৫
বিকেলবেলা।
দিল্লি এয়ারপোর্ট। মাথুর অপেক্ষা করছিলেন। এক হাতে একটা বার্গার। আরেক হাতে একটা প্যাকেট।
গেট থেকে আশরফ খানকে বেরোতে দেখেই চিৎকার করে উঠলেন, ‘এদিকে, এদিকে’।
খান এগিয়ে এসে বললেন, ‘এসে গেছ? যাক। একা একা বার্গার খাচ্ছ?’
মাথুর হাতের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললেন, ‘তোমার জন্যও এনেছি’।
খান প্যাকেটটা নিয়ে বললেন, ‘সিরিয়াসলি মাথুর, তোমার এত অবনতি কল্পনা করতে পারিনি। তুমি কিনা এসব বার্গার নিয়ে দেখা করতে এসেছ!’
মাথুর জিভ কাটলেন, ‘ঠিকই। চলো, চাঁদনি চকের কাবাব খেয়ে ঘরে ফিরবে’।
খান মাথুরের কাঁধে চাপড় মেরে বললেন, ‘রাইট। অ্যাদ্দিনে একটা ভালো কথা বললে। চলো’।
পার্কিং-এ গিয়ে ড্রাইভিং সিটে বসে মাথুর গাড়ি স্টার্ট দিয়ে বললেন, ‘তাহলে? তেহেরান থেকে ছুটি মিলল?’
খান বললেন, ‘হ্যাঁ। তুষার স্যার বললেন শিগগির ফেরো, অনেক কাজ আছে। আমি কি আর এরপরে ওখানে বেশিদিন থাকতে পারি? জোগাড় যন্তর করে তাড়াতাড়ি চলে এলাম। নইলে আরও দু’মাস থাকার কথা ছিল’।
মাথুর বললেন, ‘আই এস আই তোমাকে তেহেরানে শান্তিতে থাকতে দেয়নি, তাই না?’
খান বললেন, ‘আই এস আই কোথায় আমাদের শান্তিতে থাকতে দেয় মাথুর?’
এয়ারপোর্ট থেকে বেরোতেই জ্যাম শুরু হল। মাথুর বললেন, ‘তা ঠিক। এরা কুকুরের লেজ। কোনওদিন সোজা হবে না’।
খান বললেন, ‘হুঁ। তবে একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে’।
মাথুর বললেন, ‘কী?’
‘রাইফেলের একটা ছেলে এসেছিল দেখা করতে’।
মাথুর বিস্মিত হলেন, ‘রাইফেল? মানে সিক্রেট সোসাইটি? অ্যান্টি আইসিস ক্যাম্পেন করে যারা?’
খান বললেন, ‘ইয়েস। অ্যান্ড বিলিভ মি, দে আর গুড। খোঁজ নিয়ে জানলাম রাইফেল বিশ্বশান্তির জন্য কাজ করে চলেছে। ওদের সোসাইটি কিন্তু বাড়ছে। বিশ্বে যারা শান্তি চায়, তারা এই ধরনের সন্ত্রাসবাদের বিরোধী সংগঠনের উপর অনেক ভরসা করে আছে। একদিন নিশ্চয়ই সব লড়াই শেষ হবে মাথুর। সেদিন আমরা থাকব না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একটা নিশ্চিন্ত ভোর দেখবে’।
মাথুর বললেন, ‘যা বলেছ। সাধারণ মানুষের জানার কথা না, আমরা জানি, প্রতি মুহূর্তে কত শত থ্রেট প্রতিহত করে আমাদের এগিয়ে যেতে হয়। আজকে সকালেও মীরাট থেকে একটা আই এস আই এজেন্টকে ধরা হয়েছে। নাম ভাঁড়িয়ে থাকছিল’।
খান জানলার বাইরে তাকালেন। অনেকদিন পর দেশে ফিরলে দেশের জ্যামও ভালো লাগে। বললেন, ‘এত বড় দেশ। লুকিয়ে থাকবে সেটা জানা কথা, এদের বের করাটাই আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ। ধর্মের চশমা পরিয়ে সব কিছু শেষ করে দেওয়াই এদের লক্ষ্য। অথচ যে দেশগুলো ইতিমধ্যে উন্নতি করে ফেলেছে, তারা কিন্তু কেউ আর সন্ত্রাসবাদের পথে হাঁটে না। শুধু খিদে থেকে তৈরি হওয়া দুর্নীতি সব শেষ করে দিচ্ছে’।
মাথুর বললেন, ‘তুষার স্যারকে ডাকবে নাকি? অনেকদিন পরে একসঙ্গে তিনজনে কাবাব খাওয়া যাবে’।
খান খুশি হলেন, ‘এখনই ডাকছি’।
ফোন করলেন তুষারকে। খানের প্রস্তাব শুনেই তুষার রাজি হয়ে গেলেন, ‘অপেক্ষা করো। আমার আসার আগে দু’জনে সব শেষ করে দেবে না’।
খান হাসতে হাসতে বললেন, ‘শিওর স্যার। আসুন’।
ফোন রেখে বললেন, ‘স্যার আসছেন’।
মাথুর বললেন, ‘গুড। এটাই দরকার ছিল’।
খান বললেন, ‘ভালো গান চালাও। না না, এক কাজ করো, এফ এম চালাও’।
মাথুর এফ এম চালিয়ে বললেন, ‘ভাবীর জন্য কী এনেছ?’
খান বললেন, ‘নিজেকে বাঁচিয়ে নিয়ে এসেছি, এই অনেক’।
মাথুর বললেন, ‘তাহলে তোমার কপালে দুঃখ আছে। কিছুই আনোনি? কিছু তো আনা উচিত ছিল খান। কবে তুমি মানুষ হবে বলো তো?’
খান বললেন, ‘ওই চাঁদনি চক থেকেই কিছু একটা কিনে তেহেরানের বলে চালিয়ে দেব’।
মাথুর বললেন, ‘টিপিকাল ইন্ডিয়ান মিডল ক্লাস। কিছু বলার নেই’।
লতা মঙ্গেশকরের ‘লগ যা গলে’ শুরু হয়েছে এফ এমে। খান মন দিয়ে শুনতে লাগলেন।
.
খানকে দেখেই তুষার জড়িয়ে ধরলেন। খান বললেন, ‘স্যার, সব ঠিক আছে?’
তুষার বললেন, ‘আগে খাওয়া যাক। তারপর ঠিক ভুল দেখা যাবে’।
মাথুর বললেন, ‘ইয়েস স্যার। আমার তো এখনই দুপুরের খাবার হজম হয়ে গেছে বলে মনে হচ্ছে’।
দু’তিন রকমের কাবাব অর্ডার করে বসলেন তিনজনে।
তুষার চারদিকে তাকিয়ে গলা নামিয়ে বললেন, ‘বড় শেয়াল আজকাল খুব সক্রিয় হয়ে উঠেছে’।
খান বললেন, ‘আমি শুনেছি। আমার কাছে একটা জিনিস এসেছে স্যার’। পকেট থেকে ছোট একটা নোটবুক বের করে খান এগিয়ে দিলেন তুষারের দিকে।
তুষার নোটবুকটা বুক পকেটে চালান করে দিয়ে বললেন, ‘পরে দেখছি’।
কাবাব এসে গেছিল। তুষার বললেন, ‘আপাতত কাবাবে কনসেনট্রেট করা যাক। মাথুর, বাবা সামলে সামলে। কোনও তাড়া নেই’।
মাথুর আগেই প্লেটের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। মাথুরকে দেখে খান আর তুষার হাসতে শুরু করলেন।
খেয়ে দেয়ে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে তুষার বললেন, ‘আমাদের হাতে একবারেই সময় নেই। মাথুর, তুমি গাড়ি নিয়ে আমার গাড়িকে ফলো করো। খান আমার সঙ্গে চলো, গাড়িতেই তোমাকে ব্রিফ করে দিচ্ছি’।
খান বললেন, ‘শিওর স্যার’।
মাথুর বললেন, ‘স্যার একটা কোল্ড ড্রিঙ্ক’…
তুষার বললেন, ‘তোমরা খাও। আমার লিভারকে আমি আজ আর কোনও চাপ দেব না’।
মাথুর বললেন, ‘কী যে বলেন স্যার! আমাদের থেকে আপনি অনেক বেশি ফিট’।
তুষার বললেন, ‘তা ঠিক। চলো এগোনো যাক’।
৬
লাহোর।
বিছানায় শুয়ে আছেন মাহি। মাথা ধরে আছে। অনেকক্ষণ কেঁদেছেন। বমি হয়েছে।
ফোন বন্ধ করে রাখতে হয়েছে। সকাল থেকে একটার পর একটা হুমকি ফোন আসা শুরু হয়েছিল। আমান জানিয়েছে কিছুক্ষণ পরে গাড়ি আসবে। তাকে সেফ হাউজে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
দরজায় নক হল। মাহি উঠে দরজা খুলে দেখলেন তার চাচাতো ভাই সাদাব দাঁড়িয়ে আছে। তিনি রেগে দরজা বন্ধ করতে গেলেন, সাদাব জোর করে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে বলল, ‘মাহি, আমার কথা শোন’।
মাহির শরীর দুর্বল হলেও ভীষণ রাগ হচ্ছিল। বললেন, ‘কী কথা শুনব? আমার জীবনটা শেষ করে দিয়ে এখন সহানুভূতি জানাতে এসেছ? একটা প্রমিসিং কেরিয়র ছিল আমার। সব শেষ হয়ে গেল’।
সাদাব মাহিকে জড়িয়ে ধরতে গেল। মাহি ছিটকে গেলেন, ‘যাও। আমি আগেও বলেছি তোমার সঙ্গে আমার কোনও সম্পর্ক হতে পারে না। জোর করে কাছে আসার চেষ্টা করবে না’।
সাদাব বিফল আক্রোশে খাটে একটা লাথি মেরে বলল, ‘ঠিক আছে, নিজের কবর তুই নিজেই খুঁড়েছিস। আমার বউ হয়ে থাকলে তোর দিকে কেউ নজর দিত না। তোর উচ্চাকাঙ্ক্ষা তোর পতনের কারণ হবে। দ্যাখ তোর জীবনটা কোন জাহান্নামে যায় এবার’।
মাহি চিৎকার করলেন, ‘বেরোও! জাস্ট গেট লস্ট’।
সাদাব বেরোল না। খাটে বসে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে বলল, ‘ভালো করে ঘরদোর দেখে নে। এরপরে তো আর বাকি জীবনটা এ দেশে থাকা হবে না তোর। এর মধ্যেই তোর ইন্টারভিউ ভাইরাল হয়ে গেছে। গোটা দেশের লোক ছি ছি করছে’।
মাহি বললেন, ‘কত টাকায় ঘরের সম্মান বেচলি তুই?’
সাদাব ফিক ফিক করে হাসতে হাসতে বলল, ‘ঘরের সম্মান? তোর সম্মান বেড়ে যাবে এবার। দেশের কাজ করছিস। দেশের কাজে কত সম্মান জানিস? তুই মরার পর যখন পাকিস্তানের লোক জানবে আসলে তুই দেশের জন্য নিজের জীবন কুরবান দিয়েছিস, তখন তোর কত সম্মান বেড়ে যাবে’।
কলিং বেল বেজে উঠল। সাদাব বলল, ‘আমান এসে গেছে। আলবিদা মাহি। তোকে আমরা মনে রাখব। তোর আব্বু আম্মি বেঁচে থাকলে গর্বে তাদের মাথা উঁচু হয়ে যেত’।
মাহি উত্তর দিলেন না।
সাদাব উঠে বেরিয়ে গেল। মিনিট খানেক পরে আমান এসে বলল, ‘চলুন ম্যাডাম। এই তো, বোরখা তৈরিই আছে। আর চিন্তার কিছু নেই। আজ থেকে আপনার মিশন শুরু হচ্ছে’।
মাহি বললেন, ‘কীসের মিশন?’
আমান হেসে উঠল, ‘সব আজকেই জেনে যাবেন’?
মাহি বললেন, ‘আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না’।
আমান বলল, ‘আমার কোনও সমস্যা নেই। আপনি এখানে থাকতেই পারেন। তবে পাবলিক আপনাকে ছেড়ে দেবে না। ওরা এর মধ্যেই আপনাকে দেশের শত্রু বলে ডাকতে শুরু করে দিয়েছে। এই দেখুন, জিন্না রোড থেকে একটা মিছিল আপনার বাড়ির দিকে আসতে শুরু করেছে। শাহ রোডের মিছিলটা একটু দেরিতে আসবে, কিন্তু ওদের মতিগতি সুবিধার ঠেকছে না। ওরা মুখে কালি লাগিয়ে দেয়, তালিবানের মতো পাথর ছুড়তে শুরু করে! যদিও পাকিস্তান সরকার আপনার নিরাপত্তার দিকটা দেখবে বলেছে, কিন্তু এই পাগল মবকে কীভাবে সামলাবে, তা আমি জানি না। দেখুন না, এই তো’।
মাহি ফোনটা খাটের উপর ছুড়ে ফেলে বললেন, ‘আপনারা আমার জীবন শেষ করে ফেললেন। আল্লাহ আপনাদের কোনওদিন মাফ করবে না’।
আমান ফোনটা খাট থেকে তুলে বলল, ‘আল্লাহ জানেন আমরা দেশকে রক্ষা করছি। তিনি শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন। শুধু আপনি আপনার সময় নষ্ট করে চলেছেন। চলুন, এরপরে আর বেরোতে পারবেন না’।
বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসতে শুরু করল। মাহি চমকে উঠলেন।
আমান মাহির হাত শক্ত করে ধরে কড়া গলায় বললেন, ‘চল। অনেক ভদ্রতা করেছি। চল ওঠ’।
মাহি কেঁপে উঠলেন। তাকে টানতে টানতে পেছনের দরজা দিয়ে গাড়িতে তুলল আমান।
৭
‘পাকিস্তানে নারী স্বাধীনতা বলে কিছু নেই। তবে শুধু পাকিস্তান নয়। এই ধরনের ধর্মপ্রধান দেশগুলোর সব ক’টাতেই একই অবস্থা। আপনারা নব্বই দশকের আফগানিস্তানের শাসন দেখে ভয় পেতেন? তাহলে পাকিস্তানের গ্রামে গ্রামে গেলে কী করবেন? বাল্যবিবাহ থেকে শুরু করে সব আছে এখানে। আমার মাঝে মাঝে লজ্জা হয়, কেন আমি এদেশে পড়ে আছি? ইন্ডিয়া সব দিক থেকে পাকিস্তানের থেকে এগিয়ে আছে। আমি শুধু ভাবি আমরা কবে ইন্ডিয়ার মতো হতে পারব। স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া শুধু এগিয়ে গেছে। পাকিস্তান পিছিয়ে গেছে। এখন যা অবস্থা, তাতে পাকিস্তান যে কোনও মুহূর্তে তলিয়ে যাবে। শুধু ধর্ম আর ধর্মের নামে সন্ত্রাসবাদ। আমার আর এ দেশে থাকতে ভালো লাগে না’।
ফোনে মাহির ইন্টারভিউ দেখছিলেন খান। খবরে দেখাচ্ছে পাকিস্তানে মাহির বিরুদ্ধে জনগণ ভীষণ খেপে উঠেছে। তার নামে পরোয়ানা বেরিয়েছে। উপায় না দেখে মাহিকে গা ঢাকা দিতে হয়েছে।
তুষার আশরফের ঘরে ঢুকতেই আশরফ বললেন, ‘আই এস আইয়ের যে কী হয়েছে স্যার! ওরা এখন পুরোনো স্ট্র্যাটেজি ইউজ করা শুরু করেছে’।
তুষার বললেন, ‘কেন? কী হয়েছে?’
তুষারের দিকে তার ফোনটা এগিয়ে দিলেন খান। ভিডিওটা দেখে তুষার হাসলেন, চেয়ারে বসে বললেন, ‘সত্যি ওল্ড স্ট্র্যাটেজি। দে নিড টু আপগ্রেড’।
খান বললেন, ‘আমেরিকা ওদের আর কত টাকা দেবে স্যার? এবার অন্তত ভিক্ষাটা বন্ধ করে বুদ্ধিটা নিক!’
তুষার মাথা নাড়লেন, ‘আমেরিকা একা নেই। চিনও আছে। দু’পক্ষই আছে। আমেরিকা জানে ওসামা পাকিস্তানে ছিল। তারা এও জানে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন বিশ্বের জন্য কত ক্ষতিকর, তবু ওরা ওদের পেছনে থাকবে। ইন্ডিয়ান ইকোনমির নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা আমেরিকাসহ পশ্চিমী দেশগুলো ভালো চোখে দেখছে না। পাকিস্তান ওদের মতো করে চেষ্টা করেই যাবে আর এরা ওদের কিছুই বলবে না’।
খান বললেন, ‘স্যার, যা বুঝতে পারছি, আই এস আই চাইছে মাহি আবার ইন্ডিয়ায় আসুক। যদি এরকম কোনও পরিস্থিতি অদূর ভবিষ্যতে তৈরি হয়…’
‘তবে আসতে দেব। আশ্রয় দেব আমরা’। খানের কথা শেষ হবার আগেই বলে উঠলেন তুষার।
খান বললেন, ‘আমারও তাই মনে হয়’।
তুষারের ফোন বেজে উঠল। তুষার ফোন তুলে বললেন, ‘হ্যাঁ… ওকে… ওকে’।
ফোন রেখে তুষার বললেন, ‘মিনিস্ট্রি থেকেও ফোন এসে গেল মাহি বালোচের ব্যাপারে খবর নেবার জন্য। বলা হচ্ছে মাহি যেহেতু বালোচ…’ হেসে ফেললেন
তুষার।
খান বললেন, ‘হ্যাঁ, এটা ওর নাম দেখেই আমার মাথায় এসেছিল। আই এস আই ফাঁদ পেতেছে। একে বিখ্যাত অভিনেত্রী, তার উপরে বালোচ। আপনি বলুন স্যার, কী রিপোর্ট বানাতে হবে?’
তুষার বললেন, ‘একটু ভেবে নিয়ে বলছি। স্পর্শকাতর ব্যাপার। একবার মনে হচ্ছে এখানে আশ্রয় দিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, পরক্ষণেই মনে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে নতুন কীই বা জানা যাবে? ওরা ওকে কিছুই জানাবে না। অবশ্য মাহি কোনও বালোচ বিদ্রোহীর আত্মীয় নাকি, সেটাও দেখা দরকার’।
মাথুর ঢুকলেন। তুষারকে দেখে বললেন, ‘ও স্যার, আপনি এখানে? আমি আপনার চেম্বারেই গেছিলাম। একটা মেইল এসেছে’। প্রিন্ট আউটটা তুষারের দিকে এগিয়ে দিলেন মাথুর।
তুষার বললেন, ‘ওহো! তোমাকে বলেছি না গো গ্রিন। প্রিন্ট নিলে কেন?’
মাথুর বললেন, ‘হ্যাঁ স্যার, মনে আছে। কিন্তু মেইলে একটা ছবি এসেছে বলেই প্রিন্ট নিলাম। দেখুন’।
তুষার কাগজটা দেখলেন। পাঁচটা ডট পাঁচ জায়গায় আছে। তুষার একটু মন দিয়ে দেখে বললেন, ‘আলফা থ্রি থেকে এসেছে, তাই তো?’
মাথুর বললেন, ‘হ্যাঁ স্যার। আলফা থ্রি’।
তুষার বললেন, ‘লাহোর, মুজফফরাবাদ, ফয়সলাবাদ, ইসলামাবাদ, করাচি? এই পাঁচটা জায়গার কথা উল্লেখ করেছে কি? পাঁচটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, দেখি’।
তুষার কাগজটা টেবিলে রেখে বেশ কিছুক্ষণ চুপ করে দেখে বললেন, ‘না, এটা পাঁচটা শহরের নাম না। এটা অন্য কিছু’।
খান বললেন, ‘লঞ্চ প্যাড?’
তুষার গম্ভীর মুখে মাথা নাড়লেন, ‘ওরা আবার নড়চড় শুরু করেছে। আবার… খান, আল মাসুদের দায়িত্ব তোমার। ও কোথায় আছে, কী করছে বের করো। আর দেরি করা যাবে না’।
মাথুর বললেন, ‘আল মাসুদ? ওর শেষ দু’বছর কোনও অ্যাক্টিভিটি নেই স্যার’।
তুষার বললেন, ‘অ্যাক্টিভিটি না থাকাটাই সব থেকে বেশি চিন্তার ব্যাপার। একটা সময় খান আমার কাছে পারমিশন চেয়েছিল, আমি দিইনি, এখন দিচ্ছি। ফাইন্ড হিম! উই নিড টু এলিমিনেট হিম’।
খান বললেন, ‘ও ফয়সলাবাদেই থাকবে। আমার একটা দিন লাগবে স্যার। আমি বের করে দেব’।
তুষার বললেন, ‘দু’দিন দিলাম। ফাইন্ড হিম’।
৮
ছোট একটা ঘরে আটকে রাখা হয়েছে তাকে। মাঝে মাঝে দরজা খুলে খাবার দিয়ে যায়। মাহি বুঝে উঠতে পারছেন না, আমান তার থেকে কী চাইছে। জিগ্যেস করলে একই কথা, ‘সময় কাটান। সময় আসবে’।
ফোন নিয়ে নেওয়া হয়েছে। সারাদিন শুয়ে বসে সময় কাটছে। প্রথম প্রথম টিভিতে তার সম্পর্কিত খবর দেখানো হতো। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। তেমন কিছুই দেখানো হয় না। তিনি যে সিরিয়ালে ছিলেন, তার পরিবর্তে নতুন একজন অভিনেত্রীকে নেওয়া হয়েছে। পৃথিবী কারও জন্য থেমে থাকে না, মাহি এখান থেকেই স্পষ্ট বুঝতে পারেন প্রতিদিন।
কাঁদতে কাঁদতেও থেমে গেছেন মাহি। কাচের জানলার ওপাশে আরব সাগর দেখতে পাওয়া যায়। চুপ করে বসে সারাদিন সেদিকেই তাকিয়ে থাকেন।
দরজায় নক করে দরজা খুলে ঘরে ঢুকল আমান। তাকে ভালো করে দেখে বলে, ‘কী কী কসমেটিকস লাগবে, লিখে দেবেন। আমি নিয়ে আসব। নিজেকে ঠিক রাখবেন। আপনার চেহারা যেন খারাপ না হয়। সময় আসছে। তৈরি থাকুন’।
মাহি উত্তর দেন না। চুপ করে থাকেন। আমানের সঙ্গে ঝগড়া করা অর্থহীন মনে হয়। একদিন শুধু জিগ্যেস করেছিলেন, ‘কবে সময় আসবে? আমি এভাবে চুপ করে বসে থেকে থেকে আর পারছি না। আমাকে মুক্তি দিন’।
আমান হেসে বলেছিল, ‘আই এস আই চাইলে গুলি করে আপনাকে মুক্ত করে দিতে পারে। আপনি কি সেই মুক্তি চাইছেন? চাইলে বলুন, ব্যবস্থা করে দেব’।
মাহি ভয় পেয়েছিলেন। মরবেন? এত সহজে মরে যাবেন? সেই ছোটবেলা থেকে বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে ললিউডে অভিনয় করতে যাওয়া। ধীরে ধীরে প্রতিষ্ঠা পাওয়া। প্রতিভার বিচ্ছুরণ এতটাই ছড়িয়েছিল যে একদিন তার স্বপ্নের নায়কের ফোন এল মুম্বই থেকে। মাহির হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল। সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাকে। মুম্বই গিয়ে অভিনয় করলেন। সে সিনেমা সুপারহিট হল।
দেশে ফেরার পরে একটার পর একটা কাজ আসতে লাগল। একদিনে কিছুই হয়নি। কত সংগ্রাম, দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়া। পাকিস্তান তো আর ইন্ডিয়া না। যারা অভিনয় করে, তাদের তার দেশের লোক ভীষণ নিচু নজরে দেখে।
নিচু নজরে দেখে বলেই হয়তো আমানদের একবারও ভাবতে হয়নি। তাকে অটোমেটিক চয়েস করে নিয়েছে ওরা। তবুও সে মরবে না। লড়াই করবে। বেঁচে থাকাটা খুব বড় একটা লড়াই। শেষ দিন অবধি দেখে যাবে সে।
সাত দিনের মাথায় একদিন সকালে ঘরে ঢুকল আমান। সোফায় বসে বলল, ‘র চালাক হয়ে গেছে। আপনার স্টোরিটা খাচ্ছে না। কী করা যায়?’
মাহি বললেন, ‘আমি কী করে জানব, কী করা যায়? আপনি বলুন কী করা যায়!’
আমান হাসল, ‘একটা অ্যাপোলোজি লেটার পাবলিশ করতে হবে আপনার পেজ থেকে। আর একটা ভিডিও। যেটা বলতে চেয়েছিলেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। আপনি তাও দেশের নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিতে চান। পাকিস্তান পৃথিবীর সেরা দেশ ছিল, আছে, থাকবে’।
মাহি বললেন, ‘আর আমার কাজ যেগুলো চলে গেছিল? সেগুলো?’
আমান বলল, ‘নতুন কাজ পাবেন। চিন্তার কী আছে? ভ্লগ করতে পারেন, নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারেন। আপনি সেলিব্রিটি, কাজের অভাব হবে না। ছ’মাস পর বলিউডে ডাক পাবেন’।
মাহি মাথা নাড়লেন, ‘বুঝেছি। ওটাই আপনাদের লক্ষ্য ছিল, তাই তো?’
আমান বলল, ‘পাকিস্তান আপনার শুভাকাঙ্ক্ষী মাহি।
আপনি আমাদের কথা শুনবেন, আমরা আপনার কথা শুনব’।
মাহি বললেন, ‘বেশ তো, আমাকে তবে লাহোরে নিয়ে চলুন’।
আমান বলল, ‘আপনি অ্যাপোলজি ভিডিওটা বানান। আমি স্ক্রিপ্ট দিচ্ছি, পড়ে তৈরি হয়ে নিন। ভিডিওটা দুপুরে করা হবে’।
মাহি রাজি হলেন। বাড়ি ফেরার তর সইছিল না তার।
দুপুর নাগাদ ভিডিও শ্যুটও করলেন। সন্ধের সময় আমান এসে শুকনো মুখে বলল, ‘টিভি দেখেছেন?’
মাহি মাথা নাড়লেন, ‘না’।
আমান টিভি চালিয়ে দিল। তার বাড়ি ভাংচুরের খবর দেখাচ্ছে। আমান বলল, ‘আপনাকে এখানেই আরও কিছুদিন থাকতে হবে। ভিডিওটা করে লাভ হয়নি। জনগণের ধারণা, আপনি লাহোরে নিজের বাড়িতেই লুকিয়ে আছেন। মীরান বালোচ যে আপনার আত্মীয়, সেটাও কোনওভাবে বাইরে বেরিয়ে গেছে। কী যে হবে, কিছুই বোঝা যাচ্ছে না’।
মাহি বললেন, ‘কী চাইছেন আপনারা? এটা ইচ্ছে করেই করা হয়েছিল, তাই না?’
আমান ফিক ফিক করে হাসতে হাসতে বেরিয়ে গেল।
৯
দিল্লি।
রাত এগারোটা।
তুষার তার লাইব্রেরিতে ইজি চেয়ারে শুয়ে গান শুনছেন। জগজিৎ সিংয়ের গজল চলছে।
ইরাবতী ঘরে ঢুকে বললেন, ‘ডিনার করার ইচ্ছে নেই আজ?’
তুষার ঘড়ি দেখে বললেন, ‘কফি খেতে ইচ্ছে করছে’।
ইরাবতী জোরে জোরে মাথা নাড়লেন, ‘এক্কেবারে না। ডাক্তারবাবু তোমাকে কফি খেতে বারণ করে দিয়েছেন। এসব বায়না করবে না’।
তুষার বললেন, ‘প্লিজ’।
ইরাবতী ভ্রু কুঁচকালেন, ‘কী ব্যাপার বলো তো? রাত জাগার প্ল্যান আছে?’
তুষার বললেন, ‘ইয়েস’।
ইরাবতী শ্বাস ছাড়লেন, ‘জানি না, কী হবে তোমার! রিটায়ারমেন্টের বয়সে রাত জেগে থাকছ’।
তুষার বললেন, ‘এভাবেই আমি বেঁচে থাকব ইরা। যেদিন অবসর নেব, দেখবে পরের দিন উপরে চলে গেছি। কাজটা আমাকে অক্সিজেন দেয়’।
ইরাবতী বললেন, ‘কেউ কি আসবে? আমার মনে হচ্ছে রাতে কারও আসার কথা আছে’।
তুষার হাসলেন, ‘দেখা যাক’।
ইরাবতী কাঁধ ঝাঁকিয়ে কফি বসাতে গেলেন। তুষার চোখ বুজলেন। কোনও কোনও ফোন বোধহয় টেলিপ্যাথি থেকেও চলে আসে। এখন যেমন এল। গানের সঙ্গে সঙ্গেই বেজে উঠল।
গান পজ করে তুষার ফোন ধরলেন, ‘ইয়েস’।
‘হোটো সে ছুঁ লো তুম…’
তুষারের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, ‘বলো’।
‘উত্তরে বাজার যাচ্ছে’।
তুষার সোজা হয়ে বসলেন, ‘আবার?’
‘হ্যাঁ। দক্ষিণের বাজারে খাবারের দাম সস্তা হলেও ভয়টা উত্তরের দাম বেড়ে যাওয়াতেই’।
‘তাহলে দক্ষিণে দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় দেখছি না’।
‘হ্যাঁ। আপনারা তো এখন আর খাবার আনাবেন না। নিজেরাই রান্না করতে চাইছেন’।
‘তাও ঠিক। বাইরের হোটেল থেকে খাবার আনালে অনেক টাকা ডেলিভারি চার্জ পড়ে যায়’।
‘গুড নাইট। এলাকায় কয়েকটা কুকুর আছে। ফিরতে সমস্যা হবে’।
‘গুড নাইট। টেক কেয়ার’।
ওপাশে ফোন কেটে গেল।
তুষার আবার গান শুনতে শুরু করলেন। ইরাবতী কফি নিয়ে ঘরে ঢুকলেন, ‘নাও। তবে খেয়ে নিলে ভালো করতে’।
তুষার বললেন, ‘তুমি টেবিলে খাবার রেখে ঘুমিয়ে পড়ো। আমি ঠিক খেয়ে নেব’।
ইরাবতী বললেন, ‘আবার?’
তুষার মাথা নাড়লেন। ইরাবতী চলে গেলেন। তুষার চোখ বুজলেন। বেশ কয়েকটা অঙ্ক মাথায় ঘুরছে, কোনও কোনওটার উত্তর এখনও সলভ করা হয়ে ওঠেনি। অঙ্কগুলো নিয়ে ভাবতে শুরু করলেন। দিল্লিতে আজ বৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন প্রবল গরম ছিল। বৃষ্টির জন্য আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে।
তুষার চেয়ার থেকে উঠে জানলাটা খুলে দিলেন।
এখনও ঠান্ডা বাতাস বইছে। তুষার কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে টেবিলের কাছে গিয়ে একটা সাদা কাগজ বের করলেন। পেন্সিল দিয়ে কয়েকটা নাম লিখে পরক্ষণে ইরেজার দিয়ে নামগুলো মুছেও দিলেন। বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। কাগজটা পেপারওয়েটে চাপা দিয়ে তুষার গান বন্ধ করে সদর দরজা খুলে বললেন, ‘কাশ্মীরে আরও রসদ পাঠাচ্ছে ওরা’।
চিফ থমকে দাঁড়ালেন, ‘সায়ক?’
তুষার বললেন, ‘হ্যাঁ’।
চিফ বললেন, ‘ওকে’।
তুষার বললেন, ‘লাইব্রেরি রুমে চলো। আমি দরজা বন্ধ করে আসছি’।
চিফ তুষারের লাইব্রেরিতে গিয়ে বসলেন। মিনিট খানেক পরে তুষার এসে বললেন, ‘কফি খাচ্ছিলাম। তোমার জন্য করব? যদিও আমাকে ইরাবতী করে দিয়েছে’।
চিফ বললেন, ‘না। না। এত রাতে কফি খেলে আর দেখতে হবে না! আমি তাহলে কাশ্মীরে খবর দিচ্ছি। এক মিনিট, মেসেজ করে দিচ্ছি’।
তুষার বললেন, ‘শিওর’।
তুষার টেবিলের ওপর থেকে পেপারওয়েট সরিয়ে পেন্সিল দিয়ে লিখতে শুরু করলেন। চিফ বললেন, ‘তোমার কাগজে কোয়েটার নামটা সবুজ কালিতে লিখছ তো?’
তুষার হেসে ফেললেন, ‘আই অ্যাম ইউজিং পেন্সিল। কালিটা শেষের জন্য তোলা রইল’।
চিফ বললেন, ‘পেন্সিল ইজ মাইটার দ্যান পেন। মানে তুষার রঙ্গনাথনের পেন্সিল। এটা আমাদের থেকে ভালো আর কে জানে? আপাতত তোমার কাগজে এক নম্বর নাম কার আছে?’
তুষার রিমোটটা নিয়ে গান চালালেন।
চিফ মাথা নেড়ে বললেন, ‘আহা… আহা… অপূর্ব’।
তুষার কাগজটা চিফের দিকে এগিয়ে দিলেন। চিফের মুখে হাসি ফুটে উঠল।…
