ব্লু উইংস – ২৫

২৫

রাত সাড়ে এগারোটা।

লাহোরের ফয়জল টাউন। ঘিঞ্জি বাজারের বাইরের দিকে একটা টিভি সারাইয়ের দোকানের ঝাঁপ বন্ধ হতে যাচ্ছিল। এদিকটা লোকজন কম।

‘এবার বসন্তে পশ্চিম থেকে ভালো স্ট্রবেরি আসবে’।

দোকানের মালিক নুর চমকে পিছনে ফিরে তাকালেন। সঙ্গে সঙ্গে শাটার তুলে বললেন, ‘আসুন’।

তথাগত দোকানের ভেতরে প্রবেশ করল।

নুর বললেন, ‘সিঁড়ি বেয়ে উপরে চলে যান’।

একটা সংকীর্ণ সিঁড়ি। তথাগত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছাদ নিচু, মাথায় লাগছে। মেঝেয় নোংরা কার্পেট। সে কোনওরকমে বসল। নীচ থেকে নুর উঠে এসে বললেন, ‘কোনও সমস্যা হয়েছে?’

তথাগত বলল, ‘সমস্যা হয়েছে নাকি জানি না। জানার চেষ্টা করছি’।

নুর বললেন, ‘মানে?’

তথাগত বলল, ‘একটা ছেলে আমার ক্যুপে ছিল। স্টেশনে ছেলেটাকে বিদায় দেবার পরে যখন আমি পার্কে গেলাম, নজর পড়ল ছেলেটা আমাকে খুঁজে চলে এসেছে। কেন এসেছে জানি না, জানার প্রয়োজনীয়তা বোধ করিনি’।

নুর বললেন, ‘নিয়মও নেই। ঠিক করেছেন। প্ল্যান কী?’

তথাগত বলল, ‘আজ রাতে ইসলামাবাদের ট্রেনে ওঠার প্ল্যান ছিল। এখন বুঝতে পারছি না, কী করব?’

নুর বললেন, ‘একটা দিন দেখুন। কোথাও কোনও লুক আউট নোটিস জারি হয়েছে নাকি দেখা যাক। তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে’।

তথাগত বলল, ‘ঠিক আছে। আপনি বেরিয়ে যাচ্ছিলেন?’

নুর বললেন, ‘হ্যাঁ, আমি সকালে আসব। আপনার কিছু খাওয়া হয়েছে?’

তথাগত বলল, ‘হয়েছে। আমার জন্য পানির ব্যবস্থা করে যান, তাহলেই হবে’।

নুর একটা জলের বোতল এনে দিলেন, ‘আজকের রাতটা ব্যবস্থা করে নিন, কাল নিয়ে আসব। দোকানের পেছনেই টয়লেট আছে, বাইরে যেতে হবে না। আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। নীচেও শুতে পারেন। তবে নিরাপত্তার জন্য উপরটাই ঠিক আছে’।

তথাগত বলল, ‘ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে’।

নুর বললেন, ‘ধন্যবাদের দরকার নেই। এটা আমার কাজ। সকালে দেখা হবে’।

তথাগত বলল, ‘ঠিক আছে’।

নুর শাটার বন্ধ করে চলে গেলেন। তথাগত শুতে চেষ্টা করল। একটা বিচ্ছিরি দুর্গন্ধ আসছে। তথাগত চোখ বন্ধ করল। এসবে তার কিছু হয় না।

পায়ের উপর পা তুলে নাচাতে লাগল।

ফোন অন করা যাবে না এখন। অথচ রিমির সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছিল। রিমি অবচেতনে থাকে। সমস্যায় পড়লে জেগে ওঠে। একটা নিজের সংসার। সে রান্না করে রিমিকে খাইয়ে দেবে। বিকেলে একসঙ্গে সিনেমায় যাবে। হল থেকে বেরিয়ে ফুচকা খাবে। রাতে কোনও ভালো রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনার।

একদিন অবসর নেবেই সে।

তুষার স্যার যাই বলুন, চিফ যাই বলুন, সে কারও কথা শুনবে না। গান বাজাবে, ভয়ে লুকিয়ে থাকতে হবে না কোথাও। নিশ্চিন্তে রিমির বুকে মাথা রেখে শুয়ে থাকবে দিনের পর দিন।

সাত-পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম ভাঙল শাটার খোলার শব্দে। গা ঢাকা দিতে হতো হয়তো, তথাগতর ক্লান্তি লাগছিল। সে শুয়েই রইল।

নুর উপরে এসে বললেন, ‘সারা রাত ঠিক করে ঘুমাতে পারিনি। সারাক্ষণ মনে হচ্ছিল, আপনাকে যদি কেউ এখানে ঢুকতে দেখে নেয়, তাহলে কী হবে! আল্লাহ রক্ষা করেছেন। কেউ দেখতে পায়নি’।

তথাগত খুশি হল, ‘যাক। থানায় কোনও রিপোর্টিং হয়েছে? পুলিশ বা অন্য কোনও এজেন্সির অতি সক্রিয়তা?’

নুর বললেন, ‘নেগেটিভ। তবে অন্য কোনও লেভেলে হয়ে থাকলে জানি না’।

তথাগত বলল, ‘হলেও আমার উপায় নেই। আজ রাতে ইসলামাবাদ যেতেই হবে। গাড়ির ব্যবস্থা করা যাবে’?

নুর বললেন, ‘আমার নিজেরই গাড়ি আছে। আমি নিয়ে যাব’।

তথাগত মাথা নাড়ল, ‘না। সেটা করা যাবে না। আপনার কভার এক্সপোজ করা যাবে না। অতটা ঝুঁকি আমি নিতে পারব না’।

নুর বললেন, ‘আমি নিতে পারব। আপনাকে আমি একা ছাড়তে পারব না। রাওয়ালপিন্ডিতে আমার শ্বশুরবাড়ি। আমি নিয়ে যাব। রাতেই বেরোব। পাঁচ-ছ’ঘণ্টা লাগবে। ভোরবেলা পৌঁছব’।

তথাগত একটু ভেবে নিয়ে বলল, ‘ঠিক আছে। আরেকটা কাজ করা যাবে?’

নুর বললেন, ‘বলুন’।

তথাগত জাহাঙ্গীরের ঠিকানা মনে করে বলল, ‘এই ঠিকানায় জাহাঙ্গীর সত্যিই থাকে নাকি ভেরিফাই করা দরকার। ওর ডিটেলসও। আশা করব ও আই এস আই এজেন্ট না’।

নুর বললেন, ‘হয়ে যাবে। আমি দোকান বন্ধ রাখছি আজ। আপনার খাবার এনেছি। খেয়ে নীচেও শুতে পারেন। রাতে আসছি’।

তথাগত বলল, ‘ফোনের ব্যবস্থা? আমাকে দিল্লিতে যোগাযোগ করতে হবে।’

নুর বললেন, ‘নিয়ে এসেছি’।

তথাগত খুশি হল, ‘অসংখ্য ধন্যবাদ’।

২৬

দিল্লি, রাত দশটা। এক পাঁচতারা হোটেলে হাই প্রোফাইল মিটিংএর পর ডিনার চলছে।

প্রতিরক্ষামন্ত্রী একটু দূরে দাঁড়িয়ে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন।

তুষার প্লেটে নান নিচ্ছিলেন। মাথুর ননভেজ কাউন্টারে রীতিমতো লড়াই করে খাবার নিচ্ছেন। চিফ তুষারের কাছে এসে বললেন, ‘কী হে তুষার, তোমার কি এখন নর্থ ইন্ডিয়ান খেতে ইচ্ছে হচ্ছে নাকি?’

তুষার বললেন, ‘হ্যাঁ। এ তো পুরোপুরি মুডের ব্যাপার। আজ একটু চড়া ওয়েদার, আজ নর্থ ইন্ডিয়ান খাব। তুমি কী খাবে?’

চিফ বললেন, ‘সাউথ ইন্ডিয়ান। আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে ধোসা কাউন্টারে যাব!’

তুষার বললেন, ‘তো চলো, ওদিকটাও দেখে নিই’।

চিফ বললেন, ‘চলো’।

তুষার একটু ডাল নিলেন।

সাউথ ইন্ডিয়ান কাউন্টারে ধোসা অর্ডার দিয়ে টেবিলে বসলেন দু’জনে। চিফ বললেন, ‘কী খবর এখন? অল কোয়ায়েট?’

তুষার বললেন, ‘করাচি থেকে লাহোরে রওনা দিয়েছে’।

চিফ বললেন, ‘যাক। আশা করি সব ঠিক আছে?’

তুষার বললেন, ‘চিন্তার কিছু নেই। একটু সাবধানে থাকতে হবে এই যা’।

চিফ বললেন, ‘কেন, তুমি এরকম দ্বিধাগ্রস্ত হচ্ছ কেন? তথাগত তো খুবই এফিসিয়েন্ট অফিসার! ধার কমে গেছে নাকি?’

তুষার বললেন, ‘হতে পারে। বহুদিন অফিস জব করছে তো। সংসার টংসার করার ইচ্ছে হয়েছে হয়তো। একবার এ দেশে চলে গেলে অনেকেরই ধার কমে যায়। অবশ্য ব্যতিক্রমও আছে’।

চিফ চোখ বড় বড় করলেন, ‘তুমি কি বলতে চাইছ, আমার ধার কমে গেছে?’

তুষার হো হো করে হেসে উঠলেন, ‘না না, তুমি এক্ষেত্রে ব্যতিক্রম। পার্সোনালি নিও না’।

চিফ বললেন, ‘না, আমিও মজা করলাম, তবে হ্যাঁ, তুমি খুব একটা ভুল কিছু বলোনি। সারাক্ষণ ওদেশে সতর্ক থাকতে থাকতে একবার এদেশে চলে আসার পর কিছুটা সমস্যা তো হতেই পারে। সবাই আর সায়ক বড়াল না’।

তুষার বললেন, ‘টাচ উড, কিছু না হোক। যা বড় একটা ফাঁড়া কেটেছিল’।

চিফ বললেন, ‘সায়ককেও এবার ফেরানোর সময় হয়েছে। আগেও একবার ভেবেছি, তোমাকে বলব যে সায়ককে ফেরানো দরকার। সায়ককে অনেকেই চেনে। পাকিস্তান ওর জন্য একবারেই নিরাপদ না’।

ধোসা এসে গেছিল। চিফ খেতে শুরু করলেন।

তুষার বললেন, ‘হ্যাঁ। আমার সেটাই ইন্সট্রাকশন আছে। তবে এই মুহূর্তে এতজন যাচ্ছে। সায়ক কোঅরডিনেট না করলে সমস্যা বাড়বে। ও হাতের তালুর মতো পাকিস্তানটা চিনে গেছে। আমার সন্দেহ আছে, অনেক আই এস আই এজেন্টও ওর মতো পাকিস্তান চেনে না’।

চিফ বললেন, ‘আমিও খারাপ চিনতাম না। কিন্তু সেফটি ফ্যাক্টরটা ভীষণ প্রয়োজনীয় বস্তু। সৈকতের ক্ষেত্রেও আমি এক কথা বলি, কিন্তু সে শুনলে তো! ওকে পেলে ওরা যে কী করবে!’

দুঃখিত ভাবে মাথা নাড়লেন চিফ। তুষার বললেন, ‘তোমাকে একটা খবর দিই। আই এস আই এর মধ্যেও এখন টানাপোড়েন শুরু হয়েছে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর নজরদারি করছে, গোয়েন্দাগিরি করছে, নিজেরা নিজেদের কাজকর্ম মনিটরিং করছে। পাকিস্তান মনে হয় আরেকবার স্বাধীন হবার দরজায় দাঁড়িয়ে’।

চিফ বললেন, ‘জানা কথা! ওই শাহবাজ আলমের মতো মিনমিনে লোক পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বেশিদিন টিকতে পারে না। ওকে ওরা সরাবেই’।

তুষার বললেন, ‘আসগর আলি থাকা অবস্থায় পারবে না। শাহবাজের উপরে আসগরের হাত আছে। ডিফেন্স ডিলের কাটমানির বিষয়টাকে ভুললে চলবে না’।

মাথুর সাউথ ইন্ডিয়ান কাউন্টারের দিকে চলে এসেছেন। তাদের দেখে বললেন, ‘সব কিছু টেস্ট করা উচিত, কী বলেন স্যার?’

চিফ বললেন, ‘সাত আটপিস চিকেন খেলে মাথুর! এখন এখানে কী খাবে?’

মাথুর বললেন, ‘ইডলি খাব ভাবছি। খাব?’

চিফ গম্ভীর গলায় বললেন, ‘ভোর চারটেয় আমার বাড়ি চলে আসবে। আমার সঙ্গে হাঁটতে বেরোবে। আমি এগুলো কিছুতেই বরদাস্ত করব না’।

মাথুর পালিয়ে বাঁচলেন। তুষার হাসতে হাসতে বললেন, ‘বেচারা খেতে ভালোবাসে। এভাবে ঘাবড়ে দিলে?’

চিফ বললেন, ‘আরে পেট ফেটে মরে যাবে। তুমি ওর প্লেট দেখেছিলে?’

তুষার বললেন, ‘তা তো বটেই। ভালো হয়েছে তুমি বলেছ। ঘরের লোক বললে তো শুনবে না। তোমার কথায় কাজ হয়েছে’।

চিফ বললেন, ‘এত এফিসিয়েন্ট একজন অফিসার, অথচ এসব করছে। খান কোথায় গেল?’

তুষার বললেন, ‘আসেনি। তথাগতকে মনিটর করছে’।

চিফ বললেন, ‘ওর জন্য তবে খাবার নিয়ে যেও। বেচারি ওই এক খাবার খেয়ে কাটাবে নাকি?’

তুষার বললেন, ‘সে তোমার চিন্তা করতে হবে না। মাথুর ঠিক নিয়ে যাবে। মাথুর থাকতে খানের কোনও চিন্তা নেই’।

চিফ হাসলেন, ‘ঠিক বলেছ। আমি ভুলেই গেছিলাম’।

২৭

‘তোমাকে কে বলেছিল সরাসরি ওই দোকানে ঢুকে যেতে?’

‘মানে? কেন?’

‘আরেকটু হলেই সমস্যা তৈরি হতো। এরকম আর করবে না’।

‘জি জনাব’।

‘আলতাফকে শুধু ফলো করবে। আর কিচ্ছু না’।

‘জি জনাব। আপনি কি সন্দেহ করছেন জনাব আলতাফ র এর লোক?’

জহির তাকে ডেকে পাঠিয়েছিল দুপুরের দিকে। ওরাঙ্গি টাউনের অন্য দিকে। একটা ড্রাই ফ্রুটসের দোকানের ভেতরে গিয়ে জহিরের দেখা পেয়েছে লতিফ।

লতিফের প্রশ্নের উত্তরে জহির বলল, ‘জানি না। এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। তুমি শুধু নজর রেখে যাও’।

লতিফ হতাশ হল, ‘কিছু না বললে আমি কী করে বুঝব? কিছু তো বলুন। নিজের দেশের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হচ্ছে, ছেলেটাকে একদিন ধরে দুটো চড় থাপ্পড় দিলেই তো সব বলে দিত। এত গোপনীয়তা কীসের?’

জহির স্থির চোখে বসে আছে। লতিফের প্রশ্ন শুনেছে বলে মনে হল না। কাজু নিয়ে খেতে শুরু করল।

লতিফ বলল, ‘কিছু তো বলুন জনাব’।

জহির বলল, ‘ভাসানি সুইটসের মালিকের সঙ্গে পরিচয় হয়েছে?’

লতিফ মাথা নাড়ল, ‘জি। বুড়ো লোক ভালো। আমাকে রাতে আশ্রয় দিল। আমি অতটা আশা করিনি’।

জহির বলল, ‘হ্যাঁ, রহমান সাহেবের ইম্প্রেশনটা সেরকমই। দেশের বিভিন্ন কাজে মোটা চাঁদা দেয়। বাইরে থেকে দেখলে ভালো মানুষ বলেই মনে হয়। দেশের বড় বড় জায়গায় ওর পরিচিতি আছে। আই এস আইতেও অনেকে আছে, রহমানের হয়ে কাজ করে। প্রতি বছর রহমান দেশের বাইরে যায়, কখনও হজে যায়, কখনও অন্য কোনও দেশে যায়, বাইরে থেকে আসার পর প্রত্যেকবার বাইরে থেকে যে ছেলেটাকে আনে, তাকে নিজের দোকানে কাজ দেয়। রহমানের টাওয়ার থেকে বাঁচার জন্যই আমি লুকিয়ে দেখা করার কথা বলেছি। হি ইস ভেরি পাওয়ারফুল’।

লতিফ অবাক হল, ‘মানে? রহমান সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে কী করে?’

জহির বলল, ‘লস্করের রিক্রুটার উনি’।

লতিফ চোখ কপালে তুলল, ‘দেখে বোঝা যায় না’।

জহির বলল, ‘দেখে কিছুই বোঝা যায় না। কিন্তু আমি রহমানের থেকে দূরে থাকি। ওর সঙ্গে আমার অনেক কিছু মেলে না’।

লতিফ চুপ করে গেল।

জহির বলল, ‘মৌলানা শাহাবুদ্দিনকে কেউ মেরে গেছে। বালোচরা করতে পারে। আবার এটা লস্করের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যও হতে পারে। আমাকে রফিক সাহেব কোয়েটা যেতে বলেছেন। কয়েক দিন থাকব না। তোমাকে সামলাতে হবে। কয়েকটা জিনিস মাথায় রাখবে। রাতে যে ভুল করেছ, সেটা আর করবে না। সরাসরি ওর দোকানে যাবে না। বরং আলতাফ কখন দোকান থেকে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কার কার সঙ্গে কথা বলছে, সেটা জানা বেশি জরুরি। আলতাফের সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আগে সেটা জানা দরকার’।

লতিফ ঘাড় নাড়ল, ‘ঠিক আছে জনাব। আপনি যেভাবে বলবেন, আমি সেভাবে চলব। আর কোনও ঝামেলা করব না। তবে রহমান সাহেবের ব্রিফিংটা আমাকে আগে দেওয়া উচিত ছিল। ওটা পেলে আমি দোকানে ঢোকার চেষ্টা করতাম না’।

জহির বলল, ‘তুমি প্রথমদিনেই এত অ্যাগ্রেসিভলি অ্যাক্ট করবে, আমি বুঝিনি’।

লতিফ বলল, ‘দেশের মধ্যে যে এত গোপনীয়তা রাখতে হবে, আমিও প্রথমে বুঝিনি জনাব। তা ছাড়া লস্কর তো আমাদেরই…’

জহির মাথা নাড়ল, ‘কেউ আমাদের না। আবার আমাদেরও। একটা ন্যূনতম দূরত্ব থাকবে। শত্রুর সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। কিন্তু বন্ধুর সম্পর্কে তো সবটা জানা দরকার, তাই না? বন্ধু যদি না বলে, তাহলে আমাদের জেনে নিতে হবে’।

লতিফ বলল, ‘আমি কি আরেকটু জানতে পারি? মানে রহমানের ব্যাপারে? ওর উপরেও কি নজর রাখব?’

জহির বলল, ‘না। ওর উপর নজর রাখার কোনও দরকার নেই। আমি ওকে বুঝে নেব। তোমার লিমিটেড অ্যাসাইনমেন্ট। এর বেশি কিছু না’।

লতিফ বলল, ‘আলতাফের সঙ্গে বন্ধুত্ব করার দরকার হলে?’

‘করবে না। দরকার নেই। শুধু নজর রাখো’।

‘জি জনাব’।

‘যাও। আবার কাজ শুরু করো। বস্তিতে হানিফের সঙ্গে গিয়ে দেখা করো। এই কাগজটা নিয়ে যাও’। পকেট থেকে একটা ছোট কাগজ বের করে লতিফের দিকে এগিয়ে দিল জাহির।

লতিফ দোকান থেকে বেরোল। জহিরের সঙ্গে কথোপকথনের সবটাই রেকর্ড করেছে সে। শিস দিতে দিতে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিল।

২৮

রাত একটা। নুরের গাড়িতে উঠে তথাগত বলল, ‘তিন থেকে চার ঘণ্টা লাগবে। তাই তো?’

নুর বললেন, ‘হ্যাঁ। যদি না চেকিং হয়। যদিও মোটরওয়েতে অত ঝামেলা নেই। আপনি পেছনের সিটে বসুন। সামনের সিটে বসলে মুখে হেডলাইটের আলো পড়বে। ঝুঁকি হয়ে যাবে’।

তথাগত বলল, ‘কোনও সমস্যা নেই। আমি পেছনেই বসছি’।

গাড়ি স্টার্ট করলেন নুর। তথাগত বলল, ‘জাহাঙ্গীরের ব্যাপারে কিছু জানা গেল?’

নুর বললেন, ‘না। সেরকম কিছুই জানা গেল না। হতে পারে আপনাকে পছন্দ হয়েছিল। হোমো সেক্সুয়াল কিনা জানা যায়নি’।

তথাগত কাঁধ ঝাঁকাল, ‘কে জানে। এদিকে রক্ষণশীলতা বেশি। ফলে… হতে পারে। হয়তো কোনও কারণ ছাড়াই একটা দিন নষ্ট করলাম’।

নুর বললেন, ‘কোনও থানায় নতুন করে কোনও লুক আউট নোটিসও নেই’।

তথাগত বলল, ‘ঠিক আছে’।

কিছুক্ষণের মধ্যে শহর ছাড়িয়ে মোটরওয়েতে উঠল গাড়ি। নুর বললেন, ‘এই রাস্তায় মাঝে-মাঝেই ওরা যুদ্ধ বিমান নামানোর ট্রায়াল দেয়’।

তথাগত বলল, ‘হ্যাঁ। দেখেছি একবার। তবে রাস্তাটা ভালো। ইসলামাবাদ যাবার জন্য লাহোর থেকে গাড়িই বেটার অপশন’।

নুর বললেন, ‘সবক’টা স্টেশনে হাই অ্যালার্ট রেখেছে ওরা। বালোচদের কিছুতেই বিশ্বাস করতে পারছে না। একটার পর একটা আত্মঘাতী হানার খবর আসছে ওদের এলাকাগুলো থেকে। আই এস আই মনে করছে, বালোচরা এদিকেও চলে আসতে পারে’।

রাতের আকাশ পরিষ্কার। একটা প্লেন চলে গেল বোধহয়। ওই প্লেনে কি রিমি আছে? রিমি কোথায় আছে?

নাহ্‌। ভাবা যাবে না ওর কথা। অন্য কথা ভাবতে হবে।

নুর বললেন, ‘স্পিড লিমিট ১২০ এখানে। রাস্তাটা ভালো, তবে রাতের বাসগুলোর জন্য গতি বাড়ানো যায় না’।

তথাগত বলল, ‘বাড়ানোর দরকার নেই নুর মিয়াঁ। আমাদের সবাইকে আগে বেঁচে থাকতে হবে, তারপর তো বাকি কাজ’।

কথাটা বলে চুপ করে গেল সে। একটা সময় ছিল, বেঁচে থাকতেই ইচ্ছে করত না তার। সবকিছু অর্থহীন বলে মনে হতো। এতদিন পরে সে দিনগুলোর কথা মনে পড়ে গেল।

স্মৃতি সুখের নয়।

পাহাড় চোখে পড়ছে। নুর বললেন, ‘যা বলেছেন। আমার তো একটা দিনও রাতে ঠিক করে ঘুম হয় না। শুধু মনে হয়, এই বোধহয় পাকিস্তানি আর্মি মাথায় বন্দুক ঠেকিয়ে ওদের জেলে নিয়ে যাবে। যা অকথ্য অত্যাচার করে ওরা… উফ’।

তথাগত বলল, ‘আমাকে ইসলামাবাদ নামিয়ে আপনি পাকিস্তান থেকে বেরিয়ে যাবেন নুর। আপনাকে আর লাহোরে থাকতে হবে না’।

নুর অবাক হয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন, ‘মানে? আমাকে এটা আগে বলেননি কেন? আমার ফ্যামিলি আছে এখানে’।

তথাগতর নিজের উপর রাগ হচ্ছিল। রাস্তার মাঝখানে কথাগুলো না বললেই ভালো হতো। কিন্তু উপায় নেই। বলেছে যখন, তখন বুঝিয়ে বলাই ভালো।

সে বলল, ‘আপনার এখানে থাকাটা আপনার জন্য প্রবল ঝুঁকির হয়ে যাবে। বিলিভ মি, আমাকে ইসলামাবাদ পৌঁছে আপনি পাকিস্তান ছাড়ার ব্যবস্থা করুন’।

নুর মাথা নাড়লেন, ‘আমার ছেলে মেয়েকে ফেলে রেখে আমি কোথাও যাব না। যা হবে দেখা যাবে’।

তথাগত একটু চুপ করে থেকে বলল, ‘চলুন নুর। দেরি হয়ে যাচ্ছে’।

নুর কেঁদে ফেললেন। বললেন, ‘আমি এই দিনটার ভয় পেতাম জানেন। আমি বারবার বলেছিলাম, বিয়েটা আমাকে করাবেন না। যে মেয়েটা কোনও দোষ করেনি, যে বাচ্চাগুলো কিচ্ছু জানে না, তাদের জড়াবেন না। শোনেনি। আমাকে বলা হল, আমার কোনও কিছুই বিশ্বাসযোগ্য হবে না, যদি না আমি বিয়ে করি। আপনিই বলুন, ওরা কী দোষ করেছে?’

তথাগতর চোখও ভিজে উঠল। নুরের কাঁধে হাত রাখল সে, ‘আমি বুঝতে পারছি নুর। কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি অন্য কোনও সলিউশন দিতে পারব না। আই এস আই ঠিক জেনে যাবে, আমি এসেছিলাম’।

নুর চিৎকার করে উঠলেন, ‘আপনি এসেছিলেন কেন? অন্য কোথাও থাকতে পারলেন না?’

তথাগত বলল, ‘আমি ঝুঁকি নিতে পারিনি নুর। হোটেল বা অন্য কোথাও থাকলে ওরা পেয়ে যেত আমাকে। যদি জাহাঙ্গীর আই এস আই এজেন্ট হয়, আমাকে ঠিক বের করে ফেলত’।

নুর গাড়ি স্টার্ট করলেন, ‘আমার সব কিছু শেষ হয়ে গেল। সব কিছু’।

তথাগত বলল, ‘মিথ্যে কথা বলে আপনার মন খারাপ করব না নুর। মন শক্ত করুন। আপনাকে এমন দিনের ট্রেনিং দেওয়া হয়েছে। আপনার দেশের প্রতি কর্তব্যের কথা মনে করুন’।

নুর বললেন, ‘বই আর জীবন এক না। আপনি বুদ্ধিমান, জানেন আমি কী বলতে চাইছি’।

তথাগত আর কিছু বলল না। চুপ করে গেল…

২৯

ওরাঙ্গি টাউন।

এশিয়ার বৃহত্তম বস্তি বসতি। ড্রেনগুলো বেশিরভাগ বন্ধ হয়ে যাবার ফলে দুর্গন্ধে ভরে উঠেছে চারদিক।

লতিফ নাকে রুমাল দিয়ে বস্তিতে ঢুকেছে। বস্তির কাউকে দেখে অবশ্য বোঝা যাচ্ছে না এই দুর্গন্ধে তাদের কোনও অসুবিধা হচ্ছে। এই পরিবেশেই মানিয়ে নিয়েছে।

বেশ খানিকটা যাবার পর একটা ঝুপড়ির সামনে দাঁড়াল সে। দরজার রং এখানে ঝুপড়ি চেনার উপায়। মেরুন রঙের দরজা দেখে লতিফ হাঁক পাড়ল, ‘হানিফ, ও হানিফ ভাই’।

দরজা খুলে গেল। হানিফ বেরিয়ে এসে বলল, ‘কে তুমি?’

লতিফ তার হাতের একটা কাগজ এগিয়ে দিল হানিফের দিকে। হানিফ সেটা দেখামাত্র পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, ‘ভেতরে এসো’।

লতিফ ঝুপড়িতে প্রবেশ করল। হানিফ দরজা বন্ধ করে বলল, ‘জহিরভাই আমাকে বেশ কিছুদিন আগে থেকেই আলতাফের পেছনে যেতে বলেছে। আমি কিন্তু তেমন সন্দেহজনক কিছু পাইনি। দোকানে যায়, কাজ করে, অনেক রাতে ফেরে, পরের দিন আবার যায়। আমি কিছু পাইনি দেখেই মনে হয় তোমায় ডেকে পাঠিয়েছে’।

লতিফ বলল, ‘জানি। আলতাফ সম্পর্কে আমাকেও একই কথা বলেছেন। আলতাফের কোনও বন্ধু নেই?’

হানিফ বলল, ‘না। এখানে তেমন কেউ দেখা করতে আসেনি’।

লতিফ বলল, ‘ফোন ব্যবহার করে?’

হানিফ বলল, ‘করে। ফোন করতে দেখেছি’।

লতিফ ভাবতে চেষ্টা করল। আলতাফের ফোন যদি খোয়া যায়, তাহলেও সন্দেহ করবে। আলতাফকে কাজে ব্যস্ত করে ওর ফোনটা ঘাঁটার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু জহির বেশি ঝুঁকি নিতেও বারণ করেছে।

লতিফ উঠল। বলল, ‘আমি ফোন করব। আপাতত বেরোচ্ছি। রহমান আবার কবে বাইরে যাবে কোনও খবর আছে?’

হানিফ বলল, ‘না। পেলে জানাচ্ছি’।

লতিফ ঝুপড়ি থেকে বেরোল। দুজন যুবকের মধ্যে মারপিট লেগেছে। একজন অপরজনকে মেরে মুখ থেকে রক্ত বের করে দিয়েছে।

লতিফ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। একজন একটু বেশি শক্তিশালী। পৃথিবীটাই এরকম। জোর যার, মুলুক তার। একদল ওদের নিয়ে বাজি ধরতে শুরু করল। কারও-কারও মনে হচ্ছে যে মার খাচ্ছে, সে বেশ কিছুক্ষণ মার খাবার পর পালটা দেবে। বেশিরভাগ লোকই যে মারছে তার উপর বাজি ধরছে।

লতিফ মারপিটের থেকে বাজি ধরার পদ্ধতিটা উপভোগ করছিল, এমন সময় তার চোখে পড়ল জটলাটা থেকে একটা চেহারা প্রায় দৌড়ে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেল।

মুখটা এক পলকের জন্য দেখতে পেরেছিল সে। অস্ফুটে একটা নাম বলে উঠল লতিফ। পরক্ষণেই ভিড় ঠেলে ওপাশে গিয়ে ঠাহর করার চেষ্টা করল, লোকটা কোনদিকে গেছে। চারটে গলি চারদিকে চলে গেছে। গলির ভেতর আরও অসংখ্য গলি। শত সহস্র ঝুপড়ি। লতিফ ফোন বের করে জহিরকে ফোন করল। একবার রিং হতেই জহির ফোন রিসিভ করে বলল, ‘হানিফের সঙ্গে দেখা হয়েছে?’

লতিফ বলল, ‘হয়েছে, কিন্তু আমি হানিফের ব্যাপারে বলার জন্য ফোন করিনি’।

‘তবে?’

‘আমি ওরাঙ্গি টাউনে বশিরকে দেখলাম’।

‘কী?’

‘হ্যাঁ’।

‘তুমি শিওর তো?’

‘একশো পারসেন্ট। মুখ দেখে প্রথমেই চিনেছিলাম। তারপরেই যখন আমাকে দেখে ও গা ঢাকা দিল, আর তো সন্দেহ হবার কথা না’!

‘পালিয়ে যাবে কোথায়? লাভ নেই। ঠিক ধরা পড়বে। লাহোরে ছিল, এখন তার মানে করাচিতে ঢুকেছে। আর কেউ ছিল ওর সঙ্গে?’

‘থাকলেও চিনতে পারব না। ওকে আমি লাহোরে দেখেছি বলে চিনতে পেরেছি। ওকে আমার চাই। যেভাবেই হোক। আমি ওকে বাঁচিয়ে রাখব না। ও আমার অনেক বড় ক্ষতি করেছে’।

‘ঠিক আছে। মাথা গরম করার দরকার নেই। আমি দেখছি ওকে কোথায় পাওয়া যায়। ওরাঙ্গি টাউন যত বড় জায়গা হোক, আমার তালুতে থাকে। সব বেরিয়ে যাবে। তুমি আলতাফে নজর দাও’।

‘জি জনাব। কিন্তু আলতাফের সঙ্গে বশিরের কোনও যোগাযোগ থাকে যদি?’

‘একবার ধরা পড়ুক। সব বের করে নেব’।

ফোন কেটে গেল। লতিফের অস্বস্তি হচ্ছিল। বশির এখানে… মানে রাইফেল এখন করাচিতে কী প্ল্যান করছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *