৫০
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আলম ঘুমিয়ে ছিলেন। ঘুম ভাঙল তার স্ত্রীর ডাকে, ‘উঠুন। জরুরি ফোন এসেছে’।
শাহবাজ ধড়মড় করে উঠে বসে বললেন, ‘কী হয়েছে?’
শাহবাজের স্ত্রী তাকে ফোন এগিয়ে দিয়ে চলে গেলেন।
শাহবাজ ফোন ধরে বললেন, ‘হ্যালো, কে?’
ওপ্রান্ত থেকে রফিকের কণ্ঠস্বর ভেসে এল, ‘জনাব, একটা খারাপ খবর আছে। আসগর আলি খুন হয়েছেন’।
শাহবাজ বললেন, ‘সর্বনাশ! কে কে জানে? মানে আমেরিকা জানে আসগর ইসলামাবাদে ছিল?’
রফিক বলল, ‘আমরা লাশ সরিয়ে ফেলেছি। আপাতত কোনও খবর বাইরে লিক হবে না’।
শাহবাজ বললেন, ‘আপনি আসতে পারবেন?’
রফিক বলল, ‘রাস্তাতেই আছি’।
শাহবাজ বললেন, ‘আসুন’।
ফ্রেশ হয়ে শাহবাজ তার ড্রয়িংরুমে পৌঁছলেন। চিন্তায় ভ্রু কুঁচকে গেছে তার। আসগর আলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবার আশঙ্কা আছে। সবে সেনা শাসনের পরে পাকিস্তানে ভোট হয়েছে। এখন যদি আবার দেশে অশান্তি শুরু হয়, তাহলে সেনা আবার ক্ষমতা দখল করার সুযোগ পেয়ে যাবে।
রফিক মুখ কালো করে ড্রয়িংরুমে প্রবেশ করল। বলল, ‘আমি আসগর আলির সঙ্গে কথা বলে সবে বেরিয়েছিল। প্রায় তখনই সাইলেন্সার দেওয়া রিভলভার ব্যবহার করে ওকে গুলি করে গেছে কেউ। আমি এখনও বুঝতে পারছি না সবকিছু কীভাবে ঘটে গেল’।
শাহবাজ বললেন, ‘প্রেসিডেন্ট সাহেব জানেন?’
রফিক বলল, ‘জানিয়েছি। শুনে ফোন রেখে দিলেন’।
শাহবাজ মাথা নাড়লেন, ‘পাকিস্তানের জন্য আজকের দিনটা খুবই দুঃখজনক। আসগর ভাইজান না থাকলে আমি রাজনীতিতেই আসতাম না। লন্ডনে চাচার কাছে চলে যেতাম। আপনার কী মনে হচ্ছে? জাফর সাহাব কত তাড়াতাড়ি অভ্যুত্থানের প্ল্যান করবেন?’
রফিক বলল, ‘আমার মনে হয় না, দেশের এই দুঃসময়ে কোনও অভ্যুত্থানের পরিকল্পনা হবে জনাব’।
শাহবাজ বললেন, ‘যদি হয়, আমি আগে থেকে বলে রাখছি, আমাকে দেশ ছাড়ার ব্যবস্থা করে দেবেন। আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, এটুকু উপকার করবেন’।
রফিক বলল, ‘আপনি আমাকে লজ্জিত করছেন জনাব। আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার। এরকম কথা বলা আপনার শোভা পায় না’।
শাহবাজ হাসলেন, ‘ছাড়ুন! আপনিও জানেন এ দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনও জায়গায় আছে। ভাইজান ছিলেন বলে আমি ছিলাম। এখন ভাইজান নেই, আমি কতক্ষণ থাকব তা আমি নিজেও জানি না। আপনার কী মনে হয়, এ কাজ কারা করেছে? র করতে পারে?’
রফিক মাথা নাড়ল, ‘আমরা র-এর ঘাড়ে দোষ দেব। তবে র করেনি, এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। আসগর আলিকে মারার ক্ষমতা র-এর নেই। আমার সন্দেহ আসগরের দেহরক্ষী মনসুরকেই। মনসুর অনেক দিন ধরেই সংগঠন কব্জা করতে চাইছিল। আসগর সাহেব মনসুরকে ভার দিতে চাননি। সারাক্ষণ একসঙ্গে থেকেছেন, কখন কোনও বিষয়ে দু’জনের মতের অমিল হয়েছে, তা আমাদের পক্ষে বোঝা সম্ভব না’।
শাহবাজ বললেন, ‘আমাদেরই দোষ। ইসলামাবাদে ভাইজানের নিরাপত্তা খুব কম ছিল। যারা মেরেছে, নিখুঁত পরিকল্পনা করে কাজটা করেছে। আই এস আই এর কাছে কোনও ইন্টেল ছিল না? মৌলানার ব্যাপারে তো ইন্টেল ছিল?’
রফিক বলল, ‘না জনাব। কোনও ইন্টেল ছিল না। কোনও খবর ছিল না। প্রথমে মৌলানা, পরে আসগর আলি, দুটো বড় বড় মাথা চলে গেল। আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেল’।
শাহবাজ বললেন, ‘একজন বালোচিস্তানের বালোচ বিদ্রোহ দমন করছিল, আরেকজন আজাদ কাশ্মীরে সংগঠন শক্তিশালী করছিল। আপনি নিশ্চিত এর মধ্যে র নেই? আরেকবার ইন্টেল চেক করা যায় না? যদি সত্যিই র থাকে তাহলে অনেক সমীকরণ এদিক ওদিক হয়ে যাবে খুব শিগগিরি। মানে স্বাধীনতার পর থেকে র এতটা আক্রমণাত্মক… আপনি বুঝতে পারছেন আমি কী বলছি?’
রফিক উত্তর দিল না। চিন্তিত মুখে বসে রইল।
৫১
বিকেল পাঁচটা। কাচলাক শহরের পাশের গ্রামে পাক সেনার একটা কনভয় ঢুকল।
কয়েকজন গ্রামবাসী কৌতূহলী হয়ে বেরিয়ে এসেছিল।
মেজর হুসেন গাড়ি থেকে নেমে বলল, ‘পাকিস্তান আপনাদেরও দেশ। আমরা আপনাদের সাহায্য করার জন্য এসেছি। পাকিস্তান সরকার বালোচ প্রদেশের প্রত্যেক নাগরিকের প্রতি কর্তব্যপরায়ণ। আমরা আপনাদের সেবায় নিয়োজিত’।
গ্রামবাসীরা কেউ কোনও কথা বলল না। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল।
মেজর বলল, ‘পরশু রাতে আমরা আপনাদের গ্রামে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথের মাঝে আমাদের কনভয়ের উপর হামলা হয়েছে। আমাদের সেনারা শহিদ হয়েছেন। আপনাদের গ্রাম থেকে বালোচ বিপ্লবীদের পক্ষে কেউ আছে?’
গ্রামবাসীরা এই প্রশ্নের উত্তরেও চুপ করে রইল।
মেজর বলল, ‘বেশ। ঠিক আছে’।
খানিকটা দূরে এক বারো তেরো বছরের ছেলে দাঁড়িয়েছিল। মেজর তার দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটা চকোলেট বের করে ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, ‘তোমার নাম কী?’
ছেলেটা চকোলেটটা নিয়ে বলল, ‘ওয়াসিম’।
মেজর ওয়াসিমের মাথায় হাত বুলিয়ে বলল, ‘ওয়াসিম, এই মুহূর্তে আমাদের মাতৃভূমি পাকিস্তান, পবিত্র মানুষদের কর্মস্থল পাকিস্তান এক ভীষণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু জোরে বলো তো ওয়াসিম, পাকিস্তান জিন্দাবাদ। দেশের সর্বত্র এই স্লোগান শুনলে মন ভালো থাকে, মাথা ভালো করে কাজ করে। আর্মির কাজ কত কঠিন জানো? এদিকে ইরানের লোকেদের সঙ্গে যুদ্ধ করতে হয়, অন্যদিকে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আমরা খুব কঠিন কাজ করি। তুমি কোনওদিন পাকিস্তান আর্মি জয়েন করবে ওয়াসিম?’
ওয়াসিম ফ্যালফ্যাল করে কয়েক সেকেন্ড মেজরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ‘বালোচিস্তান জিন্দাবাদ। মহান আল্লাহ বালোচিস্তানকে ভালো রাখুন। আমরা স্বাধীনতা চাই, জিন্দাবাদ জিন্দাবাদ, বালোচিস্তান জিন্দাবাদ’।
মেজর রাগল না। হাসল। জড়ো হওয়া বুড়োদের বলল, ‘বালোচিস্তানের স্বপ্ন সবাই দেখে। ঠিকই তো, সবাই স্বাধীন হতে চাইবে, এর থেকে ভালো আর কী হতে পারে? কাশ্মীর ইন্ডিয়ার থেকে স্বাধীন হতে চায়, বালোচিস্তান পাকিস্তানের থেকে। কম কষ্ট করেনি কেউ। আমিও চাই বালোচিস্তান স্বাধীন হোক। বালোচিস্তান জিন্দাবাদ, বালোচ আর্মি জিন্দাবাদ। আপনাদের গ্রামের সঙ্গে আমরা শান্তিতে দেখা করতে এসেছি। আমি শান্তিপ্রিয় মানুষ। গ্রামের মানুষরাও তাই। সবার জন্য চকোলেট নিয়ে এসেছি আমি’।
গাড়ির পেছন থেকে চকলেটের ব্যাগ বের করল মেজর। গ্রামের সবার মধ্যে চকোলেট বিলি করতে শুরু করল সেপাইরা। গ্রামবাসীরা চকোলেট নিলেও কেউ খেল না।
মেজর হুসেন নিজে একটা চকোলেট মোড়ক থেকে খুলে খেয়ে বলল, ‘আপনারা কী ভাবছেন? চকোলেটে বিষ আছে? এরকম ভাবার কোনও কারণ নেই। দেখুন আমি খাচ্ছি। আপনারাও খান’।
গ্রামবাসীরা একে একে মোড়ক খুলে চকোলেট খেতে শুরু করল।
মেজর এগিয়ে গিয়ে একজন বয়স্ক গ্রামবাসীর কাছে পৌঁছে বলল, ‘বি এল এর ভাইরা কোথায় জনাব? ওদের জন্যেও চকোলেট এনেছি’।
বৃদ্ধ মানুষটি বললেন, ‘এখানে কোনও বি এল এ নেই জনাব’।
মেজর হাসল, ‘কী যে বলেন জনাব। বি এল এ না থাকলে আমাদের জহির সাব কি নিজে নিজেই গুলি খেয়ে মরে গেলেন নাকি? আমাদের যতজন সেপাই শহিদ হল, তারাই বা কী করে মারা গেল?’
বৃদ্ধ বললেন, ‘তাহলে ওরা আমাদের গ্রামের না। অন্য কোনও গ্রামের হবে। এখানে কোনও বি এল এ নেই’।
মেজর ফোন বের করে একটা ছবি দেখাল বৃদ্ধকে, ‘শাহমির। শাহমিরের মানে হল সাহসী এবং মহান রাজা। সত্যিই তাই। সাহসী তো হতেই হবে! পাকিস্তানী ফৌজের হাত থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচতে হবে। সাহসী না হলে কী করে হবে? এই শাহমীর হল কাচলাকের লোক। ঠিক বলছি?’
বৃদ্ধ বললেন, ‘ও বি এল এতে আছে নাকি জানি না। বহুদিন গ্রামের বাইরে আছে ও। আমরা জানি না জনাব’।
মেজর ফিকফিক করে হাসতে হাসতে বালকটির কাছে গিয়ে বলল, ‘ওয়াসিম, আমাদের সঙ্গে যাবে? খুব ভালো লাগবে। পাকিস্তানি আর্মি কী করে দেশের সবার দেখা দরকার। দেশের উন্নতির জন্য আমি মনে করি প্রত্যেক বাচ্চাকে বছরে একদিন অন্তত আর্মির সঙ্গে কাটানো দরকার। যাবে ওয়াসিম?’
ওয়াসিমের মা কেঁদে উঠল। দৌড়ে এসে বলল, ‘আমার ছেলেকে ছেড়ে দিন জনাব। ও কিছু বোঝে না। ওকে ছেড়ে দিন’।
মেজর মাথা নাড়ল, ‘ঠিক। আমি তো ছাড়বই। পাকিস্তান আর্মি তো আর ইন্ডিয়ান আর্মির মতো না, যারা কাশ্মীরিদের উপরে হামলা করবে তাদের সঙ্গে অমানুষের মতো ব্যবহার করবে। কিন্তু আমি একটা কথা মানি, যারা পাকিস্তান আর্মির গায়ে হাত দেয়, তাদের যেন দ্বিতীয়বার আর হাত দেবার সাহস না হয়। এই গ্রামের লোক আমাদের মেরেছে! আমরা তো তাদের ছেড়ে দিতে পারি না। নাহ, পারি না, কিছুতেই পারি না’।
মেজর কোমর থেকে রিভলভার বের করে ওয়াসিমের মাথায় ধরে বলল, ‘আজকের দিনের জন্য এটুকুই থাক’।
ওয়াসিমের মা কেঁদে উঠে মেজরের পায়ে ঝাঁপিয়ে পড়ল, ‘জনাব, ও কিছু করেনি। ওকে ছেড়ে দিন জনাব’।
মেজর কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে ওয়াসিমকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে পড়ল, ‘সবাই চকলেট খেয়ে নিন। আরও ভালো খাবার নিয়ে আসব আপনাদের জন্য। কী আনা যায়? হ্যাঁ, কাবাব নিয়ে আসব। শুভ রাত্রি’।
কনভয় নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল মেজর হুসেন।
মিনিট কুড়ি পরে দশ জন গ্রামবাসীর তীব্র বিষক্রিয়ায় মৃত্যু হল।
৫২
সকালে উঠে টিভি দেখা। দরজা খুলে কেউ খাবার দিয়ে যেত। সে খাবার খেয়ে মাহি শুয়েই থাকতেন। মাঝে মাঝে জানলা দিয়ে চিৎকার করে দেখেছেন, কোনও লাভ হয়নি। আমান এলে শুধু মেকআপ কিট নিয়ে আসত। তার দিকে ছুড়ে দিয়ে বলত, ‘এগুলো ঠিক আছে না?’
মাহি অনেক অনুনয় বিনয় করেছে, ‘আমাকে ছেড়ে দিন। আমি তো কোনও অন্যায় করিনি। তাহলে কেন আমাকে এখানে চার দেওয়ালের ভেতরে আটকে রেখেছেন?’
আমান শুধু হেসে বলেছে, ‘অনেক বড় মকসদ অপেক্ষায় আছে তোমার। তুমি শুধু নিজেকে ঠিক রাখো। বাকি সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তো আছি’।
একদিন মাহিকে খাইবার পাখতুনখোয়ার ক্যাম্পে যাওয়া হল। ডিনার খাবার পরেই মাহি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। জ্ঞান ফেরার পর ঘোরের মধ্যে থাকা অবস্থায় যখন বুঝেছেন গাড়িতে আছেন, চিৎকার করেছেন। তার মুখে রুমাল ঢুকিয়ে দেওয়া হয়েছে।
জ্ঞান ফিরতে টের পেলেন, একটা ছোট ঘরে তাকে আটকে রাখা হয়েছে। উঠে দরজা ধাক্কা দিয়েছেন। কোনও সাড়া মেলেনি।
ঘরের সঙ্গে লাগোয়া অপরিচ্ছন্ন নোংরা একটা বাথরুম। মাহি সেখানেই বমি করে আবার ঘরে এসে শুয়েছিলেন। প্রবল ঠান্ডা। রাত যত বাড়ছিল, মেঝে আরো শীতল হয়ে উঠছিল। বাইরে থেকে মাঝে মাঝেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে। মাহি কেঁপে কেঁপে উঠছিলেন।
অনেক রাতে একটা সময় দরজা খুলল। একশো ওয়াটের একটা বাল্ব জ্বলল।
‘আমার নাম শুনেছ মাহি? আমার নাম আবু ইব্রাহিম। আমি তোমার খুব বড়… ওই কী যেন বলে… হুঁ, ফ্যান। সেই অ্যাবোটাবাদ থেকে আমি তোমার জন্য চলে এসেছি। বুঝতেই পারছ কত দিন অপেক্ষা করেছি তোমার জন্য’।
প্রায় ছ’ফুট লম্বা একজন বৃদ্ধ। চোখ মুখে বয়সের ছাপ স্পষ্ট।
মাহি বললেন, ‘আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? কী চান আপনারা? আমান কোথায়?’
আবু ইব্রাহিম দরজা বন্ধ করে বসল, ‘মীরান বালোচ তোমার কে হয়?’
মাহি বললেন, ‘কে মীরান বালোচ?’
আবু ইব্রাহিম বলল, ‘খালাতো ভাই হয় না?’
মাহি মাথা নাড়লেন, ‘আমি জানি না’।
আবু ইব্রাহিম বলল, ‘ঠিক আছে। রাত হয়েছে, এসব কাজের কথা পরে হবে। জামা কাপড় খুলে ফেলো’।
মাহি ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ‘বেরোন! বেরিয়ে যান এখান থেকে’।
আবু ইব্রাহিম হাসল। এগিয়ে এসে মাহির চুলের মুঠি ধরে তাকে দেওয়ালে ঠেসে ধরে বলল, ‘কার সঙ্গে কথা বলছিস, সে সম্পর্কে তোর বিন্দুমাত্র ধারণা আছে? ইন্ডিয়ানদের সঙ্গে শোবার সময় তো বাধা দিতিস না, এত বড় সাহস হয় কী করে তোর?’
আবু ইব্রাহিম বৃদ্ধ হলেও তার গায়ে অসুরের শক্তি। মাহি কোনও প্রতিরোধই করতে পারলেন না। মেঝেতে ফেলে তাকে যেন পিষে দিয়ে গেল আবু। শেষের দিকে বমি উঠে আসছিল। আবু ইব্রাহিমের গায়ের গন্ধটা কিছুতেই সহ্য করতে পারছিলেন না তিনি।
সব হয়ে গেলে নগ্ন মাহিকে মেঝেতেই ফেলে চৌকিতে বসল আবু ইব্রাহিম। বলল, ‘এ দেশ কুরবানি চায়। ইন্ডিয়াতে গিয়ে তুমি যে গুনাহ করেছ, সেই গুনাহর হিসেব তোমাকেই মেটাতে হবে’।
মাহি অচৈতন্য হয়ে পড়ে রইলেন।
সে রাতে আবু ইব্রাহিম তার শরীরটাকে যেন ছিবড়ে করে দিল। ভোরবেলায় ঘরের দরজা খুলে আবু যখন তার পোশাক ঠিক করতে করতে বেরোল, তখন মাহি জ্ঞান হারিয়েছেন।
বাইরে বেরিয়ে আবু তার এক সাগরেদকে ডেকে বলল, ‘তিন দিন যেন না খাইয়ে ফেলে রাখা হয়’। পরক্ষণেই থমকে দাঁড়িয়ে বলল, ‘নাহ, খাবার দেওয়া হোক, নইলে চেহারা খারাপ হয়ে যাবে। এভাবেই থাক। ওকে জাগা’।
একজন গিয়ে মাহির চোখে মুখে জল দিয়ে মাহির জ্ঞান ফেরাল।
আবু ইব্রাহিম বলল, ‘আজ রাতে আমার সঙ্গে তোমার নিকাহ। সেভাবে তৈরি হও’।
মাহি শব্দ করে থুতু ফেললেন।
আবু ইব্রাহিমের শাগরেদ মাহির মুখে সজোড়ে চড় কষাল। মাহি বমি করে দিলেন…।
৫৩
সাদিককে ইন্টারোগেশন চেম্বারে একা একা এক ঘণ্টা ধরে বসিয়ে রাখা হয়েছে। খান চেম্বারের দরজা খুলে ঢুকে বাংলায় বললেন, ‘চা খাবেন?’
সাদিক বলল, ‘জি, হইলে ভালো হইত। গলা শুকাইয়া গেসে জনাব’।
খান উলটোদিকের চেয়ারে বসে বললেন, ‘সাদিক সাহেব, আপনার সঙ্গে তো আমার কোনও ঝামেলা নেই। আপনি যদি সব সত্যি কথা বলে দেন, তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে দিতে পারি’।
সাদিক বলল, ‘এসব ভুয়া অফার দেওয়ার কোনও মানে আছে মিয়াঁ?’
খান বললেন, ‘আছে। আপনি আমাদের দিকে থাকলে আমরা একসঙ্গে কাজ করতেই পারি। আই এস আই আপনার কোন উপকারটা করেছে?’
সাদিক একটুও না ভেবে মাথা নেড়ে বলল, ‘কোনও উপকার করে নাই। পেমেন্টও মারসে অনেকবার। আমি ব্যবসায়ী মানুষ জনাব, ওই সব জিহাদ ফিহাদে আমি কান দিই না। কত দেবেন কন, আমি চেষ্টা করতাসি’।
খান খুশি হলেন, ‘গুড। আই এস আই আপনাকে দিয়ে কী কাজ করাত?’
সাদিক সতর্ক গলায় বলল, ‘আমার সিকিউরিটি কে দিবে? আমি কিন্তু আর ঢাকা ফিরুম না’।
খান বললেন, ‘আমরা দেব। আপনি তথ্য দিন। কী কাজ করতেন?’
সাদিক বলল, ‘পাকিস্তানের ভিতরে অনেকগুলান জায়গা আছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধর্মের নামে যে ফান্ড জড়ো হতো, তা ওরা আমার মাধ্যমে জোগাড় করত’।
খান বললেন, ‘কারা?’
সাদিক বলল, ‘আই এস আই। অগো কাছে অনেক টেকা। কত দেশ অগো হেল্প করে। আমিও করতাম। অত ভাইবা কিছু করি নাই। টেকা পাইসি, করসি’।
খান চা আনালেন। চায়ে চুমুক দিয়ে বললেন, ‘আপনাকে যতবার আমি জিজ্ঞাসাবাদ করেছি, প্রত্যেকবার আপনি একই জবাব দিয়েছেন। ইমপ্রেসিভ। এর উত্তর একটাই, আপনি সত্যি কথা বলছেন। আপনার কথায় মিথ্যে কথা নেই’।
সাদিকও চায়ে চুমুক দিল, ‘জি জনাব। আমার জানানোর কিছুই নাই। পাকিস্তানিরা আমাগো এখনও গরু ছাগলের মতোই দ্যাহে। আমাগো দেশের লোকেরা বুঝেও বুঝতে চায় না। ভাবে ধর্ম এক হইলেই সব এক হয়। গর্দভের দল’।
খান পকেট থেকে একটা ছবি বের করে সাদিকের দিকে এগিয়ে দিলেন, ‘দেখুন তো। একে চেনেন?’
সাদিক ছবি দেখে বলল, ‘আল মাসুদ। চিনি। এর ওইখানে গেছি দুইবার’।
খান নড়েচড়ে বসলেন, ‘ওইখানে মানে ফয়সলাবাদে?’
সাদিক বলল, ‘জি। ওই জায়গা থিকে আরও ভিতরে। শহর ছাড়ায়ে যাইতে হয়। অনেকখানি জায়গা নিয়া থাকে এই লোক। বাংলাদেশ থিকাও দেড়শো ছেলে নিয়া গেছিল’।
খান মন দিয়ে চা খেতে লাগলেন। সাদিক বলল, ‘জনাব, আল মাসুদের অনেক সম্পত্তি’।
খান বললেন, ‘তাই? কোত্থেকে আসত এত কিছু?’
সাদিক বলল, ‘আমার মনে হয় টাকা চুরি করত। অরে অস্ত্র কিনতে দেওয়া হইত, ও অনেক টাকা পকেটে ঢুকায়ে ফেলত। কিন্তু ওর অনেক ক্ষমতা। আসগর আলিও ওরে ডরায়’।
খান বললেন, ‘আসগর আলি আর নেই সাদিক মিয়াঁ। তাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে’।
সাদিক এবার চমকাল, ‘কন কী জনাব?’
খান বললেন, ‘হুঁ, ঠিকই বললাম। আপনি দেশে ফিরতে চান? ঢাকায় যেতে ইচ্ছে করে না? ঢাকার দায়িত্বও আমরা নিতে পারি।’
সাদিক বলল, ‘লোভ দেখান? ঢাকায় আপনারা কিছু করতে পারবেন না।’
খান বললেন, ‘চুক্তি করে কাজ করাই আমরা। আই এস আই এর মতো না। আপনি আমাকে আল মাসুদ দিতে পারবেন?’
সাদিক বলল, ‘ক্ষমতা নাই জনাব। আল মাসুদরে দেওয়ার ক্ষমতা আমার নাই। মিথ্যা কথা বইলা কী কাম?’
খান খুশি হলেন, ‘গুড। আপনি দেখছি অনেস্ট। ঠিক আছে। কাকে দিতে পারবেন?’
সাদিক বলল, ‘ইউসুফ আজহার। মুলতানে থাকে। চিনেন?’
খান বললেন, ‘হ্যাঁ, খুবই গুণধর লোক। চিনি। কী করে পাওয়া যাবে?’
সাদিক বলল, ‘তিনমাসে একবার দুবাই যায় রেস দেখতে। অনেক টাকা উড়াইয়া আসে’।
খান বললেন, ‘মিথ্যা কথা। ইউসুফ কোনও রেস খেলতে যায় না’।
সাদিক ফিক ফিক করে হাসতে হাসতে বলল, ‘জি জনাব। আপনি ঠিক কইসেন। ইউসুফ আজহার যায় না। আবার যায়ও। অন্য লোক সাইজা যায়। আগে বাকু যায়, তারপর দুবাই যায়। সবাই জানে না। অর দলের কয়েকজন জানে, আর আমি জানি’।
খান বললেন, ‘আপনি জানলেন কী করে?’
সাদিক বলল, ‘ফান্ড দিতে গেছিলাম জনাব। দোহা থিকে অনেক ডলার পাঠায়েসিল। আমি দিতে গেসিলাম। যাচাই কইরা দ্যাহেন। মিথ্যা হইলে ফাঁসি দিয়েন। সত্য হইলে দ্যাশে পাঠায়েন। টেকা দরকার, কিন্তু দেশে মরুম সেটাও দরকার’।
খান উঠে দাঁড়ালেন, ‘ঠিক আছে। আপনি কী খেতে চান বলে দেবেন, আমি ব্যবস্থা করে দেব। আরেকজনকে পাঠাচ্ছি। আপনি ওকে ডিটেলস দিন। কথা সত্যি হলে প্রাইজ পাবেন’।
সাদিক হাসিমুখে বসে রইল।
৫৪
আসগর আলির চোখ মুখ থেকে রক্ত পড়ছে। সে হাসতে হাসতে বলে চলেছে, ‘আমাকে মারলি রাণা! পাকিস্তান থেকে তুই জীবিত অবস্থায় বেরোতে পারবি তো? পারবি না, মরবি তুই। আমার থেকেও খারাপ পরিণতি হবে তোর’।
দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল রাণার। ধড়মড় করে উঠে বসল সে। সন্ধে নেমেছে। চারদিকে অন্ধকার নেমে এসেছে।
রাণা চুপ করে বসে রইল। অনেকক্ষণ ঘুমিয়েছে সে। দুপুরেও খায়নি। সারাদিন ঘুমিয়েছে।
অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এ ক’দিন রাতগুলো এভাবেই কেটেছে। এ বাড়িটা থেকে একশো মিটার দূরে পাশের বাড়িটাও পরিত্যক্ত।
রাণা জানলার কাছে গিয়ে দাঁড়াল। দূরে ইসলামাবাদ শহরের আলো দেখা যাচ্ছে।
মাঝে মাঝে মনে হয় সে স্বপ্ন দেখছে। আসলে এটা পাকিস্তান না, কলকাতা কিংবা দিল্লি।
‘উঠলে?’
অমলের গলা শোনা গেল।
রাণা বলল, ‘হ্যাঁ। মাথা জ্যাম হয়ে আছে। আসগরকেও স্বপ্নে দেখে ফেলেছি’।
অমল হেসে ফেলল, ‘কী করছে বুড়োটা? স্বপ্নে তোমাকে মারতে আসছে নাকি?’
রাণা বলল, ‘না। থ্রেট দিচ্ছিল, দেশে ফিরতে পারব না এসব বলছিল’।
অমল বলল, ‘তোমার কি দেশে যাবার ইচ্ছে আছে? অবচেতনে?’
রাণা বলল, ‘আছে হয়তো। এখানে কে মরবে? আর যদি এখানে মরতেই হয়, তাহলে আরও খান দশেক আসগরকে মেরেই না হয় মরব’।
অমল বলল, ‘উঁহু, ওভাবে হয় না। পাকিস্তানে সবাই আসগর না। তবে অপেক্ষা করলে খান দশেক না হলেও অন্তত দু’জনকে মারাই যায়। ওরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়বে। আসগর যে পার্কে ঘুরত সেখানে ওরা ইচ্ছে করেই সিসিটিভি রাখেনি। রাখলে আমাদের কপালে দুঃখ ছিল’।
রাণা বলল, ‘দুঃখ আর কী আছে। মেরে দেবে এই তো? যা হবে হবে। আমি ওসব নিয়ে ভাবছি না। এখানে থাকাটাই বেশি চিন্তার আমার কাছে। সারাদিন ধরে একটা জায়গায় লুকিয়ে থাকতে হচ্ছে’।
অমল বলল, ‘তোমাকে নিয়ে আমার এটাই ভয় রাণা। তুমি ভীষণ অধৈর্য হয়ে পড়ো। এই জন্যই তোমাকে দেশে পাঠানো দরকার। এখানে থাকলে সুযোগের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। শান্ত জায়গা, লুকিয়ে থাকার জায়গা খোঁজাটাই আমাদের কাজ। ভিড়ে মিশে যাওয়াটাই আসল, ভীষণ গুরুত্বপূর্ণ’।
রাণা বলল, ‘হ্যাঁ। আগেও বলেছ তুমি। আমরা তো একটু বেরোতে পারি? বাজার ঘুরে এলাম। এদিক-ওদিক। এত বড় শহর, কে দেখবে?’
অমল বলল, ‘পারি। কিন্তু এখন না। এখন এখানেই থাকতে হবে। ম্যাগি খাবে?’
রাণা বলল, ‘না। পরে খাব। আসগরের ট্রেনিং ক্যাম্পে যাওয়া যেতে পারে’।
অমল বলল, ‘রাওয়ালপিন্ডিতে? আরও অসংখ্য আসগর তৈরি হচ্ছে সেখানে। আর এই আসগররা আসলে মানসিক রুগি। ওরা বুঝতেও পারছে না, কতজনকে মারবে। মেরে শেষ করতে পারবে না। প্রতিদিন হাজার হাজার আসগর তৈরি হচ্ছে। কাউকে স্বাধীনতার লোভ দেখাচ্ছে, কাউকে স্বর্গের রোগ দেখাচ্ছে, তারপর নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে’।
রাণা বলল, ‘আমিও তাহলে মানসিক রুগি। অবশ্য আমি নিজেও সেটা জানি। মাথাটা মাঝে মাঝে দপদপ করে, রাগ হয়। কার উপর রাগ হয় আমি তাও জানি না। শুধু সব ভেঙেচুরে দিতে ইচ্ছে করে। এরা সাকিনার কী হাল করেছিল ভাবো তো? একাত্তরে বাংলাদেশে ওদের অত্যাচারের কাহিনি যতবার শুনেছি, ততবার রাগ হয়েছে। যখন যন্তরটা হাতে থাকে, তখন মনে হয় সবকটাকে খুঁজে মেরে দিয়ে আসি’।
অমল রাণার কাঁধে হাত দিয়ে বলল, ‘সময় আসবে। সবকিছুর সময় আসে রাণা। আমাদের অপেক্ষা করতে হবে’।
রাণা বলল, ‘সুইসাইড মিশনে যাই? কী হবে বেঁচে থেকে? সেই একঘেয়ে জীবন, কিছু নেই। এর থেকে কয়েকটাকে মেরে মরে যাই। কী বলো?’
অমল বলল, ‘আমরা বাঁচব বলেই তো কাদায় নেমেছি রাণা। বাঁচতেই হবে আমাদের! এসব বললে হবে না। কলকাতার পুজো দেখতে হবে, দিল্লির শীতে কাঁপতে কাঁপতে লালকেল্লা ঘুরতে হবে, বম্বেতে সূর্যাস্ত দেখতে হবে, বিবেকানন্দ রকে বসে তিন সাগরের মিলন দেখতে হবে। বাঁচব না মানে? বাঁচতেই হবে। চলো, ম্যাগি খাওয়া যাক’।
রাণা বলল, ‘মাইরি সকাল বিকেল এই ম্যাগি খাওয়ার থেকে মরে যাওয়াই ভালো’।
অমল হো-হো করে হেসে উঠল।
