ব্যাটল আন্ডার দ্য স্যান্ড
৪ ঠা ডিসেম্বর, ৩ঃ১৩ পি.এম.
শিশুর
ঠেকা কাজ চালাবার জন্য বানানো মেডিক্যাল ওয়ার্ডের উপর নজর বুলাল পেইন্টার। সিডেটিভের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, তবে এখন একটু ভাবতে পারার মত সুস্থ হয়েছে ও। ব্যাপারটার প্রকাশ যেন আচরণে না ঘটে, সেদিকে নজর রাখছে। ক্যাসান্দ্রাকে রুমে ঢুকতে দেখল সে। মেয়েটা ঢুকল ঝড়ো হাওয়ার মতোই, সাথে নিয়ে এল বাতাস আর বালু। বাইরে ঝড়ের প্রচন্ডতা অনেক বেশি, দুইজন মিলে বন্ধ করতে হলো দরজা।
পেইন্টার একটু আগে শোনা কথায় বুঝতে পেরেছে যে, মেয়েটার সাফিয়াদেরকে ধরার সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে বিস্তারিত বুঝতে পারেনি। তার চলার আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে অবশ্য মনে হচ্ছে, পুরোপুরি ব্যর্থ হয়নি সে। অনেকদিনের পরিচয় থাকার কারণে পেইন্টার জানে, মেয়েটা ব্যাকআপ প্ল্যানের ব্যাকআপ প্ল্যান করে রাখে।
পেইন্টারের এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকাটা মেয়েটার নজর এড়াল না। এগিয়ে এসে ওর পাশের কটে বসে পরল সে। পেইন্টারের জন্য নিযুক্ত গার্ড পেছনে দাঁড়িয়ে ছিল, একটু নড়ে উঠল লোকটা। হাজার হলেও, বস নিজে এসে উপস্থিত। একটা বন্দুক বের করে কোলের উপর রাখল ক্যাসান্দ্রা।
এখনই কি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে?
চোখের কোণ দিয়ে ল্যাপটপের মনিটরে ফুটে ওঠা নীল বৃত্তটাকে এখনও দেখতে পাচ্ছে পেইন্টার। সাফিয়া এখনও বেঁচে আছে। শিশুর থেকে অনেক দূরে আছে মেয়েটা, উত্তরে যাচ্ছে। Z-অক্ষের মান দেখে মনে হচ্ছে, সাফিয়া মাটির অনেক নিচে আছে। একশ ফুটের বেশি।
ক্যাসান্দ্রা বডিগার্ডের দিকে হাত নাড়ল, “সিগারেট খেয়ে এসো, বন্দীর দিকে আমি নজর রাখছি।”
“ইয়েস ক্যাপ্টেন, থ্যাংক ইউ স্যার।” বলে রওনা দিল বডিগার্ড। ভয় পাচ্ছে। পাছে বস মন পরিবর্তন করে ফেলে। ক্যাসান্দ্রাকে যে এখানকার সবাই ভয় পায়, তা বডিগার্ডের কল্পিত কণ্ঠ শুনেই আঁচ করতে পেরেছে পেইন্টার।
আড়মোড়া ভাঙল ক্যাসান্দার, “তাহলে ক্রো…”
বেডসীটের আড়ালে হাত মুষ্ঠি বদ্ধ হয়ে এল পেইন্টারের। অবশ্য ওর কিছু করার ক্ষমতা নেই। একটা গোড়ালি কটের সাথে কাফ দিয়ে বাঁধা, আর ক্যাসান্দ্রা ওর নাগালের ঠিক বাইরে বসে আছে।
“কী চাও স্যানচেজ? গর্ব করতে এসেছ?”
“নাহ। জানাতে এসেছি যে, আমার উপরওয়ালাদের নেক নজর তোমার উপরে পড়েছে। আসলে, তোমাকে বন্দী করতে পেরেছি বলে সম্ভবত কয়েক ধাপ উপরে উঠে যাব আমি। গিল্ড সফলতার পুরষ্কার দিতে জানে।”
অবাক হয়ে মেয়েটার দিকে তাকাল ও, “দ্য গিল্ড? ওরাই তাহলে তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে?”
“কী আর বলব বলো, অংকটাও তো দেখতে হবে।” শ্রাগ করল মেয়েটা, “অন্যান্য সুযোগ সুবিধাও বেশি। রিটায়ারমেন্টের সময় মোটা অংকের টাকা, নিজস্ব খুনী দল। পছন্দ না করার কোন কারণ নেই।”
মেয়েটার গলার আত্মবিশ্বাস আর আনন্দ ওর কান এড়াল না। ব্যাপারটা সাফিয়াদের জন্য একদম ভাল হবে না। নিজের বিজয়ের ব্যাপারে ক্যাসান্দ্রা একেবারে নিশ্চিত।
“গিল্ডের সাথেই কেন?” জানতে চাইল পেইন্টার ।
“আসল ক্ষমতা কাদের হাতে জানো? যারা নিয়মের বাইরে যেতে রাজি। আইন কানুন যোগ্য মানুষকে বেঁধে রাখার হাতিয়ার ছাড়া আর কিছুই না।” অতীতে চলে গেল ওর নজর। “আমি এমন এক সীমা অতিক্রম করতে পেরেছি, যেটা খুব কম মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব। জানো কী পেয়েছি? পেয়েছি ক্ষমতা। পুনরায় আর সীমার মাঝে ফিরে যেতে রাজি নই আমি…এমনকি তোমার জন্যও না।”
তর্ক করে লাভ হবে না, বুঝতে পারল পেইন্টার।
“তোমাকে বার বার সাবধান করে দিয়েছি।” বলল ক্যাসান্দ্রা, “গিল্ডের সাথে লাগতে এসো না। পাত্তা পাবে না। যাই হোক তোমার প্রতি বিশেষ নজর পড়েছে গিল্ডের।”
গিল্ডের ব্যাপারে অসমর্থিত সূত্র থেকে অনেক কিছুই শুনেছে পেইন্টার। ধরে নেয়া হয়, গিল্ডের উৎপত্তি হয়েছে সোভিয়েত ইউনিয়নের ছাই থেকে। শুরুতে রাশিয়ান গুন্ডা আর প্রাক্তন কেজিবি এজেন্টদের নিয়ে গড়ে উঠেছিল গিল্ড। কিন্তু পরবর্তীতে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এর গঠন প্রণালী টেরোরিষ্টদের মত। নেতারা সব আত্মগোপন করে থাকে। এদের উদ্দেশ্যঃ টাকা, ক্ষমতা, প্রভাব। আর উদ্দেশ্য পূরণের জন্য ঠান্ডা মাথায় খুন করতেও আপত্তি নেই। একবার যদি প্রতি পদার্থের উৎসের খবর এরা পেয়ে যায়, তাহলে গিল্ড হয়ে উঠবে অপ্রতিরোধ্য।
ক্যাসান্দ্রার চেহারা ভাল ভাবে পরখ করে দেখল ও। কতদূর পর্যন্ত পৌঁছেছে গিল্ডের হাত। ওয়াশিংটনের কতটা ভেতরে প্রবেশ করতে পেরেছে এরা। পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো ই-মেইলটার কথা মনে পড়ে গেল ওর। অন্তত একজনকে যে কিনে ফেলেছে গিন্ড, সে ব্যাপারে পেইন্টার নিশ্চিত। শেন ম্যাক নাইটের চেহারা চোখের সামনে দেখতে পেল ও। প্রথম থেকেই ওকে ফাঁদে ফেলা হয়েছে। হাত মুঠি করে ফেলল পেইন্টার।
উঠে দাঁড়াল ক্যাসান্দ্রা, “এই ঝামেলা শেষ হলে, তোমাকে গিফটের প্যাকেটে পুরে গিল্ড কমান্ডের কাছে পাঠাব আমি। তোমার ভেতর যত তথ্য আছে, সব বের করে আনবে গিল্ড।”
ডানে-বায়ে মাথা নাড়ল পেইন্টার, কিন্তু কেন তা নিজেই জানে না।
“নিজের চোখে ওদের জিজ্ঞাসাবাদ করার পদ্ধতি দেখেছি বলেই বলছি। তুমি নিজেও মুগ্ধ হয়ে যেতে। এক এমআই ফাইভ এজেন্টের কথা বলি। ইন্ডিয়ায়। গিল্ডের একটা দলে ঢোকার চেষ্টা করেছিল। ধরা পরার পর এমন কিছু নেই, যা সে বলেনি। অবশ্য জীবন্ত মাথার ছাল ছাড়িয়ে সরাসরি ইলেক্ট্রোডের শক খেলে কেইবা মুখ না খুলে থাকতে পারে বলো? তোমাকে এসব কেন বলছি! নিজের চোখেই তো সব দেখতে পাবে।”
মেয়েটার মাঝে যে এতটা ধুর্ততা আর নৃশংসতা আছে, তা কোন দিন টের পায়নি পেইন্টার। এই মেয়েটাকে কিনা ভালবাসতে বসেছিল সে। ল্যাপটপের দিকে নজর চলে গেল ওর, সাফিয়া। নিজের অনুভূতি আবার পরীক্ষা করে দেখল ও। নাহ, এখন পর্যন্ত অনুভূতিটাকে ভালবাসা বলা যায় না। কিন্তু শ্রদ্ধা আর বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। মনটা আনন্দে ভরে গেল ওর, পৃথিবীতে সাফিয়ার মত ভালো মেয়েও আছে।
ক্যাসান্দ্রার দিকে তাকাল ও। মেয়েটাও নিশ্চয় এতক্ষণ ওকে দেখছিল। আশাহত মনে হলো ওকে, হয়তো ভেবেছিল পেইন্টারের চেহারায় পরাজয় আর হতাশা ফুটে উঠবে। কিন্তু তার বদলে এখন শান্তি আর শক্তি দেখতে পাচ্ছে।
ঝটকা দিয়ে উঠে দাঁড়াল ক্যাসান্দ্রা। বন্দুক তুলে নিল হাতে। নজর সরালো না পেইন্টার, গুলি করলে করুক। এই মেয়ের উপরওয়ালার হাতে পড়ার চেয়ে মৃত্যু শ্রেয়।
হাসি আর টিটকারির মাঝামাঝি একটা শব্দ করল মেয়েটা, “তোমাকে মিনিস্টারের জন্য তুলে রাখলাম, তবে আমি দেখতে আসব কিন্তু।”
“মিনিস্টার?”
“তোমার দেখা সর্বশেষ চেহারার নাম।” চলে গেল মেয়েটা ।
একটু আগে শোনা গার্ডটার মত, ক্যাসান্দ্রার গলাতেও ভয়ের রেশ শুনতে পেল সে। কড়া কোন উপরওয়ালাকে মানুষ যখন ভয় পায়, তখন এভাবে কথা বলে।
আচমকা ওর মস্তিষ্ক যেন তার পূর্ণ ক্ষমতা ফিরে পেল। মিনিস্টার। গিল্ডের প্রধান…নিদেন পক্ষে ক্যাসান্দ্রার বসের পরিচিতি আঁচ করেতে পেরেছে সে।
পরিস্থিতি ওর ধারণার চাইতেও খারাপ।
০৪:০৪ পি.এম.
“ওটা নিশ্চয় রাণীর প্রাসাদ।” বলল ওমাহা।
কালো গ্লাসে ঢাকা একটা কোর্ট ইয়ার্ডের ওপাশ থেকে মুখ তুলে চাইল সাফিয়া। ওমাহা আলো ফেলে একটা বিশাল উঁচু, খিলানযুক্ত দালান দেখাচ্ছে। দালানটা নিচের দিকে চতুর্ভুজ আকৃতির। কিন্তু উপরের চার তলা গোল টাওয়ারের মতো।
একেবারে উপরে খাঁজকাটা শীর্ষ। বাদামী কাঁচের খিলান দিয়ে সুসজ্জিত করা হয়েছে দালানটাকে। মাঝে মাঝে বের হয়ে আছে ব্যালকনি। ওখানে দাঁড়িয়ে রাণী নিশ্চয় শহরটাকে দেখতেন, ভাবল ও। দেয়াল আর রেলিং জুড়ে নীলকান্তমণি, হীরা আর রুবি। সোনা আর রূপা নির্মিত ছাদ।
তবে সাফিয়ার দক্ষ চোখে মিলটা ধরা পড়ে গেল, “উপরের ধ্বংসপ্রাপ্ত দূর্গ আর এই দালানের ডিজাইন অবিকল।”
“মাই গড, সাফ। ঠিক ধরেছ।” কোর্ট ইয়ার্ডে পা রাখল ওমাহা।
জায়গাটা দুপাশে দেয়াল দ্বারা আবদ্ধ। সামনে একটা বিশাল খিলানকরা দরজা। একবার পেছনে তাকাল সাফিয়া। এটা যে রাণীর প্রাসাদ, তা নিশ্চিত। গুহার দেয়ালের সাথে লেগে আছে। শহরের একদম শেষ মাথায় অবস্থিত। উবারের অন্য অংশগুলো তার সামনে। পিলার আর পিলার দেখা যাচ্ছে চারিদিকে।
“ভেতরে ঢুকবে নাকি?” বলে উত্তরের অপেক্ষা না করে এগিয়ে গেল ওমাহা, তার পিছু পিছু ক্লে।
কারা লুলুকে সাহায্য করছে। হোজা প্রাথমিক ধাক্কাটা এখনও সামলে নিতে পারেননি।
এখানে আসার পথে একের পর এক মমিকৃত লাশ পার হয়ে এসেছে ওরা। অধিকাংশ আংশিকভাবে কাঁচে ঢুবে আছে। আর কিছু আছে পুরোপুরি কাঁচে নিমজ্জিত। এই সব লাশের চেহারায় ফুটে আছে অবর্ণনীয় কষ্টের ছাপ। এর মাঝে একটা মহিলার মমির কথা না বললেই না। প্রায় পুরোটা দেহ কাঁচের মাঝে ডুবে আছে । কিন্তু বাচ্চাকে বাঁচাবার জন্য হাত উপরে তুলে আছে। মনে হচ্ছে যেন ঈশ্বরে ভেট দিচ্ছে। তবে বাঁচেনি বাচ্চাটাও।
নাহলেও কমপক্ষে এক হাজার লোকের আবাস ছিল উবার। গোত্রের গণ্য মান্য ব্যক্তিরা ভূ-গর্ভস্থ শহরে থাকতেন। বাঁচেননি একজনও।
রাণী শহরটাকে সিল করে দিয়েছিলেন, কিন্তু কথা কী আর চেপে থাকে। আরব্য রজনীর দুইটা গল্পের কথা মনে পরল সাফিয়ারঃ “দ্য সিট অফ ব্রাস (পিতলের শহর)” আর “দ্য পেট্রিফাইড সিটি (প্রস্তরীভূত শহর)”। দুটো গল্প এমন এক শহরকে নিয়ে, যে শহরের সবাই পিতল বা পাথরে পরিণত হয়েছিল।
প্রাসাদের প্রবেশমুখের সামনে এসে দাঁড়ালো ওমাহা, “এই সবকিছু নিয়ে স্টাডি করলে, বছর পার করে দেয়া যাবে। শুধু এই কাঁচের জিনিসপত্রের শৈল্পিক দিকটা দেখ।”
কারা কথা বলে উঠল, “উবার এক হাজার বছর ধরে এই এলাকার শ্রেষ্ঠ শহর ছিল। এমন এক শক্তির আধার ছিল এদের কাছে, যেমনটা তার আগে বা পরে কেউ দেখেনি। মানুষের উদ্ভাবনী শক্তি এমন যে তা সবকিছু ব্যবহার করার কোনও না কোনও উপায় খুঁজে বের করে। এই শহরটা সেই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ।”
সাফিয়ার কানে কারার বলা কথাগুলো ঢুকল ঠিকই, কিন্তু নিজে থেকে কিছু বলার আগ্রহ পেল না সে। এটা আসলে মৃতদের শহর। আবিষ্কার প্রবণতার বহিঃপ্রকাশ না বরং ভয় আর দুঃখের শহর।
দুঘন্টা ধরে হেঁটে হেঁটে শহরটার উপরে এসে পৌঁছেছে ওরা। বহু শতাব্দী আগে ঘটে যাওয়া বিপর্যয়ের কারণ খুঁজে বের করার জন্য উদগ্রীব হয়ে আছে। কিন্তু একদম চুড়ায় পৌঁছেও কোন সূত্র খুঁজে পায়নি।
ওদের দলের অন্যান্যরা এখনও নিচেই রয়ে গিয়েছে। কোরাল লেকের পাশে বসে কাজ করছে। রসায়ন বিদ্যা সংক্রান্ত ওর সমস্ত জ্ঞান কাজে লাগিয়ে উত্তর খুঁজছে। মেয়েটাকে সাহায্য করছে ড্যানি। কিন্তু ছেলেটার আগ্রহ কাজের দিকে … নাকি কাজটা যে করছে তার দিকে-বলা মুস্কিল। কোরাল মনে হয় কিছু একটা ধরতে পেরেছে। সাফিয়াদের ক্ষুদ্র দলটা এখানে আসার উদ্দেশ্যে যখন রওনা দেবে, তখন এক অদ্ভুত অনুরোধ করেছে মেয়েটিঃ রেহেমদের কয়েকজনের আর সাফিয়ার কয়েক ফোটা রক্ত চেয়েছে। অনুরোধ রেখেছে সাফিয়া। কিন্তু কেন এই অনুরোধ, সেই প্রশ্নের কোন জবাব মেলেনি।
এদিকে বারাক আর অন্য রেহেমরা এই সমাধি থেকে পালাবার রাস্তা খুঁজতে লেগে পড়েছে।
ওমাহা পথ দেখিয়ে ওদের এই ছোট্ট দলটাকে প্রাসাদের কোর্ট ইয়ার্ডে নিয়ে এল।
খোলা জায়গাটার ঠিক মাঝখানে একটা বিশাল লৌহ নির্মিত গোলক দেখা গেল, ব্যাস চার ফুট হবে। কাঁচ কেটে হাতের মত বানানো একটা আকৃতির উপর বসে আছে। ভাস্কর্যটাকে ঘুরে ঘুরে দেখল সাফিয়া। সম্ভবত রাণীর লোহার উপর যে আলাদা ক্ষমতা আছে, তা বোঝাতে ভাস্কর্যটা বানানো হয়েছে।
এমনকি লুলুও ওটাকে পরীক্ষা করে দেখছেন, খেয়াল করল সাফিয়া। ভাস্কর্যটা পার হয়ে গেল সাফিয়া।
“এদিকে তাকাও,” বলে ওমাহা তাড়াহুড়ো করে সামনে এগিয়ে গেল।
আরেকটা ভাস্কর্য দেখা যাচ্ছে, কিন্তু তা বেলে পাথরের তৈরি। একটা কাঁচের বেদীতে শোভা পাচ্ছে। জিনিসটার একপাশে প্রাসাদের প্রবেশদ্বার। ভাস্কর্যটা একট আলখেল্লা পরিহিত মানুষের, একহাতে লম্বা বর্শার মত দেখতে একটা ল্যাম্প ধরে আছে। লোহার হৃদপিন্ডটা যে মূর্তির ভেতর লুকানো ছিল, তার রেপ্লিকা। তবে পার্থক্য হলো, এই মূর্তিটার গায়ে অঙ্কিত দাগ গুলো ধুয়ে মুছে যায়নি। সবকিছু বোঝা যাচ্ছে। এমনকি কাপড়ের ভাঁজ, ল্যাম্পের মাথায় আগুন, চেহারার নরম ভাব-সব আছে। মূর্তিটা এক যুবতীর।
প্রবেশদ্বারটার অন্য পাশে তাকাল সাফিয়া। ওখানেও একটা কালো কাঁচের বেদী আছে, কিন্তু কোন মূর্তি নেই।
“রাণী এখান থেকেই তার নিজের মূর্তি নিয়ে গিয়েছিলেন। প্রথম চাবিটাকে লুকাবার জন্য।” নড করল ওমাহা, “নবী ইমরানের সমাধিতে স্থাপন করেছিলেন।”
প্রবেশদ্বারটার দিকে তাকাল কারা আর লুলু। ভেতরে আলো ফেলল প্রথমজন, “একবার দেখে যাও।”
ওমাহা আর সাফিয়া ওর সাথে যোগ দিল। প্রবেশদ্বারটার পরেই একটা ছোট হল। দেয়ালে আলো ফেলল কারা। সাথে সাথে বিভিন্ন রঙের আলো প্রতিফলিত হলো।
“বালু চিত্র।” বলল কারা, “কাঁচের সাথে মিশ্রিত বালু।”
এধরনের শিল্পকর্ম আগেও দেখেছে সাফিয়া। বিভিন্ন রঙের বালু দিয়ে এগুলো আঁকা হয়। সাধারণত কাঁচ ব্যবহার করে সুরক্ষিত রাখা হয়। কিন্তু সেসব ক্ষেত্রে শিল্পকর্মের বাইরে কাঁচের আবরণ দেয়া হয়। আর এক্ষেত্রে আঁকাই হয়েছে কাঁচের ভেতরে বালু মিশিয়ে। দেয়াল, সিলিং, মেঝে-সবখানে আছে ওগুলো। মরুভূমির মাঝে এক টুকরা মরুদ্যান আঁকা হয়েছে। ছাদে আঁকা হয়েছে একটা সূর্য, সোনালী বালু দিয়ে বোঝানো হয়েছে তার রশ্মি। নীল সাদা আকাশও বাদ পড়েনি। দুই দিকের দেয়ালে শোভা পাচ্ছে খেজুরের গাছ, দূরে হাতছানি দিয়ে ডাকতে দেখা যাচ্ছে নীল পানিকে। একটা দেয়ালে আবার লাল বালিয়াড়ি আঁকা হয়েছে। পায়ের নিচে আছে বালু আর পাথর।
ভেতরে ঢুকতে যেন অনেকটা বাধ্য হলো ওরা। নিচের শহরের বীভৎস দৃশ্যগুলোর পর, এই শিল্পকর্ম যেন ওদের হৃদয় তৃপ্ত করে দিল। ঢোকার মুখে অবস্থিত হলওয়েটা ছোট। এরপর একটা চেম্বার, আর সেখান থেকে বিশাল আরেকটা হলো শুরু হয়েছে। ডান দিকে বাঁকানো সিড়িও আছে, উপরে যাবার পথ ওটা।
রুমের প্রায় পুরোটা জুড়ে কাঁচের সাথে বালু মিশিয়ে তৈরি করা শিল্পকর্ম। কোথাও মরুভূমি, কোথাও সমুদ্র আর কোথাও পাহাড়।
“এই প্রাসাদ কি শুরু থেকেই এমন ছিল?” নিজেকেই জিজ্ঞাসা করল ওমাহা “নাকি বিপর্যয়ের পর রাণী এই অবস্থা করেছে?”
ভেতরে ঘুরে দেখল ওরা। এই এক রুমের মাঝে যা আছে, তা ওদের মনোযোগ ধরে রাখার জন্য যথেষ্ট। সাফিয়া প্রবেশমুখের ঠিক বিপরীতে অবস্থিত একটা শিল্প কর্ম দেখতে মগ্ন। রুমে ঢুকলে প্রথমেই এই শিল্প কর্মটা নজরে পরে।
মরুভূমির দৃশ্য আঁকা হয়েছে এতে, সূর্য ডুবছে, লম্বা হয়ে আসছে ছায়া। আকাশটা গাঢ় নীল রঙ ধারণ করেছে। বেশ পরিচিত একটা সমতল শীর্ষ বিশিষ্ট দালানের ছায়া পড়ছে। দালানের সামনে দাঁড়িয়ে আছে ল্যাম্প হাতে এক আলখেল্লা পরিহিত মানুষ। সমতল শীর্ষ থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে উজ্জ্বল আলোক রশ্মি।
“উবার আবিষ্কারের দৃশ্য।” বলল লুলু, “শেবার রাণী, কম বয়সে যখন মরুভূমিতে হারিয়ে গিয়েছিলেন, তখন খুঁজে পেয়েছিলেন এই জায়গা।”
ওমাহা সাফিয়ার পেছনে এসে দাঁড়াল, “ঐ দালানটাকে দূর্গের মত লাগছে না?” এতক্ষণে দালানটাকে পরিচিত মনে হবার কারণ বুঝতে পারল সাফিয়া। অন্যান্য কাজের তুলনায় এই কাজটা অনেক বেশি রুক্ষ। হয়তো অন্য গুলোর অনেক আগে আঁকা হয়েছে বলে এই অবস্থা। উপরের উবার আর নিচের উবারের কয়েকটা চিত্র দেখা গেল। দুইটাতেই হয় এই প্রাসাদ আর নাহয় উপরের দূর্গের সদর্প অবস্থান দেখা যাচ্ছে।
ভূগর্ভস্থ উবারের চিত্রের সামনে দাঁড়াল সাফিয়া। এই চিত্রটায় গাঢ় নীল আর কালো রঙের প্রাধান্য বেশি। ছোট ছোট বৈশিষ্ট্যগুলোও অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি প্রবেশমুখের দুই পাশে অবস্থিত দুই মূর্তিও পরিষ্কার দেখতে পাচ্ছে মেয়েটা। কোর্ট ইয়ার্ডে দাঁড়িয়ে আছে উবারের রাণী। সাফিয়া হাত দিয়ে রাণীকে স্পর্শ করল, নিজের পূর্বত্বনকে বুঝতে চাচ্ছে।
এখানে এত বেশী রহস্য লুকায়িত আছে যে, তার সবগুলোর উত্তর কোনও দিন জানা সম্ভব হবে না।
“ফিরে যাওয়া দরকার।” অবশেষে বলল কারা। নড করল সাফিয়া। অনিচ্ছা সত্ত্বেও ফেরার পথ ধরল সবাই। ওমাহার ফ্ল্যাশ লাইটের আলোয় পথ দেখে চলছে, অন্য কেউ আর ফ্ল্যাশ লাইট জ্বালাবার সাহস পায়নি।
দল বেঁধে যত নিচে নামছে তত শহরটার উপস্থিতি অনুভব করতে পারছে ওরা। এরকমটা সাধারণত কোন চার্চ বা দরগায় ঢুকলে হয়। বাতাসটাও ভারী হয়েছে আছে। যেন আবহাওয়াও অপেক্ষা করছে কিছু একটা হবার।
কী হবে এরপর?
০৪:২৫ পি.এম.
সাফিয়াকে হোজার সাথে হেঁটে যেতে দেখছে ওমাহা। মেয়েটাকে ক্লান্ত মনে হচ্ছে খুব। ওর ইচ্ছা হচ্ছে দৌড়ে গিয়ে মেয়েটার পাশে দাঁড়ায়। কিন্তু প্রত্যাখ্যানের ভয়ে পারছে না।
কারা ওর কাছে এসে দাঁড়াল। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত সে। নিচু গলায় মেয়েটা ওকে উদ্দেশ করতে বলল, “সাফিয়া এখনও তোমাকে ভালবাসে।”
হোঁচট খেল ওমাহা।
“এখন তুমি শুধু দুঃখিত শব্দটুকু বললেই হয়।”
কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু পরক্ষণেই আবার বন্ধ করে ফেলল ওমাহা।
“জীবন এমনিতেই কঠিন, আর ভালবাসাকে কঠিন বানাতে হয়।” ওকে পাশ কাটিয়ে এগিয়ে গেল কারা, “দরকার কী? জীবনে অন্তত একটা বারের জন্য হলেও পুরুষের ন্যায় আচরণ কর ইন্ডিয়ানা।”
থমকে দাঁড়াল ওমাহা, হাত থেকে ফ্ল্যাশ লাইটটা নিচে পরে গেল। পা দুটোকে জেলি দিয়ে বানানো বলে মনে হচ্ছে। অবশিষ্ট পথটা নিঃশব্দে কাটল।
লেকের ধারে এসে উপস্থিত হলো ওরা। ওমাহা অন্যান্যদেরকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বারাক এখনও ফেরেনি, কিন্তু রেহেমদের প্রায় সবাই ফিরে এসেছে।
ওমাহাকে দেখতে পেয়ে এগিয়ে এল ড্যানি, “ড. নোভাক বেশ কিছু কৌতূহলোদ্দীপক জিনিস খুঁজে পেয়েছে। দেখবে, এসো।”
ড্যানিকে অনুসরণ করে এগোল ওমাহারা। কোরাল অস্থায়ী একটা ল্যাবরেটরি বানিয়ে নিয়েছে। চোখে বিভ্রান্ত দৃষ্টি। মেয়েটার একটা যন্ত্র গলে গিয়েছে, পাশেই পড়ে আছে ওটা। ধোঁয়া বেরোচ্ছে এখনও।
“কী হয়েছে?” জানতে চাইল সাফিয়া।
মাথা নাড়ল কোরাল, “অ্যাক্সিডেন্ট।”
“কী খুঁজে পেয়েছ তুমি?” জানতে চাইল ওমাহা।
কোরাল একটা এলসিডি স্ক্রিন ওদের দিকে ঘুরিয়ে ধরল। স্ক্রিনটার একদিকে ডাটা দেখা যাচ্ছে। মেয়েটার প্রথম কথাটাই ওদের মনোযোগ কেড়ে নিল ।
“ঈশ্বরের অস্তিস্ব খুঁজে পাওয়া যায় পানিতে।”
ভ্রু উঁচু করে তাকাল ওমাহা, “দয়া করে ব্যাখ্যা করবে? দর্শন কপচাবার ইচ্ছা নেই।”
“দর্শন না, তথ্য উপাত্ত। শুরু থেকে শুরু করা যাক।”
“লেট দেয়ার বি লাইট (বাইবেল অনুসারে স্রষ্টা এই বাক্য উচ্চারণ করলে মহাবিশ্ব সৃষ্টি হয়)।”
“অতটা অতীতেও না ড. ডান। বেসিক রসায়ন। পানি তৈরি হয় দুই পরমাণু হাইড্রোজেন আর এক পরমাণু অক্সিজেন দিয়ে।”
“H20.” বলল কারা।
নড করল কোরাল। “পানির অণুর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো, এটা আসলে একটু বাঁকানো।” স্ক্রিনে ফুটে ওঠা একটা ড্রয়িংয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করল সে।
“এই বাঁকটার কারণেই পানির প্রান্তিকতার উৎপত্তি। নেগেটিভ চার্জটা অক্সিজেনের দিকে আর পজিটিভ হাইড্রোজেনের দিকে। এই জন্যই বরফের মত অস্বাভাবিক আকৃতি ধারণ করতে পারে পানি।”
“বরফ অস্বাভাবিক?” ওমাহা জিজ্ঞাসা করল।
“যদি বার বার এভাবে আমার কথা মাঝে নাক গলাও…” বিরক্ত কোরাল বলল।
“ইন্ডিয়ানা, শেষ করতে দাও ওকে।”
নড করে কারাকে ধন্যবাদ জানালো কোরাল।
“যখন কোন বস্তু সংকুচিত হয়, তখন সে তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়। কঠিন অবস্থায় বস্তুর আকারও সংকুচিত হয়ে পরে, আগের চেয়ে কম স্থান দখল করে। কিন্তু পানি আলাদা। পানি চার ডিগ্রী সেলসিয়াসে সবচেয়ে ঘন। এরপর সেটা বরফে পরিণত হয়। আর বরফে পরিণত অবস্থায় পানির অণুগুলো আরো বেশী স্থান দখল করে। বরফ পানির চেয়ে অনেক কম ঘন বলেই তা পানিতে ভাসে। যদি এমনটা না হতো, তাহলে পৃথিবীতে প্রাণের জন্ম হতো না। প্রথম দিককার জীবনগুলো বরফচাপা পড়ে মারা যেত।”
“এর সাথে প্রতি পদার্থের কী সম্পর্ক?” জানতে চাইল ওমাহা।
“বলছি। পানির আরেকটা বৈশিষ্ট্য আছে। সেটা বরফ ছাড়াও অন্য একধরনের অদ্ভুত গঠন তৈরি করতে পারে। তবে পৃথিবীতে সেই গঠন টেকে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড। মহাকাশে অবশ্য অনেক বেশী সময় টিকে থাকে তা।”
পরবর্তী ডয়িংটা দেখাল কোরাল, “এই যে দেখ। দ্বিমাত্রিক ভাবে বিশটা পানির অনু মিলে এমন আকার ধারণ করে। একে বলে পেন্টাগোনাল ডোডেকাড্রেন।”
“তবে ত্রিমাত্রিকভাবে আরো পরিষ্কার দেখা যায় এটাকে।” তৃতীয় ড্রয়িংটা দেখাল কোরাল।
“একটা বড় ফাকা গোলকের মতো দেখাচ্ছে।” বলল ওমাহা।
নড করল কোরাল, “আসলেই তাই। এদেরকে আমরা বাকিবল নাম ডাকি। বাকমিনস্টার ফুলার-এর নামে নাম।”
“তারমানে দাঁড়াল যে এই বাকিবল গুলো মহাকাশে পাওয়া যায়,” বলল সাফিয়া, “কিন্তু পৃথিবীতে এরা টেকে না।”
“যা, অস্থিতিশীল।”
“তাহলে এর কথা তুললে যে?” জানতে চাইল কারা।
ড্যানি উত্তেজনায় যেন নাচছে, “ওই লেকের পানি বাকিবল দিয়ে ভর্তি আর সেগুলো স্থিতিশীল।”
“প্রচুর পরিমাণে বাকিবল আছে পানিতে।” শুধরে দিল কোরাল।
“তা কিভাবে সম্ভব? কোন বস্তুটা এদেরকে স্থিতিশীল বানালো?” জানতে চাইল সাফিয়া।
“আমরা যে জিনিসটা খুঁজতে এসেছি।” কোরাল বলল, “প্রতি পদার্থ।”
আরো কাছে চলে এল ওমাহা।
কোরাল কয়েকটা বোতামে চাপ দিল, “পদার্থ আর প্রতি পদার্থ একে অপরের বিপরীত। তাই এরা একে অপরকে আকর্ষণ করে। সেজন্যই পৃথিবীতে প্রতি পদার্থ পাওয়া যায় না, পদার্থ পাওয়া যায়। এত বেশী যে এর সংস্পর্শে প্রতি পদার্থ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। সুইজারল্যান্ডের সার্ন ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা প্রতিপদার্থ তৈরি করতে পেরেছেন। ভ্যাকুয়াম তৈরি করে সেগুলোকে খুব অল্প সময়ের জন্য টিকিয়ে রাখতে পেরেছেন। বাকিবল সেভাবেই কাজ করে।”
“মানে?” কোরাল আরেকটা ড্রয়িং বের করে আনতে আনতে জানতে চাইল ওমাহা।
কোরাল ওকে ঘিরে থাকা সবার দিকে তাকাল। “ফলে স্থিতিশীল হয় প্রতি পদার্থ।” বলল ওমাহা।
“যতক্ষণ পর্যন্ত না এই প্রতি পদার্থবাহী বাকিবলে বিদ্যুৎ এসে স্পর্শ করে অথবা তা কোন শক্তিশালী চুম্বকের সংস্পর্শে না আসে। দুই ক্ষেত্রেই বাকি বল ধ্বসে পড়ে, পদার্থের সংস্পর্শে এসে নিশ্চিহ্ন হয়ে যায় প্রতি পদার্থ।” ওর ধোঁয়া ওঠা যন্ত্রের দিকে তাকাল, “উৎপন্ন হয় অপরিসীম শক্তি।”
কিছুক্ষণের নীরবতার পর কারা জানতে চাইল, “কিন্তু এখানে প্রতি পদার্থ এল কিভাবে?”
ড্যানি নড করল, “তোমরা আসার আগে সে বিষয়েই কথা হচ্ছিল। ওমাহা মনে আছে, গাড়িতে এই এলাকার মরুকরণের কারণ নিয়ে কথা বলার সময় আমরা পৃথিবীর হোঁচট খাবার প্রসঙ্গ তুলেছিলাম?”
“বিশ হাজার বছর আগের কথা।” বলল ওমাহা।
ড্যানি বলে চলল, “ড. নোভাকের প্রস্তাবনা অনুযায়ী, সম্ভবত একটা বিশালাকার প্রতি পদার্থ দ্বারা নির্মিত উল্কাপিন্ড আরব উপদ্বীপে এসে আছড়ে পড়ে। এরফলে তৈরি হয় এই এলাকার।” বলে আশেপাশে দেখাল সে।
এবার কোরাল কথা বলে উঠল, “আমার ধারণা, উল্কাপিন্ডটা পৃথিবীর নিজের উৎপন্ন করা পানির সংস্পর্শে এসেছিল। এর ফলে প্রভাবিত হয়েছিল পৃথিবীর একান্ত গভীরের চ্যানেলগুলোও। আক্ষরিক অর্থেই কেঁপে উঠছিল পৃথিবী। যেখানে পরিবর্তিত হয়েছিল এই এলাকার আবহাওয়া, স্বর্গের উদ্যান ইডেন পরিণত হয়েছিল রুক্ষ মরুভূমিতে।”
“আর যখন এই বিপর্যয় ঘটেছিল, তখন গঠিত হয়েছিল এই কাঁচের বাবল।” যোগ করল ড্যানি, “উল্কা পিন্ড আছড়ে পরার ফলে সৃষ্ট বিস্ফোরণ আর তাপের ফলে সৃষ্টি হয়েছিল ধোঁয়াশা। ঠান্ডা হলে পড়ে প্রতি পদার্থের চারপাশে জমে তৈরি হয়েছে বাকিবল। আর এই এলাকাটা বহু বছর ধরে ছিল অপরিবর্তিত।”
“যতক্ষণ না এই জায়গাটা পুনরায় আবিষ্কৃত হয়।” বলল ওমাহা।
ভবঘুরে এক গোত্র নিশ্চয় এই এলাকা খুঁজে পেয়েছিল, ভাবল ও। এরপর বুঝতে পেরেছিল এই পানির অস্বাভাবিকতা। স্বভাবতই সেই গোত্র চেয়েছিল একে কুক্ষিগত করতে। আর যেমনটা কারা একটু আগে বলেছে, মানুষের উদ্ভাবনী শক্তি যে কোন জিনিস ব্যবহার করার কোনও না কোনও উপায় বের করেই ফেলে। আরব সমাজে প্রচলিত সব অবিশ্বাস্য গল্পের কথা মনে পড়ে গেল ওরঃ উড়ন্ত কার্পেট, অসম্ভব শক্তিশালী জাদুকর, জিন ইত্যাদি। ওই সব গল্প কি তাহলে এই রহস্যের দিকে ইঙ্গিত দেয়?
“চাবি আর অন্যান্য জিনিসের কি ব্যাখ্যা দেবে?” জানতে চাইল ও।
“প্রাচীনকালের মানুষেরা যে ঠিক কোন ধরণের প্রযুক্তি ব্যবহার করেছিল, তা বুঝে উঠতে পারিনি। ওদের হাতের কাছে যে শক্তির উৎস ছিল, তার সব রহস্য বুঝতে আমাদের অনেক বছর লেগে যাবে। তবে তারা ঠিকই বুঝতে পেরেছিল। এই কাঁচের শিল্প বা বেলে পাথরের ভাস্কর্যগুলোই তার প্রমাণ।” বলে শ্রাগ করল কোরাল, “আমার তো এও মনে হয়, প্রতিটা চাবির মাঝে এই লেক থেকে নেয়া পানি ভরে দেয়া হয়েছিল। বাকিবলের নিজেরও অল্প পরিমাণে স্থির বিদৎ সঞ্চয় করার সামর্থ আছে। যদি সেটাকে একটু এদিক ওদিক করা হয়, তাহলে ওগুলো বহন করা লোহার পাত্রটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। আর যেহেতু বাকিবল গুলোরও চার্জ আছে, তাই অস্থিতিশীল হয়ে পড়বে না ওগুলো।”
“মিউজিয়ামে অবস্থিত লোহার উটের ব্যাখ্যা?” জানতে চাইল সাফিয়া।
“খাঁটি শক্তির চেইন রিঅ্যাকশন।” উত্তর দিল ড্যানি, “বল লাইটনিংটা নিশ্চয় ওই ম্যাগনেটাইজড লোহার প্রতি আকর্ষিত হয়েছিল। এই গুহার ছাদের দিকেই তাকাও না, দেখো কিভাবে ঝড় থেকে স্থির বিদাৎ টেনে নিচ্ছে।”
ওমাহা উপরে তাকাল, আসলেই তাই।।
“সুতরাং, ধরে নেয়া যায়, বল লাইটনিং একবারে অনেক বেশি শক্তি ধার দিয়েছিল উটটাকে। এতটা বেশি যে তা আয়ত্তে আনা সম্ভব হয়নি উটটার পক্ষে। ফলশ্রুতিতে-বিস্ফোরণ।”
নড়ে উঠল কোরাল, “তবে সম্ভবত বিস্ফোরণ ঘটার কারণ ছিল, ওই লোহার মাঝে ইউরেনিয়ামের উপস্থিতি। ইউরেনিয়ামের ক্ষয়ের ফলে উদ্ভূত বিকিরণ অস্থিতিশীল করে ফেলেছিল প্রতি পদার্থ মিশ্রিত বাকিবলকে।”
“তাহলে এখন? এই লেকটাও কী…?” বিড়বিড় করে বলল ওমাহা।
ভ্রু কুচকালো কোরাল, “আমার হাতে ঠিক মতো অ্যানালাইসিস করার যন্ত্রপাতি নেই। আমি এখানে কোন তেজস্ক্রিয় বিকিরণ পাইনি, তবে নেই যে সে ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আরো পরীক্ষা নিরীক্ষা দরকার।”
এই প্রথম কথা বলল ক্লে, দুহাত বুকের উপর রাখা, “তাহলে ৩০০ এ.ডি. তে কী হয়েছিল? এই মানুষগুলো কাঁচের মধ্যে কিভাবে এল?”
কোরাল মাথা নাড়ল, “আমার জানা নেই, কিন্তু এখানে বিস্ফোরণের কোন প্রমাণ নেই। হয়তো কোন অ্যাক্সিডেন্ট ঘটেছিল।” সাফিয়ার দিকে ফিরল সে, “তবে ড. আল-মায়াজ, তেমাকে একটা কথা বলতে চাই।”
আচমকা সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল সাফিয়া। “ব্যাপারটা তোমার রক্ত নিয়ে।” বলল কোরাল।
কিন্তু ব্যাখ্যা করার আগেই লেক থেকে ইঞ্জিনের আওয়াজ ভেসে এল, জমে গেল সবাই। আওয়াজটা খুব তাড়াতাড়ি তীব্র আকার ধারণ করল।
জেট স্কি! লেকের উপর থেকে কেউ একটা ফ্লেয়ার ছুঁড়ে দিল উপরে। উজ্জ্বল হয়ে গেল সবকিছু। সেটা নিভতে না নিভতেই ভেসে এল আরেকটা ফ্লেয়ার। কিন্তু না… ওটা ফ্রেয়ার না। কারণ একদম ওদের দিকেই ছুটে আসছে সেটা। “রকেট!” ওমাহা চিৎকার করল, “সবাই কাভার নাও!”
০৪:৪২ পি.এম.
পেইন্টার সুযোগের অপেক্ষায় রয়েছে।
বালিঝড়ের আঘাতে কেঁপে উঠছে দালানটা। মনে হচ্ছে, কোন হিংস্র প্রাণি প্রবল আক্রোশে আক্রমণ চালাচ্ছে। ঢুকতে চাচ্ছে ভেতরে, মেটাতে চাইছে রক্ততা।
রেডিওতে গান শুনছে কেউ একজন। কিন্তু ঝড়ের প্রচন্ডে তান্ডবের সামনে সেই আওয়াজ মিয়মাণ।
একটু একটু করে ভেতরে প্রবেশ করছে ঝড়-দরজার নীচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে। বাতাসটাও কেমন যেন গুমোট লাগছে, রক্ত আর আয়োডিনের গন্ধে ভারী হয়ে আছে।
মেডিক আর দুই গার্ড ছাড়া উপস্থিত সবাই আহত। আধ ঘন্টা আগেই অন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে ক্যাসান্দ্রা।
ল্যাপটপের দিকে উঁকি দিল পেইন্টার, সাফিয়ার অবস্থান এখনও ফুটে আছে স্ক্রিনে। এখান থেকে ছয় মাইল উত্তরে আছে মেয়েটা, মাটির অনেক নিচে। অবশ্য অবস্থান দেখানো মানেই যে সাফিয়া বেঁচে আছে তা না। কেননা ও মারা গেলেও ট্রান্সিভারটা সিগন্যাল দিয়েই যাবে। তবে পেইন্টারের মন বলছে যে মেয়েটা বেঁচে আছে। কো-অর্ডিনেট পরিবর্তিত হতে দেখে আশাটা আরও বাড়ল ওর। কিন্তু আর কতক্ষণ বেঁচে থাকবে?
সময় যেন ভারী কোন কার আকার নিয়ে ওর উপর চেপে বসেছে। থুমরাইত এয়ার বেস থেকে এম৪ ট্রাক্টর আসার আওয়াজ শুনেছে সে। খালি খালি তো আর আসেনি, এসেছে যখন তখন অস্ত্র আর রশদ নিয়েই এসেছে। রশদ আর অস্ত্র ছাড়াও ক্যাসান্দ্রার সাথে যোগ দিয়েছে রুক্ষ প্রকৃতির আরো ত্রিশ জন লোক। এদের চাল-চলন দেখে মনে হচ্ছে এরা গিল্ডের এলিট টিমের সদস্য। কাজেও তেমনটা মনে হলো। ট্রাক্টর থেকে নেমেই পরণের বালুময় পোষাক পরিবর্তন করে কালো তাপ-নিরোধক ওয়েট স্যুট পরে নিল ওরা। কটে শুয়ে শুয়ে সব দেখল পেইন্টার।
জন কেনের কথা এরইমধ্যে চাউর হয়ে গিয়েছে। তাই লোকগুলোর চোখের তারায় খুনের নেশা দেখে অবাক হলো না ও। কিন্তু কিছুক্ষণ পরেই বের হয়ে গেল লোকগুলো। এমনকি জেট স্কির গর্জন পর্যন্ত শুনতে পেল পেইন্টার।
ওয়েট স্যুট আর জেট স্কি? ক্যাসান্দ্রা কি খুঁজে পেয়েছে নিচে? চাদরের নিচে নিজের কাজ চালিয়ে গেল ও। একটা এক ইঞ্চি লম্বা নিডল (সুই) হাতাতে সক্ষম হয়েছে। এই একটু আগে, দুই গার্ডের অলক্ষে পাশে পড়ে থাকা মেডিক্যাল সাপ্লাই থেকে জিনিসটা চুরি করেছে।
উঠে বসে পায়ের দিকে যেই না হাত বাড়িয়েছে, এক গার্ড লাফিয়ে উঠল। “শুয়ে থাক।”
সাথে সাথে শুয়ে পড়ল পেইন্টার, “চুলকাচ্ছে।”
“কিচ্ছু করার নেই।” দীর্ঘ শ্বাস ফেলল ও, এরপর গার্ডের নজর একটু অন্যদিকে ফিরতেই মুক্ত পাটাকে নিয়ে এল আবদ্ধ পায়ের কাছে। একটু আগে মুক্ত পায়ের বৃদ্ধাঙ্গুলি আর তার পাশের আঙুলের ফাঁকে নিডলটাকে গুজে দিয়েছে। এবার তালা খোলার পালা। চোখ বন্ধ করে সেই কাজের দিকে মনোযোগ দিল। একসময় সফলও হলো। এবার?
০৪:৪৫ পি.এম.
ক্যাসান্দ্রা জোডিয়াক বোটের সামনের অংশে নিচু হয়ে বসে আছে, চোখে নাইট ভিশন গগলস। তিন ফ্লেয়ারের আলোয় কাঁচের শহরটাকে পরিষ্কার দেখতে পাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব ভুলে অভূতপূর্ব সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল সে।
ওর সাথে আনা ছয়টা জেট স্কি থেকে অনবরত গ্রেনেড ছোঁড়া হচ্ছে। ঠিক শহরের উপর গিয়ে পড়ছে সেগুলো, ধোঁয়া উড়ছে বাতাসে। উপরে স্পন্দিত হচ্ছে শক্তি, বাড়ছে ধীরে ধীরে, সেই সাথে আওয়াজ করে নিজের উপস্থিতি জানাচ্ছে।
এই ধ্বংসযজ্ঞের মাঝেও অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে।
মেশিন গানের গুলির আওয়াজ সৈকতের দিকে ওর মনোযোগ টেনে নিল। আরেকটা জোডিয়াক থেকে ছোঁড়া হচ্ছে ওগুলো।
কমব্যাট জ্যাকেটের পকেট থেকে বহনযোগ্য ট্রাকারটা বের করে হাতে নিল। ক্যাসান্দ্রা, তাকিয়ে রইল ওটার এলসিডি স্ক্রিনের দিকে। এখনও জ্বলজ্বল করছে নীল বৃত্তটা। প্রতি মুহূর্তে আরো দূরে সরে যাচ্ছে। যাচ্ছ? যাও, খেলা তো কেবল শুরু।
০৪:৪৭ পি.এম.
অন্যদের পিছু পিছু সাফিয়াও প্যাঁচানো সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। যার পাশ থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। কাঁচের বাবলের প্রতিধ্বনি আরও জোরালো ভাবে শোনা যাচ্ছে। অন্ধকারের মাঝে ছুটে চলছে ওরা। ওমাহা লুলুকে সাহায্য করতে করতে এগোচ্ছে আর সাফিয়ার হাত ধরে আছে একটা বাচ্চা মেয়ে। প্রতিটা বিস্ফোরণের সাথে সাথে ভয় পাচ্ছে সাফিয়া। যেকোন মুহূর্তে কাঁচের বাবল ধ্বসে পড়তে পারে ।
অন্যরা সবাই ওদের পেছনে। রেহেমদের কেউ কেউ স্নাইপিং পজিশন বেছে নিয়ে রয়ে যাচ্ছে। আর কেউ কেউ রয়ে গিয়েছে শত্রুপক্ষকে বাঁধা দেবার জন্য।
সিড়ির মাথায় এসে উপস্থিত হলো দলটা। একবার পিছু ফিরে তাকাল সাফিয়া। শহর আর সৈকত, দুইটাই পরিষ্কার দেখতে পেল। উপরে জ্বলতে থাকা ফ্লেয়ারগুলোর আলোয় লালচে দেখাচ্ছে সবকিছু।
লেকে রেখে আসা ধাউটা এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে, জেটিটার কোন অস্তিত্ব নেই আর।
“গোলা বর্ষণ বন্ধ হয়েছে।” বলল ওমাহা। আসলেই তাই।
এগিয়ে আসছে ক্যাসান্দ্রার দল। একসাথে এগিয়ে আসছে জোডিয়াক আর জেট স্কি। সৈকতে বাহনগুলো এসে লাগতেই, সামনে গড়িয়ে পরল সৈন্যরা। রাইফেল হাতে তুলে নিয়েছে।
খন্ডযুদ্ধের আওয়াজ ভেসে এল নিচ থেকে। নিশ্চয় রেহেমরা প্রতিহত করছে ক্যাসান্দ্রার সৈন্যদের। কিন্তু তা কেবল কয়েক মিনিটের জন্য। জেট স্কি থেকে গুলির উৎসের দিকে একটা গ্রেনেড ছুঁড়ল কেউ। কাঁচ ভাঙার আওয়াজ শোনা গেল।
গুলি করেই দৌড়-এই নীতিতে চলতে রেহেমদের কোন ক্ষতি হবার কথা না, ভাবল সাফিয়া। সংখ্যায় ওরা নিতান্তই অপ্রতুল। আর দৌড়ালেও বা কোন পর্যন্ত দৌড়াবে? একটা কাঁচের বাবলের মাঝে আটকা পড়েছে সবাই।
ফ্লেয়ারগুলো উজ্জ্বলতা হারাতে শুরু করেছে, ধীরে ধীরে নেমে এল শহরের উপর। অন্ধকার হয়ে গেল উবার। এখন আলোর উৎস বলতে মাথার উপর নেচে বেড়ানো নীল আগুন।
উপরের দিকে তাকাল সাফিয়া। ছাদটায় যেন নীল রঙের মেঘ উড়ে বেরাচ্ছে। শহর থেকে আরেক দফা গুলি বর্ষণের আওয়াজ ভেসে এল।
“আমাদের এগোন দরকার।” অনুরোধ করল ওমাহা।
“কোথায় যাবে?” জানতে চাইল ও।
মেয়েটার চোখে চোখ রাখল ওমাহা, এই প্রশ্নের উত্তর ওর কাছে নেই।
০৪:৫২ পি.এম.
বালুঝড়টা এখনও প্রবল আক্রোশে দালানের উপর ঝাঁপিয়ে পড়ছে। সহ্যের প্রায় শেষ সীমায় পৌঁছে গিয়েছে সবাই। বালু, ধুলা আর নুড়িপাথর সব কিছু ঢেকে রেখেছে।
ভূগর্ভস্থ যুদ্ধের খবর রেডিও মারফত উপরে পাঠানো হচ্ছে, ব্যাপারটা আরো খারাপ করে ফেলছে পরিস্থিতি। একতরফা লড়াইয়ে বলতে গেলে কোন বাঁধার সামনে পড়তে হচ্ছে না ক্যাসান্দ্রাকে। যুদ্ধের উত্তেজনা নিশ্চল বসে থাকা লোকগুলোর মাঝে অস্থিরতা সৃষ্টি করছে।
“বন্ধ করো রেডিও!” একজন গার্ড চিৎকার করে বলল।
“জাহান্নামে যাও তুমি, পিয়ারসন!” মেডিক পাল্টা জবাব দিল ।
ঘুরে দাঁড়াল পিয়রাসন, “শোন…”।
দ্বিতীয় গার্ডটা একটা প্লাষ্টিকের পানির ব্যারেল নিয়ে ব্যস্ত, কাত করে পানি ঢালার চেষ্টা চালাচ্ছে।
এরচেয়ে ভাল সুযোগ পেইন্টার আর কখনওই পাবে না।
কট থেকে উঠে বিনা শব্দে গার্ডের কাছে পৌঁছে গেল পেইন্টার। পিস্তল ধরা হাতটা সর্বশক্তিতে ঘুরিয়ে দিয়ে, দুই বার গুলি করল লোকটার বুকে।
গুলির আঘাতে উড়ে গিয়ে কটে আছড়ে পড়লো গার্ড।
এরপর দ্বিতীয় গার্ডের মাথা লক্ষ করে তিনবার গুলি চালালো পেইন্টার। দুটো লক্ষ্যভেদ করল। পেছনের দেয়ালে ছিটকে গিয়ে লাগল রক্ত আর মগজ।
এক পা পিছিয়ে এল পেইন্টার, ঝড়ের আওয়াজে বন্দুকের গুলির শব্দ চাপা পড়ে যাবার কথা। আহতদের হাতের কাছে কোন অস্ত্র নেই। সুতরাং হুমকি বলতে বাকি রইল কেবল মেডিক।
সেদিকেই তাকাল ও, পেছন থেকে পিয়ারসনের কাতরানির আওয়াজ ভেসে আসছে।
“বন্দুকের দিকে হাত বাড়ালেই মরবে। কিন্তু এই লোকটাকে এখনও বাঁচানো সম্ভব। সিদ্ধান্ত তোমার।” না তাকিয়েই ল্যাপটপের দিকে হাত বাড়াল ও, খুঁজে পেয়ে ডালা বন্ধ করে বগলের তলায় পুরল।
একচুল পরিমাণ নড়েনি মেডিক, সেই যে হাত তুলে রেখেছে তো রেখেছেই।
তবে সতর্কতায় ঢিল দেবার মত লোক পেইন্টার না। খুব সাবধানে, একবারও মেডিকের উপর থেকে নজর না সরিয়ে দালানটা থেকে বেরিয়ে এল সে। প্রচন্ড গতিতে বয়ে চলা বাতাস ওকে স্বাগত জানাল, আরেকটু হলে আবার ভেতরেই পাঠিয়ে দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত জয় হলো পেইন্টারের।
এম ৪ ট্রাক্টরগুলোকে যেখানে থামতে শুনেছে, সেদিকে অগ্রসর হলো ও। চোখ খুলে লাভ নেই, কিছু দেখতে পাবে না। বন্দুকটা সামনে ধরে অন্ধের মতো এগোল সে।
বেশ কিছুক্ষণ পর ধাতুর সাথে আঘাত খেল বন্দুক।
প্রথম ট্রাক্টরটাকে খুঁজে পেয়েছে সিগমা সদস্য। কিন্তু চাইলেও এটাকে নেয়া সম্ভব না। অন্য গুলো পথ আটকে দাঁড়িয়ে আছে। ব্যাটারী চালু রাখার জন্য ইঞ্জিন বন্ধ না করে ফেলে রাখা হয়েছে দানবটাকে। পেইন্টার দোয়া করল, অন্যগুলোর ইঞ্জিনও যেন চালু থাকে। চলার গতি বাড়িয়ে দিল সে।
পেছন থেকে গুলির শব্দ শুনতে পেল, ওর পালাবার খবর তাহলে আর গোপন নেই। মাথা নীচু করে এগিয়ে চলল সে, একেবারে শেষ ট্রাক্টরটার সামনে এসে থামল।
একহাতে দরজা খুলতে গিয়েও পারল না, বাতাস বাঁধা দিচ্ছে। তাই বন্দুকটাকে বক্সারে গুজে নিয়ে দুহাত কাজে লাগালো। দরজা একটু ফাঁক হতে, ল্যাপটপ সহ ভেতরে ঢুকে পড়ল ও। বন্ধ করে দিল দরজা।
ট্রাক্টরটাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল গিল্ডের ভাড়াটে সৈন্যরা, কিন্তু আর্মড ট্রাক্টরটার দেহ ভেদ করা সাধারণ গুলির কম্ম না। পাত্তা না দিয়ে ড্রাইভারের সীটে বসে পড়ল ও। পাশের সীটে রেখে দিল ল্যাপটপটা। উইন্ডশিন্ডের ওপাশে বয়ে যাচ্ছে তুমুল বালিঝড়, মনে হচ্ছে রাত নেমে এসেছে। হেডলাইট জ্বাললো পেইন্টার, তবু দুই গজের বেশী দৃষ্টি যায় না। এই বা মন্দ কী!
ইঞ্জিন চালু ছিল, ওকে শুধু বাইরে বের করে আনতে হলো ট্রাক্টরটাকে। আরো কয়েক পশলা গুলি বর্ষিত হলো ট্রাক্টরটাকে লক্ষ্য করে, কিন্তু আগের বারের ন্যায় এবারো কোন ক্ষতি করতে পারলো না।
অল্পক্ষণের মাঝেই শিশুরের বাইরে চলে এল দানবটা, এতক্ষণ ব্যাকগিয়ারে গাড়ি চালাচ্ছিল ও। যতক্ষণ কাজে দেয়, ততক্ষণ আর সামনে যাবার গিয়ার নিয়ে ভাবতে চায় না।
উইন্ডশিন্ডের উপর নজর পড়তে দুইটা আলোর গোলক দেখতে পেল। শুরু হয়ে গিয়েছে পিছু নেয়া।
০৫:০০ পি.এম.
অল্পক্ষণ বিশ্রামের জন্য থেমেছে সবাই। তবে ওমাহা একদৃষ্টিতে রাণীর প্রাসাদের দিকে তাকিয়ে আছে। প্রাথমিক গোলা-বর্ষণে এর তেমন কোন ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। হয়তো এখানে দাঁড়িয়ে আত্মরক্ষার শেষ প্রচেষ্টাটুকু চালাতে পারে ওরা। নাহ, নিজের প্রস্তাব নিজেই নাকচ করে দিল।
শুনতে ভালো শোনালেও, আদতে কাজটা খুব একটা ভালো ফল বয়ে আনবে না। চলার উপরে থাকা এখন ওদের বাঁচবার একমাত্র উপায়।
নিচের দিকে তাকাল ও, শহরটাকে দেখতে পাচ্ছে। এখনও খন্ডযুদ্ধ চলছে, তবে সংখ্যায় আগের চেয়ে অনেক কম আর দূরত্বও কমে আসছে। রেহেমদের প্রতিরোধ আস্তে আস্তে দূর্বল হয়ে আসছে।
ওদের যে কোন আশা নেই, তা ওমাহা জানে। কিন্তু তাও, সাফিয়ার দিকে চাইল সে, জীবনের শেষ শ্বাসটা দিয়ে হলেও মেয়েটাকে রক্ষা করবে।
কারা ওর পাশে এসে দাঁড়াল, “ওমাহা…”
ওমাহা! এই নামে তো কখনও ওকে ডাকে না মেয়েটা। অবাক হয়ে কারার দিকে চাইল সে। দুর্বল আর বিদ্ধস্ত মনে হচ্ছে মেয়েটাকে, ওর মতো সে-ও ওদের অবস্থা বুঝতে পেরেছে।
সাফিয়ার দিকে নড করল কারা, “কিসের এতো অপেক্ষা তোমার? ব্লাডি ক্রাইস্ট…” বলতে বলতে সরে গেল সে।
কিছুক্ষণ আগে শোনা কথাগুলো মনে পরে গেল ওমাহার, ও এখনও তোমাকে ভালবাসে।
সাফিয়ার দিকে এগোল সে। জীবন এমনিতেই কঠিন..ভালবাসাকে কঠিন বানাবার দরকার কী?
একটা বাচ্চা মেয়ের পাশে হাঁটু গেঁড়ে বসে আছে মেয়েটা, দুহাতে ধরে আছে বাচ্চাটার হাত। নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়াল ওমাহা।
মুখ না তুলেই সাফিয়া বলল, “এগুলো আমার মায়ের হাত।” একদষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, “রেহেমদের সবার মাঝে আমার মা বেঁচে আছে।
ওমাহা ওর পাশে হাঁটু গেঁড়ে বসল। সাফিয়ার এই মুহূর্তের সৌন্দর্য ওকে অভিভুত করে ফেলেছে।
“সাফিয়া”, নরম গলায় বলল। ওর দিকে ঘুরে তাকাল সাফিয়া। মেয়েটার চোখে চোখ রেখে ও বলল, “আমাকে বিয়ে কর।”
“কী?”
“আমি তোমাকে ভালবাসি সবসময় বেসেছি।”
চেহারা ঘুরিয়ে নিল সাফিয়া, “ওমাহা, ব্যাপারটা এত সহজ না…”
মেয়েটার চিবুকে একটা আঙুল রেখে আলতো করে চেহারাটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল ওমাহা, “আসলে সহজ। একদম সহজ।”
সরে যেতে চাইল সাফিয়া। কিন্তু এবার এতো সহজে ওকে পালাতে দেবে না ওমাহা, “আমি দুঃখিত।”
উজ্জ্বল হয়ে গেল মেয়েটার চোখ। কিন্তু আনন্দের আতিশায্যে না, অশ্রুর আনাগোনায়। “আমাকে পরিত্যাগ করেছিলে তুমি।”
“বড় ভুল হয়েছিল। কী করব, বুঝে উঠতে পারিনি। তবে বিশ্বাস করো, যে তোমাকে ছেড়ে গিয়েছিল, সে ছিল একটা বাচ্চা।” সাফিয়ার হাত নিজের হাতে নিল ও, “আর এখন তোমার সামনে হাঁটু গেঁড়ে বসে আছে একজন পুরুষ।”
চোখে চোখ রাখল মেয়েটা, কাঁপছে যেন। সাফিয়ার কাঁধের উপর দিয়ে নড়চড়া দেখতে পেল ওমাহা। পুরুষ, সংখ্যায় এক ডজন।
লাফ দিয়ে উঠে দাঁড়াল ওমাহা, সাফিয়ার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু ওই ডজন পুরুষের মাঝখান থেকে এগিয়ে এল এক পরিচিত চেহারা।
“বারাক…” হতভম্ব ওমাহা বলে উঠল। আক্রমণ শুরু হবার পর আর কেউ বিশাল আরবকে দেখেনি।
বারাকের পিছু পিছু এগিয়ে এল আরো কয়েকজন, ওদের দলনেতাকে চিনতে পারল ওমাহা। লোকটা বগলের নিচে একটা ক্রাচ ধরে আছে। ক্যাপ্টেন আল-হাফি।
ডেজার্ট ফ্যান্টমদের দলনেতা হাত তুলে কোন একটা নির্দেশ দিল। শরিফ-ও ওদের সাথে আছে। একেবারে সুস্থ। সদ্য আগত পুরুষের দলটা রাইফেল, গ্রেনেড আর আরপিজি লঞ্চার নিয়ে হারিয়ে গেল নিচের রাস্তায়।
অবাক হয়ে তাকিয়ে রইল ওমাহা।
কী হচ্ছে এখানে, তা বুঝতে পারছে না ও। কিন্তু ক্যাসান্দ্রার জন্য যে একটা বিরাট চমক অপেক্ষা করছে সেটা পরিষ্কার।
০৫:০৫ পি.এম.
আর তেমন গুরুত্বপূর্ণ কোনও কাজ বাকি নেই।
বোটের উপর এক পা দিয়ে দাঁড়িয়ে আছে ক্যাসান্দ্রা। বিভিন্ন দলের রিপোর্ট শুনছে সে, কয়েক জায়গায় সামান্য প্রতিরোধের সম্মুখীন হতে হলেও, খুব সহজেই শহরটা দখল করে নেয়া গিয়েছে। ইলেকট্রনিক ট্রাকারটা আঁকড়ে ধরল ও, সাফিয়ার অবস্থান ওর কাছে একদম পরিষ্কার।
ইঁদুরের মতো খেলিয়েছে ওকে কিউরেটর। ওই কুত্তীটাকে জীবিত ধরতে চায় ক্যাসান্দ্রা। পেইন্টার পালিয়ে যাওয়ায় রাগটা আরো বেড়েছে ওর।
অনেক কষ্টে চিৎকার করে হতাশা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রেখেছে ও। গার্ডদের সবাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে। দীর্ঘ একটা শ্বাস নিল সে। এখানে আর ওর করার মতো কিছু নেই। তবে এখানকার রহস্য উন্মোচনের জন্য কিউরেটরকে প্রয়োজন হবে ওর। পেইন্টারকেও শায়েস্তা করা যাবে।
আচমকা এক বিস্ফোরণ ওর মনোযোগ কেড়ে নিল। আরেকটা গ্রেনেডের দরকার পড়লো কেন? একটা আরপিজির দিকে নজর পড়ল ক্যাসান্দ্রার।
নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কেননা ওটা যে… শিট… বোট থেকে নেমে সৈকতের দিকে দৌড়াল ক্যাসান্দ্রা। রবার সোলের জুতা পরে আছে, তাই কাঁচের উপর দৌড়াতে কষ্ট হচ্ছে না। গ্রেনেডটা এসে আঘাত হানল বোটে। বিস্ফোরণের হাত থেকে বাঁচবার জন্য কিছু জঞ্জালের আড়ালে আশ্রয় নিল ও।
একটু সামলে নিয়ে শহরের দিকে তাকাল ক্যাসান্দ্রা, কেউ আবার ওদের কোন লঞ্চার দখল করে নেয়নি তো? ও তাকিয়ে থাকতে থাকতেই আরো দুইটা আরপিজি উড়ে এল।
এক ডজন জায়গায় গর্জে উঠল অটোমেটিক রাইফেল, এমন আওয়াজ তো একটু আগে শোনা যায়নি! হচ্ছেটা কী এখানে?
০৫:০৭ পি.এম.
ক্যাপ্টেন আল-হাফিকে ক্রাচে ভর দিয়ে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সবাই।
লুলুর উপর এসে স্থির হলো ক্যাপ্টেনের দৃষ্টি। ক্রাচটা ছেড়ে দিয়ে হাঁটু গেঁড়ে বসল ডেজার্ট ফ্যান্টম। আরবী কিছু একটা বলল, কিন্তু বাচনভঙ্গি এমন যা খুব কম মানুষের শোনার সৌভাগ্য হয়েছে। কান খাড়া করে শুনল সাফিয়া, কষ্ট হলেও বুঝতে পারল উচ্চারিত শব্দগুলো।
“মহামান্যা, দেরী করে উপস্থিত হবার জন্য আপনার এই দাসকে ক্ষমা করে দিন।” মাথা নিচু করে বলল।
অন্য সবার মত হোজাকেও বিষ্মিত মনে হলো। সাফিয়ার পাশে এসে দাঁড়াল ওমাহা, “শাহরান উচ্চারনে বলছে।”
শাহরা গোত্ৰ দাবী করে যে তারা রাজা শাদ্দাদের বংশধর। সাফিয়ার মনে পড়ল, শাদ্দাদকে বলা হয় উবারের প্রথম রাজা…তবে সত্যটা হলো শাদ্দাদ উবারের প্রথম রাণীর সহকারী।
ওমাহার কথা শুনে বলে উঠল বারাক, “আমরা সবাই শাহরা গোত্রের।” উঠে দাঁড়াল ক্যাপ্টেন, অন্য এক লোক ক্ৰাচটা এগিয়ে দিল।
কেবল দেখা মুহূর্তটার গুরুত্ব উপলব্ধি করতে পারল সাফিয়াঃ রাজার বংশধরদের উবারের রাণীর কর্তৃত্ব মেনে নেবার দৃশ্য।
অনুসরণ করার নির্দেশ দিয়ে ক্যাপ্টেন আল-হাফি ইংরেজিতে বলল, “আমি ভেবেছিলাম তোমাদেরকে নিরাপদে বের করে নিয়ে যাব। কিন্তু এখন কিছুক্ষণ সময় এনে দেয়া ছাড়া আর কিছু করতে পারব বলে মনে হচ্ছে না। এসো।” প্রাসাদের দিকে এগিয়ে গেল ক্যাপ্টেন। তাকে অনুসরণ করল সবাই। বারাকের পাশে এসে ওমাহা জানতে চাইল, “তুমি কি শাহরা গোত্রের?”
নড করল আরব।
ক্যাপ্টেন আল-হাফি লুলুর পাশে পাশে হাঁটছেন। আর হোজাকে হাঁটতে সাহায্য করছে কারা। এজন্যই কি তুমি আমাদের সাথে আসতে চেয়েছিলে?” জানতে চাইল।
“প্রতারণাটুকুর জন্য ক্ষমা চাইছি,” বাউ করল ক্যাপ্টেন, “কিন্তু শাহরা গোত্রের কেউ বাইরের মানুষের সামনে নিজেদের গোপন কথা ফাঁস করে না। রেহেমদের মত আমরাও এই শহরের প্রহরী। উবারের শেষ রাণী আমাদের থেকে আলাদা হয়ে যাবার সময় এই দায় ভার ন্যস্ত করে গিয়েছিলেন। চাবিগুলো যেভাবে আলাদা করেছিলেন, সেভাবে আলাদা করেছিলেন দুই বংশকে। গোপনীয়তা দুভাগ করে, রক্ষা করার দায়িত্বও ভাগ করে দিয়েছিলেন।”
সাফিয়া লুলু আর আল-হাফির দিকে চাইল-আবার একত্রিত হয়েছে উবারের দুই রাজবংশ।
“তোমাদের ভাগে কোন গোপনীয়তা রক্ষার দায়িত্ব পড়েছে?” জানতে চাইল ওমাহা।
“উবারে প্রবেশের প্রাচীন পথ, যে পথে প্রবেশ করেছিলেন প্রথম রাণী। নগরী আবার আবিষ্কৃত হবার আগে সেই পথ উন্মুক্ত করা নিষেধ ছিল।”
“একটা গোপন পথ!” বলল ওমাহা।
সাফিয়ার আগেই বোঝা উচিত ছিল। রাণীসাহেবা অসম্ভব হিসাবী ছিলেন। বিকল্প পরিকল্পনার বিকল্প পরিকল্পনা করে রেখেছিলেন।
“এখান থেকে বেরোবার পথ আছে তাহলে?” জানতে চাইল ওমাহা।
“হ্যা, মরুভূমিতে ফেরার পথ আছে। কিন্তু ওদিক দিয়েও পালাবার উপায় নেই। ঝড়ের যে তান্ডব, তাতে উবারের ডোমের উপরের দিয়ে চলাচল করা অসম্ভব। এজন্যই আমাদের আসতে এততা দেরী হয়েছে।”
“একেবারে না আসার চাইতে ভালো।” বলল ড্যানি।
“আরেকটা নতুন ঝড় ধেয়ে আসছে দক্ষিন থেকে। দুই ঝড় এক হলে,..” কথা শেষ করল না ক্যাপ্টেন।
“এর অর্থ, আমরা ফাঁদে পড়ে গিয়েছি।” কষ্ঠের হতাশা লুকাতে ব্যর্থ হলো ওমাহা। “অন্তত ঝড় শেষ না হওয়া পর্যন্ত।” এরপর আর কোন কথা হলো না, কিছুক্ষণ পর গুহার দেয়ালের কাছে ফিরে এল ওরা। দেখে নিরেট মনে হলেও, ক্যাপ্টেন আল-হাফি চলার গতি কমাল না। আচমকা জায়গাটা নজরে পড়ে গেল সাফিয়ার। কাঁচের দেয়ালে এমনভাবে একটা ফাঁক অবস্থিত, যেটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে না দেখলে কারও নজরেই পড়বে না।
ফাঁক গলে ঢুকে পড়ল ক্যাপ্টেন, “একশত পঞ্চাশ ধাপ উপরে মরুভূমি। এই প্যাসেজটাকে বাচ্চা আর মেয়েদের জন্য শেল্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে।”
“কিন্তু ক্যাসান্দ্রাকে আটকাতে না পারলে, এই শেল্টার পরিণত হবে মৃত্যুফাঁদে। মেয়েটার লোকবল আর অস্ত্র, দুটাই এখনও আমাদের চেয়ে বেশি।”
নড করে বলল ক্যাপ্টেন, “আমার লোকদের যে কোন ধরনের সাহায্য পেলে সুবিধা হবে। বন্দুক চালাতে জানে কেউ?”
ড্যানি আর কোরাল অস্ত্র হাতে নিল। এমনকি ক্লে-ও সামনে এগিয়ে হাত পাতল।
সাফিয়াকে অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, “ওই A টা আমার আসলেই দরকার।” চোখের তারায় ভয় খেলা করছে ছেলেটার, কিন্তু হার মানতে নারাজ।
সবার শেষে অস্ত্র নিল ওমাহা, “আমার একটা আছে, আরেকটা হলে মন্দ হয় না।” ক্যাপ্টেন ওর দিকে একটা এম-১৬ বাড়িয়ে ধরলেন। “চলবে।” বলে সরে গেল ওমাহা।
ওমাহার পাশে গিয়ে দাঁড়াল সাফিয়া, “ওমাহা…” একটু আগে দেয়া প্রস্তাবের উত্তরে হ্যা বা না কিছুই বলেনি সে। লোকটা কী মন থেকে প্রস্তাব দিয়েছে, নাকি মৃত্যু সুনিশ্চিত ভেবে?
হাসল ওমাহা, “এখন কোন উত্তর দিতে হবে না। আমি আমার মনের কথা জানিয়েছি। কিন্তু উত্তর পাবার যোগ্য হইনি।”
সাফিয়া ওর গলা জড়িয়ে ধরল, কানে কানে বলল, “আমিও তোমাকে ভালবাসি…শুধু জানি না যে…” কথা শেষ করতে পারল না মেয়েটা।
“আমি জানি। আর তোমার জানার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব।” কারা আর ক্যাপ্টেনের তর্কাতর্কির আওয়াজে মনোযোগ ভেঙে গেল ওদের।
“আমি তোমাকে লড়তে দেব না, লেডী কেনসিংটন।”
“আমি অস্ত্র ব্যবহার করতে জানি।”
“তাহলে একটা অস্ত্র নিয়ে সিঁড়ি ধরে উঠে যাও, কাজে আসতে পারে।” রাগে ফুঁসে উঠল কারা, কিন্তু ক্যাপ্টেনের কথার যথার্থতা বুঝতে পারল। শেষ যুদ্ধটা হয়তো সিড়ি মুখেই হবে।
ক্যাপ্টেন আল-হাফি মেয়েটার কাঁধে হাত রেখে বললেন, “তোমার পরিবারের কাছে আমি ঋণী। সেই ঋণ আজ শোধ করতে দাও।”
“কি বলতে চাচ্ছ তুমি?” কারা অবাক হয়ে বলল।
লজ্জিত কষ্ঠে লোকটা জবাব দিল, “এর আগেও তোমার পরিবারের হয়ে আমি কাজ করেছি। তখন আমার বয়স অনেক কম ছিল।” কারার মুখের দিকে তাকিয়ে বলল, “আমার নামের প্রথম অংশ হলো-হাবিব।”
আঁতকে উঠে এক পা পিছিয়ে এল কারা, “শিকারের দিনটাতে আমাদের সাথে যে গাইড ছিল…”
“আমিই সে। তোমার বাবার উবারের প্রতি আগ্রহ দেখে আমি তার সঙ্গী হয়েছিলাম। শিকারের দিন ভয়ে আমি লর্ড রেজিনান্ডকে বাঁচাতে এগোইনি। যখন ভয় কাটিয়ে উঠতে পারি, ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। আমি… আমি…” নিচুপ পুতুলের মতো দাঁড়িয়ে রইল কারা। “তাই আজ আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও।” কারা কেবলমাত্র নড করতে পারল।
হঠাৎ কথা বলে উঠলেন হোজা, “এখনও সব শেষ হয়ে যায়নি।” অদ্ভুত শব্দ কটা উচ্চারণ করে ফাটলের মাঝে ঢুকে পড়লেন তিনি, “রাণী যে পথে চলেছিলেন, সেপথ ধরে এগোতে হবে আমাদের।”
