১৪০
রাত বারোটা। দূর থেকে পেশোয়ার শহরের আলো দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে দিয়ে তারা চারজন হাঁটছে। হাদি বুড়োর হাঁটাচলা দেখে তার বয়স বোঝা সম্ভব না। পাহাড়ের মধ্যে যেন তার হাঁটার গতি আরও বেড়ে গেছে।
রাণা ফিসফিস করে অমলকে বলল, ‘এ কি সারারাত হাঁটানোর প্ল্যান করেছে নাকি?’
সায়ক রাণার কথা শুনতে পেয়ে বলল, ‘এখান থেকে হেঁটে আফগান মুলুক যাওয়া সম্ভব না। আমরা যাচ্ছি হাদিবুড়োর ছেলের কাছে’।
রাণা বলল, ‘হাদিবুড়োর ছেলে কী করে?’
সায়ক বলল, ‘আফিম স্মাগলিং করে’।
রাণা বলল, ‘খেয়েছে। আফিম স্মাগলারদের দলে ভিড়লাম নাকি?’
সায়ক হাসল, ‘আরও ভয়ংকর’।
রাণা বলল, ‘থাক থাক, আর বলে কাজ নেই’।
হাদিবুড়ো টর্চ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। পায়ে কিছু কাঁটা গাছ বিঁধছে, প্রবল ঠান্ডা হাওয়া বইছে। তথাগত কাঁপছিল। অমল বলল, ‘ঠিক আছিস তো রে’?
তথাগত বলল, ‘ঠিক আছি। চল, কোনও অসুবিধা নেই’।
কথাটা বলল বটে, কিন্তু তার খুব দুর্বল লাগছিল। পা দুটো যেন মাটিতে বসে যাচ্ছিল। রিমির সঙ্গে কি আর দেখা হবে কোনওদিন? হবে না মনে হয়। নিজের মনেই হাসল সে। জীবনটা অনিশ্চয়তায় পূর্ণ! এই রাস্তা দিয়ে সে আগেও আফগানিস্তান গেছে। সে জানে, এই পথটা বেশ দীর্ঘ। দাঁতে দাঁত চেপে কঠিন মনের জোরে সে হাঁটছিল।
.
আলো দেখিয়ে নিয়ে যাচ্ছিল হাদিবুড়ো। একটা সময় আলো নিভিয়ে বসে পড়ল।
হাদিবুড়োর দেখাদেখি তারাও বসে পড়ল। খানিকটা দূরে কয়েকজনের গলার স্বর শোনা যাচ্ছে। প্রায় পনেরো মিনিট পরে হাদিবুড়ো তাদের ওভাবেই বসে থাকার ইশারা করে এগিয়ে গেল। একটু পরে দূর থেকে আলো দেখাতে তারা আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল।
রাণা কৌতূহলী কণ্ঠে বলল, ‘কী হল?’
সায়ক বলল, ‘বর্ডারের কাছে এলাকা, কত চিড়িয়া থাকে!’
রাণা বলল, ‘মাইরি, এখানে ধরা পড়লে আর দেখতে হবে না! এর থেকে এয়ারলিফট করে চলে গেলে হতো’।
তথাগত বলল, ‘এসব কথা বলিস না। স্টে পজিটিভ’।
সায়ক বলল, ‘হ্যাঁ, এত চিন্তার কিছু নেই, আরামসে ওপারে চলে যাব’।
তথাগত হেসে ফেলল, ‘তোর কি এটাও জলভাত মনে হচ্ছে?’
সায়ক বলল, ‘হ্যাঁ রে, ওদের আর্মির ছেলেগুলোর অবস্থা খুব খারাপ, এখানে এই আফিমওয়ালাদের থেকে যে মাসোহারাটা পায়, সেটা দিয়েই ওদের দিন গুজরান হয়। চিন্তার কিছু থাকলে হাদি এই রাস্তা দিয়ে নিয়ে আসত না’।
তথাগত বলল, ‘হ্যাঁ, তবে হাঁটতে হবে’।
সায়ক বলল, ‘তোর কি অসুবিধা হচ্ছে?’
তথাগত জোরে জোরে মাথা নাড়ল, ‘না না। আমাকে নিয়ে ভাবিস না। চল’।
হাদি বুড়ো এবার জোরে হাঁটছিল। সঙ্গে তারাও। পাহাড়ের অপরপ্রান্তে পৌঁছতে প্রায় দু’ঘণ্টা লাগল। ভাঙাচোরা রাস্তার উপরে পরপর চারটে জিপ আর একটা পিক আপ ভ্যান দাঁড়িয়ে আছে। গোটা জায়গাটায় ধুলো আর বালির আস্তরণ পড়ে গেছে।
তথাগত কাশতে কাশতে বসে পড়ল। সায়ক তাড়াতাড়ি একটা জলের বোতল এগিয়ে দিয়ে বলল, ‘বেশি খাস না, একটু নে। রাস্তায় বাথরুম পেলে চাপ হয়ে যাবে’।
তথাগত একটু জল খেয়ে বসে রইল। হাদিবুড়োর সঙ্গে একটা ছেলে কথা বলছিল। সায়ক বলল, ‘বন্ধুগণ, হাদিবুড়োর ছেলে এসে গেছে। এই পিক আপ ভ্যানটার পেছনে আমাদের চুপ করে বসে থাকতে হবে। এর উপরে ওরা পলিথিন দিয়ে দেবে। চল্লিশ মিনিটের রাস্তা। এই পুরোটা সময় ওভাবেই শুয়ে থাকব আমরা। পথের শেষটা আফগানিস্তানের বর্ডারে। ও পাশে আমাদের লোক আছে। ঢুকতে কোনও সমস্যা হবে না। এই চল্লিশ মিনিটটা দু’ঘণ্টাও হতে পারে যদি আর্মি ক্লিয়ারেন্স না থাকে। বুঝতেই পারছিস, এই রাস্তার জিরো পারসেন্ট গ্যারান্টি। যা ইচ্ছে হতে পারে। এই সময়ের মধ্যে পাকিস্তান আর্মি চাইলে এসে আমাদের গুলিতে ঝাঁঝরা করে দিতে পারে। আমাদের তুলে নিয়ে ইসলামাবাদে চলে যেতে পারে, সেখানে আমাদের মেরে যা খুশি করতে পারে, আমাদের কিচ্ছু করার থাকবে না। কারও কোনও সমস্যা আছে?’
রাণা বলল, ‘আমি মরার ভয় পাই না। ওসব নিয়ে চাপ কোনওকালেই নিই না। বাকিরাও কেউ নেয় বলে আমার মনে হয় না’।
তথাগত বলল, ‘আমিও পারব। কীসের সমস্যা? যেতেই হবে যে করে হোক’!
কোনওমতে উঠে দাঁড়াতে গিয়ে তথাগত জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল। হাদিবুড়ো এগিয়ে গিয়ে তথাগতর নাড়ি দেখে বলল, ‘বুখার আছে। কী করবেন?’
অমল বলল, ‘অপেক্ষা করব? আপনি কী বলেন?’
হাদিবুড়ো বলল, ‘অপেক্ষা করার ঝুঁকি না নিলেই ভালো। আই এস আই এখনও এই বর্ডার নিয়ে বেশি ভাবনা চিন্তা করেনি। আমরা যেখান থেকে মাল দেওয়া নেওয়া করি, সে জায়গাটা এখনও খোলা আছে। ওই করিডোর বন্ধ হয়ে গেলে এই বর্ডার থেকে কিছুতেই আপনাদের আমি ওপাশে নিয়ে যেতে পারব না’।
সায়ক কোমরে হাত দিয়ে চিন্তা করছিল। ঝুঁকে তথাগতর কপালে হাত দিয়ে বলল, ‘কী রে, ঠিক আছিস? অমল, হাতে একটু জল দে তো’।
অমল জলের বোতলটা এগিয়ে দিল, সায়ক তথাগতর চোখে মুখে জল ছেটাল, তথাগতর চোখ দুটো খুলেই বন্ধ হয়ে গেল।
সায়ক উঠে দাঁড়িয়ে অমলকে বলল, ‘ক্লান্তিটাই বেশি’।
রাণা বলল, ‘আমিও থেকে যাই তবে’।
সায়ক কড়া গলায় বলল, ‘কেউ থাকবে না। তথাগতকেও নিয়ে যাব। চল দেখি’।
তথাগতকে ওই অবস্থাতেই পিক আপ ভ্যানের পেছনে তোলা হল।
১৪১
ফয়সলাবাদ পেরিয়ে হাইওয়ের পাশে গিয়ে গাড়ি দাঁড় করালেন শরমিন।
ডাক্তার রিজভি গোটা রাস্তা চুপ করে বসেছিলেন। জাহিদা শরমিনের সঙ্গে বকবক করে গেলেও রিজভির কানে কিছুই ঢোকেনি। তিনি ঘোরের মধ্যে ছিলেন।
গাড়ি থামলে জিগ্যেস করলেন, ‘এই গাড়িটা কোত্থেকে এনেছেন?’
শরমিন স্বাভাবিক গলায় বললেন, ‘চুরির গাড়ি’।
ডাক্তার রিজভি বললেন, ‘আমিই ভুল ছিলাম। আপনারা হলিউডের হিরোইনদের থেকে কম যান না। আমার কোয়ার্টার থেকে পালিয়ে কোথায় গেছিলেন?’
শরমিন বললেন, ‘ফয়সলাবাদে আমাদের লোক আছে। ওখানেই ছিলাম। অনুগ্রহ করে ঠিকানা জানতে চাইবেন না। বলতে পারব না’।
রিজভি বললেন, ‘ঠিক আছে। এতটা বুঝলাম। বাকিটা বলুন। এবার কী প্ল্যান?’
রিজভির প্রশ্ন শেষ হবার আগেই একটা গাড়ি এসে দাঁড়াল।
শরমিন বললেন, ‘ডাক্তারবাবু, আপনি ওই গাড়িটায় চলে যান, আমাদের যেতে হবে’।
রিজভি বললেন, ‘মানে?’
শরমিন বললেন, ‘সময় কম আছে ডাক্তারবাবু। যান’।
হতভম্ব রিজভি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শরমিন গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেলেন।
ডাক্তার রিজভি দেখলেন অন্য গাড়িটার ড্রাইভিং সিটে এক যুবক বসে আছে। তার জন্য ড্রাইভারের পাশের সিটের দরজা খুলে গেল। রিজভি গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিয়ে যুবক বলল, ‘আমি আবিদ। কেমন আছেন ডাক্তারবাবু?’
রিজভি বললেন, ‘শরমিন কোথায় গেলেন?’
আবিদ বলল, ‘আল মাসুদের আমিনপুর বাজার যাবার সময় হয়েছে, এই সময়েই বেরোয়’।
রিজভি চমকে উঠলেন, ‘মানে? উনি একা পারবেন?’
আবিদ শ্বাস ছাড়ল, ‘পারতে পারেন, নাও পারতে পারেন। তবে আপাতত আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব লাহোরের আগে শেখপুরায় নিয়ে যাবার অর্ডার আছে আমার কাছে’।
রিজভি বললেন, ‘মানে? আর ওরা?’
আবিদ বলল, ‘আমাকে আপনার দায়িত্ব দেওয়া আছে। ওদের কথা আমি বলতে পারব না’।
রিজভি চিৎকার করে উঠলেন, ‘বলতে পারবেন না মানে কী? দু’জন মহিলা! ওরা পেলে তো ওদের ছিঁড়ে খেয়ে ফেলবে!’
আবিদ গাড়ির গতি বাড়াল, ‘গাড়িটায় যে পরিমাণ আর ডি এক্স আছে, ওরা ওদের কোনওদিন পাবে না ডাক্তারবাবু!’
রিজভি কেঁপে উঠলেন। দু’হাতে মুখে ঢেকে বললেন, ‘সর্বনাশ! আমার বোঝা উচিত ছিল!’
আবিদ বলল, ‘শরমিন বার বার বলেছেন, ওদের জন্য আপনি বিপদে পড়ে গেছেন। শরমিন জানতেন, আই এস আই ঠিক বুঝে গেছিল আপনার কোয়ার্টারে ওরা ছিল’।
রিজভি বললেন, ‘ওদের বেঁচে থাকার কোনও সুযোগ আছে?’
আবিদ চুপ করে গেল। রিজভি বাইরের দিকে দেখলেন। একটার পর একটা আলো পেরিয়ে গাড়ি ছুটে চলেছে লাহোরের দিকে। তার প্রিয় দেশকে বাকি জীবনটা আর দেখতে পাবেন না তিনি। হতে পারে ওরা তাকে মেরে ফেলবে। হতে পারে তিনি সাফল্যের সঙ্গে বর্ডার পেরোতে পারবেন। কিন্তু কোনও অবস্থাতেই এই দেশে আর ফেরা হবে না তার।
একটু পরে আবিদ বলল, ‘এই অপারেশন কেউ অ্যাপ্রুভ করেনি। শরমিন নিজে জোর করে করছেন। আমি আটকাতে পারিনি’।
রিজভি বললেন, ‘এত আর ডি এক্স পেলেন কী করে?’
আবিদ হাসল, ‘ওগুলো আল মাসুদেরই ছিল। গুলিস্তান কলোনিতে ওর গোডাউনে আর ডি এক্স মজুত করে রেখেছিল। ওখান থেকেই চুরি করা হয়েছে’!
রিজভি চুপ করে গেলেন। আর কিছু ভাবতে পারছিলেন না তিনি। এইটুকু সময়ের মধ্যে এত কিছু করেছেন শরমিন! আবিদের ফোন বেজে উঠল। আবিদ ফোন রিসিভ করে রিজভির দিকে ফোনটা এগিয়ে দিলেন।
রিজভি ফোন কানে দিতেই ওপ্রান্ত থেকে জাহিদার কণ্ঠস্বর ভেসে এল, ‘পিজাগুলোর জন্য শুকরিয়া ডাক্তারসাব’।
রিজভি স্খলিত কণ্ঠে বললেন, ‘তোমরা কোথায়?’
শরমিনের গলা শোনা গেল, ‘অপেক্ষা করছি ডাক্তারবাবু। জিপিএস জানাচ্ছে, আল মাসুদ ওর গুহা থেকে বেরিয়ে আমিনপুরের দিকে রওনা হয়েছে। আমরা এখানেই অপেক্ষা করছি’।
রিজভি কী বলবেন, বুঝতে পারলেন না। শরমিন বললেন, ‘এই মিশনের শুরুতেই আমি ভেবে নিয়েছিলাম আমাদের ভবিষ্যৎ এরকমই হবে ডাক্তারবাবু। ইসলামাবাদে এক ভদ্রলোকের সংসার করেছি। তার আগে যে জীবনটা ছিল, তা খুব একটা ভালো ছিল না। আমার দেশ আমাকে সুযোগ দিয়েছিল। আমি মনে করছি আল মাসুদের মতো ক্যান্সারকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া দরকার। আমাদের সেনা কনভয়ে আল মাসুদ হামলা চালিয়েছিল। আমরা ওর পদ্ধতিতেই ওকে মারব। আমরা কারও দেনা বাকি রাখি না’।
রিজভি বললেন, ‘নিজেদের ক্ষতি না করেও কাজটা করা যেত’।
শরমিন হাসলেন, ‘আমার বরাবর ধৈর্য কম। এত কষ্ট পোষায় না। ভালো থাকবেন। আল মাসুদ আসছে। আমার যাবার সময় হল। আপনি বেঁচে থাকবেন, আপনাকে থাকতেই হবে। এই পৃথিবী ডাক্তার রিজভিদের জন্য থাকুক, আল মাসুদের জন্য নয়। আলভিদা ডাক্তারবাবু। আপনাকে অনেক ধন্যবাদ, একটা সময় ধারণা হয়েছিল পৃথিবীর সব পুরুষ খারাপ, আপনার সঙ্গে দেখা হবার পর আমার ধারণা পালটেছে। এই বিশ্বাসটা ফিরিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ। আলভিদা’।
ফোন কেটে গেল।
ডাক্তার রিজভি স্থবিরের মতো বসে রইলেন।
১৪২
নুসরতের অসুস্থ লাগছিল। পারভেজের স্ত্রীর কথা যতবার মনে পড়ছে, ততবার অস্থির লাগছে তার।
মিজান গাড়ি চালাচ্ছিল। পেছনের দিকে কোনও গাড়ি তাদের পিছু নিচ্ছে না দেখে নিশ্চিন্ত হয়ে বলল, ‘আপা, মাথা ঠান্ডা করুন। এটা নিয়ে ভাববেন না প্লিজ’।
নুসরত বলল, ‘কী করে ভাবব না? একটা লোকের বাড়িতে থাকলাম, খেলাম! তারপর তাকে মেরে দিয়ে চলে এলাম? পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে আমাদের কী পার্থক্য রইল তাহলে?’
ফরিদ বললেন, ‘চিন্তা কোরো না। পারভেজ ইউসুফের সঙ্গে বহুদিন কাজ করেছে। আশা করছি বুঝতে পারছ, ইউসুফ খুব একটা সুবিধের কাজ করেনি কোনওকালে!’
নুসরত বলল, ‘বুঝতে পারছি, কিন্তু ওকে দেখে কখনওই সেটা মনে হয়নি। সুস্থ স্বাভাবিক কৃষক মনে হয়েছে বরাবর’।
ফরিদ বললেন, ‘আম জঙ্গিরাও এরকমই হয় বেটি। অন্য সময় দেখলে বোঝা সম্ভব না এরা কত বড় ক্ষতি করতে পারে। পারভেজ একসময় আজাদ কাশ্মীরেও ছিল। তুমি আগে সুস্থ হও। এসব মাথা থেকে দূর করো। চৌরাস্তার মোড়ে গাড়িটা অপেক্ষা করছে’।
প্রায় মিনিট কুড়ি পরে তারা চৌরাস্তার মোড়ে পৌঁছে দেখল একটা জিপ দাঁড়িয়ে আছে। ফরিদ গাড়ি থেকে নেমে জিপের কাছে পৌঁছলেন। একটু কথা বলেই ইশারায় তাদের ডেকে নিলেন। মিজান আর নুসরত জিপের কাছে পৌঁছল। ফরিদ বললেন, ‘ভালো থেকো তোমরা। পৌঁছলে কিনা আমি জেনে যাব’।
মিজান বলল, ‘আপনি না গেলে সমস্যায় পড়তে পারেন। ওরা তো জেনে গেছে আপনি কে’!
ফরিদ শ্বাস ছাড়লেন, ‘আমার দেশে ফেরা নিয়তিতে নেই মিজান। আমি এখানেই থাকব। চিন্তার কিছু নেই, আমাকে কেউ খুঁজে পাবে না। এভাবেই বাকি জীবনটা কেটে যাবে। তোমরা বেরিয়ে যাও। আমি এখানেই আছি। পারভেজ যাদের খবর দিয়েছে, তারা এদিকেই আসবে। ওদের আটকাতে না পারলে তোমাদের ফেরা হবে না। যাও’।
নুসরতের কানে কোনও কথাই যাচ্ছিল না। ফরিদের পা ছুঁয়ে সে গাড়িতে উঠে বসল। মিজান উঠলে গাড়ি স্টার্ট দিল।
ড্রাইভার বলল, ‘দয়া করে কেউ ঘুমোবেন না, সজাগ থাকবেন। রাস্তায় চেক পোস্ট এলে আমি বুঝে নেব’।
মিজান বলল, ‘ঠিক আছে ভাইজান। আমরা পৌঁছতে পারব তো?’
ড্রাইভার বলল, ‘এলাহি ভরসা। দেখা যাক’।
নুসরত একবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে দেখার চেষ্টা করল। ফরিদকে আর দেখা যাচ্ছে না। জীবনের এক একটা চ্যাপ্টার এইভাবে চিরদিনের মতো বন্ধ হয়ে যায়।
মিজান বলল, ‘আপা, মাথা থেকে সব কিছু সরিয়ে দিন। ওসব ভাবলে অপরাধবোধ আসে। সেটা মোটেও কাজের কিছু না’।
নুসরত বলল, ‘সরিয়ে দিয়েছি। ভেবো না। ফরিদ চাচার জন্য খারাপ লাগছে’।
মিজান বলল, ‘হ্যাঁ। আমাদের উপায় নেই। কেউ এখানে না থাকলে ওরা ঠিক আমাদের নাগাল পেয়ে যেত’।
নুসরত বলল, ‘পেলে পেত। ফিরে গিয়েই বা কী করব? ওই একঘেয়ে একটা জীবন, এর থেকে এই ভালো ছিল’।
মিজান ঘাবড়ে গেল, ‘এসব বলবেন না আপা। ওই একঘেয়ে জীবনে। ফিরে যাওয়াই ভালো। আই এস আই-এর কবলে পড়লে যে কী হতে পারে, তা বোধহয় আপনার ধারণা নেই’।
নুসরত বলল, ‘হ্যাঁ, ঠিকই। আমার ধারণা নেই। ধারণা থাকারও দরকার নেই’।
গাড়ি কিছুক্ষণ পর মরুভূমির রাস্তায় প্রবেশ করল। ঝাঁকুনি খেতে খেতে গাড়ি এগিয়ে চলেছে। মিজান ড্রাইভারকে বলল, ‘পুলিশ বা আর্মি ধরলে কী বলবেন?’
ড্রাইভার বলল, ‘এদিকটা এখন পুলিশ থাকার কথা না। থাকলে আর্মির টহলদারি গাড়িগুলো থাকবে’।
মিজান বলল, ‘হ্যাঁ, ওরাই যদি আটকায়?’
ড্রাইভার বলল, ‘কাগজ দেখতে চায়। দেখিয়ে দেব। বর্ডারের দিকে আমরা যাচ্ছি না এখন’।
মিজান হতভম্ব গলায় বলল, ‘তাহলে কোন রাস্তায় যাচ্ছি?’
ড্রাইভার বলল, ‘বিজনোত দুর্গের দিকে যাচ্ছি। ওখান থেকে বর্ডার তেইশ কিলোমিটার। এই রাস্তায় কেউ থাকে না। সমস্যা ওই তেইশ কিলোমিটারেই। আপাতত বিজনোত অবধি নিশ্চিন্ত’।
মিজান বলল, ‘তাহলে চোখ বুজতে পারি?’
ড্রাইভার সতর্ক গলায় বলল, ‘একদম না। চোখ বোজার প্রশ্নই নেই। রিভলভার হাতের কাছে রাখুন। মিলিটারি না থাকলেও এ রাস্তায় ডাকাতের কমতি নেই’।
মিজান বলল, ‘ঠিক আছে। আমরা জেগে আছি। আপা, এটা রাখুন’।
নুসরতের হাতে রিভলভার দিল মিজান। নুসরত চুপ করে বসে রইল। নির্জন একটা মরুভূমির রাস্তা দিয়ে গাড়িটা উঁচু নিচু রাস্তায় চলতে থাকল…
খানিকটা রাস্তা যেতেই হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তায় চার পাঁচজন দাঁড়িয়ে আছে। ড্রাইভার বলল, ‘ওরাই। তৈরি থাকুন’।
মিজান উত্তেজিত কণ্ঠে বলল, ‘তৈরি আছি। চলো’।
গাড়ি খানিকটা এগোতেই রাস্তা জুড়ে দাঁড়াল ওরা। হাতে লাঠি। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে হেডলাইট জ্বালিয়ে রেখে ড্যাশবোর্ড থেকে তার রিভলভারটা নিচ্ছিল। তার আগেই মিজান দেখল নুসরত দরজা খুলে নেমে দাঁড়িয়েছে। হাতে উদ্যত রিভলভার। পর পর দুটো গুলি নিখুঁত নিশানায় দু’জনের পায়ে লাগল। আর্তনাদ করে রাস্তাতেই পড়ে গেল দু’জন। বাকিরা দৌড়তে শুরু করেছে। নুসরত গাড়িতে উঠে বলল, ‘চলুন। আর কেউ আসবে না’।
ড্রাইভার বলল, ‘কেয়া বাত আপা’।
নুসরত হাসল শুধু। কিছু বলল না।
গাড়ি স্টার্ট দেওয়া ছিল। ড্রাইভার অ্যাক্সিলারেটরে চাপ দিল। নুসরত বলল, ‘এরকম ক’টা দল আছে?’
ড্রাইভার বলল, ‘আছে তিন চারটে। সামনে আরও আসতে পারে’।
মিজান বলল, ‘তাহলে রিভলভারে হবে না। আর কিছু নেই?’
ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে নামল। ডিকি খুলে একটা ব্যাগ বের করে দিয়ে বলল, ‘নিয়ে নিন। আজ এই রাস্তার সব ময়লা একদিনে পরিষ্কার করে দিন’।
নুসরত হেসে ফেলল, ‘পাকিস্তানের আর্মি এলে?’
ড্রাইভার বলল, ‘এ রাস্তায় কেউ আসবে না। বিজনোত অবধি এরকমই থাকবে’।
নুসরত বলল, ‘ঠিক আছে। চল। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন’।
তারা প্রস্তুত থাকলেও বাকি রাস্তায় আর কাউকেই দেখা গেল না।
বিজনোত দুর্গে তারা যখন পৌঁছল, তখন রাত তিনটে বাজে।
ভাঙাচোরা একটা দুর্গ। ১৯৭১-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময় শেলিং-এ এই দুর্গের যেটুকু অংশ অবশিষ্ট ছিল, সেগুলোও ধ্বংস হয়ে গেছে। চারপাশে মরুভূমির মধ্যে একা একা ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে।
ড্রাইভার বলল, ‘আল্লাহ রক্ষা করেছেন এতটা রাস্তা। আশা করি বাকি পথটাও করবেন। এই ভাঙাচোরা দুর্গটা থেকে বর্ডার তেইশ কিলোমিটার। এখান থেকে আমাদের নিরস্ত্র হতে হবে। ব্যাগে যা যা আছে, আপনাদের কাছে যেসব অস্ত্র আছে, তাও দিন, সব এখানেই রেখে যেতে হবে আমাদের’।
মিজান হতভম্ব গলায় বলল, ‘সব দিয়ে দেব?’
নুসরত বলল, ‘হ্যাঁ, দিয়ে দাও। কোনও উপায় নেই’।
ব্যাগটা আবার ভর্তি করে ড্রাইভারকে দিয়ে দেওয়া হল। ড্রাইভার ব্যাগটা রেখে এসে ফোন বের করে বলল, ‘এবার ওপারে খবর দেবার পালা…’
১৪৩
রাত তিনটে। অফিসের সব আলো জ্বলছে।
তুষার পায়চারি করছেন।
খান বললেন, ‘জয়সলমীর কনফার্ম স্যার। ওরা বিজনোত পৌঁছে গেছে। সব ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে’।
তুষার বললেন, ‘গুড। রিজভি?’
খান বললেন, ‘শেখপুরায়। লাহোরে জাহাঙ্গীর আহত বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে। লাহোর থেকে রিজভিকে বের করা এখন অসম্ভব’।
তুষার বললেন, ‘শরমিন আর জাহিদা অসাধ্যসাধন করেছে খান। আল মাসুদকে শেষ করেছে। আমি কোনওদিন ভাবতে পারিনি আমার জীবদ্দশায় আমি আল মাসুদের শেষ দেখতে পারব। রিজভিকে ওরা ছাড়বে না। যেভাবেই হোক রিজভিকে বের করে আনতে হবে। শেখপুরা নিরাপদ না। জাহাঙ্গীর শেখপুরাতেও হানা দেবে’।
মাথুরের হাতে একটা বিস্কুটের প্যাকেট। একটার পর একটা বিস্কুট খাচ্ছিলেন। খেতে-খেতেই বললেন, ‘শেখপুরা থেকে পাঞ্জাব পার করে দেওয়া সম্ভব স্যার। আমার এক লোক আছে’।
তুষার থমকে দাঁড়িয়ে পড়লেন। পরক্ষণেই মাথা নাড়লেন, ‘ওসব রাস্তায় রিজভিকে আনা যাবে না। রিজভি ভারতীয় নাগরিক নন’।
মাথুর বললেন, ‘কিন্তু ওরা রিজভিকে পাকিস্তানি ভাববে না স্যার। রিজভিকে আমরা পাকিস্তানের হাতে ছেড়ে দিতে পারি না’।
তুষার বললেন, ‘আই এস আই রিজভি সম্পর্কে সবটা জেনে গেছে, এ কথা ঠিক। কিন্তু তুমি যে রুটে ওকে আনতে চাইছ, সেটার ব্যাপারে পরবর্তীকালে রিজভি কোনওদিন মুখ খুললে কী সমস্যা হতে পারে বুঝতে পারছ?’
মাথুর বললেন, ‘বুঝতে পারছি স্যার। তাহলে এর বিকল্প কী হতে পারে? শেখপুরায় তো ফেলে রাখা যাবে না!’
তুষার বললেন, ‘না যাবে না। রাস্তাঘাটের কী অবস্থা?’
মাথুর বললেন, ‘লাহোরের রাস্তায় নাকা চেকিং চলছে। ইসলামাবাদের রাস্তা এখনও ফ্রি আছে’।
তুষার বললেন, ‘রাওয়ালপিন্ডি পাঠিয়ে দাও। ওখানেই থাকুক ক’দিন’।
মাথুর থমকে গেলেন, ‘বীরেনের সঙ্গে রাখবেন? ঝুঁকি হবে না তো? এর থেকে পাঞ্জাব দিয়ে…’
তুষার বললেন, ‘না, ঝুঁকি হবে না। বীরেনের সঙ্গেই রাখো’।
মাথুর খানের দিকে তাকালেন। খান বললেন, ‘আমাকে দেখছ কেন? আমি কী করব?’
মাথুর বললেন, ‘স্যার বলছেন বীরেনকে রিজভির সঙ্গে রাখতে’।
খান বললেন, ‘তুমি কী বলছ?’
মাথুর বললেন, ‘যাই হয়ে যাক, রিজভি একজন পাকিস্তানি। কোনও এক সময় যদি তার দেশপ্রেম জাগ্রত হয়ে যায়, যদি বুঝতে পারে আমাদের এজেন্টরা কোথায় থাকে, আর সেসব বলে দেয়?’
খান বললেন, ‘রিজভি একজন ভালো মানুষ। এসব করবেন না’।
মাথুর আরেকটা বিস্কুট হাতে নিলেন, ‘তাহলে উনি সারেন্ডার করুন আই এস আই এর কাছে। বীরেনকে আমি ঝুঁকিতে ফেলতে পারব না। কোনওভাবেই না’।
তুষার হাসলেন, ‘ঠিক আছে, তুমি বীরেনকে বেশি ভালোবাস বোঝা গেল। কিন্তু সারেন্ডার করাটা কোনও কথা হল? ভদ্রলোক না থাকলে আমরা আল মাসুদের টিকি স্পর্শ করতে পারতাম? আমাদের দু’জন এজেন্টকে আশ্রয় দিয়েছেন, নিরাপদে রেখেছিলেন, ভুলে যেও না’।
মাথুর বললেন, ‘আমি একটা জায়গা জানি স্যার, গুজরানওয়ালাতে। রিজভিকে ওখানে রাখা হোক। পরে সব ঠান্ডা হলে দেখা যাবে’।
তুষার বললেন, ‘মহসিনের কাছে?’
মাথুর হাসলেন, ‘হ্যাঁ স্যার। মহসিন এই মুহূর্তে সব থেকে নিরাপদ’।
তুষার বললেন, ‘ঠিক আছে, তাই করো। তাহলে যদি তোমার শান্তি হয়, তাহলে তাই হোক। তবে রিজভি বীরেনের কাছে থাকলে একটাই সুবিধা হতো, বেরোনোর সময় দু’জন একসঙ্গে বেরোতে পারত’।
মাথুর বললেন, ‘প্লিজ স্যার, আমার এই রিকোয়েস্টটা রাখুন’।
তুষার বললেন, ‘ঠিক আছে। রাখলাম। খান, সায়কদের কী খবর?’
খান মাথা নাড়লেন, ‘শেষ খবর পাওয়া অবধি পেশোয়ারে ছিল। ওরা ডুরান্ড লাইন ধরে বেরোবে। (*পাক-আফগান বর্ডারের যে অংশ বালোচিস্তান আর খাইবার পাখতুনখোয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে) আর কোনও খবর নেই স্যার। সায়ক তো বলেই গেছে, সব কিছু হতে পারে’।
তুষার বললেন, ‘দিল্লির কোনও ভালো হাসপাতালে একটা বেড বুক করে রাখো আমার জন্য। আমি আর স্ট্রেস নিতে পারছি না’।
খান বললেন, ‘পাশের বেডটা আমার জন্যও রাখবেন স্যার। আমারও এক হাল’।
মাথুর আবারও একটা বিস্কুট খেতে শুরু করে ডান হাত তুললেন, ‘আমারও’।
১৪৪
তার শহরটা তো রূপকথার শহর… রূপকথার মতোই থাকবে তারা। একে অপরকে চোখে হারাবে। কোনওদিন কোনও মালিন্য স্পর্শ করতে পারবে না তাদের। ঝগড়াও হবে, তবে তুমুল ঝগড়ার শেষে তুমুল ভালোবাসাও হবে।
তার যখন জ্ঞান ফিরল, তখন গাড়িতে প্রবল ঝাঁকুনি হচ্ছে। ওইটুকু জায়গায় বাকিরা জুবুথুবু হয়ে বসে আছে।
তথাগতকে শুইয়ে রাখা হয়েছিল। সে ফিসফিস করে বলল, ‘বেঁচে আছি রে ভাই? নাকি জাহান্নামের রাস্তা এটা?’
সায়ক বলল, ‘বেঁচে আছিস, চিন্তা নেই। তোর কিচ্ছু হবে না’।
তথাগত কাতর কণ্ঠে বলল, ‘রাস্তার অবস্থা এমন কেন রে? ভোট ফোট হয় না এদিকে? অ্যাটলিস্ট ভোটের আগে তো রাস্তা ঠিক করতে পারত?’
সবাই হেসে ফেলল। মাথার উপরে একটা নোংরা প্লাস্টিকের ছাউনি দেওয়া। সায়ক বলল, ‘কাবুলে পৌঁছে হাদি মিয়াঁর জন্য স্পেশাল গিফট কিনতে হবে’।
তথাগত বলল, ‘সে তো কিনতেই হবে। কিন্তু হাদি মিয়াঁ আবার কিছু করল নাকি?’
সায়ক বলল, ‘ও দিকে পৌঁছই, তারপর বলছি’।
সায়কের কথা শেষ হবার আগেই প্রবল বিস্ফোরণের শব্দ পাওয়া গেল। গাড়ির ভেতরটাও যেন সে শব্দে কেঁপে উঠল। সায়ক বলল, ‘এক নাম্বার প্যাকেজ ডেলিভার করল আর কী’।
রাণা মাথা ঘুরিয়ে ওপরটা দেখার চেষ্টা করল, কিছু বোঝা গেল না। অমল বলল, ‘এদিকে কিছু হয়নি। শব্দের উৎস সম্ভবত এক দেড় কিলোমিটার দূরে, ব্লাস্ট করেছে’।
সায়ক বলল, ‘পাকিস্তানের দেখানো পথ ধরেই পাকিস্তান থেকে বেরোচ্ছি আর কী! কাশ্মীরে তো ওরা এই ভাবেই ইনফিলট্রেট করায়। সবাই সব ফৌজ নিয়ে একদিকে ঝাঁপিয়ে পড়লে অন্য দিক থেকে লোক ঢুকিয়ে দিত। হাদি বুড়ো কোনও ঝুঁকি নিতে চায়নি’।
গুলি চালানোর শব্দ শুরু হল। গাড়িটা কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে পড়ল।
তথাগত বলল, ‘কী রে, কী হল?’
সায়ক বলল, ‘কিছু হয়নি’।
রাণা বলল, ‘আমি কি বাইরে গিয়ে দেখব?’
সায়ক কড়া গলায় বলল, ‘না। একদম না। এখানেই অপেক্ষা করতে বলা হয়েছে। যা বলেছে তাই করতে হবে। কোনও ঝুঁকি নেবার দরকার নেই’।
রাণা বলল, ‘আর যদি ওরা এসে আমাদেরই মেরে দেয়?’
সায়ক বলল, ‘এখানে হাদি বুড়োর কথা ফাইনাল। আর কিছু ভাবা যাবে না। ওদের নেটওয়ার্ক পাক সেনার থেকে ভালো। চিন্তার কিছু নেই’।
গাড়ি আবার চলতে শুরু করল। মিনিট পাঁচেক পর আরেকটা বিস্ফোরণের শব্দ পাওয়া গেল।
তথাগত বলল, ‘দিওয়ালির কথা মনে পড়ে যাচ্ছে ভাই। পাশতুন ভাইরা আমায় নস্টালজিক করে দিল’।
সায়ক বলল, ‘হ্যাঁ, এখানে থাকলে দিওয়ালি, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট সবই মনে পড়ে যাবে। পাকিস্তানে রক্ষা নেই, এ আবার পাক আফগান বর্ডার!’
গাড়িটা দাঁড়িয়ে গেল।
সায়ক ফিসফিস করে বলল, ‘চুপ, কেউ কোনও কথা বলিস না। আর্মি চেকিং হতে পারে’।
নাহ্! কেউ এল না। কয়েক মিনিট পরে আবার গাড়ি চলতে শুরু করল।
রুদ্ধশ্বাস বসে থাকা। বাকি পথটা কেউ কোনও কথা বলল না।
আরও কুড়ি মিনিট পরে গাড়িটা দাঁড়াল। পেছনের পলিথিনের ছাউনি সরিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে হাদি বুড়ো বলল, ‘শিগগির নামুন। সবাই ঠিক আছেন তো?’
সায়ক বলল, ‘আপনি থাকলে ঠিক না থাকার কোনও কারণ আছে? কী করেছিলেন?’
হাদি বুড়ো এক গাল হাসল, বলল, ‘যদিও এদিকে অনেক রুপি খাওয়ানো আছে ওদের, তাও ঝুঁকি নিইনি। ওদের একটু ব্যস্ত রেখেছিলাম আর কী! সমস্ত ফৌজকে অন্যদিকে ব্যস্ত করে দেওয়া হয়েছে। তবে দেরি করবেন না। সাবধানে যাবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব’।
রাণা গাড়ি থেকে নেমে দেখল চারদিকে ঘুটঘুটে অন্ধকার, এখানে রাস্তা বলে কিছু নেই। সে বিস্মিত গলায় বলল, ‘গাড়িটা এখানে এল কী করে?’
হাদি বুড়ো বলল, ‘এ আমাদের রোজের ব্যাপার। আপনারা আর দাঁড়াবেন না। ও পাশে আপনাদের লোক দাঁড়িয়ে আছে’।
কিছুটা দূর থেকে একটা টর্চের আলো জ্বলছিল আর নিভছিল। সায়ক হাদিবুড়োকে জড়িয়ে ধরে বলল, ‘আবার দেখা হবে বুড়ো। বেঁচে থেকো তদ্দিন।’
হাদি বুড়ো হাসল, ‘কিচ্ছু হবে না আমার। আপনার জন্যই বেঁচে থাকব আমি। ভালো থাকবেন।’
সায়ক তথাগতর কাঁধে হাত দিয়ে ওকে গাড়ি থেকে নামিয়ে বলল, ‘চল, আবার আসা যাবে।’
কাঁটাতার কেটে রাখা আছে, এ জায়গাটা দুটো পাহাড়ের পাদদেশের সংযোগস্থল। অন্ধকারের মধ্যে দূর থেকে ওয়াচ টাওয়ারের আলো জ্বলতে দেখা যাচ্ছে। নো ম্যানস ল্যান্ড পেরিয়ে চারজন আফগানিস্তানের মাটিতে পা রাখল। হাদি বুড়ো একবার টর্চ জ্বালিয়ে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। প্রবল ঠান্ডা হাওয়া বইছে।
তথাগত পাথুরে মাটিতে বসে পড়ল, ‘উফ। এ যাত্রায় ফুটে যাব ভেবেছিলাম। কোনও আশাই ছিল না আমার’।
‘জনাব। চলুন। এখানে থাকাটা ঠিক হবে না। পাক আর্মি একবার বুঝতে পারলেই গোলাগুলি শুরু করে দেবে’।
টর্চের মালিকের গলা ভেসে এল।
সায়ক বলল, ‘লতিফ না?’
লতিফ উৎকণ্ঠিত কণ্ঠে বলল, ‘জি জনাব। চলুন, নইলে আপনার দয়ায় যে জীবনটা পেয়েছি, সেটাও চলে যাবে’।
রাণা তথাগতর দিকে হাত বাড়িয়ে দিল, ‘চল চল, নাকি কোলে তুলব?’
তথাগত হেসে রাণার হাত ধরে উঠে দাঁড়াল।
সায়ক তাড়া দিল, ‘যা সেলিব্রেশন আছে, কাবুল গিয়ে হবে, চল চল’।
লতিফ বলল, ‘আজ রাতটা কি জালালাবাদ থাকবেন? মনে হলে থাকতে পারেন’।
সায়ক বলল, ‘না, সরাসরি কাবুল। চলো’।
হাঁটা শুরু করতেই ও প্রান্ত থেকে গুলির শব্দ আসা শুরু হল। আফগান সেনারাও এ প্রান্ত থেকে উত্তর দিতে শুরু করেছে। লতিফ বলল, ‘পাকিস্তান বুঝতে পেরেছে মনে হচ্ছে। এদিকটা দিয়ে চলুন, একটু পা চালিয়ে’।
সায়ক বলল, ‘লতিফকে ফলো কর। আয়’।
রাণা আর অমল তথাগতকে নিয়ে হাঁটছিল। পাহাড়ি রাস্তায় উঠতে সময় লাগছিল তাদের।
মিনিট পনেরো হাঁটার পর আফগানদের সেনা চৌকির দেখা মিলল। সায়কদের দেখে ছুটে এল এক দল। সায়ক বলল, ‘পানি’।
একজন এসে জল দিল। সায়ক বলল, ‘মেজর রসুল কোথায়? বলুন বড়াল এসেছে’।
তথাগত বলল, ‘গুলাম রসুল কি? সে কি এখানে আছে নাকি?’
সায়ক বলল, ‘হ্যাঁ, তিনি এখন এখানেই আছেন’।
এক দীর্ঘদেহী জওয়ান, ছুটে এসে সায়ককে কোলে তুলে শিশুদের মতো লাফাতে শুরু করলেন, ‘আরে দোস্ত! কতদিন পর দেখা! উফ! ভাবতে পারছি না, আবার সেই গুড ওল্ড ডেজ!’
তথাগতকেও জড়িয়ে ধরলেন তিনি, ‘ভাই, আমি জানি না, আগে দশ দিন আমার বাড়িতে থাকতে হবে। তারপর বাকি কথা। আমি ছুটি নিয়ে নিচ্ছি’।
অমল হতাশ গলায় রাণাকে বলল, ‘হয়ে গেল, এবার আমাদের ওজন বাড়বে। আফগান আতিথেয়তার পাল্লায় পড়লে সব মিশন মাথায় উঠবে’!
সায়ক কোনওমতে মেজর রসুলের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে বলল, ‘আগে একটা ফোন দাও ভাই, আমাদের স্যারেদের ফোন করা দরকার এখনই’।
