ব্লু উইংস – ১২০

১২০

মাঝরাতের ফ্লাইটে মাহির মুখ ঢেকে তাকে করাচিতে নিয়ে আসা হয়েছে। সারা রাস্তা একবারও মুখ বের করতে দেওয়া হয়নি তাকে। আবু ইব্রাহিমের চারজন সঙ্গী তাকে ঘিরে ছিল।

করাচিতে এসে বিগ অ্যাপার্টমেন্টে মাহিকে তোলা হয়েছে। ফ্ল্যাটের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর বার বার জিগ্যেস করা সত্ত্বেও কেউ তাকে জানায়নি কেন আবার করাচিতে নিয়ে যাওয়া হচ্ছে।

সকালবেলা মাহি একবার দরজার পিপ হোলে চোখ রেখে বাইরের দিকে দেখেছিলেন। বাইরে কেউ নেই। একবারে ফাঁকা। ফ্ল্যাটের দরজা অনেক কসরত করেও খুলতে পারেননি, শেষমেশ হাল ছেড়ে দিয়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলেন। দুপুরে দরজায় শব্দ পেয়ে উঠে বসলেন।

দরজা খুলে আবু ইব্রাহিমের এক সঙ্গী ঘরে ঢুকেছে। হাতে একটা প্যাকেট। টেবিলের উপর রেখে প্যাকেটটা রেখে বলল, ‘খাবার। খেয়ে নেবেন’।

মাহি মাটিতেই বসে রইলেন।

পরক্ষণে যে ঘটনাটা ঘটল, সেটা মাহি বুঝতেই পারেননি। প্যাকেটটা টেবিলের উপর রেখে লোকটা ঘর থেকে বেরোতে যেতেই হুড়মুড় করে ঘরের ভেতরে এসে পড়ল। লোকটা আর্তনাদ করছিল। মাথা রক্তে ভেসে যাচ্ছে। বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকল আনিস। তার হাতে একটা হাতুড়ি। মাহিকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। আবু ইব্রাহিমের লোকটা ওঠার চেষ্টা করছিল, আনিস আবার ওর মাথায় একটা হাতুড়ির বাড়ি মেরে ওকে চুপ করিয়ে দিল।

মাহি কাতর স্বরে বললেন, ‘আমাকে বাঁচান। আপনি যেই হন, আমাকে বাঁচান’।

আনিস মাথা নাড়ল, ‘আসুন, শিগগিরি আসুন’।

মাহি বোরখা পরে আনিসের হাত ধরে ফ্ল্যাট থেকে বেরোলেন। আনিস বলল, ‘সিঁড়ি’।

মাহিকে নিয়ে আনিস সিঁড়ি দিয়ে নীচে নামল। নীচে আবু ইব্রাহিমের লোকেরা বসে গল্প করছে। মাহি বোরখা পরেছিল বলে কেউ চিনতে পারেনি।

আনিস বিগ অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে তার গাড়িতে মাহিকে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মাহি কেঁদে ফেললেন, ‘ওহ আল্লাহ! আমাকে রক্ষা করো, আমি আর পারছি না’।

আনিসের বুক ধড়ফড় করছিল। সে গাড়ির গতি বাড়িয়ে তার গ্রামের বাড়ির দিকে রওনা দিল।

সে নিজেও বিশ্বাস করতে পারছে না, এত কিছু করে ফেলেছে। গত কয়েকদিন সে রোজ বিগ অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে যাতায়াত করেছে। কৌতূহলী চোখে দেখেছে ভেতরে কেউ যাচ্ছে নাকি। রাত হলে পেছনের প্রাচীর টপকেও ভেতরে গেছে।

আগের রাতেই সে আবার গাড়িটাকে বাউন্ডারির ভেতরে ঢুকতে দেখেছে। বোরখা পরা মাহিকে নিয়ে যেতে দেখেছে। সকাল থেকেই তক্কে তক্কে ছিল। বিল্ডিংয়ের মধ্যে প্লাম্বারের ছদ্মবেশে ঢুকে ফ্ল্যাটের বাইরে ওত পেতে ছিল। আবু ইব্রাহিমের লোককে ভেতরে ঢুকতে দেখে কিছু না ভেবেই আক্রমণ করেছে।

সে বলল, ‘আমার মনে হয়, আপনাকে আমি কোথাও দেখেছি’।

মাহি উত্তর দিলেন না। আনিস আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে তাদের গ্রামের রাস্তায় প্রবেশ করল। তার ঘর গ্রামের এক কোণে তালাবন্ধ হয়ে পড়ে থাকে। মাহিকে ঘরের ভিতর নিয়ে বসিয়ে বলল, ‘আপনি ওই ফ্ল্যাটে এর আগেও ছিলেন, তাই না?’

মাহি মাথা নাড়লেন।

আনিস বললেন, ‘কী হতো ওই ফ্ল্যাটে?’

মাহি বললেন, ‘কতগুলো শয়তান থাকত। আমাকে হয়তো কারো কাছে বিক্রি করে দিত বা আমি হয়তো ভাবতেও পারব না এমন কিছু প্ল্যান করেছিল ওরা’।

আনিস মাথায় হাত দিল, ‘ওরে বাবা! এরা তো সত্যিকারের শয়তান। স্বয়ং আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। তাকে ধন্যবাদ’।

মাহি বললেন, ‘আপনি কে?’

আনিস বলল, ‘আমি খুব সামান্য একজন লোক ম্যাডাম। আমি শুধু ওই জায়গাটা সম্পর্কে কৌতূহলী। কতবার যে গেছি। একবার ঢুকতে গিয়ে প্রচণ্ড মারও খেয়েছি। কিন্তু হাল ছাড়িনি কোনওদিন। ছাড়লে হয়তো আপনাকে ওখান থেকে বের করে আনতে পারতাম না’।

মাহি ক্লান্ত কণ্ঠে বললেন, ‘এই জায়গাটা নিরাপদ তো?’

আনিস বলল, ‘জি ম্যাডাম। খুবই নিরাপদ। আমাদের গ্রামের লোকেরা বেশিরভাগ জেলে। তারা এদিকটা আসবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন’।

মাহি স্বস্তির শ্বাস ছেড়ে বোরখা সরালেন।

আনিস অবাক হয়ে বললেন, ‘মাহি বালোচ!’

মাহি বললেন, ‘জি’।

আনিস উঠে বাইরেটা ভালো করে আবার দেখে এল। তেমন সন্দেহজনক কিছু না দেখে আশ্বস্ত হয়ে এসে বলল, ‘ম্যাডাম, আপনাকে গোটা দেশের লোক পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কেউ বলছে আপনি লুকিয়েছিলেন, কেউ বলেছে আপনাকে মার্ডার করে রাখা হয়েছে, কিন্তু আমি এখন নিশ্চিত যে আপনাকে এরাই এখানে লুকিয়ে রেখেছিল। আর এই লোকগুলো খুব একটা সাধারণ কিছু না। এরা আপনাকে পেলে বাঁচিয়ে রাখবে না’।

মাহি কেঁপে উঠলেন, ‘আমি জানি। আমাকে যে করে হোক পাকিস্তান থেকে বেরিয়ে যেতে হবে, নইলে এরা আমাকে শেষ করে দেবে। আপনি আমাকে সাহায্য করুন, আপনার পায়ে পড়ি’।

আনিস বলল, ‘আমরা গরিব মানুষ ম্যাডাম। কিন্তু কাউকে ক্ষতি করতে দেব না এ কথা আমি আপনাকে দিচ্ছি। আমাকে একটু ভাবার সময় দিন। কিছু না কিছু উপায় ঠিক বের করে ফেলব’।

মাহি আবার কেঁদে ফেললেন। কিছুতেই তিনি সুস্থির হতে পারছেন না…।

১২১

ভোর চারটে।

নুসরত দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছে। তার চোখ বন্ধ। মিজান উশখুশ করছিল।

নুসরত চোখ বন্ধ অবস্থাতেই বলল, ‘তুমি ভাবছ এত নিরাপত্তার মধ্যে ইউসুফকে কিছুই করা যাবে না, তাই না?’

মিজান বলল, ‘ইউসুফের গোটা পরিবার এখানে থাকে। পাকিস্তান ওকে নিরাপত্তা দিচ্ছে। আমাদের উপর নির্দেশ ছিল যারা স্বাভাবিক জীবনযাত্রায় আছে, তাদের টার্গেট করতে হবে। ঠিক সে কারণেই ইউসুফকে কিছু করা যাবে না। আমরা ধরা পড়ে যাব। বহাওয়ালপুরে চাইলে যতদিন খুশি আমরা থাকতে পারি। এখানে ওরা আসবে না। কিন্তু ইউসুফের কাছে যেতেও দেবে না আপা’।

নুসরত বলল, ‘মাদ্রাসার গেটে কোনও সেনা পোস্টিং নেই। আব্বাস দেখে এসেছে’।

মিজান বলল, ‘তাতেও কি সম্ভব হবে? কাজ সেরে বেরোনো বলতে গেলে অসম্ভব’।

নুসরত বলল, ‘আমি এটা করব। এবং এখানেই করব। তাতে যা হয় হবে। তোমার ব্যাগ নাও। বেরোনো যাক। গাড়িটা থাকবে তো?’

মিজান বলল, ‘থাকবে। কিন্তু… যাবেন?’

নুসরত বলল, ‘তুমি রেডি তো?’

মিজান বলল, ‘জি’।

নুসরত চোখ খুলল। উঠে দাঁড়িয়ে বোরখা পরে নিল। কিছুক্ষণ পরে দু’জনে বাইরে এল।

বৃদ্ধ ফরিদ বসে আছেন। নুসরত তার পা ছুঁল। ফরিদ বললেন, ‘সফল হও। বেঁচে থাকো, এটুকুই। আমি অপেক্ষায় থাকব। আশা করব জিনিসটা ঠিকঠাক কাজ করবে’।

নুসরত ঠোঁট কামড়াল। মিজানের হাত-পা কাঁপছে। ফজরের নামাজ এখনও দেরি আছে। ফোয়ারা চকের থেকে বেশ খানিকটা দূরে আর্মিরা টহল দিচ্ছে। নুসরত উলটো দিকের রাস্তায় হাঁটতে শুরু করল।

রাস্তা যেখানে আজহারের মাদ্রাসার দেওয়ালের কাছে গিয়ে শেষ হল, সেখান থেকে দেওয়াল বরাবর একটা জলশূন্য সরু নালা বইছে। নালার এক পাশে দেওয়াল, অপরপ্রান্তে এলাকার ময়লা ফেলার জায়গা। গন্ধে বমি চলে আসছে। নুসরত নালায় নামল।

মিজান চোখ বড় বড় করল, ‘আপা?’

নুসরত বলল, ‘এসো। কিছু করার নেই। একমাত্র এখানেই কেউ থাকবে না’।

মিজান আর কিছু বলল না।

দেওয়ালের উচ্চতা জেলখানার দেওয়ালের মতো। নুসরত প্রায় পাঁচশো মিটার হেঁটে দাঁড়িয়ে গেল। মিজান বলল, ‘বের করব আপা?’

ফজরের নামাজ শুরু হয়েছে। নুসরত চোখ বন্ধ করে বিড়বিড় করল কিছুক্ষণ, তারপর বলল, ‘করো’।

মিজান তার ব্যাগ থেকে ড্রোন বের করল। নুসরত তার ফোন বের করে ডিসপ্লে অন করল। ড্রোন উড়তে শুরু করেছে। প্রাচীরের ওপ্রান্তের রাস্তায় চারজন ধীর পায়ে হাঁটছে। মিজান উত্তেজনায় বলে উঠল, ‘এই তো আপা’!

.

নুসরত ফিসফিস করে বলল, ‘এখনই’।

ড্রোনটা এতক্ষণ যেন অপেক্ষা করছিল। অকস্মাৎ অনেকটা উপরে উঠে গিয়ে দ্রুত ওদের চারজনের দিকে উড়ে গেল। চারজনের কেউই প্রথমে লক্ষ করেনি, হঠাৎ করে ড্রোনটা তাদের দিকে উড়ে যেতেই ঘাবড়ে গিয়ে তারা পালাতে চেষ্টা করল, তবে পারল না। প্রবল বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠল।

নুসরত লাফিয়ে উঠল! মিজান নুসরতের হাত ধরে বলল, ‘পরে আনন্দ করবেন আপা, এখনই চলুন’।

নালা বরাবর দৌড়তে শুরু করল দু’জনে। ভেতর থেকে হই হই শব্দ শোনা যাচ্ছে। নালার অপর প্রান্ত হাইওয়েতে গিয়ে মিশেছে। গাড়িটা ওখানেই অপেক্ষা করছিল। তারা গাড়িতে গিয়ে বসতেই গাড়ি স্টার্ট দিল।

নুসরতের বড় বড় শ্বাস পড়ছিল। ড্রাইভিং সিটে ফরিদ অপেক্ষা করছিলেন। বললেন, ‘কাজ হয়ে গেছে?’

মিজান কাঁপা কাঁপা গলায় বলল, ‘হ্যাঁ। আমরা পেরেছি’।

ফরিদ পকেট থেকে দুটো আইডি বের করে বললেন, ‘লাহোরের আইডি। নামদুটো মুখস্থ করে নাও। আমরা ফকিরওয়ালি যাচ্ছি’।

মিজান কিছু একটা বলতে যাচ্ছিল। পেছন থেকে হুটারের শব্দ আসা শুরু হল। ফরিদ লুকিং গ্লাসে দেখে বললেন, ‘আর্মি’।

নুসরত পিছন ফিরে দেখে শান্ত গলায় বলল, ‘গাড়ি দাঁড় করিয়ে দিন’।

ফরিদ বলল, ‘তুমি নিশ্চিত তো?’

নুসরত বলল, ‘একটাই গাড়ি তো। আইডি দেখিয়ে দেব’।

ফরিদ গাড়ি দাঁড় করিয়ে দিলেন। পেছন থেকে আর্মির পিক আপ ভ্যানটা তাদের গাড়ির সামনে এসে দাঁড়াল। একজন অফিসার গাড়ি থেকে নেমে ড্রাইভারের কাছে এসে বলল, ‘এত সকালে কোথায় চাচা?’

ফরিদ বললেন, ‘আমার পুত্রবধূর আব্বু অসুস্থ হয়ে পড়েছে জনাব, ফোন এসেছে। ফকিরওয়ালি যাচ্ছি’।

‘কাচ নামান’।

ফরিদ কাচ নামিয়ে গাড়ি থেকে নামলেন। অফিসার মিজানের দিকে চোখ ছোট ছোট করে তাকাল। পকেট থেকে ফোন বের করে কিছু একটা মেলাতে যাচ্ছিল, ফরিদ সুযোগ দিলেন না।

কোমর থেকে রিভলভার বের করে অফিসারকে গুলি করলেন।

অফিসার রাস্তায় লুটিয়ে পড়ল।

পিক আপ ভ্যানের পেছনে দু’জন জওয়ান ছিল। তারা নামার আগেই ফরিদ তাদের দিকে গুলি চালালেন। হাইওয়েতে একটা লরি যাচ্ছিল। বৃদ্ধ ফরিদের রণমূর্তি দেখে লরির ড্রাইভার লরি থামিয়ে দিল। আর্মির পিক আপ ভ্যানের ড্রাইভার ড্রাইভিং সিট থেকে নেমে পালাতে যাচ্ছিল। ফরিদ তার পিঠে গুলি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন! ‘সেই কবে নেওয়া কম্যান্ডো ট্রেনিং, এতদিন পর কাজে দিল’।

ফরিদ গাড়ি স্টার্ট দিলেন। মিজান কাঁপছিল। কোনওমতে বলল, ‘আরেকটু হলে আমরা কেউ বাঁচতাম না’।

নুসরত চুপ করে জানলার বাইরে তাকিয়েছিল। ফরিদের ফোন বাজতে শুরু করেছে। ফরিদ ফোনে কথা শেষ করে বললেন, ‘ইউসুফ না, ওর ভাই দৌলত ছিল। সঙ্গে তিনটে বডি গার্ড। চারটেই শেষ’।

নুসরত নিষ্ফল আক্রোশে গাড়ির সিটে ঘুষি চালাল…।

১২২

সন্ধে ছ’টা। আমিনপুর বাজার মহল্লা রোড, ফয়সলাবাদ।

চটুল বলিউডি গান চলছে গলির মোড়ের পানের দোকানে।

কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। রাস্তার খানাখন্দে জল জমেছে। আমোদপ্রিয় লোকজনের অবশ্য তাতে কিছু যায় আসে না। তাদের আনাগোনা শুরু হয়ে গেছে। গলিতে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখানেই দরদাম চলছে, পছন্দ হলে ঘরে নিয়ে যাচ্ছে।

মজনুর পানের দোকানে মাথা নিচু করে এক ষোল-সতেরো বছরের ছেলে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ছোকরা এ গলিতে নতুন এসেছে। মজনু পান সাজতে সাজতে বলল, ‘কী ব্যাপার মিয়াঁ? বাড়ি থেকে বেরিয়ে খেলার মাঠ খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছ নাকি? জিন্না নোট এনেছ না চড় থাপ্পড় খেয়ে এখান থেকে বেরোনোর প্ল্যান আছে?’

ছেলেটা পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে দিল।

মজনু পান সাজানো থামিয়ে বলল, ‘ব্যস?’

ছেলেটা ঘাড় নাড়ল। মজনু টাকাটা নিয়ে একটা কাগজ দিয়ে বলল, ‘সোজা গিয়ে ডানদিকে জোহর বাইয়ের কুঠি। ওখানে গিয়ে এটা দাও। যাও’।

ছেলেটা ইতস্তত করে হাঁটতে শুরু করল। গলির মেয়েরা ছেলেটাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করেছে।

পুলিশের একটা গাড়ি এসে দাঁড়াল। সঙ্গে সঙ্গে এলাকা সন্ত্রস্ত হয়ে উঠল। মজনু সোজা হয়ে বসল। গাড়ি থেকে এক অফিসার নেমে এসে মজনুকে বলল, ‘কী খবর মজনু?’

মজনু সতর্ক কণ্ঠে বলল, ‘খবর একদম ঠিক আছে জনাব। কোথাও কোনও সমস্যা নেই’।

‘একটা পান সাজো তো জর্দা দিয়ে’।

মজনু বলল, ‘জি জনাব’।

‘সিগারেট দাও’।

মজনু একটা সিগারেটের প্যাকেট এগিয়ে দিল।

অফিসার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে বাকি প্যাকেটটা পকেটে চালান করে দিয়ে বলল, ‘জনাব আল মাসুদের লোকজন আসেনি এখনও?’

মজনু সভয়ে চারদিকে তাকিয়ে নিয়ে বলল, ‘না জনাব’।

‘এই সময়েই আসে তো?’

‘না জনাব। আরেকটু রাত হয়’।

‘হুঁ। বুঝেছি। আমাকে একটা রিপোর্ট দাও মজনু। আশা করি তোমার কাছে ঠিকঠাক রিপোর্ট পাওয়া যাবে। তুমিই তো এই এলাকা চালাচ্ছ। সব খবর তোমার কাছেই পাওয়া যাবে’।

মজনু লজ্জা পাবার ভান করল। অফিসারের দিকে পান এগিয়ে দিয়ে বলল, ‘কী যে বলেন জনাব! আমি খুব গরিব মানুষ। দালালি করে খাই। যদিও এই জন্য আমার নিজের লজ্জার সীমা নেই। কিন্তু কী করব বলুন? খুবই গরিব ঘরের ছেলে। আব্বু দুটো বিয়ে করে মারা গেছে। আমার উপর সবার দেখার দায়িত্ব। আমি কী

করতে পারি? তবে হ্যাঁ, এই এলাকায় নতুন কিছু হলে আমার কানে আসবে। এ কথা ঠিক’।

অফিসার সিগারেটে টান দিয়ে গলা নামিয়ে বলল, ‘এলাকায় নতুন লট শেষ কবে ঢুকেছে?’

মজনু বলল, ‘মাস খানেক আগে’।

অফিসার বলল, ‘সবার আইডি কার কাছে আছে?’

মজনু বলল, ‘আইডি? আপনি তো জানেনই জনাব এখানে আশেপাশের গ্রাম থেকে মেয়েদের নিয়ে আসা হয়। কখনও কখনও অন্য জায়গা থেকে…’ সতর্ক চোখে চারদিক আরেকবার দেখে নিয়ে মজনু বলল, ‘কখনও কখনও আল মাসুদই ওদের পাঠান… এখন এখানে আইডি এরা কী করে পাবে বলুন তো? কারও কারও তো আইডি তৈরিও হয়নি’।

অফিসার বলল, ‘হুঁ, সে তো আমি জানি। কিন্তু হেড অফিস তো জানে না। করাচিতে রেড লাইট এরিয়া থেকেই ইন্ডিয়ান এজেন্টের খোঁজ পাওয়া গেছিল। উপরমহল নজর রাখতে বলেছে’।

মজনু এবার হাসল, ‘জনাব, এখানে কোন ইন্ডিয়ান এজেন্ট মরতে আসবে বলুন তো? এখানে আল মাসুদ আছে, দেশপ্রেমী ভাইয়েরা আছে। কোনও ইন্ডিয়ান এজেন্ট থাকলে তাকে কি আর খুঁজে পাওয়া যাবে?’

অফিসার সিগারেটটা পায়ের তলায় পিষে ফেলে মুখে পান ঢোকাল, ‘যা বলেছ। বড় সাহেবদের বিভিন্ন খেয়াল চাপে আর কী! যাই হোক, তোমার কাজ কিন্তু বাড়ল মজনু মিয়াঁ। সন্দেহজনক কিছু দেখলে আমাকে খবর দেবে। মোটা টাকার ইনাম

আছে’।

মজনু মাথা নোয়াল, ‘জি জনাব। আপনি যেমন বলবেন’।

অফিসার কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে চলে গেল।

মজনু ফোন বের করে মেসেজ টাইপ করল, ‘ঝুঁকি আছে। পুলিশ এসেছিল’।

১২৩

শরমিন সারাদিন ধরে প্রার্থনা করেছেন। রিজভি চুপ করে বসে টিভি দেখেছেন। জাহিদা রিজভির সঙ্গেই ছিল।

বিকেলের দিকে শরমিন জাহিদাকে নিয়ে ঘর বন্ধ করেছেন। রিজভি খানিকক্ষণ বসে হাঁটতে বেরোলেন। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। হাঁটতে হাঁটতে কম্পাউন্ডের মাঠে গিয়ে বসলেন। এই মাঠেই মুসকান খেলত। দৌড়ে বেড়াত এ প্রান্ত থেকে সে প্রান্ত। হাসপাতাল থেকে ফেরার সময় মাঠের কাছেই গাড়ি পার্ক করে মুসকানের সঙ্গে খেলতে চলে আসতেন। বেঁচে থাকলে হয়তো এদেশেই রাখতেন না। বাইরে পাঠিয়ে দিতেন। পাকিস্তানে সুস্থ চিন্তার মানুষের বেঁচে থাকাটা বড় কঠিন।

আল মাসুদের বক্তৃতা শুনেছিলেন কোনও এক চোদ্দোই অগাস্ট। আল মাসুদ বলেছিল, দেশ বড় সঙ্কটে আছে। দেশের জন্য নিজের এক সন্তানকে কুরবানি দেওয়া দরকার। সে সন্তানই আসলে সবার আগে স্বর্গে যাবে। বক্তৃতা শেষে আল মাসুদ আমিনপুর বাজারে চলে গেল। এরা এরকমই। লোকের সন্তানদের কুরবান হতে বলবে, নিজেরা নিশ্চিন্তে এখানে বসে থেকে ফুর্তি করবে।

সন্ধে নামছে। রিজভি উঠে দাঁড়িয়ে কোয়ার্টারের দিকে রওনা হতেই তার ফোনে মেসেজ এল। রিজভি দেখলেন মেসেজ এসেছে, ‘অ্যাবর্ট মিশন। হাই অ্যালার্ট জারি হয়েছে। ওদের ওখানেই রাখুন’।

রিজভি স্বস্তির শ্বাস ছাড়লেন। সকাল থেকেই একটা অস্বস্তি বুকের উপর চেপে বসেছিল। এখন কিছুটা শান্তি লাগছে। কোয়ার্টারে তালা খুলে ঢুকতে দেখলেন শরমিনদের ঘরের দরজা খুলেছে। শরমিন একটা নোংরা শাড়ি পরে মেকওভার করেছেন। তাকে আর চেনা যাচ্ছে না।

রিজভি হাসলেন, ‘দেখতে খারাপ লাগছে না। তবে আপনাদের মিশন ক্যান্সেল হয়েছে। আপনি যেমন ছিলেন, তেমন হয়ে যেতে পারেন’।

শরমিন ভ্রু কুঁচকে বললেন, ‘মানে? কেন?’

রিজভি ফোন এগিয়ে দিলেন শরমিনের দিকে। শরমিন মেসেজটা দেখে সোফায় বসে পড়লেন, ‘দুপুর থেকে জাভিদা আর আমি প্রস্তুতি নিলাম। এ তো আসলে মনের লড়াই, এই লড়াইতে জেতাটাই সব থেকে কঠিন। এত কিছুর পরে মিশন অ্যাবর্ট হয়ে যাওয়াটা…’

রিজভি বললেন, ‘ওরা বারণ করলে মিশনে যাওয়াটা আত্মহত্যার সামিল হবে। নিশ্চয়ই কোনও ইন্টেল আছে’।

শরমিন বললেন, ‘ইন্টেল? এখানে ইন্টেল দিয়ে কী করবেন? ঝুঁকি তো থাকবেই। তাতে ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলবে?’

ডাক্তার রিজভি বললেন, ‘এভাবে শেষ মুহূর্তে আটকানো হল যখন, তখন ইন্টেলের কথা শুনতেই হবে। যাই হোক, আমি বাজার নিয়ে আসি। ঘণ্টাখানেকের মধ্যে ফিরব’।

শরমিন কিছু একটা ভেবে বললেন, ‘ঠিক আছে। আমি লিখে দিচ্ছি কী কী আনতে হবে’।

জাহিদা ঘর থেকে বেরিয়ে এসেছিল। তাকেও শরমিন নোংরা সালোয়ার কামিজ পরিয়েছেন। নিখুঁত মেকআপ, তাকে দেখে চিনবে কার সাধ্যি!

রিজভি জাহিদাকে দেখে হেসে ফেললেন, ‘তোমাকেও দেখি নিজের মতো সাজিয়ে নিয়েছেন ম্যাডাম’।

তিনজনেই হেসে উঠলেন। থমথমে পরিবেশটা স্বাভাবিক হচ্ছে। শরমিন দ্রুত হাতে লিখে দিলেন, কী কী আনতে হবে।

রিজভি কাগজটা হাতে নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করলেন। গ্যারেজে তালা দিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বাজার রওনা হলেন। চারদিকে দ্রুত অন্ধকার নামছে। ডিপার্টমেন্টাল স্টোর থেকে শরমিনের লিস্ট মিলিয়ে সব কিছু কিনলেন।

ফেরার পথে পিজার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লেন। জাহিদার মুখটা ভেসে উঠল চোখের সামনে। বড় একটা পিজা প্যাক করিয়ে গাড়িতে উঠলেন।

রাস্তায় জল জমে আছে। ফিরতে সময় লাগল। কোয়ার্টারের রাস্তাটায় অন্ধকার হয়ে আছে। টিউব খারাপ হয়ে গেছে। সতর্কভাবে ড্রাইভ করে কোয়ার্টারে ফিরে গাড়ি পার্ক করে ঘরে ঢুকে হাঁক পারলেন, ‘জাহিদা’।

কোনও সাড়া মিলল না।

অবাক হয়ে ওদের ঘরের দরজা খুলে দেখলেন ঘর ফাঁকা। স্টোর রুমে গেলেন। স্টোর রুমও ফাঁকা। ড্রয়িংরুমে গিয়ে দেখলেন টেবিলের উপর পেপারওয়েট দিয়ে একটা কাগজ চাপা দেওয়া, তাতে লেখা, ‘ধন্যবাদ ডাক্তারবাবু। আপনাকে ভুলব না। আমাদের ক্ষমা করবেন। আমরা আজ শপথ নিয়েই নিয়েছিলাম। এই কাজটা আমাদের করতেই হবে। হয়তো আর কোনওদিন দেখা হবে না। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনার মতো মানুষ পাকিস্তানের ঘরে ঘরে হোক’।

রিজভি এবার সদর দরজার দিকে ছুটলেন। দরজাটা আলতো করে ভেজানো। ভেতরের লক খুলে ওরা দুজন দরজা খুলে বেরিয়ে গেছে। স্টোর রুমে গিয়ে বুঝলেন রিভলভরের ব্যাগটাও ওরা নিয়ে গেছে…।

১২৪

রাত এগারোটা।

নক্কুন্ডি শহর, বালোচ প্রদেশ, পাকিস্তান।

এখান থেকে ইরান সীমান্ত দুশো কুড়ি কিলোমিটার। মরুভূমির মধ্যে একটা লোকালয়। পাকিস্তান থেকে ইরানগামী গাড়ির যানজট শুরু হয়ে গেছে। বড় বড় ট্রাক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। সেনা চেকিং চলছে।

রাস্তার দু’পাশের বেশ কিছু দোকান এখনও খোলা আছে। ট্রাক ড্রাইভাররা জ্যামের মধ্যেই গাড়ি থেকে নেমে খেতে ঢুকে গেছে। তাতে আরও বেশি জ্যাম হয়ে গেছে।

চেকপোস্টে পাকিস্তান সেনার চেকিং চলছে। দু’জন চেকপোস্টে বসে বসে ঢুলছে।

বাকিরা যে যতটা পারছে ট্রাক চালকদের বকাঝকা করে ঘুষ আদায় করছে। কিছুদিন আগে ইরান সীমান্তের কাছে বালোচ বিপ্লবীরা হানা দিয়েছিল বলে কাছের আর্মি ক্যাম্পে সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কোনও সমস্যায় তাদের ফোন করলে তারা চলে আসে।

‘পেছনের দিকের গাড়িগুলোর ড্রাইভার কোথায় গেল? বিরাট জ্যাম লেগে গেছে তো!’

সিনিয়র অফিসার হায়দার বিরক্ত মুখে চেকপোস্টে ঢুকে দুজনকে ঘুমোতে দেখে চিৎকার করে উঠল, ‘এই মোস্তাক, এই আহসান, ওঠো, এ কী! ডিউটিতে এসে ঘুমোচ্ছ কেন?’

আহসান চোখ খুলে বলল, ‘দুপুরে অনেক রোদ লেগেছে জনাব, শরীর খারাপ লাগছে’।

হায়দার বলল, ‘মানে? এখন রোদের তাপে তোমাদের শরীর খারাপও হচ্ছে? আর কত অজুহাত শুনতে হবে? যাও, পেছনের দিকের গাড়িগুলোতে ফাইন করে এসো। যাও’।

আহসান ব্যাজার মুখে মোস্তাককে নিয়ে রাস্তায় বেরোল।

হায়দার কোয়েটা হেড কোয়ার্টারে রিপোর্ট করার জন্য ফোন করল। ওপ্রান্ত ফোন ধরে বলল, ‘সব ঠিক আছে আজ?’

হায়দার সেলাম জানিয়ে বলল, ‘জি জনাব। গাড়িগুলোর এগোনোর নাম নেই। এখন আবার খাবার খেতে ট্রাক ফাঁকা রেখে নেমে গেছে। রোজকার ঘটনা, চিন্তার কিছু নেই’।

‘ঠিক আছে, তবু সাবধানে থাকবে। সব আইডি মেলাচ্ছ তো? ট্রাকের স্ক্যান ঠিক করে চলছে তো? কেউ ট্রাকে লুকিয়ে পালাতে পারবে না তো?’

‘না না জনাব। আমি স্ক্যানারের কাছে বেশিরভাগ সময় নিজেই দাঁড়িয়ে থাকছি। জায়ান নাইটে থাকছে। আপনি জানেনই, জায়ান থাকলে আমাদের চিন্তার কোনও কারণ নেই’।

‘জানি। কিন্তু জায়ান একজন বালোচ। ওর উপরেও নজর রাখা দরকার। তোমার বিশ্বস্ত একজন লোক যেন সবসময় ওর কাছে কাছে থাকে’।

‘জি জনাব। আমার মাথায় থাকবে। কিন্তু জায়ান…’

‘আমি এই নিয়ে তোমার মতামত জানতে চেয়েছি?’

হায়দার থতমতো খেয়ে বলল, ‘না না জনাব। ঠিক আছে, আমি আমার লোককে ওর কাছে রেখে দেব’।

‘মনে রাখবে ভুল পথের আকর্ষণ এমন বেশি, তখন মানুষ তার বেসিক শিক্ষাদীক্ষাও ভুলে যেতে পারে। এখন আমাদের কাউকে বিশ্বাস করার উপায় নেই। শোনা যাচ্ছে কিছু হিন্দুস্তানি কুত্তা দেশের ভিতর ঢুকে পড়েছে। শুধুমাত্র টাকা নিয়েই লোকজনদের ছেড়ে না দিয়ে সবাইকে ভালো করে চেক করতে হবে। মনে থাকবে?’

‘জি জনাব’।

ফোন কেটে গেল।

হায়দার ফোন রেখে চুপ করে বসে রইল। জায়ানকে সে বহুদিন ধরে চেনে। জায়ানের মতো কর্তব্যপরায়ণ অফিসার খুব কম আছে। জায়ানের মধ্যে সন্দেহজনক কিছুই দেখেনি সে। তবু উপর থেকে তার উপর নজর রাখতে বলা হয়েছে।

সে বাইরে বেরিয়ে ট্রাকের সিকিউরিটি স্ক্যানের জায়গায় গেল। রাতের জন্য সবার মধ্যেই আলসেমি দেখা যাচ্ছে। হায়দার কড়া গলায় বলল, ‘হাই অ্যালার্ট আছে, কোনওরকম ঢিলে দিলে চলবে না। ম্যানুয়াল চেকিংও করতে হবে। এই, তোমরা ট্রাকের পেছনের ডালা খুলে ভেতরের দিকে কী কী আছে দেখো’।

হায়দারের বকা খেয়ে চেকিং কিছুটা ছন্দে ফিরল।

অফিসের গাড়িতে জায়ান ডিউটিতে ঢুকছে। হায়দারের রিলিফ হবে এবার। গাড়ি থেকে নেমে জায়ান তার দিকেই এগিয়ে এল, ‘কী হে, সব ঠিক আছে তো?’

হায়দার বলল, ‘কড়া অ্যালার্ট আছে। সম্ভবত র নিয়ে’।

জায়ান হেসে উঠল, ‘এখানে র? কে বলছে বলো তো এসব? মাথা গেছে নাকি?’

হায়দারও হাসল, ‘আমি আর কী বলব? যা বলে, মেনে নিতে হয়। টেক কেয়ার’।

জায়ান বলল, ‘যাও যাও, বিবি অপেক্ষায় আছে। তোমারই তো দিন। আমার মতো কষ্ট কি তুমি পাবে?’

হায়দার জায়ানের লেগ পুলিংটা কাটিয়ে জিপে উঠে বসল। জিপটা খানিকটা এগোতেই আহসানকে দেখা গেল। আহসান পাংশু মুখে ঘুরঘুর করছে। সে জিপ দাঁড় করাতে বলে জিপ থেকে নেমে আহসানকে ডাকল।

আহসান ছুটে এসে বলল, ‘জি জনাব’।

হায়দার বলল, ‘কালেকশনের পঞ্চাশ হাজার রুপির হিসেব কম আছে, তাই না?’

আহসান কাঁচুমাচু মুখ করল। হায়দার আহসানের কাঁধে হাত রেখে বলল, ‘কথা আছে। এসো দেখি’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *