ব্লু উইংস – ৯০

৯০

কোয়েটা।

ভোর থেকেই শহরের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভের খবর আসা শুরু হয়েছে। মেজর হুসেন ইসলামাবাদকে আরও সেনা পাঠানোর আর্জি জানিয়ে চা নিয়ে বসেছে। ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বালোচ বিপ্লবীদের তালিকা তৈরি হচ্ছে।

‘জনাব’।

কোয়েটার পুলিশ প্রধান নাভিদ খান এসেছে।

মেজর বলল, ‘বসুন খান সাহাব। এত সকাল সকাল আমার কথা মনে পড়ল আপনার?’

নাভিদ বসল। বলল, ‘শহর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জনাব। এক একটা জায়গায় পাহাড় প্রমাণ বিক্ষোভ শুরু হয়েছে’।

মেজর চায়ে চুমুক দিয়ে বলল, ‘সব ঠিক করে দেওয়া হবে। চিন্তা করবেন না। আরও ফৌজ আনার ব্যবস্থা হয়েছে’।

নাভিদ বলল, ‘দু’রকম ভাবে ওরা বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে। একদল শহরে মিছিল আর ক্ষোভ প্রদর্শন করবে, বাইরে দেখাবে অহিংস, আরেকদল শহরের বাইরে আর্মি আর পুলিশের গাড়ি টার্গেট করে গুলিগালাজ করবে’।

মেজর বলল, ‘হ্যাঁ, এ সবই জানি আমি। নতুন কিছু বলুন। র এজেন্ট আছে চারপাশে? কাউকে চিহ্নিত করতে পেরেছেন কি যে এসবে ইন্ধন জোগাচ্ছে?’

নাভিদ বলল, ‘এখানে র কী করবে জনাব? এ রুক্ষ প্রান্তরে ইন্ডিয়ানরা টিকে থাকতেই পারবে না’।

মেজর নাভিদের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ‘নিজেরা নিজেরাই ঠিক করে নেন সবকিছু, তাই না? কে কোথায় টিকতে পারবে, কে কোথায় পারবে না, সব ঠিক করে ফেলেন? গ্রাউন্ড রিয়েলিটি যাচাই করে দেখেছেন কোনওদিন?’

নাভিদ বলল, ‘আমাদের খবরিরা গোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে জনাব। কারও কোনওরকম সন্দেহ হলে তৎক্ষণাৎ আমাদের কাছে আপডেট চলে আসে। এরকম কোনও ব্যাপার নেই যে আমরা নিশ্চিন্তে বসে আছি। আমরা যথেষ্ট সতর্ক’।

মেজর বলল, ‘শহরের সম্ভ্রান্ত ব্যবসায়ী, কলেজের প্রফেসর, সবাই র এজেন্ট হতে পারে নাভিদ সাহাব। আপনাকে আরও সতর্ক হতে হবে। আমি আপনাকে সবরকমের সাহায্য করার জন্য প্রস্তুত। শুধু আপনাকে আরও সারভেইলেন্স বাড়াতে হবে। শহরের যে ক’টা এক্সিট আছে, আজ থেকে সব ক’টা এক্সিটে সবার ডকুমেন্ট চেক করা হবে। আমাদের জানার বাইরে একটা মাছিও যেন গলতে না পারে। আপনার কত ফৌজ লাগবে আমাকে জানান, আমি আপনাকে সাপ্লাই করে দেব। কড়া হাতে বিক্ষোভ দমন করুন, কোনওরকম মিডিয়ার প্রবেশ বন্ধ করার ব্যবস্থা করুন, সশস্ত্র আন্দোলনের কোনওরকম ইঙ্গিত দেখতে পেলে নির্দ্বিধায় গুলি চালাবেন। প্রয়োজনে আমি জবাবদিহি করব ইসলামাবাদে’।

নাভিদ বলল, ‘ওরা সংখ্যায় অনেক বেশি জনাব। আমাদের লোকেরাও ভয় পায়। বেশি কড়া হতে গিয়ে বিপদ না দেখা দেয়’।

মেজর বলল, ‘কোনও বিপদ হবে না। এরা কুকুর, এদের বেতের উপর রাখতে হবে। চা খাবেন?’

নাভিদ মাথা নাড়ল, ‘না। চা খাব না। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগল। কোয়েটা পুলিশের মনোবল ভালো জায়গায় নেই। আপনি একদিন আমাদের হেড কোয়ার্টার ভিজিট করুন জনাব। আপনার বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করুক’।

মেজর বলল, ‘কোনও সমস্যা নেই, আপনি যে-কোনওদিন আমাকে নিয়ে যেতে পারেন। আমি সবসময় পাকিস্তানের পক্ষে আছি। আপনি আজ থেকেই চেকিং শুরু করুন। মনে রাখবেন কোনও এন্ট্রি এক্সিট যেন বাদ না যায়। আর আফতাব বালোচের খবর কী? কোথায় আছে ও?’

নাভিদ বলল, ‘আর্মি অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবার পর কোয়েটা ছেড়ে পালিয়েছে। এখন ধারেকাছে থাকবে না। তবে সতর্ক থাকতে হবে। ওকে বিশ্বাস নেই। খুব ধূর্ত ও’।

মেজর বলল, ‘ধূর্ত-টূর্ত কিছু না, কুত্তার পেটে এখন হিন্দুস্তানি দানাপানি পড়ছে। তাই কুত্তা ঘেউঘেউ করছে। কুকুর পাগল হয়ে গেলে গুলি করে দিতে হয়। ওকে দেখামাত্র গুলি করা হবে। মাথার দাম তো আছেই’।

‘কিন্তু জনাব, কোয়েটায় আফতাবের জনপ্রিয়তা খুব বেশি। ওকে গুলি করলে যদি আইনশৃঙ্খলা সমস্যা দেখা দেয়?’

‘সেটা যাতে না দেয়, সে জন্যই তো আপনাকে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব শহরের কন্ট্রোল নিজের হাতে নেবার ব্যবস্থা করুন। তারপর দেখব কোথায় কোন সমস্যা দেখা দেয়’।

নাভিদ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ‘জি জনাব’।

৯১

আসানসোলের আর পি এফ সিনিয়র কম্যান্ডান্ট বিপিন ত্যাগী ছেলেটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, ‘আই কার্ড দেখি’।

ছেলেটা পকেট থেকে আধার কার্ড বের করে দিল।

আধার কার্ডটা ল্যামিনেট করা। বিপিন কার্ড নিয়ে উলটে-পালটে দেখে বললেন, ‘দিল্লির ঠিকানা দেওয়া। রক্সৌল থেকে সরাসরি দিল্লি যাননি কেন?’

ছেলেটা মাথা নিচু করে বলল, ‘কলকাতায় রিলেটিভের বাড়ি দেখা করে যেতাম’।

বিপিন বললেন, ‘ব্যাগ নেই কেন?’

‘আমার কাছে নেই। আমার দাদার কাছে আছে’।

‘দাদা কোথায়?’

‘এস সেভেনে’।

‘ফোন করুন’।

‘নাম্বার নেই’।

বিপিন উঠে দাঁড়ালেন, ‘ইয়ার্কি হচ্ছে? নাম্বার নেই? আদৌ দাদা আছে?’

ছেলেটা মাথা নিচু করে বসে আছে।

বিপিন বললেন, ‘নেপালে কী করতে গেছিলেন?’

‘ব্যবসা জনাব’।

‘কীসের ব্যবসা?’

‘কাপড়ের’।

ছেলেটার বাঁ-হাতটা কাঁপছে। অতিরিক্ত নেশা করার পর নেশাদ্রব্য সরিয়ে নিলে তাদের যেমন হাত কাঁপে, সেরকম। বিপিনের মনে হল ছেলেটা নেশা করতে নেপাল গেছিল। কিন্তু স্নিফার ডগগুলো একে দেখে চিৎকার করছিল কেন? বিপিনের অস্বস্তি হচ্ছিল।

ছেলেটা বলল, ‘আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে আটকে রেখেছেন কেন?’

বিপিন বলল, ‘আপনার খাবার পাঠাচ্ছি। আপনি খান। আমি দেখছি’।

ছেলেটা বলল, ‘আমার খিদে নেই’।

বিপিন বলল, ‘ঠিক আছে, বসুন’।

ছেলেটাকে ঘরের ভেতর বসিয়ে বাইরে গিয়ে দরজা বন্ধ করলেন বিপিন। সুহাস মালহোত্রার নাম্বার দেওয়া আছে তাদের কাছে। কোনওরকম সন্দেহজনক কিছু দেখলে তাকে জানাতে বলা হয়েছে। বিপিন সুহাসকে ফোন করলেন। সুহাস বিপিনকে চেনেন। দু’জনেই কানপুরের মানুষ। বিপিনের নাম্বার দেখে আনন্দিত কণ্ঠে বললেন, ‘আরে বিপিন, কী খবর? তুমি তো কাজ ছাড়া আমাকে ফোন করবে না। কী হয়েছে’?

বিপিন তার অস্বস্তির কথা সুহাসকে জানালেন। সুহাস বললেন, ‘আধার কার্ডের ছবিটা পাঠাও। ঘণ্টাখানেকের মধ্যে দুধ কা দুধ, পানি কা পানি করে দিচ্ছি’।

বিপিন বললেন, ‘শিওর। এখনই পাঠাচ্ছি’।

বিপিন ছবি পাঠিয়ে দিলেন। হাওড়া রাজধানী ঢুকছে স্টেশনে। বিপিন দাঁড়িয়ে দেখতে লাগলেন। ট্রেন চলে গেলে ছেলেটাকে জানলা দিয়ে লক্ষ করলেন। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। বিড়বিড় করে কিছু একটা নিজের মনে বলে যাচ্ছে। কী বলছে এভাবে? স্টেশনের ভিড়ে কিছুই শোনা সম্ভব না। তিনি আবার ঘরের ভেতরে ঢুকলেন। ফোনের রেকর্ডার অন করে ফোনটা তার টেবিলের ড্রয়ারে রেখে বসলেন। ছেলেটাকে বললেন, ‘খিদে পেয়েছে?’

ছেলেটা আবার মাথা নাড়ল, ‘আমার দেরি হয়ে যাচ্ছে জনাব। আমাকে ছেড়ে দিন’।

‘আপনি এর আগে কলকাতায় গেছিলেন?’

‘না। এই প্রথম যেতাম’।

‘ওকে’।

উঠে বাইরে চলে এলেন তিনি। দরজা বন্ধ করলেন। ছেলেটা নিজের মনে আবার বিড়বিড় করতে শুরু করেছে। মিনিট তিনেক পর ঘরে ঢুকে ফোনটা নিয়ে এসে শুনলেন, আরবি ভাষায় কিছু একটা বলে যাচ্ছে ছেলেটা। বিপিন ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে রেকর্ডিংটা সুহাসকে পাঠিয়ে লিখলেন, ‘ছেলেটা এরকম বিড়বিড় করছে’।

মিনিট তিনেকের মধ্যে সুহাস ফোন করলেন তাকে, উত্তেজিত কণ্ঠে বললেন, ‘আটকে রাখো। পুছতাছ করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পাঠিয়েছি, এ দোয়া ইউনুস পড়ছে। দোয়া ইউনুস পড়বে কেন? কী এমন বিপদ হয়েছে যে দোয়া ইউনুস পড়তে হবে?’

বিপিন বললেন, ‘কে পুছতাছ করবে? ওর পড়ার ভঙ্গিটাও আমার অদ্ভুত লাগছে। ঠিক করে কথা বলছে না। প্রতিটা কথা সন্দেহজনক’।

সুহাস বললেন, ‘অ্যারেস্ট করো। আমি আইবি-র লোক পাঠাচ্ছি। ভীষণই সন্দেহজনক। আর ওর ব্যাগ দাদার কাছে আছে মানে? ট্রেন তো হাওড়া যাচ্ছে! অবিলম্বে ওর দাদার ডিটেলস বের করো’।

বিপিন বললেন, ‘আমি এখনই দেখছি’।

ফোন রেখে ঘরের খুলে ঢুকলেন বিপিন। বললেন, ‘তোমার দাদার সিট নাম্বার কত?’

ছেলেটা বলল, ‘মনে নেই’।

এগিয়ে গিয়ে ছেলেটার মুখে ঘুষি চালালেন বিপিন। ছেলেটা চেয়ার থেকে পড়ে গেল। বিপিন বললেন, ‘চল, তোর ব্যবস্থা করছি’।

ছেলেটা এবার হাসতে লাগল। বিপিন বিস্মিত হয়ে দেখলেন ছেলেটার নাক থেকে রক্ত বেরোচ্ছে আর ছেলেটা বিশ্রীভাবে হেসে যাচ্ছে।

৯২

রিজভি ঘুমোচ্ছিলেন। ঘুম ভাঙল শরমিনের ডাকে। ‘ডাক্তারবাবু, বেলা এগারোটা বাজে। আর কতক্ষণ ঘুমাবেন? কফি খান। বানালাম’।

রিজভি লজ্জিত মুখে উঠে বসলেন, ‘ওহ, এক্সট্রিমলি সরি। আসলে অনেকদিন ভালো ঘুম হয়নি। আজ ছুটি দেখে আর ওঠার কথাই মনে ছিল না’।

শরমিন বললেন, ‘তাহলে কি আরও ঘুমোবেন? কফিটা পরে দেব?’

রিজভি বললেন, ‘না না। থাক। অনেক ধন্যবাদ আপনাকে। একা একাই তো রান্না করতাম। এভাবে কফি খাওয়ার প্রিভিলেজ আগে আমার ছিল না’।

শরমিন বললেন, ‘বিয়ে করলেই পারতেন। বিয়ে করেননি কেন?’

রিজভি বললেন, ‘আর হয়ে ওঠেনি। ডাক্তারদের বিয়ে করা উচিত না, অন্তত আমার তাই মনে হয়। হাসপাতালে যা কাজ থাকে’।

শরমিন বললেন, ‘ঠিক। সত্যিই বড় কষ্টের জীবন আপনার। আচ্ছা, আপনাকে একটা কথা জিগ্যেস করি?’

রিজভি কফিতে চুমুক দিয়ে বললেন, ‘খুব ভালো কফি। আপনি দারুণ কফি বানান’।

শরমিন বললেন, ‘আপনি আমার প্রশ্নটা শুনতে চাইছেন না। শুনুন প্লিজ। আপনি কাজটা করতে দিচ্ছেন না কেন? আমি আর জাহিদা কিন্তু ঠিক বিসমিল্লাপুরে ঢুকে যেতে পারতাম’।

রিজভি চুপ করে কফি খেয়ে যেতে লাগলেন।

শরমিন বললেন, ‘বলুন। এখানে আমরা বাকি জীবনটা কি কাটিয়ে দেব? এভাবে লুকিয়ে?’

রিজভি বললেন, ‘ম্যাডাম, আল মাসুদ একটা ক্যান্সার। আল মাসুদের মতো লোককে সমাজ থেকে বের করে দেওয়া আমাদের সবার কর্তব্য। কিন্তু আমি আপনাদের এই কাজের বলি করতে পারব না। আমি উপরেও জানিয়ে দিয়েছি। ওরা মেনে নিয়েছেন। আপনাদের এসকেপ রুট তৈরি হচ্ছে। ঠিক বের করে নিয়ে যাবে’।

শরমিন চেয়ার টেনে বসলেন। বললেন, ‘তাহলে তো আমার ঘরটা না ভাঙলেই ভালো হতো। লোকটার সঙ্গে দিব্যি সংসার করছিলাম। পাকিস্তানি মানেই খারাপ, এমন ধারণা আগে ছিল। এখন নেই। আমার বর লোকটা ভালো ছিল’।

রিজভি হাসলেন, ‘আপনি শিওর?’

শরমিন বললেন, ‘জানি না। আসল পরিচয় জানলে অবশ্য ভালো কী না জানা যেত’।

রিজভি বললেন, ‘দেখুন ম্যাডাম, আমি আজ থেকে আল মাসুদকে চিনি না। ওর উত্থান, এলাকায় ওর প্রভাব, সব আমি শুরু থেকে দেখেছি। পাকিস্তানে আজ সেনা আসুক, কাল যেই আসুক, ফয়সলাবাদে কারও কিছু যায় আসে না। এখানে আল মাসুদ যা বলবে, তাই হবে। দুটো মহিলা গিয়ে আল মাসুদকে মেরে ফেলতে পারে হয়তো, কিন্তু তারপর ওরা আপনাদের যে দশা করবে, সেটা আমি মেনে নিতে পারব না’।

শরমিন বললেন, ‘আমরা ওদের দয়ার পাত্রী হয়ে বেঁচে থাকতে আসিনি’।

রিজভি বললেন, ‘জানি ম্যাডাম। আমাকে সময় দিন। আরেকটু ভাবতে দিন। এভাবে সম্ভব না। এরকম চেষ্টা আগেও হয়েছে, কোনও কিছু ফলপ্রসূ হয়নি’।

শরমিন বললেন, ‘ওহ! আপনি ভয় পাচ্ছেন?’

ডাক্তার বললেন, ‘তা বলতে পারেন’।

দু’জনেই কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ডাক্তার রিজভি কফি শেষ করলেন।

শরমিন বললেন, ‘আমাকে এই মিশনটার জন্য তিলে তিলে তৈরি করা হয়েছে। এক একটা দিন ঠিক কতটা যন্ত্রণায় কেটেছে, আমি আপনাকে বলে বোঝাতে পারব না। এসকেপ রুট তৈরি না হলে কী করতে হবে, আমি সেটাও ঠিক করে রেখেছি। পৃথিবীর স্বার্থে আল মাসুদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। আমাদের গো থ্রু দিন ডাক্তারবাবু’।

রিজভি খাট থেকে নামলেন, ‘দুপুরে কী খাওয়াবেন?’

শরমিন বললেন, ‘আপনার তো শরীর খারাপ। স্টু করেছি। খাবেন তো?’

রিজভি হাসলেন, ‘আরে, সত্যি সত্যি শরীর খারাপ নাকি? ঠিক আছে, করেছেন যখন অবশ্যই খাব’।

শরমিন বললেন, ‘না না। মিথ্যে বললে সেটার সাপোর্টেই সব করতে হয়। নইলে পরে ভুলে যাবেন যে মিথ্যে বলে ছুটি নিয়েছিলেন’।

রিজভি বললেন, ‘গুড অবজারভেশন’।

শরমিন বললেন, ‘আল মাসুদ আপনার কী ক্ষতি করেছিল ডাক্তার রিজভি?’

রিজভি থমকে গেলেন। বললেন, ‘পরে একদিন বলব। আপনাকে তো এখনই কোথাও পাঠাচ্ছি না’।

শরমিন বললেন, ‘বলবেন তো?’

রিজভি মাথা নাড়লেন, ‘অবশ্যই বলব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে অবশ্যই বলব’।

৯৩

করাচি।

আনিস অনেক বেলা অবধি ঘুমিয়েছিল। দুপুরে খেতে বেরিয়ে দেখল মোড়ের দোকানে সবাই টিভিতে খবর দেখছে। সে অবাক হল, আজ তো ক্রিকেট ম্যাচ নেই! তবে সবাই এত উত্তেজিত হয়ে টিভি দেখছে কেন? কাছে গিয়েই শুনতে পেল সবাই রফিক আহমেদকে গালাগালি দিচ্ছে, ‘মেরে জিন্নাহ মূর্তির সামনে টাঙিয়ে দেওয়া উচিত লোকটাকে। আমাদের এখানে মরার টাকা নেই, আর অতগুলো টাকা মেরে ফুর্তি করছিল! মার মার!’

আনিস বলল, ‘কী হয়েছে কী?’

‘মিয়াঁ কী ঘুমাচ্ছিলে নাকি? শাহবাজ আলম আর রফিক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। দেশে এখন সেনা শাসন শুরু হয়েছে আজ থেকে। টিভি দেখো, বুঝে যাবে’।

আনিস চোখ মুছে টিভির দিকে দেখল। তাই তো! রফিক আহমেদ কত টাকা চুরি করত, কীভাবে চুরি করত, তার বর্ণনা দেওয়া হচ্ছে। বেশ রসিয়ে বলা হচ্ছে। সেও দু-চারটে গালাগাল দিয়ে দিল।

পরক্ষণে নতুন আই এস আই চিফের ছবি আর সেনা প্রধানের ছবি দেখাতেই আনিস চমকে উঠল। এদের দু’জনকেই সে দেখেছে। তার মুখ থেকে একটা চিৎকারও বেরিয়ে গেছিল। সবাই বিস্মিত হয়ে বলল, ‘কী হল মিয়াঁ? এত আনন্দ কীসের?’

আনিস সামলে নেবার চেষ্টা করল, ‘চোর ধরা পড়েছে! তার আনন্দে চিৎকার করলাম আমি’।

সবাই হাসাহাসি করতে লাগল। আনিস ভিড় থেকে সরে ভাসানি সুইটসের দিকে রওনা দিল। রহমান সাহেবকেও সে দেখেছে ওই অ্যাপার্টমেন্টে। এখন কোথায় থাকবে রহমান সাহেব?

মাথার মধ্যে সবকিছু কেমন গোলমাল হয়ে গেছে। এ ফ্ল্যাটে কী হতো তাহলে? বুড়ো লোকটা কে? প্রশ্নে প্রশ্নে পাগল পাগল লাগছে তার। ভাসানি সুইটসের কাছাকাছি যেতে দেখল দোকানের সামনে প্রচুর ভিড় হয়ে আছে। নিজের মনে বলল সে, ‘কী ব্যাপার? করাচির দায়িত্ব কি রহমান সাহেব পেয়ে গেল নাকি?’

পুলিশের গাড়ি আসছে। ভিড়টা রাস্তার অন্য দিকে সরে গেল হঠাৎ করে। রাস্তার উপরে একটা লাশ পড়ে আছে। পুলিশ গাড়ি থেকে নেমেই লাঠি নিয়ে নেমে যেটুকু ভিড় ছিল, সেটুকুও সরিয়ে দিল।

রাস্তা রক্তে লাল হয়ে গেছে। লাশের চুল সাদা। ভিড়ের কথা শুনে বুঝল রহমান সাহেবকে কেউ কিছুক্ষণ আগে গুলি করে দিয়ে চলে গেছে।

আনিস নিজের গায়ে চিমটি কাটল। সে কি এখনও ঘুমাচ্ছে? ব্যথা লাগল! তাহলে তো ঘুমাচ্ছে না!

তাহলে সে যেটুকু সময় ঘুমিয়েছিল, এর মধ্যে এতকিছু হয়ে গেল!

পুলিশের তৎপরতা দেখার মতো। তারা রহমান সাহেবের লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চলে গেল।

দোকানের সামনে ছেলেদের জটলা। ভিড়টা আবার দোকানের সামনে চলে এসেছে। একজন বলল, ‘অনেকদিন ধরে এলাকায় খুন খারাপি বন্ধ ছিল। তা হবি তো হ, এত ভালো মানুষটাকেই মারতে হল? কত লোককে সাহায্য করেন রহমান সাহেব। কত জাকাত দেন। ভালো মানুষদের পৃথিবীতে কোনও জায়গা নেই’।

আনিস লক্ষ করল দোকানের দুটো ছেলে উলটোদিকে হাঁটতে শুরু করেছে। সে একটু দূর থেকে ওদের পিছু নিল। ছেলেগুলো হাঁটতে হাঁটতে মোড়ের কাছে গিয়ে স্টেশনের বাসে উঠল। আনিসও বাসে উঠে গেল। বাসে ভিড় নেই। ছেলেদুটো সামনের সিটে বসেছে। আনিস পেছনে চলে গেল।

তারা নিজেদের মধ্যে কথা অবধি বলছে না। কন্ডাকটর এসে আনিসকে জিগ্যেস করল, ‘কোথায় যাবে?’

আনিসের মনে হচ্ছিল ছেলেদুটো স্টেশনেই যাবে। সে বলল, ‘স্টেশন’। টিকেট দিয়ে গেল।

তার সন্দেহই ঠিক হল। ছেলেদুটো স্টেশন অবধিই গেল। টিকেট কাউন্টারের দিকে এগিয়ে গেল। আনিসও ঠিক ওদের পেছনে দাঁড়াল। সে নিজেও বুঝতে পারছে না কেন ছেলেগুলোর পিছু করছে। তার শুধু কৌতূহল হচ্ছে। যে কৌতূহল তাকে বিগ অ্যাপার্টমেন্ট অবধি নিয়ে গেছিল, সেই কৌতূহলই তাকে ছেলেদুটোর পিছু করিয়ে করাচি ক্যান্টনমেন্ট স্টেশন অবধি নিয়ে এসেছে।

ইসলামাবাদের টিকেট কাটল দু’জনে। কাউন্টারের ছেলেটা তার দিকে তাকিয়ে আছে, ‘জি ভাইজান’।

কিছু না ভেবে সেও বলে বসল, ‘ইসলামাবাদ একটা’।

টিকেট নিয়ে স্টেশনে ঢুকে অবাক হয়ে গেল সে। ছেলেদুটো যেন ভোজবাজির মতো গায়েব হয়ে গেছে। ইসলামাবাদের ট্রেন এখনও স্টেশনে আসেনি। সে সব ক’টা প্ল্যাটফর্ম দেখল। যতটা চোখ যায়, ছেলেদুটো কোথাও নেই। হতাশ হয়ে ওভারব্রিজে উঠল সে। অপেক্ষা করে দেখা যাক। ইসলামাবাদের ট্রেন এলে হয়তো ওদের আবার দেখা যাবে। মিনিট পনেরো পরে ট্রেন এল।

আট দশ জনের একটা সেনা জওয়ানের দল ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। ওদের দিকে চোখ পড়তেই এবার সত্যিকারের চমকাল আনিস।

হ্যাঁ, ওই দু’জন এদের দলেই আছে।

আর ভাবতে পারল না সে। ‘ধুত্তোর’ বলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আবার ওরাঙ্গি টাউন যাবার বাসে ব্যাজার মুখে উঠে বসল।

৯৪

‘কেমন আছেন রফিক সাহাব?’

দরজা খুলেছে কুঠুরির। রফিক ঘুমাচ্ছিল। চোখ খুলে দেখল আমান এসে দাঁড়িয়েছে। বলল, ‘কী চাও? যেটা চাও স্পষ্ট করে বলো, আমি মানি ট্রান্সফার করে দিয়েছি, তারপরেও আমি এখানে কেন?’

আমান বলল, ‘আমার দেখার দরকার ছিল ক্ষমতা চলে যাবার আগে আপনি কী কী খেলা খেলেছেন’।

রফিক বলল, ‘মানে?’

আমান বলল, ‘রহমান সাহেবকে মারলেন কেন?’

রফিক এক সেকেন্ডের জন্য চমকে উঠে পরমুহূর্তে স্বাভাবিক কণ্ঠে বললেন, ‘আমি এখান থেকে, এই কুঠুরির মধ্যে থেকে রহমান সাহেবকে মেরে দেব? আমার এত বড় ক্ষমতা? বোকার মতো কথা বলছ তুমি’।

আমান হাসল, ‘খেলা তো চলছিল জনাব। শুধু আপনার বোড়েরা বুঝে উঠতে পারেনি আপনি গ্রেফতার হলে তাদের কী করতে হবে। রহমান সাহেবের খবরি করে যাদের পাঠিয়েছিলেন, তারাই মেরে দিয়েছে’।

রফিক বলল, ‘খবর নেবার দরকার ছিল। দেশের মধ্যে লস্কর কাজ করবে, আর আই এস আই চুপ করে দেখে যাবে? তারা নজর রাখবে না?’

আমান বলল, ‘নজর রাখার ফল এবার আপনি পাবেন। আবু ইব্রাহিম আপনার ভবিষ্যৎ ঠিক করবেন। কাজটা না হলে এখন আপনাকে আমি সেফ প্যাসেজ দিয়ে বের করে দিতাম। সেটা আর হবে না’।

রফিক শ্লেষাত্মক কণ্ঠে বলল, ‘আমাকে কখনওই বের করতে না তুমি। এসব বাজে কথা আমাকে বুঝিয়ে লাভ আছে? যাও, যা করার করো। আমি আর কিছু বলব না। ফাঁসি দাও আমাকে, আমার কোর্টমার্শাল করো। যা ইচ্ছে তাই করো’।

আমান বলল, ‘ছি-ছি রফিক সাহাব। আপনি পাকিস্তানের অত্যন্ত গণ্যমান্য একজন মানুষ। আপনাকে আমরা কেন মারতে যাব? আমি কথা দিচ্ছি, আপনার গায়ে আঁচ পড়বে না কোনও কিছুর। আপনাকে আমরা এখানেই রেখে দেব। দু’চারটে পোকামাকড় আছে, হয়তো সাপও আছে একটা, কিন্তু নির্বিষ। ওদের সঙ্গেই বাকি জীবনটা এখানে কাটিয়ে দিন আপনি’।

রফিক বলল, ‘বাঘের পিঠে উঠেছ আমান। ভেবেছ আমার সঙ্গে তঞ্চকতা করে পার পেয়ে যাবে? লাভ নেই, তোমার বয়সে আমিও এরকম ছিলাম। আমার থেকেও বেশি দুর্দশা তোমার হবে। মিলিয়ে নিও আমার কথাটা’।

আমান হাসল, ‘পাকিস্তান জিন্দাবাদ জনাব। ভালো থাকবেন’।

জেল থেকে বেরোল সে। পেছন থেকে রফিক আহমেদের নিষ্ফল চিৎকার ভেসে আসতে লাগল, ‘গদ্দার, নিমকহারাম, শয়তান’!

আমানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জেলারকে বলল, ‘জনাবের খাবারে বেশি করে নুন মিশিয়ে সার্ভ করা হোক। তাহলে আর কাউকে নিমকহারাম বলবেন না কোনওদিন’।

জেলার মাথা নিচু করল, ‘কিন্তু জনাব…’

‘কোনও কিন্তু না। যা বলছি, তাই করবেন। নইলে এমন জায়গায় ট্রান্সফার করব…’ আমান হেসে জেলারের কাঁধে হাত রাখল, ‘ওর হাই প্রেশার আছে বলে ভয় পাচ্ছেন? একদম ভয় পাবার দরকার নেই। কিছু হলে আমাদের কোনও অসুবিধা নেই’।

জেলারের মুখ ফ্যাকাসে হয়ে গেল।

বাইরে তার কনভয় অপেক্ষা করছে। আমান গাড়িতে উঠে বলল, ‘জেনারেলের কোয়ার্টারে চলো’।

কনভয় রওনা দিল।

ইসলামাবাদের আকাশে একটুও মেঘ নেই। আকাশ ঝকঝক করছে।

জেনারেল জাফর তাকে দেখে জড়িয়ে ধরল, ‘নওজোয়ান, আপনারাই তো দেশের ভবিষ্যৎ। আসুন’।

জেনারেল তাকে ড্রয়িংরুমে বসাল।

আমান বলল, ‘জনাব, আপনি প্রেসকে কী বলবেন, তা কি ঠিক করেছেন?’

জেনারেল বলল, ‘না, কিছু ঠিক করিনি। প্রেসকে কীই বা বলার আছে? ওদের বরং রফিকের ব্যাঙ্ক ট্রানজাকশনের ডিটেলসগুলো পাঠিয়ে দাও। ওগুলোই সারাদিন ধরে টিভিতে দেখিয়ে যাক। শাহবাজ আলম কী বলছে?’

আমান বলল, ‘দেখা করিনি জনাব। দুর্বল মানুষ, আসগর আলি মারা যাবার পর ওর কিছু করার নেই তেমন। আমার রফিক সাবকে নিয়েই চিন্তা’।

জেনারেল বলল, ‘কীসের চিন্তা?’

আমান বলল, ‘আপনি ভুলে যাচ্ছেন জনাব, ভদ্রলোক দীর্ঘদিন আই এস আইকে লিড করেছেন, জেলের ভেতরেও তার সুহৃদরা যে তার সঙ্গে দেখা করবে না, তার কোনও গ্যারান্টি নেই’।

জেনারেল বলল, ‘করতেই পারে। এইজন্য এমন কোনও জেলে পাঠান যেখানে ওর কোনও সুহৃদ নেই’।

আমান বলল, ‘জি জনাব, আপনি যেমন বলবেন’।

জেনারেল বলল, ‘হুঁ, আর একটা জিনিস মনে রাখুন। রফিক আহমেদ যেন ওয়ান ফাইন মর্নিং খুন না হয়ে যায়। ওর বেঁচে থাকাটা জরুরি’।

আমান জোরে জোরে মাথা নাড়ল, ‘নিশ্চয়ই জনাব। রফিক আহমেদের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর কিছু হবে না’।

জেনারেল বলল, ‘গুড। কথাটা মনে রাখবেন। আবু ইব্রাহিম আপনাকে খুব ভরসা করেন। ভরসার দাম রাখবেন’।

আমান বলল, ‘নিশ্চয়ই জনাব। আমি আপনাদের ভরসার দাম দেব’।

আমানের ফোনে মেসেজ এল, সে মেসেজ দেখে বলল, ‘খারাপ খবর আছে জনাব। আসাদুর ধরা পড়েছে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *