বালু এবং সমুদ্র

বালু এবং সমুদ্র

হোমকামিং

২রা ডিসেম্বর, ০৬:৪২ এ.এম.

হিথ্রো ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট

লিয়ারজেটের খোলা দরজা থেকে নেমে আসা সিঁড়ির পাদদেশে পেইন্টারের সাথে দেখা হলো কারার। রাস্তা বন্ধ করে দাড়িয়ে আছে মেয়েটা, আঙুল তাক করে আছে রাগের উৎসের দিকে।

কারার কণ্ঠস্বর তীক্ষ্ম, “আপনাকে আগেই জানিয়ে রাখছি, ড, ক্রো, যে এই প্লেনে আপনার কোনো জারিজুরি খাটবে না। কোনভাবে হয়তো এই অভিযানে যাওয়ার অনুমতি আদায় করতে পেরেছেন, তবে মনে রাখবেন, আপনাদের নেয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না।”

“আপনার পোষা উকিলদের সাদর অভ্যর্থনা দেখে সেটা আগেই বুঝে নিয়েছি।” কাঁধের ডাফেল ব্যাগটা আরো উপরে ঠেলে দিতে দিতে বলল আমেরিকানটি। “কে জানতো এরকম একটা অহেতুক ফ্লাইটের জন্য এতটা ধকল সইতে হবে?

“তারপরও তো লাভ হয়নি। এখনও রয়ে গিয়েছ তুমি।” রাগে বলে উঠল মেয়েটা।

উত্তরে কুটিল হাসি হাসল পেইন্টার, তারপর শ্রাগ করল।

বরাবরের মতোই, মার্কিন সরকার কেন তাকে আর তার সহকারীকে এই ওমান অভিযানে পাঠাচ্ছে, তার কোন ব্যাখ্যা দেয়নি। অনেক দিক থেকেই কারার উপর চাপ প্রয়োগ করা হয়েছে-আর্থিক, আইনগত, এমনকি কূটনৈতিকও। আর মিডিয়াগুলোর আচরণ তো সবসময়-ই একে তো নাচুনে বুড়ি, তার ওপর ঢোলের বাড়ির মতো। সম্ভাব্য চুরির ঘটনাটাকেও সেভাবেই দেখিয়েছে তারা।

নিজের ক্ষমতাকে সবসময় অনেক বড় হাতিয়ার হিসেবে ভেবে এসেছিল কারা। কিন্তু ওয়াশিংটনের কারণে তা নস্যি হয়ে গিয়েছে এই বিশেষ অভিযানের ক্ষেত্রে। ওমানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে। তিন সপ্তাহ ধরে পথের কাটাগুলো দূর করার চেষ্টায় ছিল কারা। কিন্তু এই ছাড়টুকু না দিলে অভিযান বানচাল হয়ে যেত।

তবে তার মানে এই না যে হেরে গিয়েছে সে…অথবা হার মেনে নিয়েছে। “এখন থেকে,” দৃঢ় কণ্ঠে বলল সে, “তোমরা আমার অধীনস্ত।”

“বুঝতে পেরেছি।” সংক্ষিপ্ত উত্তরটা কারাকে আরো বিরক্ত করল। উপায় না দেখে সরে দাড়াল সে, পিচঢালা রাস্তার ওপর দাঁড়িয়ে রইল পেইন্টার। “এমন করাটা বোধ হয় ঠিক হচ্ছে না। আমরা এখানে একে অপরের শত্রু নই, লেডী কেনসিংটন। আমাদের সবার উদ্দেশ্যই এক।”

কুঁচকে গেল কারার ভ্রু। “কী সেটা, শুনি?”

“প্রশ্নের উত্তর… রহস্যের সমাধান।” তীক্ষ্ম দৃষ্টিতে নীল চোখজোড়া তাকিয়ে থাকল কারার দিকে। সেই দৃষ্টির ভাষা পড়া যায় না, তবে কোনো শীতলতাও নেই ওতে।

এই প্রথম কারা খেয়াল করল, লোকটা বেশ সুদর্শন। মডেলদের মতো না, তবে তার পৌরুষ উপেক্ষা করার মতোও নয়। চুলগুলো কিছুটা অগোছালো। এতকাছ থেকে আফটারশেভের গন্ধ টের পাচ্ছে কারা। অনেকটা কস্তুরীর মতো, সাথে একটু বালসাম উদ্ভিজের ছোঁয়াও আছে যেন। নাকি গন্ধটা তার শরীরেরই অংশ?

মুখ শক্ত করে রাখল কারা, কণ্ঠ অপরিবর্তিত। “তা কোন রহস্যের উত্তর সন্ধান করছ তুমি, ড. ক্রো?”

পেইন্টারের চোখের পাতা কাঁপল না। “প্রশ্নটা আমারও, লেডী কেনসিংটন। কিসের পিছনে ছুটছ তুমি? শুধু একাডেমিক কাজের জন্য ওই পুরানো সমাধিস্থলগুলোতে যাচ্ছ, বিশ্বাস হয় না আমার। এর পেছনে অন্য কোনো কারণ আছে।”

সরু হয়ে এল কারার চোখ, কাঁপতে লাগল চোখের পাতা। বহুজাতিক কর্পোরেশনের প্রেসিডেন্টরা এই দৃষ্টির সামনে কুঁকড়ে যায়। পেইন্টার ক্রো এর মধ্যে ভাবান্তর দেখা গেল না।

সামনে এগিয়ে বিমানের সিড়িতে উঠে পড়ল সে। তবে উঠার আগে একটা মন্তব্য করতে ছাড়ল না। মনে হচ্ছে আমাদের দুজনেরই কিছু গোপন বিষয় আছে যেগুলো গোপনই রাখতে চাচ্ছি আমরা… আপাতত।”

তাকে সিড়ি বেয়ে উঠে যেতে দেখল কারা।

পেইন্টার ক্রো কে অনুসরণ করল তার সহকারী ড. কোরাল নোভাক। মেয়েটা বেশ লম্বা, দোহারা গড়ন, পরনে ধূসর স্যুট। তার ব্যক্তিগত জিনিসপত্র ভর্তি কাঁধের ডাফেল ব্যাগটার রঙ পোশাকের সাথে মিলানো। বিজ্ঞানী দুজনের ব্যাগ আর সরঞ্জমাদি আগেই তোলা হয়েছে। কোরাল নোভাক বিশ্লেষণী চোখে পুরো বিমানটার দৈর্ঘ্য মাপল।

তারা বিমানের ভেতর হারিয়ে যাওয়া পর্যন্ত চোখমুখ কুঁচকে তাকিয়ে রইল কারা। যদিও নিজেদেরকে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক নিযুক্ত পদার্থবিজ্ঞানী বলে দাবী করে, কিন্তু তাদের মিলিটারি ভাবটা কারার নজর এড়ায়নিঃ পরিশ্রমী শরীর, কঠোর চোখ, ইস্ত্রি করা স্যুট। দুজনে সবসময় একত্রে চলাফেরা করে, যেন একজন আরেকজনের নিরাপত্তা নিশ্চিত করছে। সম্ভবত তারা নিজেরাও তাদের আচরণের এদিকটা নিয়ে অজ্ঞ। আর মিউজিয়ামে ঘটে যাওয়া খন্ডযুদ্ধটা তো আছেই। পুরো ঘটনাটার বিশদ বর্ণনা শুনেছে কারাঃ রায়ান ফ্লেমিং এর হত্যাকান্ড, লোহার হৃদপিন্ড চুরির চেষ্টা।

আমেরিকান দুজনের কারণেই চুরিটা ঠেকানো গিয়েছে। তাছাড়া, যতই নিজের পরিচয় গোপন করুক না কেন, কারা ড. ক্রো এর কাছে ঋণী। টার্মিনাল ডোরটা খুলে যেতে দেখল সে।

পেছনে একটা লাগেজ টানতে টানতে অস্তপদে এগিয়ে আসছে সাফিয়া। মিউজিয়ামে আমেরিকান দুইজন যদি না থাকতো তখন, সাফিয়াকে হয়তো বাঁচানো যেত না।

তবে রাতটা খুব একটা সুখকর ছিল না ওর জন্য। আতঙ্ক, রক্তপাত, মৃত্যু ওর ভেতরের কিছু একটাকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। অভিযানে না যাওয়ার জন্য আর কোনো প্রতিবাদ করেনি। এমনকি, আচমকা সিদ্ধান্ত বদলানোর কারণও খুলে বলেনি। দায়সারা ভাবে বলেছেঃ এখন আর কিছু যায়-আসে না।

জেটপ্লেনের কাছে চলে এল ও। “সবার শেষে এলাম বোধ হয়? “সবাই উঠে গিয়েছে। ওর লাগেজের দিকে এগিয়ে গেল কারা। সাফিয়া হাতলটা বসিয়ে দিয়ে ব্যাগটা তুলে নিল। আমি পারব।” কথা বাড়াল না কারা। সে জানে ব্যাগের ভেতর কী আছে। যত্ন করে বাক্সবন্দি করা লোহার হৃদপিন্ডটা। অন্য কারও হাতে জিনিসটা দিতে নারাজ সাফিয়া। এমন না যে হৃদপিন্ডটা আগলে রেখেছে। বরং এটা একটা বোঝ ওর কাছে যেটা অন্য কারও সাথে ভাগাভাগি করতে চায় না। ওকে রক্তঋণী করেছে এই লোহার হৃদপিন্ড।

ওর আবিষ্কার, ওর দায়িত্ব। ছায়ার মতো ওর পিছু নিয়েছে অপরাধবোধ। ওর বন্ধু ছিল রায়ান ফ্লেমিং। ওর চোখের সামনেই তাকে খুন করা হয়েছে। শুধুমাত্র একটা লোহার টুকরোর জন্য, যেটা কিনা সাফিয়া খুঁজে বের করেছে।

ও সিঁড়ি বেয়ে উঠতে লাগলে দীর্ঘশ্বাস ফেলল কারা। তেল আবিবের দিনগুলো ফিরে এসেছে যেন। তখনও কেউ সান্ত্বনা দিতে পারেনি সাফিয়াকে… এখনও তা পাল্টায়নি। সিঁড়ির ওপরে উঠে থমকে দাঁড়াল কারা। পিছনে ফিরে শেষবারের মতো তাকাল দূরের কুয়াশাচ্ছন্ন লন্ডনের দিকে। থেমসের জলে খেলা করছে সূর্য। কিছু একটা আশা করছিল সে। পিছুটান অথবা হাহাকার। কিন্তু সেরকম কোন অনুভূতিই হলো না তার। এই দেশটা তার আপন নয়। কখনওই ছিল না। লন্ডনকে পিছনে ফেলে বিমানে ঢুকে গেল সে।

ইউনিফর্ম পরিহিত একজন ককপিটের দরজায় এসে দাঁড়াল। “ম্যাম, টাওয়ার থেকে ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছি। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা।”

নড করল কারা। “ঠিক আছে, বেনজামিন।”

সে প্রধান কেবিনে প্রবেশ করলে পেছনের দরজা বন্ধ হয়ে গেল। তার প্রয়োজন অনুযায়ী বিমানের ভেতরটা পাল্টিয়ে নেয়া হয়েছে। চামড়া আর ওয়ালনাট কাঠের চারটা সিট রয়েছে কেবিনে। সীটসাইড টেবিলে রাখা ওয়াটারফোর্ড ক্রিস্টালের ফুলদানিতে সৌরভ ছড়াচ্ছে তাজা ফুল। কেবিনের পিছনে একটা লম্বা অ্যান্টিক মেহগনি বার দাড়িয়ে আছে, যেটা কিনা আনা হয়েছে লিভারপুল থেকে। বারের পেছনের ডোর দিয়ে কারার ব্যক্তিগত স্টাডি আর বেডরুমে যাওয়া যায়।

ভেতরে ঢুকে পেইন্টার ক্রো এর বিস্মিত দৃষ্টি দেখে আত্মতৃপ্তি পেল পদার্থবিদই হোক কিংবা সরকারের হয়ে কাজ করুক, এরকম বিলাসীতার সাথে যে অভ্যস্ত নয়, সেটা বোঝাই যাচ্ছে। বিমানের বাটলার তার হাতে একটা ড্রিঙ্কস করে দিল। দেখা গেল, গ্লাসে সোডা ওয়াটার আর বরফ। সে উল্টো ঘুরলে ক্লিক করে একটা শব্দ হলো গ্লাসে।

“শুধু এই… আর কিছু নেই? হানি রোস্টেড পিনাট?” কারাকে পাশ কাটানোর সময় বিড়বিড় করল সে। “আমি আরো ভেবেছিলাম আমরা ফার্স্ট ক্লাস এ যাচ্ছি।”

কারার হাসি মলিন হয়ে গেল, রাগে শিরশির করে ওঠল তার শরীর। ড. নোভাকের পাশে গিয়ে বসল পেইন্টার ক্রো।

পাইলট ঘোষণা দিলে বাকিরা যার যার সিট খুঁজে নিতে লাগল। একটা সিটে বসে পড়েছে সাফিয়া। ওর গ্রাজুয়েট স্টুডেন্ট, ক্লে বিশপ, এরই মধ্যে সিটবেল্ট লাগিয়ে নিয়েছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কোলে একটা আইপড, কানে ইয়ারফোন। অন্য কোন দিকে খেয়াল নেই তার।

এই ফাঁকে কারা বারে চলে এল। বরাবরের মতোই তার জন্য অপেক্ষা করছে এক গ্লাস ঠান্ডা শারডোনে, ফ্রেঞ্চ ওয়াইন প্রস্তুতকারক-সেইন্ট সেবাস্টিয়ান থেকে। ষোলতম জন্মদিনের সকালে কারাকে প্রথমবার পান করতে দেয়া হয়েছিল। সেই থেকে প্রতি সকালে বাবার সম্মানে পান করে আসছে সে। ওয়াইন গ্লাসটা আঙুল দিয়ে ঘুরাল সে আর লম্বা একটা নিঃশ্বাস নিয়ে গন্ধটা শুকল। পীচ আর ওক এর সুবাসের ছোঁয়া। এত বছর পরেও গন্ধটা তাকে সেই সোনালি সকালটায় ফিরে নিয়ে যায়। তার বাবার হাসি, দূর থেকে ভেসে আসা উটের ডাক, ভোরের মৃদু বাতাসের ফিসফিসানি এখনও কানে বাজে যেন।

এতদিন পরেও… যেন এইতো গতকালের ঘটনা।

ছোট একটা চুমুক দিল কারা, গাল থেকে ভেসে যেতে লাগল জমে থাকা যত তিক্ততা। মাথাটা ঝিমঝিম করছে। দুই ঘন্টা আগে দুটো পিল খাওয়ার ফল। গ্লাসটা ঠোঁটে ঠেকাতেই হাতের কম্পনটা টের পেল সে। ওষুধ কখনওই অ্যালকোহলের সাথে। মেশাতে নেই। কিন্তু মাত্র এক গ্লাস শারডোনে পান করায় কী যায় আসে! গ্লাসটা নামিয়ে রেখে সাফিয়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখতে পেল কারা। সাফিয়ার মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওর দৃষ্টিজুড়ে উদ্বেগ। কারা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল, এক মুহূর্তের জন্যেও কাঁপল না চোখের পাতা। শেষমেশ সাফিয়া দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকাল। অপরকে সান্ত্বনা জানানোর ভাষা ওদের একজনেরও জানা নেই এখন।

ওদের জীবনের থেকে একটা অংশ কেড়ে নিয়েছে মরুভূমি। আর তার সন্ধান শুধু বালুতেই পাওয়া সম্ভব।

১১:৪২ এ.এম.

মাসকাট, ওমান

ঝড়ের বেগে মিনিস্ট্রি অফ ন্যাশানাল হেরিটেজের (ঐতিহ্য আর পুরাতত্ত্ব সংরক্ষণ সংক্রান্ত মন্ত্রণালয়) দরজা খুলে বের হয়ে এল ওমাহা।

আরেকটু হলেই দুলতে থাকা দরজায় বাড়ি খেতো পেছন পেছন আসতে থাকা ড্যানি, ওমাহার ভাই। “শান্ত হও, ওমাহা।”

“অকর্মার দল…” গজগজ করতে রাস্তায় নেমে এল সে। “কোথেকে যে এগুলোকে ধরে আনে।”

“তোমার কাজ তো হয়েছে,” শান্তস্বরে বলল ড্যানি।

“হ্যা, হয়েছে। আর এটা করতে পুরো সকাল লাগিয়ে দিয়েছে। বেশিকিছু তো না, রোভারগুলোর জন্য গ্যাসোলিন নিতে অনুমতি চেয়েছিলাম। সামান্য গ্যাসোলিনের জন্য এত কাহিনী!”

“মাথা গরম করো না,” ওমাহার কনুই ধরে তাকে ফুটপাতে টেনে আনলো ড্যানি। মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে।

“আর সাফিয়া… কারার প্লেন ল্যান্ডিং করতে আর মাত্র”- ওমাহা তার ঘড়ি দেখল। “একঘণ্টা বাকি।”

হাত নাড়িয়ে একটা ক্যাব থামাল ড্যানি। কাছের একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা সাদা মার্সিডিস সেডান এসে ঘ্যাঁচ করে ফুটপাতের পাশে এসে থামল। ড্যানি দরজা খুলে অনেকটা ধাক্কা দিয়ে ওমাহাকে ভেতরে ঢুকিয়ে দিল। গাড়ির ভেতরটা তাপমাত্রা-নিয়ন্ত্রিত। মাসকাটে সূর্য এখন মাথার ওপরে আর তাপমাত্রা সম্ভবত কয়েকশ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে।

ভেতরে ঢুকতেই ড্যানির গা জুড়িয়ে গেল আর বিরক্তি ভাবটাও চলে গেল। সামনে ঝুঁকে এল সে, টোকা দিল সামনের সিট আর পেছনের সিটের মাঝে থাকা প্লেক্সিপ্লাসে। “সাইব বিমানবন্দর।” চালক নড করল আর কোন রকম সংকেত ছাড়াই গাড়ির স্রোতে ভিড়ে গেল। ওমাহা হেলান দিয়ে বসল তার সিটে।। “আগে কখনওই তোমাকে এতটা নার্ভাস হতে দেখিনি,” বলল ড্যানি।

“মাথা ঠিক আছে তোমরা? নার্ভাস? আমি রেগে আছি।”

জানালা দিয়ে বাইরে তাকাল ড্যানি। “অবশ্যই… এত বছর পর সাবেক বাগদত্তার সাথে মুখোমুখি হতে যাওয়াটা রেগে যাওয়ার মতোই ব্যাপার।”

“এটার সাথে সাফিয়ার কোনো সম্পর্ক নেই।”

“উহু।”

“আমার লার্ভাস হওয়ার কোনো কারণ নেই।”

“কথাটা আউরে নিজেকে মিথ্যে সান্ত্বনা দাও, ওমাহা।”

“চুপ করো তো।”

“তুমি চুপ করো।” মাথা নাড়াল ওমাহা। দু সপ্তাহ আগে এখানে আসার পর খুব অল্প সময়ই ঘুমাতে পেরেছে তারা। চাইলেই হুট করে একটা অভিযানে নামা যায় না, এর জন্য প্রস্তুতি দরকার। অনুমতি জোগাড় করা; কাগজপত্র তৈরি করো; গার্ড, শ্রমিক আর টাকা ভাড়া করো; থুমরাইত এয়ার বেইজ থেকে অনুমতি নাও; বহনযোগ্য পানি, পেট্রল; অস্ত্র, লবণ, শুকনো রাসায়নিক টয়লেট কিনে রাখো; লোকজন জোগাড় করো। আর এ সবকিছুর ভার চাপিয়ে দেয়া হয়েছে ডান ভ্রাতৃদ্বয়ের কাঁধে।

লন্ডনের ঝামেলাটা কারার যাত্রায় কিছুটা বিলম্ব ঘটিয়েছে। প্ল্যান অনুযায়ী যদি কারা এখানে পৌছাতো, তাহলে প্রস্তুতি নিতে এত ঝামেলা পোহাতে হত না। লেডী কেনসিংটনকে ওমানে পুজো করা হয়, দানশীলতায় নামটা প্রসিদ্ধ। তার নামে পুরো দেশটা জুড়ে অসংখ্য জাদুঘর, হাসপাতাল, স্কুল আর এতিমখানা ছড়িয়ে আছে। ওমান আর তার জনগণের জন্য তেল, খনিজ আর সুপেয় পানির অনেক লাভজনক চুক্তি পাইয়ে দেয় তার কর্পোরেশন। কিন্তু মিউজিয়ামের ঘটনাটার পর ডান ভ্রাতৃদ্বয়কে কাজগুলো গোপনে করতে বলেছে কারা। নিতান্তই প্রয়োজন না হলে তার নাম প্রকাশ করতে মানা করেছে।

তাই অনুরোধে ঢেঁকি গেলা ছাড়া ওমাহার আর কিছুই করার ছিল না। বাণিজ্যিক শহর মাসকাট পার হয়ে এল ট্যাক্সি ক্যাব। আর পুরানো শহরটাকে ঘিরে রাখা পাথরের দেয়াল ঘেঁষে চলে যাওয়া সরু রাস্তা ধরে চলতে লাগল। তাদের সামনে পাইন গাছ ভর্তি একটা ট্রাক। পাইন গাছের কাঁটা ছড়িয়ে যাচ্ছে রাস্তায়। ক্রিসমাস ট্রি। এই ওমানে।

পশ্চিমাদের প্রতি দেশটার আনুগত্য এমনই যে একটা মুসলিম দেশ হয়েও তারা যীশুখ্রিস্টের জন্মদিন উদযাপন করে। ওমানের আজকের এই পরিবর্তনের অনেকটুকু এসেছে দেশটির রাজতন্ত্রের প্রধান সুলতান কাবুস বিন সাইদের হাত ধরে। ইংল্যান্ডে শিক্ষা দীক্ষা সমাপ্ত করা সুলতান কাবুস বিন সাইদ তার দেশকে পুরো পৃথিবীর কাছে উন্মুক্ত করে দিয়েছেন, নাগরিক অধিকারে এনেছেন ব্যাপক পরিবর্তন। আর আধুনিকায়ন করেছেন দেশটির অবকাঠামো।

ট্যাক্সি চালক রেডিও চালু করে দিল। বোস স্পিকার দিয়ে জোহান সেবাস্টিয়ান বাখ রচিত স্ট্রেইন এর সুর ভেসে এল। সুলতানের পছন্দের গান। রাজকীয় ফরমান অনুযায়ী, দুপুরবেলা শুধু ক্লাসিক্যাল সঙ্গীত বাজানো যাবে। ওমাহা ঘড়ি চেক করল। মধ্য দুপুর।

জানালা দিয়ে বাইরে তাকাল সে। রাজা হওয়ার মজাই আলাদা। কথা বলে উঠল ড্যানি। “আমাদের পিছু নিয়েছে কেউ।”

মজা করছে কিনা বোঝার জন্য ভাইয়ের দিকে তাকাল ও।

ঘাড়ের ওপর দিয়ে পেছনে তাকিয়ে আছে ড্যানি। “ধূসর রঙের বিএমডব্লিউ, চারটা গাড়ি পিছনে।”

“তুমি নিশ্চিত?”

“বিএমডব্লিউ যে তাতে সন্দেহ নেই।,” আরো দৃঢ় স্বরে বলল ড্যানি। জার্মান প্রযুক্তির প্রতি তার দুর্বলতা আছে, বিশেষ করে গাড়ির প্রতি। “এই গাড়িটাকেই হোটেলের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তারপর আবার দেখেছিলাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রবেশমুখের পার্কিং লটে।”

আড়চোখে তাকাল ওমাহা। “কাকতালীয় তো হতে পারে… দেখতে একই রকম, কিন্তু অন্য গাড়ি।”

“ফাইভ-ফোর্টি-আই। ডিজাইন করা চাকা। রঙ করা প্রাইভেসি গ্লাস। এমনকি-”

ওমাহা থামিয়ে দিল তাকে। “যথেষ্ট হয়েছে। বিশ্বাস করলাম তোমার কথা।” কিন্তু সত্যিই যদি তাদের অনুসরণ করা হয়ে থাকে, তাহলে অনেক বড় একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়।

কেন? ব্রিটিশ মিউজিয়ামে ঘটে যাওয়া ঘটনাটা আর নৃশংসতার কথা মনে পড়ে গেল তার। এখানকার পত্রিকায় পর্যন্ত খবরটা বেরিয়েছিল। কারা সাবধান করে দিয়েছিল তাকে, বলেছিল গোপনে কাজ করতে। সামনে ঝুঁকল ওমাহা। “সামনে ডানে যে মোড় পাবে, সেখানে ঢুকে যাবে, আরবীতে বলল সে। আশা করছে তাদের অনুসরণকারীকে পিছু ছাড়াতে না পারলেও অন্তত নিশ্চিত হওয়া যাবে। চালক তার কথায় কান না দিয়ে সোজা সামনে চালাতে লাগল।

আচমকা আতঙ্ক ভর করল ওমাহার মনে। দরজা খোলার চেষ্টা করল সে। লক করা। বিমানবন্দরে যাওয়ার মোড়টা পার হয়ে গেল তারা। স্পিকার থেকে ভেসে আসছে ব্যাকের সুর। আবারও দরজার হাতলটা ধরে টান দিল সে। ধ্যাত।

১২:০৪ পি.এম.

ভূমধ্যসাগরের ওপরে

কোলের ওপর রাখা বইয়ে মগ্ন হয়ে আছে সাফিয়া। গত আধ ঘন্টায় একটা পৃষ্ঠাও পড়তে পারেনি ও। চিন্তা ওকে কুরেকুরে খাচ্ছে। ঘাড়ের পেশি শক্ত হয়ে আছে, হালকা মাথাব্যথায় শিরশির করছে দাঁত।

বাইরের রৌদ্রজ্জল নীলাকাশের দিকে তাকাল ও। সেখানে মেঘের ছিটেফোঁটাও নেই। একটা শূন্য ক্যানভাস চিরে চলছে বিমানটা। যেন একটা জীবন ছেড়ে অন্য জীবনের উদ্দেশ্যে চলছে ও। সর্বাংশে না হলেও, অনেকাংশে কথাটা সত্য।

লন্ডন, তার ফ্ল্যাট, পাথুরে দেয়ালে ঘেরা ব্রিটিশ মিউজিয়াম-গত দশ বছর ধরে কিছু নিরাপদ ভেবে এসেছিল, আজ তার সব ছেড়ে চলে এসেছে। যে নিরাপত্তাকে ও বিশ্বাস করে আসছিল, সেটা একটা ধোঁয়াশা ছাড়া আর কিছুই ছিল না। এতটাই ঠুনকো ছিল যে একরাতে তা ধূলিস্মাৎ হয়ে গিয়েছে।

আরো একবার রক্তে ভিজেছে ওর হাত। আর দায়ী এবারও সে নিজে। রায়ান…

বুলেটটা যখন আঘাত করে, তখন এক অদ্ভুত বিস্ময় খেলা করছিল লোকটাকে চোখে। স্মৃতিটা কিছুতেই সাফিয়ার পিছু ছাড়ছে না। কয়েক সপ্তাহ পরেও, ওর শুধু মুখ ধুতে ইচ্ছে করত। এমনকি, মাঝে মাঝে মধ্য রাতেও। কিন্তু কোনো কিছুই রক্তসিক্ত স্মৃতিটা মুছে ফেলতে পারেনি।

আর যদিও লন্ডনের লোক দেখানো নিরাপত্তা সম্পর্কে সাফিয়া জানত, তবু শহরটাকে নিজের করে নিয়েছিল ও। মনের মতো সবকিছু খুঁজে পেয়েছিলঃ বন্ধুবান্ধব, সহকর্মী, বইয়ের এক প্রিয় দোকান, একটা থিয়েটার যেখানে পুরানো দিনের মুভি দেখানো হয়, এমন কফিহাউস যেখানে অসাধারণ ক্যারামেল ক্যাপাচিনো বানানো হয়। লন্ডনের রাস্তাঘাট আর ট্রেনে অভ্যস্ত হয়ে উঠেছিল ওর জীবন।

ভেতরে ভেতরে দুশ্চিন্তা কুরে খাচ্ছে সাফিয়াকে। কিছু কিছু চিন্তার কোনো কারণ নেই, অনেকটা মনে কু ডাকার মতো। কিন্তু বেশিরভাগই তেমন না। কেবিনের চারপাশে তাকাল ও। যদি ওদের সবার অবস্থা রায়ানের মতো হয়? লাশগুলো ফেলে রাখা হয় মর্গে আর বছরের প্রথম তুষারপাতের সময় কবর দেয়া হয় কোনো এক গোরস্থানে?

আর ভাবতে পারল না ও। পেটের ভেতর একটা ঠান্ডা হাত খামচে ধরল যেন। দম আটকে আসতে চাইল। ওর হাত দুটো কাঁপছে। মন থেকে ভয়টা সরিয়ে দিতে চাইল সাফিয়া। নিঃশ্বাসের ওপর মনোযোগ দিল । দূর করে দিতে চাইল ভয়ের উৎস।

ইঞ্জিনের আওয়াজ অগ্রাহ্য করে কেবিনের সবাই চোখ মুদেছে, যতটা সম্ভব ঘুমিয়ে নেবার চেষ্টা আরকি। এমনকি কারাও তার ব্যক্তিগত কোয়ার্টারে গিয়ে ঢুকেছে-তবে বিশ্রাম নেবার জন্য বলে মনে হয় না। কথাবার্তার আওয়াজ শুনে সাফিয়া ভাবল, কারা নিশ্চয় শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছে।

পেইন্টার ওর পাশে এসে দাড়ালে, ধ্যান ভাঙল সাফিয়ার। এক হাতে বড় একটা পাত্র ভর্তি বরফ আর অন্য হাতে বোর্বন নিয়ে দাড়িয়ে আছে। “নাও।”

“আমি-”

“আহ, ওষুধ মনে করে পান করে ফেল।”

সাফিয়ার হাতটা যেন আপনা আপনিই উঠে এল। সেই রক্তাক্ত রাতের পর আর ওদের কথা হয়নি। ছোট গ্লাসটা নিল সে।

ওর পাশে বসল পেইন্টার, “শেষ করে ফেল।” আর তর্ক করল না মেয়েটা, চুপচাপ গিলে ফেলল পুরোটা।

এবার লোকটা একটা গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল ওর দিকে, “সোডা ওয়াটার আর লেবু।” এবারও চুপ চাপ পান করল সাফিয়া। “ভাল লাগছে?”

“ঠিক আছি।” বলল মেয়েটা।

ওর দিকে ঝুঁকে এল পেইন্টার । কিন্তু লোকটার চোখের দিকে তাকাতে ব্যর্থ হলো সাফিয়া, নিচের দিকে তাকিয়ে রইল সে। “তোমার কোন দোষ নেই।” পেইন্টার বলল।

শক্ত হয়ে গেল সাফিয়া। ওর অপরাধবোধ কী এতটাই পরিষ্কার? বিব্রত মনে হলো নিজেকে।

“আসলেই নেই।” আবারও বলল পেইন্টার। সাফিয়ার বন্ধু, সহকর্মী এমনকি পুলিশ নিযুক্ত সাইকোলজিষ্ট ওর সাথে আশ্বস্ত করার সুরে কথা বলেছিল। কিন্তু পেইন্টার আলাদা, সে কথা বলছে এমনভাবে যেন সত্যটা বর্ণনা করছে শুধু।

“রায়ান ফ্লেমিং। বেচারা ভুল সময়ে ভুল জায়গায় ছিল।”

ওর দিকে এক নজর তাকিয়েই দৃষ্টি ফিরিয়ে নিল সাফিয়া। পেইন্টারের কাছ থেকে শক্তি যেন বিচ্ছুরিত হচ্ছে। “যদি…যদি…আমি অনেক রাত পর্যন্ত কাজ না করতাম, তাহলে…”

“বুলশিট।” পেইন্টারের গলায় এমন কিছু একটা ছিল যে কেঁপে উঠল সাফিয়া। “মি. ফ্লেমিং আমাদের কাজ পরিদর্শন করার জন্য মিউজিয়ামে ছিল। কোরাল আর আমার কাজ। তোমার উপস্থিতি বা তোমার আবিষ্কারের সাথে তার কোন সম্পর্কই ছিল না। তুমি কি আমাদেরকে দোষ দিচ্ছ?”

সাফিয়ার মনের একটা অংশ দেয়। কিন্তু তাও মাথা নাড়ল সে। কেননা সে যা জানে, আসলেই কে দায়ী, “চোর আমার আবিষ্কার করা হৃদপিন্ড চুরি করতে এসেছিল।”

“এমন তো না যে, মিউজিয়ামে এর আগে চুরির কোন চেষ্টা চালানো হয়নি। চার মাস আগেই তো হলো।”

মাথা নিচু করে রইল সাফিয়া। “রায়ান ছিল হেড অফ সিকিউরিটি। তিনি বিপদের ঝুঁকি সম্পর্কে জানত।” সাফিয়ার নিজেকে কিছুটা ভারমুক্ত মনে হলো।

পেইন্টার হাত স্পর্শ করল ওকে।

সংকুচিত হয়ে গেল মেয়েটা। কিন্তু আমেরিকান হাত সরিয়ে নিল না।

“লেডি কেনসিংটন আমাদেরকে এই অভিযানে চান না। কিন্ত তোমাকে জানাতে চাই , তুমি আর একা নও। আমরা তোমাদের সাথে আছি।”

নড করল সাফিয়া, সরিয়ে নিল হাত। অস্বস্তিবোধ করছে পেইন্টারের সম্পর্শে, মেয়েটার অস্বস্তি টের পেল পেইন্টার, “লেগে থাক, হাল ছেড়ো না…কাজটা যে তুমি ভালোই পার, তা তো জানিই।”

মিউজিয়ামের ঝুলে থাকার কথা মনে পড়ে গেল সাফিয়া, হেসে ফেলল নিজের অজান্তে।

“ঘুমানো দরকার,” উঠে দাঁড়িয়ে বলল পেইন্টার, “তুমিও একটু চেষ্টা করে দেখ।”

এখন ঘুমাবার চেষ্টা করা যায়, ভাবল মেয়েটা। বোর্বন ওকে উষ্ণতা এনে দিয়েছে। নিজেকে রিল্যাক্স মনে হচ্ছে ওর। সাফিয়া জানে অ্যালকোহল না, পেইন্টারের কথাই ওকে রিল্যাক্স হতে বেশি সাহায্য করেছে। অনুভূতিটা ভুলতে বসেছিল সে। অনেক দিন হয়ে গেল । সেই…

১২:১৩ পি.এম.

সীটে বসে বসেই ডিভাইডারের উদ্দেশ্যে লাথি ছুঁড়ল ওমাহা। এর ওপাশেই ট্যাক্সি ড্রাইভার লুকিয়ে আছে। কিন্তু লাভ হলো না। বুলেটপ্রুফ গ্লাস লাগানো। হতাশায় পাশের জানালায় কনুই দিয়ে বাড়ি দিল ও। ফঁদে পড়া জন্তুর মত মনে হচ্ছে নিজেকে, কিডন্যাপড।

“এখনও আমাদের পিছু পিছু আসছে।” নড করে বিএমডব্লিউটাকে দেখালো ড্যানি। গতি বজায় রেখে এখনও পিছু পিছু আসছে।

সামনের দিকে তাকাল ওমাহা, “লেহ?” আরবীতে জানতে চাইল। “কেনো?” ড্রাইভার এমনভাব করল যেন শুনতে পায়নি।

“এখান থেকে বেরোতেই হবে।”

ড্যানি দরজার দিকে মনোযোগ দিল। “টন কুপ-অনগলস?” ভাইয়ের দিকে তাকিয়ে ফ্রেঞ্চ ভাষায় বলল সে। ড্রাইভারকে বোকা বানাতে চায়। লোকটার চোখ এড়িয়ে ওমাহার দিকে হাত বাড়িয়ে দিল সে।

কিন্তু টন কুপ অনগলস মানে! নেইল কাটার দিয়ে ছেলেটা কী করবে? ফ্রেঞ্চেই জানতে চাইল ওমাহা, “তুমি কি নেইল কাটার ব্যবহার করে দরজা কাটতে চাও?”

ড্যানি বলল, “ঐ হারামজাদা গাড়ির চাইল্ড প্রোটেকশন ফিচার ব্যবহার করে। আমাদেরকে আটকে ফেলেছে। যেন আমরা পেছনের দরজা খুলতে না পারি ?”

“তো?”

“তো সেই ফিচারকেই কাজে লাগিয়ে আমরা বের হব।” কথা না বাড়িয়ে নেইল কাটারটা এগিয়ে দিল ওমাহা। হাতের তালুতে জিনিসটা লুকিয়ে ওর ভাই বলল, “ম্যাগাজিনে মার্সিডিসের সেফটি সিস্টেম পড়েছি। খুব স্পর্শকাতর। অ্যাকসেস প্যানেল সরাবার সময়ও খুব সাবধান হতে হবে।”

অ্যাকসেস প্যানেল কিন্ত ওমাহা কিছু জিজ্ঞাসা করার আগেই, ড্যানি প্রশ্ন করে বসল, “কত দ্রুত বেরোতে পারবে?”।

এখনই পারব, ভাবল ওমাহা। কিন্তু সামনে একটা খোলা বাজার বা সউক দেখতে পেল। ওখানে লোকচক্ষুর আড়াল পাওয়া যাবে। “ওখানে হলে ভালো হয়। দোকানের আড়ালে লুকিয়ে পড়া যাবে। বিএমডব্লিউ এর সন্দেহভাজনদেরকেও পিছে। ফেলা যাবে।”

নড করল ড্যানি। “তৈরি থেকো।” আরোহীর জানালায় প্রিন্ট করা লেখা SRS এর আশেপাশে ঘোরা ফেরা করছে নেইল কাটারটা। সেফটি রেস্ট্রেইন সিস্টেম।

“এয়ার ব্যাগ?” অবাক ওমাহা ফ্রেঞ্চ বলতে ভুলে গেল।

“সাইড এয়ার ব্যাগ।” ড্যানি ভোলেনি, “যেকোন একটা ব্যাগ বের হয়ে এলেই, সব ধরনের লক খুলে যায়।”

“তারমানে, তুমি“এসে পড়েছি।” হিসহিসিয়ে বলল ড্যানি। সউকের মুখে এসে গতি কমালো ড্রাইভার।

“এখন।” ওমাহা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে প্যানেলের ভেতর নেইল কাটারের চাকু ঢুকিয়ে দিল ড্যানি, ইচ্ছে মত নাড়ানো শুরু করল।

একটা দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল, হলো না কিছুই। সউকটা পার হয়ে গেল ট্যাক্সি, প্রতি মুহূর্তে গতি বাড়ছে।

কাজ হচ্ছে না দেখে, প্যানেলের কাছে মুখ নিয়ে গেল ড্যানি, আর ভুলটা করল তখনই। পপ শব্দ করে বের হয়ে এল সাইড এয়ার ব্যাগ। ড্যানির চেহারায় যেন ঘুষি বসাল। নাক ভেঙে গেল ড্যানির। ‘

কিন্তু ওমাহার এত কিছু লক্ষ্য করার মত সময় নেই, ভাই এর শরীরের উপর দিয়ে হাত বাড়িয়ে দরজার হাতল টানল সে। খুলে গেল তা। স্রষ্টা জার্মান ইঞ্জিনিয়ারদের ভালো করুন। (মার্সিডিজ-জার্মান কোম্পানি)

আহাত ড্যানি বের হলো কম, সীট থেকে গড়িয়ে পড়লই বেশি। ওমাহাও বেরোল ওর পিছু পিছু। অল্প কিছুদূর এগিয়েই ব্রেক কষে দাড়াল ট্যাক্সি । সউকটার থেকে মাত্র তিন-চার পা দুরে আছে ওমাহারা।

উত্তেজনায় ওরা বিএমডব্লিউটার কথা ভুলে গেলেও, বিএমডব্লিউটা ওকে ভোলেনি। সউকের ঠিক মুখে ব্রেক কষে থামল ওটা। খুলে গেল তিনটা মুখোশ পড়া কয়েকজন আরোহী অস্ত্র হাতে বেড়িয়ে এল।

ছুটল ওমাহা, ড্যানি ওর পিছু পিছু।

রুটি আর ফল হাতে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওমান, “সরি।” বলতে বলতে পাশ দিয়ে ঢুকে পড়ল বাজারে। উদ্দেশ্য একেবারে বাজারের প্রাণকেন্দ্রে চলে যাওয়া। সউকটা গোলকধাঁধার মত। কি নেই ওতে? সিঙ্ক আর কাশ্মীরী কটন, পমগ্রেনেড আর বাদাম, রুটি, শুকনো মাংস, কফি বীন-সব আছে।

শুধু যে আরবীয়রা এখানে বাজার করতে আসে, তা না। সব চামড়ার মানুষ আসে। এসব সউকে আরবী, ইংলিশ, হিন্দি এসব ভাষায় চিৎকার শুনতে শুনতে এগিয়ে গেল ওরা। কোথায় যাচ্ছে, তা নিজেরাই জানে না। পিছু ধাওয়াকারীরা এখনও পেছনে আছে কিনা, তাও না।

দূর থেকে ভেসে আসা ওমানি পুলিশ ফোর্সের আহ-উ, আহ-উ (সাইরেনের আওয়াজ) শুনতে পেল ওমাহা। কিন্তু সাহায্য এসে পৌঁছানো পর্যন্ত টিকতে পারবে তো?

বাজারের চিকন একটা গলির শেষ প্রান্তে এসে ঘুরে দাঁড়াল ওমাহা, অন্য পাশে মুখোশ পড়া এক অস্ত্রধারীকে দেখা গেল। লোকটার হাতে অস্ত্র দেখে, পালাতে শুরু করল ক্রেতারা। পুলিশের সাইরেন নিশ্চয় সে-ও শুনতে পেয়েছে, সময় ওর হাতেও বেশি নেই। লোকটার কাজটাকে সহজ করার বিন্দু মাত্র ইচ্ছা ওমাহার নেই। ড্যানির হাত ধরে ভিড়ের আরো ভেতরে ঢুকে পড়ল সে। একটা বাঁক ঘুরে এমন এক দোকানের সামনে চলে এল, যেখানে নল খাগড়ার তৈরি বাস্কেট আর মাটির পট বিক্রি হচ্ছে। ড্যানির রক্তাক্ত নাক দেখা মাত্রই আরবীতে ওদেরকে সরে যেতে বলল দোকান মালিক।

এই দোকানে আশ্রয় পেতে হলে, ভাষা উপর দক্ষতার দরকার। অথবা…

পরের অপশনটাই বেছে নিল ওমাহা, পকেট থেকে পঞ্চাশ রিয়েলের দশটা নোট বের করে আনল। দোকান মালিক একবার টাকার দিকে চেয়ে, দৃষ্টিপাত করল গলির ওপাশে। ভাবছে, দরদাম করবে নাকি করবে না? নোটগুলো আবার পকেটে পুরতে নিল ওমাহা, কিন্তু একটা হাত এসে ওকে থামিয়ে দিল।

“খালাস!” দোকান মালিক ঘোষণা দিল। এই দামেই ওদেরকে আশ্রয় দেবার প্রস্তাব মেনে নিয়েছে সে।

ওমাহা এক স্তুপ বাস্কেটের পেছনে আত্মগোপন করল আর ড্যানি লুকাল একটা বড় লাল মাটির পটের ছায়ায়। নাক চেপে ধরল সে, রক্ত বন্ধ করতে চায়।

ওমাহা আড়াল থেকে উঁকি দিল। একটা লোক বাঁকের মুখে এসে থেমেছে। লোকটার মুখোশ পরা চেহারা এদিক ওদিক খুঁজছে। পুলিশের সাইরেন আরো জোরালো শোনা যাচ্ছে, এসে পড়েছে সাহায্য। ওদেরকে খুঁজে বের করার জন্য তখনও ঘাড় ঘুরিয়ে চলছে লোকটা। কিন্তু সমস্যা হলো, তার হাতে সময় নেই। হয় ওদেরকে খোঁজা বাদ দিতে হবে, নয়ত ধরার পড়ার ঝুঁকি নিতে হবে।

আশাবাদী হয়ে উঠল ওমাহা। কিন্তু বেশিক্ষণের জন্য না। কেননা হাঁচি দিয়ে বসেছে ওর ভাই।

১২:৪৫পি.এম.

ফাইনাল অ্যাপ্রোচ

বিমানটা সাইব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার প্রস্তুতি নিচ্ছে।

মাসকাট শহরটা আসলে তিনটা শহরের একত্রীকরণে গঠিত। তিনটা পাহাড় দিয়ে আলাদা আলাদা এলাকায় ভাগ করা হয়েছে।

সবচেয়ে পুরাতন এলাকার নাম ওল্ড টাউন। এই এলাকার প্রায় সব দালান বয়সের সাথে সাথে দেখতেও পুরনো। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আলম প্যালেস। সেই সাথে মিরানি এবং জালাই নামের অসাধারণ সুন্দর দুই পাথুরে দূর্গ।

মাসকাট শহরটা সাফিয়ার জন্য স্মৃতি বিজড়িত এলাকা। কারার সাথে এসব গলিতে খেলত ও। সুলতানের প্রাসাদ ভ্রমণ, শহরের দেয়ালের ছায়ায় ওর প্রথম চুম্বন, কারডামন ক্যান্ডির স্বাদ-সব মনে পড়ে গেল তার। ওল্ড টাউনের পরেই হলো মাসকাটের মাতরাহ সেকশন-শহরের জেটি। জেটির এক পাশে এখন আধুনিক শিপ দেখা যাচ্ছে, অন্য পাশে বাঁধা আছে অনেকগুলো ধাউ (এক ধরনের নৌকা)।

প্রাচীন ও আধুনিক নৌ-শিল্পের নিদর্শনের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সাফিয়া। ভাবল, ওর মাতৃভূমিটা এমনইঃ এখানে প্রাচীন এসে মিশেছে বর্তমানের সাথে, কিন্তু দুটোই যার যার স্বকীয়তা বজায় রেখেছে। মাসকাটের শেষ এলাকাটা সবচেয়ে নিরানন্দের। এখানেই অবস্থিত ওমানের অর্থনৈতিক হেড কোয়ার্টার। কারার অফিসটাও এখানে। বিমান অবতরণ শুরু হলে নিজের সীটে হেলান দিয়ে বসল সাফিয়া। ক্লে বিশপ কেবিনের পাশে বসে আছে। তার সামনে পেইন্টার আর কোরাল। ফিসফিস করে একে অন্যের সাথে কথা বলছে তারা। কারা দাড়িয়ে আছে ওর প্রাইভেট স্যুইটের দোরগোড়ায়।

“আমরা নামছি।” বলল সাফিয়া, “বসে পড়।”

হাত দিয়ে ও পরামর্শ উড়িয়ে দেবার মত ভঙ্গি করলেও, কারা বসে পড়ল সাফিয়ার পাশে।

“ওমাহার সাথে যোগাযোগ করতে পারছি না।” বলল মেয়েটা।

“কি?” আঁতকে উঠল সাফিয়া।

“ফোন ধরছে না। মনে হয় ইচ্ছা করে করছে।”

ওমাহার তো ইচ্ছা করে এমনটা করার কথা না, ভাবল সাফিয়া। কাজ নিলে দায়িত্বের সাথে করে সে। “ব্যস্ত হয়তো। মাসকাটের অফিশিয়ালরা কেমন, তা তো তুমি জাননা।

“এয়ারপোর্টে উপস্থিত না থাকলে…” বিরক্ত কারা কথা শেষ করল না।

“বলেছেতো থাকবে না কি”।

“এত বেশি ভরসা করার মতো লোক সে হলো কবে থেকে?” চোখে প্রশ্ন নিয়ে ওর দিকে তাকাল কারা।

কেমন যেন অনুভব করল সাফিয়া, দ্বিধা-বিভক্ত হয়ে গিয়েছে। মন একবার চাইছে লোকটাকে সমর্থন করে কি ওমাহার দেয়া আংটিটার স্মৃতি বার বার ভেসে উঠছে ওর মনে। সেবার সাফিয়ার ব্যথা বুঝতে পারেনি ও।

পারতোই বা কিভাবে?

পেইন্টারের দিকে তাকাতে গিয়েও নিজেকে সামলে নিল সে। “সীট বেল্ট বেঁধে নাও।” কারাকে বলল সাফিয়া।

১২:৩৩ পি.এম.

ড্যানির হাঁচির শব্দটা ওমাহার কানে গুলির আওয়াজের মত শোনাল। মুখখাশধারীর শুনতে না পাবার প্রশ্নই ওঠে না।

ওমাহা দেখতে পেল, লোকটা ওদের দোকানটার দিকে এগোচ্ছে। ড্যানি নাক-মুখ চেপে ধরে আরো নিচু হয়ে বসল। ছেলেটার গাল বেয়ে রক্ত ঝরছে। নিজেকে তৈরি করে নিল ওমাহা। এখন আচমকা আক্রমণ করা ছাড়া আর কোন উপায় নেই।

একদম কাছ থেকে ভেসে আসছে সাইরেনের আওয়াজ। আর মাত্র একটা মিনিট…

মুখোশধারী তার হাতে ধরা রাইফেলটা কাঁধে তুলে নিল। হালকা ঝুঁকে এসে অগ্রসর হলো সামনে, অভিজ্ঞতার ছাপ হাঁটায়। হাত মুষ্টিবদ্ধ করে ফেলল ওমাহা, প্রথম ধাক্কায় রাইফেলটা ছিনিয়ে নিতে হবে।

কিন্তু কোন কিছু করার আগেই এগিয়ে এল দোকান মালিক। এক হাত দিয়ে নিজেকে বাতাস করছে, আরেক হাত দিয়ে নাক মুছছে।

“হাসাসেইয়া।” সর্দিকে বকতে বকতে ওমাহার মাথার উপর আরো কয়েকটা বাস্কেট চাপিয়ে দিল লোকটা। এরপর এমনভাব করল, যেন মুখোশধারীকে দেখে খুব অবাক হয়েছে। দুহাত উপরে তুলে মাটিতে বসে পড়ল সে। দোকানদারকে দেখে বিরক্ত হলো মুখোশধারী, কিন্তু কিছু বলল না। শুধু রাইফেল নাড়িয়ে সরার ইঙ্গিত দিল। সউকের গেট থেকে একসাথে কয়েকটা গাড়ির ব্রেক কষার আওয়াজ শোনা গেল। ওমানি পুলিশ এসে পড়েছে। মুখোশধারী ওদিকে তাকাল একবার, এরপর ড্যানি যে পটের আড়ালে লুকিয়েছে। তার পাশে এসে রাইফেলের নল দিয়ে খোঁচা দিল ভেতরে। খালি পট বুঝতে পেরে মুখোশ খুলে ফেলে দিল ওতে। এরপর ঘুরে দাঁড়িয়ে উধাও হয়ে গেল ভিড়ের মাঝে।

এক নজরের জন্য মেয়েটার চেহারা দেখতে পেল ওমাহা। কফি রঙা চামড়া, বাদামী চোখ, বাম চোখের নিচে এক বিন্দু অশ্রুর ছবি আঁকা। বেদুইন। কিছুক্ষণ পর আড়াল থেকে বেরিয়ে এল ওমাহা, সেই সাথে ড্যানিও। দোকান মালিক হাত দিয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে ওদের দিকে এগিয়ে এল।

“শুকরান।” ধন্যবাদ জানাল ড্যানি। ওমানিদের প্রথা মত, শ্রাগ করল লোকটা। আরেকটা পঞ্চাশ ডলারের বিল তার দিকে এগিয়ে দিল ওমাহা।

“খালাস।” নিতে অস্বীকৃতি জানাল দোকান মালিক। যেহেতু একটা চুক্তি আগেই সম্পাদিত হয়েছে, তাই নতুন করে কিছু নেয়াটা তার জন্য অপমানজনক। এর বদলে, একগাদা বাস্কেট থেকে একটা বাস্কেট বের করে আনল সে, “তোমার জন্য।”

“বি কাম?” জানতে চাইল ওমাহা। কত?

“তোমার জন্য?” হাসল লোকটা, “পঞ্চাশ রিয়েল ?”

ওমাহাও হাসল। এই জিনিসের দাম পঞ্চাশ রিয়ালের চেয়ে অনেক কম। তবুও নোটটা এগিয়ে দিয়ে বলল, “খালাস।”

গেটের দিকে এগোল দুই ভাই। ড্যানি জানতে চাইল, “কিন্তু আমাদেরকে কিডন্যাপ করার জন্য কোন লোক এত ব্যতিব্যস্ত হয়ে পড়ল?”

শ্রাগ করল ওমাহা। ওর কোন ধারনাই নেই। ড্যানি যে ওদের আক্রমণকারী, নাকি আক্রমণকারিনী বলবে-কে দেখতে পায়নি, সেটা বুঝতে পারল। লোক না, মহিলা।

মেয়েটার চেহারা আবার চোখের সামনে ভেসে উঠল ওমাহার। এত বেশি মিল চেহারায় যে ভুল করার কোন অবকাশ নেই। ওদের উপর আক্রমণকারিনীকে সহজেই সাফিয়ার বোন বলে চালিয়ে দেয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *