ব্লু উইংস – ৮০

৮০

ইসলামাবাদ।

ভোর ছ’টা।

রফিক ঘুমাচ্ছিল। ফোনের শব্দে ঘুম ভাঙল তার, বিরক্ত মুখে ধরল, ‘কী হল?’

‘জনাব, তনবীরের গলা কেটে ফ্ল্যাটের দরজার সামনে ফেলে তবসসুম বেগম পালিয়ে গেছে’।

‘কী?’ উঠে বসল রফিক।

‘জি জনাব। কিছুক্ষণ আগেই থানায় রিপোর্ট হয়েছে। ফ্ল্যাটের দরজার বাইরে তনবীর আলমের মাথা পাওয়া গেছে’।

ফোন কেটে দিল রফিক। একদিন আগেও তনবীরের সঙ্গে কথা হয়েছে তার। কোনওরকম অসংগতি বা সন্দেহ মনে হয়নি। তবসসুম? ভ্রু কুঁচকে ভাবতে লাগল সে। কয়েক মিনিট পরে আকবরকে ফোন করল।

আকবর প্রথমে ধরল না। দ্বিতীয় বার রিং হতে ধরে সালাম দিল, ‘গুডমর্নিং জনাব’।

‘গুডমর্নিংয়ের কিছু নেই আকবর। তনবীরকে খুন করে গেছে কেউ’।

‘কোন তনবীর জনাব?’

‘তোমার খোয়ারি কাটিয়ে ঘুম থেকে ওঠো। করাচির তনবীর আলম। নাম শুনেছ? না মদের ঘোরে সে নামও ভুলে মেরে দিয়েছ?’

‘তনবীর আলম? জি জনাব, তনবীরের নাম ভুলব কেন? সে কী! ওকে খুন করেছে! কে?’

‘তবসসুম! মেয়েটা পালিয়েছে। ফ্ল্যাটে নেই!’

‘সে কী!’

‘সে কী বললে হবে? করাচিতে আমার দু’জন লোক ছিল। জহির আর তনবীর। দুজনকেই মেরে ফেলা হল। জহির তো ঠিক আছে। কোয়েটাতে ওসব চলছিল, কিছু করার ছিল না, কিন্তু তনবীর? ওর সঙ্গে তবসসুমের কোনও সমস্যা ছিল বলে আমার জানা নেই। তাহলে?’

‘তবসসুম কোঠির মেয়ে জনাব। ওর অন্য কোনও আশিক থাকতে পারে’।

‘হুঁ, তা হতে পারে। ঠিক আছে…’

ফোন কাটল রফিক। চুপ করে কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়াতেই দেখল একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছে। ধরল সে, ‘জি’।

‘জনাব, আপনাকে একটা তথ্য জানাবার জন্য ফোন করেছি’।

‘কী তথ্য? কে তুমি?’

‘আমি আপনার শুভানুধ্যায়ী জনাব। আপনাকে অনেকদিন ধরে ফলো করি। সে হিসেবেই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছি’।

‘কী তথ্য?’ রফিকের ভ্রু কুঁচকাল।

‘মেজর জেনারেল আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী আপনার বাড়ি ঘেরাও করে আপনাকে গ্রেফতার করবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান। আর হ্যাঁ, কাউকে বিশ্বাস করবেন না। আপনার সঙ্গে যারা আছে, তারাও কেউ বিশ্বাসযোগ্য নয়’।

ফোন কেটে গেল।

রফিক হতভম্ব হয়ে বসে রইল। নাম্বারটায় ফোন করার চেষ্টা করল। ফোন সুইচড অফ বলছে।

তার স্ত্রী পাশের ঘরে ঘুমাচ্ছিল। সে ডেকে তুলে বলল, ‘এখনই রেডি হয়ে নাও। আমরা বেরোব’।

‘কোথায় যাব?’

‘জাহান্নামে যাব। যা বলছি করো। এখনই তৈরি হও’।

যেদিন থেকে রফিক আই এস আই চিফ হয়েছে, সেদিন থেকে তার প্ল্যান করাই ছিল এরকম দিন এলে কী করতে হবে। একটা লকারে সব টাকা, স্ত্রীর গয়নাগাটি রাখা। পাকিস্তানের ইতিহাস তাকে শিক্ষা দিয়েছে এই পরিস্থিতিতে কী করতে হবে।

দুটো ব্যাগে দ্রুত সব জিনিস ভরে নিয়ে সে গ্যারেজে পৌঁছল। তার গ্যারেজে দুটো গাড়ি থাকে। যে গাড়িটা কোনওদিন বের করে না, সেই গাড়িটা সে রোজ সকালে উঠে একবার করে স্টার্ট দিত যাতে ব্যাটারি না বসে যায়। সেই দ্বিতীয় গাড়ির ডিকিতে ব্যাগটা রেখে স্ত্রীকে নিয়ে বেরোল। ফোন সুইচ অফ করে দিয়েছে। বড় রাস্তায় বেরোতে রফিক দেখতে পেল সেনা ভর্তি চারটে জিপ তার বাড়ির রাস্তায় ঢুকছে।

রফিকের স্ত্রী বলল, ‘কী হয়েছেটা কী?’

রফিক বিরক্ত কণ্ঠে বলল, ‘জানি না। কী হয়েছে জানলে তো হয়েই যেত। চুপ করে বসে থাকো’।

রফিকের বউ রেগে গেল, ‘তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছ কেন? ঘুম থেকে তুলে কোথায় নিয়ে যাচ্ছ সেটা বলছ না’।

রফিক লুকিং গ্লাসে দেখল পেছনে একটা জিপ তাকে তাড়া করেছে। সে স্পিড বাড়াল, ‘চুপ করে বসে থাকো। আমাদের একটা নিরাপদ জায়গায় যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব’।

রফিক কথা শেষ করতে পারল না, তার আগে সামনের গলি থেকে পরপর দুটো জিপ রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল।

রফিক গাড়ি দাঁড় করিয়ে হাল ছেড়ে দিল, ‘ওহ আল্লাহ, এটাই বাকি ছিল’!

৮১

‘জনাব, রুমের দরজাটা বন্ধ আছে। কী করব জনাব?’

‘ভেঙে ফেল। দয়া দেখাতে এত কষ্ট করে তোদের মুম্বই পাঠানো হয়নি। যাকে যাকে পাবি, মেরে ফেল’।

‘জনাব। ঘরের ভেতরে একটা বাচ্চা ছেলে। চার পাঁচ বছর বয়স’।

‘মেরে ফেল। হোটেলের ওই ফ্লোরে একজনও যেন বেঁচে না থাকে। যাকে যেখানে যে অবস্থায় পাবি, মেরে ফেলবি। আমাকে জিগ্যেস করার দরকার নেই। আর শোন, কম্যান্ডো আসছে। ওরা থার্ড ফ্লোর দিয়ে ঢোকার প্ল্যান করছে, আমার সঙ্গে যোগাযোগ রাখবি’।

‘জি জনাব’…

বালোচিস্তানের অনেকটা ভেতরে ঢুকে গেছে তারা। সারা রাত গাড়ি চলেছে।

গাড়ির পেছনের সিটে মাথা রেখে চোখ বন্ধ করে আছে তবসসুম। রাবেয়া বেগম তবসসুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ‘বেটি, যদি তোকে শাহি টুকরাটা খেতে হতো, তাহলে?’

তবসসুম ক্লান্ত কণ্ঠে বলল, ‘তোমার মনে আছে, যখন ছোট ছিলাম তখন তনবীর প্রথম আমার ঘরে এসেছিল। আজ থেকে চিনি ওকে? ও প্রথমবার যখন আমাকে জোর করে, পরের বার আর করে না। একবারেই বুঝে যায় আমি কিছু দিইনি। আমি জানতাম ও আর জোর করবে না। আর করলে করত, অজ্ঞান হতাম, আর কী হতো?’

রাবেয়া বললেন, ‘ও বেঁচে থাকলে তোকে আর বাঁচতে দিত না। ওখানেই মেরে ফেলত’।

তবসসুম উত্তর দিল না। জায়নাব ওরফে রোহিণী জানলার বাইরে দেখছিল। হাতে ফোন। পাথুরে বালির রাস্তাটা সামনে থেকে বাঁ-দিকে বেঁকে গেছে। ড্রাইভার বাঁ দিকের রাস্তা নিল।

রোহিণী বলল, ‘আর কত দূর?’

ড্রাইভার বলল, ‘এসে গেছি’।

মাইলস্টোনে লেখা ‘লাখরা, পাঁচ কিলোমিটার’।

পাঁচ কিলোমিটারের অনেক আগেই একটা ছোট গ্রামে ঢুকল গাড়িটা। গ্রামে ঢোকার মুখে দু’জন সশস্ত্র প্রহরী। ড্রাইভারকে দেখামাত্র তারা রাস্তা ছেড়ে দিল। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াল।

ড্রাইভার রোহিণীকে বলল, ‘কোথাও বেরোবি না, পাকিস্তানী আর্মি এলেও না। ওরা ঠিক লুকিয়ে রেখে দেবে। গ্রিন সিগনাল এলে বর্ডার পার করে দেবে। টেক কেয়ার’।

রোহিণী বলল, ‘ইউ টেক কেয়ার। তোমাকে নিয়েই আমাদের সবার ভয়’।

ড্রাইভার হাসল, তবসসুমকে বলল, ‘আপনার সঙ্গে একদিন দেখা হবে। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব’।

তবসসুম অস্ফুটে বলল, ‘আমি শুধু বাঁচতে চাই। বিশ্বাস করুন, আমার আর কিচ্ছু চাই না। নিশ্চিন্তে, নির্বিঘ্নে বাঁচতে চাই’।

রোহিণী তবসসুমের হাতে হাত রাখল, ‘নিশ্চয়ই বাঁচবে তুমি। মাথা উঁচু করে বাঁচবে। চলো ভেতরে যাই’।

গাড়ি থেকে নামল ওরা। দু’জন গ্রামীণ মহিলা এসে তিনজনকে ঘরের ভিতরে নিয়ে গেল।

গাড়ি স্টার্ট দিল। এবং ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেল।

‘তনবীর ক্লিয়ারড’।

তুষার ঘুম থেকে উঠেছেন দশটায়। সকাল সাতটায় ঘুমিয়েছিলেন ছবিগুলো দেখে। ঘুম থেকে উঠেই মেসেজ দেখে উঠে ড্রয়িংরুমে গিয়ে বসলেন। ইরাবতী বললেন,

‘মাথুর আমাকে ফোন করেছিল। জানে তুমি ঘুমাচ্ছ। বলেছে, জাগলে ওকে ফোন করতে’।

তুষার বললেন, ‘ওকে। ফোন করে নিচ্ছি’।

তুষার মাথুরকে ফোন করলেন। ফোন ধরেই মাথুর উত্তেজিত কণ্ঠে বললেন, ‘স্যার, আরেকটা উইকেট পড়েছে’।

তুষার বললেন, ‘হ্যাঁ, মেসেজ পেয়েছি জাস্ট। ঘুমিয়েছিলাম তাই আগে বুঝতে পারিনি’।

‘সেই তনবীর স্যার। ভাবা যায় না, আমি তো লাফাচ্ছি। অফিসে সবার জন্য লাড্ডু নিয়ে যাব’।

‘ঠিক আছে, রোহিণীর খবর কী?’

‘রাবেয়া আর তবসসুমকে নিয়ে আপাতত সেফ হাউজে পৌঁছে গেছে’।

‘যাক। এবার বাকি কাজটা ভালোয় ভালোয় হয়ে গেলে ভালো’।

‘হয়ে যাবে স্যার। আরও খবর আছে’।

‘বলে ফেলো’।

‘রফিক আহমেদ অ্যারেস্ট হয়েছে। দুর্নীতির দায়ে অ্যারেস্ট করা হয়েছে ওকে। নিউজ চ্যানেলেও দেখাচ্ছে’।

‘কী দুর্নীতি?’

‘সেটা জানি না। শাহবাজ আলমের লোক ছিল তো। শাহবাজ আলমও যাবে এবার’।

‘ওহ’! তুষার হাসলেন, ‘বিকল্প কে?’

‘আমান খান। আবু ইব্রাহিমের লোক। আমানের মাধ্যমে এবার আই এস আইকে আবু ইব্রাহিম পরিচালনা করবে’।

‘এসব তো ওরা বরাবর করে। আমি ভাবছি না। ঠিক আছে, অফিসে দেখা হবে। রাখছি এখন’।

‘শিওর স্যার। বাই’।

ফোন রাখলেন তুষার। ডায়েরিটা তুলে তনবীর আলমের নাম কেটে দিলেন।

ইরাবতী বললেন, ‘কী করছ?’

তুষার বললেন, ‘বিলিভ মি ইরাবতী, নিজেকে সিরিয়াল কিলার মনে হচ্ছে’। কথাটা বলে তুষার হো-হো করে সশব্দে হেসে উঠলেন।

ইরাবতী ভ্রু কুঁচকালেন, ‘মানে?’

তুষার বললেন, ‘পরে বোঝাব’।

ইরাবতী বললেন, ‘ভুলভাল কিছু করছ না তো? তোমার অতি সক্রিয়তা দেখে আজকাল আমার কেমন সন্দেহ হয়’।

তুষার আবার হো-হো করে হেসে উঠলেন।

৮২

‘সালাম ওয়ালাইকুম, রফিক সাহাব। ভাবিকে বাড়িতে পৌঁছে দিয়েছি। অকারণে ভাবিকে সকাল সকাল কষ্ট দিলেন’!

রফিককে একটা অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। চুপ করে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম ভাঙল আমানের গলার স্বরে।

বলল, ‘অনেক মেহেরবানি তোমাদের। আমি কি জানতে পারি আমাকে কেন আটকানো হয়েছে?’

আমান সিগারেট ধরাল, ‘আপনি জানেন না?’

রফিক বলল, ‘না। কেন?’

আমান বলল, ‘আমিও সেভাবে জানি না। হবে কিছু একটা’।

রফিক বলল, ‘বরকত, আকবর এরা কোথায়?’

আমান বলল, ‘কোথায় আবার? কাজ করছে! ওরা এখন ব্যস্ত। আমি ভাবলাম আপনার কোনও অসুবিধে হচ্ছে নাকি, দেখে আসি। এখানে আবার এসিও নেই। শাহবাজ সাবের সেলের অবস্থা আরও খারাপ। পায়খানার গন্ধ পাবেন জনাব’।

রফিক হতভম্ব হয়ে বলল, ‘মানে? পি এমকেও গ্রেফতার করেছ?’

আমান বলল, ‘ফোর্স গেছে। আর কিছুক্ষণের মধ্যে উনিও গ্রেফতার হবেন। প্রথমে তো ঠিক ছিল আপনাকে একাই গ্রেফতার করা হবে। পরে আপনার শুভানুধ্যায়ীরা বলল, এটা একদম ঠিক হচ্ছে না। আপনাকে একা জেলে রাখা ঠিক না’।

রফিক বলল, ‘আমার শুভানুধ্যায়ী মানে?’

আমান বলল, ‘ওই আকবর, বরকত ওরাই’।

রফিক বলল, ‘ওহ, ওরা জানত?’

আমান বলল, ‘জি। আমরা সবাই আপনাকে খুব সম্মান করি। ভাবলাম সম্মানিত মানুষকে অন্তত একটা ভালো সেল দেওয়া হোক’।

রফিক বলল, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত ছিল’।

আমান বলল, ‘সেটা দিতেই এসেছি। আপনি তো জানেনই কাশ্মীরে আমাদের কী পরিমাণ রসদ লাগছে। দেশের উন্নতির জন্য ন’মিলিয়ন ইউরো দিতে পারলে আপনাকে এখনই ছেড়ে দেওয়া হবে। ভাবিজির সঙ্গে নেটফ্লিক্স অ্যান্ড চিল করতে পারবেন। নেটফ্লিক্স অ্যান্ড চিল মানে বোঝেন জনাব?’

রফিক বলল, ‘ন মিলিয়ন ইউরো? তোমার মাথা খারাপ হয়ে গেছে?’

আমান বলল, ‘না। ওটাই আপনার ব্যালান্স। পুরোটাই চাইছি। মাথা খারাপ হবে কেন? ভিয়েনার ব্যাঙ্কটার সম্পর্কে আপনিই তো প্রথম পরিচয় করিয়ে বলেছিলেন উপমহাদেশের যত কোরাপ্টেড লোক আছে, এখানে টাকা রাখে। আমি একটু জান পহেচান বাড়ালাম। ওদের সঙ্গে কথা বললাম। ওরা একটা কাট নেবে। কিন্তু আপনি নিজের মুক্তি চাইলে ওই ইউরো দিয়ে করিয়ে নিতে পারেন। আপনাকে সসম্মানে সাউথ আমেরিকার কোনও একটা দেশে আমরা পাঠিয়ে দিতে পারব’।

রফিক বলল, ‘তারপর খাব কী? সবই তো নিয়ে নেবে’।

আমান বলল, ‘সেটা দেখার দায়িত্ব দেশের না জনাব’।

রফিক বলল, ‘দেশ না আবু ইব্রাহিম? কার কথা বলতে চাইছ, স্পষ্ট করে বলো’।

আমান হাসল, ‘জনাব সব জানেন। আমাকে দিয়ে বলাতে চাইছেন’।

রফিক বলল, ‘ফিফটি পারসেন্ট দেব। কথা বলো’।

আমান বলল, ‘সম্ভব না জনাব। আচ্ছা আমি আসি, ভালো থাকবেন। ভাবিজি ডিনারে দাওয়াত দিয়েছেন, আমি চেষ্টা করব আপনার খাবার পাঠিয়ে দিতে। নইলে জেলের পোড়া রুটি তো রয়েছে’।

‘সেভেন্টি পারসেন্ট আমান। প্লিজ, হেল্প মি। আল্লাহর কসম’!

‘কী বাচ্চাদের মতো করছেন জনাব! কসম দেওয়া টেওয়া আপনাকে মানায়? এত বড় পোস্টে কাজ করেছেন এতদিন ধরে। কেন বাজে দরদাম করছেন বলুন তো?’

‘আমি শুধু আমার বাকি জীবনটার কথা ভেবে বলছি’।

‘পুরো জীবনটাই তো চলে যাচ্ছিল রফিক সাহাব। আমি আপনাকে সম্মান করি বলে একটা ওয়ে আউট বলতে এসেছিলাম, আমাদের পুরোটাই লাগবে। আপনার আর ভাবিজির প্লেন ফেয়ারটা আমরা গিফট দিতে পারি। তারপর ওখানে গিয়ে আপনি ভিক্ষা করবেন নাকি তখন দেখা যাবে। বেঁচে তো যাবেন’!

রফিক চুপ করে রইল। তাঁর মাথা ঘোরাচ্ছে। এত কষ্ট করে, এত বুদ্ধি করে করা আর্মস ডিলের সব কাটমানি এভাবে চলে যাবে?’

আমান বলল, ‘তাড়াতাড়ি ভাবুন জনাব। জেলের লোকজন ভালো না। নিজের পায়ুপ্রদেশ রক্ষা করতে পারবেন নাকি, সেটাই চিন্তার বিষয়’!

রফিক চমকাল। বলল, ‘ঠিক আছে। আমি রাজি’।

আমান বলল, ‘আজ রাতে মানি ট্রান্সফার হবে। কাল ভোরে আমি রিলিজের ব্যবস্থা করছি’।

রফিক বলল, ‘কেন আজ রাতে কেন রিলিজ হবে না? আজকেই করার ব্যবস্থা করো’।

আমান বলল, ‘ঠিক আছে জনাব। আমি কথা বলে জানাচ্ছি’।

রফিক বলল, ‘এখনই ব্যবস্থা করো, আমি আর থাকতে পারছি না এখানে’।

আমান হাসতে হাসতে বেরিয়ে গেল। রফিক দুর্বল কণ্ঠে ডাকল, কেউ সাড়া দিল না…।

৮৩

সকাল এগারোটা।

ইসলামাবাদ মুজফফরাবাদ হাইওয়ে থেকে বেশ খানিকটা দূরে একটা পরিত্যক্ত কাঠের বাড়ি। একটা ঘরেই সবাই মিলে আশ্রয় নিয়েছে।

সায়ক ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে শুয়ে আছে নোংরা মেঝেয়।

তথাগত পায়চারি করছে। রাণা ঘুমোচ্ছে। রীতিমতো নাক ডাকছে তার।

অমল ঘুমানোর চেষ্টা করছিল। রাণার নাক ডাকার শব্দে শেষমেশ তিতিবিরক্ত হয়ে বলল, ‘এ কী রে ভাই! এ দেখি সহ্যসীমার শেষে চলে যাচ্ছে। অ্যাদ্দিন ঠিক ছিল। ও এক ঘরে ঘুমাত, আমি আরেক ঘরে। সায়ক ভাই, তুই আরেকটা বাড়ি দেখ আমার জন্য’।

সায়ক ফিকফিক করে হেসে যাচ্ছে।

তথাগত বলল, ‘বীরেনটা একা পড়ে গেল’।

সায়ক বলল, ‘ও এই প্ল্যানের বাইরে। ওকে অন্য কাজ দেওয়া আছে’।

তথাগত বলল, ‘সেফ তো?’

সায়ক বলল, ‘কিছুই সেফ না। যে দেশে আছিস, সেই দেশের আই এস আই চিফ আর খোদ প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিচ্ছে এরা। তুই আর কী আশা করিস’!

তথাগত বলল, ‘গোলেমালে সেটা আমাদের জন্যই ভালো’।

সায়ক বলল, ‘উঁহু, আত্মতুষ্টিতে বড় বাঁশ হয়ে যাবার চান্স থাকে। আর্মি আর অর্গানাইজেশনগুলোর ফোকাস কিন্তু ঠিকই আছে। দেশে এসব চলছে, আর ওদিকে ওরা দিব্যি ওদের কাজ করে যাচ্ছে’।

তথাগত বলল, ‘তা ঠিক। এবার কী করব আমরা?’

সায়ক বলল, ‘শুকনো পাউরুটি আছে। কিছু বিস্কুট আর বাদাম আছে। খেতে পারিস’।

তথাগত বলল, ‘এ জায়গাটার ভ্যালিডিটি কতক্ষণ?’

সায়ক বলল, ‘অন্তত দুটো দিন। তারপর দেখছি কী করা যায়। এটা একটা বাফার জোন। এক দল সেনা ইসলামাবাদ গেছে, আরেকদল মুজফফরাবাদ। রাস্তায় তল্লাশি করার লোক কম আছে। ওরা আপাতত ঘাঁটি সামলাবে’।

অমল বলল, ‘হ্যাঁ। তবে এর মধ্যে ওরা আমাদের অস্তিত্বের কথা জেনে গেলে অল আউট যাবে’।

সায়ক বলল, ‘আমার তো দিব্যি লাগছে ভাই। একা একা থাকতাম, বীরেন আসার পর কিছুটা সঙ্গ পেয়েছিলাম, এরপর তোরা এসে গেছিস, মনে হচ্ছে বাজার থেকে খাসির মাংস কিনে এনে ফিস্ট করি। ওয়েদারটাও সেরকম। বৃষ্টি পড়ছে। কাশ্মীরে শিওর বরফ পড়েছে আজ, একটা হালকা শীত শীত ভাব আছে। জমে যেত, কী বলিস?’

তথাগত বলল, ‘তোকে এত কুল লাগছে কেন সায়ক? কী কেস বল তো? আজকের ঘটনাটা আঁচ করেছিলিস?’

সায়ক বলল, ‘খবর তো ছিলই। রফিক চূড়ান্ত চোর। কোরাপশন ছাড়া কিছু বোঝে না। ওসব কিছু না, তোরা এসেছিস, আমার আনন্দ হচ্ছে’।

তথাগত বলল, ‘প্ল্যান আছে কিছু?’

সায়ক বলল, ‘আছে। তার জন্য রাণাকে লাগবে’।

রাণা সঙ্গে সঙ্গে উঠে বসল, ‘বলো, আমাকে কী করতে হবে?’

সায়ক ঘাবড়ে গিয়ে বলল, ‘বাপরে, এ মানুষ না রোবট?’

অমল হাসল, ‘ও এরকমই। সবসময় তৈরি। কাজ না পেলে ওর মাথা খারাপ হয়ে যায়’।

সায়ক বলল, ‘ভেরি গুড, আমাদের এখন রাণাকেই দরকার। রাণা, অটোমেটিক মেশিনগান চালাতে পারো?’

রাণা বলল, ‘পারব। কিন্তু সে জিনিস কোথায় আছে? এখানে পাব কী করে?’

সায়ক বলল, ‘পাকিস্তানে আছি, এখানে পাবলিক রুটি পায় না, কিন্তু অস্ত্র ঠিকই পায়। ব্যবস্থা হয়ে যাবে’।

তথাগত খানিকটা ঘাবড়ে গেল, ‘বাপ রে! কতজনকে উপরে পাঠানোর প্ল্যান আছে?’

সায়ক বলল, ‘সব বলব। আমি একটু পরে বেরোব। ফিরতে রাত হবে। তোরা কেউ এখান থেকে কোথাও যাবি না। আর আমি যদি না ফিরি, তাহলে এখানেই থাকবি, বীরেন তোদের ঠিক নিয়ে যাবে এখান থেকে। আজ ফিরতে পারলে মাংস নিয়ে আসব। সবাই মিলে আনন্দ করে খাব’।

তথাগত বলল, ‘ফিরবি না মানে? এত হেঁয়ালি ভালো লাগছে না ভাই। কোথায় যাবি?’

সায়ক বলল, ‘বলা যাবে না’।

তথাগত হাল ছেড়ে দিল। রাণা বলল, ‘আমি যাব, আমি এখানে বসে বসে ঘুমাতে পারব না। আমাকে নিয়ে যাওয়া যায় না?’

সায়ক বলল, ‘না। তোমাকে বেশিদিন বসে থাকতে হবে না এটুকু বলতে পারি’।

অমল রাণাকে বলল, ‘তুমি ঘুমাও আপাতত। এনার্জি স্টোর করো’।

রাণা কাঁধ ঝাঁকিয়ে আবার শুয়ে পড়ল।

৮৪

ঘুম থেকে উঠে লতিফ চুপ করে হাসপাতালের খাটে শুয়ে ছিল। নার্স বা ডাক্তার, কারও দেখা নেই সকাল থেকে। তাকে আজ রিলিজ করার কথা আছে। টিভিতে নিউজ দেখানো শুরু হতেই ধড়মড় করে উঠে বসল। খবরে দেখাচ্ছে রফিক আহমেদ গ্রেফতার হয়েছে। সে হতভম্ব মুখে কিছুক্ষণ বসে রইল। পরক্ষণেই খাট থেকে নেমে বাথরুমে গেল। বাথরুমের জানলা বেশ বড়।

সে উঁকি মেরে দেখল। পেছনে লোক নেই। হাসপাতালের ব্যবহৃত ময়লা জিনিসপত্র সব ডাঁই করে ফেলা হয়েছে। সে দোতলা থেকে পাইপ বেয়ে ধীরেসুস্থে নেমে চুপচাপ হাঁটতে শুরু করল।

এখনও গায়ে ব্যথা আছে। কয়েকজোড়া কৌতূহলী চোখ তাকে দেখলেও সে বিশেষ আমল দিল না। সটান গেট থেকে বেরিয়ে গেল খোঁড়াতে খোঁড়াতে।

অটোতে উঠে বলল, ‘জি এইট ব্লকে চলো’।

অটোওয়ালা অটো স্টার্ট দিয়ে বলল, ‘ভাইজান, হাসপাতাল থেকে আজকাল জামাকাপড়ও পালটে দেয় না। কী অবস্থা বলুন তো?’

লতিফ উত্তর দিল না। মাথা ঘোরাচ্ছে তার। জি এইটে তার বন্ধু তাহমিদ থাকে। তাহমিদের বাজারে দোকান আছে। অটো থেকে নেমে সে তাহমিদের বাড়ির দরজায় বেল বাজাল সে। তাহমিদই দরজা খুলল। তাকে দেখে অবাক গলায় বলল, ‘এ কী! কী হয়েছে?’

লতিফ ঘরের মধ্যে ঢুকে বলল, ‘যাক, তুই ঘরেই আছিস। অটো ভাড়া মিটিয়ে দে। বলছি’।

তাহমিদ হতভম্ব অবস্থায় অটো ভাড়া মিটিয়ে দিয়ে এসে বলল, ‘কী হয়েছে বলা যাবে?’

লতিফ বলল, ‘অনেক কিছু হয়েছে। আমি এখন সব বোঝাতে পারব না। কত রুপি আছে তোর কাছে?’

তাহমিদ বলল, ‘দশ পনেরো হাজার আছে। কেন?’

লতিফ বলল, ‘দে। সময় নেই। তাড়াতাড়ি দে। আর তোর জামাকাপড় দে’।

তাহমিদ বলল, ‘আমার জামা তোর হবে? তুই আমার থেকে হাইটে ছোট’।

লতিফ বলল, ‘আমার থেকে বড় সাইজের হবে তো? হোক। দে তুই’।

তাহমিদ দিল। টাকাও দিল। লতিফ জামাকাপড় পালটে বলল, ‘আমি তোর এহসান কোনওদিন ভুলব না তাহমিদ। বেঁচে থাকলে দেখা হবে’।

তাহমিদ বলল, ‘বেঁচে থাকবি মানে? কার সঙ্গে কী করেছিস তুই? কারও থেকে টাকা ধার করে ফেরার হচ্ছিস নাকি?’

লতিফ বলল, ‘ধরে নে তাই। তোর টাকা আমি মিটিয়ে দেব। ভাবিস না’।

তাহমিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লতিফ বেরিয়ে গেল। হাসপাতালের জামাকাপড় খুলে তাহমিদের বাড়িতে রেখে এলেও মাস্কটা পরে রইল। আবার একটা অটো নিয়ে বলল, ‘বাস আড্ডা’।

মিনিট পনেরোর মধ্যে বাস আড্ডায় পৌঁছে গেল সে।

ইসলামাবাদের রাস্তা জুড়ে সেনার গাড়ির টহল শুরু হয়ে গেছে।

পেশোয়ারের একটা এসি বাসে উঠে পেছনের দিকের সিট নিল সে। যাত্রীদের মধ্যে উৎকণ্ঠার বিন্দুমাত্র ছাপ নেই। পাকিস্তানে এসব হামেশাই হয়। সবাই রফিক আহমেদের ঘুষ খাওয়া নিয়ে হাসাহাসি করছে।

লতিফ চোখ বন্ধ করল। গায়ে হাতে পায়ে যন্ত্রণা।

একটা চোখে সে ঠিক করে দেখতে পারছে না। বাস ছাড়ল কিছুক্ষণ পরে। ঘণ্টা তিনেক সময় লাগে ইসলামাবাদ থেকে পেশোয়ার যেতে। বাসে শাহরুখ খানের সিনেমা দেওয়া হয়েছে। পেছনের দিকে একটা বাচ্চা চিৎকার জুড়েছে।

ঘুমিয়ে পড়েছিল কখন, খেয়াল নেই। ঘুম ভাঙতে দেখল বাস খাইবার পাখতুনখোয়ায় প্রবেশ করেছে। বাসযাত্রীরা উত্তেজিতভাবে আলোচনা করছে প্রধানমন্ত্রীর গ্রেফতারি নিয়ে। কেউ কেউ বলছে শাহবাজ আলমকে আজকেই ফাঁসি দিয়ে দেওয়া হোক। লতিফ জানলার বাইরে ভালো করে দেখল। বাস আগের রুট দিয়ে যাচ্ছে না। ঘুরপথে যাচ্ছে। জায়গাটার নাম রসাকাই। সে উঠে দরজার দিকে রওনা দিল।

কন্ডাকটর তাকে দেখে বলল, ‘কী জনাব, নামবেন নাকি?’

লতিফ বলল, ‘জি। নামিয়ে দিন’।

কন্ডাক্টর বলল, ‘আপনার তো পেশোয়ার অবধিই টিকেট ছিল!’

লতিফ বলল, ‘আমি তো রসাকাই নামতাম। পেশোয়ার থেকে আবার এখানে আসতে হতো। আপনারা এই রুট দিয়ে গিয়ে আমার সুবিধা হয়ে গেল’।

কন্ডাক্টর খুশি হল, ‘আরে, রাস্তা আটকে দিয়েছে ওখানে। আবার পাসতুনদের মধ্যে গোলাগুলি চলছে। কেপিকেতে তো এসব লেগেই আছে। আসুন আসুন’।

বাস দাঁড়িয়ে গেল। লতিফ নেমে স্বস্তির নিঃশ্বাস ফেলল।

এবার সে নিজের এলাকায় চলে এসেছে। এখান থেকে গা ঢাকা দিতে তার বিশেষ অসুবিধা হবে না…।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *