ব্লু উইংস – ১০০

১০০

ইসলামাবাদ।

রাত সাড়ে আটটা। জেলের বাইরে গাড়ির পেছনের সিটে একা বসে আছে আমান। দরজায় নক করল আকবর। আমান মাথা নাড়ল।

রফিক আহমেদ গাড়িতে উঠে বসল।

আকবর গাড়ির ড্রাইভিং সিটে বসল।

রফিক আতঙ্কিত মুখে বলল, ‘কী ব্যাপার আমান? আমাকে এনকাউন্টার করার প্ল্যান করেছ নাকি? আমি তোমাকে আমার সব অ্যামাউন্ট ট্রান্সফার করে দিচ্ছি। দাও, আমার ফোনটা আমাকে দাও, আমি এখনই করে দিচ্ছি।’

আমান বলল, ‘বসুন। আপনাকে কেউ মারবে না। দয়া করে চুপ করে বসে থাকুন’।

রফিক এবার দ্বিধাগ্রস্ত হল, ‘মারবে না? তোমরা আমাকে মারার জন্য বাইরে বের করোনি?’

আমান বলল, ‘না। আবু ইব্রাহিম আপনাকে নিয়ে যেতে বলেছেন। কথা বলতে চাইছেন’।

রফিক বলল, ‘ওহ! নতুন কোনও প্ল্যান?’

আমান বলল, ‘দেশের জন্য’।

রফিক চুপ করে গেল। আকবর চুপ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে লুকিং গ্লাসে রফিককে দেখছে। সে ভেবেছিল, কোনওদিন রফিকের সঙ্গে দেখা হবে না। আজ একটু লজ্জা লাগছে। জেল থেকে বেরিয়ে রফিক ভয়ে তার হাত চেপে ধরেছিল। ভেবেছিল তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে মারার জন্য। আকবর শুধু বলেছিল, ‘আপনি আমার সঙ্গে চলুন’।

রফিক বেরিয়ে এসেছে।

আমান কাচের বাইরে দেখতে দেখতে বলল, ‘আপনি কি আমার উপর খুব বেশি রেগে আছেন?’

রফিক চুপ করে রইল।

আমান বলল, ‘আবু ইব্রাহিম কী চাইছেন আমি জানি না। তবে আশা করি, আপনি বুঝতে পারছেন আপনাকে গ্রেফতারের নির্দেশ তারই ছিল। আমার কিছু করার ছিল না’।

জিন্নাহ মার্গের সামনে থেকে গাড়ি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের দিকে রওনা দিল। চারদিকে আলো ঝলমল করছে। এই পরিবেশ দেখে বোঝা সম্ভব না যে দেশে কোনও সমস্যা আছে। রাস্তার মাঝে মাঝে পার্ক, আধুনিক শহরের সব উপকরণ ইসলামাবাদে আছে।

রফিক ক্লান্ত গলায় বলল, ‘খিলাফত টাওয়ার? ওহ, আবু ইব্রাহিম এখন এখানে আছেন?’

আমান বলল, ‘অ্যাবোটাবাদেই যাবেন। যাবার আগে এখানে বিশ্রাম নিচ্ছেন’।

রফিক বলল, ‘কী চাইছেন?’

আমান মাথা নাড়ল, ‘জানি না’।

রফিক বলল, ‘পানি খাব’।

আমান জলের বোতল এগিয়ে দিল। রফিক অনেকটা জল খেয়ে বলল, ‘সেলে পানি দেয় না ঠিক করে। পরেরবার অন্তত সেটা দিতে বলে দিও’।

আমান উত্তর দিল না। গাড়ি টাওয়ারের বেসমেন্টে পৌঁছল। আমান বলল, ‘আসুন’।

ভি আই পি লিফটে উঠল তারা। ফ্ল্যাটের দরজা খুলে দেখা গেল আবু ইব্রাহিম থমথমে মুখে বসে আছে। আমান এবং রফিককে দেখে ইশারায় সোফায় বসতে বলল।

আমান বলল, ‘কোনও সমস্যা জনাব?’

আবু ইব্রাহিম তার ফোন এগিয়ে দিল আমানের দিকে। গাড়ির মধ্যে আসিফ রেজা আর তার ভাইয়ের গুলিবিদ্ধ ছবি।

আমান বিস্ফারিত চোখে বলল, ‘এ কী! কখন হল?’

আবু ইব্রাহিম বলল, ‘কিছুক্ষণ আগে। আসিফ সালগ্রানে যাচ্ছিল। আপনি খবর পাননি? আমার থেকে আপনার আগে খবর পাওয়া প্রয়োজন ছিল’।

আমান পকেট থেকে ফোন বের করে বলল, ‘আমি রাস্তায় ছিলাম জনাব, ফোন সাইলেন্ট ছিল। জি হ্যাঁ, আমার কাছেও ফটো এসেছে’।

আবু ইব্রাহিম রফিকের দিকে তাকাল, ‘আপনার কী মনে হচ্ছে জনাব? মৌলানা, আসগর আলি, তনবীর আলম, আসিফ রেজা, এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা?’

রফিক বলল, ‘ঘটনাগুলো এমনভাবে ঘটেছে, এছাড়া আমার অন্য কিছু মনে হচ্ছে না। কিন্তু এই সন্দেহ আমার আগেও হয়েছিল। শাহবাজ আলমও আমাকে বলেছিলেন, তিনি সন্দেহ করছেন এর মধ্যে অন্য কেউ আছে’।

আবু ইব্রাহিম বলল, ‘রহমান? রহমান সাহেবকে তো আপনিই মেরেছেন? বা নির্দেশ দিয়েছিলেন? তাই না?’

রফিক জোরে জোরে মাথা নাড়ল, ‘না জনাব। আমি ওখানে আমার লোকেদের নজরদারি চালাতে বলেছিলাম শুধু। মারার নির্দেশ ছিল না। ওরা সম্ভবত সিদ্ধান্ত নিতে না পেরে এই কাজ করেছে’।

আবু ইব্রাহিম বলল, ‘আপনার লোকেদের কথা আমি শুনেছি। দু’জন জওয়ান ছিল। আজাদ কাশ্মীরের রেজিমেন্টের, তাই তো?’

রফিক ফ্যাকাসে মুখে বলল, ‘জি জনাব’।

আবু ইব্রাহিম মাথা নাড়ল, ‘রহমান সাহেবকে তারা মারেনি। খুনের পর তারা পালিয়ে চলে এসেছিল। একটা বাইক এসে রহমান সাহেবকে মেরে চলে যায়’।

আমান বলল, ‘আমাদের দেশের মধ্যে অনেকগুলো সংগঠন আছে জনাব, তাদের নিজেদের মধ্যে মন কষাকষির কথাও আপনি জানেন। আসিফ রেজার দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম বউয়ের সঙ্গে তার প্রচুর ঝগড়া হচ্ছিল। ওর বউয়ের ভাইয়েরা সবাই মুজাহিদিন সদস্য। ওদের সঙ্গে আগে কথা বলা দরকার’।

আবু ইব্রাহিম বলল, ‘সব খবর নেওয়া হয়েছে। তারা কেউ এ কাজ করেনি। রফিক সাহেব জেলে ছিলেন, জানি না রফিক সাহেবের মাথা এখন ঠিক করে কাজ করছে নাকি, তবু আমি জিগ্যেস করতে চাই, রফিক সাহেব, আপনার কী মনে হয়, এ কাজ কারা করেছে?’

রফিক উত্তর দিতে গিয়ে থমকে গেল। পর্দার ওপাশ থেকে মাহির মুখটা চোখে পড়ল। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, ‘র?’

আবু ইব্রাহিম হাসল। পায়ের উপর পা তুলে বলল, ‘আপনার হাতে চব্বিশ ঘণ্টা সময় আছে রফিক সাহেব। আপনার যা সোর্স আছে, কাজে লাগান। আমি সন্দেহ না, প্রমাণ চাই। আর কাশ্মীর নিয়ে আপনার কোন পরিকল্পনা ছিল যেটা আমাদের জানা দরকার?’

রফিক বলল, ‘আসিফ রেজা কিছুদিন আগেই শ্রীনগর থেকে ফিরেছে। ফান্ডের জন্য বলেছিল। ওর ছেলেদের আর্মস কেনার ব্যাপারে আমার কাছে ফান্ড চেয়েছিল। আগামী জুম্মাবারে আসিফের ফয়জল মসজিদে আসার কথা ছিল আমার সঙ্গে দেখা করার জন্য’।

আবু ইব্রাহিম বলল, ‘আর্মস? এখানেও কমিশন খাবার প্ল্যান ছিল, তাই না?’

রফিক কাশতে শুরু করল।

১০১

সকাল দশটা।

কোয়েটা বাজারে আর্মি চেকিং শুরু হয়েছে। পাক সেনা জওয়ানরা সবার আইডেন্টিটি চেক করছে।

মেজর হুসেন সাজাদ টি স্টোরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেজরের আজ মন ভালো। চার দিন ছুটি নিয়েছে। করাচিতে তার বাড়ি থেকে ঘুরে আসবে।

চায়ের দোকানদার সাজাদ সভয়ে কাজ করছে। তার হাত কাঁপছে।

মেজর সেটা লক্ষ করে বলল, ‘আরে মিয়াঁ, এত ভয় পাচ্ছ কেন? আমরা কি তোমার দেশের বাইরের লোক?’

সাজাদ বলল, ‘জনাব, ভয় পাচ্ছি কেন আমিও ঠিক বুঝতে পারছি না। কোয়েটাতে এত অশান্তি বেড়েছে’!

মেজর দেখল এক যুবক চুপ করে বসে চা খেয়ে যাচ্ছে। সে যুবককে বলল, ‘এই যে ছোকরা, তোমার কী মনে হয়? এখানে কেন এত অশান্তি বেড়েছে?’

যুবক বলল, ‘আমার মনে হয় এর মধ্যে ইন্ডিয়া জড়িত আছে জনাব। পাকিস্তানকে এরা শান্তিতে থাকতে দেবে না’।

মেজর খুশি হল, ‘ঠিক বলেছ। পাকিস্তানের মধ্যে অশান্তি হলে তো ইন্ডিয়ারই লাভ। দেশের সব নওজোয়ানরা এটা বুঝলে দেশে এত সমস্যাই তৈরি হতো না। তুমি কী করো হে?’

যুবক বলল, ‘আমি ব্যবসায়ী জনাব। লাহোরে আমার বাড়ি’।

মেজর বলল, ‘হুম্‌, এই জন্যই এখানকার স্থানীয়দের একেবারে মাথা চিবিয়ে খাওয়া চলছে। হবে, হবে, সব ব্যবস্থা হবে। কোয়েটাকে মুক্তাঞ্চল করা বের করে দেব ইনশাল্লাহ। তারপর দেখব, ইন্ডিয়া এখানে কী করে তাদের ষড়যন্ত্রের জাল বিছোতে পারে’।

মেজরের কনভয় এসে গেছিল। মেজর গাড়িতে উঠে বসল।

কোয়েটা স্টেশনে আর্মি স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে। দেশের বিভিন্ন অঞ্চলে সেনাদের নিয়ে যাবার জন্য ট্রেন চালু হয়েছে। ইসলামাবাদ থেকে আরও সেনা মোতায়েন করা হয়েছে কোয়েটাতে। স্টেশন চত্বর সেনা জওয়ানে গিজগিজ করছে। স্টেশনে আর্মি চেকিংও চলছে। যাত্রীদের দাঁড় করিয়ে ব্যাগ চেক করা হচ্ছে।

মেজর কিছুক্ষণ দাঁড়িয়ে সেসব দেখে প্রসন্ন মনে ট্রেনে উঠল। দেশের ক্ষমতায় বসার পর মেজর জেনারেল জাফর সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। হুসেন সে ভিডিও দেখছিল।

ট্রেন ছাড়তে খাবার দিয়ে গেল। হুসেন খেতে খেতে জানলার বাইরে দেখল। রুক্ষ প্রান্তরের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এক পাশে ন্যাড়া পাহাড়। হুসেনের ফোনে মেসেজ এল। চারজনের ছবি পাঠানো হয়েছে হেডকোয়ার্টার থেকে। এরা র-এজেন্ট। দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবিগুলো ট্যাপ করে দেখছিল হুসেন, শেষ ছবিটা দেখেই সোজা হয়ে বসল। এই ছেলেটাই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সঙ্গে সঙ্গে সে হেডকোয়ার্টারে ফোন করল।

ওপ্রান্ত ফোন ধরে বলল, ‘বলুন হুসেন সাহেব, খুশি তো? চার-চারবার ছুটির অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবার পর আপনার ছুটি গ্র্যান্ট হয়েছে। ভাবিজি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন?’

হুসেন উত্তেজিত কণ্ঠে বলল, ‘খুশি? ধুর! খুশিটুশি ছাড়ুন, এই চারজনের যে ছবি পাঠানো হয়েছে, তার মধ্যে একজনের সঙ্গে আমার কিছুক্ষণ আগেই দেখা হয়েছে’।

ওপ্রান্তে নিস্তব্ধতা নেমে এল। হুসেন বলল, ‘হ্যালো! হ্যালো! শুনতে পাচ্ছেন?’

‘জি, শুনতে পাচ্ছি। শেষ ছবিটা যার, তার সঙ্গে দেখা হয়েছে আপনার?’

‘ইয়েস। এই ছেলেটার সঙ্গেই!’

‘আপনি কোয়েটায় গেছেন, অথচ এর কথা আপনাকে কেউ ব্রিফ করেনি?’

‘না। আমি কিচ্ছু জানতাম না। আমাকে কেউ কিছু বলেনি। কে এ?’

‘বাজ। কোথায় দেখা হয়েছে ওর সঙ্গে?’

‘কোয়েটা সাজাদ টি স্টলে’।

‘ঠিক আছে। আমি হাই অ্যালার্ট জারি করছি। আপনি চিন্তা করবেন না’।

‘চিন্তা করব না? আমি নেমে যাচ্ছি পরের স্টেশনে। আমার মাথা কাজ করছে না। ভীষণ রাগ হচ্ছে। একজন র এজেন্ট এত নিশ্চিন্তভাবে কোয়েটায় ঘুরে বেড়াচ্ছে? অসম্ভব!’

‘ও ওরকমই। ইচ্ছে করেই হয়তো আপনাকে দেখা দিয়েছে। এরপর খুঁজে পাবেন না। উত্তেজিত হবেন না অফিসার। ছুটি কাটিয়ে আসুন। আমরা সামলাচ্ছি’।

ফোন কেটে গেল। হুসেনের মাথায় আগুন জ্বলতে শুরু করেছে। এত হালকা নাকি ব্যাপারটা? সে ব্যাগ হাতে দরজার দিকে এগোল। ছুটির কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে…।

১০২

তুষার তার চেম্বারে দাবার বোর্ড নিয়ে চুপ করে বসেছিলেন। চিফ দরজা ঠেলে প্রবেশ করলেন, ‘সৈকত মেসেজ করেছে, বুঝলে?’

তুষার বললেন, ‘কী বলছে?’

চিফ তার ফোন তুষারের দিকে এগিয়ে দিলেন, মেসেজে লেখা, ‘কনগ্রাচুলেশনস স্যার, কোয়েটায় আমার নামে লুক আউট জারি হয়েছে। ফিলিং এক্সাইটেড!’

তুষার মেসেজটা দেখে হেসে ফেললেন।

চিফ রাগী গলায় বললেন, ‘তুমি হাসছ? বুঝতে পারছ ছেলেটার মাথায় কী ধরনের পোকা আছে?’

তুষার বললেন, ‘সৈকতের নামে কোয়েটায় এই প্রথম লুক আউট চালু হয়নি। আগেও হয়েছে। তুমি মাথা ঠান্ডা করো’।

চিফ বললেন, ‘হচ্ছে না। পাকিস্তানে হাই অ্যালার্ট জারি হয়েছে। খ্যাপা কুকুরের মতো র এজেন্ট খুঁজতে শুরু করেছে ওরা’।

তুষার বললেন, ‘আমাদের হিসেবে তো এটা ধরা ছিল। চিন্তা করছ কেন? আসিফ রেজার জন্য গ্রিন সিগনাল দেবার পরেই আমি জানতাম ওরা বুঝে যাবে। ইসলামাবাদ-মুজফফরাবাদ হাইওয়েও ওরা রেড অ্যালার্ট জারি করেছে’।

চিফ বললেন, ‘বাঃ! দারুণ ব্যাপার। এবার?’

তুষার বললেন, ‘আর কী! আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তুমি নিজেও তো কিছু বছর পাকিস্তানে ছিলে। টেনশন করছ কেন?’

চিফ উঠে দাঁড়িয়ে চেম্বারের দরজা খুলে বললেন, ‘আমাকে একটা জলের বোতল দাও প্লিজ’।

জলের বোতল চলে এল।

চিফ অনেকটা জল খেয়ে বললেন, ‘তুষার, আমার যত চিন্তা সৈকতের জন্য। ছেলেটা সব কিছুতে এমন বাড়াবাড়ি শুরু করে যে একটা সময় মনে হয় এবার বোধহয় আর বাঁচাতে পারব না’।

তুষার বললেন, ‘অকারণে চিন্তা করছ, এসো দাবা খেলি’।

চিফ বললেন, ‘তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কী করে?’

তুষার হেসে ফেললেন, ‘নিশ্চিন্ত না হলে তোমার মতো দশা হবে, তাই। আমি যখন ছোট ছিলাম, মাকে সব টেনশনের কথা বলে নিজে নিশ্চিন্ত থাকতাম। তুমি এখন আমায় মায়ের মতো হয়ে গেছ। তুমি টেনশন করবে, আমি নিশ্চিন্ত থাকব’।

চিফ বললেন, ‘রফিক আহমেদকে ওরা ছেড়ে দিয়েছে। এত কাঠখড় পোড়াল, আবার ছেড়েও দিল…’

তুষার বললেন, ‘শাহবাজকে কিন্তু ছাড়েনি। রফিক অনেক পুরোনো প্লেয়ার, ওকে বের করে নতুন কিছু খেলার প্ল্যান করছে। আসাদুরের মতো আর কাউকে প্ল্যান্ট করতে পারে’।

চিফ বললেন, ‘করতেই পারে। কিংবা আরও বড় কিছু ভাবতে পারে। এমন কিছু, যেটা আমরা কল্পনাও করতে পারছি না’।

তুষার দাবার বোর্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে তার প্রিয় জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। আকাশে মেঘ করে আছে। বললেন, ‘আমাদের দেশটা কোন কপাল করে পাকিস্তানকে প্রতিবেশী হিসেবে পেয়েছিল, তাই ভাবছি। একটা দেশ নিজের ভবিষ্যতের কথা ভাববে, আগামী প্রজন্মের কথা ভাববে, পরিকাঠামো উন্নয়নের কথা ভাববে। আর এরা কী করছে? শয়নে স্বপনে কীভাবে ভারতে সুইসাইড স্কোয়াড পাঠাবে, তা নিয়ে ভেবে যাচ্ছে। এরকম বিধ্বংসী ভাবনার দেশের অস্তিত্ব থাকাটাও আমাদের পক্ষে বিপজ্জনক। কারও যদি কিছু হারাবার না থাকে, তাহলে সে অল আউটে যাবেই। আমরা এই মিশনটা শুরু করেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। যাতে ভবিষ্যতে এরা কিছু করার আগে দশবার ভাবে। আমার মনে হয় আমাদের অল আউট যাওয়া উচিত এবার’।

চিফ বললেন, ‘তুমি এ কথা বলছ?’

তুষার বললেন, ‘হ্যাঁ, বলছি? তুমিও কি তাই চাইছ না?’

চিফ বললেন, ‘আমাদের অ্যাসেটদের নিরাপত্তা…’

তুষার বললেন, ‘নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। ওরা নিরাপদ থাকবে। ফয়সলাবাদ যদিও হবে না মনে হয়। রিজভি মেয়েদের ঝুঁকির মুখে ফেলতে চাইছেন না’।

চিফ বললেন, ‘হ্যাঁ, কিন্তু এই হাই অ্যালার্টের সময় ওদের বের করে না আনাই ভালো। রিজভিরা আপাতত কোয়ার্টারেই থাকুক’।

তুষার মাথা নাড়লেন, ‘হ্যাঁ, অপেক্ষা করা যাক’।

১০৩

ডাক্তার রিজভি সকালেই হাসপাতালে বেরিয়ে গেছেন। শরমিন রান্না করে শুয়ে ছিলেন। জাহিদা বলল, ‘সারাদিন এক জায়গায় আটকে থাকতে ভালো লাগে তোমার?’

শরমিন বললেন, ‘অভ্যাস করছি। ইসলামাবাদে অবশ্য উনি বেরোলেই আমি বেরিয়ে যেতাম। এদিক সেদিক ঘুরতাম। এখানে আর সে লাক্সারি কোথায়?’

জাহিদা চোখ নাচাল, ‘আমরা বেরোতে পারি না? হিজাব পরে ঘুরে এলাম, এমন হতে পারে না?’

শরমিন বললেন, ‘একবারেই না। প্রশ্নই ওঠে না। এই ঝুঁকি নেওয়া যাবে না’।

জাহিদা বলল, ‘তাহলে চলো, স্টোর রুমটা দেখি। ওটা খুলতে বারণ করেছিলেন না? দেখবে?’

শরমিন বিরক্ত গলায় বললেন, ‘বড় জ্বালাস তুই। চুপ করে শুয়ে থাক না। পড়ে পড়ে ঘুমো’।

জাহিদা হাল ছেড়ে দিল।

শরমিন কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লেন। জাহিদা ঘর থেকে বেরোল। ফ্রিজ খুলে একটা কাজুর প্যাকেট পাওয়া গেল। সেটাই বসে বসে খেল। টেবিলের উপর খবর কাগজ রাখা। সেটা নিয়ে পড়তে শুরু করল। জানলায় খুটখুট শব্দ হচ্ছে। জাহিদা চমকে উঠে জানলার কাছে গিয়ে দেখল, ওপাশে পাগল মতো লোকটা জানলায় উঁকি মারার চেষ্টা করছে। সে দৌড়ে শরমিনের কাছে গিয়ে শরমিনকে ঠেলে তুলল, ভীত গলায় বলল, ‘লোকটা আবার এসেছে, জানলায় উঁকি মারছে’।

শরমিন বললেন, ‘এ তো মহা অশান্তি হল। কিছু হবে না। শুয়ে পড়’।

জাহিদা বলল, ‘যদি কিছু দেখতে পায়?’

শরমিন বললেন, ‘ড্রয়িংরুমের জানলায় তো? চোরও হতে পারে। রান্নাঘরে ছুরি আছে। নিয়ে আয়’।

জাহিদা রান্নাঘর থেকে ছুরি নিয়ে এল।

বসার ঘরে খুটখুট আওয়াজ কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গিয়ে তাদের ঘরে শুরু হল। শরমিন গলা নামিয়ে বললেন, ‘এবার এদিকে ট্রাই নিচ্ছে। চল, রান্নাঘরে গিয়ে বসে থাকি। জানলা তো ভাঙতে পারবে না, কিন্তু আমাদের দেখলে সমস্যা আছে’।

জাহিদা ঘাড় নাড়ল। রান্নাঘরে গিয়ে দেখা গেল কাচের জানলা। শরমিন ঠোঁট কামড়ালেন। স্টোর রুমের চাবি রান্নাঘরেই আছে। কিন্তু রিজভি স্টোর রুমে খুলতে বারণ করেছিলেন।

ডাক্তারবাবুর ঘরেও জানলা আছে। শরমিন আর অপেক্ষা করলেন না। স্টোর রুমের দরজা খুলে দিলেন এবং আশ্বস্ত হলেন। এ ঘরে কোনও জানলা নেই। স্টোর রুমটা পরিষ্কার, দেওয়ালে সিমেন্টের তাকে দুটো ব্যাগ রাখা। শরমিন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, ‘এখানেই মেঝেতে বোস। ডাক্তারবাবু এলে দেখা যাবে’।

জাহিদা মেঝেয় বসে হতাশ মুখে বলল, ‘এই হল আমার কপাল। কোথায় ঘুরতে বেরোব ভাবছিলাম, এখন একটা বদ্ধ ঘরে বসে থাকো। ধুস’!

কিছুক্ষণ পর শরমিন মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়লেন। জাহিদা কান খাড়া করে বাইরে থেকে শব্দ পাবার চেষ্টা করল। কোনও শব্দ নেই। সে উঠে তাকের ব্যাগটা খুলে ফেলল। বেশ কয়েকটা ফটো অ্যালবাম আর খেলনা। ফটো অ্যালবাম খুলে সে চমকে উঠল। ডাক্তার রিজভির ছবি, ডাক্তারবাবুর সঙ্গে এক মহিলা আর ছোট একটা মেয়ের ছবিও আছে।

মন দিয়ে সব ছবি দেখে আবার ব্যাগ বন্ধ করে আগের জায়গায় রেখে দিল সে।

ডাক্তার রিজভির গাড়ি আসার শব্দ পেয়ে শরমিনকে তুলল সে। দু’জনে স্টোর রুম থেকে বেরোল।

রিজভি ঘরে ঢুকে স্টোর রুম খোলা দেখে বললেন, ‘আপনারা স্টোর রুম খুলেছিলেন?’

শরমিন বললেন, ‘হ্যাঁ। সব ঘরেই জানলা আছে স্টোর রুম ছাড়া। আগের দিনের লোকটা আবার এসেছিল’।

রিজভি বললেন, ‘মহা সমস্যা হল তো! আমি যখন থাকছি, তখন আসে না। ওকে পাগল ভাবাটা ঠিক না। সম্ভবত ও আপনাদের এখানে ঢুকতে দেখেছে’।

শরমিন বললেন, ‘তাহলে?’

রিজভি অস্বস্তির সঙ্গে বললেন, ‘ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। দেশেও এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাস্তায় বেরোলে চেকিং চলছে। আমাকেই ধরেছে যাওয়া আসার পথে। আই কার্ড দেখে তবে ছেড়েছে। আমি ছুটি নিয়ে ঘরে বসে থাকলেও তো হবে না’।

শরমিন বললেন, ‘তাহলে আপনি আমাকে ওদের সঙ্গে যোগাযোগ করতে দিন’।

রিজভি বললেন, ‘আমি কাল আবার ছুটি নিচ্ছি। আরেকটা দিন দেখি’।

জাহিদা হঠাৎ বলে উঠল, ‘বাচ্চাটা আপনার ছিল ডাক্তারবাবু?’

ডাক্তার রিজভির মুখ সাদা হয়ে গেল। বললেন, ‘হ্যাঁ। এই জন্যই আমি স্টোর রুমে ঢুকতে বারণ করেছিলাম’।

রিজভি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন।

শরমিন কোমরে হাত দিয়ে জাহিদাকে বললেন, ‘এটা কী হল?’

জাহিদা মুখ কাঁচুমাচু করে বলল, ‘ভুল হয়ে গেছে। বুঝতে পারিনি, এত রেগে যাবেন’!

১০৪

বহাওয়ালপুর। ফোয়ারা চকের কাছে তারা বাস থেকে নেমেছে।

নুসরত বাস থেকে নেমে কিছুক্ষণ চুপ করে দাঁড়াল। চোখ বন্ধ করে নিজের মনে মাথা নেড়ে বিড়বিড় করে চারদিকে দেখে বলল, ‘এই তো, নুরমহল প্যালেসের এই রাস্তাটাই। এসো’।

মিজান বলল, ‘আপনি বহাওয়ালপুর চেনেন? আগে এসেছেন?’

নুসরত ধমকাল, ‘কথা কম বলো। পুলিশ চেকিং আছে সামনে। হাঁটো’।

মিজান বলল, ‘জি জি। চলুন’।

নুসরত হাঁটতে শুরু করল।

শহরের ভেতরে ঘুপচি গলিটা দিয়ে দু’জনে যাচ্ছে।

প্রচণ্ড রোদের তেজ। গরমে তেতে রয়েছে চতুর্দিক।

নুসরতের এ শহরের অলিগলি মুখস্থ। সরু গলি, গলির একদিক দিয়ে ড্রেন চলে গেছে। দুপুরে লোকজন কম। পরপর চারটে গলি ছেড়ে পঞ্চম গলিতে ডান দিকের রাস্তা নিল সে। একটা সবুজ রঙের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় নক করল। এক বৃদ্ধ দরজা খুললেন। নুসরত বলল, ‘সিপাহী আমলে সম্রাট আকবর থাকলে কি তাজমহল তৈরি হতো?’

বৃদ্ধ চমকে নুসরতের দিকে তাকিয়ে দরজা ছেড়ে দিলেন।

নুসরত ঘরে প্রবেশ করতেই বৃদ্ধ দরজা বন্ধ করে উত্তেজিত কণ্ঠে বললেন, ‘আমার ধারণা ছিল, মৃত্যুর আগে এই কথাটা আর শুনবই না। আমি ভাবতে পারিনি এ কথা কেউ বলতে পারে! আপনাকে আমার কথা কে বলেছে?’

নুসরত বলল, ‘বিদূর স্যার বলেছিলেন। বলেছিলেন যখন সব দরজা বন্ধ হয়ে যাবে, তখন এক বুড়ো থাকবে তোমাকে সাহায্য করার জন্য’।

মিজানের এবার অবাক হবার পালা, ‘কিন্তু আপনি তো এই রাস্তায় আগে আসেননি? আমার তো মনে হচ্ছিল আপনি এই মহল্লাতে বহুদিন থেকে গেছেন’।

নুসরত শান্ত কণ্ঠে বলল, ‘ট্রেনিংয়ে বারবার দেখানো হয়েছিল। ভুলিনি’।

মিজান চোখ কপালে তুলল, ‘আমার ট্রেনিংয়ে তো হয়নি’!

নুসরত বলল, ‘ওই জন্যই তোমাকে আমার সঙ্গে পাঠিয়েছে’।

বৃদ্ধ বললেন, ‘তোমরা খেয়ে এসেছ?’

নুসরত বলল, ‘খেয়েছি। আপনি ওসব ভাববেন না’।

বৃদ্ধ বললেন, ‘তোমরা এখানে এসেছ কেন? লুকিয়ে থাকার ইচ্ছে আছে, না অন্য কোনও মতলব আছে?’

নুসরত একটু চুপ করে থেকে বলল, ‘ইউসুফ আজহারকে মারতে এসেছি’।

বৃদ্ধ মাথা নাড়লেন, ‘খোঁজ খবর রেখেছ দেখে ভালো লাগল। ইউসুফ মুলতানে থাকলেও ওর আসল কাজ এখানেই হয়। শহরের কাছেই ওর বিরাট সম্পত্তি। তবে সমস্যা একটাই, ওর এখানে আসার কোনও ঠিক থাকে না। ওর খোঁজটা কে দিল?’

নুসরত বলল, ‘দৌলতের ফোন থেকে পেয়েছি। এখানকার বেশ কিছু ছবি ওর ফোনে পাওয়া গেছে। ইউসুফ কখন এখানে আসে, কীভাবে জানা যায়?’

বৃদ্ধ বললেন, ‘আমি তো বসে গেছিলাম। আবার বেরোতে হবে, তাহলে। এ বাড়িতে আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল। জানি না, কী অবস্থায় আছে’।

নুসরত বলল, ‘ওসব নিয়ে আপনি ভাববেন না। আমি ব্যবস্থা করে নেব। ইউসুফের সম্পর্কে যা যা জানা সম্ভব, সব আপনি আমাকে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার এখানে কে কে আসে?’

বৃদ্ধ বললেন, ‘মহল্লার বুড়োরা। বিকেলের দিকে আসে। গল্পগুজব হয়। সারাদিনে ওই একবার। আমি মোড়ের মাথা থেকে খাবার আনিয়ে খাই’।

নুসরত কিছু একটা ভেবে বলল, ‘লুকিয়ে থাকা সম্ভব না। আমাদের বেরোতে হবেই। অন্য কিছু বলতে হবে’।

বৃদ্ধ বললেন, ‘আমার মেয়েকে ওরা কেউ দেখেনি। লাহোরে থাকার সময় আমার মেয়ের বিয়ে হয়ে যায়’।

নুসরত বলল, ‘আইডি?’

বৃদ্ধ বললেন, ‘হয়ে যাবে। বহাওয়ালপুরে ওদের নজরদারি কম আছে। ক্যামেরা নেই বললেই চলে। ইউসুফের মুক্তাঞ্চল এখানে। এত ভালো ঐতিহাসিক শহরটা এখন জঙ্গিদের দখলেই চলে গেছে। আর্মির ভয় অত নেই। কিন্তু তুমি অপারেশনটা…’

নুসরত বলল, ‘এই যে মিজানকে দেখছেন আপনি, মিজান প্রতি জুম্মাবার ইউসুফের পিছু নিত মুলতানে। মুলতানে ও কোথায় যায়, কীভাবে থাকে, সব খোঁজ নিয়েছে। তারপর আমাদের কাছে খবর এল ইউসুফ মিডল ইস্টে উটের লড়াই দেখতে যায়। সেখানে ইউসুফের টিকি ছুঁতে পারবে না কেউ। ভেবে দেখলে ইউসুফ আজহার আমাদের সবথেকে কঠিন টার্গেটগুলোর মধ্যে একটা। এবার আমাদের জেদ চেপে গেছে। ইউসুফকে আমরা ছাড়ব না’।

বৃদ্ধ বললেন, ‘আল্লাহ ভরসা, তোমরা পারবেই। উনি এই ধরনের মনুষ্যেতর প্রাণীর পাশে থাকবেন না, আমি জানি। আমরা জিতবই ইনশাল্লাহ’।

মিজান বলল, ‘মুলতানে ইউসুফ কখনও একা বেরোয় না, দুটো গাড়িতে থাকে। এখানেও কি সেরকম নিরাপত্তা আছে ওর?’

বৃদ্ধ বললেন, ‘বহাওয়ালপুরের মাদ্রাসা ওর এলাকা। বাউন্ডারির ভেতরে থাকলে ও সকালে একা হাঁটতে বেরোয়। মরুভূমির মধ্যে অনেকটা এলাকা ওর দখলের মধ্যে আছে। কিন্তু ওখান থেকে বেরোনো…’

নুসরত মিজানের দিকে তাকাল। মিজান হাসল শুধু। কিছু বলল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *