৫৫
মুলতান চক বাজার।
রেওয়ারি স্যুইট মার্ট থেকে মিষ্টি কিনছিল নুসরত। আজ জুম্মাবার। একটু আগে মিজান বেরিয়েছে। আকাশে মেঘ করে আছে। বৃষ্টি হতে পারে।
মিষ্টি কেনার পর হাঁটতে হাঁটতে নিজের দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। দোকানের শাটার নামানো আছে। অনেকের কাপড় তার কাছে থেকে যাবে। এই খুঁতখুঁতানি নিয়েই মুলতান ছাড়তে হবে।
তার ফোন বাজতে শুরু করল। মিজান ফোন করছে। ধরল সে, ‘কী হল?’
মিজান হতাশ কণ্ঠে বলল, ‘আপা, আজ আর আজহার বেরোয়নি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম। লাভ হল না’।
নুসরতের বিরক্ত লাগছিল। বলল, ‘খোঁজ নিলে?’
মিজান বলল, ‘জি, চিকিৎসার জন্য নাকি দেশের বাইরে চলে গেছে। ওর লোকগুলোও কেউ নেই। কী করব আমি?’
নুসরত তেতো গলায় বলল, ‘চলে এসো’।
ফোন কেটে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে দোকান খুলল নুসরত।
‘আপা, আজ এত দেরি কেন? আমার কাজটা হয়েছে?’
মেয়েদের আনাগোনা শুরু হয়ে যেতে নুসরতও ব্যস্ত হয়ে পড়ল। দোকানটা ছোট জায়গা নিয়ে হলেও পরিপাটি। দেওয়ালে রঙিন কাপড়ের টুকরো দিয়ে মিজান সাজিয়ে গেছিল। দোকান খোলা থাকলে সে দোকানেই থাকে, নইলে দোতলায় কাজ করে যায়। এলাকার মেয়েদের মধ্যে নুসরতের জনপ্রিয়তা আছে।
দুপুর অবধি একভাবে কাজ করে গেল সে। আড়াইটা নাগাদ দোকান বন্ধ করে দোতলায় গিয়ে দরজা বন্ধ করল। মাথা ধরে আছে। মিজানও আসেনি।
ফোন টিং করল। মেসেজ এসেছে। লেখা আছে, ‘দেশের বাইরে চলে গেছে’।
নুসরত ‘?’ পাঠাল।
ওপ্রান্ত থেকে লেখা এল, ‘ওয়েট’।
নুসরত ফোন রেখে দিল।
‘নুসরত! এই নুসরত’!
নাদিমের গলা পাওয়া যাচ্ছে।
পাশের দোকানদার নাদিম হুসেন লোকটা বদ। নীচের তলায় বেশি আসে না। দোতলাটা ফাঁকা থাকে বলে এটা সেটা অজুহাত নিয়ে নুসরত দোতলায় আছে বুঝলে মাঝে মাঝেই চলে আসে। আজে বাজে কথা বলবে। তাকে ছোঁয়ার চেষ্টা করবে।
নুসরত বলল, ‘কী হয়েছে?’
‘খোল। কথা আছে। নীল সুতো আছে?’
ওপ্রান্ত থেকে মেসেজ এসেছে, ‘মুলতানেই থাকো। মিজানকেও জানিয়ে দিও’।
নুসরত শ্বাস ছাড়ল। আরও ক’দিন এখানে থাকতে হবে। ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুলে দেখল নাদিম দাঁড়িয়ে আছে। বলল, ‘জি ভাইজান’।
নাদিম জোর করে ঘরের মধ্যে ঢুকে পড়ল, ‘নীল সুতো লাগবে। দে, খুব দরকার। এ কী, মিষ্টির প্যাকেট! কী ব্যাপার? কোনও সুখবর আছে?’
নাদিম মেঝে থেকে মিষ্টির প্যাকেটটা তুলে নিয়ে প্যাকেট খুলে একটা লাড্ডু খেয়ে নিল। শান্ত গলায় নুসরত বলল, ‘আমি বেরোব নাদিমভাই। কাজ আছে’।
নাদিম মিষ্টিটা খেতে খেতেই তার হাত ধরে বলল, ‘আমার কিছু কথা বলার আছে তোকে। কত রুপি লাগে তোর? দোকান থেকে কত রুপি পাস? আমি তোকে মাসে দশ হাজার রুপি করে দেব। কেউ জানবে না। যখন তুই দোতলায় আসবি, আমাকে শুধু ডেকে নিবি’।
নাদিমের গা থেকে ঘামের গন্ধ আসছে। নুসরতের বমি পাচ্ছিল।
সে নাদিমকে দু’হাত দিয়ে একটু ঠেলে সরিয়ে দিল, ‘আমি বেরোব বললাম তো’।
‘কোথায় যাবি? আমি বাইকে করে দিয়ে আসব?’ নাদিম নাছোড়বান্দা।
নুসরত বলল, ‘কাজ আছে নাদিমভাই। যেতে দাও’।
নাদিম জোর করে জড়িয়ে ধরতে গেল তাকে। আজ যেন সে পণ করে এসেছে।
নুসরত তার উরু দিয়ে নাদিমের তলপেটে লাথি মারল। নাদিম প্রস্তুত ছিল না। চোখ উলটে পড়ে গেল। নুসরত হাসল, ‘বোঝা উচিত ছিল, আমার বিরক্ত লাগছে’।
নাদিম নুসরতের পা ধরে নুসরতকে ফেলে দিতে চাইল, নুসরত সরাসরি নাদিমের মুখে লাথি কষাল। নাদিম আর্তনাদ করে উঠল।
নুসরত বলল, ‘আর জ্বালাতন করবি?’
নাদিম বলল, ‘না না। আল্লাহ কসম আর কোনওদিন জ্বালাব না’।
নুসরত বলল, ‘বেরো’!
নাদিম এক ছুটে পালাল।
নুসরত নীচে নামল।
নাদিমের বউ দোকান সামলাচ্ছে। তাকে দেখে হাসল। নুসরতও প্রত্যুত্তরে একগাল হেসে বাজার ঘুরতে বেরোল।
৫৬
করাচি। রাত বারোটা। আমিনুলের সঙ্গে বিচে বসে আছে আনিস।
আমিনুল বলল, ‘দোস্ত, তুই বিগ অ্যাপার্টমেন্টের কথাটা ভুলে যা। তুই যতবার ওই অ্যাপার্টমেন্টটা নিয়ে ভেবে যাবি, তত তোর তবিয়ত খারাপ হয়ে যাবে। তুই তো চাইলে অনেক কিছু হতে পারতিস। হোসনি তো। খেটে খাস। কী দরকার আছে ওই বড় মানুষদের সঙ্গে ঝামেলায় যাবার?’
আনিস চোয়াল শক্ত করে বলল, ‘ওই লোকটাকে আমি ছাড়ব না। বুড়ো সেজে ঘুরে বেড়ায়, আসলে বুড়ো না। কেন বুড়ো সাজে?’
আমিনুল বলল, ‘ছাড় না। বাদ দে। ওসব নিয়ে ভাবার দরকার নেই’।
আনিস উত্তর দিল না। আমিনুল বলল, ‘দেখ ভাই, আমরা এখানে জিপ চালিয়ে যা কামাই, তাতে আমাদের হয়ে যায়। লোকের সঙ্গে ঝামেলা করা আমাদের কাজ না। তোর আম্মি তোকে অনেক দিব্যি দিয়ে গেছিল যাতে তুই বিপথে না যাস। আমাকেও বলেছিল তোকে দেখার জন্য’।
আনিস রেগে গেল, ‘আমি কি বিপথে গেছি? একটা লোক ছদ্মবেশে ঘুরে বেড়ায়। কেন বেড়ায় আমি দেখতে চাই’।
আমিনুল বলল, ‘তুইও ছদ্মবেশে থাক। তোকে ওরা চিনে গেছে। এবার পেলে তোকে আর বাঁচিয়ে রাখবে না’।
আনিসের কথাটা পছন্দ হল। বলল, ‘ঠিক আছে। আমি ছদ্মবেশেই থাকব। তাহলে ওদের ক্যামেরা আমাকে চিনতে পারবে না। আমিও দেখব, বুড়ো সেজে থাকা ওই লোকটা আসলে কী করে’।
আমিনুল বলল, ‘ঠিক আছে। আমি চাচাকে বলে দেব তোকে একটা বুড়ো লোক সাজিয়ে দেবে’।
আনিস বলল, ‘বুড়ো না। আমাকে ভিখারি সাজাতে বলবি। আমি ওই বুড়োটাকে ধরব’।
আমিনুল বলল, ‘আচ্ছা, তাই হবে’।
আনিস উঠে বলল, ‘এখন যাই। কাল দেখা হবে’।
আমিনুল বলল, ‘এখন আবার বিগ অ্যাপার্টমেন্টে যাবি নাকি?’
আনিস গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে বলল, ‘দেখব কী করা যায়’।
আমিনুল বলল, ‘যাস না। ঝুপড়িতে গিয়ে ঘুমা’।
আনিস আমিনুলের কথার উত্তর না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
রাতের রাস্তা এখন ফাঁকা হয়ে গেছে। ঝলমল করছে শহরটা। গাড়ি চালিয়ে ভালো লাগছিল আনিসের। বিগ অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে দু’বার চক্কর খেল। ক্যামেরাগুলো এ ক’দিনে ভালো করে দেখে নিয়েছে সে। ক্যামেরা থেকে অনেকটা দূরে গাড়ি দাঁড় করাল সে।
বিকেলে সিগারেট কিনেছিল। সিগারেট ধরাল। বিগ অ্যাপার্টমেন্টের পেছনের দিকের গেটের প্রাচীরের উচ্চতা কম। ওদিকে ক্যামেরাও নেই।
বেশ কিছুক্ষণ সেদিকে দেখার পর ভেতরে যাওয়াই মনস্থির করল সে। চারদিক দেখে নিয়ে প্রাচীর টপকে বাউন্ডারির ভেতরে প্রবেশ করল। ভেতরে লাফ দিতেই কোত্থেকে একটা কুকুর ডাকতে শুরু করে দিল। এক জায়গায় দাঁড়িয়ে চুপ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর আনিস বুঝতে পারল, কুকুরটা বাঁধা আছে। কুকুরের মালিক নেই।
ক্যামেরাগুলো সে দেখে নিল। সামনে অনেকটা জায়গা জুড়ে মাল্টিজিম এলাকা। মাল্টিজিমের প্রবেশ পথে ক্যামেরা লাগানো আছে। সে মাল্টিজিমের দিকে না গিয়ে হাঁটতে হাঁটতে লনের কাছে পৌঁছল। এখানে কোনও ক্যামেরা নেই। এত রাতে কেউ জেগে নেই। গেটের সিকিউরিটি খাটিয়া পেতে ঘুমাচ্ছে। লনের এক কোণে একটা অন্ধকার বেঞ্চে চুপ করে সে বসে রইল।
চোখ বুজে আসছিল। এইসময় দেখল গেট থেকে সেই দামি গাড়িটা ঢুকছে। সিকিউরিটি জেগে উঠে গেট খুলে দিল।
আনিস ঝোপের আড়ালে চলে গেল।
গাড়ি থেকে দাড়িতে মেহেন্দি করা একটা বয়স্ক লোক নামল। আনিস যতটা সম্ভব ঝোপের ভেতরে এগিয়ে তার ফোন থেকে ছবি তোলার চেষ্টা করল। গাড়ি পার্ক করে ওরা লিফটে উঠে গেল।
আনিস মাটিতেই চুপ করে বসে রইল। সিকিউরিটি আবার খাটিয়ায় শুয়ে পড়ার পর সে ধীর পায়ে আবার কমপ্লেক্সের পেছন দিকের প্রাচীর পেরিয়ে বাইরে বেরোল।
জিপে উঠে চুপ করে বসে রইল সে। ফোন থেকে ছবিটা বের করে দেখল। বুড়োটাকে কেমন চেনা চেনা লাগছে। কিছুতেই মনে করতে পারল না আগে কোথায় দেখেছে…
৫৭
করাচি।
রাত দশটা।
আয়নার সামনে দাঁড়িয়েছিল তবসসুম। লোডশেডিং হয়েছে কিছুক্ষণ আগে। কখন পাওয়ার আসবে কেউ জানে না। এই ফ্ল্যাটটায় আজকাল বড় বিরক্ত লাগে তার। সারাদিন একা একা থাকতে হয়। রাতে তনবীর আসে।
মহল্লায় এসব ঝামেলা ছিল না। সারাক্ষণ গমগম করত।
কলিং বেল বেজে উঠল।
তবসসুম থমথমে মুখে দরজা খুলল।
ফেরার সময় তনবীর একগাদা মাংস কিনে এনেছে। ঘরে ঢুকে বলল, ‘কী হল জানেমন, মুখটা এরকম শুকনো কেন? কিছু হয়েছে?’
তবসসুম বলল, ‘কী হবে? সারাদিন একা একা থাকতে হয়। এভাবে ভালো লাগে? আমার মহল্লাই ভালো ছিল’।
তনবীর টেবিলের উপর মাংসের প্যাকেট রেখে বলল, ‘শান্তির জীবন তোর ভালো লাগে না, তাই না?’
তবসসুম বলল, ‘না, লাগে না। সারাদিন দমবন্ধ লাগে। বেরোনোও যায় না’।
তনবীর এবার গম্ভীর হল, ‘ঠিক আছে, তোকে নিয়ে ঘুরে আসব একদিন’।
তবসসুম বলল, ‘পাঁচ বছর ধরে এই এক কথা শুনে আসছি। কিন্তু কোথাও যাওয়া হল না। এখানেই পচে মরব’।
তনবীর উঠে দাঁড়াল, ‘মাংস রান্না করে ফেল। আমার কাজ আছে’।
তবসসুম চোখ মুখ শক্ত করে বলল, ‘আমি এখন রান্না করতে পারব না’।
তনবীর তবসসুমকে পাত্তা না দিয়ে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল।
তবসসুম রেগে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করল, ‘দরজা খোলো। আমি সারাদিন একা একা থাকি, আমার সঙ্গে কথা বলো’।
তনবীর দরজা খুলে তবসসুমকে সজোরে একটা চড় কষাল। তবসসুম ছিটকে পড়ল। তনবীর তর্জনী তুলে বলল, ‘বারবার বলেছি, আমি যখন কাজ করব, তখন আমাকে বিরক্ত করবি না। আমি দরজা খুললে তারপর কথা বলব। চুপচাপ রান্না কর’।
তবসসুম মেঝেয় পড়ে গেছিল। ঠোঁটের কষ বেয়ে রক্ত পড়ছিল তার। এই তনবীরকে সে খুব ভালো করে চেনে। আর কথা না বলে উঠে মাংস নিয়ে রান্নাঘরে ঢুকল।
তনবীর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। ল্যাপটপ অন করে ভিডিও কল করা শুরু করল। প্রায় দশ জনকে ভিডিও কল করার পর সে রফিক আহমেদকে ফোন করল।
রফিক প্রথমে ফোন ধরল না। তনবীর আবার ফোন করল। এবার রফিক ফোন ধরে বলল, ‘আমি মিটিংয়ে আছি জনাব। রাতে ফোন করছি’।
তনবীর বলল, ‘আমি এখন কথা বলব। যেখানেই থাকবেন, বেরিয়ে গিয়ে কথা বলুন’।
রফিক কয়েক সেকেন্ড পর বলল, ‘প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে মিটিং করছিলাম জনাব। বলুন’।
তনবীর বলল, ‘আমি আপনার সঙ্গে খোশগল্প করতে ফোন করি না। দরকার ছিল বলেই ফোন করেছি। প্রেসিডেন্ট সাহেব ইসলামাবাদে থাকেন, যখন ইচ্ছে আপনি ওর সঙ্গে কথা বলতে পারেন। আপনি আমার কথা শুনুন, ঢাকায় ফান্ড পাঠাতে হবে। কত পাঠাতে পারবেন?’
রফিক বলল, ‘আপনি তো জানেন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কথা। আমাদের পক্ষে এই মুহূর্তে খুব বেশি ফান্ড পাঠানো সম্ভব না। আমি অন্য কোনও জায়গা থেকে ফান্ড আনার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারব। ঢাকায় কী করতে হবে?’
তনবীর বলল, ‘আমার কাছে এইসব কাঁদুনি গাইবেন না রফিক সাহেব। আপনি খুব ভালো করে জানেন, আমরা ঢাকায় কোন প্ল্যান নিয়ে এগোচ্ছি। এখনই যদি ফান্ড না পাওয়া যায়, তাহলে র আবার আমাদের উপরে চেপে বসবে’।
রফিক বলল, ‘ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে প্ল্যান বলতে হবে। প্ল্যান ছাড়া ফান্ডের কথা আমি কী করে বলব?’
তনবীর বলল, ‘ঢাকার ভারত বিরোধী লবি চিকেন নেক নিয়ে খুবই উৎসাহিত রফিক সাহেব। আপনার ফান্ড সেই উৎসাহকে বাড়াতে সাহায্য করবে’।
রফিক বলল, ‘ঠিক আছে। আমি আপনার কাছে আমার লোক পাঠানোর ব্যবস্থা করছি। আপনি ঢাকার অপারেশন শুরু করুন। এর মধ্যে ইসলামাবাদ আসছেন?’
তনবীর বলল, ‘না। আপনি আপনার লোক পাঠান। আমি ঠিকানা পাঠাচ্ছি’।
রফিক হাসল, ‘তবসসুম আলমের ফ্ল্যাটে তো? আমি পাঠিয়ে দেব’।
তনবীর বিরক্ত হয়ে বলল, ‘আপনি আমার পেছনে লোক লাগিয়েছেন রফিক সাহাব? এটা আমি আশা করিনি’।
রফিক বলল, ‘আপনি ভুল করছেন মিয়াঁ। আপনার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। র যেভাবে মৌলানাকে মারল, আসগর আলিকে মারল…’
তনবীর হেসে উঠল, ‘ওসব ছেলে ভোলানো গল্প আমাকে দেবেন না জনাব। র-এর কী ক্ষমতা আছে আমি জানি। তনবীর এখনও মনে করলে আরেকটা ২৬/১১ করার ক্ষমতা রাখে। আপনি আমার পেছনে লোক পাঠানো বন্ধ করুন। নইলে আমি আপনার পেছনে লোক পাঠাব’।
রফিক বলল, ‘আপনি আমার উপরে খামোখাই রাগ করছেন জনাব। ঠিক আছে, আমি আর আপনাকে বিরক্ত করব না’।
তনবীর বলল, ‘আপনি ফান্ড পাঠান। আমার কাজ আমাকে করতে দিন’। ফোন কেটে দিল তনবীর।
ঘরের দরজা খুলে রান্নাঘরে ঢুকে তবসসুমকে বলল, ‘আমি যখন থাকি না, তখন কে আসে এখানে?’
তবসসুম বলল, ‘কেউ আসে না। কে আসবে?’
তনবীর বলল, ‘অকারণে কেউ বেল বাজায়? ছুতোনাতায় আসে এরকম কেউ আছে?’
তবসসুম বলল, ‘উপরের ফ্লোরে এক লোক আছে, হামজা নাম। অকারণে বিরক্ত করে’।
তনবীর বলল, ‘হামজা?’
তবসসুম বলল, ‘জি’।
তনবীর বলল, ‘ঠিক আছে। আমার খিদে পেয়েছে। খেতে দে’।
তবসসুম বলল, ‘মাংস এখনও কাঁচা আছে। রান্না হতে সময় লাগবে’।
তনবীর তবসসুমের হাত ধরে বলল, ‘ঠিক আছে, রান্না হোক, ঘরে চল’।
তবসসুম বলল, ‘পুড়ে যাবে’।
তনবীর তবসসুমকে চড় মারল। মাথা গরম হয়ে যাচ্ছে তার। কেন হচ্ছে নিজেও বুঝতে পারছে না।
৫৮
রাত হয়েছে।
চেস বোর্ড সাজিয়ে একা একা বসে আছেন তুষার। কলিং বেল বেজে উঠল।
ইরাবতী দরজা খুললেন। চিফকে দেখে ইরাবতী বললেন, ‘তোমাদের এখন এই এক নতুন শুরু হয়েছে তাই না? রাতে ঘুম টুম ভুলে গেছ তোমরা’।
চিফ হাসলেন, ‘তা ভুলেছি। এবার সব রোগ হয়ে যাবে যা বুঝতে পারছি। তুষার কোথায়?’
ইরাবতী বললেন, ‘স্টাডিতে। দেখো একা একা দাবা খেলছে। শেষ বয়সে তোমরা যা শুরু করেছ!’
চিফ হাসতে হাসতে স্টাডি রুমে প্রবেশ করলেন। তুষার বললেন, ‘বসো। আসগরের সেলিব্রেশনটা এখন তোলা থাক। সবাই ফিরলে করা যাবে’।
চিফ বললেন, ‘ফিরবে ফিরবে। এবার দেখছি তুমি আমার থেকে বেশি টেনশন করছ। বলো, তোমার টেনশনের কারণ কী?’
তুষার বললেন, ‘টেনশনের কারণ একটা না। পাকিস্তান আর্মি আছে, আই এস আই আছে, যাদের আমরা টার্গেট করছি তাদের দল আছে। এক্সিট রুটগুলো আরও স্পষ্টভাবে ইভালুয়েট করতে হবে’।
চিফ বললেন, ‘করা হচ্ছে তো। নুরকে কাবুল থেকে দিল্লি পাঠানো হয়েছে। কাল সকালেই আমরা নুরের সঙ্গে কথা বলতে পারব। খাইবার পাখতুনখোয়া থেকে কাবুল হয়ে একজন দিল্লি চলে এসেছে। এটা তো যথেষ্ট আশাব্যঞ্জক’।
তুষার একটা বোড়েকে এগিয়ে দিয়ে বললেন, ‘হ্যাঁ, আশাব্যঞ্জক। কে পি কে তে যে মাইনসগুলো পাতা আছে তাতে নুরের পা পড়েনি ভাগ্য ভালো। কিন্তু মাইনসগুলো খুবই বিপজ্জনক। আবু ইব্রাহিম বুড়ো হতে পারে, কিন্তু সে বুড়োর নেটওয়ার্ক সাংঘাতিক। আই এস আই ইব্রাহিমের কাছে শিশু’।
চিফ বললেন, ‘সি আই এ নিজের হাতে তৈরি করেছিল আবু ইব্রাহিমকে। নেটওয়ার্ক সাংঘাতিক তো হবেই’।
তুষার ঘোড়ায় হাত দিলেন, ‘হ্যাঁ, আবুর বুদ্ধি আছে। সংগঠন ধরে রেখেছে, আই এস আইয়ের সঙ্গে ওর দরদামের ক্ষমতা দুর্দান্ত। আবু আমাদের কম ক্ষতি করেনি। ইম্ফল থেকে আই এস আইয়ের যে ছেলেটাকে ধরা হয়েছিল, সে স্বীকার করেছিল আবু ইব্রাহিম আমাদের নর্থ ইস্টেও কাজ করা শুরু করেছে। নেপালে ওদের ট্রেনিং ক্যাম্প আছে। অদ্ভুত সব প্ল্যান নিয়ে চলে’।
চিফ বললেন, ‘হুঁ, তবে ওর মহিলা আসক্তি খুব’।
তুষার চেস বোর্ড ছেড়ে দিয়ে সোফায় হেলান দিয়ে বললেন, ‘আমি ওর কাছে কাকে মরতে পাঠাব বলো তো? যে যাবে, সে আর ফিরবে না। আমি তো আর শেখাওয়াত নই যে মেয়েদের মানুষ বলেই মনে করি না। আমি সুইসাইড মিশনের পক্ষপাতী নই। যে মেয়েটা আবু ইব্রাহিমকে মারবে, সে যদি বেঁচে থাকে, তাহলে শুধু ভাবো ওরা মেয়েটার কী দশা করতে পারে’।
চিফ উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেলেন, ‘আমি একটা কথা বিশ্বাস করি তুষার, আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, যদি আমরা কোনও পাপ না করে থাকি, তাহলে আমরা ঠিক পথ খুঁজে পাব। আবু ইব্রাহিম মানুষ না, নরপিশাচ। যেখানে নিরীহ মহিলা, শিশুদেরও এরা ছেড়ে দেয় না, উল্লাস করতে করতে খুন করে যে পিশাচগুলো, এদের শাস্তি একদিন হবেই। কাশ্মীরিদের জন্য চোখের জল ফেলে ভিডিও বানায়, আর ওদেরই ঢাল হিসেবে ব্যবহার করে এরা, মারার আগে দু’বার ভাবে না। আবু ইব্রাহিমকে মরতে হবেই’।
তুষারের ফোনে মেসেজ এল। তুষার ফোন দেখে বললেন, ‘সাদিক শেখ আর নুসরতের বয়ান মিলছে। ইউসুফ দেশ ছেড়েছে। সাদিক বলেছিল ইউসুফ আজহার রেস খেলতে দুবাই যায়। নুসরত জানিয়েছে আজ ইউসুফ বেরোয়নি’।
চিফ বললেন, ‘দুবাই রিস্কি হবে না?’
তুষার বললেন, ‘হবে। এসকেপ উইল বি ইম্পসিবল’।
চিফ কী একটা ভেবে নিয়ে বললেন, ‘গান শুনব। মিউজিক সিস্টেম ঠিক আছে?’
তুষার বললেন, ‘হ্যাঁ, চালিয়ে দাও। কাল রফি সাহেবের গান শুনছিলাম। চালাও’।
চিফ মিউজিক সিস্টেম অন করলেন।
চিফ তুষারের সামনে এসে বসলেন। ঘোড়াটাকে আড়াই চাল আড়াআড়িভাবে এগিয়ে দিয়ে বললেন, ‘দুবাই উইল বি টু রিস্কি’।
তুষার হাসলেন। চিফও হাসলেন…।
৫৯
ইসলামাবাদ আই এস আই ইন্টারোগেশন সেন্টার। লতিফ মেঝেয় অচৈতন্য হয়ে পড়ে আছে।
রফিক আহমেদ চেম্বারে ঢুকে চিৎকার করল, ‘ওকে কেউ জাগাও। কথা বলার আছে’।
আকিব চেম্বারে ঢুকল। ঝুঁকে বসে লতিফের শরীরটাকে চেয়ারে বসিয়ে মুখে জলের ঝাপটা দিল। অর্ধেক খুলল লতিফের চোখ। চোখের উপরের অংশ কালো হয়ে গেছে। বাঁ চোখ থেকে রক্ত পড়ছে। রফিক ক্রুদ্ধ কণ্ঠে বলল, ‘ওকে এত মেরেছ কেন? এভাবে কেউ মারে? অশিক্ষিত কতগুলো। এভাবে মারলে কিছু বলবে? আমার মাঝে মাঝে মনে হয় কতগুলো গাধা পুষে রেখেছি। আকবর কোথায়?’
আকবর ছুটে এল। রফিক বলল, ‘ডাক্তার ডাকো। যত তাড়াতাড়ি ওকে সুস্থ করে তোলা যায় তত ভালো। কথা বলাও’।
লতিফ মিনমিন করে বলল, ‘আমি কথা বলতে পারব জনাব। আমাকে জিগ্যেস করতে পারেন’।
রফিক চেয়ারে বসে বলল, ‘মাথায় কী হয়েছিল হঠাৎ করে? র-এর হয়ে কাজ করতে শুরু করলি কেন? আমি জহিরকে নিয়ে চিন্তা করি না। জহিরের বয়স হয়েছিল, ক’দিন আর বাঁচত? তোর কী হয়েছিল সেটা বল। তোকে আমি নিজের হাতে তৈরি করেছিলাম। এক একটা অ্যাসেট তৈরি করতে সময় লাগে। তুই বিগড়েছিস শুনে আমার বেশি খারাপ লেগেছে’।
লতিফ কাঁদতে শুরু করল, ‘জনাব, আমি আর কোনওদিন বিপথে যাব না। আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব’।
রফিক আকবরকে বলল, ‘ডাক্তারকে ফোন করলে? করো এখনই। না করার দরকার নেই, অ্যাম্বুলেন্স ডাকো। ওকে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করো আগে। আমার লতিফকে চাই’।
আকবর বলল, ‘কিন্তু জনাব…’
রফিক আকবরকে ধমক দিল, ‘যা বলছি তাই করো’।
আকবর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে লতিফকে হাসপাতালে পাঠিয়ে দিল।
রফিক চেম্বারে ঢুকে টেবিলের উপর পা তুলে সিগারেট খেতে শুরু করল। আকবর এসে বলল, ‘জনাব, আমি কিছুই বুঝতে পারছি না’।
রফিক বলল, ‘বোঝার দরকার নেই। আলি আসগরের জানাজা হবে আজ মুজফফরাবাদে। সেনাবাহিনীর কেউ যেন না থাকে, বলে দাও। আমার কথা তো সেনারা কেউ শোনে না। পরে ছবি ভাইরাল হলে যেন আমাকে কেউ না বলে। আমি আগে থেকে বলে রাখলাম। ইন্ডিয়া থেকে আলি আসগর নিয়ে কী আপডেট আছে? পলিটিকাল পার্টিগুলো কোনও স্টেটমেন্ট দিয়েছে?’
আকবর মাথা নাড়ল, ‘না জনাব। কারও তেমন কোনও উচ্ছ্বাস চোখে পড়েনি। ওখানে কিছু একটা ঝামেলা চলছে এখন। আলি আসগর কোনও কাগজের ফার্স্ট পেজে জায়গা পায়নি’।
রফিক বলল, ‘কী ঝামেলা চলছে?’
আকবর বলল, ‘ইন্টারনাল পলিটিক্স। আমি অতটা ডিপলি স্টাডি করিনি। বরকত এটা নিয়ে পড়ছিল। ওর কাছেই শুনেছি’।
রফিক বিরক্ত মুখে বলল, ‘ইন্ডিয়া নিয়ে ইন্ডিয়ার থেকে বেশি আমাদের জানা উচিত আকবর। আমি কতবার করে বলব? এটা তোমার থেকে আনএক্সপেক্টেড’!
আকবর বলল, ‘জনাব, আমি আলি আসগরকে নিয়ে এতটাই ব্যস্ত আছি, ইন্ডিয়ার লেটেস্ট ডেভেলপমেন্ট নিয়ে কোনও খবর রাখতে পারিনি। আমি কি দেখে আপনাকে বলব?’
রফিক বলল, ‘হ্যাঁ। বলবে। ইন্ডিয়ার সব কিছু আমাদের নখদর্পণে রাখতে হবে। এবার শোনো, লতিফের ফ্যামিলিকে যারা সরিয়ে নিয়েছে, তাদের অ্যাক্সেসটা আমার চাই। লতিফকে সুস্থ করতে হবে’।
আকবর বলল, ‘তারপর?’
রফিক হাসল, ‘পাকিস্তানের মধ্যেই তো সব হচ্ছে। তারপর কী করতে হবে, সেটা কি আমি বলে দেব?’
আকবর শ্বাস ছাড়ল এবার, ‘তাই বলুন জনাব। আমি শুধু ভেবে যাচ্ছি আপনার কী হল হঠাৎ করে। জহিরভাইকে নিয়ে এরকম স্টেটমেন্ট কী করে দিলেন আপনি!’
রফিক বলল, ‘লতিফকে সুস্থ করে আবার কাজ দেবার ব্যবস্থা করতে হবে। ওকে করাচিতেই পাঠাবে আবার’।
আকবর বলল, ‘একই জায়গায়?’
রফিক বলল, ‘হ্যাঁ। একই জায়গায়’।
আকবর ইতস্তত করে বলল, ‘র সন্দেহ করবে’।
রফিক বলল, ‘করুক’।
আকবর বলল, ‘ঠিক আছে। আমি হাসপাতালে খবর নিচ্ছি’।
রফিক মাথা নাড়ল। আকবর ঘর থেকে বেরিয়ে গেল।
রফিক বসে বসে সিগারেট ফুঁকে যেতে লাগল।
