ব্লু উইংস – ৪৫

৪৫

রাত দেড়টা।

লতিফকে বসিয়ে রাখা হয়েছে। হাত পা কিছুই বাঁধা হয়নি। তবে কয়েক ঘা দেওয়া হয়েছে। লতিফ আটকায়নি। মার খাওয়ার অভ্যাস আছে তার।

দরজা খুলে যে ঢুকল, তাকে লতিফ খুব ভালো করে চেনে। আজিজ বুখারি। ছ’ফুট তিন ইঞ্চি লম্বা। প্রবল শক্তিশালী। আজিজের তিন চারটে ঘুষি খেলেই অনেকের হাল খারাপ হয়ে যায়।

লতিফের ঠোঁটের পাশ থেকে রক্ত পড়ছিল। আজিজকে দেখে বলল, ‘ভাইজান সব ঠিক আছে? আজ কি আমাকে মারতে পাঠাল তোকে?’

আজিজ চেয়ার টেনে বসল। বলল, ‘জহির মারা গেছে’।

লতিফ এবার সত্যি সত্যি চমকাল, বলল, ‘কীভাবে?’

আজিজ বলল, ‘কনভয়ে বোম ব্লাস্ট হয়েছিল’।

লতিফ বলল, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।

আজিজ লতিফের মুখে সজোরে ঘুষি মারল।

লতিফ ছিটকে পড়ল মেঝেয়। মুখে হাত দিয়ে বলল, ‘উফ, দাঁত ভেঙে দিলি আজিজ। জহির সাবকে আমি সত্যিকারের শ্রদ্ধা করতাম। শোক প্রকাশের সুযোগটুকু দে’।

আজিজ বলল, ‘লজ্জা হচ্ছে না তোর? দেশের ইনফরমেশন র এর কাছে বেচে দিয়েছিস? একটুও লজ্জা আছে?’

লতিফ কষ্ট করে উঠে বসল। দাঁত ভেঙে রক্ত পড়ছে। বলল, ‘এ সব কিছু কি আমাকে ধরতে করা হয়েছিল?’

আজিজ বলল, ‘জহির তোকে বিশ্বাস করেছিল। আমরা কেউ করিনি’।

লতিফ বলল, ‘আমার কথার উত্তর দিলি না তুই। তার মানে বিগ অ্যাপার্টমেন্টে সত্যিই কিছু আছে। তাই তো?’

আজিজ বলল, ‘পেমেন্ট কীভাবে আসে?’

লতিফ হাসল।

আজিজ আবার ঘুষি মারতে গেল, লতিফ হাত তুলে বলল, ‘বলছি বলছি। মারার দরকার নেই। ক্রিপ্টোতে পাঠায়’।

আজিজ চোখ বড় বড় করল, ‘তুই এসব কবে শিখলি?’

লতিফ বলল, ‘কেন অকারণ ঝামেলা করছিস? আমি কী পাঠিয়েছি তোরা খুব ভালো করে জানিস। ওরা যা করতে চায়, করতে বলে দে। আমার আর ভালো লাগছে না’।

আজিজ পকেট থেকে একটা ফোন বের করে লতিফের সামনে নিয়ে গেল। লতিফ চোখ বন্ধ করল। আজিজ লতিফকে চড় মারার জন্য হাত তুলতেই লতিফ চোখ খুলল। ফোন আনলক হল।

আজিজ দেখল ফোনটা রিসেট করা হয়েছে। কোনও কিচ্ছু নেই।

সে মাথা নাড়তে নাড়তে বলল, ‘তুই নিজেও জানিস না তোর জন্য কী অপেক্ষা করে আছে। খুব বড় ভুল করেছিস তুই। হয়তো জহির বেঁচে থাকলে তোর বেঁচে থাকার একটা সুযোগ থাকত। এখন সেটাও নেই। তুই তো শুধু এখানকার খবর বেচিসনি, এর আগে দিল্লিতে যে চারজন মুজাহিদিন গেছিল, তুই তাদের ডিটেলসও র-কে দিয়ে দিয়েছিলিস। তোর জন্য ওই চারজন শহিদ হয়েছিল। গদ্দার!’

ভীষণ রেগে আজিজ লতিফের কলার ধরে মেঝে থেকে তুলে মুখে পরপর ঘুষি মারতে শুরু করল। একটা সময় লতিফ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল।

আজিজ ঘর থেকে বেরিয়ে গেল।

ভোরবেলা লতিফের ঘুম ভাঙল অসহ্য যন্ত্রণায়। দড়ি দিয়ে বেঁধে রেখে তার হাতের নখগুলো ওপড়ানো শুরু হয়েছে। লতিফ চিৎকার করতে শুরু করল।

আজিজ চেয়ারে বসেছিল। হাত তুলে বাকিদের থামতে বলে বলল, ‘র জানে তুই ধরা পড়েছিস?’

লতিফ মাথা নাড়ল, ‘না, জানে না। কেউ কিচ্ছু জানে না’।

আজিজ হাসল, ‘ভাবিস না মিথ্যা বলে বেঁচে যাবি। ফোন কর’।

লতিফের ফোনটা পকেট থেকে বের করল আজিজ। লতিফ বলল, ‘ফোনে যোগাযোগ হতো না’।

আজিজ তার সাগরেদদের বলল, ‘মেরে ফেল’।

লতিফ চিৎকার করে উঠল, ‘নাম্বার বলছি। কর’।

আজিজ বলল, ‘বল’।

লতিফ নম্বর বলল। ও প্রান্তে ফোন অফ বলছে। আজিজ বলল, ‘ঠিক আছে। তোকে আরেকটা সুযোগ দেব। সকাল দশটা অবধি চেষ্টা করে যাব। যদি ফোন না পাওয়া যায়, তাহলে তোকে আজকেই জহিরের কাছে পাঠিয়ে দেওয়া হবে’।

লতিফকে চেয়ার থেকে সরিয়ে মেঝেতে ফেলে দেওয়া হল।

রক্তে শরীর ভেসে যাচ্ছে তার। আজিজ সবাইকে ইশারায় বেরিয়ে যেতে বলল।

ঘর খালি হলে আজিজ বলল, ‘তুই সত্যি বললে আমি রফিক সাহেবকে বোঝাব। নইলে…’

লতিফ বমি করতে শুরু করল। ঘর বমিতে ভেসে যেতে লাগল।

আজিজ ঘর থেকে বেরিয়ে গেল।

৪৬

কোয়েটা মেডিক্যাল ক্যাম্প।

মেজর হুসেন চুপ করে শুয়ে আছে। কাচলাক যাবার পথে বালোচরা যে ওভাবে অতর্কিতে আক্রমণ করবে, সেনারা কেউ ভাবতে পারেনি। পাহাড়ের উপর থেকে ক্রমাগত বোম ও গুলিবর্ষণ করে গেছে।

ক্যাম্প থেকে যখন বেরিয়েছিল, তখন প্ল্যান ছিল সরাসরি কাচলাকে গিয়ে বালোচদের আলোচনার মাঝে গিয়ে আক্রমণ করা হবে। জহির সেভাবেই নির্দেশ দিয়েছিল। যাবার সময়ে নিজেই বলল তাদের সঙ্গে কাচলাক যাবে। কোয়েটা ছেড়ে পাহাড়ি রাস্তায় কনভয় পৌঁছে খানিকটা যাবার পর গোলাগুলি শুরু হয়ে যায়।

প্রথম গুলিটাই সরাসরি জহিরের বুকে এসে লাগে। হুসেন প্রতি আক্রমণের কোনও চেষ্টাই করেনি। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলে গাড়ি ঘুরিয়ে কোয়েটার দিকে রওনা হয়ে যায়।

ইসলামাবাদ থেকে পাকিস্তান সেনার বিশেষ টিম এসে পৌঁছেছে। লেফটেন্যান্ট জালাল সরাসরি হুসেনের কাছে এসে বলল, ‘আপনি ঠিক আছেন মেজর?’

হুসেন বলল, ‘জি জনাব’।

জালাল চেয়ার টেনে বসল, ‘তিনটে গাড়ি গেছিল আপনাদের সঙ্গে। একমাত্র আপনার গাড়িটা ফিরেছে। বাকি দুটো গাড়ি ওখানেই শেষ হয়ে গেছে। আপনার গাড়িতে জহির সাবের লাশ পাওয়া গেছে। আপনার ড্রাইভার বলেছে আপনি স্পট থেকে পালিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। এ কথা সত্যি? উঠে বসুন। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী আপনার কিচ্ছু হয়নি। উঠুন।’

হুসেন উঠে বসল। জালাল বলল, ‘আপনার নিজের স্বপক্ষে কিছু বলার আছে?’

হুসেন বলল, ‘আমরা কোনওরকম প্রতিরোধ গড়ে তোলার জায়গাতেই ছিলাম না জনাব। অজানা রাস্তা, আমার সামনের সিটে জহির সাবের গুলি লেগেছিল। আমি ভেবেছিলাম কোয়েটা ফিরলে যদি ওঁকে বাঁচানো সম্ভব হয়। এছাড়া আর কোনও অভিপ্রায় আমার ছিল না’।

জালাল কড়া চোখে কয়েক সেকেন্ড হুসেনের দিকে তাকিয়ে থেকে বললেন, ‘পাকিস্তান আর্মিতে আপনার যথেষ্ট সুনাম আছে। কাশ্মীরে আপনি দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন। সেই আপনিই যে এভাবে কাপুরুষের মতো পালিয়ে আসবেন, তা আমরা ভাবতে পারিনি। আপনার নিজের উপর লজ্জা হচ্ছে?’

হুসেন মাথা নিচু করল, ‘আমাকে আরেকটা সুযোগ দিন জনাব। আমি আপনাকে কথা দিচ্ছি, যারা এই কাজটা করেছে, তাদের আগামী প্রজন্ম পৃথিবীর আলো দেখবে না। দরকার হলে মাতৃগর্ভ থেকে টেনে নিয়ে তাদের মাটিতে পিষে ফেলব আমি। স্রেফ আরেকটা সুযোগ চাই’।

জালাল শ্লেষের সঙ্গে বলে উঠল, ‘তাই নাকি? এত কনফিডেন্স আসছে কোত্থেকে? এক রাতে রাস্তা থেকে পালিয়েই বালোচিস্তানের সব কিছু চিনে ফেললেন নাকি?’

হুসেন বলল, ‘জনাব, রাস্তা না চিনতে পারি, কিন্তু আপনি আমার রেকর্ড ঘেঁটে দেখুন। আমি হার মানার মানুষ না। ওই সময় আমার মনে হয়েছিল আমি কোয়েটা ফিরে এলে জহির সাহেবকে হয়তো বাঁচানো যাবে। আমার সঙ্গে যে সেপাইরা ছিল, তারা প্রত্যেকেই ট্রেইন্ড ও বাহাদুর সেপাই ছিল। দুর্ভাগ্যবশত ভৌগোলিক অবস্থানের জন্য তারা বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে জিততে পারেনি। ওদের প্রতিশোধ আমি নিজে নেব’।

জালালের হৃদয় খানিকটা দ্রবীভূত হল। সে বলল, ‘আরেকটা জহির আমরা পাব না। আমরা যে কী হারালাম, তা বলে বোঝানো যাবে না’।

হুসেন বলল, ‘জনাব, গাড়ির সামনে বসার সিদ্ধান্ত জহির সাহেবেরই ছিল। আমি ওকে অনুরোধ করেছিলাম আমার পাশে বসে যেতে। উনি সেটা ইনকার করেন। বলেন এখানকার রাস্তা উনি হাতের তালুর মতো চেনেন। ওরা যে ওভাবে কাপুরুষের মতো আড়াল থেকে হানা দেবে, তা আমরা কেউই বুঝতে পারিনি’।

জালাল বলল, ‘ওটা কোনও কথাই না। আপনারাও তো রাতেই ওদের উপর হামলা করতে কাচলাক যাচ্ছিলেন। যুদ্ধে কাপুরুষের মতো বলে কোনও কথা হয় না। যে কোনওভাবে এই বিদ্রোহ দমন করতে হলে যা করতে হবে, তা আমরা করব। ঠিক আছে, আমি উপরে জানিয়ে দিচ্ছি, আপনাকে আমরা আরেকটা সুযোগ দেব। আপনি সবে এখানে এসেছেন, এত তাড়াতাড়ি কোনও জায়গাকে বুঝে ওঠা সম্ভব না, আমিও জানি। আপনি সেদিন রাতের একটা রিপোর্ট আমাকে আজকেই সাবমিট করুন’।

হুসেন বলল, ‘জি জনাব’।

জালাল ঘর থেকে বেরোল। কোয়েটা শহরের সর্বত্র ‘ফ্রি বালোচিস্তান’ পোস্টার টাঙিয়েছে বালোচ বিদ্রোহীরা। মেডিকাল ক্যাম্পের দেওয়ালেও পোস্টার ছেয়ে গেছে।

জালাল সেপাইদের ডেকে বলল, ‘শহরের সব জায়গা থেকে এই পোস্টার খোলানোর ব্যবস্থা করো। কোথাও যেন এরকম কোনও পোস্টার না থাকে। যেখানে হাতে দেওয়াল লেখা হয়েছে, সেখানে কালি দিয়ে দাও। আজ বিকেলের মধ্যে আমাকে যেন এই ধরনের কোনও লেখা দেখতে না হয়’।

সেপাইরা স্যালুট দিয়ে বলল, ‘জি জনাব’।

৪৭

‘বায়োমেট্রিক লকগুলো আনলক করা হয়েছে?’

জুনেইদ হক, আই এস আইয়ের ডেটা অ্যানালিস্ট, আজিজকে জিগ্যেস করল।

আজিজ বলল, ‘জি জনাব’।

জুনেইদ লতিফের দিকে ফিরল। সামান্য ফার্স্ট এইড দেওয়া হয়েছে লতিফকে। গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে।

পরপর দু’দিন একটানা জেরা করা হয়েছে ওকে। নতুন কিছুই আর জানা যায়নি।

জুনেইদ একটা ট্যাব এগিয়ে দিয়ে বলল, ‘এখানে হাত দে’।

আজিজ লতিফের ডান হাত তুলে ট্যাবের উপরে রাখল।

জুনেইদ বলল, ‘ঠিক আছে’।

বেশ কিছুক্ষণ ট্যাব ঘাঁটার পরে জুনেইদ বলল, ‘ডার্ক ওয়েবে র-কে ডেটা বেচত। জহির যে কোয়েটা গেছিল, সেটাও জানিয়েছে’।

আজিজ বিরক্ত গলায় বলল, ‘এগুলো ও আমাকে এমনিই বলেছে। নতুন কিছু বলুন। কবে থেকে করছে?’

জুনেইদ বলল, ‘এক বছর হয়েছে। ওর ফ্যামিলি থাকে কোথায়?’

আজিজ বলল, ‘পেশোয়ারে’।

জুনেইদ বলল, ‘ওদেরকেও ডেকে নিন। বউটাকে ওর সামনে রেপ করুন। সব বলে দেবে’।

লতিফ চিৎকার করে উঠল, ‘না জনাব। আমি সব বলে দিয়েছি। আমার আর কিছু বলার নেই। বিশ্বাস করুন জনাব’।

আজিজ লতিফের মাথায় একটা জোরে চাঁটি মেরে বলল, ‘চুপ কর। এখন আর জনাব জনাব করে লাভ নেই। তুই যা করেছিস, আর যেখানে করেছিস, তার ফল তোকে পেতে হবে’।

লতিফ উঠতে চেষ্টা করল, আজিজ জোর করে ওকে চেয়ারে বসিয়ে দিল।

জুনেইদ বলল, ‘র এজেন্ট কি এখানেই দেখা করত তোর সাথে?’

লতিফ মাথা নাড়ল, ‘জি জনাব’।

জুনেইদ বলল, ‘কোথায় দেখা করত?’

লতিফ বলল, ‘লাহোরে দু’বার দেখা হয়েছিল। মডেল পার্কে। আরেকবার মুজফফরাবাদে’।

জুনেইদ শিস দিয়ে উঠল। বলল, ‘একই এজেন্ট? না আলাদা আলাদা?’

লতিফ বলল, ‘একই এজেন্ট’।

জুনেইদ বলল, ‘নাম কি?’

লতিফ বলল, ‘নওয়াজ বলত’।

জুনেইদ বলল, ‘প্রথমেই দেখা করেছিল, না আগে দরদাম হয়েছিল? কোথায় কথা হয়েছিল প্রথম?’

লতিফ বলল, ‘আমার অ্যাকাউন্টে হঠাৎ করে দশ লাখ রুপি পাঠিয়েছিল। আমি ভাবছিলাম কী করে হল। তারপর ফোন এল। বলেছিল ডেটা বেচতে হবে। আই এস আই আমাকে চুক্তিভিত্তিক টাকা দেয়, তাতে আমার ঘর চলে না। আমার আব্বুর দুই বিবি, আব্বুর মৃত্যুর পর আমি দু’জনকেই দেখি। তারপর বিয়ে করেছিলাম, ঘর সামলাতে হিমসিম খেয়ে যাচ্ছিলাম জনাব। দুটো বাচ্চা…’

লতিফ কাঁদতে শুরু করল।

জুনেইদ বলল, ‘বাঃ, র-এর অনেক টাকা তো। তা বলে এত টাকা তোকে দেবে কেন? কী এমন ইনফরমেশন দিয়েছিলিস তুই?’

লতিফ বলল, ‘এমন কিছু না জনাব’।

জুনেইদ বলল, ‘বল বল। এমন কিছু না ইনফোগুলোই বা কী! সেগুলোই নাহয় শুনি’।

লতিফ বলল, ‘খুব সামান্য জনাব। পার্লামেন্ট কখন খোলে, কখন বন্ধ হয় এসব। পার্লামেন্ট কখন খোলে তা তো গুগল করলেই পাওয়া যায়। তার জন্য আবার আমার থেকে ইনফরমেশন নেবার কী আছে? বুরবক কতগুলো’।

লতিফ হাসল।

জুনেইদ বলল, ‘আর? এখানে কেন পাঠাচ্ছে, তা ওরা জানতে চেয়েছিল?’

লতিফ বলল, ‘জি জনাব। তাও সব জানতে চায়নি। আমাকে যে যে কাজে পাঠানোয় হয়, তার ব্রিফিং দিতাম। ওরা শুধু জানতে চেয়েছিল, এখানে কী করতে এসেছি’।

জুনেইদ লতিফকে বলল, ‘তেমন কিছুই না? ওরা এমনি এমনি জানতে চেয়েছিল’!

লতিফ করুণ গলায় বলল, ‘আর মারিস না আজিজ, আমি যা জানি সব বলেছি, এর বেশি আমার কিছু বলার নেই। যদি কোনও কাজ করার থাকে, আমাকে দিতে বল, আমি করে দেব’।

জুনেইদ বলল, ‘ওদের জানিয়েছিস তুই ধরা পড়েছিস?’

লতিফ বলল, ‘জি জনাব’।

জুনেইদ হেসে ফেলল, ‘এর পরে ওরা তোর কথা বিশ্বাস করবে?’

লতিফ চুপ করে গেল।

আজিজ বলল, ‘একে কী করব জনাব? এখানেই মেরে দেব? আমাকে আগে বলেছিল র জানে না। এখন বলছে জানে’।

জুনেইদ বলল, ‘আপাতত হেড কোয়ার্টারে নিয়ে যাব। আরও কিছু পুছতাছ করতে পারেন অন্য অফিসারেরা। আর হ্যাঁ, ওর বউকে ইসলামাবাদে নিয়ে আসার ব্যবস্থা করতে বলে দিন, বাচ্চা দুটোকেও’। জুনেইদ উঠে দাঁড়াল।

লতিফ সভয়ে বলল, ‘জনাব, আমার বাচ্চারা কিছু করেনি, ওদের ছেড়ে দিন’।

জুনেইদ ঘর থেকে বেরিয়ে গেল।

লতিফ আজিজকে বলল, ‘আমার বিবি বাচ্চা কী দোষ করেছিল আজিজ? তুই বোঝা জুনেইদকে। আমি এমন কোনও খবর দিইনি, যাতে পাকিস্তানের কোনও ক্ষতি হয়’!

আজিজ বলল, ‘যা করেছিস, সেটা করার আগে ভাবা উচিত ছিল। এখন আমি কেন, আমার আব্বুও তোকে বাঁচাতে পারবে না। পাকিস্তানে একজন র এজেন্টকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, তোকে সেভাবেই যা করার করা হবে। এর বেশি কিছুও করতে পারে। র এজেন্টদের বউদের তো পায় না, তোর বউকে পাবে। দাঁড়া, এখনই পেশোয়ারে খবর করছি’।

লতিফ চিৎকার করে কাঁদতে শুরু করল।

আজিজ ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট দশেক পর রাগী মুখে ঘরে ঢুকে লতিফকে ঘুষি মেরে বলল, ‘বউকে সরিয়ে দিয়েছিস? তোর বাড়িতে তোর ফ্যামিলির কেউ নেই! কোথায় সরিয়েছিস বল!’

লতিফ বলল, ‘আমি জানি না। বিশ্বাস কর আমি কিছু করিনি’।

আজিজ অবিশ্বাসী মুখে চেয়ারে বসে বলল, ‘র এখন এত ক্ষমতার মালিক হয়ে গেছে? পেশোয়ার থেকে তোর ফ্যামিলিকেই ভ্যানিশ করে দিয়েছে! ইন্টারেস্টিং!’

লতিফও অবাক হয়ে গেল। হাউমাউ করে উঠল, ‘হতেই পারে না। র এত কিছু জানবে কী করে?’

আজিজ হাত নাড়ল, ‘জানি না। মাঝে মাঝে মনে হয়, চাইলে এক রাতে ওরা পাকিস্তান দখল করে ফেলবে’!

৪৮

ভোর ছ’টায় আসগরের ঘুম ভেঙে গেল। কয়েকদিন ধরে এই সময়ে তার ঘুম ভেঙে যাচ্ছে।

উঠে বসে জানলার কাছে গেল সে। ‘মনসুর। এই মনসুর’।

সঙ্গে সঙ্গে মনসুর এসে দাঁড়াল, ‘জি জনাব’।

‘তোকে আজকেও বলেছিলাম ফজরের সময় ডেকে দিবি। ডাকলি না কেন?’

মনসুর পাংশু মুখে বলল, ‘আপনি ঘুমোচ্ছিলেন জনাব। আপনার শরীর খারাপ মনে হচ্ছিল। তাই আর ডাকলাম না’।

আসগর বিরক্ত মুখে বলল, ‘তোকে এত ভাবতে কে বলেছে? আমি বলেছিলাম? তোর জন্য রোজ আমার ফজরের নামাজ হচ্ছে না। যা এখান থেকে’।

মনসুর পালিয়ে বাঁচল।

আসগর বাড়ি থেকে বাইরে বেরোল। পার্কে অনেক যুবক দৌড়চ্ছে। সে হাঁটতে হাঁটতে পার্কের ভেতরে প্রবেশ করল।

মনসুর দূর থেকে নজর রাখছিল।

কিছুক্ষণ হেঁটে আসগর ক্লান্ত হয়ে বসে পড়ল।

‘আমার কী সৌভাগ্য, শান এ পাকিস্তানের সঙ্গে আমার সকাল সকাল দেখা হয়ে গেল! শুকরিয়া খুদা। তোমাকে লাখ লাখ শুকরিয়া’।

আসগর ভ্রু কুঁচকাল। গলাটা চেনা লাগছে। পাশের লোকটার দিকে না তাকিয়েই বলে উঠল, ‘রফিক সাহাব। আপনি আমার জন্য এতদূর চলে এসেছেন?’

রফিক টুপি পরে আছে। মুখে মাস্ক পরা। বলল, ‘আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম জনাব। ভোরবেলা মন ভালো থাকে আপনার। রাত হলেই তো বকাঝকা করতে থাকেন’।

আসগর প্রসন্ন মুখে হাসল, ‘তা দেশের ভালোর জন্য নয় বকাঝকা খেলেন’!

রফিক বলল, ‘কোনও অসুবিধা নেই জনাব। আমি শুধু আপনার ভালো চাই’।

আসগর বলল, ‘ওসব বাজে কথা। বলুন, আপনি সত্যি সত্যি কী চান’।

রফিক হাসল। বলল, ‘হুজুর অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান। এই জন্য হুজুরকে আমি এত মানি। আমি বলছিলাম কী, আল মাসুদ তার লোকেদের বর্ডারে পাঠিয়ে দিয়েছেন। আপনার কি সীমান্তে লোক বাড়ানোর কোনও পরিকল্পনা আছে? না থাকলেও অসুবিধা নেই, আমি শুধু আপনার কোনও প্ল্যান আছে নাকি জানতে চাইছিলাম’।

আসগর রেগে গেল, ‘আপনি কি আমার সঙ্গে ইচ্ছা করে এভাবে কথা বলছেন? আল মাসুদ কী করল, তা আমাকে বলার কী দরকার? ভাবছেন আমি আরও বেশি ছেলে আপনাকে সাপ্লাই দেব?’

রফিক বলল, ‘ছি ছি জনাব। পাকিস্তান আপনার কাছে আজীবন ঋণী থাকবে। আমি এসব কথা ভাবতেই পারি না’।

আসগর বলল, ‘আপনি কী কী ভাবতে পারেন, তা আমার থেকে ভালো কেউ জানে না। আপনার প্ল্যানগুলোর মধ্যে কোনওটাই বিশেষ কাজের না। আমি আমার মতো একটা প্ল্যান ভেবে রেখেছি’।

রফিক উৎসুক হল, ‘জনাব, আমি কি তার কিছুটা আঁচ পেতে পারি?’

আসগর কড়া গলায় বলল, ‘না। আমি আমাদের সংগঠনের বাইরে কাউকে এ বিষয়ে কিছু বলি না। আপনাকেও বলব না। তবে মনে রাখবেন, শেষ দশ বছরে এত বড় কিছু গোটা পৃথিবীর লোক দেখেনি’।

রফিক বলল, ‘পাকিস্তান আপনার কাছে আজীবন ঋণী থাকবে আসগর সাহাব। তবে আমার একটা অনুরোধ আছে। আপনি এভাবে সর্বসমক্ষে ঘুরে বেড়াবেন না। আপনার জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে’।

আসগর হো-হো করে হেসে উঠল, ‘একেবারেই ঝুঁকি নেই। আপনি দেখছেন না আমি দাড়ি কেটে ফেলেছি? টিভিতে সবাই আমার দাড়িওয়ালা মুখটা চেনে’।

রফিক বলল, ‘তবু জনাব, আমার কথা শুনলে ভালো হতো’।

আসগর বলল, ‘ভয় পাবার কিছু নেই। ইন্ডিয়ার এত সাহস নেই যে ওরা এদেশে ঢুকবে। ইন্ডিয়ার সর্বত্র আমাদের চর থাকলেও ওরা সেভাবে পাকিস্তানে টিকে থাকতে পারবে না। পাকিস্তান যথেষ্ট বিপদসংকুল একটা দেশ। আমরা এখান থেকেই ইন্ডিয়ার জিনা হারাম করে দেব। আপনি আমাদের ফান্ডিং-এর ব্যবস্থা করুন শুধু। বাকিটা আমি বুঝে নেব’।

রফিক বলল, ‘ফান্ডের ব্যবস্থা হয়ে যাবে জনাব। ফান্ড নিয়ে ভাববেন না। এক মিনিট’।

এক মহিলা বাচ্চাকে নিয়ে ঘুরছিল।

রফিক উঠে গিয়ে মহিলাটিকে চমকে দিয়ে তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আশ্বস্ত হয়ে ফোন ফিরিয়ে দিল।

মহিলা চিৎকার করতে শুরু করল, ‘হায় আল্লা, এ কেমন লোক? এত সাহস হয় কী করে? পুলিশ, পুলিশ’।

রফিক দাঁড়াল না। এক দৌড়ে পার্কের বাইরে গিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, ‘চলো’।

গাড়ি চলতে শুরু করল।

রফিকের মনে হয়েছিল ওই মহিলা ফোনে তার আর আসগরের ভিডিও তুলছে। আসলে তুলছিল না।

নিজের মনেই হাসল সে। ইন্ডিয়ানরা এখানে কোত্থেকে আসবে।

ফোন বেজে উঠল রফিকের। আসগরের ফোন। সঙ্গে সঙ্গে ধরল, ‘জি জনাব’।

‘আমি মনসুর বলছি জনাব। শিগগিরি আসুন। পার্কের মধ্যে আসগর সাহেবকে কেউ গুলি করে পালিয়েছে’।

স্তম্ভিত হয়ে বসে রইল রফিক!

৪৯

বাইকটা জোরে চালিয়ে নিয়ে যাচ্ছে অমল। পেছনে বসে রাণা শুধু বিড়বিড় করে বলে যাচ্ছে, ‘শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা’।

সেক্টর থ্রি থেকে সইদপুর গ্রাম বরাবর রাস্তায় ঢুকে একটা ঝোপের মধ্যে বাইক দাঁড় করিয়ে দিল অমল। এ দিকটা নির্জন। একটা পরিত্যক্ত বাড়িতে তারা গত সাতদিন ধরে আশ্রয় নিয়েছিল। কোন রাস্তায় ক্যামেরা আছে, কোথায় সব থেকে কম জ্যাম হয়, কোন রুট দিয়ে গেলে তাড়াতাড়ি স্পট থেকে পালিয়ে যাওয়া যাবে, এই ক’দিন ধরে তারই পুঙ্খানুপুঙ্খ রিহার্সাল করেছিল দু’জনে।

বাড়িটা সামনে থেকে তালাবন্ধ। পেছনের প্রাচীর টপকে ঢুকতে হয়। রাণা প্রবল উত্তেজিত হয়েছিল। অমল রাণার হাত ধরে ধমক দিয়ে রীতিমতো বকেঝকে বাড়ির ভেতর ঢুকল।

রাণা গালাগাল দিয়ে যাচ্ছিল। অমল বলল, ‘এবার থামো’।

রাণা হাত তুলে অমলকে চুপ করতে বলল। জোরে জোরে শ্বাস নিল।

কিছুক্ষণ পায়চারি করে শান্ত হয়ে বসে বলল, ‘আমার এরকমই হয়। নার্ভ উত্তেজিত হয়ে যায়। এতদিন পর করলাম তো, ওই জন্য এরকম হচ্ছে’।

অমল বলল, ‘কাজটা হয়েছে তো?’

রাণা মাথা নাড়ল, ‘দুশো পারসেন্ট। ও বুড়ো আর এই ধরাধামে নেই’।

অমলের মুখে হাসি ফুটে উঠল, ‘ফাটায় দ্যাসো। আসগর আলিরে মেরে দিয়েছ তুমি। তোমার কোনও আইডিয়া আছে, আসগর কত বড় মাছ ছিল? উফ!’

রাণা মেঝেয় বসে পড়ল। বলল, ‘আসগরের বাপেরা আমাদের পিছনে এল না তো?’

অমল হাসল, ‘এবার তল্লাশি শুরু হবে। অন্তত সাতদিন ওরা এলাকা তোলপাড় করে ফেলবে। বাপের জন্মেও পাকিস্তান কোনওদিন ভাবেনি আমরা পাল্টা আঘাত করব। এখনও ওরা কিছুদিন অন্ধকারে হাতড়াবে আশা করি’।

রাণা বলল, ‘আমার এখন খুব খিদে পাচ্ছে অমলদা। কাউকে মারলে খিদে পায়। এবার কী করব?’

অমল বলল, ‘কিছু করার নেই। এখন বেরোনো যাবে না। রেডিমেড নুডলস বানিয়ে দিতে পারি। খাবে?’

রাণা বলল, ‘তাই বানিয়ে দাও। অস্বস্তি হচ্ছে। না খেলে পাগল-পাগল লাগে’।

অমল নুডলস এনে দিল। রাণা খেয়ে নিল। পেট ভরার পর শান্তি হল তার। এবার ফিকফিক করে হাসতে লাগল।

অমল বলল, ‘কী হল?’

রাণা বলল, ‘নিজেকে কেমন সিনেমার হিরোর মতো লাগছে মাইরি। আসগর আলি কী কী করেছে, আরেকবার বলো অমলদা’।

অমল বলল, ‘আসগর একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে। পাকিস্তান থেকে ভারতবর্ষে যা যা হামলা চলে, তার সবকিছুতেই আসগর কোনও না কোনওভাবে জড়িত। রাওয়ালপিন্ডিতে ওর একটা মাদ্রাসা আছে। সেটা নামেই মাদ্রাসা। সারাক্ষণ প্রোপাগান্ডামূলক ভিডিও চালিয়ে বাচ্চাগুলোর ব্রেইন ওয়াশ করা হয়। কেউ কেউ বলে এখনকার প্রাইম মিনিস্টারের দূর সম্পর্কের আত্মীয় হয় আসগর। আমি অতটা জানি না। বাংলাদেশে থেকে থেকে পাকিস্তান সম্পর্কে অনেক আপডেট মিস হয়ে গেছে। তবে মজার ব্যাপার হল, রাস্তাঘাট ছাড়া এ দেশে সব আগের মতোই আছে। ওদের পুরোনো ঘাঁটিগুলো একই জায়গায় আছে। আসগর আলির শেকড় কতটা গভীরে আছে, সেটা এবার বোঝা যাবে’।

রাণা আবার হাসতে শুরু করল, ‘আহা, একটা কাজের কাজ করেছি তবে’।

অমল বলল, ‘তা করেছ। তবে দুপুরেও এই নুডলসই খেতে হবে, সেটা আগে মাথায় ঢুকিয়ে নাও। অন্য কিছু খাবার বায়না কোরো না’।

রাণা বলল, ‘না না। আর কিছু বায়না করব না। এখন একটু ঘুমানোর চেষ্টা করব। রাতে ঘুম আসবে না আর। তখন জেগে বসে থাকব’।

অমল বলল, ‘ঠিক আছে। তুমি ঘুমিয়ে পড়ো। আমি কোনও খবর পাই কিনা দেখি’।

রাণা আর দ্বিরুক্তি না করে ঘুমিয়ে পড়ল।

অমল অন্য ঘরে গেল। এ বাড়িটার সর্বত্র ধুলো। মাস্ক পরে নিল সে। স্যাটেলাইট ফোন বের করে তুষারকে ফোন করল। তুষার একবার রিং হতেই ফোন ধরে বললেন, ‘খবর পেয়েছি। আসগর ইজ নো মোর’।

‘হ্যাঁ স্যার। ওরা কিছু বুঝে ওঠার আগেই আমরা পালাতে পেরেছি’।

‘থ্যাঙ্ক গড। এবার প্ল্যান?’

‘কিছু ঠিক করিনি এখনও। থাকতে পারি, বেরিয়ে যেতেও পারি’।

‘যেখানে আছ সেটা থাকার যোগ্য?’

‘প্রথমে ছিল না। সাতদিন কাটিয়ে দিয়েছি। এখন অত সমস্যা হবে না’।

‘আপডেট দেবে। এখন থেকে রোজ রাত এগারোটায় ফোন করবে’।

‘ঠিক আছে স্যার’।

ফোন কেটে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *