ব্লু উইংস – ৬০

৬০

ইসলামাবাদের গোপন ডেরা।

দুপুর।

সায়ক মেঝেয় শুয়ে আছে। সকালে একবার শুধু উঠেছিল। সারাদিন ঘুমাচ্ছে পড়ে পড়ে।

তথাগত কাগজ পড়ছিল। বীরেন বেশ কয়েকটা খবরের কাগজ দিয়ে গেছে। কাগজ পড়তে পড়তে তার মধ্যেই ডুবে গেছিল তথাগত, এমন সময় সায়ক ধড়মড় করে উঠে বসে পড়ল। তথাগত বলল, ‘কী হল? উঠে পড়লি কেন?’

সায়ক বলল, ‘অমলরা কী খাচ্ছে কে জানে! ওদের কি কিছু সাপ্লাই দিলে ভালো হতো?’

তথাগত বলল, ‘তুষার স্যার আগে ওদের সঙ্গে যোগাযোগ করতে বলেন নাকি দেখ। তারপর সিদ্ধান্ত নে’।

সায়ক বলল, ‘তাও ঠিক। মুজফররাবাদে অনেকে থাকবে আজ। তবে আবু ইব্রাহিম যাবে না’।

তথাগত বলল, ‘আবু ইব্রাহিমের সঙ্গে আসগর আলির ঠান্ডা লড়াই ছিল না?’

সায়ক বলল, ‘হ্যাঁ, ছিল। পরে মিটমাট হয়ে যায়। নব্বইয়ের দশকে দু’জনে একসঙ্গে শ্রীনগরে একটা ব্লাস্ট করিয়েছিল। বেশ কয়েকজন সিভিলিয়ান মারা গেছিল। দেশে মানে পাকিস্তানে ফেরার পর আবু ইব্রাহিম হঠাৎ করে বলে বসেছিল, ও নাকি চেয়েছিল আম কাশ্মীরিরা বেঁচে থাকুক। আসগর আলির কথায় নাকি সাধারণ মানুষদেরও বলি করে। মজার কথা হল, আসগর আলি উলটো কথা বলত। ওর দাবি অনুযায়ী আবু ইব্রাহিমই নিরীহ কাশ্মীরিদের টার্গেট করে। তবে এটা গটআপও হতে পারে। ওরা বরাবর দেখাতে চেয়েছে আম কাশ্মীরিদের সম্পর্কে ওরা কত চিন্তাভাবনা করে। আসলে তো লবডঙ্কা চিন্তা করে। ময়দানে নেমেছে, ওদের দেশে যে থাকে না, সেই ওদের শত্রু। ভিড় স্টেশনে কাপুরুষের মতো ব্লাস্ট করে নিজেদের বড় হিরো মনে করে। সাহস থাকলে সামনাসামনি লড়াই করুক’।

তথাগত বলল, ‘সামনাসামনি লড়াইয়ে ওরা কোনওদিনই যাবে না। আবু ইব্রাহিমদের ব্যবহার করে সমস্যা তৈরি করে যাবে। আমার মাইরি এখানে আর বসে থাকতে ভালো লাগছে না’।

সায়ক কয়েক সেকেন্ড চোখ পিটপিট করে বলল, ‘বেরোবি? চল। হালকা মেকআপ করে বেরোনো যাক’।

আধঘণ্টার মধ্যে দু’জনে খাঁটি পাঠানের ছদ্মবেশে বেরোল। সায়ক অটোয় উঠে বলল, ‘ফয়সল মসজিদ চলুন ভাইজান’।

ইসলামাবাদে আর পাঁচটা দিনের মতোই চলছে সবকিছু। রাস্তাঘাটে আলাদা করে কোথাও কোনও চেকিং নেই। ফয়সল মসজিদের সামনে দেশ বিদেশের পর্যটকের ভিড় হয়ে আছে। ফয়সল মসজিদ পাকিস্তানের জাতীয় মসজিদ বলা যেতে পারে। এই মসজিদে একসঙ্গে তিন লাখ মানুষ নামাজ পড়তে পারেন।

অটো থেকে নেমে তথাগত বলল, ‘হঠাৎ এখানে নিয়ে এলি?’

সায়ক বলল, ‘মসজিদের সামনের বাগানটায় আমাদের প্রিয় মানুষরা দেখাসাক্ষাৎ করে। মাস দেড়েক আগে এখানে আবু ইব্রাহিম এসেছিল’।

তথাগত বলল, ‘কী করতে?’

সায়ক হাঁটতে হাঁটতে চারদিকে ভালো করে দেখে নিয়ে বলল, ‘বাকু থেকে একটা দল এসেছিল। ও দলে এক বৃদ্ধ ছিল। ইলিয়াস তালাল। ধনকুবের। দেশ দেখার নাম করে এসে টেরর ফান্ডিং করে গেছে। আবু ইব্রাহিমের ফান্ডের অনেকটা অংশ আসে ইলিয়াসের থেকে। আবু নিজে এসেছিল ইলিয়াসের সঙ্গে দেখা করতে। এই বাগানে মোলাকাত হয়েছিল। ইলিয়াস কেপিকে যায়নি কিংবা আবু ইব্রাহিম ইলিয়াসের হোটেলে যায়নি একটাই কারণে। গেলে রফিক জেনে যেত। কাটমানি কেস আর কী! আর আমরা যেমন মনে করি ভালো কাজ করলে পুণ্য হয়, ইলিয়াসরা মনে করে পৃথিবীতে সন্ত্রাস ছড়ালে ওদের পুণ্য হয়’।

তথাগত হেসে ফেলল। সায়ক হতাশ কণ্ঠে বলল, ‘না ভাইজান, আজ চারপাশে আমাদের জামাইরা কেউ নেই। যা বুঝতে পারছি সব ব্যস্ত। নয়তো সবাই মুজফফরাবাদে গেছে। তুষার স্যার এমন বারণ করলেন… দূর দূর’।

সায়কের ফোনে মেসেজ এল। সায়ক মেসেজটা দেখে হেসে ফেলল, ‘এরা চাইলেও এদের গভীর প্রেম কিছুতেই লুকোনো যায় না। এই দ্যাখ’।

তথাগতর দিকে ফোন এগিয়ে দিল সায়ক। তথাগত দেখল আসগর আলির জানাজায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাকিস্তান আর্মির দুই লেফটেন্যান্ট!

সেও হেসে ফেলল, ‘যা বলেছিস!’

৬১

করাচি, সকাল দশটা।

তবসসুম স্থানীয় বাজারে বেরিয়েছে। মাংস খাবার পরে তনবীরের মেজাজ ভালো ছিল। নিজেই বলেছে তবসসুম বাজারে যেতে পারে। তবে বেশি দূরে গেলে যেন তনবীরকে ফোন করে যায়।

তনবীর বেরোলে তবসসুম দেরি করেনি। বাজারে বেরিয়ে গেছে।

মেয়েদের কসমেটিক্সের দোকানে ভিড় নেই। সে লিপস্টিকের দরদাম করছিল, এমন সময় তার পাশে বোরখা পরিহিত মহিলা এসে দাঁড়াল। ফিসফিস করে বলল, ‘আপা, আপনার হাত ঢাকুন। কালশিটে দেখা যাচ্ছে’।

তবসসুম চমকে পাশ ফিরে বলল, ‘তুমি কে?’

‘জি আমি জায়নাব। আপনার মহল্লায় নতুন ঢুকেছি। আপনি বেরোনোর কিছুদিন আগে ওখানে ঢুকেছিলাম। রাবেয়া বেগমের কোঠিতে আছি এখন। সবাই আপনার জীবন নিয়ে কত হিংসে করে। বলে তবসসুম বেগমের মতো জীবন পেলে আমরা ধন্য হয়ে যেতাম’।

তবসসুমের কান্না পেয়ে গেল। কোনওমতে বলল, ‘হুঁ, আমার মতো জীবন? এর থেকে দোজখের আগুনে পুড়ে মরা ভালো’।

জায়নাব বলল, ‘তোবা তোবা। এ কেমন কথা? তনবীর সাব কত সুপুরুষ, সবাই ওর চেহারার উপর ফিদা। আপনি এমন কথা বলছেন কেন বেগম?’

তবসসুম জায়নাবের হাত ধরে দোকান থেকে বেরিয়ে বাইরে এসে বলল, ‘কোঠিতে যে থেকেছে, তাকে যদি সারাদিন একটা ঘরে একা একা থাকতে হয়, রাতে শুধু মার খেতে হয়, তার ভালো লাগবে?’

জায়নাব বলল, ‘কিন্তু আপাজান, মা’র তো আমাদেরও খেতে হয়। আমার পিঠে মেরে কীভাবে দাগ করে দিয়েছে এক পাঠান’।

তবসসুম বলল, ‘তাও ভালো। তুই আমার অবস্থা জানিস না বলে এভাবে কথা বলছিস। যাই হোক, রাবেয়া বেগম কেমন আছেন?’

জায়নাব বলল, ‘ভালো আছে। আমি কি ফিরে গিয়ে আপনার কথা কাউকে বলতে পারি?’

তবসসুম মাথা নাড়ল, ‘না। কাউকে বলতে হবে না। বলে কী হবে? সবাই মজা ওড়াবে। আমার কাউকে দরকার নেই। একদিন যখন এই জীবনটাকে আর টানতে পারব না, তখন নিজেকে শেষ করে দেব’।

জায়নাব তবসসুমের হাত ধরল, ‘এ কেমন কথা আপাজান! এসব কথা বলবেন না। মহান আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। সে জীবনের ভার তিনিই বইবেন। আপনি নিজেকে কেন মারবেন? যেদিন খুব রাগ হবে, তনবীরকেই শেষ করে দেবেন’।

তবসসুম একটু চমকাল। চারদিকে তাকিয়ে বলল, ‘বেতমিজ মেয়ে! কোথায় কী বলতে হয়, তোকে শেখায়নি রাবেয়া?’

জায়নাব বলল, ‘আপাজান, আমি তো আপনার কথা ভেবে বললাম’।

তবসসুম কঠিন চোখে জায়নাবের দিকে তাকিয়ে বলল, ‘তুই রাবেয়ার কাছে কাজ করিস না। কে তুই, সত্যি করে বল’।

জায়নাব বলল, ‘আপনি রাবেয়া বেগমের কাছে খবর নিলেই জানতে পারবেন, আমি ওখানে কাজ করি। কিন্তু আমি এভাবে চুপ করে থাকার মেয়ে না। আপনার জায়গায় আমি থাকলে এভাবে পড়ে পড়ে মার খেতাম না’।

তবসসুম বলল, ‘তুইও মার খাবি। এভাবেই মার খাবি। অবশ্য তোর মতো মাগী যারা, তারা বেশিদিন বাঁচতে পারে না। কোনও না কোনও একদিন সর্দার গুলি করে চলে যাবে’।

জায়নাব বলল, ‘রোজ রোজ মার খাবার থেকে গুলি খেয়ে একদিন মরে যাওয়াই ভালো না আপা? কী হবে এই কলঙ্কের বেঁচে থাকা দিয়ে? রোজ রোজ যখন অচেনা একটা লোক এসে বুকে হাত দেয়, রোজ রোজই তো মরে যাই’।

তবসসুম বলল, ‘আমি রোজ রোজ মরে যাই না। আমাকে তনবীর নতুন জীবন দিয়েছেন। আমি কী করে সেটা ভুলব?’

জায়নাব বলল, ‘তাহলে তো ভালোই আছেন? থাকুন তবে’।

তবসসুম বলল, ‘যা তুই। আমাকে বোঝাতে হবে না তোকে। যে নরক থেকে এসেছিস, সে নরকে ফিরে যা’।

জায়নাব বলল, ‘ম্যাঙ্গো জুস খাবে আপা? চলো’।

তবসসুমের চোখে জল চলে এলো। তার নিজের মেয়ে হলেও তো জায়নাবের বয়েসিই হতো। বলল, ‘চল’।

জায়নাব তবসসুমকে নিয়ে জুসের দোকানের দিকে রওনা দিল।

৬২

‘দুবাই থেকে রাত বারোটার সময় বেরোয় ইউসুফ আজহার। তার সঙ্গে তিন দেহরক্ষী আর তার দুবাইয়ের রাশিয়ান বান্ধবী। মুলতানের কেউ ইউসুফকে দুবাইয়ে দেখলে চিনতে পারবে না। সে শার্ট ট্রাউজার পরে। কখনও থ্রি কোয়ার্টার।

শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে উটের রেসের আসর বসে তিন মাস অন্তর, বছরে চারবার। এই সময়টা ইউসুফ একা আসে। এই আসরে অবশ্য জনসাধারণের প্রবেশ নিষেধ। রেস ক্লাবের সদস্য ছাড়া কেউ ঢুকতে পারে না। ইউসুফ বহু পুরোনো সদস্য।

রাত একটা নাগাদ ক্লাবের পার্কিংয়ে ইউসুফের গাড়ি পৌঁছোয়। ইউসুফ মাস্ক পরে তার বান্ধবীকে নিয়ে ক্লাবে প্রবেশ করে। একটা মাঠ, মাঠের চারপাশে দামি বক্স। উটের নম্বর নির্বাচন করে শেখরা বক্সগুলোতে বসে রেস দেখে। ক্লাবের কোনও সদস্য নিজেদের মধ্যে কথা বলার অনুমতি পায় না। রেস হয়, যারা জেতে, তাদের অ্যাকাউন্টে দিনার পৌঁছে যায়।

বক্সে ইউসুফ শুধু তার বান্ধবীকে নিয়ে ঢোকে। কোনও নিরাপত্তারক্ষীকেই ক্লাবের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ক্লাবের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা আছে।

রেসের সময়টা ইউসুফ তার রাশিয়ান বান্ধবীকে নিয়ে ব্যস্ত থাকে। জিতুক হারুক, কোনও ব্যাপার না। সে টাকা ওড়াতেই যায়। রেজাল্টের নোটিফিকেশন আসার প্রায় আধঘণ্টা পরে সে বেরোয়। ক্লাব থেকে বেরিয়ে দুবাইয়ের হোটেলে পৌঁছতে পৌঁছতে ভোর চারটে হয়ে যায়’।

পীযূষ পুরোটা পড়ে গেল। সাদিকের জন্য বিরিয়ানি আনা হয়েছিল। সে খেতে খেতেই বলল, ‘ঠিক। এইটাই বলছিলাম’।

খান শুনে বললেন, ‘দুবাইয়ের আইন কানুন খুবই কড়া। এর থেকে মনে হয় ইউসুফকে পাকিস্তানে ধরা সোজা হবে’।

সাদিক জোরে জোরে মাথা নেড়ে বলল, ‘না জনাব। দুবাইতেই পারবেন। পাকিস্তানে ও অনেক বেশি লোক নিয়া থাকে’।

খান বললেন, ‘তারপর ধরা পড়লে?’

সাদিক বলল, ‘আপনাগো কী? আপনি মারতে যাবেন?’

পীযূষ বললেন, ‘দুবাইয়ে স্নাইপার চার্জ অনেক বেশি। বাজেট অ্যাপ্রুভ হবে না’।

সাদিক বলল, ‘হ, দু’কোটি লাগব আপনাদের দেশের নিয়মে’।

খান চোখ কপালে তুললেন, ‘এত নেবে?’

সাদিক বলল, ‘নেবে না? ধরা পড়লে কী হবে বুঝতে পারতাসেন?’

পীযূষ আর খান দুজনেই বাংলা জানেন। সাদিকের উচ্চারণ বুঝতে খানের কিছুটা সমস্যা হলেও পীযূষ স্পষ্ট বুঝতে পারছিলেন। খানকে বললেন, ‘সাদিক ঠিকই বলেছে জনাব। ডার্ক ওয়েবে আরেকটু বেশি নেয় অবশ্য। তিন কোটির মতো’।

খান চেয়ারে বসে বললেন, ‘সাদিক মিয়াঁ, তোমার লোক আছে?’

সাদিক জোরে জোরে মাথা নেড়ে বলল, ‘জনাব, বুঝার চেষ্টা করেন। আমি যদি যোগাযোগ করি, সবাই জাইনা যাইব। দেশে ফেরার পর আমারে ওরা আগে মারব। কী লাভ হইব বাইচা থাইকা?’

খান বললেন, ‘দেশে ইউসুফ আজহারের লোক কে কে আছে? মানে বাংলাদেশে? পীযূষ, সাদিকের থেকে নামগুলো নিয়ে নাও’।

সাদিক আঁতকে উঠল, ‘জনাব, আমি মইরা যামু। ইউসুফরে দিতাছি তো। তাছাড়া আপনারা বাংলাদেশে কিছুই করেন না। নাম নিয়া কী করবেন?’

খান বললেন, ‘নাম লাগবে, দিয়ে দাও। এত কথা বলার কী আছে? আর রাশিয়ান ছাড়া তোমার ইউসুফ ভাই কী পছন্দ করে?’

সাদিক বলল, ‘বাংলাদেশি। আমি সাপ্লাই করসি এককালে। কিন্তু পছন্দ না হইলে নেয় না। এখন সন্দেহ করবে। ও জানে আমি ধরা খাইসি’।

খান পীযুষকে বললেন, ‘নামগুলো লিখে নাও। আমি দেখছি বাকিটা’।

চেম্বার থেকে বেরিয়ে খান মাথুরের চেম্বারে ঢুকে হো-হো করে হাসতে শুরু করলেন। মাথুর ঘাবড়ে গিয়ে বললেন, ‘কী হল?’

খান বললেন, ‘এই সাদিকের কথা শুনে পেট ব্যথা হয়ে যায়’।

মাথুর বললেন, ‘সাদিককে বিশ্বাস করা কি ঠিক হবে? ওরা নাটক করতে ওস্তাদ। এমন ভান করবে যে তোমার জন্য জীবন দিয়ে দেবে, বাস্তবে উলটোটা করবে। সাপকে বিশ্বাস করা যায়, এদের না’।

খান বললেন, ‘ইউসুফ আজহার সম্পর্কে যা বলেছিল, দুবাই থেকে কনফার্ম করিয়ে নিলাম। ঠিকই বলেছিল। ও বিরাট কিছু করেনি, শুধু একটা ইনফরমেশন দিয়েছিল। ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ’।

মাথুর বললেন, ‘তুমি যে ডিলটা করেছ, তুষার স্যার কী বলছেন? একে ঢাকায় ছেড়ে দিয়ে আসবেন?’

খান বললেন, ‘কেন ছাড়বেন না? আটকে রেখে আমাদের ট্যাক্সের টাকায় একে খাইয়ে কী হবে?’

মাথুর বললেন, ‘এসো। একটা জিনিস দেখাই’। ট্যাব বের করলেন, ‘দেখো। সাদিক শেখ খুব একটা সহজ লোক না। বাংলাদেশ আই এস আই এর মাথা ছিল। আই এস আই-এর ক্লাসিফায়েড ডকুমেন্টস পেয়েছি একটা’।

খান পড়তে শুরু করলেন। পুরোটা পড়ার পর বললেন, ‘ব্যাটাকে আমি বিরিয়ানি খাওয়ালাম। তাও করিমসের’।

মাথুর তুমুল রেগে গিয়ে বললেন, ‘এখনই আমার জন্য অর্ডার করো! নইলে আজ তোমার রক্ষে নেই’।

খান হাসতে হাসতে মোবাইল বের করলেন।

৬৩

ফয়সলাবাদ। আপাত শান্ত ডাক্তার রিজভির জীবনে একইদিনে পরপর ঘটনাগুলো ঘটে গেল।

সকালটা যে এভাবে কাটতে পারে, তিনি ভাবতে পারেননি। প্রস্তুতও যে ছিলেন না, তা বলাই বাহুল্য। রিজভি ওপিডিতে পেশেন্ট দেখছিলেন।

এমারজেন্সি থেকে ফোন এল, ‘জনাব, ইমিডিয়েটলি আসুন’।

ডাক্তার বললেন, ‘কী হয়েছে?’

‘জনাব, একটা বডি এসেছে। লাস্ট স্টেজ। আপনি একবার তাড়াতাড়ি আসুন’।

রিজভি দৌড়লেন এমারজেন্সিতে। ঢোকামাত্র চমকে উঠলেন। সাগিরের নাতিকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে আসা হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। গলায়, হাতে, মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। সাগির বুড়ো পাষাণের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। রিজভি পেশেন্টের নাড়ি দেখে থমকে গেলেন। ছেলেটা মারা গেছে। সাগিরের কাছে গিয়ে কাঁধে হাত দিলেন, ‘কী করে হল?’

বুড়োর চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করল। কোনওমতে যা বলল তার সারমর্ম দাঁড়ায়, বুড়োর নাতি আল মাসুদকে একা একা ফলো করতে গিয়ে ওর দলের ছেলেদের হাতে আবার ধরা পড়ে গেছিল। ছেলেগুলো রাস্তাতেই মারধোর করে ফেলে রেখে দিয়ে গেছিল। বুড়ো খবর পেয়ে হাসপাতালে নিয়ে এসেছে।

রিজভি বললেন, ‘ও আর নেই। আপনি আমার চেম্বারে এসে বসুন, আমি লোক ডেকে পাঠাচ্ছি। যা যা ফর্মালিটি আছে, আপনাকে দরকার হবে’।

বুড়ো ওখানেই দাঁড়িয়ে রইল। নড়ল না। ডাক্তার রিজভি এবার জোর করলেন। বুড়োকে হাত ধরে নিজের চেম্বারে এনে বসালেন।

বুড়ো ভাঙা গলায় বলল, ‘আমার এখানে থাকাটা আপনার জন্য নিরাপদ হবে না ডাক্তারবাবু’।

রিজভি বললেন, ‘আপনি থাকুন। একজন পেশেন্টের পরিবারের লোক এখানে থাকতেই পারে। আমি ভয় পাই না’।

বুড়ো বলল, ‘আমি অনেক করে বলেছিলাম এভাবে হয় না। আল মাসুদের ছেলেদের সঙ্গে এভাবে পারা যায় না। পারল না…’

বুড়ো কাঁদতে শুরু করল।

রিজভি বসে রইলেন। বুড়ো একটু শান্ত হলে বললেন, ‘আল মাসুদ জানে, এত কিছু হয়েছে?’

বুড়ো বলল, ‘জানি না’।

হাসপাতালের লোক এসে বুড়োকে সইসাবুদ করাতে শুরু করল। বুড়ো কেঁদে যাচ্ছে নিঃশব্দে। তার মধ্যেই সইসাবুদ করা শুরু করল।

রিজভি শ্বাস ছাড়লেন, ফোন বের করে মেসেজ করলেন, ‘ইয়ং স্টার নো মোর’।

উত্তরে জিজ্ঞাসাচিহ্ন এল।

রিজভি সংক্ষেপে জানালেন।

উত্তর এল, ‘what a coincidence! আপনাকে আমি এখনই মেসেজ করতে যাচ্ছিলাম। আজ বিকেলে আপনার বোন আর তার মেয়ে ইসলামাবাদ থেকে গাড়িতে আসবে আপনার কাছে। টেক কেয়ার অফ দেম!’

রিজভি অবাক হলেন, লিখলেন ‘এখন জানাচ্ছেন? এ কী!’

‘সময় হয়ে এসেছে। আর কিছু করার নেই’।

‘ওকে। আমি দেখছি’।

‘গুড। পরে কথা হবে’।

ফোন রাখলেন রিজভি। মাথাটা কাজ করছে না এই মুহূর্তে। বুড়োর নাতির মুখটা দেখার পর থেকে পৃথিবীটা বিস্বাদ লাগতে শুরু করেছে।

কিছুক্ষণ পর সইসাবুদ শেষ হলে হাসপাতালের লোক চলে গেল। বুড়ো বলল, ‘আমার আর বেঁচে থাকার কোনও মানে নেই ডাক্তারবাবু’।

ডাক্তার রিজভি বললেন, ‘এভাবে বলবেন না’।

কিছুক্ষণ চুপ করে বসে রইলেন দু’জনে। একটা সময় বুড়ো উঠে দাঁড়াল, ‘আমি আসি। আমার কাজ হয়ে গেছে’।

ডাক্তার বললেন, ‘এমন কিছু করবেন না, যাতে ও সতর্ক হয়ে যায়’।

বুড়ো বলল, ‘আমি এখানে থাকলে ওরা খবর পেয়ে যাবে। আমি যাই’।

ডাক্তার মাথা নাড়লেন। বুড়ো ধীর পায়ে তার সামনে থেকে চলে গেল। ডাক্তার নিজের মনে বিড়বিড় করতে শুরু করলেন, ‘এভাবে মেরে ফেলবে ওরা? এত ক্ষমতা?’

হাসপাতালের বাইরে থেকে হই হই শব্দ আসা শুরু হল। ডাক্তার রিজভি সঙ্গে সঙ্গে এমারজেন্সির দিকে রওনা দিলেন। দরজার কাছে পৌঁছে দেখলেন, আল মাসুদের লোকেরা এসে হাজির হয়েছে। সাগিরের নাতির লাশের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে। সাগির ধারেকাছে নেই।

রিজভি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে এমারজেন্সিতে প্রবেশ করলেন। লোকগুলো তাকে দেখামাত্র ছুটে এল, ‘এই পেশেন্টের বাড়ির লোক কোথায়?’

ডাক্তার রিজভির হৃদস্পন্দন বেড়ে গেল। সাগির বুড়োকে আশে পাশে দেখা যাচ্ছে না। সে বলল, ‘কাছাকাছিই থাকবে। পুলিশ ডাকা হয়েছে। ছেলেটিকে কেউ মেরে দিয়েছে’।

মরে গেছে শুনে আল মাসুদের লোকেরা আনন্দ করতে শুরু করল। শূন্যে গুলি চালাবার মতো করে এমারজেন্সির ভেতরেই ছাদ লক্ষ্য করে গুলি চালাতে যাচ্ছিল। রিজভি রে রে করে উঠলেন বলে বাইরে বেরিয়ে গেল।

নার্সসহ হাসপাতালের লোকেরা ভয়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আল মাসুদের দলের লোকেরা বেরিয়ে যাওয়ায় সবার ধড়ে প্রাণ এল।

বুড়োকে খুঁজতে শুরু করলেন রিজভি। বুড়োকে পাওয়া গেল না। রিজভি হসপিটাল ইনচার্জকে বললেন, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন। সাগির বুড়োর নাতির উপর তার অনেকখানি ভরসা ছিল। ছেলেটা এভাবে অকালে চলে গেল…

বাইরে থেকে গোলাগুলির শব্দ আসতে শুরু করেছে। রিজভি তড়িঘড়ি ব্যালকনিতে গিয়ে দেখলেন সাগির বুড়োর লাশ রাস্তায় পড়ে আছে। আল মাসুদের দলের একটা ছেলে হাঁটু গেড়ে বসে আছে, তার বুকের কাছ থেকে রক্ত পড়ছে। রিজভি আরেকবার বুড়োর দিকে তাকালেন। হ্যাঁ, বুড়োর হাতেও একটা রিভলভার ছিল। যাবার আগে শত্রুপক্ষের একজনকে অন্তত মারতে পেরেছে বুড়ো। রিজভির চোখ অশ্রুসজল হয়ে উঠল।

নিজের মনেই বললেন, ‘ভালো থেকো সাগির বুড়ো, ভালো থেকো কমরেড’…।

৬৪

রফিক বিরক্তমুখে ছবিটা দেখছিল। আকবরকে বলল, ‘আমি বলেছিলাম আর্মির কেউ যেন আসগর আলির জানাজায় না যায়। কেউ কথা শোনে না’।

আকবর বলল, ‘জনাব, ওদের ডেকে নেওয়া হয়েছিল। মুজফফরাবাদে এদের কথা না শুনে কি কোনও উপায় আছে? আর্মির লোককেই নইলে শহিদ করে দেবে’।

রফিক ফোন রেখে বলল, ‘একদম বাজে কথা এগুলো। কেউ শহিদ করবে না। ডরপোক সব। তুমি বিবৃতি তৈরি করো। ইন্ডিয়ান মিডিয়া একটা ফটোশপড এ আই জেনারেটেড ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। সেটার বিরোধিতা করে বানাও। পি এম যত তাড়াতাড়ি সম্ভব বিবৃতি দেবে’।

আকবর বলল, ‘জি জনাব’।

বরকত রফিকের দরজায় নক করল।

রফিক বলল, ‘কী হল?’

বরকত বলল, ‘জনাব, ফয়সলাবাদের একটা আপডেট আছে। আল মাসুদ রিলেটেড’।

রফিক বলল, ‘বলো, কী হয়েছে?’

বরকত জানাল।

রফিক বলল, ‘সাগির… ওই ছোটখাটো বিদ্রোহীদের দল বানিয়েছিল যে?’

আকবর বলল, ‘জি জনাব’।

রফিক খুশি হল, ‘তাহলে তো ভালোই হল। ফয়সলাবাদ নিয়ে আল মাসুদের আর কোনও চিন্তাই রইল না। প্রথমে রুহান এবং আজ সাগির’।

আকবর বলল, ‘জি জনাব’।

রফিক আকবরকে বলল, ‘তুমি বিবৃতিটা এখনই বানিয়ে আমাকে মেইল করো। আমি পি এমের কাছে যাচ্ছি। দেরি কোরো না’।

রফিক অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠল। পি এম অফিসে ফোন করে জানাতে বলে দিল, সে এখনই পি এমের সঙ্গে দেখা করবে।

ইসলামাবাদের রেড জোনে প্রধানমন্ত্রীর দফতর। একদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট এবং ন্যাশনাল লাইব্রেরির মাঝখানে সেক্রেটারিয়েট অফিস। হাই সিকিউরিটি জোনে ঢোকার আগে পরপর তিনটে সিকিউরিটি গেট পেরোতে হয়। রফিকের গাড়ি দেখামাত্র পরপর গেটগুলো খুলে গেল।

সেক্রেটারিয়েটে পৌঁছনোমাত্র কাউকে কিছু জিগ্যেস না করে রফিক সরাসরি পি এমের চেম্বারে ঢুকে গেল।

শাহবাজ তাকে দেখামাত্র বলে উঠলেন, ‘ফোন পেয়েছি আপনার অফিস থেকে। আমি এখনই পি আর ও-কে জানাতে বলে দিয়েছি। ভিডিও ব্রডকাস্ট করে দেওয়া হোক আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে। সেটাই ঠিক হবে তো?’

রফিক বলল, ‘জি, যত তাড়াতাড়ি সম্ভব। তবে আপনাকে আমি ধন্যবাদ জানাতে এলাম’।

শাহবাজ বললেন, ‘কী ব্যাপারে?’

রফিক বলল, ‘আপনি সেদিন আমাদের দেশে র-এর ইনভলভমেন্ট নিয়ে প্রশ্ন তুললেন। আমি আমাদের লোকেদের সিকিউরিটি বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছি’।

শাহবাজ অবাক হলেন, ‘মানে? এদের খুনে সত্যি সত্যি ইন্ডিয়া যুক্ত আছে নাকি? সরাসরি বলুন রফিক সাহাব, দরকারে আমি প্রেসে এটা নিয়েও বিবৃতি দেব’।

রফিক বলল, ‘সেটা দেওয়া ঠিক হবে না জনাব। ইন্ডিয়া আমাদের দেশে এসে আসগর আলিকে মেরে দিয়ে গেছে, এটা আমরাই যদি বলি, তাহলে কোথাও আমাদের মুখ থাকবে না’।

শাহবাজ বললেন, ‘আপনার কাছে কি প্রমাণ আছে?’

রফিক বলল, ‘না। এখনও অবধি নেই। কিন্তু আমরা সতর্ক। প্রমাণ পেলেই ব্যবস্থা নেব’।

শাহবাজ বললেন, ‘কী ব্যবস্থা নেবেন? শেষ কবে ইন্ডিয়াতে একটা ঠিকঠাক হামলা করতে পেরেছি আমরা? একটা জনবহুল দেশ, কোনও একটা স্টেশনে দু’চারটে ব্লাস্ট করতে পারছি না? এতগুলো সংগঠনকে কী করতে পুষে রেখে দিয়েছি?’

রফিক চমৎকৃত হল, ‘জনাব, আপনি আজকাল দেশ নিয়ে অনেক কিছু ভাবছেন’।

শাহবাজ বললেন, ‘ভাবব না? আমি মনে করি ইন্ডিয়াকে চাপে রাখা দরকার’।

রফিক বলল, ‘আমরা চেষ্টা করছি জনাব। চাপে রাখার কাজ আমরা খুব ভালো করে করি। উই আর ডুইং আওয়ার বেস্ট। তবে আরও ফান্ডের ব্যবস্থা হলে ভালো হয়’।

শাহবাজ বললেন, ‘আমি কয়েকটা দেশের সঙ্গে কথা বলছি। আমাদের আলোচনা চলছে। ফান্ডের সমস্যা বেশিদিন থাকবে না’।

রফিক খুশি হল, ‘শুকরিয়া জনাব। আবু ইব্রাহিমকে কিছু ফান্ড পাঠানোর ব্যবস্থা করতে হবে’।

শাহবাজ বললেন, ‘আবু ইব্রাহিম? ইজ সামথিং কুকিং?’

রফিক উত্তর না দিয়ে শুধু হাসল…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *