৪০
অ্যাবোটাবাদ মাদ্রাসা ট্রেনিং ক্যাম্প।
তেরো চোদ্দ বছরের শ’খানেক ছেলেকে একে ৪৭ চালানোর ট্রেনিং দিচ্ছিল আবু ইব্রাহিম।
তার ফোন বেজে উঠল। আবু বিরক্ত হয়ে ফোন ধরল, ‘আমি বলেছিলাম ট্রেনিং-এর সময় আমাকে যেন কেউ ফোন না করে’।
‘জনাব, রফিক সাহাব এসেছেন’।
আবু ইব্রাহিমের ভ্রু কুঁচকাল, ‘এখানে?’
‘জি জনাব। বলছেন আপনার সঙ্গে জরুরি দরকার’।
ফোন কেটে বিরক্ত মুখে ইব্রাহিম তার ক্যাম্পের দিকে রওনা দিল। মাঠের একদিকে শয়ে শয়ে ক্যাম্প হয়েছে। তার ক্যাম্পটা আয়তনে বড়। সুবিধা বেশি। রফিককে ইব্রাহিমের ক্যাম্পের ভেতরে বসানো হয়েছিল।
রফিককে দেখে ইব্রাহিম বিরক্ত গলায় বলল, ‘ইসলামাবাদ থেকে এখানে চলে এসেছেন? কী এমন হয়েছে, যে কথা ফোনে বলা যেত না?’
রফিক বলল, ‘এই ক্যাম্প তো নারী বর্জিত থাকার কথা। আপনার খাটের উপরে মেয়েদের পোশাক কেন?’
ইব্রাহিম বলল, ‘কাজের কথা বলুন। বাজে কথা শোনার সময় নেই আমার’।
রফিক হাসল, ‘বাজে কথা বলতে আসিনি জনাব। কাজের কথা বলতে এসেছি’।
‘বলুন’।
‘বাজেট অ্যাপ্রুভাল আসছে। মাদ্রাসার জন্য এক হাজার কোটি স্যাংশন করা হয়েছে। এই কারণে ইসলামাবাদ থেকে নিজে এসেছি আপনাকে এই সুখবর দিতে’।
এবারে ইব্রাহিমের মুখে হাসি ফুটল, ‘মাশাল্লাহ। এবারে আপনার বাজে কথা শোনার জন্য আমার আর আফসোস হচ্ছে না। কাজাখাস্তানের ভাইয়েরা না খেতে পেয়ে আছে। আপনার গ্র্যান্ট এলেই ওদের জন্য পাঠিয়ে দেব আমি’।
রফিক বলল, ‘পেয়ে যাবেন। আমি তো আপনার জন্যই আছি জনাব। সরকার আপত্তি করেছিল। আমি আটকেছি’।
ইব্রাহিম রেগে গেল, ‘আপত্তি করেছে মানে?’
রফিক বলল, ‘সরকার চাইছিল মুজফফরাবাদে নতুন ক্যাম্প করবে। এটা প্ল্যানেই ছিল না। আমি তাদের কনভিন্স করিয়েছি’।
ইব্রাহিম বলল, ‘আপনার সরকারের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রফিক সাহাব। আপনি জানেন, তারা কার সঙ্গে দরদাম করছে? আপনারা আছেন শুধুমাত্র আমরা আছি বলে। এছাড়া আপনাদের কোনও ক্ষমতা আছে?’
রফিক শান্ত কণ্ঠে বলল, ‘আমরা আছি বলেও আপনারা আছেন জনাব। আমেরিকানরা যখন আফগানিস্তান থেকে কুকুরের মতো তাড়া করেছিল, তখন পাকিস্তান না থাকলে আপনারা কোথায় আশ্রয় পেতেন? আমরা আপনাদের আশ্রয় দিয়েছি, রসদ দিয়েছি… আমাদের এত সহজে তাচ্ছিল্য করলে হবে?’
ইব্রাহিম একটু থমকে গিয়ে বলল, ‘ঠিক আছে। আপনাকে ধন্যবাদ’।
রফিক ঘাড় নাড়ল, ‘উসমান সাহেব আমাকে জিগ্যেস করছিলেন, আবু ইব্রাহিম কি কোনও উত্তরসূরি তৈরি করছেন? আমি বলেছি ইব্রাহিম সাহেব বিচক্ষণ মানুষ। নিশ্চয়ই কাউকে তৈরি করবেন’।
ইব্রাহিম উঠে দাঁড়াল, ‘ঠিক আছে। আপনি এখন যেতে পারেন’।
রফিক হাসল, ‘নিশ্চয়ই যাব জনাব। তবে আমার প্রথম প্রশ্নের উত্তরটা পাইনি’।
‘কোন প্রশ্নের উত্তর?’
‘এখানে মেয়েদের পোশাক…’
‘এখানে কোনও মহিলা অ্যালাউড না’।
‘ওহ, তাহলে ছেলেদেরই মেয়েদের পোশাক পরিয়ে… ঠিক আছে। আপনার ক্যাম্প, আপনি বুঝবেন। পাকিস্তান কখনও আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। পাকিস্তান যথেষ্ট লিবারাল কান্ট্রি। খুদা হাফেজ জনাব’।
ইব্রাহিম ক্রুদ্ধ কণ্ঠে বলল, ‘খুদা হাফিজ’।
রফিক ক্যাম্প থেকে বেরিয়ে তার গাড়িতে গিয়ে বসল। রফিকের নিরাপত্তারক্ষীরা বাইরে অপেক্ষা করছিল। কনভয় রওনা দিল। সামনের সিটে বরকত বসে আছে। সে বাইরেই অপেক্ষা করছিল। বলল, ‘খোলা ক্যাম্প জনাব। আমার ভয় হয় আমেরিকান স্যাটেলাইট সব জানতে না পেরে যায়’।
রফিক জানলার বাইরের দিকে দেখল। পাহাড়ি রাস্তা পেরিয়ে ইসলামাবাদ পৌঁছতে দু’ঘণ্টা সময় লাগে। বরকতের কথার উত্তরে নিচু স্বরে বলল, ‘জানে’।
বরকত মাথা নাড়ল, ‘কী বললেন জনাব?’
রফিক বলল, ‘কিছু না। ইব্রাহিমের ক’টা বউ যেন?’
‘তেরোটা জনাব’।
রফিক হেসে উঠল, ‘এরাই ভালো আছে’।
বরকতও হাসল, ‘মৌলানার সতেরোটা বিবি ছিল জনাব। মৌলানার মৃত্যুর পরে খুব কেঁদেছে সবাই। ছেলেদের মধ্যে মসনদের লড়াই শুরু হয়েছে’।
রফিক বলল, ‘মৌলানার বয়স হয়েছিল। ইব্রাহিমেরও হয়েছে। সবারই একদিন যাবার সময় হয়। ইব্রাহিমেরও হবে’।
৪১
ময়লার গাদার ভিতরে একটা যে মানুষ পড়ে আছে, লতিফ প্রথমে বুঝতে পারেনি। চলেই যাচ্ছিল।
হঠাৎ করে মানুষটা নড়েচড়ে ওঠায় সে দাঁড়িয়ে পড়ল, ‘এ কী! কে তুমি?’
ওরাঙ্গি টাউনের ময়লা পড়ে ছোটখাটো ডাম্পিং গ্রাউন্ড হয়ে আছে জায়গাটা। লতিফ এগোতেও পারল না। লোকটার গোটা গায়ে ময়লা। কোনওমতে উঠে দাঁড়িয়ে কলের নীচে বসে পড়ল। গা থেকে নোংরা ময়লা বেরিয়ে ড্রেনে যাচ্ছে। স্নান সেরে হাঁটতে শুরু করল।
লতিফের কৌতূহল হচ্ছিল। সে লোকটার পেছন পেছন যেতে শুরু করল। মিনিট পাঁচেক পরে একটা ঝুপড়িতে ঢুকে গেল।
লতিফ বাইরে থেকে চিৎকার করল, ‘সব ঠিক আছে জনাব?’
ভেতর থেকে আওয়াজ এল, ‘দফা হো যাও’।
লতিফ বলল, ‘আরে ভাইজান, আমাকে বলো কী হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারি’।
ঘরের ভেতর থেকে লোকটা বাইরে এসে বলল, ‘কী সাহায্য করবে?’
লতিফ চারদিকে তাকিয়ে বলল, ‘আমার অনেক ক্ষমতা। তোমায় কেউ পিটিয়েছে নাকি?’
লোকটা সন্দিগ্ধ কণ্ঠে বলল, ‘কে তুমি? সত্যি করে বলো। আমার ভাই কিন্তু পুলিশে আছে’।
লতিফ ফিক করে হেসে ফেলল, ‘ওরাঙ্গি টাউনের লোক কোন পুলিশে থাকে? আমাকে এসব বুঝিয়ে লাভ আছে? কী হয়েছে সেটা বলো’।
লোকটা বলল, ‘ভেতরে এসো’।
লতিফ বলল, ‘ঠিক আছে। যাচ্ছি’।
সে ঝুপড়ির ভেতরে ঢুকল। আর সঙ্গে-সঙ্গেই লোকটা একটা ছুরি তার গলায় ধরে বলল, ‘কে তুই? সত্যি করে বল’।
লতিফের পাঁচ সেকেন্ড লাগল ছুরিটা লোকটার হাত থেকে কেড়ে আবার ওরই গলায় ধরতে। হাসিমুখে বলল, ‘কী মিয়াঁ, ভালো কথা শোনো না নাকি?’
ছুরিটা ছুড়ে ফেলল সে। লোকটা খাটিয়ায় বসে পড়ে হতাশ গলায় বলল, ‘আমি এবার থেকে ট্রেনিং নেব। শালা, সবাই আমার থেকে শক্তিশালী!’
লতিফ বলল, ‘কী নাম তোর?’
লোকটা হাত দিয়ে মুখে মুছে বলল, ‘আনিস। বিচে একজন আমাকে থ্রেট দিয়েছিল। আমি ওর ফ্ল্যাটে গেছিলাম প্রতিশোধ নিতে। তারপর…’
লতিফ বলল, ‘তারপর কী?’
আনিস সবটা বলল। লতিফ শিস দিয়ে উঠল, ‘দামি গাড়ি আর বিগ অ্যাপার্টমেন্ট? ভাসানি সুইটসে এসেছিল?’
আনিস মাথা নাড়ল, ‘হ্যাঁ, হ্যাঁ। ভাসানি সুইটসে এসেছিল। কেন?’
লতিফ বলল, ‘তুমি কী দেখেছ বললে ওই ফ্ল্যাটে?’
আনিস বলল, ‘ওই যে, একটা বুড়ো, কিন্তু পরে বুড়োটা ছিল না… সোফার উপরে নকল দাড়ি ছিল’।
লতিফ বলল, ‘এর মানে কি যে তোমায় পিটিয়েছে, সেই বুড়োর ছদ্মবেশ ধরে ঘুরে বেড়ায়?’
আনিস বলল, ‘হ্যাঁ’।
লতিফ পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু রুপি আনিসকে দিয়ে বলল, ‘ঠিক আছে আনিস মিয়াঁ। তুমি এই কথাগুলো কাউকে বলবে না। ঠিক আছে?’
আনিস বলল, ‘তুমি কে? খুফিয়া পুলিশ?’
লতিফ বলল, ‘হ্যাঁ। তোমার হয়ে আমি প্রতিশোধ নিয়ে নেব। তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে?’
আনিস বলল, ‘তুমি আমার হয়ে প্রতিশোধ নেবে, এরকম হয় নাকি?’
লতিফ বলল, ‘খুব হয়। তুমি তোমার কাজে যাও। ওষুধ লাগলে খেয়ে নেবে। আর যারা তোমায় এখানে রেখে গেছে, তারা জানে তুমি ওরাঙ্গিতেই থাকো। তাই বেশি চালাকি করার দরকার নেই। যে কাজ রোজ করো, জিপ নিয়ে যেমন বিচে যাও, তেমন যাবে। আমার যদি তোমাকে দরকার হয়, আমি খবর দেব। ঠিক আছে?’
আনিসের রাগ কমছিল না। বলল, ‘একবার হাতের কাছে পাই ওকে! তারপর দেখিয়ে দেব আমি কী করতে পারি। আমাকে গাটারে ফেলে দিয়ে গেছে? এত সাহস?’
লতিফ বলল, ‘আমি বেরোলাম আনিস মিয়াঁ। তোমায় যদি কেউ জিগ্যেস করে আমি কে, তুমি বলবে ঠিকানা জিগ্যেস করতে এসেছিলাম। ঠিক আছে?’
আনিস মাথা নাড়ল, ‘ঠিক আছে’।
আনিসের ঝুপড়ি থেকে বেরিয়ে লতিফ চারদিকে দেখল। অনেকেই তার দিকে তাকিয়ে আছে। এখানে বেশিরভাগ লোকের কোনও কাজ নেই।
লতিফ পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করল। ভাসানি সুইটসে এখন অনেক লোক আছে। ফিরোজ তাকে দেখামাত্র বলল, ‘কোথায় গেছিলে মিয়াঁ? সেই গাড়িটা আবার এসেছিল। রহমান সাহেব ওই গাড়িতে করে কোথায় চলেও গেলেন’!
লতিফ চেয়ার টেনে বসে বলল, ‘ঠিক আছে। আমাদের অনেক কাজ এখন ফিরোজ। এসব দিকে আর মন দিয়ে কাজ নেই, রহমান সাহেব ফিরলে না হয় আমরা একবার সামোসা খেতে যাব’।
ফিরোজ খুশি হল, ‘সামোসা? দেরি কেন? এখনই খাওয়া যেতে পারে’।
লতিফ মাথা নাড়ল, ‘নাহ। লাচ্চা খেয়েছি একটু আগে। পেট একদম ভরে আছে। সামোসা পরে খাব’।
ফিরোজ মাথা নাড়ল, ‘তাই হবে জনাব, তাই হবে’।
৪২
কোয়েটা। মৌলানা সাহাবুদ্দিনের মাদ্রাসার কাছের মাঠে কয়েক কোম্পানি সেনা নিয়ে মেজর হুসেন উপস্থিত হয়েছে। ইসলামাবাদ থেকে দীর্ঘ পথযাত্রার ফলে হুসেন ক্লান্ত। নিজের তাঁবুতে শুয়ে শুয়ে সিগারেট টানছে বিষণ্ণ মনে। উপর থেকে অর্ডার আছে, কোয়েটা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে। বালোচ বিদ্রোহীদের খুঁজে না মারা পর্যন্ত একজনও ছুটি পাবে না।
হুসেন ওসব নিয়ে চিন্তা করছে না। সেনার চাকরি তার পছন্দ ছিল না। ইচ্ছে ছিল বিদেশ চলে যাবে। আব্বুর জোরাজুরিতে সেনাতে ভর্তি হতে হয়েছিল। এখন মাঝে মাঝেই রেজিগনেশন দিতে ইচ্ছে করে। নেহাত সেভিংসে খুব বেশি রুপি নেই বলে পালাতে পারছে না। এসব কারণে সর্বক্ষণ সে খিটখিট করতে থাকে।
সেপাই ফারুক এসে বলল, ‘জনাব, জহির সাহেব দেখা করতে এসেছেন’।
হুসেন বিরক্ত মুখে বলল, ‘কে জহির?’
ফারুক বলল, ‘বললেন রফিক সাহেব পাঠিয়েছেন’।
হুসেন সঙ্গে সঙ্গে উঠে বসল, ‘ভিতরে আসতে বলুন’।
ফারুক বেরিয়ে গিয়ে জহিরকে পাঠাল।
জহিরের বয়স হয়েছে। কিন্তু চোখ দুটো দেখলে যে কেউ বুঝে যাবে সে একজন ঠান্ডা মাথার খুনী।
হুসেন সেলাম দিয়ে বলল, ‘রফিক সাহেব আমাকে কিছু বলেননি’।
জহির বলল, ‘আমিই বলতে বারণ করেছিলাম। সাহাবুদ্দিনের মৃত্যুর পর দু’দিন ধরে এলাকাটা ঘুরে ফিরে দেখলাম। সবার মুখে একটাই কথা, বালোচ লিবারেশনে কাজ করেছে। আমার কাজ সে কথা কতটা সত্যি সেটা খুঁজে বের করা’।
হুসেন বলল, ‘আপনার কি অন্য কাউকে সন্দেহ হচ্ছে?’
জহির পাজামা থেকে সিগারেট বের করে হুসেনের দিকে এগিয়ে দিয়ে নিজে সিগারেট ধরিয়ে বলল, ‘আমি গন্ধ পাই। ইন্ডিয়ানদের শরীরের গন্ধ এ দেশে কোথাও ভেসে এলে আমি তার গন্ধ পাই হুসেন সাহেব’।
হুসেন বলল, ‘কোয়েটায় র আছে বলছেন?’
জাহির বলল, ‘ওই কুত্তার বাচ্চা লিবারেশন আজকে থেকে কোয়েটায় নেই। দু’চারটে মিছিল বের করত, আমরা তাড়া করে মারতাম, আবার কিছুদিন চুপ থাকার পর আরেকটা মিছিল বের করত। এ ছাড়া ওদের আর কোনও কাজ ছিল না। গত কয়েকবছর ধরে ওরা এত বেড়েছে। কেন বেড়েছে? এমনি এমনি তো বাড়েনি। অস্ত্র কিনছে, আমাদের নেতাদের গুলি করার সাহস পাচ্ছে! কী করে? এর পেছনে একটাই কারণ। র আছে’।
হুসেন বলল, ‘আমি তল্লাশি শুরু করছি কাল থেকেই’।
জহির বলল, ‘কাল থেকে না। আজ রাতে আপনি কাচলাক যাবেন। ওদের একটা গোপন মিটিং হবার কথা আছে। আমি আপনাকে লোকেশন বলে দেব। একজন বালোচও যেন বেঁচে না থাকে’।
হুসেন বলল, ‘আমাদের সেনারা ক্লান্ত। রাতে রাস্তাঘাট চিনবে না…’
হুসেনের কথা শেষ হবার আগে জহির বলে উঠল, ‘একা যাবেন কে বলেছে? শাহাবুদ্দিনের লোকেরা রাগে এবং ক্ষোভে ফুটছে। তারা আপনার সঙ্গে যাবে। কাজটা তারা করবে। কৃতিত্ব হবে আপনার। আজকের রাতের পরে এলাকায় আপনার দখল কায়েম হবে। হালকা দেবার দরকার নেই। যদি গোটা শহরের লোক আপনার বিরোধিতা করে, প্রয়োজনে গোটা শহরকে মাটিতে মিশিয়ে দেবেন। কোনও সাংবাদিককে কোয়েটার বাইরে যাবার অনুমতি দেওয়া হবে না। যেখানে যা খবর বেরোবে, তা আপনার অনুমতি পাবার পরে প্রকাশ পাবে। আন্তর্জাতিক মিডিয়াকে নিরাপত্তার কথা বলে কোয়েটার বাইরে যেতে দেবেন না’।
হুসেন বলল, ‘জি জনাব। আপনি গাইড করে দিলে আমার আর কোনও অসুবিধা হবে না আমি বুঝে গেছি’।
জাহির বলল, ‘আমি আপনার প্রশংসা শোনার পরেই রফিককে নির্দেশ দিয়েছিলাম বালোচিস্তানে আপনাকে যেন পাঠানো হয়। এখানকার মানুষকে বার্তা দেবার দরকার আছে যে পাকিস্তান আর্মি দুর্বল নয়। পাকিস্তান আর্মি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বালোচিস্তানের বিদ্রোহ দমন করবে। পূর্ব পাকিস্তানে আমরা সফল হইনি। কারণ ভৌগোলিকভাবে পূর্ব পাকিস্তানে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারিনি। এখানে সে সমস্যা নেই। আগামী সাতদিনে বালোচিস্তান ঠান্ডা করে দেওয়া হবে। পারবেন?’
হুসেন মাথা নোয়াল, ‘জি জনাব’।
৪৩
রাত হয়েছে।
ভাসানি সুইটস থেকে আলতাফ বেরোতেই পিছু নিল লতিফ। সে বৃদ্ধের ছদ্মবেশ নিয়েছে। আলতাফ হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড থেকে বাস ধরল।
লতিফও বাসে উঠে পড়ল।
বিগ অ্যাপার্টমেন্টের সামনে নামল আলতাফ।
লতিফ নেমে বাস স্ট্যান্ডে বসে পড়ল। আলতাফ হাঁটতে হাঁটতে বিগ অ্যাপার্টমেন্টে ঢুকে গেল।
লতিফ জহিরকে ফোন করল।
জহির ধরে বলল, ‘তাড়াতাড়ি বলো, আমি খুব ব্যস্ত আছি’।
লতিফ বলল, ‘বিগ অ্যাপার্টমেন্টে কী আছে জনাব?’
জহির বলল, ‘কেন? আলতাফ ওখানে ঢুকেছে?’
লতিফ বলল, ‘হ্যাঁ’।
জহির বলল, ‘ঠিক আছে। আপাতত কিছু করার দরকার নেই। আমি করাচি ফেরা অবধি অপেক্ষা করা যাক’।
ফোন কেটে গেল।
লতিফ ফোন পকেটে রেখে হাই তুলল। জহির কিছুই বলল না যখন, তখন আর অপেক্ষা করে লাভ নেই। ভালোও লাগছে না আজ। মাঝে মাঝে তো ছুটি নিতে হয়। এক কাজ করতে করতে ক্লান্ত লাগে। আজ তেমন একটা দিন। সমুদ্রের ঠান্ডা হাওয়া এসে প্রাণ জুড়িয়ে দিয়ে যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে বিচে গিয়ে বসল। করাচির মতো জায়গায় বিগ অ্যাপার্টমেন্টের মতো বিলাসবহুল কমপ্লেক্স হাতে গোনা কয়েকটা আছে। পাকিস্তানের বড় বড় সেনা কর্তার ফ্ল্যাট আছে এখানে।
আনিসকে যে ফ্ল্যাট থেকে বের করা হয়েছে, রহমান আর আলতাফ কি ওই একই ফ্ল্যাটে যাচ্ছে?
ওরাঙ্গি টাউনে রহমানের অত্যন্ত ভালোমানুষের ইমেজ। তার অভিজ্ঞতায় বলে এরকম ইমেজ যাদের থাকে, তারা হয় সত্যি ভালোমানুষ হয়, নয়তো সবার চোখের আড়ালে তাদের অন্য কোনও উদ্দেশ্য থাকে। রহমান শুধুমাত্র দোকান চালায় না তা জলের মতো পরিষ্কার।
বসে বসে চোখে ঘুম চলে এসেছিল, এমন সময় দেখল তাকে দু’জন ঘিরে দাঁড়িয়েছে। লতিফ বিরক্ত কণ্ঠে বলল, ‘আমার কাছে কিছু নেই। আমি গরিব মানুষ। অন্য কাউকে ধরো’।
কথা শেষ হবার আগেই তার কপালে রিভলভার ধরে একজন বলল, ‘ওঠ, আমাদের সঙ্গে চল’।
লতিফ তার সহজাত ক্ষিপ্রতায় সামনের জনের পায়ে লাথি কষাল, সে হুমড়ি খেয়ে পড়তেই পাশের জনের হাঁটুতে ঘুষি মারল। তিরিশ সেকেন্ড লাগল দু’জনকে মাটিতে শোয়াতে।
লতিফ চুক চুক শব্দ করে বলল, ‘খাওয়া দাওয়া করে না। কোথাকার লোক তোরা?’
কোকাচ্ছিল দুজনই। লতিফের কথার উত্তরে কোনওমতে বলল, ‘দুদিন ধরে খাইনি ভাইজান’।
লতিফ বলল, ‘এভাবে কেউ ভিক্ষা করে? বাঃ। তোদের না দেখলে জানতেই পারতাম না। তোদের কি এটা এলাকা? এখানেই ডিউটি?’
‘জি ভাইজান’।
‘ঠিক আছে। যা এখন। জ্বালাতন করিস না। দুশো রুপি দিচ্ছি, খেয়ে নিস’।
সত্যি সত্যিই পকেট থেকে দুশো টাকা বের করে দিল সে। দুজনে শুকরিয়া বলে ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে গেল।
লতিফ উঠে পড়ল। এখানে থাকলে অবাঞ্ছিত মশার মতো ছিনতাইবাজরা এভাবেই একটার পর একটা আসতে থাকবে। পকেটমারি থেকে ছিনতাই থেকে সবরকমের অপরাধে করাচি এখন দেশের শীর্ষে আছে। রাস্তায় পৌঁছে হাঁটতে শুরু করল সে। হোটেলে ঢুকে ঘুম দেবে আজ। আর কোনও কাজ করবে না।
হোটেলের রিসেপশনে আজ একজন মহিলা বসেছেন। লতিফকে দেখে মাথা নোয়ালেন। লতিফ রুমের চাবি খুলে আলো জ্বেলে অবাক হয়ে গেল। গোটা ঘর এলোমেলো হয়ে আছে। খাটের উপরে তার পাসপোর্টগুলো রাখা।
সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তার ঘরে কেউ এসেছিল শুধু তাই না, আসার পরে তার সবকিছু তল্লাশি করেছে।
এর অর্থ, তার জীবন এখন বিপন্ন। লতিফ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে ফোনের সিমটা ফেলে দিয়ে তার পাসপোর্টগুলো নিয়ে দ্রুত ঘর থেকে বাইরে বেরোল। ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে নীচে নেমে পেছনের গলি দিয়ে দ্রুত হাঁটতে শুরু করল।
এখানেই করাচির নিষিদ্ধ পল্লী। চটুল গান ভেসে আসছে। রাস্তায় মেয়েদের ভিড়। তাকেও হাত ধরে ডাকতে শুরু করেছে।
লতিফ যথাসম্ভব দ্রুত গতিতে হেঁটে বড় রাস্তায় উঠল। অটো দাঁড়িয়ে আছে পরপর। সে প্রথম দুটো অটো ছেড়ে পরের অটো ধরে বলল ‘শাহ ফয়সল চক চলো, জলদি’।
অটোওয়ালা বলল, ‘জলদি কা কাম শয়তান কা হোতা হে জনাব। এত তাড়ার কী আছে?’
তার ভ্রু কুঁচকে উঠল। সঙ্গে সঙ্গে অটো থেকে নেমে যাবার চেষ্টা করার আগেই দু’জন দু’দিন থেকে অটোতে উঠে তার কপালে রিভলভার ঠেকিয়ে বলল, ‘খরচা হয়ে যাবি। চুপ করে বসে থাক’।
লতিফের বুক ঠান্ডা হয়ে গেল।
৪৪
তুষার তার চেম্বারে কাজ করছিলেন। খান দরজা ঠেলে ভেতরে ঢুকে বললেন, ‘স্যার, একটা ঝামেলা হয়ে গেছে’।
তুষার বললেন, ‘কী হল?’
খান বললেন, ‘এজেন্ট উড়ান যাকে আম নাগরিক ভেবেছিল, যার সঙ্গে ট্রেনে করাচি থেকে লাহোরে এসেছিল, সে আন্ডার কভার অফিসার ছিল। ওকে তাড়া করে ইসলামাবাদ অবধি চলে গেছে। এখন ও বীরেনের কাছে আছে। কিন্তু এই মুহূর্তে বেরোতে পারবে না। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল’।
তুষার বললেন, ‘হুঁ। যখন নুরের কাছে গেল, তখনই বুঝেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে। সম্ভবত ওই অফিসার ছেলেটির পরে সন্দেহ হওয়ায় ওকে তাড়া করেছে। নুরের কী খবর?’
খান বললেন, ‘পেশোয়ার পৌঁছেছে। আফগানিস্তানের পথে রওনা দিয়েছে’।
তুষার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ‘তিনটে লোকেশন অ্যাক্টিভেট হয়ে গেছে খান। আর পেছোনোর উপায় নেই। সামনের দিকে দেখতে হবে’।
খান বললেন, ‘আমি পেছোবার কথা ভাবছিই না স্যার। তবে ওরা এবার কিছু একটা আন্দাজ করতে পারে। সে হিসেবে আমাদের কিছুদিন আবার চুপ করে যেতে হবে’।
তুষার মাথা নাড়লেন, ‘না, সে উপায় নেই। মৌলানার না থাকার সুযোগটা আমাদের তাড়াতাড়ি নিতে হবে। যখনই ওর কোনও ছেলে আবার কোয়েটার সর্বেসর্বা হয়ে উঠবে, তখন আর উপায় থাকবে না। এখন যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যেই যা করার করতে হবে’।
খান বললেন, ‘ঠিক আছে’।
খানের ফোনে মেসেজ এল একটা। খান দেখে বললেন, ‘সর্বনাশ’!
তুষার বললেন, ‘কী হল?’
খান বললেন, ‘লতিফ ধরা পড়েছে। ওকে তুলে নিয়ে গেছে আই এস আই’।
তুষারের ভ্রু কিঞ্চিত হল, ‘এটাই বাকি ছিল। কাজ শুরু হল না, একটার পর একটা দুঃসংবাদ আসা শুরু হল’।
খান বললেন, ‘বিগ অ্যাপার্টমেন্টের লিড দিয়ে গেছে লতিফ। বিশ্বাস করা ঠিক হবে নাকি, জানি না’।
তুষার বললেন, ‘কোনও সিকিউরড অ্যাপার্টমেন্টে আমাদের কোনও অপারেশন করা এই মুহূর্তে সম্ভব না’।
খান বললেন, ‘অ্যাপার্টমেন্টের সিসিটিভি অ্যাক্সেস করার চেষ্টা করা হচ্ছে’।
তুষার বললেন, ‘গুড। কী পাওয়া গেল জানাবে। পীযূষ করছে তো?’
খান বললেন, ‘হ্যাঁ স্যার’।
তুষার বললেন, ‘ও ঠিক করে দেবে’।
খান হাসলেন, ‘হ্যাঁ স্যার। লতিফ সন্দেহ করছিল ওই অ্যাপার্টমেন্টে বড় কিছু আছে। ওকে জহির ভাসানি সুইটসে নজর রাখার জন্য ডেকেছিল। ভাসানিতে আমাদের কিছু নেই। বালোচদের কিছু থাকলে তো স্যার না জানার কোনও কারণ নেই’।
তুষার বললেন, ‘জহির একজন পুরোনো খেলোয়াড়। ও অনেক কিছুই করতে পারে। নিশ্চয়ই কোনও খবর আগে থেকে ছিল। রহমানের সঙ্গে জহিরের চিরকাল শত্রুতা। রহমান করাচির দখল নিতে বড় কোনও প্ল্যান করেছে হয়তো’।
খান বললেন, ‘লতিফের ফোন মিরর করা থাকলে লতিফ আমাদের যা যা তথ্য পাঠিয়েছে, তার সবটাই ওরা জানতে পেরে গেছে’।
তুষার একটু থমকে গেলেন, ‘সিগারেট আছে’?
খান বললেন, ‘বহুদিন ছেড়ে দিয়েছি স্যার’।
তুষার জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। মাথার মধ্যে বিভিন্ন অঙ্ক ঘুরতে শুরু করেছে। খান বললেন, ‘লতিফের কাছে আমাদের এজেন্টদের কোনও ডিটেলস নেই তো স্যার? ওর তো কোনও দায় নেই, দুটো থাপ্পড় খেলেই সব উগরে দিতে শুরু করে দেবে’।
তুষার এসি বন্ধ করে জানলা খুললেন, বললেন, ‘কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। এখন বোধহয় আবার আমাদের রাজধানী চেঞ্জ করতে হবে খান। যে হারে পলিউশন বাড়ছে, এখানে বেশিদিন আর টেকা যাবে না। তুমি একটা প্রপোজাল বানিয়ে দিও। আমি সাবমিট করব পি এমের কাছে’।
খান অবাক হলেন, ‘সত্যি? আপনার এখন এটা মনে হচ্ছে?’
তুষার বললেন, ‘হ্যাঁ, পলিউশন বড্ড বেড়ে গেছে। তুমি চিন্তা কোরো না, লতিফের কাছে আমাদের কোনও কিছুই নেই। ও ফ্রি এজেন্ট হিসেবে কাজ করেছে। আই এস আই বুঝুক। মায়া রেখো না’।
খান বললেন, ‘আই এস আই যা হাল করবে, তখন মায়া দেখানোর মতোই চেহারা হবে ওর’।
তুষার জানলা বন্ধ করে বললেন, ‘তা ঠিক। করাচি ইজ ইম্পরট্যান্ট। পীযূষের থেকে আপডেট নিতে থাকো। বিগ অ্যাপার্টমেন্ট কতটা বিগ খবর দেয়, এখন সেটার জন্যই অপেক্ষা করতে হবে’।
