ফায়ার ডাউন বিলো
এনি পোর্ট ইন আ স্টর্ম
৪ঠা ডিসেম্বর, ১২:০২ পি.এম.
আন্ডার গ্রাউন্ড
সাফিয়া দ্রুত গতিতে পেঁচানো টানেল দিয়ে এগোচ্ছে, ওকে অনুসরণ করছে অন্যান্যরা। উপর থেকে কোন কিছুর আছড়ে পড়ার আওয়াজ শুনতে পেয়েছে সবাই। অবশ্য কাঁচ, পাথর আর ধাতব বস্তুর বৃষ্টির মত ঝরে পড়া দেখেও বোঝা যায়-কিছু একটা ঘটেছে।
“কী হয়েছে?” জানতে চাইল সাফিয়া।
মাথা দোলাতে দোলাতে জবাব দিল ওমাহা, “পেইন্টার কিছু একটা করেছে।”
কারা এগিয়ে এসে সাফিয়ার পাশে দাঁড়াল, “বারাক আর কোরাল খোঁজ নিতে গিয়েছে।”
ড্যানি আর ক্লেও আসছে সাফিয়াদের পিছু পিছু। ওদের হাতে শোভা পাচ্ছে ফ্ল্যাশ লাইট। ক্লে এক হাতের জায়গায় দুই হাত দিয়ে চেপে ধরে আছে সেটা, যেমনভাবে ডুবন্ত ব্যক্তি খড়কুটো আঁকড়ে ধরে।
রেহেমরা একদম পিছনে। ওদের হাতে রশদ, ফ্ল্যাশ লাইট মাত্র দুই একটা। ছয়জনকে হারিয়েছে ওরা, সে বেদনা রেহেমদের সবার চোখে মুখে ফুটে আছে। একটা বাচ্চা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। রেহেমদের মত একটা গোত্রে, একজনকে হারানোও অনেক বড় ব্যাপার। এখন মাত্র ত্রিশ জন বাকি রয়েছে গোত্রে, তাদের এক-চতুর্থাংশই বৃদ্ধা আর বাচ্চা। পায়ের নিচের কাঁচ এখন পাথর দ্বারা পরিবর্তিত হয়েছে। নিচের দিকে তাকাল সাফিয়া।
“বেলে পাথর,” ওকে পায়ের দিকে তাকাতে দেখে বলল ওমাহা। “বিস্ফোরণের রেঞ্জের বাইরে চলে এসেছি।”
কারা একবার পাথরের উপর আর আরেকবার কাঁচের উপর আলো ফেলল, “এসব কিছু বিস্ফোরণের ফল?”
“হ্যা।” ওমাহা খুব একটা আগ্রহী মনে হলো না, “এই পেঁচানো পথের অধিকাংশ সম্ভবত আগে থেকেই ছিল। ট্রাইলিথ চেম্বারটা ছিল এর ছিপি।”
ওমাহা যে ব্যাপারটা সহজ করে তুলে ধরছে, সেটা বুঝতে পারল সাফিয়া কিন্তু কিছু না বলে এগিয়ে গেল সে। সম্ভবত টানেলের শেষ মাথায় এসে পৌঁছে ওরা, পায়ের নিচের বেলে পাথরকে কেমন যেন ভেজা ভেজা লাগছে।
আচমকা ভেসে আসা চিৎকার-চেঁচামেচি ওর দৃষ্টি আকর্ষণ করল, কোরাল আর বারাক ফিরে এসেছে।
“পেইন্টার সফল হয়েছে। একটা বিশাল ট্রাক ফেলে বন্ধ করে দিয়েছে প্রবেশমুখ।” হাঁপাতে হাঁপাতে বলল কোরাল।
“বিশ টনি বাহন। যোগ করল বারাক।
“পেইন্টারের কী খবর?” জানতে চাইল সাফিয়া।
কোরাল জিহবা দিয়ে ঠোঁট ভেজাল, চেহারায় চিন্তার ছাপ, “কোন খবর নেই। পেইন্টার আমাদেরকে কিছুটা বাড়তি সময় এনে দিয়েছে। আগে বাড়ার ইঙ্গিত দিল মেয়েটা, “এসো, সেটাকে কাজে লাগাই।”
বুক ভরে শ্বাস নিল সাফিয়া, কোরাল ঠিকই বলেছে। ঘুরে দাঁড়িয়ে আবার চলা শুরু করল সে।
“মাটির কত নিচে আছি আমরা?” জানতে চাইল কারা।
“আমার মনে হয় দুইশ ফুটের কিছু বেশি হবে।” ওমাহার জবাব।
আরেকটা বাঁক ঘুরে ওরা উপস্থিত হলো একটা বিশাল বড় গুহায়। ঠিক মাঝখানে একটা পানির কূপ। সিলিং থেকেও চুইয়ে চুইয়ে পানি পড়ছে।
“পানির উৎস পাওয়া গেল।” বলল ওমাহা।
গুহায় প্রবেশ করল সবাই, কুপের ঠিক মুখে বৃত্তাকারে বেরিয়ে আছে পাথর।। ওখানে দাঁড়িয়ে নিচে উঁকি দেয়া যায়।
“ওই যে।” গুহার অন্য মাথায় অবস্থিত একটা দরজার উপর আলো ফেলল কারা। সবাইকে নিয়ে রওনা দিল সেদিকে।
দরজার কাছে এসে, ওতে হাত রাখল ওমাহা, “আবারও লোহা!”
হ্যান্ডেলটা খুঁজে পেতে সময় লাগল না, কিন্তু দরজাটার সামনে একটা বার ঝোলানো।
“এই চেম্বারের চাপ ঠিক রাখার জন্য কাজটা করা হয়েছে।” ওর পেছন থেকে কোরাল বলে উঠল।
ওদের অনেক উপর থেকে ভেসে এল কিছু একটা ভাঙার আওয়াজ।
বারটাকে আঁকড়ে ধরে টান দিল ওমাহা, কিন্তু একচুলও নাড়াতে পারল ন “গড ড্যামিট, আটকে গিয়েছে। তার উপর তেলতেলে।” জামায় হাত মুছল সে।
“মরিচা পড়া বন্ধ করার জন্য তেল দেয়া।” ড্যানি বলল।
ভাইকে সাহায্য করার জন্য এগিয়ে এল, কিন্তু দুইজনে মিলেও কিছু করতে পারল না, “ক্রোবার দরকার।”
“না।” হোজা বললেন।
রেহেমদেরকে সরিয়ে সাফিয়ার পাশে এসে দাঁড়ালেন। তিনি, “উবারের তালা একমাত্র কোন রেহেমই খুলতে পারবে।”
ওমাহা আবারও হাত মুছল, “লেডী, যত খুশি চেষ্টা করে দেখতে পারেন।”
লুলু ছড়ি দিয়ে বারটা স্পর্শ করলেন, “আশীর্বাদপ্রাপ্ত কাউকে লাগবে। যার সম্পর্শে প্রাণ ফিরে পায় চাবিগুলো। যার ধমনীতে প্রথম রাণীর রক্ত বইছে।”
সাফিয়ার দিকে ফিরলেন তিনি, “যার মাঝে রেহেমদের আশীর্বাদ আছে।”
“আমার কথা বলছেন?” বিস্মিত সাফিয়া জানতে চাইল।
“হ্যা।” এক শব্দে জবাব দিলেন লুলু।
“উবারের সবকিছু তোমার স্পর্শে প্রাণ ফিরে পায়।”
জবের সমাধির কথা মনে পড়ে গেল সাফিয়ার। গ্লাভস পড়া অবস্থায় যখন বর্শা। আর আবক্ষ মূর্তিটা স্পর্শ করেছিল সে, তখন কিছুই হয়নি। কিন্তু যখন বৃষ্টির পানি মোছার জন্য স্পর্শ করেছিল সে মূর্তিটাকে…
..তখনই নড়া শুরু করে দিয়েছিল ওটা। ষাঁড়ের শিং এর ক্ষেত্রেও একই কথা খাটে। বের হবার সাথে সাথে কিছু হয়নি, কিন্তু ও স্পর্শ করা মাত্রই শুরু হয় জিনিসটার লাল হয়ে ওঠা।
লুলু ইঙ্গিতে ওকে সামনে এগোতে বললেন। নির্দেশ পালন করল সাফিয়া।
“দাড়াও।” কোরাল ওর পকেট থেকে একটা যন্ত্র বের করে আনল।
“কী ওটা?”
“একটা জিনিস পরীক্ষা করে দেখতে চাই।” মেয়েটা উত্তর দিল, “ক্যাসান্দ্রার কাছ থেকে দারুণ কিছু যন্ত্রপাতি পেয়েছি।” সাফিয়াকে এগোতে ইঙ্গিত দিল সে।
লম্বা একটা শ্বাস নিয়ে সাফিয়া একহাতে স্পর্শ করল বারটাকে। কিন্তু অস্বাভাবিক কিছু অনুভব করতে ব্যর্থ হলো সে। তাই এবার একহাতেই উঁচু করার চেষ্টা করল বারটাকে। সহজেই উঠে এল সেটা।
“ড্যাম।” আঁতকে উঠল ওমাহা, “আমার টানাটানিতে ছুটে এসেছিল নিশ্চয়।”
মাথা নাড়ল কোরাল, “নাহ। ওটা আসলে একধরনের ম্যাগনেটিক লক।”
“কী?” জানতে চাইল সাফিয়া।
“এই জিনিসটা নাম ম্যাগনোমিটার।” হাতে ধরা জিনিসটা উচু করে দেখাল। কোরাল, “ম্যাগনেটিক চার্জ ধরতে পারে। তুমি লোহার বারটা ধরা মাত্র জিনিসটার পোলারিটি পরিবর্তন হয়ে গিয়েছিল।”
“কিন্তু…”
“লোহা চুম্বকের প্রতি আসক্ত। এখানে কী হচ্ছে, তা এখনও বুঝতে পারছি না। কিন্তু কেন জানি তোমার প্রতি এখানকার লোহার আসক্তি দেখা যাচ্ছে।”
ইমরানের সমাধির কথা মনে পড়ল সাফিয়ার। ওখানেও লোহার হৃদপিন্ডটা কম্পাসের মত নড়ে চড়ে স্থির হয়ে গিয়েছিল।
উপর থেকে আরেকটা তীব্র আওয়াজ ভেসে এল।
“ওসব পরে হবে। এখন সময় নেই।” বলে হান্ডেলটা ধরে টান দিল ওমাহা।
এবার খুব সহজেই খুলে গেল দরজা। দেখতে পেল, একটা পাথর খোদাই করে বানানো সিড়ি অন্ধকারের মাঝে নেমে গিয়েছে।
সিঁড়িটা বেশি বড় না, তবে খাড়া বলা চলে। একশ ফুটের মত গিয়ে, আগেরটার চেয়েও প্রায় চারগুণ বড় একটা গুহায় গিয়ে শেষ হয়েছে। এখানেও একটা কূপের মত এলাকা দেখা গেল, অন্ধকার আর কাঁচের মত। বাতাসের গন্ধটাও অন্যরকম, স্যাঁতসেঁতে তো বটেই। সেই সাথে ওজন গ্যাসের গন্ধও আছে।
কিন্তু সাফিয়ার নজর অন্যদিকে। পানির সাথে একটা পাথরের জেটি। সেটা দখল করে এই মুহূর্তে দাড়িয়ে আছে অনন্য সুন্দর একটা কাঠের ধাউ (একধরনের নৌকা), লম্বায় ত্রিশ ফুট। ফ্ল্যাশ লাইটের আলোয় যেন চকচক করছে। সোনার পাতা দিয়ে সাজানো হয়েছে রেলিং আর মাস্তুল। দাঁড়ও আছে, সুন্দর করে ভাঁজ করে রাখা।
উপস্থিত সবাই প্রশংসা না করে পারল না। বাঁ দিকে একটা প্রশস্ত পানিময় টানেল অন্ধকারে হারিয়ে গিয়েছে।
ধাউ-এর সামনে শোভা পাচ্ছে একটা নারী মূর্তি, বুক খোলা। কিন্তু হাত দুটো দিয়ে ঢেকে রেখেছে। চেহারা ঘুরে আছে প্রশস্ত টানেলটার দিকে।
দূর থেকেও নারী মূর্তিটাকে চিনতে পারল সাফিয়া। শেবার রাণী।
“লোহা।” পাশে দাঁড়ানো ওমাহার কথায় সম্বিত ফিরল ওর। মূর্তিটার দিকে আলো ফেলেছে সে।
ধাউ-এর দিকে এগিয়ে বলল, “আরেকবার নৌ-ভ্রমণে যেতে হবে দেখছি।”
১২:৩২ পি.এম.
সিংকহোলের ভেতর দলা মোচড়া পাকিয়ে পরে থাকা দেহটার দিকে তাকাল ক্যাসান্দ্রা। আফসোস, রাগ না ভীতি অনুভব করবে-বুঝতে পারছে না। তবে ওসব নিয়ে ভাববার সময় নেই। এই ব্যাপারটাকে কিভাবে কাজে লাগানো যায়, সেটা ভাবা দরকার।
“দেহটাকে উপরে নিয়ে এসো, ভরে ফেল ব্যাগে।” দুজন কমান্ডো তাদের প্রাক্তন নেতাকে তুলে আনার জন্য রওনা হলো। অন্যরা ব্যস্ত বিস্ফোরক বসানোর কাজে। দানব বাহনটাকে ধ্বংস করতে হবে।
কিছুক্ষণ তাদের কাজ পরিদর্শন করল ক্যাসান্দ্রা। বিস্ফোরক বসানো শেষ হলে স্যান্ড সাইকেলে চড়ে বসল। মাফলার আর স্কার্ফ শক্ত করে বেঁধে নিয়ে উপরের দিকে এগোল। পনের মিনিট পর বিস্ফোরণ ঘটবে।
উপরে উঠে মুখোমুখি হতে হলো প্রবল বালিঝড়ের। ধ্যাত, ঝড়টা আরো গতি পেয়েছে। বেশ খানিকক্ষণ কসরত করে, গ্রামের এখনও দাড়িয়ে থাকা একটা দালানের সামনে এসে পার্ক করল বাইকটা। ঢুকে পড়ল দরজা গলে।
আহত যোদ্ধারা সারি বেঁধে কটে শুয়ে আছে। অধিকাংশ পেইন্টারের অদ্ভুত দলের সাথে লড়াইয়ে আহত হয়েছে। মেয়েগুলো আসলেই অদ্ভুত। ভূতের মত উদয় হয়ে, ভূতের মতই মিলিয়ে গিয়েছে। এমনকি শত্রু যে কয়জন, সেটাও আন্দাজ করতে পারেনি ক্যাসান্দ্রার দলের কেউ। কিন্তু এখন শত্রুদের সবই ঐ গর্ত দিয়ে নিচে নেমে গিয়েছে।
একটা বিশেষ কটের সামনে এসে দাঁড়াল ক্যাসান্দ্রা। মেডিক কটে শোয়া লোকটার শুশ্রষা করছে। গালের উপর হওয়া ক্ষতটা সেলাই করে দিচ্ছে, কিন্তু মাথায় ফুলে ওঠা জায়গাটার ব্যাপারে ওর করার কিছুই নেই।
পড়ন্ত অবস্থায় মাথায় আঘাত পেয়েছে পেইন্টার। কপাল জোরে নরম বালুর উপরে পড়ায় বেঁচে গিয়েছে সে।
“কি অবস্থা?” জানতে চাইল সে। “মাথায় হালকা আঘাত পেয়েছে। তবে সিরিয়াস কিছু না। অজ্ঞান শুধু।”
“জাগিয়ে তোল ওকে।”
মেডিক দীর্ঘশ্বাস ফেলল। শত্রুর সেবা করা ছাড়াও গুরুত্বপূর্ণ কাজ আছে ওর। তবে আপত্তি করল না, কেননা ক্যাসান্দ্রার গুরুত্বপূর্ণ কাজ যে পেইন্টারের সাথে ।
১২:৪২ পি.এম.
“এবার কী?” জিজ্ঞাসা করল ওমাহা, “দাঁড় বাইব? নাকি ধাক্কা লাগাব?”
ধাউয়ের সামনের দিকে দাঁড়িয়ে, ঘাড় ঘুরিয়ে তাকাল সে। সবাই নৌকাটায় উঠে বসেছে।
কাছ থেকে দেখতে আরো সুন্দর লাগছে ধাউটাকে। সোনা দিয়ে বানানো পাতা যেন মুড়ে রেখেছে পুরো নৌকা। রুপা আর মুক্তারও কমতি নেই। এমনকি দড়িগুলোতেও সোনার উপস্থিতি স্পষ্ট। রাজকীয় নৌকা এটা।
কিন্তু দেখতে যতই সুন্দর হোক না কেন, নৌভ্রমণের জন্য এই মুহুর্তে উপযোগী বলে মনে হচ্ছে না। অন্তত এক ঝলক বাতাস না এলে তো…
শেবার রাণীর মূর্তির দুই পাশে দাঁড়িয়ে আছে কারা আর সাফিয়া। ওদের ঠিক পেছনেই ছড়িতে ভর দিয়ে আছেন হোজা।
“স্পর্শ কর।” কারা সাফিয়াকে অনুরোধ করল। হোজাও তাই বললেন।
“কী না কী হয়…” চিন্তিত সুরে বলল সাফিয়া।
মেয়েটা ভয় পাচ্ছে, ভাবল ওমাহা। ট্রাইলিথ চেম্বারের বিস্ফোরণের কথা মনে পড়ে গিয়েছে নিশ্চয়। তাই এখন উপস্থিত সবার নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছে।
পাশে এসে দাঁড়াল ওমাহা, মেয়েটার কাধে হাত রেখে আস্বস্ত করল। “দেখো, ক্যাসান্দ্রা যেকোন মুহূর্তে এসে পড়বে। এই টুকু রিস্ক তো নিতেই হয়।”
“আচ্ছা।” ফিসফিস করে বলল সাফিয়া।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মূর্তিটার কাঁধ। হলো না কিছুই।
“আমার মনে হয় না যে আমি-”
“না।” বলল ওমাহা, “কাজ হয়েছে।” পায়ের নিচে কম্পন টের পাচ্ছে ও, যেন পানি টগবগ করে ফুটছে। খুব আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলো নৌকা।
ঘুরে দাঁড়াল সে, “রশিগুলো খুলে দাও!”
“কি হচ্ছে?” জানতে চাইল সাফিয়া। এখনও মূর্তিটার কাঁধ স্পর্শ করে আছে।
“হাল ধরেছ তো বারাক?” ওমাহা উত্তর না দিয়ে চিৎকার করল। হাত নেড়ে জানাল বারাক যে ধরেছে।
আস্তে আস্তে বাড়ছে নৌকার গতি। বারাক টানেলটার মুখের দিকে লক্ষ্য করে হাল ঘুরালো। কত লম্বা টানেল ওটা? জানার মাত্র একটাই উপায় আছে।
এদিকে কোরাল আর ড্যানি ব্যস্ত হয়ে পড়েছে ওদের গবেষণা নিয়ে। “ওজনের গন্ধ পাচ্ছ?” ওমাহার ভাইকে জিজ্ঞাসা করল মেয়েটা।
“হ্যাঁ”
“দেখ, যেখানে যেখানে লোহা পানির সাথে মিলিত হচ্ছে, সেখানকার পানি কেমন বাপে পরিণত হচ্ছে।” কৌতুহল সবার দৃষ্টিই পানির দিকে নিয়ে গেল।
“কি করছ তোমরা?” জিজ্ঞাসা করল ওমাহা।
লালচে চেহারা নিয়ে ড্যানি উত্তর দিল, “রিসার্চ।”
চোখ উল্টালো ওমাহা, ওর ভাই আজীবন আঁতেলই রয়ে গেল।
কোরাল সোজা হয়ে দাঁড়াল, “পানিতে একধরনের বিক্রিয়া শুরু হয়েছে। আমার ধারণা ওই মূর্তিটা পানি স্পর্শ করছে বলেই তা হচ্ছে। অবশ্য এতে আমাদেরই লাভ, সামনে এগোতে পারছি।”
আবার রেলিং এর উপর ঝুঁকল সে, “আমি এই পানি পরীক্ষা করে দেখতে চাই।”
নড করল ড্যানি, “আমি বাকেট নিয়ে আসছি।” ওদেরকে ওদেরমতো থাকতে দেবার সিদ্ধান্ত নিল ওমাহা।
হোজাকে ওর আর সাফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখল সে, “কোথায় যাচ্ছি, তা কি আপনি জানেন?”
শ্রাগ করলেন বয়স্কা মহিলা, “উবারের হৃদয়ের দিকে।
১২:৪৫ পি.এম.
আচমকা জ্ঞান ফিরে পেল পেইন্টার। বসার চেষ্টা করল, কিন্তু কেউ একজন ধাক্কা দিয়ে আবার শুইয়ে দিল। মাথার ভেতর যেন ঘন্টা বাজছে, চোখ মেলতে কষ্ট হচ্ছে। পাশ ফিরে বমি করে দিল।
“জেগেছ দেখছি।” গলাটা চিনতে পারল ও, সাথে সাথে ঠান্ডা হয়ে গেল শরীর। ব্যথা ভুল পায়ের কাছে দাঁড়ানো মেয়েটার দিকে তাকাল,
“ক্যাসান্দ্রা।”
উঠে বসতে চাইল সে, কিন্তু দুপাশে দাড়ানো দুই কমান্ডো ওকে সেই সুযোগ দিলে তো। বিছানার সাথে ঠেসে ধরল ওকে।
হাত নেড়ে মানা করল ক্যাসান্দ্রা। আস্তে আস্তে উঠে বসল পেইন্টার।
“আমাদের আলোচনায় বসা দরকার। তোমার ঐ ছোট্ট অকাজ আমার বেশ ক্ষতিই করেছে। তবে আমার ল্যাপটপটা উদ্ধার করা গিয়েছে। পাশের ফোল্ডিং চেয়ারে রাখা কম্পিউটারের দিকে ইঙ্গিত করল সে।
স্ক্রিনে বালিঝড়ের লাইভ ফিড দেখা যাচ্ছে। সেই সাথে নিচে লেখা তথ্যও নজর এড়াল না পেইন্টারের। আরব সাগরের উচ্চ-চাপের ফলে সৃষ্ট ঝড়টা আর ঘন্টা দুয়েকের মাঝেই এই বালিঝড়ের সাথে মিলিত হতে চলেছে।
অবশ্য তাতে আর এখন কিছু যায় আসে না। “আমি মুখ খুলব না।” কোনক্রমে বলল সে। “তোমার কাছে কিছু জানতে চেয়েছি বলে তো মনে পড়ছে না।”
ল্যাপটপের কাছে এগিয়ে গেল মেয়েটা, কি-বোর্ড চাপল। সাথে সাথে মনিটরে ফুটে উঠল একটা নতুন ম্যাপঃ এই এলাকার। গ্রাম, ধ্বংসাবশেষ, মরুভূমি-সব ফুটে উঠেছে। সাদা কালো ম্যাপ, তবে একটা ছোট নীল বৃত্ত দেখা যাচ্ছে। রিংটার নিচে X-, Yআর Z-অক্ষ বরাবর কো-অর্ডিনেট দেখা যাচ্ছে। চিনতে পারল পেইন্টার। এটা ওরই ডিজাইন, একটা মাইক্রো ট্রান্সিভারের সিগন্যাল।
“কি…কি করেছ…?”
“ড, আল-মায়াজের ভেতর অনুপ্রবেশ করিয়েছি। হাজার হলেও, তাকে হারালে আমরা বিপদে পড়ে যাব।”
“সিগন্যাল…মাটির নীচ থেকে…” কথা বলতে কষ্ট হচ্ছে ওর।
“প্রবেশমুখটা পুরোপুরি আটকাতে পারনি তুমি। ছোট ফাঁক রয়ে গিয়েছে, একটা অ্যান্টেনা ঢোকাবার জন্য যথেষ্ট।”
“আমাকে এসব বলছ কেন?”
কাসান্দ্রা ওর কটের পাশে এসে দাড়াল, হাতে একটা ট্রান্সমিটার। “তোমার ডিজাইনে ছোট্ট একটা পরিবর্তন এনেছি আমি। জানো, ছোট একটা ব্যাটারি থাকলেই সি-ফোর এর বিফোরণ ঘটানো যায়? ডিজাইন দেখবে?”
রক্ত যেন জমে গেল পেইন্টারের, “ক্যাসান্দ্রা, কী করেছ তুমি?” সাফিয়ার মুখটা ভেসে উঠল ওর চোখের সামনে।
“বেশি না, এই অল্প একটু সি-ফোর যোগ করে দিয়েছি ট্রালিভারের।”
“না…”
একটা ভ্রু উঁচু করল মেয়েটা, আগে এই দৃশ্য পেইন্টারকে উত্তেজিত করত। এখন ভয় পাইয়ে দিল।
“তুমি যে প্রশ্নই করো না কেন, উত্তর দেব আমি।” বলল ও।
“আহ, এরকম সহযোগী মনোভাবই তো চাই। কি পেইন্টার, আমি তোমাকে কোনও প্রশ্ন করেছি বলে তো মনে পড়ছে না।” ট্রান্সমিটারটা উচু করে ধরে স্ক্রিনের দিকে নজর ফেরাল ক্যাসান্দ্রা, “তোমার শাস্তির সময় উপস্থিত।
বাটনটা চেপে দিল সে।
“না!” পেইন্টারের চিৎকারকে ছাপিয়ে দিল একটা বিস্ফোরণের আওয়াজ। মনে হলো, ওর হৃদয় বিস্ফোরিত হচ্ছে।
ক্যাসান্দ্রার দিকে নজর পড়তে দেখল, পরিতৃপ্তির হাসি হাসছে মেয়েটা। চারপাশে হাসির রোল উঠল।
মেয়েটা বলল, “ওহ হো। এটা দেখি ভুল ট্রান্সমিটার। ট্রাক্টরটার চারপাশে বসানো বিস্ফোরকের জন্য এটা। আমার বিশেষজ্ঞ টিম আশ্বস্ত করেছে যে আধ ঘন্টার মাঝেই টানেলের ঢোকার মত পথ করে দিতে পারবে।”
পেইন্টারের হৃদপিন্ড তবুও পাগলা ঘোড়ার মত ছুটে চলছে।
আরেকটা ট্রান্সমিটার হাতে নিল ক্যাসান্দ্রা, “এটা কিন্তু আসল, সাফিয়ার ট্রান্সিভারের। চেপে দেখব নাকি, কি হয়?”
মাথা নিচু করে রইল পেইন্টার। মেয়েটার বিশ্বাস নেই। উবারের পথ এখন উন্মুক্ত। এখন আর সাফিয়ার কোন দরকার নেই।
ওর দিকে ঝুঁকে এল ক্যাসান্দ্রা, “এখন…এখন আমরা আলোচনা শুরু করতে পারি।”
০১:৫২ এ.এম.
আধ ঘন্টা আগের কথা, হঠাৎ শোনা বিস্ফোরণের শব্দে চমকে উঠেছিল সাফিয়া।
“ক্যাসান্দ্রা পথ করে নিয়েছে।” ওমাহা বলেছিল।
গত আধ ঘন্টায় অনেকটা পথে চলে এসেছে ওদের নৌকা। কিন্তু ওর দুশ্চিন্তা একবিন্দুও কমেনি। যদিও পানি পথে ওদেরকে ধরতে হলে ক্যাসান্দ্রার কোন না কোন বাহন ব্যবহার করতে হবে।
নৌকাটা জোর কদমে হাঁটার গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে এক ঘন্টার বেশি সময় ধরে। কমপক্ষে ছয় বা সাত মাইল পাড়ি দিয়েছে ওরা।
একটা একটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে, আর একটু একটু করে স্বস্তিবোধ করছে সবাই। তাছাড়া, ক্যাসান্দ্রা বোমা ফাটিয়েছে। তাতে তো প্রবেশমুখ পরিষ্কার নাও হতে পারে! কিন্তু একটা চিন্তা সাফিয়াকে কুরে কুরে খাচ্ছে। পেইন্টার। কী হলো লোকটার? মারা গিয়েছে, বন্দি নাকি ঝড়ের শিকার? পেছনে অবস্থানরত রেহেম রমণীরা গান গাওয়া শুরু করল। ভাষাটা চিনতে পারল ও-অ্যারামিক।
“আমাদের আদি ভাষা। এখন মৃত, কিন্তু আমরা নিজেদের মাঝে ব্যবহার করি।” লুলু জানালেন।
চুপচাপ দাড়িয়ে থেকে সেই গান শুনছে সাফিয়া, যেন অতীত আর বর্তমানের মাঝে মেলবন্ধন তৈরি হয়েছে।
কারা আর ওমাহা ঘুমাচ্ছে, বারাক এখন হাল ধরে আছে। এই প্যাসেজটা হয়তো কোন ভূ-গর্ভস্থ নদীর অংশ ছিল এক কালে।
কয়েক পা দূরে, একগাদা যন্ত্রপাতির মাঝে বসে আছে কোরাল। কাজ করছে, ড্যানি সাহায্য করছে ওকে।
একাকী দাঁড়িয়ে আছে ওদের দলের শেষ সদস্য ক্লে। সামনের দিকে তাকিয়ে আছে সে। সাফিয়াকে চেয়ে থাকতে দেখে, এগিয়ে এল ছেলেটা।
“কী অবস্থা?” জানতে চাইল সাফিয়া।
“তোমার কাছে আমার একটাই দাবী, এতকিছুর পরও যদি ভাল মার্ক না পাই…” হাসল ক্লে।
“উম…ভেবে দেখব। জানই তো, সবসময় মার্ক কাটার মত জায়গা থাকে।” দুষ্টুমি করল ও।
“তাই? তাহলে আর কোনদিন তোমাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হচ্ছি না।” অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ক্লে, “এখানে এতো পানি কেন?”
ছেলেটার সমুদ্রভীতির কথা মনে পড়ে গেল ওর।
ড্যানি নড়ে উঠল। বলল, “আমি আর কোরাল সেটা নিয়েই আলোচনা করছিলাম। শুধু স্থানীয় বৃষ্টিপাত বা ভু-গর্ভস্থ পানি দিয়ে এই নদীর ব্যাখ্যা দেয়া যায়।”
ওমাহা নড়ে উঠল, এতক্ষণ মাথা নিচু করে ছিল সে, ঘুমায়নি। “তাহলে?”
“পানিটা পৃথিবী নিজস্বর সৃষ্টি।” উত্তর দিল কোরাল।
“কী বললে?”
“১৯৫০ সাল থেকে আমরা জানি যে, পৃথিবীতে যে পরিমাণ পানি আছে, তা কোনভাবেই বাষ্পীভূত হওয়া আর বৃষ্টি পড়ার দ্বারা ব্যাখ্যা করা যায় না। পৃথিবীর অভ্যন্তরে অনেকগুলো বিশাল পানির ঝর্ণা দেখা দিয়েছে। বিশাল অ্যাকুইফার বলতে পার।” (অ্যাকুইফার-এমন পাথরের স্তর যেটা পানি ধরে রাখতে পারে)
ড্যানি যোগ দিল এবার, “কোরাল…মানে ড. নোভাক বলছিল যে নিউ ইয়র্কের হার্লেম হসপিটালে খননকার্যের সময় এমন ঝর্ণা পাওয়া গিয়েছে। মিনিটে দুই হাজার গ্যালন পানি বের হচ্ছিল ঐ ঝর্ণা দিয়ে। অবশেষে টনকে টন কংক্রিট ঢালাই করে ফুটো বন্ধ করতে হয়েছে।”
“এই পানি আসল কোথেকে?”
কোরালের দিকে ইঙ্গিত করল ড্যানি, “তুমি বলো।”
এবার কোরালের পালা, “স্টিফেন রেইস নামের একজন ইঞ্জিনিয়ার এবং জিওলজিস্ট ছিলেন। তিনি বলেছিলেন যে এই পানি পৃথিবীর অভ্যন্তরে তৈরি হয়, প্রকৃতিগতভাবে পাওয়া হাইড্রোজেন আর অক্সিজেনের সম্মিলনে। এই দুই গ্যাস আবার তৈরি হয় ম্যাগমাতে। এক ঘন কিলোমিটার গ্রানাইটকে সঠিক তাপমাত্রায় সঠিক পরিমাণে চাপ দিলে আট বিলিয়ন গ্যালন পানি উৎপন্ন হয়। এই পানিই আমাদের বাড়তি পানি। এক বিশাল একুইফার সিস্টেমে প্রবেশ করে পৃথিবীকে ঘিরে চক্কর দেয়।”
“এই আরব মরুভূমির নিচেও?” অবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করল ওমাহা।
“কেন না? রেইস ১৯৮৫ সালে মারা যান। তার আগে তিনি পঞ্চাশ বছর ধরে সফলতার সাথে এমন সব জায়গা থেকে পানি খুঁজে বের করেন, যেখানে পানি আছে বলে কেউ ভাবতেই পারেনি।”
“তোমার ধারণা এই পানিও সেই একুইফারের অংশ?”
“হয়তো।” কোরাল আর কিছু বলল না। ওর মেশিনের দিকে নজর ফেরালো। ভ্রু কুঁচকে আছে।
“কী সমস্যা?” জানতে চাইল ড্যানি।
“এখানকার পানিতে অন্যরকম কিছু একটা আছে।”
“কী?”
একটা টেস্ট টিউব বের করল মেয়েটা, “আমি পানি জমাট বাধাতে চেষ্টা করছিলাম ।”
“তারপর?”
“নাইট্রোজেন কুলারে রেখেছিলাম, নেগেটিভ থার্টি ডিগ্রী সেলসিয়াসে। কি তাও জমাট বাধেনি।”
“কী?” ওমাহা এগিয়ে এল।
“আমি কিছুই বুঝতে পারছি না। সাধারণত তাপ শক্তি ত্যাগ করে বরফে পরিণত হয় পানি। কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছে না। মনে হচ্ছে এই পানির অভ্যন্তরিত শক্তি অসীম।”
সাফিয়া ওদের দিকে তাকাল, একটা কথাও ওর মিস হয়নি। “এখনও Rad-x স্ক্যানারটা আছে না?” (এই স্ক্যানার দিয়ে প্রতি-পদার্থে বিকিরণ দেখা হয়) নড করল কোরাল, চোখ বড়বড়। “অবশ্যই।”
স্ক্যানারটা টেস্টটিউবের উপর ঘুরিয়ে আনল ও। চোখের দৃষ্টিই বলে দিল মনের কথা। “পদার্থ-প্রতি পদার্থ বিক্রিয়া!”
রেলিং পর্যন্ত বয়ে নিয়ে গেল যন্ত্রটাকে, “প্রতি ধাপে মাত্রা বৃদ্ধি পাচ্ছে।” “মানে কী?” ওমাহা জানতে চাইল। “মূর্তি যে লোহা দিয়ে বানানো, তার চৌম্বকীয় ধর্মের প্রভাবে বিক্রিয়া ঘটছে।”
“প্রতি পদার্থ? কোথায়?” কোরাল ওর চার পাশে তাকাল, “আমরা প্রতি-পদার্থের মাঝ দিয়ে এগোচ্ছি।”
“অসম্ভব। পদার্থের সংস্পর্শে আসা মাত্রই প্রতি পদার্থ ধ্বংস হয়ে যায়। পানিতে প্রতি পদার্থ থাকতেই পারে না। থাকলে অনেক আগেই ধ্বংস হয়ে যেত।”
“তা ঠিক। কিন্তু নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারিনা। এখানকার পানিতে প্রতি পদার্থের পরিমাণ বিষ্ময়কর রকম।”
“সেটাই কি নৌকাটাকে সামনে এগিয়ে নিচ্ছে?” জানতে চাইল সাফিয়া।
“হয়তো।”
“আর এর ভারসাম্য নষ্ট হওয়াটা?” জানতে চাইল ওমাহা। শক্ত হয়ে গেল সাফিয়া, পেইন্টারের বলা কথাগুলো ওদের সাবরই মনে আছে।
স্ক্যানারের দিকে তাকাল কোরাল, “আমার তো কোন অস্বাভাবিক রিডিং নজরে পড়ছে না। তবে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে।”
প্রথম বারের মত কথা বলে উঠলেন হোজা, “টানেল শেষ হচ্ছে।” সামনে তাকাল সবাই, কোরালও বাদ পড়ল না। ছোট্ট একটা আলো দেখা গেল সামনে। টানেল থেকে বের হয়ে এক বিশাল ভূগর্ভস্থ চেম্বারে প্রবেশ করল নৌকা।
“মাদার অফ গড!” বিস্ময়ে বলে উঠল ওমাহা।
০২:o৪ পি.এম.
কানের সাথে শক্ত করে স্যাটেলাইট ফোনটা ধরে রেখেছে ক্যাসান্দ্রা। অন্য কানটাও হাত দিয়ে চেপে ধরেছে।
শুনতে শুনতে অস্থায়ী হেডকোয়ার্টারের দ্বিতীয় তলায় পায়চারী করছে সে। গিন্ড প্রধানের পরিবর্তিত কণ্ঠস্বরে শোনা কথা বুঝতে অসুবিধা হচ্ছে ওর।
“গ্রে লিডার”, মিনিস্টার বলছেন, “এই রকম পরিস্থিতিতে বিশেষ দল বা রশদ পাঠালে পুরো মিশন ধরা পড়ে যাবার সম্ভাবনা থাকে। গিন্ডের সামনে আসার সম্ভাবনার কথা নাহয় বাদই দিলাম।”
“আমি তা জানি মিনিস্টার, কিন্তু আমরা টার্গেটকে খুঁজে পেয়েছি। বিজয় থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আছি এখন। রশদগুলো পেলে হয়তো ঝড় শেষ হবার আগেই মিশন সফলতার সাথে শেষ হয়ে যাবে।”
“মিশন যে সফল হবে, তার কি নিশ্চয়তা দিতে পারো?”
“আমি আমার জীবন বাজী ধরতে রাজী আছি।”
“গ্রে লিডার, এরইমধ্যে তোমার জীবন বাজিতে লেগে গিয়েছে। গিল্ড কমান্ড তোমার ব্যর্থতা নিয়ে সন্তুষ্ট না। এরপরও যদি আমাদেরকে হতাশ কর, তাহলে তোমার প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে বাধ্য হব।”
হারামজাদা, মনে মনে গাল বকল ক্যাসান্দ্রা। নিজে নিরাপদে ডেস্কের পেছনে বসে বসে, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছ? তবে দোষটা কার উপর চাপাতে হবে, তা জানে সে। সেজন্য পেইন্টারের একটা ধন্যবাদও প্রাপ্য।
“মিনিস্টার, আমি আমার সফলতার ব্যাপারে শতভাগ নিশ্চিত। কিন্তু আমি একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখতে চাই। আমার সাথে মার্সেনারিদের টিম লিডার হিসেবে দেয়া হয়েছিল জন কেনকে। আমি তাকে বেছে নেইনি। জন কেন আমার আদেশ মানতে দেরী করেছে বা পুরোপুরি মানেনি। নিজের বোকামির মূল্য জান দিয়ে চুকাতে হয়েছে ওকে। এদিকে আমি নিজ হাতে আক্রমণকারীকে ধরেছি। ডারপার এক গুরুত্বপূর্ণ সদস্য এই শত্রু।”
“পেইন্টার ক্রোকে আটক করেছ?”
“জি, মিনিস্টার।” মিনিস্টারের মত একজন পেইন্টারকে চিনতে পারবে, সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি ক্যাসান্দ্রা।
“খুব ভাল, গ্রে লিডার। তোমার উপর আস্থা রেখে ভুল হয়নি দেখছি। তোমার রশদ পাবে। এরিমাঝে চারটা আর্মাড ট্রাক তোমার উদ্দেশ্যে রওনা হয়েছে।”
ক্যাসান্দ্রা জিহ্বা কামড়ে ধরল, তাহলে এত শত কথার উদ্দেশ্য ছিল ওকে সাবধান করে দেয়া!
“ধন্যবাদ, স্যার।” কোনক্রমে বলল সে, কিন্তু তার আগেই লাইন কেটে দিয়েছেন মিনিস্টার। ফোন রেখে পায়চারী শুরু করে দিল সে। |
গর্তের মুখ থেকে ট্রাক্টরটাকে সরিয়ে দেবার সময়, নিজের বিজয় নিয়ে শতভাগ নিশ্চিত ছিল মেয়েটা। পেইন্টারকে তো ধরেই ফেলেছে, অন্যদের ধরতেও সময় লাগবে না আর।
কিন্তু নিচে নেমে দেখে, পাখি উড়ে গিয়েছে। একটা ভূ-গর্ভস্থ নদী যে ওখানে আছে, তা কে জানত!
তাই পরিকল্পনা বদলাতে হয়েছে…আবারও।
ইচ্ছা না থাকলেও, মিনিস্টারের কাছে সাহায্য চাইতে হয়েছে ওকে। কপাল ভাল, বলির পাঁঠা হিসেবে ব্যবহার করার জন্য জন কেন ছিলো।
অনেকটা শান্ত হয়ে এল ক্যাসান্দ্রা, এগোল সিঁড়ির দিকে। এখনও কিছু কাজ বাকি আছে। সেটা নিজেই দেখাশোনা করবে। নিচে নেমে মেডিককে সামনে পেল সে।
“রশদ আসছে। ঘন্টা দুয়েক লাগবে।” আশ্বস্ত মনে হলো লোকটাকে।
পেইন্টারের দিকে তাকাল মেয়েটা, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। লোকটার বিছানার কাছেই নিজের ল্যাপটপ ফেলে গিয়েছিল সে। স্ক্রিনে এখনও নীল বৃত্তটা জ্বলছে।
সতর্কবার্তা।
ট্রান্সমিটারটা পকেটে পুরে রেখেছে সে, যেন পেইন্টার বাধ্য ছেলের মত কথা শোনে।
ঘড়ির দিকে তাকাল মেয়েটা, আর বেশীক্ষণ লাগবে না সব চুকে বুকে যেতে।
০২:০৬ পি.এম.
ধাউয়ের একদম সামনে দাঁড়িয়ে আছে সাফিয়া আর কারা। মূর্তিটায় একহাত রেখে দাড়িয়ে আছে সাফিয়া, অন্য হাতটাকে কারা নিজ হাতের মুঠোয় চেপে রেখেছে। অবশেষে দুবোন এমন একটা কাজ করতে পেরেছে, যা ওদের বাবা পারেননি। উবার খুঁজে বের করেছে ওরা। ধাউটা টানেল থেকে বেরিয়ে প্রবেশ করল একটা বিশাল গুহায়, উচ্চতায় কম করে হলেও ত্রিশ তলা বিল্ডিং এর চেয়ে বেশি হবে। লম্বায় মাইলখানেক। গুহার ঠিক মাঝখানে একটা বিশাল লেক।
ধাউ থেকে সবাই আলো ফেলল গুহার দেয়ালগুলোতে। কিন্তু বাড়তি আলোর প্রয়োজন ছিলো না। সিলিং বরাবর বারবার বিদাৎ স্ফুলিঙ্গ ঝলসে উঠছে। সেই আলোতেই পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু।
আটকা পড়া স্থির বিদাৎ, খুব সম্ভবত উপরের ঝড় থেকে এদের উৎপত্তি। কিন্তু ধাউয়ের সবাই অবাক হলো চারপাশ থেকে আলোর প্রতিফলন আসতে দেখে।
“কাঁচ।” বলল সাফিয়া।
পুরো গুহাটাই যেন বালুতে ডুবে থাকা এক কাঁচ নির্মিত গোলক। এমনকি সিলিং থেকে কাঁচের চাঁই ঝুলছে।
“স্নাগ গ্লাস,” বলল ওমাহা। “গলিত বালু শক্ত হয়ে এমনটা হয়েছে।”
“কিভাবে সম্ভব?” ক্লে জানতে চাইল।
নিশ্চুপ রইল সবাই, আন্দাজ করার পর্যন্ত সাহস পেল না কেউ। কোরাল লেকের দিকে চাইল, “এতো পানি!”
“নিশ্চয় পৃথিবী নিজে থেকে তৈরি করেছে।” বিড়বিড় করে বলল ড্যানি।
“যদি প্রতি পদার্থ থাকে এতে…” ভয়ে সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।
হঠাৎ আঁতকে উঠল সাফিয়া। লোহার মূর্তিটির কাঁধ থেকে হাত সরিয়ে নিলে ও, চেপে ধরল মুখ।
“সাফিয়া, কী-”
বলতে বলতেই ব্যাপারটা টের পেল কারা। সামনে তীর দেখা যাচ্ছে, পানি থেকে উঠে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কালো কাঁচের পিলার মেঝে থেকে উঠে ছাদ স্পর্শ করেছে। শত শত কলাম, বিভিন্ন আকারের।
“উবারের সহস্র পিলার।” ফিসফিসিয়ে বলল সাফিয়া।
কাছে গিয়ে আরো পরিষ্কারভাবে দেখতে পেল সবকিছু। অন্ধকারের চাদর ভেদ করে ওদের সামনে ফুটে উঠল একটা শহর, উজ্জ্বল আর ঝকঝকে।
“সবই কাঁচ।” ক্লে বলল।
কিংবদন্তীর শহরটা তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। উবার, মরুভূমির আটলান্টিস।
ডেকের দিকে ফিরে কারা দেখতে পেল, রেহেমদের সবাই হাঁটু গেড়ে বসে আছে। দুই সহস্রাব্দ পর ঘরে ফিরছে তারা। মরুভূমি কেড়ে নিয়েছিল একজন রাণী, ফিরিয়ে দিয়েছে ত্রিশ জনকে।
সাফিয়া হাত তুলে নেয়ায়, থেমে গিয়েছিল ধাউ, জড়তার জন্য এগোচ্ছে এখন।
ওমাহা মেয়েটার পাশে এসে দাঁড়াল। ওকে এক হাতে জড়িয়ে ধরে বলল, “অবশেষে।”
চওড়া কাঁধটায় আশ্রয় খুঁজে নিল সাফিয়া। হাত বাড়িয়ে দিল মূর্তিটার দিকে। ধাউ আবার চলা শুরু করল।
হুইল ধরে দাঁড়িয়ে থাকা বারাক চিৎকার করে উঠল, “আরেকটা জেটি!”
ধাউয়ের মুখ ঘুরিয়ে দিল লোকটা। জেটির কাছাকাছি আসতেই চিৎকার করে সাফিয়াকে বলল, “গতি কমাও।”
আবারও হাত তুলে নিল সাফিয়া। সাথে সাথে কমে এল ধাউয়ের গতি। জেটিতে বাহনটা ভেড়াতে বিন্দু মাত্র কষ্ট হলো না বারাকের। “বেঁধে ফেলো।”
ওমানি যোদ্ধার হুকুম শোনা মাত্র সোজা হয়ে দাঁড়াল রেহেম মহিলারা। জেটির সাথে নৌকা বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। বাঁধা শেষ হতেই পাথুরে জেটিতে পা রাখল সবাই।
“অবশেষে ঘরে ফিরেছি আমরা।” লুলু বললেন, চোখে আনন্দাশ্রু। হাত ধরে হোজাকে নামাল কারা। শক্ত পাথরে পা রেখে তিনি সাফিয়াকে কাছে ডাকলেন।
“আমাদেরকে নেতৃত্ব দাও। কেননা তুমিই আমাদেরকে উবারে ফিরিয়ে এনেছ।”
পিছিয়ে আসতে চাইল সাফিয়া, কিন্তু কারা বাঁধা দিল, “বয়স্ক মহিলার মুখের দিকে তাকিয়ে মেনে নাও।”
বুক ভরে নিঃশ্বাস নিয়ে ধাউ থেকে নামল সাফিয়া, উবারের কাঁচের সৈকতের দিকে এগিয়ে চলল। ওর ঠিক পেছনে রইলেন লুলু আর কারা। এমনকি ওমাহা পর্যন্ত নিজেকে ছুটে যাওয়া থেকে বিরত রাখল। এ মুহুর্ত শুধুই রেহেমদের। সৈকতে এসে পৌঁছুতেই, সবগুলো ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল।
কারা আশেপাশে তাকাল। অমনোযোগী বলে, কখন সাফিয়া আর হোজা দাঁড়িয়ে পড়েছে তা টেরই পেল না। বোনের পিঠের উপর আছড়ে পড়ল সে।
“হায় খোদা…” গুঙিয়ে উঠল সাফিয়া।
আর লুলু হাঁটু গেড়ে বসে পড়লেন।
ওদের পাশ দিয়ে এগিয়ে গেল ওমাহা আর কারা। একসাথে ভয়াবহ দৃশ্যটা নজরে পড়লো ওদের। চেহারা কুঁচকে গেল ওমাহার, এক পা পিছিয়ে এল কারা।
কায়েক গজ সামনে, রাস্তা থেকে যেন উঠে এসেছে একটা মমিকৃত কঙ্কাল। ওটার দেহের নিচের অংশটা এখনও কাঁচে ঢাকা। ওমাহা আরো সামনের দিকে আলো ফলল। রাস্তাজুড়ে এমন অসংখ্য দেহ। এমনকি একটা ক্ষয়ে যাওয়া বাচ্চার হাত দেখতে পেল কারা। এমনভাবে মুষ্ঠিবদ্ধ হয়ে যাছে, যেমনটা ডুবন্ত কোন ব্যক্তির হয়ে থাকে।
কাঁচের সমুদ্রে ডুবে মরেছে এখানকার সবাই।
ওমাহা আরো কাছে এগিয়ে গেল, কিন্তু আচমকা লাফ দিয়ে সরে এল পাশে। ফ্ল্যাশ লাইটটা দিয়ে একটু আগে পা দেয়া রাস্তার উপর আলো ফেলল সে। ওর ফ্ল্যাশ লাইটের আলোয় একটা মরদেহ দেখতে পেল কারা। একদম হাড় পর্যন্ত পুড়ে গিয়েছে, কুঁচকে আছে অবয়বটা।
চেষ্টা করেও নজর সরাতে পারল না কারা-ঠিক ওর বাবার মত অবস্থা। অবশেষে হাত দিয়ে চোখ ঢেকে ফেলল মেয়েটা।
ওর পেছন থেকে ওমাহা বলে উঠল, “আমার মনে হয়, উবারের শেষ রাণী কোন বিপর্যয়ের কারণে জায়গাটা সিল করে দিয়েছেন, তা আমরা আবিষ্কার করতে পেরেছি।” হাত দিয়ে মরদেহগুলোকে দেখাল সে, “আসলে উবার কোন শহর নয়, সমাধিক্ষেত্র।”
