ব্লু উইংস – ২০

২০

সকালে ঘুম ভেঙে তথাগত দেখল, জাহাঙ্গীর একবারে ঝুঁকে কাচের বাইরে মন দিয়ে দেখছে। সে বলল, ‘এভাবে দেখার মানে কী? তুমি কি নেমে যাবার প্ল্যান করছ নাকি?’

জাহাঙ্গীর একগাল হেসে বলল, ‘না না। বওহালপুর পেরোল নাকি বুঝতে পারছি না। ট্রেনে চা কফি কিছুই পাওয়া গেল না এখনও। স্টেশনে এলে যদি পাওয়া যায়’।

তথাগত ঘড়ি দেখে বলল, ‘বওহালপুর পেরিয়ে গেছে এতক্ষণে। চিন্তা কোরো না, চা পেয়ে যাবে’।

জাহাঙ্গীর খুশি হয়ে বলল, ‘পাওয়া যাবে? তুমি কী করে জানলে? তুমি কি ম্যাজিশিয়ান?’

তথাগত বলল, ‘না, মুলতান আসবে। ওখানেই পাবে। এর জন্য ম্যাজিশিয়ান হবার কী দরকার?’

জাহাঙ্গীর বলল, ‘বাহ্‌, তোমার তো খুব বুদ্ধি! এই জন্যই আম্মি বলে দেশের বাইরে যেতে হয়। এ দেশে থাকলে কারও বুদ্ধি হবে না। তুমি কোন কোন দেশে গেছ?’

তথাগত বলল, ‘বেশি না। সাত আটটা দেশে গেছি’।

জাহাঙ্গীর বলল, ‘বাঃ! দারুণ ব্যাপার। ইনশাল্লা, আমিও এবার দুবাই যাব। তোমার সঙ্গে দেখা করব গিয়ে’।

তথাগত বলল, ‘এসো। ইউ আর মোস্ট ওয়েলকাম’।

কিছুক্ষণের মধ্যে মুলতান এল। ওরা চা আর ব্রেকফাস্ট কিনে নিল।

জাহাঙ্গীর দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ভেতরে এসে বলল, ‘স্নিফার ডগও এসেছে। কী ব্যাপার বলো তো? দেশে কি বড় কোনও বিপদের সম্ভাবনা আছে?’

ট্রেন মুলতান স্টেশন ছাড়ছে। রুক্ষ-শুষ্ক জায়গা। এক জায়গায় বড় করে লেখা ‘হরপ্পা যাবার ট্রেন প্ল্যাটফর্ম তিন থেকে ছাড়বে’।

তথাগত এক মুহূর্তের জন্য হলেও ছোটবেলায় ফিরে গেল। ইতিহাস পড়াতেন অসীম স্যার। কেমন গল্পের মতো করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বোঝাতেন। নোটস নয়, সে মানস ভ্রমণ করত। সিন্ধু সভ্যতা… রাজনীতি আর রাষ্ট্র, সবকিছু কেমন ভাগ করে দিয়েছে।

শ্বাস ছাড়ল তথাগত। জাহাঙ্গীর সেটা লক্ষ করে বলল, ‘কী ব্যাপার মিয়াঁ? পুরোনো ব্যথা চাগাড় দিয়ে উঠল নাকি?’

তথাগত চায়ে চুমুক দিয়ে বলল, ‘ওই আর কী! কতবার ভেবেছি, দেশে এলে হরপ্পা যাব, যাওয়া আর হয় না। তুমি গেছ নাকি?’

জাহাঙ্গীর মাথা নাড়ল, ‘নাহ, আমারও আর যাওয়া হয়নি। তবে আমি মুলতানে এসেছি। চেনাব নদীতে শীতের দুপুরে নৌকো করে ঘুরতে যে কী ভালো লাগে, তা যদি বলে বোঝানো যেত। এই চেনাব তো হিন্দুস্তান থেকে এসেছে। সেদিন একটা ভিডিও দেখলাম, লাহৌল স্পিতি, উফ, কী জায়গা মিয়াঁ! আমার তো ওই ভিডিও দেখার পর থেকে শুধু হিন্দুস্তান যেতে ইচ্ছে করছে। কিন্তু এ জন্মে বোধহয় আর যাওয়া হয়ে উঠবে না’।

তথাগতর ফোন বাজতে শুরু করেছে। তথাগত দেখল, সিরাজ ফোন করছে। ধরল সে, ‘হ্যাঁ, বল’।

‘আরে তুই কোথায় গেছিস? কেয়ারটেকার ফোন করে বলল রাতেই বেরিয়ে গেছিস নাকি?’

‘হ্যাঁ। আর বলিস না। লাহোর থেকে ফোন এল। ছোট চাচির শরীর নাকি খুব খারাপ হয়ে গেছে। এখন ওখানে ছুটছি। তোকে পৌঁছে ফোন করব ভেবেছিলাম’।

‘লাহোর চলে গেলি? করাচি ফিরবি তো?’

‘নাও ফিরতে পারি। একেবারে এখান থেকে দুবাইতে তোর ফ্ল্যাটেও চলে যেতে পারি। কোনও ঠিক নেই। কেন? করাচি থেকে কিছু নেবার ছিল নাকি?’

‘আরে, না না। সে ঠিক আছে। আমি ভাবলাম তুই দিন দশেক ওখানে থাকবি। ঠিক আছে। সাবধানে ফের। পাকিস্তানের যা হালত, কখন কী হয়ে যায় কেউ জানে না। টেক কেয়ার ম্যান’।

‘থ্যাঙ্ক ইউ দোস্ত’।

ফোন কেটে গেল।

জাহাঙ্গীর বলল, ‘বন্ধু?’

তথাগত মাথা নাড়ল, ‘হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু। দুবাইতে থাকে’।

জাহাঙ্গীর বলল, ‘দুবাই খুব হাইফাই শহর, তাই না?’

তথাগত বলল, ‘তা তো বটেই। হাইফাইই বটে’।

জাহাঙ্গীর বলল, ‘তোমাকে মিয়াঁ আমার খুব পছন্দ হয়ে গেছে। তুমি লাহোরে গিয়ে আগে আমার বাড়িতে উঠবে। খাওয়া দাওয়া করে একদিন থেকে তারপর যাবে। ডিল?’

তথাগত বলল, ‘তা কি হয়? আমার চাচি অসুস্থ শুনলে না? চাচিকে দেখে তারপর না হয় যাব?’

জাহাঙ্গীর বলল, ‘কুল। তুমি বাইরে থেকে এসেছ, অতটা সামলাতে পারবে না। আমি দেখে দেব। কোথায় থাকেন তোমার চাচি?’

তথাগত হাত তুলে বরাভয় দিল, ‘চিন্তা কোরো না, চাচাতো বোনেরা আছে। ওরা দেখে নেবে। তাও আমি একবার যাব। দূর থেকে এসেছি। সবার সঙ্গেই দেখা করা দরকার’।

জাহাঙ্গীর বলল, ‘ঠিক আছে। তাই হবে। তবে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখবে। আমার কোনও ভালো বন্ধু নেই জানো? তোমাকে দেখে ভালো লোক বলে মনে হচ্ছে’।

তথাগত বলল, ‘যাক। বাইরে থেকে থেকে চোর ডাকাতের মতো চেহারা হয়নি, ভাগ্য ভালো’।

দরজায় নক হল। জাহাঙ্গীর দরজা খুলে বলল, ‘ওই দেখো, স্নিফার ডগ ট্রেনের ভেতরে চলে এসেছে’।

চারজন জওয়ান একটা স্নিফার ডগ নিয়ে ক্যুপে প্রবেশ করল। তাদের গা শুঁকে, সিটের নীচে শুঁকে কুকুরটা বেরিয়ে গেল।

জাহাঙ্গীর সিঁটিয়ে বসেছিল। ক্যুপে ফাঁকা হতেই দম ছেড়ে বলল, ‘বাপরে! আমি কুকুরে যে কী ভয় পাই। আর এখানেই নিয়ে আসতে হল’।

তথাগত বলল, ‘এ দেশে এখন কি এভাবেই সব ট্রেনে সার্চ করা হয়?’

জাহাঙ্গীর জোরে জোরে মাথা নাড়ল, ‘না। একেবারেই নয়। আমি জানি না কী শুরু হয়েছে। কোনওদিন আমি এরকম দেখিনি’।

তথাগত কাঁধ ঝাঁকাল, ‘কে জানে, এদের মাথায় কী ঢুকেছে আবার’!

২১

ইসলামাবাদ পার্লামেন্টের সাত নম্বর গেটের সামনে লতিফ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তাকে দাঁড়িয়ে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সকাল দশটায় এসে দাঁড়িয়েছে সে। এখন বাজে সাড়ে এগারোটা।

যে নাম্বার থেকে ফোন এসেছিল, সেখানে ফোন করতে বারণ করা হয়েছে। লতিফের বিরক্ত লাগছিল। এভাবে দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত নয় সে। প্রথমে পায়চারি করছিল। একটা সময় সেটাও আর ভালো না লাগায় চুপ করে দাঁড়িয়ে আছে।

এখন পার্লামেন্টে সেশন চলছে বলে মূল গেট বাদ দিয়ে বাকি সব গেট বন্ধ রাখা হয়েছে। অন্য সময়ে ট্যুরিস্টরা পার্লামেন্ট দেখার অনুমতি পায়। এখন সেটা বন্ধ আছে। সাত নাম্বার গেট পার্লামেন্টের কম গুরুত্বপূর্ণ গেটগুলোর মধ্যে অন্যতম। এখানে নিরাপত্তাও ঢিলেঢালা। সে যে এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তা নিয়ে কারো বিশেষ চিন্তা নেই।

লতিফের সিগারেট খেতে হাত নিশপিশ করছিল। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে সে। লতিফ ঠিক করল, বারোটা অবধি যদি কেউ না আসে, তাহলে সে বেরিয়ে যাবে।

ঠিক এগারোটা পঞ্চাশে গেট থেকে খানিকটা দূরে একটা কালো রঙের ফোর্ড গাড়ি এসে দাঁড়াল। লতিফের ফোনে মেসেজ এল, ‘গাড়িতে উঠে যাও’।

গাড়ির নম্বর দেওয়া আছে।

লতিফ হাঁটতে হাঁটতে গাড়ির কাছে দাঁড়াতেই ড্রাইভারের পাশের সিটের দরজা খুলে গেল। লতিফ গাড়িতে উঠে বসল।

এসি একবারে কনকনে ঠান্ডা করে রেখেছে গাড়ির ভেতর। লতিফ ড্রাইভারকে দেখে চিনতে পেরে উৎফুল্ল গলায় বলল, ‘আকিব? কেমন আছ?’

আকিব উচ্ছ্বাস দেখাল না। শুধু বলল, ‘ভালো আছি’।

লতিফ চুপ করে গেল। এই ধরনের গাড়ির ভেতরে ক্যামেরা এবং সাউন্ড রিসিভার দুইই থাকে। আকিব যেভাবে কথা বলল তাতে সেসব থাকার সম্ভাবনা বেশি।

রাস্তাঘাট শুনশান। ইসলামাবাদে এমনিতেই বেশি লোক থাকে না। প্ল্যানড শহর।

গাড়িটা প্রায় আধঘণ্টা চলার পর একটা ছোট বাজারের কাছে এসে দাঁড়াল। বাজারের রাস্তার আগে প্রাচীর ঘেরা একটা দোতলা বাড়ি। আকিব ইশারায় বাড়িটা দেখিয়ে দিল তাকে।

গাড়ি থেকে নেমে লতিফ বাড়িটার সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে কলিং বেল টিপল।

একজন নিরাপত্তারক্ষী এসে গেট খুলে দিল। লতিফকে কোনও প্রশ্ন করল না।

লতিফ গেট থেকে ঢুকেই দেখল ঝকঝকে সবুজ লনের উপর সুন্দর করে চেয়ার টেবিল পাতা। একজন মাঝবয়েসি পুরুষ চেয়ারে বসে কফি খাচ্ছেন।

লতিফ ভদ্রলোকের কাছে গিয়ে সালাম করল, ‘আমাকে পাঠানো হয়েছে জনাব’।

ভদ্রলোক লতিফকে আপাদমস্তক দেখে চায়ের কাপ টেবিলের উপরে রেখে বললেন, ‘আলতাফ কুরেশি। করাচি ওরাঙ্গি মার্কেটে ভাসানি সুইট শপে কাজ করে। অ্যাড্রেস মনে রেখে দিন। প্লট ৩৩, আকবর শহীদ চক, সেক্টর ১৪এ। আলতাফের সব চালচলন আপনি নোট করবেন’।

লতিফ ভদ্রলোককে সালাম দিয়ে বাড়িটা থেকে বেরিয়ে গেল। বাইরে আকিবের গাড়ি তখনও দাঁড়িয়ে আছে।

সে গাড়িতে উঠতে গাড়ি স্টার্ট দিল।

লতিফ বলল, ‘আমাকে করাচি যেতে হবে। স্টেশনে নামাবে?’

আকিব বলল, ‘না। করাচিতেই নামানোর অর্ডার আছে’।

লতিফ শুধু একবার আকিবের দিকে দেখল। আকিব তাকাল না। সে গাড়ি চালিয়ে যেতে লাগল। প্রায় ঘণ্টাখানেক পর ইসলামাবাদ পেরিয়ে গাড়ি দাঁড় করাল আকিব। গাড়ি থেকে নামল। ইশারায় লতিফকেও নামতে বলল।

হাইওয়ে দিয়ে তীব্রগতিতে গাড়িগুলো চলে যাচ্ছে।

গাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে আকিব বলল, ‘কোনও ঝুঁকি নেওয়া যাবে না। ইসলামাবাদ থেকে বেরোনোর আগে অবধি গাড়ি থামানোর অনুমতি ছিল না। কথা বলা যাবে না। ওরা সব শুনছে’।

লতিফ বলল, ‘সে তো বুঝেছি, কিন্তু এরকম কেন করা হচ্ছে?’

আকিব বলল, ‘জানি না। বলা হয়েছে কাউকে কিছু বলা যাবে না’।

লতিফ বলল, ‘এরকম পরিস্থিতি কখনও দেখিনি’।

আকিব মাথা উপর নীচ করল, ‘আমিও। কী হয়েছে জানি না। কাউকে বিশ্বাস করা যাবে না। চলো, আর বেশিক্ষণ বাইরে থাকলেই ফোন করবে’।

আকিব গাড়ির দিকে হনহন করে হাঁটা লাগাল। অগত্যা লতিফকেও পা চালাতে হল…

২২

করাচি।

সূর্যাস্ত হচ্ছে আরব সাগরে। নোংরা বিচ। দুজন যুবক বিচের উপর দিয়ে জিপ চালাচ্ছে। নিজেদের মধ্যেই কথা বলছে আর জোরে জোরে হাসছে। কিছুক্ষণ আগে এক ইংরেজ ট্যুরিস্টের থেকে অনেকগুলো টাকা লুটেছে দু’জনে।

জিপটা পুরোনো। জিপের ড্রাইভিং সিটে বসে আছে আনিস। সে-ই জিপের মালিক। আনিসের পাশে তার বন্ধু আমিনুল।

দু’জনেই ওরাঙ্গি টাউন বস্তিতে থাকে। বিকেলের দিকে ভাঙা জিপটা নিয়ে আনিস বিচে এসে টাকা রোজগারের চেষ্টা করে। সকালে করাচি বন্দরে খালাসির কাজ করে।

আনিস পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে বলল, ‘আমাদের কপাল খারাপ। করাচিতে যদি এত পকেটমার না থাকত, তাহলে অনেক বিদেশি আসত। আমাদের আর ওই খালাসির কাজ করতে হতো না’।

আমিনুল বলল, ‘যা বলেছিস দোস্ত। আমাদের কপাল সত্যিই খারাপ। সেদিন ওই যে ফিরিঙ্গিগুলো এল, কত টাকা টিপস দিল মনে আছে? আম পাকিস্তানিগুলো তো মানিব্যাগ থেকে টাকা বের করতেই চায় না’।

দূরে এক সুবেশ যুবক এসে দাঁড়িয়েছে। সাধারণত এই নোংরা বিচে এত ভালো জামাকাপড় পরে ভদ্রলোক কেউ আসে না। আমিনুল দেখে শিস দিয়ে উঠল, ‘ওই দিকে গাড়িটা চালা তো। নির্ঘাত এ শহরের নয়। বিচ রাইড দেবার নাম করে কিছু টাকা লুটে নেওয়া যাক। চল চল’।

আনিস দেরি না করে জিপটা ওদের দিকে নিয়ে গেল।

গাড়ি দাঁড় করিয়ে বলল, ‘একটা ছোট রাইড হয়ে যাক জনাব? বেশি না, ২০০ রুপি পার ট্রিপ’।

যুবকটি ইশারা করে বোঝাল তাকে যেন বিরক্ত না করা হয়।

আনিস ঘ্যান ঘ্যান করতে লাগল। যুবকটি উলটো দিকে হাঁটতে শুরু করল। আমিনুল হতাশ কণ্ঠে বলল, ‘ধুস। একটা মালদার পার্টি এল, তাও চলে যাচ্ছে’।

আনিসের রোখ চেপে গেল। সে শিস দিয়ে গাড়িটাকে ওদের পেছন পেছন নিয়ে গিয়ে হর্ন দিতে শুরু করল।

যুবক বলল, ‘চড়ব না ভাইজান, আপনারা অন্য কাউকে ঘোরান’।

আনিস উত্তর না দিয়ে হর্ন বাজাতে শুরু করল।

যুবকটি হঠাৎ পকেট থেকে একটা রিভলভার বের করে আনিসের দিকে তাক করল।

আনিস ঘাবড়ে গেল। আমিনুল কাঁচুমাচু মুখে বলল, ‘আমাদের অস্ত্র নেই ভাইজান, আমরা গরিব মানুষ। আমাদের ছেড়ে দিন’।

যুবকটি সিগারেট ধরিয়ে বলল, ‘দফা হো যাও’।

আনিস গাড়িতে অ্যাক্সিলারেটর চেপে হাওয়া হয়ে গেল। শহরের ভেতর অনেকটা রাস্তা যাবার পর গাড়ি থামিয়ে জোরে জোরে শ্বাস ছাড়তে ছাড়তে আনিস বলল, ‘খুব বাঁচা বেঁচে গেছি। বন্দুক নিয়ে ঘুরছে ভাই, বাপ রে’!

আমিনুল উপরওয়ালাকে শুকরিয়া দিয়ে বলল, ‘আর্মির লোক মনে হয়, তাই না?’

আনিস বলল, ‘হতে পারে। আমাদের বাপও হতে পারে। করাচি শহরটাই তো এমন। কে কখন কাকে গুলি করে চলে যায় কেউ বলতে পারে না’।

আমিনুল বলল, ‘বিচে যাবি না এখন?’

আনিস সতর্ক গলায় বলল, ‘না। এখন যাব না। চল কাবাব খাই’।

দু’জনে কাবাব খেতে নামল। ভিড় বাজারে কাবাবের দোকান রমরমিয়ে চলছে। দু’জনে পেট ভরে খেল।

বস্তির ভিড় বাজারে একটা দামি গাড়ি ঢুকেছে। এলাকার বাচ্চা থেকে বুড়ো সবাই কৌতূহলী হয়ে গাড়িটা দেখছিল। আমিনুল আনিসের হাত চেপে ধরল। বিচের সেই যুবক!

আমিনুলের গলা শুকিয়ে গেছিল। সে কোনওমতে বলল, ‘এরা এখানে কী করছে?’

আনিস বলল, ‘জানি না’।

গাড়িটা মিষ্টির দোকানের সামনে দাঁড়াল। দোকানের এক কর্মচারী ছুটে গাড়ির কাছে এসে দাঁড়াতে যুবক কোনও কথা বলল। কর্মচারীটি দোকানে চলে গেল। মিনিট পাঁচেক পর একটা প্যাকেট নিয়ে এসে গাড়িতে দিলে গাড়িটা হুশ করে বেরিয়ে চলে গেল।

আনিস বলল, ‘চল, ফলো করি’।

আমিনুল ঘাবড়ে গেল, ‘না ভাই। এ কেমন পাগল টাইপের। রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। যা পারে করুক, ছাড় না’।

আনিসের রোখ চেপে গেছিল। গাড়িতে উঠে পড়ল। পেছন পেছন আমিনুলও গাড়িতে উঠে একই কথা বলতে লাগল, ‘ছাড় না ভাই’।

আনিস গাড়ি স্টার্ট দিল, ‘ভয় পাস না। দেখি না কোথাকার মাল। দেখতে কী আছে?’

আমিনুল বলল, ‘ঠিক আছে, দূরে দূরে থাক’।

ওরাঙ্গি টাউনের রাস্তাঘাট ঘিঞ্জি এবং নোংরা। একটু যেতেই সামনের গাড়িটাকে দেখা গেল। আনিস গাড়ির গতি কমিয়ে দিল, টাউন ছাড়িয়ে গাড়িটা জিন্না মিউজিয়ামের রাস্তায় ঢুকল। খানিকক্ষণ যাবার পর দেখা গেল একটা বড় অ্যাপার্টমেন্টের গেটের সামনে গিয়ে দাঁড়াল।

আমিনুল বলল, ‘এখানেই থাকে তার মানে। ঠিক আছে। আর দাঁড়িয়ে কাজ নেই। চল বেরিয়ে যাই’।

আনিস বলল, ‘বিগ অ্যাপার্টমেন্ট। এখানে আমার খালা কাজ করে। চল’।

গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়াল আনিস।

আমিনুল ঘাবড়ে গেল, ‘কী করছিস? দরকার ছিল না। চল না, বিচে যাই। আবার কাউকে না কাউকে বকরি করব’।

আনিস গম্ভীর গলায় বলল, ‘তুই গাড়িতেই বোস। আমি আসছি’।

হাঁটতে হাঁটতে গেটের দিকে এগোল আনিস।

২৩

সন্ধে সাতটা।

বাইরে এখনও পুরোপুরি সূর্যাস্ত হয়নি। পথে আরও বার চারেক স্নিফার ডগ এসেছিল। জওয়ানেরাও আগের মতো আর গম্ভীর ছিল না। হাসতে হাসতেই বলছিল, তাদের উপরতলা থেকে নাকি স্ট্রিক্ট অর্ডার এসেছে ট্রেনে বার বার চেক করতে হবে। কী সমস্যা আছে, কেউ জানে না। শুধু বার বার চেক করতে বলে দেওয়া হয়েছে।

দুপুরের দিকটা তথাগত একটু ঘুমিয়ে নিল। জাহাঙ্গীরও বকবক করতে করতে নাক ডেকে ঘুমাল।

লাহোর স্টেশনে ট্রেন থামা মাত্র জাহাঙ্গীর একটা বিরিয়ানির প্যাকেট তার হাতে জোর করে ধরিয়ে বলল, ‘শোনো মিয়াঁ, চাচার বাড়িতে কোনও তকলিফ হলেই তুমি আমাকে ফোন করবে। আমার নাম্বারটা সেভ করেছ ভুলে যাবার জন্য না। ঠিক আছে?’

তথাগত বলল, ‘ঠিক আছে। এবার তুমি বাড়ি ফেরো। আম্মি আব্বু নিশ্চয়ই সবাই চিন্তা করছেন। তাদের আমার সেলাম দিও’।

জাহাঙ্গীর আরও কিছুক্ষণ বকবক করল। তথাগত অস্থির হল না। কথা শেষ হলে জাহাঙ্গীর বেরিয়ে যাবার পরে সে স্টেশন থেকে বেরোল। ফোন বের করে একটা এস এম এস করে সে অটো ধরে বলল, ‘মডেল টাউন পার্কে চলো’।

অটোওয়ালা গজগজ করতে শুরু করল, ‘আমি কিন্তু তিনশো রুপি নেব ভাইজান। এর কমে যাব না। আগে থেকে বলে দিলাম। পরে কিন্তু দরদাম করবে না’।

তথাগত বলল, ‘দেব দেব ভাইজান। চলো। তোমার মাথা এত গরম হয়ে আছে কেন?’

অটোওয়ালা তার অভিযোগের ঝুলি খুলে বসল, ‘তবে শোন ভাইজান, এই কিছুক্ষণ আগে আলিবাগ থেকে এক চাচা উঠল, বলল স্টেশন যাবে। আমি বলেছিলাম আড়াইশো রুপি লাগবে, তখন কিছু বলেনি। স্টেশনে এসে একশো রুপি আমার হাতে ধরিয়ে দিয়ে সটান হাঁটা লাগিয়েছে স্টেশনের দিকে। আমি ছুটে গিয়ে বললাম এ কী চাচা, আল্লাহকে তো ভয় করো। এরকম বেইমানির টাকা নিয়ে তুমি কত আর বড়লোক হবে? চাচা আমাকে এই মারে কী সেই মারে! বলে পঞ্চাশ রুপি ভাড়া, আমাকে নাকি একশো রুপি দিয়ে চাচা দয়া করেছে। কী বলব ভাইজান, চাচা এখনও পার্টিশনের টাইমে পড়ে আছে। তারপর অনেক হাতে পায়ে ধরতে পঞ্চাশ টাকা দিল। এরকম হলে তো আমাকে না খেতে পেয়ে থাকতে হবে, তাই না? পাকিস্তানে পেট্রোলের দাম কত হয়েছে চাচা কি জানে? আর পারি না। গরিব মানুষদের কথা কেউ ভাবে না’।

তথাগত মাথা নাড়তে লাগল, ‘ঠিক বলেছ ভাইজান, একদম ঠিক বলেছ। গরিব মানুষদের কথা কেউ ভাবে না’।

অটোওয়ালা খুশি হল। আরও কিছুক্ষণ বকবক করে গেল। পার্কের সামনে এসে বলল, ‘পার্কেই কি থাকবে জনাব? আমি কি অপেক্ষা করব?’

তথাগত বলল, ‘অপেক্ষা করবে? আচ্ছা করো। আমার খুব বেশি হলে কুড়ি মিনিট লাগবে’।

অটোওয়ালা বলল, ‘ঠিক আছে। আমি দাঁড়াচ্ছি’।

তথাগত তিনশো রুপি দিতে গেলো। অটোওয়ালা নিল না, ‘না না, তুমি এসো। তারপর নেব’।

তথাগত আর কিছু বলল না। অটোওয়ালা তাকে নিজের আপনজন ভেবেছে, অকারণ রাগিয়ে লাভ নেই। রাস্তা পার হয়ে পার্কের টিকিট রুমের কাছে গিয়ে টিকিট নিতে গিয়ে থমকে দাঁড়াল সে। উলটোদিকের রাস্তায় দাঁড় করিয়ে রাখা অটোর পেছনে আরেকটা অটো থেকে জাহাঙ্গীর নেমেছে। তার অটোওয়ালার সঙ্গে কথা বলছে। টিকিটটা নিয়ে সে দ্রুত গতিতে পার্কের ভেতরে প্রবেশ করল। অনেকটা জায়গা নিয়ে গোলাকৃতি এই পার্ক। দ্রুত পায়ে হেঁটে ক্যানালের কাছে সাত নম্বর বেঞ্চে একটা ছায়ামূর্তিকে বসে থাকতে দেখে তৎক্ষণাৎ সেখানে গিয়ে বলল, ‘ফলো মি’।

ছায়ামূর্তি উঠে দাঁড়াল।

পার্কের চারটে প্রবেশ পথ। সবুজ গালিচা বিছানো চারদিকে, একটা একটা করে আলো জ্বলে উঠছে। সূর্যাস্তের পরে অনেকেই পার্কে ভ্রমণ করতে এসেছে। কেউ কেউ বাড়ির কুকুর নিয়ে পার্কে ঘুরছে। পূর্ব দিকের গেট দিয়ে তথাগত পার্কে প্রবেশ করেছিল। আলো আঁধারির মধ্যেই পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে গেল।

রাস্তার ওপারে সরকারি মডেল টাউন লাইব্রেরি। রাস্তা পেরিয়ে লাইব্রেরির বাউন্ডারির ভেতরে ঢুকে গেল সে। জোরে জোরে শ্বাস পড়ছে তার। হিসেবমতো জাহাঙ্গীরের চলে যাবার কথা ছিল। তা না করে জাহাঙ্গীর তার পিছু নিয়ে এতদূরে চলে এসেছে!

‘সালাম দেবেন স্যারকে’।

ছায়ামূর্তি তার পেছনে এসে দাঁড়িয়েছে।

পিঠের ব্যাগ থেকে একটা বই বের করে এগিয়ে দিল তথাগত, বলল, ‘পেজ নাম্বার সেভেন্টি থ্রি। বেরিয়ে যাও। আমার উপর কারও নজর পড়েছে মনে হচ্ছে’।

‘সে কী?’

‘ভাবতে হবে না। তুমি যাও। আমি চলে যাব’।

‘ওকে’।

গেট ঠেলে বেরিয়ে গেল ছায়ামূর্তি।

তথাগত দেওয়ালের আড়াল থেকে অপেক্ষা করতে লাগল।

২৪

রাত আটটা।

করাচি স্টেশনের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে লতিফ। ওরাঙ্গি টাউনের একটা ভাঙাচোরা বাস দাঁড়িয়ে আছে। আকিব তাকে স্টেশনে নামিয়ে চলে গেছে। রাস্তায় খেয়ে নিয়েছে সে।

ফোনে মেসেজ এসেছে। একই কথা লেখা, ‘ভাসানি সুইট শপ। প্লট ৩৩, আকবর শহীদ চক, সেক্টর ১৪এ। আলতাফ কুরেশি’।

করাচিতে তার বন্ধু ইউসুফ থাকে। কিন্তু ইউসুফকে ফোন করা যাবে না। কাজ থাকলে কোনও বন্ধুকে ফোন করার অনুমতি থাকে না। আকিব তাকে অন্য একটা ফোন দিয়ে গেছে। আগের ফোন আকিবের কাছে থাকবে। কাজ হলে ফেরত পাবে।

বাসটা ছাড়ল। লতিফ সিগারেট হাতে নিয়েই বাসে উঠে পেছনের দিকে গিয়ে বসল। শহরটা একটু পর থেকে নোংরা হতে শুরু হবে। ওরাঙ্গি বস্তি নোংরা একটা জায়গা। চোর, চিটিংবাজ, পকেটমারে ভর্তি।

লতিফ ম্যাপ খুলল। চল্লিশ মিনিট দেখাচ্ছে। বাসে আরও কুড়ি মিনিট বেশি লাগবে। মানিব্যাগটা একবার দেখে নিল।

আলো ঝলমল করছে শহরে। কিছুক্ষণ পর একটা স্টপে একজন বয়স্ক লোক উঠল। লতিফ দেখেই একবারে চিনে ফেলল। এ লোক তার বন্ধু না। তবে পূর্ব পরিচিত। কথা বলবে? একটু ভেবে কথা না বলাই ঠিক করল। অপেক্ষা করতে লাগল।

বাসের ভেতরের আলো আঁধারিতে দূর থেকে লোকটাকে দেখে যেতে লাগল। বয়স পঁয়ষট্টির কাছে। এখনও শক্তপোক্ত চেহারা। চশমা নেই। সাদা কুর্তা পায়জামা পরা।

লতিফ লোকটাকে দশ বছর আগে ট্রেনিং ক্যাম্পে প্রথম দেখেছিল। তখনও একদম সোজা হয়ে বসে থাকত। এখনও সেভাবেই বসে আছে। তাদের আর্মস ট্রেনিং দিত। ভীষণ কড়া ছিল। বকাবকি করত। খুব রেগে গেলে ওদের খাওয়া বন্ধ করে দিত। তারা সিঁটিয়ে থাকত।

শহীদ চকে নামার ঠিক আগে, লতিফকে একপ্রকার চমকে দিয়েই লোকটা পেছন ফিরে তাকাল। উঠে এসে তার সামনে এসে দাঁড়িয়ে একটা চাবি এগিয়ে দিয়ে বলল, ‘রোজ প্যালেস। রুম একশো সতেরো’।

সে কিছু জিগ্যেস করতে যাচ্ছিল। লোকটা পাত্তা না দিয়ে আবার নিজের সিটে গিয়ে বসল।

শহীদ চক এসে গেছে দেখে লতিফ নামার জন্য এগোল। লোকটা আগের মতোই নির্বিকার মুখে বসে রইল।

বাস স্ট্যান্ডের কাছেই ভাসানি সুইটস। লতিফ সরাসরি মিষ্টির দোকানের দিকে এগিয়ে গেল। নোংরা বস্তির রাস্তার উপরে দোকান হলেও দোকানটা বেশ ঝকঝকে আর বড়। সে ভেতরে ঢুকে একটা ফাঁকা টেবিলে বসে পড়ল। ফোন বের করে আলতাফের ছবি দেখে নিল।

দোকানের মধ্যে একবার চোখ বোলাতেই আলতাফকে দেখতে পেল। খুব বেশি হলে বাইশ তেইশ বছর বয়স। উচ্চতা ছ’ফুটের আশে পাশে হবে। গায়ের রং ফর্সা। একটা টেবিলে অর্ডার নিচ্ছিল।

লতিফ উঠে ওই টেবিলের কাছে গিয়ে আলতাফকে বলল, ‘নমকিন কী আছে ভাইজান?’

আলতাফ ব্যস্ত গলায় বলল, ‘এখনও কিছু তৈরি হয়নি জনাব। গুলাব জামুন পাওয়া যাবে’।

লতিফ বলল, ‘তাই দাও এক প্লেট’।

আলতাফ বলল, ‘আপনি টেবিলে বসুন। ওয়েটার যাচ্ছে’।

লতিফ কাঁধ ঝাঁকাল, ‘ঠিক আছে। খিদে পেয়েছে তো, তাই বললাম আর কী’।

আলতাফ বলল, ‘ঠিক আছে। আপনি বসুন। আমি এনে দিচ্ছি’।

লতিফ বসল। ওরা কি সন্দেহ করছে? আলতাফ কে? ছেলেটাকে দেখে ওরাঙ্গির বাসিন্দা বলেই মনে হচ্ছে।

প্লেট রেখে আলতাফ চলে গেল। লতিফ গুলাব জামুন খেয়ে টাকা মিটিয়ে বাইরে বেরোল। বেশি কথা বললে বা কৌতূহল দেখালে এরা ঠিক বুঝে যায়।

জহির হোটেলের চাবি দিয়ে দিয়েছে। সে হোটেলের দিকে রওনা দিল। জহির এখানে আই এস আইতে আছে, অথচ তাকে ইসলামাবাদ থেকে এখানে পাঠানো হল, এর একটাই অর্থ হয়।

আলতাফ জহিরকে চেনে। জহির এখানে বেশি আনাগোনা করলে আলতাফ সতর্ক হয়ে যাবে। সে কারণেই তাকে পাঠানো হয়েছে।

হোটেলে ঢুকে গেল লতিফ। অনেকক্ষণ ধরে স্নান করল। আলতাফের আস্তানাটা আগে জানা দরকার। কাল থেকে কাজ শুরু করবে। তার আগে বিশ্রাম দরকার। মিষ্টি খেয়ে পেট ভরে গেছিল। আর কিছু খেতে ইচ্ছে করল না। স্নান সেরে খাটে শুয়ে পড়ল সে।

ভীষণ ক্লান্ত লাগছে।

মাঝরাতে উঠে বসল লতিফ। ঘড়ি দেখল। এখন রাত দুটো বাজে। তৈরি হয়ে হোটেলের রুমে তালা দিয়ে বেরোল।

রিসেপশন ফাঁকা। হোটেলের গেট খোলা।

বেরিয়ে রাস্তায় নামল সে। ফুটপাথে ভিখারিরা সার দিয়ে শুয়ে আছে। লতিফ হাঁটতে হাঁটতে ভাসানি সুইটসের সামনে গিয়ে দাঁড়াল। দোকানের ঝাঁপ অর্ধেক বন্ধ। ভেতর থেকে কারো একজনের চিৎকার শোনা যাচ্ছে। লতিফ সিগারেট ধরাল। দূরে দাঁড়িয়ে একটা ছেলে তাকে দেখছে।

করাচি খুব একটা নিরাপদ শহর নয়। রাতে তো আরও নয়। লতিফ ছেলেটার দিকে তাকিয়ে হাসতে লাগল।

ছেলেটা বিভ্রান্ত হল। লতিফের হাসি দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েই লতিফের দিকে এগিয়ে এল।

লতিফ আগেই দেখে নিয়েছিল ছেলেটার হিপ পকেটটা উঁচু হয়ে আছে। সে হাত নাড়ল, ‘কেমন আছ ভাই?’

ছেলেটা এগিয়ে এসে বলল, ‘একদম খুন করে ফেলব! যা আছে, বের কর শিগগিরি’।

লতিফ ছেলেটার মুখ বরাবর একটা ঘুষি চালাল। ছেলেটা প্রস্তুত ছিল না। ছিটকে রাস্তার উপর গিয়ে পড়ল। ছেলেটার চোখে মুখে বিস্ময়। লতিফ ছেলেটার কাছে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে ছেলেটার কলার ধরে বলল, ‘কী নাম?’

ছেলেটা ভয়ে ভয়ে বলল, ‘জি সেলিম জনাব’।

লতিফ বলল, ‘এখানে চিন্দিচোরি করতে আসবি না। আমি কাজে আছি। তোর সঙ্গে যারা যারা আছে, তাদেরও বলে দিবি। নইলে সব কটাকে জাহান্নামে পাঠাব। বুঝেছিস?’

ছেলেটা ঘাড় নাড়ল, ‘জি জনাব’।

লতিফ ছেলেটার কলার ছেড়ে দিয়ে বলল, ‘বেরো এখান থেকে। আমাকে কাজ করতে দে’।

ছেলেটা ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে গেল। দল পাকিয়ে আবার হয়তো আসবে। লতিফ আমল দিল না। সরাসরি ভাসানি সুইটসের সামনে গিয়ে গলা ছাড়ল, ‘কেউ আছেন? ভাইজান? ও ভাইজান’।

একজন ওয়েটার বিরক্ত মুখে এসে বলল, ‘কী হল মিয়াঁ? মাঝরাতে ঘুম হচ্ছে না? চিৎকার করছ কেন?’

লতিফ বলল, ‘জনাব, কিছু রুপি হবে? আমার মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে’।

ওয়েটার বলল, ‘না না। এখানে কেন এসেছ? থানায় চলে যাও’।

লতিফ কাতর গলায় বলল, ‘এখানেই ছিনতাই হল, আমি সেই কোয়েটা থেকে এসেছি, কাউকে চিনিও না এখানে। দেখো না, যদি কিছু রুপি দিতে পারো, তোমাকে উপরওয়ালার কসম’।

ওয়েটার বলল, ‘দেখছি, দাঁড়াও এখানে’।

ভেতরে চলে গেল ওয়েটার। কিছুক্ষণ পরে এসে বলল, ‘একশো রুপি আছে। নিয়ে পথ দেখো। মালিক দয়ালু বলে দিল, নইলে পেতেও না। এখানে রাতে থেকো না, যে রুপিটা পেলে, সেটাও চলে যাবে’।

লতিফ অনেক শুকরিয়া জানিয়ে বলল, ‘কোথায় যাব ভাইজান, কাউকে চিনি না, জানি না। থাকব কোথায় তাও তো বুঝছি না। তোমার দয়ালু মালিককে বলে আমাকে এক রাত এখানে থাকার ব্যবস্থা করে দেবে?’

ওয়েটার বলল, ‘দেখি, ভেতরে এসো’।

লতিফ দোকানের ভেতরে ঢুকল। ওয়েটার আঙুল তুলে বলল, ‘ওই কোণে বসো। সকালে বেরিয়ে যাবে। আমি মালিককে বলে দিচ্ছি’।

লতিফ আবার শুকরিয়া জানিয়ে দোকানের কোণে গিয়ে মেঝেতে বসে পড়ল। দোকানের দু’তিনজন ওয়েটার ভেতরে কাজ করছে। লতিফ উঁকি মেরে দেখার চেষ্টা করল, আলতাফকে দেখতে পেল না।

কয়েক মিনিট পরে ওয়েটার এক বৃদ্ধ ভদ্রলোককে নিয়ে এসে বলল, ‘এই যে জনাব, এর ছিনতাই হয়েছে’।

বৃদ্ধ ভদ্রলোকটি বললেন, ‘উপরওয়ালার ঘরে আমরা সবাই মেহেমান। ওঁকে একটা কম্বলের ব্যবস্থা করে দাও। সকালে আমি পুলিশকে বলে কমপ্লেইন লেখানোর ব্যবস্থা করে দেব। কিছু হবে না বেটা, আমি বলে দেব। তুমি এখানে বিশ্রাম করো’।

লতিফ বৃদ্ধকে সালাম দিল, ‘অনেক শুকরিয়া জনাব’।

বৃদ্ধ ঘাড় নেড়ে ভেতরের দিকে চলে গেল। ওয়েটার বলল, ‘উনি আমাদের বড় মালিক। ভীষণ দয়ালু মানুষ। তোমার ভাগ্য ভালো, তুমি এখানে এসে গেছ’।

লতিফ বলল, ‘সবাইকে আশ্রয় দেন উনি?’

ওয়েটার বলল, ‘হ্যাঁ। আমরা সবাই তো অনেক দূর দূর গ্রাম থেকে এখানে এসেছি। উনি আমাদের আশ্রয় দিয়েছেন, খাবার দাবারের ব্যবস্থা করেছেন। উপরওয়ালা ওর ভালো করবেন’।

লতিফ শ্বাস ছাড়ল, ‘ঠিক। ওপরওয়ালা ওর ভালো করুন’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *