স্যান্ডস্টর্ম – জেমস রলিন্স
স্যান্ড স্টর্ম – জেমস রলিন্স
রূপান্তর: মোঃ ফুয়াদ আল ফিদাহ
প্রকাশকাল: মার্চ ২০১৬
প্রচ্ছদ ও অলংকরন : সামিউল ইসলাম অনিক
প্রুফরীড: Rejwan Gazi
সৌজন্যে – বংবই
.
ভূমিকা
বিশ্বজুড়ে জেমস রলিন্স এক জনপ্রিয় নাম। তার লেখা বইগুলো যেমন দারুণ থ্রিলিং তেমনি দারুণ উপভোগ্য। তার স্ট্যান্ড অ্যালোন বইগুলোও জনপ্রিয়তাও তুঙ্গে। তবে সিগমা ফোর্স তার সবচেয়ে জনপ্রিয় সিরিজের নাম।
বিশাল কলেবরের এই বইটি অনুবাদকর্মে হাত দেবার সাহস জোগাতেই লেগে গিয়েছে বেশ কিছু দিন। যেহেতু সিরিজটা নিয়ে পাঠকদের আগ্রহ তুঙ্গে, তাই বলতে গেলে ভয়ে ভয়েই কাজটা শুরু করেছিলাম। কিন্তু কিছুদূর যাবার পর বুঝতে পারলাম, ভয়ের চেয়ে আনন্দই পাচ্ছি বেশি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বইটা মনোযোগ আঁকড়ে ধরে রাখতে সক্ষম।
অনুবাদ করার সময় আক্ষরিকের চেয়ে ভাবানুবাদের দিকেই আমার লক্ষ্য থাকে বেশি। চেষ্টাও করি যেভাবে লেখা হলে আমি পড়ে মজা পেতাম, সেভাবে লিখতে। চেষ্টা কতোটুকু সফল তা পাঠকরাই ভালো বলতে পারবেন।
কৃতজ্ঞতা স্বীকারের পালায় আসি। প্রথম কৃতজ্ঞতা কার প্রতি সেটা আর উল্লেখ করলাম না, কারণ পেছনের বই গুলোতেও তিনি ছিলেন, সামনে বই গুলোতেও থাকবেন। তাই নাম উল্লেখ বাহুল্য।
মাঝখানে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে একটু বিরক্ত হয়ে কাজ বন্ধ রেখেছিলাম। সাজিদ ভাইকে দেবার কথা ছিল অনেক আগে, দিয়েছি দেরী করে। কিন্তু এ নিয়ে কিছু জিজ্ঞাসা না করায়, তার প্রতি আমি কৃতজ্ঞ।
কৃতজ্ঞ সাঈদ শিহাবের প্রতি, এত দ্রুত ফাইনাল টাচ দিয়ে দেবার জন্য । তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ পাঠকদের প্রতি, কেননা তাদের আগ্রহের ফসল এই অনুবাদ।
ডা. মোঃ ফুয়াদ আল ফিদাহ
ঢাকা,
২০১৬ইং
.
ব্যাখ্যার অতীত এক বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডন মিউজিয়াম, নড়ে-চড়ে বসল বিশ্বের বেশ কয়েকটি গোপন সংগঠন। প্রশ্নের উত্তর খুজতে বের হলো লেডী কারা কেনসিংটন, সুন্দরী এবং বিদূষী ড. সাফিয়া আল-মায়াজ এবং নামকরা প্রত্নতাত্ত্বিক ওমাহা ডান। প্রবেশ করল এমন এক শহরে, যা কল্পনাকেও হার মানায়। কিন্তু ওদের পিছু পিছ ধেয়ে এসেছে অন্যান্যরা। ওদের উদ্দেশ্য সারা দুনিয়া জুড়ে বয়ে আনবে বিশৃঙ্খলা। সেই সাথে আরব মরুভূমির বিপদ তো আছেই। সবার লক্ষ্যই এক- এমন এক ক্ষমতার উৎস খুঁজে বের করা, যেটা দুনিয়াকে পরিণত করতে পারবে স্বর্গে অথবা ধ্বংস করে দেবে মানব সভ্যতাকে! কে জিতবে শেষ পর্যন্ত?



Leave a Reply