ব্লু উইংস – ১১০

১১০

আল সঈদ মোবাইল শপ, ইসলামাবাদ। দোকানে চারজন সাদা পোশাকের অফিসার প্রবেশ করল বিকেল চারটেয়। দোকানের এক ছেলেকে বলল, ‘মালিককে ডাকুন’।

ছেলেটা দোকানের ভেতর থেকে দোকানের মালিক উসমানকে ডেকে দিল। উসমান এসে বলল, ‘জি জনাব, কী চাই?’

একজন অফিসার তার আই কার্ড দেখিয়ে বলল, ‘আসিফ রেজা এর মধ্যে আপনাদের দোকান থেকে ফোন কিনেছিলেন?’

উসমান অবাক হল, ‘বুঝলাম না। কার কথা বলছেন জনাব?’

অফিসার আসিফের ছবি দেখিয়ে বলল, ‘এই লোকটা আপনার দোকান থেকে ফোন কিনেছিল?’

উসমান বলল, ‘জি, চিনতে পেরেছি। সাত দিন আগে। প্রায় এক লাখ রুপি দাম দিয়ে কিনেছিলেন’।

অফিসারেরা মুখ চাওয়াচাওয়ি করল। দ্বিতীয় অফিসার বলল, ‘আপনার দোকানের সব কর্মচারী এসেছে আজ?’

উসমান বলল, ‘জি জনাব। তিনটে ছেলে কাজ করে, তিনজনই এসেছে। তবে একজন এসেই বলল, গ্রামের বাড়ি যাচ্ছে, তার মা অসুস্থ হয়ে পড়েছে’।

‘মানে? কী নাম তার? ছবি দেখি’।

উসমান বলল, ‘ছবি কোথায় পাব জনাব? এই আমির, সুহানের ছবি আছে?’

আমির তার ফোন বের করে ছবি খুঁজতে শুরু করল। বেশ কিছুক্ষণ দেখার পর বলল, ‘না জনাব। সুহানের ছবি তো ফোনে নেই। ছিল। এখন দেখছি না’।

অফিসারেরা বলল, ‘ক্যামেরা কোথায় দোকানে?’

উসমান বলল, ‘কী যে বলেন জনাব! ছোট দোকান, ক্যামেরা কোথায় পাব?’

‘ওই সুহান ছেলেটার বাড়ি কোথায়?’

‘রাওয়ালপিন্ডির কাছেই তো বলেছিল। গ্রামের নাম মনে নেই’।

‘কোনও ভেরিফিকেশন করেননি কাজে নেবার আগে?’

‘কীসের ভেরিফিকেশন জনাব? আজকালকার দিনের ছেলে, কেউ বেশিদিন চাকরি করে না। এর মধ্যে সুহান কম মাইনে নেবে বলেছিল বলে ওকে কাজে ঢুকিয়েছিলাম। এত দেখার ক্ষমতা আছে নাকি আমার? দিনের শুরুতে ফোন গুণে নিই, দিনের শেষে একবার স্টক মিলিয়ে রাখি। ওদের কারও হাতেই সেট দিই না। আমি নিজেই ফোন আলমারি থেকে বের করে দিই, নিজে বিল করি’।

‘নিজে বিল করেন? ফোনে ট্যাপিং ডিভাইস আপনি সেট করেছেন?’

উসমান বড় বড় চোখ করে বলল, ‘কী বলছেন জনাব? ওই জিনিস পাকিস্তানে আছে নাকি?’

‘আছে মানে? আপনি জানেন না?’

‘আমি কী করে জানব জনাব? আপনারা আমার দোকানে ছাপা মারুন। দেখুন তো, ওই জিনিস আছে নাকি কোথাও?’

‘আপনার বাড়ি কোথায়?’

‘জি সেক্টর সেভেন জনাব। ফ্ল্যাট আছে’।

‘আদি বাড়ি কোথায়?’

‘আমি রাওয়ালপিন্ডিতেই বড় হয়েছি জনাব। বাবা মা দু’জনেই এখানকার বাসিন্দা’।

‘আপনার ফ্যামিলি?’

‘বিবি, তিন মেয়ে, এক ছেলে। ছেলেটা প্রিন্সটনে পড়ে। মেয়ে তিনটে নোভায়’।

‘এই স্কুলগুলোর প্রত্যেকটা যথেষ্ট দামি স্কুল। এত আয় হয় দোকান থেকে?’

‘আল্লার রহমতে কিছুটা হয় জনাব। বাচ্চাদের স্কুল ভালো হওয়া দরকার’।

‘ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে’।

‘এ আবার কী কথা জনাব? ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে কী হবে?’

‘আপনি চলুন আমাদের সঙ্গে’।

উসমান আকাশ থেকে পড়ল, ‘কোথায় যাব?’

‘চলুন’।

উসমানকে একপ্রকার ঠেলতে ঠেলতে গাড়িতে তোলা হল।

ভিড় জমে গেছিল। এক অফিসার তীক্ষ্ণ চোখে বাইরের দোকানগুলো লক্ষ করছিল। একটা সিসিটিভিতে চোখ গেল তাদের। টিভির দোকানের বাইরে ক্যামেরা লাগানো আছে। সে ওই দোকানেই ছুটল।

দোকানদার উসমানের দোকানের ভিড় দেখে বাইরেই কৌতূহলী মুখে দাঁড়িয়েছিল। অফিসারকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গেল, ‘জি জনাব’।

‘আপনার দোকান?’

‘জি জনাব’।

‘ফুটেজ দেখব’।

‘জি জনাব, মেশিন তো বহুদিন খারাপ হয়ে পড়ে আছে। কাস্টমারদের ভয় দেখানোর জন্য ক্যামেরা লাগিয়ে রেখেছি এখনও’।

অফিসার রেগে গিয়ে রাস্তাতেই পা ঠুকল, ‘একটা কিছু যদি ঠিক থাকে এদের’!

টিভির দোকানদার কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে রইল। অফিসার গাড়িতে উঠে বসল।

উসমান ভীত কণ্ঠে বলল, ‘জনাব কি আমাকে, এনকাউন্টার করা হবে?’

‘না, আমরা পার্টি করতে যাচ্ছি। ছেলেটার ছবি আঁকানো হবে আপনাকে দিয়ে’।

‘ওহ। আমি টিভিতে দেখেছি’। খুশি মুখে উসমান বলল।

‘আর কিছু মনে পড়ছে ছেলেটার ব্যাপারে?’

‘সুহান? ও তো রোজ ফতেগড় ব্রিজের কাছে রাতে নামে। রুটি কিনবে বলে আমার সঙ্গে অতটা পথ যায়। তারপর ওকে আমি ব্রিজের কাছে নামিয়ে আমার ফ্ল্যাটে চলে যাই’।

‘গুড। ড্রাইভার, ফতেগড় ব্রিজের কাছে চলো। দেখা যাক, ওখানে অন্তত কোনও ক্যামেরা আছে নাকি!’

১১১

তথাগত ঘুমোচ্ছে। তাকে ওষুধ দেওয়া হয়েছে। রাণা মাঝে মাঝে গিয়ে তথাগতর জ্বর দেখে আসছে। সায়ক খাবার নিয়ে ঘরে ঢুকে বলল, ‘বীরেনের ট্রেস পেয়ে গেছে ওরা। অবশ্য এই বিষয়ে চিন্তা করে লাভ নেই। পাকিস্তান আমার অস্তিত্বও বহু আগে থেকে জানে। একটু সতর্ক থাকতে হবে এই যা’।

অমল বলল, ‘সে কী! বীরেন এখন কোথায়?’

সায়ক বলল, ‘রাওয়ালপিন্ডি পাঠিয়ে দিয়েছি। ও ওখানে থাকবে। ওকে দেশে যেতে হবে না’।

অমল বলল, ‘তুষার স্যার অ্যাপ্রুভ করেছেন?’

সায়ক হাসল, ‘এখনও করেননি। জানানো হয়েছে। বলেছেন রাতে বলবেন’।

রাণা বলল, ‘আমারও থাকতে ইচ্ছে করছে। আরও কয়েকটা ঘুঘু মারলে শান্তি হতো’।

সায়ক বলল,’ ‘পাগলা কুকুরের মতো তল্লাশি শুরু করেছে আই এস আই। এই মুহূর্তে এখানে থেকে যাওয়া বড় ঝুঁকি হবে’।

অমল বলল, ‘তুই বলছিস? তাহলে ব্যাপারটা সিরিয়াস’।

সায়ক বলল, ‘হ্যাঁ। ওরা এবার আটঘাট বেঁধে নেমেছে। বাজার যাওয়া অবধি ঝুঁকিপূর্ণ হতে পারে। সিসিটিভি না থাকলেও ওদের লোক সর্বত্র আছে। ইসলামাবাদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে গেলে ভালো। তথাগত ঠিক হোক। তারপর আর দেরি করা যাবে না’।

অমল বলল, ‘কোন রুট দিয়ে বেরোতে চাইছিস? লাহোর না পেশোয়ার? পাঠানদের উপরে আমি ভরসা করতে পারি। লাহোরে ওদের সারভেইলেন্স অনেক বেশি থাকবে’।

সায়ক মাথা নাড়ল, ‘ঠিক। লাহোর ইজ ইম্পসিবল’।

সায়ক বলল, ‘আমাদের এই ডেরার খবর ওরা জানবে না। তথাগত নিশ্চিন্তে সুস্থ হোক’।

রাণা বলল, ‘আজকে বরং আবু ইব্রাহিমকে উড়িয়ে আসি’।

সবাই হেসে উঠল। অমল বলল, ‘আবু ইব্রাহিম মশার মতো এই ঘরে ঘুরে বেড়াচ্ছে নাকি রে পাগলা?’

সায়ক বলল, ‘এই মুহূর্তে আবু ইব্রাহিম পাকিস্তান চালাচ্ছে। সর্ব শক্তিমান। বরাবর এদের মতোই কেউ না কেউ থাকে। কখনও আসগর আলি, কখনও আল মাসুদ। তবে আবু ইব্রাহিম পাকা প্লেয়ার। ওর মস্তিষ্ক স্বয়ং শয়তান পরিচালনা করে’।

অমল বলল, ‘সব শয়তানের একটা বিষ দাঁত থাকে। আবু ইব্রাহিমেরও আছে। কামাল। মালটা ঢাকায় যেত সাদিকের সঙ্গে ডিল করতে। ওর সঙ্গে আমার কথাও হয়েছে। ইসলামাবাদ লাহোর হাইওয়েতে কামালের একটা পেট্রোল পাম্প আছে। আই এস আইয়েরও অনেকে জানে না আবু ইব্রাহিমের সি পি ইউ হল কামাল। ওকে সমস্ত ইন্টেলিজেন্স ও সাপ্লাই করে। মূলত কামালের নেটওয়ার্কের উপরেই আবু ইব্রাহিম দাঁড়িয়ে আছে। রাত বারোটার পরে পেট্রোল পাম্পে কামালকে পাওয়া যায়। লোক কম থাকে। ভেবে দেখা যেতে পারে’।

সায়ক বলল, ‘কামালের কথাটা আমি তুষার স্যারকে বলেছিলাম। কামাল সরাসরি কোনও কিছুতে জড়িত নেই বলে তখন পারমিশন পাওয়া যায়নি’।

অমল বলল, ‘তা ঠিক। কিন্তু আবু ইব্রাহিমের মদতদাতা হিসেবে ওর অপরাধও কম না’।

সায়ক একটু ভেবে বলল, ‘হুঁ। কামাল কোনও আম আদমি নয়’।

রাণা শিস দিয়ে উঠল, ‘আজকেই হয়ে যাক?’

সায়ক বলল, ‘না, তাড়াহুড়ো না। এবারে আর ঝুঁকি নিয়ে লাভ নেই’।

অমল বলল, ‘এখন হাইওয়েতে যাওয়া রিস্কি হবে’।

সায়ক চিন্তিতমুখে মাথা নাড়ল, ‘ঠিক বলেছ। সেটাও মাথায় রাখার দরকার ছিল। এই সময়ে দাঁড়িয়ে সব কিছুই ঝুঁকিপূর্ণ হবে। তাছাড়া তুষার স্যারের পারমিশন…’

রাণা বলল, ‘ঝুঁকি কোনটায় নেই সায়কদা? আমরা রাস্তাতেও ধরা পড়তে পারি’।

সায়ক বলল, ‘থাক এবার। তথা ঠিক হোক। নেক্সট মিশন কাবুল গিয়ে ঠিক হোক। ছেলেটা সুস্থ হলে নতুন উদ্যমে নামা যাবে’।

তথাগত হঠাৎ করে উঠে বসে বলল, ‘সুস্থ আবার কী? আমি সুস্থ। এসব জঞ্জাল সরাতে দরকার হলে শ্মশান থেকে উঠে চলে আসব। পরে টরে না। করলে এবারেই করতে হবে। আমি ঠিক আছি। ওসব ভাবিস না’।

সায়কের মুখ যেন আলোয় ভরে উঠল, ‘তুই শিওর?’

তথাগত হাসল, ‘টু হান্ড্রেড পারসেন্ট ভাই’।

১১২

রাত এগারোটা। বৃষ্টি নেমেছে। বহুদিন পরে এত বৃষ্টি হচ্ছে। ডাক্তার রিজভি ড্রয়িংরুমে পায়চারি করছিলেন। মাঝে-মাঝেই লোডশেডিং হচ্ছে। একবার যাচ্ছে, একবার আসছে। ড্রয়িংরুমে মোমবাতি জ্বালিয়েই রাখা আছে।

শরমিন তাদের ঘর থেকে বেরিয়ে ড্রয়িংরুমে এসে বললেন, ‘আপনি কি কোনও বিষয়ে খুব বেশি চিন্তিত?’

রিজভি বললেন, ‘কাল আপনাদের লাহোর দিয়ে আসার অর্ডার এসেছে। আমি বুঝতে পারছি না, ওখানে আপনারা নিরাপদ থাকবেন কি না’।

শরমিন বললেন, ‘আপনি কী চাইছেন? বাকি জীবনটা এখানেই থেকে যাই?’

রিজভি সোফায় বসে পড়লেন, ‘আমি আপনাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়েই ভাবছি’।

শরমিন বললেন, ‘আমি ভাবছি না। আর আমার মনে হচ্ছে আপনি একটু বেশিই ভাবছেন। আপনাকে এই মিশনে সিলেক্ট করে খুব বড় ভুল করা হয়েছে’।

রিজভি মাথা নিচু করলেন, ‘ঠিকই। আমি একটা মিসফিট। জীবনের কোনও কোনও সময়ে এসে মানুষ বুঝতে পারে, সে এই সমাজে বেঁচে থাকার উপযুক্ত নয়। আমিও ঠিক তাই। চোখের সামনে দেশটাকে ছারখার হয়ে যেতে দেখছি এদের হাতে, কিন্তু কিছু করতে পারলাম না’।

শরমিন বললেন, ‘আমরা কিন্তু এখনও পারি। আপনি পিছু না হঠলে কাজটা সম্ভব’।

রিজভি বললেন, ‘কী করে সম্ভব? ওই আল মাসুদের এলাকায় আপনাদের ঢুকিয়ে দিয়ে এসে আমি এখানে নিশ্চিন্তে ঘোরাফেরা করব?’

শরমিন বললেন, ‘তা না। কিন্তু আপনি চাইলে আল মাসুদকে আমরা শেষ করতে পারি’।

রিজভি বললেন, ‘সুইসাইড মিশন?’

শরমিন বললেন, ‘আমরা এই নিয়ে আগে কথা বলেছি’।

রিজভি হতাশ গলায় বললেন, ‘এর থেকে আপনাদের লাহোরেই দিয়ে আসি। আমি এটা পারব না’।

শরমিন বললেন, ‘আপনার কাছে কী কী পাঠানো হয়েছিল?’

রিজভি বললেন, ‘একটা ব্যাগ আছে। রিভলভার ইত্যাদি আছে’।

শরমিন বললেন, ‘সেটাও তাহলে দিয়ে দেবেন। আপনার কাছে রাখার দরকার নেই’।

রিজভি বললেন, ‘না। ব্যাগটা আমার কাছেই রাখার অর্ডার আছে’।

শরমিন ভ্রু কুঁচকালেন, ‘মানে? আমাদের পরে আবার কারো এখানে আসার কথা আছে?’

রিজভি মাথা নাড়লেন, ‘জানি না। হতে পারে’।

শরমিন চুপ করে রইলেন।

জাহিদা ড্রয়িংরুমে এসে বসল। দু’জনকেই গম্ভীর দেখে বলল, ‘ঝগড়া হল নাকি?’

শরমিন বললেন, ‘না। সেসব না’।

রিজভি বললেন, ‘বিসমিল্লাপুর সম্পর্কে আপনাদের কী ব্রিফ দেওয়া আছে?’

শরমিন বললেন, ‘কয়েকশো একর নিয়ে ঘেরা জায়গা। ভেতরে আল মাসুদের বাড়ি আছে, ট্রেনিং ক্যাম্প, মাদ্রাসা সব আছে। গোটা এলাকাটা পাকিস্তানের আইন কানুনের বাইরে চলে। আল মাসুদের মেয়েদের উপর দুর্বলতা আছে। সুন্দরীদের নিজের কাছে রাখতে পছন্দ করে। আমাদের মা-মেয়ে সেজে ওর এলাকায় ঢোকার প্ল্যান ছিল। দু’জনের পৃথিবীতে কেউ নেই, নিজের বাড়িও নেই। লাহোরে স্বামী মারা যাবার পর ভিক্ষে করতাম। তারপর সেখানে বস্তিতে ঝামেলা হবার পর ফয়সলাবাদে চলে এসেছিলাম। লাহোরের কভার রেডি ছিল’।

রিজভি বললেন, ‘এই ব্রিফিংটা আমার দুর্বল বলে মনে হয়েছে। ততক্ষণে আপনারা এখানে চলে এসেছিলেন। পাকিস্তান পুলিশের কাছে জাহিদা বা আপনার ছবি আছে। আল মাসুদ ব্যাকগ্রাউন্ড চেক করলে ধরা পড়ে যেতেন’।

শরমিন বললেন, ‘নাও পড়তে পারতাম’।

‘সবটাই যদি, কিন্তুর উপরে দাঁড়িয়ে। এত বড় ঝুঁকি নেওয়ার পক্ষপাতী আমি ছিলাম না। আর এখন পাকিস্তানে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। ওরা এমনিতেই অতিরিক্ত সতর্ক’।

শরমিন বললেন, ‘আল মাসুদ আমিনপুর বাজারে মাসে একবার হলেও যায় ডাক্তারবাবু। সেটা আমাদের প্ল্যান বি ছিল। আপনি প্ল্যান বি-র কথা ভাবেননি কেন?’

রিজভি বললেন, ‘ঠিক। আমিনপুরের রেড লাইট এরিয়ায় আল মাসুদ যায়। ওখানে ওকে পাওয়া যেত। কিন্তু আমিনপুরের কোনও এসকেপ রুট নেই। কাজ শেষে বেরোনোর উপায় থাকবে না’।

শরমিন বললেন, ‘নাকি আপনার দেশপ্রেম হঠাৎ জেগে উঠেছে?’

রিজভি বললেন, ‘আল মাসুদের সঙ্গে দেশপ্রেমের কোনও সম্পর্ক নেই। আপনি আমাকে রাগাতে চেষ্টা করছেন। লাভ নেই’।

শরমিন বললেন, ‘আপনার রাগ না হলেও আমার রাগ হচ্ছে ডাক্তারসাব। এত ভদ্র মানুষ আমি এই দুনিয়ায় দেখিনি। আপনাকে পাকিস্তানের লোক ভাবতে কষ্ট হচ্ছে’।

রিজভি বললেন, ‘অনেক দোলাচল, দ্বিধার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ম্যাডাম। এই দেশটা ঠিক করার চেষ্টা করার কথা ভেবেছিলাম। যাদের সঙ্গে কাকতালীয়ভাবে যোগাযোগ হয়েছিল, তারা যে এ দেশেরই কেউ না, তাও প্রথমে জানতাম না। প্রথমে নিজেকে দেশদ্রোহীও মনে হয়েছে। তারপর দেখলাম আল মাসুদরাই এখন সংখ্যাগুরু। আমার বাচ্চার মতো আরও কত বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। একটা সময় গিয়ে আমি আমার বাউন্ডারির বাইরে বেরিয়েছিলাম। আমি ধরা পড়লে কী হতে পারে, তাও জানি…’

শরমিন বললেন, ‘আমরা মেয়ে বলে আপনি এগোতে চাননি, এটাই ব্যাপারটার সিনপসিস, তাই না?’

রিজভি চুপ করে রইলেন। শরমিন বললেন, ‘আমাদের দেশ পাকিস্তান না ডাক্তারসাব। আমাদের কাছে ছেলে মেয়ের তফাত নেই। যে কাজটা একটা ছেলে করতে পারে, সেটা একটা মেয়ে আরও ভালোভাবে করতে পারে। আপনি ওদের জানিয়ে দিন প্ল্যান বি অ্যাক্টিভেট করছেন। আমি আর জাহিদা তৈরি’।

রিজভি দু’হাতে মুখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পর শুধু বললেন, ‘ঠিক আছে’।

১১৩

‘আসিফ রেজার ফোন ট্যাপ করা হয়েছিল। এবং যে দোকান থেকে আসিফ ফোন কিনেছিল, সে দোকানের ছেলেটার কোনও ট্রেস নেই’।

আকবর আমানকে বলল। আমান বলল, ‘এটা আমাদের দেশের কারও কাজ না। আমি নিশ্চিত এর মধ্যে ইন্ডিয়ার হাত আছে। ছেলেটার স্কেচ বানানো হয়েছে?’

আকবর বলল, ‘জি জনাব। এই যে’।

আকবর ট্যাব এগিয়ে দিল আমানের দিকে। আমান চোখ ছোট ছোট করে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলল, ‘এর মুখটা চেনা চেনা লাগছে’।

আকবর বলল, ‘ওর নাম বীরেন’।

আমানের চোখ জ্বলে উঠল, ‘ঠিক, বীরেন। বীরেনকে পাকিস্তানে পাঠিয়েছে?’

আকবর বলল, ‘জি জনাব’।

আমান খুশি হল, ‘এর থেকে ভালো খবর আর কী হতে পারে? আমাদের খাবার দেওয়া পাখি আমাদের কাছেই ঘোরাফেরা করছে। ইন্টারেস্টিং। রফিক সাহেব কিছু শেয়ার করবেন না বীরেনের ব্যাপারে?’

আকবর বলল, ‘রফিক সাহেব বেশ কয়েকটা জায়গায় ফোন করতে চেষ্টা করছেন। কোনও কিছু পাননি তেমন। তবে বাজ যে কোয়েটায় আছে, সেটাও কনফার্ম করেছেন মেজর হুসেন’।

আমান বলল, ‘হ্যাঁ। সব চিড়িয়ারা এখানেই আছে এখন। একটা চিড়িয়াও যদি জালে পড়ে, তাহলেই খেলা জমে যাবে কিন্তু। এক্সিট পয়েন্টগুলোতে তিনগুণ চেকিং বাড়াতে বলা হয়েছে তো?’

আকবর মাথা নাড়ল, ‘জি জনাব। তবে বালোচিস্তান নিয়ে আমরা শিওর হতে পারব না’।

আমান বলল, ‘সে তো জানা কথা। সেখানে বেশি করে ফোর্স পাঠানোর ব্যবস্থা করার জন্য আমি মেজর জেনারেলকে বলেছি। জাফর সাহেবের প্রেস কনফারেন্সটা কখন?’

আকবর সঙ্গে সঙ্গে টিভি চালিয়ে দিল, ‘এখনই জনাব’।

মেজর জেনারেল জাফর প্রেস কনফারেন্সে বসেছেন। বলছেন, ‘আমাদের কাছে স্পষ্ট ইন্টেল আছে র আমাদের দেশের মধ্যে বেশ কিছু নাশকতামূলক কাজ করছে। বিশেষ করে বালোচ বিচ্ছিন্নতাবাদীদের র সরাসরি মদত দিচ্ছে। র যদি ভেবে থাকে পাকিস্তান তাদের মুক্তাঞ্চল, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা এ দেশের নিরাপত্তার জন্য অনেক দূর অবধি যেতে পারি। বালোচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ। এ দেশে ইন্ডিয়া যে উত্তেজনা ছড়ানোর প্ল্যান করছে, তা তাদের পক্ষে ভালো হবে না’।

‘জনাব, আপনি কি মনে করেন পূর্বতন প্রধানমন্ত্রী শাহবাজ আলম ভারতের সঙ্গে কোনও সমঝোতা করেছিল?’

‘না। সে সম্ভাবনা খুব বেশি নেই। তবু সব কিছু আমরা খতিয়ে দেখছি। সেরকম কিছু হলে আমরা খুব তাড়াতাড়ি জেনে যাব। যদি তাই হয়ে থাকে, তাহলে জনাব শাহবাজ আলমের পক্ষে খুব ভালো ভবিষ্যৎ অপেক্ষা করে থাকবে না, এ কথা আমি বলতে পারি’।

‘আপনারা তার উপরে কী কী অভিযোগ এনেছেন, যদি একটু বলেন’।

‘অপরিসীম দুর্নীতির অভিযোগ আছে জনাব শাহবাজ আলমের উপরে। তিনি যেভাবে এই দেশটাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে, তার জন্য তাকে পাকিস্তানি আওয়াম কোনওদিন ক্ষমা করবে না’।

‘ঠিক কত ডলারের অভিযোগ আছে তার উপরে?’

‘আমরা সেটাও খতিয়ে দেখছি। সেটারও যত তাড়াতাড়ি সম্ভব প্রেস রিলিজ করব’।

‘কিন্তু জনাব রফিক আহমেদকে রাতের অন্ধকারে ছাড়া হল কেন?’

‘জাফর একটু চমকে বললেন, ‘কে আপনি? ওহ, বিদেশি সাংবাদিক? গুড কোয়েশ্চেন, তবে এর উত্তর আমি দেব না। দেশের ইন্টারন্যাল বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার সবকিছু প্রেসকে জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না’।

‘কিন্তু জনাব, দেশে স্থায়ী গণতন্ত্র কি কোনওদিন হবে না? ইন্ডিয়া এই বিষয়ে বার বার বহির্বিশ্বের কাছে পাকিস্তানের মজা উড়িয়ে বলেছে পাকিস্তানে কখনওই স্থায়ী গণতন্ত্র আমরা দেখতে পাব না। এই বিষয়ে আপনি কি কিছু বলবেন?’

‘ইন্ডিয়া কী বলবে তা আমরা কেন শুনতে যাব? ইন্ডিয়া নিজে হাজার সমস্যায় জর্জরিত একটা দেশ। কাশ্মীরকে ওরা কীভাবে রেখেছে, তা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে’।

জাফর উঠে দাঁড়ালেন। আরও প্রশ্নবাণ ছুটে গেলেও কোনও প্রশ্নেরই তিনি উত্তর দিলেন না।

আকবর টিভি বন্ধ করে দিল।

আমান বলল, ‘আকবর’।

‘জি জনাব’।

‘উই নিড বীরেন, উই নিড বাজ অ্যাট এনি কস্ট। এদের ছবি দিয়ে গোটা দেশে বিশ লাখ রুপি ইনাম ঘোষণা করে দাও! এখনই’।

‘জি জনাব’।

১১৪

কোয়েটা।

রাত বারোটা। বিল্ডিংটার সামনে আর্মি কনভয় এসে দাঁড়াল। মেজর হুসেন গাড়ি থেকে নেমে বলল, ‘দশজন আমার সঙ্গে চলো। বাকিরা এক্সিট গেটে দাঁড়াও’।

ফ্ল্যাটের লিফটের সামনে টেবিলে পা তুলে একজন বসে বসে ঝিমোচ্ছে। মেজর হুসেনকে দেখে দাঁড়িয়ে গেল। মেজর ইশারায় তাকে মুখ বন্ধ করে চুপ করে বসে থাকতে বলল।

কিছুক্ষণ আগেই মেজরের ইনফরমার আখলাক এই লোকেশন পাঠিয়ে জানিয়েছে, বাজ এখানে লুকিয়ে আছে। মেজর আর দেরি করেনি। তখনই বেরিয়ে পড়েছে।

রাত বাড়লে এই অঞ্চলে প্রবল ঠান্ডা পড়তে শুরু করে। শীতল হাওয়া বইতে শুরু করেছে। মেজর হুসেন অবশ্য এর মধ্যেও উত্তেজনায় ঘামছে।

তারা লিফটে উঠল। মেজর আরেকবার মেসেজ দেখে নিল। ফ্ল্যাটের নম্বর সেভেন সি। লিফটের দরজা খুলতেই ফ্ল্যাটের নম্বর দেখতে পেল মেজর। ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাল মেজর হুসেন। সাড়া পাওয়া গেল না। মেজর দরজায় লাথি কষিয়ে বলল, ‘দরজা ভাঙতে হবে মনে হচ্ছে। আরেকবার কলিং বেল বাজিয়ে দেখা যাক’।

অধৈর্য হয়ে আরও কয়েকবার বেল বাজানোর পর এক বৃদ্ধ দরজা খুলল। মেজর হুসেন বৃদ্ধকে এক প্রকার ঠেলে ঘরে ঢুকে গেল। সব ক’টা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না।

বৃদ্ধ ঘুম চোখে বলল, ‘কী হয়েছে, আমাকে একটু বলবেন জনাব? আমি তো কিছুই বুঝতে পারছি না’।

মেজর বলল, ‘আমাদের কাছে খবর আছে আপনার এখানে একটা ইন্ডিয়ান ছেলে থাকত। সে কোথায় গেছে?’

বৃদ্ধ বলল, ‘ইন্ডিয়ান? সে কী! সে তো দুপুর থেকে এখনও আসেনি। কিছু বলেও যায়নি’।

মেজর বলল, ‘কোন ঘর?’

বৃদ্ধ ঘর দেখাল। মেজর ঘরে ঢুকল। ঘরে কোনও ব্যাগও নেই। ঘর থেকে বেরিয়ে এসে বৃদ্ধকে বলল, ‘এই ছেলেটা কোনও ব্যাগ নিয়ে আসেনি?’

বৃদ্ধ বলল, ‘হ্যাঁ, ছিল বোধহয়’।

মেজর ভ্রু কুঁচকাল, ‘ছিল বোধহয় মানে?’

বৃদ্ধ বলল, ‘আমার বয়স হয়েছে তো। আমি কিছুই মনে রাখতে পারি না’।

‘আপনার বাড়িতে আর কে আছে?’

‘কেউ নেই। আমি একাই থাকি। আমার ছেলে সৌদিতে থাকে। ছেলেটা ওর সঙ্গেই থাকত। কোয়েটায় কিছুদিন থাকার জন্য এসেছিল’।

মেজর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মাথা নাড়ল। অস্ফুটে বলল, ‘পারফেক্ট কভার’।

আবার ঘরটায় ঢুকল। খাটের তলাও ফাঁকা। নিজের মনেই বলল, ‘বেরিয়ে গেছে’।

বৃদ্ধের কাছে গিয়ে বলল, ‘আপনার বয়স হয়েছে, আপনাকে থানায় যেতে হবে না। আমি জানি এখানে আপনার কোনও দোষ নেই। আপনার কাছে থানার প্রতিনিধি আসবে কাল। ছেলেটার সম্পর্কে একটা বয়ান নেওয়া হবে। দিয়ে দেবেন’।

বৃদ্ধ ভয় পেয়ে বলল, ‘বয়ান কেন দিতে হবে? আমার ঘুম পাতলা বলে আমি ঘুমের ওষুধ খাই। আজ ভাগ্যিস খাইনি। নইলে আপনারা বোধহয় দরজা ভেঙে ফেলতেন।’

মেজর বলল, ‘জি, সেই সম্ভাবনাই বেশি ছিল। ঠিক আছে, আপনি বিশ্রাম করুন’।

বৃদ্ধ মাথা নাড়ল।

ফ্ল্যাট থেকে চিন্তিত মুখে বেরোল মেজর। বিল্ডিংয়ে আঠাশটা ফ্ল্যাট আছে। কোয়েটা বড় শহর। এতগুলো ঘর, এদের মধ্যে বালোচদের উপর সহানুভূতিশীল লোকজন আছে। এদের মধ্যে ছেলেটা লুকিয়ে থাকলে ধরা কঠিন হয়ে যাবে। বাড়ি যেতে না পারার রাগটা বাড়ছিল। এত বড় সাহস? একজন ইন্ডিয়ান স্পাই হয়ে তার নাকের সামনে বসে ঘোরাঘুরি করবে!

মাথায় বিভিন্ন সমীকরণের সমাধান বের করতে করতে মগ্ন হয়ে লিফটে উঠতে যাচ্ছিল মেজর হুসেন। সেই মুহূর্তে তীব্র বিস্ফোরণে বিল্ডিংটা কেঁপে উঠল। গুলি চলার শব্দ পাওয়া যাচ্ছে। মেজর হুসেন সেপাইদের বললেন, ‘লিফটে না। সিঁড়ি দিয়ে চলো’।

গুলি চালানোর মাঝপথেই শব্দ থেমে গেল। দৌড়তে দৌড়তে নীচে নেমে মেজর হুসেন দেখল তাদের গাড়িগুলো জ্বলছে। আশেপাশের বাড়িগুলো থেকে সবাই বেরিয়ে আসতে শুরু করেছে।

লিফটের সামনে বসে থাকা ছেলেটা অদৃশ্য। বিল্ডিংয়ের এক্সিট গেটে গিয়ে দেখা গেল জওয়ানরা মেঝেতে পড়ে আছে। মেজর হুসেন প্রবল রেগে ফোন বের করে আখলাককে ফোন করল। ফোন সুইচড অফ।

টেবিলের উপর একটা কাগজ পেপারওয়েট দিয়ে চাপা দেওয়া। মেজর কাগজটা হাতে তুলে দেখল তাতে বড় করে একটা হাসির স্মাইলি আঁকা।

মেজর পেপারওয়েটটা মাটিতে ছুড়ে মারল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *