2 of 4

৭২. গোলোকমাহাত্ম্যবিষয়ক প্রশ্ন

৭২তম অধ্যায়

গোলোকমাহাত্ম্যবিষয়ক প্রশ্ন

যুধিষ্ঠির কহিলেন, “পিতামহ! আপনি নাচিকেতঋষির উপাখ্যান কীৰ্ত্তনচ্ছলে গোমহিমা কীর্ত্তন করিলেন। আর মহাত্মা নৃগ যে অজ্ঞানকৃত একমাত্র অপরাধনিবন্ধন ঘোরতর দুঃখানুভব করিয়াছিলেন এবং তিনি কৃকলাসরূপী হইয়া দ্বারকানগরে কূপে নিপতিত হইলে ভগবান কৃষ্ণ যে তাঁহার উদ্ধারের হেতু হইয়াছিলেন তাহাও শ্রবণ করিলাম। কিন্তু এক্ষণে গোদাতা যে গোলোকসমুদয়ে গমন করেন, সেই সকল লোক কি প্রকার, তদ্বিষয়ে আমার সন্দেহ আছে; অতএব আপনি যথার্থরূপে ঐ বৃত্তান্ত কীর্ত্তন করুন।”

ভীষ্ম কহিলেন, “বংস! আমি এই উপলক্ষ্যে ব্রহ্মবাসব সংবাদনামে এক পুরাতন ইতিহাস কীৰ্ত্তন করিতেছি, শ্রবণ কর। একদা ইন্দ্র কমলযোনি ব্রহ্মাকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবন্‌! গোলোকনিবাসিগণ যে স্ব স্ব তেজঃপ্রভাবে স্বর্গবাসীদিগের ঐশ্বর্য্যে অবজ্ঞা প্রদর্শনপূর্ব্বক গমন করিয়া থাকে, ইহার কারণ কি? গোদাতারা যেসকল লোকে অবস্থান করেন, তৎসমুদয় কি প্রকার? ঐ সকল স্থানে কিরূপ ফললাভ হয়, ঐ সমুদয় স্থানের উৎকৃষ্ট গুণ কি, গোদাতারা কিরূপে ঐ সকল লোকে গমন ও কত দিন বা সেই গোদানের ফল ভোগ করে, বহু গোদানের ফল কিরূপ এবং অল্প গোদানের ফলই বা কি প্রকার, গোদান না করিয়াও কিরূপে গোদানের তুল্য ফললাভ হয়, বহু গোদাতা কি প্রকারে অন্নদাতার সহিত তুল্যরূপে পরিগণিত হইয়া থাকে ও অল্প-গোদাতা কিরূপে বহু-গোদাতার তুল্য ফললাভ করে এবং গোদান করিয়া কোন্ প্রকার দক্ষিণা দান করা প্রশস্ত, আপনি এই সমুদয় যথার্থরূপে কীৰ্ত্তন করুন।’ ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *