লেখকের কথা
অন্যসব বারের মতই, এবারো পাঠকদের সাথে কিছু তথ্য শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আশা করি, এসব তথ্য পাঠকদের মনে উল্লেখিত জায়গা গুলো ঘুরে দেখার আর বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবার অনুপ্রেরণা সৃষ্টি করতে পারবে।
প্রথমেই আসি প্রতি পদার্থ প্রসঙ্গে। জিনিসটা কি সায়েন্স ফিকশন? না। সুইজারল্যান্ডের সার্ন ল্যাবরেটরির কারণে এখন প্রতি পদার্থ বাস্তব। সার্ন প্রতি পদার্থ বানাতে আর সেটা অল্প সময়ের জন্য টিকিয়ে রাখতে পেরেছে। নাসা এবং ফার্মি ন্যাশনাল ল্যাবরেটরি প্রতি পদার্থ এঞ্জিন বানানোর কাজে বেশ কিছু অগ্রগতি দেখিয়েছে। এমনকি প্রতি পদার্থ সংরক্ষণ ও পরিবহন করার জন্য ইলেকট্রো ম্যাগনেটিক (তড়িৎ চৌম্বকীয়) পেনিং ট্রাপও উদ্ভাবিত হয়েছে।
এবার আসি প্রতি পদার্থ বহনকারী উল্কা পিন্ডের প্রসঙ্গে। বিজ্ঞানীদের মতে এমন উল্কা পিন্ড মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন ও পর্যন্ত কোন শক্ত প্রমাণ কেউ দেখাতে পারেননি বলে, তা কাগজপত্রেই সীমাবদ্ধ। রাশিয়ার তানগুসকায় ঘটা বিস্ফোরণ প্রতি পদার্থ নির্মিত উল্কা পিন্ডের কারণেই হয়েছে-এটা অনেকগুলো প্রস্তাবিত ব্যাখ্যার একটি। তবে এর ফলে যে প্রতিক্রিয়া গুলো দেখা গিয়েছেবিস্ফোরণের অদ্ভুত প্রকৃতি, ইএম পালস, জৈব জগতের মিউটেশন-সবই বাস্তব।
পানির ব্যাপারটাঃ বইতে উল্লেখিত সমস্ত রাসায়নিক তথ্যাদি সত্য। পানি দিয়ে বানানো বাকিবলসের ব্যাপারটাও সত্য। লভাজনিত বা মাটি থেকে উদ্ভুত পানির ব্যাপারটা নেয়া হয়েছে প্রধানত স্টিফেন রেইসের কাজ থেকে।
এবার আরবের দিকে আসি, এই এলাকার ভৌত গঠন অনন্য। বিশ হাজার বছর পূর্বের ওমানি মরুভূমিতে আসলেই প্রচুর গাছ, নদী আর লেকের অস্তিত্ব ছিল। এই এলাকার এমন মরুকরণের জন্য দায়ী করা হয়ে “অরবিটাল ফোর্সিং” বা “মিলানকোভিচ ফোর্সিং”-কে। ব্যাপারটা আসলে পৃথিবীর ঘূর্ণনের সময় ঘটা আচমকা কম্পন।
ওমান সংক্রান্ত অধিকাংশ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক তথ্যাদিও সত্য। এমনকি সালালাহে নবী ইমরানের সমাধি, পাহাড়ে আইয়ুব (বাইবেলের ভাষায় জোব) আর শিশুরে উবারের ধ্বংসস্তুপের অবস্থানও সত্য। ঘরের উষ্ণতায় বসে এসব এলাকার ছবি দেখতে চাইলে আমার ওয়েবসাইট ঘুরে আসতে পারেন (jamesrollins dot com)। আর উবার সম্পর্কে আরো জানতে চাইলে আমি বলব নিকোলাস ক্ল্যাপের লেখা দ্য রোড টু উবার পড়ে দেখতে পারেন।
ছোট খাটো আরো দুই একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত, সাহারার সঙ্গবিমুখ উপজাতীয় লোকরা ধোফার পাহাড়ে বাস করে। তাদের দাবী, তারা উবারের রাজার বংশধর। এখনও তারা আরবের সবচেয়ে প্রাচীণ উচ্চারণে কথা বলে। ওমানের ফ্ল্যাগশিপ, দ্য সাবাব ওমান এর অস্তিত্ব আছে (জাহাজটাকে উড়িয়ে দেয়ার জন্য দুঃখিত)। উড়িয়ে দেয়ার কথায় মনে পড়ল। বইয়ের শুরুতে যে লোহার উট উড়িয়ে দিয়েছিলাম, সেটা এখনও বহাল তবিয়তে ব্রিটিশ মিউজিয়ামেই আছে…অন্তত এখন পর্যন্ত।
— সমাপ্ত —
