2 of 4

৬৫. স্বর্ণজলাদি বিভিন্ন দানের ফলাধিক্য

৬৫তম অধ্যায়

স্বর্ণজলাদি বিভিন্ন দানের ফলাধিক্য

কথন ভীষ্ম কহিলেন, “ধৰ্ম্মরাজ! সৰ্ব্বলোকপিতামহ ব্রহ্মার পুত্র ভগবান্ অত্রি কহিয়াছেন, যে ব্যক্তি সুবর্ণ দান করে, তাহার সকল বিষয়ই দান করা হয়। মহারাজ হরিশ্চন্দ্ৰ কহিয়াছেন যে, সুবর্ণদান আয়ুষ্কর, পবিত্রতাসম্পাদক ও পিতৃলোকের অক্ষয়ফলপ্রদ হইয়া থাকে। মহর্ষি মনু কহিয়াছেন, সকল দান অপেক্ষা জলদানই উৎকৃষ্ট; অতএব মনুষ্য প্রযত্নসহকারে কূপ, বাপী ও তড়াগাদি খনন করাইবে। সলিলপূর্ণ কুপ খননকর্ত্তার পাপের অর্ধাংশ বিলুপ্ত করিয়া থাকে। যাঁহার জলাশয়ে ব্রাহ্মণ, সাধু, মনুষ্য ও গোসমুদয় জলপান করে, তাহার সমুদয় বংশ পাপ হইতে নির্ম্মুক্ত হইয়া থাকে। গ্রীষ্মকালে যাঁহার জলাশয়ে সকলেই অপ্রতিষিদ্ধ হইয়া জলপান করিতে পারে, তিনি কদাচ বিপদে নিপতিত হয়েন না।

“ঘৃতদ্বারা ভগবান্ বৃহস্পতি, পূষা, ভগ, অশ্বিনীতনয়দ্বয় ও বহ্নির তৃপ্তিলাভ হয়। ঘৃত উৎকৃষ্ট ঔষধ, সর্ব্বোৎকৃষ্ট যজ্ঞীয় দ্রব্য, রসের মধ্যে উৎকৃষ্ট রস এবং উৎকৃষ্ট ফলপ্রদ বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। যিনি মঙ্গল, যশঃ ও পুষ্টিলাভার্থী হয়েন, তিনি ব্রাহ্মণগণকে সতত ঘৃত প্রদান করিবেন। যিনি আশ্বিনমাসে ব্রাহ্মণগণকে ধৃত দান করেন, অশ্বিনীকুমারদ্বয় তাহার প্রতি প্রীত হইয়া kf&হাকে রূপ প্রদান করিয়া থাকেন। যিনি ব্রাহ্মণগণকে ঘৃতপায়স প্রদান করেন, রাক্ষসগণ তাহার গৃহে কদাচ উপদ্রব করে না।

“যিনি পরমশ্ৰদ্ধাসহকারে পবিত্র হইয়া ব্রাহ্মণগণকে কলস প্রদান করেন, তিনি বলবতী পিপাসায় আক্রান্ত হইয়া মৃত্যুমুখে নিপতিত হয়েন না, আহারাভাবে তাহাকে কদাচ দুঃখপ্রাপ্ত হইতে হয় না এবং বিপদসমুদয় তাহাকে কখনই আক্রমণ করে না। যিনি পাকাদি কার্য্যনির্ব্বাহ ও উত্তাপগ্ৰহণার্থ ব্রাহ্মণগণকে কাষ্ঠ প্রদান করেন, তাঁহার সংগ্রামে জয়লাভ, সকল কার্য্যে সিদ্ধিলাভ ও শরীরের কান্তি বৃদ্ধি হয় এবং ভগবান্ হুতাশন তাহার প্রতি যারপরনাই সন্তুষ্ট থাকেন। যিনি ব্রাহ্মণগণকে ছত্র প্রদান করেন, তিনি পুত্র, সম্পদ ও যজ্ঞভাগ লাভ করিতে সমর্থ হয়েন এবং তাহার কদাচ চক্ষুর পীড়া জন্মে না। আর যিনি গ্রীষ্ম বা বর্ষাকালে ব্রাহ্মণকে ছত্ৰদান করেন, তাঁহার কখনই মানসিক পীড়া উপস্থিত হয় না এবং তিনি বিষয়কষ্ট হইতে অচিরাৎ মুক্তিলাভ করিতে সমর্থ হয়েন। ভগবান্ শাণ্ডিল্য কহিয়াছেন যে, শকটদান সকল দান অপেক্ষা উস্কৃষ্ট; অতএব ব্রাহ্মণকে শকটদান করা রাজার অবশ্য কর্ত্তব্য।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *