হাই ওয়্যার অ্যাক্ট

হাই ওয়্যার অ্যাক্ট

১৫ই নভেম্বর, ০২:১২ এ.এম. জিএমটি

লন্ডন, ইংল্যান্ড

কারা চলে যাবার ঘণ্টা খানেক পরের কথা, সাফিয়া অন্ধকারের মাঝে ওর অফিসে বসে আছে। ওর ওয়ালনাটের ডেক্সের উপরে রাখা ব্যাংকারস ল্যাম্প থেকে আসা হাল্কা আলোটাই যা একটু আলো দিচ্ছে। সামনে অগোছালো হয়ে পড়ে আছে একগাদা কাগজ আর জার্নাল। কারা কিভাবে আশা করে যে সে এক সপ্তাহের নোটিশে সব কিছু ছেড়ে ছুঁড়ে ওর সাথে ওমানে যাবে? এই বিস্ফোরণের ফলে যে সমস্যা গুলো সৃষ্টি হয়েছে, সে সব সমস্যা সামলাবে কে?

নাহ, অসম্ভব। কারার মেনে নিতেই হবে। আর মানতে না পারলে, সেটা তার নিজের সমস্যা। সাফিয়াকে নিজের ভালোটাই দেখতে হবে। ওর থেরাপিষ্টের মুখে এই কথাটা প্রায়ই শুনতে হয় ওকে! নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রায় চার বছর লেগে গিয়েছে। এখন আবার নতুন করে ঝামেলায় জড়াতে চায় না।

ওমাহা ডানের কথা না হয় বাদই দিল…

পেন্সিলটা মুখে পুরল সে। গত বারো ঘন্টায় আর কিছু মুখে পড়েনি। জানে, এই মুহূর্তে মুখে কিছু গুজে কয়েক ঘণ্টা ঘুমাবার চেষ্টা করা উচিত। কিন্তু নিজেকে অফিস থেকে নড়াতে পারছে না ও।

ওমাহার সাথে চলা কথোপকথনটা বার বার মাথায় খেলে যাচ্ছে। লোকটার কথা মনে হলেই যেন কেউ আঁকশি দিয়ে চেপে ধরে ওর তলপেট।

ইস…যদি ফোনটা ও না ধরত… দশ বছর আগে ওমাহার সাথে ওর প্রথম দেখা হয়েছিল সোজারে। তখন ওর বয়স মাত্র বাইশ। অক্সফোর্ড থেকে সদ্য পাশ করে ডিজার্টেশনের (থিসিস) জন্য দক্ষিণ আরবের উপর পার্থিয়ানদের প্রভাব নিয়ে গবেষণা করছে। ওমাহা-ও সেই শহরে আটকা পড়ে ছিল। কোলাহল পূর্ণ এক দূরবর্তী এলাকায় যাবার জন্য ওমানের সরকারের অনুমতির অপেক্ষায় ছিল ও।

“আপনি কি ইংরেজি বোঝেন?” সাফিয়ার উদ্দেশ্যে বলা ওমাহার প্রথম শব্দ ছিল এগুলো। তখন মেয়েটা ছোট একটা রেস্টুরেন্টের ছোট একটা টেবিলে বসে কাজ করছিল। রেস্টুরেন্টটা ছাত্র-ছাত্রীদের মাঝে বেশ জনপ্রিয়। এখানকার কফির দাম কম, আর মানেও চলনসই।

বাঁধা পড়ায় বিরক্ত হয়েছিল সাফিয়া, কিন্তু ভদ্র ভাষায় উত্তর দিয়েছিল, “ব্রিটিশ নাগরিক হিসেবে, ইংরেজি আমার আপনার চেয়ে বেশি ভালো বোঝার কথা, স্যার।”

চোখ তুলে তাকিয়ে সে দেখেছিল, বালু রঙা চুল আর নীল চোখের এক যুবক দাড়িয়ে আছে। পরনে খাকি, মাথায় ওমানের ঐতিহ্যবাহী কাপড় পেঁচানো আর মুখে বিব্রত হাসি।

“মাফ চাইছি।” বলেছিল ছেলেটা, “আপনার হাতে অ্যারাবিয়ান আর্কিওলজি অ্যান্ড এপিগ্রাফী ৫ দেখতে পেলাম তো, তাই… একটা সেকশন দেখার দরকার ছিল। যদি অনুমতি দিতেন।”

“কোন সেকশন?”

“টলেমির ম্যাপে ওমান আর আমিরাতের অবস্থান। আমি সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছি।”

“তাই নাকি? আমি তো জানতাম ওদিকটায় বিদেশীদের যাওয়া নিষেধ।”

ছেলেটার মুখে আবার সেই হাসি ফুটে উঠেছিল, কিন্তু তাতে লেগে ছিল দুষ্টুমির ছোঁয়া। “ধরা পড়ে গিয়েছি মনে হচ্ছে। আমার বলা উচিত ছিল, যেতে চাচ্ছি। অনুমতির অপেক্ষায় আছি এখন।”

সাফিয়া চেয়ারে হেলান দিয়ে ওকে পরখ করে দেখেছিল সেদিন। হঠাৎ করে আরবীতে বলে উঠেছিল, “ওদিকে তোমার কী কাজ?”

ছেলেটাও সাথে সাথে আরবীতে উত্তর দিয়েছিল, “স্থানীয় ভুরু গোত্রের প্রাচীন গোত্রীয় পথটা খুঁজে বের করে, চলমান বিবাদের মীমাংসা করা।”

এবার ঐ এলাকার জিওগ্রাফী সম্পর্কে জানতে চাইল সাফিয়া, “তোমার কিন্তু উম্ম আল-সামিম এ খুব সাবধান হতে হবে।”

“জানি।” নড করেছিল ওমাহা, “ওদিকে প্রচুর চোরাবালি।”

হার মেনে বইটা এগিয়ে দিয়েছিল সাফিয়া, “ইন্সটিটিউট অফ অ্যারাবিয়ান স্টাডিজের কপি এটা। এখানে বসেই পড়তে হবে?”

“আইএএস-এর?” এক পা এগিয়ে এসে বলেছিল ওমাহা, “কেনসিংটনের অঙ্গসংগঠন না?”

“হ্যা, কিন্তু তাতে কি? ”

“আমি ওদের কোন এক ক্ষমতাবান ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাচ্ছি। ওমানি সরকারের সাথে ওদের ভালো খাতির। কিন্তু এখন পর্যন্ত কোন উত্তর পাইনি। লেডী কারা কেনসিংটনের মতই শীতল ওরা।”

“হুম।” অন্যমনস্ক জবাব দিয়েছিল মেয়েটা।

ওর টেবিলে বসে বসে ওমাহা লম্বা সময় ধরে পড়েছিল বইটা। কেউ কাউকে বিরক্ত করেনি। বেশ অনেকক্ষণ পর রেস্টুরেন্টের দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকলে সাফিয়া বই থেকে মুখ তুলেছিল। হাত নেড়ে ডেকেছিল নবাগতকে।

নতুন একজনের আগমনে বই থেকে মুখ তুলে তাকিয়েছিল ওমাহা। নবাগত দেখে বড় বড় হয়ে গিয়েছিল ওর চোখ।

“ড. ডান, এসো তোমাকে লেডী কারা কেনসিংটনের সাথে পরিচয় করিয়ে দেই। জেনে খুশী হবে, সেও আমার মত ইংরেজি বোঝে।”

যুবকের গালে লজ্জার আভা দেখে মজাই পেয়েছিল সাফিয়া। অবশিষ্ট বিকালটা কেটে গিয়েছিল আড্ডা আর তর্ক করে। ডানকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সেদিনের মত বিদায় নিয়েছিল কারা ।

“আমার মনে হয়, আমার কাছ থেকে অন্তত একটা ডিনার হলেও তোমার পাওনা হয়েছে।”

“তাই তো মনে হচ্ছে।” সেটাই ছিল ওদের প্রথম ডেট। দ্বিতীয় ডেটের জন্য অপেক্ষা করতে হয়েছিল ছয় মাস! কেননা বিনা অনুমতিতে মুসলিমদের একটা পবিত্র এলাকায় প্রবেশের অপরাধে, ইয়ামানের জেলে বন্দী ছিল ওমাহা। এরপর মাঝে সাঝেই ডেটে যাওয়া শুরু করল ওরা। অবশেষে এক ক্রিসমাস ইভে সাফিয়ার সামনে হাঁটু গেড়ে বসেছিল ওমাহা। বিয়ের প্রস্তাব দিয়েছিল। এর আগে কখনওই সাফিয়ার নিজেকে এত খুশি মনে হয়নি।

কিন্তু এর মাত্র এক মাস পরেই সবকিছু ওলট পালট হয়ে গেল। সেই স্মৃতি বড় পীড়াদায়ক, তাই জোর করে নিজেকে থামাল সাফিয়া। ওর অফিসটা ছোট, কিন্তু এই মুহূর্তে হাঁটতে মন চাইছে। কোট হাতে নিয়ে সেকেন্ড ফ্লোরের অফিসটা থেকে বেড়িয়ে পড়ল সে। নিচতলায় যেতে হলে, কেনসিংটন গ্যালারির সামনে দিয়ে যেতে হবে ওকে। হেঁটে হেঁটে কেনসিংটন গ্যালারি পর্যন্ত হেঁটে এল সাফিয়া, থমকে দাঁড়াল। গ্যালারির বাইরের হলে একটা ছায়া দেখতে পেয়ে।

“সাফিয়া?” ছায়াটা টর্চ জ্বালালো, উজ্জ্বল আলো যেন অন্ধ করে দিল মেয়েটাকে, “ড, আল-মায়াজ।”

গলাটা চিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, “রায়ান… আমি তো ভেবেছি তুমি বাড়িতে।”

হেসে বন্ধ করে ফেলল টর্চটা, “যাচ্ছিলাম, কিন্তু ডিরেক্টর টাইসন পেজ (মোবাইলের মত ডিভাইস, শুধু ম্যাসেজ পাঠানো যায়-অনুবাদক) দিলেন। দুজন আমেরিকান বৈজ্ঞানিক বিস্ফোরণের এলাকা পরীক্ষা করে দেখতে বদ্ধ পরিকর।” গ্যালারির মুখে সাফিয়াকে নিয়ে গেল সে।

একই ধরনের দুটো নীল জাম্প স্যুট পরা অবয়ব দেখতে পেল সাফিয়া, অন্ধকার গ্যালারি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আলো বলতে শুধু এক জোড়া ল্যাম্প পোল থেকে ভেসে আসা হালকা আভা। অবশ্য সেই আলোতে আমেরিকানদের যন্ত্র পরিষ্কার দেখা যাচ্ছে। সাফিয়ার মনে হলো, ওগুলো গাইগার কাউন্টার (বিকিরণ মাপার যন্ত্র)। ধীরে সুস্থে পুরো ঘরটা পরীক্ষা করে দেখছে ওরা।

“এম.আই.টি.-এর পদার্থবিদ।” বলল ফ্লেমিং, “এই সন্ধ্যায় এসে নেমেছে আর নেমেই লেগে পড়েছে কাজে। মনে হয় অনেক ক্ষমতাবান। ডিরেক্টর নিজে আমাকে বলেছেন, বুঝতেই পারছ। চল, পরিচয় করিয়ে দেই।”

পাশ কাটাতে চাইল সাফিয়া, “কী দরকার? তাছাড়া আমার তাড়া আছে।”

কিন্তু ততক্ষণে গ্যালারিতে ঢুকে পড়েছে ফ্লেমিং। দুই আমেরিকানের একজনের চোখে ধরাও পড়ে গিয়েছে।

এগিয়ে এল আমেরিকান, “ড. আল-মায়াজ। কী সৌভাগ্য!” একহাত বাড়িয়ে দিল লোকটা, “আমি ড. ক্রো। পেইন্টার ক্রো।”

সাফিয়া হাত মেলাল।

ল্যাপিস রঙের একজোড়া অন্তর্ভেদী চোখে চোখ পড়ল সাফিয়ার। কাঁধ পর্যন্ত লম্বা চুল আর কিছুটা গাঢ় রঙের চামড়া লোকটার শরীরে নেটিভ আমেরিকান রক্তের উপস্থিতির প্রমাণ। কিন্তু নীল চোখের মণি দেখে একটু সন্দেহে পড়ে গেল সে। ক্রো। স্প্যানিশও হতে পারে।

মুখ হাসিতে উদ্ভাসিত। “ইনি আমার সহকর্মী, ড. কোরাল নোভাক।”

আমেরিকান ভদ্রমহিলা হাত স্পর্শ করেই ছেড়ে দিল, সাফিয়ার মনে হলো ভদ্র মহিলা নিজ কাজে ফিরে যেতে ব্যাগ্র।

কোন দুই বিজ্ঞানীর মাঝে এরচেয়ে বেশি পার্থক্য হতে পারে না। কোরালকে দেখে মনে হয়, চামড়ায় কোন পিগমেন্ট নেই (পিগমেন্ট চামড়ার কালো রঙের জন্য দায়ী-অনুবাদক)। পাতলা ঠোঁট, ধূসর চোখের মণিজোড়া। সাদাটে-সোনালী চুলগুলো ছোট ছোট করে ছাঁটা। সাফিয়ার সমান লম্বা হবে।

“কী খুঁজছেন আপনারা?” এক পা পিছিয়ে এসে জানতে চাইল সাফিয়া।

“তেজস্ক্রিয় বিকিরণের উপস্থিতির প্রমাণ।” পেইন্টার গাইগার কাউন্টারটা দেখিয়ে বলল।

“তেজস্ক্রিয় বিকিরণ?” চেষ্টা করেও বিস্ময়টা লুকাতে পারল না সে।

হাসল পেইন্টার-বিদ্রুপের হাসি না, সাধারণ হাসি। “দুশ্চিন্তা করবেন না। আমরা বিশেষ এক ধরনের বিকিরণ খুঁজছি যা বজ্রপাতের পর পাওয়া যায়।”

নড করল সাফিয়া, “আপনাদের আর বিরক্ত করতে চাই না। দেখা হয়ে ভালো লাগল। আর যদি আপনাদের অনুসন্ধানে কোনভাবে সাহায্য করতে পারি, তাহলে জানাতে ভুলবেন না।” বলেই উল্টো দিকে ঘোরা শুরু করল সাফিয়া ।

পেইন্টার ওর পিছু নিল, “ড. আল-মায়াজ। আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। একসাথে লাঞ্চ করলে কেমন হয়?”

“দুঃখিত। এই মুহূর্তে আমি খুব ব্যস্ত।” চোখে চোখ পড়ল সাফিয়ার । চেষ্টা করেও নজর ফেরাতে পারল না সে। পেইন্টারের চোখের দুঃখ ধরা পড়ল ওর চোখে, “হয়তো-হয়তো চেষ্টা করলে ব্যবস্থা করা যেতে পারে। সকালে নাহয় আমার অফিসের সাথে যোগাযোগ করুন, ড. ক্রো।”

নড করল লোকটা, “অবশ্যই করব।” রায়ান ফ্লেমিং ওকে বাঁচাতে এগিয়ে এল, “চলো, এগিয়ে দিয়ে আসি।” নিজের উপর জোর খাটিয়ে পিছু ফিরে চাওয়া থেকে থামাল সে, অনেকদিন পর । কোন পুরুষ মানুষ ওর উপর এমন প্রভাব ফেলতে সমর্থ হলো।

“লিফট বন্ধ হয়ে আছে।” বলল ফ্লেমিং। “আমেরিকানরা কেমন জানি সারাক্ষণ দৌড়ের উপর আছে। আজ রাতেই আসতে হবে!”

শ্রাগ করল সাফিয়া, “আসলে এটা বিজ্ঞানীদের স্বভাব। একবার রক্তের গন্ধ পেলে আর পিছু ছাড়তে চায় না।”

হাসতে হাসতে নড করল ফ্লেমিং, “তা আমি টের পেয়েছি।” পাস-কী ব্যাবহার করে তালা খুলে ফেলল। এরপর দরজা খুলে ধরল সাফিয়ার জন্য।

মেয়েটার চোখে চোখ রেখে লাজুকভাবে বলল, “সাফিয়া বলছিলাম কি… যদি তোমার সময় হয়… তাহলে একদিন…”

বাদামের খোসা ভাঙার মতো শোনাল গুলির শব্দটা। রায়ান ফ্লেমিংয়ের মাথার ডান দিকটা যেন বিস্ফোরিত হলো, আশেপাশে ছড়িয়ে পড়ল মগজ আর রক্ত।

রায়ানের মৃতদেহ মাটিতে পড়ার আগেই খোলা দরজা দিয়ে ঢুকে পড়ল তিনজন মুখোশধারী বন্দুকবাজ। উল্টো দিকের দেয়ালের সাথে ঠেসে ধরল সাফিয়াকে। হাত দিয়ে চেপে রেখেছে মেয়েটার মুখ।

কপালে বন্দুকের নলের শীতল স্পর্শ টের পেল সাফিয়া। শুনল, কেউ একজন জানতে চাইছে, “হৃদপিন্ডটা কোথায়?”

* * * *

পেইন্টার মনিটরের লাল নিডলের দিকে তাকিয়ে আছে। একটা বিস্ফোরিত ক্যাবিনেটের সামনে আসতেই ওটা কমলা রঙের সীমানায় ওঠা-নামা শুরু করে দিল-শক্তিশালী বিকিরণের উপস্থিতির প্রমাণ। ওর হাতের কাউন্টারটা বিশেষভাবে বানানো হয়েছে। প্রতি পদার্থ ধ্বংস হবার ফলে উৎপন্ন বিকিরণ ধরতে পারে এটি।

“এখানে বেশ শক্তিশালী রিডিং পাচ্ছি।” কোরাল ওকে ডাকল।।

পেইন্টার ওর সহকর্মীর পাশে এসে দাঁড়াল। কোরাল নোভাক সিগমায় নতুন এসেছে। মাত্র তিন বছর আগে সিআইএ থেকে রিক্রুট করা হয়েছে ওকে। এই অল্প সময়ের মাঝে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি শেষ করে ফেলেছে মেয়েটা, সেই সাথে ব্ল্যাক বেল্ট পেয়েছে খালি হাতে মারামারির ছয়টা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। মেয়েটার আইকিউ লেভেলও অনেক উঁচুতে। আর বিভিন্ন বিষয়ে এনসাইক্লোপেডিয়ার মত জ্ঞান তো আছেই। এর আগে পেইন্টারের মাত্র একবার দেখা হয়েছিল কোরাল নোভাকের সাথে। এরপর এই হঠাৎ টিম গঠন। ক্যাসান্দ্রার সাথে পাঁচ বছর কাজ করেছে পেইন্টার। তাই দুজন মহিলার সাথে তুলনা দেয়ার সময় এখনও আসেনি। কিন্তু দুই মহিলার মধ্যকার মিল গুলো ওকে কিছুটা হলেও সন্দিহান করে তুলেছে, আবার বৈসাদৃশ্যগুলো নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

সেসব প্রশ্নের উত্তর, একমাত্র সময়ই দিতে পারে। কোরাল নিজের যন্ত্রের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করল। একটা গলে যাওয়া ব্রোঞ্জের ঘটির সামনে দাঁড়িয়ে আছে ওরা, “কমান্ডার, তোমার উচিত হবে আমার রিডিং গুলো আবার চেক করে দেখা। কারণ রিডিংটা একদম রেড জোনে চলে গিয়েছে।”

পেইন্টার নিজের যন্ত্রটা দিয়ে মাপল। “রিডিং ঠিক আছে।”

হাঁটু গেড়ে বসল কোরাল। লেড দিয়ে বানানো গ্লাভস পড়ে আছে। ঘটিটা খুব ভালো করে পরীক্ষা করে দেখল সে। হাতে নিয়ে নাড়তেই, ভেতরে থেকে আওয়াজ ভেসে এল। অনুমতির জন্য পেইন্টারের দিকে চাইল সে। পেইন্টারের না করার প্রশ্নই আসে না। ঘটির ভেতর হাত ঢুকিয়ে দিল মেয়েটা, এক মুহূর্ত বের করে আনল পাথরের ছোট এক টুকরা। গ্লাভসের উপর টুকরাটাকে রাখল সে। একদিক কালো হয়ে আছে। কিন্তু পাথরটা ঘোরাতেই অন্য দিকটা দেখতে পেল ওরা, লাল, ধাতব। পাথর না…লোহা।

“উল্কা পিন্ডের খন্ড মনে হয়।” কোরাল হাত বাড়িয়ে বলল, যেন পেইন্টার স্ক্যান করে দেখতে পারে। রিডিংটা দেখে বোঝা গেল মেয়েটার সন্দেহই ঠিক। “আমার রিডিংটা দেখ । জেড-বসোন আর গ্লওনের পাশাপাশি এতে লো লেভেল আলফা আর বিটা রেডিয়েশনও আছে।”

ভ্রু কুঁচকে ফেলল পেইন্টার । ফিজিক্সের ব্যাপারে ওর ধারণা শূন্যের কোঠায়। সহজ করে বলল কোরাল, “ক্ষয়রত ইউরেনিয়ামে এই বৈশিষ্ট্য দেখা যায়।”

“ইউরেনিয়াম? নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যে ইউরেনিয়াম ব্যবহৃত হয়, সেটা?”

নড করল মেয়েটা, “অশোধিত। হয়তো কয়েকটা পরমাণু এই লোহায় আটকে ছিল।” নিজের রিডিং গুলো পরীক্ষা করে দেখল সে। কপাল কুঁচকে ফেলল মেয়েটা, ওর মত নিঃস্পৃহ মেয়ের জন্য অস্বাভাবিক ব্যাপার।

“কী হলো?” জানতে চাইল পেইন্টার।

স্ক্যানার থেকে মুখ না তুলেই জবাব দিল কোরাল, “এখানে আসার পথে ডারপার গবেষকদের রিপোর্ট দেখছিলাম। কিন্তু ওদের থিওরির সাথে একমত হতে পারিনি। ওরা বলছিল, প্রতি পদার্থের কোন স্থিতিশীল অবস্থা এই উল্কাপিন্ডের মাঝে আবদ্ধ ছিল।”

“তোমার কী থিওরিটা পছন্দ হয়নি?” পেইন্টার নিজেও স্বীকার করে যে ব্যাপারটা কিছুটা অস্বাভাবিক। প্রতি পদার্থ অন্য যে কোন পদার্থ এমনকি বাতাসের সংস্পর্শে এলেও বিস্ফোরিত হয়ে যায়। কিভাবে তা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে?

না তাকিয়েই শ্রাগ করল মেয়েটা, “ধরা যাক, থিওরিটা মেনে নিলাম। তাহলে প্রশ্ন হলো, এখন কেন তা বিস্ফোরিত হল? এই বৈদ্যুতিক ঝড়ের এমনকি বৈশিষ্ট্য ছিল যে, তা স্থিতিশীল প্রতি পদার্থকে অস্থিতিশীল করে ফেলেছে? কাকতালীয় ঘটনা? নাকি অন্য কিছু?”

“তোমার কি মনে হয়?”

স্ক্যানারের দিকে ইঙ্গিত করল কোরাল, “ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম। একে প্রকৃতির ঘড়ি বলতে পার। ধীরে ধীরে ইউরেনিয়াম ক্ষয়প্রাপ্ত হয়। হয়তো ইউরেনিয়ামের ক্ষয় কোন বিশেষ মাত্রায় উপনীত হওয়ায় প্রতি পদার্থ অস্থিতিশীল হয়ে পড়েছিল।”

“বোমায় লাগানো টাইমারের মতো।”

“নিউক্লিয়ার টাইমার, হয়তো অনেক শতাব্দী আগে লাগানো হয়েছিল।” গা শিউরে উঠল পেইন্টারের। কিন্তু কোরালের কপাল এখনও কুঁচকে আছে। পেইন্টার বুঝল, ওর সহকর্মীর মাথায় অন্য কিছু চলছে।

“আবার কী?” জানতে চাইল সে।

“এটাই যে প্রতি পদার্থের একমাত্র স্থিতিশীল নমুনা, তা কে বলল? হয়তো আরো অনেক নমুনা আছে। হয়তো কোন খনি আছে। সেটাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। সময় বয়ে চলছে।”

নমুনা রাখার জারে স্থান পেয়েছে কোরালের হাতের টুকরাটা। ওটার দিকে তাকিয়ে পেইন্টার বলল, “আর এই খনিটাকে খুঁজে বের না করলে, শক্তির এক নতুন উৎস হারাবো আমরা।”

“এরচেয়েও ভয়ানক কিছু ঘটতে পারে।” চারদিকে ইঙ্গিত করে বলল, “পরবর্তী বিস্ফোরণটা হয়তো এরচেয়ে ভয়াবহ হবে।”

ব্যাপারটা উপলব্ধি করতে পেরে চুপ করে রইল পেইন্টার ।

হঠাৎ আসা নিরবতাকে ভেঙে খান খান করে দিল সিড়ি থেকে ভেসে আসা পদশব্দ। ঘুরে দাঁড়াল সে। কানে এল ড. আল-মায়াজের অস্ফুট গলা।

অবচেতন মন সাবধান করে দিল ওকে। কিউরেটর আবার ফিরে আসছে কেন? এরপরই শুনতে পেল আরেকটা ভারী গলা। কণ্ঠে আদেশের সুর স্পষ্ট, “তোমার অফিসে নিয়ে চল আমাদের।”

কোথাও কোন ঘাপলা আছে। ওর আগে পাঠানো দুই এজেন্টের কথা মনে পরে গেল ওর। সাথে সাথে কোরালের দিকে ফিরল। টের পেল, মেয়েটাও কিছু একটা সন্দেহ করেছে।

“অস্ত্র?” জানতে চাইল পেইন্টার। ব্রিটেনে আগ্নেয়াস্ত্রকে ভালো চোখে দেখা হয় না। তাই ওদের আছেও কোন অস্ত্র নেই। কোরাল ঝুঁকে পড়ে ওর প্যান্টটা একটু উপরে তুলে ধরল। পেইন্টার দেখতে পেল, একটা খাপে পোরা ছোরা বেঁধে রেখেছে ওখানে। এই জিনিস যে মেয়েটার কাছে আছে, সে সম্পর্কে কোন ধারণাই ছিল না পেইন্টারের। সাত ইঞ্চি লম্বা ড্যাগারটা হাতে নিল মেয়েটা, টাইটেনিয়াম আর স্টিলের তৈরি দেহ। দেখে মনে হয় জার্মানির প্রোডাক্ট। ওর দিকে ছুরিটা বাড়িয়ে দিল সে।

“রেখে দাও…” বলে কাছে পড়ে থাকা একটা লম্বা হ্যান্ডেলের বেলচা হাতে তুলে নিল পেইন্টার।

সিড়ির মাথার কাছে পৌছে গিয়েছে পদশব্দ। মিউজিয়াম সিকিউরিটিও হতে পারে। তবে ঝুঁকি নেয় শুধু বোকারা, আর পেইন্টার ক্রো বোকা না।

কোরালকে ইঙ্গিতে প্ল্যান বোঝাল সে, এরপর ল্যাম্প পোলের আলো নিভিয়ে দিল। অন্ধকার নেমে এল সারা ঘরজুড়ে। গ্যালারি মুখের দুই পাশে অবস্থান নিল দুজনে।

এক হাত তুলল পেইন্টার, আমি নির্দেশ দিলে… নিস্পলক চোখে তাকিয়ে রইল সিড়িমুখের দিকে।

বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কয়েক মিনিট পরেই একটা ছায়া দেখতে পেল ও। ছায়াটা দ্রুত পজিশন নিয়ে নিল। মুখোশ পরিহিত লোকটার কাঁধে অ্যাসল্ট রাইফেল শোভা পাচ্ছে। মিউজিয়াম সিকিউরিটি হতেই পারে না। কিন্তু আততায়ী মোট কয় জন? দ্বিতীয় আরেকটা অবয়ব দেখতে পেল পেইন্টার। এই লোকটাও অস্ত্রধারী, পরনে একই পোষাক। হলটায় নজর বুলাল প্রথম দুজন। এরই ফাঁকে উদয় হলো তৃতীয় জন। সাফিয়া আল-মায়াজের কনুই ধরে তাকে টেনে আনছে আরেক হাতে | ধরা বন্দুকটি ঠেসে ধরেছে মেয়েটার পাঁজরে।

কাঁদছে মেয়েটা, প্রতিটা পদক্ষেপের সাথে কেঁপে কেঁপে উঠছে। “আমার … অফিসের সেফে আছে।” হলের দিকে ইঙ্গিত করে বলল সে।

নড করে অন্যদেরকে এগোবার নির্দেশ দিল সবার শেষ উদয় হওয়া ব্যক্তি। পিছিয়ে এল পেইন্টার, চোখাচোখি হলো পার্টনারের সাথে। ইঙ্গিতে বুঝিয়ে দিল, কার ভাগে কে পড়েছে। নড করল কোরাল, বুঝতে পেরেছে।

এদিকে সাফিয়া বার বার কেনসিংটন গ্যালারির দিকে তাকাচ্ছে। আমেরিকানদের উপস্থিতির কথা ওর অজানা নেই। কিন্তু প্রশ্ন হলো, আতংকিত মেয়েটা এমন কিছু করে বসবে না তো, যাতে ওদের অবস্থান প্রকাশ পেয়ে যায়?

ধীর হয়ে এল কিউরেটারের গতি, উঁচু গলায় বলল, “প্লিজ… আমায় গুলি করবেন না!”

ওর বন্দিকারী ঘোঁত করে উঠল, “গুলি খেতে না চাইলে, যা বলছি তা করো।” কিউরেটরের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল পেইন্টারের। ও বুঝতে পেরেছে, মেয়েটার হঠাৎ উচু গলায় কথা বলার উদ্দেশ্য হলো ওদেরকে সাবধান করে দেয়া।

প্রথম দুই মুখোশধারী রাইফেলম্যান পেইন্টারের ঠিক সামনে দিয়ে এগিয়ে গেল। মাত্র কয়েকগজ পিছন থেকে ওদেরকে অনুসরণ করে এগোচ্ছে সাফিয়া আর তৃতীয় মুখোশধারী। সাফিয়া পার হয়ে যেতেই পার্টনারকে ইঙ্গিত করল পেইন্টার।

শুরু করো!

কোরাল লাফিয়ে ওর লুকাবার জায়গা থেকে বেড়িয়ে পড়ল, এরপর এক গড়ান দিয়ে এসে পড়ল সাফিয়া আর ওর বন্দিকারীর মাঝখানে।

আচমকা আক্রমণে হচকচিয়ে গেল সাফিয়াকে ধরে থাকা লোকটা। কিউরেটরের পাঁজর স্পর্শ করে থাকা বন্দুকটা সরে গেল। পেইন্টারের জন্য এটুকু যথেষ্ট। রিফ্লেক্সের বসে মুখোশধারী মেয়েটাকে গুলি করে বসে-এমনটা চায়নি পেইন্টার। কখনও কখনও মাথায় আঘাত পেলে মানুষের মাঝে ওমন রিফ্লেক্স দেখা যায়। আড়াল থেকে বেরিয়ে এসে দক্ষতার সাথে বেলচা চালালো সে। টের পেল, মুখোশধারীর খুলির হাড় ভেঙে গিয়েছে। মাটিতে পরে গেল দেহটা, সাফিয়াকেও টেনে নিয়ে গেল।

“ওভাবেই থাক। নির্দেশ দিল পেইন্টার, এরপর এগোল কোরালের দিকে। তবে না এলেও চলত, কোরালের কোন সাহায্যে প্রয়োজন নেই।

ফাঁকা হাতের উপর ভর দিয়ে ঘুরল সে, পা দিয়ে আঘাত হানল কাছের আততায়ীর হাঁটুতে। আঘাতে মাটি থেকে পা উঠে গেল লোকটার। একই সাথে অন্য হাত দিয়ে অব্যর্থভাবে ছুঁড়ে দিল জার্মান ছুরিটা। দ্বিতীয় আততায়ীর খুলির গোড়ায় গিয়ে আঘাত হানল সেটা, বিছিন্ন করে দিল মস্তিষ্কের সাথে শিরদাড়ার সংযোগ। একবার আঁতকে উঠেই ঢলে পড়ল সে। কোরাল কিন্তু থামেনি। জিমন্যাস্টের মত দক্ষতায় নিজের দেহটাকে পাক খাইয়ে এনেছে সে। পা দিয়ে আঘাত হেনেছে প্রথম আততায়ীর মুখে।

লোকটার মাথা তীব্র গতিতে পিছনে হেলে পড়ল, পরমুহূর্তে আবার সামনে এসে বাড়ি খেল মার্বেল পাথরের মেঝেতে।

দেহটার উপরে চড়ে বসল কোরাল, আঘাত হানবার জন্য তৈরি। কিন্তু তার আর প্রয়োজন নেই। জ্ঞান হারিয়ে ফেলেছে সে। এবার অন্য লোকটার দিকে ফিরল সে, অনঢ় পরে রয়েছে দেহটা। মৃত।

মৃত মুখোশধারীর দেহের নিচে চাপা পড়ে হাঁসফাঁশ করছিল সাফিয়া। পেইন্টার ওর দিকে এগিয়ে গেল, “ব্যথা পাওনি তো?”

পেইন্টারের সাহায্য নিয়ে উঠে বসল মেয়েটা, “না… মনে হয় না।” আশে পাশের নরক কান্ডের দিকে চোখ বুলাল একবার, কিন্তু কিছু উপলব্ধি করতে পেরেছে বলে মনে হলো না। “হায় খোদা, রায়ান। গুলি করেছে ওকে … নীচ তলার দরজার কাছে।”

“আরো অস্ত্রধারী আছে নাকি?”

“আমি… আমি জানিনা।”

পেইন্টার আরো কাছে চলে এল। “ড, আল-মায়াজ”। শকের কাছাকাছি চলে গিয়েছে মেয়েটা, ওর এখন দরকার শক্ত গলার কিছু নির্দেশ, “শোন। আর কজন আছে?”

বড় করে কয়েকবার শ্বাস নিল মেয়েটা; চেহারা ভয়ে বিকৃত হয়ে আছে। শেষবারের মত কেঁপে উঠল কিছুটা দৃঢ় স্বরে বলল, “নিচে কেউ নেই। কিন্তু রায়ান…”।

“আমি গিয়ে দেখছি।” কোরালের দিকে ফিরল ও, “ড. আল-মায়াজের সাথে থাকো। আমি নিচে একবার নজর বুলিয়ে আসি।”

মুখখাশধারীর পি৩৮ বন্দুকটা হাতে তুলে নিল সে, ওয়ালথার। ওর গ্লক পছন্দ। কিন্তু এখন এটা দিয়েই কাজ চালাতে হবে।

কোরাল খুঁজে খুঁজে এক টুকরা দড়ি বের করল, বেঁধে ফেলল একমাত্র জীবিত কিন্তু অজ্ঞান আততায়ীকে। “আমাদের কাভারের কি হবে?” ফিসফিসিয়ে জানতে চাইল সে। নজর সাফিয়ার দিকে।

“আমরা খুব দক্ষ আর করিতকর্মা বিজ্ঞানী।” উত্তরে বলল পেইন্টার ।

“অন্য ভাবে দেখতে গেলে, আমরা সত্য কথাই বলছি?” চোখের তারায় কৌতুক খেলে গেল কোরালের।

নিচ তলার দিকে রওনা হলো পেইন্টার, এই পার্টনারের সাথে কাজ করতে ওর ভালোই লাগবে।

* * * *

লোকটাকে সিড়ি বেয়ে নীচে নেমে যেতে দেখল সাফিয়া। একটু পরেই চোখের আড়ালে চলে গেল সে। এত নিঃশব্দে হাঁটছিল যেন তার পায়ের নীচে মেঝে না, আছে বরফের চাঁই। তাতে পিছলে এগিয়ে যাচ্ছে সে।

কে এই লোক?

একটা ঘোঁৎঘোঁৎ শব্দ শুনে কোরালের দিকে ফিরল সাফিয়া। বেঁচে যাওয়া আততায়ীর পিঠের উপর একটা হাঁটু দিয়ে চেপে বসেছে কোরাল। লোকটার হাত দুটো সে এত জোরে পেছনে টেনে ধরলে যে গুঙিয়ে উঠল নেতিয়ে পড়া আততায়ী। অত্যন্ত দক্ষতার সাথে দড়ি দিয়ে দ্রুত তার হাত বেঁধে ফেলল কোরাল। হয় তার কাফ-রোপিং (ঘোড়ার পিঠে চড়ে দড়ি দিয়ে বাছুর ধরার খেলা বিশেষ) এর অভিজ্ঞতা আছে, নাহয় পদার্থবিজ্ঞান ছাড়াও সে গোপন কিছু বিষয়ে পারদর্শী। এর বেশি ভাবার ইচ্ছা হলো না সাফিয়ার।

নিজের শ্বাস-প্রশ্বাস দিকে লক্ষ্য দিল। ফ্যান চললেও রুমের বাতাসে এখনও অক্সিজেনের কমতি আছে। ঘামে ভিজে গিয়েছে ওর পুরো শরীর। হাঁটু ভাজ করে দেয়ালের সাথে লেগে বসে রইল ও, হাত দুটো দিয়ে নিজেকে জড়িয়ে ধরে রেখেছে। জোর করে কাঁপুনি থামিয়ে রাখতে চাইল। মানুষজনের সামনে নিজেকে এত দুর্বল দেখানো চলবে না। ভাবনাটা কিছুটা শান্ত করল ওকে। পড়ে থাকা দেহ দুটির দিকে ভুলেও তাকাল না। অ্যালার্ম বাজবে কিছুক্ষণের মধ্যেই। ব্যাটন আর লাইট নিয়ে হাজির হবে সিকিউরিটি। স্বস্তি জাগানো কয়েকটা পরিচিত মুখও থাকবে সেখানে।

হলওয়েটা এখন একটু বেশিই নিস্তব্ধ, শূন্য আর কেমন স্যাঁতস্যাঁতে। না চাইতেই আরেকবার দৃষ্টি চলে গেল সিড়িমুখের দিকে। রায়ান…

ওর আবিষ্কার, যেটা নিয়ে সে একটু আগেও গর্ববোধ করছিল, সেই লোহার হৃদপিন্ডের পেছনেই লেগেছে আক্রমণকারী। আর তাদের লোভের বলি হতে হয়েছে রায়ানকে। না, ওদের লোভের জন্য না। সাফিয়ার কারণেই মরতে হয়েছে লোকটাকে।

আর না…আবার না…

উগরে আসা বোবা কান্নাটা মুখে হাত দিয়ে চাপা দিতে চাইল সাফিয়া। গলার কাছে একটা ভারী বোঝার মতো আটকে রইল তা। দম আটকে হাঁসফাঁস করতে লাগল ও।

“আপনি ঠিক আছেন?” একটু দূরে দাঁড়িয়ে থাকা মহিলা জিজ্ঞেস করল। নিজেকে গুটিয়ে নিলো সাফিয়া, এখনও কাঁপছে ও।

“এখন আর ভয়ের কিছু নেই। সিকিউরিটি নিয়ে যেকোন মূহুর্তে চলে আসবে ড. ক্রো ।”

সাফিয়া কুন্ডলী পাকিয়ে আছে, একটা নিরাপদ স্থানের আশায় ঘুরছে ওর চোখজোড়া।

“ভালো হয় যদি আমি কিছু-….” আচমকা গুঙিয়ে উঠে থেমে গেল পদার্থবিজ্ঞানীর কণ্ঠ।

মুখ তুলল সাফিয়া। ওর থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে মহিলা। তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছে, হাত দুটো দুপাশে, মাথাটা পিছনে হেলে পড়েছে।

দেখে মনে হচ্ছে, আপাদমস্তক কাঁপছে সে ।খিঁচুনি। সেই সাথে যোগ হয়েছে। গোঙানি ।

হামাগুড়ি দিয়ে অনিশ্চিত ভঙ্গিতে সিড়িমুখের দিকে এগিয়ে চলল সাফিয়া। হচ্ছেটা কী?

হঠাৎ করেই সামনের দিকে পড়ে গেল কোরাল। অন্ধকারাচ্ছন্ন হলওয়ের মধ্যে একটা নীলচে শিখা জ্বলে ওঠল তার কোমরের দিকে। তার কাপড় থেকে ধোঁয়া উঠতে লাগল। তখনও নিশ্চল হয়ে পড়ে আছে সে। কিছুই বোঝা যাচ্ছে না।

তবে নীল শিখাটা নিভে যেতেই একটা সরু তার আবিষ্কার করল সাফিয়া। তারটা পড়ে থাকা মহিলার শরীর থেকে তিন মিটার দূরে দাঁড়িয়ে থাকা একটা অবয়ব পর্যন্ত চলে গিয়েছে।

আরেকজন মুখোশ পরিহিত আততায়ী!

তার হাতে একটা অদ্ভুত পিস্তল। আগেও এমন অস্ত্র দেখেছে সাফিয়া… তবে সিনেমায়, বাস্তবে নয়। একটা টেযার। নীরব ঘাতক।

পিছিয়ে যেতে লাগল সাফিয়া। মার্বেলের মেঝেতে পিছলে যেতে লাগল ওর উঁচু হিলের জুতো। অফিস ছেড়ে বের হওয়ার সময় কেমন খুঁতখুঁত করছিল ওর মন। সে কথাটাই মনে পড়ে গেল এখন। কাউকে দেখতে পেয়েছিল বলে মনে হয়েছিল, বাইজেন্টাইন গ্যালারিতে একটা আলো দেখতে পেয়েছিল যেন। সেটা তাহলে দুশ্চিন্তাগ্রস্ত মনের কষ্টকল্পনা ছিল না। অবয়বটা চার্জহীন টেযার ফেলে ওর দিকে এগোতে লাগল।

লাফ দিয়ে উঠে দাঁড়াল সাফিয়া। অ্যাড্রেনালিন আর আতঙ্ক সাহায্য করল ওকে। সিড়িমুখটা সামনেই। যদি কোনভাবে সেখান পর্যন্ত পৌছাতে পারে আর নীচের সিকিউরিটি এরিয়া পর্যন্ত যেতে পারে

ওর ডান পায়ের গোড়ালির কাছের মেঝেতে আঘাত করল কিছু। হিসহিস করে ওঠল নীলচে শিখা। আরেকটা টেযার। সাফিয়া লাফ দিয়ে সরে গিয়ে সিঁড়ির দিকে দৌড়াল। টেযারটা আরেকবার লোড করতে কিছু সময় লাগার কথা… কিন্তু যদি আততায়ীর কাছে তৃতীয় কোন টেযার থাকে! সিড়িমুখের কাছাকাছি পৌছে গেল ও। আশঙ্কা করছে, পেছন থেকে একঝাঁক আলোক শিখা এসে আঘাত করবে পিঠে।

অথবা একটা বুলেট। কিন্তু তেমন কিছুই ঘটল না। সিড়িমুখে চলে এল ও।নীচে যেন নরক নেমে এসেছে। চিৎকার-চেঁচামেচি ভেসে এল ওর কানে । একটা গুলির শব্দ ছোট জায়গাটায় যেন বোমা ফাটালো। নীচে আরো আততায়ী আছে।

উপায় না দেখে উপরে ছুটল সাফিয়া। ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা পালাতে হবে, থামলে চলবে না। গতি বাড়াল ও, একসাথে দুটো ধাপ অতিক্রম করতে লাগল । জাদুঘরের এই অংশে চতুর্থতলা বলে কিছু নেই।

এই সিঁড়ি গিয়ে শেষ হয়েছে একেবারে ছাদে।

সিড়ির প্রথম ফ্লাইট শেষে ঘুরল সাফিয়া, রেলিং ধরে একটু স্থির হওয়ার চেষ্টা চালালো। সিঁড়ির একেবারে শেষ মাথায় একটা দরজা দেখা যাচ্ছে। একটা ইমার্জেন্সী এক্সিট। দরজাটা বাইরে থেকে বন্ধ করা হলেও ভেতর থেকে খোলা যায়। অ্যালার্ম বেজে উঠবে অবশ্য, কিন্তু এই মূহুর্তে সেটাই দরকার। সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সাফিয়া মনে মনে প্রার্থনা করল, দরজাটা যেন খোলা থাকে।

পেছন থেকে পায়ের শব্দ ভেসে এল। ও দরজার দিকে হাত বাড়িয়ে ইমার্জেন্সী এক্সিটের হাতলটায় চাপ দিল। নড়ল না সেটা। আটকানো।

একটা চাপা কান্না বের হয়ে এল সাফিয়ার গলা চিরে। স্টিলের দরজায় আছড়ে পড়ল ও। না…….

* * * *

হাত দুটো উপরে তুলল পেইন্টার, ওয়ালথার পি৩৮ টা তার পায়ের কাছে মেঝেতে পড়ে আছে। আরেকটু হলেই গুলিটা ওর মাথায় লাগত। বুলেটটা ওর গাল ছুঁয়ে গিয়েছে, জায়গাটা এখন জ্বালা করছে। দ্রুত সরে গিয়ে গড়িয়ে যাওয়াতেই রক্ষা।

তবে পুরো বিষয়টা কেমন দেখাচ্ছিল, সেটা সে কল্পনা করতে পারছে। বাইরে যাওয়ার দরজার কাছে পড়ে থাকা রায়ান ফ্লেমিং এর লাশের পাশে হাঁটু গেড়ে বসে ছিল সে, হাতে পিস্তল। এমন সময় তিনজন সিকিউরিটি ম্যানের আবির্ভাব ঘটে। আর মুহূর্তেই নরক গুলজার নেমে আসে। তবে দ্বিধাদ্বন্দ্ব পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে বেশিক্ষণ সময় লাগল না পেইন্টারের। পিস্তলটা ফেলে দিয়ে হাত দুটো উপরে তুলে ধরল সে।

“ড. আল-মায়াজের উপর হামলা চালানো হয়েছিল, সশস্ত্র গার্ডটির উদ্দেশ্যে চেঁচিয়ে বলল সে। আরেকজন লাশটা পরীক্ষা করে দেখছে। তৃতীয়জন রেডিও তে কথা বলছে। “তাকে অপহরণ করার সময় মি. ফ্লেমিং কে গুলি করা হয়। উপরের তলায় আমার সঙ্গী আর আমি আক্রমণকারীদের ঠেকাতে সক্ষম হই।”

সশস্ত্র গার্ডটির মধ্যে কোন ভাবান্তর দেখা গেল না। দেখে মনে হচ্ছে কানে তালা দিয়ে রেখেছে। শুধু তার পিস্তলটা তাক করল। বিন্দু বিন্দু ঘাম জমেছে লোকটার কপালে।

রেডিও হাতে গার্ডটা তার সঙ্গীদের দিকে ফিরল। “পুলিশ আসছে। তারা আসা পর্যন্ত একে আটকে রাখতে হবে।”

পেইন্টার সিড়ির দিকে তাকাল। চিন্তা ভর করল তার মনে। গুলির শব্দটা উপর। থেকে শোনা গিয়েছে নিশ্চয়। তা শুনে কোরাল আর ওই কিউরেটর কি লুকিয়ে পড়েছে?

“এই,” পিস্তল হাতে গার্ডটি বলল। “হাত মাথার পেছনে রাখো। হাঁটতে থাকো এবার।”

বন্দুক দিয়ে হলের দিকে ইঙ্গিত করল সে, সিড়ি থেকে দূরে। তিনজনের মধ্যে শুধু এই একজনই একটা অস্ত্র নিয়ে এসেছে। আর তাকে দেখে মনে হচ্ছে না অস্ত্রটা সম্পর্কে তার কোন ধারণা আছে। খুব হালকা করে আর নীচের দিকে বন্দুকটা ধরে রেখেছে। এই জায়গায় সম্ভবত এই একটা বন্দুকই আছে। তাও আবার কত বছর পর মানুষের হাতের ছোঁয়া পেয়েছে কে জানে। তবে সাম্প্রতিক কালের বিস্ফোরণের কারণে একটু নড়েচড়ে বসেছে সবাই, একটু বেশিই সতর্ক। পেইন্টার হাত দুটো মাথার পেছনে এনে নির্দেশিত পথে ফিরল। পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আনতে হবে তাকে। হাত দুটো জায়গা মতো রেখেই উল্টো ঘুরে গেল সে। তারপর চোখের পলকে অনভিজ্ঞ গার্ডের নিকট চলে এল। ঘুরতে গিয়ে পুরো শরীরের ভার ডান পায়ে নিয়ে এসেছে সে। আধ সেকেন্ডের জন্য গার্ডেরও চোখের পাতা বন্ধ রইল। এতটুকুই যথেষ্ট। বাম পা দিয়ে গার্ডের কব্জি বরাবর একটা লাথি কষালো পেইন্টার । বন্দুকটা ছিটকে গেল মেঝেতে।

নিচু হয়ে ছোবল মেরে মেঝে থেকে ওয়ালথার পিস্তলটা তুলে নিলো ও। আর তাক করল বিস্মিত তিন গার্ডের দিকে। “অনেক হয়েছে, এখন থেকে আমার কথা মতো চলবে সব।”

* * * *

বেপরোয়া সাফিয়া আরেকবার ছাদের দরজার ইমার্জেন্সী হাতলে চাপ দিল। কিন্তু কোন লাভ হলো না। মুঠো পাকিয়ে আলতো করে দরজায় একটা ঘুষি বসালো ও। তখনই দেয়ালে একটা সিকিউরিটি কী প্যাড দেখতে পেল। কোন ইলেকট্রনিক কার্ড স্ক্যানার না, আগে ব্যবহৃত হতো এগুলো। কোড চেপে আনলক করতে হয়। আতঙ্কে শিরশির করে ওঠল ও।

প্রত্যেক কর্মচারীর জন্য আলাদা আলাদা কোড আছে। অবশ্য চাইলে পরে সেটা পরিবর্তন করে নিতে পারে তারা। সাধারণত প্রত্যেকের জন্ম তারিখটা কোড হিসেবে দেয়া হয় । সাফিয়া কখনও তার কোডটা পাল্টানোর কথা ভাবেনি।পায়ের আওয়াজ ওর মনোযোগ কেড়ে নিলো। ওকে ধাওয়াকারী নিচের ফ্লাইট পেরিয়ে এসেছে, ল্যান্ডিং এ দাঁড়িয়ে আছে এখন। দুজনের চোখাচোখি হলো। আততায়ীর হাতে এখন কোন টেযার নেই, একটা পিস্তল ধরে রেখেছে।

দরজার দিকে পিঠ রেখে সাফিয়া কী প্যাডের উপর আঙুল চালালো, অন্ধের মতো ওর জন্ম তারিখ চেপে দিল।

এতগুলো বছর জাদুঘরে কাজ করে করে টাচ-টাইপিং এ অভ্যস্ত হয়ে গিয়েছে। কী প্যাডে বাটন চাপা শেষ করে ইমার্জেন্সী হাতলটা চাপ দিল ও। ক্লিক করে একটা শব্দ হলো, কিন্তু হাতল নড়ল না। এখনও আটকে আছে।

“লাভ নেই,” বলল আততায়ী, তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। “নীচে নেমে এসো, নয়ত মরো।”

কোণঠাসা হয়ে পড়ে নিজের ভুলটা বুঝতে পারল সাফিয়া। মিলেনিয়ামের পর সিকিউরিটি গ্রিড উন্নত করা হয়েছে। বছর আর এখন দুই অঙ্কে না, চার অঙ্কে লেখা হয়। আঙুলগুলো মুঠো থেকে ছাড়িয়ে দ্রুত আটটা অঙ্ক চাপতে লাগল ওঃ দিনের জন্য দুটো, মাসের জন্য দুটো আর বছরের জন্য চারটা।

আততায়ী ওর দিকে আরো একপা এগিয়ে এল, সেই সাথে এগিয়ে এল তার হাতে ধরা পিস্তলটাও।

সাফিয়ার পিঠে চাপ খেল ইমার্জেন্সী হাতল। এক ঝটকায় খুলে গেল দরজাটা। ঠান্ডা বাতাস এসে ঘিরে ধরল ওকে। হোঁচট খেয়ে ছাদে প্রবেশ করল ও। আরেকটু হলেই পড়ে যেত। একটা বুলেট এসে কাঁপিয়ে দিল স্টিলের দরজা। আততায়ী ছাদে ঢুকতে যাবে, এমন সময় তাড়াহুড়ো করে তার মুখোশ পরা মুখের উপর দরজাটা লাগিয়ে দিল সাফিয়া।

দাঁড়িয়ে রইল না ও, ছাদের উপরের এক্সিট হাটের (ছোটো ঘর যেখান দিয়ে ছাদে প্রবেশ করা হয়) কোণা ঘুরে দূরে সরে এল। দরজাটা লেগেছে কিনা নিশ্চিত না।

আজ রাতের আকাশ পরিষ্কার, উজ্জ্বল। প্রয়োজনের সময় লন্ডনের কুয়াশা গায়েব হয়ে গিয়েছে। লুকানোর জন্য একটা জায়গা খুঁজল ও।

ঢাকনাওয়ালা ভেন্টিলেটর, এক্সহস্ট ফ্লম, লোহার পাইপসহ কিছু লোহার জঞ্জাল আছে অবশ্য। কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। লুকানোর জন্য উপযুক্ত নয়।

ব্রিটিশ মিউজিয়ামের ছাদের বাকিটা দেখতে অনেকটা একটা দুর্গের প্যারাপেটের মতো, যেটা কিনা কাঁচের ছাদ-বিশিষ্ট সেন্ট্রাল কোর্ট ইয়ার্ডকে ঘিরে রেখেছে।

পেছনে গুলির মৃদু গর্জন শুনতে পেল সাফিয়া। সশব্দে খুলে গেল একটা দরজা। ঢুকে পড়েছে আততায়ী। ‘

সবচেয়ে কাছের লুকানোর জায়গাটার উদ্দেশ্যে দৌড় দিল সাফিয়া। একটা নিচু দেয়াল চলে গিয়েছে গ্রান্ড কোর্টের কাঁচ আর স্টিলের তৈরি ছাদটার প্রান্ত ধরে। প্যারাপেটের ওপর দিয়ে ওপাশে গিয়ে দ্রুত বসে পড়ল ও।

দুই একর জিওডেসিক ছাদের ধাতব বেড়ের উপর ভর দিয়ে আছে ও এখন। খন্ড খন্ড ত্রিকোণা শার্সি জোড়া লাগিয়ে এই কাঁচ-সমুদ্র তৈরি করা হয়েছে, তবে আগেরদিন রাতের বিস্ফোরণে ভেঙ্গে গিয়েছে কয়েকটা। ওই অংশগুলো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। বাকি শার্সিগুলো তারার মতো ঝলমল করছে। একদম মাঝখানে রয়েছে কোর্ট ইয়ার্ডের মাঝ বরাবর থেকে উঠে আসা সেন্ট্রাল রিডিং রুমের উজ্জ্বল কপার ডোম (গম্বুজ), যেন অথৈ পানির মাঝে মাথা উঁচু করে থাকা এক দ্বীপ।

নিজেকে আড়াল করতে আরো গুটিসুটি মেরে বসল সাফিয়া, যদিও জানে ওর ধরা পরাটা এখন সময়ের ব্যাপার মাত্র।

যদি আততায়ী দেয়ালের এপাশে খোঁজ করে, তাহলে পালানোর রাস্তা থাকবে।

মেঝেতে ভারী জুতার শব্দ শোনা গেল। ছাদে কিছুক্ষণ ঘুরাঘুরি করল জুতাজোড়া। একটু থামল। তারপর আবার শব্দ করে হাঁটতে লাগল। জুতার মালিক যে এদিকে আসবেই, বুঝতে বাকি রইল না সাফিয়ার। আর কোন উপায় নেই ওর। ছাদের ওপর নেমে গেল। হামাগুড়ি দিয়ে কাঁকড়ার মতো দ্রুত এগিয়ে চলল কাঁচের শার্সির ওপর দিয়ে। মনে মনে প্রার্থনা করছে, যেন ওর ওজন সইতে পারে কাচগুলো। এই চল্লিশ ফিট ওপর থেকে নীচের শক্ত মেঝেতে পড়লে বেঁচে থাকা তো দূরের কথা, হাড়-গোড় পর্যন্ত আস্ত থাকবে না।

যদি কোনভাবে ও রিডিং রুমের ডোমটা পর্যন্ত পৌছাতে পারত আর ওটার পেছনে চলে যেতে পারত…। ওর হাঁটুর নীচের একটা শার্সি মড়মড় করে ফেটে গেল। বিস্ফোরণের কারণে আগে থেকেই দুর্বল হয়ে ছিল সম্ভবত। গড়িয়ে পাশে সরে গেল সাফিয়া। সাথে সাথে স্টিলের কাঠামো ছেড়ে পড়ে গেল শার্সিটা। একটু পরেই মার্বেলের মেঝেতে কাঁচের টুকরো আছড়ে পড়ার শব্দ পাওয়া গেল।

বিশাল ছাদের মাত্র অর্ধেকটা পার হয়েছে সাফিয়া। ওর অবস্থা এখন অনেকটা মাকড়সার জালে আটকে পড়া মাছির মতো। আর কাঁচ ভাঙার শব্দ শুনে মাকড়সা এখন এদিকেই এগিয়ে আসছে।

লুকাতে হবে সাফিয়াকে, দরকার একটা গর্ত। ডানে তাকাল ও। কাছাকাছি শুধু একটাই গর্ত দেখা যাচ্ছে।

শূন্য স্টিল ফ্রেমের দিকে এগিয়ে গেল । ভাবার সময় নেই আর। ফ্রেমের ভেতর পা দুটো গলিয়ে দিয়ে, পেটের উপর ভর দিয়ে ঝুলতে লাগল ও। আঙুলগুলো স্টিলের ফ্রেমে চেপে বসতেই ছেড়ে দিল শরীরটা। চল্লিশ ফিট উঁচুতে স্টিলের ফ্রেম ধরে। ঝুলতে লাগল সাফিয়া।

শরীরটাকে দুলিয়ে উল্টো ঘুরল ও। একটু আগে যেখানে লুকিয়ে ছিল, দেয়ালের পাশে, সেদিকে তাকাল। কাঁচের ভেতর দিয়ে রাতের তারাময় আকাশটাকে পরিষ্কার আর উজ্জ্বল দেখাচ্ছে। একটা মুখোশ পরা মাথাকে নিচু দেয়ালের এপাশে মুখ বাড়িয়ে জিওডেসিক ছাদটায় নজর বোলাতে দেখল ও। দম আটকে রাখল সাফিয়া। ওকে কারও দেখতে পাওয়ার কথা না। বাইরে থেকে তাকালে কাঁচের উপর শুধুই তারাভর্তি আকাশের প্রতিবিম্ব দেখা যায় । কি এরিমধ্যে ওর হাত ব্যথা করতে শুরু করেছে, স্টিলের ধারালো প্রান্তে কেটে না যাচ্ছে আঙুল। আর তাছাড়া ওপরে শরীরটাকে টেনে তুলতে কিছুটা শক্তির দরকার পড়বে ওর।

নীচের অন্ধকারাচ্ছন্ন কোর্ট ইয়ার্ডের দিকে তাকাল ও। বড্ড ভুল হয়ে গিয়েছে। মেঝে থেকে অনেক উপরে ও। দেয়ালের নিকটের লাল রঙের কয়েকটা সিকিউরিটি ল্যাম্প থেকে অল্প আলো আসছে। সেই আলোতেই মেঝেতে ছড়িয়ে থাকা শার্সি আর ভাঙ্গা কাঁচের টুকরোগুলো দেখতে পেল। ও যদি এখন পড়ে যায়, ওর কঙ্কালের অবস্থাও তেমনই হবে। ওর আঙুলগুলো স্টিলের ফ্রেমটাকে আরো শক্ত করে চেপে ধরল, বেড়ে গেল বুকের ধুকধুকানিও।

জোর করে নীচের দৃশ্যটা থেকে চোখ সরাল সাফিয়া। আর তখনই আততায়ীটাকে নীচু দেয়ালটার উপরে উঠতে দেখল। করছে কী সে? দেয়ালে উঠে সে ছাদের উপর দিয়ে এগোতে লাগল। এমনভাবে হাঁটতে লাগল যেন তার শরীরের ওজন স্টিলের ফ্রেমের ওপর বেশি পড়ে। সরাসরি সাফিয়ার দিকে এগোচ্ছে। কিন্তু, জানল কিভাবে সে?

তখনই ব্যাপারটা ধরতে পারল ও। ছাদের যেসব জায়গায় কোনো শার্সি ছিল না, সেগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। এখন পুরো ছাদ জুড়ে শুধু একটা গর্তই আছে, যেটা কোন প্লাস্টিক দিয়ে ঢাকা নেই। আততায়ী নিশ্চয় ভেবেছে, তার শিকার ওই গর্ত দিয়ে পড়ে গিয়েছে। সেটা নিশ্চিত করতেই এদিকে আসছে। সাফিয়ার মতো আতঙ্কিত হয়ে হামাগুড়ি দিয়ে না, এমনভাবে হেঁটে আসছে যেন রাস্তার উপর হাঁটছে। প্রায়ই এসে পড়েছে সে, হাতে পিস্তল।

কী ই বা করার আছে সাফিয়ার? পালানোর কোন পথ নেই। স্টিলের ফ্রেমটা ছেড়ে দেয়ার কথা ভাবল। অন্তত ওই খুনির হাতে মরতে হবে না। ওর দুই চোখ ভরে এল পানিতে। আঙুলে অসহ্য ব্যথা। ফ্রেমটা ছেড়ে দিলেই হয়, সব ঝামেলা চুকে যাবে। কিন্তু আঙুলগুলো ওর কথা শুনল না। আতঙ্ক চেপে ধরেছে ওকে। শেষ শার্সিটা পার হয়ে এল আততায়ী। তখনও ঝুলে আছে সাফিয়া।

ওকে দেখতে পেয়ে এক কদম পিছিয়ে গেল আততায়ী। তারপর সাফিয়ার দিকে তাকাল। ফেটে পড়ল অট্টহাসিতে। নিজের ভুলটা অনুধাবন তখনই করতে পারল সাফিয়া। একটা পিস্তল তাক করা ওর কপালে। “কম্বিনেশনটা বলো আমাকে-“ আচমকা গর্জে উঠল একটা পিস্তল। ঝুরঝুর করে ঝরে পড়ল কাঁচ । চিৎকার করে উঠল সাফিয়া। ওর একহাত ছুটে গিয়েছে, ঝুলে আছে শুধু একহাতের ওপর। ওর কাঁধ আর আঙুল টনটন করে উঠল। তখনই ও নিচে মেঝেতে শুটারকে দেখতে পেল। অবয়বটা ওর পরিচিত। সেই আমেরিকান, ড. ক্রো। পা দুটো ছড়িয়ে মেঝেতে দাঁড়িয়ে আছে লোকটা, পিস্তল তাক করে আছে। সাফিয়ার দিকে। উপরে তাকাল সাফিয়া।

যে শার্সিটার উপর আততায়ী দাঁড়িয়ে ছিল, সেটাতে বোধ হয় হাজার খানেক চির ধরেছে। শুধু একটা সেফটি কোটিং এর কারণে টিকে আছে এখনও। চোরটা পেছনে হোঁচট খেল। বিস্ময়ের ধাক্কায় পিস্তলটা পড়ে গেল তার হাত থেকে। চিড় ধরা শার্সিতে আঘাত করতেই ভেঙ্গে পড়ল কাঁচ। কাঁচের টুকরোর সাথে পিস্তলটাও মেঝেতে আছড়ে পড়ল।

উল্টো ঘুরে দেয়ালের উদ্দেশ্যে দৌড় দিল চোরটা, পালাচ্ছে। নীচ থেকে আমেরিকানটা পলায়নরত চোরের উদ্দেশ্যে গুলি করতে লাগল। ভেঙ্গে যেতে লাগল একের পর এক কাঁচের শার্সি। কিন্তু চোরটা একধাপ এগিয়ে সবসময়। অবশেষে দেয়ালের নিকট পৌঁছে গেল সে। তারপর হারিয়ে গেল। ওপাশে। পালিয়েছে।

গালি দিয়ে উঠল আমেরিকান। তারপর দৌড়ে সাফিয়া যেখানে একহাতে ঝুলে আছে, সেখানে চলে এল।

অন্য হাতটা দিয়ে ফ্রেমটা ধরতে যুদ্ধ করতে হচ্ছে ওকে। শরীরটাকে একটু দোল খাওয়ালো ও। অবশেষে স্টিলের ছোঁয়া পেল আঙুল।।

“আরেকটু ধরে রাখতে পারবে?” নীচ থেকে জানতে চাইল আমেরিকান। “আর তো কোনো উপায় নেই, তাই না?” একটু রাগতস্বরে বলল সাফিয়া।

“একটু চেষ্টা করলেই,” বলল আমেরিকান, “হয়তো পা দিয়ে পরের ফ্রেমটার নাগাল পাবে।”

সে কী বলতে চাইছে, বুঝে গেল সাফিয়া। লোকটা ওর পাশের শার্সিটা গুড়িয়ে দিয়েছে। এতে দুই শার্সির মাঝে একটা দন্ড খালি হয়েছে যেটাতে সাফিয়া ভর দিতে পারবে। লম্বা করে একটা দম নিলো ও, একত্রিত করল হাটুজোড়া-তারপর আস্তে একটা চিৎকার দিয়ে পুরো শরীরটাকে সামনে ঠেলে দিল। স্টিলের দন্ডে আটকে গেল ওর পা।

ওজনটা কমে আসতেই ওর হাতের ব্যথাটা কমে গেল। স্বস্তির কান্নাটা দমিয়ে রাখল কোনরকমে।

“এরইমধ্যে সিকিউরিটি টিম উপরে রওনা হয়েছে।”

সাফিয়া ঘাড় নিচু করে আমেরিকানটির দিকে তাকাল। মন থেকে ভয় সরিয়ে রাখতে কথা বলতে লাগল ও। “তোমার পার্টনার… সে কী…?”

“সামান্য আঘাত পেয়েছে আর ওর দামি পোশাকটা একটু ছিঁড়ে গিয়েছে, এছাড়া ভালোই আছে।”

চোখ বন্ধ করল সাফিয়া। যাক, স্বস্তি পেলাম. . . রায়ানের পর আরেকটা মত্যর ধকল সইতে পারবে না ও। জোরে জোরে কয়েকবার দম নিল।

“তুমি ঠিক আছো?” নীচ থেকে জানতে চাইল আমেরিকান।

“হ্যা, কিন্তু ড. ক্রো-“

“আমাকে পেইন্টার ডাকতে পারো… এখন আর ভদ্রতা দেখানোর দরকার নেই।”

“আজ রাতে দ্বিতীয় বারের মতো তুমি আমার জীবনে বাঁচালে, আমি ঋণী হয়ে গেলাম।”

“আমার সাথে থাকলে এমনটাই হয়।” চোখে দেখতে না পেলেও পেইন্টারের বাঁকা হাসিটা অনুমান করতে ভুল করল না সাফিয়া।

“হাসার মতো কিছু হয়নি।”

“হতে কতক্ষণ?” মেঝে থেকে চোরটার পিস্তল তুলে নিলো পেইন্টার ।

তখনই মনে পড়ে গেল সাফিয়ার। “যাকে গুলি করছিলে তুমি, সে একজন নারী ছিল।”

পিস্তলটা পরখ করতে করতে জবাব দিল পেইন্টার, “জানি…”

হাতে নিয়ে পিস্তলটা নেড়েচেড়ে দেখতে লাগল পেইন্টার। সিগ সোয়ার কোম্পানির পিস্তল, ৪৫ মিমি, হগ রাবার লাগানো হাতল। এ অসম্ভব… অস্ত্রটার অপর পাশে নজর পড়তেই দম আটকে আসতে চাইল তার। ম্যাগাজিন খালি করার জন্য যে থাম্ব ক্যাচ থাকে, সেটা ডানপাশে। সাধারণত বামহাতি শুটারদের জন্য এ ধরনের পিস্তল বানিয়ে নেয়া হয়।

এই পিস্তলটা চেনে পেইন্টার । আততায়ীকেও চেনে। উপরে কঁচের ছাদের দিকে তাকাল সে। ক্যাসান্দ্রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *