ব্লু উইংস – ৩৫

৩৫

মুলতান।

মিজান চুপ করে বসে সিগারেট টানছে। বড় বাড়ির গেটের সামনে দশ বারোটা ছেলে জড়ো হয়েছে। এর মানে মালিক এখন বেরোবে।

সে উঠে দাঁড়াল। সকাল দশটা বাজে এখন। প্রতি শুক্রবার এই সময়ে ইউসুফ আজহার ক্যাম্পে যায়। ট্রেনিংয়ের কাজ দেখে। দুপুর থেকে রাত আটটা অবধি ক্যাম্পে থেকে রাত দশটা নাগাদ মুলতানের প্রাসাদে ফেরে।

মিজান সিগারেটের টাকা দিয়ে বাইকে উঠে পড়ল। ইউসুফের গাড়ির পেছনে আরেকটা গাড়ি যায়। ইউসুফের নিজের গাড়িতে ড্রাইভার ছাড়া শুধু একজন নিরাপত্তারক্ষী থাকে।

ইউসুফের গাড়ি গেট থেকে বেরোতেই বাইক স্টার্ট দিল মিজান।

মুলতান পুরোনো শহর। গলিঘুঁজি বেশি, ছোটছোট রাস্তাও বেশি। ইউসুফের গাড়িটা পিপলস কলোনি থেকে বেরিয়ে শাহ শামস দরবারের রাস্তা ধরে। শহরের উত্তরে মুহম্মদ ওয়ালার মাজার। সেখানে একবার গাড়ি দাঁড় করিয়ে ইউসুফ ক্যাম্পের পথ ধরে।

বড় রাস্তায় সকালের দিকে জ্যাম থাকে। মিজান বাইকের গতি বাড়িয়ে গলির রাস্তা ধরে মাজারে পৌঁছে গেল। মাজারের বাইরে অনেকগুলো ফুলের দোকান। মিজান বাইক রেখে এক ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অকারণ দরদাম চালিয়ে গেল।

ইউসুফের গাড়িদুটো আসতে দেখেই সরে গেল। মাজারের দরজায় গাড়ি দাঁড় করিয়ে প্রতিদিন ইউসুফ মাজারে ঢোকে। সঙ্গে তার সব সাগরেদ থাকে। এই সময়টুকু দুটো গাড়িতে কেউ থাকেও না। ড্রাইভারেরাও ইউসুফের সঙ্গে মাজারের ভেতরে যায়।

মিজান পকেটভরতি পেরেক আর কাচের টুকরো সবার অলক্ষ্যে পেছনের গাড়ির চাকার সামনে দিয়ে দিল। মাজার থেকে ক্যাম্পের রাস্তার মাঝে প্রায় দশ কিলোমিটার রাস্তা দু’পাশে শুধু গমের খেত থাকে। মিজান আবার খানিকটা রাস্তা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রইল। মিনিট দশেক পর ইউসুফের গাড়ি দুটোর দেখা মিলল। মিজান খানিকটা হতাশ হল, কাচের টুকরো আর পেরেকে কাজ হয়নি।

নিজের বাইকটা রাস্তায় আড়াআড়িভাবে রেখে সে মন দিয়ে বাইকের টায়ারে খুটখুট করতে শুরু করল।

ইউসুফের গাড়ি দাঁড়িয়ে গেল। ইউসুফের এক নিরাপত্তারক্ষী বাইরে বেরিয়ে এসে রাগী গলায় বলল, ‘কী হল? রাস্তা আটকে রেখেছ কেন?’

মিজান কাঁদো কাঁদো গলায় বলল, ‘বাইকটা চলছে না জনাব। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। দেখো না কিছু করা যায় নাকি’।

নিরাপত্তারক্ষী বাইক স্টার্ট দিল, বাইক স্টার্ট হল না। তেল দেখতে গিয়েই সে জোরে হেসে উঠল, ‘এই দেখো মিয়াঁ, তুমি তেল বন্ধ করে বাইক স্টার্ট দিচ্ছ। এ নাও’।

বাইক স্টার্ট হল। মিজান খুশি হবার ভান করে বলল, ‘অনেক শুকরিয়া জনাব’।

‘সরে যাও। আমাদের গাড়ি যেতে দাও’।

মিজান সম্ভ্রমের ভান দেখিয়ে রাস্তা থেকে সরে গেল। ইউসুফের গাড়িটা স্টার্ট দিয়ে বেরোল, ইউসুফ জেগে নেই, গাড়ির মধ্যে মাথা নিচু করে ঘুমোচ্ছে। মিজান চুপ করে দাঁড়িয়ে রইল। গাড়ি দুটো বেরিয়ে যাবার সময় মিজান আরেকবার পেছনের গাড়িটার টায়ারগুলো দেখল। কিচ্ছু হয়নি।

শ্বাস ছেড়ে সে ফোন বের করল। ওপ্রান্ত একবার রিং হতেই ধরল, ‘আপডেট কী?’

মিজান বলল, ‘টায়ার পাংচার করা গেল না। অনেক দামি গাড়ির টায়ার হবে। কিছুই হল না’।

‘পাংচার হলে কী লাভ হতো? পেছনের গাড়ির লোকেরা ইউসুফের গাড়িতে উঠে পড়ত’।

মিজান অপ্রস্তুত হাসি হাসল, ‘জি, তাও হতে পারত’।

‘তোমার একার পক্ষে সম্ভব না’।

‘আমার একার পক্ষেই সম্ভব। পরের জুম্মাবারে করে ফেলব ইনশাল্লাহ’।

‘এত আত্মবিশ্বাস পাচ্ছ কোত্থেকে? ইউসুফের গাড়িটা বুলেট প্রুফ। বাইরে থেকে গুলি চালালে কোনও লাভ হবে না। মাঝখান থেকে তোমার জানটা চলে যাবে’।

‘পরের জুম্মাবারটা সময় দিন আপা। তারপর ভাববেন’।

‘ঠিক আছে’।

ফোন কেটে গেল। মিজান বাইক স্টার্ট দিল। শিস দিতে দিতে ক্যাম্পের রাস্তায় রওনা হল। খানিকটা পথ যাবার পর দেখল পেছনের গাড়িটা দাঁড়িয়ে গেছে। ড্রাইভারসহ দু’জন টায়ার পাল্টাচ্ছে। সে বাইকের স্পিড বাড়াল। গাড়িটা পেরিয়ে আরও খানিকটা যেতে ইউসুফের গাড়িটার দেখা মিলল। ক্যাম্পের বাউন্ডারির গেটটা দেখা যাচ্ছে।

মিজান ইউসুফের গাড়িটা পেরোনোর সময় ড্রাইভারের পাশের সিটে বসে থাকা নিরাপত্তারক্ষীকে হাত দিয়ে সেলাম দিল। নিরাপত্তারক্ষী কাচ নামিয়ে চিৎকার করল, ‘এখন ঠিক চলছে মিয়াঁ?’

মিজান হাসল, ‘জি। পেছনের গাড়িটার কী হল?’

‘পাংচার হয়ে গেছে’।

ইউসুফ এখন জেগে আছে। কৌতূহলী চোখে তাকে দেখছে। মিজান বাইকের গতি আবার কমিয়ে দিল। ইউসুফের গাড়ি ক্যাম্পের গেট পেরিয়ে ধুলো উড়িয়ে ক্যাম্পে ঢুকে গেল।

মিজান রাস্তায় দাঁড়িয়ে ধুলো খেল কিছুক্ষণ। আবার বাইক চালিয়ে মুলতানের দিকে রওনা দিল। গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে। মিজান দাঁড়িয়ে পড়ে বলল, ‘কী মিয়াঁ? কী হল?’

ড্রাইভার বলল, ‘তোমার কী? নিজের কাজে যাও’।

মিজান ভয় পাওয়ার ভঙ্গি করে বলল, ‘ঠিক তো, আমি দাঁড়িয়ে কী করব?’ বাইক স্টার্ট দিয়ে এগিয়ে গেল। আয়নায় দেখলো ড্রাইভার তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মিজান হাসতে হাসতে বাইকের গতি আরও বাড়িয়ে দিল।

মুলতান শহরে প্রবেশ করল কিছুক্ষণ পরে। হুসেন আগাহি বাজারে এসে বাইক রাখল। অত্যন্ত ঘিঞ্জি বাজার এলাকা। একটার পর একটা সালোয়ার স্যুটের দোকান। মেয়েরা ভিড় করে কেনাকাটা করছে। মিজান কয়েকটা দোকান পেরিয়ে বাজারের মাঝে একটা দোকানের পেছন থেকে উঠে যাওয়া সিঁড়িতে দোতলায় উঠল।

একজন মহিলা দরজি সেলাই মেশিনে কাজ করছে। মিজান মেঝেতে বসে পড়ে বলল, ‘পরের জুম্মায় হয়ে যাবে নুসরত আপা’।

নুসরত বলল, ‘দোকানে গিয়ে বোসো। এখানে থাকতে হবে না’।

মিজান উঠে বেরিয়ে গেল।

নুসরত ফোন বের করে মেসেজ করতে শুরু করল।

৩৬

ইসলামাবাদ।

সন্ধে সাতটা নাগাদ আসগর আলি বাড়ির সামনের পার্কে হাঁটতে বেরোয়। সঙ্গে থাকে দু’জন দেহরক্ষী।

পার্কে বাচ্চারা তাদের মায়েদের সঙ্গে আসে। দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আসগর আলি তার দেহরক্ষীদের বিরক্ত গলায় বলল, ‘এদের বাড়ি থেকে কোনও শিক্ষা দেয় না। দেশ থেকে পর্দা উঠেই যাচ্ছে। এই জন্য আমার পাকিস্তান ভালো লাগে না। সবাইকে আধুনিক হতে হবে’।

দেহরক্ষীরা সায় দিল। আসগর আলি জোরে জোরে হাঁটতে থাকে। তার ফোন আসে। দাঁড়িয়ে ফোনে কথা বলে আবার হাঁটতে শুরু করে।

আকবর পার্কের বেঞ্চে চুপ করে বসেছিল। পার্কের এদিকটা অন্ধকার। দূর থেকে দেখলে আকবরকে ঠাহর করা সম্ভব না।

আসগর আলিকে এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল।

আলি বলল, ‘আপনি হঠাৎ এখানে? বলেননি তো কিছু’।

আকবর আসগর আলির দেহরক্ষীদের ইশারায় সরে যেতে বলল। আসগর পেছনে ফিরে শুধু একবার দেখল। কিছু বলল না।

আকবর বলল, ‘দরকারে পড়ে আপনার কাছে এলাম জনাব। আমাকে রফিক সাহেব পাঠিয়েছেন। আমি জানি এই সময়ে আপনি হাঁটতে বেরোন। আপনার ডেরায় গেলে আরেকটু রাত করে যেতে হতো। রাতে প্রেসিডেন্টের সঙ্গে মিটিং আছে রফিক সাহেবের’।

আসগর বলল, ‘প্রেসিডেন্ট? ওই শেখ ওমরের নালায়েক ছেলেটা তো? ওর সঙ্গে কথা বলার কী আছে?’

আকবর বলল, ‘ডিফেন্স বাজেট বাড়ছে জনাব। প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দিলে আমাদের ফান্ডের সমস্যা হবে না। আপনার তো বাজেটটাই দরকার’।

আসগর বলল, ‘হ্যাঁ। আমাদের অনেক কিছু কেনার দরকার আছে। লঞ্চ প্যাডগুলোয় বাঙ্কার তৈরির কাজ বাকি’।

আকবর হাত কচলে বলল, ‘আমি জানি জনাব। ওই জন্যই তো আপনার সঙ্গে আলোচনা করতে এলাম’।

আসগর বলল, ‘কী আলোচনা?’

আকবর বলল, ‘ইন্ডিয়া কাশ্মীরে একটার পর একটা প্রোজেক্ট শুরু করেছে জনাব। ট্রেন লাইনের কাজ করছে, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হচ্ছে। ভোটেও আগের মতো বিরোধিতা দেখা যাচ্ছে না’।

আসগর আলির চোয়াল শক্ত হল। রাগী গলায় বলল, ‘এ জন্য কি আপনি আমাদের দায়ী করছেন? আপনি খুব ভালো করে জানেন সীমান্তে কীভাবে ওরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। ক্যামেরা থেকে শুরু করে ড্রোন, রোজ রোজ নতুন নতুন যন্ত্র নিয়ে আসছে’।

আকবর হাসল, ‘তা ঠিক। পাকিস্তান গরিব দেশ জনাব। আমাদের অত টাকা নেই। এই জন্যই তো আপনার কাছে এলাম। ইন্ডিয়ার সঙ্গে লড়তে গেলে আমাদের অনেকগুলো দরজা খুলতে হবে। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব’।

আসগর আলি বলল, ‘আমি কী করব?’

আকবর বলল, ‘আপনার একটা ভিডিও দরকার জনাব। হিন্দুস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশে। আপনিই পারেন আবার দাঙ্গা লাগাতে’।

আসগর আলি বলল, ‘আর? শুধু ভিডিওর দাবি নিয়ে নিশ্চয়ই আপনি আসেননি।’

আকবর বলল, ‘ঠিক ধরেছেন জনাব। শুধু ভিডিওর দাবি নিয়ে আমি আসিনি। পানি যদি স্থির হয়ে যায়, তাহলে পানির জল উথালপাথাল করতে কিছু পরিকল্পনা করা উচিত। আপনার কি মনে হয় না পানি এখন স্থির হয়ে গেছে! আমাদের কিছু করা উচিত?’

আসগর হাত নেড়ে বলল, ‘ভেবে দেখব। আপনি এখন যান। প্রয়োজনে রাতে আসবেন। ইন্ডিয়া এখনও জানে না, তাদের জন্য কী দিন আসতে চলেছে। কুকুরের মতো মারব এক একজনকে। আমার মুজাহিদিনরা এখানে এতদিন ধরে ঘরে ঘুমিয়ে নেই। তারা নিজেদের জান দিয়ে কাশ্মীরকে স্বাধীন করবে। আপনি আমাকে শেখাবেন না, কী করতে হবে। যান এখান থেকে’।

আকবর তড়িঘড়ি বলে উঠল, ‘জি জনাব। আপনার মাথায় কথাগুলো ঢুকিয়ে দেবার দরকার ছিল। আমার মনে হয়, আমি সক্ষম হয়েছি। শবা খের’।

গাড়ির দিকে হাঁটতে শুরু করল আকবর।

আসগরও হাঁটতে শুরু করল। কিছুদূর যাবার পর তার দেহরক্ষীরা আবার তার পেছনে চলে এল।

আসগর বলল, ‘বিলাল’।

একজন দেহরক্ষী বলল, ‘জি জনাব’।

আসগর বলল, ‘গাড়ি ডাক, আমি রাওয়ালপিন্ডি যাব’।

বিলাল বলল, ‘জি জনাব’।

পার্কের চারপাশে আরেকবার হেঁটে নিল আসগর। গাড়ি এসে দাঁড়িয়েছে গেটের বাইরে। সে গাড়িতে উঠে বসল।

পার্কে একটা বাচ্চা তার বুয়াকে জ্বালিয়ে খাচ্ছিল, ‘আমার গাড়ি লাগবে, উসমানের কাছে আছে, আমারও লাগবে। আম্মুকে ফোন করো, এখনই ফোন করো, আমায় এখনই কিনে দিতে হবে’।

বুয়া বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, ‘এখনই ফোন করছি আম্মিকে। চল, বাড়ি যাব’।

বাচ্চাটার কান্না থামল। মেয়েটা ফোন থেকে একটা নাম্বারে আকবর আর আসগরের ছবি পাঠিয়ে হাঁটতে শুরু করল।

৩৭

‘সাবধান, সাবধান সাবধান।

দেশের ভিতরে ইন্ডিয়ান চরেরা ঘুরে বেড়াচ্ছে। যাকে সন্দেহ হবে, নিকটবর্তী পুলিশ থানায় খবর করবেন। আপনার সন্দেহ সত্যি হলে আপনি বিশেষভাবে পুরস্কৃত হবেন’।

বড় বড় পোস্টার লাগিয়ে রেখে গেছে বাজারের মধ্যে। লতিফ পোস্টারগুলো দেখে হাই তুলল।

বাজারের মধ্যে একটা সুপার মার্কেট হয়েছে। ভাসানি সুইটস থেকে খানিকটা দূরে হলেও সেখান থেকে ভাসানি সুইটসে কারা ঢুকছে বেরোচ্ছে সেটা স্পষ্ট দেখা যায়। সে ইনভেন্টরি ম্যানেজারের কাজ নিয়েছে। বিভিন্ন জায়গা থেকে মাল আসছে। সেসবের তদারকি করতে করতে লতিফ মার্কেটের সামনের ফুটপাথে টুলের উপর বিশ্রাম করছিল। তখনই পোস্টারগুলো চোখে পড়ল।

‘জনাব, ইন্ডিয়ান স্পাই ঢুকে গেছে মানে কী?’

ফিরোজ প্রশ্ন করল। ফিরোজ ছেলেটার বুদ্ধি কম হলেও প্রচুর খাটতে পারে। ওরাঙ্গি টাউনে থাকে। ভোর থেকে এসে কাজে লেগে পড়ে।

লতিফকে বিশ্রাম নিতে দেখে সেও লতিফের কাছে এসে বসেছে। তবে টুলে না। নোংরা ফুটপাথেই বসে পড়েছে। লতিফ সেটা দেখেও কিছু বলল না। ওদের অভ্যাস আছে এখানে বসার।

সে ভাসানি সুইটসের দিকে নজর রাখতে রাখতে বলল, ‘ইন্ডিয়ার লোকজন আমাদের দেশে আসে। ঘোরে ফেরে, থাকে। তোর আমার মতোই। তাদের দেখে কেউ বুঝতে পারে না তারা কোন দেশের লোক। এরকম কাউকে দেখে সন্দেহ হলেই পুলিশকে জানাবি। মু মাঙ্গি ইনাম পাবি’।

ফিরোজ বলল, ‘মাশাল্লাহ! এ তো খুব ভালো খবর। আমাদের বস্তিতে এরকম অনেকেই আছে যাদের দেখে আমার ইন্ডিয়ান বলে মনে হয়। মসজিদেও যায় না, সারাক্ষণ ঘরে বসে গুলতাপ্পি মেরে কাটিয়ে দেয়। আমাদের বস্তির লোকেরা তো ওদের অনেক বাজে বাজে কথা বলে। ওই যে আমাদের পাড়ার তেরো নম্বর ঘরের রাকিব, ওর কথাই ধরে নিন। সারাদিন ঘুমাবে আর আব্বুর টাকায় খাবে। ওর আব্বুই আমাকে সেদিন দুঃখ করে বলছিল, ফিরোজ রে, আমার ছেলেটা একবারে বিধর্মী নাস্তিক তৈরি হয়েছে। কী করব এই ছেলেটা নিয়ে’।

লতিফ হেসে ফেলল, ‘ওরে পাগল, এরকম না। রাকিব সারাদিন ঘুমিয়ে থাকুক, মসজিদে না যাক, কিন্তু রাকিবের আব্বু আম্মি তো পাকিস্তানি? সে হিসেবে রাকিবকে অত সন্দেহ করার কিছু নেই। দেখতে হবে এরকম কেউ আছে নাকি যার বাবা মার ঠিক নেই, কোত্থেকে এসেছে কেউ জানে না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এদের স্পাই হিসেবে সন্দেহ করা যেতে পারে। তোর নজরে এরকম কেউ আছে?’

ফিরোজ দাঁত বের করে মাথা চুলকোতে শুরু করল, ‘না জনাব। এরকম কেউ আমার জানা শোনার মধ্যে নেই। তবু খুঁজে দেখতে হবে। সরকার পুরস্কার দেবে মানে তো ভালো কিছুই দেবে’।

লতিফ বলল, ‘হ্যাঁ। তা দেবে। দাঁড়া দাঁড়া’। লতিফ উত্তেজনায় উঠে দাঁড়িয়েছিল।

ওরাঙ্গি টাউনে এরকম গাড়ি আসার কথা না। বেশ দামি একটা গাড়ি ভাসানি সুইটসের সামনে দাঁড়াল। গাড়ি থেকে কেউ নামল না। দোকান থেকে একটা ছেলে এসে মিষ্টির প্যাকেট গাড়িতে দিয়ে যেতে গাড়ি বেরিয়ে চলে গেল।

লতিফ নিজের মনেই বলে উঠল, ‘এটা আবার কে? চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি যেন?’

ফিরোজ বলল, ‘এর আগে একদিন দেখেছিলাম। আজ আবার দেখলাম। জানি না কে। কত দাম হবে গাড়িটার?’

লতিফ গাড়িটা কার তা দেখার জন্য গাড়ির নাম্বারটা মেসেজ করে দিয়ে বলল, ‘কোটি রুপির কম হবে বলে তো মনে হয় না। এবার ক’কোটি, সেটা আমি বলতে পারব না’।

ফিরোজ বলল, ‘করাচিতে অনেক আমীর লোগ আছে ভাইজান। ওরাঙ্গি টাউন দেখে কি আর করাচি বোঝা যায়? আপনি মাঝে মাঝে করাচি ঘুরতে যেতে পারেন তো? সারাদিন এক জায়গায় বসে থাকেন’।

লতিফ বলল, ‘তুই যাবি? আচ্ছা তোকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাবি বল’।

ফিরোজ আকাশ কুসুম ভাবতে শুরু করে দিল।

ফিরতি মেসেজ এসেছে। গাড়ির মালিকের নাম রুবায়েত খান। টাওয়ার নাম্বার ৩। বিগ অ্যাপার্টমেন্ট।

লতিফ ভ্রু কুঁচকাল? রুবায়েত খান?

নাহ, এই নাম তো ছিল না! জহিরকে ফোন করল। ফোন বেজে গেল।

লতিফ উঠে দাঁড়াল, ‘চল ফিরোজ, কাজ শুরু করি। সবাই ঘুমিয়ে পড়েছে যা বুঝছি। আমার আর কী? চল চল’।

৩৮

রাত আটটা। বিগ অ্যাপার্টমেন্টের গেট খুলে ঢুকল আনিস। সে হুডি পরে এসেছে। মাথা ঢাকা।

সিকিউরিটির শিফট চেঞ্জ হয় আটটায়। যে নাইট ডিউটি করে সে পৌনে আটটায় বেরিয়ে যায়। আটটা পনেরোতে দ্বিতীয় সিকিউরিটি আসে। দু’দিন নজর রাখার পরে আনিস ঠিক করেছিল এই সময়েই বিগ অ্যাপার্টমেন্টের বাউন্ডারিতে ঢুকে পড়বে। একটা ব্যাগ নিয়েছে।

কেউ জিগ্যেস করলে বলবে, টিভি সারাই করতে ঢুকেছে।

অবশ্যই কেউই জিগ্যেস করল না। কমপ্লেক্সের ভেতরে সুন্দর একটা পার্ক, সুইমিং পুল আছে। সে ওদিকে না দেখে সরাসরি টাওয়ার ৩ এর বেসমেন্টে চলে গেল।

রুবায়েত খান আঠারোশো দু’নম্বর ফ্ল্যাটে আছে। আঠারো তলা।

আনিস লিফটে উঠে পকেটে হাত রাখল। সেদিনের অপমানটা কিছুতেই ভুলতে পারছে না সে। লোকটা নিজেও জানে না কোন সাপের লেজে পা দিয়েছে। তাকে রিভলভার দেখাল?

মুস্তাক মিয়াঁ বলে, আনিস চাইলে অনেক বড় ডন হতে পারত। হয়নি। সৎ পথে থেকে রোজগার করতে চেয়েছে। সৎ পথে থেকে সত্যিই কি কিছু করা যায়? অনেক কষ্ট করে জিপটা কিনেছিল সে। সেটা চালিয়ে কি রোজগার হয়? কিচ্ছু না। তাদের বিচে বেশি লোক আসে না। ফ্রেঞ্চ বিচে যাও বা একটু বেশি খদ্দের আসে, সেখানকার ছেলেরা তাকে ওখানে ঢুকতে দেয় না। অগত্যা ক্লিফটন বিচে যা রোজগার হয় তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আম আদমিরা আসে ক্লিফটনে। একশো রুপি বললে দরদাম শুরু করে দশ রুপি দিয়ে। সে বিচে আর কি রোজগার সম্ভব?

আনিস ঠিক করেছিল সারাজীবন এভাবেই চলে যাবে, কিন্তু না! যাই হয়ে যাক, ওই লোকটাকে সে ছাড়বে না। যেই থাকুক, আজ বুঝে নেবে।

আঠারোশো দু’নম্বর ফ্ল্যাটের সামনে গিয়ে জোরে শ্বাস নিল সে। বেল টিপল। মাথা গরম হচ্ছে এবার। হয় এসপার নয় ওসপার। ছাড়া যাবে না।

এক বৃদ্ধ দরজা খুলল, ‘বলুন’।

বৃদ্ধকে ঠেলে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল সে, ‘ঘরে কে আছে?’

বৃদ্ধ বলল, ‘কেউ নেই’।

আনিস চারদিকে চোখ বোলাল। বসার ঘরে দুটো ঢাউস সোফা, অন্য দিকে একটা টেবিল আর চারটে চেয়ার। এছাড়া আর কিছু নেই।

সে পকেট থেকে একটা ছুরি বের করে বৃদ্ধর গলায় ধরল, ‘রুবায়েত কোথায়? ডাক, ডাক রুবায়েতকে। তারপর দেখছি কী করা যায়’।

মুহূর্তের মধ্যে তার হাত থেকে ছুরিটা নিয়ে বৃদ্ধ তার ঘাড়ে একটা রদ্দা কষাল। আনিস কিছু বুঝে ওঠার আগে দেখল সে মেঝে পড়ে আছে। বৃদ্ধ গলা ছাড়ল, ‘দেখে যা কী কাণ্ড’।

আনিস ওঠার চেষ্টা করল। বৃদ্ধ তার মুখে একটা ঘুষি চালাল। মাথাটা নড়ে উঠল তার। জ্ঞান হারাল সে।

.

জ্ঞান ফিরতে দেখল তাকে সোফায় শুইয়ে রাখা হয়েছে। সামনে সেই বিচে দেখা যুবক। সে কোনওমতে বলল, ‘রুবায়েত…’

ছেলেটা তার কথার উত্তর না দিয়ে বলল, ‘গত দু’দিন ধরে ফ্ল্যাটের দিকে নজর রাখছিলি। এখন সরাসরি ঘরে চলে এসেছিস’।

আনিস ঘাড়ে হাত দিল। ব্যথা করছে। ছেলেটা তার দিকে একটা মলম ছুড়ে দিয়ে বলল, ‘বেরিয়ে যা। এখানে যেন আর না দেখি। দেখলে আর বেঁচে ফিরবি না। বুঝেছিস?’

আনিস চিঁচিঁ করে বলল, ‘বুঝেছি। চাচাজি কোথায়?’

ছেলেটা বলল, ‘কেন?’

আনিস বলল, ‘কিছু না’।

ছেলেটা ধমক দিল, ‘বেরো’।

আনিস কোনওমতে উঠে দাঁড়িয়ে ঘরটা থেকে বেরোতে গিয়ে দেখল সোফার উপর নকল চুল দাড়ি রাখা আছে।

সে থমকে দাঁড়াল। ছেলেটা আবার ধমকে উঠল, ‘বেরো’।

ছেলেটা তার কাছে চলে এসেছিল। আনিস ওই অবস্থাতেই ঘুরে দাঁড়িয়ে ছেলেটার মুখে ঘুষি মারল। ছেলেটা তৈরি ছিল না। আনিসের মরিয়া চেষ্টায় হকচকিয়ে গিয়ে মেঝেতে পড়ে গেল।

আনিস ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করল। টেবিলের উপর আনিসের ছুরিটা রাখা ছিল। আনিস সেটা হাতে নিয়ে ছেলেটাকে মারতে গেল। ছেলেটা কোনওরকমে বলল, ‘স্টপ… স্টপ…’

আনিস থমকে গেল। তার দ্বিধার সুযোগ নিয়ে ছেলেটা ওই অবস্থাতেই তার বুকে সজোরে একটা লাথি কষাল। আনিস ছিটকে পড়ল মেঝেতে। ছেলেটা একটা লাফ মেরে উঠে দাঁড়িয়ে আনিসের কাছে এল। আনিস ছোরাটা ছাড়েনি। এলোপাথাড়ি চালাতে শুরু করল।

ছেলেটা অবলীলায় সেগুলো কাটিয়ে আনিসের কলার ধরে আনিসকে মেঝে থেকে তুলে সোফায় ছুড়ে মারল। সোফাসুদ্ধ উলটে পড়ল আনিস। ছেলেটা নিজের মনে বলে উঠল, ‘যতসব উটকো ঝামেলা’!

৩৯

‘আমাদের আর একসঙ্গে থাকা হল না, বলো তথা?’

রিমির কথাগুলোও তখন তার ঠিক করে মাথার মধ্যে ঢুকছিল না। তনবীর আলম সম্পর্কে একটা লিড পেয়েছিল। পাকিস্তানে কী করে যোগাযোগ করবে, সারাক্ষণ সে কথা ভেবে যাচ্ছিল।

রিমি রাগ করেনি। গালে শুধু একটা চুমু খেয়ে বলেছে, ‘ভালো থেকো। এ জন্মে হল না। কোনও জন্মে হবে। আমাকে আজ কুয়ালালামপুর যেতে হবে। ফিরে এসে আর দেখা হবে না’।

তথাগত দায়সারাভাবে বলেছিল, ‘হ্যাভ এ সেফ ফ্লাইট রিমি’।

পাকিস্তানের এজেন্টের সঙ্গে তার দেখা হয়েছিল আবু ধাবিতে। রাত দেড়টা বাজে তখন। মরুভূমির ভেতর উটের রেস চলছে। শেখদের তুমুল বাজি ধরা চলছে।

কোড নেম ছিল সাইলেন্ট স্টার। সে যে মহিলা, তথাগত জানত না।

কোটি কোটি টাকার দামি গাড়িগুলোর পার্কিং-এ দেখা হয়েছিল সাইলেন্ট স্টারের সঙ্গে। করাচির এক ব্যবসায়ীর স্ত্রী। ব্যবসায়ী মারা যাবার পর তার ব্যবসা একাই সামলান তিনি।

তথাগতকে দেখে বলেছিলেন, ‘আপনার বয়স আমি অনেক বেশি ভেবেছিলাম’।

তথাগত বলেছিল, ‘আমিও আপনার বয়স বেশি ভেবেছিলাম ম্যাডাম। করাচি থেকে পালাতে ইচ্ছে করে না?’

তিনি হেসেছিলেন শুধু, ‘আজকাল আমার মধ্যে ডুয়েল পারসোনালিটি কাজ করে। আমি একজন অ্যাগ্রেসিভ ব্যবসায়ীও। অভিনয় করছি বলে মনে হয়নি কোনওদিন। আই এস আই যেদিন গুলি করে মারবে, সেই মুহূর্তের আগে অবধি একই ভূমিকায় অভিনয় করে যাব’।

তথাগত বলেছিল, ‘সে সুযোগ আই এস আই পাবে না আমি জানি। এতদূর যখন এসেছেন, আই এস আইকেও ঠিক সামলে নেবেন’।

এজেন্ট বলেছিলেন, ‘ইউ নেভার নো। আই এস আইকে বোকা ভাবার কোনও কারণ নেই। আমাদের দেশের কেউই বলে দেবে হয়তো। অত ভয় পাই না। ভয় পেলে গত পনেরো বছর ধরে করাচিতে টিকতে পারতাম না। যাই হোক, তনবীর এমারাল্ড মলে দোকান খুলেছে’।

তথাগত তখন হতাশ গলায় বলেছিল, ‘জেনে কী করব ম্যাডাম? আমাদের হাত পা বাঁধা। এভাবেই তনবীরদের একদিন স্বাভাবিক মৃত্যু ঘটে’।

এজেন্ট হেসেছিলেন, ‘দেখা যাক কী হয়’।

শুয়ে শুয়ে সেদিনের কথাই ভাবছিল তথাগত। প্রতিটা কথার মাঝে রিমির কথাও মনে পড়ে যাচ্ছে মাঝে মাঝেই। সেদিনও রিমি মেসেজ করেছিল কুয়ালালামপুর পৌঁছে, ‘একবার ফোন করবে? একটু কথা বলতে ইচ্ছে করছে’।

সে ফোন করেনি। আবু ধাবি পৌঁছে চিফকে ব্রিফিংয়ে ব্যস্ত ছিল। মেসেজ দেখেছিল চারদিন পরে। রিমির ফোন ফ্লাইট মোডে ছিল। হয়তো সেই সময় কোনও দেশে উড়ে যাচ্ছিল।

ইদানীং রিমি তাকে তাড়া করে। যত পালাতে চেষ্টা করে, তত তাড়া করে। রিমির ভার মাথা থেকে বের করতে পারলে ভালো হতো।

জাহাঙ্গীরের প্রতি সতর্কতা রাখতে পারেনি সে। নিশ্চয়ই এমন কোনও লুজ বল দিয়েছিল যাতে জাহাঙ্গীর ফেরার পথে তাকে সন্দেহ করতে শুরু করে। কী লুজ বল দিয়েছিল? ভাবতে গিয়েও ভাবতে পারছিল না।

মাথায় রিমি চলে আসছে। কী কষ্টকর একটা পরিস্থিতি!

দরজায় দুটো টোকা পড়ল। পাঁচ সেকেন্ড পরে আবার দুটো টোকা।

বীরেন এসেছে।

তথাগত দরজা খুলে দিল।

বীরেন ঘরে ঢুকে বলল, ‘আজ একটু দেরি হয়ে গেল। খিদে পেয়েছে?’

তথাগত বলল, ‘নাহ্‌। না খেয়ে থাকা অভ্যাস আছে। এটা কোনও সমস্যা না। বাইরের খবর কী?’

বীরেন বলল, ‘আসগর আলি রাওয়ালপিন্ডি গেছে। ও রাওয়ালপিন্ডি যাওয়া মানে…’

তথাগত ম্লান হেসে বলল, ‘মাদ্রাসা থেকে আবার কয়েকটা বাচ্চা বর্ডারে যাবে। হয় মরবে, নয় মেরে আসবে। কন্টিনিউয়াস প্রসেস! রাওয়ালপিণ্ডির এতিমখানাটায় তো পাকিস্তান সরকার সরাসরি ফান্ড করে। ছোট থেকেই বাচ্চাগুলোকে তৈরি করা হয়। এরা জন্ম থেকেই বলি প্রদত্ত। জানতেই পারে না, মানুষ হিসেবে আসলে এদের কোনও ব্যবহারই নেই। লাল পিঁপড়ে ইন্ডিয়ান, ওদের মারতে পারো। কালো পিঁপড়ে বন্ধু, ওদের মারা যাবে না। ইন্টারেস্টিং। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে’।

বীরেন বলল, ‘আসগর আলির উপর অনেকটা নির্ভরশীল আই এস আই। মুজফফরাবাদে…’

বীরেনের কথা শেষ হবার আগেই আলো নিভে গেল।

বীরেন বলল, ‘গত এক মাস ধরে রোজ রাত এগারোটার সময় লোডশেডিং হচ্ছে। উসমান বলল আজকাল প্রেসিডেন্ট হাউজেও হচ্ছে। এই নিয়ে প্রেসিডেন্ট খুবই রাগারাগি করেছে’।

তথাগত বলল, ‘আসগর আলির বাড়িতেও হয়েছে?’

বীরেন চমকে উঠল, ‘হ্যাঁ। শহরের সবখানেই…’

তথাগত বলল, ‘আসগর আলি সম্পর্কে কী জানো বীরেন?’

বীরেন বলল, ‘আসগর আলি একজন মাহসুদ কমিউনিটির লোক। ওর আসল উপাধি মাহসুদ। লস্করে যেদিন ও জয়েন করেছিল, সেদিন ওর নাম আসগর মাহসুদ থেকে আসগর আলি হয়। পাকিস্তানের অনেকেই বলে তখনকার লস্কর কমান্ডারের শয্যাশঙ্গী ছিল এই আসগর। নিজের নাম নিজেই পালটে আলি রাখে। ওয়াজিররা কোনওকালেই ওদের ভালো চোখে দেখে না। পাক সেনাবাহিনীতে একজন মাহসুদের বাড়বাড়ন্ত ওদের বরাবরের গাত্রদাহের কারণ’।

তথাগত হাততালি দিয়ে উঠল, ‘এক্সেলেন্ট। তুষার স্যার ঠিক লোককে নির্বাচন করেছেন, আর সায়কের তালিমও অসাধারণ হয়েছে’।

তথাগতর কথা শেষ হল না, দরজায় আবার ঠকঠক শোনা গেল।

তথাগত বলল, ‘কে?’

বীরেন হাসল, ‘এই তো! নামটা বলেই দিয়েছেন তথাগতদা’।

তথাগত আরেকটু হলেই উত্তেজিত হয়ে চিৎকার করতে যাচ্ছিল। তড়িঘড়ি নিজেকে সামলাল।

বীরেন ফোনের টর্চ অন করে দরজা খুলল।

সায়ক ঘরে ঢুকেই বলল, ‘পপকর্ন আছে?’

তথাগত আর বীরেন দু’জনেই অবাক হল, ‘মানে?’

সায়ক ঘরে ঢুকে মেঝে বসে বলল, ‘কাল সকালে খবরের কাগজে বেরোবে দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বে একজন মাহসুদ মারা গেছে, প্রবীণ মাহসুদ, আমরা না হয় পপকর্ন খেতে খেতে দেখব’।

তথাগত উত্তেজনায় সায়কের হাত চেপে ধরল, ‘মানে?’

সায়ক বলল, ‘মিনিট দশেক আগে। ওয়াজিরদের এক গোষ্ঠীর সঙ্গে মাহসুদদের সরাসরি গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছে। আসগর আসলে একজন মাহসুদ। ওর আসল নাম আসগর মাহসুদ। ওয়াজিররা ওর কনভয়ে হামলা করেছিল। আসগর বেঁচে গেছে। কিন্তু ওর ড্রাইভারকে ওরা মেরে দিয়েছে’।

তথাগত হাসল, ‘সত্যিই পপকর্ন টাইম। আসলে এদের মধ্যে তো সারাক্ষণ ঝামেলা লেগেই থাকে। ছাইচাপা আগুনে আগুনটাকে একটু উসকে দেওয়াটাই আমাদের কাজ। আসগরের খবরটা পেলে আর পপকর্ন না, বিরিয়ানিই খাওয়া যেত’।

সায়ক বলল, ‘তা যা বলেছ, বীরেন। চলো একটা রুট ম্যাপ করে নেওয়া যাক। আসগর কেমন আছে তা দেখতে যাওয়া আমাদেরও কর্তব্য বইকি’!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *