ব্লু উইংস – ৮৫

৮৫

কোয়েটা।

চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এক যুবক। চুপ করে বসে দেখে যাচ্ছে, সামনের রাস্তায় গাড়ি চেকিং শুরু হয়েছে।

পাকিস্তানের আর্মির চার জওয়ান সব গাড়ি দাঁড় করাচ্ছে, ডিকি খোলাচ্ছে। একগাদা প্রশ্ন করছে, সন্তুষ্ট হলে তবেই যেতে দিচ্ছে। নইলে গাড়ি নিয়ে রাস্তার পাশের মাঠে দাঁড় করিয়ে রাখছে।

ঠান্ডা হাওয়া দিচ্ছে।

রাস্তায় গাড়ির লাইন পড়ে গেছে। চিন্তিত সওয়ারিরা রাস্তায় এসে দাঁড়িয়েছে। চায়ের দোকানেও ভিড় বাড়ছে।

এক মধ্যবয়স্ক বালোচ গজগজ করে যাচ্ছে, ‘এরা কিছু করতে পারে না। এখন আমাদের গাড়ি আটকে বীরত্ব দেখাচ্ছে’।

চা ওয়ালা বলল, ‘ধীরে জনাব, ধীরে কথা বলুন। শুনতে পেলে রেহাই নেই’।

যুবক অলস গলায় বলল, ‘আরেকটা চা দাও ভাইজান। আজ তো তোমারই দিন। শুধু রুপি গুনবে’।

চা ওয়ালা বলল, ‘কী যে বলো ভাইজান, কী এমন লাভ হয়? আমাদের গরিবদের আবার রুপি গোনা। কত দেনা আছে জানো আমার? এই দোকানটাই তো দেনার’।

আরও আর্মি কনভয় এসেছে। মেজর হুসেন গাড়ি থেকে নেমে নজরদারি করছে। দুটো গাড়ি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যবয়স্ক ভদ্রলোক বললেন, ‘আমাকে মনে হচ্ছে মাঠে নিয়ে যাবে। বালোচ দেখলেই এদের সমস্যা হয়’।

মেজর হুসেন মাঠের দিকে রওনা হয়েছে। ড্রাইভারদের দাঁড় করিয়ে রাখা হয়েছে। দু’গাড়িতে থাকা যুবকদের হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হল।

কেউ কিছু বোঝার আগেই দেখা গেল সেনারা বসে থাকা যুবকদের মারছে। লাইনের গাড়ি থেকে লোকজন নেমে দাঁড়িয়েছে। একজন চিৎকার করল, ‘বালোচদের উপর আবার আর্মির জুলুম শুরু হয়েছে। আমরা যদি চুপ করে থাকি, তাহলে ওরা এভাবেই আমাদের ছেলেমেয়েদের মারবে’।

হইহই শুরু হয়েছে। পাক আর্মির জওয়ানরা ব্যারিকেড করে দিয়েছে রাস্তায়।

যুবক চায়ের টাকা দিয়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে উলটোদিকে হাঁটতে শুরু করল। এদিকটা গরম হবে বোঝা যাচ্ছে। স্থানীয় মানুষরা ঝামেলা করলে আর্মি গুলি অবধি চালাতে পারে। পাকিস্তান আর্মি বালোচ বিদ্রোহ দমনের ক্ষেত্রে নো টলারেন্স নীতি নেওয়া শুরু করেছে। একটা সাততলা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করল যুবক। লিফটে করে টপ ফ্লোরে গিয়ে সিঁড়ি ভেঙে ছাদে পৌঁছে ফোন বের করে বেশ কয়েকটা ছবি তুলে আবার নীচে নেমে একটা ফ্ল্যাটের দরজায় দুটো টোকা মারল। দরজা খুললেন এক বৃদ্ধ।

যুবক বৃদ্ধকে সালাম দিয়ে বলল, ‘খেয়েছেন চাচা?’

বৃদ্ধ বললেন, ‘জি, কিছু ওষুধ আনার ছিল। ইব্রাহিম বলেছে তুমি ওষুধ এনে দেবে। আমি কি তোমায় লিস্টটা দেব?’

যুবক বলল, ‘জি দিন। আমি বিশ্রাম নিয়ে একটু পরে বেরোব। কাল রাতে একবারে ঘুম হয়নি’।

বৃদ্ধ বললেন, ‘ঠিক আছে। আমি টেবিলে কাগজটা চাপা দিয়ে রাখছি। তুমি ঘুম থেকে উঠে নিয়ে নিও’।

যুবক বলল, ‘ঠিক আছে চাচা। আমি আজকেই নিয়ে আসব’।

বৃদ্ধ বাইরের দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুল। যুবক কিছুক্ষণ অপেক্ষা করে একটা ছোট ঘরে ঢুকল। খাটের তলা থেকে ট্রলি ব্যাগ বের করে মেঝেতে পেতে ব্যাগ খুলে একটা ফোন বের করে ফোন করল।

ও প্রান্ত একবার রিং হতেই ধরল, ‘কে? সৈকত?’

‘হ্যাঁ স্যার। কেমন আছেন?’

‘খেজুরে আলাপ ছাড়ো। কোথায় আছ তুমি?’

‘কোয়েটায় স্যার। এক বন্ধু সৌদিতে থাকে। ওর বাবার সঙ্গে থাকছি এখন’।

‘শিট! তুমি কোয়েটা ছাড়ো এখনই। এই অ্যারেঞ্জমেন্টে থেকো না। এখন একবারেই নিরাপদ না’।

‘স্যার চিন্তা করবেন না। এরা বালোচ না। এখানে চেকিং হবে না’।

‘আমি কোনও কথা শুনতে চাইছি না। তোমার ওখানে কী এমন কাজ আছে যে ওখানেই থাকতে হবে?’

‘স্যার রফিক আহমেদ আর শাহবাজ আলম জেলে আছে, আর্মি এখন এখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। মৌলানার ফ্যামিলির মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। এসব ছেড়ে আমি একটা নিরাপদ জায়গায় গিয়ে বসে থাকব?’

‘দেখো বাবা, আমার কথা শোনো! তুমি সামনে থাকলে আমি তোমার পায়ে পড়তাম, তুমি দয়া করে এখন ওদিকে থেকো না। তনবীর আলমের কেস তো মিটে গেছে। এবার বেরিয়ে যাও’।

‘বেরিয়ে যাব স্যার। করাচিতে কিছু বন্ধু আছে, দেখা করে বেরোব। বাই স্যার, শুনতে পারছি না কিছু’…

ফোন কেটে দিল সৈকত। অন্য ফোন থেকে ছবিগুলো নিয়ে দিল্লিতে পাঠানো শুরু করল।

৮৬

ফয়সলাবাদ।

দুপুরবেলা।

ডাক্তার রিজভি হাসপাতাল থেকে কোয়ার্টারের রাস্তায় ঢুকে দেখলেন কোয়ার্টারের সামনে একটা উসকো-খুসকো চেহারার লোক দাঁড়িয়ে কোয়ার্টারের দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি দাঁড় করিয়ে দিয়ে চুপ করে বসে রইলেন। একটা সময় লোকটা এগিয়ে গিয়ে জানলার কাছে দাঁড়াল এবং ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করতে লাগল।

রিজভি এবার গাড়ি স্টার্ট দিয়ে কোয়ার্টারের সামনে গিয়ে চিৎকার করলেন, ‘কী ব্যাপার?’

লোকটা পড়িমরি করে দৌড়ে কোয়ার্টারে পেছনের জঙ্গলের দিকে দৌড়ল।

রিজভি যতটা পারলেন, গেলেন। লোকটাকে আর দেখা গেল না। গাড়ি পার্ক করে চিন্তিত মুখে কোয়ার্টারে প্রবেশ করলেন।

শরমিন রান্না করছিলেন। রিজভিকে দেখে বললেন, ‘দরজা ধাক্কিয়েছিল। আমরা কেউ সাড়া দিইনি’।

রিজভি বললেন, ‘এই এলাকায় কয়েকটা পাগল আছে, ভ্যাগাবন্ড আছে। তাদের সবাইকেই চিনি। একে দেখিনি আগে’।

শরমিন বললেন, ‘আই এস আই কি কিছু সন্দেহ করেছে? ওরা লোক পাঠিয়েছে?’

রিজভি কাঁধ ঝাঁকালেন, ‘জানি না। আপনারা একটু সাবধানে থাকবেন। চোখ কান খোলা রাখবেন’।

শরমিন বললেন, ‘চিন্তা করবেন না। এক দু’জন এলে আমি একাই পারব। দল বেঁধে কেউ এলে অবশ্য সম্ভব না। আপনাদের প্ল্যান কী? কিছু জানা গেল?’

রিজভি বললেন, ‘কোনও মেসেজ আসেনি। এখানে থাকতে কি কোনও সমস্যা হচ্ছে?’

শরমিন হাসলেন, ‘না। তবে মন তো, একসময় যদি আর ইচ্ছে না হয়?’

রিজভি বললেন, ‘আপনার হাজব্যান্ডের খোঁজ নেব? আপনি বললে আমি নিতে পারি’।

শরমিন মাথা নাড়লেন, ‘না। দরকার নেই। আমি ওই জানলাটা বন্ধ করে দিয়েছি’।

রিজভি বললেন, ‘ঠিক আছে। আমি স্নান সেরে নিচ্ছি। বাইরে আবার লোকটা এলে আমাকে জানাবেন’।

শরমিন বললেন, ‘ঠিক আছে’।

নিজের ঘরে গিয়ে রিজভি মেসেজ করলেন, ‘সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে আমার কোয়ার্টারের সামনে। সিসিটিভি ইন্সটল করা ঠিক হবে?’

উত্তর এল, ‘না। এখন সিসিটিভি ইন্সটল করলে সন্দেহ হতে পারে। আপনি দুটো দিন অসুস্থ বলে কোয়ার্টারে বসে থাকতে পারবেন?’

‘অসুস্থ? আমাদের হাসপাতালে ডাক্তারের সংখ্যা খুবই কম। না গেলে চলবে কী করে?’

‘এখন এসব ভাবলে চলবে না। আপনি রেস্ট নিন। কোথাও যাবেন না’।

‘ওকে’।

রিজভি চুপ করে কিছুক্ষণ বসে থেকে স্নানে গেলেন। স্নান থেকে ফিরে হাসপাতালের ইনচার্জকে ফোন করে বললেন, শরীর খারাপ লাগছে। আজ হাসপাতালে যেতে পারবেন না। ইনচার্জ উদ্বিগ্ন হয়ে খোঁজ নিলেন, রিজভি জানিয়ে দিলেন দু’দিন ধরে শরীর খারাপ। এখন না যাওয়াটাই ঠিক মনে করছেন।

ইনচার্জ কথা বাড়ালেন না। হাসপাতালে তেমন চাপ নেই। থাকলে রিজভি কোনওকালেই ছুটি নেন না।

জাহিদা খেতে বসে বিভিন্ন বায়না করে। শরমিন বকেঝকে জাহিদাকে খাইয়ে দিচ্ছেন। রিজভি চেয়ারে বসে বললেন, ‘দু’দিন ছুটি নিয়েছি। আপাতত কোয়ার্টারেই থাকব। তেমন বাঁদরামি করলে আমি দেখে নেব’।

শরমিন বললেন, ‘এটা কোনও সলিউশন হল? কতদিন ছুটি নেবেন?’

রিজভি বললেন, ‘দু’দিন থাকি। তারপর দেখছি’।

রিজভি প্লেট নিয়ে খেতে শুরু করলেন। শরমিনের রান্নার তারিফ করে বললেন, ‘আপনি কিন্তু রেস্তোরাঁ খুলতে পারতেন। রান্না খুব ভালো হয়েছে’।

শরমিন বললেন, ‘ধন্যবাদ। আমার রিক্রুটমেন্ট রান্নার জন্যই হয়েছিল। আপনার জানার কথা না’।

রিজভি বললেন, ‘ওহ’।

জাহিদা বলল, ‘পিজা খেতে ইচ্ছে করছে। পারবে তুমি?’

শরমিন চোখ বড় বড় করলেন, ‘পিজা? এখানে?’

রিজভি বললেন, ‘আমি কিনে নিয়ে আসব একদিন। ভেবো না’।

শরমিন বললেন, ‘আপনি আপনার দেশকে খুব ভালোবাসেন, তাই না ডাক্তারবাবু?’

রিজভি বললেন, ‘সবাই তার দেশকে ভালোবাসে। আমিও বাসি’।

শরমিন বললেন, ‘কিন্তু আপনি ভদ্রলোক। আপনার কাছে সম্ভবত একটা প্রস্তাব এসেছিল। আপনি সেটা নাকচ করে দিয়েছেন’।

রিজভি চমকালেন, ‘আপনি কী করে জানলেন?’

শরমিন বললেন, ‘কারণ এখানে আসার তিন দিনের মাথায় আমাদের বিসমিল্লাপুরে যাবার কথা ছিল। সেটা হয়নি। আমার মনে হচ্ছে আপনিই হতে দেননি’।

রিজভি উত্তর দিলেন না।

শরমিন বললেন, ‘এভাবে আটকাতে পারবেন?’

রিজভি বললেন, ‘আমি পিজা নিয়ে আসব জাহিদা। ভেবো না’।

শরমিন আর প্রশ্ন করলেন না। চুপ করে গেলেন।

জাহিদার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল।

৮৭

ইসলামাবাদ, রাত এগারোটা।

আবু ইব্রাহিম তার ডেরায় বসে টিভি দেখছে। এক শাগরেদ এসে বলল, ‘আমান এসেছেন’।

আবু ইব্রাহিম ইশারায় আমানকে ভেতরে পাঠাতে বলল।

আমান ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আবু ইব্রাহিম বলল, ‘রাজি হয়েছে?’

আমান বলল, ‘আজ রাতের মধ্যেই হয়ে যাবে জনাব’।

আবু ইব্রাহিম বলল, ‘শাহবাজ আলম কী বলছে?’

আমান হাসল, ‘ও জানত, আসগর আলি মরলে ওকে আটকে দেব আমরা। বিশেষ অবাক হয়নি। সেফ প্যাসেজ চেয়েছে। দেশ ছেড়ে চলে যাবে, আর কোনওদিন ফিরবে না’।

আবু ইব্রাহিম দাড়িতে হাত বুলিয়ে বলল, ‘আসাদুর ইন্ডিয়ায় ঢুকে গেছে। এই মাত্র খবর এল’।

আমান বলল, ‘সুবহানাল্লাহ। ইন্ডিয়া এবার তার পাপের প্রায়শ্চিত্ত করবে’।

আবু ইব্রাহিম বলল, ‘ঠিক আছে, সে করবে। আমি কোনও মিশনের দায়িত্ব নিলে সেটা করার দায়িত্ব যেমন আমি নিই, একইভাবে জাফর সাহেব বলেছিলেন আর্মি ক্ষমতা দখল করার পর আমার সঙ্গে দেখা করতে আসবেন। কোথায় তিনি? তিনি কি আদৌ আসবেন?’

আমান বলল, ‘জনাব, তিনি এখন শিফট করছেন, এখনই আসতে পারবেন না, তবে আপনার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন, গাড়িতে নিয়ে এসেছি আমি’।

আবু ইব্রাহিম ভ্রু কুঁচকাল, ‘কী উপহার?’

আমান বলল, ‘পঞ্চাশ হাজার ইউরো। জাফর সাহাব বিশেষভাবে বলে দিয়েছেন আপনার কাছে পৌঁছে দিতে’।

আবু ইব্রাহিম বলল, ‘পঞ্চাশ হাজার? আমার সঙ্গে এক লাখের কথা হয়েছিল। তুর্কমেনিস্তানে আমাকে পেমেন্ট পৌঁছতে হবে, তুমি জানতে না?’

আমান বলল, ‘জনাব, আপনার যাতে নাক কাটা না যায়, তার ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। তুর্কমেনিস্তানে আপনি শোয়েবকে পেমেন্ট পৌঁছবেন বলেছেন, দু’দিন সময় আছে আমাদের হাতে। আমি কালকেই আরও পঞ্চাশ হাজার ইউরোর ব্যবস্থা করে দেব জেনারেল সাহেবকে বলে’।

আবু ইব্রাহিম বলল, ‘কেন? আজকে হল না কেন?’

আমান বলল, ‘বুঝতেই পারছেন জনাব, একদিনে কত কিছু হচ্ছে। আমি তো আপনার হয়েই কাজ করি। আপনি ভাববেন না। আমি দেখে নেব সবটা’।

আবু ইব্রাহিম বলল, ‘জানি না আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে ঠিক করছি কি না। আই এস আই এর চার্জ নিতে কোনও সমস্যা হয়েছে?’

আমান বলল, ‘কোনও সমস্যা হয়নি। আমার সঙ্গে ওদের আগেই সেটআপ করা ছিল। আমি অফিস বুঝে নিয়েছি। দেশে নতুন করে কোনও ইন্ডিয়ান এজেন্ট ঢুকেছে নাকি, তার তল্লাশি করার নির্দেশ দিয়ে এসেছি’।

আবু ইব্রাহিম বলল, ‘কাশ্মীরে আজ থেকেই ফায়ারিং-এর অর্ডার করে দিন। আমাদের ছেলেরা বসে বসে মোটা হয়ে যাবে’।

আমান বলল, ‘বলে দিয়েছি জনাব’।

আবু ইব্রাহিম এতক্ষণে খুশি হল। বলল, ‘আই এস আই বুড়ো লোকে ভর্তি হয়ে গেছে। নতুন নওজোয়ানদের ভর্তি করার ব্যবস্থা করুন। আমি ইস্তানবুলে কথা বলে নেব। ট্রেনিং করান। নতুন পাকিস্তান তৈরি হওয়া দরকার। করাচির কী খবর?’

আমান বলল, ‘তনবীর আলমের ঘটনায় সবাই শোকে মুহ্যমান হয়ে পড়েছে। তনবীর রফিকের কথায় কাজ করলেও দেশের জন্য একসময় অনেক কাজ করেছে’।

আবু ইব্রাহিম রেগে গিয়ে বলল, ‘ওরকম কাজ সবাই করেছে। বেশ্যার শরীরে মুখ গুঁজে থাকা লোক, মরেছে ঠিক হয়েছে। মরাই ওর নিয়তি ছিল’।

আমান বলল, ‘আপনার এখন এমন কথা না বলাই ভালো জনাব। অনেকের ধারণা আমি আর আপনি এর মধ্যে জড়িত আছি’।

আবু ইব্রাহিম বলল, ‘অনেকের মানে? কার ধারণা?’

আমান বলল, ‘রফিক আহমেদেরই ধারণা’।

আবু ইব্রাহিম বলল, ‘করুক, জেলে বসেই ধারণা করুক। আমি ওটা নিয়ে চিন্তা করি না। সুলতান, সুলতান’।

একটা ছেলে দৌড়ে এল, ‘জনাব’।

‘আসাদুরের লোকেশন কোথায় এখন?’

‘সমস্তিপুরে দেখাচ্ছে জনাব’।

ইব্রাহিম খুশি হল, আমানকে বলল, ‘শান্তির বার্তা নিয়ে কবুতর ইন্ডিয়া পৌঁছে গেছে, এবার পৃথিবী আবার শান্তির কথা শুনবে। পাকিস্তান দেখিয়ে দেবে, তারা কী করতে পারে। বাংলাদেশ বলে কোনও দেশ থাকবে না আর। আবার পূর্ব পাকিস্তান তৈরি হবে ইনশাল্লাহ’।

আমান মাথা নোয়াল, ‘আপনি মহানুভব জনাব’।

৮৮

মুলতান বাজারে সেনা প্যারেড হচ্ছে। পাকিস্তানি সেনা জওয়ানরা এলাকার দখল নিয়েছে।

প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর গ্রেফতারির খবর বেরোনোর পর এলাকায় বিশৃঙ্খলার ভয়ে দোকান বাজার বন্ধ হয়ে গেছিল। কিছু দোকান খোলা ছিল। প্রত্যাশিতভাবে সেখানে বিশেষ লুট হয়নি। সেনা এলাকা দখল নেবার পর দোকান বাজার সব খুলে গেছে।

মাঝরাতে নাদিমের লাশ আবিষ্কার হয়েছে। নাদিম না ফেরায় নাদিমের বউ বাড়ি থেকে বেরিয়ে গলির মধ্যে নাদিমের লাশ খুঁজে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে লোক জড়ো করেছিল। বাজারের ভিড়ের একটা অংশ সেনা প্যারেডের পর নাদিমের জানাজায় বেরোবে।

বাজারের পেছন দিকে দৌলত আজহারের গাড়ি দাঁড়িয়ে আছে। নতুন ফোন জোগাড় করা হয়েছে। দৌলতের সাগরেদ হুমায়ূন ঘেমে নেয়ে বাজার থেকে এসে বলল, ‘আপনার ফোনটা কোথাও পড়ে নেই জনাব। আপনি কি মনে করতে পারছেন শেষ কোথায় রেখেছিলেন?’

দৌলত রাগী গলায় বলল, ‘মনে করতে পারব না কেন? টিভি কিনলাম আরাশাদের দোকান থেকে। তারপর ফিরে গিয়ে আর পাচ্ছি না। টিভিটা গাড়িতে তোলার সময় পকেট থেকে কোথাও পড়ে গিয়ে থাকতে পারে’।

হুমায়ূন মাথা চুলকে বলল, ‘আমার মনে হয় না ফোন আর পাওয়া যাবে। কোনও চোর চুরি করে নিয়ে গেছে। বাজারে আবার একজন খুন হয়েছে কাল রাতে’।

দৌলত বলল, ‘কে খুন হয়েছে?’

হুমায়ূন বলল, ‘এক দোকানদার। আবার এক জেনানা পালিয়েছে। জেনানাঘটিত কেস মনে হচ্ছে জনাব। হতে পারে ওই জেনানার কোনও প্রেম ট্রেম ছিল, সেই চক্করে একে মেরে পালিয়েছে’।

দৌলত বিরক্ত মুখে বলল, ‘ধুস! ভাইজান সকাল থেকে আমাকে বকে বকে মাথা খারাপ করে দিচ্ছে, ফোন হারিয়েছি কেন বারবার জবাবদিহি করতে হচ্ছে, এর মধ্যে আবার জেনানাঘটিত কেসের কথা বলছিস। পুরোনো ফোনের দোকানগুলোয় খোঁজ নিয়েছিস?’

হুমায়ূন বলল, ‘জি জনাব, সব দোকানে বলে এসেছি। যে পাবে, সেই খবর দেবে। তবে ড্রেনে পড়ে থাকলে তো আর কিছু করার নেই’।

দৌলত বলল, ‘ব্যাটারিও বেশি ছিল না। নিজে থেকেই সুইচড অফ হয়ে গেছে, সেটাও হতে পারে’।

দৌলতের আরেকটা ফোন বাজতে শুরু করল। দৌলত ঘাবড়ে গেল, ‘এই যে, ভাইজান ফোন করা শুরু করেছে’।

হুমায়ূন বলল, ‘আমি ধরব?’

দৌলত বলল, ‘না না। আমিই ধরছি’।

ফোন রিসিভ করল সে, ‘সেলাম ওয়ালাইকুম ভাইজান’।

‘ফোন পেয়েছিস?’

‘জি না ভাইজান। বাজারে কোথাও পাইনি। দোকানগুলোতে বলে দিয়েছি। কেউ বেচতে এলেই খবর দেওয়া হবে আমাকে’।

‘ফোনে কিছু ছিল না তো? আমি শেষবারের মতো জিগ্যেস করছি’।

‘না ভাইজান, কিচ্ছু ছিল না’।

ফোন কেটে গেল। দৌলতের কপালে ঘাম জমেছে। ইউসুফকে সে মিথ্যে কথা বলেছে। ফোনে সব কিছু ছিল। কিন্তু সত্যি বললে যে ঝড়টা তার উপরে আসবে, সেটা সামলানোর ক্ষমতা তার নেই।

‘হুমায়ূন’।

‘বলুন ভাইজান’।

‘আরশাদের কাছে আরেকবার যা। ওর সব ছেলেদের বল দোকানটা ভালো করে খুঁজতে। আর রাস্তাতেও দেখ’।

‘যাচ্ছি ভাইজান’।

হুমায়ূন চলে গেল।

দূর থেকে বোরখার আড়াল থেকে সব দেখছিল নুসরত। মিজান হন্তদন্ত হয়ে বাজারের ভেতর থেকে এসে বলল, ‘আপা, এখান থেকে চলুন’।

নুসরত বলল, ‘চলো’।

মিজানের বাইকে উঠল নুসরত। মিজান যত তাড়াতাড়ি সম্ভব বাইক চালিয়ে বাজার থেকে বেরিয়ে মুলতান স্টেডিয়ামের রাস্তায় উঠল।

নুসরত বলল, ‘কাশিম গার্ডেনে চলো’।

কাশিম গার্ডেনে যেতে মিনিট পাঁচেক সময় লাগল। বাগানের ভেতরের বেঞ্চে বসল নুসরত। রাত থেকে ঘুম হয়নি তার। মিজান বলল, ‘ওরা সবাই ভাবছে আপনি পালিয়েছেন। নাদিমের খুন আর আপনার না থাকাটায় আপনার উপর সবার সন্দেহ হচ্ছে’।

নুসরত বলল, ‘ঠিক। বওহালপুরে চলো’।

মিজান এবার চমকাল, ‘বওহালপুর?’

নুসরত বলল, ‘হ্যাঁ। স্বামী স্ত্রীর ছদ্মবেশে বাড়ি ভাড়া নেব। আমি একজনকে চিনি। এখন বেরোলে দুপুরের মধ্যে পৌঁছে যাব। এরপর আমাদের ছবি জোগাড় করে ওরা কেউ থানায় কমপ্লেইন করলে সমস্যা বাড়বে’।

মিজান ঘাড় নাড়ল, ‘ঠিক। তাই চলুন। বাইকটা?’

নুসরত বলল, ‘এখানেই থাক। বাসে চলো’।

মিজান দুঃখিত মুখে বলল, ‘মায়া হয়ে গেছিল আপা’।

নুসরত বলল, ‘আমাদের মায়া রাখলে চলে না মিজান। চলো’।

মিজান বলল, ‘কিছু করা যায় না আপা?’

নুসরত হাসল, ‘না, কিছু করার নেই। চলো’।

দু’জনে হাঁটতে হাঁটতে পার্কের বাইরে বেরিয়ে বাসস্ট্যান্ডের দিকে রওনা দিল।

৮৯

রাত একটা পঁয়তাল্লিশ।

ট্রেন লেট করছে দশ মিনিট।

কোচ এস থ্রিতে দ্বারভাঙ্গা থেকে উঠেছেন বিশ্ব প্রামাণিক। ঘুম আসছে না। বিশ্বর শ্বশুরবাড়ি দ্বারভাঙ্গাতে। স্ত্রী বিহারী। ট্রেনে উঠে দেখলেন তার সিটে একজন যুবক বসেছিল। সিট জিগ্যেস করতে জানা গেল মিডল সিটটা তার। মাঝরাতে ঘুমাবে না জিগ্যেস করায় বলেছে ঘুম আসছে না।

বিশ্ব আর কথা বাড়াননি। ট্রেন যতক্ষণ বিহার আর ঝাড়খণ্ডে থাকে, যত রাতই হোক, তিনি ঘুমান না। বসে থাকেন। আরেকজন তার সঙ্গে বসে যাবে শুনে খুশিই হলেন।

‘ট্রেন ঠিক টাইমেই ঢুকিয়ে দেবে মনে হচ্ছে। কী বলেন?’

ছেলেটা শুধু হুঁ বলল।

বিশ্ব বুঝলেন ছেলেটার কথা বলার বিশেষ ইচ্ছে নেই। ট্রেনের বাকিরা সবাই ঘুমাচ্ছে। তেতলার লোকটা তো নাক ডেকে কামরা গরম করে রেখেছে।

বিশ্ব আরেকবার চান্স নিলেন, ‘দেখেছেন, কী নাক ডাকছে?’

ছেলেটা বলল, ‘জি’।

বিশ্ব বললেন, ‘বাড়ি কোথায়? ঘর কাহা?’

ছেলেটা বলল, ‘দিল্লি’।

বিশ্ব চোখ কপালে তুললেন, ‘ওহ, দিল্লি? বাপ রে! রাজধানী বলে কথা! ইয়ার্কি নাকি! অত দূর থেকে এদিকে কী করতে?’

ছেলেটা জড়ানো হিন্দিতে যা বলল, তার মানে দাঁড়ায় সে ব্যবসার কাজে নেপাল গেছিল।

বিশ্বর কৌতূহল বেড়ে গেল, ‘নেপাল? কী ব্যবসা হয় ওখানে বাবা? আমি তো প্রায়ই ভাবতাম নেপাল থেকে ছাতা কিনে এনে বেচব। টর্চ, ছাতা। এখন আর সেই সময় নেই যাই বলো। টর্চ একবার খারাপ হলেই গেল। আর ছাতাগুলোও তেমন পদের না। নেপালের ক্রেজ ছিল ওই নব্বইয়ের সময়। সে যা নিয়ে আসতাম, তাই ভালো। এখন সেই জিনিস আর কোথায়?’

ছেলেটা আরেকবার ‘হুঁ’ বলল।

সমস্তিপুর পেরোতে ট্রেন গতি বাড়াল।

বিশ্ব সন্ত্রস্ত কণ্ঠে বলল, ‘আমার এই গতিতে ভয় লাগে। বেশি গতির কী দরকার বাপু? ধীরেসুস্থে চল, বাড়ি পৌঁছে দে। তা না…’

সাইড লোয়ার থেকে একজন মহিলা চিৎকার করে উঠল, ‘দাদা চুপ করুন না, ঘুমোতে দিন। বকেই যাচ্ছে! একজন এদিকে নাক ডেকে মাথা খারাপ করে দিল, আরেকজন বক্তিয়ার খলজী উঠেছে ট্রেনে উফ!’

বিশ্ব জিভ কেটে চুপ করে গেলেন, ‘এ বাবা, সরি সরি। আর কথা বলব না’।

ছেলেটাও যেন স্বস্তি পেল। বিশ্ব চুপ করে বাইরের দিকে তাকিয়ে থাকেন। বুক, পেট ফুলে ওঠে। কথা না বললেই এরকম হয় তার।

আবার কিছুক্ষণ পর জিগ্যেস করলেন ফিসফিস করে, ‘কী নাম তোমার?’

ছেলেটা বলল, ‘আমান’।

বিশ্ব বিজ্ঞের মতো মাথা নাড়লেন, ‘গুড নেম, গুড নেম’।

সাইড লোয়ার আবার বিরক্তি প্রকাশ করে ‘উফ’ বলল।

বিশ্ব জিভ কাটলেন। রাত তিনটেয় বারাউনি স্টেশনে ট্রেন দাঁড়াতেই বিশ্ব প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালেন। ছেলেটা জল নিতে নেমেছে। বিশ্ব ছেলেটার পেছন পেছন গিয়ে বললেন, ‘লোকজন কেমন দেখেছ? কথা বললেও এদের গায়ে ফোস্কা পড়ে’।

ছেলেটা জল ভরে হাসল।

বিশ্ব ঘড়ি দেখে বললেন, ‘এবার ট্রেন রাইট টাইমে আছে। সেই দশ মিনিটটা আছে, তাও চাপ নেই মনে হচ্ছে। তা নেপালে কীসের…’ কথা শেষ হবার আগেই ছেলেটা ট্রেনে উঠে পড়ল। সিগনালও দিয়ে দিয়েছে। বিশ্ব ব্যাজার মুখে সিটে গিয়ে বসলেন আবার।

ট্রেন নড়ে উঠেছে। বিশ্ব জানলার পাশে গিয়ে বাইরের দিকে দেখতে দেখতে ঢুলতে লাগলেন।

ট্রেন ঝাঝায় পৌঁছল পৌনে ছ’টায়। বিশ্ব বাথরুম সেরে এসেছেন আগেই। তরিবত করে চা নিলেন, ছেলেটাকেও অফার করলেন। ছেলেটা মানা করে দিল। চা শেষ করতেই বাথরুম পেয়ে গেল তার। ছেলেটাকে ফিসফিস করে বললেন, ‘মালটা দেখো। আমি বাথরুম গেলাম’।

ছেলেটা সম্মত হল। বিশ্ব বাথরুমে সেরে বেরিয়ে দেখলেন ছেলেটা বাথরুমের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আঁতকে উঠলেন, ‘মাল ঠিক জায়গায় আছে তো?’ ছেলেটা ঘাড় নাড়ল। বিশ্ব বেরোতে ছেলেটা ঢুকল।

বিশ্ব সিটে গিয়ে দেখলেন ছেলেটা ঠিকই বলেছে। খুশি হলেন। সাইড লোয়ারের মহিলা উঠে তার দিকে কটমট করে তাকিয়ে দেখছে।

বিশ্ব সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকিয়ে ‘হরি দিন তো গেল’ গাইতে শুরু করলেন। ছেলেটা এসে বসল কিছুক্ষণ পর। বিশ্ব বললেন, ‘তোমার ব্যাগ?’

ছেলেটা বলল, ‘ব্যাগ নেই’।

বিশ্ব অবাক হলেন, ‘ব্যাগ নেই? নেপাল গেলে ব্যাগ ছাড়া?’

ছেলেটা বলল, ‘ভাই আছে অন্য বগিতে। ওর কাছে আছে’।

বিশ্ব বললেন, ‘ভাই কি বাঙাল? বাড়ি কোথায় ছিল?’

ছেলেটা বিরক্ত হবার ভান করল, ‘বললাম তো দিল্লির ছেলে’।

বিশ্ব কাঁধ ঝাঁকালেন, ‘হবে হয়তো। দিল্লির বাঙাল। বাঙাল গোটা পৃথিবীতে আছে। কোণে কোণে আছে। ইরান থেকে ইজরায়েল, প্যালেস্টাইন থেকে বজবজ, বাঙাল কোথায় নেই?’

সাইড লোয়ার মহিলা চা নিতে নিতে বললেন, ‘আপনি কী? ঘটি?’

বিশ্ব বললেন, ‘না না, বাঙাল। বরিশাল। খাঁটি ইস্টবেঙ্গল ম্যাডাম’।

‘ও। আমিও বাঙাল কিনা। বাঙালের বদনাম শুনলে বুঝে নিতাম’।

ছেলেটা উঠে চলে গেল।

বিশ্ব হতাশ কণ্ঠে বললেন, ‘বাঙাল যদি স্বীকার না করে সে বাঙাল, তাহলেও কি সেটা ঠিক দিদি?’

ছেলেটা ফিরে এসে আপারে খালি হয়েছে নাকি উঁকি মেরে দেখল। আপারে যে ছিল, সে নেমে গেছে। ছেলেটা উপরে উঠে গেল।

বিশ্ব বললেন, ‘সারারাত জেগেছিল, এখন ঘুম পেয়েছে। আবার নাকি কোনও ব্যাগ নেই। দিল্লি থেকেই ব্যাগ ছাড়া নেপাল গেছে, ব্যবসা করেছে আবার ফিরে যাচ্ছে, তাও দিল্লিতে না, কলকাতায়। কী অদ্ভুত’!

সাইড লোয়ারের মহিলা ভ্রু কুঁচকে উপরে তাকিয়ে রইলেন।

মিনিট দশেক পর ট্রেনের মধ্যে আর পি এফ স্নিফার ডগ নিয়ে উঠল, বিশ্বর সিটের কাছে কাছে এসে কুকুরগুলো চিৎকার শুরু করে দিল, বিশ্ব ঘাবড়ে বললেন, ‘এ কী! এখানে কী? আমি কিছু করিনি রে বাপ, রাতে ঘুমাইনি এই যা।’

আর পি এফের জওয়ানেরাও এসে দাঁড়িয়ে পড়েছেন বিশ্বর কাছে। আপারের ছেলেটাকে ডেকে তুললেন, ‘আই কার্ড দেখি’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *