ব্লু উইংস – ১০৫

১০৫

মেঝেতে চারটে কাটা মুন্ডু পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। সায়ক, তথাগত, অমল… এ কী! তার মুন্ডুও তো…

ধড়মড় করে উঠে বসল রাণা। তথাগতর সেই রাত থেকেই জ্বর এসেছে। মেঝেয় পড়ে আছে। ইসলামাবাদে সায়কের আস্তানায় তারা এসেছে। সায়ক দরজা বন্ধ করে বাইরে বেরিয়েছে। অমল শুয়েছিল। তাকে উঠে বসতে দেখে বলল, ‘আবার দুঃস্বপ্ন দেখলে?’

রাণা ঘামছিল। বলল, ‘হ্যাঁ। আমার এসব হবেই’।

অমল বলল, ‘একটা সময় তুমি আর কাউকে খুন করবে না। তখন আর কাউকে দেখতেও হবে না’।

রাণা উত্তর দিল না। অমল চোখ বুজল। রাণা উঠে কিছুক্ষণ পায়চারি করে তথাগতর কপালে হাত দিয়ে বলল, ‘জ্বরটা নেমেছে’।

অমল বলল, ‘থাক। শুতে দাও। ঘুম দরকার। ট্রমা কাজ করছে ওর’।

রাণা বলল, ‘এসব কাজ দেখেনি? এত বছর পাকিস্তানে, ট্রমা হবে কেন?’

অমল বলল, ‘তুমি এত ভালো শ্যুটার, তোমার ট্রমা হতে পারে, ওর হবে না? এটা তো মনের ব্যাপার। চোখের সামনে এভাবে কিছু হতে দেখলে মনের ক্ষতি হবেই। তাছাড়া তথাগতর কবি হওয়া উচিত ছিল। বৃষ্টি পড়লে জানলার ধারে দাঁড়িয়ে কবিতা পড়বে। ওর এসব জায়গায় আসাই উচিত না। কী করে যে কেউ কেউ এসব কাজে জড়িয়ে পড়ে, সেটাই আশ্চর্যের’।

রাণা বলল, ‘আমার কী হওয়া উচিত ছিল?’

অমল বলল, ‘দশটা পাঁচটা অফিস করার মানুষ। আমার আর সায়ক ছাড়া কারও আসাই উচিত না এইসব জায়গায়। আমরা দুজন ভ্যাগাবন্ড, পাগলও। তবে বীরেন আমায় অবাক করেছে। ও আসিফ রেজার ফোন ট্যাপ করেছে শুনে আমি খুব অবাক হয়েছি’।

রাণা বলল, ‘ঠিকই বলেছ। কিন্তু কিছুদিন পরপর কাউকে সরাতে না পারলে আমার মুড বিগড়ে যায়। মুড ঠিক রাখার জন্যই আসিফ রেজাদের দরকার। কোনও অপরাধবোধ নেই। মানুষই তো না এগুলো! বাচ্চাদের শরীরে বোম বেঁধে নিরীহ মানুষদের মেরে এসেছে। শালা শুয়োরের বাচ্চা! ওকে অনেক শান্তির মৃত্যু দিয়েছি। উচিত ছিল বাঁচিয়ে রেখে একটু একটু করে মারা’।

দরজা খুলে সায়ক ঢুকল। ঘরে ঢুকে বলল, ‘চূড়ান্ত রেড অ্যালার্ট জারি হয়েছে। ভাগ্য ভালো তথার জন্য ওষুধ আনতে পেরেছি। আমাদের বেশ কিছুদিন এখানেই লুকিয়ে থাকতে হবে। সম্ভবত ওরা বুঝে গেছে, এটা আমরাই করেছি’।

অমল বলল, ‘রেড অ্যালার্ট মানে তো বেশিরভাগটাই ম্যানুয়াল। এখানে সিসিটিভি বেশি নেই। ম্যানুয়াল সারভেইলেন্স মনে হয়, আমরা এড়াতে পারব’।

সায়ক মাথা নাড়ল, ‘কোনও ঝুঁকি নেওয়া যাবে না। আমাদের ওই ডেরাটা ওরা খুঁজে পেয়েছে। পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে’।

অমল বলল, ‘সে তো খুঁজবেই। বাপকে মারা হয়েছে। না খোঁজার কোনও কারণ নেই। এবার?’

সায়ক বলল, ‘এবার এ দেশ ছাড়ার সময় হয়েছে’।

অমল চমকাল, ‘সে কী? মাত্র দুজন? পড়তায় পোষাবে?’

সায়ক হাসল, ‘আসগর আলি আর আসিফ রেজা। এদের মাথার দামে দশবার তোদের পাকিস্তানে যাতায়াত হয়ে যাবে। তাছাড়া তুষার স্যার বেরোতে বলছেন’।

তথাগত উঠে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করল। রাণা সঙ্গে সঙ্গে বাথরুমে দৌড়ল। তথাগতর পিঠে হাত দিয়ে বলল, ‘শরীর খারাপ লাগছে? জ্বরটা তো তখন কম মনে হল।’

তথাগত মাথা নাড়ল, ‘ঘুম ভেঙেই কেমন বমি পেয়ে গেল। ঠিক আছে, তুমি যাও, আমি মুখ ধুয়ে আসছি’।

রাণা বাথরুম থেকে বেরিয়ে সায়ককে বলল, ‘বমির ওষুধ লাগবে মনে হচ্ছে। সকালেও একবার বমি করেছে’।

সায়ক বলল, ‘এনেছি। ও একটু সুস্থির হোক। খাইয়ে দেব। স্ট্রেস পড়েছে’।

তথাগত বাথরুম থেকে বেরিয়ে এসে বসল। তার চোখ দুটো লাল হয়ে গেছে। বলল, ‘মাথা ফাথা ঘোরাচ্ছে। কী বাঁধালাম, কে জানে’!

সায়ক বলল, ‘কিচ্ছু বাঁধাসনি। রেস্ট কর। তুই সুস্থ হলে আমরা রওনা দেব’।

তথাগত বলল, ‘সময় আছে আমাদের কাছে?’

সায়ক বলল, ‘প্রচুর সময় আছে। ঘুম দে’।

তথাগত বলল, ‘আমি নিজেই দায়ী আমার এ অবস্থার জন্য। আমার বেরিয়ে যাবার কথা ছিল। জাহাঙ্গীর…’

সায়ক ধমকে উঠল, ‘আবার এক কথা? ঘুমো এখন। তোর কিচ্ছু হয়নি’।

অমল এগিয়ে গিয়ে তথাগতর কপালে হাত দিয়ে বলল, ‘জ্বর আছে। জ্বরটা কমা দরকার’।

সায়ক বলল, ‘কমে যাবে। আমরা সবাই আছি এখানে। যখন একা থাকত, তখন কী করত?’

তথাগত হাসল, ‘তখন হতো না। এখন ঘোড়া দেখে খোঁড়া হয়েছি’।

সবাই হেসে উঠল।

১০৬

‘বেরোনোর প্ল্যান পাঠাও’।

‘দৌলতের ফোন পাবার জন্য একজনকে মারলাম। ফোন থেকে জানতে পারলাম আজহারের বহাওয়ালপুরের মুক্তাঞ্চলের কথা। এখন এখানে একটা স্যাঁতস্যাঁতে ঘরে আশ্রয় নিয়েছি। এসব ছেড়ে চলে যাব?’

‘হ্যাঁ। পাকিস্তান এখন সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফেরার ব্যবস্থা করো’।

‘সময় চাই। অন্তত এক মাস’।

‘নেগেটিভ। ইউসুফকে পাবার অন্য ব্যবস্থা হবে। চলে এসো’।

ফোনটা ছুড়ে মারতে ইচ্ছে করছিল নুসরতের।

মিজান বলল, ‘কী হল আপা?’

নুসরত বলল, ‘ফেরার অর্ডার দিয়েছে’।

মিজান বলল, ‘এখানে অত ভয় নেই তো। বললেন না?’

নুসরত বলল, ‘সব জানে। ঝুঁকি নিতে চাইছে না’।

মিজান বলল, ‘আমার এক পরিচিত আছে। মরুভূমির ভেতর থেকে বর্ডারের ওপারে নিয়ে যেতে পারে’।

নুসরত বলল, ‘আমার যাবার কোনও ইচ্ছে নেই। এসব বুদ্ধি আমাকে দেবার দরকার নেই’।

মিজান বিস্মিত হল, ‘আপা, আমাদের মিশনের নির্দেশই ছিল, যখন ফিরতে বলবে তার দু’দিনের মধ্যে ফেরার প্ল্যান জমা দিতে হবে। এবার না ফিরলে ওরা আমাদের কোনও দায়িত্ব নেবে না’।

নুসরত বলল, ‘তুমি ফিরে যাও। আমি থাকব। পরে দেখা যাবে’।

মিজান বলল, ‘কিন্তু আপা…’

নুসরত কথা না শুনে ঘর থেকে বেরোল। রাত তিনটে বাজে। গলি শুনশান। রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে ফোয়ারা চকের কাছে এল সে। মিজানও বেরিয়েছে। তবে দূরত্ব রেখে হাঁটছে। চক পেরিয়ে বড় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে মসজিদের গেটের কাছে দাঁড়াল। প্রচুর মানুষ ফুটপাথে শুয়ে আছে। ফুলের দোকানে টিমটিম করে আলো জ্বলছে। দোকানি বসে বসে ঢুলছে। নুসরত ফোন বের করে গোটা এলাকার যত ছবি তোলা সম্ভব তুলল। দোকানদার তাকে দেখতে পেয়েছে। বেরিয়ে এসে ভীত কণ্ঠে বলল, ‘আপনার তো ভীষণ সাহস’!

নুসরত বলল, ‘আর আপনি একটা ডরপোক! এখানে এতদিন ধরে বসে আছেন, অথচ আমাকে কোনও ইনপুট দেননি আব্বাসভাই’।

আব্বাস বলল, ‘এখানে না। এদিকে আসুন’।

আব্বাস নুসরতকে দোকানের ভিতর নিয়ে গিয়ে বসাল, ‘আমি সব রিপোর্ট করি। এমন কোনও কিছু নেই যা আমি জানাইনি। কিন্তু এখানে ঝুঁকি অনেক বেশি। এই কারণেই আপনাকে বহাওয়ালপুরের ব্যাপারে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে’।

নুসরত বলল, ‘আজহারকে মুলতানে মারা সম্ভব না। এখানে ও অনেকটা সময় একা থাকে’।

আব্বাস বলল, ‘ভুলেও এসব ভাববেন না। এখানে আজহারের একটা চুল বাঁকানোও অসম্ভব। আপনি এসব মাথা থেকে বের করুন। বেরোনোর প্ল্যান চেয়েছে, আপনি জানান লাহোর থেকে বেরোবেন। ব্যবস্থা হয়ে যাবে’।

নুসরত বলল, ‘আপনি তো থাকবেন। কেন থাকবেন?’

আব্বাস বলল, ‘আমি এখানেই থাকি। হয়তো জীবনের শেষ দিন অবধি এখানেই থাকব। আপনি ভুলে যাচ্ছেন আমাদের আর আপনাদের কাজ আলাদা। আপনার এখানে আসাও উচিত হয়নি। কেউ দেখতে পেলে আমার সব শেষ হয়ে যাবে’।

নুসরত বলল, ‘আমি পরোয়া করি না। আমার আজহারকে চাই’।

মিজান উলটোদিকের ফুটপাথে বসে পড়েছে। আব্বাস সেটা দেখে বলল, ‘একদিন নিশ্চয়ই পাবেন আপনি। কিন্তু এখানে…’

‘থাকাটা নিরাপদ না, তাই তো? আমার নিরাপত্তা চাই না। আমাকে বলুন, আজহার কবে আসবে?’

আব্বাস কপালে জমে যাওয়া ঘাম মুছল, ‘এই জুম্মায় আসতে পারে। এখানেই ওর প্রাসাদ আছে, মসজিদের পেছনে’।

‘জানি। আমার শুধু ওর আসার তারিখটা চাই’।

‘আপনি কি সুইসাইড মিশন করতে চাইছেন?’

নুসরত উত্তর দিল না।

আব্বাস বলল, ‘আমি দিল্লিতে জানাতে বাধ্য হব। এটা আপনি করতে পারেন না। সেরকম ইন্সট্রাকশন নেই’।

নুসরত পাত্তা দিল না। দোকান থেকে বেরিয়ে আবার ফোয়ারা চকের দিকে হাঁটতে শুরু করল।

মিজান পেছন থেকে গলা তুলল, ‘তাড়াতাড়ি চলুন আপা! ফজরের নামাজের সময় হচ্ছে, সব বেরোবে এখন’।

নুসরত হাঁটার গতি বাড়াল। গলিতে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল। মিজান এসে বলল, ‘কী হল?’

নুসরত মাথা নাড়ল, ‘কিছু না। তুমি ওদের জানিয়ে দাও, লাহোর থেকে বেরোবে। ওরা ব্যবস্থা করে দেবে’।

মিজান দৃঢ় কণ্ঠে বলল, ‘আপনাকে না নিয়ে আমি কোথাও যাব না’।

নুসরত বলল, ‘আমারটা সুইসাইড মিশন হতে পারে’।

মিজান বলল, ‘হোক’।

নুসরত শ্বাস ছাড়ল। রাস্তায় গাড়ির আসার শব্দ পাওয়া যাচ্ছে। তারা গলিতে ঢুকে গেল। একটার পর একটা হুডখোলা গাড়িতে খোলা বন্দুক হাতে প্রায় একশো ছেলে চলে গেল। তাদের কারও বয়সই ষোলোর উপরে না।

মিজান বিস্মিত কণ্ঠে বলল, ‘এরা কোথায় যাচ্ছে?’

নুসরত বুড়োর বাড়ির দিকে হাঁটতে শুরু করল, ‘আজহারের মুক্তাঞ্চলে। ওদের শেষ নেই’।

মিজান বলল, ‘আমরা পারব আপা?’

নুসরত মাথা নাড়ল, ‘পারতেই হবে। যে করে হোক’!

১০৭

রসাকাই। খাইবার পাখতুনখোয়া।

লতিফ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। গায়ের ব্যথা এখনও পুরোপুরি কমেনি। দরজায় নক করার শব্দ হল।

লতিফ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে বলল, ‘খোলা আছে’।

একটা বাচ্চা ছেলে ঘরে ঢুকে তার হাতে একটা চিরকুট ধরিয়ে চলে গেল।

লতিফ দেখল চিরকুটে একটা নাম্বার দেওয়া। সে উঠে ঘর থেকে বেরোল।

ঝলমলে দিন। বাজারে লোক গিজগিজ করছে। সে একটা দোকানে ঢুকল। বৃদ্ধ দোকানদার বসে বসে খাতায় হিসেব করছে। লতিফ বৃদ্ধর সামনে থাকা ড্রয়ার খুলে ফোন বের করে চিরকুটে দেওয়া নাম্বারে ফোন করল। ওপ্রান্তে ফোন রিসিভ হতেই সে বলল, ‘মুঘল এ আজম’।

‘সেলাম ওয়ালাইকুম। বেঁচে আছ জেনে ভালো লাগল’।

‘ওয়ালাইকুম আসসালাম। বেঁচে আছি। শুকরিয়া’।

‘শুকরিয়া কীসের জন্য?’

‘আমার পরিবারকে সরিয়ে দেবার জন্য’।

‘ওহ, ওটা নিয়ে ভেবো না। তুমি যে কাজ করেছ, সেটার জন্য আমাদের তোমাকে শুকরিয়া বলা উচিত। শোনো, রফিক আহমেদ ছাড়া পেয়েছে। যোগাযোগ করো’।

‘ঠিক আছে’।

‘তোমার পেমেন্ট পৌঁছে যাবে’।

‘শুকরিয়া’।

ফোন কেটে গেল।

লতিফ ফোন রেখে একটা পিসিওতে গিয়ে রফিক আহমেদের গোপন নম্বরে ফোন করল। ফোন দু’বার রিং হবার পর রফিক ধরল। সন্দিগ্ধ কণ্ঠে বলল, ‘কে?’

‘জনাব আমি। লতিফ’।

ওপাশে একটু নীরবতা। কয়েক সেকেন্ড পর রফিক বলল, ‘হাসপাতাল থেকে পালিয়েছিস?’

‘জি জনাব। আমার জন্য কোনও কাজ আছে?’

‘আছে। তুই কোথায়?’

‘রসাকাই জনাব’।

‘অত দূরে গিয়ে কী করছিস? ইসলামাবাদে এসে ফোন কর’।

‘আমাকে মেরে দেবে জনাব’।

‘কেউ মারবে না। রাতে ঢোক। এসে ফোন কর। বড় কাজ আছে’।

ফোন কেটে গেল।

লতিফ বুড়োর দোকানে গিয়ে ফোনটা নিয়ে এল।

নিজের ডেরায় ফিরে ব্যাগ গোছাতে শুরু করল।

গুলি চালানোর শব্দ আসছে। নিত্যনৈমিত্তিক ঘটনা। লতিফ ব্যাগ নিয়ে বেরিয়ে বাজারে এসে দেখল রাস্তায় একজনের মৃতদেহ পড়ে আছে। সে অটো নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছল।

রাওয়ালপিন্ডির বাস দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। সে বাসে উঠে পড়ল। পেছনের দিকের সিটেই বসল।

ফোন বের করে মেসেজ করল। থুতু আসছে মুখে। জানলা দিয়ে থুতু ফেলল।

বাস চলতে শুরু করেছে। খাইবার পাখতুনখোয়ার সীমান্ত পেরোতেই ফোন বাজতে শুরু করল তার। ধরল সে, ‘লতিফ’।

‘জি’।

‘কোথায় তুমি?’

‘ইসলামাবাদ যাচ্ছি। ডাকছে’।

‘উফ! আমাকে একবার জানাবে না বেরোনোর আগে? আমি যোগাযোগ করতে বলেছি। কথা শুনতে বলিনি। অ্যাবর্ট ইসলামাবাদ। রফিক তোমাকে পেলেই আবার চাপ দিতে শুরু করবে। ওর কাছে যেও না। ফিরে যাও’।

‘কিন্তু আমাকে…’

‘জানি। দরকার নেই। ফিরে যাও। অন্য কোথাও গিয়ে থাকো’।

ফোন কেটে গেল। বিরক্ত মুখে লতিফ বাসের দরজার দিকে এগিয়ে গেল।

‘মিয়াঁ। নামিয়ে দাও’।

‘সে কি? তুমি যে ইসলামাবাদ অবধি টিকেট কাটলে?’

‘জরুরি ফোন এসেছে। নামিয়ে দাও’।

বাস কন্ডাকটর রাগী কণ্ঠে বাস দাঁড় করাতে বলল। নেমে গেল লতিফ। রাস্তার অন্য প্রান্তে গিয়ে দাঁড়াল। মাথা ধরে গেছে তার। আবার আগের নাম্বারে ফোন করল।

ওপ্রান্ত ফোন ধরে বলল, ‘বলো’।

‘আমার মাথা কাজ করছে না’।

‘কাজ করার দরকার নেই। পেশোয়ারে কাউকে চেনো? বন্ধুবান্ধব কেউ নেই?’

‘আছে। কিন্তু এভাবে লুকিয়ে কতদিন?’

‘রফিক তোমাকে পেলে আমানের হাতে তুলে দিতে পারে। আমানকে ভরসা করতে পারবে?’

লতিফ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। একটু চুপ করে থেকে বলল, ‘আমানকে আমি বিশ্বাস করি না’।

‘তুমি রফিককে ফোন করেছিলে। রফিকের ফোন আমান ট্যাপ করবেই। এর অর্থ তোমার রুট ওরা জানে’।

লতিফের ঘাম হতে শুরু করল। বলল, ‘ঠিক। কী করব আমি?’

‘কাবুল বেরিয়ে যাও। রুট জানো?’

‘জানি। পেশোয়ারে আমার বন্ধু আছে। বেরিয়ে যেতে পারব’।

‘যাও। আর রফিককে ফোন করার দরকার নেই। অন্তত এক মাস রফিককে ফোন করবে না। ইন ফ্যাক্ট কাউকে ফোন করার দরকার নেই। তারপর সিচুয়েশন বুঝে ফেরার কথা ভাবা যাবে’।

‘ওকে জনাব। আপনাকে অসংখ্য শুকরিয়া’।

‘ওয়েট কোরো না। বেরিয়ে যাও’।

‘জি জনাব’।

ফোন রাখল লতিফ। পেশোয়ারের বাস আসছে। সে হাত তুলে বাস থামাল।

১০৮

‘আইসক্রিম খাবে আসাদুর?’ খান ঘরে ঢুকেই জিগ্যেস করলেন।

আসাদুরকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। খানের প্রশ্নটা যেন সে শুনতেই পেল না। যেন একটা রোবটকে বসিয়ে রাখা হয়েছে। তুষার এবং চিফ বাইরে দাঁড়িয়ে দেখছেন।

খান আসাদুরের সামনের চেয়ারে বসল। তাদের মাঝে টেবিল। আসাদুরকে গত দু’ঘণ্টা ধরে একই জায়গায় বসিয়ে রাখা হয়েছে।

খান বললেন, ‘আমার নাম আশরফ খান। তোমার পুরো নাম কী?’

আসাদুর চোখ তুলে তাকাল, ‘আসাদুর খান’।

খান বললেন, ‘তোমার বাড়ি কোথায়?’

‘খুলনা’।

‘বাংলাদেশ?’

আসাদুর মাথা নাড়ল।

খান বললেন, ‘বাংলাদেশ ভারি ভালো জায়গা। কত সবুজ! আমি যতবার গেছি ততবার মুগ্ধ হয়েছি। পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানিও খুব ভালোবাসি’।

আসাদুর নিচু গলায় বলল, ‘জি। গেলে আমাকে বলবেন। আমার বাড়ি নিয়ে যাব’।

‘বাঃ’। খান খুশি হবার ভান করলেন, ‘কাজের কথায় আসি আসাদুর। আমাকে একটু বলবে তুমি হঠাৎ এ দেশে মরতে এলে কেন?’

আসাদুর খানের দিকে তাকাল। তার চোখ জ্বলজ্বল করছে। বলল, ‘আবু ইব্রাহিমের জন্য’।

খান বললেন, ‘ওকে পছন্দ করো?’

আসাদুর বলল, ‘আবু ইব্রাহিম আমার আব্বু’।

খান ভ্রু কুঁচকালেন, ‘মানে?’

আসাদুর বলল, ‘আমার আম্মি বলেছিল আবু ইব্রাহিম আমার আব্বু। আমি ওনাকে খোঁজার জন্য পাকিস্তান গেছিলাম’।

খান উঠে দাঁড়ালেন, ‘একটু বসো আসাদুর। আমি আসছি’।

চেম্বারের বাইরে বেরিয়ে গিয়ে তুষারের সামনে গিয়ে খান বললেন, ‘কী বলছে স্যার?’

তুষার বললেন, ‘তুমি অবাক হচ্ছ কেন? এখানে অবাক হবার কী আছে? হতেই পারে! আবু ইব্রাহিম অনেকবার ও দেশে গেছে। না হবার কী আছে?’

খান বিরক্ত মুখে বললেন, ‘মুড অফ হয়ে গেল স্যার। মাথুরকে পাঠান’।

তুষার হেসে চিফকে বললেন, ‘এ ছেলেটা ভীষণ মুডি। কী করে এ কাজ করছে বুঝে উঠতে পারি না’।

চিফ বললেন, ‘ঠিকই তো তুষার, তুমি অবাক হচ্ছ কেন? সারাক্ষণ কাদা ঘাঁটছে বলে কি বিরক্ত হতে পারে না?’

তুষার বললেন, ‘তাও ঠিক। খান, তুমিই যাও। একটু সময় নাও। ও তোমাকে বলা শুরু করেছে মানে তোমাকেই বলবে’।

খান চা নিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ‘আবু ইব্রাহিমের এই পৃথিবীতে কতগুলো ছেলে মেয়ে আছে?’

চিফ বললেন, ‘তার থেকেও বড় কথা, আবু ইব্রাহিম কেমন ধরনের বাপ, যে নিজে যুদ্ধে না গিয়ে ছেলেকে পাঠিয়েছে?’

তুষার বললেন, ‘বেশি ছেলেপুলে হলে মনে হয় ছেলে মেয়ের উপর মায়া মমতা কাজ করে না’।

চিফ বললেন, ‘তাই হবে। ছেলেটার বয়স কত হবে?’

খান বললেন, ‘বাইশ বলছে। ওরকমই হবে। পাকিস্তানিরা পৃথিবীর জঞ্জাল’।

চিফ বললেন, ‘তা ঠিক। তবে সুস্থ চিন্তার লোক আছে। ওরা তাদের বেশিদিন বাঁচতে দেয় না এই যা’।

খান চায়ের কাপ রেখে আবার ইন্টারোগেশন চেম্বারে প্রবেশ করলেন। আসাদুরকে বললেন, ‘কী খেতে ইচ্ছে করছে তোমার?’

আসাদুর বলল, ‘খিদে নেই আমার’।

খান বললেন, ‘ঠিক আছে। খিদে নেই বুঝলাম। তারপর কী হল বলো? আব্বুকে খুঁজতে গিয়ে আব্বুর কাজে জড়ালে কী করে?’

আসাদুর বলল, ‘ওরা একজনকে খুঁজছিল যে নিজেকে শেষ করে দেবার আগে দু’বার ভাববে না। আমি ওদের ক্যাম্পে যাবার পর আবেদন করি’।

খান বললেন, ‘মানে? চাইলেই ক্যাম্পে ঢোকা যায় নাকি? কোনও সোর্স লাগে না?’

আসাদুর বলল, ‘আমার কাছে সোর্স ছিল। আমাদের মাদ্রাসার নুরুজ্জামান স্যার আবু ইব্রাহিমের ক্যাম্পে ট্রেনিং নিয়েছিলেন এক সময়। ওর মাধ্যমেই আমি কেপিকে গেছিলাম’।

খান বললেন, ‘আচ্ছা। প্ল্যান কী ছিল?’

আসাদুর বলল, ‘সুইসাইড বোম্বিং। লালকেল্লাতে কিংবা চাঁদনি চকে’।

খান মাথা নাড়লেন, ‘ওকে। তাহলে প্ল্যান ফেল হল?’

আসাদুর বলল, ‘নাও হতে পারে। আরও যদি কেউ ঢুকে থাকে, তাহলে হতেই পারে’।

খান বললেন, ‘কে ঢুকবে? আবু ইব্রাহিমের আরও অবৈধ ছেলেপিলে আছে নাকি তোর মতো?’

আসাদুর রেগে গেল, ‘আপনি একই ধর্মের লোক হয়ে আবু ইব্রাহিম সম্পর্কে এরকম কথা বললেন?’

খান হেসে উঠলেন, ‘কেন? আবু ইব্রাহিম কি আমার ধর্মের দায় দায়িত্ব নিয়ে বসে আছে? একটা নোংরা লোক! সামনে পেলে কুকুরের মতো গুলি করে মারব আবু ইব্রাহিমকে’।

আসাদুর চিৎকার করে গালাগালি দিতে শুরু করল।

খান সামনে রাখা গ্লাসের জল আসাদুরের মুখে ছুড়ে মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন।

তুষার চিফকে বললেন, ‘সেম পাগলামি। হাসান মকসুদকে যেমন দেখেছিলাম, সেম। মাথার মধ্যে গাদা গাদা বিদ্বেষ আর মুখস্থবিদ্যা। মগজ ধোলাই কমপ্লিট হয়েছে বলে অন্য কিছু ঢুকবে না। ভালো কথাও শুনবে না। কাস্টডিতে নেবার দরকার নেই। সরাসরি জেলে যাক। কী বলো?’

চিফ বললেন, ‘ব্লাস্টের প্ল্যান আছে বলছে। চাঁদনি চক! বাপ রে!’

তুষার বললেন, ‘চাঁদনি চক শোনার পর থেকে কাবাব খেতে ইচ্ছে করছে। যাবে নাকি?’

চিফ কাঁধ ঝাঁকালেন, ‘চলো, আমার কোনও আপত্তি নেই’।

১০৯

ডাক্তার রিজভি সেকেন্ড হাফে হাসপাতাল গেলেন না। ঘরের দরজাও খুললেন না। পাংশু মুখে বসে রইল জাহিদা।

শরমিন জাহিদার মাথায় হাত দিয়ে বললেন, ‘টেনশন করিস না। ডাক্তারবাবুর পাস্টের ব্যাপার তো। ইমোশনাল হয়ে পড়েছেন’।

জাহিদা বলল, ‘আমার ভুল হয়ে গেছে। আমার ওটা জিগ্যেস করা উচিত হয়নি। আমাকে ট্রেনিংয়ে বার বার শেখানো হয়েছিল পেটে কথা চেপে রাখতে হয়। এভাবে বলে দেব, আমি নিজেও বুঝতে পারিনি’।

শরমিন বললেন, ‘ঠিক আছে। ভাবিস না। কিছু হবে না’।

জাহিদা চুপ করে গেল।

ডাক্তারবাবু সন্ধেবেলা দরজা খুলে বেরোলেন। স্বাভাবিক মুখে বললেন, ‘রাতে পিজা খাব আমরা। ঠিক আছে?’

জাহিদা বলল, ‘সরি ডাক্তারবাবু। আমার ভুল হয়ে গেছে’।

ডাক্তার রিজভি বললেন, ‘আমার মেয়ে রুকসানা বড় হলে তোমার বয়েসি হতো জাহিদা। এসব ভেবো না। আমাদের হাতে তো কিছু থাকে না। আল মাসুদের মতো জানোয়াররা রাস্তাঘাটে ঘুরলে এরকম কত পরিবার যে ধ্বংস হয়ে যায়, কেউ জানে না’।

শরমিন বললেন, ‘রাস্তাঘাটে ঘুরলে… মানে বুঝলাম না’!

রিজভি বললেন, ‘বাজারে গেছিল মা মেয়ে। আল মাসুদের বিপরীত গোষ্ঠীর নেতাকে বাজারে দেখে আল মাসুদ নিজে বাজারে গিয়ে যথেচ্ছভাবে গুলি চালায়। এক দিনে দু’জন শেষ। আমারও সব শেষ’।

শরমিন বললেন, ‘আমি এক্সট্রিমলি সরি ডাক্তারবাবু’।

রিজভি বললেন, ‘সরির কিছু নেই। আগামী প্রজন্মের জন্য আমরা একটা স্বাধীন মুক্তচিন্তার দেশ দিয়ে যেতে পারব না, এ যন্ত্রণায় আমি আজীবন ছটফট করব। এত এত গরিব মানুষ, মানুষের এত কষ্ট, কারও কিচ্ছু যায় আসে না। কেউ তার শিশু সন্তানকে টেররিস্ট ক্যাম্পে পাঠাচ্ছে। কেউ ভালো হতে চাইলেও ঠিক একটা কুসঙ্গে পড়ে যাচ্ছে। সর্বনাশ হয়ে যাচ্ছে। ফয়সলাবাদের মতো শহরকে শেষ করে দিল আল মাসুদ’।

শরমিন বললেন, ‘কাজটা করে ফেলা যাক ডাক্তারবাবু। আমরা বাঁচি মরি, যাই হয়ে যাক, আল মাসুদকে সরানোর কাজটা করা যাক’।

রিজভি জোরে জোরে মাথা নাড়লেন, ‘একদম না ম্যাডাম। ওরা আপনাদের শেষ করে দেবে। এত বড় ঝুঁকি আমি নিতে পারব না। আপনাদের দেশ থেকে বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে। কাল রাতের মধ্যে আপনাদের আমি বের করে দিয়ে আসব’।

শরমিন বললেন, ‘তারপর? আল মাসুদ তো তার বাকি জীবনে ফয়সলাবাদকে শেষ করে দেবে। আল মাসুদ, তার ছেলে, তার পরিবারের বাকিরা, সবাই বেঁচে থাকবে। আপনার লক্ষ্য কি সফল হবে?’

রিজভি বললেন, ‘আগে তো মানুষ। আগে আপনি, জাহিদা। তারপর বদলা। আমি সব জেনেশুনে আপনাদের ওই আল মাসুদের কাছে পাঠাতে পারি না’।

শরমিন বললেন, ‘আমাদের আজ না হয় কাল মরতেই হবে ডাক্তারবাবু। আপনি হয়তো জানেন না, আমি একটা হানি ট্র্যাপ প্রোজেক্টে কাজ করেছি। ঘেন্না হচ্ছে?’

রিজভি মাথা নাড়লেন, ‘হচ্ছে না। একবারেই হচ্ছে না। তবে আমি জেনেশুনে এ কাজ করব না, সেটা সবাইকে জানিয়ে দিয়েছি। এটা আমার এথিক্সের ব্যাপার। আপনি একটু বোঝার চেষ্টা করুন’।

শরমিন কাঁধ ঝাঁকালেন, ‘জানি না, আপনি কেন এটা করছেন। আমরা মেয়ে বলে করুণা করছেন, তাই না? ছেলেরা এলে বাধা দিতেন না’।

রিজভি বললেন, ‘তা না’।

শরমিন বললেন, ‘তবে কী?’

রিজভি বললেন, ‘মন থেকে সায় পাচ্ছি না। হতে পারত আপনাদের আল মাসুদের ওখানে ঢোকার ব্যবস্থা করে দিতাম। আপনি হয়তো একদিন ওকে মেরেও দিতেন, কিন্তু তারপর তো ওরাও আপনাকে মারবে। আমি নিজের হাতে আপনাকে খুন হতে দেব?’

শরমিন শ্বাস ছাড়লেন, ‘ঠিক আছে। আপনাকে এই নিয়ে আর প্রশ্ন করব না’।

বাইরে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। রিজভি উঠে লুকিয়ে দেখলেন কোয়ার্টারের সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে।

তিনি একটা জোরে শ্বাস নিয়ে বললেন, ‘ওই লোকটা হয়তো খোচরই ছিল। কিচ্ছু অস্বীকার করার দরকার নেই। আপনি আমার বোন, জাহিদা আপনার মেয়ে। আপনারা বেড়াতে এসেছেন। কোয়ার্টারেই থাকছেন। কারণ জাহিদার শরীর খারাপ ছিল। কাল বেরোবেন। আপনারা ভেতরের ঘরে যান। আর যদি নিশ্চিত হয়েই আসে… আমি দেখছি’।

জাহিদার মুখ সাদা হয়ে গেছিল। শরমিন জাহিদার হাত ধরে ভেতরের ঘরে নিয়ে গেলেন।

কলিং বেল বেজে উঠল।

রিজভি দরজা খুললেন। স্থানীয় থানার ইনচার্জ শাহিন খান দাঁড়িয়ে আছে। রিজভি অবাক হবার ভান করলেন, ‘কী ব্যাপার ইন্সপেক্টর সাহেব’?

শাহিন তার ফোন এগিয়ে দিয়ে বলল, ‘দেখুন তো, এদের মধ্যে কাউকে দেখেছেন নাকি?’

ফোনে চার পাঁচজন যুবকের ছবি। রিজভি বললেন, ‘না, দেখিনি’।

শাহিন বলল, ‘সাবধানে থাকবেন ডাক্তারবাবু। এলাকায় কিছু উটকো ছেলে ঢুকেছে। আপনাদের কলোনিটা ফাঁকা থাকে। ডাক্তার আলিম কাল জানিয়েছিলেন কলোনির ভেতরে একটা ভ্যাগাবন্ড ঢুকেছে। আমরা সব কোয়ার্টারেই যাচ্ছি। খোঁজ নিচ্ছি। দেখা মাত্র আমাকে ফোন করবেন’।

রিজভি বললেন, ‘হ্যাঁ, একটা ভ্যাগাবন্ডকে আমিও দেখেছি পরশু। ভয়ের কোনও ব্যাপার আছে কি?’

শাহিন খান বলল, ‘জানি না। তবে যার ছবি দেখালাম, সেরকম কাউকে দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন। ইসলামাবাদ থেকে ছবি পাঠিয়েছে। দেশ হাই অ্যালার্টে আছে। হাসপাতালেও যদি এদের মধ্যে কাউকে দেখতে পান, আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। আপাতত আমি আপনাদের কলোনিতে দু’জন কনস্টেবল পোস্টিং করে দিচ্ছি জনাব। খুদা হাফিজ’।

ডাক্তার রিজভি স্বস্তির শ্বাস ফেলে দরজা বন্ধ করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *