আগুন আর বৃষ্টি

আগুন আর বৃষ্টি

নভেম্বর ১৪, ০১:৩৩ এ.এম.

দ্য ব্রিটিশ মিউজিয়াম লন্ডন, ইংল্যান্ড

আর মাত্র তেরো মিনিট পর মারা যাবে হ্যারি মাস্টারসন।

একথা যদি জানত, তাহলে জীবনের শেষ সিগারেটটা একদম গোড়া পর্যন্ত টানত সে। কিন্তু আফসোস! জানা নেই। তাই মাত্র তিন টান দিয়েই নিভিয়ে ফেলল আগুন, হাত নেড়ে মুখের সামনে থেকে সরিয়ে দিল ধোয়া। ব্রেক রুমের সামনে দাড়িয়ে সিগারেট টানছে, একথা জানতে পারলে মিউজিয়ামের নিরাপত্তা প্রধান রায়ান ফ্লেমিং ওকে কাচা চিবিয়ে খাবে। এমনিতেই গত সপ্তাহে দুই ঘণ্টা দেরি করে কাজে আসায় লোকটার বদনজরে আছে ও।

মনে মনে গাল বকে নিভানো সিগারেটটা পকেটে পুরল হ্যারি। পরের ব্রেকে শেষ করবে…যদি এই রাতে আর কোন ব্রেক পাওয়া যায় আরকি।

পাথরের দেয়ালে বাড়ি খেয়ে মুহুর্মুহু প্রতিধ্বনি সৃষ্টি করছে বজ্রের আওয়াজ। ঠিক মাঝরাতের দিকে শুরু হয়েছে ঝড়। প্রথমে হচ্ছিল শিলা বৃষ্টি, কিন্তু এখন তা রূপ নিয়েছে যেন মহাপ্লাবনের। দ্য বিব এর আবহাওয়াবিদের মতে, গত এক দশকে এরচেয়ে শক্তিশালী ইলেক্ট্রিকাল স্টর্ম (বিদ্যুৎ তাড়িত ঝড়) আর হয়নি। শহরের অন্তত অর্ধেক এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। | হ্যারির কপাল মন্দ-কেননা এই মুহূর্তে ও আছে শহরের বিদ্যুৎহীন অর্ধেকে। গ্রেট রাসেল স্ট্রীটের ব্রিটিশ মিউজিয়াম এই মুহূর্তে ডুবে আছে কালো ঘন অন্ধকারে। ব্যাকআপ জেনারেটর আছে অবশ্য, কিন্তু তাও মিউজিয়ামের সম্পদ রক্ষা করার জন্য পুরো নিরাপত্তা বাহিনীকে ডেকে আনা হয়েছে। আধ-ঘন্টার মাঝে এসে পড়বে সবাই। কিন্তু হ্যারি ঝড়টা শুরু হওয়া থেকে এখানে, আজ যে ওর রাতের শিফটে ডিউটি। জেনারেটরের সাহায্যে ভিডিও সার্ভেল্যান্স ক্যামেরাগুলো এখনও চলছে। তবু ফ্লেমিং আদেশ দিয়েছে-আড়াই মাইল লম্বা মিউজিয়াম হলের পুরোটা একবার পরীক্ষা করে দেখে আসতে হবে! আলাদা আলাদা হয়ে কাজ করা ছাড়া উপায় নেই।

ইলেক্ট্রিক টর্চটা হাতে নিয়ে হলের উপর আলো ফেলল হ্যারি। রাতের বেলা মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখতে একদমই ভালো লাগেনা ওর। জানালার বাইরে জলতে থাকা স্ট্রিট ল্যাপের আলোয় অদ্ভুত দেখায় সব কিছু। কিন্তু বিদ্যুৎ না থাকায়, এখন ওই আলো গুলোও নিভে গিয়েছে। অল্প ক্ষমতার সিকিউরিটি ল্যাম্পের আলোতে অদ্ভুতুড়ে দেখাচ্ছে মিউজিয়ামের ভেতরের সবকিছু।

স্নায়ু শান্ত করার জন্য নিকোটিনটুকুর বড় প্রয়োজন ছিল। কিন্তু কাজে তো লাগতেই হবে। রাতের শিফটের নিরাপত্তা রক্ষীদের মধ্যে হ্যারির অবস্থান সবার নিচে। তাই ওকে যে ভূগর্ভস্থ গার্ড রুম থেকে সবচেয়ে দূরে অবস্থিত উত্তর উইং এর দিকে যেতে বলা হবে-সেটা প্রত্যাশিত ছিল। তবে আশার কথা হলো, ওখানে পৌছাবার শর্টকাট পথ অবলম্বন করতে তো আর কেউ নিষেধ করেনি। সামনের লম্বা হলটাকে বুড়ো আঙুল দেখিয়ে রাণী এলিজাবেথ II এর গ্রেট কোর্টে চলে এল সে।

এই কোর্টটাকে ঘিরে আছে ব্রিটিশ মিউজিয়ামের চারটা উইং। কোর্টের ঠিক মাঝখানে অবস্থিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লাইব্রেরি-রাউন্ড রিডিং রুম। দুই একর লম্বা কোর্ট ইয়ার্ডের পুরোটাকে ঢেকে রেখেছে ফস্টার এন্ড পার্টনার্সের বানানো বিশাল এক উপবৃত্তাকার (জিওডেসিক) ছাদ।।

পাস-কী ব্যবহার করে কোর্টে ঢুকে পড়ল হ্যারি । মিউজিয়ামের অন্যান্য অংশের মত এই জায়গাও অন্ধকারাচ্ছন্ন। মাথার অনেক উপরে অবস্থিত ছাদে আছড়ে পড়ে শব্দ করছে বৃষ্টির ফোঁটা। কিন্তু তা সত্ত্বেও, খোলা জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে হ্যারির পদ শব্দ। আচমকা আকাশকে দুই ভাগ করে ছুটে গেল বজ্রের ত্রিশূল। এক মুহূর্তের জন্য চোখ ধাঁধানো আলোয় উদ্ভাসিত হলো চারপাশ। পরক্ষণেই অন্ধকার ফিরে পেল তার রাজত্ব।

ইলেক্ট্রিক টর্চের আলোয় পথ দেখে কোর্ট পার হলো হ্যারি, উত্তর উইং এর দিকে এগোচ্ছে। দরজার কাছে পৌঁছে, মাথা নিচু করে ঢুকে পড়ল ভেতরে। আর্দ্র বাতাস। আর অ্যামোনিয়া অভ্যর্থনা জানাল ওকে। এতক্ষণ ছিল কোর্টের খোলামেলা জায়গায়, এখন দেয়াল আবদ্ধ ঘরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল । লম্বা হলঘরের ওমাথা লক্ষ করে আলো ফেলল-কিছু খোয়া গিয়েছে বলে মনে না হলেও, পুরোটা ঘুরে দেখতে হবে ওকে। মনে মনে হিসেব করে নিল, তাড়াতাড়ি করে কাজ সারতে পারলে হয়তো আরেকটু সিগারেট টানার সুযোগ পাওয়া যাবে। নিকোটিনের লোভে শুরু করে দিল কাজ । এই উইংটাকে এখন মিউজিয়ামের বার্ষিক প্রদর্শনীর জন্য সাজানো হয়েছে। মানবজাতির শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি জাতির অবদানকে একে একে সাজিয়ে রাখা হয়েছে। একটা একটা করে স্যুইট দেখে চলল হ্যারি- সেল্টিক, বাইজানটাইন, রাশিয়ান, চাইনিজ-কোনটাই বাদ পড়ল না। প্রতিটি স্যুইট সিকিউরিটি গেট দিয়ে তালাবদ্ধ অবস্থায় আছে। মিউজিয়ামের সিস্টেমই এমন। বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর, হলের শেষ মাথায় এসে উপস্থিত হলো হ্যারি।।

এসব স্যুইটের অধিকাংশ জিনিসপত্র শো-কেসের জন্যই নিয়ে আসা হয়েছে। কিন্তু সবার শেষে যে গ্যালারি সুইটটা আছে, সেটা সবসময় এখানেই ছিল। অন্তত হ্যারি যতদিন হলো চাকরী করে, ততদিন ধরে আছে। মিউজিয়ামের অ্যারামিক কালেকশন শোভা পাচ্ছে এখানে। এই স্যুইটের সবকিছুর ব্যয়ভার বহন করছে মাত্র একটি পরিবার। আরব উপদ্বীপের তেল বিক্রি করে ধনী হয়েছে পরিবারটি। লোকে বলে, ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে এমন একটা গ্যালারির স্থায়ী অবস্থান নিশ্চিত করতে হলে, বছরে কমপক্ষে পাঁচ মিলিয়ন পাউন্ড গুণতে হয়।

এমন একনিষ্ঠতা প্রশংসার দাবী রাখে। অথবা নিন্দার। পয়সার কী নিদারুণ অপচয়! ভাবতে ভাবতে পিতলের নেমপ্লেটে আলো ফেলল হ্যারি- দ্য কেনসিংটন গ্যালারি। তবে কর্মচারীদের মাঝে “কুত্তীটার খোঁয়াড়” নামেই বেশি পরিচিত জায়গাটা।

হারি অবশ্য কখনও লেডী কেনসিংটনকে সামনা সামনি দেখেনি। তবে অন্যান্য কর্মচারিদের কাছে শুনেছে, এই গ্যালারির ক্ষেত্রে বিন্দুমাত্র অনিয়ম বা অযত্ন তিনি মেনে নিতে পারেন না। এটা তার একান্ত ব্যক্তিগত শখের প্রজেক্ট। এই স্যুইটের সামান্যতম অনিষ্ট হলে কেউ তার কোপানল থেকে রক্ষা পায় না, এমনকি ডিরেক্টর পর্যন্ত না।

চাকরীর মায়ায় এই গ্যালারির সামনে কিছুটা সময় বেশি অতিবাহিত করল হ্যারি। আলো ফেলে ভালোমত দেখে নিল সব কিছু। নাহ, কোন গোলমাল নেই। ফিরে যাবে, এমন সময় কিছু একটা নজর কাড়ল ওর। জায়গায় দাঁড়িয়ে পড়ল হ্যারি, টর্চের আলো এখন মেঝের উপর পড়ছে।

কেনসিংটন গ্যালারির ভেতর থেকে একটা নীলচে আলো বের হয়ে আসছে, ঘুরে বেড়াচ্ছে যেন।

আরেকটা টর্চ… ভেতরে ঢুকে পড়েছে কেউ… উত্তেজনায় হ্যারির হৃদপিন্ড যেন গলার কাছে চলে এসেছে। অনুপ্রবেশকারী! হাত বাড়িয়ে রেডিওটা তুলে নিল ও, “উত্তর উইং-এ সম্ভবত কোন অনুপ্রবেশকারী আছে। পরবর্তী পদক্ষেপের ব্যাপারে নির্দেশনা চাই।”

এখন শিফট লিডার জিন জনসনের নির্দেশের জন্য অপেক্ষা। লোকটা পাগলাটে হলেও নিজ কাজে দক্ষ। আগে অফিসার হিসেবে আরএএফ-এ কর্মরত ছিল (RAF Royal Air Force) ।

দুই মূহুর্ত পরেই রেডিওতে ভেসে এল লোকটার গলা, কিন্তু কেটে কেটে আসায় হ্যারি পুরোপুরি শুনতে পেল না।

“…সম্ভাব্য…নিশ্চিত?…পর্যন্ত অপেক্ষা..দরজা বন্ধ তো?”

নিচে নেমে আসা সিকিউরিটি গেটের দিকে তাকাল হ্যারি। প্রতিটা গ্যালারিতে ঢোকার রাস্তা মাত্র একটা। অন্য পথ বলতে অনেক উঁচুতে অবস্থিত জানালা । কিন্তু ওগুলো খোলা অসম্ভব, ভেতরে ঢুকতে হলে ভাঙতে হবে। আর ভাঙলে এতক্ষণে গার্ড রুমের টের পেয়ে যাবার কথা।

মানস চোখে হ্যারি দেখতে পেল, জনসন এরিমধ্যে কেনসিংটন গ্যালারিতে অবস্থিত সবগুলো ক্যামেরা পরীক্ষা করে দেখা শুরু করে দিয়েছে। আরেকবার পাঁচ রুমের স্যুইটটার দিকে তাকাল সে, আছে আলোটা। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে। কোন দক্ষ চোরের এভাবে ঘোরাফেরা করার কথা না! সিকিউরিটি গেটের দিকে তাকাল এবার, সবুজ আলো জ্বলছে। নাহ, ঠিকমতই কাজ করছে ওটা। | সন্দেহে পড়ে গেল ও, পাশ দিয়ে যাচ্ছে এমন কোন গাড়ির হেড লাইটের আলো না তো?

রেডিওতে আবার জনসনের গলা শোনা গেল, “ভিডিওতে কিছু নে…ক্যামেরা ফাইভ এখনও বন্ধ হয়ে…ওখানেই থাক,..সাহায্য আসছে।”

গেটের পাশে দাঁড়িয়ে রইল হ্যারি। ব্যাকআপ আসছে। আচ্ছা, যদি আমার ভুল হয়ে থাকে?-আচমকা ভাবনাটা খেলে গেল ওর মনে। এমনিতেই ফ্লেমিংয়ের সাথে ঝামেলা চলছে। এখন যদি কোন বোকামি করে ফেলে,… ঝুঁকিটা নেয়ার সিদ্ধান্ত নিল সে, “কে ওখানে?” চিৎকার করল। জোরালো, দৃঢ় গলায় বলতে চাইছিল কথাগুলো। কিন্তু যা বের হলো, তাকে জোরালো বা দৃঢ়-কোনোটা বলার উপায় নেই।

আশ্চর্যের বিষয় হলো, ওর চিৎকার শুনেও আলোটার উদ্দেশ্যহীন ঘোরাফেরায় কোন পরিবর্তন এল না। বরঞ্চ মনে হলো, গ্যালারির আরো ভেতরে ঢুকে পড়ছে তা। নাহ, ভয় পেয়েছে বলে মনে হলো না। কোন চোরের পক্ষে এতটা শান্ত আচরণ করা সম্ভব ।

হ্যারি পাস-কীটা ব্যবহার করে খুলে ফেলল সিকিউরিটি গেট। একটু আগে ভয় পেয়েছিল বলে, নিজেকেই গালি দিতে মন চাচ্ছে। রেডিওতে কিছু বলার আগে আরো ভালোভাবে অনুসন্ধান করে দেখে নেয়া উচিত ছিল। কিন্তু যা হবার তা হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব কাজ দেখাতে হবে। আরেকবার ডাকল সে, “সিকিউরিটি! ডোন্ট মুভ!” আলোটা যেন ওকে পাত্তাই দিল না। আগের মতোই ঘোরাফেরা করতে লাগল।

হলের গেটের দিকে একবার তাকাল ও- অল্পক্ষণের মাঝে ব্যাকআপ চলে আসার কথা। “ধুরু, চুলোয় যাক।” বলল, আলোর পিছু নিয়ে ঢুকে পড়ল গ্যালারিতে।

আশেপাশের অসাধারণ সম্পদের দিকে তাকাবার অবকাশ নেই, কিন্তু তাকালে দেখতে পেত অ্যাসারিয়ান রাজা অসুরবানিপালের কাদামাটির ফলক, পারস্য যুগেরও আগে নির্মিত মূর্তি, বিভিন্ন যুগে ব্যবহৃত তলোয়ার ও অস্ত্র সহ আরো অনেক কিছু।

একেবারে শেষ ঘরটায় এসে উপস্থিত হলো হ্যারি। এখানকার জিনিসগুলো যেকোন প্রকৃতিবিদকে মুগ্ধ করবে। দুষ্প্রাপ্য পাথর, অলংকার, ফসিল আর নিওলিথিক (নব্যপ্রস্তর যুগীয়) যন্ত্র দিয়ে ভর্তি এই ঘর।

এতক্ষণে আলোর উৎস পরিষ্কার দেখা গেল। গম্বুজাকৃতি ঘরটার ঠিক মাঝখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে আধ-মিটার ব্যাসের একটা নীল আলো। কাঁপছে আলোটা, দেখে মনে হচ্ছে প্রিজম্যাটিক নীল তেল ব্যবহার করে জ্বালানো হয়েছে ওটা।

হ্যারির চোখের ঠিক সামনে, একটা কাচের ক্যাবিনেট ভেদ করে চলে গেল আলো। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে।

আলোটা কিন্তু থামেনি, এগিয়ে গিয়েছে লালরঙা একটা সিকিউরিটি ল্যাম্পের দিকে। পপ করে শব্দ হলো একটা, সেই সাথে নিভে গেল লাল আলো। আওয়াজটা কানে যেতে সম্বিত ফিরল হ্যারির, এক পা পিছিয়ে এল। ক্যামেরা ফাইভ নিশ্চয় এই কারণেই বন্ধ হয়ে গিয়েছে। এই ঘরে লাগানো ক্যামেরার দিকে তাকাল সে, লাল আলো জ্বলছে। কাজ করছে ক্যামেরাটা।

ক্যামেরার দিকে ওর তাকানো দেখতে পেয়ে রেডিওতে জনসন বলল, “হ্যারি, ফিরে এসো! ওখানে থাকার দরকার নেই?” আশ্চর্যের বিষয়-এবার কথাগুলো পরিষ্কার শুনতে পেল হ্যারি ।

কিন্তু জায়গা ছেড়ে নড়ল না। ভয় আর বিস্ময়ে ওখানেই দাঁড়িয়ে রইল। এমনিতেও আলোটা ওর থেকে দূরে সরে যাচ্ছে, যাচ্ছে ঘরের অন্ধকার কোণের দিকে।

বৃত্তাকৃতি আলোটার উজ্জ্বল আভায় হ্যারি আবছাভাবে একটা ধাতব বস্তু দেখতে পাচ্ছে। একটা কাঁচের ডিসপ্লেতে শোভা পাচ্ছে জিনিসটা। জিনিসটা একটা বাছুরের সমান বড়। না, ভুল হল! একটা হাঁটু গেঁড়ে বসে থাকা বাছুরের সমান বড়। অবশ্য কাঁচের সামনে রাখা কার্ডে লেখা-উট। উটের সাথে টুকরাটার মিল খুঁজে পাওয়া দুষ্কর হলেও, যেহেতু জিনিসটা একটা মরুভূমিতে পাওয়া গিয়েছে, তাই ওটা উট হবার সম্ভাবনাই বেশি।

লোহার উটের উপরে গিয়ে থামল আলোটা, ভাসছে এখনও।

কৌতূহলী হয়ে এক পা এগিয়ে গেল হ্যারি, রেডিওটা মুখের কাছে এনে বলল, “ক্রাইষ্ট!”

কাঁপতে থাকা আলোর গোলকটা কাঁচ ভেদ করে প্রবেশ করল উটের ভেতরে। আচমকা জ্বলতে থাকা মোমবাতি নিভিয়ে দিলে যেমন হয়, তেমনিভাবে অদৃশ্য হয়ে গেল আলো।

হঠাৎ নেমে আসা অন্ধকার এক মুহূর্তের জন্য অন্ধ করে দিল হ্যারিকে। টর্চটার কথা মনে পড়ল ওর, উঠিয়ে নিয়ে আলো ফেলল উটের উপর, “আলোটা নেই…!”

“তুমি ঠিক আছ তো?”

“হ্যা। কিন্তু ওই জিনিসটা আসলে কী ছিল?”।

জনসন জবাব দিল, গলায় বিস্ময়ের সুর স্পষ্ট, “আমার মনে হয় একটা লাইটনিং বল (একধরনের প্রাকৃতিক ঘটনা), স্থির বিদ্যুৎ গোলক আকৃতি ধারণ করে। গল্প শুনেছি, কিন্তু চোখে এই প্রথম দেখলাম। অসাধারণ ছিল।”

অসাধারণ ছিল, ভাবল হ্যারি। তবে কপাল ভালো, কেননা জিনিসটা আসলে যাই হোক না কেন, অন্তত অন্যান্য প্রহরীদের বিদ্রুপের হাত থেকে তো ওকে রক্ষা করেছে!

টর্চটা নিচের দিকে নামাল সে। আলো দূরে সরলেও, লোহার উট কিন্তু এখনও জ্বলছে। ঘন লাল দেখাচ্ছে ওটাকে।

“আবার কী?” বিড়বিড় করে বলল হ্যারি। রেডিওতে হাত দিতেই বিদ্যুৎ যেন কামড় বসাল ওর আঙুলে। গালি বকে উঠল, কিন্তু রেডিওটা ছাড়েনি। বলল, “অদ্ভুত কিছু একটা ঘটছে এখানে। আমার মনে হয় না-”

আচমকা যেন ঝলসে উঠল লোহার উট। পিছিয়ে এল হ্যারি। লোহা যেন উটটার দেহ থেকে গলে গলে পড়ছে।

এই অদ্ভুত ঘটনার সাক্ষি একমাত্র সে-ই নয়। রেডিওতে নির্দেশ ভেসে এল, “হ্যারি, বেরিয়ে এসো!”

তর্ক করার প্রশ্নই ওঠে না! আদেশ পালনের জন্য ঘুরে দাঁড়াল হ্যারি, কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে।

উটটাকে ঘিরে ধরে রাখা ডিসপ্লের কাঁচ বিস্ফোরণে ফেটে পড়ল । বর্শার ফলার মত কাঁচের ছোট ছোট টুকরা এসে আঘাত হানল ওর বাম দিকে। আরেকটা টুকরা গাল কেটে বেরিয়ে গেল। তবে ব্যথা অনুভব করার সময়ই পেল না হ্যারি। তার আগেই যে ওর দিকে ধেয়ে এসেছে জ্বলন্ত চুল্লির মত প্রচন্ড উত্তাপ। বাতাসে যতটুকু অক্সিজেন ছিল, তার পুরোটা নেই হয়ে গেল মুহূর্তের মাঝে।

ঠোট খুলেছিল হ্যারি, চিৎকার করতে চেয়েছিল হয়তো। কিন্তু ওই পর্যন্তই, কোন আওয়াজ করতে পারেনি।

পরের বিস্ফোরণটা ওকে ছুঁড়ে ফেলে দিল গ্যালারির অন্য মাথায়। তবে, সিকিউরিটি গেটের সাথে বাড়ি খেল কেবলমাত্র ওর জ্বলন্ত হাড়। কাপড় আর মাংস পুরো ছাই হয়ে গিয়েছে।

০১:০৩ এ.এম.

সাফিয়া আল-মায়াজের ঘুম ভাঙল তীব্র আতংকে। চতুর্দিক থেকে সাইরেনের আওয়াজ ভেসে আসছে। আতংক যেন আঁকড়ে ধরল ওকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কপাল বেয়ে ঝরে পড়ছে ঘাম। মুষ্ঠিবদ্ধ হাত দিয়ে আঁকড়ে ধরেছে বিছানার চাদর। পলক ফেলতে ভয় পাচ্ছে, যদি কিছু হয়ে যায়! অতীত আর বর্তমানের মাঝামাঝি কোন এক অদ্ভুত সময়ে আটকা পড়েছে ও।

সাইরেন বাজছে, দূরে কোথাও বিস্ফোরণ হলো এই মাত্র…আর একেবারে নিকট থেকে ভেসে আসছে আতংকিত আর আহতদের চিৎকার। ওর নিজের গলাও আছে এদের মাঝে…..

ফ্ল্যাটের নিচে, রাস্তা থেকে হর্নের আওয়াজ ভেসে এল, “রাস্তা খালি করে দিন! গাড়িগুলোকে যেতে দিন!” ইংরেজী…আরবী না…হিব্রু ও না।

অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে সাইরেন বাজাতে বাজাতে চলে গেল একটা গাড়ি। চিৎকার করে বলা কথাগুলোই ওকে ফিরিয়ে আনল বর্তমানে। এখন সে লন্ডনে আছে, তেল আবিবে না। দীর্ঘশ্বাস বেরিয়ে এল, চোখ অশ্রুসজল।

প্যানিক অ্যাটাক হয়েছে। নিজেকে সামলাবার জন্য উলের তৈরি কমফোর্টারটা গায়ে পেঁচাল সে। থেরাপিষ্টের শেখানো পদ্ধতিগুলো ব্যবহার করে নিজেকে সামলে নেবার প্রয়াস পেল। চোখ বন্ধ করে শ্বাস নিল কয়েকটা।

বিছানায় ভারী কিছু একটা পড়ার আওয়াজ শুনে চোখ খুলল সাফিয়া। হাত বাড়িয়ে পশমের স্পর্শ পেল। “স্বাগতম বিলি।” মোটা সোটা পার্সিয়ান বিড়ালটাকে আদর করে বলল সে। বিলি আদর পেয়ে উঠে এসে বসল ওর কোলে, গরগর আওয়াজ করছে।

থেরাপিস্টের শেখানো ব্যায়ামের চেয়েও বেশি কাজে দিল বিলির সঙ্গ। কাঁধের শক্ত মাংসপেশিগুলো নরম হয়ে এল। বুঝতে পারল কুঁজো হয়ে আছে সে, যেন যে কোন মুহুর্তে কারও কাছ থেকে আঘাতের আশংকা করছে।

এখনও আধ-ব্লক দূর থেকে সাইরেনের আওয়াজ ভেসে আসছে। খোঁজ নেয়া দরকার। ভয় এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে, খরচ করার জায়গা খুঁজছে সাফিয়া।

আস্তে করে বিলিকে কমফোর্টারের উপর শুইয়ে দিল সে। এক মুহূর্তের জন্য আওয়াজ করা থামিয়ে দিল বিড়ালটা। কিন্তু যখন বুঝল ওকে বের করে দেয়া হচ্ছে তখন আবার শুরু হয়ে গেল গরগর করা। বিলি লন্ডনের রাস্তায় জন্মগ্রহণ করেছে। সাফিয়া যখন ওকে খুঁজে পায়, তখন প্রাণিটা গাড়ির সাথে আঘাত পেয়ে পা ভাঙা অবস্থায় পড়ে আছে। কারও কথায় পাত্তা না দিয়ে সাফিয়া নিজেই বিড়ালটাকে নিয়ে গিয়েছিল কাছের এক পশু হাসপাতালে।

পশুটাকে রাস্তায় ফেলে আসাটা হতো খুব সহজ। কিন্তু ওকে দেখে কেন যেন নিজের কথা মনে পড়ে গিয়েছিল মেয়েটার। একদিন ওকেও সবাই ছেড়ে চলে গিয়েছিল। সেদিন যদি কেউ আশ্রয় না দিত…! বিলির মাঝে যেন নিজেকে খুঁজে পেয়েছিল। একই সাথে সভ্য আর বন্য। দুনিয়ার প্রতিটা কোণায় গিয়েছে সাফিয়া, নিজের বন্য স্বভাবটাকে শত চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারেনি।

কিন্তু এক উজ্জ্বল বসন্তের দিনে, জগত কাঁপানো বিস্ফোরণে শেষ হয়ে গিয়েছিল সব কিছু।

সব দোষ আমার…মাথার ভেতরটা আবার ভরে উঠল কান্না আর চিৎকারের আওয়াজে।

জোরে শ্বাস নিতে নিতে বিছানার পাশে থাকা ল্যাম্পটা অন করার চেষ্টা চালালো সাফিয়া। হলো না, বিদ্যুৎ নেই। ঝড়ের জন্যই নেই হয়তো-ভাবল সে।

সেজন্যই এত গোলমাল নাকি? তাই যেন হয়। বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়াল সাফিয়া। পর্দা সরিয়ে পঞ্চম তলার ফ্ল্যাট থেকে উঁকি দিল বাইরে।

নিচের দৃশ্যটা অপরিচিত মনে হলো ওর কাছে। সদা শান্ত রাস্তাটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছে। ফায়ার ইঞ্জিন আর পুলিশ কারে গিজগিজ করছে রাস্তা। বৃষ্টির তীব্রতা কমে এসেছে। স্ট্রীট ল্যাম্পও আর জ্বলছে না। কিন্তু তা সত্ত্বেও এক ব্লক দূরে জ্বলতে থাকা ঘন লাল আভা পরিষ্কার দেখতে পাচ্ছে সে। আগুন!

সাফিয়ার হৃদ স্পন্দন বেড়ে গেল, দম বন্ধ হয়ে আসছে আবার-নাহ, পুরানো দিনের কথা ভেবে না। বরং বর্তমান নিয়েই বেশি চিন্তিত। আগুনের অবস্থান দেখে অশুভ আশঙ্কায় ভরে উঠেছে মন। মিউজিয়ামটা যে ওদিকেই। পর্দাটা টান দিয়ে ছিড়ে ফেলল ও, গলা বাড়িয়ে উঁকি দিল আগুনের দিকে।

ফ্ল্যাট থেকে ব্রিটিশ মিউজিয়ামটা পায়ে হাঁটা দুরত্বে। পরিষ্কার দেখতে পেল, মিউজিয়ামের উত্তরপূর্ব দিকটায় আগুনের নাচন। অনেককে দেখা যাচ্ছে, আগুন নেভাবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

সাফিয়ার আঁতকে উঠার কারণটা উত্তরপূর্ব দিকের তৃতীয় তলায়। ওখানকার দেয়ালে বিশাল বড় একটা গর্ত, আর তা দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। বিস্ফোরণের আওয়াজ নিশ্চয় শুনতে পেয়েছিল ও, কিন্তু ঝড়ের কারণে আলাদা করতে পারেনি।

সম্ভবত বোমার আঘাতে হয়েছে ক্ষতিটা…টেরোরিষ্ট অ্যাটাক না তো। নাহ, হতে পারেনা…

নিজেকে দূর্বল মনে হলো। উত্তর উইং…ওর উইং। নিজের সারা জীবনের সব কাজ, সব রিসার্চ, সব কিছু যে ওখানেই রাখা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। মনে হচ্ছে যেন কোন দুঃস্বপ্ন দেখছে, ঘুম ভেঙে উঠে দেখবে-ঠিকঠাক আছে সবকিছু। | কিছুক্ষণ পর মাথা ভেতরে ঢুকিয়ে নিল সাফিয়া। ঘরের ভেতর আলো দেখে বুঝল, বিদ্যুৎ ফিরে এসেছে।

ওকে চমকে দিয়ে ফোন বেজে উঠল। রিসিভার তুলে নিল সাফিয়া, “হ্যালো?”

পেশাদার একটা গলা শুনতে পেল ও, “ড. আল-মায়াজ?”

“হ-হ্যা।”

“আমি ক্যাপ্টেন হোগান। মিউজিয়ামে একটা দুর্ঘটনা ঘটেছে।”

“দুর্ঘটনা?” সাফিয়া বুঝতে পারছে, ওর কাছ থেকে কিছু লুকানো হচ্ছে। সাধারণ দুর্ঘটনায় এমন কিছু হতেই পারে না।

“হ্যা। আপনাকে ব্রিফিং এ আমন্ত্রণ জানাবার জন্য আমাকে মিউজিয়ামের ডিরেক্টর অনুরোধ করেছেন। আপনি কি একঘণ্টার মাঝে আসতে পারবেন?”

“জি পারব। আমি এখুনি আসছি।”

“খুব ভালো। সিকিউরিটিকে আপনার নাম বলে দিচ্ছি।” ফোন রেখে দিলেন ক্যাপ্টেন।

রিসিভার রেখে দিল সাফিয়া, দেখল বিলি ওর দিকে তাকিয়ে আছে। ল্যাম্পের আলো প্রতিফলিত হচ্ছে বিড়ালটা চোখে।

“আমার কোন অসুবিধা হবে না, সব কিছু ঠিক আছে।” অস্ফুট স্বরে বলল। যতটা না বিলিকে উদ্দেশ্যে করে, তারচেয়ে বেশি নিজেকে স্বান্তনা দেবার জন্য।

স্বান্তনা পেল না দুই জনের কেউই।

২:১৩ এ.এম জি.এম.টি (০৯:১৩ পি.এম. ইএসটি)

ফোর্ট মিড, মেরিল্যান্ড

নিউ টাইমসের ক্রসওয়ার্ড পাজল মেলাবার সময় বিরক্ত করাটাকে খুব একটা ভালো চোখে দেখেন না থমাস হার্ডি। প্রতি রবিবার রাতে এই কাজটা করতে খুব ভালো লাগে তার। আজকেও তাই করছেন, একহাতে চল্লিশ বছর পুরানো স্কচের বোতল আর অন্য হাতে একটা সিগার। আগুন জ্বলছে ফায়ারপ্লেসে।

চামড়ার উইংব্যাক চেয়ারে হেলান দিয়ে বসলেন তিনি, নজর অর্ধেক শেষ করা পাজলের দিকে। মনোযোগ দিয়ে পরের সূত্রটার অর্থ ভাবছেনঃ

১৯-উপর নীচ-পাঁচ অক্ষরের শব্দ- “সাম অফ অল মেন (যোগফল অর্থে এখানে ব্যবহার করা হয়েছে-অনু)”।

ডেস্ক ফোন বেজে ওঠায় মনোসংযোগে বাঁধা পড়ল তার। দীর্ঘশ্বাস ফেলে নাকের উপর থেকে চশমাটা সরালেন তিনি।

ফোন তোলার জন্য সামনে ঝুকে দেখতে পেলেন, তার ব্যক্তিগত লাইনে ফোন এসেছে। এই নাম্বারটা আছে মাত্র তিনজনের কাছে-প্রেসিডেন্ট, জয়েন্ট চীফ এর চেয়ারম্যান আর তার ডানহাত, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সেকেন্ড-ইনকমান্ডের কাছে।

কাগজটা ভাঁজ করে কোলের উপর রাখলেন তিনি, ব্যক্তিগত লাইনের লাল বাটনটা চাপলেন। এতে ক্রাম্বলার চালু হয়ে যাবে। কেউ আড়ি পাতলেও কিছু বুঝতে পারবে না।

“হার্ডি বলছি।” রিসিভার তুললেন বললেন।

“ডিরেক্টর।”

ক্লান্ত দেহটাকে সোজা করে ফেললেন হার্ডি। গলার স্বরটা চিনতে পারছেন না। উল্লেখিত তিন জনের গলা তার মুখস্ত। “কে বলছেন?”

“টনি রেক্টর। এই অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত।” নামটা শোনা মাত্র মনে মনে হাতড়াতে শুরু এলেন থমাস হার্ডি। ভাইস অ্যাডমিরাল অ্যান্থনি রেক্টর। সাথে সাথে পাঁচটা শব্দ মনে পড়ে গেল তারঃ ডারপা (DARPA-The Defense Advanced Research Projects Agency.) এই ডিপার্টমেন্টটা কাজ করে ডিপার্টমেন্ট অফ ডিফেলের হয়ে। এদের মটো একটাইঃ সবার আগে। প্রযুক্তিগত উৎকর্ষতার ব্যাপারে দ্বিতীয় স্থানে আসতে কোন ক্রমেই রাজি নয় ইউ.এস.এ।

কোন ক্রমেই না।

আতংক দানা বাঁধল তার মনে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি অ্যাডমিরাল?”

“ব্রিটিশ মিউজিয়ামে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্তারিত বর্ণনা করে বোঝালেন অ্যাডমিরাল। থমাস নিজের ঘড়ির দিকে তাকালেন। বিস্ফোরণের মাত্র পঁয়তাল্লিশ মিনিট পার হয়েছে। এত অল্প সময়ে এত বেশি তথ্য জড়ো করতে পেরেছেন অ্যাডমিরাল! আশ্চর্য দক্ষতা ডারপার!

অ্যাডমিরালের কথা শেষ হলে থমাস জানতে চাইলেন, “এতে ডারপার আগ্রহের কারণ?”

রেক্টর জানিয়ে দিলেন কারণটা।

থমাসের মনে হলো, ঘরের তাপমাত্রা হঠাৎ করে দশ ডিগ্রী কমে গিয়েছে, “আপনি নিশ্চিত?”

“আমি এরিমধ্যে একটা দলকে প্রমাণ খোঁজার কাজে লাগিয়ে দিয়েছি। কিন্তু আমার ব্রিটিশ এমআইফাইভ-এর সহায়তা দরকার। আর যদি…”

এই গোপন ফোন কলের তাৎপর্য থমাসের কাছে পরিষ্কার হয়ে এল। ব্রিটিশ এমআইফাইভ ইংল্যান্ডের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। রেক্টর চান, থমাস সবার নজর অন্য দিকে সরিয়ে দিক। যেন ডারপার দল কোন সন্দেহ না জাগিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য সগ্রহ করতে পারে। এমনকি ব্রিটিশ ইন্টেলিজেন্স এঞ্জেন্সিকেও ধোকা দিতে চান তিনি।

“বুঝতে পেরেছি।” থমাস অবশেষ বললেন। সবার আগে। “আপনার দল তৈরি তো?”

“সকাল হতে হতে তৈরি হয়ে যাবে।”

আর কোন ব্যাখ্যা না পাওয়ায়, থমাস হার্ডি বুঝতে পারলেন-ব্যাপারটা কারা দেখভাল করবে। কাগজের মার্জিনে একটা গ্রিক চিহ্ন আঁকলেন তিনি- Σ

“আমি ব্যবস্থা করে রাখব।” ফোনে বললেন।

“খুব ভালো, ধন্যবাদ।” লাইন ডেড হয়ে গেল। থমাস রিসিভার নামিয়ে রাখলেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে এরিমধ্যে চিন্তা করা শুরু করে দিয়েছেন। তাড়াতাড়ি করতে হবে। অসমাপ্ত ক্রসওয়ার্ড পাজলের দিকে তাকালেন তিনিঃ ১৯-উপর নীচে-পাঁচ অক্ষরের শব্দ- “সাম অফ অল মেন”।

একেবারে যুতসই। কলমটা তুলে নিয়ে বক্সগুলোতে লিখলেন তিনি- সিগমা।

০২:২২ এ.এম. জিএমটি

লন্ডন, ইংল্যান্ড

ব্যারিকেডের ঠিক সামনে দাড়িয়ে আছে সাফিয়া। হাত দুটো ভাঁজ করে আছে, চিন্তিত। বাতাসে ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার গন্ধ। কী হয়েছে এখানে? ব্যারিকেডের ওপাশে দাঁড়িয়ে এক কনস্টেবল ওর ছবি মিলিয়ে দেখছে। | সাফিয়া জানে, মিল খুঁজে পেতে বেশ কষ্ট করতে হচ্ছে বেচারাকে। লোকটার হাতে ধরা মিউজিয়ামের পরিচয় পত্রে শোভা পাচ্ছে একটা ত্রিশ বছর বয়সী এক পড়ুয়া মেয়ের ছবি। গায়ের রঙ কফিতে ক্রিম মেশালে যেমন হয় তেমন। ছবিতে দেখা যাচ্ছে মেয়েটার কালো চুল পিছনে বেঁধে রাখা, চশমার আড়ালে উঁকি দিচ্ছে। সবুজ চোখ। কিন্তু এই মুহূর্তে সাফিয়াকে উদভ্রান্তের মত দেখাচ্ছে। মাত্র বিছানা থেকে উঠে এসেছে ও, জামা কাপড় ভেজা, চুল খোলা। তাড়াহুড়োয় বৃষ্টির মাঝে ছাতা না নিয়েই বেরিয়ে পড়েছে।

খবরের কাগজের লোক এরিমধ্যে চলে এসেছে। দুই একটা টেলিভিশন ট্রাকও এসে উপস্থিত। এমনকি দুটো ব্রিটিশ মিলিটারি ট্রাকও দেখতে পেল সে। রাইফেলধারী সৈনিক বয়ে এনেছে।

সন্ত্রাসী হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ব্যারিকেড পর্যন্ত আসতে আসতে একজন সাংবাদিকের কাছে এমন কথা শুনেছে ও। এই মুহূর্তে আশেপাশে ও ছাড়া আর কোন আরব নেই বলে, দুই একজন সন্দেহের চোখে তাকিয়ে আছে ওর দিকে। সন্ত্রাসী হামলার সাথে ভালোভাবে পরিচয় আছে তার, কিন্তু উপস্থিত লোকরা যা ভাবছে-ঠিক সে কারণে নয়। আর কে বলতে পারে! হয়তো ওর-ই বুঝতে ভুল হচ্ছে, প্যানিক অ্যাটাক হয় এমন রোগীদের প্যারানয়ায় (এমন চিন্তা করা যে, সবাই আমার ক্ষতি করতে চাইছে) ভোগা খুব স্বাভাবিক একটা ব্যাপার। | মিউজিয়ামে কী ঘটেছে, তা জানার জন্য উদগ্রীব হয়ে আছে সে। গত দশকের প্রায় পুরোটা কেটেছে মিউজিয়ামের সগ্রহ বাড়াবার চেষ্টায়। আর গত চারটা বছরের প্রতিটা ক্ষণ ব্যয় করেছে মিউজিয়ামে থেকে রিসার্চ প্রজেক্টগুলো পরিচালনা করে। অনেক কষ্টে গড়ে তোলা সংগ্রহের কতটুকু অবশিষ্ট আছে? আর কতটুকু পুনরুদ্ধার করা সম্ভব হবে?

অনেকক্ষণ পর সন্তুষ্ট হলো কনস্টেবল, “আপনি যেতে পারেন। ইন্সপেক্টর স্যামুয়েলসন আপনার জন্য অপেক্ষা করছেন।”

আরেকজন পুলিশ ওর সাথে সাথে মিউজিয়ামের দক্ষিণের প্রবেশ পথ পর্যন্ত এগিয়ে গেল। প্রবেশপথে পিলার গুলোর দিকে মুখ তুলে চাইল সাফিয়া। এতদিন পর্যন্ত জায়গাটাকে ব্যাংকের ভল্টের মত শক্ত বলে মনে হত ওর। কিন্তু আজ রাতে ধুলোয় মিশে গিয়েছে সেই ধারণা…

ভেতরে ঢুকে অনেকগুলো সিঁড়ি পথ পার হয়ে এল সে। এরপর “কেবলমাত্র মিউজিয়ামের কর্মচারীদের জন্য লেখা একটা দরজা দিয়ে গলিয়ে দিল নিজেকে। ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা পরিষ্কার বুঝতে পারছেঃ ভূ-গর্ভস্থ সিকিউরিটি সুইট।

দরজায় দাঁড়িয়ে একজন অস্ত্রধারী প্রহরী পাহারা দিচ্ছে। নড করল একবার, বোঝা গেল ওদের আগমনের প্রতীক্ষায় ছিল। টেনে দরজা খুলল লোকটা। | এবার অন্য এক পুলিশ সঙ্গী হলো সাফিয়ারঃ সিভিলিয়ান পোষাক আর নীল স্যুট পড়া এক কালো ব্যক্তি। সাফিয়ার চেয়ে ইঞ্চি খানেক লম্বা হবে, চুল ধূসর রঙ ধারণ করেছে। গালে খোঁচা খোঁচা দাঁড়ি দেখতে পেল ও, শেভ করার সুযোগ পায়নি সম্ভবত। মনে হয়, এ লোকটাও বিছানা থেকে উঠে এসেছে ।

একটা হাত বাড়িয়ে দিল লোকটা, “ইন্সপেক্টর জেফরি স্যামুয়েলসন।” জোরালো হাতে করমর্দন করল, “এত তাড়াতাড়ি আসার জন্য ধন্যবাদ।”

নড করল সাফিয়া, কথা বলার সাহস হচ্ছে না।

“দয়া করে আমার সাথে আসুন, ড. আল-মায়াজ, বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য আপনার সাহায্য আমাদের দরকার হবে।”

“আমার সাহায্য?” কোন ক্রমে বলল মেয়েটি। ব্রেক রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল, এখানে কর্মরত প্রত্যেক প্রহরীকে ডাকা হয়েছে। কয়েকজনকে চিনতেও পারল, কিন্তু ওর দিকে তারা এমনভাবে তাকিয়ে আছে যেন অপরিচিত কাউকে এই প্রথমবারের মত দেখছে। সাফিয়াকে দেখা মাত্র চুপ হয়ে গেল সবাই। মেয়েটা বুঝতে পারল, সবাই জানে যে ওকে ডেকে আনা হয়েছে।

কিন্তু কেন? তা কেউ জানে না। তবে নিজের উপর সবার সন্দেহের দৃষ্টি ঠিকই উপলব্ধি করতে পারল সে।

মাথা উঁচু করে এগোল সে, ভয় ছাপিয়ে এখন মনে জেঁকে বসেছে বিরক্তি। একসাথে কাজ করে সবাই, সহকর্মী বলেই ভাবে এদেরকে। তবে একটা কথা মনে মনে স্বীকার না করে পারল না সাফিয়া-এরা সবাই যেহেতু ওর অতীত সম্পর্কে ভালোভাবে অবগত, তাই সন্দেহ করাটা খুব একটা অস্বাভাবিক না।

ইন্সপেক্টরের পিছু পিছু হলের একেবারে কোণার রুমের দিকে এগোল সে, কাঁধ ঝুলে পড়েছে। জানে, “নেস্ট” (বাড়ি)-এর দিকে এগোচ্ছে ওরা। নামটা কর্মচারীদের আদর করে দেয়া, আসলে ওটা একটা ডিম্বাকৃতির রুম। দেয়াল জুড়ে ভিডিও সার্ভেইল্যান্সের যন্ত্রপাতি, মনিটর দিয়ে ভর্তি। সিকিউরিটি প্রধান, রায়ান ফ্লেমিং কে দেখতে পেল সাফিয়া। লোকটা মাঝবয়সী, খাটো হলেও শক্তপোক্ত। ন্যাড়া মাথা আর বাঁকানো নাকের কারণে, দূর থেকেও ওকে চিনে ফেলা যায়। “বল্ড ঈগল” (ন্যাড়া ঈগল) নামে সবাই ডাকে তাকে। এই মুহূর্তে মিলিটারি ইউনিফর্ম পড়া আর কোমরে অস্ত্র ঝোলানো এক রোগা লোকের পাশে দাঁড়িয়ে আছে সে। সামনে বসা এক টেকশিয়ানের ঘাড়ের উপর দিয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে দু’জনে। সাফিয়া ঢুকতেই ফিরে তাকাল।

“ড, সাফিয়া আল-মায়াজ, কেনসিংটন গ্যালারির কিউরেটর।” পরিচয় করিয়ে দেয়ার সুরে বলল ফ্লেমিং। সোজা হয়ে দাঁড়িয়ে হাত নাড়ল। | সাফিয়া ব্রিটিশ মিউজিয়ামে আসার আগে থেকে এখানে কর্মরত ফ্লেমিং। শুরু করেছিল গার্ড হিসেবে, কিন্তু উঠতে উঠতে আজ সে সিকিউরিটি প্রধান। বছর চারেক আগের কথা, প্রাক-ইসলামিক যুগের একটা মূর্তি চুরি বলতে গেলে একা হাতে ঠেকিয়েছিল ফ্লেমিং। আজকের এই পদটা সেই কৃতিত্বের পুরষ্কার। কেনসিংটনরা দক্ষ লোকের দাম দিতে জানে। তখন থেকে সাফিয়া আর ওর গ্যালারির দিকে আলাদা একটা নজর রাখে ফ্লেমিং।

এগিয়ে গিয়ে ওর সাথে যোগ দিল মেয়েটা, সাথে ইন্সপেক্টর স্যামুয়েলসন। ফ্লেমিং হাত বাড়িয়ে সাফিয়ার কাঁধ স্পর্শ করল, চোখে দুঃখ, “আমি অত্যন্ত দুঃখিত। তোমার গ্যালারি… তোমার সব কাজ…”

“আমরা কি সব হারিয়ে ফেলেছি?”

ফ্লেমিংকে দেখে মনে হলো, অসুস্থবোধ করছে। কথা না বলে, একটা মনিটর আঙুল দিয়ে দেখিয়ে দিল সে। সাফিয়া ভালোভাবে দেখার জন্য সামনে ঝুঁকে এল। সাদা কালো ছবিতে, উত্তর উইং এর প্রধান হলটা দেখতে পেল। এখনও ধোঁয়া বেরোচ্ছে। নিরাপত্তা প্রদানকারী স্যুট পরিহিত একদল লোক কাজ করছে উইং-এ। এদের কয়েকজন দাঁড়িয়ে আছে কেনসিংটন গ্যালারিতে ঢোকার সিকিউরিটি গেটের সামনে, একদৃষ্টিতে তাকিয়ে আছে কংকালের মত দেখতে একটা অবয়বের দিকে।

ফ্লেমিং মাথা নাড়ল, “একটু পর করোনার মৃতদেহ চিহ্নিত করার জন্য ভেতরে ঢুকবেন। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে ও আমার দলের এক প্রহরী, হ্যারি মাস্টারসনের…” | হাড়গুলো থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। বিশ্বাস করা কঠিন যে, এই কিছুক্ষণ আগেও ওগুলোর মালিক বেঁচে ছিল! সাফিয়ার পায়ের নিচের দুনিয়া কেঁপে উঠল যেন, নিজেকে সামলাতে এক পা পিছিয়ে গেল সে। হাড় থেকে মাংস পর্যন্ত পুড়িয়ে ফেলতে পারে, এমন ভয়াবহ অগ্নিকান্ডের কথা কল্পনা করাও কঠিন।

“আমি কিছুই বুঝতে পারছি না।” বিড় বিড় করে বলল সে, “কী ঘটেছে এখানে?”

মিলিটারি লোকটা উত্তর দিল, “এর উত্তরটা আমরা আপনার কাছ থেকেই আশা করছিলাম। নিদেনপক্ষে কোন সূত্র।” ভিডিও টেকনিশিয়ানের দিকে ফিরে বলল, “আবার প্রথম থেকে দেখাও।”

আদেশ পালন হতে হতে সাফিয়ার দিকে তাকাল সে। লোকটার চেহারায় কাঠিন্য, “আমি কমান্ডার র্যানডলফ, মিনিস্ট্রি অফ ডিফেন্স (প্রতিরক্ষা মন্ত্রণালয়) | এর অ্যান্টি টেরোরিস্ট ডিভিশনের প্রতিনিধি।”

“অ্যান্টি টেরোরিস্ট? বোমাবাজি হয়েছে নাকি এখানে?”

“এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ম্যাম।” সাফিয়ার প্রশ্নের উত্তরে বলল সে।

টেকনিশিয়ান ওদের দৃষ্টি আকর্ষণ করল, “আমি তৈরি, স্যার।”

মনিটরের দিকে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করল র্যানডলফ, “আমরা চাই, আপনি ভিডিওটা দেখুন। কিন্তু আগেই বলে দিচ্ছি, ব্যাপারটা ক্ল্যাসিফাইড (একান্ত গোপনীয়)। বুঝতে পেরেছেন?”

কিছুই বুঝতে পারেনি সাফিয়া, কিন্তু তাও নড করল।

“চালাও।” আদেশ দিল র্যানডলফ।

ক্যামেরায় কেনসিংটন গ্যালারি দেখা গেল। ঠিকই আছে সবকিছু, তবে অন্ধকার।

“রাত একটার ঠিক পরের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনি।” পাশ থেকে র্যানডলফ বলল।

সাফিয়া দেখতে পেল, পাশের রুম থেকে এক টুকরা আলো ভেসে এল এই রুমে। প্রথম প্রথম মনে হলো, হাতে মশাল নিয়ে কেউ একজন অনুপ্রবেশ করেছে। কিন্তু একটু পরেই পরিষ্কার বোেঝা গেল, আলোর উৎস নিজে থেকে নড়ছে!

“জিনিসটা কী?” জানতে চাইল ও।

এবার টেকনিশিয়ান জবাব দিল, “আমরা বিভিন্ন ফিল্টার ব্যবহার করে দেখেছি। | যে আলোর গোলকটা দেখছেন, সেটাকে বল লাইটনিং বলা হয়। ঝড়ের ফলে উদ্ভূত হয় এই গোলক, কিন্তু ইতিহাসে এই প্রথম বারের মত আমরা বল লাইটনিং এর ভিডিও পেয়েছি।”

সাফিয়া এই বল লাইটনিং এর কথা আগেও শুনেছে। কিন্তু সাধারণত এর দ্বারা কারও কোন ক্ষতি হয় না। একবার উঁকি দিয়ে লাইভ ফিড (সরাসরি সম্প্রচার) এর দিকে তাকাল, এখনও ধোঁয়া বেরোচ্ছে। একটা ছোট বল লাইটনিং এত বড় বিস্ফোরণের কারণ হতে পারে না-ভাবল।

এরিমধ্যে ভিডিওতে প্রবেশ করেছে একজন প্রহরী। “হ্যারি মাস্টারসন।” বলল ফ্লেমিং।

সাফিয়া একটা দীর্ঘঃশ্বাস ফেলল। ফ্লেমিং-এর যদি ভুল না হয়ে থাকে, তাহলে এই লোকটার এখন কেবলমাত্র কিছু ধোঁয়া ওঠা হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

বল লাইটনিং টাকে অনুসরণ করছে প্রহরী, দেখে মনে হলো বিস্ময়ে অভিভুত হয়ে গিয়েছে সে! রেডিওটা মুখের কাছে তুলতে দেখা গেল ভিডিওতে, কিন্তু কোন অডিও ফুটেজ না থাকায়, কী বলল তা শোনা গেল না।

বল লাইটনিংটা একটা ডিসপ্লে-এর বেদীর উপর এসে স্থির হলো। ডিসপ্লেতে লোহার কিছু একটা শোভা পাচ্ছে। লোহার জিনিসটার মাঝে ঢুকে পড়ল বল লাইটনিং। চোখ কুঁচকে ফেলল সাফিয়া, কিন্তু ঘটল না কিছুই।

এদিকে প্রহরী এখনও রেডিওতে কথা বলে যাচ্ছে…কিন্তু আচমকা সতর্ক হয়ে উঠল সে। কিছু একটা দেখতে পেয়েছে হয়তো। বেচারা লোকটা ঘুরে দাঁড়াতে দাড়াতে, ফেটে গেল ডিসপ্লে ক্যাবিনেট। এক মুহূর্ত পর দেখা গেল চোখ ধাঁধানো বিস্ফোরণ, এরপর অন্ধকার হয়ে গেল স্ক্রীন।

“চার সেকেন্ড পিছনে নাও।” আদেশ দিল কমান্ডার র্যানডলফ। উল্টো দিকে চলতে শুরু করল ভিডিও ফ্রেমগুলো। “থামো।” হঠাৎ বলে বসল র্যানডলফ।

স্ক্রীনে পরিষ্কার দেখা যাচ্ছে লোহার টুকরাটা। সত্যি বলতে কি, একটু বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে, ভেতর থেকে যেন আলোর বিচ্ছুরণ ঘটছে।

“কী ওটা?” র্যানডলফ জানতে চাইল।

প্রাচীন নির্দশনটার দিকে তাকিয়ে রইল সাফিয়া। এখন বুঝতে পারছে, কেন এত জরুরী তলব পড়েছে।

“এটা কি কোন মূর্তিা” জানতে চাইল কমাভার, “কতদিন ধরে আছে এখানে?”

সাফিয়া পরিষ্কার বুঝতে পারল কমান্ডারের মনের কথা, অবশ্য লুকাবার কোন চেষ্টাও করেনি লোকটা। জানতে চাইছে, কারও পক্ষে কি মূর্তির ভেতর বোমা ফিট করে মিউজিয়ামে ঢুকিয়ে দেয়া সব হলে নিশ্চয় তার সাহায্যকারী আছে কেউ! আর বেশি সম্ভাবনা হলো সেই সাহায্যকারী এখানে কর্মরত কেউ একজন। কে হতে পারে? নিশ্চয় এমন কেউ, যার অতীতে এধরনের বোমা বিস্ফোরণের ঘটনা আছে।

মাথা নেড়ে না করল মেয়েটা, “না, মূর্তি না।”

“তাহলে কী?

“উল্কাপিন্ডের অংশ…উনবিংশ শতাব্দীর শেষের দিকে ওমানি মরুভূমিতে আবিষ্কৃত হয়েছিল।”

উনবিংশ শতাব্দীতে আবিষ্কৃত হলেও, জিনিসটা আরো অনেক বেশি প্রাচীন। আর সাফিয়ার তা অজানা নেই। বহু শতক ধরে আরবে একটা গল্প প্রচলিত আছে এমন এক হারানো শহরের গল্প, যার প্রবেশপথে পাহারা দিচ্ছে এক লোহার উট। এমন এক শহর, যার ধন সম্পদের পরিমাণ অকল্পনীয়। গল্পে আছে, শহরটা এত ধনী যে কালো মুক্তা পাথরের মত পড়ে থাকে তার রাস্তায়, যেন আবর্জনা।

উনবিংশ শতাব্দীতে এক বেদুইন ট্রাকার সে শহরে পথ দেখিয়ে নিয়ে যায় এক ব্রিটিশ অভিযাত্রীকে। কিন্তু কোথায় সেই ধন-সম্পদ? বালিতে ডুবে থাকা এক উল্কাপিন্ড ছাড়া আর কিছু খুঁজে পায়নি অভিযাত্রী। উল্কাপিন্ডটা দেখতে হাঁটু গেড়ে বসে থাকা উটের মত। আর দেখা গেল, গল্পের সেই বিখ্যাত কালো মুক্তা আদতে পুড়ে যাওয়া কাঁচ। বালিতে উল্কাপিন্ড পড়ার ফলে উৎপন্ন তীব্র উত্তাপে যার সৃষ্টি।

“এই উটের মত দেখতে উল্কাপিন্ডটা” বলেই চলছে সাফিয়া, “ব্রিটিশ মিউজিয়াম চালু হবার সময় থেকেই এখানে আছে। তবে এতদিন স্টোরেজ লকারে ফেলে রাখা হয়েছিল। আমি খুঁজে বের করে কালেকশনে যোগ করেছি।”

ইন্সপেক্টর স্যামুয়েলসন তার দীর্ঘক্ষণের নিরবতা ভেঙ্গে বললেন, “কতদিন আগের ঘটনা এটা?”

“দুই বছর।”

“তাহলে তো অনেকদিন হলো।” জোর দিয়ে বললেন ইন্সপেক্টর, সেই সাথে এমনভাবে কমান্ডারের দিকে তাকালেন যেন এই বিষয় নিয়ে আগেই এক দফা কথা। কাটাকাটি হয়ে গিয়েছে।

“উল্কাপিন্ড?” মাথা নাড়তে নাড়তে বলল কমান্ডার, নিজের কন্সপাইরেসি থিওরি (কেউ আমাদের পিছনে লেগেছে-কোন প্রমাণ ছাড়া এমন কথা বলাঃ অনুমান) কাজে না লাগায় মনক্ষুন্ন।

“কিন্তু, কেন?” হঠাৎ দরজার কাছ থেকে ভেসে আসা হট্টগোলের আওয়াজে চমকে উঠল সবাই। নজর চলে গেল সেদিকে। মিউজিয়ামের ডিরেক্টর, এডগার টাইসনকে দেখতে পেল সাফিয়া। তিনি জোর করে সিকিউরিটি সুইটে ঢুকতে চাইছেন। লোকটা মিউজিয়াম অন্তঃপ্রাণ। এতক্ষণ তাঁকে দেখতে না পাওয়াটা অস্বাভাবিক ব্যাপার।

কিন্তু সেই অস্বাভাবিক ব্যাপারটা কেন ঘটল, সেই কারণটাও দেখতে পেল সে। টাইসনের ঠিক পিছু পিছু সুইটে ঢুকল আরেক মহিলা। ঝড় শুরু হবার আগেই যেমন তার উপস্থিতি উপলব্ধি করা যায়, তেমনি ভদ্রমহিলা প্রবেশ করার আগেই যেন তার উপস্থিতির কথা বুঝতে পারল সবাই। ছয় ফুটের উপরে লম্বা ভদ্রমহিলার পরনে পূর্ণ দৈর্ঘ্যের টারটান ওভারকোট, ভিজে একশা হয়ে আছে পোষাকটা। কিন্তু কাঁধ পর্যন্ত লম্বা বালু রঙা চুল শুকনো।

কমান্ডার র্যানডলফ সোজা হয়ে দাড়াল, এক পা সামনে এসে সম্মানের সাথে বলল, “লেডী কেনসিংটন।”

ওকে যেন পাত্তাই দিল না সদ্য আগত মেয়েটা, ঘরের মাঝে নেচে বেড়াচ্ছে দৃষ্টি। সাফিয়ার উপর নজর পড়তেই স্বস্তির আভা খেলে গেল চেহারায়।

“সাফি… থ্যাংক গড!” দ্রুত পায়ে এগিয়ে এসে সাফিয়াকে জড়িয়ে ধরল সে। কানে ফিসফিস করে বলল, “খবরটা শোনার পর…এমনিতেই তুমি অনেক রাত পর্যন্ত কাজ কর… ফোনে পাচ্ছিলাম না।”

সাফিয়াও জড়িয়ে ধরল মেয়েটাকে। একে অন্যকে সেই ছোট বেলা থেকে চেনে ওরা, এক অর্থে বোনের চেয়ে বেশি আপন। “আমি ঠিক আছি, কারা।”

কারা, মানে লেডী কেনসিংটন বেশ শক্ত মানসিকতার মেয়ে। তাকে এমন ভয় পেতে দেখে অবাক হয়ে গেল সে। হঠাৎ কারার প্রতি ভালোবাসায় ভরে উঠল ওর মন। অনেক দিন ধরে এই অনুভুতির সাথে অপরিচিত সাফিয়া, অন্তত কারার বাবা মারা যাবার পর আর কখনও এমন অনুভূতি হয়নি।

কেঁপে উঠল কারা, “তোমাকে হারালে পাগল হয়ে যেতাম।” আরও শক্ত করে জড়িয়ে ধরল বান্ধবীকে। চোখ ভরা পানি নিয়ে সাফিয়া ভাবল এরকম আরেকটা আলিংগনের কথা। সেদিনও একই কথা শুনেছিল সে। আমি তোমাকে কোন দিন হারাব না। বয়স যখন চার, তখন বাস অ্যাক্সিডেন্টে সাফিয়ার মা মারা যান। বাবা যে কে, তাই জানতে পারেনি কখনও। মা হারা মেয়েটার ঠাই হয়েছিল এতিম খানায়। জায়গাটা ওর মত দোআঁশলার জন্য নরক তুল্য।

এক বছর পর, এতিমখানা থেকে ওকে তুলে আনা হয়েছিল কারার খেলার সাথি হিসেবে। কারার রুমেই ঘুমাতো ও। দত্তক নেবার দিনটার কথা অবশ্য ওর খুব একটা মনে নেই। শুধু মনে আছে, একজন লম্বা লোক এসে ওকে নিয়ে গিয়েছিল।

লোকটা ছিল কারার বাবা-রেজিনাল্ড কেনসিংটন।

দু’জনের বয়স ছিল কাছাকাছি, আবার দু’জনেই বুনো প্রকৃতির। তাই পরস্পরের বন্ধু হয়ে গিয়েছিল খুব সহজে। খুব আনন্দে কাটছিল দিন।

যখন ওদের বয়স দশ, তখন হলো ছন্দপতন। লর্ড কেনসিংটন ঘোষণা করলেন, কারাকে দুই বছরের জন্য ইংল্যান্ডে পড়তে যেতে হবে। আচমকা ঘোষণায় এতটা মুষড়ে পড়েছিল সাফিয়া যে, খাওয়া শেষ না করেই দৌড়ে এসে রুমে লুকিয়েছিল। বান্ধবী হারাবার ভয় তো ছিলই, সেই সাথে এতিমখানায় ফিরে যাবার আতংকও ছিল। কিন্তু কারা নিশ্চিত করেছিল ওকে। কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমাকে কোনদিন হারাব না। পাপাকে বলে তোমাকেও আমার সাথে নিয়ে যাব।

কথা রেখেছিল কারা।

সাফিয়া আর কারা একসাথে দুই বছরের জন্য ইংল্যান্ডে গেল। একসাথে লেখাপড়া করল। বোনের মত, বেষ্ট ফ্রেন্ডের মত একে অন্যের সাথে সময় কাটালো। ওমানে ফেরার পর দেখা গেল, দু’জনকে আলাদা করা অসম্ভব হয়ে পড়েছে! মাসকাট থেকে একই সময়ে লেখা পড়া শেষ করল ওরা। জন্মদিন উপলক্ষ্যে বাবার সাথে শিকারে গিয়েছিল কারা, ফেরার আগ পর্যন্ত ভালোই চলছিল সব কিছু। কিন্তু তারপর ওলট-পালট হয়ে গেল সব কিছু। কারা তো ফিরে এল, কিন্তু তার বাবা ফিরলেন না।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, রেজিনাল্ড কেনসিংটন সিংকহোলে পড়ে মারা গিয়েছেন। কিন্তু তার দেহ খুঁজে পাওয়া যায়নি।

সেদিনের পর থেকে কেমন যেন অন্যরকম হয়ে গেল কারা। নাহ, সাফিয়াকে কখনও দূরে সরিয়ে দেয়নি। কিন্তু সেই বন্ধুত্বপুর্ণ সম্পর্কটাও আর রইল না। নিজের লেখাপড়া নিয়ে মগ্ন হয়ে পড়ল কারা, পড়া শেষ হলে হাতে তুলে নিল বাবার ব্যবসার দ্বায়িত্ব। মাত্র উনিশ বছর বয়সে অক্সফোর্ড থেকে পাশ করে বেরোয় সে।

দেখা গেল, ব্যবসার ব্যাপারে কারা কেনসিংটন এক বিরল প্রতিভা। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, বাবার রেখে যাওয়া সম্পদের পরিমাণ তিনগুণ করে ফেলল সে। কেনসিংটন ওয়েলস, ইনকর্পোরেটেডের শাখা বিস্তার হলো নতুন নতুন ব্যবসায়ঃ কম্পিউটার টেকনোলজি প্ল্যাটফর্ম, ডিস্যালিনেশন (লবণ দূর করা) প্যাটেন্ট, টিভি সম্প্রচার ইত্যাদি।

তবে কারা কিন্তু পরিবারের সম্পদের মূল উৎস তেল এর কথা ভোলেনি। এই মাত্র গত বছর, হাল্লি বার্টন কর্পোরেশনকে সরিয়ে তেল খাতে এক নম্বরে নিজের আসন পাকাপোক্ত করে ফেলেছে কেনসিংটন ইনক. ।

ভোলেনি সাফিয়াকেও। কারার অর্থায়নেই অক্সফোর্ড থেকে আর্কিওলজিতে ডক্টরেট করল সাফিয়া। লেখা পড়ার পাট চুকলে, যোগ দিল কেনসিংটন ওয়েলস, ইনক.-এ। কারার ব্যক্তিগত প্রজেক্ট, ব্রিটিশ মিউজিয়ামের কেনসিংটন গ্যালারি দেখভাল করার দায়িত্ব এসে পড়ল ওর উপর। কোম্পানির মত কেনসিংটন গ্যালারি আরো সমৃদ্ধ হলো কারার তত্ত্বাবধায়নে। দুই মাস আগের কথা-শত শত মিলিয়ন ডলারের বিনিময়ে, কারার সমস্ত সগ্রহ কিনে নেবার প্রস্তাব দিয়েছিল ক্ষমতাসীন সৌদি পরিবার।

কারা সেই প্রস্তাব আমলেই নেয়নি। টাকা দিয়ে এই গ্যালারির মূল্য বিচার করা অসম্ভব। এটা আসলে ওর বাবার স্মৃতিসৌধ। তার মরদেহ কোন দিন পাওয়া না গেলেও, ব্রিটিশ মিউজিয়ামের এই গ্যালারিটাই যেন তার সমাধি।

সাফিয়া, লাইভ ফিড দেখাচ্ছে যে মনিটরটা, সেটার দিকে তাকাল। ওর নিজের যখন এমন লাগছে, তখন কারার উপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে-তা সহজেই অনুমেয়।

‘কারা,” শুরু করল সাফিয়া। নম্রস্বরে কথা বলছে, যেন ধাক্কাটা আস্তে লাগে। “গ্যালারিটা…আর নেই।”

“জানি, এডগার বলেছে।” কারা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল। গলার স্বরে ফিরে এসেছে কাঠিন্য।

চিরপরিচিত আদেশের সুরে বলল, “কী হয়েছে এখানে? আর এজন্য কে দায়ী?” | সৌদি রাজ পরিবারের প্রস্তাব ফিরিয়ে দেবার মাত্র দুই মাস পর এমন দুর্ঘটনা! কারার যে সন্দেহ হবে তাতে আশ্চর্য কী।

লেডী কেনসিংটনের জন্য আবার শুরু থেকে চালানো হলে ভিডিওটি। সাফিয়া সেদিকে নজর না দিয়ে, কারার দিকে নজর দিল। নিশ্চয় অনেক বড় শক পেয়েছে কারা! চোখ ধাঁধানো উজ্জ্বল বিস্ফোরণের সাথে শেষ হলো ভিডিও। পুরো সময় জুড়ে মেয়েটার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন দেখতে পেল না সাফিয়া, যেন মার্বেল পাথর দিয়ে বানানো কোন মূর্তি দাড়িয়ে আছে ওর সামনে।

কিন্তু ভিডিও শেষ হতে, ধীরে ধীরে চোখ মুদল কারা। নাহ, ভয় বা শকের জন্য নয়-সাফিয়া ওর বান্ধবীর মনের খবর সহজেই আঁচ করতে পারে। স্বস্তি নিয়ে চোখ বন্ধ করেছে ও, ভাবল সাফিয়া। চোখের সামনে দেখতে পেল, তার বান্ধবীর ঠোঁট নড়ছে। কানে শোনা যায় না, এমন আওয়াজে বলছে, “অবশেষে…”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *