ব্লু উইংস – ১

১

 রাত বারোটা। মুজফফরাবাদ মদিনা মার্কেটের আদিল সু হাউজের শাটার উঠল। দোকান থেকে বেরিয়ে এক যুবক হাঁটতে শুরু করল। বাজারের বাইরে বড় রাস্তায় সন্ধে থেকে একটার পর একটা আর্মি ট্রাক লাইন অফ কন্ট্রোলের দিকে যাওয়া শুরু করেছে। যুবক অন্ধকারে মিশে গেছে।

বড় রাস্তার পাশের একটা চায়ের বন্ধ গুমটিতে ঢুকে গেল সে। প্রবল ঠান্ডা পড়েছে। ফেরন পরে আছে সে। চোখ মুখ কান ঢাকা। আবার ট্রাক আসা শুরু হয়েছে।

খান তিরিশেক ট্রাক যাবার পরে একটা জিপ গাড়ি চলে গেল, জিপের গতি বেশি না। এবার চলে যেতেই সে গুমটি থেকে বেরিয়ে আবার সু হাউজের শাটার খুলে ঢুকে পড়ল। রাতে এখানে সে একাই থাকে।

জুতোর বাক্স হাতড়ে ফোন বের করে লাহোরের একজনকে মেসেজ করল, ‘বৃদ্ধ শেয়াল গুহা থেকে বেরিয়েছে। একবারে বেরিয়ে যাবে?’

.

তুষার ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে ফোন বেজে উঠল। সঙ্গে সঙ্গে ফোন তুললেন, ‘হুঁ, পীযূষ, বলো’।

‘স্যার, এল ও সিতে প্ল্যান আছে কিছু। প্রচুর সেনা গেছে, আর জিপে আসগরকে দেখা গেছে’।

তুষার বললেন, ‘আসগর? নিজে যাচ্ছে?’

‘হ্যাঁ স্যার’।

‘ওকে, ইনফিল্ট্রেশন প্ল্যান করছে। রেহানকে…’ চুপ করে গেলেন তুষার। এতদিন পরে হঠাৎ রেহানের নামটা মুখে এল কেন? ঘুমঘোরে ছিলেন বলে?

পীযূষ বুঝলেন, ‘ঠিক আছে স্যার। আমি সিদ্দিক স্যারকে জানিয়ে দিচ্ছি’।

তুষার ফোন কেটে উঠে বসলেন। পাশে ইরাবতী ঘুমোচ্ছেন। ইদানীং ইরাবতীকে ঘুমের ওষুধ খেতে হয়। প্রেশার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। অবসর নিতে বলেছেন তাকে। শেষ অবধি হয়তো ইরাবতীর জন্যই অবসর নিতে হবে। ভদ্রমহিলা সারাজীবন অনেক সহ্য করেছেন। গুলি অবধি খেতে হয়েছে। এবার কিছুদিন সব কিছু ছেড়ে…

এসব ভাবছেন কেন? রেহানের উল্লেখ করার পর কি অপরাধবোধ আসছে? একটা সদাহাস্যমুখ ছেলে, সবসময় দেশের জন্য প্রাণপাত করতে প্রস্তুত, তাকে এভাবে চলে যেতে হল?

লাইব্রেরি রুমে গিয়ে নিজেই ফোন করলেন সিদ্দিককে। একবার রিং হতেই ধরলেন সিদ্দিক, ‘স্যার, পীযূষ ইনফর্ম করেছেন। আপনি বিশ্রাম করুন প্লিজ’।

তুষার বললেন, ‘সিদ্দিক!’

‘হ্যাঁ স্যার’।

‘বর্ডার থেকে যতজনকে সরানো যায়, সরিয়ে দাও’।

‘স্যার, দুপুরে আপনাদের নির্দেশ আসার পর থেকেই সরানো শুরু হয়েছে। কিন্তু অনেকেই যেতে চায় না। ওরা বিশ্বাসই করতে চায় না এরকম কিছু হতে পারে। আসলে আমাদেরও ঠিক বিশ্বাস হচ্ছে না স্যার। ওদের আবার কী হল?’

‘ওদের কখন কী হয়, কেউ জানে না সিদ্দিক। শুধু আমরা যেন প্রস্তুত থাকি’।

‘আমরা প্রস্তুত আছি স্যার। শুধু মাঝে মাঝে মনে হয় আর এভাবে ছায়ার সঙ্গে যুদ্ধ না করে একদিন সব শেষ করে দিয়ে আসি। যে কাশ্মীরিদের কথা বলে ওরা নাকি কান্না কাঁদছে, ওরা ওদেরই আগে মারছে’।

‘মারবেই। ওদের লক্ষ্যটাই তাই। ওরা কাউকে বাঁচতে দেবে না। নিজেরা বাঁচবে না, আমাদেরও বাঁচতে দেবে না’।

‘স্যার, এর কোনও উপায় নেই?’

‘আছে’।

‘কী স্যার?’

‘কাল বলব। আপাতত কমপ্লিট রেড অ্যালার্ট রাখা যেতে পারে’।

‘কপি স্যার। আমি নিজে থাকব আজ’।

‘গুড নাইট সিদ্দিক। টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক’।

‘গুড নাইট স্যার’।

ফোন রাখলেন তুষার। ডায়েরিটা বের করলেন।

আসগর আলি…

আসগর আলির সম্পর্কে তার ডায়েরি বলছে, আসগর লস্করের কমান্ডার ছিল। পরে তার উদ্যোগে মুজফফরাবাদের আবদুল্লাপুরে একটা ট্রেনিং ক্যাম্প গড়ে ওঠে। ছোট ছোট ছেলেদের ছোট থেকে মগজ ধোলাই করা, তাদের কাশ্মীরে আতঙ্ক ছড়ানোর কাজে তৈরি করার কাজে ব্যবহার করা হয়। আসগরের এখন বয়স আটষট্টি। তার জীবনের একটাই লক্ষ্য। যেন তেন প্রকারেণ ভারতের ক্ষতিসাধন…আসগর আলি…মানবতার শত্রু বললেও কম বলা হয়।

লাইব্রেরি রুমের চেয়ারে ঘুমিয়ে পড়েছিলেন তুষার। ঘুম ভাঙল পীযূষের ফোনে। শেষরাতের দিকে ক্রমাগত গুলিবর্ষণ শুরু হয় এল ও সির ওপার থেকে।

সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন ব্রিগেডিয়ার সিদ্দিক।

তুষার ফোনটা না কেটেই টেবিলের উপর রেখে দিলেন।

বুকের ভেতরটা প্রতিদিন ক্ষতবিক্ষত হয়ে ওঠে। আর কত ক্ষতি সইতে হবে এই সন্ত্রাস ব্যবসায়ীদের জন্য?

২

‘আমাদের কাছে শেষ সাত আট দিনে কী কী থ্রেট এসেছে?’

পীযূষকে চেম্বারে ডেকেছিলেন তুষার। পীযূষ বসতেই প্রশ্ন ছুড়ে দিলেন।

পীযূষ হকচকিয়ে গেলেন, ‘কেন স্যার?’

তুষার বললেন, ‘কাশ্মীরের থ্রেটটা কি আমরা আগে থেকেই হালকাভাবে নিয়েছিলাম?’

পীযূষ মাথা নাড়লেন, ‘না স্যার। কাশ্মীরকে আমরা কখনওই হালকাভাবে নিই না’।

তুষার রেগে আছেন। আজকাল এই রাগটা হচ্ছে। ভীষণভাবে হচ্ছে। কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। চিৎকার করতে গিয়েও করলেন না। বললেন, ‘সিদ্দিককে হারালাম আমরা। আর কাকে কাকে হারাতে হবে জানি না। পাকিস্তান কী চাইছে? সিদ্দিকের স্ত্রীর সামনে গিয়ে আমি কী করে দাঁড়াব?’

পীযূষ বললেন, ‘এভাবে বার বার নিজেদের বাঁচাতে গিয়েই তো পাকিস্তানকে আরও জমি দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা প্ল্যান বি…’ পীযূষ আরও কিছু বলতে গিয়ে চুপ করে গেলেন।

তুষার বললেন, ‘বলো বলো। আর কী বলতে চাইছিলে’।

পীযূষ বললেন, ‘আমার এক্তিয়ার নেই স্যার। ওটায় আমি নেই’।

তুষার মাথা নাড়লেন, ‘আমাকে থ্রেট লিস্টটা পাঠাও’।

পীযূষ উঠে দাঁড়ালেন, ‘ওকে স্যার’।

পীযূষ বেরোলে তুষার চুপ করে বসে রইলেন। রোজ সকালে সিদ্দিক তাকে গুড মর্নিং উইশ করতেন মেসেজ করে। দেখতেন না মেসেজগুলো। সিদ্দিককে দেখা হলে বকতেন, ‘কী এক মেসেজ করো রোজ রোজ। সময় পাও কী করে?’

সিদ্দিক বলতেন, ‘স্যার আমি কয়েকজনকে মেসেজ করি। তার মধ্যে আপনি আছেন। আপনাদের উইশ না করলে আমার দিন খারাপ যায়। এটা একটা তুকতাক বলতে পারেন। প্লিজ রেগে যাবেন না’।

আজ থেকে আর সিদ্দিকের মেসেজ আসবে না। স্ক্রল করে করে সেই কোনওদিন না দেখা গুড মর্নিংগুলো দেখতে দেখতেই তার চোখে জল চলে এল। সারাজীবন এই সময়গুলোয় শক্ত থেকেছেন। আজকাল আর পারছেন না। তবে কি অবসরের দিন এসে গেল? তাই হবে।

মেল এসেছে। ‘বড় শেয়াল ফিরেছে। মুজফফরাবাদ ছাড়ছে। সম্ভবত ইসলামাবাদ’।

তুষার অফিস ছেড়ে বেরোলেন। চিফের অফিসে গিয়ে সরাসরি চিফের চেম্বারে প্রবেশ করলেন। চিফ ব্রিফিং নিচ্ছিলেন।

তুষার প্রবেশ করামাত্র সবাইকে পরে আসতে বললেন। সবাই বেরিয়ে গেলে চিফ বললেন, ‘বলো। তুমি কি একটা দিন অফ নেবে? তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে।’

তুষার বললেন, ‘অফ নিয়েই বা কী করব? এখন আর ওসবের প্রশ্ন নেই। আগে আপডেটটা শোনো। সবে এল। আসগর আলি মুজফফরাবাদ থেকে ফিরছে। ইসলামাবাদে ওর বাড়িতে ফিরবে আজ। ইসলামাবাদ থেকে কনফার্মেশন এলে ফাইনাল জানাব।’

চিফ বললেন, ‘তুমি কী চাইছ?’

তুষার বললেন, ‘আমি যা চাইছি, তা শুনলে তুমি অবাক হবে’।

চিফ বললেন, ‘না, অবাক হব না। আমিও তাই চাইছি। তুমিই বলো ঠিক সময় কখন হবে’।

তুষার বললেন, ‘আসগরের সিকিউরিটি ইসলামাবাদে নমিনাল’।

চিফ বললেন, ‘এখন এগোলে ওরা সতর্ক হয়ে যাবে’।

তুষার একটু থমকে গিয়ে বললেন, ‘তিনটে দিন দেখা যাক’।

চিফ বললেন, ‘এবং আশা করব এখানে আমাদের কেউ থাকবে না। ওদের স্থানীয়…’

তুষার ঠান্ডা গলায় বললেন, ‘আসগর আলি, আল মাসুদ, আবু ইব্রাহিম। এই তিনজনকে স্থানীয় কেউ মারবে না’।

চিফ বললেন, ‘ঠিক আছে। এই ব্যাপারে আমিও তোমার সঙ্গে একমত। শুধু বলো, তোমার সৈন্যরা তৈরি?’

তুষার বললেন, ‘অলমোস্ট। করাচি আর লাহোরের খবরটা তুমি জানো। শুধু ইসলামাবাদ বাকি। আরও একটা রাত দরকার। হোয়াট অ্যাবাউট বালুচিস্তান?’

চিফ বিরক্ত গলায় বললেন, ‘জানো তো সৈকতকে। কোনও খবর দিচ্ছে না। লিবারেশন যথেষ্ট শক্তিশালী জায়গায় আছে, তবে আই এস আই ওদের এত সহজে জায়গা দেবে না। সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হতে চলেছে। সৈকতের আপডেটগুলোর অপেক্ষায় আছি।’

তুষার বললেন, ‘আপডেট না থাকলে যোগাযোগ করবে না। এরপর একসঙ্গে এতজন পাকিস্তানে যাবে! আমার বিপি বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে।’

চিফ বললেন, ‘আমারও। চা বলি। মাথা ধরে আছে। হালকা করা যাক’।

৩

হাই প্রোফাইল মিটিং শুরু হবে একটু পরে। কনফারেন্স রুমে তুষার চুপ করে গান্ধীজির ছবির সামনে দাঁড়িয়ে ছিলেন। অশোক চতুর্বেদী, প্রতিরক্ষা মন্ত্রীর সেক্রেটারি, তুষারকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, ‘কী হল তুষার? আপনাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। ইজ এভ্রিথিং ওকে?’

তুষার হাসলেন, ‘আমি বহুকাল ধরে গান্ধীজির ভক্ত অশোক’।

অশোক বললেন, ‘আমিও। আমরা সবাই গান্ধীভক্ত’।

চিফ ঢুকলেন। অশোকের কথাটা কিছুটা কানে গেছিল তার। বললেন, ‘গান্ধীজিকে নিয়ে আলোচনা হচ্ছে আর আমি বাদ?’

তুষার বললেন, ‘তেমন কিছু না। আমি শুধু অশোককে বলছিলাম, আমি গান্ধীজির ভক্ত। তোমাকে বাদ দেবার সাধ্য আছে কারো?’

চিফ বললেন, ‘কনফ্লিক্টে ভুগছ?’

তুষার বললেন, ‘নাহ্‌। কনফ্লিক্টের জায়গাটা শেষ হয়ে গেছে। আমরা এবার না এগোলে ওরা আমাদের শেষ করে দেবে। স্বয়ং অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিলেন, আমরা তো নিমিত্ত মাত্র’।

চিফ তার চেয়ারে বসে বললেন, ‘সবকিছু সেদিকেই এগোচ্ছে। কাল পুঞ্চ থেকে চারজনকে ধরা হয়েছে। ওরা ওদিক থেকে ঢুকেছিল। যা বোঝা যাচ্ছে, সামনের দিনে আরও ছেলে ইনফিলট্রেট করাবে। একদিকে কাশ্মীর, অন্যদিকে বাংলাদেশ বর্ডারের বিস্তীর্ণ অঞ্চল। স্লিপার সেলগুলোকে ওরা না জাগালেও এই কম বয়েসি ব্রেইন ওয়াশড ছেলেগুলো যেভাবে জীবাণুর মতো ঢুকছে, ৯৯% আটকানো গেলেও, ১% যে ক্ষতি করে দেবে, তার পরিমাণ ভয়াবহ হবে। জাস্ট ইমাজিন, মুম্বইয়ের কোনও লোকাল ট্রেনে একটা ব্লাস্ট করবে। কিংবা ব্যাঙ্গালোরের রাস্তায়। কলকাতায়, দিল্লিতে। যেন তেন প্রকারেণ এই সব কিছু আটকাতে হবে। নইলে সর্বনাশ অবশ্যম্ভাবী’।

অশোক বললেন, ‘আমাকে মন্ত্রীজি বাজেট নিয়ে চিন্তা করতে বারণ করেছেন। আমার এটুকুই বলার আছে আপনাদের। আপনারা এবার ডিসকাস করে নিন। গুড নাইট জেন্টলম্যান’।

অশোক রুম ছেড়ে বেরিয়ে গেলেন।

তুষার বললেন, ‘বাজেট অ্যাপ্রুভাল হবে সেটা গুড সাইন। কিন্তু আমি তার থেকেও বেশি চিন্তা করছি আমাদের এজেন্টদের নিরাপত্তা নিয়ে। এটা হাই রিস্ক প্রোজেক্ট হতে চলেছে। আফটার অপারেশন ওদের সরিয়ে নিয়ে আসাটা আমাদের কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। এটা তো আর বলিউডের সিনেমা না, আশা করি বুঝতে পারছ, আমি কী বলছি’।

চিফ বললেন, ‘ঠিকই। তবে তুষার, সবক্ষেত্রে আমাদের লোক থাকবে না। তুমি আমাকে কিছুদিন আগে একটা প্ল্যানের কথা বলছিলে। আমি সেটা নিয়ে ভেবে দেখেছি। ফ্যাবুলাস প্ল্যান। জাস্ট ফিড সাম লোকাল গুনস। ওরাই যা করার করবে’।

তুষার মাথা নাড়লেন, ‘ভেবেছি সেটা। কিন্তু আমাদের কিছু স্লিপার সেলকেও অ্যাক্টিভেট করতে হবে। এই মিশনের নাম হোক মিশন উড়ান। অ্যাক্টিভেট করতে হলে প্রথমে কাউকে পাকিস্তানে যেতে হবে। আমি তথাগতর কথা ভেবেছি। ও ইসলামাবাদ পৌঁছলে মিশনের সেকেন্ড পার্ট শুরু হবে’।

চিফ চুপ করে রইলেন। তুষার বললেন, ‘কী হল?’

চিফ বললেন, ‘তুমি যখন ভেবেছ, তখন ঠিকই ভেবেছ’।

তুষার বললেন, ‘তুমি কি সৈকতকে ভাবছিলে?’

চিফ আঁতকে উঠলেন, ‘খেপেছ? আমি ওকে আর কোত্থাও পাঠাব না। ওর জন্য আমাকে অনেক ভুগতে হয়। ও বালুচিস্তানেই থাক’।

তুষার বললেন, ‘ঠিক। সৈকতকে আমাদের লাগবে। বালুচিস্তান ওর থেকে ভালো কেউ চেনে না। এক মিনিট’।

তারপর ব্যাগ থেকে ট্যাব বের করে ট্যাব আনলক করে বললেন, ‘দেখো, কোয়েটায় লস্করের হ্যান্ডলার মৌলানা আছে। লস্করের মেজো নেতা বলা যায় মৌলানাকে। মৌলানা কোয়েটায় বসে ওদের ফান্ড কন্ট্রোল করে, বাইরের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং সেখান থেকেই ও মুজফফরাবাদ সংলগ্ন লঞ্চ প্যাডগুলোতে অস্ত্র শস্ত্র পাঠায়। ওর ইমপ্যাক্টটা শুরুতেই সরে গেলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। উড়ানের স্টেপ ওয়ান হল কোয়েটার মৌলানাকে সরিয়ে দেওয়া। এই কাজ বালোচদের দিয়ে করাতে হবে। মৌলানার সঙ্গে বালোচের সম্পর্কের ব্যাপারে গোটা দুনিয়া জানে। ইসলামাবাদ পুরোপুরি বিশ্বাস করতে পারবে না এ কাজ আমরা করেছি। তদন্তে নেমেও ওরা জানতে পারবে এ কাজে কোনওভাবেই র ইনভলভ নেই। সো…’

চিফ রাগী কণ্ঠে বললেন, ‘তুমি সেই সৈকতকে ফোন করিয়েই ছাড়বে। যত ভাবি ব্যাটাকে আর ব্যবহার করব না, তোমার পাল্লায় পড়ে সেই ছেলেটাকেই ডাকতে হয়। ওর জন্য আমাকে মোইস চিফের থেকে অনেক কথা শুনতে হয়েছে। নিজের বাউন্ডারি ভুলে যায় ছেলেটা’।

তুষার বললেন, ‘বেশ তো, লিমিটেড অ্যাসাইনমেন্ট দাও। মৌলানার ব্যবস্থা করে ও ফিরে আসুক’।

চিফ কাঁধ ঝাঁকালেন, ‘ওকে। আমার বয়স কম থাকলে আমি নিজেই যেতাম’।

তুষার হেসে ফেললেন, ‘মোদ্দা কথা হল, লাহোরের কাবাবগলি এখনও ভুলতে পারছ না তুমি’।

চিফও হেসে উঠলেন, ‘যা বলেছ’।

৪

রাত দশটা।

লাহোরের লাইম স্টুডিও থেকে বেরোল মাহি বালোচের গাড়ি। মাহির গাড়ি চালাচ্ছে ড্রাইভার। পেছনের সিটে মাহি হেলান দিয়ে বসে আছেন। একটানা আট ঘণ্টা শ্যুট হয়েছে। ক্লান্ত লাগছে। চোখ বুজে আসছে।

ড্রাইভারকে বললেন, ‘লায়ন্স মেডিকাল কমপ্লেক্সে দাঁড়াবেন। আমার রিপোর্টগুলো এসে গেছে’।

ড্রাইভার ঘাড় নাড়ল, ‘জি ম্যাডাম’।

মেডিকাল কমপ্লেক্সের পার্কিং-এ গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার রিপোর্ট আনতে ছুটল।

কাচে টোকা পড়ল। মাহি দেখলেন প্রায় ছ’ফুট লম্বা স্যুট পরিহিত একজন যুবক গাড়ির বাইরে দাঁড়িয়ে জানলায় টোকা দিচ্ছে। তিনি কাচ নামিয়ে বললেন, ‘কী হল?’

যুবক মাথা নিচু করে বলল, ‘আপনাকে কিছু প্রশ্ন করার আছে। আমার সঙ্গে চলুন’।

মাহি বিরক্ত মুখে বললেন, ‘মানে? কে আপনি? এ কী ধরনের অসভ্যতা?’

যুবক একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, ‘মোবাইলের আলোয় দেখে নিন আমি কে’।

মাহি দেখলেন। তার চোখ বিস্ময়ে ভরে উঠল, ‘মানে কী? আপনারা আমাকে ডাকবেন কেন?’

যুবক বলল, ‘গাড়ি দাঁড়িয়ে আছে। চলুন। আপনাকে বাড়ি পৌঁছে দেব। রিপোর্ট, ড্রাইভার আর গাড়ি নিয়ে ভাববেন না, সব পৌঁছে যাবে’।

মাহি শ্বাস ছেড়ে গাড়ি থেকে নামলেন। একটা জিপ দাঁড়িয়ে আছে তার গাড়ির সামনে। যুবক দরজা খুলে দিয়ে বলল, ‘চলুন’।

মাহি গাড়িতে উঠে বসতে যুবক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল।

মাহি বললেন, ‘এসব কালকেও করতে পারতেন। আমি আজ ভীষণ টায়ার্ড’।

যুবক বলল, ‘বেশিক্ষণ আটকাব না। কথা দিলাম’।

মাহি বললেন, ‘আই এস আই এর এতদিন পরে কেন আমার কথা মনে পড়ল?’

যুবক বলল, ‘মনে করুন কারও মনে পড়েনি, আমারই মনে পড়েছে। আপনার ফ্যান হিসেবে ভাবলাম আপনাকে কয়েকটা প্রশ্ন করি’।

মাহি বললেন, ‘ফ্যান হলে এভাবে যন্ত্রণা দেয় বুঝি?’

যুবক বলল, ‘প্লিজ ম্যাডাম। একটু সহযোগিতা দরকার’।

মাহি কাঁধ ঝাঁকালেন, ‘ওকে’।

কিছুক্ষণ পর রাস্তা ফাঁকা দেখে গাড়ি দাঁড় করাল যুবক। বলল, ‘আমি পেছনের সিটে বসতে পারি?’

মাহি বললেন, ‘ওকে’।

যুবক পেছনের সিটে বসে বলল, ‘আমাকে আমান বলে ডাকতে পারেন। আমি দু’বছর আগে আজকের দিনেই এজেন্সি জয়েন করেছিলাম’।

মাহি বললেন, ‘ওকে। আমার সঙ্গে সেলিব্রেট করতে চাইছেন?’

আমান বলল, ‘তাও বলতে পারেন। ম্যাডাম, আপনি আজ থেকে ছ’বছর আগে দু’মাসের জন্য মুম্বই গেছিলেন’।

মাহি বললেন, ‘হ্যাঁ। সবাই জানে সেটা। পারমিশন নিয়েই গেছিলাম’।

আমান বলল, ‘রাইট। পারমিশন নিয়ে গেছিলেন। আপনি হোটেলে ছিলেন। বহু পেজ থ্রি পার্টি অ্যাটেন্ড করতেন’।

মাহি বললেন, ‘হ্যাঁ। করেছি’।

আমান বলল, ‘আপনাকে পাকিস্তানের জন্য কাজ করতে হবে। আমরা যেভাবে বলব সেভাবে চলতে হবে। প্রথম যেটা করতে হবে, সেটা হল আপনাকে কাল একটা ইন্টারভিউ দিতে হবে, এখানে নারী স্বাধীনতা নেই, মেয়েদের জীবন দুর্বিষহ ইত্যাদি। আপনি খুব ভালো অভিনয় করেন আমরা সবাই জানি। সেটাই করতে হবে। আমরা স্ক্রিপ্ট বানিয়ে দেব। জীবনের সেরা অভিনয় করে ফেলবেন, দ্যাটস ইট’।

মাহি জোরে জোরে মাথা নেড়ে বললেন, ‘আমি এসব কেন বলতে যাব? আমি আমার দেশকে খুবই ভালোবাসি। আমার মনে হয় না এ দেশে নারী নিরাপত্তার কোনও অভাব আছে’।

আমান শিস দিয়ে উঠল, ‘রাইট। একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু আপনাকে আমাদের কথা শুনে চলতে হবে’।

মাহি ভ্রু কুঁচকালেন, ‘মানে?’

আমান বলল, ‘কনগ্র্যাচুলেশন ম্যাম। দেশের হয়ে কাজ করার জন্য আপনাকে আই এস আই নিযুক্ত করেছে’।

মাহি বললেন, ‘আমি কিন্তু এবার চিৎকার করব। তখন থেকে অনেক বাজে কথা বলে যাচ্ছেন। কী চাইছেন বলুন তো?’

আমান বলল, ‘দেশ আপনাকে বলি দেবার জন্য প্রস্তুত। আপনাকে একটা মহান কাজে আমরা উৎসর্গ করতে চাই। আপনি দেশের জন্য কাজ করবেন। করতে চান না?’

মাহি বললেন, ‘হ্যাঁ চাই। কিন্তু আমার এখানে অনেক কাজ আছে। আমি এখন কোথাও যাব না’।

আমান বলল, ‘কোনও কাজ নেই। আপনি ললিউডে আর কোনও কাজ পাবেন না। এই মুহূর্তে সমস্ত রকম সিনেমা, সিরিয়াল থেকে আপনাকে বাদ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। আপনার এখন আর কোনও কাজ নেই’।

মাহি ভীত কণ্ঠে বললেন, ‘আমাকে কী করতে হবে?’

আমান বলল, ‘কিছু না। শুধু একটা ইন্টারভিউ দেবেন। বম্বে আপনাকে কীভাবে ট্রিট করেছিল, পাকিস্তান কতটা পিছিয়ে আছে, এদেশে কতটা গরিবি আছে, এসব বলবেন। শ্যুটটা আমাদের স্টুডিওতে হবে’।

মাহি বললেন, ‘আমি জানি না। আমি পারব না। অন্য কাউকে ইউজ করুন’।

আমান মাহিকে চমকে দিয়ে মাহির চুলের মুঠি শক্ত করে ধরে বলল, ‘তুই কী কী পারিস, আমাকে শেখাবি না! আমি সব জানি। তোর ঠিকুজি কুষ্ঠি আমার জামার পকেটে থাকে। কী ভেবেছিস, সেলিব্রিটি হয়েছিস? আমাদের কথা না শুনে চললে তোর লাশ ঝুলিয়ে দিয়ে আসব ওয়াঘা বর্ডারে। বুঝেছিস?’

মাহি কেঁদে ফেললেন, ‘খুদার কসম, আমাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি করব। প্লিজ’।

আমান মাহির চুল ছেড়ে দিয়ে বলল, ‘কী ভাবছিস? গিয়ে তোর চাচাতো ভাইকে বলবি, আমাকে শায়েস্তা করার জন্য? চিন্তা করিস না। ও-ই আমাকে পাঠিয়েছে’।

মাহি নিঃশব্দে কাঁদতে লাগলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *