ব্লু উইংস – ১৪৫

১৪৫

শেখপুরা। ভোর পাঁচটা।

বদ্ধ একটা ঘরে বসে আছেন রিজভি। মাথা কাজ করছে না। আবিদ ছেলেটি একটু আগে তাকে রেল কলোনির এই ঘরটাতে বসিয়ে রেখে গেছে। রিজভি দু’চোখের পাতা এক করতে পারেননি। বসে আছেন।

খানিকক্ষণ পরে আবিদ এসে বলল, ‘আমাদের বেরোতে হবে জনাব’।

রিজভি শূন্য কণ্ঠে বললেন, ‘আমাকে রাস্তায় নামিয়ে দিও আবিদ। আমার আর কোথাও যাবার ইচ্ছে নেই’।

আবিদ চেয়ার নিয়ে বসে বলল, ‘ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি আপনি আপসেট হয়ে পড়েছেন। কিন্তু শরমিন আর জাহিদার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। এই দেশটা একটা নতুন মানসিকতা নিয়ে মাথা উঁচু করে থাকুক, আমরা তো তাই চাই। আপনি হেরে গেলে তো আমরাও হেরে যাব, তাই না?’

রিজভি মাথা নাড়লেন, ‘ধুস, কিচ্ছু হবে না। একটা আল মাসুদ মরেছে, এক লাখ আল মাসুদ এই দেশে এরমধ্যেই জন্ম নিয়েছে। মানুষকে বোকা বানিয়ে আরও কিছু মানুষকে মারতে পাঠিয়ে দিয়েছে এর মধ্যেই। কেউ কিচ্ছু করতে পারবে না’।

আবিদ বললেন, ‘আপনাকে দরকার ডাক্তারসাব। এই দেশের দরকার আপনাকে। রুহানের কথা ভাবুন, এই দেশের গরিব আম জনতার কথা ভাবুন, যারা জানেও না তাদের ভবিষ্যৎটা কীভাবে এরা শেষ করে দিচ্ছে। আপনি চলুন, প্লিজ চলুন’।

রিজভি কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে উঠে বললেন, ‘ঠিক আছে। চলুন’।

আবিদ বলল, ‘আসুন আমার সঙ্গে’।

আবিদের পেছন পেছন ওর সঙ্গে বেরোলেন রিজভি। আবিদ বলল, ‘আপনি পেছনের সিটে বসুন’।

রিজভি বসলেন। চোখ বন্ধ করে উপরওয়ালাকে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেললেন। গাড়ি চলতে শুরু করেছে। বড় রাস্তায় গাড়ির গতি তুলতে শুরু করেছে আবিদ।

রিজভি বললেন, ‘আল মাসুদের শেষ আপডেট কী?’

আবিদ বলল, ‘ফয়সলাবাদে এই মুহূর্তে আল মাসুদের লোকেরা এবং পাকিস্তান আর্মি দাপিয়ে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে কে এই কাজ করতে পারে’।

রিজভি বললেন, ‘আল মাসুদ কোনওভাবে বেঁচে নেই তো?’

আবিদ বলল, ‘না। ওর গাড়িকেই ওরা টার্গেট করেছিল। ওর লাশটা দেখেও চেনা সম্ভব না’।

রিজভি বললেন, ‘যদি গাড়িতে না থাকে?’

আবিদ বলল, ‘ছিল জনাব। খবরের কনফার্মেশন এসে গেছে। ওর লোকেরা খুব কান্নাকাটি করেছে। আপনি এ বার এই বিষয়টা মাথা থেকে সরান’।

রিজভি বললেন, ‘ঠিক আছে। আমার আসলে বিশ্বাস হচ্ছে না। আল মাসুদের মৃত্যুসংবাদ আমি আগেও পেয়েছি, এবার সত্যি হলেই ভালো। শরমিন আর জাহিদার আত্মত্যাগ যেন বৃথা না হয়…’

রিজভি চুপ করে গেলেন।

আবিদ বলল, ‘শরমিন সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কাজটা করবেন না, ওর উপরে ভরসা রাখুন’।

রিজভি বললেন, ‘শরমিন কাজটা একাই করতে পারতেন, তাই না?’

আবিদ বললেন, ‘আপনি বলছেন জাহিদাকে বাঁচিয়ে রাখতে পারতেন?’

রিজভি চুপ করে রইলেন। সূর্য উঠছে। ঝকঝকে রাস্তা দিয়ে গাড়ি চলছে। রাস্তা দেখে কারও বোঝার ক্ষমতা নেই এ দেশের অবস্থা দিনের পর দিন কী ভয়াবহ হয়ে যাচ্ছে। মানুষকে খুন করতে দেখলে মানুষ খুশি হয়। সদ্যোজাতদের তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে দিয়ে আসে, মায়েদের কান্নার শব্দ কারও কাছেই আর পৌঁছয় না।

এ দেশের থেকে তিনি কি সত্যিই কিছু আশা করেন? অনেক ভেবেও কোনও আশা দেখতে পেলেন না।

গাড়ি গুজরানওয়ালা ঢুকছে। আবিদ বলল, ‘আপনাকে এখানে ক’দিন থাকতে হবে জানি না। কিন্তু এখানে আপনি নিরাপদ থাকবেন’।

রিজভি চুপ করে বসে রইলেন।

খানিকটা যাবার পর গাড়িটা বাঁ দিকে দাঁড় করাল আবিদ। রিজভিকে বলল, ‘ওই লাল বাইকটায় উঠে যান ডাক্তারসাব। ও আপনাকে নিয়ে যাবে’।

রিজভি গাড়ি থেকে নামলেন। এই দেশটা তারও। কিন্তু এখন মনে হচ্ছে, অন্য কোনও দেশে চলে এসেছেন, যেখানে তাকে লুকিয়ে থাকতে হবে।

বাইক আরোহীর পেছনে উঠে বসলেন তিনি। বাইক স্টার্ট দিল।

কিছুক্ষণ পরে একটা ফ্ল্যাটের সামনে পৌঁছলেন।

বাইক আরোহী বললেন, ‘কলিং বেলটা আপনি চাপুন’।

রিজভি একটু অবাক হয়েই কলিং বেল বাজালেন। দরজা খুলে গেল।

রিজভি দেখলেন আমিনপুর বাজারের সেই কম্পাউন্ডার দাঁড়িয়ে আছেন।

রিজভি অবাক হয়ে বললেন, ‘আপনি?’

কম্পাউন্ডার ভদ্রলোক রাস্তা ছেড়ে দিয়ে বললেন, ‘আসুন জনাব।’

১৪৬

রাত সাড়ে তিনটে। গাড়িটা বর্ডারের দিকে রওনা দিয়েছে।

ড্রাইভার পকেট থেকে ফোন বের করে ফোন করল। কয়েকটা কথা বলে সে গাড়ি দাঁড় করিয়ে দিল।

মিজান বলল, ‘কী হল?’

ড্রাইভার বলল, ‘রিপোর্ট করতে ফোন করেছিলাম। ওপারে ফোন করতে বলছে আপাকে। আমার ফোন থেকেই ফোন করুন’।

মিজান খানিকটা ঘাবড়ে গেল, ‘কিন্তু কেন? কী হয়েছে?’

ড্রাইভার একটা নাম্বার ডায়াল করে ফোনটা নুসরতের দিকে এগিয়ে দিল।

নুসরত ফোনটা কানে দিতেই ওপ্রান্ত থেকে ভেসে এল, ‘সেভেন এল এম সেভেন

টু’।

নুসরত বলল, ‘বলছি’।

‘জয়সলমীরে ঢুকতে পারবে না নুসরত। পাক আর্মি বর্ডার ব্লক করে দিয়েছে, মাছি গলারও সুযোগ নেই’।

নুসরত ঠোঁট কামড়াল, ‘তাহলে?’

‘ফিরে যাও। সময় হলে আসবে’।

নুসরত বলল, ‘আমাদের পেলে ওরা মেরে ফেলবে। আর কবে সময় হবে?’

‘মারতে পারবে না। লুকিয়ে থাকতে হবে। সেই ট্রেনিং তোমাদের দেওয়া আছে। এখন এই রুটে ঢুকতে চেষ্টা করলে আত্মহত্যার সামিল হবে সেটা’।

নুসরত জোরে শ্বাস নিল, ‘ঠিক আছে। এটা আগে জানতে পারলে হয়তো একটা পরিবার বেঁচে যেত’।

‘মন দুর্বল কোরো না। ট্রেনিং পিরিয়ডে শেখানো কথাগুলো আবার মনে

করতে শুরু করো। তুমি জানো, তোমাকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছিল। কারও কথা ভেবো না, মনে কোনও দুঃখ কষ্ট রেখো না। যা হয়েছে, তা হবার

ছিল’।

নুসরত বলল, ‘ঠিক আছে। কোনও ফারদার ইন্সট্রাকশন?’

‘মিজানের সঙ্গে থেকো না। ওরা জানে, তোমরা দু’জন একসঙ্গে আছ। মিজানকে ছেড়ে দাও। তুমি সাদিকাবাদ চলে যাও’।

‘কভার?’

‘মাজারের সামনে ভিক্ষা করা সেফেস্ট। প্রতিদিন প্রচুর ভিখারি আসে। বোবা সেজে থাকো, আমাদের মেসেজের অপেক্ষায় থেকো। সময় হলে মিজান তোমাকে নিয়ে আসবে আবার। পারবে?’

নুসরত একটুও না ভেবে বলল, ‘পারব’।

‘ওকে। মনে রেখো নুসরত, তুমি দেশের জন্য যা করেছ, দেশ তা কোনওদিন ভুলবে না। আমরা সবরকম পরিস্থিতিতে তোমাদের সঙ্গে আছি’।

‘রাইট স্যার’।

‘মিজানকে ফোন দাও’।

নুসরত মিজানের দিকে ফোনটা এগিয়ে দিল। মিজান কয়েক সেকেন্ড কথা বলে ফোন রেখে ড্রাইভারকে বলল, ‘বিজনোতেই ফেরত চলো’।

গাড়ি ঘুরল। মিজান বলল, ‘আপা, আপনি পারবেন’?

নুসরত ক্লান্ত কণ্ঠে বলল, ‘পারতে হবে। আমাদের কাছে এ ছাড়া কোনও অপশন নেই’।

মিজান একটু থেমে গিয়ে বলল, ‘আরেকটা খবর দিল’।

নুসরত বলল, ‘কী?’

মিজান বলল, ‘ফরিদ চাচাকে ওরা মেরে দিয়েছে’।

নুসরত ভাবলেশহীন কণ্ঠে বলল, ‘হুঁ’।

তাদের গাড়ির শব্দ ছাড়া চারদিকে আর কোনও শব্দ নেই। এ চত্বরে পাগলেও থাকতে আসে না। একে কোনও শাসন নেই, চোর ডাকাতের ভয়, তার উপরে চরম প্রতিকূল পরিবেশ।

পাথুরে ভাঙা রাস্তা, চারপাশে মরুভূমি, ঠান্ডা হাওয়া বইছে। গাড়ি চলতে চলতে আবার বিজনোতের পরিত্যক্ত ভাঙা দুর্গে এসে উপস্থিত হল।

ড্রাইভার বলল, ‘গাড়িটাকে একটু বিশ্রাম দিই, ইঞ্জিন গরম হয়ে গেছে। তারপর সাদিকাবাদের দিকে রওনা দেব’।

নুসরত বলল, ‘গরম হয়ে গেছে?’

ড্রাইভার বলল, ‘জি আপা। পুরোনো গাড়ি তো, একটু সময় লাগবে’।

মিজান গাড়ি থেকে নেমে দাঁড়াল।

একটু পায়চারি করে এসে বলল, ‘আপা, আমার মনে হচ্ছে আমাদের

ফিরিয়ে নেবার ওদের কোনও ইচ্ছে নেই। একটু ঝুঁকি নিলেই ওপারে চলে যেতে পারতাম’।

নুসরত কড়া গলায় বলল, ‘এসব ভাবনা মন থেকে দূর করো। এগুলো আসা মানেই তোমার ধৈর্য কমে যাচ্ছে’।

মিজান অস্থির গলায় বলল, ‘কিচ্ছু ধৈর্য কমছে না আপা। কত সেনা ছিল? সত্যিই কি যাওয়া যেত না?’

নুসরত বলল, ‘না। এই বর্ডারে মাইনস রাখা থাকে, কাঁটাতারগুলো দিয়ে হাই ভোল্টেজ ইলেক্ট্রিসিটি যায়। তুমি জানো না?’

মিজান গুম হয়ে থেকে বলল, ‘তাহলে আমরা পশ্চিম দিক দিয়ে বেরোতে পারি?’

নুসরত বলল, ‘ঠিক যেভাবে বলা হয়েছে, সেভাবে চলতে হবে। নিজের কোনও বুদ্ধি খাটাতে যেও না’।

মিজান বলল, ‘আপনি আমার নিজের আপার থেকেও বেশি। আপনি জানেন সেটা। আপনি বললে আমি এ কথা মানবোই। কিন্তু আমার মনে হচ্ছে আমরা ফাঁদে পড়ে গেছি। আজ না হয় কাল ওরা আমাদের খুঁজে পাবে’।

নুসরত শান্ত কণ্ঠে বলল, ‘কোনওদিন খুঁজে পাবে না মিজান। নিশ্চিন্ত থাকো। শুধু অধৈর্য হওয়া যাবে না। বাকি সব ঠিক হবে’।

মিজান চুপ করে গেল। বালির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকল। পরিচয় লুকিয়ে দিনের পর দিন একটা শত্রু দেশে থাকার কষ্ট তার থেকে ভালো আর কেউ জানে না।

নুসরত মিজানকে কোনও সান্ত্বনা বাক্য শোনাল না। চুপ করে পাথরের মতো বসে রইল। যেন সে কোনও মানুষ না। অনুভুতিহীন এক যন্ত্র মানবী…

১৪৭

‘বীরেন পাকিস্তানে আছে… বীরেন…’

ভোর সাড়ে পাঁচটা। সারারাত ধরে জেগে বসে আছে আমান।

প্রোজেক্ট ব্লু ফ্লাওয়ারের ফাইল টেবিলের ওপরে খুলে রাখা।

ল্যাপটপ অন করে হাসান মাকসুদের ফাইল খুলল সে। বীরেন সম্পর্কে হাসান লিখে পাঠিয়েছিল, ‘বীরেনকে আমার কাছে পাঠানোর সাতটা চেষ্টা করা হবে। নইলে আমি নিজে যাব ওর সঙ্গে দেখা করতে। কিন্তু কিছুতেই মুদসসরকে এক্সপোজ করা যাবে না। প্রথমবার যখন বীরেন পরীক্ষা দিতে গেল, তখন বীরেনের সঙ্গে আলমের বন্ধুত্ব হয়েছিল। আলম বীরেনের ফোন নাম্বারও নিয়েছিল। সমস্যা হল, পরীক্ষা দেবার পরের দিন আলমের বীরেনের বাড়ি যাবার কথা ছিল। শেয়ালদা স্টেশনে আলমকে আর পি এফ ধরে, ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এবং আটক করা হয়। আলম বাংলাদেশের নাগরিক, ওর অ্যাক্সেন্ট শুনে আর পি এফের সন্দেহ হয়েছিল। এবার দ্বিতীয়বার আমি ওকে আমার কাছে আনার চেষ্টা করব। খেলাটা মজার। নম্বরের খেলা। নম্বরের খেলা খেলতে আমার ভালো লাগে। আমি নিশ্চিত, ভারত সরকারকে পাগল করার জন্য বীরেন একাই যথেষ্ট হবে, আমার ফান্ড চাই। ফান্ড পাঠান’।

আমান চোখ ছোট ছোট করে লেখাগুলো আবার পড়ল। নিজের মনেই বলল, ‘বীরেন ফেইল্ড প্রোজেক্ট হতে পারে না। আমরা হারতে পারি না, পাকিস্তান হারতে পারে না। বীরেনকে আমার চাই। যে করেই হোক, বীরেনকে আমার চাই’।

ফোন বাজতে শুরু করেছে। আমান ধরল। ওপ্রান্ত থেকে ভেসে এল, ‘সেলাম ওয়ালাইকুম জনাব’।

‘ওয়ালাইকুম আসসালাম। ফজরের নামাজে গেছিলে?’

‘জি না জনাব। আমি মাহির জন্য ফোন করেছি’।

‘কেন, কী হয়েছে?’

‘মাহি রাজি হয়েছেন’।

‘গুড, ভেরি গুড’।

আমানের মুখে হাসি ফুটে উঠল।

‘এবার কী করব?’

‘ওকে নির্বাসনে দেবার খবর আজ থেকে প্রচার করতে শুরু করো’।

‘জি জনাব’।

ফোন কেটে দিল আমান। গরম জল বসাল। চা বানিয়ে খেল। তারপর ফোন করল। ওপ্রান্ত ফোন ধরতেই বলে উঠল, ‘জনাব, আপনাকে কি বিরক্ত করলাম?’

আবু ইব্রাহিম বলল, ‘না, আমি জেগে আছি। বলো।’

‘মাহিকে অবশেষে রাজি করানো গেছে।’

‘ওপ্রান্ত কোনও উত্তর দিল না। আমান বলল, ‘জনাব।’

আবু ইব্রাহিম বলল, ‘ওকে বাকুতে পাঠানোর ব্যবস্থা করো। কতদিনের মধ্যে পাঠানো যাবে?’

আমান বলল, ‘সাত দিন’।

আবু ইব্রাহিম বলল, ‘সাত দিন না। পনেরো দিন পর পাঠানো হবে। তার আগে খবর তৈরি করো, নির্বাসন নিয়ে সব চ্যানেলে প্রচার শুরু করো’।

‘ওরা আফসানা সইদের ঘটনার সঙ্গে মিলিয়ে সন্দেহ করবে জনাব’।

‘সেটা আমি বুঝব। যা বলছি, তাই করো’।

‘জি জনাব’।

‘আল মাসুদের চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। কারা করেছে, কিছু বোঝা গেছে?’

‘ডাক্তার রিজভি জড়িত আছেন’।

‘রিজভি? পাকিস্তানি?’

‘জি জনাব।’

‘কেন জড়িত আছে?’

‘তা জানার আগেই রিজভি আমার লোককে মেরে পালিয়ে গেছে। রিজভির কোয়ার্টারে দু’জন মহিলা ছিল। আমার এজেন্ট নজর রাখছিল। রিজভিকে তোলার অর্ডার দিয়েছিলাম… সব এলোমেলো হয়ে গেছে জনাব’।

‘মহিলা? ওই গাড়িতে দুটো মেয়েই ছিল তো! ওরাই রিজভির কোয়ার্টারে ছিল?’

‘জি জনাব। ওরাই ছিল’।

‘আর কী কী জানা গেছে?’

‘কিছু জানা যায়নি জনাব। রিজভি ভদ্রলোক, স্বাভাবিক ডিউটি করতেন, কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, তবে ওর স্ত্রী কন্যা মারা গেছিল কোনও এক অ্যাক্সিডেন্টে’।

‘কোন অ্যাক্সিডেন্টে’?

‘রেকর্ড নেই’।

‘তোমার থেকে আমি অনেক দায়িত্ব আশা করি, হতাশ কোরো না’।

‘জি, আমি খোঁজ নিচ্ছি জনাব। আমাকে আজকের দিনটা সময় দিন’।

‘আর তার মধ্যে যদি ওরা আমাকে মেরে ফেলে?’

থমকে গেল আমান। পরক্ষণেই হেসে উঠল, ‘কী যে বলেন জনাব! আপনাকে স্পর্শ করার সাহস ইন্ডিয়ার নেই’।

‘সেটা আমি জানি। তবু আমার নিশ্চয়তা চাই’।

আমনের ফোনে একটা মেসেজ এল। মেসেজটা দেখে আমান ইতস্তত করে বলল, ‘এই মাত্র একটা মেসেজ পেলাম জনাব’।

‘কী?’

‘তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আমি পরে ফোন করছি’।

আমান ফোন কেটে দিল। মেসেজটা দেখা মাত্র মাথা দপদপ করা শুরু হয়েছে তার।

‘চারজন ইন্ডিয়ান ডুরান্ড লাইন পেরিয়ে আফগানিস্তান ঢুকে গেছে কোনও প্রতিরোধ ছাড়াই’।

এই খবরটা আবু ইব্রাহিম জানলে কী হবে, ভাবতে পারছে না সে। পরক্ষণেই মনে হল, অন্য কারও মুখ থেকে জানলে আরও রেগে যাবে।

এই প্রথম বাঘের পিঠে চাপার অর্থ ভালো করে বুঝতে পারল সে…।

১৪৮

সকাল দশটা।

কোয়েটা হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে আছে মেজর হুসেন।

টিভি চলছে। মেজর হুসেন তেতো মুখে টিভি দেখছে।

‘জনাব, আপনার ফোন এসেছে’।

একজন নার্স এসে তার হাতে ফোনটা দিয়ে গেল। হুসেন ফোন কানে দিয়ে বলল, ‘কে বলছেন?’

‘ইসলামাবাদ থেকে ফোন করছি। আমার নাম আপনি জানেন হয়ত, আমি জেনারেল…’।

‘জনাব। অবশ্যই জানি’।

হুসেন সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল।

জেনারেল বলল, ‘আপনি একজন বাহাদুর অফিসার মিস্টার হুসেন। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে কোয়েটায় বালোচ আগ্রাসন অনেকখানি কমে আসবে’।

‘শুকরিয়া জনাব। আপনি আমার উপর ভরসা রেখেছেন জেনে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি’।

‘আপনি আমাকে একটা কথা বলুন মেজর, কোয়েটায় র এজেন্টের অস্তিত্বের বিষয়ে আপনি আমাদের জানিয়েছিলেন। সেই ছেলেটির সাম্প্রতিক গতিবিধি সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন?’

‘সে ইরান সীমান্তে আছে জনাব। আমাদের সেনার এক অফিসারকে বালোচ বিপ্লবীরা তুলে নিয়ে গেছে। ছেলেটা ওই অফিসারের সাহায্যেই হয়তো এতক্ষণে ইরান সীমান্তে প্রবেশ করেছে জনাব। ব্যাটাকে কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে পাকিস্তান থেকে বের করেছি আমরা’।

‘পালিয়ে গেছে?’

‘জি জনাব। আমরা যেই মুহূর্তে এখানে নজরদারি বাড়িয়েছি, তখন থেকেই বালোচগুলো পালিয়েছে। তাদের সঙ্গে এই ছেলেটাও ছিল। মীরান বালোচ এই মুহূর্তে নক্কুডির কাছে আছে ওর ভারতীয় বন্ধুকে দেশ থেকে বের করার কাজে সাহায্য করার জন্য’।

‘গুড। ভেরি গুড। আমি ঠিকই শুনেছিলাম। আমরা ঠিক জওয়ানকেই কোয়েটার দায়িত্ব দিয়েছি। গেট ওয়েল সুন। আমি আপনার সঙ্গে দেখা করব’।

‘মেনি থ্যাংকস জনাব’।

ফোন কেটে গেল। ফল এসেছে। মেজর হুসেন হাসি মুখে কাঁটা চামচ দিয়ে ফল খাওয়া শুরু করল। পায়ের ব্যথাটা কমেছে। সে রাতে মীরান বালোচের দল তাদের আক্রমণ করেছিল।

মীরানরা ভেবেছিল অতর্কিত আক্রমণ করে তাদের চমকে দেওয়া যাবে। মেজর হুসেন চমকায়নি। তারা প্রতিআক্রমণ করেছিল। দু’জন বালোচ বিপ্লবী তাদের গুলি খেয়ে মারা গেছে।

হুসেন খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়াল। হাসপাতালের এখান থেকে তাদের ক্যাম্প দেখতে পাওয়া যায়। সেনা সংখ্যা বাড়ছে। কিছুদিনের মধ্যে কোয়েটায় তাদের দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠবে। বালোচরা ইচ্ছে করলেও তাদের ক্ষতি করতে পারবে না। এখন তো ইন্ডিয়ান ছেলেটাও নেই। বালোচরা বেশিদিন আর পারবে না।

টিভিতে বলিউডের গান শুরু হয়েছে। মেজর হুসেনের ফোন বেজে উঠল। ফোনে মেসেজ এসেছে, চারটে ছবি…

বালোচ বিপ্লবীদের গ্রাম থেকে মেয়ে ও শিশুদের তুলে এনেছিল তারা। ছবিগুলো সেসবেরই। ছবির নীচে লেখা, ‘মেয়ে ও শিশুদের ছেড়ে দিন মেজর। নইলে কপালে দুঃখ আছে’।

মেজর উত্তর দিল, ‘কাউকে ছাড়ব না’।

‘আমি সুযোগ দিয়েছিলাম, শুনলেন না। কী আর বলব?’

মেজর ফোন সরিয়ে রাখল। নিজের মনেই হাসল। সুযোগ দিয়েছে? এত বড় সাহস যে তাকে সুযোগ দিয়েছিল? আবার ফোনটা নিয়ে মেজর মেসেজ লিখল, ‘মীরান বালোচ, তাই না? সাহস থাকে তো সামনে আয়। দেখি তোর কত দম…’

মেসেজটা টাইপ করা শেষ হবার আগেই প্রবল বিস্ফোরণের শব্দে হাসপাতাল কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মেজর হুসেন জানলার কাছে পৌঁছে দেখল তাদের ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে।

মেসেজ টোন এল আবার, ‘জনাব, এটা কি কম মনে হচ্ছে? যেটা বললাম, সেটা না করলে কিন্তু যে সমস্যায় পড়বেন, তা থেকে খুব সহজে বেরোতে পারবেন না’।

মেজর হুসেনের ঘাম হওয়া শুরু হল। লিখল, ‘ঠিক আছে, প্লিজ স্টপ! আমি মহিলা ও শিশুদের ছেড়ে দেবার ইন্সট্রাকশন দিচ্ছি’।

উত্তর এল, ‘শুকরিয়া জনাব, দাবিটা অন্যায্য ছিল না। মানলেন বলে ধন্যবাদ’।

‘আপনি কে? মীরান?’

‘আমি একজন সাধারণ সিকিউরিটি গার্ড জনাব!’

মেসেজের শেষে একটা হাসির স্মাইলি এল।

মেজর হুসেন চমকে উঠল।

কিছু লিখতে গিয়েও থমকে গেল।

ইরানে পালায়নি তবে? এখানেই আছে? এত সাহস?

১৪৯

‘মুজতবা আলির লেখায় জালালাবাদের জাহান্নামের উল্লেখ পেয়েছিলাম। সেই জালালাবাদ এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে’।

গুলাম রসুলের গ্রামে এসেছে তারা। একগাদা খাবার দিয়ে খেতে বসিয়েছেন গুলাম। সায়কের কথার উত্তরে তথাগত বলল, ‘কিন্তু গুলামভাইয়ের কবল থেকে বেরিয়ে কবে ওই কুড়ি কিলোমিটার পরে জালালাবাদে যাব, প্রশ্ন এখন সেটাই’।

রাত আটটা।

গ্রামের এক কোণে গুলাম রসুলের বাড়ি। বাড়ির পাশে বিস্তীর্ণ খোলা মাঠ, এক দিকে পাহাড় উঠে গেছে, এক পাশ থেকে বয়ে চলছে কুনার নদী। বিকেলবেলা বারান্দায় বসে চা খেতে খেতে এই দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয়েছে। দোতলাটা তাদের জন্য খালি করে দেওয়া হয়েছে।

রাণা খেতে খেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। অমল একটা মুরগির ঠ্যাং নিয়ে গম্ভীর মুখে চিবোতে চিবোতে বলল, ‘তোরা চলে যা। আমি এখানেই থাকব শেষ জীবনটা। বাংলাদেশে থাকতে সাদিকের ঠান্ডা বিরিয়ানি খেয়ে খেয়ে আমার পেটে চড়া পড়ে গেছিল। আফগানের মেহমানদারিতে যদি কিছুটা গত্তি লাগে’।

সায়ক বলল, ‘লতিফ কোথায় গেল? ও খুব একটা খায় না, দেখেছি’।

অমল বলল, ‘ছোটবেলা থেকেই এসব খাচ্ছে তো। ইচ্ছে নেই আর কী’!

তথাগত রিমিকে ফোন করার চেষ্টা করছিল। টাওয়ার পাওয়া যাচ্ছে না। বিরক্ত মুখে বলল, ‘কী করি বল তো? টাওয়ার পাচ্ছি না। স্যাটেলাইট ফোন থেকে ফোন করলে ঘাবড়ে যেতে পারে। বাইরে গিয়ে দেখব?’

অমল বলল, ‘হ্যাঁ। তাই দেখ’।

তথাগত কাঠের সিঁড়ি দিয়ে বাইরে গিয়ে ফোন করার চেষ্টা করা শুরু করল।

অমল বলল, ‘আবু ইব্রাহিম তাহলে এখন আই এস আই কন্ট্রোল করছে?’

সায়ক বলল, ‘হ্যাঁ। ও চিরকালই আই এস আইকে কন্ট্রোল করার চেষ্টা করে এসেছে। এখন আমানের মাধ্যমে ওর বীরত্ব আরও বৃদ্ধি পাবে’।

অমল বলল, ‘আর ওদিকে আছে ইউসুফ আজহার। কখনও থাকবে মুলতানে, কখনও বহাওয়ালপুরে। কিন্তু ওর আসল খেলা হল কাশ্মীরে’।

সায়ক মাথা নাড়ল, ‘হ্যাঁ, মরুভূমির গরমে ছেলেগুলোকে বড় করে আজাদ কাশ্মীরের ঠান্ডায় ট্রেনিং দিয়ে আমাদের দেশে পাঠানোর খেল। ইউসুফ আমাদের গলার কাঁটা। সবসময় চেষ্টা করে যাচ্ছে, কীভাবে ভারতের ক্ষতি করা যায়’।

অমল বলল, ‘দৌলত ওর উত্তরসূরি ছিল। ইউসুফ কিন্তু এবার খ্যাপা কুকুরের মতো শুরু করবে’।

সায়ক হাসল, ‘করুক। যত খেপবে, তত ভালো’।

বাইরে থেকে তথাগতর চিৎকার শোনা যাচ্ছে, ‘ইয়েস, ইয়েস’।

সায়ক বলল, ‘ওই দেখ, রিমি পাগলাকে হ্যাঁ বলে দিয়েছে নিশ্চয়ই, চল চল’।

অমল আর সায়ক ঘরের বাইরে যেতেই তথাগত বলল, ‘হ্যাঁ রে, রিমি হ্যাঁ বলে দিয়েছে ভাই। এবার দুবাইয়ে ডেসটিনেশন ওয়েডিং। গুলাম ভাইকে বল!’

তথাগত কথাটা শেষ হবার আগেই মাটিতে লুটিয়ে পড়ে গেল। পরক্ষণেই তার পাশের দেওয়ালে একটা বুলেট এসে লাগল।

অমল সায়কের হাত ধরে টেনে ঘরে ঢুকিয়ে নিল, ‘আমাদের উপর অ্যাটাক হয়েছে’।

সায়ক বলল, ‘তথা…’

রাণা ধড়মড় করে উঠে বসে বলল, ‘কী হয়েছে?’

সায়ক ব্যাগ হাতড়ে মেশিনগান বের করে রাণার দিকে এগিয়ে দিয়ে বলল, ‘অ্যাটাক হয়েছে। সম্ভবত মাঠের দিক থেকে’।

বাইরের দেওয়ালে বুলেট বিঁধেছে। রাণা বেরোতে যাচ্ছিল। সায়ক আটকাল, ‘বেরিও না’।

রাণা বলল, ‘তথাগতদা কোথায়?’

সায়ক উত্তর দিল না।

রাণা মেঝেয় বসে পড়ল।

গুলির শব্দ শুরু হল। গুলামের চিৎকার শোনা গেল, ‘কোথায় পালাচ্ছিস? সাহস থাকলে ওখানেই দাঁড়া’।

সায়ক বলল, ‘চলে গেছে মনে হয়’।

রাণা লাফিয়ে উঠে বাইরে বেরোল। দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে তথাগতর কাছে গিয়ে চিৎকার করে কেঁদে উঠল।

সায়ক আর অমলও নীচে নেমে দাঁড়িয়েছে। গুলাম ছুটে এসে বললেন, ‘বাইরে থেকে এসে গুলি করে পালিয়েছে। লতিফ কোথায়?’

সায়ক মাথা নাড়ল, ‘জানি না। আমাদের এখনই কাবুল যেতে হবে গুলামভাই। এখানে থাকার সিদ্ধান্তটা…’

গুলাম বললেন, ‘আমি ব্যবস্থা করছি। তবে এটুকু জেনে রাখো, যে এই কাজটা করেছে, আফগানিস্তানের মাটিতে সে যেখানেই থাকুক, পালিয়ে পথ পাবে না। আমার মেহমানকে যে আক্রমণ করেছে, তার কপালে অশেষ দুর্গতি আছে’।

সায়ক মাথা নিচু করে বলল, ‘কিন্তু তথাগতকে আর ফিরে পাব না গুলামভাই। অনেক বড় ক্ষতি হয়ে গেল আমাদের!’

১৫০

রাত আটটা।

রাওয়ালপিন্ডি আসগর হাউজের সামনে দুটো গাড়ি এসে দাঁড়াল। আমান গাড়িতে বসে ওয়াকিটকিতে নির্দেশ দিল, ‘সেকেন্ড ফ্লোর, তিন নাম্বার রুম’।

দলটা বিল্ডিং-এর ভেতরে প্রবেশ করল।

আবু ইব্রাহিম ফোন করছে। আমান ধরল, ‘জি জনাব’।

‘তোমার চারটে ইঁদুরের একটা ইঁদুরকে মারা গেছে’।

‘শুকরিয়া জনাব’।

‘পাকিস্তান হলে চারটেকেই মেরে পুঁতে দেওয়া যেত। বীরেনের কী খবর?’

‘ওখানেই এসেছি জনাব। এই ইঁদুরটাকে গাড়িতে তুলে আপনাকে ফোন করছি’।

‘আমার কাছে নিয়ে আসবে। জ্যান্ত। ওকে মারবে না’।

‘জি জনাব, লতিফকে পাওয়া গেছে জনাব?’

‘না। ওই শুয়োর পালিয়ে যাবে কোথায়? ওকে আমি নিজের হাতে শেষ করব। বীরেনকে পাওয়ামাত্র আমাকে ফোন করবে’।

‘বেশ জনাব’।

ফোন রেখে আমান গাড়ি থেকে বেরোল। ওরা হাউজের ভেতর ঢুকল, কোনও সাড়া আসছে না তো?

সে রিভলভার বের করে হাউজে প্রবেশ করল। পুরোনো বিল্ডিং। নীচের তলায় গাদাগাদা গুদামঘর। নোংরা অপরিচ্ছন্ন সিঁড়ি, পানের পিক পড়ে আছে।

সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখল জওয়ানেরা এক যুবকের দিকে রাইফেল তাক করে আছে। যুবকের দু’হাত মাথার উপরে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট।

আমান হাসল, ‘বীরেন, কেমন আছ?’

যুবক বিস্মিত হল, ‘আমি বীরেন না, আমার নাম রোহন’।

আমান বলল, ‘খুব ভালো। চলো রোহন, আমার গাড়িতে বসবে। তোমাকে রাওয়ালপিন্ডি শহরটা ঘুরিয়ে নিয়ে আসি’।

যুবক ভাবলেশহীন মুখে বলল, ‘চলুন’।

আমান তার গাড়ির ড্রাইভিং সিটে বসে তার পাশে যুবককে বসাল। গাড়ি স্টার্ট দিয়ে বলল, ‘পাকিস্তান কেমন লাগছে তোমার?’

‘আমার দেশ পাকিস্তান। খারাপ লাগবে কেন জনাব?’

ভিড় বাজার এলাকা ছেড়ে গাড়ি বড় রাস্তায় তুলল আমান, এই সময়টুকু কোনও কথা বলল না।

কিছুটা রাস্তা যাবার পর গাড়ি রাস্তার বাঁ দিকে দাঁড় করিয়ে বলল, ‘হাসান মাকসুদ তোমাকে খুব স্নেহ করতেন। নিজের হাতে নির্বাচন করেছিলেন তোমায়। তিনি বার বার লিখে গেছেন, রক্ত কোনওদিন বেইমানি করতে পারে না। পাকিস্তান তোমায় স্বীকৃতি দেবে বীরেন, তোমার মতো নওজোয়ান আমাদের দেশের সম্পদ’।

ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল, ‘কী যে বলে যাচ্ছেন জনাব! আমি তো বললাম আমি রোহন, সাতপুরুষের বাস আমাদের রাওয়ালপিন্ডিতে, দাঁড়ান…’

পকেট থেকে মানিব্যাগ বের করে আই কার্ড এগিয়ে দিল ছেলেটা, ‘দেখুন’।

আমান আই কার্ডটা রাস্তায় ছুড়ে ফেলে বলল, ‘এরকম লাখ লাখ আই কার্ড বানানো যায়। ঠিক আছে, আমার কথা তো তোমার ভালো লাগল না, আবু ইব্রাহিমের কাছে চলো। উনি তোমার স্পেশাল ক্লাস নেবেন’।

ছেলেটা বলল, ‘আমাকে একটা ফোন করতে দিন’।

আমান একটু ভেবে তার ফোনটা ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটা ফোনে নাম্বার ডায়াল করে কথা বলা শুরু করল, ‘আব্বু, সেলাম আলিকুম! আমি মাল নিতে এসেছিলাম, আমাকে কয়েকজন ধরে নিয়ে এসেছে, কীসব বলছে, আবু ইব্রাহিমের কাছে নিয়ে যাবে নাকি আবার! জি জি, কথা বলুন’।

ফোন এগিয়ে দিল ছেলেটা। আমান বিস্মিত হয়ে ফোনটা ধরল, ‘জি’।

‘আমি জামাল আনসারি বলছি। আসগর হাউজ সহ রাওয়ালপিন্ডি সবুজ মার্কেটের মালিক। আপনি আমার ছেলেকে তুলে নিয়ে গেছেন কেন?’

আমান ফোনটা কেটে দিল। বলল, ‘সরি। আপনি যেতে পারেন’।

ছেলেটা গালাগাল দিতে দিতে গাড়ি থেকে নেমে চলে গেল।

আমান কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে আবু ইব্রাহিমকে ফোন করল। আবু ইব্রাহিম ফোন ধরেই বলল, ‘পাওয়া গেছে?’

‘জি না জনাব। ভুল লিড ছিল। এই ছেলেটা বীরেন না’।

‘তুমি বুঝতে পারছ আমান, রফিককে সরিয়ে আমি কত বড় ভুল করেছি? তোমার মতো একটা অপদার্থকে আমি আই এস আই-এর মাথায় বসিয়েছি। আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে’।

ওপ্রান্তে চিৎকার করা শুরু করে দিয়েছে আবু ইব্রাহিম।

আমান ফোন কাটতে পারছে না। কাটলে যদি আবার রেগে যায় লোকটা!

১৫১

রাত বারোটা। স্টাডিরুমে চুপ করে বসে আছেন তুষার।

ইরাবতী দরজায় নক করলেন। তুষার বললেন, ‘এসো’।

ইরাবতী ঘরে ঢুকে বললেন, ‘তুমি ঘুমাবে না?’

তুষার শ্বাস ছাড়লেন, ‘না ইরা, আজ রাতে আর ঘুম হবে না। তথাগত…’

ইরাবতী চেয়ার টেনে বসলেন। কোনও কথা বললেন না।

তুষার ক্লান্ত কণ্ঠে বললেন, ‘এবার হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। এই রক্তক্ষরণ ভীষণ ব্যক্তিগত হয়ে উঠছে আমার কাছে। নুসরত আর মিজানকে বের করতে পারলাম না। বীরেনকে বারণ করে এখন মনে হচ্ছে ঠিক করিনি। ওরা যেভাবে সার্চ অপারেশন শুরু করেছে, আজকে না পাক, একদিন ঠিক পেয়ে যাবে। এই অপারেশন তো আমারই ঠিক করা, এর সব দায় আমার’।

ইরাবতী বললেন, ‘অধৈর্য হয়ে পড়ছ। একটা সিডেটিভ খেয়ে ঘুমোও। নইলে শরীর খারাপ হয়ে যাবে এবার’।

তুষার মাথা নেড়ে বললেন, ‘নাহ। আর কিছু হবে না। এই লড়াইতে কেউ বেঁচে থাকবে না’।

ইরাবতী বললেন, ‘শেষ কবে গীতা পড়েছ তুমি?’

তুষার বললেন, ‘বহুদিন পড়া হয়নি’।

ইরাবতী বললেন, ‘পড়। পড়ে ঘুমাতে এসো’।

ঘর থেকে বেরিয়ে গেলেন ইরাবতী। তুষারের ফোন বাজতে শুরু করেছে। ওপ্রান্ত থেকে সায়কের গলা ভেসে এল, ‘তথাগতর বডি দেশে ফেরত নিয়ে আসা যাবে স্যার?’

সায়কের গলা আবেগহীন। কুরুক্ষেত্র শেষে অর্জুন কি এভাবেই আবেগহীন ছিলেন? থাকা সম্ভব না। সায়ক পারছে কী করে?

তুষার বললেন, ‘হ্যাঁ, নিয়ে এসো। তোমরা আপাতত দিল্লিতে ফিরে এসো, সকালের ফ্লাইটেই ব্যবস্থা করে দিচ্ছি’।

সায়ক বলল, ‘আমি ফিরব না স্যার। শুধু আমি না, আমি, রাণা, অমল… আমরা কেউই ফিরব না। যতক্ষণ না আবু ইব্রাহিমের গুষ্টির তুষ্টি করতে পারছি, আমরা কেউ ফিরব না’।

তুষার বললেন, ‘ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবে, রাগ দিকভ্রষ্ট করে দিতে পারে। এসব কাজে রাগ যেন তোমাদের পরিচালিত করতে না পারে’।

‘করবে না স্যার’।

‘আসগর বিল্ডিংয়ে হানা দিয়েছিল ওরা। পাগলের মতো বীরেনকে খুঁজে বেড়াচ্ছে’।

‘পাবে না স্যার। আপনি চিন্তা করবেন না’।

‘তাও চিন্তা হচ্ছে। কিপ মি পোস্টেড’।

‘ওকে স্যার’।

ফোন রাখলেন তুষার। বাড়ির সামনে গাড়ি থামার শব্দ পাওয়া গেল।

দরজা খুলতে চিফ ঘরে ঢুকে বললেন, ‘আই অ্যাম ভেরি সরি তুষার’।

তুষার বললেন, ‘আমাদের আর কী করার আছে? এসো’।

চিফকে স্টাডিতে বসিয়ে কফি মাগ এগিয়ে দিলেন তুষার। চিফ বললেন, ‘ইসলামাবাদ সন্ধেয় একটা প্রেস ব্রিফ ছেড়েছে। পাকিস্তানে ঘটে যাওয়া বিভিন্ন হামলায় ইন্ডিয়ার হাত আছে বলে দাবি করেছে। তারা শান্তিকামী দেশ, তারা চাইলে নাকি অনেক কিছু করতে পারে। সেটার রিপ্লাই লিখছিলাম বলেই দেরি হল। অপারেশন ব্লু উইংস একটা সফল আন্ডার কভার অপারেশন হিসেবে থেকে যাবে। অথচ আজ আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছিল, একজনও নিরীহ মানুষকে না মেরে আমরা এই কাজটা করেছি। কতগুলো মানুষরূপী জন্তুকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি’।

তুষার বললেন, ‘শেষ ক’দিনে কাশ্মীরে অনুপ্রবেশ অনেক কমেছে, ওদের মনের মধ্যে ভয় ঢুকেছে। তবে ওদের এত সহজে দমানো যাবে না। কোনও ট্রেনিং ক্যাম্পই বন্ধ হয়নি। যে দেশের মূল নীতিই হল আমাদের দেশের ক্ষতি করা, যেখানে মানবসম্পদের ইউটিলাইজেশন বলতে সে দেশের মানুষ সুইসাইড বম্বিং বোঝে, সেখানে এত তাড়াতাড়ি সব কিছু পালটে যাবে না। এটা একটা নেভার এন্ডিং ওয়ার। এ যুদ্ধ শেষ হবার নয়’।

চিফ কফিতে চুমুক দিয়ে বললেন, ‘ঠিক বলেছ। শেষ মুহূর্তে তথাগতর কিছু না হলে অন্তত এই সময়টা আমরা ভালো থাকতে পারতাম। সৈকতও তো থেকে গেল…’

তুষার বললেন, ‘সায়করাও ফিরবে না। আবার যাবে’।

চিফ মাথা নাড়লেন, ‘শুধু ক’টা দিন আবার চুপ থাকতে হবে’।

তুষার বললেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমিও খুব যুদ্ধ চাইতাম। পরে বুঝেছিলাম, যুদ্ধে শুধু অপরপক্ষ মরবে না। আমার পক্ষও মরবে। আধুনিক যুগে সম্মুখ সমর কোনওদিন শেষ হবে না। দিনের পর দিন চলতেই থাকবে। কোনওকিছু শেষ হবে না। পৃথিবী যেদিন তৈরি হয়েছিল, সেদিন কি কেউ ভেবেছিল, একদিন এরকম সময় আসবে যখন মানুষ শুধু মানুষকে মেরেই যাবে?’

চিফ বললেন, ‘আমরা শুধু আমাদের কাজ করে যাই তুষার, এত বড় একটা দেশ, এত ঐতিহ্য, সব রক্ষার দায়িত্ব আমাদের উপরেই থেকে যায় শেষ অবধি’।

তুষার ম্লান হাসলেন, ‘হ্যাঁ, আমরা জেগে থাকব। দেশ নিশ্চিন্তে ঘুমাক…’।

দু’জনে চুপ করে বসে রইলেন।

ঘরে শুধু ঘড়ির চলাচলের শব্দটুকু জেগে রইল…।

***

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *