দ্য গেটস অফ উবার

দ্য গেটস অফ উবার

ক্রসরোডস

৪ ঠা ডিসেম্বর, ৫:৫৫ এ.এম.

ধোফার পাহাড়

ফ্যাকাসে আলোর আভাস দেখতে পেয়ে, পাসের উপরে উঠে ওমাহা ভ্যানের গতি কমিয়ে আনল। এখান থেকে রাস্তাটা নিচে নেমে গিয়েছে…যদি এই দাগযুক্ত আর পাথর বিছানো পথটাকে রাস্তা বলা যায় তো। গত দশ মাইল ধরে ধাক্কা খেয়ে খেয়ে পিঠ ব্যথা হয়ে গিয়েছে ওর।

ব্রেক কষে গাড়ি থামাল ওমাহা। ভ্যানের দুই পাশের দৃশ্য একই রকম। লাল পাথরের মাঝে মাঝে ইতস্তত বেড়ে ওঠা লাল বাকল বিশিষ্ট গাছ। বসওয়েলিয়া সারকা। দুপাপ্য আর তাই দামী ধুনোর গাছ। অতীত যুগের স্বর্ণ।

ওমাহা ব্রেক কষায় তন্দ্রা ভেঙে গেল পেইন্টারের, “কী হলো?” জানতে চাইল সে। এক হাত কোলের উপর রাখা বন্দুকে চলে গিয়েছে।

সামনের দিকে ইঙ্গিত করল ওমাহা। রাস্তাটা শুকনো নদীর খাত দিয়ে চলে গিয়েছে, ওয়াদি বলে একে। খুব খারাপ অবস্থা রাস্তার । ফোর-হুইল ড্রাইভ গাড়ি ছাড়া এই রাস্তায় চলা অসম্ভব ।

“এরপরের রাস্তা নীচু আর খারাপ।” বলল ওমাহা। “আমি এই জায়গা চিনি।” ওদের পেছন থেকে বারাক বলে উঠল। লোকটা মনে হয় কখনও ঘুমায় না। এই জায়গাটার নাম ধিকুর ওয়াদি। দুই পাশের ক্লিফগুলো আসলে প্রাচীন কবরস্থান।”

ওমাহা ভ্যানের ইঞ্জিন চালু করল, “দোয়া কর যেন আমাদের কবরও না এখানে হয়ে যায়।”

“এদিকে কেন এলাম আমরা?” জানতে চাইল পেইন্টার । তিন নাম্বার সারিতে বসা কোরাল আর ড্যানি নড়ে উঠল, কান পেতে শুনছে। বারাকের পাশে বসা ক্লে নাক ডেকে ঘুমাচ্ছে। বারাকই উত্তর দিল, “কেননা শুধু স্থানীয় শাহরা গোত্রই এই রাস্তাটা ভাল ভাবে চেনে। এখনও এখানকার গাছ থেকে ধুনো সংগ্রহ করে ওরা।”

শাহরা গোত্রের কারও সাথে কখনও সাক্ষাৎ হয়নি ওমাহার। প্রযুক্তিগত দিক পয়ে প্রস্তরযুগে পড়ে থাকা এই গোত্র নিজের মত থাকতেই ভালবাসে। এমনকি এদের ভাষাও আধনিক আরবীর সাথে মেলে না। এদের দাবী, রাজা শদ্দাদের বংশধর এরা। মুখে মুখে চলে আসা গল্প অনুসারে, এরা উবারের আদি অধিবাসীদের বংশধর। ৩০০ সালের ভয়ংকর সেই দূর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরতে পারা গুটিকয়েক লোকের উত্তরসূরি।

বারাক বলল, “এই ওয়াদির নিচ থেকে শিশুরের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার।”

ওমাহা একেবারে ধীরগতিতে গাড়ি চালানো শুরু করল। খুব মনোযোগের সঙ্গে চালাতে হচ্ছে। আধ ঘন্টার মাঝেই ঘামে ভিজে উঠল স্টিয়ারিং।

ততক্ষণে উঠে গিয়েছে সূর্য, আকাশটাকে গোলাপী দেখাচ্ছে। ওমাহা এই রঙের সাথে পরিচিত। ঝড় আসছে। কয়েক ঘন্টার মাঝেই আহ্বান

হানবে।

একটা বাঁক ঘোরার পর, দুটো উট আর দুজন বেদুইন পড়ল সামনে। জোরে ব্রেক কষল সে। রাস্তার পাশে জমা করে রাখা পাথরের স্তুপে বাড়ি খেল গাড়ি। চমকে গিয়ে ঘুম থেকে জেগে উঠল ক্লে।

“রিফিউজি,” প্রথম দেখা দুই উটের পিছনে আরো একই রকম বোঝসহ উট, গাধা আর ঘোড়া দেখতে পেয়ে বলল পেইন্টার, “ঝড়ের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছে।”

ওদিকে তাকাল ওমাহা, দলে দলে মানুষ মরুভূমি ছাড়ছে। “কিসের সাথে বাড়ি খেলাম আমরা?” কোরাল জানতে চাইল।

ড্যানি পথের পাশে একইভাবে সাজিয়ে রাখা আরেকটা পাথরের স্তুপের দিকে ইঙ্গিত করল, “ট্রাইলিথ। প্রাচীন যুগের উপাসনার পাথর।” তিনটা পাথরের স্ল্যাব একটা আরেকটার সাথে ঠেস দিয়ে বানানো হয়েছে ট্রাইলিথ, দেখতে ছোট একটা পিরামিডের মত।

“তুমি তো বলেছিলে, বারাকের দিকে ফিরে বলল পেইন্টার, “এই পথের কথা কেউ জানে না।”

“এমন ভয়ংকর বালুঝড়ের সামনে পড়লে, যেকোনও উঁচু এলাকার দিকে পালাবে। এর জন্য যে পথ সামনে পড়বে, অপরিচিত হলেও, সেটাই অনুসরণ করবে সে।”

গাড়ির রেডিও মাঝে মাঝে রিসেপশন পাচ্ছিল। তাই বালুঝড়ের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পেরেছে ওরা। আকারে অনেক বেড়েছে ওটা, তৈরি করছে ঘন্টায় আশি মাইল বেগের বাতাস, সেই সাথে পথে যা বালু পাচ্ছে, তা তো আনছেই।

তবে এখানেই যদি ব্যাপারটা শেষ হত, তাহলে তো ভালই হত। উপকূল থেকে মেইনল্যান্ডের দিকে ধেয়ে আসছে আরেকটা ঝড়। ওমানী মরুভূমির উপর মিলিত হবে দুইটা, তৈরি করবে শতাব্দির সবচেয়ে বড় ঝড়।

সূর্য উঠলেও, উত্তরের দিগন্ত এখনও অন্ধকার হয়ে আছে। পাহাড়ি রাস্তা দিয়ে এরা যত নিচে নামছে, তত যেন আকারে বড় হচ্ছে ঝড়। অবশেষে ওয়াদির গোড়ায় পৌঁছল ওরা।

“রুব আল-খালিতে স্বাগতম।” ঘোষণা দেয়ার মত করে বলল ওমাহা। “দ্য এম্পটি কোয়ার্টার (মরুভূমির জনশূন্য বা খালি এক-চতুর্থাংশ এলাকা)।”

একেবারে যথাযথ হয়েছে নামটা।

তেলের মিটারের দিকে তাকাল ওমাহা। কপাল ভাল থাকলে, এই পরিমাণ তেলে শিশুর পর্যন্ত যাওয়া গেলেও যেতে পারে। ওদের একমাত্র গাইড, ডেজার্ট ফ্যান্টমের দিকে তাকাল সে, “ত্রিশ কিলোমিটার-ই তো?”

বারাক শ্রাগ করল, “ওরকমই।”

হতাশ ওমাহা মাথা নাড়ল। সামনের সমতল ভূমির দিকে তাকাল সে। এখনও কয়েকজনকে দেখা যাচ্ছে। ওদেরকে পার হয়ে উপরে উঠে যাচ্ছে রিফিউজিরা। বোকার মত যারা ঝড়ের দিকে এগোতে চায়, তাদের দিকে নজর দেয়ার মত সময় নেই ওদের। ভ্যানের ভেতর কেউ কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝড়ের দিকে। সমতল ভূমি পেয়ে গতি ত্রিশ মাইলে তুলল ওমাহা।।

নিরবতা ভাঙলো ড্যানির কথায়, “বিশ্বাস করা যায়, এই এলাকা যে একদা তৃণভূমি ছিল?”

হাই তুলল ক্লে, “কি বলছ তুমি?”

সামনে এগিয়ে এল ড্যানি, “এই এলাকা সবসময় এমন ছিল না। প্রাচীন যুগে এখানে নদী খাত ছিল, ছিল লেক আর ঝর্ণা।”

ক্লে বর্তমানের প্রাণশূন্য এলাকার দিতে তাকাল, “কত আগের কথা বলছ?”

“বিশ হাজার বছর হবে।” বলল ড্যানি, “এরপর শুরু হয় মরুকরণ।”

“কেন?”

“আমার জানা নেই।” ক্লে-এর প্রশ্নের উত্তর দিল কোরাল, “মিলানকোভিচ ফোর্সিং এর কারণে।” সবার মনোযোগ ওর দিকে ঘুরে গেল।

ব্যাখ্যা করল কোরাল, “মাঝে মাঝে পৃথিবী তার কক্ষপথের উপর…হোঁচট খায়। এগুলোকে বলে অরবিটাল ফোর্সিং। এর ফলে আবহাওয়ার অভাবনীয় পরিবর্তন ঘটে। আরব, ইন্ডিয়ার কিছু অংশ, আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মরুকরণ এর উদাহরণ।”

“কিন্তু এই হোঁচট খাবার কী কারণ?” ক্লে জানতে চাইল ।

“অনেক কিছুই হতে পারে, ” শ্রাগ করল কোরাল, “নিশ্চিত করে বলতে পারেনা কেউ ।”

“কারণটা যাই হোক,” বল ড্যানি, “ফলাফলটা দেখতেই পাচ্ছে।

সামনে বালিয়াড়িগুলো বিশাল আকার ধারণ করেছে। একেকটা প্রায় ছয়শো ফুট উঁচু। এই বালিয়াড়িগুলোর মাঝ দিয়ে রাস্তা চলে গিয়েছে। এখানে পথ হারানো খুব সোজা। আর বালিয়াড়ির উপর দিয়ে চালাতে গেলে, গাড়ির আটকে পড়ার সমূহ সম্ভাবনা আছে। সেই ঝুঁকি নেবার সুযোগ ওদের নেই।

ওমাহা সামনের দিকে বারাকের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইল, “তুমি ঠিক মত চেনো তো?”

শ্রাগ করল বিশাল আরব। যেকোনও প্রশ্নের সাধারণত এই একটাই উত্তর দেয় সে।

টাওয়ারের মত দাঁড়িয়ে থাকা বালিয়াড়িগুলোর দিকে তাকাল ওমাহা… ওগুলো পার করে আরো সামনে চলে গেল ওর দৃষ্টি। দিগন্তে কালো একটা দেয়াল দেখা যাচ্ছে। দ্রুত গতিতে ধেয়ে আসছে ওদের দিকে।

পথ ভুল করলেই মৃত্যু।

০৭:১৪ এ.এম.

কারার পাশে হাঁটছে সাফিয়া। রেহেমের সদস্যরা ওদের সামনে আর পেছনে ছড়িয়ে আছে। তিন ঘন্টা হলো হাঁটছে ওরা। পানি পান করার জন্য বা বিশ্রাম নেবার জন্য মাঝে মধ্যে থামছে। সাফিয়ার কাঁধে ব্যথা আবার শুরু হলেও, কোন অভিযোগ জানায়নি ও।

পুরো গোত্রটাই একসাথে হাঁটছে, এমনকি বাচ্চারাও। কমবয়সী মেয়েদেরকে ভাল করে দেখছে সাফিয়া, ওরাও থেকে থেকে তাকাচ্ছে ওর দিকে। চেহারার মিল দেখে মনে হয়, সবাই একে অন্যের বোন। সবুজ চোখ, কালো চুল, একই রঙা ত্বক। এমনকি হাসলে, সবার গালের একই জায়গায় টোল পড়ে।

অপেক্ষাকৃত বয়স্ক মেয়েদের মাঝেও অমিল খুব কম। কেউ চিকন, আবার কেউ কিছুটা মোটা। কারও চুল ছোট তো কারও বড়। এছাড়া তেমন অমিল নেই।

গোত্রের হোজা; লুলুও ওদের সাথেই আসছেন। রেহেম গোত্র উবারের প্রবেশদ্বারের প্রহরী। তাই এত দিন পর উবারের দরজা খুলে দেয়া হচ্ছে, এ কথা শুনতে পেয়ে কেউই এই অসাধারণ মুহূর্তের সাক্ষী হবার সুযোগ হারাতে চায়নি।

তিন ঘন্টা আগে থেকেই চুপ হয়ে আছেন লুলু। কারা আর সাফিয়াও তেমন কোনও কথা বলেনি। তবে এখন নিরাবতা ভেঙে কথা বলল কারা, “এই বাচ্চাদের বাবা কারা? তারা কি পথে আমাদের সাথে যোগ দেবে?”

লুলু ভ্রু কুঁচকে কারার দিকে তাকালেন,”কোনো পুরুষলোক আমাদের গোত্রের অধিবাসী হতে পারেনা, নিষিদ্ধ।”

হোজার আগেরকার বলা কথা মনে পড়ে গেল সাফিয়ার। ওকে জন্ম দিতে গিয়ে ওর মা গোত্রের নিয়ম ভেঙ্গেছে। তাহলে কি অনুমতি নিতে হয় বাচ্চা জন্ম দেবার জন্য? এরা সবাই একরকম দেখতে কেন? রক্ত বিশুদ্ধ রাখার জন্য?

“তাহলে কি শুধু মেয়েরাই রেহেমের সদস্য?” জানতে চাইল কারা। “একদা আমাদের সংখ্যা ছিল অনেক।” নিচু স্বরে বলল লুলু, “এখন মাত্র ছত্রিশ। বিলকিস, শেবার রাণীর রক্তের শক্তি ধীরে ধীরে দূর্বল হয়ে আসছে। এখন মৃত বাচ্চা প্রসব হচ্ছে বেশি।”

“শক্তি? কোন ধরনের শক্তির কথা বলছেন?” সাফিয়া জিজ্ঞাসা করল।

লুলু দীর্ঘশ্বাস ফেললেন, “যেহেতু তুমি আমাদের একজন, তাই তোমাকে পরীক্ষা করে দেখা হয়েছে। আমরা জানি, উবারের আশীর্বাদের কিছুটা হলেও তোমার মাঝে আছে।”

“পরীক্ষা করে দেখা হয়েছে?” সাফিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল কারা।

নড করলেন লুলু, “একটা সময়ে আমাদের গোত্রের সব দোআঁশলাকে পরীক্ষা করে দেখা হয়। আলমাজ আমাদের গোত্রকে ছেড়ে কোন পুরুষের শয্যা সঙ্গী হওয়া প্রথম রেহেম নয়। এর আগেও এমনটা ঘটেছে। কিন্তু যেসব বাচ্চা জন্মেছে, তাদের মাঝে খুব কম বাচ্চার মাঝে সেই আশীর্বাদ দেখা গিয়েছে।” সাফিয়ার কনুইয়ে হাত রাখল সে, “তেল আবিবের তোমার বোমা বিস্ফোরণের পরও বিষ্ময়কারভাবে বেঁচে থাকার খবর পেয়েই আমাদের সন্দেহ হয়। ”

তেল আবিবের কথা শুনে চমকে উঠল সাফিয়া। পত্রিকায় ছাপা হয়েছিল, ওর বেঁচে থাকাটা অলৌকিক।

“কিন্তু তোমাকে পরীক্ষা করে দেখার আগেই, তুমি দেশ ছেড়ে চলে যাও। আর ফিরে আসোনি। আমরা ভেবেছিলাম, তোমাকে হারিয়ে ফেলেছি। এরপর চাবিটার আবিষ্কারের সংবাদ শুনতে পাই। তাও কিনা ইংল্যান্ডে, তোমার তত্ত্বাবধায়নে থাকা এক মিউজিয়ামে! এটা একটা নির্দেশনা ছাড়া আরকি!” আশা ফুটে উঠল তার গলায়।

“তুমি যখন ওমানে ফিরে এলে, আমরা তোমাকে খুঁজে বের করি।” টানেলের সামনের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন লুলু, “প্রথমে তোমার প্রেমিককে কিডন্যাপ করার চেষ্টা চালাই, যেন তাকে ব্যবহার করে তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে পারি।

আঁতকে উঠল কারা, “তাহলে আপনারাই ওমাহাকে কিডন্যাপ করার চেষ্টা চালিয়েছিলেন?”

“হ্যা। কিন্তু যেহেতু সাফিয়াকে আমাদের কাছে আনতে ব্যার্থ হলাম। তাই সিদ্ধান্ত নেই আমরাই সাফিয়ার কাছে যাব।” সাফিয়ার দিকে ফিরে বললেন, “পুরনো পদ্ধতিতে তোমাকে পরীক্ষা করে দেখি আমরা। সাপ ব্যবহার করি।”

টানেলের মাঝখানেই দাঁড়িয়ে পড়ল সাফিয়া, “আপনারা ঐ কার্পেট ভাইপারকে পাঠিয়েছিলেন!”

লুলুও থমকে দাঁড়ালেন, সেই সাথে দাঁড়ালো কারা আর কয়েকজন রেহেম। এই ধরনের সাধারণ প্রাণিরা আমাদের আশীর্বাদ চিনতে পারে। ওরা আমাদের মত মহিলাদের কোন ক্ষতিই করে না, বরং আমাদের সংস্পর্শে এসে শান্তি খুঁজে পায়।

গোসলখানার ঘটনাটা মনে পরে গেল সাফিয়ার, কিভাবে সাপটা ওর স্তনের উপর এসে শুয়ে পরেছিল, সন্তষ্ট মনে হচ্ছিল প্রাণিটাকে। এরপরেই মনে পরে গেল পরিচারিকার কথা। “নিষ্পাপ মানুষ মারা পড়তে পারত!”

“আরে না,” লুলু সবাইকে এগোবার নির্দেশ দিলেন। “আমরা বোকা নই। ঐ সাপটার বিষদাঁত আগেই তুলে ফেলা হয়েছিল।”

সাফিয়া ধীর পায়ে এগিয়ে গেল। এতটাই অবাক হয়ে গিয়েছে যে কি বলবে বুঝে পাচ্ছে না। কিন্তু কারা হয়নি, “এই আশীর্বাদ বা শক্তিটা আসলে কী?”

“উবারের আশীর্বাদ প্রাপ্তরা নিজেদের ইচ্ছাশক্তির দ্বারা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে। মাঠের প্রাণিদের নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। এসো, দেখাই।”

লুলু দেয়ালের দিকে এগিয়ে গেলেন, ছোট একটা গর্ত দেখা গেল মাটিতে। সেই গর্ত দিয়ে বাইরে বেড়িয়ে এল একটা অন্ধ ভোল (ইদুরের মত প্রাণি)। উঠে পড়ল লুলুর বাড়িয়ে দেয়া হাতে। এক আঙুল দিয়ে ভোলটাকে আদর করলেন হোজা। এরপর ছেড়ে দিলেন ওটাকে।

“এধরনের সাধারণ প্রাণি নিয়ন্ত্রণ করা খুব সহজ।” কারার দিকে চেয়ে নড করলেন তিনি, “এমনকি যেসব মন দূর্বল, সেগুলোকেও।”

অন্য দিকে নজর সরাল কারা।

“যাই হোক, মানুষের মনের উপরও আমাদের কিছুটা নিয়ন্ত্রণ আছে। কাছাকাছি থাকলে সর্বোচ্চ তাদের অনুভূতিকে কিছুটা ভোঁতা করে দিতে পারি, নিজেদের স্বল্প সময়ের জন্য লুকিয়ে রাখতে পারি। তবে শুধু আমাদের দেহটাকে….জামা কাপড় লুকানোটা কঠিন হয়ে পড়ে। অন্ধকারে নগ্ন অবস্থায় এই কাজটা করা সবচেয়ে সহজ।”

কারা আর সাফিয়া একে অন্যের দিকে তাকাল, এতটাই বিষ্মিত যে কথা বলার মত ভাষা খুঁজে পাচ্ছে না। টেলিপ্যাথি! মন নিয়ন্ত্রণ।

লুলু তার পোশাক ঠিক করে নিলেন, “চাইলে নিজের উপরেও খাটানো যায় এই শক্তি। এটাই আমাদের সর্ব শ্রেষ্ঠ আশীর্বাদ, যার দ্বারা আমরা রাণী বিলকিসের সাথে সংযুক্ত। তিনি আমাদের প্রথম আবার তিনিই আমাদের শেষ।”

শেবার রানী সম্পর্কে শোনা বিভিন্ন গল্প মনে পড়ে গেল সাফিয়ার। আরব, ইথিওপিয়া আর ইসরায়েল জুড়ে এসব গল্প শোনা যায়। কী নেই এসব গল্পে? ম্যাজিক কার্পেট, কথা বলা পাখি এমনকি টেলিপোর্টেশনও আছে। রাণীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, রাজা সলোমনের ব্যাপারে বলা হয়ঃ তিনি প্রাণিদের সাথে কথা বলতে পারতেন। যে দাবীটা এখন হোজা লুলু করছেন। জন কেনের উপর চিতার আক্রমণের কথা মনে পড়ে গেল সাফিয়ার। আসলেই কি এই মহিলারা প্রাণিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে?

কারা নিরাবতা ভেঙে জিজ্ঞাসা করল, “আর নিজের উপর এই শক্তি খাটালে কী হয়?”

“আশীর্বাদ।” লুলু আশায় পূর্ণ গলায় বললেন, “আমরা গর্ভবতী হয়ে পড়ি। কোন পুরুষ ছাড়াই জন্ম দেই বাচ্চার।”

অবিশ্বাসের দৃষ্টি চোখে নিয়ে একে অন্যের দিকে তাকাল কারা আর সাফিয়া। “কুমারী মায়ের সন্তান জন্ম দেয়া…” ফিসফিসিয়ে বলল কারা। কুমারী মাতা মেরির মত। সাফিয়া ভাবল। এজন্যই কি প্রথম চাবিটা মেরির বাবার সমাধিতে লুকিয়ে রাখা হয়েছিল?

লুলু বলেই চলছে, “কিন্তু আমাদের এই জন্ম দেয়াটা সাধারণ জন্ম দেয়া না। আমাদের জন্ম দেয়া বাচ্চার দেহ আমাদেরই মত, আমাদেরই রক্ত প্রবাহিত হয় তার শরীরে।”

সাফিয়া মাথা ঝাঁকাল, “কী বলতে চাইছেন।” লুলু তার ছড়িটা উঁচু করে ধরলেন, চক্র এঁকে গোত্রের সবাইকে বোঝালেন। এরপর বললেন, “আমরা সবাই একই। আধুনিক ভাষায় বলতে গেলে, আমরা জীনগতভাবে এক গঠনের। এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। আমাদের নিজেদের গর্ভাশয় থেকে জন্ম নেয় আমাদেরই এক নতুন প্রজন্ম।”

“ক্লোন।” বলল কারা।

“না।” হোজা কী বোঝাতে চাইছেন, তা সাফিয়া বুঝতে পেরেছে। এই ধরনের জনন প্রক্রিয়া কিছু কিছু পোকা আর প্রাণির মাঝে দেখা যায়। বিশেষ করে মৌমাছির মাঝে।

“পার্থেনোজেনেসিস।” জোরে বলে উঠল সে।

কারাকে বিভ্রান্ত মনে হলো। “এটা এমন এক জনন প্রক্রিয়া, যেখানে একজন মেয়ে নিজের জেনেটিক কোড সম্বলিত এক পূর্ণাঙ্গ ডিম্বাণু তৈরি করতে পারে। এরপর সেটা বড় হয়, জন্ম নেয় মায়ের জেনেটিক প্রতিলিপি।”

সাফিয়া টানেলের সামনে পেছনে চাইল। এই সব মহিলা…

কোন না কোনভাবে, এই মহিলারা তাদের টেলিপ্যাথিক শক্তি ব্যাবহার করে অযৌন জনন প্রক্রিয়ায় নতুন সন্তান জন্ম দেয়। একেবারে মায়ের অবিকল হয় সেই সন্তান…

মা…

দম যেন বন্ধ হয়ে এল সাফিয়ার। থেমে দাঁড়িয়ে আশেপাশের রেহেমদের দিকে তাকাল সে। লুলুর কথা যদি সত্য হয়, যদি আসলেই ওর মা এই গোত্রের হয়ে থাকে, তাহলে আসলেই চারিদিকের সবাই ওর মা। ওর মায়ের সবধরনের সম্ভাব্য রূপ এই মুহুর্তে সে দেখতে পাচ্ছে। ঐ নবজাতকটা ওর মা। এমনকি যে মহিলার স্তন পান করছে নবজাতকটা, সেও ওর মা। সবাই ওর মায়ের বিভিন্ন রুপ, হোজার অদ্ভুত কথার অর্থ বুঝতে পারল সে। আমরা সবাই তোমার মা। আক্ষরিক অর্থেই কথাটা বলেছেন তিনি। সাফিয়া আর কোন কথা বলার পূর্বেই, দুই জন মহিলা ওদেরকে অতিক্রম করে এগিয়ে গেল। একজনের হাতে ছিল রুপালী স্যুটকেস, যেটাতে লোহার হৃদপিন্ডটা রাখা আছে। অন্য জনের হাতে শোভা পাচ্ছে শেবার রাণীর আবক্ষ মূর্তি সম্বলিত বর্শা। চেহারাটা নজরে পড়ল। হঠাৎ করেই পরিষ্কার হয়ে এল সবকিছু। টানেলের দেয়ালে হেলান দিতে বাধ্য হলো ও, “শেবা…”

নড করলেন লুলু, “তিনিই আমাদের প্রথম আর তিনিই আমাদের শেষ।” লুলুর কিছুক্ষণ আগে বলা কথাটা মনে পড়ে গেল সাফিয়ার। আমরা সবাই শেবার রাণী।

চারপাশের রমণীদের দিকে তাকাল সাফিয়া। এরা যুগ যুগ ধরে নিজেদেরকে জন্ম দিয়ে আসছে অযৌন জনন প্রক্রিয়ায়। যাদের শুরু হয়েছে ইতিহাসের অন্যতম নামকরা রাণী থেকে।

বিলকিস, শেবার রাণী।

লুলুর চেহারার দিকে তাকাল সে, সবুজ চোখজোড়া একই সাথে প্রাচীন আবার বর্তমান। কিভাবে সম্ভব?

আচমকা একেবারে সামনে থেকে একটা চিৎকার ভেসে এল।

“পাহাড় শেষ হয়েছে।” বললেন হোজা, “এসো উবারের প্রবেশদ্বার অপেক্ষা করছে।”

০৭:৩৩ এ.এম.

পেইন্টার হাত দিয়ে সূর্যের আলো প্রতিহত করে সামনে তাকাল। দুই পাশে শুধু বালুর দেয়াল। ঝড়ের সময় এখানে আটকা থাকলে বাঁচতে পারবে না। বালিয়াড়ি ধ্বসে পড়ে ওদেরকে কিমা বানিয়ে ফেলবে।

ওদের চলার উপর থাকা দরকার।

বালিয়াড়ির মধ্য দিয়ে চলে আসা রাস্তা অনেক আগেই উধাও হয়েছে। এখন বালুর উপর দিয়ে অন্ধের মত চলতে হচ্ছে ওদের। সমস্যা হলো, বালু এখানে মুক্ত, কোন কিছুর সাথে আটকে নেই। আর তাই বালি ঢুকে অক্ষের সাথে শক্ত ভাবে আটকে গিয়েছে সামনের আর পেছনের চাকা।

“কোনভাবে ছাড়ানো যায় না?” জানতে চাইল ওমাহা।

“সময় নেই।” উত্তর দিল পেইন্টার।

নড করল বারাক, “লাভও নেই কোন।”

“তাহলে যতটা সম্ভব, রশদ হাতে নিয়ে হেঁটে যেতে হবে আমাদের।”

ড্যানি গুঙিয়ে উঠল, “আমাদের বাহন খুব ভেবে চিন্তে ঠিক করা উচিত।”

সরে এল পেইন্টার, “আমি ঐ বালিয়াড়ির উপরে উঠে দেখে আসি, শিশুর দেখা যায় কিনা। এক মাইলের বেশি দূর হবার কথা না। এর মাঝে যতটা পার, রশদ হাতে নিয়ে নাও।”

ওমাহা ওর পিছু নিল, “আমি নিজেই চেক করতে পারি।” ওকে আসতে দেখে বলল পেইন্টার ।

কিন্তু ওমাহা ওর কথা শুনলে তো। বিরক্ত হলেও কিছু বলল না সে। তর্ক করার ইচ্ছা নেই।

ওমাহা ওর কাছে এসে বলল, “আমি দুঃখিত…” বিভ্রান্ত পেইন্টার ওর দিকে ভ্রু কুঁচকে তাকাল।

“আরো সাবধানে চালানো উচিত ছিল।” হড়বড়িয়ে বলল ওমাহা।

“ওসব নিয়ে ভেব না। আমিও এরচেয়ে ভালভাবে চালাতে পারতাম না।”

“শুধু বলতে চেয়েছিলাম যে আমি দুঃখিত।”

ওমাহা যে শুধু গাড়ির জন্যই ক্ষমা চাইছে না, সেটা পরিষ্কার বুঝতে পারছে পেইন্টার । বেশ কিছুক্ষণ হাঁটার পর, বালিয়াড়ির উপর এসে থামল ওরা। সামনে তাকাতেই অভাবনীয় এক দৃশ্য দেখতে পেল।

ছবির মত স্থির হয়ে আছে মরুভূমি, কোন পাখির কলতান নেই। নেই কোন পোকার ডাকের শব্দ । এমনকি বাতাসও বইছে না। ঝড়ের পূর্বের নিরবতা।

পেইন্টার আঁতকে উঠল আগুয়ান ঝড়টাকে দেখে। উত্তর দিক থেকে ধেয়ে আসছে ওটা। কয়েকবার নীলচে আভাও দেখতে পেল, স্থির বিদ্যুৎ।

ওদের নিরাপদ স্থানে পৌঁছানো দরকার।

“ঐ যে।” হাত দিয়ে দেখালো ওমাহা, “খেজুর গাছ দেখা যাচ্ছে।”

আধ মাইল দূরে, সবুজের চিহ্ন দেখতে পেল পেইন্টার।

“শিশুরের মরুদ্যান।” বলল ওমাহা।

বেশি একটা দূরে নেই ওরা।

ঘুরে দাঁড়িয়েছে কি দাড়ায়নি, পূর্ব দিকে আকাশে কিছু একটা নড়াচড়া করতে দেখল পেইন্টার। সূর্যের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছেনা বলে, চোখ লাগলো নাইট ভিশন গগলস, লো-লাইট ফিচার অন করে তাকাল ওদিকে।

“ওটা কী?”।

“একটা ট্রান্সপোর্ট হেলিকপ্টার। ইউএস এয়ার ফোর্সের। থুমরাইত থেকে এসেছে মনে হয়ে। রেসকিউ মিশন চালায়। হয়তো ঝড়ের জন্য।”

“নাহ, ওটা ক্যাসান্দ্রার।” মাথার মাঝে মেয়েটার বলা কথাগুলো শুনতে পেল সে। তুমি কি ভেবেছিলে, ইয়ামেনের সীমানার দিকে এগোচ্ছ-একথা আমি বিশ্বাস করব? ক্যাসান্দ্রার গ্রুপ যে কত উঁচু পর্যায়ের লোকদের দলে ভেড়াতে পেরেছে, তার প্রমাণ এখন নিজের চোখেই দেখতে পাচ্ছে। এত শক্তিশালী লোকের বিরুদ্ধে কিভাবে লড়বে সে? ওর দলে আছে আর মাত্র পাঁচজন, এদের সবার আবার মিলিটারি ট্রেনিং-ও নেই।

“তুমি নিশ্চিত?”

পেইন্টার ভালভাবে হেলিকপ্টারটার নেমে আসার জায়গাটা দেখল। “হ্যা, ম্যাপে ঐ জায়গাটাই মার্ক করা।”

গগলস নামিয়ে রাখল সে, “আমাদের যাত্রা শুরু করা উচিত।”

নিচে নেমে এল ওরা। “কত দূর?” জানতে চাইল কোরাল।

“আধ-মাইল হবে।” স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। কিন্তু কোরাল পেইন্টারের পাশে এসে দাঁড়াল, যেন ওর চিন্তার কারণ বুঝতে পারছে।

“ক্যাসান্দ্রা এসে গিয়েছে।” বলল সে, “এখান থেকে একটু পূর্বদিকেই আস্তানা গেড়েছে।”

শ্রাগ করল কোরাল, “ভালই হলো। বালিঝড়ে আটকা পড়ে যাবে। দুই একদিন বাড়তি সময় পাওয়া যাবে।”

নড করল পেইন্টার, লম্বা করে শ্বাস নিল। কোরাল ঠিকই বলেছে। “ধন্যবাদ।”

“ব্যাপার না, কমান্ডার।”

জমা করা রশদ ভাগ বাটোয়ারা করে নিল ওরা। সবচেয়ে বড়টা রাডার ইউনিটের। খুব ভারী জিনিসটা, কিন্তু মাটির নিচে পুঁতে রাখা কোন কিছু খুঁজতে হলে জিনিসটা কাজে দেবে।

রওনা দিল ওরা। প্রথমে গতি সন্তোষজনক হলেও, ধীরে ধীরে ক্লান্তির কারণে কমে এল তা।

বেশ কিছুক্ষণ লাগল শিশুরের কাছাকাছি এসে পৌঁছাতে। কিন্তু পারল ওরা। ছোটো একটা বালিয়াড়ি থেকে নেমেই আবিষ্কার করল কয়েকটা আধুনিক বিল্ডিং, কাঠের তৈরি কিছু স্থাপনা আর ছোট একটা মসজিদ। শিশুর গ্রামে এসে পৌঁছেছে ওরা। রুব আল-খালির বিশাল বিস্তৃত লালের মাঝে এক টুকরা সবুজ।

গ্রামটা নীরব, নিস্তব্ধ। মনে হলো, পরিত্যক্ত কোন গ্রামে এসে উপস্থিত হয়েছে ওরা। বাতাস আবার তার গতি ফিরে পেয়েছে। খোলা জানালা দিয়ে পতপত করে উড়ছে কাপড়ের পর্দা। “এখানে কেউ নেই।” ক্লে বলল।

ওমাহা একপা এগোল, “সবাই জায়গাটা ছেড়ে গিয়েছে। অবশ্য এমনিতেও অফ-সিজনে এটা এভাবেই পড়ে থাকে। প্রধানত বাইত মুসান গোত্র ব্যবহার করে শিশুরের এই গ্রাম। আসা-যাওয়ার উপর থাকে এই বেদুইনেরা। ধ্বংসাবশেষ আবিষ্কৃত হবার পরও, অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি।”

“এই ধ্বংসাবশেষগুলো কোথায়?” জানতে চাইল পেইন্টার। উত্তর দিকে ইঙ্গিত করল ওমাহা। সমতল ভূমিকে চিরে একটা পাথরের তৈরি ছোট টাওয়ার মাথা উঁচু করে আছে।

প্রথম দেখায় পেইন্টার ভেবেছিল, ওটা আসলে কোন প্রাকৃতিক প্রবৃদ্ধি। কিন্তু ওমাহা ইঙ্গিত করার পর, ভালমত দেখে বুঝল প্রাকৃতিকভাবে পাথর এমন পারিবদ্ধভাবে লাগানো থাকে না। দেখতে অনেকটা ওয়াচ টাওয়ারের মত।

“উবারের দূর্গ।” বলল ওমাহা, “শহরটার সর্বোচ্চ পয়েন্ট। অধিকাংশ ধ্বংসাবশেষই মাটিতে চাপা পড়ে আছে। গ্রামের দিকে এগিয়ে গেল ওমাহা, ওর পিছু পিছু অন্যরা।

পেইন্টার একটুক্ষণ দাঁড়িয়ে রইল। অবশেষে উবারে এসে পৌঁছেছে। কিন্তু অনিশ্চয়তায় ছেয়ে আছে ওর মন। কি পাবে এখানে? উত্তর দিক থেকে ধেয়ে আসা ঝড়ের দিকে তাকাল সে। ঝড়টা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ঝড় যেখানে বালিকে স্পর্শ করছে, নীলচে আভা তৈরি হচ্ছে সেখানে। বালিয়াড়ির সংস্পর্শে অলেই, আরো বড় আকারের নীলচে আলো দেখা যাচ্ছে। এমনকি একটা বেলুনের মত গোলককে, ঝড়ের দেহ থেকে নেমে বালিয়াড়ির ভেতর অদৃশ্য হয়ে যেতে দেখল সে। দম আটকে ফেলল পেইন্টার।

বল লাইটনিং!

ব্রিটিশ মিউজিয়ামে যেমন দেখেছিল।

অবশেষে চক্র পূর্ণ হল!

আরো কয়েক মুহূর্ত ব্যয় করে পেইন্টার দানবাকৃতির ঝড়ের দিকে তাকিয়ে রইল। বালু ঢুকে চোখ থেকে পানি ঝরছে। এ তো কেবল শুরু।

গ্রামের কেন্দ্রের দিকে এগোতে এগোতে পূর্ব দিকে তাকাল ও, কিছুই দেখ যাচ্ছে না। বালিয়াড়ি আটকে দিয়েছে ওর দৃষ্টি। কিন্তু জানে, ক্যাসান্দা ওখানে কোথাও আছে।

হাঙরের মত… সাঁতার কাটছে পেইন্টারের আশেপাশে।

০৮:০২ এ.এম.

এমন যানবাহন আশা করেনি সাফিয়া। অন্তত রেহেম-এর মত এত প্রাচীন এক গোত্রের কাছ থেকে তো নয়ই। মরুভূমিতে চলার উপযুক্ত বগি-গাড়ির এই মুহূর্তে তীব্র গর্জন করে ছুটে যাচ্ছে সামনে। মাঝে মাঝে লাফিয়ে উঠছে ওদের বাহন, তবে টায়ার আর শক অ্যাবজর্বারের জন্য ঝাঁকি খেতে হচ্ছে না বেশি। তাও ঝুঁকি না নিয়ে, সাফিয়া ওর সামনে স্থাপিত বারটাকে আঁকড়ে ধরেছে। কারাও একই কাজ করেছে। দুজনের পরনেই এখন ডেজার্ট ক্লোক, হুড দিয়ে মাথার উপরিভাগ ঢাকা। চেহারার নিচ দিকটা ঢেকে রেখেছে একটা স্কার্ফ দিয়ে। চোখে সান-গগলস।

ওদের চালকের নাম জেহেদ, ষোল বছর বয়সী তরুণীর সবুজ চোখজোড়া উত্তেজনায় ঝিকমিক করছে।

ওদের পিছু পিছু আসছে এমন আরো কয়েকটা বগি-গাড়ি, প্রতিটায় পাঁচ জন করে রেহেম বসে আছে। বাহনগুলোর দুই পাশে চলছে এক ডজন স্যান্ড বাহক। ক্যারাভানের এই অভাবনীয় গতির কারণ আর কিছু নয়, প্রয়োজনীয়তা। উত্তর দিক থেকে যে ধেয়ে আসছে বালুঝড়।

পাহাড় কেটে বানানো টানেল দিয়ে বের হবার পর সাফিয়া দেখতে পায়, গাড়ি আর স্যান্ড বাইক ওদের জন্য অপেক্ষা করছে। পুরো ধোফার পাহাড় পার হয়ে এসেছে ওরা, দাঁড়িয়ে আছে রুব আল-খালির ঠিক সীমানায়। কারা যানবাহন দেখে বলেছিল, ওর আশা ছিল উট বা আরো সাধারণ কোন কিছু দেখতে পাবে। লুলু ওকে বুঝিয়েছিলেনঃ আমাদের বংশ প্রাচীন হতে পারে, আমরা নই। মে সদস্যরা সারাটা জীবন মরুভূমিতে কাটিয়ে দেয় না। শেবার রাণীর মতই ঘুরে বেড়ায়, জ্ঞান অর্জন করে নর তর্জন করে। ওদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, শেয়ার বাজারে শেয়ার এমনকি তেলের খনিতেও টাকা লগ্নি করা আছে।

এই মুহূর্তে যত দ্রুত সম্ভব শিশুরের দিকে এগোচ্ছে ওরা, ঝড়টা এসে পড়ার আগেই পৌঁছাতে চাচ্ছে।

সাফিয়ার আপত্তি করার কোন কারণ নেই। ওর ধোকাটা কতক্ষণ ক্যাসান্দ্রাকে বোকা বানিয়ে রাখতে পারবে, তার কোন নিশ্চয়তা নেই। ক্যাসান্দ্রার আগেই পৌঁছাতে হবে ওকে।

লুলু আর রেহেমের অন্যান্যরাও ওর উপর ভরসা করছে। হোজা বলেছিলেনঃ যেহেতু চাবি গুলো তোমার কাছে এসে ধরা দিয়েছে, তাই আশা করা যায় প্রবেশদ্বারের ক্ষেত্রেও তাই হবে। কিন্তু সাফিয়া ভয় পাচ্ছে-অন্তরাত্মা আর জ্ঞানের মাধ্যমে এতদূরে আসতে পেরেছে সে। তবে আশা করছে সামনেও এগুলো ওকে বিমুখ করবে না।

সামনের সিটে বসে আছেন লুলু। মোটোরোলা ওয়াকি-টকিতে কথা বলছেন আর শুনছেন। কিন্তু বাতাসের গর্জনে কিছুই শুনতে পেল না সাফিয়া।

“ঝামেলা হতে পারে”, চিৎকার করে বললেন লুলু, “স্কাউটরা বলছে, একদল অস্ত্রধারী শিশুরে প্রবেশ করেছে।”

সাফিয়ার হৃদপিন্ড যেন লাফ দিয়ে গলার কাছে চলে এল। ক্যাসান্দ্রা…

“হয়তো কেবল ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ওখানে আশ্রয় নিয়েছে ওরা। একটা ভ্যান খুঁজে পেয়েছে আমাদের স্কাউট।”

সামনে ঝুঁকে এল কারা, “ভ্যান… নীল ভোক্সওয়াগন?”

“কেন?”

“আমাদের বন্ধুরা হতে পারে।” সাফিয়ার দিকে চাইল কারা, চোখে আশা।

লুলু আবার তার ওয়াকি-টকির দিকে মনোযোগ দিলেন, কিছুক্ষণ পর কারার দিকে ফিরে বলল, “হ্যা। নীল ইউরোভ্যান।”

“ওরাই তাহলে।” খুশি হয়ে উঠল কারা। “কিন্তু আমরা কোথায় যাব, সেটা টের পেল কিভাবে?”

মাথা নাড়ল সাফিয়া, অসম্ভব ব্যাপার মনে হচ্ছে। তাও আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। হয়তো ক্যাসান্দ্রার লোকরা ওদেরকে ধরে ফেলেছে।”

আরো দশ মিনিট পর, শিশুরের স্থাপনাগুলো চোখে পড়ল ওদের। গ্রামের ছোট মসজিদটার মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটু দূরেই থামল বাহনগুলো। কয়েকজন মহিলা সাথে সাথে নেমে শুয়ে পড়ল মাটিতে, ওদের পরণের ডেজার্ট ক্রোকের কারণে বালুর সাথে মিশে গেল। প্রত্যেকের হাতে স্নাইপার রাইফেল ।

সাফিয়াও নামল, ভয় পাচ্ছে-ভুল করে গুলি না করে বসে কেউ। কিন্তু গ্রামটাকে পরিত্যক্ত মনে হলো সাফিয়ার। ইঞ্জিনের আওয়াজ শুনে সবাই লুকিয়ে পড়েনি তো?

ভাল মত নজর বুলালো সে।

উত্তর দিকে পনের একর জুড়ে ধ্বংসাবশেষ, যেটাকে ঘিরে ধরে আছে ক্ষয়প্রাপ্ত দেয়াল। বালু খুঁড়ে বের করা হয়েছিল ওগুলোকে, এরপর আবার মেরামত করা হয়েছে। দেয়ালের মাঝে মাঝে আছে গার্ড টাওয়ার, এক তলা সমান লম্বা। কিন্তু ধ্বংসাবশেষের সবচেয়ে আকর্ষনীয় উপাদান হলো কেন্দ্রীয় দূর্গটা। পাথর দিয়ে নির্মিত দালানটা তিন তলা সমান উঁচু। একটা ছোট পাহাড়ের উপরে বসে আছে যেন সেটা। তাকিয়ে আছে গভীর, আঁকাবাঁকা হয়ে ফাটল ধরা মাটির দিকে। ফাটলটা দেয়াল পরিবেষ্টিত এলাকার প্রায় পুরোটাকে গিলে ফেলেছে। সাফিয়া জানে, দুর্গের মাত্র অর্ধেকটা দেখতে পাচ্ছে সে। বাকি অর্ধেকটা গিলে নিয়েছে ঐ ফাটল। সিংকহোলের ভেতর আছে বাকি অর্ধেকটা। আধুনিক ব্যাখ্যাও আছে এই দুর্ঘটনার। এই এলাকার ভূ-গর্ভস্থ পানির নিচে নেমে যাওয়াই দুর্ঘটনার কারণ। শহরটার ঠিক নিচেই ছিল প্রাকৃতিক উপায়ে তৈরি এক জলাধার। বহু ব্যবহার আর খরার কারণে শুকিয়ে যায় ঐ জলাধার। একপর্যায়ে তার ছাদ ধ্বসে পড়ে । তৈরি হয় সিংকহোলের।

গ্রাম থেকে পঞ্চাশ গজ দূরে থাকতে, নড়াচড়া নজরে পড়ল সাফিয়ার।

দরজা দিয়ে একটা অবয়ব বের হয়ে এসেছে, পরণে ডিসডাসা রোব, মাথায় ওমানি রীতিতে কাপড় পেঁচানো। একটা মগ উপরে তুলল সে।

“কেবল মাত্র একটা পট চড়ালাম।”

থমকে দাড়াল পড়ল সাফিয়া। গলার স্বর পরিষ্কার চিনতে পেরেছে…ওমাহা ।

এক পশলা স্বস্তি বয়ে গেল ওর দেহে। কি করছে তা বুঝতে পারার আগেই দৌড় দিল ওর দিকে, চোখ ভরে গিয়েছে কান্নায়।

খোয়া বিছানো রাস্তায় হুমড়ি খেল সে।

“ওখানেই দাড়াও।” সাবধান করল ওমাহা।

আশেপাশের দরজা-জানালা থেকে রাইফেলের নল উঁকি দিল। ফাঁদ…

দাড়িয়ে পড়ল সাফিয়া, একই সাথে অবাক আর আহত। কিন্তু কোন কিছু বলার বা করার আগেই, পিছন থেকে ওকে জাপটে ধরল কেউ। টান দিয়ে ঘুরিয়ে দিল ওর দেহ। চুলে টান দিকে গলাটা উন্মুক্ত করল একটা হাত, সেই সাথে গলায় চামড়ার ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল সে।

আলো পড়ে ঝকঝক করে উঠল একটা ড্যাগার ।

কানে এল ছুরিটার চেয়েও শীতল একটা কণ্ঠ,”তোমরা আমার এক বন্ধুকে কিডন্যাপ করেছ।”

ওমাহা এগিয়ে এসে বলল, “অনেক আগেই তোমাদেরকে আসতে দেখেছি।”

“ড, আল-মায়াজ কোথায়?” হিসহিসিয়ে বলল শীতল কণ্ঠটা।

সাফিয়া বুঝতে পারল স্কার্ফ আর গগলসের জন্য, চেহারা ঢাকা পরে গিয়েছে। তাই ওকেও রেহেমদের একজন বলে ধরে নিয়েছে ওর বন্ধুরা। ভয়ে কাঁপতে কাঁপতে আবরণ সরিয়ে ফেলল সে।

এক পা পিছিয়ে গেল ওমাহা, “ওহমাইগড, সাফি…”। শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরল সে।

কাঁধে ব্যথা পেল সাফিয়া, “ওমাহা, আমার কাঁধ।” সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে পিছিয়ে এল সে।

এবার ওর আক্রমণকারীর দিকে তাকাল সাফিয়া। পেইন্টার । হাতে ড্যাগার নিয়ে দাড়িয়ে আছে। চেনা মানুষটার সাথে এই মানুষটাকে মেলাতে চাইল সে, কিন্তু পারল না।

পিছিয়ে গেল পেইন্টারও, চেহারায় স্বস্তির ছাপ স্পষ্ট। কিন্তু নীল চোখজোড়াতে যে অনুভূতি দেখা যাচ্ছে, তা চিনতে পারা কষ্ট। লজ্জা আর আফসোস।

রেহেম গোত্রের সবাই ঘটনাটা দেখেছে। সাফিয়াকে উদ্ধারের জন্য প্রস্তুত ওরা। যেকোন মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে।

কারা থামাল মহিলাদের। এগিয়ে এসে হাত উঁচু করে বলল, “সবাই যার যার অস্ত্র নামিয়ে রাখ। ভুল বুঝাবুঝি হচ্ছে।”

ওমাহা মাথা ঝাঁকাল, “ওই মেয়ের আসলে নিজের চেহারা দেখাবার দরকার নেই। গলাটাই যথেষ্ট।”

“কারা…” অবাক পেইন্টার বলল, “কিভাবে?”

ওমাহার নজর সাফিয়ার দিকে, “তুমি ঠিক আছ তো?”

“হ্যা।” কোনক্রমে বলল সাফিয়া।

কারা যোগ দিল ওদের সাথে, “ওকে ওর মত থাকতে দাও।” হাত দিয়ে মাছি তাড়াবার মত করে পুরুষ দুজনকে সরিয়ে দিল সে, “শ্বাস নিতে দাও।”

ওমাহা ওদের দিকে এগিয়ে আসা রেহেমদের দিকে নড করে বলল, “তোমার বন্ধুরা কে?”

কারা শ্রাগ করল, “ওটা বোঝাতে অনেক কথা বলতে হবে।”

০৮:২২ এ.এম.

খোলা মরুভূমি

ক্যাসান্দ্রা ওর তাঁবু থেকে বেরিয়ে এল। জিনিসটা ডিজাইন করেছিল ইউ এস আর্মি। আশি মাইল গতিবেগের বাতাসও সহ্য করতে পারে। ওর মত ওর দলে অন্যান্যরাও একই ধরনের তাঁবু ব্যবহার করছে। ট্রাকগুলো ব্যবহার করা হয়। বাতাসকে বাঁধা দেবার কাজে। সবকিছু দেখে নিয়ে আবার প্রবেশ করল তাঁবুতে।

ঠিক ঠাকভাবেই চলছে কাজ। জিপিএস ব্যবহার করে, ওদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান স্যাটেলাইটগুলো এখন ওদের অবস্থান জানে। যেকোন মুহূর্তে ওর কম্পিউটারাইজড ম্যাপিং সিস্টেমে তথ্য আসা শুরু হবে।

কয়েকঘন্টা এখনও হাতে আছে ক্যাসান্দ্রার। এরপর বালুঝড়ের স্থির বিদ্যুৎ ওর যন্ত্রপাতিকে ঠিক মত কাজ করতে দেবে না। বন্ধ রাখতে হবে ওগুলো। কয়েকটা ঘন্টা ওদের অবস্থানের উপর ফোকাস করা LANDSAT স্যাটেলাইট থেকে তথ্য পাবার জন্য যথেষ্ট। বালুর ষাট ফুট নিচেও দেখতে পায় এই স্যাটেলাইটের রাডার। বালু ঝড় বন্ধ হয়ে গেলেই, কোথায় খুঁজতে হবে তা বুঝতে পারবে ক্যাসান্দ্রা। একটা ল্যাপটপের সামনে বসল সে। লগ ইন করে স্ক্রিনে নিয়ে এল স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য। পাঁচ মিনিট আগেই সব ডাউনলোড হয়ে যাবার কথা। আস্তে আস্তে মরুভূমির ম্যাপ ফুটে উঠল স্ক্রিনে। ট্রাক, তাঁবু এমনকি বালু খুদে বানানো ল্যাট্রিনটাও চিনতে পারল সে। একেবারে নিখুঁতভাবে ওদের অবস্থান চিনে নিতে পেরেছে স্যাটেলাইট।

এবার আরেকটা ইমেজ ফুটে উঠল স্ক্রিনে। এই ইমেজটার জন্যই এত অপেক্ষা। সামনের দিকে ঝুঁকে এল ক্যাসান্দ্রা। মরুভূমির ম্যাপ দেখতে পেল সে। বালুর নিচের পাথুরে মাটি নজরে পড়ল। পুরোটাই সমতল, তবে মাঝে মাঝে নদী খাতের রেখে যাওয়া দাগও দেখা যাচ্ছে। কিন্তু অনেক চেষ্টা করেও গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করতে ব্যর্থ হলো মেয়েটা। গিল্ডের টাকা খায়, এমন কয়েকজন জিওলজিষ্টের কাছে তথ্যগুলো পাঠাবে সে। হয়তো তারা কিছু ধরলেও ধরতে পারে।

তাঁবুর ঢাকনি সরাবার আওয়াজ পেয়ে সেদিকে তাকাল সে।

জন কেন এসে ঢুকল ওর তাঁবুতে। “আমরা ড, আল-মায়াজের সিগন্যাল ট্রেস করতে পেরেছি।”

“কোথায়? কখন?”

“আট-মিনিট আগে, ঠিক কোথায় আছে সে-তা বের করতে আরো কয়েক মিনিট লেগেছে। কিন্তু ততক্ষণে মেয়েটা চলাফেরা বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়েছে।”

এখান থেকে প্রায় ছয় মাইল দূরে।”

ক্যাসান্দ্রার টেবিলের উপর এসে ম্যাপে নির্দেশ করল সে, “এখানে।”

মেয়েটা ঝুঁকে এল, “শিশুর। ওখানে কি আছে?”

“আমি থুমরাইতের একজনকে জিজ্ঞাসা করেছিলাম। সে বলল, অনেক আগে নাকি ওখানে উবারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল।”

ক্যাসান্দ্রা এক দৃষ্টিতে ম্যাপের দিকে তাকিয়ে রইল। লাল একটা বৃত্ত ওর বর্তমান অবস্থানটা বোঝাচ্ছে। ওখানে আঙুল বসিয়ে জবের সমাধির দিকে এগোল সে। শিশুরের উপরে আঙুল আসতেই থামল।

চোখ বন্ধ করল সে। মনাসচোখে ভাসিয়ে তুলছে কিউরেটরের সেই অদ্ভুত ভঙ্গি। ম্যাপটায় বৃত্ত আঁকার সময়ও মনে হচ্ছিল কিউরেটর মনে মনে কিছু একটা হিসাব করছে।

“হারামজাদী..কুত্তী… মুষ্টিবদ্ধ হয়ে গেল ক্যাসান্দ্রার হাত। রাগে যেন ফেটে পড়ল ওর ভেতরটা। কিন্তু একই সাথে সাফিয়ার প্রতি কিছুটা শ্রদ্ধাবোধ না করেও পারল না। জন কেন দাঁড়িয়েই রয়েছে, চেহারা কুঞ্চিত। ক্যাসান্দ্রা স্যাটেলাইট থেকে পাওয়া ইমেজের দিকে তাকাল, “এখানে কিছুই নেই। ঐ হারামজাদী আমাদেরকে ধোকা দিয়েছে। আমরা ভুল জায়গায় আছি।”

“ক্যাপ্টেন?”

কেনের দিকে তাকাল সে, “সবাইকে বলে দাও, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী দশ মিনিটের মাঝেই।”

“বালি ঝড়-”

“চুলায় যাক। হাতে এখনও যথেষ্ট সময় আছে। এখানে আটকে থাকা চলবে না।” কেনকে ঢাকনি পর্যন্ত টেনে নিয়ে গেল সে, “অস্ত্র বাদে সবকিছু রেখে যাও।”

কেনকে বের করে দিল সে। নিজের সাথে যে কেসটা সবসময় রাখে, সেটা থেকে একটা ছোট রেডিও ট্রান্সমিটার বের করল সে। একটা আঙুল রাখল বাটনের উপর। আলতো এক চাপেই কিউরেটরের ট্রান্সপ্ল্যান্টের সাথে লাগানো সি-ফোর ফাটিয়ে দিতে পারে সে।

নিজেকে সামলে নিল সে, হাত সরিয়ে ফেলল। না, দয়ার জন্য না। সাফিয়া নিজের দক্ষতা সন্দেহাতীত ভাবেই প্রমাণ করেছে। হয়তো আবারও মেয়েটাকে কাজে লাগতে পারে। কিন্তু তারচেয়ে বড় কারণ হলো, ক্যাসান্দ্রা চায় পেইন্টারের চোখের সামনে মারা যাক সাফিয়া ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *