ব্লু উইংস – ১৩০

১৩০

রাত দুটো। নক্কুন্ডি চেকপোস্ট।

আহসান চেকপোস্টে চা বসিয়েছে। চেকপোস্টের ভেতর থেকেই জায়ানের উপরে নজর রাখছে।

জায়ান বালোচ দাপুটে অফিসার। ক্লান্তিহীনভাবে একের পর এক ট্রাক ড্রাইভারকে জিগ্যেস করে যাচ্ছে। এখন জ্যাম নেই।

ফোন বেজে উঠল আহসানের। হায়দার ফোন করছে।

ধরল সে, ‘জি জনাব’।

‘সব ঠিক আছে?’

‘জি জনাব। ঠিক কেন থাকবে না, আপনি তো জায়ান স্যারকে জানেন! ভীষণ সিরিয়াস লোক’।

হায়দার অস্বস্তির সঙ্গে বলল, ‘জানি। কিন্তু অর্ডার আছে নজর রাখার। উপরমহল বললে আমাদের কি কিছু করার থাকে?’

‘জি জনাব। আমি নজর রাখব’।

‘শোনো, ট্রাক ছাড়া যদি কোনও গাড়ি পৌছয়, আমাকে ফোন করবে। যত রাতই হোক’।

‘জি জনাব’।

ফোন কেটে গেল।

জায়ান এসে কাপ চা নিয়ে চেয়ারে বসল, ‘কাকে ফোন করছিস আহসান? এত রাতে? আবার বিয়ে টিয়ে করার প্ল্যান আছে নাকি’?

আহসান একটু চমকাল! জায়ান তাকে ফোন করতে দেখেছে। সে মুখ কাঁচুমাচু করে বলল, ‘কী যে বলেন জনাব, এই মাইনেয় একটা সংসার করতেই হাল খারাপ হয়ে যাচ্ছে, আপনি আবার আরেকটা সংসারের কথা বলছেন!’

জায়ান বলল, ‘তোকে বিশ্বাস নেই। হতেই পারে, এখানে এই ধুলোর মধ্যে বসে বসে আরেকটা সংসারের স্বপ্ন দেখছিস! উপরি তো ভালোই পাচ্ছিস। আরেকটা সংসার করাই যায়’।

আহসান লাজুক মুখে বলল, ‘কী যে বলেন জনাব! আপনারা তো থাকেন, আমি কী এমন উপরি পাই আপনিই বলুন!’

জায়ান বলল, ‘আমার শিফটে না পেলেও হায়দারের শিফটে ভালোই পাস, আমার কাছে খবর আছে’।

হঠাৎ হইহই শব্দ পাওয়া গেল। জায়ান উঠে দাঁড়িয়ে বলল, ‘কী হল?’

তাড়াতাড়ি চেক পোস্টের বাইরে বেরিয়ে দেখা গেল একটা ট্রাক লাইন ভেঙে দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে আসছে। জায়ান এক ঝটকায় আহসানকে সরিয়ে না নিলে আহসান বেঁচে থাকত না। ট্রাকটা তাদের চেকপোস্টে এসে ধাক্কা মেরে থেমে গেল।

জায়ান রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে দিল, ‘কে রে! কোন হারামজাদা এরকম পাগলের মতো ট্রাক চালাচ্ছিস’!

ড্রাইভার মদ খেয়েছিল। কোনওমতে ট্রাক থেকে নেমেই মাটিতে পড়ে বমি করতে শুরু করল।

এরকম ঘটনা আগেও ঘটেছে। জায়ান ওয়্যারলেসে জওয়ানদের খবর দিয়ে বিরক্ত মুখে বলল, ‘এদের জন্য আজ রাতের ছাউনিটাও চলে গেল। এবার কী হবে?’

আহসান থরথর করে কাঁপছিল। কোনওমতে বলল, ‘জনাব, আরেকটু হলেই মরছিলাম। কী ভাগ্যি আপনি ছিলেন। আমার হিটারটা গেল’।

জায়ান হাসল, ‘জান বেঁচে আছে, এই অনেক। এই মাতালগুলোর জন্য একটু শান্তিতে ডিউটি করার উপায় নেই। এই জন্যই ঘুমোতে নেই, বুঝেছিস?’

টহলদারি ফোর্সের একটা গাড়ি কাছেই ছিল। টর্চ নিয়ে চেক করতে ট্রাকে উঠে গেল তারা।

জায়ান চিৎকার করে বলল, ‘কী আছে ভেতরে?’

জায়ানের কথা শেষ হবার আগেই ট্রাকের ভেতর থেকে গুলির শব্দ পাওয়া গেল। আহসান এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়তে শুরু করে দিল।

প্রায় দশ জন লোক মুখে কাপড় বেঁধে ট্রাকের উপর থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছে। ট্রাকে যে জওয়ানরা উঠেছিল, তাদের যে ওখানেই শেষ করে দিয়েছে, সেটা বুঝতে পেরে জায়ান হতবুদ্ধি হয়ে পড়ল। রাতের অন্ধকারে এভাবে কেউ এখানে আক্রমণ করতে পারে, তা নিয়ে কোনও খবরও ছিল না। এর আগে যে হামলাগুলো হয়েছে, তা চেকপোস্টে হয়নি। রাস্তায় কোনও গাড়ির উপরে হয়েছে।

জায়ান কোনওমতে নিজেকে সামলে ভাঙা চেকপোস্টের পেছনে গিয়ে চিৎকার করে বলল, ‘গুলি চালানোর দরকার নেই। কী চাইছ বলো’।

ছেলেগুলো ট্রাক থেকে নেমে এসে জায়ানের কলার ধরে বলল, ‘বাকি ফোর্স কোথায়?’

জায়ান বলল, ‘রাস্তায় আছে। যেকোনও সময় আসবে’।

‘খুব ভালো। তুই থাক আমাদের সঙ্গে’।

জায়ান বলল, ‘কী চাইছ সেটা বলো। আমাকে ধরে রেখে কী হবে?’

কেউ কোনও উত্তর দিল না। একটা পিক আপ ভ্যান এসে দাঁড়াল। জায়ানের পিঠে রাইফেলের খোঁচা মেরে একজন বলল, ‘চল’।

জায়ান পিক আপ ভ্যানে উঠল। গাড়িটা ইরান সীমান্তের দিকে চলে গেল।

আহসান দৌড়ে অনেকটা চলে গেছিল। হায়দারকে ফোন করল।

হায়দার ঘুমিয়ে পড়েছিল। প্রথমে একবার রিং হয়ে গেল। দ্বিতীয়বারে ফোন তুলে বলল, ‘বলো’।

আহসান কাঁপতে কাঁপতে সব বলল।

হায়দার হতভম্ব কণ্ঠে বলল, ‘সর্বনাশ! এখনই যাচ্ছি আমি’।

১৩১

দুপুর তিনটে।

পেশোয়ারের আগে গাড়িটা থেমেছে একটা ছোট গ্রামে। একটা বাড়িতে আশ্রয় নিয়েছে তারা। খাইবার পাখতুনখোয়ার সীমান্ত থেকে গাড়িতে আরেকজন উঠে পেছনে বসে ছিল। মেসেজিং ডিভাইসে সারাক্ষণ মেসেজ করে যাচ্ছে সায়ক।

তথাগত চোখ বন্ধ করে শুয়ে আছে।

রাণা উশখুশ করতে করতে জানলার কাছে গিয়ে দাঁড়াল। অমল বলল, ‘কী হল? বাইরে যেতে ইচ্ছে করছে নাকি?’

রাণা বলল, ‘গাড়িতে যে ছেলেটা উঠেছিল, সে কে?’

সায়ক বলল, ‘যত কম জানবি, তত ভালো। জেনে কী করবি?’

রাণা ফিক ফিক করে হাসতে হাসতে বলল, ‘তুমিও পলিটিক্সে জয়েন করছ নাকি? শিওর এমন কেউ যারা পাকিস্তানেরও শত্রু, কিন্তু আমাদের বন্ধুও বলা যাবে না, তাই না?’

সায়ক বলল, ‘রাইট তোপসে, একদম ঠিক। তুই ক পেয়েছিস। দেশ ছাড়তে হলে এরা ছাড়া গতি নেই। যাক গে, আসল খবর হল রফিক আহমেদ ইজ নো মোর। ইসলামাবাদের রাস্তায় তার মৃতদেহ পাওয়া গেছে। কোনও জায়গা থেকে পড়ে আত্মহত্যা করেছে বলে খবরে দেখাচ্ছে’।

তথাগত বলল, ‘মেরে দিয়েছে আর কী!’

সায়ক বলল, ‘হুঁ। রফিক আহমেদকে মাত করতে অনেকদিন ধরেই উঠে পড়ে লেগেছিল আবু ইব্রাহিম। এই মুহূর্তে আমান খানকে ও-ই চালাচ্ছে। পাকিস্তান আবার গাড্ডায় পড়ে গেল’।

রাণা বলল, ‘তবে যাই বল, পাকিস্তান আমার হেবি লেগেছে। যেখান থেকে খুশি অস্ত্র কেনা যায়’।

সায়ক বলল, ‘একেবারেই নিরাপত্তা নেই। কেউ কোথাও নিশ্চিন্তে থাকতে পারে না’।

রাণা বলল, ‘কামালকে সরিয়ে কিছু লাভ হল কি? ও ব্যাটা তো দুঃস্বপ্নেও তেমন দেখা দিচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে ব্যাটা আদৌ ডেঞ্জার ছিল তো?’

সায়ক হো হো করে হেসে উঠে বলল, ‘লাভ হবে। আবু ইব্রাহিমের ফান্ড ম্যানেজমেন্ট করত কামাল। আবুর বহু ফান্ড ব্লক হয়ে যাবে। ওই রাগেই বেচারি রফিককে খরচা করে দিয়েছে’।

অমল বলল, ‘এবার তবে আমানই চালাবে সব?’

সায়ক বলল, ‘আমান ধূর্ত, বুদ্ধিমান, চালাতেই পারে। তবে যা খবর পাচ্ছি, ইরফান আহমেদকেও বের করা হবে। সেক্ষেত্রে আই এস আইতে আমরা আরেকটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখার অপেক্ষা করছি’।

তথাগত চোখ বন্ধ অবস্থাতেই বলল, ‘মর মর! লড়াই করেই মর হতভাগারা! রক্তবীজের বংশধর যতসব! মেরেও শান্তি নেই। একটা মরে, আরেকটা বেঁচে ওঠে’।

সায়ক বলল, ‘তা ঠিক। তবে এটা দরকার ছিল। মৌলানা শাহাবুদ্দিন, আলি আসগর কিংবা তনবীর, এরা এক একটা ইন্সটিটিউশন। এরা ভেবে নিয়েছিল পাকিস্তানে এরা মুক্তাঞ্চল বানিয়ে ঘুরে বেড়াবে আর এদের গায়ে কেউ টোকাও দিতে পারবে না। এদের সেই ধারণাটা ভেঙেছে। ইউসুফ আজহারের নিরাপত্তা বেড়েছে, খোদ সেনা ওকে সিকিউরিটি দিচ্ছে। দৌলত মরেছে, ইউসুফ এখনও বেঁচে। একটার পর একটা প্ল্যান করে চলেছে’।

তথাগত বলল, ‘দৌলতকে নিজের ছেলের মতোই দেখত ইউসুফ। বেঁচে থেকে নরক যন্ত্রণা পাবে। সেটাই বা মন্দ কী?’

সায়ক মাথা নাড়ল, ‘তোর এখনও ধারণা ইউসুফ দৌলতের জন্য আজীবন কষ্ট পাবে? এদের সেসব আছে? দু’দিন চোখের জল ফেলবে, তৃতীয়দিনে আরও বড় কিছু প্ল্যান করবে। ওকে ছাড়া যাবে না। এবারে না হলেও, একবার নিশ্চয়ই হবে। ইউসুফকে আমাদের থামাতেই হবে’।

রাণা বলল, ‘কেন এবারে হবে না? চল, কাজ সেরে আসি’।

সায়ক বলল, ‘ওরা এখন কচ্ছপ মোডে চলে যাবে, খোলসের ভেতরে। আমাদের স্ট্র্যাটেজি, ওদের খোলস থেকে বের করার। তার জন্য এখন পাকিস্তানে না থাকলেও চলবে। ইউসুফের জন্য আমাদের অন্য প্ল্যান আছে’।

অমল বলল, ‘তা বলে দৌলত একবারে ফেলনা ছিল, তা কিন্তু না। যথেষ্ট ভালনারেবল এলিমেন্ট। ও সশরীরে দু’বার কাশ্মীরে গেছে। শেষবার পাঠানকোটের ঘটনায় ওর নাম আছে। দৌলত আজহার ইজ এ গুড টার্গেট’।

সায়কের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, ‘এবং… আমাদের এজেন্ট দৌলতের ফোন অবধি জোগাড় করতে পেরেছিল। তাতে যে সব ছবি পাওয়া গেছে, তা পাকিস্তানের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট’।

তথাগত উঠে বসল উত্তেজনায়, ‘শুধু ঘুম কাড়লে হবে না, যাতে আর কোনওদিন ঘুমোতে না পারে, সেই হাল করব এবার ওদের’।

দরজায় নক হচ্ছে। সায়ক উঠে দরজা খুলল। একজন পাঠান খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে।

সায়ক বলল, ‘সবাই উঠে পড়। খেয়ে নে। পেশোয়ারের বিখ্যাত কাবাব। এসব আছে বলেই তো বেঁচে আছি রে ভাই’!

১৩২

‘লাহোরে সারাদিন কী করো?’ বৃদ্ধা রুটি করতে করতে প্রশ্ন করলেন।

মিজান আর ফরিদকে নিয়ে পারভেজ খেত ঘুরতে গেছে। নুসরত পারভেজের স্ত্রীর কাছে বসে আছে।

পারভেজরা বেশ গরিব। জীবনযাপনের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসই এদের নেই। তবু বুড়ো বুড়ি যে খারাপ আছে বলা যায় না। দু’জনেই হাসিখুশি, অতিথিপরায়ণ।

বৃদ্ধার প্রশ্নের উত্তরে নুসরত বলল, ‘রান্না করি, ও অফিসে চলে গেলে টিভি দেখি’।

‘বাচ্চা কাচ্চা হয়নি কেন এখনও?’

নুসরত এই প্রশ্নের জন্য তৈরি ছিল। বলল, ‘ওর চাকরিটা পার্মানেন্ট হলেই বাচ্চার কথা ভাবব’।

‘ওরকম হলে কোনওদিন বাচ্চা হয় না। আমরাও ভেবে যেতাম, হাতে একটু টাকা এলে বাচ্চা নেব। হলোই না আর কোনওদিন। নিয়ে নাও বেটি। বাচ্চাকে খাওয়ানো পরানোর কথা চিন্তা কোরো না। আল্লাহ আছেন!’

নুসরত বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ল, ‘আচ্ছা’।

বুড়ি নিজের মনেই বকবক করে যেতে লাগলেন। নুসরত উঠে ঘুরে দেখছিল। ফরিদ ভালো জায়গা খুঁজে পেয়েছেন। এর পাশের বাড়িটাও অনেক দূরে। ধারে কাছে খেত ছাড়া কিচ্ছু নেই। গা ঢাকা দেবার জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হয় না।

বৃদ্ধা বললেন, ‘বহাওয়ালপুরের থেকে আমরা এখানেই অনেক ভালো আছি, জানো বেটি? ওখানে একটা ঘুপচি ঘরে থাকতাম, যখন-তখন গুলি চলত। একদিন তো তোমার চাচা ডিউটি গেছে, আর আমি শুনছি চারদিকে শুধু গোলাগুলির শব্দ। পাড়ার লোকেরা বলছে, দুই দলে নাকি খুব ঝামেলা লেগে গেছে। আমি ভয়ে থরথর করে কাঁপছি। ভাগ্যিস বাপ দাদার আমলের এই বাড়িটা ছিল! নইলে ওখানে থাকলে নির্ঘাত এতদিনে আল্লার কাছে চলে যেতাম’।

নুসরত বলল, ‘সত্যিই এই জায়গাটা খুব সুন্দর চাচিজান। তোমাদের তো অনেক বড় জায়গা নিয়ে খেত, তাতেও কি তেমন রোজগার হয় না?’

বৃদ্ধা থমকে গেলেন, ‘কী করে আর রোজগার হবে! সবই বন্ধক দেওয়া। চাষ করে কি আর পেট চলে রে বেটি? তাও ঠিক আছে। যতদিন বেঁচে থাকব, বুড়োর জন্য কিছু হলেও মুখে তুলে দিতে পারব। আরো বয়স হলে কী হবে, তা অবশ্য জানি না। লোনের টাকা মিটিয়েই জীবন চলে যাবে। আর কিছু না হলে ভিক্ষে করব, আর কী?’

নুসরতের চোখের কোণটা ভিজে উঠল। আবেগবর্জিত মানুষ হবার চেষ্টা সে বহুদিন ধরে করলেও তাতে সে ব্যর্থ হয়েছে, তা নিজেই বুঝতে পারছিল।

বলল, ‘আল্লাহ ঠিক পথ দেখাবেন চাচি। ভাববেন না। কখনও ভিক্ষা করতে হবে না আপনাদের’।

বৃদ্ধা একটু থমকে আবার আটা মাখতে শুরু করলেন।

ফরিদরা ফিরলেন। ভেতরে ঢুকে সবাই খাটিয়ায় বসলেন। তাদের আলোচনার বিষয়বস্তু বহাওয়ালপুরই। পুরোনো দিনের স্মৃতিচারণ করতে শুরু করলেন ফরিদ এবং পারভেজ। মিজান কুয়োটা মন দিয়ে দেখছিল।

নুসরত মিজানের কাছে যেতেই মিজান ফিসফিস করে বলল, ‘আপা, এখান থেকে বেরোনোর প্ল্যান কিছু বুঝলেন?’

নুসরত কুয়োর ভেতরে দেখতে দেখতে বলল, ‘নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে। তুমি ধৈর্য হারিও না। আর আমাকে আপা আপা করে ডেকো না, এরা সন্দেহ করতে পারে’।

মিজান বলল, ‘ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে আমরা রেগিস্তানের রাস্তা ধরলেই ভালো হতো। এতক্ষণে অনেকটা এগিয়ে থাকা যেত। ওখানে কিছু না কিছু জোগাড় হয়ে যেত’।

নুসরত বলল, ‘কিছু না কিছুর ভরসায় বর্ডার পার হয় না। অপেক্ষা করো’।

মিজান বলল, ‘আমার অধৈর্য লাগছে। ফরিদ চাচার উপরে সব কিছু নির্ভর করছে’।

নুসরত বলল, ‘ঠিক আছে। এই নিয়ে আর কোনও কথা না। অন্য কিছু ভাবো। যত কম ভাববে, তত সব ঠিক হবে’।

পারভেজ তাদের দিকে ফিরে বললেন, ‘তোমরা খেত থেকে ঘুরে এসো। ভালো লাগবে’।

নুসরত বলল, ‘জি চাচা’।

পারভেজের স্ত্রী বললেন, ‘আমি বেটিকে বললাম, বাচ্চা নেবার বয়সটা এখনই। পেরিয়ে গেলেই কিন্তু সমস্যা’।

পারভেজ বললেন, ‘ঠিকই বলেছ। আমাদের অবস্থা দেখছ না? একজন চোখ বুজলে অপরজনের যে কী হবে?’

নুসরত মিজানকে ইশারা করে খেতের দিকে রওনা দিল। নুসরত বলল, ‘ফরিদ চাচা আজ রাতে কিছু প্ল্যান করতে পারেন’।

মিজান আশান্বিত হল, ‘বলেছেন?’

নুসরত বলল, ‘আমার মনে হচ্ছে। ফোন খুটখুট করছিলেন’।

মিজান বলল, ‘হলেই ভালো। ইউসুফের কুকুররা তো চুপ করে বসে থাকবে না’।

নুসরত মাথা নাড়ল, ‘হুঁ। আচ্ছা আমরা কেন বুঝলাম না ওটা দৌলত ছিল?’

মিজান বলল, ‘ওটার ক্যামেরাটা ভালো ছিল না। স্পষ্ট করে দেখা যায়নি

কিছু’।

নুসরত বলল, ‘ফরিদ চাচা যা পেয়েছেন, তাই তো দিয়েছেন। এত তাড়াতাড়ি এর থেকে ভালো কিছু জোগাড় হতো না’।

মিজান বলল, ‘ইউসুফেরই ভাগ্য! সামনে দেখলে কপালে কপাল ঘষে নিতাম সত্যি! কতবার যে ও এভাবে বেঁচেছে’!

নুসরত মন খারাপের হাসি হাসল, ‘ঠিকই’।

১৩৩

‘দেখি, আইডি দেখি’।

ঠিক করাচি ঢোকার আগে গাড়ি দাঁড় করিয়ে দিল চেকপোস্টে। আনিসের বুক দুরুদুরু করছিল। ইবাদত গাড়ি থেকে নেমে বললেন, ‘জনাব, আমি শ্যুটিং এর লোকেশন দেখতে গেছিলাম জেলেপাড়ায়’।

ইবাদতের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে অফিসার বলল, ‘তাতে কিছু হবে না। আমাদের উপর স্পষ্ট ইনস্ট্রাকশন আছে গাড়িতে থাকা প্রত্যেকের আইডি চেক করতে হবে’।

ইবাদত বললেন, ‘আইডি নিয়ে বেরোইনি জনাব। আপনি বললে পরে যদি আপনাদের পাঠিয়ে দিই? মানে আমার স্ত্রী প্রেগন্যান্ট এখন, বেশিক্ষণ গাড়ি দাঁড় করালে ওর শরীর খারাপ হতে পারে।’

অফিসার একটু ভেবে বলল, ‘ঠিক আছে। আপনার ফোন নাম্বার দিন। কোথায় উঠেছেন এই ফর্মে লিখুন’।

ইবাদতকে টেবিলের কাছে নিয়ে গেল অফিসার। গাড়িতে বসে মাহি দরদর করে ঘামছিল।

আনিস বলল, ‘আপনি চুপ করে বসে থাকুন আপা। ওরা বুঝতে পারলে এখান থেকেই আবার ধরে নিয়ে যাবে’।

মাহি মাথা নিচু করলেন। শরীর খারাপ লাগছে তার। বুক ধড়ফড় করছে। কাগজে সই করে ইবাদত গাড়িতে উঠে বললেন, ‘চলো’।

আনিস গাড়ি স্টার্ট করল।

অফিসার মাথা নিচু করে গাড়ির ভেতর দেখার চেষ্টা করছিল। আনিস চেকপোস্টটা পেরিয়ে বলল, ‘উফ, বাঁচা গেল!’

ইবাদত বললেন, ‘আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। করাচির চারপাশে থাকলে ওরা মাহিকে পেয়ে যাবে’।

আনিস বলল, ‘দেখুন জনাব, আপনি যদি আমার কথা শোনেন, তাহলে আমার মনে হয় ম্যাডামকে এখানে রাখাটাই খুব বড় ঝুঁকির ব্যাপার হয়ে যাবে। যেভাবে ওরা আদা জল খেয়ে ম্যাডামের পেছনে লেগেছে, তাতে ম্যাডামকে ওরা পেলে এরপর কী হবে, তা কেউ জানে না’।

ইবাদত একটু ভেবে বললেন, ‘তুমি কী বলো?’

আনিস একটু ইতস্তত করে বলল, ‘বালোচ বিদ্রোহীদের কোনও গ্রামে নিয়ে যেতে পারলে…’

ইবাদত সঙ্গে সঙ্গে বললেন, ‘না না। মাহি এখন এত ঝুঁকি নিতে পারবে না। আপাতত আমার ফ্ল্যাটে চলো। তারপর দেখা যাবে’।

ইবাদতের নির্দেশমতো কিছুক্ষণের মধ্যে তারা ইবাদতের ফ্ল্যাটে গিয়ে পৌঁছল।

ঘরে ঢুকে ইবাদত মাহিকে বললেন, ‘তুমি বেডরুমে গিয়ে ঘুমোও। আমি দেখছি কী করা যায়’।

মাহি ইবাদতের হাত ধরলেন, ‘অনেক শুকরিয়া। তুমি না থাকলে আমি কী করতাম জানি না’।

ইবাদত বললেন, ‘আগে রেস্ট করো। স্নান করে নাও। আমি খাবারের ব্যবস্থা করছি। কপাল ভালো, এই সময় কোনও প্রতিবেশী বাইরে ছিল না। কেউ দেখেনি। তবে সিসিটিভি আছে। আনিসকে রাতে আমার ফ্ল্যাটেই থাকতে হবে’।

আনিস বলল, ‘কোনও অসুবিধা নেই স্যার। ম্যাডাম নিরাপদ থাকলেই আমি খুশি’।

ইবাদত আনিসের কাঁধে হাত রাখলেন, ‘থ্যাঙ্ক ইউ তোমাকে। তুমি যা করেছ, আর কেউ করত না’।

আনিস বলল, ‘আমি গরিব মানুষ জনাব। কিন্তু কাউকে এভাবে অত্যাচার করতে দেখলে চুপ করে থাকা যায়?’

মাহিকে বেডরুমে পাঠিয়ে ইবাদত সোফায় বসে বললেন, ‘তুমি বালোচদের ব্যাপারে কী বলছিলে?’

আনিস বলল, ‘দেখুন জনাব, আপনি আগে আমাকে বলুন, এই ফ্ল্যাটটা কি নিরাপদ?’

ইবাদত বললেন, ‘নিরাপদ আমার জন্য। মাহির জন্য নাও হতে পারে। আই এস আই যখন জানতে পারবে আমি এখন করাচিতে আছি, তাহলে ওরা এখানেও আসতে পারে’।

আনিস বলল, ‘আমি সেই জন্যই বললাম জনাব, মাহি এখন কোথাও নিরাপদ নন। একমাত্র বালোচরা ওকে দেশের বাইরে বের করতে পারে’।

ইবাদত দু’হাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে থেকে বললেন, ‘মাহিকে আমি কিছুতেই আর একা ছাড়তে পারি না। আই এস আই ঠিক কী প্ল্যান করে রেখেছে, তা কেউ জানে না। আমি একমাত্র তোমাকেই ভরসা করতে পারব আনিস। তুমি একটা ফ্ল্যাট বা বাড়ি খোঁজো যত দ্রুত সম্ভব। মাহিকে আগে সেখানে নিয়ে যেতে হবে’।

আনিস বলল, ‘সেটা সম্ভব। কিন্তু তারপর?’

ইবাদত থমকে গিয়ে বললেন, ‘একটু ভাবতে দাও। আরেকটু সময় লাগবে। এই নাগপাশ থেকে কী করে বেরোতে হবে, তা নিয়ে আমার এই মুহূর্তে কোনও ধারণাই নেই!’

১৩৪

তুষার অফিসেই ছিলেন। ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপ্রান্ত থেকে একটা গান ভেসে এল, ‘জানে ও ক্যায়সে লোগ হে জিনকে’…

তুষার বললেন, ‘তোমাকে সবাই ভালোবাসে। এসব গান বলে সেন্টিমেন্ট জাগানোর কোনও দরকার নেই। আপডেট দাও’।

সায়ক বলল, ‘বর্ডার পেরোনোর উপায় দেখা হচ্ছে স্যার। আপাতত আমরা পেশোয়ারেই কাবাব খাচ্ছি’।

তুষার বললেন, ‘পেশোয়ার নিরাপদ?’

সায়ক বলল, ‘হ্যাঁ। আমি হাদির সঙ্গে কথা বলেছি। হাদি বর্ডারে লোক পাঠিয়েছে। এদিকে আই এস আইও ইসলামাবাদের ডেরার খবর পেয়ে গেছে। যদিও ওখানে কিছু পাবে না’।

তুষা বললেন, ‘গুড। তথাগত কী বলছে? শরীর কেমন?’

সায়ক বলল, ‘ফুল ফিট আছে স্যার। কোনও অসুবিধে নেই। আমরা খবর রাখব। হাদি খোঁজ নিয়ে আসুক। তারপর বেরোব’।

তুষার বললেন, ‘ঠিক আছে। কিপ মি আপডেটেড’।

সায়ক বলল, ‘বাকিদের জন্য আমার অপেক্ষা করা উচিত ছিল স্যার’।

তুষার বললেন, ‘একদম না। অপেক্ষা করে তুমি কিছু করতে পারবে না। পশ্চিম দিক থেকে কি পূর্ব দিকে গিয়ে ওদের উদ্ধার করবে নাকি? তার জন্য আমরা আছি। তুমি বেরিয়ে এসো। বাই’।

ফোন রাখলেন তুষার।

ডায়েরিতে মন দিয়ে আঁকিবুঁকি করতে শুরু করলেন।

.

খান মাথুরের চেম্বারে বসে আছেন, তাদের সামনে একটা ম্যাপ। খান বসে বসে ম্যাপে পেন্সিল দিয়ে দাগাচ্ছেন, ‘এটা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম, এখানে থাকার কথা সৈকতের, জানি না ব্যাটা কোন চুলোয় আছে! ওর তো কোনও ঠিক নেই। আর এটা হল উত্তর-পশ্চিম, এখানে আছে সায়করা। উপরের দিক যাচ্ছে আফগানিস্তানে, নীচেরটা ইরানে। আর এদিকটা পূর্ব দিক। এখানে আছে নুসরত আর মিজান। ওদের জন্য জয়সালমীর। ফয়সলাবাদে আছেন শরমিন আর জাহিদা। এরা ডাক্তার রিজভির বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় আছে কোনও ঠিক নেই… এদের এসকেপ রুট হল ওয়াঘা’।

মাথুর একটা লাল পেন দিয়ে পাকিস্তানের বর্ডারের জায়গাগুলো দাগিয়ে দিয়ে বললেন, ‘আর এখানে এরা পাগল কুকুরের মতো আমাদের ছেলে মেয়েদের জন্য অপেক্ষা করছে’।

খান চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। মাথুর পেন দিয়ে ম্যাপের মধ্যে দাগিয়ে যাচ্ছেন। খানের ফোন বেজে উঠল। তুষার ফোন করছেন। খান ধরলেন, ‘হ্যাঁ স্যার’।

‘মাথুরকে নিয়ে এসো একবার’।

খান মাথুরকে বললেন, ‘চলো। ডাকছেন স্যার’।

দু’জনে তুষারের ঘরে ঢুকলেন। তুষার বললেন, ‘বসো। খান, আহমদিকে জাহেদানে থাকতে হবে। ওর সঙ্গে যোগাযোগ করো। পাকিস্তান থেকে ইরানে ঢোকা যথেষ্ট কঠিন ব্যাপার। আহমদি ছাড়া সম্ভব হবে না। তবসসুমদের সময় যেমন সাহায্য করেছে, এখনও করতে হবে’।

খান বললেন, ‘সেটা করব স্যার। কিন্তু ইরান থেকে কে বের হবে? সৈকত?’

তুষার মাথা নাড়লেন, ‘হ্যাঁ। নক্কুন্ডি চেকপোস্টে বি এল এ পাকিস্তান আর্মির চেকপোস্টের এক অফিসারকে তুলেছে। সৈকত বর্ডারের কাছে আছে। কী চাইছে, এখনও বুঝতে পারছি না। তবে ফারহাদিকে ছাড়া…’

খান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ‘বি এল এ-র সঙ্গে ঘুরে বেড়াচ্ছে নাকি? আই এস আই জানলে আমাদের শূলে চড়াবে স্যার’!

তুষার হাসলেন, ‘না না। এখনও ও বি এল এ-র সঙ্গেই আছে নাকি তার কথা কিছু বলেনি। তবে এ ছেলের জন্য চিফকে আজ সকালে হাসপাতালে প্রেশার চেক করতে যেতে হয়েছে। বেচারি আমায় বলেছে, তুমি সামলাও তুষার। সৈকতের ব্যাপারে আমাকে কিছু বলবে না। ওকে যে করে হোক পাকিস্তান থেকে বের করে আনো’।

মাথুর বললেন, ‘সৈকত কি পাকিস্তানে থাকতে চাইছে?’

তুষার বললেন, ‘সৈকত কী চাইছে সেটা এখনও আমাদের সঙ্গে কমিউনিকেট করেনি। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে’।

মাথুর বললেন, ‘সায়কদের বেরোতে সমস্যা হবে না?’

তুষার বললেন, ‘নাহ। আমার মনে হয় না সমস্যা হবে। তবু টেনশন তো থাকবেই’।

খান বললেন, ‘হ্যাঁ স্যার। আফগান এলাকা নিয়ে টেনশন সবসময় থাকে’।

তুষার বললেন, ‘তুমি কাবুলের কন্ট্যাক্টসগুলো ঝালিয়ে নাও। আহমদিরটাও’।

খান বললেন, ‘সব করে নিচ্ছি এখনই। চিন্তার কোনও কারণ হবে না’।

তুষার উঠে দাঁড়ালেন। জানলার কাছে গিয়ে বললেন, ‘সবাইকে নিয়েই চিন্তার কারণ আছে। কনফিডেন্সটা যেন ওভার কনফিডেন্সে না পরিণত হয়, আমাদের সেটা দেখতে হবে। আমাদের আরেকবার পরিস্থিতি পর্যালোচনা করতে হবে’।

খান বললেন, ‘রিজভির সঙ্গে কথা বলার চেষ্টা করব? ফয়সলাবাদের তো আর কোনও আপডেট নেই!’

তুষার বললেন, ‘ফয়সলাবাদের আপডেট ওদের তরফ থেকে না এলে রিজভির সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। মিশন অ্যাবর্ট করার পরেও কেন ওরা গেল সেটাই এখন প্রশ্ন’।

খান বললেন, ‘তাহলে! অপেক্ষা?’

তুষার চিন্তিত কণ্ঠে বললেন, ‘হ্যাঁ, এখন শুধুই অপেক্ষা’…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *