ব্লু উইংস – ১১৫

১১৫

রাত একটা।

তুষার স্টাডি রুমের জানলার কাছে দাঁড়িয়ে ছিলেন। কলিং বেল বেজে উঠল। তুষার দরজা খুললেন। চিফ থমথমে মুখে ঘরে ঢুকলেন, ‘কফি বসাও। আমার মাথা কাজ করছে না’।

তুষার বললেন, ‘ফ্লাস্কে রেডি আছে, এসো’।

চিফ স্টাডিতে ঢুকে বসলেন। তুষার বললেন, ‘কী হয়েছে?’

চিফ বললেন, ‘সৈকতকে পাকামি করতে বারণ করা হয়েছিল। সেই পাকামি করা শুরু করেছে’।

তুষার হাসলেন, ‘হুঁ, খবর পেয়েছি। চিন্তা কোরো না, মীরান বালোচের সঙ্গে আছে এখন’।

চিফ বললেন, ‘চিন্তা করব না? সবাই এক্সপোজ হয়ে গেছে। ছবিগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে। ওদের ন্যাশনাল টেলিভিশনে ব্রডকাস্ট হচ্ছে। এখন চিন্তা করব না তো, কবে করব?’

তুষার ফ্লাস্ক থেকে মাগে কফি ঢেলে মাগটা চিফের দিকে এগিয়ে দিলেন, ‘বাঘটা আমরা খাঁচা থেকে ছেড়ে দিয়েছি চিফ, এখন আর কিছুই আমাদের হাতে নেই’।

চিফ কফিতে চুমুক দিলেন, ‘হুঁ, তা ঠিক। তথাগতকে নিয়ে চিন্তায় ছিলাম, এখন সে ব্যাটাও ফিরতে চাইছে না’।

তুষার বললেন, ‘এতদিন পর পারমিশন পেয়েছে! এত অপূর্ব মৃগয়াক্ষেত্র আর কোথায়ই বা পেত? ওই হুসেন একটা রাক্ষস। দিনের পর দিন নিরীহ বালোচদের উপর অত্যাচার করেছে, বিষ খাইয়ে মেরেছে, ওকে বেকায়দায় ফেলার লোভটা সামলাতে পারেনি আর কী’!

চিফ বললেন, ‘মন্ত্রী কাল আমাদের ডেকেছেন। এই লোভ সামলাতে না পারাটার ঝাড় আমাদের উপর দিয়েই যাবে। মাঝরাতে জাফর ফোন করেছেন পি এমকে’।

তুষার অবাক হলেন, ‘পাকিস্তানের মেজর জেনারেল?’

চিফ বললেন, ‘হ্যাঁ, তোমাকে তো সেটাই বলছি। তারপরেই আমার কাছে ফোন এসেছে। আমি বলে দিয়েছি বালোচরা করেছে’।

তুষার বললেন, ‘হ্যাঁ, বালোচরা হুসেনের উপর প্রতিশোধ নিয়েছে। ঠিকই বলেছ’।

চিফ বললেন, ‘সৈকত ইরানে ঢুকে যাক। ওর কোয়েটায় থাকা আমার চিন্তার কারণ হয়ে যাচ্ছে’।

তুষার বললেন, ‘বললাম তো, কেউ কোনও কথা শুনবে না। আমারও তোমাকে আরেকটা খবর দেওয়ার আছে’।

চিফ বললেন ‘আবার কী?’

তুষার বললেন, ‘ওরা আরেকটা মিশনের পারমিশন চাইছে’।

চিফ চমকে উঠলেন, ‘কামাল, তাই না?’

তুষার মাথা নাড়লেন। চিফ বললেন, ‘আমার সিক্সথ সেন্স আজকেই আমাকে জানান দিচ্ছিল! ওরা কামালের কথাটা ভাবতই’।

তুষার বললেন, ‘স্বাভাবিক। ভদ্রলোকের ছদ্মবেশে থাকা প্রকৃত শয়তান হল কামাল। আবু ইব্রাহিম আর আমান খানের যোগাযোগ ওর মাধ্যমেই হয়েছিল। এটা অবশ্য আমাকে সায়ক বলেছিল। তবে এখন কামালের আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আবু ইব্রাহিমের সমস্ত ফান্ড কামালের মাধ্যমে পরিচালিত হয় এবং কামাল খুব একটা সুরক্ষিত জায়গায় থাকে না। কামালকে সরানোর স্ট্র্যাটেজিটা দরকারি’।

চিফ বললেন, ‘সেটা মানলাম। তাই বলে এখন?’

তুষার বললেন, ‘ওরা বলছে কামালকে সাবাড় করে পেশোয়ার হয়ে কাবুল ঢুকবে’।

চিফ বললেন, ‘পারবে না। বর্ডারে চূড়ান্ত সারভেইলেন্স চলছে। এখন বেরোনোর ঝুঁকি নেওয়া যাবে না’।

তুষার বললেন, ‘সেটা আমারও মনে হয়েছে। কাজটা করে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলা যাক’।

চিফ বললেন, ‘এবং সে ক্ষেত্রে সায়ক আর বীরেনের বেরোনোটাই প্রবল ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। বীরেন আছে কোথায়?’

তুষার বললেন, ‘রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। আগামী ছ’মাস বীরেনের রাস্তায় বেরোনোটুকুও বারণ করা আছে’।

চিফ কফি মাগ টেবিলে রাখলেন। জোরে শ্বাস নিয়ে বললেন, ‘আশা করি তুমি বুঝতে পারছ তুষার, আমরা আসলে একটা যুদ্ধের মধ্যে প্রবেশ করে ফেলেছি?’

তুষার বললেন, ‘হ্যাঁ। বুঝতে পারছি। ছায়া যুদ্ধ। তোমার কাবুলের কন্ট্যাক্টগুলো রিফ্রেশ করা শুরু করেছ?’

চিফ বললেন, ‘কাবুল তৈরি আছে। ওদের নিয়ে চিন্তা নেই। তেহেরানও ঠিক আছে, যদিও জাভিদের না থাকাটা আমাদের ভোগাবে’।

তুষার শ্বাস ছাড়লেন, ‘সেটা ঠিক। জাভিদ থাকলে আমাকে এত কিছু ভাবতে হতো না। যাই হোক, আমি সৈকতকে নির্দেশটুকু অন্তত পৌঁছনোর ব্যবস্থা করছি, চেষ্টা করুক ইরানে ঢুকে যেতে। তাই তো?’

চিফ বললেন, ‘হ্যাঁ। আমিও দেখছি। আমাকে ফোন করলেই আমি বলে দেব। কোয়েটায় আর থাকাটাও ওর বোকামি। যেটুকু করার ও করেছে। আমাদের আর বিশেষ কিছু কাজ নেই এখন’।

তুষার বললেন, ‘ঠিক’।

১১৬

বহাওয়ালপুর।

ফজরের নামাজ শেষ হয়েছে। মসজিদ থেকে বেরিয়েই আব্বাস দেখতে পেল, পরপর চারটে গাড়ি গেট থেকে ঢুকে মসজিদের পাশের ঘেরা জায়গায় ঢুকে গেল।

এখন বেশ ভিড় আছে চারদিকে। সে চুপচাপ দোকানে এসে বসে রইল। ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেলা যত বাড়বে, তত গরম বাড়তে থাকবে। মরুভূমির জলবায়ু যেমন হয়।

ফোনটা বের করে নুসরতকে মেসেজ করতে গিয়ে থমকে গেল। একটার পর একটা সেনাভর্তি জিপ ঢুকতে শুরু করেছে। মোড়ের মাথা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। লোকজন দাঁড়িয়ে গেছে। নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। তার সামনের দোকানের শান মাসুদ কৌতূহলী চোখে সব দেখছিল। আব্বাস ডাকল তাকে, ‘ও ভাইজান’।

শান মাসুদ এসে বলল, ‘আরে দেখো অবস্থা! কত আর্মির লোক এসে গেছে। কী কেস বলো তো? যুদ্ধ-টুদ্ধ লাগবে নাকি?’

আব্বাস বলল, ‘সেটাই তো বুঝতে পারছি না মিয়াঁ। লক্ষণ তো মোটেই সুবিধার ঠেকছে না। যুদ্ধ যদি হবে, তাহলে এখানে এত আর্মি কেন আসবে?’

শান মাসুদ বলল, ‘জানি না। আর ভাল্লাগে না। এমনিতে রুটিরুজি নেই, বিক্রিবাটা নেই, তার উপরে এসব শুরু হয়েছে’।

দু’জনে মিলে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর চত্বরে যারা ঢুকছে, সেনা তাদের প্রত্যেকের আইডি চেক করতে শুরু করেছে।

শান মাসুদ ইতস্তত করে বলল, ‘বোঝো, আমাকে আবার দোকান থেকেই না উৎখাত করে দেয়। যেখানেই দেখেছি এই সেনার লোকগুলো চলে আসে, ওদের ঘুষ না দিতে পারলেই সেখান থেকে তুলে দেয়। এর আগে ফোয়ারা চক থেকেও আমাকে তুলে দিয়েছিল। আমি ভাই দিন আনি দিন খাই মানুষ, আমি এতগুলো টাকা কোত্থেকে পাব বলো তো?’

আব্বাস বলল, ‘তাও ঠিক। তোমার আইডি আছে তো তোমার কাছে? এরা দেখছি আইডি চেক করছে’।

শান মাসুদ বলল, ‘না, তাও নেই। এখানে এত আইডি দেখবে কে জানত? যাই হোক, আমি দোকান খুলি। তারপরে এরা কী করে দেখা যাবে’।

শান মাসুদ দোকান খুলতে চলে গেল। আব্বাস ফোন বের করে নুসরতকে মেসেজ করল, ‘এখানে এসো না। আই ডি চেক করছে। প্রচুর মিলিটারি ঢুকেছে’।

নুসরত সঙ্গে সঙ্গে রিপ্লাই করল, ‘ইউসুফ আজহার ঢুকেছে, তাই তো?’

‘হ্যাঁ’।

‘শুধু মসজিদের রাস্তাতেই মিলিটারি বসেছে, না পেছনের দিকেও?’

‘দেখিনি’।

‘দেখে জানাও’।

আব্বাস ফোনের সব মেসেজ ডিলিট করে বেরোল। মসজিদে ঢোকার রাস্তায় না গিয়ে নাক বরাবর প্রাচীর বরাবর হাঁটলে মসজিদের পেছনের গেটে পৌঁছনো যায়। এখানে গেট ছোট। ঢুকে একটা ছোট মাদ্রাসা পড়ে। মাদ্রাসা পেরোলে ইউসুফ আজহারের সাম্রাজ্য শুরু। হাঁটতে হাঁটতে ছোট গেটে কোনও ব্যারিকেড পড়েনি দেখে আবার ফেরার পথ ধরে মসজিদ চত্বরে যেতেই আর্মি চেকিংয়ে আটকে গেল সে, ‘এই যে মিয়াঁ, এদিকে এসো। কোথায় যাচ্ছ?’

আব্বাস বলল, ‘মসজিদের উলটোদিকে আমার ছোট দোকান আছে জনাব’।

‘ফুলের দোকান? তাই তো?’

‘জি জনাব’।

‘আইডি দেখাও’।

আব্বাস আইডি বের করে এগিয়ে দিল। তার বুক দুরুদুরু করছে। জওয়ান তার আইডি এক ঝলক দেখে ফিরিয়ে দিয়ে বলল, ‘কোত্থেকে ফুল আনো?’

আব্বাস বলল, ‘জেহানাবাদ থেকে বিকেলে নিয়ে আসি জনাব। যেটুকু জমাতে পারি, তাতেই খেয়ে পরে একার দিন গুজরান হয়’।

‘হুঁ। ঠিক আছে। আগামী তিনদিন দোকান বন্ধ রাখতে হবে’।

‘কেন জনাব? আমি গরিব মানুষ। দোকান বন্ধ থাকলে কী করে চলবে?’

‘সেটা আমাদের দেখার দরকার নেই। এখানকার কোনও দোকানেরই পারমিশন নেই। দোকান রাখতে দিচ্ছি, এই অনেক। যাও, ঝাঁপ বন্ধ করে দফা হয়ে যাও। তিন দিন পরে আসবে। আর যা মাল আছে, সেগুলোও নিয়ে যাও’।

আব্বাস দেখল শান মাসুদও দোকানের ঝাঁপ বন্ধ করছে। সে খুবই দুঃখিত হবার ভান করে মাথা নিচু করে বলল, ‘জি জনাব। আপনারা যা বলবেন, তাই হবে’।

১১৭

ডাক্তার রিজভি রাতে ঘুমোতে পারেননি। সকাল সাড়ে সাতটা নাগাদ শরমিনের ঘুম ভেঙে গেল। ড্রয়িংরুমে গিয়ে দেখলেন রিজভি সোফায় শুয়ে আছেন। তিনি ডাকলেন, ‘ডাক্তারবাবু’।

রিজভি চোখ খুলে উঠে বসলেন। শরমিন বললেন, ‘আপনি কি এখানেই ঘুমিয়ে পড়েছিলেন?’

রিজভি বললেন, ‘হ্যাঁ। ওদের সঙ্গে যোগাযোগ করার ছিল। তিনটের দিকে কনসেন্ট এসেছে। আপনারা প্ল্যান বি অ্যাক্টিভেট করতে পারেন’।

শরমিন বলল, ‘যাক। কফি খাবেন?’

ডাক্তারবাবু মাথা নাড়লেন, ‘করুন’।

শরমিন শান্ত মুখে কফি বসালেন।

রিজভি বললেন, ‘মেসেজ এসেছে, আজ রাত বারোটা নাগাদ আপনাদের আমিনপুর বাজারের কাছে নামিয়ে দিয়ে আসব। জোহরবাঈ ওখান থেকেই আপনাদের নিয়ে যাবেন’।

শরমিন বললেন, ‘ঠিক আছে’।

রিজভি বললেন, ‘তার আগে যদি আপনার কোনও জিনিস লাগে, আমাকে বলবেন, আমি এনে দেব’।

শরমিন বললেন, ‘কিছু লাগবে না। ওখানে যাই। দেখা যাক, কী পরিস্থিতি হয়’।

রিজভি বললেন, ‘ঠিক আছে। আমি তৈরি হয়ে নিই। হাসপাতাল যাব’।

শরমিন বললেন, ‘ব্রেকফাস্ট করে যাবেন না?’

রিজভি হাসলেন, ‘থাক। অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে’।

শরমিন বললেন, ‘আপনি আর বিয়ে করলেন না কেন?’

রিজভি বললেন, ‘আর সাহস পাইনি’।

‘আজ একটু তাড়াতাড়ি ফিরবেন হাসপাতাল থেকে। আর কোনওদিন দেখা হবে কি না, তা তো জানি না। আড্ডা মারা যাবে’।

‘ঠিক আছে’।

রিজভি কফি খেলেন চুপ করে বসে। শরমিনও কোনও কথা খুঁজে পেলেন না। কফি খেয়ে রিজভি বাথরুমে ঢুকলেন তৈরি হতে। কিছুক্ষণ পর অফিসের জন্য রওনা দিলেন।

ফয়সলাবাদে রোদ ঝলমলে দিন। কলোনির গেটে দু’জন কনস্টেবল পাহারা দিচ্ছে। তাকে দেখে স্যালুট দিল। রিজভি গাড়ি দাঁড় করিয়ে বললেন, ‘আপনারা কি সারা রাত ছিলেন?’

‘জি জনাব। আমাদের সারা রাত থাকার অর্ডার আছে’।

রিজভি বললেন, ‘ঠিক আছে। দেখবেন রাস্তাঘাটে সন্দেহজনক কাউকে দেখলে ব্যবস্থা নেবেন’।

‘নিশ্চয়ই জনাব। আপনি একদম চিন্তা করবেন না। আমরা দেখে রাখব’।

রিজভি হেসে গাড়ি স্টার্ট করলেন। বড় রাস্তায় উঠে আর হাসপাতাল যেতে ইচ্ছে করল না। আমিনপুর বাজারের দিকে রওনা দিলেন। তার কোয়ার্টারের অন্য দিকে আমিনপুর বাজার।

পুরোনো ফয়সলাবাদের অংশ। পুরোনো বড় বড় বিল্ডিং, ঘিঞ্জি এবং নোংরা জায়গা। বড় বড় প্লাস্টারহীন তিন-চারতলা বিল্ডিংগুলো একে অপরের ঘাড়ের উপর উঠে পড়েছে। ফয়সলাবাদের আনঅফিসিয়াল নিষিদ্ধ পল্লী। বড় রাস্তা থেকে ক্লক টাওয়ার পেরিয়ে বাজারের রাস্তায় ঢুকলেই এখানকার মেজাজটা ধরা পড়ে। মহল্লা থেকে চটুল গান ভেসে আসে, লোকজন মাথা নিচু করে বিল্ডিংগুলোতে ঢুকে যাচ্ছে! যেন খুব বড় অপরাধ করতে চলেছে।

বাজারের এক ওষুধের দোকানের কম্পাউন্ডারকে তিনি অনেকদিন আগে থেকে চেনেন। ভদ্রলোক হাসপাতালেই ছিলেন। রিটায়ারমেন্টের পরে ওষুধের দোকানে বসেন। দোকানের সামনে গাড়ি দাঁড় করাতেই কম্পাউন্ডার ভদ্রলোক ছুটে এলেন, ‘এ কী সৌভাগ্য আমার ডাক্তারবাবু! আপনি কি হঠাৎ পথ ভুলে?’

রিজভি বললেন, ‘পথ ভুলেই বটে। আমি একজনের সঙ্গে দেখা করতে ক্লক টাওয়ারের দিকে এসেছিলাম। রাস্তা গুলিয়ে গেল, তারপর মনে হল আপনার কথা। দেখা হয়ে ভালো লাগল। আপনি কি জানেন এখানে রামিজ মুস্তাক কোথায় থাকে?’

রামিজ মুস্তাক নামে তিনি কাউকে চেনেন না। ইচ্ছে করে নামটা বানিয়ে বললেন।

কম্পাউন্ডার স্বাভাবিকভাবেই রামিজ নামে কাউকে চিনতে পারলেন না, ‘না জনাব। আমি এই নামে কাউকে চিনি না। তবে আপনার আমার মতো ক্ষুদ্র মানুষের কথা মনে আছে, জেনে ভারি খুশি হলাম’।

রিজভি বললেন, ‘ছি, তা কেন? আপনি আমাদের সঙ্গে কতদিন কাজ করেছেন। মানুষ তো মানুষের খোঁজ নেবেই। এদিকের পরিস্থিতি এখন কেমন?’

কম্পাউন্ডার বললেন, ‘কী আর বলব ডাক্তারসাব, আজকাল এই অঞ্চলে রাতের দিকে বেরোনো অসম্ভব হয়ে উঠেছে। আল মাসুদের লোকজন যেদিন আসে, সেদিন তো মনে হয় এখানে গজব নেমে আসে। গোটা দেশে সেনারা এত সক্রিয়, অথচ এখানে কেউ কিচ্ছু বলবে না’।

রিজভি বললেন, ‘রোজ আসে ওরা?’

কম্পাউন্ডার বললেন, ‘লগভগ। মাঝে মাঝে তিন চারদিনের গ্যাপ থাকে। ও ক’দিন একটু বেশি রাত অবধি দোকান খুলে রাখতে পারি। মাঝে মাঝে খুব হতাশ লাগে, মনে হয় কী কুক্ষণে এখানে দোকান খুলেছিলাম’।

রিজভি বললেন, ‘আপনি চাইলে আমাদের হাসপাতালের ফার্মেসি বিভাগটা দেখতে পারেন। আমি কথা বলে রাখব’।

কম্পাউন্ডার বললেন, ‘আপনার অশেষ মেহেরবানি জনাব। কিন্তু আমি বৃদ্ধ হয়েছি। আর অত দূরে গিয়ে ডিউটি করতে পারব না। যা হয় হোক, দেখা যাবে’।

রিজভি কম্পাউন্ডারের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে আমিনপুর বাজারের শেষ প্রান্তে এসে গাড়ি দাঁড় করালেন। এদিকে দোতলা বিল্ডিংগুলোর নীচের তলায় দোকান, উপরের তলার জানলাগুলো বন্ধ। ডাক্তার রিজভি মিনিট দশেক চুপ করে বসে রইলেন। একটা সময় একটা জানলা খুলল। জানলায় এক মহিলা এসে দাঁড়ালেন।

রিজভি গাড়ি স্টার্ট করলেন। তার কাজ হয়ে গেছে…।

১১৮

রাত দশটা।

কোয়েটা থেকে তিরিশ কিলোমিটার দূরে বোস্তান গ্রাম। গ্রামের লোকেদের পরব চলছে।

কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে আগুন ঘিরে স্থানীয় বালোচদের নাচ গান চলছে।

নাচের জায়গা থেকে খানিকটা দূরে একটা ছোট ঘরে বালোচ নেতা মীরান বালোচ চেয়ারে বসে হাসি মুখে সিগারেট টানছে। সৈকতের জন্য রুটি মাংস আনানো হয়েছে। সৈকত মন দিয়ে খাচ্ছে। মীরানের বয়স সাতাশ থেকে আঠাশের বেশি

হবে না। খুবই কম সময়ে সে একজন গুরুত্বপূর্ণ বিপ্লবী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

মীরান সিগারেটে একটা টান দিয়ে বলল, ‘জীবনে একটাই আফসোস

থেকে গেল। মেজর হুসেনের মুখটা আমার দেখার ইচ্ছে ছিল। সেটা দেখতে পারলাম না’।

সৈকত ম্লান হাসল, ‘সে তো বুঝলাম। কিন্তু মেজর হুসেন তো ছেড়ে দেবার লোক না। আবার কতগুলো বালোচ গ্রামে অত্যাচার করতে চলে যাবে’।

মীরান বলল, ‘যাক। ওর বিশেষ আদর যত্ন করার ব্যবস্থা করা হবে। নাকে দড়ি দিয়ে যদি ওকে গোটা বালোচিস্তানে না ঘুরিয়েছি, তবে আমার নাম মীরান বালোচ না’।

সৈকত বলল, ‘ওরা প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। মৌলানা শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে কিছুটা লাভ হবে, এই যা’।

মীরান মাথা নাড়ল। বলল, ‘তবসসুম আপা জাহেদানে পৌঁছেছেন। আপনাদের কেউ থাকবে তো?’

সৈকত বলল, ‘হ্যাঁ। থাকবে। তবে এক ভদ্রলোক, তিনি থাকলে আমার চিন্তা ছিল না’।

মীরান বলল, ‘জাভিদসাব, তাই তো?’

সৈকত বলল, ‘হ্যাঁ। উনি একাই একশো ছিলেন। যাই হোক, আমাদের জীবনটাই তো এমন মীরান! আজ আছি, কাল নেই, কী আছে জীবনে…’

মীরান বলল, ‘তুমি এত ভেঙে পোরো না দোস্ত। তোমার আত্মবিশ্বাস

দেখে আমরা ভরসা পাই। তুমি যদি নেগেটিভ কথা বলো, তাহলেই চিন্তা বেশি

হয়’।

সৈকত বলল, ‘পাকিস্তান ছাড়তে হচ্ছে। গোটা দেশে আমার ছবি টাঙিয়ে দিয়েছে ব্যাটারা। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে বলো তো? আমার তো আজকাল এখানেই থাকতে ইচ্ছে করে। কী সুন্দর পরিবেশ। বাজার বেরোলে কেউ দশ মিনিটও বেঁচে থাকবে নাকি তা নিয়েই নিশ্চিত থাকতে পারে না’।

মীরান জোরে হেসে উঠল, ‘তা যা বলেছ। তবে আমরা এখন পাকিস্তানি সেনাদের এই ট্রিটমেন্ট দেব ঠিক করেছি। আমাদের প্রচুর…’

মীরানের কথা শেষ হবার আগেই বাইরে থেকে সাইরেনের শব্দ পাওয়া

গেল।

সৈকত সঙ্গে সঙ্গে উঠে পড়ল। মাংসের প্লেট ঝোপের মধ্যে ফেলে হাত ধুয়ে ঘরে এসে দেখল মাটির নীচে যাবার পাটাতন খুলে দিয়েছে মীরান। সিঁড়ি নেমে গেছে ভূগর্ভস্থ চেম্বারে। দু’জনে নীচে নেমে গেল।

মাটির নীচে রুদ্ধশ্বাস বসে থাকা। প্রায় আধ ঘণ্টা পরে অল ক্লিয়ার সিগনাল পাওয়া গেল। দু’জনে উপরে উঠল। বাইরে গান বাজনা বন্ধ হয়ে গেছে। থমথমে পরিবেশ। মীরান হাত নেড়ে একজনকে ডাকল। জানা গেল স্বয়ং হুসেন এসেছিল। বেশ কয়েকজনকে সৈকতের ছবি দেখিয়েছে। সবাই কিছু জানে না বলায় নৃত্যশিল্পীদের লাঠিচার্জ করে চলে গেছে।

মীরানের মুখ গম্ভীর হয়ে গেল।

সৈকত বলল, ‘নাহ্, আর এদেশে থাকা যাবে না। আমার জন্য কতগুলো নিরীহ মানুষের উপর হুসেন অত্যাচার করল’।

মীরান গর্জে উঠল, ‘অত্যাচার আবার কী? এটা কি হুসেনের দেশ নাকি? এখানে আমাদের মেহমান যতদিন খুশি থাকবে। এবার আমার একদিন কী ওরই একদিন। আমির, এই আমির’।

মীরান তার ভাইকে ডাকতে শুরু করল।

সৈকত বলল, ‘বড় কিছু প্ল্যান করছ? মাথায় রেখো কিন্তু ওরা প্রচুর ফৌজ নিয়ে এসেছে’।

মীরান বলল, ‘যত বড় ফৌজই থাক, এখানকার রাস্তাঘাট, ভৌগোলিক অবস্থান কোনওটাই ওদের অনুকূলে না। ওই ব্যাটা হুসেন এখনও কোয়েটায় পৌঁছয়নি। কাচলাক হয়েই তো যাবে। দেখা যাক’।

মীরানের ভাই ছুটে এসেছে। মীরান বলল, ‘গাড়ি ডাক। আমরা বেরোব, আর ভাইজানের জন্য আবার খাবারের কথা বলে দে। প্লেট তো ফেলতে হয়েছিল। ভাইজান খেয়ে বিশ্রাম করুক’।

সৈকত চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এখানকার এই এক সমস্যা। লোকজনের কখন যে মেজাজ গরম হয়ে যায়, কিছুই বোঝা যায় না…

মীরান বেরিয়ে গেল দলবল নিয়ে। সৈকত কিছুক্ষণ বসে থেকে চিফকে ফোন করল।

একবার রিং হতেই ধরলেন চিফ, ‘কে?’

সৈকত বলল, ‘আমি স্যার। কেমন আছেন?’

‘কোথায় তুমি? শুট অ্যাট সাইট অর্ডার বেরিয়েছে তোমার নামে, জানো তো?’

সৈকত বলল, ‘হ্যাঁ স্যার, জানি। আমি এখন বোস্তানে আছি। বস্টন আছে আমেরিকায়, পাকিস্তানে আছে বোস্তান’।

চিফ বললেন, ‘মানে কোয়েটার কাছেই আছ’।

‘হ্যাঁ স্যার’।

‘এসকেপ প্ল্যান কী?’

‘করছি স্যার। থাকব না। কোনও ইচ্ছে নেই। এখানকার ওয়েদার স্যুট করছে না’।

‘গুড। এসে আমাকে উদ্ধার করো। শেখরনের সঙ্গে যোগাযোগ করবে। নাকি এখন আবার অন্য কোনও দেশটেশ ঘোরার প্ল্যান আছে?’

‘না না স্যার’। সৈকত হেসে উঠল। পরক্ষণেই ফিসফিস করে বলল, ‘আমি ফিরে আসব। তবে মীরান এখন না ফিরলে আবার একটু চাপ হয়ে যাবে’!

চিফ অবাক হলেন, ‘মানে?’

‘ও কিছু না স্যার, গুড নাইট।’ ফোন কেটে দিল সৈকত।

১১৯

রাত একটা।

ইসলামাবাদের মোটরওয়ে ফাঁকা। মাঝে মাঝে দু-চারটে ট্রাক দেখা যাচ্ছে। সায়ক গাড়ি চালাচ্ছে। সামনে রাণা বসে আছে। পেছনে তথাগত আর অমল। ডেরা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড় করানো একটা গাড়ির লক খুলে বেরিয়েছে তারা। কাজটা করতে সায়কের বেশি সময় লাগেনি। তবে তথাগত প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে সামলে নিয়েছে।

চারজনই বয়স্ক মানুষের ছদ্মবেশ নিয়েছে। ইসলামাবাদ থেকে মোটরওয়েতে ওঠার রাস্তায় ব্যারিকেড থাকলেও পুলিশ আটকায়নি। বসে বসে ঢুলছিল। গাড়ি বেরিয়ে বড় রাস্তায় উঠে গেছে।

রাণা বলল, ‘কামাল যেন আজ থাকে। নইলে আবার এই দাড়ি আমি আঠা দিয়ে আটকাতে পারব না। এখন থেকেই মুখটা কেমন কুটকুট করছে’।

সায়ক হাসল, ‘রং করার থেকে নকল দাড়ি লাগানো ভালো। তাহলে অন্তত দাড়িটা বেঁচেবর্তে থাকে’।

তথাগত চুপ করে বসে আছে। তার শরীর আগের থেকে ভালো। তবে দুর্বল বোধ হচ্ছে। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে দেখে সে কাচ তুলে দিল।

জ্বরের ঘোরে এ ক’দিন রিমির মুখটা বারবার মাথায় এসেছে তার। অন্য সময় রিমিকে ভুলেই থাকে সে। শরীর খারাপ হলেই এই উৎপাতগুলো হয়। কখনও রিমির মুখ আসে, কখনও স্বর্গীয় বাবা-মার।

পেট্রোল পাম্পটা এসে গেছে। সায়ক গাড়ির গতি কমিয়ে পাম্পে ঢুকল। একটু দূরে কামালের দামি গাড়িটা দাঁড়িয়ে আছে। সায়ক সরাসরি গিয়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নামল।

ট্যাংকের কাছে একটাই ছেলে দাঁড়িয়ে আছে। বাকিরা কেউ পাম্পে নেই।

ট্যাংকের ছেলেটাই ছুটে এসে বলল, ‘জনাব, বাথরুম যাবেন?’

সায়ক মাথা নাড়ল, ‘কামালকে ডেকে দাও তো। বলো ফুপা এসেছে’।

ছেলেটা অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, ‘আপনি ভেতরে যাবেন?’

সায়ক জোর করে কাশল, ‘আমার শরীরটা একবারেই ভালো নেই বেটা। ওকে ডাকো, আমার একটা কথা বলার আছে। বলে চলে যাব’।

ছেলেটা খানিকটা ইতস্তত করছিল। সায়ক বলল, ‘ডাকো, বলো ফুপাজান ডেকেছেন’।

এবার ছেলেটা পাম্পের অফিসের ভেতর প্রবেশ করল। সায়ক রাণাকে চোখে ইশারা করল।

অফিস থেকে বিরক্ত মুখে কামাল বেরিয়ে এসেছে, ‘কে আপনারা? আমার ফুপাজান মানে?’

রাণা গাড়ি থেকে নেমে মেশিনগান নিয়ে কামালের দিকে এগিয়ে যেতেই কামাল অফিসের দিকে দৌড়ল। রাণা একটু থতমত খেয়ে গেছিল, সায়ক চিৎকার করল, ‘ফলো করো’।

রাণা কামালের পেছন পেছন গেল, সঙ্গে সায়কও।

পাম্পের দুটো ছেলে বেরিয়ে এসেছিল, রাণার হাতে মেশিনগান দেখে যে যেদিকে পারল দৌড় লাগাল।

অফিসের ভেতর ঢুকে রাণা দেখল কামাল বাথরুমে ঢোকার চেষ্টা করছে। রাণা দরজায় সজোরে লাথি মারতেই কামাল ছিটকে এসে রাণার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, রাণা প্রস্তুত ছিল। গুলিতে কামালকে ঝাঁঝরা করে দিল।

একটা ‘ধুপ’ করে শব্দ। কামাল মেঝেয় পড়ে গেল। রাণা স্ট্যাচু হয়ে গেল। সায়ক কামালের ফোনটা নিয়ে রাণার জামা ধরে টানল, ‘চলো’।

রাণা নড়ল না। এরকম তার কোনওদিন হয়নি। আজ কেন হল, সে নিজেও জানে না। সায়ক রাণাকে সজোরে একটা চড় মেরে হাত ধরে টেনে গাড়িতে

তুলল।

যে ছেলেদুটো পালিয়েছিল, তারা হাইওয়েতে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে। সায়ক গাড়ি স্টার্ট দিল।

অমল আর তথাগত এই গোটা সময়টা গাড়িতেই বসেছিল। সায়ককে গাড়ি স্টার্ট দিতে দেখে অমল বলল, ‘তাড়াতাড়ি কর! ছেলেদুটো কাউকে দাঁড় করাতে পারলে কপালে দুঃখ আছে’।

সায়ক অ্যাক্সিলারেটর চাপ দিল। ছেলেগুলো কিছু করতে পারল না।

সায়ক হাসতে হাসতে বলল, ‘সিসিটিভি আছে। বুড়োগুলো ধরা পড়ে যাবে’।

রাণা বিড়বিড় করতে শুরু করে দিয়েছে। মোটরওয়েতে কোনও এক্সিট পয়েন্ট নেই। সায়ক গাড়ির গতি বাড়াল। তথাগত বলল, ‘রাণা ঠিক আছিস?’

অমল বলল, ‘ওকে ছেড়ে দে। ওকে এখন কিছু বলা চাপ আছে’।

প্রায় কুড়ি কিলোমিটার গিয়ে সায়ক গাড়ি দাঁড় করিয়ে দিল। রাস্তার পাশে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। সায়ক বলল, ‘চল’।

সবাই অন্য গাড়িটায় গিয়ে বসল। গাড়ির ড্রাইভিং সিটে এক বৃদ্ধ বসে

আছে।

তথাগত সায়ককে বলল, ‘এরও কি মেকআপ নাকি?’

সায়ক হাসল, ‘না না। জেনুইন বুড়ো। তবে হয়তো আমাদের থেকেও ফিট। পেশোয়ার বর্ডারের অপর প্রান্তের লোক। চলো হাদি মিয়াঁ। তোমার এলাকায় যাওয়া যাক’!

গাড়ি গতি নিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *