ওল্ড টাউন

ওল্ড টাউন

২রা ডিসেম্বর, ০৫:৩৪ পি.এম.

সাইব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর, অবশেষে সামনে এগোবার অনুমতি পেয়েছে পেইন্টার। কারা কেনসিংটনের সহকর্মীদের একজনকে কিডন্যাপ করার চেষ্টা চালানো হয়েছে। তাই এত নিরাপত্তা ব্যবস্থা। সেজন্যই তিন ঘন্টা বসে থাকতে হয়েছে ওদের।

কোরাল পেইন্টারের ঠিক পাশেই হাঁটছে, ক্লান্ত। মাথায় লিহাফ নামের এক ধরনের ওমানি পোষাক পড়েছে মেয়েটা।

ভ্রু কুঁচকে সামনের দিকে তাকাল পেইন্টার। নিচু হয়ে আসা সূর্যের আলো ঠিকরে পড়ছে এয়ারফিল্ডে, তৈরি করছে মরীচিকার। নীল নিউনিফর্ম পরিহিত ওমানি কাস্টমস কর্মকর্তারা ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর দলের পাশে পাশে এগোচ্ছে সুলতানের পাঠানো ডেলিগেশন। এরা ওমানি পুরুষদের জাতীয় পোষাক পরে আছেঃ লম্বা হাতা যুক্ত সাদা ডিসডাসা নামের রোব, তার উপর জড়ানো একটা কালো আলখেল্লা। সোনা আর রুপা দিয়ে এমব্রয়ডারি করা ওতে। প্রত্যেক পুরুষদের বেল্টে শোভা পাচ্ছে একটা করে খাপে গোঁজা খঞ্জর। ডেলিগেশনের লোকেদের খঞ্জর হলো সাইদি ড্যাগার, নিখাদ সোনা বা রুপা দিয়ে বানানো। ওমানের লোকদের স্ট্যাস্টাস সিম্বল এটা।

কারা, সাফিয়া আর ক্লে এদের সাথে বাদানুবাদে লিপ্ত। যতদূর বুঝেছে, অভিযানের দুই সদস্য ড. ওমাহা ডান আর তার ভাইকে পুলিশ হেফাজতে নিয়ে রেখেছে। কেন, তা এখনও পরিষ্কার না।

“ড্যানি ঠিক আছে তো?” আরবীতে জানতেই চাইল সাফিয়া।

“একদম ঠিক, মাই লেডী।” ডেলিগেশনের পক্ষ থেকে একজন জবাব দিল, “নাকে সামান্য আঘাত পেয়েছেন তিনি। এছাড়া আর কোন সমস্যা নেই। তার প্রতি পূর্ণ খেয়াল রাখা হচ্ছে।”

ডেলিগেশনের প্রধানের উদ্দেশ্যে কারা বলল, “কত তাড়াতাড়ি এসব ঝামেলা। শেষ হবে?”

“মহামান্য সুলতান কাবুস নিজে আপনাদের সালালহ পৌঁছানোর ব্যবস্থা করছেন। এরপর আর কোন সমস্যা হবে না। আমরা যদি আগে জানতাম যে। আপনি নিজে আসবেন…তাহলে এই সমস্যাটাও হতো না।”

কারা হাত নেড়ে উড়িয়ে দিলে লোকটার বক্তব্য। “কিফ, কিফ” আরবীতেই বলল সে, “অসুবিধা নেই। আর দেরী না হলেই হলো।”

উত্তরে বাউ করল লোকটা। কারা এমন উদ্ধত্ব আচরণের পরও, লোকটার ঠান্ডা থাকাই এই দেশে মেয়েটার প্রভাবের প্রমাণ।

আর সবার নজরের আড়ালে থাকা হয়েছে… দীর্ঘশ্বাস ফেলে ভাবল পেইন্টার।

কারার সঙ্গিনীর দিকে নজর পড়ল ওর। সাফিয়ার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। বিমান ভ্রমণের সময় মেয়েটা যতটুকু স্বস্তি অর্জন করতে পেরেছিল, এখানকার খবর শোনার পর তা উবে গিয়েছে। ক্যারি-অন ব্যাগটা আঁকড়ে ধরে আছে মেয়েটা, অন্য কাউকে স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছে না।

কিন্তু সবুজ চোখ জোড়ায় দৃঢ়তার ছাপটাও যে লক্ষণীয়। মিউজিয়ামের ছাদ ধরে যখন ঝুলছিল মেয়েটা, সেই সময়ে ফিরে গেল পেইন্টার। তখনই টের পেয়েছিল যে, এর মাঝে অসাধারণ দৃঢ়তা আছে।

অবশেষে প্রাইভেট টার্মিনাল বিল্ডিং এ পৌছাল দলটা। দরজা খুলে প্রবেশ করল শীতাতপ নিয়ন্ত্ৰিণ মরুদ্দ্যানে! ভিআইপি লাউঞ্জে এসে ঢুকেছে ওরা, তবে | বেশিক্ষণের জন্য নয়। সুলতানের বিশেষ দলের উপস্থিতির কারণে দ্রুত সেরে ফেলা হলো সব চেকিং। পাসপোর্ট গুলো যেন খোলাই হলো ভিসা স্ট্যাপ বসাবার উদ্দেশ্যে। এরপর দলটাকে দুভাগ করে দুটো কালো লিমোজিনে তোলা হলোঃ একটায় সাফিয়া, কারা আর ক্লে এবং অন্যটায় কোরাল আর পেইন্টার।

“আমাদের সঙ্গ পছন্দ হচ্ছে না মনে হয়।” পেইন্টার কোরালের পাশে বসতে বসতে বলল।

একদম সামনে, লিমোজিনের ড্রাইভারের পাশে বসল এক পেশী বহুল আইরিশ। শোল্ডার হোলস্টারে পোরা অস্ত্রটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একজোড়া এসকর্ট নজরে পড়ল ওর। একটা একদম সামনে আর অন্যটা একদম পেছনে। বোঝাই যাচ্ছে, কিডন্যাপ প্রচেষ্টা ঘটার পর আর কেউ ঝুঁকি নিতে চাইছে না।

পকেট থেকে একটা সেল ফোন বের করল পেইন্টার। ফোনটা বিশেষভাবে বানানো। এতে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্ল্যাশও আছে, আর যে স্যাটেলাইট চিপ দিয়ে বানানো সেটা সহজেই DOD কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে।

ছোট এয়ারপিসটা কানে পুরল পেইন্টার। ফোনটা স্যাটেলাইট ব্যবহার করে খুঁজে বের করল উদ্দিষ্ট ব্যক্তিটিকে।

“কমান্ডার ক্রো।” ড. শেন ম্যাক নাইটের কণ্ঠ শুনতে পেল সে।

“সার, আমরা মাসকাটে অবতরণ করেছি। এখন কেনসিংটন কম্পাউন্ডের দিকে যাচ্ছি। আমাদের আগে পাঠানো দলের উপর হওয়া আক্রমণের ব্যাপারে নতুন কোন তথ্য আছে কি না, তা জানার জন্য যোগাযোগ করেছি।

“আমরা পুলিশের প্রাথমিক রিপোর্ট পেয়েছি। তাদেরকে রাস্তা থেকে তুলে নেয়া হয়েছিল। নকল ট্যাক্সি ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছে সাধারণ কেস, মুক্তিপণের জন্য কিডন্যাপিং এর প্রচেষ্টা।”

সিগমার প্রধানের সন্দেহের সুরটা ঠিকই ধরতে পারল পেইন্টার। “আপনার কি মনে হয়, ব্যাপারটার সাথে লন্ডনের কোন যোগাযোগ থাকতে পারে?”

“এখনও নিশ্চিত হয়ে কিছু বলার পরিস্থিতি হয়নি।”

ক্যাসান্দ্রার কথা মনে পড়ে গেল ওর। অ্যারেস্টের মাত্র দুই দিন পর কাস্টডি থেকে পালিয়েছে মেয়েটা। যে পুলিশ ভ্যানটা তাকে নিয়ে যাচ্ছিল, সেটাকে অ্যাম্বুশ করা হয়। মারা যায় দুজন, উধাও হয়ে যায় ক্যাসান্দ্রা। পেইন্টার কোন দিন কল্পনাও করতে পারেনি যে মেয়েটাকে আবার দেখতে পাবে। কিন্তু মিউজিয়ামে সেই কল্পনা সত্যি হয়ে ধরা দিয়েছে। এসবের সাথে মেয়েটার কি সম্পর্ক?

“তথ্য জোগাড়ের জন্য অ্যাডমিরাল রেক্টর এনএসএ এর সাথে এখনও কথা বলছেন। ওদের কাজের উপরও নজর রাখছেন।” বললেন ম্যাক নাইট। “ঘন্টা দুয়েকের মাঝে আরো তথ্য আসবে আমাদের হাতে।”

“খুব ভালো, স্যার।”

“কমান্ডার, তোমার সাথে কি ড. নোভাক আছে?”

পেইন্টার কোরালের দিকে চাইল। মেয়েটা বাইরের দিকে তাকিয়ে আছে, কোন সন্দেহ নেই রাস্তাটা মুখস্ত করছে সে। যদি কাজে লেগে যায়! “জি স্যার, আছে।”

“তাকে বলে দিও যে, লস অ্যালামসের ওরা তার পাঠানো মিউজিয়াম থেকে নেয়া স্যাম্পলে ইউরেনিয়াম পার্টিকেল খুঁজে পেয়েছে। সুতরাং ড. নোভাকের থিওরি-ইরেনিয়ামের ক্ষয় হবার ফলে সৃষ্ট বিকিরণের কারণে প্রতি পদার্থের স্থিতিশীল অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে আর বৈদ্যুতিক শকের কারণে তা বিস্ফোরিত হচ্ছে, যথেষ্ট যুক্তিযুক্ত।”

সোজা হয়ে বসল পেইন্টার। বলল, “ড. নোভাক বলছেন যে, প্রতি পদার্থের মূল উৎসের ক্ষেত্রেও এমনটা হতে পারে।”

“একদম ঠিক। লস অ্যালামসের এরাও একই ধারণা পোষণ করে। তোমাদের মিশন এখন আরো ক্রিটিক্যাল হয়ে দাড়িয়েছে। আরো লোকবল আর রশদ পাঠানো হচ্ছে। আমাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

“বুঝতে পেরেছি, স্যার।” বিস্ফোরণের পর হওয়া গ্যালারির অবস্থা মনে পড়ল পেইন্টারের। সেই অবস্থা যদি মূল উৎসের হয় তাহলে…

“এবার শেষ কথাটা বলে নেই, কমান্ডার । NOAA থেকে গুরুত্বপুর্ণ তথ্য এসেছে। একটা বিশাল ঝড় ইরাক থেকে শুরু হয়ে তোমাদের দিকে এগোচ্ছে।”

“বৈদ্যুতিক ঝড়?”

“না, বালুঝড়। বাতাসের সম্ভাব্য গতি প্রতি ঘন্টায় ষাট মাইল। নাসা কনফার্ম করেছে যে, ঝড়টার গতিপথে ওমান পড়বে।”

“নাসা! কত বড়-“

“স্পেস থেকে দেখতে পাবার মত বড়। দাঁড়াও, স্যাটেলাইটের ছবি পাঠাচ্ছি।”

ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল পেইন্টার। মধ্য প্রাচ্য আর আরব উপদ্বীপের ম্যাপ দেখতে পেল। হ্যারিকেনের মত একটা কিছু দেখতে পেল সে, পার্থক্য শুধু এতটুকু যে তা এগোচ্ছে স্থলভাগ ধরে।

“ধারণা করা হচ্ছে, ওমানে পৌঁছুতে পৌঁছুতে ঝড়টার আকার আর গতি, দুটোই অনেক বৃদ্ধি পাবে।” বললেন ম্যাক নাইট, “এমনও বলা হচ্ছে, শতাব্দীর ভয়ংকরতম ঝড় এটা। এদিকে আরব সাগরে উচ্চ বায়ু-চাপের ফলে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়েছে। এর ফলে সৃষ্ট ঝড় উত্তর দিকের মরুভূমিতে এসে এই বায়ুর সাথে মিলিত হবে। তৈরি হবে মেগা স্টর্ম।”

“হায় ঈশ্বর!”

“হুম, আসলেই অবস্থা ভয়াবহ হয়ে উঠবে ওখানে।”

“কোন সময়সীমা?”

“আগামী পরশুদিন ঝড়টার ওমানি বর্ডারে পৌঁছাবার কথা। দুই বা তিন দিন ধরে ঝড়টা চলবে।”

“আমাদের দেরী হয়ে যাবে।”

“হুম, যতটা পার সময়কে কাজে লাগাও।” ডিরেক্টরের কথাটা আদেশের মত শোনাল। অন্য লিমোর দিকে তাকাল সে, আরেকটা বিরতি! কারা কেনসিংটন খবরটা শুনে একদমই খুশি হবে না।

০৬:৪৮ পি.এম.

“আহ, ঠান্ডা হও তো।” সাফিয়া কারাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালাল।

এই মুহূর্তে সবাই কেনসিংটন এস্টেটের বাগানে বসে আছে। ষোড়শ শতাব্দীতে বানানো লম্বা লম্বা চুনা পাথরের দেয়াল জায়গাটাকে প্রাচীন একটা আবহ এনে দিয়েছে। সেই সাথে আছে ফ্রেসকো (দেয়ালচিত্র)। তিন বছর আগে এগুলো পুননির্মাণ করা হয়েছে। লন্ডনে বসে বসে সেই কাজ তদারকি করলেও, নিজের চোখে এই প্রথম দেখছে সাফিয়া।

দুধের স্বাদ, ঘোল একদম মেটাতে পারেনি। রঙের এত সুন্দর ব্যাবহার আগে কখনও দেখেনি সাফিয়া। ফ্রেসকোতে ব্যবহৃত নীল রঙ এসেছে শামুকের ভাঙ্গা খোল থেকে আর লাল এসেছে গোলাপের পাপড়ি থেকে। ষোলো শতকেও এত রঙ বানানো হত।

বাগানের পুরোটা ঘুরে দেখেছে সাফিয়া, এখানে কেটেছে ওর শৈশবকাল। মাসকাটের ঠিক মাঝখানে এক টুকরা ইংল্যান্ড ছিল এই বাগানটা। একমাত্র অস্বাভাবিকতা হলো চার কোণায় চারটা বড় বড় খেজুর গাছের উপস্থিতি।

জেসমিনের গন্ধে শৈশবে ফিরে যেতে চাইছে মন। কোর্ট ইয়ার্ডের ঠিক মাঝখানে ওমানি স্টাইলে বানানো একটা ঝর্ণা আছে। গরমের দিনগুলোতে সেই ঝর্ণায় সাঁতার কাটত কারা আর সাফিয়া। কারার বাবা বিরক্ত হতেন, আবার মজাও পেতেন ওদের কর্মকান্ডে। তোমাদেরকে দেখে তো সিন্ধুঘোটক মনে হচ্ছে। বলতেন তিনি, আবার কখনও কখনও নিজেই নেমে পড়তেন ওদের সাথে।

কারা একবার ফিরেও তাকাল না সেদিকে। ওর কথার তিক্ততা বর্তমানে ফিরিয়ে আনল সাফিয়াকে, “প্রথমে ওমাহার অ্যাডভেঞ্চার আর এখন এই … হারামী আবহাওয়া। আমরা কাজ শুরু করার আগেই খবর চাউর হয়ে যাবে। সবাই হুমড়ি খেয়ে পড়বে আমাদের উপর। এক মুহূর্তও শান্তি মিলবে না।”

গাড়ি থেকে নেমেই পেইন্টার ক্ৰো আবহাওয়ার ব্যাপারটা সবাইকে খুলে বলেছে। এখন নিরাসক্ত মুখে বলল, “আবহাওয়াকে কিনে নিতে পারলে মন্দ হত না।”

কারাকে ক্ষেপিয়ে মজা পাচ্ছে সে। অবশ্য ওকেও দোষ দেয়া যায় না। কারা দুই আমেরিকানদের কম জ্বালায়নি। পুরনো প্রাসাদটার প্রবেশদ্বারের কাছে এসে কারাকে ধরে ফেলল সাফিয়া। ঢেউ খেলানো প্রবেশদ্বারটা তিন তলা বড়। একদম উপরের লেভেলগুলোতে ছায়াঘেরা ব্যালকনি আছে, কারুকাজ করা কলামের উপর দাড়িয়ে আছে ওগুলো। ঘরে ফিরতে পেরে কারা রিল্যাক্স হতে পেরেছে বলে মনে হচ্ছে না, চোয়ালের মাংসপেশিগুলো শক্ত হয়ে আছে মেয়েটার।

কারার এই চড়া মেজাজের জন্য কতটা হতাশা দায়ী আর কতটা ড্রাগ, একথা ভাবতে ভাবতেই ওর হাত আঁকড়ে ধরল সাফিয়া, “ঝড়টাকে নিয়ে সমস্যা নেই। আমরা আগে নবী ইমরানের সমাধিতে যেতে চাই। ওটা তো সালালাহ-এ, উপকূল থেকে অনেক দূরে। আমার ধারণা, ওখানে এমনিতেও আমাদের কমপক্ষে এক সপ্তাহ থাকতে হবে।”

দীর্ঘশ্বাস নিল কারা, “তাও, এই যে ঘটনাটা ঘটে গেল। আমি এমন কিছু করতে চাইনি, যেটা মানুষের নজর আমার উপর টেনে আনে-”।

গেটের কাছ থেকে ভেসে আসা আওয়াজ থামিয়ে দিল কারাকে। একসাথে ঘুরে দাঁড়াল ওরা।

একটা ওমানি পুলিশ কার দেখা গেল। গাড়িটার পেছনের দরজা খুলে গিয়ে বাইরে বের হলো দুজন পুরুষ।

“শয়তানের নাম নাও, আর শয়তান…” বিড় বিড় করে বলল কারা। হঠাৎ সাফিয়ার মনে হলো দম বন্ধ হয়ে আসবে। ওমাহা…

সময়ের চাকা যেন আস্তে আস্তে ঘুরছে, নিজের হৃদস্পন্দন নিজের কানেই পরিষ্কার শুনতে পাচ্ছে মেয়েটা। ও ভেবেছিল, লোকটার মুখোমুখি হবার আগে প্রস্তুতি নেবার আরো সময় পাবে। ঘুরে দাঁড়িয়ে পালাতে ইচ্ছা হলো। কারা যেন তা বুঝতে পেরেই ওর পিঠে হাত রাখল, ওকে সাহস যোগাল।

ড্যানির জন্য অপেক্ষা করল ওমাহা। ওর ভাইয়ের নাক ভেঙে গিয়েছে, ব্যান্ডেজ করতে হয়েছে। ড্যানি বের হয়ে এলে, ওদের দিকে এগোল ডান ভ্রাতৃদ্বয়। প্রথমে পেইন্টারের উপর নজর পরল ওমাহার, ক্লান্তভাবে নড করল শুধু।

এরপরই তাকাল সাফিয়ার দিকে। বড় বড় হয়ে গেল ওর চোখ, কমে এল চলার গতি। এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল যেন সে, তারপর হাসি ফুটে উঠল মুখে।

প্রথম বার সাফিয়ার নাম উচ্চারণ করার সময় ওমাহার ঠোঁট নড়ল শুধু, আওয়াজ বের হলো দ্বিতীয় চেষ্টায়, “সাফিয়া…মাই গড।” আচমকা এগিয়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল সে। ওকে বাঁধা দেবার কোন সুযোগই পেল না সাফিয়া। শক্ত এক আলিঙ্গন শেষে ওমাহা বলল, “তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।” ইতস্তত করল মেয়েটা, আলিঙ্গন করবে কিনা ভাবছে। কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সাফিয়া। এদিকে লজ্জা পেয়েছে ওমাহা। তাই চুপ করে আছে সে-ও। ড্যানি এই ব্রিতকর অবস্থা থেকে উদ্ধার করল ওদের। হাসল সাফিয়ার দিকে চেয়ে।

নিজের নাকে চলে গেল সাফিয়ার হাত, “আমি তো ভেবেছিলাম কোন আঘাতটাঘাত পাওনি তোমরা।”

“আরে, তেমন বেশি কিছু না।” মেয়েটাকে নিশ্চিত করল ড্যানি।

“ব্যান্ডেজটা এমনি, যেন তাড়াতাড়ি সেরে উঠি।” ওর হাসিও বন্ধ হয়ে গিয়েছে ওমাহা আর সাফিয়াকে একসাথে দেখে।

পেইন্টার এগিয়ে এসে দুই ভাইয়ের সাথে করমর্দন করল, পরিচয় দিল নিজের। এই মুহূর্তের জন্য সাফিয়ার দিকে তাকাল সে। মেয়েটা বুঝতে পারল, ওকে সময় দেবার জন্যই কাজটা করছে লোকটা।

“আর ইনি আমার পার্টনার, ড. কোরাল নোভাক। কলম্বিয়া থেকে পাশ করা ফিজিসিষ্ট।”

ড্যানি সোজা হয়ে দাঁড়াল, “আমিও কলম্বিয়ার ছাত্র ছিলাম।”

পেইন্টারের দিকে তাকাল কোরাল, যেন কথা বলার অনুমতি চাইছে। “ছোট্ট দুনিয়া।”

মুখ খুললেও বলার মত কিছু পেল না ড্যানি। তাই চুপ করে রইল ।

ক্লে বিশপ এগিয়ে এলে, ওর সাথে ডানদের পরিচয় করিয়ে দিল সাফিয়া। “আমার গ্রাড স্টুডেন্ট, ক্লে বিশপ।”

ওমাহার হাতটা নিজের দুই হাত দিয়ে আঁকড়ে ধরল ছেলেটা, “স্যার, আমি আপনার লেখা পড়েছি। সৌভাগ্যবান মনে করছি নিজেকে।”

কারা আর সাফিয়ার দিকে ফিরল ওমাহা, “ছেলেটা কি আমাকে কেবল স্যার বলে ডাকল?”

কারা আর কথা বাড়াতে না দিয়ে, সবাইকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল, “সবার জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, যেন সাপারের আগেই একটু ফ্রেশ হয়ে নিতে পার। কিন্তু বেশিক্ষণ থাকব না আমরা। চারঘন্টা পরেই রওনা দিচ্ছি।”

“আরেকটা বিমান ভ্রমণ?” জানতে চাইল ক্লে।

ওর কাঁধে হাত রাখল ওমাহা, “নাহ। এই ঝামেলার ফলে একটা সুবিধা হয়েছে আমাদের।” কারার দিকে ফিরে নড করল সে, “ওপরমহলে বন্ধু থাকার মজাই আলাদা।”

ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল মেয়েটা, “সব প্রস্তুতি শেষ?”

“হ্যা।”

অবাক হয়ে একবার ওর বান্ধবী আর একবার ওমাহার দিকে তাকাল সাফিয়া। এখানে আসার পথে, কারা ওমাহা, ব্রিটিশ কনস্যুলেট আর সুলতান কাবুসের স্টাফকে অনেকবার ফোন করেছে। কিন্তু ফলটা ওকে ওমাহার মত সন্তুষ্ট করতে পেরেছে বলে মনে হচ্ছে না।

“ফ্যান্টমদের কী হলো?” জানতে চাইল কারা।

“আমাদের সাথে ওখানেই দেখা করবে।”

“ফ্যান্টম?” ক্লে ওর বিস্ময় লুকাতে ব্যর্থ হলো। কিন্তু কেউ উত্তর দেবার আগেই গেস্ট উইং-এ পৌঁছে গেল ওরা।

কারা অপেক্ষমান পরিচারকের দিকে তাকিয়ে নড করল। “হেনরি, অতিথিদেরকে যার যার রুম দেখিয়ে দাও।”

বয়স্ক, সাদা-কালো পোষাক পড়া পরিচারক নড করল, “ইয়েস, ম্যাডাম।” সাফিয়ার উপরও চোখ পড়ল লোকটার, কিন্তু চেহারার কোন পরিবর্তন হলো না। দীর্ঘদিন ধরে এই প্রাসাদে কাজ করছে সে, “দয়া করে এদিকে আসুন।”

সবাই অনুসরন করলো তাকে।

“সাপার ত্রিশ মিনিটের মাঝে দেয়া হবে।” কারা বলে উঠল। আমন্ত্রণের চেয়ে, আদেশের মতই শোনাল বেশি।

সাফিয়া অন্যদের সাথে রওনা হলো।

“কী করছ?” কারা ওর হাত ধরে থামাল, “তোমার আগের রুমটাই ঠিকঠাক করা হয়েছে।”

যেতে যেতে চারপাশে তাকাল সাফিয়া, তেমন কোন পরিবর্তন আসেনি। সেই আগের মত কেনসিংটনদের পুর্বপুরুষের ছবি ঝুলছে দেয়ালে। ফ্রান্স থেকে আমদানী করা মেহগনি কাঠের খাবার টেবিলটাও আগের মত আছে। টেবিলের উপরে ঝোলানো ঝাড় বাতিটাও। এখানেই ওর বারো তম জন্মদিন উদযাপন করেছিল ওরা। কারা ওকে ফ্যামিলি উইং-এর দিকে নিয়ে গেল।

পাঁচ বছর বয়সে, কারার সঙ্গী হিসেবে এই প্রাসাদে এসেছিল সাফিয়া। এর আগে কখনও ওর কোন নিজস্ব রুম ছিল না। কিন্তু তবুও…প্রায় প্রতিটা রাত কারার সাথে ঘুমাতো সে। দরজার সামনে এসে দাঁড়াল দুজন।

হঠাৎ ওকে আলিঙ্গন করে বসল কারা। বলল, “তোমাকে এখানে ফিরে পেয়ে ভালো লাগছে।”

মন থেকে উঠে আসা কথাটা শুনে সাফিয়ারও ভালো লাগল।

“ওমাহা…”

দীর্ঘ একটা নিঃশ্বাস নিল সাফিয়া, “আমি ঠিক আছি। আমি ভেবেছিলাম নিজেকে তৈরি করে নিতে পেরেছি। কিন্তু…ওমাহার কোন পরিবর্তন হয়নি।”

“সত্যি কথা।” ভ্রু কুঁচকে বলল কারা।

হেসে ফেলল সাফিয়া, “সত্যি বলছি…আমি ঠিক আছি।” দরজা খুলে দিল কারা, “আমি গোসলের ব্যবস্থা করতে বলেছি। ওয়ার্ডরোবে পরিষ্কার কাপড় আছে। ডিনারের সময় দেখা হবে।” বলে নিজের ঘরের দিকে রওনা হলো সে।

ভেতরে ঢুকল সাফিয়া। এই প্রাসাদের থাকবার জায়গাগুলোকে রুম না বলে স্যুইট বলাই ভালো। প্রথম ঘরটা পার হয়ে শোবার চেম্বারে প্রবেশ করল সে। দেখে মনে হলো, বহু বছর আগে সে তেল আবিবের দিকে রওনা দেবার সময় যেমনটা রেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে। এক পাশে আছে একটা ওয়ার্ডরোব, জানালার একদম কাছে। জানালা দিয়ে আবার দেখা যায় সুন্দর গোছানো বাগানটাকে। ওদিকে তাকাতেই হঠাৎ অনিশ্চিত মনে হলো নিজেকে।

কেন ফিরে এসেছে সে? গিয়েছিলই বা কেন? অতীত আর বর্তমানের মাঝে কোন মেলবন্ধন খুঁজে পাচ্ছে না সে।

ফোঁটা ফোঁটা পানি পড়ার আওয়াজ ওর মনোযোগ আকর্ষণ করল, গোসলের চেম্বার থেকে আওয়াজটা আসছে। ডিনারের বেশি বাকি নেই। জামা খুলে গভীর কিন্তু অপ্রশস্থ বাথ টাবে প্রবেশ করল। কুসুম গরম পানিতে জেসমিনের পাপড়ি ভাসছে। ঢিল হয়ে এল ওর পেশী গুলো, সেই সাথে হয়তো আরো অন্য কিছু। চোখ বন্ধ করল সে। আহ, বাড়ি…

০৮:০২ পি.এম.

গার্ড ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে রাউন্ডে বের হয়েছে। অন্য হাতটা কেনসিংটন প্রাসাদের চুনা পাথরের দেয়ালে ম্যাচের কাঠি ঘষছে। দেয়ালটার বাইরের দিকে দাঁড়িয়ে আছে সে। সিগারেট ধরাতে ব্যস্ত লোকটা অনুপ্রবেশকারীকে দেখতেই পেল না।

এই মুহূর্তে অনুপ্রবেশকারী বিশাল খেজুর গাছের পাতার ছায়ায় লুকিয়ে আছে। আগুনের আলোয় দূর হয়ে গেল ছায়া, ধরা পড়ে যেতে পারে ভেবে ক্যাসান্দ্রা ওর গ্রাপলিং গানের ট্রিগার চেপে ধরল। মাসকাটের রাস্তার বেওয়ারিশ কুকুরের চিকারে চাপা পড়ে গেল আওয়াজ। স্লিপার পরিহিত পা উঠে গেল উপরে। বন্দুক থেকে বের হওয়া ইস্পাতের সংকর ধাতুর কেবল টেনে তুলল ওর দেহটাকে। উপরে ওঠার সময় সৃষ্ট নিজের গতি জড়তাকে কাজে লাগিয়ে লাফ দিয়ে দেয়ালে। এসে নামল সে। এরপর শুয়ে পড়ল ওখানেই। | অনাহুত আগন্তুককে তাড়াবার জন্য দেয়ালের উপরে কাঁচের ভাঙা টুকরা লাগানো হয়েছে। কিন্তু সেগুলো ক্যাসান্দ্রার হালকা কালো কেভলার স্যুট আর গ্লাভসকে ভেদ করতে পারলে তো! কপালে স্থির হয়ে আছে নাইট ভিশন গগলস, ব্যবহারের অপেক্ষায়। এমনকি আড়ি পাতার জন্য একটা রিসিভারও ওতে ফিট করা আছে।

পেইন্টার ক্রোর নিজস্ব ডিজাইন। ভাবতে গিয়ে হেসে ফেলল ক্যাসান্দ্রা। হারমজাদার নিজের ডিজাইন করা যন্ত্রই তার বিপক্ষে ব্যবহার করছি..

ক্যাসান্দ্রা তাকিয়ে তাকিয়ে গার্ডকে চলে যেতে দেখল। গ্রাপলিং হুকটা খুলে নিয়ে, ওর বন্দুকের সাথে লাগিয়ে রাখল। রিলোড করে নিল সে, ব্যবহৃত কম্প্রেসড-এয়ার কাট্রিজটা ফেলে দিল। এরপর প্রধান বিল্ডিং এর দিকে লক্ষ্য করে এগিয়ে গেল।

বাইরের দেয়ালটা একদম প্রাসাদ লাগোয়া নয়, মাত্র দশ মিটার দূরত্ব মাঝখানে। প্রাচীরের উপর দিয়ে এগোল ক্যাসান্দ্রা। আগেই রেকি করে সিকিউরিটি দেখে গিয়েছে ও, যদিও দরকার ছিল না। গিল্ডের পাঠানো তথ্যে সাধারণত কোন ভুল থাকে না। তাও নিজের চোখে দেখে নেয়া ভালো।

আরেকটা গাছের ঝুলে থাকা পাতার নিচ দিয়ে এগিয়ে গেল মেয়েটা। প্রাসাদের একটা সেকশনে উজ্জ্বল আলো জ্বলছে। একটা ছোট ধনুকাকৃতি জানালা দিয়ে ডাইনিং রুম দেখা যাচ্ছে। চুপচাপ শুয়ে পড়ল ক্যাসান্দ্রা, চোখে গলালো নাইট ভিশন গগলস। গগলসের সাথে লাগানো রিসিভারটা গুঞ্জন করে উঠল, ঠিক মত কথা বুঝতে হলে ওকে এখন একদম স্থির থাকতে হবে। উপস্থিত সবাইকে চিনতে পারল সে। ক্লে বিশপ একটা জানালার পাশে দাঁড়িয়ে আছে, অস্বস্তিবোধ করছে যে তা স্পষ্ট। ওর পেছনে বিভিন্ন খাবারের আইটেম চেখে দেখছে দুজন পুরুষ। ড. ওমাহা ডান আর তার ভাই ড্যানি। মনোযোগ দিয়ে ওদেরকে দেখল সে।

জলপাইয়ের দানা চুষতে চুষতে ওমাহা বলল, “তুমি গোসল করতে করতে আমি আবহাওয়ার খবর দেখলাম। বালুঝড়টা কুয়েত সিটির বারোটা বাজিয়ে দিয়েছে।” ড্যানি পাত্তা দিল বলে মনে হচ্ছে না। তার নজর এই মুহূর্তে ডাইনিং রুমে ঢোকা মেয়েটার দিকে।

কোরাল নোভাক, সিগমার সদস্য, ক্যাসান্দ্রার বদলি।

এবার মেয়েটার দিকে নজর দিল সে। ঠান্ডা মাথার হিসেবি মেয়ে মনে হলো ওকে। ঘৃণায় ছোট ছোট হয়ে এল ক্যাসান্দ্রার চোখ। ওর বদলি হিসেবে কিনা এক সদ্য আগতকে পেইন্টারের সাথে দেয়া হয়েছে? সিগমার সিস্টেমের পরিবর্তন যে আসলেই দরকার, তাতে কোন সন্দেহ নেই।

মেয়েটার পিছু পিছু ঢুকল পেইন্টার । লম্বা, ক্যাজুয়াল পোষাক পরিহিত। এতদূর থেকেও ক্যাসান্দ্রা বুঝতে পারল, রুমে ঢুকেই পরিস্থিতি আঁচ করা শুরু করে দিয়েছে লোকটা। হিসেব করছে।

শক্ত হয়ে গেল ওর শরীর। এই লোকটাই ওর পরিচয় ফাঁস করে দিয়েছে। গিল্ডের সামনেও ছোট হতে হয়েছে ওকে। বহু বছর চেষ্টা করে সিগমায় নিজের একটা অবস্থান বানাতে পেরেছিল ক্যাসান্দ্রা। আদায় করতে পেরেছিল পার্টনারের আস্থা…হয়তো আরো বেশি কিছু আদায় করতে পেরেছিল।

রাগে যেন ফেটে পড়ছে ওর ভেতরটা। এই লোকটার জন্য সবকিছু খুইয়েছে সে। জায়গা ছেড়ে দাঁড়াল ও, একটা মিশন নিয়ে এসেছে। শেষ করেই যাবে। পেইন্টারের জন্য মিউজিয়ামে ওকে ব্যর্থ হতে হয়েছে। কিন্তু আজ রাতে আর ব্যর্থ হবে না ক্যাসান্দ্রা। কোন কিছু থামাতে পারবে না ওকে। অনেকটা পথে ঘুরে প্রাসাদের দুরবর্তী উইং এ এসে উপস্থিত হলো ক্যাসান্দ্রা। এদিকটায় মাত্র একটাই আলো জ্বলছে। বাকি অংশটুকু দৌড়ে পার হলো সে, টার্গেটকে মিস করতে চায় না।

অবশেষে উদ্দিষ্ট জানালাটার নিচে এসে উপস্থিত হলো প্রাক্তন সিগমা মেম্বার। জানালার দিকে একজন মহিলাকে গোসলখানায় বাথটাবে শুয়ে থাকতে পাচ্ছে। অন্যান্য রুমগুলো একনজর দেখল ক্যাসান্দ্রা। প্রাণের কোন চিহ্ন নেই, সন্তুষ্ট হয়ে, গ্রাপলিং গানটা উপরের ব্যালকনির দিকে তাক করল মেয়েটা। হঠা বাথটাবে শোয়া মেয়েটা কথা বলে উঠল, যেন ঘুমের মাঝেই মুখ খুলেছে “না…আবার না।”

ট্রিগারে চাপ দিল ক্যাসান্দ্রা, ইস্পাত সংকরের তৈরি রশি তিন তলার ব্যালকনিতে গিয়ে আটকালো। দোল খেয়ে জানালার পাশের দেয়ালের বাইরের দিকে এসে নামল সে। এতটুকু আওয়াজও হলো না। জানালাটা অল্প একটু খোলা। ভেতরের মহিলাটা এখনও ঘুমন্ত অবস্থায় কথা বলে যাচ্ছে।

পারফেক্ট।

০৮:১৮ পি.এম.

একটা বড় হাসপাতালের ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছে সাফিয়া। জানে কী ঘটতে যাচ্ছে এক মুহূর্ত পর। ওয়ার্ডের ঐ মাথা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে প্রবেশ করছে এক মহিলা। চেহারা আর শরীর ঢাকা। কিন্তু পরনের কাপড় ফুলে আছে। এখন পরিষ্কার বুঝতে পারছে ও।

তখন পারেনি… দৌড়ে মহিলার দিকে এগিয়ে গেল সাফিয়া। অবশ্যম্ভাবী ঘটনাটা থামাতে চাইছে। কিন্তু একগাদা বাচ্চা ওর পা-আঁকড়ে ধরেছে, হাত ধরে টানছে। বাচ্চাদেরকে ঠেলে সরিয়ে এগোতে চাইল সে, কিন্তু পারল না। কেঁদে উঠল বাচ্চারা।

থমকে গেল সাফিয়া, স্বান্তনা দেবে না এগোবে তা বুঝতে পারছে না। ডেস্কের সামনে দাঁড়ানো মানুষের ভিড়ে হারিয়ে গেল ওই মহিলা। সাফিয়া আর ওকে দেখতে পাচ্ছে না। কিন্তু খেয়াল করল, নার্স এক হাত দিয়ে ওকে দেখাচ্ছে, নাম ধরে ডাকছে।

…ঠিক আগের বারের মত।

দুই ভাগ হয়ে গেল ভিড়টা। মহিলাটাকে এখন দেবদূত বলে ভ্রম হচ্ছে, পরনের আলখেল্লা উড়ছে। মনে হচ্ছে যেন পাখা গজিয়েছে। না, ঠোঁট নড়ল সাফিয়ার। কিন্তু কোন শব্দ বের হলো না। এরপর এল চোখ অন্ধ করা এক বিস্ফোরণ। শুধুই আলো, কোন শব্দ নেই। একমুহূর্ত পরে ফিরে এল দৃষ্টিশক্তি-কিন্তু শ্রবণশক্তি ফিরল না।

চিৎ হয়ে শুয়ে আছে সে। চারপাশ থেকে আগুনের লম্বা লম্বা শিখা উঠে আসছে, ছুঁতে চাইছে ছাদ। উত্তাপের হাত থেকে বাঁচতে চেহারা ঘুরিয়ে নিল, কিন্তু রক্ষা হলো না।

তবে চেহারা ঘুরাবার কারণে বাচ্চাদের দেখতে পেল, কেউ দাউ দাউ করে জলছে। আবার কেউবা পাথরের নিচে চাপা পড়েছে।

এতক্ষণে সাফিয়া বুঝতে পারল, কেন সে কোন কিছু শুনতে পাচ্ছে না। একটানা অবিরাম চিকার ভেসে আসছে, অন্য সব শব্দকে ঢেকে দিচ্ছে। কিন্তু চিঙ্কারটার উৎস বাচ্চারা না, ওর নিজের। এরপর কিছু একটা…

স্পর্শ করল ওকে।

চমকে গিয়ে জেগে উঠল মেয়েটা। মুখে হাত দিয়ে চাপা দিল উঠে আসতে চাওয়া চিৎকার। কাঁপছে সে, নিজেকে শান্ত করার চেষ্টা চালাল,

স্বপ্ন ছিলো… বিশ্বাস করাতে চাইল নিজেকে। কিন্তু পারল না, খুব বেশি বাস্তব ছিল স্বপ্নটা। এখনও মুখে রক্তের স্বাদ পাচ্ছে সে। ভ্রু মুছল, কিন্তু কাঁপুনি থামল না। স্বপ্ন দেখবার কারণ হিসেবে ক্লান্তিকে দায়ি করতে চাইল। কিন্তু নিজেই জানে, দায়ী হচ্ছে এই প্রাসাদ। আর এই দেশ, আর ওমাহা….

চোখ বন্ধ করল ও। স্বপ্নটা সাধারণ কোন দুঃস্বপ্ন না। এসব কিছুই আগে ঘটে গিয়েছে। ওর দোষ। কামরানের বাইরে অবস্থিত সমাধিতে হাত লাগাতে নিষেধ করা হয়েছিল ওকে। কিন্তু ও মানেনি। বেশ কিছু দিন পরিশ্রম করে একটা কাদামাটির ট্যাবলেটের অর্থ পুনরুদ্ধার করতে পেরেছিল সাফিয়া। গোপনীয় কিছু স্ক্রোল কোথায় পুঁতে রাখা আছে, তা লেখা ছিল ওতে। ভেবেছিল, হয়তো বিখ্যাত ডেড সী স্ক্রোল হবে ওগুলো। অ্যারামিকে লেখা চারটা কলস আবিষ্কার করতে পেরেছিল সে। কিন্তু সমাধিতে খোড়াখুঁড়ি না করার যে নির্দেশ ওকে দেয়া হয়েছিল, সেটা অগ্রাহ্য করাটাই কাল হলো।

আত্মঘাতী বোমা হামলার হাত থেকে মাত্র তিনজন বেঁচে ফিরতে পেরেছিল। স্থানীয় খবরের কাগজে ওর বেঁচে যাওয়াটাকে উল্লেখ করা হয়েছিল “মিরাকল” হিসেবে।

এমন মিরাকল জীবনে আবার ঘটুক-তা চায়না সে। যে মিরাকলের জন্য অনেক বেশি মূল্য চুকাতে হয়। চোখ খুলে তাকাল সাফিয়া। অন্ধ আক্রোশ এসে ভাসিয়ে নিয়ে গেল দুঃখ আর অপরাধবোধ। থেরাপিষ্ট বলেছিল, ব্যাপারটা একদম স্বাভাবিক। কিন্তু কেন জানি এই আক্রোশও ওর মাঝে অপরাধবোধের জন্ম দেয়। সোজা হয়ে বসল মেয়েটা। পানি বাথ টাব থেকে উপচে নিচে পড়ল।

পানির নিচে কিছু একটা ওর হাঁটুর সাথে ঘষা খেল। পাপড়ির মতোই কোমল কিন্তু অনেক বেশি ভারি। শক্ত হয়ে গেল সে। ও নড়ে ওঠায় পানিতে যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল, সেটা থেমে গেল। জেসমিনের পাপড়ি পানির উপরদিকটা ঢেকে দিল। এক মুহূর্ত পরেই সামিয়া দেখতে পেল, একটা অলস S-কার্ভ।

জমে বরফ হয়ে গেল সাফিয়া, সাপ।

সাপটার মাথা পাপড়ি ভেদ করে পানির উপরে উঠে এল। ধুসর চোখজোড়া কালো দেখাচ্ছে। মনে হচ্ছে ঠিক ওর দিকেই তাকিয়ে আছে ওটা।

একনজর দেখেই সাপটাকে চিনতে পারল সাফিয়া। মাথায় একটা সাদা ক্রস আছে ওটার-Echis pyramiduon, কার্পেট ভাইপার নামে পরিচিত। মাথার ক্রসটা এখানে প্রতিনিধিত্ব করছে মৃত্যুর। এই এলাকায় প্রচুর কার্পেট ভাইপার বাস করে। এর বিষ একইসাথে হেমোটক্সিক (হেমোটক্সিক-রক্তের জন্য বিষাক্ত) আর নিউরোটক্সিক (নিউরোটক্সিক-স্নায়ুর জন্য বিষাক্ত)। এতটা ভয়াবহ যে কামড় খাবার মাত্র দশ মিনিটের মাঝে মারা যায় মানুষ। সাপটার দংশন করার ক্ষমতা এত দ্রুত যে, একদা মনে করা হত-ওটা উড়তে পারে।

এক মিটার লম্বা সাপটা সাফিয়ার দিকে সাঁতরে এগোল। নড়ার সাহস পর্যন্ত পাচ্ছে না ও। নিশ্চয় ঘুমিয়ে পড়ার পর বাথটাবে উঠে এসেছে ওটা। এখন খোলস ছাড়বার সময়, আর্দ্রতার খোঁজে এসেছে।

ওর পেটের কাছে এসে পৌঁছল সাপ, মাথাটা পানি থেকে একটু উপরে তুলল। বাতাসে লিকলিক করছে জিহা। ভয়ে গায়ের সব পশম দাঁড়িয়ে গেল মেয়েটার, কিন্তু এক চুল নড়ার সাহস পেল না সে।

বিপদের আশঙ্কা নেই ধরে নিয়ে, ওর পেটের উপর উঠে এল বিষাক্ত প্রাণিটা। গা বেয়ে উপরে উঠে, নগ্ন স্তনে এসে থামল। সাপটাকে উষ্ণ মনে হলো ওরা। দম ফেলতেও এখন ভয় পাচ্ছে, কিন্তু আটকে রাখবেই বা কতক্ষণ।

জায়গাটা বিশ্রাম নেবার উপযুক্ত স্থান বলে ধরে নিল কার্পেট ভাইপার। ঠিক ওর স্তনের উপর দলা পাকিয়ে শুয়ে পড়ল। প্রাণিটার ব্যবহার বড় অদ্ভুত মনে হলো সাফিয়ার কাছে। ওটা কি এখনও ওর হৃদস্পন্দন টের পায়নি?

দম ফুরিয়ে আসছে সাফিয়ার, বুকের মাঝে যেন কেউ ছুরি দিয়ে খোঁচাচ্ছে। লাল জিহ্বা বের করে বাতাসের স্বাদ নিল সাপটা। সন্তুষ্ট চিত্তে আবারও শুয়ে পড়ল ওর স্তনের উপরে।

চোখের সামনে তারা দেখতে পাচ্ছে সাফিয়া, অক্সিজেনের অভাবটা প্রকট হয়ে উঠেছে। নড়লেই মরবে সে। এমনকি যদি শ্বাস নেবার চেষ্টাও করে…

আচমকা জানালার বাইরে একটা ছায়া দেখতে পেল সে। বাইরে কেউ আছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *