ব্লু উইংস – ৬৫

৬৫

শরমিন আর জাহিদা ফয়সলাবাদে যখন পৌঁছল তখন সন্ধে সাতটা বেজেছে। দু’জনেই মহিলা কামরায় বসেছিল বোরখা পরে। কারও সঙ্গে বেশি কথা বলেনি। স্টেশনের বাইরে ডাক্তার রিজভি নিজে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। শরমিন সরাসরি রিজভির কাছে এসে দাঁড়িয়ে বললেন, ‘চলুন’।

গাড়িতে উঠে শরমিন শ্বাস ছাড়লেন, ‘উফ, বাঁচা গেল’।

জাহিদা বলল, ‘সত্যি! এভাবে আসা যায়? মাত্র চার ঘণ্টার রাস্তা, তাতেই এই হাল!’

রিজভি গাড়ি স্টার্ট দিয়ে বললেন, ‘আপনারা নিশ্চয়ই খেয়ে আসেননি?’

শরমিন বললেন, ‘না না। ইসলামাবাদ থেকে বেরোনোর সময় খেয়ে নিয়েছি। আপনি ব্যস্ত হবেন না’।

রিজভি বললেন, ‘ঠিক আছে। আমার কোয়ার্টারে রান্নার ব্যবস্থা আছে’।

শরমিন খুশি হলেন, ‘তাহলে কোনও সমস্যা নেই। আমি বুঝে নেব’।

জাহিদা জানলার বাইরে দেখছিল।

রিজভি বললেন, ‘ফয়সলাবাদ পুরোনো শহর। গাছপালা একেবারে কম। তোমার নাম জাহিদা, তাই তো?’

জাহিদা বলল, ‘জি’।

রিজভি বললেন, ‘কোনওরকম ইন্সট্রাকশন আসার আগে অবধি আপনারা আমার কোয়ার্টারে থাকবেন। না বেরোনোই ভালো। বেরোলে অবশ্যই বোরখা পরবেন। ফয়সলাবাদ নিরাপদ শহর নয়’।

শরমিন বললেন, ‘হুঁ। পাকিস্তান দিন দিন থাকার অনুপযুক্ত হয়ে উঠেছে। কোথাও নিরাপত্তা নেই’।

রিজভি শ্বাস ছাড়লেন।

ডাক্তারদের কোয়ার্টারের এলাকাটা শান্ত। একেকটা কোয়ার্টার পরস্পরের থেকে অনেকটা দূরে। এই কমপ্লেক্সে কিছু গাছ আছে। অন্ধকার নেমেছে। রাস্তার আলো জ্বলেনি এখনও।

কোয়ার্টারে পৌঁছে রিজভি সতর্ক গলায় বললেন, ‘কারও নামার দরকার নেই। গ্যারেজ থেকেই আমার কোয়ার্টারে ঢোকার রাস্তা আছে। একটু অপেক্ষা করুন’।

গাড়ি থেকে নেমে গ্যারেজের শাটার তুললেন রিজভি। গাড়ি ঢুকিয়ে শাটার নামিয়ে গ্যারেজের পেছনের দরজা খুলে বললেন, ‘এবার আসুন’।

দু’জনে রিজভির কোয়ার্টারে প্রবেশ করল।

বড় দোতলা কোয়ার্টার। রিজভি একটা ঘর খুলে দিয়ে বললেন, ‘আপনারা এ ঘরে থাকুন। অ্যাটাচড বাথরুম আছে, কিচেন আছে। জানলা খোলার দরকার নেই। এসি চালিয়ে নেবেন। আর স্টোর রুমটা খোলার দরকার নেই’।

রিজভি বেরিয়ে যেতে শরমিন দরজা বন্ধ করলেন। জাহিদা বলল, ‘ডাক্তারবাবু কি পাকিস্তানি?’

শরমিন বললেন, ‘হ্যাঁ’।

জাহিদা বলল, ‘তবে?’

শরমিন বললেন, ‘জেনে কী করবি?’

জাহিদা ঠোঁট ওলটালো, ‘তাও ঠিক’।

শরমিন বললেন, ‘আমি তো আমার জামাইয়ের কথা ভাবছি। বেচারা কী করছে কে জানে! রান্নাবান্না পারে না। অফিস থেকে এসে আমাকে খুঁজে বেড়াবে। হায় রে, বেচারা!’

জাহিদা বলল, ‘এখন বলো, এসব ভেবে তুমি কী করবে?’

শরমিন বললেন, ‘হুঁ। ভালোবেসে ফেলেছিলাম। আসলে আমাদের ভালোবাসা উচিত নয়। যে ঘরটায় থাকতাম, সকাল বিকেল কেউ না কেউ আসত, কতরকম আবদার তাদের, কোনওদিন ভেবেছিলাম এখানে চলে আসব? লোকটাকে কতটা ভালোবেসে ছিলাম জানি না, কিন্তু সংসারটা সত্যি ভালোবেসেছিলাম। ওই ঘরটায় আর কোনওদিন যাওয়া হবে না। পুলিশ বোধহয় এতক্ষণে জেনে গেছে, ওকেও জানিয়ে দিয়েছে। কী ভাবল? সব পুরুষের সামনাসামনি দাঁড়াতে পারব, কিন্তু আর ওর মুখোমুখি হতে পারব না।’

জাহিদা শরমিনকে জড়িয়ে ধরল, ‘মন খারাপ কোরো না’।

শরমিন উঠলেন, ‘আমি রান্না বসাই। দেখি, কী কী আছে। কিছু না থাকলে রিজভি সাহেবকে বলতে হবে’।

জাহিদা বলল, ‘বিরিয়ানি বানাও, আর রেজালা’।

শরমিন হেসে উঠলেন, ‘খুব শখ না? যা হাত-পা ধুয়ে নে। আমার আবার আজকাল হাত-পা না ধুয়ে বিছানায় উঠলে কেমন অস্থির অস্থির লাগে। সারাক্ষণ গা ধুতে ইচ্ছে করে আমার। কত লোক নোংরা করে গেছে আমাকে। বমি পায়, অসুস্থ লাগে’।

জাহিদা বলল, ‘ওসব ভেবে কী করবে? ভাবতে হবে না। যে কাজে এসেছি, সেই কাজটা করতে হবে’।

শরমিন বললেন, ‘তোকে যত দেখি, তত অবাক হই। তোর ভয় লাগে না?’

জাহিদা বলল, ‘না। ভয় লাগে না। বাবা মা রাস্তায় ফেলে গেছিল। তারপরও তো বেঁচে আছি, বলো?’

শরমিন বললেন, ‘বেঁচে থাকতে ইচ্ছে করে না তোর?’

জাহিদা বলল, ‘খুব ইচ্ছে করে। খুব’।

শরমিন বললেন, ‘আমারও’।

দু’জনে চুপ করে বসে রইল…।

৬৬

ইসলামাবাদ। দুপুর দুটো।

সায়ক আসগর আলির বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে দিল। আপাত শান্ত পাড়া। চারদিকে কোনও হট্টগোল নেই।

তথাগত সায়কের কানে ফিসফিস করে বলল, ‘এখানে দাঁড়িয়ে থাকিস না। চল’।

সায়ক বাইক স্টার্ট দিল। কিছুটা রাস্তা যাবার পর আবার বাইক দাঁড় করিয়ে বলল, ‘অমলদের ওখানে যাব?’

তথাগত বলল, ‘না। তুষার স্যার না বললে যাস না’।

সায়ক বলল, ‘তাহলে আর দুপুর রোদে ঘুরে কী হবে? চল, খাবার নিয়ে ডেরায় ফিরি’।

তথাগত বলল, ‘সেটাই ঠিক হবে। চল’।

আধ ঘণ্টা পর খাবার নিয়ে ডেরায় ফিরল তারা। রুটি মাংস কেনা হয়েছে। মুখ ধুয়ে খাওয়া শুরু করল।

সায়ক খেতে খেতে বলল, ‘আসগর ফুটে গেছে। বাড়িও তালা দেওয়া। এবার ওর বাড়িতে হানা দিতে হবে’।

তথাগত আঁতকে উঠল, ‘খেপেছিস? ধরতে পারলে খবর হয়ে যাবি। একবার খবর হয়েছিস, আর হবার দরকার নেই’।

সায়ক বলল, ‘হুঁ, কিন্তু ওখানে অনেক কিছু পাওয়া যেত। ঝুঁকিটা নিতে হবে’।

তথাগত বলল, ‘থাক। এইমুহূর্তে আমার ঠিক লাগছে না। এখনই তুই এত বড় ঝুঁকি নিস না’।

সায়ক বলল, ‘মেনে নিলাম জাহাঁপনা। ঝুঁকি তো আছেই। প্রথমে মৌলানা, পরে আসগর আলি, আই এস আই নড়েচড়ে বসবে। রফিক আহমেদ আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোক হলেও ব্যাটার মাথা পরিষ্কার’।

তথাগত বলল, ‘দুর্নীতিগ্রস্ত? এও?’

সায়ক বলল, ‘হ্যাঁ, এর কয়েকটা ডকুমেন্ট পেয়েছি, দেখলে বুঝতে পারবি। এই মুহূর্তে আজাদ কাশ্মীরের সংগঠনগুলো যে আর্মস পাচ্ছে, তা আই এস আই-ই কিনে দিচ্ছে। সরকার আর আই এস আই এর মাঝে আছে রফিক। তুমুল কাটমানি ঝাড়ছে’।

তথাগত হাসতে হাসতে বলল, ‘এই রফিকের একটা প্রতিদ্বন্দ্বী ছিল না?’

সায়ক বলল, ‘হ্যাঁ, ইরফান আহমেদ, সৎ অফিসার ছিল। আপাতত জেলে আছে। রফিক ওকে ফাঁসিয়ে দিয়েছিল’।

সায়কের ফোনে মেসেজ এল, ‘লতিফের চিকিৎসা চলছে’।

সায়ক শিস দিয়ে উঠল। উঠে তড়িঘড়ি হাত ধুয়ে এসে বলল, ‘বীরেনের মেসেজ এসেছে। লতিফকে চিকিৎসা করাচ্ছে রফিক। ইন্টারেস্টিং’।

তথাগত বলল, ‘হাসপাতাল যাবি?’

সায়ক বলল, ‘খেপেছিস? তোর কী হয়েছে বল তো? আজকাল এমন সব কথা বলছিস, তুই তো যথেষ্ট শার্প পাবলিক। কী হয়েছে?’

তথাগত ক্লান্ত মুখে হাসল, ‘আমার আজকাল রিটায়ার করতে ইচ্ছে করছে। কলকাতায়, গঙ্গার ধারে একটা ফ্ল্যাট… না না ফ্ল্যাট না, বাড়ি। রিমিকে নিয়ে বসে থাকব, রাতে ক্যান্ডেল লাইট ডিনার করব’।

সায়ক বলল, ‘মহাভারতের যুদ্ধে অর্জুনেরও সব ছেড়ে ফ্ল্যাট কিনে কলকাতায় থাকতে ইচ্ছে করেছিল। হয়েছিল কি?’

তথাগত বলল, ‘সত্যি আমার কনফিডেন্স কমে গেছে ভাই। এনার্জি পাচ্ছি না’।

সায়ক বলল, ‘সুদূর কল্পনাতেও ভাববি না। সন্ধেয় তোর কাউন্সেলিং করব আমি। জাহাঙ্গীর দেখছি তোর কনফিডেন্স কমিয়ে দিয়ে গেছে। এসব নিয়ে বেশি ভাবিস না। একবার মাথায় ভয় ঢুকে গেলে এ দেশে টেকা যাবে না। এমনিতেই চূড়ান্ত আনপ্রেডিক্টেবল একটা দেশ। এখন একরকম, ঘণ্টাখানেক পরেই সব পালটে যেতে পারে’।

তথাগত হাত ধুয়ে এসে বসল, ‘নুর ফিরে গেছে, এটাই আমার কাছে স্বস্তির। আমি কি ঠিক করলাম ওকে জোর করে ফেরত পাঠিয়ে?’

সায়ক বলল, ‘একদম ঠিক করেছিস। জাহাঙ্গীর ওর দোকানে যে-কোনওদিন রেইড করবে। লাহোর-ইসলামাবাদ হাই অ্যালার্টে আছে’।

তথাগত বলল, ‘এর মধ্যেই ঘুরে এলাম? যদি ধরা পড়তাম?’

সায়ক বলল, ‘লুক আউট নোটিস আমার নামেও আছে। ধরা পড়লে ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাবে ঠিকই, কিন্তু বাড়িতে সকাল বারোটায় ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে ঘুমানোর থেকে বা ফাউ অফিস ক্যাচালে প্যাঁচাল পাড়ার থেকে আমার এই লাইফ অনেক বেশি ভালো লাগে ভাই। আই লাভ দিস লাইফ। নইলে কিক পাই না। দশটা পাঁচটা ইস নট মাই কাপ অফ টি মাই ফ্রেন্ড!’

তথাগত বলল, ‘হ্যাঁ, নামটাই তো সায়ক বড়াল। জেমস বন্ডের ভায়রাভাই টাইপ ব্যাপার’।

সায়ক উত্তর না দিয়ে ফিক ফিক করে হাসতে লাগল…।

৬৭

‘কেমন আছ নুর? শরীর ঠিক আছে?’ নুরকে জিগ্যেস করলেন তুষার।

নুর বিষণ্ণ মুখে বসে আছেন তুষারের চেম্বারে। খান আর মাথুরও এসেছেন। তুষারের প্রশ্ন শুনে নুর বললেন, ‘হ্যাঁ স্যার… ঠিক আছি’।

তুষার বললেন, ‘হায়দ্রাবাদে তোমার বাড়িতে এখন কে থাকেন?’

নুর বললেন, ‘কেউ নেই আর। মা থাকত, মা মারা গেছে সাত বছর হল। আপাতত গিয়ে মার কবরের পাশে গিয়ে বসে থাকব ঠিক করেছি’।

তুষার বললেন, ‘এখানে কোনও প্ল্যান আছে? আমি হায়দ্রাবাদ অফিসে বলে দেব। তুমি ওখানে জয়েন করে যাবে’।

নুর বললেন, ‘কী প্ল্যান থাকবে স্যার? আমার ফ্যামিলি লাহোরে… আমি আর কী প্ল্যান করতে পারি?’

তুষার বললেন, ‘তোমায় একটা কাউন্সেলিং-এর মধ্যে দিয়ে যেতে হবে নুর। আমরা ডক্টর আখতারকে বলে রেখেছি। কয়েকটা সেশন করো। কিছুটা ইম্প্রুভমেন্ট হবে’।

নুর বললেন, ‘স্যার, তথাগত আমাকে বলেছেন ফেরার ব্যবস্থা করে দেবেন। কিছু করা যায় না? আমাদের তো অনেক এজেন্ট আছে পাকিস্তানে, ওরা আমার ফ্যামিলিকে ঠিক রাখতে পারবে না? যদি নিয়ে আসা যায়? কোনওভাবেই কি সম্ভব না?’

খান বললেন, ‘ধরো নিয়ে আসা গেল। তোমার স্ত্রী এখানে এসে জানতে পারলেন তুমি একজন ভারতীয়। তখন যদি বেঁকে বসেন, থাকতে না চান? মিডিয়াতে গিয়ে যদি বলে দেন, তখন?’

নুর মাথা নাড়লেন, ‘হ্যাঁ, আমি এটা ভেবেছি। এটা হতে পারে। তার থেকে আমাকে ফিরিয়ে দিন। আমি চলে যাই’।

তুষার মাথুরকে বললেন, ‘ওকে ডাক্তার আখতারের কাছে নিয়ে যাও’।

মাথুর উঠলেন, নুরকে বললেন, ‘চলো’।

নুর বললেন, ‘আমি যেগুলো বলছি, সত্যই কি সম্ভব না?’

তুষার বললেন, ‘তুমি আপাতত সেশন শুরু করো। আমি কথা বলে দেখছি। লাহোরের রিপোর্টগুলো যাচাই করি। আমাকে একটু সময় দাও’।

নুর বিহ্বল কণ্ঠে বললেন, ‘আমার মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে। সাত বছর বয়স। আমি ওকে স্কুলে নিয়ে যেতাম’।

মাথুর নুরের হাত ধরলেন, ‘চলো নুর। স্যার দেখবেন বললেন তো। চলো’।

নুরকে একপ্রকার জোর করে ঘর থেকে নিয়ে বেরোলেন মাথুর। খান বললেন, ‘নুরের বউ আর বাচ্চাদের নিয়ে আসা একবারে অসম্ভব না স্যার’।

তুষার তার প্রিয় জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, ‘ভেবে দেখো। তুমি আর মাথুর ভাবো। ভেবে বিকেলে জানাও। আমিও জানি নিয়ে আসা সম্ভব। তার আগে আমাদের অনেকগুলো হার্ডল পেরোতে হবে। নুরের স্ত্রীকে জানাতে হবে নুর আসলে কে, যেটা এখন সম্ভব না। আমি এতবড় ঝুঁকি নিতে পারব না। আমাদের উপরমহলে সব জানাতে হবে। আরও অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে’।

খান বললেন, ‘নুরের বাড়িতে এখনও আই এস আই পৌঁছয়নি, এর অর্থ কিন্তু…’

তুষার কথা শেষ করতে না দিয়ে বললেন, ‘এর অর্থ এটাও হতে পারে ওরা দূর থেকে নজর রাখছে’।

খান বললেন, ‘ওর স্ত্রী কিন্তু কান্নাকাটি করছেন’।

তুষার বললেন, ‘সিগারেট আছে?’

খান ফোন করে সিগারেট আনালেন। তুষার সিগারেট ধরিয়ে বললেন, ‘এগুলো বইয়ের কোনও অধ্যায় হলে ভালো হতো খান। পড়ব না বলে পেরিয়ে যাওয়া যেত। এটা জীবন। এই মুহূর্তে নুরের স্ত্রীকে আমরা ইগনোর করব কী করে?’

খান বললেন, ‘নুরের কাউন্সেলিং চলুক। ওর সঙ্গে কথা বলে ঠান্ডা মাথায় কোনও সলিউশন বেরোবে আশা করা যায়’।

তুষার বললেন, ‘আমরা ওই আশাই করতে পারি। দেশে দেশে ঝামেলা হয়। কতগুলো নিরীহ মানুষের জীবন তছনছ হয়ে যায়’।

খান বললেন, ‘কিন্তু স্যার, ওই যে বলা হয়, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়্যার?’

তুষার হাসলেন, ‘কোনও প্রেমিক যুদ্ধবাজই বলেছিল আর কী। সব ফেয়ার হলে যুধিষ্ঠিরকে একবারের জন্য হলেও নরকে যেতে হতো না। নুরের ফ্যামিলির খোঁজ রাখো। আমার মনে হয় না নুরকে… ঠিক আছে, দেখা যাক কী হয়!’

৬৮

করাচি।

রাত দশটা। তনবীর ফিরে টিভির সামনে বসেছে। হঠাৎ করে ডাকতে শুরু করল, ‘তবসসুম। তবসসুম’।

তবসসুম রান্নাঘরে ছিল। তড়িঘড়ি তনবীরের কাছে এসে দাঁড়াল। ‘বলো’।

তনবীর বলল, ‘বেরিয়েছিলি?’

তবসসুম বলল, ‘জি। আমি বাজার করতে গেছিলাম’।

তনবীর বলল, ‘কী বাজার করেছিস?’

তবসসুম ঘর থেকে একটা লিপস্টিক এনে দেখাল।

তনবীর বলল, ‘এটা? এই হারামের জিনিস কিনে এনেছিস তুই?’

তবসসুম কুঁকড়ে গেল। তনবীর তবসসুমের চুলের মুঠি ধরে দেওয়ালে ঠেসে ধরে হিসহিস করে বলল, ‘আরেকবার কোঠিতে যাবার ইচ্ছে হয়েছে তাই না? আমি তো জানি, এখানে তোর মন বসে না। সকাল বিকেল খদ্দের আসবে, তাতেই তোর আনন্দ’।

তবসসুম উত্তর দিল না। চুপ করে রইল। তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে বেশি কথা বললে তনবীর আরও বেশি মারতে থাকবে। কয়েক সেকেন্ড আটকে রেখে ছেড়ে দিল তনবীর। বলল, ‘যা। লিপস্টিকটা ডাস্টবিনে ফেলে দিয়ে আয়’।

তবসসুম তাই করল।

তনবীর বলল, ‘এদিকে আয়। আমার কাছে বস’।

তবসসুম বসল। তনবীর তবসসুমকে জড়িয়ে ধরে বসে রইল। কিছুক্ষণ পর বলল, ‘অনেকদিন কোঠিতে যাওয়া হয় না। তোর সহেলিদের সঙ্গেও দেখা হয় না। যাব ভাবছি’।

তবসসুম বলল, ‘যাও’।

তনবীর বলল, ‘যাব। তোর যেতে ইচ্ছে করে না?’

তবসসুম বলল, ‘তুমি বললে যেতে হবে’।

তনবীর মাথা নাড়ল। টিভির চ্যানেল পালটাতে পালটাতে বলল, ‘বাজারে যে মেয়েটার সঙ্গে কথা বলছিলি, সে কে?’

তবসসুম চমকে উঠল। সে জানে, তনবীরের লোক সর্বত্র থাকে। মিথ্যে বলে লাভ নেই। বলল সকালের কথা। তনবীর বলল, ‘এইজন্য আমি তোকে বাজার যেতে বারণ করি। লোকের সঙ্গে এত কথা বলার তো কিছু নেই। যাবি, চলে আসবি। তোকে লোকের সঙ্গে গল্প করার জন্য বাজারে পাঠানো হয়?’

তবসসুম বলল, ‘আর হবে না। তুমি বললে আর যাবই না’।

তনবীর বলল, ‘কাজি সাহেবকে বলেছি। তোর সঙ্গে আমি নিকাহ করব। তোকে আমার বিবি বানাব’।

তবসসুম অবাক হয়ে তনবীরের দিকে তাকাল।

তনবীর বলল, ‘তোর আপত্তি আছে?’

তবসসুম কেঁদে ফেলল, ‘আমার বিশ্বাস হচ্ছে না’।

তনবীর বলল, ‘অনেকে আসবে। আমি রফিক সাহেবকেও আসতে বলব। অনেককেই বলব ঠিক করেছি। তোর কাউকে বলার আছে?’

তবসসুম বলল, ‘আমার কেউ নেই। আমি কাউকে চিনি না। কোঠির কাউকে বলা ঠিক হবে না’।

তনবীর নরম গলায় বলল, ‘তোর ইচ্ছে হলে বলতে পারিস। দোকানে আমি আজ অনেকক্ষণ ধরে ভেবেছি। তোকে অনেক অত্যাচার করি আমি। তোকে আমি বিয়ে করব’।

তবসসুম তনবীরকে জড়িয়ে ধরল। তার মন দ্রবীভূত হয়ে গেছে। যত রাগ ছিল, তা নিমেষে জল হয়ে গেছে। এই লোকটা তাকে স্বীকৃতি দেবে।

তনবীর তার চুলে হাত বোলাতে বোলাতে বলল, ‘জানিস, তুই আমার জন্য ভীষণ পয়া। যে সব অপারেশন আমি তোর মুখ দেখে যাবার পর করেছি, তার সবক’টা সফল হয়েছে। তোর সঙ্গে এভাবে শুধু থাকবই না, তোকে আমার বেগম করব’।

তবসসুম চুপ করে বসে রইল। তনবীর এরকমই। যখন ভালো, তখন ভীষণ ভালো। যখন খারাপ, তখন তার মতন খারাপ আর কেউ হয় না।

তনবীর বলল, ‘উপরে হামজা তোকে বিরক্ত করত না?’

তবসসুম বলল, ‘হ্যাঁ’।

তনবীর বলল, ‘আর করবে না’।

তবসসুম বলল, ‘কী করেছ?’

তনবীর বলল, ‘মেরে দিয়েছি’।

তবসসুম চমকাল না। তনবীরকে সে চেনে। তবসসুমকে ঘিরে থাকা ছোট দুনিয়াটার সবকিছু তার নখদর্পণে।

তনবীর বলল, ‘বাজারে যে মেয়েটার সঙ্গে তোর দেখা হয়েছিল, সে মহল্লার মেয়ে না। রাবেয়া বেগমের কাছে থাকে না। পরেরদিন আবার এলে ছুতোনাতায় আটকে রাখবি। এখানে নিয়ে এসে দরজা বন্ধ করে দিতে পারলে সবচেয়ে ভালো। যদি বাজারে না আসে, মহল্লায় গিয়ে খোঁজ করবি। জিগ্যেস করবি, ওই নামে কেউ আছে নাকি। ঠিক আছে?’

তবসসুম বলল, ‘জি। তুমি যা বলবে তাই হবে’।

তনবীর টিভির ভলিউম জোরে দিয়ে ঠ্যাং দোলাতে শুরু করল। তবসসুমের এখনও বিশ্বাস হচ্ছিল না তনবীর তাকে সত্যি বিয়ে করবে।

তনবীর বলল, ‘মেয়েটা কে আমার জানা দরকার। চোখ কান খোলা না রাখলে আমরা বেঁচে থাকতে পারব না’।

তবসসুম বলল, ‘জি, তাই’।

৬৯

ইসলামাবাদ।

লতিফ হাসপাতালে শুয়ে আছে। কিছুক্ষণ আগে রফিক নিজে এসেছিল তার সঙ্গে দেখা করতে। লতিফের কাছে দাঁড়িয়ে বলল, ‘আমি সবাইকে বলে দিয়েছি। কেউ তোকে বিরক্ত করবে না। কাল হাসপাতাল থেকে তোকে ছেড়ে দেবে। ওষুধগুলো ঠিক করে খাস। আবার করাচিতেই যাবি। ঠিক আছে?’

লতিফ বলল, ‘জি জনাব’।

রফিক বলল, ‘আমি জানি, টাকার জন্য তুই খুব বেশি তথ্য র-কে দিসনি। তোর উপর আমার সে ভরসা আছে। তুই এখনও ওদের সব তথ্য পাঠিয়ে যাবি। তবে আমি বলে দেব কী কী পাঠাতে হবে। ওকে?’

লতিফ বলল, ‘জি জনাব’।

রফিক বলল, ‘তোর ফ্যামিলিকে কোথায় লুকিয়ে রেখেছে?’

লতিফ মাথা নাড়ল, ‘আমি কিচ্ছু জানি না জনাব। কী করে ওরা আমার ফ্যামিলির খবর পেল, আমি সেটাও জানি না’।

রফিক বলল, ‘জেনে নে। যত তাড়াতাড়ি সম্ভব জানার চেষ্টা কর। আবু ইব্রাহিম জানলে রেগে যাবে। তার এলাকার লোক ইন্ডিয়ানদের সঙ্গে কাজ করছে জানলে কী হতে পারে বুঝতে পারছিস?’

লতিফ শিউরে উঠল।

রফিক বলল, ‘আমি বেরোলাম। হাসপাতাল থেকে বেরিয়ে কাল ফোন করবি’।

লতিফ বলল, ‘জনাব, আপনি যা বলবেন। আমি এক চোখে দেখতে পারছি না জনাব’।

রফিক বলল, ‘চশমার বিল করে দিবি। পেয়ে যাবি’।

লতিফ শুয়ে রইল।

বাইরে বেরিয়ে রফিক আকবরকে বলল, ‘ওর ফ্যামিলির কোনও খবর নেই?’

আকবর মাথা নাড়ল।

রফিক বলল, ‘র নাও হতে পারে। অন্য কেউ হতে পারে। খাইবার পাখতুনখোয়াতে তো কিছু না কিছু লেগেই আছে। খবর নাও’।

আকবর বলল, ‘জি জনাব’।

রফিক হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠল।

অফিসে ঢুকতেই বরকত বলল, ‘জনাব, লাহোর থেকে জাহাঙ্গীর কিছু ডেটা পাঠিয়েছে। আপনাকে দিয়েছি’।

রফিক বলল, ‘আমাকে দেওয়ার কিছু নেই। দেখাও’।

বরকত তার ট্যাব থেকে দেখানো শুরু করল, ‘জাহাঙ্গীর সন্দেহ করছে করাচি-লাহোরের ট্রেনে ও একে দেখেছিল’।

রফিককে তথাগতর ছবি দেখাল বরকত। রফিক বলল, ‘বাঃ। আমি ইমপ্রেসড। গোটা দেশ এখন র এজেন্টে ভর্তি হয়ে গেছে। কী চাইছে এরা? দিল্লিকে অন্যভাবে বোঝানো শুরু করো, এদের একটাকেও যদি আমি ধরতে পারি, এদের আমি কী হাল করব দিল্লির কোনও ধারণা নেই। এরা বর্ডারে পথ ভুলে আসা কোনও বি এস এফ জওয়ান না যে দু’দিন পরে আমরা ছেড়ে দিতে বাধ্য থাকব। কী হতে পারে, দিল্লি ধারণাও করতে পারবে না’।

বরকত থমকে গেল, ‘কীভাবে বোঝাব?’

রফিক বলল, ‘সেটাও তোমাকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে নাকি? আবু ইব্রাহিমের আপডেট কী? কত ছেলে পাঠাবে কিছু বলেছে?’

বরকত বলল, ‘আবু ইব্রাহিম মাহিকে রেখে দিয়েছে জনাব। মাহি বালোচ ওর কাছে আছে’।

রফিক বলল, ‘কেন?’

বরকত বলল, ‘রহমান সাহেব ওদের একজনকে বলেছেন আবু ইব্রাহিম নাকি রহমান সাহেবকে কোনও একদিন বলেছিলেন মাহি বালোচকে তার ভালো লাগে’।

রফিক বলল, ‘আমি তো এসবের কিছুই জানি না। এরপর কী হবে? মাহির কী হবে?’

বরকত বলল, ‘আবু ইব্রাহিম ঠিক করবে’।

রফিক বলল, ‘আবু ইব্রাহিম কোথায়?’

বরকত বলল, ‘জানি না’।

রফিক বলল, ‘লতিফকে আমি পাঠাতে চেয়েছিলাম রহমান সাহেবের উপর নজরদারি করতে। এখন গোটা ব্যাপারটাই ঘেঁটে গেল। এভাবে চললে আই এস আই রেখে কোনও লাভ নেই। হোপলেস’।

বরকত চুপ করে দাঁড়িয়ে রইল।

রফিক বলল, ‘আমান কি এখন দু’দিকেই খেলছে? আই মিন, লস্করের কাজও করে বেড়াচ্ছে?’

বরকত বলল, ‘জি জনাব’।

রফিক বলল, ‘আমানকে হেড কোয়ার্টারসে ডেকে পাঠাও। এখনই’।

বরকত ঘাড় নাড়ল।

রফিক রাগী মুখে বসে রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *