল্ডিং থেকে বেরিয়ে তার এক সাগরেদকে বলল, ‘ওদের ফোন করো। ইসলামাবাদ এয়ারপোর্টে আসগরের পাসপোর্টসহ যা যা ডকুমেন্ট আছে, তা যেন ওর হাতে পৌঁছে যায়। আমি আরেকটা কাজ সেরে আসছি’।
আবু ইব্রাহিম মাহির ঘরের দিকে হাঁটতে শুরু করল।
ঘরটার দরজা বাইরে থেকে তালা বন্ধ। আবু ইব্রাহিম দরজার কাছে এসে দাঁড়াতেই এক মহিলা ছুটে এসে তালা খুলে দিল।
আবু দরজা খুলে দেখল মাহি শুয়ে আছেন সম্পূর্ণ নগ্ন অবস্থায়। সে রাগী কণ্ঠে বলল, ‘এ কী, তোমার ভিডিও করার কথা না এখন? তুমি শুয়ে আছ কেন?’
মাহি সাড়া দিলেন না। আবু ইব্রাহিম মহিলাটিকে বলল, ‘কী হয়েছে এর? পানি নিয়ে এসে জাগাও’।
মহিলাটি দৌড়ে গিয়ে জল নিয়ে এসে মাহির চোখে মুখে দিতে শুরু করল। চোখে জল পড়তে মাহি ধড়মড় করে উঠে বসলেন। আবু ইব্রাহিম বলল, ‘তৈরি হয়ে ভিডিও করো। আমি আমানকে আসতে বলছি। তোমাকে আজ ইসলামাবাদে নিয়ে যাওয়া হবে’।
মাহি বিড়বিড় করে কিছু একটা বললেন। আবু শুনতে পেল না। বলল, ‘জোরে বলো’।
মাহি চিৎকার করে উঠলেন, ‘আমি কোনও ভিডিও করব না। গো টু হেল’।
আবু রাগল না। শান্ত কণ্ঠে বলল, ‘এখনই মরে যাবার প্ল্যান করছ? মরে গিয়ে কী লাভ? বেঁচে থাকতে হবে না বিবি? আমি বললে এই মাঠে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে আমার ছাত্ররা ইট ছুড়েই মেরে ফেলবে। সে যন্ত্রণা নেবার দরকার আছে কি? করে ফেলো। তারপর তোমার আরও কাজ আছে। আমি আর পনেরো মিনিট দেখব’।
মাহি জোরে জোরে শ্বাস ফেলে মেঝে থেকে তার কাপড় কুড়িয়ে গায়ে দিলেন। চোখের জল মুছে বললেন, ‘ঠিক আছে’।
আবু ইব্রাহিম খুশি হয়ে মাহির ঘর থেকে বেরোল। আজকের দিনটা অসাধারণ। সব কাজ নির্বিঘ্নে হয়ে যাচ্ছে…।
৭৪
কোয়েটা।
মেজর হুসেন খোশমেজাজে ক্যাম্পের বাইরে পায়চারি করছে। গত তিনদিনে এলাকার বেশ কয়েকটা গ্রামে সেনাবাহিনী একের পর এক অভিযান করেছে। বেশ কিছু বিদ্রোহী বালোচকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারা হয়েছে। উপরমহল থেকে শাবাশি পাঠানো হয়েছে তাকে।
স্বয়ং ব্রিগেডিয়ার ফোন করে তাকে বলেছে হুসেনের কর্মকাণ্ড তাকে পূর্ব পাকিস্তানে করা পাক বাহিনির সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী ভৌগোলিক অবস্থানের জন্য নাক গলাতে পেরেছিল। এখানে সে সম্ভাবনা নেই। মেজর হুসেনকে সবরকম স্বাধীনতা দেওয়া হল। সে যেভাবে খুশি, তার ইচ্ছেমতো এ অঞ্চলকে তার পায়ের তলায় নিয়ে আসতে পারবে।
সেপাইরা আয়োজন করে রান্না করছে, মাংসের গন্ধ ম-ম করছে। মেজর ক্যাম্পে হাঁটতে হাঁটতে শীতল হাওয়া অনুভব করল। একজন সেপাইকে হাত নেড়ে ডাকল। সেপাই তার কাছে এসে দাঁড়িয়ে স্যালুট করতে হুসেন বলল, ‘ক্যাম্পের পাহারায় যারা আছে, তারাও এখানে রান্না করতে এসেছে নাকি? বাইরে কারা আছে?’
সেপাই বলল, ‘জনাব, পালা করে পাহারাদারি চলছে। চিন্তার কোনও কারণ নেই’।
মেজর বলল, ‘ঠিক আছে। আমি দেখে আসছি। তোমরা রান্না করো’।
হাঁটতে হাঁটতে মাঠের বাইরের দিকে গেল হুসেন। মাঠের মধ্যে ক্যাম্প ঘিরে কাঁটাতার দিয়ে সীমানা করা হয়েছে। বস্তা ফেলে সেপাইদের পোস্টিং করা হয়েছে। দেশের মধ্যেই এত কিছু বলে সেপাইরা খুব একটা গা করছে না। কোয়েটার রাস্তায় বেরোলেও বোঝা যায় না যে, যেকোনও সময় এলাকায় আগুন জ্বলে উঠতে পারে। মেজর ওয়াকিটকি নিয়ে তার অধঃস্তন অফিসারদের ধমক দিয়ে নজরদারি আরও বাড়ানোর জন্য বলে দিল।
জহিরের জন্য সত্যি সত্যি মন খারাপ হয় তার। এই অঞ্চল লোকটার নখদর্পণে ছিল। সে রাতে তাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি অতর্কিতে ওভাবে হামলা হতে পারে। সে থাকলে কোয়েটা শাসন একবারে জলভাত হয়ে যেত।
গেটের বাইরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে একজন নেমে সেপাইদের সঙ্গে কথা বলছে। মেজর গেটে ফোন করল। ও প্রান্ত সঙ্গে সঙ্গে ধরতেই বলল, ‘জি জনাব, মৌলানা শাহাবুদ্দিনের ছেলে এসেছে আপনার সঙ্গে দেখা করতে’।
মেজর বলল, ‘প্রমাণ দিয়েছে?’
‘জি জনাব। আমরা মৌলানার জানাজায় একে দেখেছি’।
‘গাড়ি ওখানেই রেখে ওকে হেঁটে আসতে বলে দাও’।
‘জি জনাব’।
মেজর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। ছেলেটা কিছুক্ষণ তর্ক করল ক্যাম্পের ভেতর গাড়ি নিয়ে যাবার জন্য। গেট থেকে কিছুতেই পারমিশন দেওয়া হল না। একটা সময় হাল ছেড়ে হাঁটতে শুরু করল। মেজর হাত নেড়ে বলল, ‘এদিকে’।
ছেলেটা রাগী মুখে তার কাছে এসে বলল, ‘এই এলাকার জন্য আমার আব্বু শহিদ হয়েছেন। আর আপনারা আমাকে গাড়ি নিয়ে ঢুকতে দিলেন না? এ কেমন অসভ্যতা?’
মেজর হাসিমুখে বলল, ‘আমি অত্যন্ত দুঃখিত জনাব। আমি জানতাম না আপনি মৌলানার ছেলে। কিছু প্রোটোকল আমাদের মেনে চলতে হয়। আপনি সিগারেট খাবেন?’
ছেলেটা মাথা নাড়ল, ‘না। আপনার সঙ্গে কথা আছে আমার’।
মেজর বলল, ‘ঠিক আছে, আমার ক্যাম্পে আসুন’।
ছেলেটা বেশ উদ্ধত ভঙ্গিতে বলল, ‘এখানেই বা বলতে কী সমস্যা আছে? আমি আর হাঁটতে পারব না’।
মেজর বলল, ‘তোবা তোবা। আপনার আব্বু দিনের পর দিন নিজের হাতে এই এলাকায় পাকিস্তান সরকারের আধিপত্য কায়েম করেছিলেন, আর আপনি এটুকু পথ হাঁটতে পারছেন না? আমি আপনার থেকে এটা আশা করিনি জনাব’।
ছেলেটা বলল, ‘ঠিক আছে। চলুন। ওই বড় তাঁবুটা আপনার তো? ঠিক আছে’।
গটগট করে সে বড় তাঁবুটার দিকে হাঁটতে শুরু করল। মেজর সকৌতুকভাবে দেখতে লাগলেন। ছেলেটা সরাসরি বড় তাঁবুটায় ঢুকেই বেরিয়ে এল, ‘উফ, এখানে সব ময়লা জামাকাপড় রাখা’।
মেজর বলল, ‘জি। এখানে আমাদের লন্ড্রি হয়। আপনি আমাকে জিগ্যেস করবেন তো, আমার তাঁবু কোনটা’!
ছেলেটা হাল ছেড়ে দিল, ‘ঠিক, কোনটা আপনার তাঁবু?’
মেজর তার তাঁবুর দিকে আঙুল তুলে দেখাল। ছেলেটা বলল, ‘না, আপনি চলুন আগে’।
মেজর হাসতে হাসতে তার তাঁবুতে ঢুকল। চেয়ার দেখিয়ে ছেলেটাকে বলল, ‘বসুন’।
ছেলেটা বসে বলল, ‘আমি ওয়াজাহাত। আমার আম্মি আপনার কাছে পাঠিয়েছে’।
মেজর বলল, ‘বলুন, আমি আপনার কী সেবা করতে পারি?’
ওয়াজাহাত বলল, ‘আমার আব্বু শহিদ হবার পর থেকে পাকিস্তান সেনাবাহিনীর পদস্থ কোনও কর্তা আমার সঙ্গে দেখা করতে যায়নি। আমার আম্মি জানতে চেয়েছে, পাক আর্মি কি আমার আব্বুর সমস্ত কাজ ভুলে গেছে?’
মেজর চোখ ছোট ছোট করে বলল, ‘ওহ, গুস্তাখি মাফ জনাব, কিন্তু এখানে আসার পর থেকে যেভাবে আমাদের উপর হামলা হয়েছে, আমি অন্যদিকে চোখ দিতে পারিনি। আপনি বলুন, আমরা কীভাবে আপনাদের সাহায্য করতে পারি। তাছাড়া আপনার আব্বুর অনেক বিবি। কার ছেলের সঙ্গে কথা বলব, তাই তো জানি না’।
ওয়াজাহাত গলা খাকরে বলল, ‘আমার সঙ্গে কথা বলবেন। আমার দাদা আব্বুর মৃত্যুর আগে থেকেই আলাদা দল গঠন করে বাবার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিল। এখন আব্বু শহিদ হবার পর সমস্ত ক্ষমতা দখল করতে চাইছে। আপনারা আমাকে সাহায্য করুন। আমার আম্মিরও তাই মত’।
মেজর বলল, ‘ওহ, এই কথা। কিন্তু জনাব, পাকিস্তান সেনাবাহিনী তো আপনার পারিবারিক খিদমত খাঁটার জন্য নেই। আপনার পারিবারিক সমস্যা আপনাকেই মিটিয়ে নিতে হবে। আপনার আব্বুর সময় যারা আপনার আব্বুর কাছে ছিল, তারা আছে তো?’
ওয়াজাহাত মাথা নাড়ল, ‘অনেকেই নেই। ওরা দাদার সঙ্গে গিয়ে যোগ দিয়েছে’।
মেজর মাথা নাড়ল, ‘আপনিও তাই দিন জনাব। এমনকী আপনার আম্মিকেও বলুন সব ভুলে ছেলেকে জড়িয়ে ধরতে। আমি আপনাকে বলছি, কোয়েটার হাল ভালো না। যে ছাইচাপা আগুনের উপরে আমরা আছি, তা…’
মেজরের কথা শেষ হবার আগেই একটা প্রবল বিস্ফোরণের শব্দ হল। মেজর সঙ্গে সঙ্গে মেঝেয় শুয়ে পড়ল।
ওয়াজাহাতও মেজরের মতোই কানে হাত দিয়ে শুয়ে পড়ল। মিনিটখানেক একইভাবে শুয়ে থাকার পর মেজর উঠে বাইরে বেরিয়ে দেখল ওয়াজাহাতের গাড়িসহ সেনার চেকপোস্ট দাউদাউ করে জ্বলছে। দশ বারোটা লাশ মাটিতে পড়ে আছে। কেউ কেউ তখনও ছটফট করছে। বিস্ফোরণে মুখ ঝলসে গেছে।
.
ওয়াজাহাত বাইরে বেরিয়ে এসে বলল, ‘সব আপনার জন্য হল। আমার গাড়িটা উড়িয়ে দিল ওরা। আপনি গাড়িটা ঢুকতে দিলে…’
মেজর রেগে ওয়াজাহাতের মুখে সজোরে এক ঘুষি মেরে বলল, ‘চোপ মা*****। চোপ!’
ওয়াজাহাত মুখ থুবড়ে মাটিতে পড়ল।
