ফুটপ্রিন্টস অফ দ্য প্রফেট

ফুটপ্রিন্টস অফ দ্য প্রফেট

৩রা ডিসেম্বর, ০৫:৫৫ পি.এম.

ধোফার পাহাড়

পাহাড়ের গা বেয়ে উঠছে এসইউভি, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সাফিয়া। হাইওয়ে থেকে নেমে আসার পর, অ্যাল্ট রূপ নিয়েছে নুড়ি পাথরের। এরপর তা পরিণত হয়েছে লাল মাটির পথে। ধীরে ধীরে এগোচ্ছে ওরা, রাস্তার বাম দিকে। মুখব্যাদান করে আছে খাদ।

নিচের উপত্যকা সবুজ, প্রাণবন্ত, ঘন। অবশ্য তার কারণ হলো খারিফ নামের বাৎসরিক মৌসুমি বায়ু। জুন থেকে শুরু হয় এই বায়ুর প্রবাহ। সূর্য ডুবতে বসেছে, মাথার উপরের আকাশ ধূসর হতে শুরু করেছে। রেডিওতে স্থানীয় এক খবরের চ্যানেল ধরে রেখেছে ক্যাসান্দ্রা, এক মনে সাবাব ওমানের স্যালভেজ অপারেশন সম্পর্কে প্রচারিত বিভিন্ন খবর শুনছে। এখন পর্যন্ত কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি। আবহাওয়ার রিপোর্টে বার বার বলা হচ্ছে আগুয়ান প্রচন্ড বালুঝড়ের খবর। সাফিয়ার মনে অবস্থা ওই ঝড়ের মতই। ক্ষণে রূপ বদলাচ্ছে, আশেপাশের সবকিছু ধ্বংস করে ফেলতে চাইছে। মেয়েটার মনে হচ্ছে, যেকোনো মুহুর্তে আরেকটা প্যানিক অ্যাটাক শুরু হবে। নিজেকে নিঃস্ব আর পরিত্যক্ত মনে হচ্ছে ওর। লন্ডনে যতদিন ছিল, নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল। শান্তি খুঁজতে চেয়েছিল শূন্যতার মাঝে। এখন যখন আসলেই ও শুন্য, তখন কেন জানি নিজেকে আরো বেশি অশান্ত মনে হচ্ছে। জীবনের উদ্দেশ্য রইল আর মাত্র একটাঃ যেভাবেই হোক ক্যাসান্দ্রাকে থামানো। নিজের চিন্তার মাঝে ডুবে আছে ক্যাসান্দ্রা, মাঝে মাঝে সামনে ঝুঁকে জন কেনের সাথে কথা বলছে শুধু। কয়েক মিনিট আগে ওর সেল ফোন বেজে উঠেছিল। ফিসফিস করে ফোনে কথা বলেছে তখন। সাফিয়া একবার পেইন্টারের নাম বলতে শুনেছে, কান পাতার চেষ্টা করেও কিছু শুনতে পায়নি। কলটা শেষ করে আরো দুজনকে ফোন দিয়েছিল মেয়েটা। তারপর থেকে আর কোন কথা নেই। মনে হচ্ছিল রাগে যেন ফুঁসছে।

তখন থেকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সাফিয়া, ভাবছে যদি পালাতে পারে তাহলে লুকাবার শ্রেষ্ঠ জায়গা কোনটা হবে। আরো দশ মিনিট উপরে উঠার পর, চুড়াটা দেখতে পেল ওরা।

এখনও আলো আছে। সোজা হলো সাফিয়া, জবের সমাধি।

“ওটাই কী?” নড়ে উঠে জিজ্ঞাসা করল ক্যাসান্দ্রা।

নড করল সাফিয়া, মেয়েটাকে রাগিয়ে তোলার ফল যে ভালো নয় বুঝতে পারছে।

শেষ একটা ছোট ঢাল বেয়ে এসে, শীর্ষটার ঠিক নিচে থামল এসইউভি। এরপর আবার শুরু করল উপরে উঠা। পাহাড় শীর্ষের সমাধির কাছে কিছু উট দেখতে পেল ওরা, বসে থেকে বিশ্রাম নিচ্ছে। পশুগুলোর পাশে, বাওবাব গাছের ছায়ায় বসে আছে পাহাড়ি কিছু লোক। | সমাধিটা বেশি বড় না। একটা ছোট ধূসর দালান, চুনকাম করা মসজিদ আর পরিপাটি করে রাখা একটা বাগান দেখতে পেল সাফিয়া। পার্কিং এর জায়গা বলতে, সামনের এক টুকরা ফাঁকা জায়গা। এই মুহূর্তে খালি।

আগের বার যেমনটা হয়েছিল, এবারো কেন গাড়ি থামিয়ে সাফিয়াকে নামাতে এল। বের হয়ে এল ও, অন্য দুই এসইউভি আসতে আসতে বের হলো ক্যাসান্দ্রাও। সিভিলিয়ান পোষাক পরে আছে সবাইঃ খাকি প্যান্ট, লিভাই জিন্স, হাতাকাটা শার্ট আর পোলো জুতা। তবে পুরুষদের পরণে একটু বড় সাইজের উইন্ডব্রেকার, অস্ত্র লুকাচ্ছে ওটার আড়ালে। বাগান দেখার উছিলায় এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। বাইনোকুলার হাতে দুজন ব্যস্ত হয়ে পড়ল আশেপাশের এলাকা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে।

এখানে আসতে যে পথ পড়ে, তার প্রায় পুরোটাই খাড়া। পায়ে হেঁটে পালানো কঠিন হবে। জন কেন ওর লোকদের শেষ মুহূর্তের নির্দেশনা দিতে ব্যস্ত, কিছুক্ষণ পর ঘুরে দাঁড়িয়ে জানতে চাইল, “প্রথমে কোথায়?”

মসজিদ আর দালানটার দিকে ইঙ্গিত করল সাফিয়া। এক কবর থেকে অন্য কবরে। এগিয়ে গেল ও।

“জায়গাটা পরিত্যক্ত মনে হচ্ছে।” বলল কেন।

“একজন কেয়ারটেকার থাকার কথা।” সাফিয়া প্রবেশমুখের পাশে রাখা স্টিলের চেইনের দিকে ইঙ্গিত করল। কেউ এখন পর্যন্ত প্রবেশমুখে তালা লাগায়নি।

ক্যাসান্দ্রা দুজনকে কাছে ডেকে নির্দেশ দিল, “খুঁজে দেখ।” নড করে কাজে লেগে পরল লোকগুলো।

ক্যাসান্দ্রা এবার সবার সামনে চলে এল, পেছনে কেন আর সাফিয়া।

মসজিদ আর ধূসর দেয়ালটার মাঝখানের কোর্ট ইয়ার্ডে ঢুকল ওরা। পুরো কমপ্লেক্সে শুধু বলার মতো আর একটা জিনিস আছে, একদম পেছনে কবরের সাথে অবস্থিত একটা প্রাচীন ধ্বংসাবশেষ। প্রচলিত আছে, ওটা ছিল জবের প্রার্থনার জায়গা। কবরে ঢোকার দরজাটাও প্রবেশমুখের ন্যায় খোলা।

“সময় লাগতে পারে। এখানে যে কী খুঁজতে হবে, সে ব্যাপারে আমার কোন ধারণা নেই।” বলল সাফিয়া।

“যদি প্রয়োজন হয়, তাহলে সারারাত ধরে খুঁজবে।”

“আমরা এখানে রাত কাটাবো?” বিস্মিত হয়ে গেল সাফিয়া।

“প্রয়োজন হলে কাটাব।” শক্ত চেহারায় জবাব দিল ক্যাসান্দ্রা।

কোর্ট ইয়ার্ডের দিকে চলে গেল সাফিয়ার নজর। মনে মনে প্রার্থনা করল, কেয়ারটেকার যেন ভুলে তালা না লাগিয়ে থাকে, যেন অনেক আগেই চলে যেয়ে থাকে। নাহলে হয়তো ক্যাসান্দ্রার দল…

দ্বিধাবিভক্ত মনে হলো ওর নিজেকে। ক্যাসান্দ্রার ইচ্ছা পূরণ হতে যত দেরী হবে, তত নিরীহ লোকদের মারা পরার সম্ভাবনা বাড়বে। কিন্তু মেয়েটার ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করতে হলে, ওকে সাহায্য করতে হবে। এই কাজটাকে ঘৃণা করতে শুরু করেছে সাফিয়া। অথচ আর কোন উপায় নেই, তাই সমাধিতে ঢুকে পড়ল ও। কী খুঁজতে হবে বা কোথায় খুঁজতে হবে, সে ব্যাপারে ওর আবছা ধারণা আছে ।

নবী ইমরানের সমাধির চেয়ে ছোট এই সমাধি, একদম নিখুঁত চতুর্ভুজাকৃতি। দেয়াল গুলো সাদা রঙের, মেঝে সবুজ। পারস্য থেকে আনা জায়নামাজ বিছানো হয়েছে কবরের দুই পাশে। আর কবরটা ঢেকে রাখা হয়েছে কুরআনের আয়াত সম্বলিত সিল্কের কাপড় দিয়ে। সাফিয়া কবরটাকে ঘিরে একটা চক্কর দিল। অন্য সমাধিটায় ছিল একটা মার্বেলের হেডস্টোন, এটায় নেই। শুধু কিছু সুগন্ধি আছে। আর যারা দেখতে আসে, তাদের টাকা-পয়সা দেবার জন্য একটা জায়গা। এছাড়া ঘরটায় তেমন কোন অলংকার নেই। শুধু দেয়ালে ঝুলছে নবীদের নামঃ মোজেস, আব্রাহাম, জব, যীশু আর মুহাম্মাদ (সাঃ)।

ক্যাসান্দ্রার কথায় ওর ধ্যান ভেঙে গেল, “লোহার হৃদপিন্ডটা এখানে কোনও কাজে আসবে?”

“মাথা নেড়ে না বোঝাল সাফিয়া, এখানে কাজে আসবে বলে মনে হয় না।

কেন আর ক্যাসান্দ্রার মাঝ দিয়ে বাইরে বেরিয়ে এল ও। বাইরে এসে বুঝতে পারল, জুতা পায়েই সমাধিতে ঢুকে পড়েছিল। এমনকি চুলটা পর্যন্ত ছিল খোলা। ভ্রু কুঁচকে ফেলল।

কেয়ারটেকার কোথায়?

আরেকবার অচেনা লোকটার নিরাপদে থাকার প্রার্থনা করল সে। বাতাস ঝির ঝির করে বইছে, দেখে মনে হচ্ছে জায়গাটা পরিত্যক্ত, প্রাচীন।

কিন্তু সাফিয়ার কেমন জানি অনুভব হচ্ছে…অনুভূতিটার নাম বলতে পারবে না যদিও। বলা যায় আশা। হয়তো আলোর খেলার জন্য। পড়ন্ত বেলার আলো সবকিছু আবছা আবছা মনে হচ্ছে, মনে হচ্ছে আরেকটু সময় পেলে উজ্জ্বল হয়ে উঠতে দেখবে সবকিছুকে।

দুঃখের ব্যাপার হলো, অভাবটা যে সময়েরই। “এবার কী?” জানতে চাইল ক্যাসান্দ্রা।

ঘুরে দাঁড়াল সাফিয়া। প্রবেশমুখের পাশে একটা ধাতব দরজা দেখা যাচ্ছে, মাটির নিচে যাবার পথ। হাতল ধরার জন্য ঝুঁকল ও, জানে নিচে কী পাবে।

“কী করছ?”

“আমার কাজ।” বিতৃষ্ণা চাপার বিন্দুমাত্র চেষ্টা করল না সাফিয়া। দরজাটা ধরে টান দিল। ষোল ইঞ্চি গভীর একটা গর্ত রয়েছে দরজাটার আড়ালে। একদম নিচে, গর্তের মেঝেতে দেখা যাচ্ছে একজোড়া ছাপঃ এক বিশালদেহী মানুষের খালি পায়ের ছাপ আর ঘোড়ার খুরের ছাপ।

“এগুলো কী?” জানতে চাইল কেন। ব্যাখ্যা করল সাফিয়া, “একটু আগে জবের গল্প বলেছিলাম না? পা দিয়ে আঘাত করে ঝর্ণার পানি বের করে এনেছিলেন তিনি?” পায়ের ছাপের দিকে ইঙ্গিত করল ও, “বলা হয়, ওখানে জব পা দিয়ে আঘাত করেন।” আর গর্তটা দেখিয়ে বলল, “এখানে বের হয়েছিল ঝর্ণাটা। পাহাড়ের নিচের এক উৎস থেকে পানি এসেছিল।”

“পানি উপরে উঠেছিল?” জিজ্ঞাসা করল কেন।

“তা না হলে অলৌকিক ঘটনা হলো কিভাবে?”

“এসবের সাথে খুরের ছাপের কী সম্পর্ক?”

ভ্রু কুঁচকে ফেলল সাফিয়া। “এটা ব্যাখ্যা করার মতো কোন গল্প নেই।” বিড় বিড় করে বলল সে। কিন্তু কেন জানি মনে হচ্ছিল, এধরনের একটা গল্প কোথাও শুনেছে।

পাথরে পরিণত হওয়া একটা ঘোড়া আর একজন মানুষের পায়ের ছাপ।

এ এলাকায় এধরনের গল্পের অভাব নেই, যেখানে মানুষ বা প্রাণি পাথরে পরিণত হয়ে যায়। কয়েকটা গল্প তো একেবারে উবারকে নিয়ে । নিজের স্মৃতি ঘেঁটে

দেখলো সাফিয়া। আরব্য রজনীর দুইটা গল্পের কথা মনে পড়ল-“দ্য পেট্রিফাইড সিটি, আর “দ্য সিটি অফ ব্রাস।” দুটো গল্পই মরুভূমিতে হারানো শহরকে নিয়ে। এমন শহর যার অধিবাসীদের অপরাধের কারণে তাদেরকে পাথর বানিয়ে দেয়া হয়েছিল। নিশ্চয় উবারকেই বোঝানো হয়েছে। তবে পরের গল্পটা গুপ্তধন শিকারীদের নিয়ে। বিভিন্ন সূত্র খুঁজে তারা শহরটার দরজায় উপনীত হয়েছিল।

গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুত্রটার কথা মনে পড়ল ওরঃ একটা পিতল নির্মিত ভাস্কর্য। মূর্তিটা ছিল এক অশ্বারোহীর, হাতে ছিল একটা লম্বা বর্শা আর তার মাথায় একটা মস্তক। মস্তকটায় খোদাই করা ছিল লেখা। গল্পটা একদম দাঁড়ি কমা সহ মুখস্ত সাফিয়ার। কারার সাথে রিসার্চ করার সময় করেছেঃ

হে আগমনকারী, যদি তুমি পিতলের শহরের পথ না চেন, তাহলে অশ্বারোহীর হাতে হাত রাখ, ঘুরে যাবে সে এবং একসময় থামবে আর যখন থামবে তখন যে দিকে মুখ করে থাকবে সেদিকে এগোলেই পাবে পিতলের শহর।

উবার।

আবার মনে মনে কথা কয়টাকে আউড়ালো সাফিয়া। ভাস্কর্যটাকে স্পর্শ করার কথা আছে, তাহলেই পরবর্তী গন্তব্য জানা যাবে। লোহার হৃদপিন্ডটার কথাও মনে পড়ল। বেশ ভালো মিল আছে। আর এখন সামনে এই পাথরে অঙ্কিত পায়ের ছাপ। একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সে। একটা ঘোড়া আর একজন মানুষ, পাথরে রূপান্তরিত। পায়ের ছাপ আর খুরের ছাপ, দুটো একই দিক নির্দেশ করছে। যেন ঘোড়াটার লাগাম ধরে নিজে পায়ে হেঁটে যাচ্ছিল লোকটা। সেদিকেই কি এগোতে হবে ওদের? ভ্রু কুঁচকাল ও, উত্তরটা বেশি সহজ মনে হচ্ছে। দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইল সাফিয়া।

ক্যাসান্দ্রা পাশ থেকে জিজ্ঞাসা করল, “কিছু খুঁজে পেয়েছ মনে হচ্ছে?” মাথা নাড়ল সাফিয়া, রহস্যের মাঝে হারিয়ে গিয়েছে। ছাপের নির্দেশ করা দিকে এগোল সে। ছোট একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সামনে এসে দাঁড়ালো। জায়গাটা কবরের পেছনে, একটা ছোট গলির দ্বারা নতুন নির্মিত দালানগুলো থেকে আলাদা করে রাখা। কেবল চারটা দেয়াল, ছাদ নেই কোনও, পাশাপাশি দশ ফুটের মত। দেখেই মনে হয়, অনেক বড় কোন দালানের অংশ ছিল আগে। আর কাছে দাড়িয়ে রইল কেন, কিন্তু ক্যাসান্দ্রা ভেতরে প্রবেশ করল, “এ কোন জায়গা?”

” একটা প্রাচীন প্রার্থনা ঘর।” বলল সাফিয়া। দুটো দেয়াল দ্বারা বানানো একটা কোনের দিকে এগিয়ে গেল ও, এরকম কোণের সাহায্যে কোন দিকে মুখ করে প্রার্থনা করতে হবে তা ঠিক করা হয়। সাফিয়া জানে, নতুনটা মক্কার দিকে মুখ করা। তাই পুরনোটার দিকে এগোেল ও।

“এদিকে মুখ দিয়ে জব নবী প্রার্থনা করতেন, ” নিজেকে বলল যেন “জেরুজালেমের দিকে।”

উত্তর-পশ্চিম দিকে।

এবার ঘুরে দাড়িয়ে যে পথে এসেছে, সে পথের দিকে তাকাল সাফিয়া। অন্ধকারেও গর্তের মুখ ঢাকা দেয়া দরজা পরিষ্কার দেখতে পেল। পায়ের ছাপ এদিকেই ইঙ্গিত করছে।

আরেকবার কোণটাকে ভালভাবে পরীক্ষা করে দেখল ও। বেলে পাথর দিয়ে বানানো, ভেতরের দেয়ালটা স্পর্শ করল।

ক্যাসান্দ্রা ওর পাশে এসে দাঁড়াল, “কী গোপন করছ?” সাফিয়া পাঁজরের নিচে একটা পিস্তলের স্পর্শ পেল।

দেয়ালের উপর হাত রেখে ঘুরে দাড়াল ও। পিস্তলকে ভয় পেয়ে নয়, নিজস্ব কৌতুহল থেকে বলল, “আমার একটা মেটাল ডিটেক্টর দরকার।”

০৬:৪০ পি.এম.

রাত যখন নামছে, তখন হাইওয়ে ছেড়ে নুড়ি বিছানো পথে উঠে এল পেইন্টার। একটা সবুজ সাইন আরবী অক্ষরে ওকে জানাচ্ছে জেবাল ইটেন ৯ কি.মি.।

মসৃণ রাস্তা ছেড়ে এবড়ো খেবড়ো পথে উঠেও গতি কমালো না পেইন্টার। ওমাহা পাশের সীটে বসে আছে। ওর দিকের জানালা অর্ধেক নামানো।

ওর সরাসরি পেছনে বসে ড্যানি। “এই রদ্দি মালের যে ফোর-হুইল ড্রাইভ নেই, তা মনে আছে তো?” বলল ছেলেটা।

“গতি কমানো যাবে না।” উত্তর দিল পেইন্টার, “ওদের কাছাকাছি পৌঁছালে এমনিতেই গতি কমাতে হবে।”

ওমাহা ঘোঁত করে সমর্থন জানালো। ইন্টারনেট ক্যাফে থেকে ফিরে দেখে, ক্যাপ্টেন আল-হাফি একটা ১৯৮৮ ভোক্সওয়াগন নিয়ে দাঁড়িয়ে আছে। স্ট্যালিয়নটা বেচে দিয়েছে। কোরাল লোকটার কেনা অন্যান্য জিনিস পরীক্ষা করে দেখছিলঃ তিনটা কালাশনিকভ রাইফেল আর একজোড়া হেকলার অ্যান্ড কচ ৯মি.মি. হ্যান্ডগান। বন্দুকগুলো নিয়ে কোন আপত্তি নেই পেইন্টারের কিন্তু বাহনটা…অবশ্য ক্যাপ্টেন এর দোষ দিয়ে লাভ নেই, সে তো আর জানত না যে ওদের শহর ছেড়ে বাইরে বেরোতে হবে। মন্দের ভালো হলো যে, সবাই এঁটে গিয়েছে এক ভ্যানে।

একটা বাঁক ঘুরতেই রাস্তার উপর একটা বড় সড় পশু দাড়িয়ে থাকতে দেখল ওরা, ব্রেক কষল পেইন্টার। একটা উট ওদের পথরোধ করে দাঁড়িয়ে আছে। লাল চোখজোড়া দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে উটটা। আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে।

পেইন্টার পশুটার পাশ দিয়ে ঘুরিয়ে ভ্যানটাকে বের করে আনল, কিন্তু পঞ্চাশ ফুট যেতে না যেতেই থমকে দাড়াল আবার। আরও বারোটা উট পথের উপর দাড়িয়ে আছে।

“হর্ন বাজাও।” পরামর্শ দিল ওমাহা।

“আর ক্যাসান্দ্রার দলকে সাবধান করে দেই?” অনেকটা ধমকে উঠল পেইন্টার, “একজন বের হয়ে ওদেরকে সরিয়ে দিয়ে এসো।”

“আমি উট চিনি, সামলাতেও জানি।” বলে ভ্যান থেকে বের হয়ে গেল বারাক।

কিন্তু রাস্তায় পা পড়েছে কী পড়েনি, এমন সময় ছায়া থেকে ভূতের মতো উদয় হলো কয়েকজন। ভ্যানের দিকে বন্দুক তাক করল। রিভারভিউ মিররেও দুজনকে দেখতে পেল পেইন্টার ।

“লুটেরা।” থুতু ফেলে বন্দুকের দিকে হাত বাড়াল ওমাহা।

বারাক যেন জায়গায় জমে গিয়েছে, আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে রেখেছে দুই হাত। “লুটেরা না,” অস্ফুট স্বরে বলল, “বাইত খাথির।”

পরনের পোষাক, হেড ক্লথ বাঁধার ধরণ এমনকি উটে চড়ার স্যাডল দেখে বেদুইনরা বিভিন্ন গোত্রের মাঝে পার্থক্য করতে পারে। পেইন্টার এতটা দক্ষ না হলেও, স্থানীয় গোত্র সম্পর্কে পরিচিতঃ মাহরা, রাশিদ, আওয়ামির ডাহম, সার। বাইত খাথিরের ব্যাপারেও জানে। এরা মরুভুমি আর পাহাড় নিবাসী গোত্র। অল্পে রেগে ওঠে, ঘাঁটালে বিপদজনক হয়ে ওঠে। নিজেদের উটের ব্যাপারে খুব স্পর্শকাতর।।

একজন এগিয়ে এল সামনে, “সালাম আলাইকুম।” বলল সে। তোমার উপর শান্তি বর্ষিত হোক।

“ওআলাইকুম আস সালাম।” উত্তর দিল বারাক। তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। এরপর আরবীতেই বলল, “কী খবর?” একচুল নামল না রাইফেলের নল। “কী খবর”-প্রশ্নটা এখানকার গোত্রদের মাঝে সাক্ষাতে জিজ্ঞাসা করা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। উত্তর না দেয়াটা অনেক বড় অভদ্রতা। বারাক আর লোকটা মিলে কথার যেন ঝড় বইয়ে দিলঃ আবহাওয়ার কথা, বালুঝড়ের কথা, শতাব্দীর ভয়ংকরতম ঝড়ের কথা, উট হারানোর দুঃখের কথা, আসন্ন বালুঝড়ের কথা কিছুই বাদ পড়ল না।

ক্যাপ্টেন আল-হাফির সাথে লোকটাকে পরিচয় করিয়ে দিল , মরুভুমি খুঁজেও, ডেজার্ট ফ্যান্টমদের চেনেনা এমন কাউকে পাওয়া ওদেরকে ঘিরে রাখা লোকগুলোর মাঝে কানাকানি শুরু হয়ে গেল, অল্প কিছুক্ষণ পর দেখা গেল, রাইফেল যার যার কাধে ঝুলছে। পেইন্টার ভ্যান থেকে নেমে দাড়িয়েছে। বাইরের লোক ও, তাই পরিচয় শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কথা শুনে যা বুঝতে পারলো তা হলো, শরীফের পর-দাদী আর এই দলের প্রধানের দাদা একসাথে লরেন্স অফ অ্যারাবিয়া ছবিটিতে অভিনয় করেছিল। এমন ব্যাপার তো সবসময় ঘটে না তাই আনন্দমুখর হয়ে উঠল পরিবেশ।

ক্যাপ্টেন আল-হাফির পাশে এসে পেইন্টার বলল, “এসইউভিগুলো দেখেছে কিনা, তা জিজ্ঞাসা করে দেখ।”

নির্দেশ পালন করল ক্যাপ্টেন, উত্তরে পেল নড। দলনেতা শেখ আমির ইবনে রাভি জানাল, মাত্র চল্লিশ মিনিট আগে তিনটা ওরকম গাড়ি এখান দিয়ে অতিক্রম করেছে।

“নিচে ফিরে এসেছে কি?” আরবীতে জানতে চাইল পেইন্টার ।

“নাহ,” উত্তর দিল শেখ, “আইয়ুব (আঃ) নবীর সমাধিতে আছে এখনও।”

অন্ধকারাচ্ছন্ন রাস্তাটার দিকে তাকাল পেইন্টার । এতক্ষণ ধরে চলা কথাগুলো ওমাহার কান এড়ায়নি, “যথেষ্ট হয়েছে। এবার চল।”

বাইত খাথির গোত্র তাদের উটগুলোকে জড়ো করে রাস্তা থেকে সরিয়ে নেয়া শুরু করল।

“দাঁড়াও,” ক্যাপ্টেন আল-হাফির দিকে ঘুরল পেইন্টার, “স্ট্যালিয়ন বেঁচে পাওয়া টাকার কত বাকি আছে?”

শ্রাগ করল ডেজার্ট ফ্যান্টম, “অল্প কিছু রিয়াল আছে।”

“দুএকটা উট কেনা বা ভাড়া নেয়া যাবে না?”

“উট চাচ্ছ কেন?”

“কারও নজরে না পড়ে সমাধিটার কাছে যেতে চাই।”

নড করে শেখ আমিরের দিকে ফিরল ক্যাপ্টেন। দুই নেতার মাঝে কিছু বাক বিনিময় হলো।

ওমাহা ওর পাশে এসে দাঁড়াল, “ভ্যানটা নিলেই তাড়াতাড়ি হতো না?” “এই রাস্তায় খুব একটা বেশি তাড়াতাড়ি হতো না।” বলল পেইন্টার, তা তাছাড়া উট ব্যবহার করে ক্যাসান্দ্রার নজরে না পড়েই আমরা সমাধির কাছে পৌঁছে যেতে পারব। এই লোকগুলোর উপর নিশ্চয় ওর নজর পড়েছে, সন্দেহ করবে না।

“আর উপরে পোঁছাবার পর?”

আগেই পেইন্টার একটা পরিকল্পনা করে রেখেছে , সেটা অল্প কথায় ওমাহাকে বুঝিয়ে বলল। ওর কথা শেষ হতে হতে, ক্যাপ্টেনও শেখের সাথে আলোচনা শেষ করে ফেলল।

“আমাদেরকে উট ধার দেয়া হবে।” বলল ক্যাপ্টেন।

“কয়টা?”

“সবগুলো।”

পেইন্টারকে অবাক হতে দেখে ব্যাখ্যা করল ক্যাপ্টেন, “কোনও বেদুঈন তার অতিথির অনুরোধ ফেলতে পারেনা। তবে একটা শর্ত আছে।”

“কী?”

“আমি ওদের জানিয়েছি যে, আমরা এক মহিলাকে উদ্ধার করতে এসেছি। ওরা সাহায্য করতে চায়। ওদের জন্য এটা সম্মানের ব্যাপার হয়ে দাড়াবে।”

“আর গুলি করতেও এরা খুব ভালবাসে।” যোগ করল বারাক।

পেইন্টারের শুধু শুধু বাইত খাথিরকে বিপদে ফেলতে মন না চাইলেও, ওমাহা লুফে নিল প্রস্তাব। “ওদের হাতে অস্ত্র আছে। তোমার পরিকল্পনা সফল হবার জন্য, আমাদের অনেক বেশি অস্ত্রবল দরকার।” ওর কথা মেনে নেয়া ছাড়া আর কোন উপায় রইল না পেইন্টারের। পেইন্টারের অনুমতি পেয়ে হাসল শেখ, দলের সবাইকে জড়ো করল। নিজের দলকে আলাদা করে নিল ও, “কারা, আমি চাই তুমি ভ্যানের সাথে থাক।”

প্রতিবাদ করার জন্য মুখ খুলল মেয়েটা, কিন্তু পাত্তা পেল না।

“রাস্তার উপর ভ্যান রেখে যাওয়া চলবে না, লুকাতে হবে।” বলল পেইন্টার, “আমার সিগন্যাল পেলে আবার রাস্তায় নিয়ে আসতে হবে। ক্লে আর ড্যানিও তোমার সাথে থাকবে। যদি আমরা ব্যর্থ হই আর ক্যাসান্দ্রা আবারও সাফিয়াকে নিয়ে পালাতে সক্ষম হয়, তাহলে তোমরা অনুসরণ করতে পারবে।”

পছন্দ না হলেও মেনে নিল কারা, তবে হুমকি দিতে ছাড়ল না। “ব্যর্থ হলে চলবে না।”

ড্যানি গাইগুই করলেও মেনে নিল, আর ক্লে তো কোন রকম আপত্তিই করল না। ফয়সালা হয়ে যেতে ঘুরে দাঁড়িয়ে পেইন্টার বলল, “রওনা হওয়া যাক।”

ওমাহা জানতে চাইল, “আগে কখনও উটের পিঠে চড়েছ?”

“না।” স্বীকার করল পেইন্টার।

অনেকক্ষণ পর এই প্রথম হাসি দেখা গেল ওমাহার মুখে, “খুব মজা হবে।”

০৭:০৫ পি.এম.

দুটো ফ্লাডলাইট জ্বালানো হয়েছে, সেই আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছে ক্যাসান্দ্রা। মেটাল ডিটেক্টর নিয়ে খুঁজছে লোকগুলো।

দেওয়ালের ঠিক মাঝখানে ধাতব কিছু একটার উপস্থিতি খুঁজে পেলে, সাফিয়ার দিকে ফিরল মেয়েটা “কিভাবে বুঝলে যে, এখানে কিছু একটা পাওয়া যাবে?”

শ্রাগ করল সাফিয়া, “লোহার হৃদপিন্ডটা ছিল ইমরানের সমাধিতে, একটা বেলে পাথরের মূর্তির ভেতর। ওটা নির্দেশ করছিল এই জায়গাটাকে। পরের নির্দেশিকাটাও যে তেমন কিছু একটা হবে, তা আন্দাজ করা আর কঠিন কী। জিনিসটা নির্মিত হবে লোহা দিয়ে জানা ছিল, শুধু কোথায় আছে তা জানা ছিল না।”

দেয়ালের দিকে তাকাল ক্যাসান্দ্রা, “এখন কী করণীয়?”

মাথা নাড়ল সাফিয়া, “প্রথমে আগে জিনিসটাকে বের করে আনতে হবে। খুব সাবধানে এগোতে হবে আমাদের। একটা ভুল পদক্ষেপ, জিনিসটাকে নষ্ট করে দেবার জন্য যথেষ্ট। কয়েকদিন পর্যন্ত লাগতে পারে।”

“নাও পারে।” বলে হাঁটা শুরু করল ক্যাসান্দ্রা। পার্ক করে রাখা গাড়িগুলোর দিকে এগোল সে। অন্ধকার বাগানে এসে পৌঁছতেই চোখের কোণে একটা ছায়ার নড়াচড়া ধরা পড়ল।

সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ল ক্যাসান্দা, শোল্ডার হোলস্টার থেকে হাতে উঠে এসেছে একটা পিস্তল। দুবার শ্বাস নেবার সময়টুকু অপেক্ষা করল ও। শব্দ শোনার জন্য কান পেতে রেখেছে। কিন্তু না, কিছুই ধরা পড়ল না ওর নজরে বা কানে। উঠে দাঁড়ালো ও, কবরের রুমটায় ঢুকে পরীক্ষা করে দেখল। নাহ, কেউ নেই। খালি। দেখার ভুল হয়তো, ভেবে হোলস্টারে ভরে রাখল পিস্তল। এসইউভি-এর দিকে এগোল।

শুধু কেনের লোকদের না, বহু প্রত্নতাত্ত্বিক যন্ত্রও বয়ে নিয়ে এসেছে এই এসইউভি। গিল্ড দুহাত ভরে ওকে সব যন্ত্রপাতি দিয়েছে। পুরনো সব যন্ত্র তো আছেই, একেবারে আধুনিক যন্ত্রও বাদ যায়নি। একটা মাটি ভেদ করতে পারে, এমন রাডার যন্ত্র আছে। ওটা LANDSAT স্যাটেলাইট সিস্টেমের সাথে যেকোন সময় চাইলেই যোগাযোগ করতে পারে। মাটির এমনকি ষাট ফুট নিচে কী আছে, তাও দেখা যায় এর সাহায্যে।

একটা বিশেষ ক্রেট খুলল ও। ডারপার রিসার্চ প্রজেক্টের উপর ভিত্তি করে বানানো একটা বিশেষ যন্ত্র আছে ওতে, গিল্ড ডিজাইনের আরো কিছু উন্নতি করেছে। দেখতে অনেকটা শটগানের মতো, কিন্তু ব্যারেলের শেষ দিকটা অনেকটা কাপ আকৃতির। সিরামিক দিয়ে বানানো স্টকটাও স্বাভাবিকের চাইতে মোটা, একটা ব্যাটারি ধরার জন্য যথেষ্ট। ব্যাটারিটাও বের করে আনলো ক্যাসান্দ্রা। ভারী যন্ত্রটাকে কাঁধে ঝুলিয়ে প্রার্থনা ঘরের দিকে ফিরে চলল। যন্ত্র হাতে ওকে ঢুকতে দেখে চোখ জ্বলে উঠল কেনের। সাফিয়া এর মাঝে দেয়ালে একটা চতুর্ভুজ এঁকেছে। পাশাপাশি এক ফুট চওড়া আর মেঝে থেকে চার ফুট উঁচু।

“এই এলাকায় রিডিং সবচেয়ে বেশি।” দাঁড়াতে দাঁড়াতে বলল কিউরেটর।

মেয়েটাকে ওর হাতের দিকে তাকাতে দেখে ক্যাসান্দ্রা বলল, “এটা একটা ULS লেজার। পাথর খুঁড়তে কাজে আসে।”

“কিন্তু”

“সরে দাড়াও।” যন্ত্রটাকে হাতে নিয়ে দেয়ালে আঁকা চতুর্ভুজের দিকে তাক করল ক্যাসান্দ্রা। সরে দাড়াল সাফিয়া। ক্যাসান্দ্রা চালু করে দিল যন্ত্রটা, লাল রঙের ছোট ছোট রশ্মি সামনের দিকে ছড়িয়ে পড়ল। মনে হলো অসংখ্য ছোট ছোট ছিদ্রের ভেতর দিয়ে যেন কেউ আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটা রশ্মিই এক একটা লেজার গানের সৃষ্টি। চতুর্ভুজের উপর সব গুলো আলো ফেলল ক্যাসান্দ্রা, ছোট একটা লাল বৃত্ত দেখা গেল দেয়ালে।

মেয়েটা ট্রিগার চেপে ধরতেই, কেঁপে উঠল যন্ত্রটা। ছোট ছোট লেজার গুলো অসম্ভব দ্রুত গতিতে ঘুরছে, মানুষের শ্রবণশক্তি ধরতে পারে না এমন আওয়াজে কান ব্যথা শুরু হলো প্রায় মুহূর্তের মাঝেই। কিন্তু মনোযোগ ভাঙতে দিলো না ও।

বৃত্তের জায়গাটা ভরে উঠল ধুলো আর সিলিকার মেঘে। আস্তে আস্তে গলে যাচ্ছে যেন বেলে পাথর।

দেয়াল থেকে আস্তে আস্তে বেলে পাথরের আস্তর খসিয়ে ফেলছে লেজার। বেলে পাথরের উপর দারুণ কাজ করলেও, আরো শক্ত পদার্থ যেমন গ্রানাইটের উপর এই লেজারের কোন প্রভাব নেই। এমনকি মানবদেহেও তেমন কোন ক্ষতিকর প্রভাব ফেলে না। তিন মিনিটের মাঝে প্রায় চার ইঞ্চি পরিমান বেলে পাথর সরিয়ে ফেলল যন্ত্রটা।

“থামো!” চিকার করল সাফিয়া, এক হাত উপরে উঠে গিয়েছে।

থেমে গেল ক্যাসান্দ্রা, ট্রিগারের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। দেয়ালের দিকে এগিয়ে গেল সাফিয়া, সেই সাথে কেন আর ক্যাসান্দ্রাও। কেন লেজার দ্বারা সৃষ্ট গর্তে আলো ফেলতেই এক টুকরা ধাতু জ্বলজ্বল করে উঠল।

“লোহা।” পেছন থেকে কিছুটা গর্বিত আর কিছুটা বিস্ময় মেশানো স্বরে বলল সাফিয়া, “হৃদপিন্ডটার মতো।”

একপা পিছিয়ে এসে আবার যন্ত্রটা তাক করে ধরল ক্যাসান্দ্রা, “তাহলে বাক্সটা খুলে পুরষ্কারের চেহারাটা দেখা যাক।”

আবার শুরু হয়ে গেল লেজারের কাজ। ধীরে ধীরে আরো পরিষ্কার হয়ে উঠলো দেয়ালে প্রোথিত জিনিসটাঃ প্রথমে দেখা গেল না। এরপর ধীরে ধীরে ভ্রু, চোখ, ঠোঁট।

“কোনও মানুষের চেহারা।” বলল সাফিয়া। খুব সাবধানতার সাথে কাজ চালিয়ে গেল ক্যাসান্দ্রা। কিছুক্ষণ পর যন্ত্রটা থামিয়ে এগিয়ে এল এক পা, হাত দিয়ে এমনভাবে ধুলা সরালো যেন কাঁদামাটি সরাচ্ছে।

“হায়, ঈশ্বর।” বিড়বিড় করে আলো ফেলতে ফেলতে বলল কেন। “অবিকল তোমার মতো দেখতে!” সাফিয়াকে বলল সে।

০৭:৪৩ পি.এম.

উটের পিঠে বসে আছে পেইন্টার, জেবাল ইটেন আর ওর মাঝে শুয়ে থাকা অন্ধকার ভ্যালির উপর চোখ। চাঁদহীন রাতেও পরিষ্কার বোঝা যাচ্ছে সমাধিটাকে। চোখে আঁটা নাইট ভিশন গগলস আরো উজ্জ্বল করে তুলেছে জায়গাটাকে।

মনোযোগ দিয়ে সমাধি কমপ্লেক্সটাকে দেখছে সে, ক্যাসান্দ্রার হাতে প্রতিরক্ষার অনেক পদক্ষেপ নেবার সুযোগ আছে। মাত্র একটা কাদামাটির রাস্তা ধরে ভেতরে ঢোকা যায়। গগলসের দূরবীক্ষণ অংশটাকে ঠিক করে নিল ও। এখন পর্যন্ত চোদ্দজন শত্রুকে ধরতে পেরেছে, কিন্তু সাফিয়াকে দেখতে পায়নি। হয়তো কমপ্লেক্সের ভেতরে ঢুকে গিয়েছে।

অন্তত মনে মনে সেই প্রার্থনা করছে পেইন্টার। বেঁচে মেয়েটাকে থাকতেই হবে! গগলস খুলে একটু আরাম করে বসতে চাইল উটের পিঠে, কিন্তু পারল না। ডান পাশের ক্যাপ্টেন আল-হাফি আর বাম পাশের ওমাহাকে দেখে ওর মনে হলো, লোকগুলো যেন কোন লাউঞ্জের আরামদায়ক চেয়ারে বসে আছে। স্যাডলটাও খুব একটা আরামদায়ক না। মাত্র আধ ঘন্টা হলো রওনা দিয়েছে ওরা, কিন্তু পেইন্টারের মনে হচ্ছে আরেকটু হলেই দুভাগ হয়ে যাবে ওর দেহ। মুখ কুঁচকে ঢালের দিকে ইঙ্গিত করল ও, “একসাথে এই ভ্যালির নিচে যাব আমরা। এরপর আমাকে দশ মিনিট সময় দিতে হবে, আমি পজিশন নিয়ে নেব। দশ মিনিট পর, সবাই রাস্তা ধরে সমাধির দিকে এগোবে। যতটা পারো, আওয়াজ করবে। শেষ চড়াইয়ের মাথায় থেমে এমনভাব করবে যেন রাতটা এখানে কাটাচ্ছ। আগুন যেন অবশ্যই জ্বালানো হয়, এতে ওরা নাইট ভিশন গগলস ব্যবহার করলেও লাভ হবে না। উট গুলোকে বাঁধার দরকার নেই। সবাই স্নাইপিং পজিশন নেবে। এরপর অপেক্ষা করবে আমার সিগন্যালের।”

ক্যাপ্টেন আল-হাফি বাও করল, সবাইকে জানিয়ে দিল প্ল্যানটা।

পেইন্টারের ডান পাশে চলে এল কোরাল। স্যাডলের উপর হাত রেখে বলল, তোমার চেয়ে আমি এই মিশনে বেশি কাজে আসব। আমি অনুপ্রবেশের ব্যাপারে বেশি দক্ষ।” গলা নামিয়ে যোগ করল, “আর আমার ব্যক্তিগত কোন আগ্রহ এই মিশনে জড়িয়ে নেই।”

পেইন্টার হাত শক্ত করে ফেলল, “সাফিয়ার প্রতি অনুভূতি আমার দায়িত্ব পালনে কোন প্রভাব ফেলবে না।”

“আমি তোমার প্রাক্তন পার্টনার, ক্যাসান্দ্রার কথা বলছিলাম। একটা ভ্রু উঁচু করে ওর দিকে তাকাল মেয়েটা, “বলতো, আসলে কী প্রমাণ করতে চাইছ তুমি?”

সমাধির দিকে মুখ তুলে চাইল পেইন্টার। ওর হৃদয়ের একটা অংশ যে ক্যাসান্দ্রাকে দেখতে চাইছিল, তা অস্বীকার করতে পারবে না। সবকিছুর জন্য দায়ী হলেও, মেয়েটাকে একবার দেখতে চায় ও। কিন্তু মুখোমুখি হয়ে লাভ কী? খুন করেছে মেয়েটা, এমনকি বেঈমানি আর কিডন্যাপও করেছে। কীসের জন্য? কেন মেয়েটা সিগমা থেকে…ওর থেকে মুখ ঘুরিয়ে নিলো? পয়সার জন্য? নাকি আরো কিছু? প্রশ্ন আছে অনেক, কিন্তু উত্তর নেই।

কোরাল নীরবতা ভাঙল, “মেয়েটাকে কোন প্রকার ছাড় দিও না, কোন দয়া দেখিও না। নয়ত সব হারাবে।”

চুপ করে রইল পেইন্টার। আস্তে আস্তে গাছ পালায় ভরে উঠছে জমি। লম্বা লম্বা বাওবাব গাছ দেখা যাচ্ছে, সেই সাথে আছে তেঁতুল। লিয়ানা লতা আর জেসমিনও আছে। দাঁড়িয়ে পড়ল ওদের দল। একে একে সবাই নেমে পড়ল উটের উপর থেকে, বাইত খাতিরের একজন এসে সাহায্য করল পেইন্টারকে। ক্যাপ্টেন আল-হাফি এরই মধ্যে শেখ আমিরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কোথায় কোথায় লোক রাখলে ভালো হয়, তা ব্যাখ্যা করে বোঝাচ্ছে। ওমাহা আর কোরাল যার যার কালাশনিকভ রাইফেল নিয়ে ব্যস্ত, বারাক আর শরীফ ওদের দুজনের উপর নজর রাখছে। এই দুই ডেজার্ট ফ্যান্টমের কাছে বাড়তি অস্ত্র হিসাবে আছে ডেজার্ট ঈগল পিস্তল।

নিজের অস্ত্ৰজোড়া পরখ করে নিল পেইন্টার, এক জোড়া হেকলার অ্যান্ড স্কচ ওর সঙ্গী। ৯মি.মি. ম্যাগাজিনে মোট সাতটা বুলেট ধরে। একটা কোমর আর একটা কাঁধে ঝোলানো হোলস্টারে ভরে নিল ও। পেটের সাথে জড়িয়ে নিল একটা ব্যাগ।

কোরালকে সাথে নিয়ে ওমাহা এগিয়ে এল ওর দিকে। জানতে চাইল “দশ মিনিট কখন শুরু হচ্ছে?”

মেয়েটার ঘড়ির সাথে নিজের ঘড়ি মিলিয়ে পেইন্টার বলল, “এখন।”

“সাবধানে থেকো কমান্ডার। যা দরকার তা করতে ইতস্তত করো না।” বললো মেয়েটা ।

নড করল ও।

ওমাহা ওর সামনে এসে দাঁড়াল, “খালি হাতে ফিরো না।” যতটা না তারচেয়ে বেশি আবেদনের মতো শোনাল ওর গলা। খালি হাতে ফিরতে চায় না পেইন্টার নিজেও, রওনা দিয়ে দিল। দশ মিনিট শুরু হয়ে গিয়েছে।

০৮:০৫ পি.এম.

ফ্লাড লাইটের আলোয় কাজ করছে সাফিয়া, আস্তে আস্তে বেলে পাথরের আলিঙ্গন থেকে বের করে আনছে ওর উদ্দিষ্ট বস্তুটিকে। রাত নামার সাথে সাথে নেমে গিয়েছে তাপমাত্রা, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। গ্লাভস পড়া হাতে নুড়ি সরাচ্ছে ও, ভয় পাচ্ছে দাগ না পড়ে যায়। আলোয় একজন মহিলার আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছে ও।

ক্যাসান্দ্রা আর কেন ওর পেছনে দাঁড়িয়ে ফিসফিস করছে। মেয়েটা ওর যন্ত্র ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু বাঁধা দিয়েছে সাফিয়া। বলেছে, লেজারের কারণে কোনও ছোট চিহ্ন থাকলে তা মিলিয়ে যেতে পারে।

একেবারে শেষ পাথরটাও সরিয়ে ফেলল সাফিয়া, মূর্তিটার চেহারা দেখতে পাচ্ছে। কিন্তু চোখের কোণা দিয়ে দেখছে ঠিকই। নিজের চেহারার সাথে অপূর্ব মিল ওটার। ঠিক আঠারো বছর বয়সে ও দেখতে যেমন ছিল, তেমন। অসম্ভব, নিজেকেই ধমক দিল সে। কাকতালীয় ছাড়া আর কিছুই না। সাফিয়া দক্ষিণ আরবের মেয়ে, মূর্তিটাও দক্ষিণ আরবের। মিল থাকতেই পারে। কিন্তু তাও কেমন কেমন লাগছে ওর। কারণটা সম্ভবত চার ফুট লম্বা বর্শার আগায় ওটার প্রোথিত হয়ে থাকা।

দেয়ালে মধ্যে যেখানে ও চতুর্ভুজটা এঁকেছিল, সেখানেই পাওয়া গিয়েছে মূর্তিটাকে। ওটার নিজের দিকে, একেবারে মেঝে থেকে খাড়া হয়ে আছে লোহার বর্শাটা। দুটো মিলিয়ে একটা নিদর্শন। ওকে নাড়া দিয়ে গিয়েছে দৃশ্যটা, কিন্তু অবাক বানাতে পারেনি।

“যদি আরো সময় লাগে,” সাবধান করে দিল ক্যাসান্দ্রা, “তাহলে আমি আবার লেজারটাকে কাজে লাগাব।”

“এক মিনিট আর।” বলে কাজে লেগে গেল মেয়েটা।

“বের করার দরকার কী?” বলল কেন, “হয়তো এখনি আমাদের উদ্দিষ্ট দিকে তাকিয়ে রয়েছে ওটা।”

“দক্ষিণপূর্ব দিকে মুখ করে আছে।” ওর প্রশ্নের জবাব দিল সাফিয়া, “উপকূলের দিকে। নাহ, সরাতেই হবে।”

ওর কথা শেষ হয়েছে কী হয়নি, বেলে পাথরের কয়েদ থেকে খুলে এল ভারী জিনিসটা। ধরে ফেলল সাফিয়া।

“অবশেষে।” বলল ক্যাসান্দ্রা।

কোলে আবক্ষ মূর্তিটাকে নিয়ে উঠে দাঁড়াল সাফিয়া, দুই হাতে বর্শাটাকে ধরে আছে। বেশ ভারী জিনিসটা, ও হালকা নড়ে উঠতেই মূর্তিটার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এল। হৃদপিন্ডটার মতো। দেখে হালকা মনে হলেও আসলে ভারী। ওর হাত থেকে জিনিসটা নিয়ে নিল কেন।

“এবার আমাদের কী করতে হবে?”

“সালালাহ-এ যা করেছ।” বলল ক্যাসান্দ্রা, “কবরের কাছে চল।”

“নাহ, এবার অন্যখানে।” বলল সাফিয়া।

ক্যাসান্দ্রার পাশ ঘেঁষে এগোল ও। মাটিতে খোঁড়া গর্তটার কাছে গিয়ে দাঁড়াল সে, এরপর খুলে ফেলল দরজাটা। অনেক আগে পড়া গল্পটা মনে পড়ে গেল সাফিয়ার। বর্শা হাতে পেতল নির্মিত এক ঘোড়সাওয়ারের গল্প। যে বর্শায় গাঁথা ছিল একটা মস্তক।

“এবার কী?” জানতে চাইল ক্যাসান্দ্রা।

গর্তটায় আর মাত্র একটা বৈশিষ্ট্য আছে, আর সেটাই রহস্যকে লুকিয়ে রেখেছেঃ ঠিক মাঝখানে আছে একটা ছোট কোটর। বাইবেল আর কুরআন দুই ধর্মগ্রন্থের মতেই এখান থেকে উঠে এসেছে এক আশ্চর্যজনক ঝর্ণা। একটা মিরাকল। সাফিয়ার এখন মিরাকল বড় দরকার।

“ওখানে ঢুকাও।” কোটরটাকে দেখাল ও।

কেন বর্শাটার এক মাথা সাফিয়ার নির্দেশিত জায়গায় প্রবেশ করাল। এরপর পিছিয়ে এল সে, জায়গায় দাঁড়িয়ে রইল বর্শা।

বর্শটাকে কেন্দ্র করে ঘুরল সাফিয়া, এদিকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে।

“খুব ভালো।” ঘোঁত ঘোঁত করতে করতে বলল কেন। দুই-এক মুহূর্তের মাঝে বেড়ে গেল বৃষ্টির বেগ। আরেকবার বর্শাটাকে কেন্দ্র করে ঘুরল সাফিয়া, চিন্তায় ভ্রু কুঁচকে আছে।

চিন্তা মগ্ন হয়ে আছে ক্যাসান্দ্রাও, “কিছুই হচ্ছে না।”

“কিছু একটা ভুল করছি। টর্চটা দাও তো।” হাত থেকে গ্লাভস টা খুলে নিল সাফিয়া। ক্যাসান্দ্রার অনিচ্ছাসত্ত্বেও বাড়িয়ে দেয়া টর্চটা নিল।

বর্শটার উপর আলো ফেলল সাফিয়া, কিছু দূর পরপর খাঁজ কাটা আছে। কেন? সৌন্দর্যের জন্য, নাকি অন্য কোন কারণ আছে? কিছু বুঝতে না পেরে মূর্তিটার পেছনে এসে দাঁড়াল ও। দক্ষিণ, মানে সাগরের দিকে মুখ করে গেঁথেছে লোকটা। ভুল দিক। আবক্ষ মূর্তিটার দিকে গেল ওর নজর। ঘাড়ে খুব ছোট ছোট অক্ষরে কিছু একটা লেখা! আরো কাছে নিয়ে এল টর্চটাকে। ধুলোর আড়ালে লুকিয়ে ছিল লেখাটা এখন বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলেছে। চারটা বর্ণ দেখা যাচ্ছে।

ক্যাসান্দ্রাও দেখতে পেয়েছে, “ওগুলোর মানে কী?”

অনুবাদ করল সাফিয়া, “এক মহিলার নাম, বিলকিস।”

“এই মূর্তিটা যে মহিলার, তার নাম?”

উত্তর দিল না সাফিয়া, হতবাক হয়ে গিয়েছে। আসলেই কি হতে পারে? সামনে এসে মূর্তিটার চেহারার দিকে তাকাল ও, “যদি সত্যি হয়, তাহলে এই আবিষ্কারের গুরুত্ব বলে বোঝানো যাবে না। সব ধর্ম বিশ্বাসে এই মহিলাকে সমান মর্যাদার সাথে সম্মান দেখানো হয়। বলা হয়, ইনি আধা মানুষ আর আধা মরুভূমির আত্মা।”

“আমি কখনও শুনিনি এই নাম।”

গলা খাঁকরি দিল সাফিয়া, “শুনেছ। বিলকিস নিজের নামের চেয়ে তার পদবীর নামে বেশি পরিচিতঃ শেবার রাণী।”

“রাজা সলোমনের কাহিনীর?”

“তাকে নিয়ে প্রচলিত অগণিত কাহিনীর মাঝে, রাজা সলোমনের কাহিনীও আছে।”

বৃষ্টি এখনও পড়ছে, ফোঁটায় ফোঁটায় পানি বেয়ে পড়ছে মূর্তিটার গাল বেয়ে। মনে হচ্ছে যেন ওটা কাঁদছে। হাত বাড়িয়ে রাণির গাল থেকে পানি মুছে দিল সাফিয়া।

ওর স্পর্শ পেতেই নড়ে উঠল মূর্তিটা, বরফে পিছল খাবার মতো সরে গেল ওর হাত থেকে। পুরো একবার ঘুরে স্থির হলো সেটা।

উত্তরপূর্ব দিকে।

ক্যাসান্দ্রার দিকে তাকাল সাফিয়া।

কেনকে আদেশ দিল মেয়েটা, “ম্যাপটা আনো, জলদি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *