ব্লু উইংস – ৭৫

৭৫

মুলতান। রাত সাড়ে এগারোটা।

‘আজহার ফিরেছে। কোথায় গেছিল কে জানে! এবার কী করব আপা?’

মিজান ফোন করেছে। নুসরত ঘুপচি ঘরে ঘুমিয়ে পড়েছিল। মিজানের ফোনে ঘুম ভেঙেছে তার। ফোন ধরেই মিজান উত্তেজিত কণ্ঠে তাকে আজহারের খবর জানান দিল।

নুসরত বলল, ‘জনাব। একাই ঢুকল?’

‘জি আপা’।

‘ঠিক আছে। কাল সকালে দেখা হবে’।

ফোন কেটে দিয়ে মেসেজ করল সে, ‘আজহার ফিরেছে’।

সঙ্গে সঙ্গে উত্তর এল, ‘ওকে। নজর রাখো’।

‘আর?’

‘আর কিছু না’।

নুসরত আর মেসেজ করল না। ভালো লাগে না মুলতানে থাকতে। পুরোনো শহর, অসভ্যদেরও। নাদিমদের মতো অনেকেই আছে, রাস্তাঘাটে বেরোলেই প্রায় গায়ে উঠে আসে।

শ্বাস ছেড়ে চোখ বুজল সে।

প্রায় ঘুম চলে এসেছিল, এমন সময় মেসেজ টোন এল। সে ফোন দেখল, লেখা আছে, ‘মিজানকে বলো আজহারের প্রতিদিনের রুটিন বের করতে। কী করে, কোথায় যায়, সব। শুক্রবারের জন্য বসে থাকতে হবে না। ডেইলি রুটিন লগ বানাক’।

‘ওকে’।

রিপ্লাই করে ফোন রাখল। মিজানকে মেসেজটা ফরোয়ার্ড করতে গিয়ে থমকে গেল। মিজান সামনাসামনি হলে তখন বলা যাবে। ঘুমটা ভেঙে গেছে। উঠে গিয়ে জানলার কাছে বসল। বাজারে এখন লোক নেই বললেই চলে। দু’চারটে দোকান খোলা আছে, তবে খদ্দের নেই। সেদিনের পরে নাদিম আর বিরক্ত করেনি। চোখ তুলেও তাকায়নি। তবু নুসরতের মনে একটা অস্বস্তি কাজ করে। মনে হয় নাদিম ঠিক শোধ নেবে। কী করে নেবে, তা বোঝা যাচ্ছে না।

গাড়ির শব্দ পাওয়া গেল। এত রাতে বাজারের এদিকে পিক আপ ভ্যান ছাড়া কিছু আসার কথা না। অথচ এ গাড়িটার শব্দ বলছে এটা পিক আপ গাড়ি না। কৌতূহলী হয়ে কয়েক সেকেন্ড অপেক্ষার পরই দেখা গেল একটা নতুন এস ইউ ভি এসে দাঁড়াল। ড্রাইভিং সিট থেকে এক মাঝবয়েসি লোক নামল।

নুসরত ফোনের ক্যামেরায় জুম করে লোকটার মুখ দেখে অবাক হল। ইউসুফ আজহারের ভাই, দৌলত আজহার। আরশাদ ভাইয়ের ইলেক্ট্রনিক্সের দোকান তখনও খোলা ছিল। বেশ বড় দোকান। এ চত্বরের নামকরা দোকানও বটে। দৌলত আরশাদভাইকে ডেকে কথা বলছে।

নুসরত বোরখা পরে নিল। দৌলত যদি অন্য কোনও কাজে কোনও গলিতে ঢোকে তাহলে অন্ধকারের আড়ালে পিছু নেবার সুযোগ থাকলে তা হাতছাড়া করা যাবে না।

ইউসুফ আজহারের চেহারা প্রোফেসরের মতো, চশমা পরে থাকে, সৌম্য ভদ্র চেহারা। দৌলতের চেহারাও তাই। নাদিমকে দেখতে পেল নুসরত। উঁকি মেরে দৌলতের গাড়ির ভিতর দেখতে চেষ্টা করছে। গাড়ির কাচ নামানো আছে। নাদিমের বরাবর হাতটানের স্বভাব আছে। কেউ কিছু বোঝার আগেই বাজারের চারদিকে দেখে নিয়ে গাড়ির ভেতর হাত ঢুকিয়ে একটা মোবাইল বের করে পকেটে ঢুকিয়ে নিয়ে নাদিম তার দোকানের পাশের অন্ধকার গলিতে ঢুকে গেল। নুসরত আরেকটু হলে চিৎকার করে উঠত। অনেক কষ্টে নিজেকে সামলাল। দৌলত কিছু বুঝতে পারেনি, অথবা ভাবতেও পারেনি কেউ তার ফোন চুরি করতে পারে।

নুসরত কিছু না ভেবে সঙ্গে সঙ্গে বেরোল। দোতলার সিঁড়ি ভেঙে নীচে নামতেই দেখতে পেল নাদিম হনহন করে এগিয়ে যাচ্ছে।

সে গলার স্বর নরম করে ডাকল, ‘নাদিমভাই’।

নাদিম চমকে উঠে দাঁড়িয়ে গেল।

নুসরত বলল, ‘এত রাতে কোথায় যাচ্ছেন?’

নাদিম হাঁফাচ্ছিল, বলল, ‘কাজ আছে’।

নুসরত এগিয়ে গিয়ে নাদিমের হাতে হাত রাখল, ‘সেদিনের ঘটনায় রাগ করেছেন?’

নাদিম বিহ্বল হয়ে গেল। বুঝতে পারছে না কী বলবে। নুসরত অবশ্য বেশি ভাবতে দিল না তাকে। নাদিমের বুক বরাবর আঙুল চালাল সে। নাদিম উলটে পড়ে গেল। নুসরত ঝাঁপিয়ে পড়ে নাদিমের শরীরের উপরে উঠে গলা বরাবর ছুরি চালিয়ে দিল। নাদিম চিৎকার করার সুযোগটুকু পেল না। শরীরটা কাটা পাঁঠার মতো ছটফট করতে শুরু করল। নুসরত শান্তভাবে পরপর ছুরি চালিয়ে নাদিমকে একবারে শান্ত করে দিল।

নাদিমের পকেট হাতড়ে ফোনটা বের করে নিয়ে নুসরত আবার সিঁড়ি ভেঙে দোতলার ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিল। দৌলতের ফোনটা সুইচ অফ করে দিল। রক্তে ভিজে গেছে সে। দ্রুত জামাকাপড় পালটে বোরখা পরে নিল। দৌলত টিভি কিনছে। আরশাদভাই দোকান থেকে টিভি বের করে গাড়িতে তুলে দিলে দৌলত গাড়িতে উঠে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল।

নুসরত স্বস্তির শ্বাস ছাড়ল। দৌলত যে ফোন হারিয়েছে, তা সে যেকোনও সময় বুঝে যাবে।

নুসরত ফোনের সিম বের করে ফেলল। পুরোনো মডেলের ফোন। মেমোরি কার্ডও আছে। নুসরত নিজের ফোনে মেমোরি কার্ডটা ঢোকাল। মিজানকে ফোন করে বলল, ‘এখনই এসো। পেছনের গলিতে আসবে। কানা গলির পরের গলিটায়। আমি এখনই এই জায়গা ছাড়ব’।

মিজান অবাক হল, ‘এত রাতে?’

নুসরত বিরক্ত গলায় বলল, ‘এত বোঝাতে পারব না। শিগগিরি এসো। বেরোচ্ছি’।

দ্রুত হাতে ব্যাগ গুছিয়ে বেরোল। বন্ধ দোকানের অন্ধকারে মিশে হাঁটতে শুরু করল।

আরশাদের দোকানের ছেলেটা শাটার নামাচ্ছে।

হঠাৎ করে নুসরতের হাত পা কাঁপতে শুরু করল।

অনেকদিন পর একটা মুখ মনে পড়ে গেল তার। একটা ভয়ঙ্কর লোকের মুখ…।

৭৬

অমল ফিরল রাত তিনটে নাগাদ। রাণা ঘুমিয়ে পড়েছিল। অমল এসে রাণাকে ঠেলে তুলে বলল, ‘বিরিয়ানি খাবে?’

রাণা ধড়মড় করে উঠে বসল, ‘ক’টা বাজে?’

অমল বলল, ‘তিনটে। না খেয়েই তো শুয়েছিলে?’

রাণা বলল, ‘তুমি যাবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলাম’।

অমল অবাক কণ্ঠে বলল, ‘তারপর থেকে টানা ঘুমাচ্ছ? তোমারই হবে। খেয়ে নাও’।

অমল মোমবাতি জ্বালল। বিরিয়ানির প্যাকেট খুলে দু’জনে খেতে শুরু করল।

রাণা বলল, ‘এতক্ষণ কোথায় ছিলে?’

অমল হাসল, ‘বিরিয়ানি খুঁজছিলাম। ইসলামাবাদের সেরা বিরিয়ানি কোথায় পাওয়া যায়, সেটাই খুঁজছিলাম’।

রাণা বলল, ‘বিরিয়ানি তো ভালোই, কিন্তু কলকাতার মতো না’।

অমল বলল, ‘এখানে আর কলকাতার খাবার কী করে পাবে? অত আশা করে কেউ? এখানকার খাবারে মাংসের পার্টটা বেশি থাকে। এরা চূড়ান্ত মাংসাশী’।

রাণা বলল, ‘তুমি কাউকেই পেলে না পুরোনো বন্ধু? কথাটা ঘুরিয়ে দিচ্ছ কেন? এসব করো বলেই শেখাওয়াত তোমাকে সন্দেহ করেছিল’।

অমল হো হো করে হেসে উঠল, ‘তা ঠিক। অবশ্য সন্দেহ করার মতোই ব্যাপার। এতক্ষণ ছিলাম না যখন’।

রাণা বলল, ‘তাহলে? বলা যাবে না? খুব সিক্রেট?’

অমল বলল, ‘না, সিক্রেটের কিছু না। এক ভদ্রলোক… না না ভদ্রলোক বলা ঠিক হবে না, মানুষের মতো দেখতে একটা পশুর পুরোনো বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। ইসলামাবাদে না। রাওয়ালপিন্ডিতে। আমি যখন এর আগে ইসলামাবাদে ছিলাম, তখন ওই বাড়ির সামনে বহুদিন বুট পালিশ নিয়ে বসেছি’।

রাণা খাওয়া থামিয়ে দিল, ‘ওরে বাওয়া! রাওয়ালপিন্ডি চলে গেছিলে? দিল্লি জানে?’

অমল বলল, ‘জানিয়েছি। খুব বকাবকি করেছে। কিন্তু রাওয়ালপিন্ডি না গেলে আমি খোঁজটা নিতে পারতাম না। এককালে আসগর আলি থাকত। পরে আর যায়নি। ওর সতেরো আঠারোটা বিয়ে। তিন বা চার নম্বর কেউ একটা ওই বাড়িতে থাকে এখন। ছেলেগুলোর বাজারে দোকান আছে। কত সুন্দর আমাদের ওখানের চাকরিজীবীদের মতো। নিজেরা রিটায়ার করল, কারও হয়তো ছেলেরা নিজের পায়ে দাঁড়াল না, তাদের দোকান খুলে দিল। এরাও সেটাই করে’।

রাণা হতাশ হল, ‘ধুস, ওটাকে তো খরচা করে দেওয়া হয়েছে। ওর জন্য আবার এত ঝুঁকি নেবার কী দরকার ছিল?’

অমল বলল, ‘কৌতূহল। কিছু দরকার ছিল না’।

রাণা মুরগির ঠ্যাঙে কামড় বসাল। খিদে পেয়েছিল আগে বুঝতে পারেনি। অমলের কথা শুনে সে বলল, ‘ঠিক আছে, কিছু আছে, তুমি বলতে চাইছ না, আমারও শোনার দরকার নেই। শুধু বলো এভাবে আর ক’দিন?’

অমল বলল, ‘আর দশ মিনিট। বা তোমার খেতে যতক্ষণ লাগবে’!

রাণা খাওয়া থামিয়ে দিয়ে বলল, ‘মানে?’

অমল বলল, ‘টিম ওয়ান আসছে আমাদের তুলতে। এখানে আর থাকতে হবে না’।

রাণা বলল, ‘টিম ওয়ান? কে আছে ওতে?’

অমল বলল, ‘আমাদেরই লোকজন’।

রাণা বলল, ‘বিশ্বস্ত?’

অমল বলল, ‘হ্যাঁ’।

রাণা চুপ করে বিরিয়ানি শেষ করল। জলের বোতল থেকে জল নিয়ে হাত ধুয়ে বলল, ‘এই বাড়িটার উপরেও মায়া পড়ে গেছিল মাইরি’।

অমল বলল, ‘হ্যাঁ, আমারও। যারা নিরাপদ আশ্রয় দেয়, তাদের উপর মায়া পড়াটাই স্বাভাবিক’।

তৈরি হয়ে নিয়ে বেরোতে আর মিনিট দশেক লাগল তাদের।

এমনিতেই জায়গাটা নির্জন। আলগা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। রাণা বলল, ‘ধুস, কেন যে এসব প্ল্যান করো। পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, সেটাই ভালো ছিল’।

অমল বলল, ‘যে ঘুমিয়ে থাকে, তার ভাগ্যও ঘুমিয়ে থাকে’।

রাণা বলল, ‘ধুস। ভাগ্য জেগে থেকে কী হবে? তাও যদি আরেকটা ধেড়েকে ধরতে পারতাম’!

রাস্তার মোড়ে পৌঁছে অমল ফোন করতেই একটা গাড়ি এসে দাঁড়াল তাদের সামনে। দরজা খুলে দিয়ে সায়ক বলল, ‘তাড়াতাড়ি’।

দু’জনে উঠে পড়ল। অমল বলল, ‘অবশেষে তোর সঙ্গে দেখা হল। কিন্তু এখন ইসলামাবাদে ঢুকলে শিওর পুলিশ চেকিং হবে।’

সায়ক বলল, ‘না না, এখন আমরা ইসলামাবাদে যাব না। বেরিয়ে যাব এখন’।

অমল বলল, ‘ওকে’।

সায়ক ইসলামাবাদ-মুজফফরাবাদ এক্সপ্রেসওয়েতে উঠল। অমল শিস দিল, ‘একবারে লস্করের ডেরায় নিয়ে গিয়ে তুলবি নাকি?’

সায়ক হো-হো করে হেসে উঠল, ‘না। আমরা ওয়েটিং রুমে যাচ্ছি এখন। ওয়েট টিল ফারদার অর্ডার’।

রাণা বলল, ‘ঘুমাতে পারব তো? আমার হেবি ঘুম পেয়েছে’।

সায়ক বলল, ‘ঘুমাও। আমি তুলে দেব’।

রাণা গাড়ির পেছনের সিটে পা তুলে ঘুমিয়ে পড়ল।

৭৭

ইসলামাবাদ। আই এস আই হেড কোয়ার্টার।

সন্ধে সাতটা।

রফিকের সামনে আকবর এবং বরকত বসে আছে। রফিকের মুখ থমথমে।

বরকত আবার আমানকে ফোন করে স্পিকারে দিল। ফোন সুইচড অফ বলছে।

রফিক বলল, ‘আমান আবু ইব্রাহিমের সাপোর্ট পাচ্ছে’।

বরকত বলল, ‘রহমানেরও। এর মানে হল লতিফ যে বিগ অ্যাপার্টমেন্টের কথা আমাদের বলেছিল, সেখানে আমান এমন কিছু করেছে…’

রফিক বলল, ‘বিগ অ্যাপার্টমেন্টে মাহি বালোচকে রেখেছিল। সেটা আমরা জানি। কিন্তু তারপরে মাহি বালোচকে আমান আবু ইব্রাহিমের সেক্স স্লেভ বানাতে চাইছে। আমাদের হাতে এখন একটা অপশন আছে…’

রফিকের কথা শেষ হবার আগেই বরকতের ফোন বাজতে শুরু করল। বরকত দেখল, আমান ফোন করছে। সে ফোন স্পিকারে দিল। আমান ফোন ধরে বলল, ‘এসে গেছি। রফিক সাহেব চেম্বারে আছেন?’

বরকত বলল, ‘জি, আমরা ওর চেম্বারেই আছি, চলে আয়’।

‘ওকে’।

ফোন কেটে গেল। রফিক বলল, ‘আমরা যে কথাগুলো বলছিলাম, আমানের সামনে সেগুলো কেউ কিছু বলবে না, কিছু বলার থাকলে আমি বলব’।

দুজনেই একসঙ্গে বলল, ‘জি জনাব’।

মিনিট তিনেকের মধ্যে আমান দরজা নক করল। রফিক বলল, ‘এসো’।

আমান চেম্বারে ঢুকে সালাম দিল। রফিক বলল, ‘বসো’।

আমান বসে বলল, ‘এয়ারপোর্ট হয়ে এলাম জনাব। এই জন্য দেরি হয়ে গেল’।

রফিক বলল, ‘এয়ারপোর্ট? কেন?’

আমান বলল, ‘শুনলে আপনি খুশি হয়ে যাবেন। আবু ইব্রাহিম ইন্ডিয়াতে একটা ক্যুরিয়র পাঠালেন।

বালাকোটের মাদ্রাসায় অতি যত্ন করে তৈরি করা ক্যুরিয়র জনাব। এবার খুব তাড়াতাড়ি আমরা একটা সুখবর পাব ইনশাল্লাহ’।

রফিক বলল, ‘বাঃ, খুশি হবার মতোই খবর। কিন্তু আবু ইব্রাহিম আমায় কিছুই বলেননি। সবটাই নিজে করে ফেললেন। ছেলেটাকে কোন রুটে পাঠানো হল?’

আমান বলল, ‘কাঠমান্ডু পৌঁছবে আগে। ওখান থেকে বাসে ইন্ডিয়া ঢুকবে। সময় লাগবে, কিন্তু ঢুকে যাবে জনাব’।

রফিক বলল, ‘গুড। এবার বলো, মাহি বালোচের বিষয়ে তোমার কী বক্তব্য?’

আমান বলল, ‘আবু ইব্রাহিম ওকে পথ দেখিয়েছে জনাব। একটু আগে থেকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে ওর… দেখুন’।

ফোন বের করে রফিকের দিকে এগিয়ে দিল আমান। মাহি বলছেন, আবু ইব্রাহিম তাকে পথ দেখিয়েছেন। বাকি জীবনটা আবু ইব্রাহিমের দেখানো পথেই চলতে চান।

রফিক বলল, ‘গুড। এটা আরেকটা নিউ ডেভেলপমেন্ট। এগুলোর সম্পর্কে তোমার আমাকে কিছুই জানাবার ছিল না?’

আমান বলল, ‘আমি আপনাকে খুব শিগগিরি জানিয়ে দিতাম জনাব। সবকিছু এত তাড়াতাড়ি ঘটছে। রহমান সাহেবই আমাকে বললেন আবু ইব্রাহিমের জন্য মাহিকে পাঠাতে হবে। আমি তখন আর কিছু না ভেবেই ওকে নিয়ে খাইবার পাখতুনখোয়া চলে গেলাম। আমি জানি এগুলো জানলে আপনি খুশিই হবেন। আবু ইব্রাহিম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসেট’।

রফিক বলল, ‘তোমার এই কাজগুলোর জবাবদিহি আমাকে করতে হবে আমান। মিডিয়া যখন জানতে চাইবে মাহি বালোচকে কেন স্টেট অফ পাকিস্তান লুকিয়ে রেখেছে, কেন ডিরেক্ট প্রেস কনফারেন্স হচ্ছে না, শুধু মাঝে মাঝে ভিডিও রিলিজ হচ্ছে এবং প্রতিটা ভিডিও রিলিজে মাহি বালোচের চেহারা দেখে তাকে অসুস্থ মনে হচ্ছে, তখন সেই সব প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আবু ইব্রাহিমের ব্যাপারে গোটা পৃথিবীর মিডিয়া প্রশ্ন তোলা শুরু করলে আমাকেই বুঝতে হবে, তাই না?’

বরকতের ফোন বাজতে শুরু করল। নাম্বারটা দেখে একটু চমকে উঠে বরকত ফোনটা রফিকের দিকে এগিয়ে দিল। রফিক ফোন ধরতেই ওপার থেকে আবু ইব্রাহিমের গলা ভেসে এল, ‘শুনলাম, জনাব আমানকে ডেকে পাঠিয়েছেন। কারণটা জানতে পারি?’

রফিক বলল, ‘জি জনাব। মাহি বালোচের ব্যাপারে আমার আপডেট নেবার দরকার ছিল। আপনি তো আমাকে কিছুই বলবেন না। আই এস আই এর একজন অফিসার হিসেবে অন্তত আমান আমাকে বলবে, এটুকু আশা তো আমি করতেই পারি’।

আবু ইব্রাহিম বলল, ‘কেন? আপনিই তো বলেছিলেন অ্যাবোটাবাদে কোনও মহিলা নেই। আমি ভাবলাম মাহি বালোচ দেশের জন্য কাজ করুক। আমি ওকে অ্যাবোটাবাদের ক্যাম্পে আমার সঙ্গে রাখব ঠিক করেছি। আজকে ইসলামাবাদেও নিয়ে এসেছি’।

রফিক বলল, ‘এর মধ্যে মাহি বালোচকে নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে জনাব। আমার মনে হয়, আপনি যে কাজটা করতে চাইছেন, সেটা আরেকবার ভেবে দেখুন…’।

আবু ইব্রাহিম কথা শেষ হবার আগেই ফোন কেটে দিল।

৭৮

ভোর তিনটে।

তুষার তাড়াতাড়ি ঘুমিয়েছিলেন। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল তার। ফোন ধরতেই ওপাশ থেকে পীযূষের উত্তেজিত গলা ভেসে এল, ‘সরি স্যার, ঘুম ভাঙিয়ে দিলাম’।

তুষার বললেন, ‘তুমি তো এমনি এমনি ঘুম ভাঙাবে না। যেটার জন্য এত উত্তেজিত হয়েছ, সেটা বলো, কী হল হঠাৎ?’

পীযূষ বললেন, ‘স্যার, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি আর ভিডিও এসেছে মুলতান থেকে। আমি এইমাত্র পেলাম। এগুলো দেখে আপনাকে না জাগিয়ে উপায় ছিল না’।

তুষার বললেন, ‘পাঠাও। দেখি’।

পীযূষ বললেন, ‘পাঠিয়ে দিয়েছি স্যার’।

তুষার ট্যাব বের করলেন, একটা বাড়িতে ইউসুফ আজহারের সঙ্গে পলাতক দু’জন আইসিস নেতার মিটিং চলছে। বেশ কয়েকটা ছবি আছে শুধু এই বিষয়ক। এ ছাড়াও রফিক আহমেদের সঙ্গে ইউসুফ আজহারের বসে খাওয়ার ছবি আছে, ইউসুফ আজহার একটা পার্টিতে বলিউডি কায়দায় মাথায় মদের গ্লাস নিয়ে নাচছে, তার ভিডিও আছে।

তুষার পীযূষকে সঙ্গে সঙ্গে ফোন করলেন। পীযূষ ধরতেই তুষার বললেন, ‘এ তো পাকিস্তানে আরেকটা কে জি এফ আবিষ্কার করে ফেলেছে দেখছি। কিন্তু এত ঘনিষ্ঠ তো কেউ যায়নি। ছবি আর ভিডিওগুলো পেল কী করে?’

পীযূষ বললেন, ‘কিচ্ছু জানি না স্যার। ইউসুফ আজহারের বাড়ির ভেতরের ছবি, কাশ্মীরে ওদের ক্যাম্পের ছবি একটার পর একটা আসছে। এ ছবিগুলোই স্যার এক একটা বোম’।

তুষার বললেন, ‘কী করে পেল কে জানে। ওরা আবার ওর বাড়ির ভেতরে ঢোকেনি তো?’

পীযূষ বললেন, ‘নো ক্লু স্যার। একটা হতে পারে, ফোনটাই হাতিয়ে নিয়েছে’।

তুষার বললেন, ‘তাই হয়েছে। আর সেটা হলে পর্বত প্রমাণ কাজ হয়েছে বলা যায়। এজেন্ট সুস্থ আছে তো?’

পীযূষ বললেন, ‘নো কোড রেড টিল নাও স্যার। ঠিকই আছে। লোকেশন চেঞ্জ করছে সম্ভবত’।

তুষার বললেন, ‘ওকে। আমি চিফের সঙ্গে কথা বলছি। আর পারলে জেগেই থাকো, আজ রাতে মনে হয় আর ঘুম হবে না’।

পীযূষ হাসলেন, ‘আমার এমনিই ঘুম হবে না স্যার। আরও জিনিস আসবে মনে হচ্ছে। আমি ওয়েট করছি’।

তুষারও হাসলেন, ‘ওকে। কিপ মি আপডেটেড’।

‘শিওর স্যার’।

পীযূসের ফোন কেটে তুষার চিফকে ফোন করলেন। দু’বারের বেশি রিং হল না, চিফ ফোন ধরে বললেন, ‘মেইল পেয়েছি। পীযূষ পাঠিয়েছে। প্ল্যান বলো। এগুলো নিয়ে কী করবে’!

তুষার বললেন, ‘মিডিয়া সার্কুলেশন করলে এজেন্টদের লাইফের উপর থ্রেট আসবে। ওরা বুঝে যাবে, আমাদের লোক মুলতানে আছে। তাই মিডিয়া সার্কুলেশনের প্রশ্ন নেই’।

চিফ বললেন, ‘প্রশ্নই ওঠে না। আপাতত আর্কাইভ থাকুক। ঠিক সময়ে কাজে লাগানো যাবে। কিন্তু এত কিছু পেল কী করে? তুমি কোনও ইন্সট্রাকশন দিয়েছিলে নাকি, ইউসুফের বাড়ি চুরি ডাকাতি করার জন্য?’

তুষার হো-হো করে হেসে উঠে বললেন, ‘না। এত বড় ঝুঁকি নেবার কথা আমি বলব? পাগল নাকি? ফোন চুরি করেছে বা কোনওভাবে পেয়ে গেছে’।

চিফ বললেন, ‘হোপফুলি ও ঠিক আছে’।

তুষার বললেন, ‘ও ঠিকই থাকবে। শি ইজ এ ফাইটার। ওকে নিয়ে আমি কোনও চিন্তা করি না’।

চিফ বললেন, ‘আমরা ছবিগুলো এখন হজম করে নেব?’

তুষার বললেন, ‘একদম। ঘুমাও এখন। সকালে দেখা করছি। গুড নাইট’।

চিফ গুড নাইট বলে ফোন রেখে দিলেন।

তুষার মন দিয়ে ছবিগুলো দেখতে শুরু করলেন।

শেষ রাতের দিকে ফোন বেজে উঠল তার। ধরতেই ও প্রান্ত থেকে গান ভেসে এল, ‘লাগা চুনরিমে দাগ’।

হাসলেন তুষার, ‘বলো। ওদের নিয়ে গেছ?’

‘ইয়েস স্যার। এবার এখানে একেবারে টিম ইন্ডিয়া তৈরি হচ্ছে’।

‘গুড। এবার ঘুমাও। অতিরিক্ত অ্যাক্টিভিটি দেখানোর দরকার নেই। চাল ডাল আছে তো?’

‘সব ব্যবস্থা করে নিয়েছি স্যার। একদম ভাববেন না’।

‘গুড। এবার আমাকে একটা কথা বলো তো, ইউসুফ আজহারের সঙ্গে রফিক আহমেদের ছবিতে একটা ছেলেকে দেখতে পাচ্ছি। এই ছেলেটা ফ্রান্সে পাকিস্তানের প্রতিনিধি ছিল। আমি ওকে দেখেছি’।

‘আমান। আবু ইব্রাহিমের লবি’।

‘হ্যাঁ, হ্যাঁ, তুমি বলেছিলে। তোমায় একটা ছবি পাঠাব। ওই ছবিটায় যাকে যাকে চিনবে, আমায় পাঠাবে তো’।

‘শিওর স্যার’।

‘এবার ঘুমাও। ওদের দায়িত্ব তোমার, মনে রেখো’।

‘মনে থাকবে স্যার। ভালো থাকবেন’।

‘ভালো থেকো’।

ফোন কেটে তীক্ষ্ণ দৃষ্টিতে আবার ছবিগুলো দেখতে শুরু করলেন তিনি।

৭৯

‘মেয়েটার খোঁজ পেলি?’ দরজা খুলতেই তনবীর প্রশ্ন করল।

তবসসুম মাথা নাড়ল, ‘নাহ। আমি রাবেয়া বেগমের কাছেও গেছিলাম, ওখানেও মেয়েটার কোনও খোঁজ পাইনি’।

‘তাহলে? হাওয়ায় মিলিয়ে গেল নাকি?’ তনবীর সোফায় বসল।

তবসসুম বলল, ‘তোমার কাকে সন্দেহ হচ্ছে? আমাকে তো বিশ্বাস করো। যাকে সন্দেহ হচ্ছে, নাম বলে দাও’।

তনবীর গম্ভীর মুখে মথা নাড়ল, ‘জানি না। কোন শয়তানের বাচ্চা আমার পেছনে লাগতে চাইছে, আমি জানি না’।

তবসসুম নরম গলায় বলল, ‘কিছু খাবে?’

তনবীর বলল, ‘না। আমি ফোন করে আসছি। খবরদার, দরজা ধাক্কাবি না’।

তবসসুম মাথা নাড়ল, ‘আচ্ছা, যা বলবে’।

তনবীর ঘরে ঢুকে দরজা বন্ধ করল। মিনিট পাঁচেক পরে হাসিমুখে বেরিয়ে বলল, ‘ওখানে কয়েকজনকে দাওয়াত দিলাম আজ’।

তবসসুম বলল, ‘কেন?’

তনবীর বলল, ‘এ কী! আকাশ থেকে পড়ছিস দেখছি। শাদির দাওয়াত দেব না? ব্যবসায়ীরা তো অনেকদিন ধরে মাঝে মাঝেই আমাকে বলে তনবীর ভাই আপনি এখানে এত ভালো দোকান দিলেন, দাওয়াত দিলেন না, আমি শেষে অতিষ্ঠ হয়ে দাওয়াত দিয়ে দিয়েছি। পোলাও, গোস্ত রান্নার ব্যবস্থা করা হবে’।

তবসসুম তনবীরকে জড়িয়ে ধরল হঠাৎ করে। তনবীর অবাক হয়ে বলল, ‘কী হল?’

তবসসুম বলল, ‘তুমি আমার জন্য অনেক করেছ। রাস্তার মেয়েকে ঘরে তুলেছ, সম্মানজনক জীবন দিয়েছ, এখন নিকাহ করবে, সবাই আমাকে সম্মানের চোখে দেখে, তুমি না থাকলে কিছুই হতো না’।

তনবীর বলল, ‘তা ঠিক, তুই রাস্তার মেয়ে। পায়ের জুতো। আমি না নিয়ে এলে তুই কোথায় পড়ে থাকতিস, কেউ জানে না। রান্না করেছিস?’

তবসসুম বলল, ‘হ্যাঁ। খাবে?’

তনবীর বলল, ‘দে খিদে পেয়েছে’।

তবসসুম গোস্ত রেঁধেছিল। খান পাঁচেক পরোটা আর গোস্ত দিল।

তনবীর লজ্জিত মুখে বলল, ‘তোকে একটা কথা বলি, রাগ করিস না তবসসুম’।

‘কী?’

‘আমি তোর পেছনে একটা ছেলেকে পাঠিয়েছিলাম। মাঝে মাঝে কাউকে বিশ্বাস হয় না তো। তোকেও হয়নি’।

তবসসুম বলল, ‘আমাকেও বিশ্বাস করো না তুমি?’

তনবীর বলল, ‘আয়, খুব ভালো রান্না করেছিস, আমার সঙ্গে খা’।

তবসসুম অভিমানী কণ্ঠে বলল, ‘না। তুমি খাও। আমার খিদে নেই’।

তনবীর সঙ্গে সঙ্গে এঁটো হাতেই একটানে তবসসুমকে কোলে বসিয়ে ওর মুখে জোর করে খাবার ঠুসে দিল, ‘খা, খা। বিষ দিয়েছিস নাকি, নিজে খেয়ে দেখা আমাকে’।

তবসসুম সামলাতে পারল না। সে প্রথমে বিষম খেল এবং হড়হড় করে বমি করে দিল।

তনবীর সঙ্গে সঙ্গে খাবার ফেলে উঠে দাঁড়িয়ে বলল, ‘বিষ দিয়েছিলি? নির্ঘাত বিষ দিয়েছিলি তুই’।

তবসসুম কেঁদে ফেলল, ‘আল্লাহ কসম, বিশ্বাস করো’।

তনবীর বলল, ‘তাহলে খা। খা এই খাবার’।

তবুসসুম টলটলে পায়ে উঠে দাঁড়িয়ে একটু মাংস খেল।

তনবীর বলল, ‘তার মানে বিষ দিসনি?’

তবসসুম মাথা নাড়ল, ‘না। আমি কেন বিষ দেব?’

তনবীর বলল, ‘হুম্‌। আসলে মাঝে মাঝে বিশ্বাস থাকে না আর কী। তুই যেমন আজকাল বেরোতে শুরু করেছিস, কোথায় না কোথায় যাচ্ছিস, সন্দেহ হয়’।

তবসসুম বলল, ‘ঠিক আছে। একা আর বেরোব না। তোমার সঙ্গেই বেরোব’।

তনবীর মাথা নাড়ল, ‘সেও তো—একা একা থাকিস। এই ফ্ল্যাটে তোর একা থাকতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আরেকজন কেউ এলে ভালো হতো’।

তবসসুম চুপ করে থাকল।

তনবীর ভ্রু কুঁচকে বলল, ‘কী হল? চুপ করে গেলি কেন?’

তবসসুম বলল, ‘কাকে আনার কথা বলছ?’

তনবীর বলল, ‘কাউকে না। কেন? তোর কী মনে হল?’

তবসসুম মাথা নাড়ল, ‘আমার কিছুই মনে হয়নি। খেয়ে নাও। শাহি টুকরা করেছি। তোমার খাওয়া হলে দেব’।

তনবীর খুশি হয়ে হাসল, ‘বহুত খুব। নিয়ে আয়’।

তবসসুম নিয়ে এল।

তনবীর প্লেট দেখে বলল, ‘এরকম ভাসানি সুইটসেও করে। বাঃ, তুই তো ভালো রান্না শিখেছিস। দে’।

তবসসুম বলল, ‘আমি আগে খেয়ে নেব? তোমার তো আমাকে বিশ্বাস হয় না’।

তনবীর আহ্লাদিত কণ্ঠে বলল, ‘না-থাক। দে’।

তবসসুম তনবীরের প্লেটে শাহি টুকরা তুলে দিল। তনবীর একসঙ্গে মাংসের ঝোলে শাহি টুকরা মিশিয়ে একগাদা পরোটা খেয়ে নিল।

খেয়ে উঠে প্লেট সোফায় রেখে উঠতে গিয়ে তনবীরের মাথা ঘুরে গেল। সে বলল, ‘এ কী! এরকম হল কে…’

কথা শেষ হবার আগেই মেঝেতে পড়ে গেল। তবসসুম সামনের ঘরে গিয়ে দরজা খুলল। জায়নাব আর রাবেয়া বেগম ফ্ল্যাটে প্রবেশ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *