১২৫
করাচি বিচ।
ইবাদত আর সুমেইরার আউটডোর শ্যুটিং চলছিল। ‘আস্তিন কা সাপ’, পাকিস্তানের জনপ্রিয় টেলি সোপ। শট শেষে চেয়ারে বসে সুমাইরার সঙ্গে কথা বলছিলেন ইবাদত, ‘বাড়ি যেতে হবে আমাকে, ডিরেক্টর সাহেব তো ছুটিই দিচ্ছেন না। অন্তত সাত দিন আমাকে ছাড়া শ্যুট করা যেত না, বলো?’
সুমেইরা হেসে উঠলেন, ‘হিরো ছাড়া সাতদিন? ডিরেক্টর সাব কোনওদিন তোমাকে ছুটি দেবে না। তুমি নিশ্চিন্ত থাকো। আর বাড়ি যেতে হবে কেন? মাহির খোঁজ নিতে যাবে, তাই না?’
ইবাদতের মুখটা ঈষৎ কালো হয়ে গেল, ‘মাহির খোঁজ পাওয়া গেলে তো নেব? কিছুতেই কিছু করে ওঠা যায়নি। ওই, মাঝে মাঝে ওর বিতর্কিত ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে খবরে আসে। তোমাদের সঙ্গে আমিও দেখতে পাই। আমি বুঝে উঠতে পারছি না, মেয়েটা কোন হাওয়ায় মিশে গেল’।
সুমেইরা বললেন, ‘হ্যাঁ, কেউই কিছু বুঝতে পারছে না। এবং গোটা ব্যাপারটা ধীরে ধীরে সবাই ভুলেও গেছে। তুমি মাহিকে প্রপোজ করেছিলে?’
ইবাদত অস্বস্তির সঙ্গে মাথা নাড়লেন, ‘না, না। সেরকম কিছু হয়নি’।
টেবিলের উপর ফোন রেখেছিলেন ইবাদত। সাইলেন্ট করা ছিল বলে বুঝতে পারেননি। ফোন বেজে যাচ্ছিল। সুমেইরার চোখে পড়ল, ‘এই, তোমার ফোন বাজছে। দেখো’।
ইবাদত ফোন তুলে দেখলেন একটা অজানা নাম্বার থেকে ফোন আসছে। বললেন, ‘ধুস, স্ক্যাম কল হবে’।
ফোন কেটে দিলেন। পরক্ষণে ফোনটা আবার রিং হতে শুরু করল। ইবাদত বিরক্ত হয়ে ধরলেন, ‘হ্যালো’।
‘সালাম ওয়ালাইকুম’।
‘ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন?’
‘আপনি আমাকে চিনবেন না জনাব। পাঁচ মিনিটের জন্য বিচের এদিকে যে চায়ের দোকানটা আছে, এখানে আসতে পারবেন? আমার একটা জরুরি কথা বলার ছিল। দেখুন, একটা জিপ দাঁড়িয়ে আছে’।
ইবাদত দেখলেন। বললেন, ‘কিন্তু আপনি কে?’
‘প্লিজ আসুন জনাব। একজন ভীষণ বিপদে পড়েছে। আপনি ছাড়া কেউ তাকে বাঁচাতে পারবে না’।
ইবাদত ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালেন। সুমেইরাকে বললেন, ‘আমি একটু আসছি’।
সুমেইরা অবাক হলেন, ‘সে কী, শট আছে তো দশ মিনিটে’!
ইবাদত বললেন, ‘এখনই আসছি’।
‘কোনও প্রবলেম?’
‘না না। বসো। আসছি’।
সুমেইরা আর কিছু বললেন না।
দুপুর রোদটা পুড়িয়ে দিচ্ছে শহরকে। বালির উপর দিয়ে বেশি জোরে হাঁটাও যায় না। ডিরেক্টর চিৎকার করছিলেন, ‘আরে, কোথায় যাচ্ছ?’
হাত তুলে তাকে নিরস্ত করলেন ইবাদত।
জিপটার কাছে পৌঁছতেই জিপের ড্রাইভিং সিট থেকে এক যুবক ডাকল তাকে, ‘এদিকে জনাব’।
ইবাদত বিরক্ত কণ্ঠে বললেন, ‘কে আপনি?’
আনিস গাড়ি থেকে নেমে ইবাদতের কাছে এসে ফিসফিস করে বলল, ‘আমাকে মাহি ম্যাডাম পাঠিয়েছেন জনাব’।
ইবাদত চমকে উঠলেন, ‘কেন? কী হয়েছে?’
আনিস বলল, ‘অনেক বড় সমস্যা হয়ে গেছে জনাব। মাহি ম্যাডাম ভীষণ বিপদে আছেন। আপনাকে ছাড়া কারও কথা মনেও পড়েনি তার। অনেক কষ্টে আপনার ফোন নাম্বার জোগাড় করেছি’।
ইবাদত বললেন, ‘ঠিক আছে। এখন কী করতে হবে?’
আনিস বললেন, ‘মাহি ম্যাডামের জন্য একটা নিরাপদ জায়গা দরকার। এখন আমার গ্রামে লুকিয়ে রেখেছি। যদি খোঁজ পাওয়া যায়, তাহলে ওরা ওকে মেরে ফেলবে’।
ইবাদত পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন, ‘কারা?’
আনিস বললেন, ‘সবাই জড়িত। পুলিশ, পাকিস্তান সরকার, আই এস আই, সবাই। মাহি ম্যাডাম নির্দোষ জেনেও ওরা ওর উপর প্রচুর অত্যাচার করেছে। আমি না থাকলে এতদিনে হয়তো ম্যাডামকে ওরা মেরেও ফেলত’।
ইবাদতকে ডিরেক্টর চিৎকার করে ডাকতে শুরু করেছে। ইবাদত হাত তুলে ‘যাচ্ছি’, বলে আনিসকে বললেন, ‘আমার আর ঘণ্টাখানেক শ্যুটিং আছে। এটা হয়ে গেলে আমি ছুটি পাব। আমাকে কোনও একটা জায়গা বলুন, যেখানে গেলে আমি আপনার সঙ্গে দেখা করতে পারব’।
আনিস বলল, ‘আমি এখানেই অপেক্ষা করছি জনাব। আশা করব, আপনি কাউকে কিছু বলবেন না’।
ইবাদত ইতস্তত করে বললেন, ‘সে ঠিক আছে। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করব কী করে?’
আনিস বলল, ‘বিশ্বাস করা ছাড়া আর কোনও উপায় নেই জনাব। আমি আপনার কীই বা ক্ষতি করতে পারি বলুন? ওদিকে ম্যাডামকে যদি নিরাপদ না রাখা যায়, তাহলে যে ক্ষতিটা হবে…’
ইবাদত একটু ভেবে বলল, ‘ঠিক আছে। আমি যাব। আপনি এখানেই থাকুন’।
১২৬
জাহাঙ্গীর আলম, ইন্টেলিজেন্স ব্যুরো, লাহোর ডিভিশন।
চেম্বারে ঢোকার আগে নিজের নেম প্লেটটার কাছে এসে থমকে দাঁড়ালেন জাহাঙ্গীর। এখন সকাল এগারোটা বাজে।
অফিসে আসতে দেরি করেছেন আজ। সারারাত লাহোরের বিভিন্ন জায়গায় তল্লাশিতে নেতৃত্ব দিয়েছেন। কোথাও কিচ্ছু পাওয়া যায়নি, এবং তার জন্য আরও জেদ বেড়ে গেছে তার। ভ্রু কুঁচকে চেম্বারে ঢুকলেন।
ল্যাপটপ অন করে ফোন তুলে নাম্বার ডায়াল করলেন। ওপ্রান্ত একবার রিং হতেই ধরল, ‘বলো জাহাঙ্গীর’।
‘কিছু পাচ্ছি না আমি! আমার মনে হয় না এখানে কিছু আছে’।
‘কামালের লাশ কিন্তু সে কথা বলছে না। ভিডিওটা পাঠাচ্ছি, দেখো’।
‘ওকে’।
ফোন কাটতেই ওপ্রান্ত থেকে ভিডিওটা চলে এল। জাহাঙ্গীর চোখ ছোট ছোট করে ভিডিওটা জুম করে দেখতে শুরু করলেন। ভিডিওটা পুরো দেখা হলে ফোন করলেন, ওপ্রান্ত ফোন ধরতেই বললেন, ‘ভেক ধরে আছে বুঝতে পারছেন?’
‘পারছি। এদের রিফ্লেক্সটাই সেটা বুঝিয়ে দিচ্ছে। হাঁটা-চলা সবকিছুর প্রমাণ
দিচ্ছে’।
‘কতটা গেছিল কিছু ট্র্যাক করা গেছে?’
‘মোটরওয়েতে শুধু একটা গাড়ি পাওয়া গেছে। ইসলামাবাদ থেকে চুরি করা গাড়ি করে গেছিল’।
শিস দিয়ে উঠলেন জাহাঙ্গীর, ‘ওয়াও, টেরিফিক অপারেশন। তারপর হাওয়ায় মিলিয়ে গেছে, তাই তো?’
‘হুঁ’।
‘ওকে’।
‘তুমি তল্লাশি জারি রাখো। লাহোর বর্ডারের কাছের শহর। ওদের এখানে থাকার চান্স অনেক বেশি’।
‘জি। আমি দেখছি’।
ফোন কাটলেন জাহাঙ্গীর। ভিডিওটা আবার চার পাঁচবার দেখে উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরোলেন তিনি, ‘ইদ্রিস, তিনজন জোগাড় করো। বেরোতে হবে’।
ইদ্রিস সঙ্গে সঙ্গে তিনজনকে ডেকে নিল। গাড়িতে ড্রাইভারের পাশে বসে জাহাঙ্গীর বললেন, ‘স্টেশনে চলো’।
আগের রাতে বৃষ্টি হয়েছিল। এখন দিনের বেলা আকাশ পরিষ্কার। ড্রাইভার গাড়িতে গান চালিয়েছে। জাহাঙ্গীর লুকিং গ্লাসে দেখলেন গাড়ির পেছনের সিটে বসা হাবিলদারেরা দিব্যি গানের সঙ্গে মাথা নাড়াচ্ছে। তিনি বললেন, ‘সিরিয়াস হতে হবে। বেশ কিছু ইন্ডিয়ান ঢুকেছে দেশের ভেতরে। সর্বত্র লুক আউট জারি করা আছে। অচেনা অজানা যেখানে যাকে পাওয়া যাবে, আগে জিজ্ঞাসাবাদ করতে হবে। সন্দেহজনক কিছু পেলেই আটকাতে হবে। ঠিক আছে?’
‘জি জনাব’। সম্মিলিত আওয়াজ এল।
জাহাঙ্গীরের হতাশ লাগছিল। সবাই জি জনাবই বলে। কাজের বেলায় হয় কেউ ঘুমিয়ে পড়বে, নয় কাউকে পাওয়া যাবে না। অবশ্য এদের দোষ দিয়ে কী হবে? তিনি নিজে কী করেছেন?
বিরক্ত মুখে লাহোরের রাস্তা দেখায় মন দিলেন। স্টেশনে একটা দল তল্লাশির কাজ করছে। সবক’টা এন্ট্রি এক্সিটে জওয়ানেরা লোকজনকে দাঁড় করিয়ে আইডি চেক করছে।
জাহাঙ্গীর জওয়ানদের দিকে এগোলেন। তাকে দেখে সবাই স্যালুট দিল। জাহাঙ্গীর বললেন, ‘তেমন কাউকে পাওয়া গেছে?’
‘নেগেটিভ জনাব’।
আরেকজন জওয়ান বলে উঠল, ‘ইন্ডিয়ানদের এত সাহস নেই জনাব যে তারা পাকিস্তানে ঢুকে বসে থাকবে। ওরা এমনিতেই খুব ভিতু। আপনি অযথা চিন্তা করছেন’।
জাহাঙ্গীর কড়া গলায় বললেন, ‘বাজে কথা বন্ধ করুন। নিজের কাজ করুন। নইলে কপালে দুঃখ আছে’।
জওয়ান কাঁচুমাচু মুখে বলল, ‘সরি জনাব’।
জাহাঙ্গীর স্টেশনে ঢুকলেন। একটু আগেই করাচি লাহোর এক্সপ্রেস ঢুকেছে। একগাদা লোক প্ল্যাটফর্ম থেকে হুড়মুড় করে বেরোচ্ছে।
মহিলারা বোরখা পরে আছেন। জাহাঙ্গীর এক মহিলাকে ডাকলেন, ‘এদিকে শুনুন’।
মহিলা দাঁড়িয়ে পড়লেন।
জাহাঙ্গীর বললেন, ‘আপনি একা ফিরছেন করাচি থেকে?’
মাথা নাড়লেন মহিলা।
জাহাঙ্গীর বললেন, ‘আইডি দেখি’।
মহিলা নার্ভাসভাবে ব্যাগ হাতড়াতে শুরু করেছেন।
শেষে খুঁজে পেয়ে কার্ড এগিয়ে দিলেন। জাহাঙ্গীর বললেন, ‘মুখ দেখি’।
মহিলা বোরখা সরালেন। জাহাঙ্গীর আইডির সঙ্গে মুখ মিলিয়ে নিয়ে বললেন, ‘ঠিক আছে। আপনি যেতে পারেন। একা একা এই রাস্তায় ফেরা কিন্তু নিরাপদ না’।
মহিলা বললেন, ‘আর হবে না জনাব’।
‘যান’।
মহিলা বেরোতেই জাহাঙ্গীর লাহোর হেড কোয়ার্টারে ফোন করলেন, ওপ্রান্তে ফোন রিসিভ হতে বললেন, ‘আজম সাহেবকে ফোন দিন। জরুরি’।
আজমের গলা শোনা গেল সঙ্গে সঙ্গে, ‘কে বলছেন?’
‘জনাব আমি জাহাঙ্গীর আলম। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে বলছি’।
‘জি, বলুন’।
‘আমাদের চেক পোস্টগুলোতে মহিলা পুলিশ লাগবে জনাব। এখানে শুধু
পুরুষদের চেক করা চলছে। আমার মনে হয় মহিলা পুলিশ দিয়েও চেক পোস্ট খোলা উচিত’।
ওপ্রান্ত একটু নীরব থেকে বলল, ‘জনাব, আপনি বলতে চাইছেন শত্রুরা মহিলা স্পাই পাঠিয়ে দেবে, আর সেই মহিলারা এখানে কাজ করছে?’
‘জি জনাব। ছেলেরা চেক করলে মুখ মেলানো খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে জনাব’।
‘তাও ঠিক। ওকে, আমি একটু হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানাচ্ছি’।
‘শুকরিয়া জনাব’।
ফোন কেটে গেল। জাহাঙ্গীর নিজে ট্রেন যাত্রীদের আই কার্ড পরীক্ষা করতে শুরু করলেন। প্রায় এক ঘণ্টা দেখার পরেও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না।
হতাশ মুখে স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন তিনি…।
১২৭
আনিসের গাড়িতে উঠে ইবাদতের যে একটু ভয় লাগছিল না, তা না। গাড়িটা পুরোনো, সিটগুলো কেমন দরকচা মেরে গেছে। এরকম লোকের সঙ্গে বেরিয়ে তিনি ঠিক করলেন নাকি, বুঝতে পারছিলেন না। আনিস ইবাদতের অবস্থাটা খানিকটা ঠাহর করেই বলল, ‘আপনি নিশ্চিন্ত থাকুন জনাব। আমি খারাপ লোক না। হ্যাঁ, একটু লোভী হতে পারি, তবে খারাপ নই’।
ইবাদত গলা খাকরে বললেন, ‘না না, আমি ওরকম কিছু ভাবছি না। তবে করাচি তো খুব একটা নিরাপদ শহর না, মানে বুঝতেই পারছেন’।
আনিস বলল, ‘তা আর বলতে। যা গেল ক’টা দিন। ম্যাডামকে একটা ঠিকঠাক জায়গায় না পাঠানো অবধি আমিও শান্তি পাচ্ছি না’।
ইবাদত বললেন, ‘কী হয়েছিল?’
আনিস বলল, ‘আপনিই জেনে নিন। আগে ম্যাডামের সঙ্গে দেখা হোক। অনেক আশা করে বসে আছেন’।
ইবাদত বললেন, ‘ঠিক আছে’।
তার ভালো লাগছিল। মাহির সঙ্গে বহুদিন পরে দেখা হবে তার। একটা সময়ে লাহোরে তাদের মধ্যে অন্তরঙ্গতা এতটাই গড়িয়েছিল, ইবাদত ঠিক করেছিলেন মাহিকে বিয়ে করবেন। কয়েকটা মিডিয়ায় তাদের একসঙ্গে থাকার ছবিও বেরিয়েছিল। করাচিতে আসার আগের দিনও মাহির সঙ্গে বেরিয়েছিলেন তিনি।
ঠিক করেছিলেন ‘আস্তিন কা সাপ’-এর শ্যুট শেষ করে লাহোরে ফিরে মাহিকে প্রপোজ করবেন। এর মধ্যে কত কী হয়ে গেল!
গ্রামের রাস্তায় ঢুকল আনিসের গাড়ি। অন্ধকার নেমেছে চারদিকে। এদিকে আলোও নেই। অনেক দূরে টিমটিম করে কয়েকটা ঝুপড়িতে বাল্ব জ্বলছে, এ ছাড়া কিছু দেখা যাচ্ছে না।
ইবাদত হাল ছেড়ে দিলেন। যা হবে দেখা যাবে। মাহির কথা শোনার পর থেকে তার মনে হয়েছে এ ছেলেটা মিথ্যে নাও বলতে পারে। এছাড়া তাকে কিডন্যাপ করে কত রুপি চাইবে? তার কীই বা আছে কিডন্যাপারদের দেওয়ার মতো?
আনিস তার ঝুপড়ির কাছে এসে গাড়ি দাঁড় করিয়ে বলল, ‘আসুন’।
ইবাদত গাড়ি থেকে নামল। এগুলো জেলেদের গ্রাম। অন্য ঝুপড়িটা এই ঝুপড়ি থেকে বেশ খানিকটা দূরে। তার উপর আক্রমণ হলে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না।
ঝুপড়ির দরজা খুলে মাহির উপর টর্চ ফেলতেই ইবাদতের চোখেমুখে বিস্ময় ফুটে উঠল। এ কী চেহারা হয়েছে মাহির! চোখ মুখ বসে গেছে, রোগা হয়ে গেছেন! চেহারা দেখেই ইবাদতের মাথাটা ঘুরে উঠল। আতঙ্কিত কণ্ঠে জিগ্যেস করলেন, ‘এ কী! এ কী চেহারা হয়েছে তোমার?’
মাহি ইবাদতের হাত চেপে ধরলেন, ‘আমাকে কোনও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে? ওরা আমায় বাঁচতে দেবে না। এবার পেলে হয়তো মেরেই ফেলবে!’
ইবাদত বললেন, ‘কারা?’
মাহি রীতিমতো কাঁপছিলেন। প্রবল আতঙ্ক গ্রাস করে রয়েছে তাকে। ইবাদত বললেন, ‘আমাকে কি একটু বলা যাবে?’
মাহি যতটা পারলেন বললেন। শুনতে শুনতে ইবাদতের হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল।
আনিসকে বললেন, ‘মাহিকে এখানে রাখাটাও কিন্তু প্রবল ঝুঁকির কাজ হয়ে যাবে’।
আনিস বলল, ‘জি। আমি কয়েকজনকে চিনি। জেলেদের নৌকা করে ম্যাডামকে পাকিস্তানের বর্ডার পার করে দেওয়া সম্ভব। কিন্তু তার পরে? তারপর কী হবে?’
মাহি জোরে জোরে মাথা নাড়লেন, ‘না-না, আমি পারব না। আমি কাউকে চিনি না। কোথাও যেতে পারব না’।
ইবাদত একটু ভেবে বললেন, ‘ঠিক আছে, তুমি বোরখা পরে নাও। বোরখা এনেছ?’
আনিস বলল, ‘আমি কিনে রেখেছি। আমি জানতাম, দরকার হবে’।
ইবাদত বললেন, ‘ভেরি গুড। মাহি, তুমি বোরখা পরে নাও, আমি তোমাকে নিয়ে যাব’।
মাহি তাই করলেন। আনিস ঝুপড়িতে তালা দিয়ে গাড়িতে উঠে বসল। মাহি পেছনের সিটে শুয়ে পড়েছেন। ইবাদত রুমাল বের করে কপালের ঘাম মুছলেন।
তার করাচির ফ্ল্যাটে আপাতত মাহিকে নিয়ে তুলবেন। কিন্তু প্রতিবেশীরা যদি দেখে ফেলে? কী বলবেন? একটু ভেবে নিয়ে আনিসকে বললেন, ‘আপনিও আমার সঙ্গে আমার ফ্ল্যাটে যাবেন। যদি কেউ দেখে ফেলে, তাহলে বলে দেওয়া যাবে আমরা…’
ইবাদতের কথা শেষ হবার আগেই সজোরে ব্রেক কষল আনিস। সামনের রাস্তায় ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। চেকিং চলছে। ভীত কণ্ঠে বলল, ‘এ কী, যাওয়ার সময় তো ছিল না!’
ইবাদত বললেন, ‘প্যানিক করার দরকার নেই। আমি বলব জেলেদের গ্রাম দেখতে গেছিলাম। আমাকে চিনবে। মাহি, তুমি চুপ করে বসে থেকো’।
মাহি কাঁপতে শুরু করেছিলেন আবার। কোনওমতে বললেন, ‘ঠিক আছে’।
১২৮
রফিককে তার সামনে বসিয়ে রাখা হয়েছে। আবু ইব্রাহিম শীতল চোখে রফিককে দেখছিল। রফিক ভয়ে কাঁপছে।
আবু ইব্রাহিম বলল, ‘আপনাকে একদিনের সময় দেওয়া হয়েছিল রফিক সাব। আপনি কিচ্ছু করতে পারলেন না’।
রফিক কাতর কণ্ঠে বলল, ‘আপনার কি মনে হয় না একদিনের সময়সীমাটা খুবই কম জনাব?’
আবু ইব্রাহিম আমনকে বলল, ‘রফিক সাব কী বলছেন আমান? একদিনের সময় কি খুবই কম?’
আমান বলল, ‘লতিফকে রফিক সাব ডাকলেন। লতিফ এল না। লতিফ এদিকে বিগ অ্যাপার্টমেন্টের সব খবর র-কে পাঠিয়ে গেছেন’।
রফিক প্রতিবাদ করল, ‘না জনাব। লতিফ আমার লোক হলেও ও র-কে আমার কথা শুনে কিছু পাঠায়নি। ওকে অন্যভাবে ট্র্যাপ করা হয়েছিল’।
আবু ইব্রাহিম বলল, ‘মাহি বালোচের সম্পর্কে আপনি কী জানেন রফিক সাব?’
রফিক চুপ করে গেল।
আবু চিৎকার করে উঠল, ‘বলুন! এখনই বলুন। মাহি বালোচের সম্পর্কে আপনি কী জানেন?’
রফিক বিড়বিড় করে বলল, ‘মাহি বালোচের সম্পর্কে আমার কোনও ধারণা নেই জনাব। ওকে পাওয়া যাচ্ছিল না, এটুকু জানি’।
আবু বলল, ‘ও এতদিন আমাদের কাছেই ছিল। মাহিকে এখন আর পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়?’
রফিক অসহায় কণ্ঠে বলল, ‘আমি মাহি বালোচকে নিয়ে ভাবতে যাব কেন জনাব? মাহি বালোচের সঙ্গে আমাদের কী আছে?’
আবু বলল, ‘ভাবতে যাবেন কেন? তাজ্জুব বাত। মাহি বালোচ, মীরান বালোচের আত্মীয়, আপনি কি জানতেন না?’
রফিক অবাক চোখে তাকিয়ে বলল, ‘বিশ্বাস করুন জনাব, আমি ঘুণাক্ষরেও এই বিষয়ে কিছু জানি না’।
আমান বলল, ‘মাহি বালোচের সম্পর্কে তথ্য চাই জনাব। লতিফকে ফোন করুন। মাহি বালোচকে আমাদের দরকার। মীরান বালোচের সঙ্গে নেগোশিয়েশনের জন্য মাহি বালোচকে দরকার। কাল রাতেও মীরান মেজর হুসেনের কনভয়ে আক্রমণ করেছে। মেজর হুসেন কোনওমতে বেঁচে গেছেন’।
রফিক আবু ইব্রাহিমকে বলল, ‘আমার মনে হয় মাহি বালোচের সম্পর্কে আপনাদের কাছে ভুল তথ্য আছে। মাহির সঙ্গে মীরানের কোনও আত্মীয়তা নেই। কে বলেছে এসব?’
আমান পা নাচাচ্ছিল। এগিয়ে এসে রফিককে একটা ঘুষি মারল। রফিকের নাক ফেটে রক্ত বেরোতে শুরু করল। সে বলল, ‘এত দিন ধরে একটা পোস্টে আছেন, কিচ্ছু খবর রাখেন না। কী করতেন আপনি? শুধু কাটমানির টাকা গুনতেন?’
রফিকের নাকে ব্যথা করছিল। পকেট থেকে রুমাল বের করতে গেল, আবু ইব্রাহিম রুমালটা নিয়ে নিল।
রফিক নাকে হাত দিয়ে বলল, ‘আমাদের কাছে মাহি বালোচকে নিয়ে সন্দেহজনক কোনও খবর ছিল না। যখন ও ইন্ডিয়া গেছিল, আমরা ওর উপর নজর রেখেছিলাম। শি ওয়জ ক্লিন’।
আবু ইব্রাহিম বলল, ‘আপনার কথা মেনে নিলাম। তবু আমার মাহিকে চাই। লতিফ কোথায়? ফোন করুন’।
রফিক পকেট থেকে ফোন বের করে লতিফকে কল করে স্পিকারে দিল। রফিক অসহায় মুখে বলল, ‘ওর কালকেই ইসলামাবাদ আসার কথা ছিল। আমি নিজে ওকে এখানে আসতে বলেছিলাম। আমার কথা না শুনলে আমি কী করব জনাব?’
আমান রফিকের ফোন নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে দিল। বলল, ‘আপনাকে বাঁচিয়ে রাখার কোনও কারণ নেই। ইউ আর গুড ফর নাথিং। আলভিদা রফিক সাব’।
রফিক দিশেহারা হয়ে আবু ইব্রাহিমের পায়ে ঝাঁপিয়ে পড়ল, ‘আমাকে মারবেন না জনাব, আমাকে একটু সময় দিন। আমি আমার নেটওয়ার্ক অ্যাক্টিভেট করি!’
আবু ইব্রাহিম শ্লেষাত্মক কণ্ঠে বলল, ‘আপনি তাহলে কাল কী করেছিলেন? করাচিতে রহমানকে মারলেন…’
রফিক বলল, ‘আমি মারতে বলিনি, বিশ্বাস করুন’।
আবু ইব্রাহিম বলল, ‘আপনাকে বিশ্বাস করা আর একটা সাপকে বিশ্বাস করা একই ব্যাপার’।
রফিক বলল, ‘আমান আমাকে যদি মাহি বালোচের ব্যাপারে আগে বলত, আমি আমার মতো করে বিষয়টা দেখতাম জনাব’।
আবু ইব্রাহিম গলা তুলল, ‘আফসার!’
আবু ইব্রাহিমের সাগরেদ এসে দাঁড়াল, ‘জি জনাব’।
আবু ইব্রাহিম রফিককে দেখিয়ে বলল, ‘একে ছাদ থেকে ফেলে দে’।
১২৯
রাত সাড়ে এগারোটা। ফকিরওয়ালি থেকে কুড়ি কিলোমিটার আগে গাড়ি রাস্তার বাঁ-দিকে দাঁড় করিয়ে ফরিদ বললেন, ‘ফকিরওয়ালি গেলে ধরা পড়ার সম্ভাবনা খুবই বেশি। ফকিরওয়ালিতে সেনার চেক পোস্ট সব চেয়ে বেশি। ওদের চোখে ধুলো দেওয়া সহজ হবে না। তোমরা ঘুমিয়ে পড়ো। আমার কয়েকটা ফোন করার আছে’।
নুসরত বলল, ‘আমাদের কি এখন ঘুম আসবে? আপনি ফোন করুন। আমরা বসে আছি’।
ফরিদ মাথা নাড়লেন, ‘না। রেগিস্তানের ভেতর থেকে তোমাদের পার করানোর কথা ভেবেছি আমি। সে রাস্তায় যেতে হলে অনেক সময় লাগবে। শক্তি সঞ্চয় করো। ঘুমাতে চেষ্টা করো’।
মিজান বলল, ‘চাচা, আপা ঠিক কথাই বলেছে। আমাদের আর ঘুম হবে না। আমরা জেগে আছি। আপনি ফোন করুন’।
ফরিদ মাথা নেড়ে ফোন বের করলেন। ওপ্রান্ত ধরতেই বেশ কিছুক্ষণ কথা বলে তারপর বললেন, ‘বহাওয়ালপুরে তুলকালাম চলছে। ইউসুফ আজহার রীতিমতো কান্নাকাটি শুরু করেছে ওর ভাইয়ের জন্য। রেগিস্তানের রাস্তা আপাতত বন্ধ হয়ে গেছে’।
নুসরত হতোদ্যম হয়ে পড়েছিল। হতাশ কণ্ঠে বলল, ‘আমার মিশন ফেইল করে গেছে। দিনের শুরুটাই তো খারাপ হল, এর বেশি কিছু আশা করিনি আমি। আমার মনে হয় না আর এ জন্মে দেশে ফেরা হবে’।
ফরিদ বললেন, ‘আমি তো এখন মরে যাইনি বেটি, এত বছর ধরে এ দেশে আছি, আমি যতদিন বেঁচে আছি, ততদিন কেউ তোমাদের গায়ে হাত দিতে পারবে না’।
মিজান বলল, ‘কিন্তু এদের হাত থেকে বাঁচব কী করে? পাকিস্তানি সেনা আমাদের পেলে ছিঁড়ে খেয়ে ফেলবে’।
ফরিদ গাড়ি স্টার্ট দিলেন, ‘আপাতত রাতটা কাটানো যাক। সকালে দেখা যাবে। নুসরত, মুখ ঢেকে নাও’।
আরও এক ঘণ্টা গাড়ি চলল। বৃদ্ধ ফোনে কারও থেকে নির্দেশ নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। একটা সময় বড় রাস্তা থেকে বাঁ-দিকের রাস্তা ধরলেন। দু’পাশে গমের খেত, মাঝখান থেকে গাড়ি চলছে। চাঁদের আলোয় চারদিক ঝলমল করছে। মিজান মুগ্ধ কণ্ঠে বলল, ‘কী সুন্দর জায়গাটা’।
ফরিদ বললেন, ‘আমার বন্ধু পারভেজের বাড়ি এখানে। পারভেজ বহুদিন বহাওয়লপুরে ছিল। একটা জিনিস মাথায় রেখো, ও যেন কিছুতেই না বুঝতে পারে তোমরা ভারতীয়। পারভেজ পাকিস্তান অন্তপ্রাণ। শেষ ফোনটা ওকেই করেছিলাম। বলেছি মেয়েকে লাহোরে ছাড়তে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছিল। রাতটা ওর কাছে থাকব। সেটাই মাথায় ঢুকিয়ে নাও’।
মিজান বলল, ‘জি চাচাজি। মনে থাকবে’।
বৃদ্ধ বললেন, ‘নুসরত?’
নুসরত ক্লান্ত কণ্ঠে বলল, ‘মনে থাকবে’।
আরও কিছুটা রাস্তা যাবার পর দেখা গেল রাস্তার পাশে এক বৃদ্ধ টর্চ হাতে দাঁড়িয়ে আছেন। ফরিদ গাড়ি দাঁড় করিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘এই তো, অবশেষে তোমার কাছে এলাম! এখান থেকে কত দূরে?’
পারভেজ বললেন, ‘ওহ, সত্যি! কতদিন পরে দেখা’। খানিকটা দূরে একটা ফাঁকা জায়গায় টর্চ মেরে পারভেজ বললেন, ‘গাড়িটা ওখানেই রেখে আমার সঙ্গে চলো’।
ফরিদ তাই করলেন। তিনজনে পারভেজের দেখানো পথে আরও মিনিট পাঁচেক হাঁটার পর পারভেজের বাড়িতে পৌঁছলেন। ইটের প্রাচীর দিয়ে ঘেরা মাটির বাড়ি। উঠোনে খাটিয়া পাতা। পারভেজ বললেন, ‘রাতে খুবই কষ্ট হবে ফরিদ ভাইজান। বেটি আমার বিবির সঙ্গে শুয়ে পড়ুক। আমরা তিনজনে বাইরে খাটিয়ায় শোবো। তোমাদের খুব কষ্ট হবে। সে যাই হোক, আপাতত খেয়ে নাও। তারপর বিশ্রাম করো’।
ফরিদ বললেন, ‘চুপ করো তুমি! আমরা কোথাকার আমির ঘরের ছেলে? আশ্রয় পাচ্ছি এই অনেক। বেটি, যাও, চাচির সঙ্গে ঘরের ভিতরে যাও’।
নুসরত পারভেজের স্ত্রীর সঙ্গে ঘরের ভেতর গেল। ঘরের মধ্যে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। একটা একশো ওয়াটের বাল্ব টিমটিম করে জ্বলছে। ভদ্রমহিলা মেঝেতেই বিছানা করে রেখেছিলেন। নুসরতকে যত্ন করে সেখানেই বসালেন। কিছুক্ষণ পর বাইরের উঠোনে খেতে দিলেন।
তাদের প্রবল খিদে পেয়েছিল। খিদের পেটে রুটি আর ডাল অমৃতের মতো লাগল।
খেয়ে উঠে চোখ বুজতেই রাজ্যের ঘুম নেমে এল।
ঘুম যখন ভাঙল, তখন সবে ভোর হয়েছে। নুসরত বাইরে বেরিয়ে দেখল ফরিদ আর পারভেজ খাটিয়ায় বসে গল্প করছেন।
তাকে দেখে হেসে ফরিদ বললেন, ‘পারভেজ খুব করে অনুরোধ করেছে আজকের দিনটা থাকতে। থেকে যাই, কী বলিস?’
নুসরত ঘাড় নাড়ল। তার এখনও নিজের উপরে রাগ হচ্ছিল।
